
সম্পূর্ণ পাঠ
ভয়াল ৯ — নীল উল্কা
এক
সাত সমুদ্দুর তেরো নদীর ওপারে দক্ষিণ আমেরিকা।
মাইল মাইল বিস্তীর্ণ বন-উপবন, শত শত শহর-গ্রাম-হাট বাজার, ছোটোখাটো খাল-বিল নদী-নালা, ভিন্ন ভিন্ন জাতি-উপজাতি গোত্রসমাজ এবং কভু শান্ত কভু অশান্ত তলহীন বিপুল জলরাশি পেরিয়ে সেই মহাদেশে পৌঁছনো যায়।
এই মহাদেশে পাড়ি জমাতে হলে তোমাকে পেরোতে হবে প্রশান্ত মহাসাগর। নাম প্রশান্ত মহাসাগর বটে, কিন্তু এর স্বভাব মোটেই শান্ত নয় জানবে। তাহলে কেন এর নাম প্রশান্ত রাখা হলো? আশ্চর্য হয়ো না, অকারণে এই অশান্ত মহাসাগরের নাম প্রশান্ত রাখা হয় নি।
সে বহুদিন আগের কথা, তখন কেউ সাহস করে সমুদ্রে যেতে পারতো না। তখনকার দিনে লঞ্চ, ইয়ট, স্টিমার, জাহাজ বা সাবমেরিন আবিষ্কার হয় নি আজকের মতো। পাল তোলা নৌকো করে খানিক দূর অবদি সমুদ্র বিহার করতো আমাদের পূর্ব পুরুষেরা। সমুদ্র অতিক্রম করার কথা কেউ ভাবতেই সাহস পেতো না। কিন্তু একজন সাহস করে কথাটা ভেবেছিল। সে ছিল ম্যাগিলান নামে একজন ইউরোপিয়ান সাহেব। এই মহাসমুদ্র সফলতার সাথে পাড়ি দিয়েছিল সে। তার পাড়ি দেবার সময় সমুদ্র ছিল শান্ত সুবোধ ঘুমন্ত বালক। তাই খুশী হয়ে নাম রাখল সে এই মহাসমুদ্রের–প্রশান্ত মহাসাগর।
দক্ষিণ আমেরিকায় অবস্থিত চিলি দেশটা এই প্রশান্ত মহাসাগরেরই তীরে খুকুমনির মাথার হলুদ ফিতের মতো পড়ে আছে লম্বা হয়ে।
কিন্তু বুড়ো দক্ষিণ আমেরিকার হাতের লাঠিও বলা যেতে পারে চিলিকে। এমন সরু এবং এমন লম্বা দেশ পৃথিবীর আর কোথাও পাবে না তুমি। প্রায় তিন হাজার মাইল লম্বা এই দেশ, কিন্তু টেনেটুনে একশ’ সোয়াশ’ মাইল চওড়া মাত্র। ম্যাপে চোখ রাখলে সন্দেহ হয় প্রাচীন বয়োবৃদ্ধ মহাদেশটা চিলিকে শেষ বয়সের একমাত্র সম্বল লাঠি হিসেবে ব্যবহার করে দাঁড়িয়ে আছে কুঁজো হয়ে।
তা যাই হোক, চিলি কিন্তু অপূর্ব সুন্দর একটি দেশ। ‘সবার চেয়ে সেরা সে যে আমার জন্মভুমি, এমন দেশটি খুঁজে কোথাও পাবে নাক তুমি।’ বাঙালীদের মতো চিলিবাসীরাও তাদের ভাষায় এই গান গায়। ফল ফসলে শোভিত চিলি। পাহাড় আছে। আছে আগ্নেয়গিরি। খনি থেকে প্রচুর তামা এবং সমুদ্র থেকে বিশাল বিশাল মাছ তুলে বিদেশে পাঠায় চিলিবাসীরা। কাজ কাজ আর কাজ। কাজ করে ওরা, খায় ভালোমন্দ, গান গায় আর ঘুমায়। রেড ইণ্ডিয়ানরা জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়ায় কাঁধে বানর নিয়ে। ‘ইনকা’ উপজাতিরা প্রতিদিন মশাল জ্বেলে কন্দরে কন্দরে উৎসবে মেতে থাকে। সাতে পাঁচে নেই কেউ। যেমন সুন্দর দেশ, তেমনি সহজ সরল সেই দেশের মানুষ।
কিন্তু গোলাপ গাছে গোলাপ যেমন থাকে তেমনি থাকে কাঁটা। তাই সুফলা সুন্দর স্বাধীন চিলিতে যেমন সহজ সরল মানুষ আছে তেমনি আছে শয়তানের দল। অশুভ শক্তি।
সেই অশুভ শক্তিকে দমন করতে পারে নি চিলি সরকার। তাদের ক্ষমতায় সুগঠিত এবং ক্ষমতাশালী এই অশুভ শক্তিকে ধ্বংস করে দেয়া একরকম অসম্ভব ছিল। ফলে চিলিবাসীরা দিন কাটাচ্ছিল উদ্বিগ্নতার মধ্যে দিয়ে। কিন্তু সরকারও চুপ করে বসেছিলেন না। তাঁরা জানতেন পৃথিবীর যে কোনো স্থানে যে কোনো অশুভ শক্তি মাথাচাড়া দিয়ে উঠুক, তাদেরকে দমন করে শান্তি প্রতিষ্ঠার মহৎ উদ্দেশ্য নিয়ে, একদল মানুষ একটা অপরাজেয় দল গঠন করেছে। দুষ্টের দমন এবং শিষ্টের পালনই হচ্ছে এই বহু বিখ্যাত দলের একমাত্র নীতি। বাঙালী জাতির তিনজন অসমসাহসী যুবক এবং একজন প্রতিভাময়ী যুবতীকে নিয়ে এই দল গঠিত হয়েছে। পৃথিবীর প্রতিটি প্রান্তের মানুষ জেনে ফেলেছে কিংবদন্তী প্রায় এই দলের বিস্ময়কর শক্তি সাহস আর কীর্তিকলাপের খবর। ধন্য ধন্য করে উঠেছে শান্তিপ্রিয় প্রতিটি পৃথিবীবাসী। চিলি সরকার এই বাঙালী দলটিকে অনুরোধ জানালেন তাঁদের দেশের অশুভ শক্তিকে শেষ এবং অমোঘ আঘাত হেনে ধ্বংস করে দেবার জন্যে।
বলা বাহুল্য, এই বাঙালী দলটির পরিচয়, নতুন করে দেবার দরকার নেই। এরা তিন যুবক। এক যুবতী। ইমতিয়াজ, জাহেদ, জিপ্পি আসাদ, রেহানা। ওরা চার বন্ধু। ভয় কাকে বলে জানা নেই ওদের। অজ্ঞাত রহস্য আর রোমহর্ষক রোমাঞ্চের আকর্ষণ পৃথিবীর এক প্রান্ত থেকে টেনে নিয়ে যাচ্ছে ওদেরকে অন্য এক অপরিচিত প্রান্তে। চিলি সরকারের প্রস্তাব বিবেচনা করে স্বদেশ থেকে সত্বর পৌঁছেছিল ওরা চিলিতে। তারপর ভয়ঙ্কর সংঘাত আর বাধা বিঘ্ন তুচ্ছ করে ঝাঁপিয়ে পড়েছিল ওরা সেই অশুভ শক্তির বিরুদ্ধে। সে এক ভয়াল কাহিনী।
বহাল তবিয়তে এই চিলি শহরের এ্যাণ্টোফাগাষ্টা শহরে এখনও বিরাজ করছে ওরা। না, ওদেরকে কোনো হাসপাতালে যেতে হয় নি। বা যাদের বিরুদ্ধে সংগ্রাম করেছে ওরা তাদের ভয়ে সতর্ক হয়েও নেই এখন আর। এতেই প্রমাণিত হয় চিলির অশুভ শক্তিকে কত সহজে এবং সম্পূর্ণভাবে ধ্বংস করে পূর্ব সুনাম বজায় রেখেছে ওরা।
আইরন-ম্যান ভূষণে ভূষিত করেছে চিলি সরকার দল নেতা ইমতিয়াজকে। পুরস্কারস্বরূপ সরকারী কোষাগার হতে ঘোষণা করা হয়েছে নিরানব্বুই লাখ টাকা। কিন্তু কর্তব্য পালনের জন্যে পারিশ্রমিক বা পুরস্কার গ্রহণ লৌহ-মানব ইমতিয়াজের স্বভাব বিরুদ্ধ। তবে পুরস্কারের টাকা সে প্রত্যাখান করে নি। এক হাতে টাকা নিয়েছে এবং সেই হাতেই সব টাকা সমর্পণ করেছে চিলিয়ান মেডিক্যাল বোর্ডে। সেই টাকায় চিলিবাসীদের জন্যে সার্জিক্যাল ওয়ার্ড সহ বিনামূল্যে চিকিৎসার জন্যে একটি সাড়ে তিনশ’ বেডের হসপিটাল স্থাপন করা হবে। বলা বাহুল্য, নিরানব্বুই লাখ টাকার সাথে লৌহ-মানব ইমতিয়াজ আরো নিরানব্বুই লাখ টাকা দান করেছে। একটা হাসপাতাল স্থাপন করা তো আর চাট্টিখানি কথা নয়।
আজ সেই হসপিটালের ভিত্তি প্রস্তর স্থাপন করা হবে। লৌহমানব ইমতিয়াজ আসবে তার দলবল নিয়ে এই অনুষ্ঠানের প্রধান এবং সম্মানিত অতিথি হিসেবে। খবরটা দাউদাউ করে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে সারা দেশে।
বাতাসকে পিছনে রেখে বিদ্যুৎগতিতে খবরটা ঘরে ঘরে পৌঁছুতে বা দেরী হলো, দলে দলে, শয়ে শয়ে, হাজারে হাজারে চিলিবাসীরা ছুটে এলো সেই তেপান্তরসম ময়দানে, যে প্রকাণ্ড মাঠের একধারে ইট-বালি লোহা-কাঠ দিয়ে তৈরী করা হচ্ছে হাসপাতালটি।
মনোরম প্রাকৃতিক সৌন্দর্য ঘিরে রেখেছে বিস্তীর্ণ মাঠটাকে। চারপাশে আকাশচুম্বী পাথুরে পাহাড়। পাহাড়ের পাদদেশে পাইন গাছগুলোর অলংকারে অপূর্ব শোভার বিকাশ ঘটেছে। সেই সারি সারি পাইন গাছের মাঝ দিয়ে ঝকঝকে তকতকে চওড়া মসৃণ পথ চলে গেছে দূরবর্তী অঞ্চলে। মোট তিনটে রাস্তা গেছে তিন দিকে। এর মধ্যে দুটি রাস্তা ধরে মিছিল এসেছে এই তেপান্তরে। এসেছে শয়ে শয়ে হাজারে হাজারে, এখনও আসছে কৌতূহলী মানুষের অবিরাম মিছিল। অন্য রাস্তা দিয়ে কাউকে আসতে দেখা যাচ্ছে না। ওদিকে পাহাড় শুধু। পাহাড়ের পর পাহাড়। লোক নেই, জন নেই, আছে শুধু পাহাড়ের সারি আর একটা পাথুরে পথ।
তিন পাহাড়ের ভিতর দিয়ে চলে গেছে তিন রাস্তা। চতুর্থদিকের উঁচু পাহাড়ের পাদদেশে অর্ধসমাপ্ত বিশাল বিল্ডিংটা দাড়িয়ে এ্যান্টোফাগাষ্টার সর্ব বৃহৎ বিল্ডিং হবে এটা। সাদাসিধে এর আর্কিটেকচার। বিল্ডিংটার সমুখে সাদা পাথরের একটা বেদী। সেই বেদীর মাঝখানে লৌহ মানব ইমতিয়াজের একটি আবক্ষ মূর্তি দেখা যাচ্ছে। দেশের সেরা ভাস্কর এর স্রষ্টা। আবক্ষ মূর্তির নিচে ধবধবে শুভ্র পাথরে লেখা হয়েছে বাঙলা ভাষায় :
‘লৌহমানব ইমতিয়াজের মহান দান এই চিকিৎসালয়।’
ষ্পেনীস এবং ইংরেজীতেও কথাটা লেখা হয়েছে। এই মুহূর্তে আবক্ষ মূর্তি এবং লেখাগুলো কালো কাপড়ে ঢাকা দিয়ে রাখা হয়েছে। লৌহ-মানব ইমতিয়াজ সুতো ধরে টেনে এই কাপড় সরাবার পর শুরু হবে আনুষ্ঠানিক উদ্বোধন। অলৌকিক প্রায় কীর্তি কলাপের অকুতোভয় সেই বলশালী রহস্যময় নায়ক লৌহমানব ইমতিয়াজ এবং তার সমকর্মীদেরকে একপলক স্বচক্ষে দেখার জন্যেই জমেছে এই ভীড়।
শুধু ভীড়, ভীড় আর ভীড়। মানুষের হাত পা চোখে পড়ে না, কালো কালো মাথা আর তামাকের মতো রাঙা ও ফোলা ফোলা মুখ।
আজকের জন্যে বিরাট একটা মঞ্চ তৈরী করা হয়েছে খোলামেলা মাঠের মাঝখানে। মাঠের বহুদূর অবদি দেখা যাচ্ছে লাউড স্পীকার টাঙিয়ে রাখা হয়েছে বাঁশের মাথায়। খুব কম করেও দু’শো হাজার চিলিবাসী পাহাড় পর্বত ডিঙিয়ে এসে জমায়েত হয়েছে মঞ্চের চারপাশে। ছড়িয়ে ছিটিয়ে দূরে সরে থাকতে সকলেরই আপত্তি দেখা যাচ্ছে। প্রত্যেকে সংগ্রাম শুরু করেছে সামনে এগোবার প্রতিজ্ঞায়।
: পুয়েরকো!
কনুইয়ের ধাক্কা খেয়ে খেকিয়ে উঠল একজন স্পেনীয়, বাঙলা ভাষায় যার অর্থ : এই মিয়া, ধাক্কা মারছ কেন?
: লৌহ-মানবকে সামনে থেকে দেখব।
উত্তেজিত গলা শোনা গেল অপরপক্ষ থেকে। এর পর দুজনকেই দেখা গেল মাথা-ঘাড় নুইয়ে ষাড়ের মতো গুতোগুতি শুরু করে দিয়েছে সম্মুখবর্তী লোকদের বগলের ভিতর দিয়ে গলে এগিয়ে যাবার জন্যে।
এই মুহূতে প্রত্যেকের ঐ একই দুশ্চিন্তা। তারা লৌহ-মানবকে দেখতে চায়। তাই এই ধাক্কাধাক্কি, এই গুতোগুতি। যারা দল বেঁধে এসেছিল তারা দল থেকে কখন কোথায় ছিটকে পড়েছে কে তার খবর রাখে। সকলেই নিজেকে নিয়ে ব্যস্ত। নিজেকে সামনে এগিয়ে নিয়ে যাবার চেষ্টায় গলদঘর্ম।
কিন্তু আশ্চর্য!
একটি ক্ষেত্রে এর অদ্ভুত ব্যতিক্রম দেখা গেল। সব দল ভেঙে গেছে ভীড়ের চাপে, কিন্তু একটি দল ভাঙেনি। এই দলের দলপতির চেহারা বড় ভীষণ। কুতকুতে দুটো ধূর্ত চোখ অক্ষিকোটর থেকে উঁকি মারছে। থ্যাবড়া প্রকাণ্ড একটা কুৎসিত মুখ। তাম্রবর্ণ ত্বক, হাত আর পায়ে লম্বা লম্বা পটল রঙের লোম। বড় বড় নখ। হাত দুটোয় যেন সরু সরু সবুজ সাপ জড়িয়ে আছে—মাংসহীন চামড়ার উপর এমন প্রকটভাবে ফুটে উঠেছে শিরাগুলো। প্রকাণ্ড শরীর। বেঁটে। ছোটোখাটো একটা দানব বলা যায় লোকটাকে। চেহারার সাথে নামেরও অদ্ভুত মিল ঘটেছে—রাহু!
অনেক বিজ্ঞানীদের মধ্যে একটি ধারণা আছে যে, উত্তর ও দক্ষিণ আমেরিকার রেড ইণ্ডিয়ানদের পূর্ব পুরুষেরা এসেছিল এশিয়া থেকে। কথাটা সত্য হতে বা মিথ্যা হতে পারে, কিন্তু একটি ব্যাপারে দক্ষিণ আমেরিকার চিলিবাসীর সাথে এশিয়ার তিব্বতবাসীদের মিল দেখা যাচ্ছে। রাহু একজন এশিয়াবাসী। তিব্বতী সে। উজ্জ্বল কমলা রঙয়ের কম্বল দিয়ে তৈরী ঢোলা পোশাক তার পরনে। গলা থেকে পায়ের গোড়ালী অবদি ঢাকা পড়েছে। ছদ্মবেশ ধারনের জন্যে এ পোশাক পরা নয়, চিলিবাসীদের সাথে মিশে যাবার এটা একটা ফন্দি। হাজার হাজার মাইল দূরের এই বিদেশ বিভূঁইয়ে এই স্বদেশী পোশাক ওরা পরতো কিনা সন্দেহ। কিন্তু চিলিবাসীরাও এই জাতীয় পোশাক পরে বলে ব্যাপারটা রাহুর পক্ষে সোনায় সোহাগার মতো হয়ে দাড়িয়েছে। তার ঢোলা পোশাকের নিচে একটা ঝোলা লুকোনো রয়েছে। ঝোলায় রয়েছে সিঙ্গল-শট লম্বা ব্যারেলের পিস্তলের মতো দেখতে একটা বস্তু। তাছাড়াও লুকোনো রয়েছে লম্বা একখণ্ড দড়ি, চারজোড়া হাতকড়া, একটা গ্যাস-মাস্ক আর বেশ কয়েকটা টিয়ার গ্যাস বোমা।
জান বাচানো সর্বদা ফরজ—রাহুর নীতি এটা। শট-গান-সাইজ যন্ত্রটার কল-কব্জা আগেই ঠিক ঠাক করে রেখেছে সে। লম্বাটে ব্যারেলে কার্তুজও ভরাই আছে। দরকারের সময় ঝট করে হাতে টেনে নিয়ে খট করে টিপে দেবে ট্রিগার। গুলির মতো বস্তুটা প্রচণ্ড শব্দে বের হয়ে এসে ঘুড়ির লম্বা লেজের মতো ধোঁয়া ছেড়ে উঠে যাবে উঁচু আকাশে। কিন্তু সর্বক্ষেত্রেই উদ্দেশ্য ব্যর্থ হবার আশঙ্কা থাকে। সে কারণেই রাহুর বাঁ দিকে কোমরে ঝোলানো আছে রিভলভারটা। তাছাড়া হাতকড়া, দড়ি, টিয়ার গ্যাস তো রয়েছেই।
অতি সতর্ক ভাবে, যাতে কারো সাথে ধাক্কাটাক্কা না লেগে যায়, রাহু এগুচ্ছে অপেক্ষাকৃত ফাকা জায়গা খুঁজে খুঁজে। স্থানীয় অধিবাসীদের মধ্যে সফলতার সাথে মিশে গেছে সে। সে এবং তার দলের কাউকেই বিশেষ চোখে দেখছে না কেউ। ধাক্কাধাক্কি থেকে বাঁচার চেষ্টা গোটা দলটাই করছে। ওদের প্রত্যেকের পরনেই সেই একই পোশাক। পোশাকের ভিতর যা যা রয়েছে সেগুলোর গোপনীয়তা যাতে প্রকাশ হয়ে না পড়ে তার জন্যেই গা বাঁচিয়ে এগোচ্ছে ওরা।
সাধারণ চিলিবাসীরা কিছু সংখ্যক অভিজাত দর্শকদের কাছ থেকে বেশ খানিক দূরত্ব বজায় রেখেছে। আমেরিকান মোটর কোম্পানীর গাড়ী চড়ে কেতাদুরস্ত পোশাক পরে শৃংখলা বজায় রেখে বহু উচ্চশ্রেণীর সমাগম ঘটেছে। রাহু তার দলকে সাথে নিয়ে ওদের মাঝ দিয়ে পথ করে নিয়ে এগোতে পারতো। কিন্তু তা সে করে নি। কারো সন্দেহের উদ্রেক না করেই কাজ সারা তার লক্ষ্য। ফলে উপজাতীয়দের মধ্যে মিশে থাকাই তার উদ্দেশ্য। অন্তত পোশাকের মিল আছে বেশ খানিকটা। এবং কেউ সন্দেহের চোখে তাকাচ্ছেও না। তার মানে ওরা যে হাজার হাজার মাইল দূরবর্তী তিব্বত দেশের নাগরিক তা কেউ খেয়ালই করছে না।
শোনা যায়, তিব্বতের এক চতুর্থাংশ মানুষ মাটির মতো সহজ সরল। অহিংসা তাদের প্রধান ধর্ম। এবং অপরের ক্ষতি না করার জন্যে তারা সকলেই প্রতিজ্ঞাবদ্ধ। কিন্তু রাহু কোনোদিন সে প্রতিজ্ঞা উচ্চারণ করে নি। অহিংসা তার ধাতে সইবে না। হিমালয় এবং গোবী মরুভূমির মাঝখানে পাকা শয়তান হিসেবে আর কেউ নিজেকে গড়ে তুলতে পারে নি। যেমন পেরেছে রাহু।
রাহু সরাসরি তার প্রত্যেকটি শিষ্যের দিকে একবার করে তাকিয়ে নিয়ে বলে উঠল। এই শালার বেটা শালারা! চঙমঙ করছিস কেন অমন! তোদের মুখ দেখে মনে হচ্ছে জ্যান্ত পোতার জন্যে নিয়ে যাওয়া হচ্ছে গোরস্থানে!
ফিসফিসে গলায়, যাতে রাহু শুনতে না পায় কথাগুলো, একজন লোক বলল : পাপ কাজ করতে গেলে মুখ অমনই হয়।
আর একজন বলে উঠল : আমি এই লৌহ-মানবের কথা শুনেছি। সর্বনেশে লোক, হু হু!
তৃতীয় একজন ঘোষণা করার মতো করে বলল : আমি শুনেছি যারা এই লৌহ-মানবকে বিপদে ফেলার চেষ্টা করে তাদেরকে পরে আর পৃথিবীতে খুঁজে পাওয়া যায় না!
: লোকে বলে লৌহ-মানব নাকি ছদ্মবেশী ফেরেশতা!
: তাছাড়া দেখোনা এই চিলিতেই কি ভয়ঙ্কর কাণ্ডটা না করল!
: লাখ লাখ মানুষ এসেছে সম্মান জানাতে। এতেই প্রমাণ হয় লৌহ-মানবের দাম কত!
: কুকুরের প্রচণ্ড ঘেউ ঘেউ শুনেই ভাবিস না কুকুরটা ভয়ানক হিংস্ৰ। তোরা সবাই দেখছি ভূতের গল্প শুনে ভয় পেতে ভালবাসিস। আসল কথা আমি যা দেখতে পাচ্ছি, এই প্রচণ্ড ভীড়ে আমাদের কাজ সহজে সারা যাবে!
রাহু কথাগুলো বলে চেয়ে রইল সঙ্গীদের দিকে। পরিষ্কার বুঝতে পারল সে, যে তার কথায় ভয়ের চিহ্ন দূর হয় নি কারো মুখ থেকে অস্বস্তিতে ছটফট করছে যেন লোকগুলো। মাঝে মাঝে গম্ভীর হয়ে উঠছে মুখের চেহারা। আবার মাঝে মাঝে ভয়ে পাংশু হয়ে উঠছে। চোখে মুখে ফুটে উঠছে আতঙ্কের ছায়া। আর থেকে থেকে ঘাড় কাত করে আকাশটা দেখে নিচ্ছে সকলে হঠাৎ করে একবার। রাহু এতোক্ষণে ব্যাপারটা বুঝতে পেরে চাপা গলায় তিরস্কার করে উঠল : তাহলে এই ব্যাপার!
চমকে উঠে সর্দারের দিকে তাকাল লোকগুলো। রাহু বুঝতে পেরেছে ওদের ভয়ের কারণ ধমক দিয়ে জিজ্ঞেস করল সে : তাহলে নীল উল্কার ভয়ে ছিটকে আছিস তোরা!
: সর্দার—হ্যাঁ!
কাহিল ও ভীত গলায় বলল একজন। ভয়ে তিনবার ঢোক গিলল সে।
: সর্দার, ধরো, নীল উল্কাকে সামলানো গেল না। তখন কি হাল হবে আমাদের!
রাহু দলের লোকগুলোর চোখের দিকে তাকিয়ে বুঝতে পারল দুর্ধর্ষ লোকগুলোর মনে কেমন শিকড় গেড়ে বসেছে নীল উল্কার আতঙ্ক। এরা সকলেই গণ্ডা গণ্ডা নিরীহ মানুষ খুন করে সুনাম পেয়েছে তার কাছ থেকে। অথচ নীল উল্কার আতঙ্ক ওদের আত্মাকে খাঁচাছাড়া করার অবস্থায় নিয়ে গেছে।
নীল উল্কা জিনিসটা যাই হোক, রাহুর চেলাগুলো জিনিসটাকে এমনই ভয় করে যে সাক্ষাৎ মৃত্যুর কোলে ঝাঁপিয়ে পড়তে বিন্দুমাত্র দেরী করবে না এর কবল থেকে পালিয়ে যাবার জন্যে। মরতে রাজী কিন্তু নীল উল্কার কবলে পড়তে রাজী নয়। কর্কশ কণ্ঠে রাহু বলে উঠল ওদেরকে উদ্দেশ্য করে : আমরা নিরাপদ দূরত্বে সরে যাব সময় মতো। আমার কম্বলের ঝোলার ভিতর একটা সিগন্যাল গান আছে—লৌহ মানব এসে পৌঁছুলেই আমি সেটা আকাশের দিকে ছুঁড়ব। তারপর সরে যাব দূরে।
: তারপরই বুঝি নীল উল্কা আকাশে আসবে!
: হুঃ, তখন নীল উল্কা আকাশে আসবে।
কথা বলছিল দলটা হাঁটতে হাঁটতেই। তিব্বতের আঞ্চলিক ভাষা ওদের মুখে। ধীরে ধীরে পা ফেলে ভীড়ের অলিগলি দিয়ে এগুচ্ছিল ওরা। কোনো রকম ব্যস্ততা দেখিয়ে লোকের দৃষ্টি আকর্ষণ করতে ওরা চায় না।
: নিরাপদ দূরত্ব ঠিক কতটা?
জিজ্ঞেস করল একজন তিব্বতী।
: সে অনেক!
হতাশ কণ্ঠে ফিসফিস করে উঠল একজন।
রাহু উগ্রকণ্ঠে বলল : এক্ষেত্রে দু’শো গজ।
: কিন্তু সবাই যে বলে নীল উল্কা কয়েক মাইল দুরের মানুষকেও যাদু করেছে!
: দু’শো গজ।
রাহু আশ্বাস দিয়ে বলল : এসময় নীল উল্কা খুব বেশী শক্তিশালী নয়।
ভীড় থেকে মুক্তি নিয়ে দুর্বত্তদল একটা টিনের শেডের নিচে এসে দাঁড়াল। ফল-পাকড় ঝলসানো মাংস আর মদ বিক্রি হচ্ছে জায়গাটায়। দেখা যাচ্ছে জায়গাটার খানিকটা দূরে দাঁড়িয়ে একটি যুবতী দুর্বত্তদলের দিকে তাকিয়ে আছে। যুবতীর চোখে তীক্ষ্ণ দৃষ্টি। সারা মুখে তার অতিকায় একটা কালো ভয়ের ছায়া এসে লুটিয়ে পড়েছে।
তিব্বতী দুর্বত্তদল যুবতীকে দেখতে পায় নি। ত্রস্ত পদক্ষেপে আড়ালে সরে যাবার জন্যে যুবতী সম্মুখবর্তী মঞ্চের দিকে এগিয়ে গেল। দ্রুত হাটতে হাটতে উত্তেজনাবশতঃ ঠোঁটের মাংস দাত দিয়ে কামড়াচ্ছে সে। চকিত চঞ্চল ব্রাউন রঙয়ের চোখে ব্যাকুল দৃষ্টি। কাকে যেন খুঁজছে সে। অস্বাভাবিক লম্বা যুবতী মিশে গেল ভীড়ের ভিতর। মঞ্চের কাছাকাছি পৌঁছে দাঁড়িয়ে পড়ল সে। ঘুরেফিরে তাকাল এদিক-ওদিক। যুবতী একজন আমেরিকান। স্বদেশী কাউকে পাওয়া যায় কিনা দেখতে দেখতে হঠাৎ তার পাশের একজন লোককে জিজ্ঞেস করল মিনতিভরা গলায়—ইংরেজীতে : লৌহ-মানব ইমতিয়াজকে দরকার আমার! জরুরী! কোথায় দেখা পাব আমি তাঁর?
: No Sabe el Ingles.
চিলিবাসী উত্তর দিল স্পেনীস ভাষায়। দ্রুত ঘুরে দাঁড়িয়ে আরো জোরে ঠোঁট কামড়ে ধরল যুবতী। স্পেনীস সে বোঝে না। ব্যাকুল দৃষ্টিতে ভীড় করা লোকগুলোর মুখ পানে আবার তাকাল সে। ইংরেজী বোঝে এমন একজনকে চাই তার। খুঁজতে খুঁজতে একটু পরই একজোড়া মানুষের উপর চোখ পড়ল তার। মানুষ দুজনার চেহারা এমনই বেখাপ্পা যে যুবতীর দৃষ্টি তাদের উপর আটকে গেল। একজনকে দেখে মনে হয় তার বাপ বা দাদা তিনশো পাউণ্ড ওজনের গরিলা হবে নিশ্চয়! তা না হলে এমন অস্বাভাবিক চেহারা হয় কেমন করে। লোকটা তার কর্কশ লোমে ঢাকা আর শিরা বের করা হাত দিয়ে পায়ের সাথে তাল রেখে চতুষ্পদ জানোয়ারের মতো চারপায়ে হাঁটতে পারবে অনায়াসে—এতো বেশী লম্বা হাত দুটো। প্রকাণ্ড ঘাড়ের উপর প্রকাণ্ড একটা মাথা বসে আছে। চোখ দুটো মাথার ঠিক কোথায় আছে তা খুঁজে পেতে একটু দেরী হবারই কথা। তবে আছে। ঘন, লম্বা, পুরু ভুরুজোড়া চোখ জোড়াকে লুকিয়ে রেখেছে। কিন্তু হলপ করে বলে দেয়া যায় লোকটার নাক নেই। নাকের বদলে সামান্য একটু উঁচু মাংস আছে টের পাওয়া যায়। তবে হ্যাঁ, শ্বাস প্রশ্বাসের কাজ চালাবার জন্যে যথাস্থানে দুটো বিরাট বিরাট সুড়ঙ্গের দেখা পাওয়া যাচ্ছে। লোকটার কান দুটোও বেখাপ্পা। একটা আবার অন্যটার চেয়ে একটু ছোটো। ছোটো কানটার মাঝখানে বলপয়েন্ট পেন্সিল গলে যাবার মতো একটা গর্ত—সম্ভবত হিংসুক একটা বুলেট ছেঁদা করে দিয়ে গেছে। লোকটার মাথায় মেয়েদের জটপাকানো মোটা বেণীর মতো অসংখ্যহারে ঝুলছে কালো কালো থোকা থোকা চুল। যে দেখবে তারই মনে হবে বুদ্ধি জমিয়ে রাখার জন্যে লোকটার খুলির ভিতর আধ ইঞ্চি জায়গাও আর নেই।
যুবতী স্থির চোখে দেখছিল তাকিয়ে তাকিয়ে। কিন্তু সে জানত না বনমানুষ সদৃশ দুশো ষাট পাউণ্ড ওজনের বায়ান্ন ইঞ্চি বুকের ছাতিওয়ালা লোকটা হলো জিপ্পি। জিপ্পি আসাদ। পৃথিবীর একজন বিখ্যাত কেমিষ্ট এবং লৌহ-মানব ইমতিয়াজের সহকারী। জিপ্পি আড়চোখে তাকাল একবার তার সাথীর দিকে।
জিপ্পির সাথীর বৈশিষ্ট্য পোশাক পরিচ্ছদে। দুলাখ মানুষের মধ্যে থেকেও আলাদা করে চিনে নেয়া যায় তাকে। তীক্ষ্ণ, বাশীর মতো নাক। পুরু লেন্সের চশমা নাকে। তার হাতে কালো খাপে ঢোকানো সরু স্টিলের একটা তলোয়ার। দুহাত দিয়ে এমন ভঙ্গিতে খাপে ঢাকা তলোয়ারটা ধরে আছে যে মনে হয় জিপ্পি তাকে আঘাত হানার কোনোরকম কুচিন্তা করছে। টের পাবার সাথে সাথে আক্রমণ করে বসবে সে। দুর্বল স্বাস্থ্যের জন্যে সদা প্রস্তুত হয়েই থাকে সে। তাছাড়া এখন সে একটা ধমক দেবে গরিলা জিপ্পিকে : এই হনুমান! রাস্তা ভুলে দাঁড়িয়ে পড়লি কেন?
: দূর শালা চারচোখো! চশমা খুলে দেখ রাস্তা ভুলে যাই নি, রাস্তা আগলে দাঁড়িয়ে আছে কে!
যুবতী মেয়েটি পা পা করে ওদের দুজনার কাছাকাছি এসে দাঁড়িয়েছিল। ভাগ্যিস বাঙলা জানে না সে। তা না হলে বিখ্যাত কেমিষ্ট জিপ্পি আসাদ এবং ইঞ্জিনিয়ার তথা আইনজ্ঞ জাহেদের কথাবার্তার ধরন দেখে লজ্জা পেত সে। তবে হ্যা, জাহেদ ও জিপ্পি মুখে পরস্পরকে যতই গালাগালি করুক, পরস্পরকে ভালবাসার কোনো তুলনা নেই। বন্ধুত্ব টিকিয়ে রাখার জন্যে আত্মহত্যা করতেও পিছ পা হবে না দুজনার কেউ।
যুবতী মেয়েটি আরো একটু সামনে সরে এসে ওদেরকে জিজ্ঞেস করল : আপনারা কি আমাকে জানাতে পারেন আইরন-ম্যান ইমতিয়াজকে কোথায় পাব?
জিপ্পি ও জাহেদ যুবতীর আপাদমস্তক দেখে নিয়ে যন্ত্রচালিতের মতো পরস্পরের দিকে নির্বাক তাকাল। কোনো কথা ফুটল না ওদের মুখে। দুটো কারণে এমনটি ঘটল। এক হচ্ছে, তারা ইমতিয়াজের সহকারী, তাদেরকেই করা হয়েছে প্রশ্নটা। দ্বিতীয়তঃ প্রশ্নকারিনী উদ্ভিন্ন যৌবনা অপূর্ব সুন্দরী এক যুবতী।
: হায়! আধি ভাবছিলাম এরা ইংরেজী বোঝে!
নিরাশ কণ্ঠে কথাটা বলে সরে যাবার জন্যে পা বাড়াল যুবতী। জাহেদ তাড়াতাড়ি ইংরেজীতে বলল : দাড়ান, মিস! আপনি আমার বন্ধুর বোবা সাজার অভদ্রতা ক্ষমা করবেন। জিপ্পি সার্কাস পার্টিতে বাঘ ভাল্লুকের খেলা দেখায়, ভদ্রতা শেখে নি। যার দিকেই চোখ ফেলে মনে হয় তাকে খেয়ে ফেলার প্ল্যান করছে।
: ও একটা মিথ্যুক, মিস! ওর বউ আর তেরোটা ছেলেপুলে আছে। ছেলেমেয়েগুলো আবার রোগাপটকা। ও তাদের কথা ভাবছিল; আপনার কথা কানে ঢোকে নি।
ওদের ঠাট্টায় হাসতে পারল না যুবতী। অস্বস্তিতে এদিকওদিক তাকিয়ে নিয়ে ভীত কণ্ঠে জানতে চাইল : মিঃ ইমতিয়াজকে কোথায় পাব তা যদি জানেন দয়া করে বলুন।
: জরুরী দরকার আছে আপনার ইমতিয়াজের সাথে?
দ্রুত গলায় জিজ্ঞেস করল জাহেদ। যুবতী বলল : ভীষণ জরুরী! দুই বন্ধু দৃষ্টি বিনিময় করল পলকের জন্যে। যুবতীর ব্যাকুলতা টের পেল ওরা। জিপ্পি ধীরে জানতে চাইল : লৌহঁ-মানব আপনাকে চেনে?
: আমার নাম লুসি ম্যালামুড। প্রফেসর বার্নাড ম্যালামুড আমার বাবা। লৌহমানব আমাকে চেনেন না, কিন্তু আমার বাবার নাম সম্ভবতঃ তিনি জানেন।
জাহেদ চশমা খুলে রুমাল দিয়ে মুছতে মুছতে প্রশ্ন করল : লৌহ-মানবের সাথে দেখা করতে চান কেন আপনি?
যুবতী লুসি মাথা ঝাঁকিয়ে বলল : কারণ আছে। সে কারণ লৌহ মানব আর আমি ছাড়া আর কেউ জানবে না।
: লৌহমানবকে খুজতে এসে আপনার চোখ আমাদের ওপর পড়ল কেন?
কৌতুহলী হয়ে জানতে চাইল জিপ্পি। লুসি ব্যাখ্যা করল : আপনাদেরকে দেখেই আমার মনে হয়েছিল আপনারা ইংরেজী জানেন।
: আপনি তাহলে সত্যি সত্যি জানেন না যে আমরা দুজন লৌহমানব ইমতিয়াজের সহকর্মী?
বিস্ময়ে ছানাবড়া হয়ে গেল লুসি ম্যালামুডের চোখজোড়া। কয়েক মুহূর্ত পর দ্রুত উত্তেজিত গলায় বলল লুসি : ভালই হয়েছে। আমার সতর্কবাণী আপনাদের কাছে বলে যাই, আপনারা লৌহমানবকে সব জানাবেন। এখুনি ফিরে যেতে হবে আমাকে কোয়ার্টারে। বাইরে যতক্ষণ থাকব ততক্ষণ আমার বিপদের ভয়।
লুসির কথাবার্তায় রহস্য এবং ভীতির ছোঁয়া রয়েছে বুঝতে পারল ওরা। জাহেদ তীব্র দৃষ্টিতে লুসির চোখের দিকে তাকিয়ে জানতে চাইল : লৌহমানবকে সাবধান করার জন্যে কি কোনো বিপদ মাথায় করে এসেছেন আপনি, মিস্ লুসি?
: আমার জীবনের মায়া ত্যাগ করে এসেছি।
: কি বিষয়ে আপনি সতর্ক করতে চান লৌহমানবকে?
যুবতী হঠাৎ শক্ত করে কামড়ে ধরল নিচের ঠোঁটটা। উত্তেজনায় হাত দুটো মুঠো করল। এবং হঠাৎ মুখ তুলে আকাশের দিকে চঞ্চল চোখে তাকিয়ে কি যেন দেখল। তারপর মুখ নামিয়ে ফিসফিসে চাপা স্বরে বলে উঠল : নীল উল্কা! আমি সাবধান করে দিতে এসেছি... অ্যা!
হঠাৎ চোখের পাতা বিস্ফারিত হয়ে ঠিকরে বের হয়ে আসতে চাইল যুবতী লুসির চোখের মণি দুটো। গলার স্বর পালটে গিয়ে তীব্র আর্তকণ্ঠে কি যেন বলতে চাইল সে। হাঁ হয়ে গেল গাল। জাহেদ এবং জিপ্পি আসাদের পিছন দিকে তার ভীত দৃষ্টি আছড়ে পড়েছে। কয়েকটি শব্দ শোনা গেল তার গলা থেকে : ঐ যে আমাকে দেখছে…লোবা মাম্!
দুহাতে মুখ ঢাকল যুবতী। থরথর করে কেঁপে উঠল সর্বশরীর। টলমল করে উঠছে যেন তার পায়ের নিচের মাটি। দুলে উঠল লুসির শরীরটা। তারপরই ঢলে পড়ে যাবার উপক্রম করল।
ব্যস্ত হাতে ধরে ফেলল জাহেদ লুসিকে।
জিপ্পি আসাদের আর্তনাদ শোনা গেল : মিস্ লুসি লোবা মাম্ নামের কাউকে দেখেছে আমাদের পিছনে।
বিদ্যুৎবেগে ঘুরে দাঁড়াল দুজনাই পিছন দিকে।
দুই
গা ঘেঁষাঘেঁষি করে সংখ্যাহীন মানুষ দাঁড়িয়ে আছে। চোখের তীক্ষ্ণ দৃষ্টি ফেলে ওরা দুজন তাকাল সেদিকে। প্রথম মুহূর্তেই একজন কাঠখোট্টা চেহারার লোকের উপর সন্দিহান চোখ পড়ল ওদের। লোকটা অসম্ভব লম্বা। লম্বা লম্বা হাত। গায়ে মাংস নেই মোটেই, কিন্তু হাড়গুলো চওড়া চওড়া। লোকটার গায়ের রঙ বাদামী। লম্বা মুখ। ঠোঁটে ধূর্ত এক টুকরো অস্পষ্ট হাসি। হাসছে লোকটা, কিন্তু গালের উঁচু হাড়ের উপরকার মাংসে কুঞ্চন নেই এতটুকু। গলা বাড়িয়ে দিয়ে জাহেদ ও জিপ্পির দিকে নির্বিকার ভঙ্গিতে চেয়ে আছে।
লোকটা জাহেদ ও জিপ্পির দৃষ্টিতে ধরা পড়েছে বুঝতে পেরেই দুপা সামনে এগিয়ে কথা বলে উঠল। লোকটা তিব্বতী, কিন্তু ইংরেজী জানে কোনোরকম : কি হয়েছে আপনাদের?
: সেটা আমরাই জানতে চাই।
জাহেদ সাথে সাথে কঠিন গলায় দাবী জানাল। লোকটা মাথা নেড়ে সবজান্তার ভাব করে বলল : মেয়েটা ভয় পেয়েছিল। আমার পিছনে ভীতিকার কিছু একটা দেখেছিল বলে সন্দেহ হয় আমার।
পিছনদিকে ঘুরে দাঁড়াল লোকটা। পায়ের আঙুলের উপর দাঁড়িয়ে মানুষের মাথার উপর দিয়ে কি যেন দেখার চেষ্টা করছে সে। তারপর কৌতূহলী গলায় বলল : কই, তেমন ভীতিকর কিছুই তো চোখে পড়ছে না।
আপনার নাম লোবা মাম্?
সরাসরি জিজ্ঞেস করল জিপ্পি। লোকটা চোখ বড় বড় করে তাকিয়ে বলে উঠল : কক্ষণো না।
ঠোটের প্রান্তভাগে ফাঁক খুলে জাহেদের উদ্দেশ্যে জিপ্পি আসাদ বলে উঠল, যাতে আর কেউ শুনতে না পায় : চল্, মিস্, লুসিকে সঙ্গে নিয়ে যাই।
: হুম―চল!
তিন মিনিট লাগল ওদের লুসিকে কাঁধে নিয়ে অর্ধসমাপ্ত হাসপাতালের বারান্দায় এসে পৌঁছুতে। লুসি ঠিক জ্ঞান হারায় নি। চোখ ঝিমিয়ে মতো গিয়ে খুঁজে গিয়েছিল। নিঃশ্বাস পড়ছিল অনিয়মিত। নড়াচড়া করার সম্পূর্ণ শক্তি হারিয়ে ফেলে ছিল। হাসপাতালের বারান্দায় ওকে শুইয়ে দেবার ব্যবস্থা করার আগেই কথা বলতে পারল ও। শোবে না সে, একটা চেয়ারে বসতে পারলেই আচ্ছন্ন ভাবটা দূর হয়ে যাবে। চেয়ারেই বসানো হলো ওকে। লুসিকে মাথায় হাত দিয়ে চুপচাপ বসে থাকতে দেখে জাহেদ জিপ্পিকে বলল : তিব্বতী লম্বুটার ওপর থেকে সন্দেহ দূর হচ্ছে না আমার। আমার বিশ্বাস ঐ লোকটাই লোবা মাম্।
: ঠিক বলেছিস, জাহেদ। লোবা মাম্ নামটা তিব্বতীদেরই হয়। লোকটাও তিব্বতী। চল্, লোকটার সাথে কথা বলে দেখি।
মিস লুসিকে হাসপাতালের বারান্দায় বসিয়ে রেখে পূর্বের জায়গায় ফিরে এল ওরা। কিন্তু নেই।
তিব্বতী লোকটাকে চারপাশে কোথাও খুঁজে পেল না ওরা। জাহেদ চাপা উত্তেজনায় বলে উঠল : পালিয়েছে!
: ব্যাটা ঠক খাইয়েছে দেখছি। নিশ্চয় ওর নাম লোবা মাম্।
জিপ্পি আসাদের কথা শেষ হতেই হিস্ হিস্ শব্দ উঠল একটা। লাউডস্পীকার থেকে জনসাধারণের উদ্দেশ্যে কিছু বলবার তোড়জোর করা হচ্ছে। জিপ্পি বলল : জাহেদ, ইমতিয়াজ তোকে একটা বক্তৃতা দেবার কথা বলেছিল। ভুলে গেছিস?
জাহেদ আপত্তি করে বলল : কিন্তু মিস লুসি আমাদেরকে জরুরী একটা কিছু বলবে বলেছে…।
জিপ্পি বলল : আমরা বক্তৃতা মঞ্চ থেকে ওর দিকে নজর রাখতে পারব। আয়।
বনমানুষসদৃশ কেমিষ্ট জিপ্পি এবং রোগা আইনজ্ঞ জাহেদ পা বাড়াল বক্তৃতা মঞ্চের দিকে। বক্তৃতা মঞ্চ থেকে তখন জনসাধারণের উদ্দেশ্যে বর্ণনা করা হচ্ছে লৌহমানবের কীর্তিকলাপ এবং গুণপনার ইতিহাস। পনের বিশটা লাউডস্পীকারে প্রচারিত হচ্ছে ম্পানীষ ভাষায় বক্তৃতাটা।
মঞ্চে উঠে দুটো চেয়ারে বসল ওরা। চিলিয়ান বক্তা ওদেরকে দেখে তার বক্তব্য ছোটো করে শেষ করল তাড়াতাড়ি। জাহেদ গিয়ে দাঁড়াল স্পীকারের সামনে। ওর হাতে ধরা খাপে ঢাকা স্টিলের তলোয়ারের তীক্ষ্ণ ছুঁচালো মুখের মতোই তীক্ষ্ণ ধারাল কণ্ঠে বলতে শুরু করল ও : উপস্থিত চিলিবাসী ভদ্রমহোদয়গণ, আমি অতীব দুঃখের সাথে আপনাদেরকে জানাচ্ছি যে, আমাকে আপনাদের সামনে আসতে হয়েছে তিক্ত এবং অবাঞ্ছিত কর্তব্যের খাতিরে। আপনারা সকলেই জানেন লৌহমানব ইমতিয়াজ সম্পূর্ণ স্বতন্ত্র প্রকৃতির একটি ব্যক্তিত্ব। জনপ্রিয়তা অর্জন করা তার উদ্দেশ্য নয় কোনো দিন। নায়ক হিসেবে বাহবা পেতে রুচিতে বাধে তার। সেই কারণে লৌহমানব ইমতিয়াজ এই অনুষ্ঠানে উপস্থিত হচ্ছেন না আজ।
নিরাশায় কালো হয়ে গেল দুশো হাজার মানুষের মুখ। গুঞ্জন উঠল একটা প্রকাণ্ড মাঠের সর্বত্র। অকস্মাৎ হুঙ্কার শোনা গেল জাহেদের গলা থেকে : জিপ্পি! হাসপাতালের ডান কোণে কি হচ্ছে!
জাহেদের উত্তেজিত কণ্ঠস্বর লাউডস্পীকারে প্রচারিত হয়ে গেল সাথে সাথে। এবং সংখ্যাহীন দর্শক ঘাড় বাঁকিয়ে তাকাল জাহেদের অঙুলি সঙ্কেত লক্ষ্য করে হাসপাতালের ডান দিকে। সবাই দেখল একটি লম্বা সুন্দরী যুবতী কয়েকজন গাট্টাগোট্টা বেঁটে মতো তামাটে রঙের লোকের সাথে ধস্তাধস্তি করছে। মেয়েটাকে জোর করে ধরে নিয়ে যেতে চাইছে তিব্বতী লোকগুলো।
: মিস্ লুসি!
আর্তনাদ শোনা গেল জিপ্পি আসাদের। উঁচু মঞ্চ থেকে লাফিয়ে পড়ল সে। জাহেদ লাফ দিয়ে পিছু নিল তার।
জিপ্পি মাথা নুইয়ে, হাত দুটো সামনে বাড়িয়ে দিয়ে ভীড়ের গায়ে ষাঁড়ের গুঁতো মারার কায়দায় ছুটতে শুরু করেছে। জাহেদ তাকে অনুসরণ করে খানিক দূর গিয়েই দেখল সামনে বিপদ। কয়েকজন বাদামী রঙের তিব্বতী রাস্তা রোধ করে দাঁড়িয়েছে হঠাৎ।
জাহেদ ওদেরকে পাস কেটে ছুটে যেতে চাইল। কিন্তু কয়েকজোড়া হাত এসে পড়ল ওর গায়ের উপর। নিজেকে ছাড়াতে গিয়েও পারল না জাহেদ। ধাক্কা লাগল একটা কাধের উপর। পড়ে গেল ও। ভূড়িওয়ালা একজন লোক ওর পেটে লাথি মারার জন্যে শূন্যে তুলল পাটা তার। বেকায়দায় পড়ে জাহেদ ককিয়ে উঠল : জিপ্পি!
জিপ্পি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল সবই। জোরে একটা শ্বাসগ্রহণ করল সে। মনে হলো আশপাশের সব বাতাস টেনে নিল সে নাক দিয়ে। তারপর দুটো মাত্র লাফ দিল বিদ্যুৎগতিতে। জাহেদের মাথার কাছে এসে পড়ল সে।
জাহেদকে আঘাত হানার জন্যে দুজন লোক অতি তৎপরতা এবং দেখাচ্ছিল। মুখোমুখি দাঁড়িয়েছিল তারা। জিপ্পি তার বনমানুষের মতো মস্ত দুটো হাত দিয়ে লোক দুজনার মাথার পিছনে প্রচণ্ড জোরে ধাক্কা মারল। ঠুকে গেল দুজনার মুখ অর্থাৎ কপালে কপালে নাকে নাকে সংঘর্ষ ঘটল একটা। নেতিয়ে পড়ল তারা। হাত-পাগুলো যেন ঝুলন্ত দড়ির মতো দুলতে দুলতে পড়ে গেল মাটিতে। ইতিমধ্যে উঠে দাড়িয়েছে জাহেদ সুযোগ পেয়ে। খাপ থেকে সরু তলোয়ারটা বের করে ফেলেছে সে। স্টিলের তলোয়ারে রোদ পড়ায় ঝিলিক দিয়ে বর্শা ছুটছে আলোর। জাহেদ দ্রুত এগিয়ে গেল একজন তিব্বতীর বুকের দিকে তলোয়ার উঁচিয়ে। লোকটা প্রথমে ব্যাপারটা টের পায় নি। যখন টের পেল তখন পালাবার উপায় নেই কোনো। মাটি ফাঁক হয়ে গেলে ঢুকে যেতেও বোধহয় আপত্তি ছিল না লোকটার, কিন্তু জাহেদের তীক্ষ্ণমুখ তলোয়ারের ঘা সইবে না তার বুকে। এদিকে পালানোও অসম্ভব। চোখ বন্ধ করে ঠক ঠক করে কাঁপতে লাগল সে। মনে মনে সে ধরে নিয়েছে স্টিলের তলোয়ার তার বুক দিয়ে ঢুকে পিঠের দিকে মুখ বের করেছে ইতিমধ্যে। কিন্তু জাহেদ সামলে নিল যথাসময়ে তার তলোয়ার। বুকের বদলে সে আঘাত করল লোকটার বাহুতে জোরে নয়, অতি মৃদুভাবে। শুধু সামান্য একটু চামড়া ছড়ে গেল লোকটার বাহুর। কিন্তু একি কাণ্ড!
লোকটা ধপাস করে ঢলে পড়ল মাটির উপর। তারপর আর কোনো নড়াচড়া নেই। আসলে বেশ খানিকক্ষণের জন্যে জ্ঞান হারিয়েছে লোকটা। জাহেদের তলোয়ারের ছুঁচসম মুখে একটা বিষাক্ত কেমিক্যাল জমা করে রাখা হয়েছে। রক্তের স্পর্শে এই পয়জনাল কেমিক্যাল এলেই যে কেউ জ্ঞান হারাবে। লৌহমানব এবং তার সাথীরা কোনো প্রাণীকে সরাসরি হত্যা করে না।
এদিকে অকস্মাৎ ভীড়ের এপাশ ওপাশ থেকে তিব্বতী ভাষায় গালাগালি করতে করতে একদল লোক এসে ঘিরে ফেলল ওদেরকে।
: এরা সবাই তিব্বতী।
জাহেদ জিপ্পির উদ্দেশ্যে সতর্কবাণী উচ্চারণ করল। অর্থাৎ লোকগুলো সবাই আক্রমণকারী। জিপ্পি মুখ খুলে জাহেদের উদ্দেশ্যে একটা উত্তর দিতে যাচ্ছিল, কিন্তু মাথাটা ঘুরে উঠল তার। চোখ কুঁচকে বন্ধ হয়ে গেল। মুখ বন্ধ করে ঠোঁটজোড়া শক্ত হয়ে উঠল। হাঁটু ভাঁজ হয়ে যাচ্ছে ধীরে ধীরে। প্রকাণ্ড শরীরটা পড়ে যাচ্ছে মাটিতে। একজন আক্রমণকারী পিছন থেকে ঘা মেরেছে ওর মাথায় একটা ভারী রিভলভারের বাট দিয়ে।
জিপ্পির পতন দেখছিল জাহেদ গাল হাঁ করে। অতবড় শরীরটা পড়তে দেখলে জ্ঞান না থাকারই কথা। কিন্তু সবটা দেখা হলো না ওর। একটা রিভলভারের বাট এসে সজোরে আঘাত করল মাথার পিছনে। নিগূঢ় কালো অন্ধকার, সেই অন্ধকারে বিন্দু বিন্দু আলোর কণা দেখতে দেখতে জ্ঞান হারাল সেও।
চটপট নিজেদের কাজ শুরু করল লোকগুলো। জিপ্পি ও জাহিদের হাত-পা ধরে দুজন করে চারজন মিলে ঝুলিয়ে নিল। নিজেদের আহত লোকগুলোকেও তুলে নিয়ে ভীড়ের দিকে মুখ করে হাটা শুরু করল ওরা। উদ্যত রিভলভার ও পিস্তল দেখে ভীড় করা দর্শকেরা রাস্তা করে দিল ছিটকে দূরে সরে গিয়ে।
এদিকে অর্ধসমাপ্ত হাসপাতালের ডান দিকে কি ঘটছে দেখা যাক। মিস্ লুসি ম্যালাড একা হলেও যুদ্ধ না করে পরাজিত হয় নি সে। কোনো অস্ত্র নেই তার কাছে। তা না হলে দুচারজনকে খুন করে ফেলতো সে।
রাহু স্বয়ং মিস লুসিকে কাবু করার কাজে হাত লাগিয়েছিল। মিস লুসিকে দুজন কুৎসিতদর্শন লোক ধরে রেখেছে কষে দু’দিক থেকে। রাহু তার উদ্দেশ্যে রাগত কণ্ঠে বলল : বোকামি করিস না ছুড়ী। আমাদের কথা মতো কাজ না করলে তোর কপালে দুঃখ আছে বলে দিচ্ছি।
ঘৃণা ছড়িয়ে লুসি বলে উঠল : তোমার শয়তান লোকগুলোকে বলো আমার গা থেকে হাত সরিয়ে নিতে।
ভয়ঙ্কর এক চিলতে হাসি দেখা গেল রাহুর ঠোঁটে। তারপর কঠিন গলায় জানতে চাইল : তুই লৌহমানবকে সাবধান করে দিতে এখানে এসেছিলি, কেমন?
উত্তর দেবার বদলে লুসি ঝেড়ে একটা লাথি কষল যারা তাকে ধরে রেখেছে তাদের একজনের হাঁটুর কাছে। ককিয়ে উঠল প্রচণ্ড ব্যথায় লোকটা।
: তেজ দেখানো হচ্ছে বুঝি!
গর্জে উঠল রাহু : সামনে টেনে আন্ কামিনীকে।
পোশাকের ভিতর লুকোনো ঝোলা থেকে দড়ি বের করে বেঁধে ফেলল রাহু লুসিকে। তারপর রিভলভার হাতে দলবল নিয়ে কেটে পড়ার উপক্রম করল। এমন সময় ভীড় ঠেলে একজন পুলিশ সার্জেন্ট এসে দাঁড়াল ওদের সামনে। ব্যপ্তভাবে জানতে চাইল সে: What is the matter? ব্যাপার কি?
রাহু কোনো জবাবদিহি দেবারই চেষ্টা করল না। এমনকি সার্জেন্টকে তাদের রাস্তা থেকে সরে যাবার কোনো সুযোগও দিল না সে। খুন করার উন্মত্ততায় রিভলভারটা সার্জেন্টের বুক লক্ষ্য করে ধরল সে। সার্জেন্ট সাক্ষাৎ মৃত্যুকে চাক্ষুষ করল চোখের সামনে। বিস্ময়ে এবং আতঙ্কে বিস্ফারিত হয়ে উঠল তার চোখের পাতা। কোনো রকমে দয়া ভিক্ষা চাওয়ার মতো করে কয়েকটা শব্দ বের হলো শুধু তার গলা থেকে : ঠিক আছে—যাচ্ছি…।
কিন্তু রাহু জাতখুনী। রিভলভারের ট্রিগারে আঙুল বসিয়ে চাপ দিল সে।
কিন্তু রাহু জানতো না সেই মুহূর্তে কি অকল্পনীয় বিস্ময় তার জন্যে অপেক্ষা করছিল।
তিন
রাহু যে-কটা দিন বেঁচে ছিল ভুলতে পারে নি সেই রোমহর্ষক শব্দটার কথা। ভৌতিক একটা শব্দ যেন সেটা। বর্ণনা দেয়া সম্ভব নয় সে ভীতিকর শব্দের। অত্মরাত্মা শুকিয়ে যায়, হঠাৎ চমকে গিয়ে থমকে দাঁড়িয়ে পড়তে হয়।
চিলিতে লৌহমানবের কীর্তিকলাপের আজগুবী কাহিনী শুনে শুনে চিলিবাসীরা অনেকে বিশ্বাস করতে শুরু করেছে যে আকাশ থেকে একটা ধোয়ার ছোটো পাহাড় মাটিতে পড়ে। এবং সেই ধোয়ার ভিতর থেকে বের হয়ে আসে লৌহমানব। আসলেই তারা অজ্ঞানতাবশতঃ এবং লৌহমানবকে কখনো চোখে দেখে নি বলেই এরকম ভৌতিক কথা বিশ্বাস করে।
তবে উপস্থিত লাখ লাখ চিলিবাসীরা আজ তাদের সেই ধারণার সত্যতারই প্রমাণ পেল। অন্তত তারা সন্দেহ করল, ধোঁয়া না দেখা গেলেও লৌহমানব আকাশ থেকেই এসে পড়েছে। তা না, আসলে ভীড়ের মধ্যে থেকেই এমন গতিময় বেগে লৌহমানব ইমতিয়াজ অকুস্থলে আবির্ভূত হলো যে লোকের চোখে ধরা পড়ে নি ব্যাপারটা। রোমহর্ষক শব্দটা লৌহমানবেরই। প্রচণ্ড বেগে না গেলে এ শব্দ তার গলা দিয়ে বের হতে দেখা যায় না।
লৌহমানবের জোড়া হাত দেখতে পেল অনেকে। মাথার উপর সন্নিবদ্ধভাবে তুলে ধরা। কিন্তু তারপর দেখা গেল সেই হাতজোড়া সরু আঙুলের মতো নেমে এল নিচের দিকে। এত দ্রুত আর বেগে হাত দুটো নামল যে মনে হয় সরু একটা আঙুলকে নেমে আসতে দেখা গেল। রাহুর হাতে ধরা রিভলভারটার উপর নামল হাতজোড়া প্রচণ্ড জোরে।
ব্যথায় মোচড় দিয়ে উঠল রাহুর সর্বশরীর। শব্দ করে একটা গুলি বের হয়ে মাটিতে ঢুকে গেল তার রিভলভার থেকে। রিভলভারটা পড়ে গিয়ে তিনবার ড্রপ খেল শক্ত মাটিতে। গুলির শব্দ শুনে হাজার হাজার পাহাড়ী চিলিবাসীরা ভাবল লৌহমানব চুটকি বাজিয়েছে।
ঝটু করে ঝোলার ভিতর থেকে সিগন্যাল পিস্তলটা টেনে বের করল রাহু। কিন্তু কি মনে করে সেটা ছুড়ল না। সিগন্যাল দিলেই আকাশে দেখা দেবে রহস্যময় ‘নীল উল্কা।’ গানটা ফেলে দিল রাহু হাত থেকে। নিজে হাজির যেখানে সেখানে নীল উল্কার আগমন ঘটুক তা চায় না সে প্রাণ গেলেও। নীল উল্কার ভীষণ প্রতিক্রিয়া তার ভালভাবে জানা আছে। পিস্তলটা হাত থেকে ফেলে দিয়েই একমুহূর্ত ভাবল রাহু এখন কি করা দরকার তার।
কিন্তু অন্যান্য তিব্বতীরা তাদের সর্দার রাহুকে সাহায্য করার জন্যে দল বেঁধে ছুটে গল। দলের একজন রিভলভারের বাড়ি খেয়ে মাথায় হাত দিয়ে লুটিয়ে পড়ল মাটিতে। লৌহমানব যে সার্জেন্টকে রাহুর হাত থেকে বাঁচিয়েছে চার সেকেণ্ড আগে এ তারই কাজ। বাকী তিব্বতীরা ঝাঁপিয়ে পড়ল লৌহমানবের দিকে।
এরপর যা ঘটল তা যেমন ভয়ঙ্কর তেমনি অসম্ভব বলে মনে হয়। লৌহমানবের দুটো হাত বিদ্যুতের মতো গতিতে বন্ বন্ করে ঘুরতে শুরু করল। ঘুরতে ঘুরতে হঠাৎ এক একবার পড়তে লাগল এক একজনের মুখে। লৌহমানবের ঘুরম্ভ হাত দুটো মুঠো করে রাখা। সেই মুঠো করা হাতের প্রথম ঘুরত্ত ঘুষিটা এসে পড়ল রাহুর মুখে। চেহারা বদলে গেল রাহুর মুখের। শ্বাস নেবার সময় না পেয়েই ধরাশায়ী হলো সে।
এদিকে দল থেকে কয়েক পা পিছিয়ে গিয়ে রিভলভার বের করে একজন তিব্বতী মিস লুসির দিকে তাক করছে। ইতিমধ্যে হাত-পায়ের বাঁধন খুলে লুসি দুজন আক্রমণকারীর পেটে ছুচালো জুতো দিয়ে লাথি কষে মাটিতে ফেলে দিয়েছে।
লৌহমানব রাহুর পরে আরো দুজনকে কাবু করে ফেলেছে ইতিমধ্যে। হঠাৎ দুদিকে নজর পড়ল তার। সার্জেন্টকে মেরে অজ্ঞান করে ফেলেছে কয়েকজন মিলে। এবং লুসির দিকে তাক করে ধরেছে একজন একটা রিভলভার। পরিষ্কার বোঝা যাচ্ছে যুবতীকে হত্যা করতে যাচ্ছে লোকটা। লৌহমানব অদ্ভুত একটা কাণ্ড করল এবার।
এবার আর ঘুরন্ত-ঘুষি নয়। লৌহমানব আড়াআড়ি ভাবে লাফ দিল শূন্যে। প্রায় উড়ে গিয়ে তার অতিকায় দেহটা গিয়ে পড়ল রিভলভারধারীর গায়ের উপর। দুজনেই পড়ল ছিটকে। লৌহমানবকে পর মুহূর্তেই দাঁড়িয়ে থাকতে দেখা গেল। রিভলভারধারী কিছুক্ষণের জন্যে ঘুমিয়ে পড়েছে বোঝা গেল।
লৌহমানব লুসির হাত ধরে টেনে আনল একটু দুরে। তারপর পিঠে মৃদু একটা ধাক্কা দিয়ে ভীড়ের দিক নির্দেশ করে বলল : দূরে সরে থাকো।
লৌহমানবের কণ্ঠস্বরে মেঘের গুরু গুরু গভীর গম্ভীর ডাক। কথাটা বলেই যে কজন তিব্বতী এখনও ধরাশায়ী হয় নি তাদের উপর সাইক্লোনের মতো ঝাঁপিয়ে পড়ল। মুষ্টি-বৃষ্টি হলো বিশ থেকে বাইশ সেকেণ্ড ধরে। অচেতন দেহগুলোর দিকে একবারও না তাকিয়ে ভীড়ের দিকে তাকাল লৌহমানব। লুসিকে একশ গজ দূরে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। নিরাপদেই আছে সে। চারপাশে তাকাল আবার লৌহমানব। না, কোনো তিব্বতী নেই আর। ধরাশায়ী হয়েছে সবকটা।
লৌহমানব ইমতিয়াজ ভীড়ের দিকে পা বাড়াল। দুপাশের জনতা বিস্মিত চোখে তাকাতে তাকাতে পথ করে দিল সরে গিয়ে। এগিয়ে চলল লৌহমানব গদার মতো দু হাত দুপাশে দোলাতে দোলাতে। হাজার হাজার জনতা যেন চুম্বকের আকর্ষণে লৌহমানবের পিছু পিছু নিল। হঠাৎ সে ডান দিকে মোড় নিল। বিশাল দেহটা দ্রুত তালে এগিয়ে গিয়ে দাঁড়াল একটা টেলিফোনের খাম্বার সামনে। তরতর করে লোহার মোটা রড বেয়ে খাম্বার মাথায় উঠে গেল সে। অর্ধসমাপ্ত হাসপাতালে ফোন আনার জন্যে তার নিয়ে আসা হয়েছে। ঝড়, তুফান এবং ভারী বরফ পাতের দেশ চিলি। ফলে টেলিফোনের তার এখানে অত্যন্ত মজবুত। মোটা।
খাম্বার মাথায় উঠে লৌহমানব দূরে তাকাল। মাঠের দূরবর্তী প্রান্তে রাস্তা। সেই রাস্তার উপর সারে সারে দাঁড়িয়ে আছে প্রাইভেট এবং অন্যান্য গাড়ী। লৌহমানব দেখল একদল তিব্বতী লোক ব্যস্তসমস্তভাবে সেই গাড়ীগুলোর দিকেই এগিয়ে যাচ্ছে। লোকগুলো বয়ে নিয়ে যাচ্ছে জিপ্পি আসাদ এবং জাহেদকে। লৌহমানব ইমতিয়াজ জানত জিপ্পি ও জাহেদ একদল তিব্বতীদের হাতে বন্দী হয়েছে। অবশ্য এটা তার জানার কথা নয়। কেন না এই অনুষ্ঠানে তার আসার ইচ্ছা সত্যিসত্যি ছিল না। জনসাধারণের কাছ থেকে বাহবা পাবার কোনো আগ্রহ নেই তার। কিন্তু হাসপাতালের উদ্বোধন উপলক্ষে তার উপস্থিতি প্রয়োজন ছিল। সে না আসলে উদ্বোধনই হবে না জানিয়ে দিয়েছে চিলি সরকার। তাই সে ঠিক করেছিল জাহেদ গিয়ে জনতাকে জানাবে যে, লৌহমানব আজ আসবে না। ফলে জনতা যার যার কাজে ফিরে যাবে। সেই ফাঁকে নিরিবিলিতে হাসপাতাল উদ্বোধনের কাজটা সেরে যাবে সে। অর্ধসমাপ্ত হাসপাতালের দোতালার একটা জানালার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিচের দিকে তাকিয়ে দেখছিল সে। এমনসময় জাহেদ ও জিপ্পিকে বন্দী হতে দেখে সে। একই সাথে লুসির অবস্থাও চোখে পড়ে তার। মেয়েছেলে বলে লৌহমানব সাহায্যের জন্যে এগিয়ে এসেছিল লুসির দিকেই। হাসপাতালের পানি পাইপ বেয়ে নেমেছিল সে ভীড়ের মধ্যে।
খাম্বার উপর থেকে জনসমুদ্রের দিকে তাকাল লৌহমানব। এই জনসমুদ্র অতিক্রম করে যাওয়া সময় সাপেক্ষ ব্যাপার। একমুহূর্ত চিন্তা করে টেলিফোনের মোটা আর শক্ত তার ধরে ঝুলে পড়ল সে। বিশাল জনতার মাথার উপর দিয়ে ঝুলতে ঝুলতে দ্রুত গতিতে এগোতে লাগল বিশালদেহী লৌহমানব। দুমিনিটের মধ্যেই জনতার শেষ সীমানায় এসে পৌঁছল সে। মাটি থেকে তারের উচ্চতা খুব বেশী নয়, আবার খুব কমও নয়। লৌহমানবের জন্যে এই উচ্চতা উচ্চতাই নয়। হাত ছেড়ে দিয়ে ঝপ করে মাটিতে পড়েই ভয়ঙ্কর বেগে ছুটল সে পার্ক করা গাড়ীগুলোর দিকে।
গাড়ীগুলোর কাছে পৌঁছে নুয়ে পড়ে আড়াল থেকে তিব্বতী শত্রুদলটিকে খুঁজতে লাগল সে। তিব্বতীরা জিপ্পি, জাহেদ এবং তাদের নিজেদের কজন অচেতন লোককে বয়ে নিয়ে সারবন্দী প্রতিটি গাড়ীর তালা পরীক্ষা করতে ব্যস্ত। লৌহমানব ওদেরকে দেখেই ব্যাপারটা বুঝল।
একটা প্ল্যান খেলে গেল মাথায়। আড়াল থেকে সরে গাড়ীগুলোর উল্টোদিকে চলে এসে বিড়ালের মতো নিঃশব্দ পায়ে ছুটল সে। দেখতে দেখতে তিব্বতী শত্রুদলটিকে সারবন্দী গাড়ীর অপরদিকে রেখে বেশ খানিকটা এগিয়ে গেল সে। তারপর দাঁড়িয়ে পড়ল হঠাৎ। সে যে ধরনের গাড়ীর প্রয়োজনবোধ করছিল ঠিক সেরকম গাড়ী পেয়ে গেল একটা। গাড়ীটা একটা ট্রাক্টর।
প্রথমেই ট্রাক্টরের লাইসেন্স নাম্বার দেখে নিয়ে মনের খাতায় টুকে রাখল লৌহমানব। গাড়ীটা নষ্ট হলে মালিককে ক্ষতিপূরণ দিয়ে আসবে সে। তারপর কয়েকটা জিনিস সে গাড়ীটা থেকে রাস্তার উপর নামিয়ে রাখল। দুটো তাঁবু, মাছ ধরার কয়েকটা জাল। তারপর ছুটল গাড়ীর মুখের দিকে। ইঞ্জিন বন্ধ এবং লক করা। যা করার তাই করল সে। কয়েকটা মোচড় দিতেই ভেঙে গেল কয়েকটা যন্ত্রপাতি। স্টার্ট নিল ট্রাক্টর।
ট্রাক্টরের যন্ত্রপাতিগুলো সব দেখা যায় উপর থেকেই। সরু কোমর ট্রাক্টরটার মাঝখানে পানি ভর্তি একটা টিনের বিরাট ড্রাম। ড্রামটা গোল। ঢাকনা বন্ধ। ঢাকনাটা উঠিয়ে সেই পানি ভর্তি ড্রামে নেমে পড়ল লৌহমানব। গলা অবধি ডুবে গেল পানিতে। ঢাকনাটা বন্ধ করে দিল নিচে থেকে। এবার অপেক্ষার পালা।
ফাঁদটা সফল হবার সম্ভাবনা শতকরা শত ভাগ। মনে মনে ভাবল লৌহমানব ইমতিয়াজ।
চার
ট্রাক্টরের ইঞ্জিন একনাগাড়ে গর্জন করছে। তিব্বতী দলটা জাহেদ, জিপ্পি এবং নিজেদের লোক কজনকে নিয়ে সেই শব্দ অনুসরণ করে এগিয়ে আসতে লাগল। লৌহমানবের ফাঁদে পা দেবে ওরা।
জমায়েত হলো দলটা গাড়ীর সম্মুখ ভাগে। একজনের গলা শোনা গেল : ভাগ্য বলে একেই। একেবারে স্টার্ট দিয়ে তৈরী করে রেখে গেছে কোনো বুদ্ধ। ওঠ ওঠ, উঠে পড়ো চট্ করে।
ত্রস্ত পদশব্দ শোনা গেল। অচেতন দেহগুলো ওঠানো হচ্ছে ট্রাক্টরে। মিনিটখানেক পরই বড় রকমের ঝাঁকুনি দিয়ে চলতে শুরু করল যন্ত্রদানব যানটা।
মিনিট চারেক পর ড্রামের ঢাকনা সামান্য একটু সরিয়ে উকি মারল লৌহমানব্। উন্মুক্ত মেশিনারীর ওপাশে প্রতিটি লোক আছে বোঝা গেল। দেখা যাচ্ছে না কাউকে। রাস্তার দুপাশে আকাশ প্রমাণ উঁচু পাহাড় শ্রেণী। পাহাড়ী অঞ্চলের অভ্যন্তর ভাগে এগোচ্ছে যান। লোকবসতি নেই এদিকে। রাস্তাটা চেনা। সন্তুষ্টচিত্তে ঢাকনা বন্ধ করে ডুব দিল লৌহমানব ড্রামের ভিতর আবার।
বেশ কয়েকবার মোড় নিল ট্রাক্টরটা। তারপর মিনিট দশেক পরে যান্ত্রিক গর্জনের হঠাৎ সমাপ্তি ঘটল। থেমে গেছে ট্রাক্টর। স্টার্ট বন্ধ। তিব্বতী একজনের কর্কশ কণ্ঠ কানে এল লৌহমানবের : এসে গেছি আমরা। বন্দী দুজন আর আমাদের আহত লোকগুলোকে নিয়ে যাবার ব্যবস্থা করো তাড়াতাড়ি।
অন্যজন বলল : ট্রাক্টরের পিছনে একটা বিরাট ড্রাম আছে। ওটা যদি খালি হয় তাহলে সহজ হবে দেহগুলো বয়ে নিয়ে যেতে। দেখব?
কোনো উত্তর শোনা গেল না। কিন্তু লৌহমানবের কানে ঢুকল পদশব্দ। এগিয়ে আসছে একজন। কয়েকটা সেকেণ্ড কাটল। ড্রামের ধারে এসে দাড়িয়েছে মোটা মতো একজন। ঢাকনাটা তুলল সে ড্রামের। উকি দিল নীচের দিকে ঝুঁকে পড়ে।
লোকটার দেহ এমন মোটা যে দেখলেই বোঝা যায় শরীরে চর্বি ছাড়া আর কিছু নেই। কড়া দুচারটে আঘাত সহ্য করবার মতো ক্ষমতা নেই। ঢাকনা খোলার সাথে সাথেই প্রচণ্ড কড়া আঘাত খেল সে একটা।
লৌহমানবের লৌহমুষ্টির আঘাত পড়ল লোকটার মাংসভরা মুখের উপর। তারপরই অন্য হাতটির প্রকাণ্ড পাঞ্জা দিয়ে মুখটা ধরে চেপে রাখল কয়েক সেকেণ্ড। সম্পূর্ণ মুখটা লৌহমানবের হাতের তালুর ভিতরে চাপা পড়ে গেল লোকটার। লৌহমানব লোকটাকে ওভাবে ধরে রেখেই লাফ দিয়ে বের হয়ে এল ড্রামের ভিতর থেকে।
: শয়তান! শয়তান!
চিৎকার করে উঠল দুজন লোক একসাথে লৌহমানবকে ড্রাম থেকে বের হয়ে আসতে দেখে। রাস্তায় নেমে দাঁড়িয়েছিল লোকগুলো। অচেতন দেহগুলোও রাস্তার পাশে নামিয়ে ফেলেছে ইতিমধ্যে।
বিদ্যুতবেগে কয়েকজন তিব্বতী ঘুরে দাঁড়াল লৌহমানবের দিকে। লৌহমানব মোটা লোকটাকে ছেড়ে দিতে গিয়েও ছাড়ল না। লোকটা চেঁচামেচি করতে পারছে না। ছটফট করছে ব্যর্থভাবে লৌহমানবের হাতের তালু থেকে নিজের মুখটা ছাড়িয়ে নেবার জন্যে। এমনসময় লৌহমানব দেখল তিব্বতীরা তার দিকে ছুটে আসার চেষ্টা না করে ঢোলা জ্যোব্বার ভিতর থেকে রিভলভার বের করতে শুরু করেছে দ্রুত। মোটা লোকটাকে একটানে মাথার উপর তুলে তিব্বতীদের দিকে ছুড়ে মারল লৌহমানব। দুজনের উপর গিয়ে পড়ল মোটা লোকটা। পিছনের আরো একজনকে নিয়ে মোট চারজন ভূপাতিত হলো। বাকী দুর্জন তিব্বতী মুহূর্তের জন্যে থমকে গেল। রিভলভার আর বের করা হলো না তাদের। মোটাকে ছুড়ে দিয়েই লৌহমানব দুসেকেণ্ড পর নিজেকে শূন্য পথে প্রায় উড়িয়ে নিয়ে এসে পড়ল বাকী দুজনার ঘাড়ে। কোঁক কোঁক দুটো শব্দ করে দুজনই পাথুরে রাস্তার উপর চিৎ হয়ে পড়লো।
শত্রুদলকে পরাজিত করেও ক্ষান্ত হলো না লৌহমানব। ঝটপট প্রতিটি আহত তিব্বতীর মাথার চুল ধরে খাড়া করে দাঁড় করাল সে। তারপর প্রত্যেকের মুখে মাপা ঘুষি কষল একটা করে। লৌহমানবের অগাধ জ্ঞান সার্জারীতে। সে জানে অতিরিক্ত এই ঘুষি খেয়ে পনের থেকে বিশ মিনিটের মধ্যে কারো জ্ঞান ফিরে আসবে না।
কাজটা শেষ হতে জ্ঞানহীন জাহেদ এবং জিপ্পি আসাদের কাছে এসে দাঁড়াল লৌহমানব। দুজনেই নিঃসাড়, পড়ে আছে রাস্তার পাশে। আহত তিব্বতীগুলোও রয়েছে ওদের পাশে। এরা জিপ্পি ও জাহেদের দ্বারা আক্রান্ত হয়ে জ্ঞান হারিয়েছিল। সহজে ফিরবে না চেতনা। লৌহমানব নাক কুঁচকে ঝুকে পড়ল জিপ্পি ও জাহেদের দিকে। গন্ধ পাচ্ছে সে একটা।
ক্লোরোফর্ম। গন্ধটা অচেনা নয় লৌহমানবের। জিপ্পি ও জাহেদকে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে রাখা হয়েছে। পাল্স দেখল লৌহমানব ওদের। ঠিক আছে। জেগে উঠবে ওরা খানিক পরেই। আঘাত তেমন মারাত্মক নয়। পরীক্ষা শেষ করে সিধে হয়ে দাঁড়িয়ে চারিদিকে তাকাল লৌহমানব ইমতিয়াজ। রাস্তার দুপাশেই পাথুরে ভূমি। মানুষ সমান উঁচু পাথর, পাথর আর পাথর। মাঝে মাঝে কাঁকরময় অলিগলির মতো দেখা যাচ্ছে পাথরগুলোর মাঝখান দিয়ে। রাস্তার বাঁ পাশে কোনো বাড়ীঘরের চিহ্নমাত্র নেই। দূরে পাহাড়ের সারি। ডান পাশের পাহাড় শুরু হয়েছে খানিকটা মাত্র দূর থেকে। ছোটো ছোটো পাথুরে পাহাড়। একটার পর একটা। ঘাস বা সবুজাভার কোনো নিশানা নেই কোনো দিকে।
সামনের পাহাড়ের কোলে দেশলাইয়ের বাক্সের মতো কয়েকটা ঘর নিয়ে একটা বাড়ী। নির্জন চারিদিক। কোথাও কোনো সাড়াশব্দ নেই। তার মাঝখানে লাল টালি দিয়ে তৈরী সাদা বাড়ীটা যেন একটা রহস্য হয়ে দাঁড়িয়ে আছে। তিব্বতী দলটা এখানেই যখন দাড় করিয়েছিল ট্রাক্টর তখন নিশ্চয় ঐ বাড়ীটার সাথে যোগাযোগ আছে তাদের কোনো না কোনো। রাস্তা থেকে বাড়ীটা তিনশ গজ হবে দূরে। পাহাড়ের কোলে বলে বেশ উঁচু দেখাচ্ছে। লৌহমানব কৌতূহলী হয়ে পা বাড়াল বাড়ীটার দিকে।
সরু একটা পথ করা হয়েছে বাড়ীটার দিকে যাবার জন্যে। কিন্তু লৌহমানব সে রাস্তা ধরল না। বলা যায় না, রাইফেল হাতে নিয়ে বাড়ীটার ভিতর থেকে কেউ হয়ত তাকে লক্ষ্য করছে। পাথরের বড় বড় টুকরোর আড়ালে গা ঢাকা দিয়ে বাড়ীটার ভিতর প্রবেশ করল লৌহমানব। না, কোনো দিকে কোনো প্রাণী নেই।
ঘরের জানালাগুলোয় কাঠের পাল্লা দেখা যাচ্ছে। খোলা। কিন্তু রড লাগানো নেই। জানালা গলে একটা ঘরে ঢুকল লৌহমানব নিঃশব্দে। না, কোনো শব্দ নেই কোথাও। কয়েকমুহূর্ত ধরে মনপ্রাণ ঢেলে কান পেতে রইল লৌহমানব। শোনা গেল না কোনো শব্দ। লৌহমানবের শ্রবণেন্দ্রিয় সাধারণ মানুষের মতো নয়। প্রতিদিন বিশেষ প্রক্রিয়ার অনুশীলনের মাধ্যমে সে তার শ্রবণেন্দ্রিয়ের উন্নতি সাধন করেছে। যে শব্দ অন্য কেউ শুনতে পায় না সেই শব্দ অনেক আগে শুনতে পায় সে। বাড়ীটা জনমানবহীন বুঝতে কষ্ট হলো না।
নিশ্চিন্ত মনে পাশের ঘরের ভিতর ঢুকল লৌহমানব। এ ঘরটাও খালি। পরের ঘরে কয়েকটা স্যুটকেস দেখা গেল। স্যুটকেসের গায়ে তারিখ লেখা। বিদেশ থেকে এসেছে এগুলো। কাষ্টমচেকের সময় তারিখ এবং নম্বর লেখা হয়েছে। তিব্বতীরা সুদূর এই দক্ষিণ আমেরিকায় মাত্র কয়েকদিন আগে এসেছে বোঝা গেল। স্যুটকেসের তালা ভেঙে ভিতরের জিনিস-পত্র পরীক্ষা করল লৌহমানব। কিন্তু আশ্চর্য হলো সে সন্দেহজনক কিছু না দেখে। বুঝতে পারল না সে হঠাৎ এই তিব্বতী দলটা কেন এদেশে এসেছে। তাছাড়া জাহেদ, জিপ্পি এবং অপরিচিতা সেই আমেরিকান যুবতী মিস লুসি ম্যালামুডকে কেনই বা এরা আক্রমণ করল? কোনো প্রশ্নেরই উত্তর পেল না লৌহমানব। স্যুটকেসগুলো বন্ধ করে উঠে দাড়াতেই গুরু গম্ভীর হাঁকটা কানে ঢুকল তার। কে যেন মোটা গলায় হাঁকাহাঁকি করছে। জানালার ধারে গিয়ে দাড়াল লৌহমানব।
জিপ্পি আসাদ। ক্লোরোফর্মের ক্রিয়া নিঃশেষ হতে গরিলা জিপ্পি আসাদ জ্ঞান ফিরে পেয়েছে। জাহেদের কাছে দাঁড়িয়ে চেঁচামেচি করছে সে তার স্বভাব মতো। জাহেদকে জাগাবার জন্যে এতো কাণ্ড তার।
লৌহমানব দেখল জাহেদ চোখ কচলাতে কচলাতে উঠে দাঁড়াল। জিপ্পির তর্জনগর্জনে তার জ্ঞান না ফিরে এসে উপায় ছিল না। জাহেদ এদিক-ওদিক তাকাল অবাক হয়ে। তারপর ট্রাক্টরের ভিতর উঠে গেল ব্যস্তভাবে। লৌহমানব জানালার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়েই বুঝতে পারল জাহেদ তার স্টিলের তলোয়ার খোঁজার জন্যেই ট্রাক্টরে ঢুকেছে। ঐ অস্ত্র ছাড়া একদণ্ড স্থির থাকতে পারে না সে।
অকস্মাৎ একটা চাঞ্চল্যকর ব্যাপার লৌহমানবের চোখে ধরা পড়ল।
রাস্তার অপর অঞ্চলের বহুদূরবর্তী একটা উঁচু পাহাড়ে একটা কালো বস্তুর মৃদু নড়াচড়া। একদৃষ্টিতে তাকিয়ে রইল লৌহমানব সেদিকে। দুমাইল হবে দূরে পাহাড়ের শৃঙ্গ। পরিষ্কার, বাতাসহীন আবহাওয়া। লৌহমানবের দৃষ্টিশক্তিতে স্পষ্ট ধরা পড়ছে দূরবর্তী পাহাড়টার মাথার উপরে কালো লম্বা রেখাটার মৃদু মৃদু নড়াচড়া। যেন পাহাড়ের মাথায় কেউ কালো পতাকা টাঙিয়ে দিয়েছে। দুলছে সেটা মৃদু বাতাসে। কিন্তু কালো লম্বা রেখাটাকে একজন মানুষের দেহ বলে চিনে ফেলতে একটুও দেরী হলো না লৌহমানবের। লোকটা নিঃসন্দেহে এদিকে নজর রেখেছে কি ঘটছে না ঘটছে দেখার জন্যে।
দ্বিতীয়বার বিস্মিত হলো লৌহমানব। দূরবর্তী মানুষটার হাত থেকে রাশি রাশি ধোয়া উত্থিত হলো হঠাৎ। সেই ধোঁয়ার কুণ্ডুলী হতে একটা অতি উজ্জ্বল নীল আলো তীব্র বেগে রেখায়িত হতে হতে উঁচু আকাশের দিকে উঠে যাচ্ছে। লোকটা যেন খাড়া একটা নীল উজ্জ্বল আলোর ফিতে ছুড়ে দিয়েছে আকাশের দিকে। শক্তিশালী সিগন্যাল পিস্তল দিয়ে সম্ভবত ছোড়া হয়েছে নীল বস্তুটা।
বিপদ সংকেত শোনা গেল এমনসময়। শব্দটা আবার বের হচ্ছে লৌহমানবের রোমহর্ষক মৃদু ভৌতিক গলার ভিতর থেকে। বিপদ দেখা না গেলেও, বিপদ ঘটবার আশঙ্কা আছে একথা লৌহমানবের মন বুঝতে পারলেই শব্দটা নিজেরও অজান্তে বের হয়ে আসে গলা থেকে।
নিক্ষিপ্ত রকেটের মতো জিনিসটা সম্পূর্ণ আকাশটাকে একটা তীব্র নীল আলোয় আলোকিত করে ফেলেছে। পাঁহাড়ের কালো পাথুরে গা নীল রঙ দিয়ে কে যেন ভিজিয়ে দিয়েছে। দিনের আলোকে নিষ্প্রভ করে দিয়ে নীল আলো ফুটে উঠেছে চারিদিকে। ক্রমে ক্রমে ভীষণ উজ্জ্বল হয়ে উঠছে নীল বস্তুটা। ইলেকটিক টর্চের ফোকাসের মতো চোখ ধাঁধিয়ে দিচ্ছে বিস্ময়কর আলোটা।
ক্রমশঃ নীল আলোর উজ্জ্বলতা প্রচণ্ড হয়ে উঠছে। পলে পলে বাড়ছে আলো। দিনের আলোকে সম্পূর্ণ গ্রাস করে ফেলে নীল উজ্জ্বল রঙা তীব্র আলো। আকাশে বাতাসে পাহাড়ে পর্বতে, যতদূর দৃষ্টি চলে ততদূর পর্যন্ত লুঠিয়ে পড়েছে। লৌহমানব দুহাত দিয়ে চোখ ঢেকে ফেলল। চোখ ঝলসানো আলো অন্ধ করে দিচ্ছে তাকে।
তীক্ষ্ণ বাশী বেজে ওঠার একটা শব্দ কানে ঢুকল এমনসময়। প্রথমে কাঁপা কাঁপা ও ধারালো মনে হলো শব্দটাকে। পরপরই সেটা প্রচণ্ড হতে প্রচণ্ডতর হয়ে উঠতে লাগল। অদ্ভুত, বর্ণনাতীত অলৌকিক একটা শব্দের সাথে পরিচয় হলো লৌহমানবের। এমন তীক্ষ্ণ বাঁশীর মতে। অথচ বিশ্রামহীন অসহ্য শব্দ কেউ কোনোদিন শোনে নি। ধীরে ধীরে উগ্র হয়ে উঠছে শব্দের প্রকৃতি। কোনো সন্দেহ নেই শব্দটা সৃষ্টি হচ্ছে আকাশের উপর ভাসমান নীল উজ্জ্বল আলোটা থেকেই।
শব্দটার মধ্যে এমন একটা কিছু রয়েছে যা ভীষণভাবে ঘা হানছে কানের পর্দায়। অসহ্য, অসহ্য হয়ে উঠেছে ব্যাপারটা। শব্দের প্রকোপে ব্যথা করে উঠছে লৌহমানবের মাথার ভিতরটা।
এদিকে নিম্নভূমিতে জিপ্পি আসাদ আর জাহেদ পশ্চিম আকাশের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। নীল আলোর থালাটা সেই দিকেই ভাসছে। ওরা হাত দিয়ে ঢেকে রেখেছে মুখ-চোখ। সূর্যের মতো বড় হয়ে উঠেছে নীল বস্তুটা। তীব্র, অসহ্য আলো ছড়াচ্ছে, সূর্যের চেয়েও বেশী। জানালা দিয়ে গলে পাথুরে জমিতে এসে দাঁড়াল লৌহমানব। ডান পাশে উঁচু হয়ে উঠে গেছে ছোটো পাহাড়টা। সেখান থেকে চিৎকার করে উঠল সে জিপ্পি ও জাহেদের উদ্দেশ্যে : নিরাপদ আড়ালে সরে যা তোরা।
কথাটা শুনতে পেল না ওরা। লৌহমানব একটা বলের মতো পাথর তুলে নিয়ে ছুড়ে মারল ওদের দিকে। পাশ দিয়ে গড়িয়ে গেল পাথরটা। পিছন ফিরে তাকাল দুজনেই। লৌহমানব ইমতিয়াজ হাত তুলে ইঙ্গিতে নিরাপদ আশ্রয় গ্রহণ করতে বলল ওদেরকে। বুঝতে পেরে বিরাটাকার কয়েকটা পাথরের দিকে এগোল ওরা। টলছে দুজনেই। স্থির পদে হাঁটতে পারছে না কেউই। কাছাকাছি একটা বিরাটাকার পাথরের আড়ালে লুকোলো ওরা এগিয়ে গিয়ে। এদিকে লৌহমানব তার নিকটস্থ ডান দিকের উঁচু পাথুরে ভূমির দিকে এগিয়ে গিয়ে উপর পানে উঠতে শুরু করল। শরীরের সর্বশক্তি ব্যয় করে ধীরে ধীরে ছোটো পাহাড়টার উপর উঠল সে। সামান্য এইটুকু পরিশ্রমেই দরদর করে ঘাম বের হচ্ছে সর্বাঙ্গ হতে। ঠোঁট শক্ত হয়ে চেপে বসেছে। মাঝে মাঝে অসহায়ভাবে গালটা হাঁ করে বাতাস নিতে চেষ্টা করছে সে। শরীরের কোথায় যেন কি একটা ঘটেছে। দুর্বল, ভীষণ দুর্বল বোধ ঘিরে ধরছে তাকে।
তবু মুহূর্তের জন্যেও বিশ্রাম নিল না লৌহমানব ইমতিয়াজ। পাহাড়ে যেমন চড়েছিল, তেমনি অপরদিকে নামতে শুরু করল অক্লান্ত চেষ্টায়। খানিকপরই একটা বড় গর্ত মতো দেখতে পেল সে। লাফ দিয়ে নামল সে সেই গর্তে। নীল আলো সরাসরি আঘাত হানবে না এখানে।
গর্তে লাফিয়ে পড়ার সাথে সাথে মাত্র দুহাত দূরে একটা গোখরা সাপকে দেখতে পেল লৌহমানব। নিঃশব্দে সতর্কতার সাথে সাপটার দিকে তাকিয়ে রইল সে। আশ্চর্য ব্যাপার! সাপটা যেন পাগল হয়ে গেছে। একটা ছোটো পাথরের চতুর্থার ঘিরে ছটফট করছে বিষাক্ত সাপটা। মুচড়ে মুচড়ে উঠছে তার লকলকে দেহ। দারুণ যন্ত্রণায় গড়াগড়ি দিয়ে পাগলের মতো কাঁদছে যেন সে। দেখতে দেখতে ক্রমশ নিস্তেজ হয়ে এল সাপটা। কুণ্ডুলী পাকিয়ে ঘুমিয়ে পড়ল যেন। ভৌতিক বাঁশীর মতো তীক্ষ্ণ শব্দ এবং চোখ-ধাঁধানো নীল আলোর কারণেই অমন করছিল সাপটা। সেই ভীতিকর শব্দটা হঠাৎ আরো বেশী প্রচণ্ড হয়ে উঠল। তারপর হঠাৎ যেন যাদুবলে শব্দটার সম্পূর্ণ অস্তিত্ব লুপ্ত হলো। কোথাও কোনো শব্দ নেই আর এতটুকুও।
গর্ত থেকে বের হয়ে এসে আকাশ পানে চোখ রাখল লৌহমানব। কোথাও নেই কিছু। শেষ বেলাকার স্নিগ্ধ আলো চারিদিকে। পাহাড়গুলো এখন আর নীল দেখাচ্ছে না। সব কিছুই স্বাভাবিক। যেন ভয়ঙ্কর নীল আলো এবং বাঁশীর মতো ভীষণ তীক্ষ্ণ শব্দ বলে কিছু নেই—ছিল না। সবই দুঃস্বপ্ন।
কিন্তু যা ঘটে গেছে তা যে চাক্ষুষ ঘটে গেছে। দুঃস্বপ্ন যে নগ্ন তার সবচেয়ে বড় প্রমাণ পাওয়া গেল একটু পরই। লৌহমানব স্বপ্নাচ্ছন্নের মতো এগিয়ে যাচ্ছে খাড়া খাদের দিকে। ধীরে ধীরে হাঁটছে সে চোখ বন্ধ করে। কোনো হুঁশ নেই যেন তার। যেন স্বপ্নের ভিতর হাঁটছে। সামনেই খাড়া নেমে গেছে খাদটা। পঁচিশ তিরিশ গজ গর্ত। হাড়গোড় গুড়ো হয়ে যাবে, যে কেউ পা ফসকে পড়লে। কিন্তু লৌহমানব অন্ধের মতো এগিয়ে যাচ্ছে সেই দিকেই।
ভাগ্য ভাল বলতে হবে, খাদের কিনারা থেকে দূরে একটা পাথরের সাথে পায়ের ধাক্কা লেগে গেল লৌহমানবের। সশব্দে পাথুরে ভূমিতে আছাড় খেল প্রকাণ্ড শরীরটা। কিন্তু অদ্ভুত কাণ্ড! যেন কিছুই ঘটে নি, ধীরেসুস্থে উঠে দাঁড়িয়ে চোখ মেলে আশপাশটা দেখতে লাগল লৌহমানব। আছাড় খাওয়াতে কোনো ব্যথা বোধ জাগছে না তার শরীরে। চিন্তিত দেখাল লৌহমানবকে। বুঝতে পারছে সে, কিছু একটা গণ্ডগোল ঘটেছে তার মধ্যে। হাত কয়েক দূরের খাদটার দিকে তাকিয়ে বুঝতে পারল আছাড় খেয়ে না পড়লে কি ঘটতে যাচ্ছিল। নিজেকে সামলাবার চেষ্টা করল লৌহমানব। সচেতনতা হারিয়ে ফেললে কাজ চলবে না; ভাবল সে। তারপর ঘুরে দাঁড়িয়ে অপর দিকে নামার জন্যে পাহাড়ের উপর পানে এগিয়ে চলল।
আরো একবার আছাড় খেয়ে অবশেষে নিরাপদেই নেমে এল লৌহমানব নিচের রাস্তায়। ট্রাক্টরটা সেখানেই দাঁড় করানো রয়েছে। তিব্বতী কজন জ্ঞান ফিরে পায় নি এখনও। লৌহমানব এদিক ওদিক তাকাল। আচ্ছন্ন ভাবটা আর অবশিষ্ট নেই তার মধ্যে। কোথাও জিপ্পি আসাদ ও জাহেদকে দেখতে না পেয়ে ডাক দিল সে উচ্চকণ্ঠে : জাহেদ! জিপ্পি!
কোনোদিক থেকে কোনো উত্তর ভেসে এল না। নিস্তব্ধ পাহাড়ী অঞ্চল। লৌহমানবের ডাক প্রতিধ্বনিত হয়ে ফিরে এল। সাড়া দিল না কেউ। লৌহমানব রাস্তা পার হয়ে যেখানে জিপ্পি ও জাহেদ লুকিয়েছিল সেখানে গিয়ে পৌঁছল। নেই। দুজনার কোনো চিহ্নমাত্র নেই আশপাশে। : জাহেদ! জিপ্পি!
আবার চিৎকার করল লৌহমানব সহকর্মীদের নাম ধরে। কিন্তু না, কোনো সাড়াশব্দ পাওয়া গেল না ওদের তরফ থেকে। ভুরু কুঁচকে কাঁকরময় ভূমিতে চোখ ফেলে ফেলে এগোতে লাগল লৌহ-মানব। একটু পরই কাঁকরের উপর দুজোড়া পায়ের ছাপ দেখা গেল। পা টেনে টেনে কাঁকরময় বিশৃংখল ভূমির উপর দিয়ে জিপ্পি আসাদ ও জাহেদ চলে গেছে সামনের দিকে। লৌহমানব দ্রুতপদে চিহ্ন লক্ষ্য করে হাঁটতে লাগল। মিনিটখানেক চলার পর একটা পাথরের পাশে পড়ে থাকতে দেখা গেল জাহেদের প্রিয় সাথী স্টিলের তলোয়ারটা। লৌহমানব থমকে দাঁড়িয়ে সেটা কুড়িয়ে নিয়ে ডাকল : জাহেদ! জিপ্পি!
নেই। কোনো সাড়া নেই কারো।
আবার এগোতে শুরু করল লৌহমানব। কিন্তু দশ কদম দূরেই একটা পাথরের আড়ালে জাহেদ ও জিপ্পি আসাদ দাঁড়িয়ে রয়েছে দেখা গেল। অবাক হয়ে জাহেদের কাছে গিয়ে লৌহমানব ডাকল : কি ব্যাপার, সাড়া নেই কেন তোদের?
সত্যিসত্যি সাড়া নেই ওদের। জিপ্পি আসাদ ও জাহেদকে এ,মুহূর্তে পাথরের দুটো মূর্তি ছাড়া আর কিছুই ভাবা যায় না। জেগেই আছে ওরা। তবে জেগে জেগে ঘুমুচ্ছে যেন। চোখের পাতা খোলা। কিন্তু একটুও কাঁপছে না। ভাবলেশহীন দৃষ্টিতে জিপ্পি জাহেদের দিকে আর জাহেদ জিপ্পির দিকে তাকিয়ে আছে। দাঁড়িয়ে আছে। অথচ বিন্দুমাত্র নড়াচড়া করছে না শরীরের কোনো অঙ্গ-প্রত্যঙ্গ।
কোনো রহস্য, কোনো আঘাত, কোনো বিস্ময় কখনো লৌহমানব ইমতিয়াজকে ভীত করে তোলে না। কিন্তু দুই বন্ধুর অস্বাভাবিক আচরণে রীতিমতো শঙ্কা জাগল তার মনে। ভয়ে ভয়ে জাহেদের গায়ে হাত দিতেই একটা অদ্ভুত কাণ্ড ঘটে গেল। মাথা নিচু করে ছুটে গেল জাহেদ জিপ্পি আসাদকে লক্ষ্য করে।
সিধে জিপ্পিকে গিয়ে ধাক্কা মারল জাহেদ। পাহাড়ের মতো জিপ্পি আসাদ কোনো আপত্তি প্রকাশ না করে ধপাস করে পড়ে গেল কাঁকর বিছানো জায়গাটায়। কোনো উঃ আঃ শব্দ করল না। চোখের পাতা অবধি নড়ল না একটু। পড়ে গিয়ে চিত হয়ে নিঃসাড় শুয়ে রইল আকাশের দিকে তাকিয়ে। বোকার মতো তাকিয়ে রইল লৌহমানব ইমতিয়াজ ওদের দিকে। এদিকে জাহেদ জিপ্পিকে ফেলে দিয়ে একইভাবে মাথা নিচু করে কাঁপা কাঁপা ভঙ্গিতে ছুটে চলেছে। যে কোনো পাথরের গায়ে ধাক্কা খাবে এভাবে ছুটলে। দৌড়ে গিয়ে জাহেদকে ধরে ফেলল লৌহমানব। কিন্তু আশ্চর্য, জাহেদ নিজেকে ছাড়াবার কোনো চেষ্টা করল না প্রথমে। শান্তভাবে দাঁড়িয়ে রইল সে। তারপর অকস্মাৎ লৌহমানবের দিকে ঘুরে এলোপাথাড়ি হাত পা ছুড়াছুড়ি করতে শুরু করল। তাকে ধরে রাখাই দায় হলো লৌহমানবের পক্ষে। শেষ অবধি তুমুল হাতাহাতি শুরু হয়ে গেল দুজনার মধ্যে।
: জাহেদ!
খুব জোরে ধমক দিয়ে উঠল লৌহমানব। সাথে সাথে শান্ত হয়ে গেল জাহেদ। মাথাটা জোরে জোরে নাড়ল সে। যেন কানে খিল লেগে গেছে, স্বাভাবিক করার চেষ্টা করছে ঝাড়া দিয়ে। লৌহমানব ধরে শুয়ে দিল ওকে একটা পাথরের পাশে। শান্ত বালকের মতো শুয়ে রইল সে। কোনো নড়াচড়া নেই আর। হঠাৎ অমন ক্ষেপে ওঠার কারণ কি, আবার হঠাৎ এমন নির্বিকার শান্ত হবার পেছনেও বা কারণ কি, কিছুই বুঝতে পারল না লৌহমানব। যাই হোক, জাহেদের দুকানে কড়ে আঙুল ঢুকিয়ে খানিকক্ষণ নাড়া দিল লৌহমানব। কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখা গেল না জাহেদের মধ্যে। আপন মনে বলে উঠল লৌহমানব : দুজনেরই মাথার মগজ কাজ করছে না।
আকাশের নীল বস্তুটা কি ছিল? জিনিসটা আসলে দারুণ রহস্যময় কিন্তু কি নিহিত আছে এই রহস্যে? এমন কিছু জিনিসটার মধ্যে আছে যা মানুষের মাথায় একটা আঘাত হানে। যা মানুষের চেতনার পক্ষে ক্ষতিকর। জিপ্পি আসাদ ও জাহেদ ঐ নীল আলো এবং তার ভয়াল শব্দের দ্বারাই আক্রান্ত হয়েছে।
পাঁচ
এলাকাটা শহর থেকে খুব দূরে নয়। ঘিঞ্জি এলাকা। দুর্গন্ধময় নর্দমা, ডাষ্টবিন উপচানো ময়লা, চুনওঠা, দাঁত বের করা ইটের দেয়াল ছাড়িয়ে আরো ভিতরে ঢুকল গাড়ীটা। তারপর দাঁড়িয়ে পড়ল ব্রেক কষে। কালো একটা ভাঙাচোরা অস্টিন। ড্রাইভিং সিট থেকে দ্রুত নামল লোবা মাম্।
উদ্বিগ্ন মুখে অস্টিনের ব্যাক ডোর খুলে হাত বাড়িয়ে দিল লোবা মাম্ ভিতরে। ভিতর থেকে একটি যুবতীর গোঙানী শোনা গেল। লোবা মাম্ ভ্রুক্ষেপ না করে যুবতীর একটা হাত খপ করে ধরে ফেলে টেনে নামাল গাড়ী থেকে। যুবতীটি আর কেউ নয়, মিস্ লুসি ম্যালামুড। তার মুখ লম্বা একটা রুমাল দিয়ে বাঁধা। হাত বাঁধা দড়ি দিয়ে।
এলাকাটায় চোর, জোচ্চর, বদমাশ, গুণ্ডা, খুনী আর লুটেরাদের বসবাস। লোবা মাম্ লুসিকে ধরে হিড় হিড় করে টেনে নিয়ে একটা বাড়ীর ভিতর ঢোকার সময় কেউ ভ্রুক্ষেপমাত্র করল না। রাস্তায় লোকজনের অভাব নেই। কিন্তু কেউ তাস পিটছে বারান্দায় বসে, কেউ কেউ দল বেঁধে মদ গিলছে। নিজেদের নিয়ে ব্যস্ত তারা। লুসির রূপ দেখে অশ্লীল মন্তব্য করল অবশ্য কেউ কেউ। বেশীর ভাগই চেয়ে দেখল না।
লোবা মাম্ লুসিকে নিয়ে একটা পোসাডার ভিতর প্রবেশ করল। কাদা এবং পাথর দিয়ে গেঁথে তৈরী করা হয় পোসাডা। দেখতে বড় বিশ্রী। দরজাগুলো নিচু। নুয়ে নুয়ে ঢুকতে হয় ভিতরে। লোবা মাম্ পোসাডার ভিতর লুসিকে রেখে বের হয়ে এল। ইতিমধ্যে সেখানে একদল তিব্বতী জড়ো হয়েছে। গম্ভীর গলায় লোবা মাম্ প্ৰশ্ন করল : এই, তোরা কেউ জানিস নীল উল্কা সাত পাহাড়ের মাথায় ছোড়া হয়েছে কেন?
: না হুজুর।
তটস্থ তিব্বতীরা একযোগে জানাল। এরা সবাই তিব্বতের মঙ্গোলিয়ান বর্ডারের কাছাকাছি বসবাসরত অসভ্য উপজাতির বংশধর। গলার স্বর কর্কশ। উত্তর শুনে রাগত চোখে তাকাল লোবা মাম্। একটা পোসাডার সামনে কয়েকজন লোককে নিঃসাড় শুয়ে থাকতে দেখে মেজাজ বিগড়ে গেল তার আরো। লোকগুলো লৌহমানব কর্তৃক আহত হয়েছে। কয়েকজন দেখাশোনা করছে আহত লোকগুলোকে।
এমন সময় একটা পোসাডার ভিতর থেকে কয়েকজন লোকের কাঁধে ভর দিয়ে উঠোনে এসে দাঁড়াল রাহু। লৌহমানবের কিল-ঘুষি খেয়ে বারোটা বেজে গেছে তার। হাতে ব্যাণ্ডেজ, পায়ে ব্যাণ্ডেজ, মুখে ব্যাণ্ডেজ। শুধু চোখ দুটো দেখা যাচ্ছে। ঠোঁট দুটো খোলা, তবে রক্ত জমে আছে দুঠোটেই। লোবা মামের দৃষ্টি তার দিকে পড়তেই দাঁড়িয়ে পড়ল সে। লোবা মাম্ তিরস্কার করে বলল : তবু ভাল যে, প্রাণ নিয়ে পালিয়ে আসতে পেরেছ।
: সর্দার, আমার খুব একটা দোষ ছিল না মাইরি! শালার বুঝতেই পারি নি ব্যাপারটা…।
: থাক, হয়েছে।
লোবা মাম্ বিরক্ত হয়ে উঠে বলল : আমি জানতে চাই নীল উল্কা কেন দেখা দিল সাত পাহাড়ের মাথায়? তুমি কিছু জানে!?
পোসাডার ভিতর থেকে লুসির কণ্ঠস্বর ভেসে এল। ক্ষুদ্ধ কণ্ঠ শোনা গেল তার : আমার বিশ্বাস নীল উল্কা তোমাদেরকে শায়েস্তা করার জন্যে ছোড়া হয়েছে।
রাহু বলল : না। কিছুই শুনি নি এখনো, সর্দার।
লোবা মাম্ লুসি যে পোসাডায় আছে সেটায় ঢুকে পড়ল। লুসির মুখের বাঁধন খুলে দেয়া হয়েছে আগেই। লোবা মাম্ জিজ্ঞেস করল : তুমি লৌহমানবের দুজন সাথীর সাথে কি কথা বলছিলে? আমাকে দেখে অমন নার্ভাস হবারই বা দরকার কি ছিল? লৌহমানবকে বুঝি সাবধান করে দিতে গিয়েছিলে?
: নিশ্চয়।
ফুঁসে উঠে বলল লুসি : তোমাদের গত রাতের সব ষড়যন্ত্র আমি আড়ি পেতে শুনে ফেলেছি। সেই কথাই লৌহমানবকে জানাতে গিয়েছিলাম।
মুহূর্তের জন্যে থমকে যেতে দেখা গেল লোবা মাম্কে। তারপর কঠিন গলায় জিজ্ঞেস করল : তুমি ঘর থেকে বের হয়েছিলে কিভাবে? তোমার এই শয়তানীর ফল কি হতে পারে জানো? পালিয়ে তুমি যাবে কোথায়! না হয় পালিয়ে গেলেই, কিন্তু আমি যদি একটা টেলিগ্রাম পাঠাই এখুনি তিব্বতে তা হলে কি সর্বনাশ তোমার হবে বুঝতে পারছ?
থরথর করে কেঁপে উঠল লুসির সর্বশরীর। করুণ আর্তি চোখে তাকাল সে লোবা মামে্র দিকে। তিব্বতে তার বাবা আছেন, তবে কিভাবে, ঠিক কোথায় আছেন তা জানা নেই। লোবা মাম্ টেলিগ্রাম পাঠিয়ে তার বাবাকে হত্যা করতে পারে, একথা বারবার স্মরণ করিয়ে দিয়েছে তাকে। লোবা মাম্ আবার বলল : তারচেয়ে তুমি আমার কথা মতো কাজ করো, আমিও তোমাকে যে কথা দিয়েছি তা রক্ষা করব এখন বলো, কিভাবে ঘর থেকে পালিয়ে গিয়েছিলে।
কোনো উত্তর দিল না লুসি। লোবা মাম্ তাকে ধরে বাইরে নিয়ে এসে অন্য একটা পোসাডার ভিতর ঢুকল। লুসি বন্দী ছিল এই পোসাডায়। পোসাডার জানালায় লোহার জাল। লোবা মাম্ সেগুলো পরীক্ষা করে দেখল। পেরেক খুলে নিচের দিকের জাল উপরে উঠিয়ে জানালা গলে বের হয়ে গিয়েছিল লুসি, বুঝতে পারল সে।
: এই ব্যাপার তাহলে! ঠিক আছে, পাহারার ব্যবস্থা করছি আমি।
সেই পোসাডায় লুসিকে রেখে পাহারা দেবার জন্যে দুজন লোককে নিযুক্ত করল লোবা মাম্। তারপর বাড়ীর উঠোনে এসে দাঁড়াল। এমন সময় একটা গাড়ী এসে থামল বাড়ীর সামনে। একজন লোক হাঁপাতে হাঁপাতে লোবা মামে্র দিকে ছুটে এল গাড়ী থেকে নেমে।
: তুই বলতে পারিস নীল উল্কা কোন্ কারণে এসেছিল আকাশে?
লোবা মাম্ জিজ্ঞেস করল। লোকটা বলল : না, হুজুর। আমি লৌহমানবের প্লেন পুড়িয়ে দিতে গিয়েছিলাম।
রেগেমেগে লোবা মাম্ বলল : সে আমি জানি! প্লেনের কি হলো?
: পুড়িয়ে দিয়েছি, হুজুর। কিন্তু আর একটু হলে ধরা পড়ে যেতাম আর কি!
: কেমন পুড়েছে? মেরামত করলে কাজ চালানো যাবে না তো আবার?
লোকটা বলল : না হুজুর, অতো কাঁচা কাজ আমি করি! একেবারে ধ্বংস করে দিয়ে এসেছি।
সন্তুষ্ট হলো লোবা মাম্। ধূর্ত হাসি হেসে বলল : লৌহমানবের প্লেন নেই যখন তখন সে যাত্রা করবে স্টিমারে। এবং সঙ্গতভাবেই ধরে নেয়া চলে সে স্টিমারটা হবে ‘চিলিয়ান সিনোরিটা।’
: চিলিয়ান সিনোরিটা! সে কোন্ স্টিমার?
লোকটার প্রশ্নের উত্তরে লোবা মাম্ বলল : আমরা যে স্টিমারে করে এখানে পৌঁছেছি সেটারই নাম বদলে গতকাল রাত্রে লেখা হয়েছে ‘চিলিয়ান সিনোরিটা।’
: কিন্তু লৌহমানব এই স্টিমারেই চড়বে তার কি মানে আছে?
: আছে, আছে। চিলি থেকে তিব্বতে কোনো প্লেন যায় না। চার্টাড প্লেনও সম্ভব নয় এখানে সংগ্রহ করা। সুতরাং পানির জাহাজেই যেতে হচ্ছে ওদেরকে। আর আমাদের স্টিমার ছাড়া এমন দ্রুতগতি স্টিমার আর একটাও নেই সমুদ্রতীরে। কাগজপত্রও ঠিক-ঠাক করে ফেলেছি আমি—কেউ কোনো সন্দেহ করতে পারবে না।
দশমিনিট পর ছুটতে ছুটতে এসে হাজির হলো আর একজন তিব্বতী। লোবা মাম্কে দেখে সে বলে উঠল : খারাপ খবর, হুজুর!
: কি খারাপ? নীল উল্কা সম্পর্কে নাকি?
: লৌহমানব!
লোকটা উত্তেজিত স্বরে বলতে শুরু করল : লৌহমানব একটা ট্রাক্টরে রাখা ড্রামের ভিতর লুকিয়ে ছিল। ট্রাক্টরটা আমাদের লোক সাত-পাহাড়ে নিয়ে গিয়ে থামাতেই ড্রাম থেকে বের হয়ে এল সে।
আমাদের সবকটার বারোটা বাজিয়ে দিয়েছে সে।
: তুই সাহায্যের জন্যে এগিয়ে যাস নি?
কঠিন কণ্ঠে জিজ্ঞেস করল লোবা মাম্। লোকটা ঢোক গিলে বলল : আমাদের ক্যাম্প থেকে বহু দূরে ছিল ওরা, হুজুর। কোনো সাহায্য করতে পারি নি আমি—কিন্তু উপায় না দেখে আমি নীল উল্কা ছেড়েছি আকাশে।
: ওঃ! তাহলে তোমার দ্বারাই নীল উল্কা সাত পাহাড়ের আকাশে উঠেছিল!
লোকটা বলতে শুরু করল আবার : নীল উল্কা ঠিক লৌহমানব আর তার দুই সাথীর মাথার উপর উঠে গিয়েছিল। কিন্তু সব বরবাদ হয়ে গেল, লৌহমানব আর তার সাথীরা লুকিয়ে পড়েছিল আড়ালে। নীল উল্কার প্রতিক্রিয়া ভাল করে ধরে নি ওদেরকে।
: কোথায় আছে এখন সেই শয়তানেরা?
: শেষবার আমি তাকে দেখেছি ট্রাক্টর চালিয়ে শহরের দিকে ফিরে আসতে। তার দুজন সাথী এবং আমাদের আহতগুলোকে বেঁধে সাথে করে নিয়ে এসেছে সে শহরের দিকে।
লোবা মাম্ খুঁটিয়ে খুঁটিয়ে আরো কয়েকটা কথা লোকটার কাছ থেকে জেনে নিয়ে মন্তব্য করল : আমি যতটুকু আন্দাজ করেছিলাম এখন দেখছি লৌহমানব তার চেয়েও বড় শয়তান!
লোবা মাম্কে খুব চিন্তিত দেখাল। চিন্তা করতে করতে হঠাৎ হাঁক ছাড়ল সে : গাড়ী তৈরী করো। আমি স্বয়ং যাব লৌহমানবকে দেখতে।
তারপর আপন মনে বলল : দেখব কতবেশী বুদ্ধি রাখে সে আমার চেয়ে।
ছয়
হোটেল ডি প্যালেস। এন্টোফাগাষ্টার একমাত্র বিলাসবহুল হোটেল। লৌহমানব সেই যন্ত্রদানবের মতো দেখতে ট্রাক্টর নিয়ে এসে পৌঁছুল হোটেল-কম্পাউণ্ডের ভিতর। হোটেলের বয়-বেয়ারা-দারোয়ান ছুটে এল ট্রাক্টরের গর্জন শুনে। স্টার্ট বন্ধ করে দিয়ে লৌহমানব ট্রাক্টর থেকে নেমে পড়ে সকলের উদ্দেশ্যে বলল : কারো দরকার নেই। তফাৎ যাও সবাই।
সুড়সুড় করে ফিরে গেল সবগুলো লোক মুখ চাওয়াচাওয়ি করতে করতে। লৌহমানব জিপ্পি আসাদের বিশাল দেহ এবং জাহেদের লম্বা দেহ একই সাথে তুলে নিল দুই কাঁধে। দূরে দূরে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর চোখ বিস্ময়ে ছানাবড়া হয়ে গেল। লোকটা মানুষ না দানব! একি প্রচণ্ড গায়ের জোর রে বাবা!
লিফটে করে উপরতালায় উঠল লৌহমানব জিপ্পি ও জাহেদকে কাঁধে নিয়ে। ওরা দুজনেই চোখ মেলে তাকিয়ে আছে। কিন্তু আগের মতোই কোনো নড়াচড়া নেই। হাত-পা ঝুলছে ঝুলন্ত রশির মতো। চোখের পাতা স্থির। ওদেরকে নিয়ে তিনতালায় উঠে এল লৌহমানব। তিনতালার সবকটা রুম ভাড়া নিয়েছে তারা। নির্দিষ্ট একটা রুমের দরজায় গিয়ে আঘাত করল লৌহমানব। কয়েক সেকেণ্ড পর খুলে গেল রুমের দরজা। রেহানা উকি মারল। লৌহমানবের কাঁধে জিপ্পি ও জাহেদকে দেখে আঁতকে উঠে দরজা ছেড়ে সরে দাঁড়াল সে। লৌহমানব কোনো কথা না বলে ঘরে ঢুকল। তারপর ঘরের ভিতর গিয়ে একটা ঘরের খাটে জিপ্পি ও জাহেদকে শুইয়ে দিল।
: কি হয়েছে ইমতিয়াজ!
ব্যাকুল কণ্ঠে জানতে চাইল রেহানা। সে প্রশ্নের উত্তর না দিয়ে লৌহমানব ইমতিয়াজ দ্রুত উচ্চারণ করল : আমার যন্ত্রপাতি—জলদি!
একপলকও দেরী না করে ছুটল রেহানা পাশের ঘরে। মুহূর্তের মধ্যে ইমতিয়াজের ডাক্তারী যন্ত্রপাতির আধমন ওজনের স্টিলের বাক্সটা নিয়ে এসে পাশে রাখল। বাক্স খুলে লৌহমানব বের করল একটা সাদা পর্দালাগানো চারকোণা প্লেট। প্লেটটা স্টিলের পাত দিয়ে বাঁধানো। পায়া আছে দুটো আধহাত করে। এটা একটা এক্সরে যন্ত্র। প্লাগটা সংযুক্ত হয়েছে প্লেটের পিছনদিককার যন্ত্রপাতির সাথে। রেহানা সুইচ বোর্ডে লাগিয়ে দিল সেটা কোনো আদেশ না পেয়েই। এক্সরে যন্ত্র দিয়ে লৌহমানব ইমতিয়াজ পরীক্ষা শুরু করল জাহেদ ও জিপ্পির শরীরে কোথায় কি গণ্ডগোল হয়েছে বোঝার জন্যে।
: নিচে একটা ট্রাক্টর আছে। তাতে কয়েকজন তিব্বতী লোক বাধা অবস্থায় পড়ে আছে। অজ্ঞান। উপরে আন তাড়াতাড়ি। পারবে?
: সহজেই।
রেহানা নারী বটে, কিন্তু যে কোনো স্বাস্থ্যবান পুরুষের চেয়ে তার দৈহিক শক্তি বেশী বৈ কম নয়। বন্দী কজনকে রপ্তে রপ্তে উপরে তুলে আনা ওর পক্ষে তেমন উল্লেখযোগ্য কাজ নয়। লৌহমানব ইমতিয়াজ, এবং তার সাথীদের সাথে নিজেকে পুরোপুরি মিলিয়ে নিয়ে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে সদলবলে ভ্রমন করছে সেও। কোনো কাজই তার জন্যে অসম্ভব বলে মনে হয় না। রোমাঞ্চকর তার জীবন। এ জীবনে কত ভয়ানক কাজ তাকে করতে হয়েছে তার কোনো ইয়ত্তা নেই। লৌহমানবের মুখের কথা খসতেই ছুটল সে দরজার দিকে। লৌহমানব সাবধান করে দিয়ে বলল : খবরদার! ওদের বাঁধন খুলো না কিন্তু!
একটু অবাক হলো রেহানা। কিন্তু না দাঁড়িয়ে নেমে গেল সে নিচে। দুজন দুজন করে দুবারে বন্দীগুলোকে উপরে তুলে আনল সে খানিকক্ষণের মধ্যে। পাশের একটা ঘরে সবকটাকে রেখে ফিরে এল সে লৌহমানবের কাছে। আতঙ্ক এবং বিস্ময় দেখা যাচ্ছে তার চোখে মুখে। তিব্বতী বন্দীগুলো জ্ঞান ফিরে পেয়েছে। কিন্তু মাথা ঠিক নেই একজনেরও। জাহেদ ও জিপ্পির যে অবস্থা হয়েছে তাদেরও ঐ একই অবস্থা। রেহানা কোনো প্রশ্ন না করে চুপচাপ দাঁড়িয়ে রইল পাশে। লৌহমানব নিজের কাজ করছে। কোনো দিকে মনোযোগ নেই।
সময় গড়িয়ে চলল। অবশেষে হাতের কাজ সেরে লৌহমানব ইমতিয়াজ তাকাল রেহানার দিকে। রেহানা শ্বাস বন্ধ করে উত্তেজিত গলায় জানতে চাইল এতোক্ষণ পর : এসব কি ব্যাপার, ইমতিয়াজ!
: জাহেদ, জিপ্পি আর তিব্বতী বন্দীগুলোর নার্ভ ও ব্রেনের কেন্দ্র ভাগ পুরোপুরি অসাড় হয়ে গেছে।
: ওরা নিজেদের বুদ্ধি ব্যবহার করতে পারছে না, এই বলতে চাও?
: ঠিক তাই। ওরা শুধু মাংস আর হাড় সর্বস্ব হয়ে বেঁচে আছে। চিন্তা শক্তি, অনুভর শক্তি ইত্যাদি হারিয়েছে। ফলে দৈহিক ভাবেও অচল হয়ে গেছে ওরা।
: তুমি কি বলতে চাইছ, ওদের ব্রেন বাতিল হয়ে গেছে একেবারে?
প্রথমে কোনো উত্তর দিল না লৌহমানব। তারপর বলল: বাতিল হয়ে গেছে কিনা একথা আমাকে জিজ্ঞেস করো না, উত্তর দিতে পারব না।
: এমন আজগবি কথা জীবনে কখনো শুনি নি—ব্রেন আবার কাজ বন্ধ করবে কেন?
: তুমি একা নও, এরকম ব্যাপার আর কেউ শোনে নি।
রেহানা দুপা সামনে বেড়ে জিপ্পি ও জাহেদের দিকে বিস্ফারিত নেত্রে তাকিয়ে থেকে বলল : বেঁচে আছে—কিন্তু জীবন্ত মরা মানুষ! কিভাবে এ হাল হলো ওদের!
লৌহমানব জিপ্পি ও জাহেদের বাহুতে দুটো ইঞ্জেকশান দিল। তারপর বলল : ওরা ঘুমোবে এখন। হ্যাঁ, কি যেন বলছিলে তুমি?
রেহানা তার প্রশ্নটা আবার করল। লৌহমানব দ্রুত অথচ পুংখানুপুংখ ভাবে যা যা ঘটেছে বলে গেল ওকে। দুমিনিটের মধ্যেই সব বুঝতে পারল রেহানা।
: কিন্তু নীল আলো আর তা থেকে উত্থিত শব্দটা আসলে কি?
জিজ্ঞেস করল রেহানা চোখ বড় বড় করে। লৌহমানব বলল : জিনিসটা কি তা আমি এখনো জানি না। তবে ভয়ানক রহস্যময় জিনিস। এবং প্রচণ্ড ক্ষমতাশালী। আমার জীবনে এমন রহস্য খুব বেশী দেখা দেয় নি। আর একটা কথা, এর পিছনে লাগব আমরা। এর রহস্য উদঘাটন না করলে চলবে না।
রেহানা জিজ্ঞেস করল: কিন্তু নীল বস্তুটা তোমার কোনো ক্ষতি করে নি কেন?
: আমি আশ্রয় নিয়েছিলাম দূরে। পাহাড়ের একটা গর্তে। মাথার উপর নীল বস্তুটা আসার আগে যদি না আশ্রয় নিতাম, তাহলে আমারও ঐ হাল হতো।
কথা শেষ হতেই পাশের ঘরে ফোন বেজে উঠল। রেহানা গিয়ে ধরল ফোন। দুমিনিট পরই ফিরে এল সে। ভীত গলায় ঘোষণা করল : ইমতিয়াজ! আমাদের প্লেন জ্বালিয়ে ছাই করে দিয়েছে কারা যেন!
জিপ্পির পাল্স পরীক্ষা করছিল লৌহমানব ইমতিয়াজ। রেহানার কথা শুনে ঝট্ করে মুখ তুলে তাকাল তার দিকে। তারপর অস্বাভাবিক গম্ভীর কণ্ঠস্বর গম গম করে উঠল তার: কি ভাবে, কারা, কেন জ্বালিয়েছে আমাদের প্লেন?
রেহানা বলতে শুরু করল : এরোড্রাম থেকে ফোন এসেছে। এরোড্রামের কর্মকর্তাদের কথা অনুযায়ী—হঠাৎ একটা গাড়ী এরোড্রামের ভিতর ঢুকে পড়েছিল। গাড়ীতে প্যাসেঞ্জার ছিল একজন। আর একজন ড্রাইভার। প্যাসেঞ্জারটা প্লেনের কাছে গিয়ে দাঁড়ায় গাড়ী থেকে নেমে। তারপর হঠাৎ কি একটা জিনিস প্লেনের গায়ে ছুড়ে মারতে আগুন লেগে যায়। লোকটা তারপর গাড়ীতে উঠে বসে। তার হাতে পিস্তল ছিল। কোনো কর্মচারী তাকে বাধা দিতে পারে নি। লোকটা গাড়ীতে বসতেই ড্রাইভার জোরে গাড়ী চালিয়ে দেয়। তারপর আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না সেই গাড়ীটার। পুলিশ খুঁজছে। এদিকে আমাদের প্লেনের আগুন নেভাবার তোড়জোড় শুরু হয়েছিল যথাযথ, কিন্তু দেখতে দেখতে ফুয়েল ট্যাঙ্কেও আগুন ধরে যায়। সম্পূর্ণ ছাই হয়ে গেছে। ওরা জানাল, যে লোকটা আগুনে বোমা মেরেছে প্লেনে সে একজন তিব্বতী বলে ওদের সন্দেহ হয়েছে।
মনোযোগ দিয়ে সব শুনল লৌহমানব। রেহানা প্রশ্ন করল : এর কি অর্থ ইমতিয়াজ? কে আমাদের প্লেন পোড়াতে পারে এখানে?
উত্তর না দিয়ে পাশের ঘরে চলে গেল লৌহমানব। একটু পরই ফিরে এল একটা ফোন করে। রেহানাকে বলল : যারা আমাদের প্লেন পুড়িয়েছে তাদের দুটো উদ্দেশ্য থাকতে পারে। একটা হচ্ছে—যে কোনো কারণেই হোক কেউ বা কোনো দল চাইছে আমরা চিলি ছেড়ে যেন কোথাও যেতে না পারি। প্লেন ছাড়া যাওয়া সম্ভব নয়, তাদের ধারণা। তাই ও কাজ করেছে। আর একটা উদ্দেশ্য হতে পারে—যে কোনো কারণেই হোক কেউ বা কোনো দল চাইছে আমরা উত্তর দিকে যাত্রা শুরু করি।
: তোমার এ ধারণার কারণ কি ইমতিয়াজ?
: একটা ট্রাভেল এজেন্সীর সাথে ফোনে আলাপ করলাম। তারা জানাল ‘চিলিয়ান সিনোরিটা’ নামে একটা স্টিমার বন্দরে নোঙর করা আছে। দ্রুতগতি সম্পন্ন। উত্তরদিকে যাবার জন্যে প্যাসেঞ্জার সমেত অপেক্ষা করে আছে। আমার দ্বিতীয় ধারণা যদি সত্যি হয় প্লেন জ্বালিয়ে দেবার ব্যাপারে, তাহলে মনে করতে হবে শত্রুদল চাইছে এই স্টিমারে করেই যাত্রা শুরু করি আমরা। রেহানা, তুমি ‘চিলিয়ান সিনোরিটা’কে পরীক্ষা করার জন্যে যাবে।
রেহানা মাথা নেড়ে সম্মতি জানাল। লৌহমানব ইমতিয়াজ আবার বলল : আরো একটা কাজ আছে তোমার।
: বলো।
: নিউইয়র্কে একটা ফোন করতে হবে। লোকাল ফোন অফিস থেকে কাজটা সারতে হবে তোমাকে। অফিসটা সামনেই। আমেরিকান সোসাইটি অব ফিজিক্যাল সাইন্টিস্টস-এর হেডকোয়ার্টারে ফোনটা করতে হবে তোমাকে।
: কারণ?
লৌহমানব একমুহূর্ত চিন্তা করে বলল : খোঁজ নেবে প্রফেসর বার্নাড ম্যালামুড বর্তমানে কোথায় আছেন। প্রফেসরের ব্যক্তিগত জীবনে কোন রহস্য ছিল কিনা জানার চেষ্টা করবে। কিম্বা তাঁর চালচলনে, কর্মে, চিন্তা ভাবনায় কোনো রহস্যময়তা ছিল কিনা। এবং তাঁর মেয়ে মিস লুসি ম্যালামুড সম্পর্কে যা জানা সম্ভব জেনে নেবে।
: প্রফেসর ম্যালামুড কে?
: একজন এ্যাসট্রোনোমার। জ্যোতিষ্কজগৎ সম্পর্কে তাঁর মতো গভীর জ্ঞান পৃথিবীর আর কারো আছে কিনা সন্দেহ। আমার সাথে তাঁর পরিচয় নেই, কিন্তু তাঁর মূল্যবান সব বইয়ের সাথে পরিচয় আছে।
রেহানা জানতে চাইল : প্রফেসর ম্যালামুড এ ব্যাপারে আসছে কিভাবে?
: লুসি ম্যালামুড রহস্যময় কিছু বলবার জন্যে হাসপাতালের মাঠে জিপ্পি ও জাহেদকে কথা দিয়েছিল। শেষ অবধি সবটা বলতে পারেনি সে। ‘নীল উল্কা’ এই শব্দটা বের হয়েছিল তার মুখ দিয়ে। লুসির বাবা যখন উল্কা গ্রহ নক্ষত্র ইত্যাদি সম্পর্কে পণ্ডিত তখন লুসির মুখনিঃসৃত নীল উল্কা শব্দটার সাথে কোনো যোগাযোগ থাকলেও থাকতে পারেন।
রেহানা অবাক হয়ে বলল : মিস লুসিকে তুমি চিনতে?
: না, কখনো দেখি নি আগে।
কথাটা বলে লৌহমানব পকেট থেকে বায়নোকুলার বের করে রাখল সামনে। রেহানা বুঝল এবার ব্যাপারটা। জিপ্পি ও জাহেদের সাথে লুসি যা যা কথা বলেছিল তার সবই জেনে ফেলেছে লৌহমানব ইমতিয়াজ। সঙ্গে ওর বায়নোকুলার ছিল। এবং রেহানা জানে ইমতিয়াজ একজন লিপ-রীডার অর্থাৎ ঠোঁট নাড়া দেখেই সে বুঝে ফেলে কে কি বলছে। রেহানার আর কিছু জানার ছিল না। লৌহমানব বলল : দুটো কাজ তুমি একসাথে করতে যেও না। ফোন তুমি কাছাকাছি থেকেই করতে পারবে। খবরটা দিয়ে যাবে আমাকে। তারপর যাবে ‘চিলিয়ান সিনোরিটা’কে পরীক্ষা করতে।
: যথা আজ্ঞা।
দ্রুত বের হয়ে গেল রেহানা স্কার্ফটা ভালকরে গায়ে জড়িয়ে নিয়ে।
দশমিনিট পরই খবর নিয়ে ফিরে এলো রেহানা। মুখ তুলে তাকাল লৌহমানব জাহেদ ও জিপ্পির দিক থেকে। রেহানা বলল : প্রফেসর বার্নাড ম্যালামুড তিব্বতে গেছেন সে বেশ অনেকদিন হলো। রহস্যময় নীল উল্কার রহস্য ভেদ করার জন্যে।
মাথা নাড়ল লৌহমানব ইমতিয়াজ। সে যেন আশা করেছিল এরকম একটা কিছু। রেহানা আবার শুরু করল : প্রফেসর ম্যালামুড মহাশূন্যের বিভিন্ন ধাচের উল্কা, উল্কাপিণ্ড সম্পর্কে পড়াশোনা করেছেন। এ ব্যাপারে জীবিত বিজ্ঞানীদের মধ্যে তিনি একজন মহাপণ্ডিত ব্যক্তি। তিব্বতে পতিত একটা ভয়াবহ নীল উল্কা সম্পর্কে গবেষণা করার জন্যে তাঁকে পাঠানো হয়েছিল সেখানে। সঙ্গে ফটোগ্রাফার হিসেবে ছিল তাঁর মেয়ে মিস লুসি।
রেহানা একটু থেমে বলল : প্রফেসর ম্যালামুড তিব্বতে নিখোঁজ হয়েছেন। কোনো খবর পাওয়া যাচ্ছে না তাঁর বহুদিন থেকে।
: নিখোঁজ হয়েছেন!
রেহানা বলল: হ্যাঁ। যে প্রতিষ্ঠান প্রফেসরকে পাঠিয়েছিল তাদের এই ধারণা। এবং আর একটা উল্লেখযোগ্য খবর হচ্ছে এই যে প্রতিষ্ঠানটি প্রফেসর ম্যালামুড সম্পর্কে একটা অনুসন্ধান পরিচালনা করতে চায়। তাদের ধারণা প্রফেসর ম্যালামুড জীবিত আছেন। এর বেশী তারা কিছু বলতে চায় না। তবে আমার মনে হচ্ছে প্রতিষ্ঠানটি প্রফেসরের নিখোঁজ সম্পর্কে সন্দেহ পোষণ করে। তারা আগামী দু’একদিনের মধ্যেই তোমার সাথে যোগাযোগ করতো এ ব্যাপারে। আমি ফোন করাতে তাদের উদ্দেশ্য সব খুলে বলল আমাকে। ওরা চায় তুমি প্রফেসর ম্যালামুড সম্পর্কে যে রহস্যময়তার সৃষ্টি হয়েছে তার সমাধান করো।
: নিখোঁজ হবার আগে প্রফেসরের সর্বশেষ খবর কিছু জানতে পেরেছ?
: রাজধানী লাশা থেকে মরুভূমির দিকে যাত্রা আরম্ভ করে তারা। এরপর কেউ কিছু বলতে পারে না তাদের সম্পর্কে।
: তার মানে নীল উল্কা মহাশূন্য থেকে এসে পড়েছিল ঐ মরুভূমিতে?
: হ্যাঁ। তবে প্রতিষ্ঠানটি নীল উল্কা সম্পর্কে বিশেষ কিছু জানাতে পারে নি আমাকে। ওদের কথা হচ্ছে এই যে, নীল উল্কা সম্পর্কে বিশ্বস্ত কোনো প্রমাণ তাদের কাছে নেই। বহুল প্রচারিত গুজবের মতো দিকে দিকে ছড়িয়ে পড়েছিল এই নীল উল্কার অলৌকিক কাহিনী। গুজব ছড়ায়—তিব্বতের কোনো এক অংশে একটা নীল রঙের উল্কা আঘাত হেনেছিল। সে বেশ কয়েক বছর আগে। তিব্বতের সর্বত্র ভৌতিক গাল গল্প ছড়িয়ে পড়েছে তারপর থেকে নীল উল্কা মাটিতে পড়ার সময় নাকি হাজার হাজার মানুষের মাথার সমস্ত কাজ করার ক্ষমতা নষ্ট হয়ে গিয়েছিলো।
রেহানার কথা শুনে লৌহমানব ইমতিয়াজ বলে উঠল : জিপ্পি আর জাহেদের অবস্থা দেখে ধারণা করা যায় ভৌতিক গাল গল্প গুলো নেহায়েত মিথ্যে নয়।
রেহানা শেষ বারের মতো আর একটা কথা বলল : তিব্বতের বহুভীত লোকের ধারণা মাঝে মাঝে এই নীল উল্কা মাটি থেকে আকাশের পানে তার আলোর খানিকটা অংশ নিক্ষিপ্ত করে। পাপী লোকদেরকে শায়েস্তা করার জন্যেই নাকি নীল উল্কা পৃথিবীতে নেমে এসেছে।
লৌহমানব শেষবারের মতো জিজ্ঞেস করল : প্রফেসর ম্যালামুড় নিখোঁজ হয়েছেন একথা প্রতিষ্ঠানটি জানল কি ভাবে?
রেহানা বলল : প্রফেসরের মেয়ে মিস লুসি টেলিগ্রাম করে জানিয়েছিল খবরটা। মিস লুসিকে নিউইয়র্কে ফিরে আসতে লিখেছিল ওরা। কিন্তু সে ফিরে আসে নি। এবং তারও কোনো খবর জানা নেই ওদের।
লৌহমানব বলল : ঠিক আছে। পরে আরো তথ্য সংগ্রহের চেষ্টা করব। তুমি এখন যেতে পার ‘চিলিয়ান সিনোরিটা’র খবর নিতে।
রেহানা দ্রুত পদে ঘর থেকে বেরিয়ে গেল।
রেহানা যাবার দশ মিনিট পর ফোন এল একটা। হোটেলের ম্যানেজার ফোন করেছেন। লৌহমানব ফোন ধরল।
: লোবা মাম্ নামে একজন লোক আপনার সাথে দেখা করতে চায়, স্যার!
ম্যানেজার বলল নিচে থেকে। লৌহমানবকে স্থির-অবিচল দেখাল। দ্রুত চিন্তা করছে সে। জাহেদ ও জিপ্পির সাথে মিস লুসি যখন কথা বলছিল তখন এই লোবা মাম্ ছিল জিপ্পিদের পিছনে। লুসি লোকটাকে দেখে ভয়ে অনেকটা অজ্ঞান হয়ে গিয়েছিল। লুসি লোবা মাম্ বলে আর্ত চিৎকার করে উঠেছিল। মৃদু একটু সুক্ষ্ম হাসি ফুটল লৌহমানবের ঠোটে। তারপর ফোনের মাধ্যমে ম্যানেজারকে জানাল : উপরে পাঠিয়ে দিন লোবা মাম্কে।
আধ মিনিটের মধ্যে দাঁত বের করে হাসতে হাসতে খোলা দরজার সামনে লোকটা এসে দাড়াল।
: আপনার নাম লোবা মাম্? তিব্বতী?
লোকটাকে সময় না দিয়ে জিজ্ঞেস করল লৌহমানব। লোবা মাম্ একটুও না ঘাবড়ে সেই রকম দাত বের করে হাসতে হাসতে বলল : ইয়েস, স্যার! আপনার দেখা এতো সহজেই পেয়ে যাব ভাবি নি। আপনার মতো মহান ব্যক্তির সাথে ইচ্ছে করলেই কোনো অপরিচিত লোক দেখা করতে পারে না বলেই ধারণা করেছিলাম।
ঘরের ভিতর পা দিয়ে সামনে এগোল লোবা মাম্। হাতটা বাড়িয়ে দিল সে লৌহমানবের দিকে। করমর্দন করার আগ্রহ না দেখিয়ে একটা চেয়ার দেখিয়ে দিয়ে লৌহমানব বলল : বসুন। বলুন, কি কাজের জন্যে এসেছেন আপনি আমার কাছে।
চেয়ারে বসল লোবা মাম্ হাসতে হাসতে। তারপর বলল : কাজেই এসেছি—খুব জরুরী কাজে। আপনার কাছে আসার কারণ হলো—শুনেছি মানুষ বিপদে পড়লে বিপদ থেকে তাদেরকে মুক্ত করার জন্যে প্রাণ মন সপে দেন আপনি এবং আপনার মহান দল। কথাটা কি ঠিক?
: সম্ভবতঃ। কিন্তু আপনি কি কোন বিপদে পড়েছেন?
: বিপদ বলে বিপদ—হাজার হাজার মানুষের জান নিয়ে বিপদ আসলে আমি একা কোনো বিপদে পড়ি নি। হাজার হাজার মানুষ ভুগছে সেই অশুভ বিপদে!
আমার সময় অল্প। আপনি আরো খোলাখুলি কথা বলবার চেষ্টা করুন।
লৌহমানব স্বভাবসিদ্ধ কণ্ঠে কথাটা বলল লোবা মাম্কে। লোবা মাম্ একটু চিন্তা করে জিজ্ঞেস করল: আপনি কখনো ‘মা-গামা’-র নাম শুনেছেন কি?
: মা-গামা?
ঐ নামের কাউকে চিনতে না পেরে নামটা উচ্চারণ করল লৌহমানব!!
: শয়তানরূপী মা-গামার নাম শোনেন নি কখনো?
: না। শুনি নি।
লোবা মাম্ বড় বড় চোখ করে, হাত পা নেড়ে, আতঙ্কের ভাব ফুটিয়ে বলতে শুরু করল : পৃথিবীর সবচেয়ে বড় পাপী সে। তার মতো হিংস্র প্রাণী পৃথিবীতে কখনো জন্ম গ্রহণ করে নি। কিন্তু পৃথিবীবাসী তার খবর এখনো জানে না। কেননা, তিব্বতের ভয়ানক দুর্গম একটা অঞ্চলে সে এবং তার এক হাজার অনুচর প্রভূত্ব করে আসছে বহুদিন থেকে। তবে তাকে এবং তার দলকে এই মুহূর্তে ধ্বংস করতে না পারলে পৃথিবীর সব লোক তার কথা জানবে। তখন আর তাকে সামলাবার কোনো উপায় থাকবে না। পৃথিবী থাকবে তখন তার হাতের মুঠোয়। সে হবে এই পৃথিবীর একমাত্র শাসক। একমাত্র বিচারক।
: আমি যা জানতে চাই তা হলো এই যে, মা-গামা লোকট আসলে কে?
: লোকটার নামই কেবল লোকমুখে শোনা যায়। কেউ তার আসল পরিচয় জানে না। তার কাছে কল্পনার অতীত একটা অস্ত্র আছে—অস্ত্রটা অলৌকিক ক্ষমতাসম্পন্ন! কেউ জানে না যে অস্ত্রটা আসলে কি। লোকে বলে নীল উল্কা!
লৌহমানব এগিয়ে গিয়ে পাশের ঘরের দরজাটা ঠেলে খুলে দিয়ে জাহেদ ও জিপ্পির দিকে অঙ্গুলি নির্দেশ করে লোবা মাম্কে জিজ্ঞেস করল : নীল উল্কা কি মানুষকে ঐ রকমভাবে কাবু করে?
লোবা মাম্ চেয়ার ছেড়ে দরজাটার সামনে এসে ভিতরে উকি মারল। অকস্মাৎ কাঁদ কাঁদ হয়ে উঠল তার মুখের চেহারা। লৌহমানব তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল। লোবা মাম্কে দেখে মনে হচ্ছিল গলা শুকিয়ে গেছে তার হঠাৎ। ঢোক গিলছে ঘন ঘন। বিস্ময়ে বিস্ফারিত হয়ে গেছে চোখের পাতা। পাঁ কাপছে। ভয়ে, আতঙ্কে সে যেন এখুনি কেঁদে ফেলবে। তারপর হঠাৎ ককিয়ে উঠল লৌহমানবের দিকে চোখ রেখে : মা-গামার নীল উল্কা এই চিলিতেও দেখা দিয়েছে—হায় বুদ্ধ!
লৌহমানব সে কথায় কান না দিয়ে জিজ্ঞেস করল : নীল উল্কার প্রভাবে কি মানুষের মাথা সম্পূর্ণ নষ্ট হয়ে যায়?
: জানি না! নীল উল্কা ভয়ঙ্কর জিনিস!
: নীল উল্কা আসলে কতটুকু ক্ষতি করে মানুষের?
লোবা মাম্ বলল : কোনো লোকেরই ধারণা নেই সে সম্পর্কে।
: নীল উল্কা দ্বারা যারা আক্রান্ত হয় তারা কি আর কখনো ভাল হয় না?
: কখনো হয়, কখনো হয় না। এটা নির্ভর করে নীল উল্কা কত কাছাকাছি থেকে আক্রমণ করেছে লোকগুলোকে তার উপর।
খানিক চিন্তা করে লৌহমানব জিজ্ঞেস করল : আপনি তিব্বত থেকে এসেছেন আমার কাছে যাতে আমি মা-গামাকে শায়েস্তা করতে রাজী হই?
: ঠিক ধরেছেন, স্যার। আমি এসেছি তিব্বত সরকারের অনুমতিবনিয়ে। সরকারই আমার যাওয়া-আসার যাবতীয় খরচ বহন করছে।
লৌহমানব লোবা মামে্র দিকে তাকিয়ে রইল কয়েক মুহূর্ত ধরে। লোবা মাম্কে সম্পূর্ণ বিশ্বাস করা যায় না। এমন ধুরন্ধর লোকের সংস্পর্শে লৌহমানব বেশ কিছু দিনের মধ্যে আসে নি। লোবা মাম্ সম্পর্কে লুসির ব্যবহার দেখেই বোঝা যায় লোকটার মধ্যে অনেক গলদ আছে। লৌহমানব হঠাৎ প্রশ্ন করল : যুবতীটি কে—লুসি ম্যালামুড?
উত্তরটা যেন ঠোঁটের ডগায় লটকে রেখেছিল লোবা। সাঁথে সাথে বলে উঠল সে : মিস্ লুসি ব্যক্তিগতভাবে আপনার সাহায্য চাইবার জন্যে তিব্বত থেকে এখানে এসেছে।
: কেন, কি ব্যাপারে সাহায্য দরকার তার?
লোবা বলল : কোনো ধারণা নেই আমার ও ব্যাপারে।
: কিন্তু লুসি আপনাকে দেখে ভয় পেয়েছিল—কেন?
একটুও না ঘাবড়ে উত্তর দিল লোবা মাম্ : আমার সম্পর্কে মিথ্যে একটা ধারণা আছে তার। তার ধারণা আমি মা-গামার লোক। এবং মা-গামা আমাকে পাঠিয়েছে তাকে আপনার সাহায্য চাইবার কাজে বাধা দিতে। স্রেফ ভুল করেছে মেয়েটা!
লৌহমানবকে দেখে মনে হচ্ছিল সে লোবা মামে্রে সব কথা বিশ্বাস করছে। কিন্তু আসলে তা নয়। লোবা মাম্ যে অনেক মিথ্যে কথা বলছে তা সে ধরে ফেলেছে। তবে তার কোন্ কথাটা সত্য আর কোন্টা মিথ্যা তা বোঝা দুঃসাধ্য। লোবা মাম্ মিথ্যে বলার ব্যাপারে একটা জিনিয়াস তাতে কোনো সন্দেহ নেই। লৌহমানব সরল ভাবে জানতে চাইল : কিন্তু তিব্বত সরকার একদল সৈন্য পাঠিয়েই তো কাবু করতে পারে মা-গামাকে। এভাবেই তো নিশ্চিহ্ন করা হয় এসব অশুভ শক্তিকে। আমার সাহায্যের দরকারটা কোথায়?
লোবা মাম্ বলল : কিন্তু সৈন্যরা কাকে খতম করতে যাবে? কেউ কি দেখেছে নাকি মা গামাকে? মা-গামা ঠিক মরীচিকার মতো! নীল উল্কার কবলে পড়ে যারা ভুগছে তারা ছাড়া কেউ বিশ্বাস করে না মা-গামার ক্ষমতা সম্পর্কে। আসল কথা তিব্বত সরকার এখন পর্যন্ত জানে না যে মা-গামা কে।
বেশ খানিকক্ষণ কি যেন ভাবল লৌহমানব তারপর বলল : এ ব্যাপারে আমি চিন্তাভাবনা করে দেখতে চাই। আপনি যদি আপনার ঠিকানা দিয়ে যান তাহলে আমার সিদ্ধান্ত জানিয়ে দেব সেখানে।
: কতক্ষণ লাগবে আপনার সিদ্ধান্ত নিতে?
লোবা মাম্ জিজ্ঞেস করল ঠিকানা দেবার কথাটা এড়িয়ে গিয়ে। জানালা দিয়ে বাইরের দিকে তাকাল লৌহমানব। সূর্য ডুবে গেছে দূরবর্তী পাহাড়ের আড়ালে। আর কুড়ি মিনিটের মধ্যেই নেমে আসবে অন্ধকার। লোবাকে উদ্দেশ্য করে বলল লৌহমানব : মাঝরাতের আগেই জানাতে পারব আমার সিদ্ধান্ত।
: ভাল কথা।
দরজার দিকে পা বাড়িয়ে বলল লোবা মাম্ : মাঝরাতে আমি যোগাযোগ করব আপনার সাথে। চলি, দেখা হবে আবার।
ঘর ছেড়ে বের হয়ে গেল লোবা মাম্। সিড়ির কাছে গিয়ে নিজেই নিজের বুক চাপড়ে চাপা উৎফুল কণ্ঠে বলে উঠল : আমার মতো কুটিলচালে হারামী মিথ্যেবাদী দুনিয়ায় দুটো নেই— হু হু!
লোবা মাম্ ভেবেছে লৌহমানব ইমতিয়াজ তার সব কথা বিশ্বাস করেছে অকপটে।
সাত
লোবা মাম্ ঘর ছেড়ে চলে যেতেই লৌহমানব করিডোরে একটা দাগ কাটল। দাগটা দেখতে অনেকটা সরলরেখার মতো। ঘড়ি দেখল লৌহমানব। সন্ধ্যা ছটা। রেহানা ‘চিলিয়ান সিনোরিটা’র খবর নিয়ে ফিরে আসে নি এখনও। দেরী হচ্ছে তার একটু বেশী। ঘরের বাইরে খড়ি মাটি দিয়ে সরল রেখা আঁকার কারণ আছে একটা। লৌহমানব যে কোনো জরুরী কাজে বাইরে গেছে এটা তার নিশানা। রেহানা দাগটা দেখেই বুঝতে পারবে। ঘরের ভিতর থেকে দরজা বন্ধ করে দিল লৌহমানব ইমতিয়াজ। দুটো ঘর পেরিয়ে একটা জানালার সামনে গিয়ে দাড়াল। স্ক্রু খুলে ফেলে গ্রিল উঠিয়ে গলে গেল জানালা দিয়ে। জানালার কার্ণিশে পা রেখে দুহাত দূরের পানির পাইপ ধরে ফেলল লৌহমানব। তারপর পা সরিয়ে নিয়ে এল কার্ণিশ থেকে। নিচের দিকে তাকিয়ে দেখল। নিচে হোটেলের বেয়ারাদের কোয়ার্টারের ছাদ। সড়সড় করে পানির পাইপ বেয়ে ছাদের উপর নামল লৌহমানব। ছাদ থেকে সোজা লাফ দিল সরু একটা আবর্জনাময় গলিতে। গলি থেকে দ্রুত বের হয়ে এল বড় রাস্তায়। হোটেলের সম্মুখ দিকে পৌঁছুতে চায় না লৌহমানব।
লোবা মাম্ হোটেলের সিঁড়ি বেয়ে নামার আগেই লৌহমানব সামনেকার রাস্তার অপর পারে এসে পৌঁছল। ফিরিওয়ালারা ফুটপাতের উপর দোকান সাজিয়ে কাগজের ফুল বিক্রি করছে। লৌহমানব কাগজের ফুলের আড়ালে গা ঢাকা দিয়ে হোটেলের দিকে তাকিয়ে রইল। হোটেলের সামনে অনেকগুলো গাড়ী পার্ক করা দেখা যাচ্ছে। প্রতিটি গাড়ীর দিকে একবার করে তাকিয়ে নিল লৌহমানব। একটু পরই দেখা গেল লোবা মাম্ বের হয়ে আসছে হোটেলের ভিতর থেকে।
হোটেল থেকে বেরিয়ে সোজা একটা গাড়ীর কাছে এসে দাঁড়াল লোবা মাম্। গাড়ীর দরজা খুলে ভিতরে ঢুকল সে। স্টার্ট নেবার শব্দ শোনা গেল। পৌহমানব রাস্তা টপকে পার্ক করা অনেকগুলো গাড়ীর মধ্যে একটি ফক্সওয়াগেনের সামনে গিয়ে দাড়িয়ে পড়ল। এদিকে লোবা মাম্ গাড়ী ছেড়ে দিয়েছে। নাম্বার প্লেটটা দেখে নিল লৌহমানব। তারপর ফক্সওয়াগেনের দরজা খুলে ফেলল টান দিয়ে। গাড়ীটা স্টার্ট দেয়া অবস্থাতেই ছিল। লৌহমানব সেটা আগেই লক্ষ্য করেছিল। কিন্তু গাড়ীতে উঠতে গিয়েও উঠল না সে। লোবা মামে্র গাড়ী চলতে শুরু করেছিল ঠিকই। কিন্তু রাস্তা টপকে অপর পারের ফুটপাতের কাছে কাচ দিয়ে ঘেরা একটা পারলিক বুথের সামনে গাড়ী দাড় করিয়েছে সে। গাড়ী থেকে নেমে এগিয়ে যাচ্ছে সে বুথের দিকে। ফোন করবে বলে মনে হয়।
ফক্সওয়াগেনের কাছ থেকে সরে এসে সন্তর্পণে রাস্তা পেরোল লৌহমানব। লোবা মামে্র গাড়ীর কাছে এসে দাড়িয়ে একটুও দেরী না করে দরজা খুলে ফেলল। নিঃশব্দে গাড়ীর পিছনে উঠে পড়ে দরজাটা আবার যথাযথ বন্ধ করে দিল। তারপর ঝট করে পকেটে হাত ঢুকিয়ে ক্ষুদ্র একটা টর্চের মতো যন্ত্র বের করল। গাড়ীর জানালা দিয়ে পাবলিক বুথের কাচের দিকে যন্ত্রটার মুখ রাখল। বোতাম টিপে দিল একটা। উজ্জ্বল একটা আলোর বল টেলিফোন বুথের সামনে গিয়ে খেলা করতে লাগল। লোবা মামে্র ঠোঁটের নড়াচড়া দেখার জন্যেই আলোটা ফেলেছে লৌহমানব। ঠোঁটের নড়াচড়া দেখেই লোবা মামে্রে সব কথা জেনে নেবে সে।
নাম্বার ডায়াল করে লোবা মাম্ রিসিভার তুলে নিল মুখের সামনে। তারপর ঠোঁট নড়ে উঠতে দেখা গেল তার : কে, রাহু কথা বলছ?
ফোনের অপর প্রান্ত থেকে কথা বলছিল রাহুই। লোবা মাম্ জিজ্ঞেস করল : আমি চলে আসার পর আর কিছু ঘটেছে?
প্রশ্নটা করার পর কিছুক্ষণ চুপ করে রইল সে। অপর প্রান্তের বক্তব্য শেষ হতে সে উত্তেজিত কণ্ঠে বলল : তুমি বলছ লৌহমানবের দলের ডাইনী মেয়েটা ‘চিলিয়ান সিনোরিটা’ সম্পর্কে খোঁজ নিতে গিয়েছিল, এবং স্টিমারের লোকেরা তাকে বন্দী করে ফেলেছে?
আবার কিছুক্ষণ চুপ করে অপর প্রান্তের বক্তব্য শুনল লোবা তারপর বলল : চমৎকার! খুব কাজ করেছে দেখছি ওরা। ঠিক আছে, তুমি এখুনি চলে যাও ষ্টিমারে। দেখবে, ডাইনী যেন কোনোরকমে পালাতে না পারে। এখুনি আসছি আমি।
কথা শেষ করে রিসিভার রেখে দিতে গিয়েও রাখল না লোবা। কিছুক্ষণ কান পেতে শোনবার পর রাহুর উদ্দেশ্যে বলল : স্টিমারে যাবার কারণ আছে আমার। ডাইনীটা ওখানেই থাকুক। আমি একটা বুদ্ধি ঠাউরেছি—লৌহমানবের ঐ সঙ্গীনিটাকে নীল উল্কার সাথে পরিচয় করিয়ে দেব। হারামজাদী টের পাবে মজাটা। আরও একটা কাজ হবে তাতে। লৌহমানবকে তাড়াতাড়ি রাজী করানো যাবে আমার প্রস্তাবে। ডাইনীটাকে নীল উল্কার কবলে ফেলে ‘বুদ্ধিহীনা’ অবস্থায় দিয়ে আসব তাকে। নীল উল্কার ভয়াবহতা বুঝতে দেরী হবে না আর তার।
একটু চুপ করে আবার লোবা বলল : কেন, ডাইনীকে লৌহমানবের হাতে তুলে দিয়ে বলব—পাহাড়ে, বা সমুদ্রের তীরে এই অবস্থায় ওকে পড়ে থাকতে দেখে তুলে এনেছি।
কথাটা শেষ করে রিসিভার যথাস্থানে রেখে টেলিফোন বুথ থেকে বের হয়ে এলো লোবা মাম্। গাড়ীর ভিতর অবস্থানরত লৌহমানব ইমতিয়াজ তার হাতের যন্ত্রটা জানালার কাজ থেকে সরিয়ে নিয়ে ছিল কয়েক সেকেণ্ড আগেই। লোবা মামে্র সব কথা জেনে নিয়েছে সে। লোবাকে এগিয়ে আসতে দেখে অন্ধকার গাড়ীর পিছনের সিটে লুকিয়ে পড়ল সে তাড়াতাড়ি।
লোবা মাম্ আনন্দে শিস্ দিতে দিতে গাড়ীতে এসে চেপে বসল। পিছন দিকে ফিরেও তাকাল না সে। বুঝতে পারল না তার যম যাচ্ছে তারই সাথে। তবে গাড়ীটা যদি ঘোড়ার গাড়ী হতো এবং লোবা মাম্ হতো ঘোড়া তাহলে ঠিক টের পেত সে ব্যাপারটা। কেননা লৌহমানবের প্রকাণ্ড শরীরের ভারে ঘোড়া লোবা মাম্ কোনোমতেই টেনে নিয়ে যেতে পারতো না গাড়ী!
‘চিলিয়ান সিনোরিটা’ বড় কোনো জাহাজের মতো নয়। দেখতে বড়সড় একটা ইয়টের মতো। নতুন রঙ লাগানো হয়েছে। এর গতি অবশ্য খুব বেশী। লাইফবোট আছে স্টিমারটার পাশে। ক্ষুদ্র একটি লঞ্চও পাশে ভাসতে দেখা যাচ্ছে। স্টিমারটা নোঙর করা হয়েছে তীর থেকে খানিকটা দূরে। প্রায় মিনিট পাঁচেক দ্রুতগতিতে গাড়ী চালিয়ে সেই সমুদ্র তীরে পৌছল লোবা মাম্। গাড়ী থেকে নেমে পড়ল সে। অন্ধকার সমুদ্রতীর। পকেট থেকে একটা টর্চ বের করে দূরবর্তী স্টিমারের দিকে আলো ফেলে সিগন্যাল দিল সে। একটু পরই শোনা গেল একটা স্পীড বোটের গর্জন। লোবা মাম্কে নিয়ে যাবার জন্যে বোট আসছে।
খানিকক্ষণের মধ্যেই বোট তীরে ভিড়ল। বোটে দেখা গেল দুজন লোক। একজন ড্রাইভার। অন্যজন স্বয়ং ছোটো সর্দার রাহু। রাহুর মাথায় এখনও ব্যাণ্ডেজ বাঁধা রয়েছে। তবে অনেকটা সুস্থ হয়ে উঠেছে সে ইতিমধ্যে।
তীর থেকে লাফিয়ে বোটে চড়ে লোবা মাম্ রাহুকে জিজ্ঞেস করল : লৌহমানবের সঙ্গীনির খবর কি?
: খবর ভাল। বন্ধ করে হাতকড়া পরিয়ে রেখেছি। লুসি ম্যালামুডকে এনেছ এখানে?
: না। তাকে আমাদের আস্তানাতেই বন্দী করে রেখে এসেছি।
লোবা মাম্ জিজ্ঞেস করল: লঞ্চটার অবস্থা কি? এখুনি চালু করা যাবে?
: পানির মতো যাবে। কিন্তু সর্দার, তোমার প্ল্যানটা কি আসলে?
লোবা মাম্ বলল : আমার প্ল্যান জানতে চাও? বলতে গেলে আমার ফাঁদ অর্ধেকটা সফল হয়েছে। একদিক দিয়ে লৌহমানবকে বলেছি মা-গামাকে নিশ্চিহ্ন করার জন্যে আমি তার সাহায্য প্রার্থী। সব কথা বিশ্বাস করেছে সে। মাঝরাতে বলবে সাহায্য করবে কিনা। যদি রাজী না হয় তাহলেও কি করতে হবে ভেবে রেখেছি আমি।
: আমার মনে হয় মা-গামাকে ধ্বংস করতে রাজী নাও হতে পারে লৌহমানব।
: কেন! লৌহমানবের কাজই তো এই! এরকম বহু শক্তিশালী শত্রুকে নিশ্চিহ্ন করেছে সে। তাছাড়া রাজী না হলে জোর করে বা ফাঁদ পেতে তাকে রাজী করাতে হকে। এখন লৌহমানবের ঐ সঙ্গীনিটাকে বুদ্ধিহীনা করে দিচ্ছি নীল উল্কার সাহায্যে। লৌহমানব তার সঙ্গীনির হাল দেখে রাজী না হয়ে পারবে না নীল উল্কা এবং নীল উল্কার অধিকারী মা-গামাকে শায়েস্তা করতে।
বোট পৌছে গেল স্টিমারের গায়ে। দড়ির সিঁড়ি বেয়ে উপরে উঠতে শুরু করল লোবা মাম্। রাহু পিছন থেকে জিজ্ঞেস করল : কিন্তু লুসিকে এতদুর সঙ্গে করে নিয়ে আসার কোনো কারণ বুঝতে পারছি না আমি।
: কার্য উদ্ধার করার জন্যে যদি দরকার হয় লৌহমানবকে ওর সৌন্দর্য ও যৌবন দেখিয়ে লোভী করে তোলার জন্যে এনেছি ওকে।
রাহু বলল : কিন্তু লোকে বলে জ্ঞানী লোকেরা যৌবন বা যুবতী দেখে লোভে পড়ে না কখনো!
লোবা মাম্ খক্ খক্ করে হেসে বলল : কথাটা সত্যি হলে ধরে নিতে হবে পৃথিবীতে জ্ঞানী মানুষ একটাও নেই!
আট
ডেকে উঠতেই তিব্বতী একদল লোক নুয়ে পড়ে সালাম জানাল লোবা মাম্কে। ডেকে পা দিয়েই আদেশ জারী করল লোবা মাম্ : লঞ্চ তৈরী করো। তারপর আমাকে খবর দাও।
একজন ছুটল স্টিমারের গায়ে বাঁধা লঞ্চে নামার জন্যে। লোবা মাম্ তাকে থামিয়ে দিয়ে বলল : এই শোনো! লঞ্চের জ্বালানী এমন পরিমাণে রাখবে যাতে দেড় মাইলের বেশী না যায়। দেড় মাইল বা ঐ রকম দুরত্বে গিয়ে আপনা আপনি যেন বন্ধ হয়ে যায় স্টার্ট। লঞ্চে কোনো ড্রাইভার থাকবে না। বুঝেছ?
মাথা নেড়ে সায় দিয়ে আবার ছুটল লোকটা। পনের মিনিট পর লঞ্চ থেকে ফিরে এল সে। রাহুকে দেখে জিজ্ঞেস করল সে : বড় সর্দার কোথায়?
: রেডিওরুমে গেছে।
রেডিওরুমে কি কাজ করছিল লোবা মাম্ কে জানে, কিন্তু দরজা বন্ধ করে করছিল সে কাজটা। দশমিনিট পর দরজা খুলে বের হয়ে এল সে। এসেই হাঁক ছাড়ল : বন্দীনি রেহানা ডাইনীটাকে লঞ্চে ওঠাবার ব্যবস্থা কর—এখুনি!
দুজন ধূমসো ভূড়িওয়ালা একটা বন্ধ কেবিনের কাছে গিয়ে দাড়াল। চাবি দিয়ে দরজার তালা খুলে ভিতরে টর্চের আলো ফেলল। সেই আলোয় দেখা গেল কাঠের মেঝের উপর রেহানা পড়ে আছে। তার হাতে হাতকড়া। পায়ে দড়ি বাঁধা। রেহানা এসেছিল ‘চিলিয়ান সিনোরিটা’ সম্পর্কে খোঁজ খবর নিতে। সমুদ্র তীরে এসে দাড়িয়েছিল সে। কোথাও কিছু নেই, হঠাৎ একজন লোক পিছন থেকে রিভলভারের বাঁট দিয়ে ওর মাথায় আঘাত করল। আঘাতের ফলে জ্ঞান হারায় নি সে। তবে মাথায় ভীষণ যন্ত্রনা পেয়েছিল। এমন সময় বালিয়াড়ির আড়াল থেকে আরো কজন লোক এসে তাকে ঘিরে ফেলে। বাধ্য হয়েই বন্দীনি হতে তবে হয় তাকে। সেও কম ভোগায় নি ওদেরকে। দুজনের পেটে, একজনের কোমরে লাথি, দুজনের নাকে ঘুষি, আর একজনের চুলের মুঠি টেনে ধরে সে মেয়েছেলে হলেও শক্তি কম রাখে না বুঝিয়ে দিয়েছে।
বেঁধে ফেলে বোটে করে এই স্টিমারে আনা হয়েছে তাকে। তারপর হাতকড়া পরিয়ে দিয়ে এই আলো বাতাসহীন কেবিনে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিয়েছে। হাতকড়া একবার যদি ভেঙে ফেলতে পারতো রেহানা তাহলে সে দেখিয়ে দিত ওদেরকে মজাটা। কিন্তু বহু চেষ্টার পরও শক্ত মোটা লোহার হাতকড়া ভাঙতে পারে নি। চেষ্টা করার ফলে রক্তারক্তি কাণ্ড ঘটেছে কেবল। দুহাতের কব্জির কাছে লোহার বেড়ি চেপে বসে মাংস ভেদ করে হাড়ে গিয়ে ঠেকেছে। কাঠের মেঝেতে গড়িয়ে পড়েছে রক্ত কিন্তু তবু ভাঙে নি হাতকড়া।
ধুমসো ভূড়িওয়ালা দুজন রেহানাকে জোর করে ধরে বের করে আনল বন্ধ ঘর ডেকের উপর। কয়েকজন লোক মিলে রেহানাকে বন্ধীনি অবস্থাতেই নামিয়ে দিল লঞ্চে।
লঞ্চে রেহানা ছাড়া আর একজন রইল। লোকটা লঞ্চ চালিয়ে দিয়ে লাফ দিল পানিতে। লঞ্চ এগিয়ে চলল গভীর সমুদ্রের দিকে। রেহানা ছাড়া আর কেউ এখন নেই লঞ্চে। ব্যাপারটা কিছুই অনুমান করতে পারল না সে। কোথায় পাঠাচ্ছে শত্রুরা তাকে?
দরজা জানালা ভাঙা একটা কেবিনের ভিতর বসবার জন্যে লম্বা একটা বেঞ্চ। সেই বেঞ্চের তলা থেকে ধীরে ধীরে বের হয়ে এল একটা প্রকাণ্ড ছায়ামূর্তি। অন্ধকার কেবিনের ভিতর সিধে হয়ে উঠে দাড়াল ছায়ামূর্তি। রেহানা ছায়ামূর্তিটিকে দেখেই উৎফুল্ল কণ্ঠে বলে উঠল : ইমতিয়াজ!
লৌহমানব ইমতিয়াজ মৃদু হেসে বলল: চিন্তা করো না রেহানা, আমি তোমার বাধন খুলে দিচ্ছি।
রেহানার পায়ের বাধন খুলে দিল লৌহমানব। যে কোনো তালা সম্পর্কে লৌহমানবের জ্ঞান আছে। পকেট থেকে লম্বা একটা লৌহার স্ক্রু বের করে রেহানার হাতকড়ার তালাতে ঢুকিয়ে কায়দা মতো মোচড় দিতেই খুলে গেল। লৌহমানব বলল : একি করেছ রেহানা? দুটো হাতের কব্জিই যে আধ ইঞ্চি করে গর্ত করে ফেলেছ।
: তবু তো খুলতে পারি নি হাতকড়াটা।
ব্যথায় চোখ কুঁচকে বলল রেহানা। তারপর জিজ্ঞেস করল : তুমি এখানে এলে কেমন করে?
: লোবা মাম্কে অনুসরণ করে এসেছি। তার গাড়ীর পিছনে লুকিয়ে। ওদের কথা শুনে ফেলেছিলাম আমি। সাঁতার কেটে তাই আগেই এই লঞ্চে এসে উঠেছিলাম। আমি জানতাম তোমাকে এই লঞ্চে করে মাইলখানেক দূরে সরিয়ে দেবে ওরা।
: কারণ?
লৌহমানব বলল : কারণ হচ্ছে এই যে লোবা মাম্ তোমাকে নীল উল্কার ভয়াল যন্ত্রণা দিতে চায়। মাইলখানেক দূরের আকাশে নীল উল্কাকে দেখা যাবে। নিজেরা যাতে নীল উল্কার কবলে না পড়ে তার জন্যেই দুরে সরিয়ে দিচ্ছিল তোমাকে।
কথা বলতে বলতে কাচ ঘেরা কেবিনে ঢুকে পড়ল লৌহমানব। ওটা ইঞ্জিনরুম। একটু পরই বের হয়ে এল সে ইঞ্জিনরুম থেকে। স্টার্ট বন্ধ হয়ে গেছে। ধীরে ধীরে চলছে সেটা এখন। মোড় নিচ্ছে তীরের দিকে। লোবা মামে্র ‘চিলিয়ান সিনোরিটা’র কাছ থেকে খুব বেশী দূরে নয় লঞ্চটা। লঞ্চটা মোড় নিচ্ছে দেখে হৈ হৈ রৈ রৈ করে চিৎকার শুরু করে দিয়েছে স্টিমারের লোকগুলো।
: পাগলের মতো চেঁচাচ্ছে ওরা।
রেহানা বলল। লৌহমানব বলল : তা তো চেঁচাবেই। উদ্দেশ্য ওদের ব্যর্থ হতে চলেছে।
রেহানা জিজ্ঞেস করল: কিন্তু নীল উল্কা যে আকাশে উঠবে তা ওরা জানলো কিভাবে?
লৌহমানব বলল : লোবা মামে্র সাথে নীল উল্কার আবির্ভাবের কোনো না কোনো সম্পর্ক আছে। সম্ভবত রেডিওর মাধ্যমে নীল উল্কা আকাশে ছোড়ার নির্দেশ দিয়েছে সে। আমার যতদূর সন্দেহ সাত পাহাড়ের কোনো একটা পাহাড়ে লোবা মামে্র লোক আছে এই নীল উল্কা ছোড়ার জন্যে।
লৌহমানবের কথা শেষ হতেই আর্তকণ্ঠে চিৎকার করে উঠল রেহানা পূবদিকের আকাশে চোখ রেখে : ইমতিয়াজ! নীল উল্কা!
তীর বেগে ছুটে আসছে পূব আকাশের পথ বেয়ে মূর্তিমান ভীষণ বিভীষিকা! নীল আলোর আভা বিকিরণ করতে করতে ক্ষণে ক্ষণে উচ্চতর আকাশে উঠে আসছে রহস্যময় নীল উল্কা! উঠে আসছে, ক্রমশঃ উঠে আসছে লঞ্চের মাথার উপরে। মৃদু একটা ঝাঝালো বাঁশীর শব্দ কানে ঢুকছে। ক্ষণে ক্ষণে বাড়ছে সেই কাঁপা কাঁপা সর্বনেশে বাশীর মতো উগ্র শব্দটা। স্নান নীল আলো সমুদ্রে বিছিয়ে পড়েছে। মুহূর্তে মুহূর্তে নীল হয়ে উঠতে দেখা যাচ্ছে প্রশান্ত মহাসাগরের উত্থালপাথাল দিগন্তবিস্তৃত জলরাশি। সমুদ্র, বালুকাবেল। পাহাড়-পর্বত নীল রঙে ভিজিয়ে দিচ্ছে কে যেন।
তিন লাফে ইঞ্জিনরুমে গিয়ে ঢুকল লৌহমানব। স্টার্ট দিয়ে লঞ্চের মুখ পুরোপুরি ঘুরিয়ে দিল তীরের দিকে! সার্চ লাইট জ্বেলে তীরের দিকে ফেলল সে। কিন্তু সাথে সাথে আবার নিভিয়ে দিল সেটা। নীল উল্কার নীল আলোর অত্যুজ্জ্বল আলোয় সার্চ লাইটের আলোর কোনো প্রভাব দেখা গেল না। তাছাড়া নীল চাদর বিছানো, বালুকাময় তীর এমনিতে দেখা যাচ্ছে। ‘চিলিয়ান সিনোরিটা’র থেকে তিব্বতী শয়তানগুলো পাগলের মতো ছুটোছুটি শুরু করেছে। তাদের চিৎকারে নীল উল্কার উগ্র বাশীর মতো শব্দটাও যেন চাপা পড়ে যাচ্ছে। রেহানা দুহাতে মুখ ঢেকে লৌহমানবকে বলে উঠল : তুমি বলেছিলে মাইলখানেক দূরে দেখা দেবে নীল উল্কা। কিন্তু এযে দেখছি আমাদের মাথার উপর এসে দাড়িয়েছে!
: ভুল হয়ে গেছে ওদের হিসেবে।
দ্রুত কণ্ঠে উত্তর দিয়েই চিৎকার করে উঠল লৌহমানব : শুয়ে পড়ো রেহানা!
কারণ না জেনেই ডেকের উপর শুয়ে পড়ল রেহানা। সাথে সাথে শোনা গেল গুলির শব্দ। একঝাঁক তপ্ত শীসার গুলি উড়ে গেল ডেকের উপর দিয়ে। তারপর এক একবার শব্দ শোনা গেল রাইফেলের। ইঞ্জিনরুমের কাচ ঝাঝরা হয়ে গেল। আঁতকে উঠে কেবিনের দিকে তাকাল রেহানা। লৌহমানবকে দেখা যাচ্ছে না। লঞ্চের স্টার্ট বন্ধ হয়ে গেছে। তবে কি গুলি লেগেছে লৌহমানবের গায়ে?
চোখ মেলে রাখতে ব্যর্থ হলো রেহানা। উঠে দাঁড়াতেও সাহস পেল না। যদিও দাঁড়াতে গেলে পারতো না সে, পড়ে যেত টলতে টলতে। দুহাতে মুখ ঢেকে চোখ আড়াল করল রেহানা। নীল উল্কা সূর্যের মতো বড় একটা থালায় পরিণত হয়েছে ঠিক মাথার উপরে। প্রচণ্ড নীল উজ্জ্বল আলো বিচ্ছুরিত হচ্ছে। অন্ধ হয়ে যাচ্ছে যেন রেহানা। চোখ ঢেকে রেখেও যেন নিষ্কৃতি নেই তার। আর সেই সাথে তীক্ষ্ণ বাঁশীর শব্দটা একটানা উগ্রভাবে বাজছে। রেহানা ছটফট করতে শুরু করল ডেকের উপর।
অসহা! অসহ্য এই তীক্ষ্ণ বিকট শব্দ! রেহানা যেন পাগল হয়ে যাচ্ছে। কোনো শব্দ তার কানে যেন ঢুকছে না, শুধু নিদারুণ একটা ব্যথা হচ্ছে কানের ভিতর। ব্যথাটা দিশেহারা করে দিচ্ছে ওকে। ডেকের উপর গড়াগড়ি শুরু করে দিল সে। সব যেন কেমন হারিয়ে যাচ্ছে। চিন্তা করতে পারছে না সে। চিৎকার করার জন্যে মুখ খুলে প্রকাণ্ড হাঁ করে উঠছে। কিন্তু এতটুকু শব্দ বের হচ্ছে না গলা চিরে। পিপাসা! প্রচণ্ড পানির পিপাসা পাচ্ছে!
হঠাৎ যেন সত্যিসত্যি পাগলিনী হয়ে উঠল রেহানা। দাঁত বের করে কাকে যেন ভেংচাতে শুরু করল সে। তারপর দাত দিয়ে কামড়ে ধরল সে তার শাড়ির আঁচল। ছিড়ে ফেলতে লাগল রেহানা তার পরনের শাড়ি। একই সাথে জবাই করা মুরগীর মতো মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে। শাড়ি, ব্লাউজ ছিড়ে একাকার হয়ে গেল। তবু বিশ্রাম নেই রেহানার। বদ্ধ পাগলিনী সে এখন! মাথার কাজ সম্পূর্ণ স্থগিত হয়ে গেছে। একটা জীবিত হাড়-মাংসের শরীর ও এখন। এমন সময় ইঞ্জিন রুম থেকে হামাগুড়ি দিয়ে বের হয়ে আসতে দেখা গেল লৌহমানবকে। দরজা পেরিয়ে উঠে দাড়াবার চেষ্টা করল সে। কিন্তু পারল না, খানিকটা উঠেই সশব্দে পড়ে গেল হাটু ভাজ করে। কয়েক সেকেণ্ড কোনো নড়াচড়া নেই তার। তারপর আস্তে আস্তে মাথাটা তুলল সে। গাল হাঁ করে শ্বাস গ্রহণ করার চেষ্টা করল ব্যাকুল ভঙ্গিতে। ধীরে ধীরে চোখ তুলে তাকাল রেহানার দিকে। রেহানা মাঝ-ডেকে ছটফট করছে হাতপা ছুড়তে ছুড়তে। মাথাটা ঝাড়া দিয়ে পরিষ্কার করে নেবার চেষ্টা করল লৌহমানব। তারপর আবার হামাগুড়ি দিয়ে এগোতে লাগল রেহানার দিকে। তার হাতে ধরা দেখা যাচ্ছে লম্বা একটা দড়ি।
কঠোর পরিশ্রম করে আর অসাধারণ মনোবল নিয়ে রেহানার কাছে এসে পৌঁছল লৌহমানব। মুহূর্তের জন্যেও স্থির হতে পারছে না রেহানা। কামড়ে, খামচে একাকার করছে নিজেকে। লৌহমানব শক্ত করে ধরে ফেলল ওকে। তারপর দড়ি দিয়ে আষ্ঠেপৃষ্ঠে বাধতে শুরু করল রেহানাকে। দড়িটা বেশ বড় ছিল। নানা কৌশল অবলম্বন করে রেহানাকে দড়িটা দিয়ে জড়িয়ে বেঁধে ফেলল লৌহমানব। এর মধ্যে দিয়েই চলেছে দুজনের ধস্তাধস্তি। লৌহমানব তার প্রতিটি সাথীর দৈহিক ক্ষমতা সম্পর্কে উচ্চ ধারণা পোষণ করত। কিন্তু রেহানা সম্পর্কে এতদিন তার ধারণা যথাযথ ছিল না। রেহানা নারী হওয়া সত্ত্বেও তার দৈহিক শক্তি এতো প্রচণ্ড তা ধারণা করে নি কখনো লৌহমানব। বেঁধে ফেলার পরও এমন ধস্তাধস্তি করতে লাগল যে সে, লৌহমানব শেষ অবধি নিজের শরীরের ভার চাপিয়ে দিয়ে স্থির রাখার চেষ্টা করল ওকে। তারপর অবশিষ্ট দড়ি দিয়ে নিজেকেও বেঁধে ফেলতে তৎপর হলো সে।
কিন্তু চার-পাচটা বেড় দেবার পর লৌহমানবের আর কোনো ক্ষমতা অবশিষ্ট রইল না। নীল উল্কা অবশেষে কাবু করল লৌহমানবকেও। মাথাটা পড়ে গেল তার কাঠের ডেকের উপর। চোখ দুটো বিস্ফোরিত হয়ে উঠল। হাত দুটো দিয়ে চেপে ধরল সে তার নিজেরই গলা। যেন হত্যা করবে সে নিজেকে গলা টিপে ধরে। তারপর হঠাৎ লৌহমানব ধস্তাধস্তি শুরু করে দিল রেহানার সাথে। রেহানা ইতিমধ্যে হঠাৎ কখন শান্ত হয়ে গেছে। নিষ্পলক, ভাষাহীন দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে সে। নিঃসাড়।
নিজেকে এবং রেহানাকে বেঁধে ভালই করেছিল লৌহমানব। তা না হলে অপ্রকৃতিস্থ অবস্থায় ওরা দুজন কে কি করত বলা যায় না। লৌহমানবের শরীর মোচড় দিয়ে উঠছিল থেকে থেকে। রেহানার গায়ে ধাক্কা মারছিল নিজেরই অজান্তে। কিন্তু বন্ধন ছিল বলে ডেকের মাঝখানটা ছেড়ে অন্য কোনোদিকে সরে যেতে পারল না লৌহমানবের বিরাট শরীরটা। আরো মিনিট দুয়েক পর নীল উল্কা অকস্মাৎ তীব্র বেগে নেমে এল নিচের দিকে। পলকের মধ্যে ভীতিপ্রদ নীল আলো এবং উগ্র বাশীর মতো শব্দটা প্রচণ্ড হয়ে উঠল, আরো। তারপর সব শেষ। বিভীষিকাময় ভয়াল রহস্য নীল উল্কা সবেগে এসে পড়ল সমুদ্রের উত্থাল জলরাশিতে। গাঢ় অন্ধকার গ্রাস করল অকস্মাৎ চারিদিক। নৈঃশব্দ ভরাট হয়ে উঠল সেই সঙ্গে।
এদিকে এ্যান্টোফাগাষ্টা শহরের শেষ প্রান্তের দুএকজন লোক ছাড়া শহরবাসী সকলেই নীল উল্কার বিভীষিকা দ্বারা আক্রান্ত হয়ে পড়েছে। ভাঙা হাত, মচকানো পা, খাবলানো মাংস, ফাটা মাথা নিয়ে যে যেখানে ছিল সেখানেই পড়ে আছে ‘বুদ্ধিহীন’ অবস্থায়!
‘চিলিয়ান সিনোরিটা’র শয়তানগুলোও আক্রান্ত হয়েছে নিশ্চয় নীল উল্কার প্রভাবে।
নয়
: ঢং ঢং ঢং ঢং!
এক নাগাড়ে বেজে চলেছে ঘণ্টাধ্বনি। কোনো মন্দিরের ঘণ্টা। তার সাথে তাল মিলিয়ে চারটি শব্দের সুরেলা মন্ত্র শোনা যাচ্ছে। বহুলোক এক সাথে সুর করে গানের মতো জপছে ঐ চারটে শব্দ : ওঁম মানি পাদমি হোঁম!
কানে সেই সাথে আঘাত হানছে গম্ভীর ড্রামের শব্দ। টুং টাং নানা যন্ত্রের সুরও ভাসছে বাতাসে। মানুষজনের বহু ভীড় হলে যেমন গমগমে একটা ভাব সৃষ্টি হয় তেমনি হচ্ছে। কিন্তু সব কিছুকে ছাপিয়ে বারবার শোনা যাচ্ছে চার শব্দের মন্ত্রধ্বনি : ওঁম মানি পাদমি হোম! ওঁম মানি পাদমি হোঁম!
শব্দটা পাথরের দেয়াল ভেদ করে ঘরের ভিতর ভেসে বেড়াচ্ছে স্বচ্ছন্দভাবে। ঘরের ভিতর জোরে সোরে নিঃশ্বাস ফেলল কেউ। তারপর ছেলেমানুষি একটা কণ্ঠ শোনা গেল : এ কি রে বাবা! অমন গান গাইছে কারা সুর করে?
গলাটা বনমানুসদৃশ জিপ্পি আসাদের। খাটে পাতা একটা বিছানার উপর শুয়ে ছিল সে। এইমাত্র চোখ মেলে কথাটা বলে উঠে বসল বিছানার উপর। তারপর হঠাৎ কেন যেন চমকে উঠল সে তার লোমশ হাতগুলোর দিকে চোখ পড়তে। তাড়াতাড়ি মেঝের উপর নেমে পরনের পাজামা উঠিয়ে ঝুঁকে পড়ে হাতির রানের মতো মোটা পা দুটো পরীক্ষা করতে লাগল। তারপর পাঞ্জাবীটা দেখল সে। পাজামা পাঞ্জাবী পরেছে কেন সে? কোথায় পেলই বা? হা করে, ঢোক গিলে, চোখ ঘুরিয়ে ঘুরিয়ে নিজেকে দেখতে লাগল গরিলা জিপ্পি আসাদ।
: সব ঠিক আছে। তোর শরীরের কোনো অংশ খোয়া যায় নি!
গলাটা শুনে চমকে তাকাল জিপ্পি আসাদ। ঘরের আর এক পাশে একটা খাট। তাতেও বিছানা পাতা। বিছানার উপর উঠে বসেছে জাহেদ। চোখ কচলাতে কচলাতে মাঝে মাঝে তাকাচ্ছে সে জিপ্পি আসাদের দিকে। ওর পরনেও পাজামা পাঞ্জাবী।
জাহেদের ঠাট্টা শুনে অনেক কষ্টে নিজেকে সামলে নিল জিপ্পি আসাদ। কেননা তখন সে অন্য একটা কথা ভাবছে। হঠাৎ সে চোখ কপালে তুলে বলে উঠল : Where are we? আমরা কোথায় আছি?
: এইমাত্র ঘুম ভেঙেছে আমার। এখনো জানি না কোথায় আছি আমি।
জিপ্পি আসাদ যেন বহু পুরনো কথা স্মরণ করার চেষ্টা করতে করতে বলল : আমারও এইমাত্র ঘুম ভেঙেছে! শেষ ঘটনা যা আমার মনে পড়ছে–দক্ষিণ আমেরিকার এ্যান্টোফাগাট্টা শহরের পাহাড়ী অঞ্চলে আমরা ছিলাম, সে সময় ভয়াবহ নীল উল্কা দেখা গিয়েছিল আকাশে। আমরা দৌড়ে পালাবার চেষ্টা করি। কিন্তু বেশীদুর পালাতে পারি নি। তারপর আর কিছু মনে নেই আমার।
জাহেদ ভুরু কুঁচকে নেমে পড়ল বিছানা থেকে। তারপর বলল : শব্দটা হচ্ছে কেন? কারা অমন গান গাইছে একটা লাইন ধরে?
গানটা যেন বলছে——ও মামা নিপাত যাও!
: ওঁম মানি পাদমি হোঁম—বুদ্ধ, কাঁহাকা!
শুদ্ধ করে উচ্চারণ করে গালি দিল জাহেদ। ঘরের দুদিকের দেয়ালে দুটো দরজা দেখা যাচ্ছে। বাইরে থেকে দুটোই বন্ধ হঠাৎ একটা শব্দ শোনা গেল। তারপরই খুলে গেল একদিকের দরজা। ঘরে ঢুকল রেহানা। তার পরনের মিনিস্কার্ট দেখে ছানাবড়া হয়ে গেল জাহেদ ও জিপ্পির দুজোড়া চোখ।
: তোমাদের ঘুম কি এইমাত্র ভেঙেছে?
ব্যগ্র কণ্ঠে জিজ্ঞেস করল রেহানা। জিপ্পি হাঁ করে দেখছিল রেহানাকে। জাহেদই উত্তর দিল : হ্যাঁ। আমাদের ঘুম এইমাত্র ভেঙেছে।
রেহানা আশ্বস্ত হয়ে বলল : যাক, তাহলে তোমাদের চেয়ে বেশী ঘুমোই নি আমি।
একটু থেমে রেহানা আবার বলল : ঘুমিয়ে পড়ার আগে আমার যে কথাটা মনে আছে তা হচ্ছে ‘চিলিয়ান সিনোরিটা’র কাছাকাছি একটা লঞ্চে আমি আর ইমতিয়াজ ভাসছি। নীল উল্কা দেখা দিয়েছিল আকাশে। এবং একটা উগ্র বিকট বাশীর শব্দে কান ব্যথা করছিল। তারপর কিছু মনে নেই আমার।
জাহেদ বলল : নীল উল্কা আমারও শেষ স্মৃতি।
রেহানাকে হঠাৎ দেখা গেল নিজের হাত দুটো চোখের সামনে তুলে ধরে হতবাক হয়ে তাকিয়ে থাকতে। আচমকা হাত দুটো জাহেদ ও জিপ্পির দিকে বাড়িয়ে ধরে আর্তনাদ করে উঠল সে তীক্ষ্ণ গলায় : দেখো!
: কি দেখব? হাত দুটোয় কেউ কামড় দিই নি আমরা।
জাহেদ ঠাট্টা করে বলল। রেহানা উত্তেজিত গলায় বলল : ঠাট্টা করছ তোমরা! আমার কথা শুনলে আর ঠাট্টা করার সাহস হবে না! নীল উল্কা আকাশে আসার আগে আমি কোথায় ছিলাম জানো? লোবা মামে্র স্টিমার ‘চিলিয়ান সিনোরিটা’র একটা বন্ধ ঘরে বন্দীনি করে রাখা হয়েছিল আমাকে। হাতে ছিল হাতকড়া। সেই হাতকড়া ভাঙার চেষ্টা করাতে আমার কব্জির মাংস আধ ইঞ্চি করে গর্ত হয়ে গিয়েছিল। রক্তে ভেসে গিয়েছিল কেবিনের মেঝে!
: তাতে কি হয়েছে?
বুঝতে পারছ না তোমরা এখনও ব্যাপারটা?
রেহানা চিৎকার করে উঠল। তারপর বলল : আধ ইঞ্চি করে গর্ত হয়ে গিয়েছিল মাংস কেটে গিয়ে। কিন্তু ভাল করে আমার হাতের দিকে চেয়ে দেখ! কোথায় সেই গর্ত? কোথায় সেই ক্ষত? একমাস বা তারচেয়ে বেশী সময় না কাটলে তো সেই ক্ষত শুকোবার কথা না! ভাল করে দেখ, কাটার দাগ দেখতে পাবে আবছা মতো—কিন্তু ক্ষত শুকালো কবে!
জিপ্পি অবিশ্বাসভরে গর্জন করে উঠল : তারমানে আমরা একমাসের বেশী সময় ধরে অজ্ঞান হয়ে ছিলাম?
কয়েক মুহূর্তের নিস্তব্ধতা। টু-শব্দটি নেই কারো তরফ থেকে। হঠাৎ তিন-জনই তিনজনের দিকে যথাক্রমে বোকার মতো তাকাল। তারপর একই সাথে মাথায় হাত দিয়ে বসে পড়ল তিনজন মেঝেতে। কথা বলল প্রথম রেহানাই : আচ্ছা, এখনো আমরা ঘুমোচ্ছি না তো? ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছি না তো?
: আমার মাথা ঘুরছে।
লোমশ জিপ্পি আসাদ মাথার ঝাঁকড়া চুলে আঙুল চালাতে চালাতে বলল।
জাহেদ হঠাৎ চিন্তিত এবং গম্ভীরভাবে বলল : কোনো সন্দেহ নেই আমরা সবাই একমাস বা তারও বেশী দিন ঘুমিয়ে ছিলাম। প্রমাণ একটা নয়, দুটো। রেহানার ঘা শুকিয়ে গেছে, একটা। দুনম্বর হলো, আমরা যা ছিলাম এখন আর তা নেই। অর্থাৎ আমরা রোগা হয়ে গেছি। ওজন কমে গেছে আমাদের।
জাহেদ থামতেই তীক্ষ্ণ গলায় ককিয়ে উঠল রেহানা : এই! তোমরা সবচেয়ে ভীষণ ব্যাপারটা ধরতে পারছ না এখনো! আবহাওয়া এখানে ঠাণ্ডা! শীতকাল এখানে!
বিস্ময়ে বিস্ফারিত হয়ে উঠল জিপ্পি ও জাহেদের চোখ। জাহেদ বলল : ঠিক! চিলিতে আমরা গ্রীষ্মকালে ছিলাম!
: ছিলাম বলছ। তারমানে তুমি বলতে চাও…!
রেহানার কথা শেষ হবার আগেই জিপ্পি ও জাহেদ ছুটে গিয়ে খুলে ফেলল ঘরের একটা জানালা। হুমড়ি খেয়ে পড়ল দুজন বাইরের দিকে তাকাবার জন্যে। রেহানা পড়িমরি করে ছুটে এসে হুমড়ি খেয়ে পড়ল ওদের গায়ের উপর দিয়ে জানালার বাইরে তাকাবার জন্যে। উত্তেজিত কণ্ঠে জিপ্পি আসাদ প্রচার করে দিল : খোদার কসম বলছি! আমরা দক্ষিণ আমেরিকায় নেই!
জানালা দিয়ে ছোটো একটা মাঠ দেখা যাচ্ছে। সেই মাঠের একপ্রান্তে একটা বৌদ্ধ মন্দির। মন্দিরের সামনে বহু লোকের ভীড়। কিন্তু কোন লোকের মুখ দেখা যাচ্ছে না। প্রত্যেকের মুখে হলুদ রঙের কাগজের মুখোশ। বিশেষ উৎসব উপলক্ষে তিব্বতীরা এই মুখোশ পরে থাকে। লোকগুলোর কাপড়চোপড়ও অদ্ভুত প্রকৃতির। রেহানা চিৎকার করে উঠল : লামাদের মঠ ঐ মন্দিরটা! আত্মার মুক্তির জন্যে লামারা বছরে একবার এরকম উৎসব করে থাকে।
একটু থেমে আবার চিৎকার করে উঠল রেহানা। এবারের চিৎকারটা জিপ্পি ও জাহেদের কানের কাছে বোমার মতো প্রচণ্ড শব্দে ফাটল : বন্ধুগণ! আমরা তিব্বতে অবস্থান করছি!
: তিব্বতে অবস্থান করছি!
জিপ্পি ও জাহেদ জানালার কাছ থেকে যেন ইলেকট্রিক শক খেয়ে ছিটকে সরে এল। ফ্যালফ্যাল করে চেয়ে রইল ওরা রেহানার দিকে। রেহানাই বলল আবার ভীত কণ্ঠে : বাড়ীটা থেকে বের হওয়া যায় না? দম যেন বন্ধ হয়ে আসছে আমার এ ঘরে।
কি মনে করে জাহেদ ছুটে চলে গেল পাশের ঘরে। ফিরে এল সে প্রায় তখুনি। সাথে তার বিপদের একমাত্র সঙ্গী খাপে ঢাকা স্টিলের তলোয়ারটা। সেটা দেখিয়ে জিজ্ঞেস করল অবাক কণ্ঠে : কোথা থেকে এল এটা? সেই পাহাড়ী অঞ্চলে, যেখানে নীল উল্কা দেখা গিয়েছিল, সেখানে শেষবার দেখেছিলাম এটাকে!
: ইমতিয়াজ কোথায়?
হঠাৎ চমকে দিয়ে প্রশ্ন করল জিপ্পি আসাদ। জাহেদ বলল : সত্যিই তো! ইমতিয়াজকে খুঁজে বের করা আমাদের প্রথম কাজ এই মুহূর্তে!
রেহানা বলল : আমার ঘরে কয়েকটা বাক্স রয়েছে দেখেছি। আমাদের অস্ত্রশস্ত্রগুলো কি ওতে আছে বলে তোমাদের মনে হয়?
: মনে হয় না। কেননা, নীল উল্কার অধিকারী শয়তান গুলো আমাদেরকে বশ করে রেখেছে বা বলা যায় রেখেছিল। সব অস্ত্র বাগিয়ে নিয়েছে ওরা।
জাহেদের কথা শুনে জিপ্পি বলল : তবু একবার দেখে আসা ভাল।
দ্রুত এগিয়ে গেল জিপ্পি পাশের ঘরের দিকে। পিছু নিল জাহেদ ও রেহানা। ঘরের ভিতর বেশ কয়েকটা বাক্স। উপরের বাক্সটায় কোনো তালা নেই। সেটার ডালা তুলে জিপ্পি বলল : আশ্চর্য!
জাহেদ ও রেহানা একসাথে বলে উঠল : এ যে দেখছি আমাদের সব অস্ত্রই রয়েছে!
ঝটপট যে যার অস্ত্র নিয়ে লুকিয়ে ফেলল কাপড়ের তলায়। লৌহমানব ইমতিয়াজের নিজস্ব আবিষ্কার এগুলো। দেখতে অটোমেটিক পিস্তলের চেয়ে বড়। সগর্জনে ফাটে কোনোটা, কোনোটা শুধু ধোঁয়া ছাড়ে, আবার কোনোটা তরল পদার্থ ছিটিয়ে দেয়। মানুষকে সাময়িকভাবে অজ্ঞান করে দেবার জন্যে তৈরী করেছে লৌহমানব এগুলো। প্রাণ কেড়ে নেয়া তাদের নীতির বাইরে।
তিনজনই পছন্দমতো অস্ত্র নিয়ে ঘরের একটা বন্ধ দরজা খুলল। শূন্য একটা ঘর পাওয়া গেল। সেই ঘরের দরজা খুলেও কোনো মানুষের দেখা পাওয়া গেল না। এভাবে চারটে ঘর শূন্য দেখল ওরা। কিন্তু পঞ্চম ঘরের দরজা খুলে ভিতরে পা ফেলতেই থমকে দাঁড়াল ওরা তিনজন!
: কি ব্যাপার!
ফিস ফিস করে বলে উঠল রেহানা। জাহেদ ফিস ফিস করে উত্তর দিল : মিস লুসি ম্যালামুড!
: আসুন আসুন, অমন করে দাঁড়িয়ে পড়লেন কেন দরজায়!
সুসজ্জিত ঘরের মাঝখানে দাঁড়িয়ে আছে সুন্দরী লুসি। অভ্যর্থনা জানিয়ে হাসছে। তার পরনে লম্বা তিব্বতী মেয়েদের পোশাক। হাসি মুখে অদ্ভুত রহস্যময়ী দেখাচ্ছে লুসিকে তিব্বতীদের পোশাকে। বলল : কোনো কাজ আছে আমার কাছে আপনাদের?
জিপ্পির গলায় স্বর বেরুলো অবশেষে : ইমতিয়াজ কোথায়? আমরা ইমতিয়াজকে খুঁজছি।
লুসি ইংরেজী বলছিল। জিপ্পির কথার উত্তরে সে বলল : My fiance has that room! আমার প্রেমিক ঐ ঘরে!
তিনজনেরই ভুরুগুলো এক ইঞ্চি করে, নেমে এল কপাল থেকে। লুসি পাশের একটা ঘর ইঙ্গিত করে দেখিয়ে দিল। অর্থাৎ ইমতিয়াজ ঐ ঘরে আছে।
: আপনার কি বললেন?
রেহানা যেন ককিয়ে উঠে জানতে চাইল। লুসি মুখ চোখ লাল করে মৃদু লজ্জা রাঙা হাসি হাসল। বলল : আমার হবু স্বামী—লৌহমানব ইমতিয়াজ আলী।
একটু থেমে মৃদু কৌতুকভরা চোখে লুসি ওদের দিকে তাকিয়ে আবার বলল : কিন্তু আপনারা কেমন যেন আশ্চর্য বোধ করছেন মনে হচ্ছে! মাসখানেক আগে নয়—যেন আজ প্রথম শুনলেন আমার আর ইমতিয়াজের এনগেজমেন্টের কথাটা – ঠাট্টা করার ফন্দি নিয়ে এসেছেন বুঝি তিন বন্ধু মিলে?
জিপ্পি কয়েকবার কি যেন বলতে চাইল। কিন্তু কথা বের হচ্ছে না তার গলা থেকে। জীবনে এমন রহস্যের মুখোমুখি তারা আর কখনো হয় নি। একমাস ধরে তারা ঘুমিয়ে ছিল! জ্ঞান হারিয়েছিল দক্ষিণ আমেরিকার চিলিতে, জ্ঞান ফিরে পেল হাজার হাজার মাইল দূরে তিব্বতে! মাঝ খানের এই একমাস সময়ে পৃথিবীতে অনেক ঘটনা ঘটে গেছে। কিন্তু কোনো খবরই জানা, নেই ওদের, এমন কি, ইমতিয়াজের বিয়ের কথাটাও ওদের অজানা রয়ে গেছে—এও কি সম্ভব! ইমতিয়াজ বিয়ে করছে—না না, এ যে অবিশ্বাস্য! অন্তত তার প্রাণের সাথী জাহেদ, জিপ্পি ও রেহানাকে না জানিয়ে সে এ কাজ করবে না।
লুসি হতবাক হয়ে ওদের তিনজনের দিকে তাকিয়ে আছে। তার কথা যে মেনে নিতে পারছে না ওরা তিনজন, তা বুঝতে পেরেছে ও। হঠাৎ প্রশ্ন করল : কি ব্যাপার, আপনারা কথা বলছেন না কেন?
জিপ্পি হঠাৎ দুহাত তুলে চোখের সামনে এনে দেখতে শুরু করল। তারপর প্রচণ্ড জোরে দুহাতের তালু দিয়ে শব্দ করল তালি বাজিয়ে। হাতের হাড় যে ভাঙল না এটাই আশ্চর্য। লুসি বলল : এটার কি অর্থ!
: যদি ঘুমিয়ে থাকি আমি তাহলে ঘুম ভেঙে যাবে তালির শব্দে—তাই?
জিপ্পি থামতেই রেহানা লুসির দিকে আড়চোখে তাকিয়ে জিজ্ঞেস করল : ইমতিয়াজ তোমাকে বিয়ে করতে চেয়েছে?
লুসি ক্ষুন্নস্বরে বলল : তা ছাড়া আর কি হতে পারে? আমি মেয়ে হয়ে প্রস্তাবটা নিশ্চয়ই দিই নি ওকে যেচে পড়ে।
রেহানা বলল : ইমতিয়াজ অসুস্থ নাকি?
: তারমানে? কি বলতে চান আপনি!
রীতিমতো ব্যথিত কণ্ঠে জানতে চাইল লুসি। জিপ্পি আসাদ রেহানার হয়ে উত্তর দিল : আমাদের সকলের উদ্দেশ্য হচ্ছে ইমতিয়াজের সাথে দেখা করা।
লুসি বলল : আপনাদের কথা শুনে মনে হচ্ছে ইমতিয়াজ কোথায় আছে তা আপনাদের জানা নেই। দিনে একশবার করে রোজ ওর সাথে দেখা হচ্ছে—তবু এমন ভাব দেখাচ্ছেন যে ইমতিয়াজের কোনো খবরই আপনারা জানেন না। ঠিক আছে ওর কাছে নিয়ে যাচ্ছি আমি আপনাদেরকে। কিন্তু আপনারা সত্যি সত্যি ঠাট্টা করছেন না তো?
তিনজনই বোবা হয়ে গেল। মুখ চাওয়াচাওয়ি করা ছাড়া আর কিছু করার নেই যেন ওদের। লুসি আর ওদের দিকে তাকাল না। একটা দরজার কাছে গিয়ে কড়া ধরে নাড়া দিল জোরে জোরে। ওরা তিনজনও গিয়ে দাঁড়াল যন্ত্রচালিতের মতো দরজার সামনে। দরজার ওপার থেকে ইমতিয়াজের গম্ভীর, বলিষ্ট কণ্ঠস্বর ভেসে এল : ইয়েস!
লুসি ভেজানো দরজা ছ’ফাক করে ঢুকে পড়ল ঘরের ভিতর।
লৌহমানব দাড়িয়ে আছে ঘরের মাঝখানে। মৃদু আলোয় ভাবলেশহীন খটায় ছায়া পড়েছে দুশ্চিন্তার। লুসি ত্রস্ত পায়ে লৌহমানবের বুকের কাছে গিয়ে দাঁড়াল। পায়ের আঙুলের উপর ভর দিয়ে লৌহমানবের গলা বেষ্টন করে চপ্ চপ্ করে দুটো চুমো খেল। তারপর ব্যাকুল ভাবে বলল : তোমার বন্ধুরা আজব ব্যবহার শুরু করেছে হঠাৎ, ডারলিং! ওরা চিনতেই পারছিল না তোমার ঘর!
কথাটা বলে একমুহূর্ত দাঁড়াল না লুসি। দ্রুত পদে ঘর ছেড়ে বের হয়ে গেল সে। দরজাটা ভিজিয়ে দিল বাইরে থেকে। লৌহমানব তার তিনজন সাথীর দিকে চোখ রেখে দুপা সামনে এগিয়ে এল। তারপর গম্ভীর গলায় প্রার্থনা করল : আমার একটা উপকার করতে পার তোমরা?
: উপকার! কি উপকার করব আমরা তোমার?
চাপা উত্তেজিত কণ্ঠে জানতে চাইল জিপ্পি আসাদ। লৌহমানব আরো একপা সামনে বেড়ে বলে উঠল : ধাক্কা মারো জোড়ে! খুব জোড়ে নাড়া দাও আমাকে! নিঃসন্দেহে স্বপ্নের মধ্যে আছি আমি—স্বপ্ন দেখছি! আমি বাস্তবে ফিরে আসতে চাই সম্পূর্ণ ভাবে—নাড়া দাও জোরে জোরে আমাকে!
দশ
জাহেদ, জিপ্পি ও রেহানা মুখ চাওয়াচাওয়ি করল একে একে। তারপর জাহেদ জোরে শ্বাস ত্যাগ করে লৌহমানব ইমতিয়াজের উদ্দেশ্যে বলল : তোমার হালও দেখছি তাহলে আমাদের মতো হয়েছে!
লৌহমানব বলল : দক্ষিণ আমেরিকায় অচেতন হয়ে একমাস পর তিব্বতে চেতনা ফিরে পেয়েছি বুঝতে পেরে মাথা ঘুরতে শুরু করেছে আমার। তোমরাও যদি এটা বুঝতে পেরে থাকো তাহলে বলতে হবে আমার অবস্থা তোমাদেরই মতো।
খানিকক্ষণ কোনো কথা বলতে পারল না আর কেউ। গত একমাস তারা কি করেছে, কি দেখেছে, কি শুনেছে বা কি বলেছে স্মরণ করার চেষ্টা করল। কিন্তু কোন কিছুই মনে পড়ল না কারো। জাহেদ মুখ খুলল হঠাৎ। সে বলল : একটি ব্যাপারে ইমতিয়াজের চেয়ে সুস্থ ছিলাম আমরা।
: কি ব্যাপারে?
জিজ্ঞেস করল রেহানা। জাহেদ বলল : ইমতিয়াজ একমাস ধরে ঘুমোবার সময়ে একটা বউ জোগাড় করে ফেলেছে – আমরা তেমন কিছু করি নি।
রেহানা ঝঙ্কার দিয়ে বলে উঠল : পুরুষমানুষকে বিশ্বাস নেই আমার। সব শিয়ালের দেখছি এক রা। বলা যায় না, ঘুমের মাঝে তোমরা তিনজন পুরুষই হয়ত প্রেমিকা বা স্ত্রী গ্রহণ করে বসে আছ!
: তা ঠিক, হয়ত চার পাচটা করে বিয়ে করেছি আমরা সবাই। এখন মনে পড়ছে না।
জিপ্পির কথা শেষ হতে লৌহমানব গুরুত্ব দিয়ে বলে উঠল : আমরা খুব ভয়ানক পরিবেশে জড়িয়ে পড়েছি, বন্ধুগণ!
আশ্চর্য বটে, লৌহমানবের কথা শুনে তিনজনই হো হো করে হেসে উঠল। ওদের সকলের মনে পড়ছিল ইমতিয়াজকে সুন্দরী লুসির চুমো খাবার কথাটা। লুসির ব্যবহারে খুশী হবার পরিবর্তে ইমতিয়াজ বলছে ভয়ানক পরিবেশে পড়েছে তারা।
রেহানা একটু ব্যঙ্গ করে বলে উঠল : কিন্তু লুসি যখন তোমাকে চুমো খাচ্ছিল তখন তো তোমাকে দেখে ভীত মনে হচ্ছিল না!
লৌহমানব গম্ভীর ভাবে বলল : ভয় আমার কেটে গিয়েছিল। কেননা লুসি অমন অনেকবার ঐ কাণ্ড করেছে আমাকে নিয়ে।
: তাই নাকি!
জোর দিয়ে উচ্চারণ করল রেহানা। লৌহমানব বলল : এক ঘণ্টা আগে চেতনা ফিরে পেয়েছি আমি। খানিক পর করিডোরে বের হই আমি বাইরে যাবার চেষ্টা করার জন্যে। লুসি আমাকে নিয়ে আসে এখানে।
: কতবার ঘটনাটা ঘটেছে?
জেরা করার ভঙ্গিতে জানতে চাইল রেহানা। লৌহমানব জিজ্ঞেস করল পাল্টা : কিসের কথা বলছ?
: লুসি তোমাকে চুমো কতবার খেয়েছে জানতে চাইছি!
: ও ব্যাপারে আর কোনো, আলোচনা করছি না আমরা।
লৌহমানব ঘুম জড়ানো গলায় জড়িয়ে জড়িয়ে এবং মাথা দুলিয়ে টলতে টলতে এমন ভঙ্গিতে কথাটা বলল যে তিন বন্ধু ঘর ফাটিয়ে হেসে উঠল। হাসিতে যোগ দিল লৌহমানব ইমতিয়াজও।
হাসিটা কাজ দিল যাদুমন্ত্রের মতো। হাসি থামতে ওরা অনুভব করল সব ভয় দূর হয়ে গেছে ওদের মন থেকে। নীল উল্কা, লোবা মাম্, লুসি বা মা-গামার কথা—সবই স্বাভাবিক বলে মনে হচ্ছে। লৌহমানব হাসি থামিয়ে বলে উঠল : যাক, সব দুশ্চিন্তা মাথায় নিয়ে, হাসার ক্ষমতা ফিরে পেয়েছি আমরা। ভবিষ্যতের সাথে পরিচয় ঘটবে আমাদের ধীরে ধীরে। এখন আমাদের সাবধানে এগিয়ে যাওয়া উচিত। অতীতে যা কিছু ঘটেছে, এবং যার কথা আমরা এখনো জানি না তা পরিষ্কার হয়ে যাবে ভবিষ্যতের সাথে পরিচয় ঘটার সাথে সাথে। এবং আমরা যতদূর জানি—তোমরা কেউই ঘুমের মধ্যে কাউকে বিয়ে করার প্রস্তাব দাও নি।
গম্ভীর এবং গুরুত্বপূর্ণ পরিবেশ ফিরে এল এবার। জিপ্পি জিজ্ঞেস করল: আমরা একমাস বা তারও বেশী সময় চেতনা হারিয়ে ছিলাম। এটা কি নীল উল্কার প্রতিক্রিয়া?
লৌহমানব বলল : নীল উল্কা এবং তার রহস্যময় প্রভাব সম্পর্কে আমি সম্পূর্ণ অজ্ঞ। আমার কাছে জিনিসটা সম্পূর্ণ নতুন একটা রহস্য। নিশ্চয় করা এখুনি বলা যায় না কি ঘটেছে বা কেন ঘটেছে বা কেমন ভাবে ঘটেছে। যদি ঘুমিয়েই ছিলাম ধরে নিই তাহলে প্রশ্ন জাগে ঘুম আমাদের ভাঙল কেন? ঘুম কি কোনো উপায়ে কেউ আমাদের ভাঙিয়েছে? নাকি নীল উল্কার প্রতিক্রিয়া শেষ হয়ে যাওয়াতেই ঘুম ভেঙে গেছে আমাদের? এসব প্রশ্নের উত্তর খুঁজে বের করতে হবে।
: আমার জানতে ইচ্ছে করছে তিব্বতের কোন্ শহরে রয়েছি আমরা!—জাহেদ বলল।
লৌহমানব সায় দিয়ে বলল : হ্যাঁ, সেটা জানা দরকার। চলো, বাইরে বের হই আমরা।
: দাড়াও! তিব্বতীদের এই জোব্বামার্কা পাজামা পাঞ্জাবী বদলে নিই আগে।
জিপ্পি চলে গেল রেহানা যে ঘরে ছিল সে ঘরে। ঘরটায় বাক্স আছে কয়েকটা। বাক্সগুলো ওদেরই। একটু পরই একপ্রস্থ ইউরোপিয়ান পোশাক পরে খাঁটি সাহেব সেজে ফিরে এল সে। নেকটাইটাও বাদ দেয় নি। কোটও চাপিয়েছে একটা। ওকে দেখে সকলেই ছুটল সেই ঘরে। শুধু রেহানা গেল না। তার পরনে মিনি স্কার্ট। ফিরে এলো ওরা সাজ পোশাক সেরে। লৌহমানব রেহানার জন্যে একটা লেডিস কোট নিয়ে এসে বলল : চাপিয়ে নাও এটা গায়ে—শীত এখানে!
বাড়ীটা একতালা। উঠোনে নামল ওরা বারান্দা হয়ে। তারপর রাস্তায় এসে পৌঁছল। চারপাশে পাথর দিয়ে তৈরী করা বাড়ী। কাদার উপর পাথরের গাথুনি। ছাদে কার্নিশ নেই কোনো বাড়ীর। জানালায় কাচ নেই, কোনো কোনোটায় লোহার শিকও নেই। রাস্তাগুলো খুব সরু। দুপাশেই লাগোয়া বাড়ী। দোতলা দু একটা চোখে পড়ল ওদের। হাটতে হাঁটতে ওরা সেই মন্দিরটার কাছাকাছি এসে পড়ল। এখনও প্রচণ্ড ভিড় দেখা যাচ্ছে। ‘ওঁম মানি পাদমি হোঁম’ গাইছে তিব্বতীরা দলে দলে। মানুষের মাথা গিজগিজ করছে কয়েকটা বড় বড় ছাদওয়ালা গোলাবাড়ীতে। লৌহমানব বলল : এগুলো লামাদের ভজনালয়।
লৌহমানবের কথা শুনে অবাক হলো না কেউই। সকলেই জানে লৌহমানবের পড়াশোনার কথা। জীবনের অবসর মুহূর্তগুলো কেবল পড়াশোনা করে কাটে তার। পৃথিবীর এমন কোনো বিষয় নেই যার খবর রাখে না সে। কেবল নীল উল্কা সম্পর্কেই তার ধারণা ছিল না। কোনো পুস্তকে নেই, কারো মুখেও এর আগে শোনে নি সে।
একজন তিব্বতী ঘুরেঘুরে তাকাচ্ছিল ওদের দিকে। লৌহমানব হাত নেড়ে কাছে ডাকল তাকে। লোকটার পায়ে ভারী বুট, ঝুলন্ত জোব্বা পরনে, মাথায় প্রকাণ্ড একটা কার্নিশ-টুপি। লোকটা অস্বাভাবিক বেঁটে। তার কাঁধের পুরনো আমলের রাইফেলটা সামান্য একটু ছোট তার চেয়ে। লৌহমানব লোকটাকে জিজ্ঞেস করল : ও ভাই, এটা কোন্ গ্রাম?
হাঁ করে তাকিয়ে রইল তিব্বতীটা লৌহমানবের দিকে। একজন বিদেশীর মুখে শুদ্ধ তিব্বতী ভাষা শুনে হতবাক হয়ে গেছে সে। খানিক পর উত্তর দিল : এটা টোনাই গ্রাম।
: কোন্ প্রদেশ?
প্রশ্নটা করল জাহেদ। লৌহমানব বলল : কোন্কালিং প্রদেশ এটা। তিব্বতের পূর্বাঞ্চল।
জিপ্পি বলল : দেখো দেখো, টুপি পরেছে বলে বাঁটকু লোকটাকে কেমন হাস্যকর দেখাচ্ছে!
তিব্বতী লোকটার দিকে ইঙ্গিত করে কথাটা রেহানাকে বলল সে। রেহানা জিপ্পির লোমশ শরীর, প্রায় নাকহীন মুখ, ভুরুর আড়ালে লুকিয়ে থাকা চোখ এবং ঝাকড়া মাথার চুল দেখে নিয়ে বলে ফেলল : আমি ভাবছি ও লোকটা তোমাকে দেখে কি ভাবছে!
হেসে ফেলল জাহেদ। আড়চোখে তাকাল সে জিপ্পির দিকে। তারপর গদাই লস্করী চালে রেহানার কাছে সরে এসে মৃদু স্বরে বলল : হয়েছে হয়েছে, বেচারার চেহারা নিয়ে খোটা দিও না আর!
: এই চারচোখো! তোকে কে মাতব্বরী করতে বলেছে রে শালা!
জিপ্পির চাপা গর্জন শুনে জাহেদ গোবেচারের মতো বলল : লে বাবা! গরিলা আমার ওপর ক্ষেপে কেন! ভালো করলে দেখছি ভূতে কিলোয়।
রেহানা বলল : চুপ করবে তোমরা!
লৌহমানব তিব্বতী লোকটাকে আবার একটা প্রশ্ন করল : আচ্ছা, তুমি কখনো নীল উল্কা বলে কোনো জিনিসের নাম শুনেছ? আকাশে দেখা দেয় জিনিসটা?
মুহূর্তের মধ্যে লোকটার লম্বাটেমুখটা ঝুলে গিয়ে আরো লম্বা হয়ে গেল। যন্ত্রচালিতের মতো একপা পিছিয়ে গেল সে। ছানাবড়ার মতো দুচোখ মেলে লৌহমানবের আপাদমস্তক নিরীক্ষণ করল লোকটা ভয়ে ভয়ে। গলি হাঁ করে ঢোক গেলবার চেষ্টা করল। ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে লোকটা কথা বলতে চায়, কিন্তু পারছে না। ভীত হয়ে পড়েছে লোকটা নীল উদ্ধার কথা শুনে।
জাহেদ মৃদু স্বরে বলল : নীল উল্কার নাম শুনেছে বলে মনে হচ্ছে।
লৌহমানব তীক্ষ্ণ দৃষ্টিতে তিব্বতীটার মুখের ভাব জরিপ করতে করতে আরো একটা প্রশ্ন করল: মা-গামা সম্পর্কে কিছু জানা আছে তোমার? নাম শুনেছ?
অকস্মাৎ বিকট স্বরে আর্তনাদ করে উঠে ছুট দিল লোকটা। জিপ্পি বিদ্যুৎবেগে ছোটার উপক্রম করল লোকটার পিছু পিছু। লৌহমানব খপ করে ধরে ফেলে বাধা দিল তাকে। তারপর দ্রুত কণ্ঠে বলে উঠল : দেখো!
ওদের দুর্দিকের ছোটো ছোটো খুপরির মতো ঘরগুলোর দরজা দিয়ে দলে দলে রাইফেলধারী তিব্বতী যেন যাদুমন্ত্রের বলে বেরিয়ে এল রাস্তায়। ভীত তিব্বতী লোকটাকে ঘিরে জমাট হচ্ছে সকলে। ফিসফিস গুজগুজ শুরু হয়ে গেছে লোকটাকে ঘিরে।
: লোকটা যখন কথা বলছিল আমাদের সাথে তার আগে থেকেই আমাদের ওপর তীক্ষ্ণ নজর রেখেছে এখানকার লোকেরা। লোকটাকে ধরে রাখলে একটা দাঙ্গা বেঁধে যেতো আমাদের সাথে।
লৌহমানব ধীর স্বরে বলল। প্রতিটি তিব্বতী ওদের দিকে ঘুণার চোখে তাকিয়ে আছে। লৌহমানব আবার বলল : বিদেশী পছন্দ করে না ওরা। বিদেশীরা ওদের জাতশত্রু হিসেবে চিহ্নিত এখানে। চলো, ফিরে যাই আমরা। ওদের সাথে লড়াই করার কোনো সার্থকতা নেই।
ফিরে চলল ওরা। খানিকদূর অবধি ভয়ঙ্কর চেহারার লোকগুলো ওদেরকে অনুসরণ করল। তারপর দাঁড়িয়ে পড়ল ওরা। চিন্তিত মুখে ফিরে এল লৌহমানব ইমতিয়াজ এবং তার দলের সকলে। যে বাড়ীতে ঘুম ভেঙেছে ওদের সেটার সামনে এসে পৌঁছল ওরা। রেহানা বলল: একটা কথা বোঝা গেল। এখানকার অধিবাসীরা নীল উল্কা এবং মা-গামা সম্পর্কে কিছু না কিছু জানে।
জাহেদ বলল : চলো, মিস লুসির সাথে আলোচনায় বসি। দেখা যাক, নীল উল্কা, মা-গামা ইত্যাদি সম্পর্কে সত্য তথ্য ওর কাছ থেকে আদায় করা যায় কিনা কিছু।
সায় দিয়ে লৌহমানব বলল : ওর সাথে আলাপ করব আমরা সে ব্যাপারে কোনো ভুল নেই। কিন্তু আমরা মাত্র খানিকক্ষণ আগে চেতনা ফিরে পেয়েছি একথা ওকে জানতে দেব না। তোমরা কেউ কথাটা বলে ফেল নি তো ইতিমধ্যে?
: বলি নি। অত বোকামি কি কেউ করে!
জিপ্পির কথা শেষ হতে রেহানা ফোড়ন কাটল : তাছাড়া বেশী কথা মিস্ লুসি ম্যালামুডের সাথে আমরা বলি নি―বলব ও না। বেচারীকে শান্তিতে থাকতে দেয়া উচিত। হাজার হোক, ইমতিয়াজের প্রেমিকা তো!
মৃদু হেসে লৌহমানব বলল : বেশ বেশ, ওকে শান্তিতেই থাকতে দিও। কিন্তু ওর সাথে এমন আচরণ করবে যাতে মনে হয় তোমরা কখনো ঘুমিয়ে সময় কাটাও নি। বা অজ্ঞান হয়েও ছিলে না দিনের পর দিন। এতে একটা ব্যাপার ঘটবে। লুসি যদি কোনো চাল মেরে থাকে তাহলে আমাদের এই অতি অভিনয় দেখে হতভম্ব হয়ে যাবে সে।
: ঐ যে! গেটের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছে মিস লুসি!
জিপ্পি বলল চাপা কণ্ঠে।
চমকিত দৃষ্টিতে লুসি ওদের প্রত্যেককে জরিপ করে নিল। ওদের কাছে এগিয়ে আসার জন্যে দুপা সামনে বাড়ল দরজার কাছ থেকে। আতঙ্কিত ভাবটা যদি অভিনয় হয়, তাহলে সুঅভিনয় করছে বলতে হবে লুসি।
: ইউরোপিয়ান পোশাক পরে বাইরে বের হয়েছেন আপনারা!
লুসি চাপা উত্তেজনায় বলে উঠল: এখুনি একটা রক্তক্ষয়ী কাণ্ড ঘটে যেত। এখানকার লোকেরা এসব পছন্দ করে না তা আপনারা ভাল ভাবেই জানেন। হাজার বার বারণ করেছি তিব্বতীদের পোশাক ছাড়া বাইরে বের হবেন না। এতদিন তো তাই করেছেন, আজ হঠাৎ এমন বোকামি করতে গেলেন কেন?
: একজন লোকের সাথে কথা বলতে গিয়েছিলাম আমরা। লোকটা তিব্বতী।
লৌহমানব ধীরে ধীরে জবাব দিল। আঁতকে উঠে লুসি জিজ্ঞেস করল : লোকটাকে কেমন মনে হলো? মা-গামার লোক নয়ত?
: কথা বলা আর হলো কই, ছুটে চলে গেল কেন জানি না।
লৌহমানব কথাটা বলে বাড়ীর ভিতর ঢুকল। পিছন পিছন আর সকলেও বাড়ীর ভিতর এলো। লৌহমানবকে লুসির সাথে কথা বলার সুযোগ করে দিয়ে সকলে চুপ করে আছে। লৌহমানবের ঘুম যে ঘরে ভেঙে ছিল সেই ঘরে জমায়েত হলো ওরা। লৌহমানব একটা চেয়ারে বসে লুসির উদ্দেশ্যে বলল : লুসি, তোমার আব্বার সম্পর্কে আলোচনা করা যাক এখন, কেমন?
কথাটা লুসির কানে ঢুকতেই কেমন যেন একটা বিপ্লব ঘটে গেল তার চেহারায়। চোখেমুখে আশার আলো জ্বলে উঠল। ব্যগ্রচোখে তাকাল সে লৌহমানবের চোখের দিকে। তারপর আকুল কণ্ঠে বলে উঠল : তার মানে! তোমরা কি তবে আমার আব্বার কোনো খোঁজ পেয়েছ?
: তা নয়। আচ্ছা, তুমি কি তোমার এবং তোমার আব্বা সম্পর্কে সব ঘটনা প্রথম থেকে শেষ পর্যন্ত আবার আমাকে শোনাতে পার?
: কিন্তু সব কথাই তো তোমাকে শুনিয়েছি আমি কয়েকদিন আগে!
হতবাক হয়ে উত্তর দিল লুসি। লৌহমানব বলল : তা ঠিক কিন্তু সব কথায় তখন মনোযোগ দিতে পারি নি আমি। কিছু মনে আছে কিছু ভুলে গেছি। তুমি বরং সব কথা আবার বলো আমাকে।
লৌহমানবের কথা শুনে একটু যেন প্রকৃতিস্থ হলো লুসি। তারপর বলল : ও, তাই বলো। তা কোথা থেকে শুরু করব আমি?
লৌহমানব বলল : আমেরিকার যেখান থেকে তোমরা নীল উল্কা সম্পর্কে তথ্য সংগ্রহ করার জন্যে রওনা হয়েছিলে সেখান থেকেই শুরু করো।
লুলি একটু চিন্তা করে বলতে শুরু করল : যুক্তরাষ্ট্র থেকে এই গ্রাম টোনাইয়ে পৌঁছুনো পর্যন্ত কোনো উল্লেখযোগ্য ঘটনা ঘটে নি। সরাসরি টোনাইয়ে আসার কারণ ছিল এই যে, এখানকার লোকজন নীল উল্কা এবং মা-গামা সম্পর্কে বেশী ভীত ছিল। নীল উল্কা ঠিক কোন জায়গায় এসে পড়েছিল তা সঠিক জানা ছিল না আমাদের। এখানে আসার পর আমার আব্বা জানতে পারলেন নীল উল্কা মহাকাশ থেকে নেমে আসার সময় এই গ্রামের লোকদেরকে প্রভাবিত করে গেছে। নীল উল্কা কোথায় পড়েছে তা কেউ বলতে পারল না। তবে এই গ্রামের বেশীর ভাগ লোক কয়েক মাস ধরে ‘বুদ্ধিহীন’ হয়ে পড়েছিল নীল উল্কার প্রভাবে। এখনো কারো কারো মধ্যে পাগলামির ভাব দেখা যায়। আকাশ পথ বেয়ে নীল উল্কাকে যারা ছুটে যেতে দেখেছিল তারাও বুদ্ধিহীন হয়ে পড়েছিল সাময়িক ভাবে।
লুসি খানিকক্ষণের জন্যে থামতে রেহানা জিপ্পি ও জাহেদের দিকে আড়চোখে তাকাল। ওরা দুজনেও রেহানার দিকে মুহূর্তের জন্যে তাকাল। তিনজনই লুসির কথা শুনে ভাবছিল একমাস ধরে ‘বুদ্ধিহীন’ অবস্থায় থাকার সময় নিজেদের অজ্ঞান্তে কি না কি কাণ্ড করেছে তারা!
লৌহমানব লুসিকে জিজ্ঞেস করল: প্রফেসর ম্যালামুড তাহলে ধারণা করেছিলেন নীল উল্ক এই গ্রামেরই আশপাশে কোথাও পড়েছে?
: হ্যাঁ। দক্ষিণ দিকে নীল উল্কা পড়েছে এ ব্যাপারে তাঁর বদ্ধমূল ধারণা ছিল। দক্ষিণ দিক বলতে জায়গাটা খুব কাছে নয়। ঊষর মরুভূমি এবং দুর্গম পাহাড়ী অঞ্চল সেটা। হিংস্র উপজাতিদের একচ্ছত্র আধিপত্য। এমন বর্বর উপজাতি পৃথিবীর আর কোথাও দেখা যায় না। সুতরাং আব্বা আমাকে না নিয়ে একাই সেখানে যাবার সিদ্ধান্ত নেন। এই গ্রামেরই এক মিশনারী এবং তার স্ত্রীর হেফাজতে আমাকে রেখে আমার আব্বা রওনা হয়ে যান যন্ত্রপাতি সঙ্গে নিয়ে। নীল উল্কার সন্ধানে যাচ্ছেন একথা তিনি এখানকার কাউকে বলেন নি। কেননা, তাতে আব্বার সাথে কেউ যেতে চাইতো না। কয়েকজন লোক সাথে নিয়ে যাবার দরকার ছিল। সাথে নিয়েও ছিলেন কয়েকজনকে। কিন্তু তারা কেউ ফিরে আসে নি কখনো। তারপর থেকে আমার আব্বাকেও আমি দেখি নি—শুনিও নি কোনো খবর।
: প্রফেসর ঠিক কোন নির্দিষ্ট স্থানের দিকে রওনা হয়েছিলেন তা তুমি জানো না?
লৌহমানবের প্রশ্নের উত্তরে লুসি বলল: না। আব্বা শুধু নীল উল্কার সন্ধান নিতে গিয়েছিলেন। আকাশ থেকে পড়েছিল জিনিসটা। এবং শোনা গিয়েছিল এই উল্কার আলো খুব ক্ষতিকর। বিশেষ করে মানুষের বুদ্ধি নাকি কেড়ে নেয়। এসব ব্যাপারে সত্য তথ্য তবে ব্যক্তিগত ভাবে সংগ্রহের জন্যেই আব্বাকে পাঠানো হয়েছিল। আব্বা এই উল্কা সম্পর্কে গবেষণা করার জন্যে পাগলের মতো হয়ে উঠে ছিলেন। পৃথিবীতে যত উল্কা পড়েছে মহাকাশ থেকে এটি ছিল তার মধ্যে সবচেয়ে বড়। কেউ কেউ বলে এই টোনাই গ্রামের মতোই নাকি বড় এ উল্কা। এর প্রকৃতিও নাকি ভয়ানক ক্ষতিকর এবং অলৌকিক!
একটু থেমে লুসি বলল : আব্বা জানতেন এ উল্কা সম্পর্কে তথ্য সংগ্রহ করা দু’চারদিনে সম্ভব হবে না। দু চার মাস, এমনকি নীল দু চার বছরও লেগে যেতে পারে। তাই তাঁর দরকারে লাগবে এমন সব যন্ত্রপাতি এবং বৈজ্ঞানিক উপাদান সাথে করে এনেছিলেন। রওনা হবার সময় সেগুলো সবই সাথে করে নিয়ে গিয়েছিলেন।
: তুমি যার কাছে ছিলে সেই মিশনারী এবং তার স্ত্রী এখন কোথায়?
লৌহমানব জানতে চাইল। লুসি একটু ইতস্তত করে বলল : তারা ইংল্যাণ্ডে ফিরে গেছে। ইংরেজ ছিল তারা।
: মা-গামা সম্পর্কে কি জানো তুমি? তোমার আব্বার কি ধারণা ছিল মা-গামা সম্পর্কে?
লুসি উত্তর দিল : আব্বার মুখে কোনোদিন মা-গামার নাম শুনি নি। আমিও মা-গামার নাম আগে শুনি নি। তবে আব্বার কোনো খবর না পাওয়াতে আমি তাঁর সন্ধানে দক্ষিণ দিকে যাবার চেষ্টা করি। কিন্তু শেষ পর্যন্ত খুব বেশী দূর এগুতে পারি নি আমি। উপজাতি লোকেরা আমাকে নানা উপায়ে পিছু হটিয়ে দেয়। স্থানীয় লোকের মুখে তখনই আমি শুনতে পাই মা-গামা হচ্ছে এসব উপজাতীয়দের নতুন শাসক। নীল উল্কা সেই মা-গামারই রহস্যময় অস্ত্র। আমার ধারণা মা-গামা আব্বাকে বন্দী করে রেখেছে বা হত্য করেছে!
একটু থেমে লুসি বলল : আব্বার জন্যে বহুদিন অপেক্ষা করে অবশেষে আমি সিদ্ধান্ত নিই আপনার সাহায্য প্রার্থনা করব। পাকিস্তানের সংবাদ পত্রের মারফত জানতে পারি আপনারা দক্ষিণ আমেরিকার এ্যান্টোফাগাটা শহরে আছেন। তাই আমি সোজা সেখানে চলে যাই আপনাদের সাথে কথা বলার জন্যে।
: লোবা মাম্ এবং রাহু সম্পর্কে তোমার বক্তব্য কি?
লুসি বলল : লোবা মাম্ এবং রাহু ছিল মা-গামার অনুচর। আমি যাতে আপনার সাথে দেখা করতে না পারি তার ব্যবস্থা করার জন্যে আমার পিছু পিছু ওদেরকে মা-গামা পাঠিয়েছিল।
লৌহমানব বলল : কিন্তু লোবা মাম্ আমাকে প্রস্তাব দিয়েছিল মা-গামাকে ধ্বংস করার জন্যে!
লুসি বলল : মা-গামার ওপর লোবা মামে্র রাগ আছে। আসলে রহস্যময় নীল উল্কার মালিক হতে চায় সে এবং রাহু। সে জন্যেই আপনার মতো সুযোগ্য মানুষ দেখে প্রস্তাবটি পেশ করে ফেলেছিল। ওদের নিজেদের ক্ষমতায়, কুলোতো না মা-গামাকে পরাজিত করা।
কয়েক সেকেণ্ড চুপ করে থেকে লুসি কৃতজ্ঞস্বরে হঠাৎ অন্য প্রসঙ্গে ফিরে গিয়ে বলতে শুরু করল : খুবই আনন্দের কথা এ্যান্টোফাগাষ্টায় আপনাদের ওপর নীল উল্কার প্রভাব ছিল সামান্য কয়েক ঘণ্টা মাত্র। জ্ঞান ফিরে পেয়ে যদি আপনারা লোবা-মাম্ আর রাহুকে হত্যা না করতেন তাহলে আমি আজ জীবিত অবস্থায় থাকতাম না। আপনারাও বিপদে জড়িয়ে পড়তেন।
লুসির কথা শুনে চারজনেরই দম আটকে গেল হঠাৎ। ধীরে ধীরে আটকানো দম ছেড়ে পরষ্পরের দিকে তাকাল ওরা। লৌহমানবের মনে যাই ঘটুক, কোনো প্রতিক্রিয়া প্রকাশ পেল না বাইরে। কিন্তু সকলেই চমকে উঠেছে লুসির কথা শুনে। লৌহমানব এবং তার দলের নীতি কোনো মানুষকে সরাসরি হত্যা করা নয়। অথচ লুসি বলছে লোবা মাম্ এবং রাহুকে তারা হত্যা করেছে!
লুসি আবার কৃতজ্ঞম্বরে বলে উঠল: আপনাদের ঋণ কোনোদিন শোধ করতে পারব না আমি। আপনারা আমাকে বন্দীনি অবস্থা থেকে মুক্ত করেছেন। লোবা মাম্ এবং রাহু আমাকে যেখানে বন্দী করে রেখেছিল সেখানে যথাসময়ে আপনারা যদি না পৌঁছুতেন তাহলে কি যে ঘটত আমার কপালে তা ভাবতেও পারি না। আমার মতো একজন সামান্য মেয়ের জন্যে আপনারা কি না করেছেন—আমি কি বলে যে কৃতজ্ঞতা জানাব! তাছাড়া আমার আব্বাকে খুঁজে বের করার প্রস্তাব গ্রহণ করে চিরঋণী করে ফেলেছেন আপনারা আমাকে।
একটু থেমে লুসি লৌহমানবকে ব্যক্তিগতভাবে উদ্দেশ্য করে বলল : আমাদের দাম্পত্যজীবন যদি চিরস্থায়ী হয় তাহলেও শোধ হবে না আমার এই ঋণ।
লুসির কথায় আশ্চর্য হবার পরিবর্তে মৃদু হাসল লৌহমানব। যেন তার সাথে লুসির বিয়ে স্থির হয়েছে এটা একটা জ্ঞাত এবং পুরনো বিষয়—আশ্চর্য হবার কিছুই নেই। ধীরে ধীরে সে প্রশ্ন করল : মা গামা সম্পর্কে তুমি আর কিছু জানো না যা আমাদের সাহায্যে লাগবে?
: যা জানি সবই বলেছি আমি। যতদুর জানি মা-গামাকে সামনাসামনি কেউ কখনো দেখে নি। এমন কি তার অনুচরেরাও কেউ জানে না মা-গামা লোকটা কে বা কেমন দেখতে। এবং মা-গামার কথা লোকে শুনেছেও অল্প। আব্বা নিখোঁজ হবার আগে আমি তার নাম শুনি নি। আর কেউ শুনেছে বলেও জানি না।
: রহস্যময় নীল উল্কা তাহলে মা-গামারই অধিকারে আছে?
লুসি বলল: তোমাকে আগেই তো ও সম্পর্কে সব বলেছি। তুমি বোধ হয় ভুলে গেছ। আবার বলছি—মা গামা এই নীল উল্কা ব্যবহার করে গ্রামবাসীদেরকে ‘বুদ্ধিহীন’ করে দেয়। ‘বুদ্ধিহীন’ অর্থ হচ্ছে, গ্রামবাসীরা শারীরিক ভারে বেঁচে থাকে। চলাফেরা করে ঠিকই, কথা বলে ঠিকই, ঘর-সংসার করে ঠিকই—কিন্তু কোনো কাজেতেই মাথা খাটাতে পারে না। সবচেয়ে বড় কথা ‘বুদ্ধিহীন’ অবস্থায় প্রত্যেকে মনে করে তারা সুস্থ এবং স্বাভাবিক অবস্থায় আছে—কিন্তু আসলে তারা সুস্থ নয়। যাই হোক, মা-গামা গ্রামবাসীদেরকে ‘বুদ্ধিহীন’ করে দিয়ে গ্রামে তার নিজের অনুচর পাঠিয়ে দেয়। তারা গ্রামবাসীদের ‘বুদ্ধিহীন’ অবস্থার সুযোগ নিয়ে ধনসম্পদ নিয়ে মা-গামার হাতে তুলে দেয়। টাকা-পয়সা সংগ্রহের জন্য আপাততঃ নীল উল্কা ব্যবহার করছে মা-গামা। এবং অল্প সময়ে মধ্যেই সভ্য দেশের জনসাধারণের ওপর এই নীল উল্কার অভিশাপ প্রয়োগ করবে সে। তার মূল উদ্দেশ্য পৃথিবীর ধনসম্পদের একচ্ছত্র মালিক হওয়া। তারপর নিজেকে পৃথিবীর একমাত্র শাসক হিসেবে ঘোষণা করবে সে। নীল উল্কা যতক্ষণ তার হেফাজতে আছে ততক্ষণ কেউ তাকে রুখতে পারবে বলে মনে হয় না।
বলা বাহুল্য, লুসি যা আগেই লৌহমানবকে বলেছে বলে দাবী করল তা স্মরণ নেই লৌহমানবের। কিন্তু কথাটা নিয়ে মাথা ঘামালো না সে। অপ্রত্যাশিতভাবে হঠাৎ সে গম্ভীর মুখে বলল : এসো লুসি, আমরা বরং আমাদের বিয়ের তারিখটা ঠিক করে ফেলি।
রীতিমতো বিমূঢ় হয়ে পড়ল লুসি লৌহমানবের কথা শুনে। থমকে গেল সে কেমন যেন হঠাৎ। তারপর বিচলিতভাবে বলে উঠল : কিন্তু তুমি আমাকে বলেছিলে আমার আব্বাকে না পাওয়া পর্যস্ত বিয়েটা স্থগিত থাকবে!
: এখন ভেবে দেখছি, তাতে অনেক অসুবিধে হবে।
লৌহমানব এক মুহূর্ত চুপ করে থেকে বলল : বিয়ের ঝামেলা আজি সন্ধ্যাতেই চুকিয়ে ফেলব আমরা।
বিস্ময়ে যেন পাথরের মূর্তিতে পরিণত হলো লুসি। বাঁ হাতের মাঙুল ঠোঁটে রেখে বিস্ফারিত নেত্রে তাকিয়ে রইল সে খানিকক্ষণ। তারপর হঠাৎ ত্রস্ত পদে ঘুরে দাঁড়াল দরজার দিকে। দ্রুত ঘর ছেড়ে বের হয়ে যেতে যেতে উত্তেজিত কণ্ঠে বলল : চিন্তা করে দেখি!
দরজা অতিক্রম করে বের হয়ে গেল লুসি। পাল্লা দুটো প্রচণ্ড শব্দ করে বন্ধ হয়ে গেল তার পিছনে।
পাঠ প্রতিক্রিয়া
আলাপ
মন্তব্য
সদস্যতা যাচাই করা হচ্ছে…
এখনও কোনো মন্তব্য নেই। পাঠ শেষ করে আলোচনাটি শুরু করুন।