
গল্প · জানুয়ারি ১৯৭০
ভয়াল ৪ — মৃত্যুর ফাঁদ
ইমতিয়াজ জাহেদ জিপ্পি আসাদ রেহানা। তিন যুবক, এক যুবতী। ওরা চার বন্ধু। দুর্বার, দুর্দম, দুর্জয় ওরা। ভয় কাকে বলে জানা নেই। অজানা রহস্য ও রোমাঞ্চের আকর্ষণ পৃথিবীর এক প্রান্ত থেকে টেনে নিয়ে যাচ্ছে ওদের আর এক প্রান্তে। ভয়ঙ্কর সংঘাত আর বাধা বিঘ্ন তুচ্ছ করে ঝাঁপিয়ে পড়ছে ওরা বিপদের মধ্যে। পড়ুন উপভোগ করুন।
ভয়াল · বই ৪সংস্করণ · প্রথম
সম্পূর্ণ পাঠ
ভয়াল ৪ — মৃত্যুর ফাঁদ
এক
নিজেদের প্লেনে ফিরে এল ইমতিয়াজ, জাহেদ, জিপ্পি আসাদ ও রেহানা। পরিবর্তিত পরিস্থিতিতে কি করা প্রয়োজন সেরকম একটা কর্মসূচী তারা ঠিক করে ফেলেছে ইতিমধ্যে।
এটা ঠিক যে রাক্ষুসে দ্বীপে আসার পেছনে কাজ করেছে মাবিয়ার অনুরোধ। মাবিয়া শুভ মুহম্মদের অনুগত বন্ধু। শুভ মুহম্মদ কয়েক বছর আগে তাঁর স্ত্রী আলিয়া মুহাম্মদ, বড় মেয়ে ইন্দুমতী ও ছোট মেয়ে ইরাবতীকে নিয়ে রাক্ষুসে দ্বীপে এসেছিলেন। ঠিক কি কারণে তিনি এসেছিলেন তা কারো জানা নেই, ইমতিয়াজ বা তাঁর সঙ্গীরাও জানে না। তবে রাক্ষুসে দ্বীপে এসে যে শুভ মুহম্মদকে বড় বেশী মূল্য দিতে হয়েছে এতে সন্দেহ নেই। তাঁর বড় মেয়েকে অপহরণ করা হল। নিজে তিনি ও তাঁর স্ত্রী অন্তর্হিত হলেন রহস্যজনক ভাবে ক্যাম্প থেকে। ইরাবতী এবং মাবিয়া তাদের দু’জন অনুচরসহ অতি কষ্টে প্লেন চালিয়ে থাইল্যাণ্ডে আসে। তাদের পেছনে ধাওয়া করে সেন আম্পালা। পরে জানা গেল, সেন আম্পালাই ইন্দুমতীকে অপহরণ করেছিল। মাবিয়া এর প্রতিশোধ নেবে ঠিক করে। সেন আম্পালা তার সমস্ত পরিকল্পনা নষ্ট করে দেয়। ব্যাঙ্ককের হোটেল প্রিন্সেস্-এ কিন্তু মাবিয়া আক্রমণ করে সেন আম্পালাকে। সেন আম্পালা পালিয়ে যেতে সমর্থ হয়। এর আগেই জানা গিয়েছিল, ইন্দুমতীকে তার ইচ্ছার বিরুদ্ধে বহুদিন উপভোগ করেছে সেন আম্পালা, তারপর উপভোগের সময় একদিন নৃশংস ভাবে হত্যা করেছে সে তাকে।
মাবিয়া এবং ইরাবতী কেউই শুভ মুহম্মদ, আলিয়া মুহাম্মদ ও নিহত ইন্দুমতীর কথা ভোলো নি। ইরাবতী নানা ভাবে রাক্ষুসে দ্বীপে আসার অর্থ সংগ্রহ করে বেড়াচ্ছিল। ঠিক এসময় মাবিয়া ইমতিয়াজের কথা জানতে পারে পত্রিকা মারফত। পরে ইমতিয়াজ এবং তার দলবল সম্পর্কে বহু লোকই বহু তথ্য জানিয়েছে তাকে। জানিয়েছে, ইমতিয়াজ ও তার দল যেমন সাহসী তেমন বে-পরোয়া আর পরহিতব্রতে একরকম উৎসর্গীকৃত বলা চলে তাদের। মাবিয়া সুযোগের অপেক্ষা করেছে। তারপর একদিন বঙ্গোপসাগরের একটা দ্বীপ থেকে বিজয় অভিযান শেষে দেশে ফিরলো ইমতিয়াজ, রেহানা, জিপ্পি আসাদ এবং জাহেদ। মাবিয়া গ্রহণ করলো এই সুযোগ।
ইমতিয়াজ ভেবেছিল, দেশে ফিরে কিছুদিন বিশ্রাম নেবে। কিন্তু এমন অতর্কিতে ঘটে গেল পরপর কয়েকটি ঘটনা যে ভাবার ফুরসতই পাওয়া গেল না। জড়িয়ে গেল সে এবং তার বন্ধুরা মাবিয়া ও ইরাবতীর দুর্ভাগ্যপীড়িত জীবনের সঙ্গে। জমে উঠল সেন আম্পালার সাথে প্রতিদ্বন্দ্বিতা। সেন আম্পালা অসাধারণ সন্দেহ নেই। কিন্তু পাপের কালিমা রয়েছে তার অস্তিত্বে। তাকে একদিন না একদিন দিতেই হবে ইমতিয়াজের কাছে ধরা।
কিছুক্ষণ আগে রাক্ষুসে দ্বীপে এসে পৌঁছেছে ইমতিয়াজ এবং তার বন্ধুরা। জন-মানবহীন নির্জন এই দ্বীপটিতে একটি বিচিত্র-গঠন প্যাগোডা দেখে বিস্মিত হয়েছে ওরা। আরো বিস্মিত হয়েছে প্যাগোডার সিঁড়িতে তাজা রক্ত এবং কয়েক গুচ্ছ মেয়েলী চুল দেখে। তারা তন্ন তন্ন করে খুঁজেছে প্যাগোডাটির সব জায়গা। ইমতিয়াজের নিশ্চিত ধারণা, প্যাগোডার সিঁড়ির গোড়ায় যে রক্তাপ্লুত চুলের গুচ্ছ এবং রক্ত পাওয়া গিয়েছে তা শুভ মুহম্মদেরই কন্যা ইরাবতীর। ইরাবতীকে খুঁজলো তারা। প্যাগোডার এক ঘরে পাওয়া গেল একটি ফাঁপা মেঝে। মেঝের নীচে রয়েছে প্রশস্ত ও গভীর বাথটবের ন্যায় খানিকটা জায়গা। সেখানে সারি সারি শুইয়ে রাখা হয়েছে বহু নর-কঙ্কাল। নর-কঙ্কাল ছাড়া সেখানে পাওয়া গেল বহু অস্ত্ৰ-শস্ত্ৰ, এমন কি পুরানো অস্ত্র-শস্ত্রও। কুঠার, বর্শা ইত্যাদির সাথে পাওয়া গেল পিস্তল, বন্দুক, রাইফেল এবং গোটা দুই এল. এম. জি। ইরাবতীর পিস্তলটাও পাওয়া গেল সেখানে। ইমতিয়াজের ধারণা আরো খানিকটা আশ্রয় পেল এতে।
ওরা প্যাগোডা পরিদর্শন শেষে বেরিয়েছে কোথাও ইরাবতীর অন্তর্ধানের কোন সূত্র পাওয়া যায় কিনা তা খুঁজতে। প্যাগোডার পেছনে নদী-তীরে ইমতিয়াজ আবিষ্কার করল একটা ছোট চৌকো পাথর। পাথরের উপর হাত আঁকা, আর কিছু মন্ত্র লেখা। বুঝতে পারল ওরা এই দ্বীপ বহু প্রাচীন। বর্তমান মানব-সভ্যতারও বহু আগে এই দ্বীপে গড়ে উঠেছিল বিচিত্র এক সভ্যতা। এখানে বাস করত একদল বিচিত্র মানব-মানবী। অজ্ঞাত কোন কারণে তা’রা আজ নিশ্চিহ্ন হয়ে গেছে অথবা হয়তো মায়ানদের মত* তাদের উত্তরাধীকারীরা এই দ্বীপেরই কোন নির্জন নিভৃতে বেঁচে আছে।
*ভয়াল-১ দ্রষ্টব্য।
নদীর তীর ধরে এগিয়েছে তা’রা। চারদিকে ভয়াবহ অরণ্য। বাম পাশে ছোট নদীটি বইছে। নদীতে স্রোত কম। দু'পাশ থেকে অরণ্যের বড় বড় ডালপালা এসে নুয়ে পড়েছে নদীর উপর। বড় বড় বুয়োনাস জাতীয় কুমীর নদীর পানিতে গা ভাসিয়ে বিচরণ করছে। জঙ্গলে ফুটে আছে নানা রঙের ফুল। বিষাক্ত পতঙ্গ মাইলের পর মাইল জুড়ে দল বেঁধে উড়াউড়ি করছে আর গাছের সবুজ পাতা খেয়ে, জঙ্গলের জীব-জন্তুদের রক্ত পান করে অন্যত্র চলে যাচ্ছে। ভীতু রাজাওয়ালী পাখী গাছের এ ডাল থেকে ও ডালে লাফাচ্ছে ভয় পেয়ে পেয়ে। জঙ্গলের গভীরে কোথাও হিংস্র সাপের নিঃশ্বাস শোনা যায়। কোথাও বাঘের গর্জন।
যেখানে এদের আর ইরাবতীর প্লেন ল্যাণ্ড করা হয়েছে সেখানে এসে পৌঁছেছে ওরা। ইরাবতীর প্লেনের ভেতর পাওয়া গেল গুরুত্বপূর্ণ দুটি জিনিস। এক, সেন আম্পালার চাবি; দুই, রহস্যময় রাক্ষুসে দ্বীপের একটা ম্যাপ। ম্যাপে আঁকা রয়েছে দ্বীপের পথ-ঘাট। আর একটা গুরুত্বপূর্ণ সঙ্কেত রয়েছে ম্যাপটিতে। সঙ্কেতটা হল :
MAAPI PPAR AAPA PPAC APPL
PPAE APPGO PPAGO.
সঙ্কেতটা দেখে আনন্দে উজ্জ্বল হয়ে উঠল ইমতিয়াজের চোখ-মুখ। জাহেদও দেখল সেটা। সেও নিদারুণ খুশীর ভাব দেখাল সঙ্কেতটা দেখে। কিন্তু আসলে এক বর্ণও বুঝতে পারে নি সে সঙ্কেতটার অর্থ।
ইরাবতীর প্লেন থেকে নেমে এসেছে তারা তারপর। পরবর্তী কর্মসূচীর একটা খসড়া তা’রা তৈরী করেছে মুখে-মুখেই। আপাততঃ ইরাবতী এবং মাবিয়াকে খুঁজে বের করতে হবে। ইরাবতী এবং মাবিয়ার অন্তর্ধানের পেছনে রয়েছে যে রহস্য সে রহস্যই রাক্ষুসে দ্বীপের ভয়াবহতার কেন্দ্র-বিন্দু। এই বিষয়ে তাদের কোন সন্দেহ নেই।
আপাততঃ প্লেনে করে দ্বীপটি প্রদক্ষিণ করবে ওরা। যথাসম্ভব নীচু দিয়ে প্লেন চালাবে যাতে দ্বীপের অভ্যন্তর ভাগে কি আছে তা দেখা সম্ভব হয়।
পাইলটিং করতে বসল ইমতিয়াজ। জাহেদ রইল তার সাহায্যকারী। আর দু’পাশে দু’টি জানালা ঘেঁষে শক্তিশালী বায়নোকুলার হাতে বসল জিপ্পি ও রেহানা।
: প্লেনের তিনটি মোটরই চালু করে দেওয়া হল। স্কাইড করে প্রথমে উপরে উঠান হল প্লেনটা। তারপর ভারসাম্য বজায় রেখে প্লেনটা নেমে এল জঙ্গলের বড় বড় গাছ-পালার বেশ খানিকটা উপরে। শক্তিশালী তিন মোটর-যুক্ত এম্ফিবিয়ান প্লেনটির গর্জনে গড়গড় করতে লাগল নির্জন দ্বীপটি।
উপর থেকে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপটিকে মস্ত বড় একটা সবুজ-শ্যামল পাথরের মত দেখাচ্ছে। গা ঘেঁষাঘেঁষি দাঁড়িয়ে আছে গাছ-পালা। ঝোপ-ঝাড় লতা-পাতা নিশ্ছিদ্র করে দিয়েছে অরণ্যকে। মাঝে মাঝে রঙের পরিবর্তন পাওয়া যায়, তাছাড়া আর কোনো বৈচিত্র নেই। কোথাও সবুজ-হলুদ মেশানো, কোথাও হলুদ-লালের মিশ্রণ, কোথাও বা গাঢ় সবুজ বা গাঢ় শ্যামলিমা।
এক জায়গায় ব্যতিক্রম পাওয়া গেল। দেখা গেল, বেশ খানিকটা ফাঁকা জায়গা রয়েছে, জঙ্গলের ভেতর।
: গুড রানওয়ে।
চেঁচাল সাহায্যকারী জাহেদ। বলল : দেখেছ, কি রকম চমৎকার সমান জায়গা?
সবাই যথাসময় জায়গাটা দেখেছে। ইমতিয়াজ ল্যাণ্ড করতে মনস্থ করল প্লেন। জাহেদ তেমনি চেঁচামেচি করছে। রেহানা বলল : ডিয়ার জাহেদ, হোয়াই চেঁচামেচি? তুমি তো আবার গান গাও। চেঁচামেচি করলে গলা নষ্ট হয়ে যাবে না?
অমনি জাহেদ তুমুল গলায়, ‘আমার যে সব দিতে হবে সে তো আমি জানি।’—বেসুরো গলায় গাইতে শুরু করল।
: ব্যাপার কি?
জিপ্পি জানতে চায় রেহানার কাছে : শালা ফাঁকা জায়গায় প্লেন নামানো হচ্ছে দেখে খুশীতে অমন গলা ছেড়ে দিয়েছে কেন?
: লাঞ্চ টাইম।
ইমতিয়াজ কোন দিকে না তাকিয়ে বলল। জাহেদ ছাড়া সবাই হেসে উঠল এক সাথে।
প্লেন নামানো হল। ওরা সবাই অবাক হয় জায়গাটা দেখে। যেন গহন অরণ্যে বাঙালী গৃহস্থের মস্ত বড়ো উঠোন এনে বসিয়ে দেওয়া হয়েছে। যেমন ঝকঝকে তকতকে তেমন প্রশস্ত। জিপি আসাদ খানিকটা মাটি তুলে নিল। কাগজের প্যাকেটে সেটা রেখে চালান দিল তার মস্ত ব্যাগের ভেতর।
: আমার মনে হয়, কোন সময় কাজে লেগে যাবে।
ইমতিয়াজ শুধু মাথা নাড়ল জিপ্পির কথা শুনে। হঠাৎ সবাই এগিয়ে যায়। অন্যদের মনোযোগ রেহানা চেঁচিয়ে ওঠে খানিকটা দূরে। রেহানা খানিকটা কালো মাটির দিকে আকর্ষণ করে। ইমতিয়াজ কালো মাটির গুঁড়ো পরীক্ষা করল। বলল : রক্তের উপাদান মেশানো মাটি। তার মানে, বিশ কি একুশ দিনের মধ্যেই হত্যাকাণ্ডটা হয়েছে।
: হত্যাকাণ্ড?
: হ্যাঁ। এই জায়গায় দুই বা ততোধিক মানুষ খুন করা হয়েছে। প্রখর সূর্যের আলো আর উষ্ণ-মণ্ডলের তুমুল বর্ষাও মাটি থেকে রক্তের দাগ সম্পূর্ণ নিশ্চিহ্ন করতে পারে নি।
রেহানা বলল : আশ্চর্য এই দ্বীপটি! যত দেখছি ততই অবাক হচ্ছি।
জাহেদ চিন্তিত গলায় বলল : ঠিক বলেছ। ঘণ্টা পাঁচেক হয়েছে কি হয়নি দ্বীপে নেমেছি, এরই ভেতর দু’দু জায়গায় রক্তের দাগ! কী ভয়ানক ব্যাপার। দ্বীপটার নাম যে রাক্ষুসে দ্বীপ রেখেছে তা’র অন্তর্দৃষ্টি ছিল।
জিপ্পি বলে : ম্যাপের কোথাও কি এই বিচিত্র রানওয়ের উল্লেখ আছে?
: না। হয়তো যারা এই রানওয়ে ব্যবহার করে তাদের সঙ্গে এই ম্যাপ-প্রণেতাদের কোন সম্পর্ক নেই।
: অর্থাৎ এই রাক্ষুসে দ্বীপে একাধিক দল রয়েছে আমাদের ছাড়াও!
: খুব সম্ভব।
ইতিমধ্যে জাহেদ ফাঁকা জায়গাটার একপাশে মস্ত একটা গাছের নীচে লাঞ্চের আয়োজন সাজিয়ে বসেছে। তা’কে সাহায্য করছে রেহানা। জিপ্পিও গিয়ে হাত লাগাল। দু’টো বানর কোত্থেকে এসে কিচিরমিচির করছিল জাহেদের মাথার উপর একটা গাছের ডালে। রেহানা বলল : জিপ্পি, তোমার ভাতিজাদের খেদাও।
জাহেদ বলল : কলা চায় বানরগুলো। ‘ফুড’ সম্পর্কে শালাদের ভাল নলেজ। দে জিপ্পি, কিছু ছুঁড়ে দে ব্যাটাদের।
: দিচ্ছি।
জিপ্পি বলল : আমি একটা আবিষ্কার করে ফেলেছি। এই দ্বীপে বিজুলী বাতি আছে।
হা হা করে খানিকটা শুকনো হাসল জাহেদ। পর মুহূর্তে গম্ভীর হয়ে বলল : হ্যাঁ, বিজুলি বাতি আছে, কিছুক্ষণ পরে বলবি সিনেমা হল আছে! ইমতিয়াজ, জিপ্পি মিঞার টেম্পারেচার বাড়ছে। সামলাও।
ইমতিয়াজ চুপচাপ। সেও গাছের দিকে তাকিয়ে বানরগুলোর মধ্যে কি যেন দেখছে। বানরগুলোর ভয়-ডর আছে বলে মনে হল না। দিব্যি হাত দু’হাত দূরে থেকে জিপ্পির দেওয়া খাবার তুলে নিয়ে আবার গাছের ডালে গিয়ে উঠছে এবং লেজে ভর দিয়ে চিন্তিত মুখে কুটকুট খাবার চিবোচ্ছে।
জিপ্পি বলল : ঐ দেখো জাহেদ, একেবারে বাঁ দিকের ছোট বানরটার গলায় তামার তার ঝুলছে। ইলেকট্রিক ওয়্যার।
জাহেদ দেখল। রেহানা দেখল। ইমতিয়াজ আগেই দেখতে পেয়েছিল। জাহেদ অবাক হয়ে যায়। প্রায় মাথায় হাত দেওয়ার দশা তার। বলে : আরে, সত্যি দেখছি ইলেকট্রিক ওয়্যার! একেবারে ঝকঝকে নতুন। এ যে দেখছি বানরের গলায় মুক্তার হারের চেয়েও ভয়ানক ব্যাপার! ইমতিয়াজ…!
ইমতিয়াজ বলে : জিপ্পির অনুমান সত্য বলে আমার ও বিশ্বাস। তোমার কি মনে হয়, জাহেদ?
‘ইলেকট্রিক্যাল উইজার্ড’ জাহেদ বলে : আমার কথা তো জিপ্পিই বলে দিয়েছে। বানরের গলায় যে তারটা ঝুলছে সেটা এক খণ্ড বাতিল ওয়্যার। এই ধরণের তারের ব্যবহার শুধু ইলেকট্রিক কারেণ্টের ক্ষেত্রেই প্রয়োজনীয়।
: কিন্তু বানরের গলায় এই ওয়্যার কেন?—রেহানা জিজ্ঞেস করে।
জিপি বলে : হয়তো বানর-প্রিয় বানর-প্রিয় কোন ব্যক্তি বাতিল তার দিয়ে বানরটাকে বেঁধে রেখেছিল। এক সময় সুযোগ পেয়েছে আর সেই ব্যক্তির আশ্রয় ছেড়ে কেটে পড়েছে বানরটা।
ইমতিয়াজ কিছুই বলল না।
ব্যাপারটা সকলের মনেই রহস্যের একটা অব্যক্ত স্পর্শ রেখে গেল। লাঞ্চ করল ওরা বেশ হৈ-চৈ করেই। জিপ্পিকে বরাবরই সাধারণের চেয়ে তিনগুণ, বা চারগুণ খাবার দেওয়া হয়। সে তার নির্ধারিত ‘কোটা’ খাবার খেতে অস্বীকার করল। বলল : সঞ্চয়ী হওয়া দরকার। এই বনে-বাদাড়ে অমিতব্যয়ী হওয়া উচিত না। খাবারের বেলায়ও না।
জাহেদ বলল : আগে চিন্তা করিস কেন রে, জিপ্পি? যতক্ষণ আছে দরদ দিয়ে খাবি। রসিয়ে রসিয়ে খাবি। যখন থাকবে না তখনকার কথা চিন্তা করে কি লাভ?
রেহানা বলল : তুমি থামো, রাক্ষস মিঞা! জিপ্পির একটা কাণ্ডজ্ঞান আছে। তোমার মত খাবার দেখলে সব ভুলে যায় না ও।
লাঞ্চ খেয়ে অল্প কিছুক্ষণ বিশ্রাম নিল ওরা। ইতিমধ্যে রাক্ষুসে দ্বীপের অরণ্যের ফাঁকে ফাঁকে সঞ্চারিত হয়েছে সমুদ্রের শীতোষ্ণ নিঃশ্বাস। কাঁপছে চারদিক। দোলায়িত হচ্ছে অরণ্যের গাছপালা আর ঘাসের সবুজ ডগা ঝিরঝির বাতাসে। অরণ্যের আলো-ছায়ার ভেতর খেলা করছে রাজাওয়ালী পাখী। কিচির-মিচির করছে একদল বানর। একটা মস্ত বড়ো সাপ সবুজের স্তুপ থেকে মাথা তুলে গাছের কোটরে কোটরে পাখীর বাসা খুঁজে ফিরছে। সাপটাকে দেখেই কোলাহল করে উঠল একদল পাহাড়িয়া ময়না পাখী। আর্তনাদ করতে লাগল ওরা চারদিকে উড়ে উড়ে। কোথাও ক্ষুধার্ত বাঘ সারাদিন খাবার না পেয়ে ঝোপের পাশে কাত হয়ে শুয়ে ঘুমোচ্ছে। মাঝে মাঝে রক্ত-চক্ষু খুলে দেখছে চারপাশ আর জিহ্বা দিয়ে মুখের দুই কোণ চাটছে। কোথাও বিষাক্ত কাঠপিঁপড়ে একটা মধু-লোভী ভালুককে আক্রমণ করেছে। ভালুকটা গড়াগড়ি যাচ্ছে মাটিতে পড়ে। কিন্তু হাজার হাজার কাঠ-পিঁপড়ে ততক্ষণে ঢুকে পড়েছে তার লোমের ভেতর। কয়েক হাজার পিঁপড়ে আক্রমণ করেছে তার কণ্ঠনালী ও চোখে। বীভৎস আর্তনাদ করছে ভালুকটা, আর আস্তে আস্তে নিস্তেজ হয়ে আসছে।
খানিকটা বিশ্রাম নিয়ে প্লেনে উঠল ওরা। রাক্ষুসে দ্বীপের উত্তর-দক্ষিণ, পূর্ব-পশ্চিম দিক প্রদক্ষিণ করল ঘুরে ঘুরে। দ্বীপের উত্তর-পশ্চিম প্রান্তে রয়েছে একটি সরোবর, কয়েকটা সরু নালার মত নদী বেরিয়েছে সরোবর থেকে। চারপাশে কাঁটা-বন। এখানে ওখানে মাথা উঁচু করে আছে অনুচ্চ পাহাড়। দ্বীপের দক্ষিণ-পূর্ব সীমানায় দেখা গেল নারকেল গাছের ঘন সারি, অর্ধ বৃত্তাকারে বেল্ট তৈরী করে সেটা বিস্তৃত হয়েছে সমুদ্রোপকুল থেকে দ্বীপের অভ্যন্তরে। কয়েকটা বৃহৎ আকারের পাখী ধাওয়া করল তাদের প্লেন। জিপ্পি কয়েক রাউণ্ড গুলি ছুড়ল গ্যাসরাইফেল থেকে। সব ক’টা পাখী ঝুপঝুপ করে পড়ল নীচের অরণ্যে। কাঁ কাঁ আর্তনাদের স্বর ভেসে উঠেই মিলিয়ে গেল বাতাসে!
ইমতিয়াজ আবার ফিরে এল প্যাগোডার নিকটবর্তী ফাঁকা জায়গাটায়। উপর থেকে ঝলসানো সাদা প্রজাপতির মত দেখা গেল ইরাবতীর প্লেনটা। ইমতিয়াজ প্লেন নামাল সাবধানে। নেমে এল ওরা একে একে প্লেন থেকে নীচে, মাটিতে।
জাহেদ এগিয়ে গিয়েছিল ইরাবতীর প্লেনটার দিকে। সে নিদারুণ উত্তেজনায় চেঁচিয়ে উঠল সহসা। বলল : ইমতিয়াজ, অলৌকিক কাণ্ড! দ্যাখো—দ্যাখো…!
ওরা জাহেদের চীৎকার শুনে এগোল। যা দেখল তাতে চক্ষুস্থির হয়ে গেল সকলের। দেখল, ইরাবতীর প্লেনের দু’টো ডানাই ভাঙা। বিশাল কোন কিছুর প্রচণ্ড চাপে প্লেনটা চ্যাপ্টা হয়ে গেছে। মনে হয়, যেন বিশাল-বপু একটা দৈত্য প্লেনটার উপরে দাঁড়িয়েছিল, তার পায়ের চাপে চ্যাপ্টা হয়ে গেছে প্লেনটা।
: আশ্চর্য,—
বলল জিপ্পি : যা দেখছি বিশ্বাস করতে পারছি না!
রেহানা বলল: কতক্ষণ হল আমরা এখান থেকে গিয়েছি? বড় জোর দু’ঘণ্টা! এর মধ্যেই এই কাণ্ড?
ইমতিয়াজ গম্ভীর ভাবে ইরাবতীর প্লেনটা পরীক্ষা করল। সম্পূর্ণ অকেজো করে দেওয়া হয়েছে প্লেনটা। প্লেনের সিঁড়ি অটুট আছে। ভেতরেও তেমন ক্ষয়-ক্ষতি কিছু হয় নি। কেবিনের জিনিস-পত্র ঠিক আছে। জিনিসপত্রের ভেতর রয়েছে—তাঁবুর সরঞ্জাম, প্যাকেট করা খাবার-দাবার, রাইফেল ও এল. এম. জি’র গোলা-বারুদ ইত্যাদি। কিন্তু পেছন দিককার ‘কণ্ট্রোল সারফেস’ সম্পূর্ণ নষ্ট করে দেয়া হয়েছে।
: মানুষের কাজ এটা হতে পারে না!কিছুতেই না।—জিপ্পি বিস্ময়ের ঘোরের ভেতর থেকে বলে।
: তাহলে দত্যি-দানোর কাজ?
রেহানা প্রশ্ন তোলে : বলতে চাও, বিজ্ঞানের যুগে বাস করে এসব আজগুবী কথা বিশ্বেস করব?
: বিজ্ঞানের যুগ!
জাহেদ অবজ্ঞা দেখায় : সে তোমার ধরো গে হাজার হাজার মাইল পেছনে ফেলে এসেছি। আমরা এখন বাস করছি রাক্ষুসে দ্বীপে। এখানে সবকিছুই সম্ভব। এ যে দেখছি, মায়ার উপত্যকার রহস্যকেও হার মানিয়ে দিল! ইমতিয়াজ, তুমি কি বলো?
ইমতিয়াজ কিছুই বলল না। কেবিনের জিনিস-পত্রগুলোর উপর দৃষ্টি নিবদ্ধ তার। গভীর চিন্তায় মগ্ন সে।
হঠাৎ প্রচণ্ড একটা শব্দ হল কোথাও। অবাক হয় ওরা। পরস্পরের মুখ চাওয়া-চাওয়ি করে। বুঝল, শব্দটা উঠেছে দক্ষিণদিক থেকে অর্থাৎ গভীর জঙ্গলের অভ্যন্তর থেকে। মনে হল কেউ যেন হাজার মন কাঁচ পাঁচ হাত দূরে কঠিন পাথরের উপর আছড়ে ফেলে ভেঙেছে।
নিঃশব্দে ওরা নেমে এল প্লেন থেকে নীচে। ইতিমধ্যে একখণ্ড কালো মেঘ দেখা গেল আকাশে। দুপুর শেষ হয়ে গেছে। প্রশান্ত মহাসাগরের বুক থেকে ছুটে আসছে দামাল বাতাস। বাতাসের বেগ বাড়তে থাকল একটু একটু। রোদ তখনো আছে আকাশে। জঙ্গলের ভেতর আবছা-কালো ছায়ার রাজত্ব। কোথাও বিষাক্ত ‘ল্যাং’ পতঙ্গ দল বেঁধে ঘুরছে। মৌমাছির গুঞ্জনের মত একটা শব্দ শোনা যাচ্ছে বাতাসের শব্দের উপর।
ওরা এগোলো নিজেদের প্লেনের দিকে। দু’পা এগিয়েছে মাত্র। ঠিক এ সময়ই ঘটনাটা ঘটল।
প্রথমে শিশু-কণ্ঠের কান্নার মত একটা তীক্ষ্ণস্বর একবার ভেসে উঠেই মিলিয়ে গেল। তারপর আকাশে দেখা গেল একখণ্ড আগুন-রঙা মেঘ। না, মেঘ নয়, আগুন। লক্ লক্ করছে অজস্র আগুনের জিহ্বা। ছয় ইঞ্চি পুরু, এক গজ লম্বা আগুন। আগুনটা আকাশ থেকে নীচে নামতে লাগলো ভেসে ভেসে। তারপর গিয়ে ঝাঁপিয়ে পড়ল ওদের প্লেনের উপর।
মুহূর্তেই আগুন ধরে গেল প্লেনে। দাউ-দাউ করে জ্বলে উঠল এমফিবিয়ান প্লেনটা। হিসহিস শব্দে জ্বলছে ফিউল ট্যাঙ্ক। ফিউজিলেজের ভেতরটা হয়ে উঠেছে জ্বলন্ত অগ্নিকুণ্ড।
বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল জাহেদ, জিপ্পি আসাদ আর রেহানা। শুধু ইমতিয়াজের চোখে-মুখে সামান্য কাঠিন্য ছাড়া আর কোন ভাবান্তর নেই।
জিপ্পি আসাদ ও জাহেদ ছুটে যায় জ্বলন্ত প্লেনের দিকে। মৃদু হাসি ফুটে ওঠে রেহানার ঠোঁটে। বলে : কিছু লাভ নেই জাহেদ। গোটা প্লেনেই আগুন ধরে গেছে, জিনিসপত্র কিছুই বাঁচাবার উপায় নেই।
জিপ্পি আসাদ ও জাহেদ মাথা নাড়ে। হাসে। আর এগোয় না জ্বলন্ত প্লেনটার দিকে। প্লেনের অগ্নিকুণ্ড থেকে বিশাল ধূম্রজাল আকাশের দিকে উঠে যাচ্ছে।
ইমতিয়াজ আকাশের দিকে তাকায়। আকাশে বিস্তৃত হয়ে উঠেছে সেই কালো মেঘটা। বাতাসের বেগ বেড়েছে আরো। রোদ নিভে যেতে লাগল! আবছা অন্ধকার নেমে এল গোটা দ্বীপটাতে।
: ভৌতিক কাণ্ড!
জাহেদ না বলে পারল না : নিশ্চয়ই একজন যাদুকর আছে এই দ্বীপে। সে ব্যাটাই চ্যাপ্টা করে দিয়েছে ইরাবতী’র প্লেন, জ্বালিয়ে দিয়েছে আমাদের প্লেনটা। এই যে রোদ নিভে গেল, বাতাস ছুটল মোস্ট অবিডিয়েন্ট সারভেণ্টের মত। এসবও ঐ শালার কাজ। টপ গিয়ারে আছে শালার মুড। যা খুশী করবে মনে হচ্ছে।
জিপ্পি বলল : সেন আম্পালারও তাই মত। তারও ধারণা, এই দ্বীপে রয়েছে এক মৃত-নগরী আর নগরীতে রাজত্ব করছে একটি মাত্র লোক, তার একশ-একটা মাথা। আর অসীম তার ক্ষমতা…
জাহেদ দাঁত কিড়মিড় করল রাগে বলল : একশ একটা মাথা আর অসীম ক্ষমতা? তাই না? যদি ব্রাদার-ইন-ল-কে হাতে পাই তাহলে সব ক’টা মাথা মুড়িয়ে ঘোল ঢেলে ছাড়ব। যাদু আমরাও দেখাতে পারি। কি দেখাব জান? টেকনিকালার সর্ষে ক্ষেত! খোদার কসম!
এই সময় নেমে এল মুষলধারে বৃষ্টি। জিপ্পি আসাদ, জাহেদ আর রেহানা দৌড়ুল ইরাবতীর প্লেনের দিকে। অকেজো প্লেনের ভেতরে এখনো আশ্রয় নেবার উপায় রয়েছে।
কিন্তু ইমতিয়াজকে দেখা গেল না কোথাও।
মিনিট-দুই অপেক্ষা করল ওরা প্লেনের ভেতর। তারপর নেমে এল ওরা ইরাবতী, কুমারস্বামী আর মাবিয়ার জন্যে নির্ধারিত বর্ষাতিগুলো নিজেদের গায়ে চাপিয়ে। ইরাবতীর বর্ষাতিটা রেহানার সামান্য খাটো হল কিন্তু চমৎকার মিলে গেল। কুমারস্বামী আর মাবিয়ার বর্ষাতি দু’টো জিপ্পি আসাদ আর জাহেদের গায়ে।
: আহা, এমন বৃষ্টি নেমেছে,
আপসোস করে জাহেদ : এখন কই মাছ উজিয়ে উঠার সময় ‘আমাগো’ দেশে!
রেহানা হাসতে হাসতে বলল : ‘তোমাগো’ দেশে আর কি কি উজান যাচ্ছে এখন শুনি?
: ফাজলামি করো না, ফাজলামি করো না,
জাহেদ চোখ সামান্য ছোট করে বলে : নিয়ে যাবো তোমাকেও আমাদের পরগনায়। লাল চেলি পরিয়ে…
কথা রেহানা মাটি থেকে কুড়িয়ে নেয় একতাল কাদা। শেষ হবার আগেই হাসতে হাসতে সেটা ছুঁড়ে মারে জাহেদের দিকে।
জাহেদ তখন বাধ্য হয়ে আর কথা শেষ করল না। কাদাটা লেগেছে হেলমেটের উপর। যথেষ্ট দুঃখিত মনে হল তাকে এভাবে কাদা ছুঁড়ে মারাতে। নিঃশব্দে সে এগোতে লাগল জিপ্পির পেছন পেছন।
এদিকে তুমুল বৃষ্টি হচ্ছে। বৃষ্টির নীচে দাঁড়িয়ে সজীব হয়ে উঠল ওদের দেহ-মন। অরণ্যের ডাল-পালা ভেদ করে ঝরে পড়ছে বৃষ্টির বড় বড় ফোঁটা। অরণ্য ছাড়িয়ে ওরা এগোল নদীর ধারে। যতদূর চোখ যায় তাকিয়ে দেখল। কিন্তু কোথায় ইমতিয়াজ? চারদিকে শুধু সিক্ত গাছপালা আর বৃষ্টির শব্দ।
: ইমতিয়াজ কোথায় যেতে পারে?—জিপি আসাদ জিজ্ঞেস করে। কেউ জবাব দেয় না এ কথার। এটা এরা তিনজনই জানে, গূঢ় কোন কারণ ছাড়া ইমতিয়াজ কোথাও যেতে পারে না। ইমতিয়াজের স্বভাবই এরকম। নিঃশব্দে কাজ করে যায়। বন্ধুরা তার স্বভাব জানে। অনুসরণ করে তাকে পদে পদে।
নদীর তীর ধরে এগোলো ওরা। বৃষ্টির ছাঁট কমে আসতে লাগল! বাতাস উড়িয়ে নিয়ে যেতে লাগল কালো মেঘের স্তুপ রাক্ষুসে দ্বীপের আকাশ থেকে অন্য আকাশে। পরিষ্কার হয়ে এল আস্তে আস্তে আকাশ। বৃষ্টি চলে গেল সাগরের দিকে।
বিকেলের শেষ আলো আবার হেসে উঠল চারদিকে। সিক্ত গাছপালার উপর আলো লেগে অপরূপ হয়ে উঠল প্রকৃতি।
হঠাৎ চোখে পড়ল তাদের দৃশ্যটা। প্রাণপণে ছুটে আসছে একটা লোক নদীর পূর্ব প্রান্ত থেকে এদিকে। লোকটা বিশালকায় দেখতে। মনে হল, কেউ যেন তাড়া করে আসছে তার পেছনে।
জিপ্পি আসাদ, রেহানা, জাহেদ থমকে দাঁড়াল। লোকটাও ততক্ষণে দেখতে পেয়েছে তাদের। সেও থমকে দাঁড়াল ওদের দেখতে পেয়ে। সে যেন সম্মুখের তিনটি মানুষের অস্তিত্ব বিশ্বাস করতে পারছে না।
সে মুহূর্তকাল দাঁড়িয়ে রইল। তারপরই অস্ফুট আর্তনাদ করে একবার পেছনে একবার সামনে তাকিয়ে অরণ্যের ভেতরে অদৃশ্য হয়ে গেল। কিন্তু দু’তিন পা যেতে না যেতেই গগনভেদী আর্তনাদ শোনা গেল তার।
ওরা দ্রুত পায়ে এগিয়ে গেল। পূবদিক থেকে সবেগে আসতে দেখা গেল ইমতিয়াজকে। তার শরীরের কাপড়-চোপড় ভেজা। বৃষ্টির পানি তখনও ঝরছে মাথার বড় কালো-পিঙ্গল চুল থেকে। ওরা বুঝতে পারল, এই লোকটাকেই অনুসরণ করেছিল ইমতিয়াজ। বৃষ্টি শুরু হওয়ার পর ওরা যখন ইরাবতীর প্লেনে আশ্রয় নেবার জন্যে ব্যস্ত হয়ে উঠেছিল, তখন অথবা হয়তো আরও আগে থেকে লোকটা তাদের পেছনে এসে দাঁড়িয়েছিল। ইমতিয়াজের চোখকে সে ফাঁকি দিতে পারে নি, এটুকু বুঝা গেল।
ওরা এগিয়ে গেল। লোকটা তখনও চীৎকার করছে মাটিতে পড়ে, আর দু’হাতে আঁকড়ে ধরেছে বিশাল একটা পাখীর কালো ডানার এক প্রান্ত। লড়াই করছে লোকটা প্রাগৈতিহাসিক যুগের বিশাল-দেহী মাংসাশী বাদুড়ের সঙ্গে।
বাদুড়টা আকারে অন্তত লোকটার চারগুণ হবে। তার বিশাল দুই ডানার মাঝখানে দেখা গেল ক্ষুদ্রাকার মুখটি আর করমচার মত লাল দু’টি চোখ। লোকটা চিত হয়ে পড়েছে মাটিতে। বাদুড়টা তাকে মাটিতে ফেলে শক্তিশালী ডানার ঝাপ্টা দিচ্ছে অনবরত। মরণ যন্ত্রণায় চীৎকার করছে লোকটা। বুঝা গেল, অতিকায় মাংস-লোভী বাদুড়ের শক্তির কাছে সে নিতান্তই তুচ্ছ।
এগিয়ে গেল ইমতিয়াজ। পেছনে জিপ্পি। গাছের একটা শক্ত ডাল আগেই ভেঙে হাতে নিয়েছিল ইমতিয়াজ। সেটা দিয়ে বাদুড়ের ক্ষুদ্রাকার মুখের উপর মারল সজোরে। বাদুরটা চিঁ চিঁ আর্তনাদ করে উঠল। ছেড়ে দিল শিকার। কিন্তু রণে ভঙ্গ দিল না। এক পাক চক্কর দিল মাথার উপর। অনবরত চিঁ চিঁ শব্দ করছে। করমচার মত দু’টি লাল চোখ প্রকাশ করে দেখছে তার শত্রুদের। হঠাৎ দুই ডানার নীচে পৃথিবী অন্ধকার করে দিয়ে সে উপর থেকে সটান ঝাঁপিয়ে পড়ল ইমতিয়াজের উপর। ইমতিয়াজ প্রস্তুত হয়েই ছিল। সে তার পায়ের এ্যাঙ্কেল থেকে ইস্পাতের এক খানা ছুরি হাতে নিয়ে অপেক্ষা করছিল। বাদুড়টা তার উপর দুই ডানার অন্ধকার ফেলে ঝাঁপিয়ে পড়তেই সে বাঁ’হাত দিয়ে বাদুড়টার পতনের বেগ প্রতিহত করল। ডান হাতে ধরা ছুরিটা দিয়ে সে আঘাত করল বাদুড়টার গলার নীচে। তীক্ষ্ণ চিঁ চিঁ অর্তিনাদে ভরে গেল চারদিক। উন্মত্ত আক্রোশে প্রাগৈতিহাসিক বাদুড়টা শক্ত ডানার ঝাপ্টা দেবার চেষ্টা করল তার শত্রুর গায়ে। ইমতিয়াজ পড়ে গেল মাটিতে। বাছড়টা আবার উড়ে এসে পড়ল ইমতিয়াজের গায়ের উপর। এমনই বিশাল তার দেহ যে, তার ডানার নীচে ইমতিয়াজের দেহ ঢাকা পড়ে গেল বেমালুম। মনে হল, ইমতিয়াজকে সম্পূর্ণ কাবু করে দিয়েছে বাদুড়টা। এবার রক্ত চুষে নিচ্ছে তার শরীর থেকে।
এগিয়ে গেল জিপ্পি। কিন্তু ততক্ষণে বাদুড়ের একটানা তীক্ষ্ণ স্বর সপ্তমে পৌঁছেছে। ইমতিয়াজ বেরিয়ে এসেছে বাদুরের ডানার বিশাল আঁধার থেকে। বাদুড়ের গলার নরম মাংসে বসিয়ে দিয়েছে হাতের ছুরিটা ইমতিয়াজ পরপর চারবার। বাদুড়টার শক্তি ও আয়ু ফুরিয়ে আসছে এই মোক্ষম আঘাতে।
রেহানা ও জাহেদ ইতিমধ্যে ব্যস্ত হয়ে উঠেছে আক্রান্ত লোকটার শুশ্রূষার জন্যে। লোকটা আর কেউ নয়, কুমারস্বামী। বিশাল শরীর, দেখতে অনেকটা জিপি আসাদের মত। বাদুড়ের সঙ্গে লড়তে গিয়ে শুধু যে ক্লান্ত হয়েছে সে তাই নয়, নিঃশেষিত হয়েছে তার শক্তি। মূর্ছিতের ন্যায় পড়ে রইল কুমারস্বামী অনেকক্ষণ। ইমতিয়াজ তার প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করল। ঔষধ এবং অন্যান্য ব্যবস্থার অসুবিধে হল না। ইরাবতীর প্লেন থেকে একটা ফার্স্ট-এইড বক্স পাওয়া গেল। নাম লেখা ছিল, জনৈক কুমারস্বামীর।
অনেকটা সুস্থ হয়ে উঠে বসল কুমারস্বামী। ইমতিয়াজকে মুখোমুখি দেখে প্রথমে আঁতকে উঠল। তাকাল সে জিপ্পি আসাদ, জাহেদ আর রেহানার বারবার দিকে। দুনিয়ার কাউকেই তখন তার বিশ্বাস নেই। কুমারস্বামীর চোখ দু’টি অস্বাভাবিক রকম চঞ্চল, সাদা আর স্ফীত। কেউ যেন বিশালকায় শক্তিশালী এই লোকটির শরীর থেকে শক্তি-মত্তা এবং মন থেকে সাহস শুষে নিয়ে নিঃস্ব ও শক্তিহীন করে ছেড়ে দিয়েছে।
: কি হয়েছিল? কেন দাঁড়িয়েছিলে তুমি আমাদের পেছনে?
ইমতিয়াজ জিজ্ঞেস করল।
কুমারস্বামী হাত তুলে ইরাবতীর প্লেনটা দেখায়। বলে ; ঐ প্লেনটা আমার। আমার নাম কুমারস্বামী। প্লেনটার কি হাল হয়েছে তাই দেখতে এসেছিলাম। আপনারা কথা বলছিলেন, তাই আমি সাহস করে সামনে আসতে পারছিলাম না।
ইমতিয়াজ তার কথাগুলি বিশ্বেস করল। কুমারস্বামীর বাঁ’হাতে উল্কি দিয়ে হিন্দীতে তার নামের আদ্যাক্ষর লেখা। তার কথাবার্তায়ও একটা অনুতাপের সুর বাজছিল।
ইমতিয়াজ বলল : ইরাবতী কোথায়?
: জানি না।
: কিছু লুকোবার চেষ্টা করো না, কুমারস্বামী,—
জিপ্পি আসাদ বলল : ইরাবতী আর মাবিয়ার কি হয়েছিল খুলে বলো। তা নইলে পেটের কথা কি করে বা’র করতে হয় তা আমাদের জানা আছে।
কুমারস্বামী তা ভালো করেই জানে। তার সাদা চোখের তারা ঘুরছিল অস্থির হয়ে। এদিক ওদিক তাকাল সে উন্মাদের মত। তারপর বলল : ভগবান যীশুর দোহাই, সত্যি কথা বলছি আমি। ইরাবতী আর মাবিয়ার কি হয়েছিল, আমি জানি না। আমাকে প্লেন ল্যাণ্ড করতে বাধ্য করেছিল ইরাবতী। আমরা ঐ প্যাগোডার অঙ্গনে গিয়েছিলাম। হঠাৎ একটা ভীষণ অট্টহাসি বেজে উঠল আর ইরাবতী ভয় পেয়ে অঙ্গন থেকে সিঁড়ি বেয়ে নীচে হুমড়ি খেয়ে পড়ে গেল।
: হ্যাঁ, সিঁড়ির গায়ে ইরাবতীর রক্ত রয়েছে।
: ইরাবতী মূর্ছিত হয়ে পড়েছিল। আমাকে পিস্তলের মুখে পাহারা দিচ্ছিল মাবিয়া, আমি এক সুযোগে ওকে আঘাত করি। মাবিয়ার হাত থেকে পিস্তল পড়ে যায়। লড়ালড়ি করতে করতে দু’জনেই আমরা মেঝেয় পড়ে যাই ঠিক এসময়…
: থামলে কেন, বলো?
দু'হাতে মুখ ঢাকে কুমারস্বামী। বলে : সে এক ভয়ংকর ব্যাপার। লড়ালড়ি করতে করতে দু’জনেই আমরা মেঝেয় পড়ে যাই। মাবিয়াকে আমি কাবু করে এনেছি, ঠিক এ সময় প্যাগোডার দরজাটা খুলে গেল দড়াম করে। আর একটা নর-কঙ্কাল লম্বা, শীর্ণ দুইবাহু বাড়িয়ে এগিয়ে এল আমাদের দিকে। তারপর কি হয়েছিল, আমি জানি না। বোধহয় চেঁচিয়ে উঠেছিলাম দারুণ আতঙ্কে। তারপর মূর্ছিত হয়ে পড়ি। জ্ঞান হবার পর দেখলাস, আমি নদীর ঠিক কিনারে শুয়ে আছি। দু’টো ‘বুয়োনাস’ কুমীর নদীর পানি থেকে মুখ তুলে আমাকে দেখছে।
দম নিল কুমারস্বামী। বলল : কোন রকমে শরীরটা তুলে নিয়ে দৌড়লাম ওখান থেকে। বনে-জঙ্গলে ঘুরলাম এতক্ষণ। হঠাৎ মনে পড়ল প্লেনটার কথা। ভাবলাম যদি প্লেনটা এসময় পেয়ে যাই তাহলে দেশে ফিরে যেতে পারি। তাই এসেছিলাম এদিকে। তারপরের কথা আপনারাও জানেন।
ইমতিয়াজ বলল : ওকে আমি পূবদিক থেকে ধাওয়া করি। পশ্চিম দিক থেকে আমার খোঁজে আসছিলে তোমরা।
জিপি আসাদ, রেহানা এবং জাহেদ মাথা নাড়ে। জিপ্পি বলে : তোমাকে এই দ্বীপে কে পাঠিয়েছিল, কুমারস্বামী? সেন আম্পালা?
কুমারস্বামী এই প্রশ্নে যেন বিপদের গন্ধ পেল। সে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল জিপ্পি আসাদের দিকে। কিছু বলতে পারল না।
জিপ্পি বলল : নাম ভাঁড়িয়ে তুমি ইরাবতী আর মাবিয়াকে প্রতারণা করেছিলে। সেন আম্পালার নির্দেশে ওদের নিয়ে এসেছিলে তুমি রাক্ষুসে দ্বীপে। সেন আম্পালা তোমারই প্রভু। তুমি ওর বিশ্বস্ত সহচর, তাই না কুমারস্বামী?
কুমারস্বামী প্রাণভয়ে ভীত হয়ে উঠল। তার কপালে দেখা গেল স্বেদ-বিন্দু। সে কোন কথা বলতে পারল না।
জিপ্পি বলল : সেন আম্পালা কোথায় আছে, কুমারস্বামী?
: আমি জানি না।
: তুমি জান।
: বিশ্বেস করুন, ভগবান যীশুর কিরে, আমি জানি না।
ইমতিয়াজকে এ সময় একটু সজাগ ও উৎকর্ণ মনে হল। সে পিছন ফিরে দাড়াল আকাশের দিকে মুখ করে।
রেহানা বলল : কি ব্যাপার, ইমতিয়াজ?
: প্লেনের শব্দ।
সকলেই কান পাতল। কিছুই শোনা গেল না প্রথমে। তারপর আস্তে আস্তে ওদের শ্রবণেন্দ্রিয়ে ধরা পড়ল শব্দটা।
: সেন আম্পালা,
ইমতিয়াজ বলল : ওরই সুপার সেটিলাইট প্লেনের শব্দ।
কিছুক্ষণের মধ্যেই সেন আম্পালার বিশাল সুপার সেটিলাইট প্লেনটাকে উড়তে দেখা গেল মাথার উপরকার আকাশে। এক ঝলক অগ্নি-বৃষ্টি ছুটে এল প্লেন থেকে নীচে। হাসল ইমতিয়াজ। বলল : সেন আম্পালার দুঃখ অনেক। প্রথমতঃ সে নামতে পারছে না অবলীলাক্রমে এই দ্বীপে, দ্বিতীয়তঃ কুমারস্বামী রয়েছে আমাদের হাতে।
কুমারস্বামীকে অভয় দিল ইমতিয়াজ। ফাঁকা জায়গা থেকে ওরা আশ্রয় নিল সুবিধামতো ঝোপ-ঝাড়ে। আপাততঃ আত্মরক্ষা। প্রতি-আক্রমণের কোন উপায়ই নেই। একটি মাত্র রাইফেল রয়েছে ইমতিয়াজের কাছে, বাদ-বাকী সবাই একরকম নিরস্ত্র।
সেন আম্পালার প্লেন থেকে প্রতি-আক্রমণের আশঙ্কা হয়েছিল নিশ্চয়ই। কারণ প্লেনটা সোজাসুজি নীচে নেমে এল না। বার দুই চক্কর খেল উত্তরে-দক্ষিণে। তারপরই উত্তর-পূর্বদিক থেকে শুরু হল অগ্নি-বৃষ্টি।
ইমতিয়াজ ক্রলিং করে এগোল একটা অবস্থান লক্ষ্য করে। প্লেনের সেই মেশিনগান-চালক লোকটা ভয়ে কাবু হয়ে আছে। আর টার্গেট ফাইট সম্পর্কে কোন ধারণাই নেই ওর। সেন আম্পালারই কোন অনুচর হবে নিশ্চয়ই।
ইমতিয়াজ জানে, উপর থেকে দুর্ভেদ্য অরণ্য ভেদ করে ওদের অবস্থান নির্ণয় করা সেন আম্পালার পক্ষে কোন মতেই সম্ভব হবে না। এদিকে জিপ্পি, জাহেদ, রেহানা সুবিধা মতো স্থান নির্বাচন করতে পারে ইচ্ছে করলেই। সে এই সুযোগটা নিল।
ক্রলিং করে সে এগোল সোজা পশ্চিমদিকে। সামান্য একটা ফাঁকা জায়গা পাওয়া গেল এক জায়গায়। ইমতিয়াজ তরতর করে উঠে গেল একটা বিশাল গাছের মাথায়। অসংখ্য ডাল-পালা আর পত্র-পল্লবে গাছটা আচ্ছাদিত। সবচে, উঁচু ডালে বসে সামনের পত্র-পল্লবে ঢাকা জায়গাটা ডাল ভেঙে, পাতা কেটে পরিষ্কার করল ইমতিয়াজ। দেখল, প্লেনটা একই গতিতে প্রতি চার মিনিটে একবার ঠিক তার পঞ্চাশ গজ উপর দিয়ে যাওয়া-আসা করছে। রাইফেলটা তাক করল সে। অপেক্ষা করতে লাগল প্লেনটার জন্যে। প্লেনটা সুমুখের আকাশে দেখা দিতেই রাইফেলের ট্রিগার টিপল ইমতিয়াজ। পরপর তিন রাউণ্ড গুলি ছুঁড়লো। তারপর ফলাফলের অপেক্ষা না করেই দ্রুত নেমে এল গাছ থেকে। সোজা দৌড়লো পূর্বতন অবস্থানের দিকে।
খানিকটা পরেই কয়েক ঝাঁক বুলেট স্-স্ হিস্…শব্দ তুলে ছুটে এল গাছটার দিকে। কয়েকটা পাখী আর বানর সোরগোল তুলে ছুটোছুটি করতে লাগল গাছের এডাল থেকে ওডালে।
কিছুদূর গিয়ে অপেক্ষা করল ইমতিয়াজ সেন আম্পালার প্রতি-আক্রমণের। কিন্তু প্লেনটাকে আর দেখা গেল না কোথাও। ইমতিয়াজ নিশ্চিত যে, তার নিক্ষিপ্ত রাইফেলের গুলিতে নিদেনপক্ষে উইণ্ড-স্ক্রিনের কয়েকটা জায়গা ঝাঁজরা হয়ে গেছে। সুতরাং সেন আম্পালা আর রিস্ক নাও নিতে পারে আজকের মত।
কিছুক্ষণের মধ্যেই নির্জন আর নিস্তব্ধ হয়ে এল বনভূমি। একত্রিত হল ওরা সবাই। কুমারস্বামীর আতঙ্ক আরো বেড়েছে। বিড়বিড় করে সে শুধু বলে, ‘সেন আমাকে চিবিয়ে খাবে! আমার আর রক্ষা নেই।’—জিপ্পি আসাদ আর জাহেদ তাকে যথেষ্ট অভয় দিল। কিন্তু কোন ফল হল না। কুমারস্বামীর তেমন ভাবান্তর হল না। এদিকে সন্ধ্যা নামল। ঝাঁকে ঝাঁকে বুনো মশা উড়ে আসতে লাগল চারদিক থেকে। ওরা গিয়ে আশ্রয় নিল কুমারস্বামীর অকেজো প্লেনে। কুমারস্বামীর বিধি-ব্যবস্থা নিখুঁত ছিল বলতে হবে। প্রচুর খাবার-দাবার ছাড়াও প্লেনে রয়েছে নানারকমের ইনসেক্ট মেডিসিন, ট্রপিক্যাল ওয়েদারের উপযোগী পোশাক, এমনকি গোটাকয়েক প্রকাণ্ড জালি মশারী পর্যন্ত।
রাতে খাবার সময় জাহেদ নিজেই নিজেকে চীফ গেস্ট বলে ঘোষণা করলো। কিন্তু রেহানার ভ্রূকুটির ভয়ে শেষ পর্যন্ত সিদ্ধান্ত পরিবর্তন করল। কাঁচু-মাচু হয়ে জানাল, সবাই যেন দয়া করে বসে যায়, খাবার-দাবার সে-ই সার্ভ করবে।
দুই
গভীর রাত। নীচে পাহারা দিচ্ছে জিপ্পি আসাদ এবং জাহেদ। রেহানা, কুমারস্বামী এবং ইমতিয়াজ আলাদা আলাদা কেবিন-চেয়ারে শুয়ে ঘুমোচ্ছে।
কুমারস্বামী আসলে ঘুমোয় নি। সে ঘুমাবার ভাণ করে পড়ে রইল চুপচাপ। চোখ বুজে শুয়ে শুয়েই সে টের পেল, আসাদ এবং জাহেদ বেশ খানিকটা দূরে চলে গেছে প্লেন থেকে।ইমতিয়াজের ভারী নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। রেহানাও গভীর নিদ্রায় মগ্ন।
কুমারস্বামী উঠল। দেখল, পাশ ফিরে শুয়ে ঘুমোচ্ছে ইমতিয়াজ। রেহানার গলা পর্যন্ত পাতলা চাদর। চোখ দু’টি মুদ্রিত। সন্তর্পণে উঠল কুমারস্বামী। কেবিন থেকে উঠিয়ে নিল একটা রাইফেল আর একটা বুলেটের বাক্স। রাইফেলের ম্যাগাজিনে গুলি ভরল সাবধানে। অপেক্ষা করল সে কিছুক্ষণ। তারপর এগিয়ে গেল কন্ট্রোল সুইচের কাছে যেখানে ইমতিয়াজের ব্যাগটা রয়েছে। ব্যাগটা খুলল সে। হাত দিল ব্যাগের ভেতর। তার চোখ-মুখ উজ্জ্বল হয়ে উঠল আনন্দে। যা চেয়েছিল তা সে পেয়ে গেছে। মৃত-নগরীর এক নম্বর আর দু’নম্বর চাবি। তিন নম্বর চাবিটি আগেই সে হস্তগত করেছে ইরাবতীর কাছ থেকে। আসলে ইমতিয়াজ এবং তার দলবলের কাছে যা সে বলেছিল সবটুকু সত্যি কথা ছিল না। মাবিয়ার সাথে ধস্তাধস্তি করার সময় হঠাৎ প্যাগোডার দরজা খুলে গিয়েছিল এটা সত্যি। সে মূর্ছিত হয়ে পড়েছিল প্যাগোডার দরজায় সচল নর-কঙ্কাল দেখে, এটাও মিথ্যে কথা নয়। কিন্তু পরের কথাগুলো সম্পূর্ণ বানানো। তার জ্ঞান ফিরে এসেছিল একটু পরেই। জ্ঞান ফিরে আসার পর দেখেছিল, প্যাগোডার দরজাটা তেমনি খোলা। মাবিয়া আর ইরাবতী দু’জনেই জ্ঞান হারিয়ে পড়ে আছে। কুমারস্বামী পালিয়েছিল সেখান থেকে। পালাবার আগে ইরাবতীর শাড়ীর গিঁট খুলে মৃত-নগরীর চাবিটা নিতে ভোলে নি!
চাবি তিনটি জামার লুকোনো পকেটে রাখল কুমারস্বামী। রাইফেলটা উঠাল ইমতিয়াজের দিকে। বুক লক্ষ্য করল। টিগারে তর্জনী রাখল কুমারস্বামী। হঠাৎ সচেতন হল রেহানার কথা ভেবে। জিপি আসাদ আর জাহেদের কথা ভেবে। রাইফেলের গুলির শব্দ শুনলে জেগে উঠবে রেহানা। জিপি আসাদ এবং জাহেদও ছুটে আসবে নিশ্চয়ই! তখন এ স্থান থেকে পালিয়ে যাওয়াই দুরূহ হয়ে দাঁড়াবে।
ট্রিগার থেকে আঙুল সরিয়ে আনল। রাইফেলটা বাঁ’হাতে চালান দিল কুমারস্বামী। এগোল দরজার দিকে। একটা মাত্র আফসোস যে, এত কাছে পেয়েও শেষ করে দেওয়া গেল না সেন আম্পালার প্রাণের শত্রু ইমতিয়াজকে।
সিঁড়ি বেয়ে নীচে নেমে এল কুমারস্বামী। জাহেদ এবং জিপ্পি কোথায় রয়েছে সেটা পরখ করার চেষ্টা করল। নিশুতি রাত। অন্ধকার অরণ্যভূমি যেন বিলাপ করছে সামুদ্রিক বাতাসের দুরন্ত ঝাপ্টায়। কান পাতলে রাত্রির অরণ্যে শোনা যায়, নানা জীব-জন্তুর চলাফেরা ও চীৎকারের শব্দ।
কুমারস্বামী প্রথমে অন্ধকারে কিছুই দেখতে পেল না। চোখ অন্ধকারে অভ্যস্ত হয়ে এলো। বহু দূরে চোখে পড়ল দু’জনকে। বেশ অনেকটা দূরে দূরে অবস্থান করছে দু’জন। একজন ‘কভার’ করছে উত্তর-পশ্চিমের অর্ধবৃত্ত, আর একজন কভার করছে উত্তর-পূর্বের অর্ধবৃত্ত।
কুমারস্বামী বুঝল, সুমুখ দিয়ে এস্থান ত্যাগ করা অসম্ভব ব্যাপার। সে পেছনে সরে এলো।
পেছনে ফিরেই চমকে উঠল সে। উদ্যত পিস্তল হাতে কুমারস্বামী ঠিক দুই হাত দূরে দাঁড়িয়ে আছে রেহানা। রাইফেলে হাত দিতে যাচ্ছিল, কঠিন কণ্ঠে রেহানা বলল : ডোন্ট মুভ, কুমারস্বামী। ইউ হ্যাভ শোন এনাফ অব ইয়োর সেল্ফ! হ্যাণ্ডস্ আপ।
রাইফেলটা পড়ে যায় দুর্বল-চিত্ত কুমারস্বামীর হাত থেকে। সে ভয়ে থরথর করে কাঁপতে থাকে। ভালো করেই সে জানে, এই মেয়ে ইরাবতী নয় যে কাজে এতটুকু ভুল করবে। দরকার হলেই রেহানা তাকে হত্যা করবে, এটুকু ভালো করেই বুঝতে পারল সে।
: ইমতিয়াজ এবং তার দলের মানুষদের আর একটু ভালো করে চিনে রাখ, কুমারস্বামী।
রেহানা বলল : তোমার সব কার্যকলাপই আমি লক্ষ্য করেছিলাম। এটাও দেখেছিলাম, ইমতিয়াজের উপর গুলি ছোঁড়ার চেষ্টা করেছিলে তুমি প্লেনে। ট্রিগারে তোমার তর্জনী সঞ্চালিত হবার আগেই তোমাকে মৃত্যুবরণ করতে হত, আর তারজন্যে আমি প্রস্তুত হয়েই অপেক্ষা করছিলাম, কুমারস্বামী।
কুমারস্বামী বুঝল, রেহানা চোখ বুজে শুয়ে ছিল, ঘুমোয় নি। সে শিউরে উঠল, রেহানার উদ্যত পিস্তলটার দিকে তাকিয়ে। আর্তকণ্ঠে বলল : আমাকে এইবারের মত মার্জনা করুন, মিস্ রেহানা। আমাকে প্রাণে মারবেন না, দোহাই আপনার।
এগিয়ে এসে কুমারস্বামীর রাইফেলটা তুলে নিল রেহানা। শিস দিল সে বার কয়েক। কিছুক্ষণ পরেই জিপি আসাদ এবং জাহেদকে আসতে দেখা গেল এদিকে।
জাহেদের হাতে একটা টর্চ।
হঠাৎ বাঁ’ দিকের অরণ্যে একটা নিথর ছায়ামূর্তি দেখল রেহানা। সরে গেল চকিতে প্লেনের উইংটার পেছনে। চেঁচিয়ে বলল : ওয়াচ আউট।
তৎক্ষণাৎ চোখের নিমিষে মাটিতে শুয়ে পড়ল জিপ্পি আসাদ ও জাহেদ আর বাঁ’দিকের অরণ্য থেকে ছুটে এল অগ্নি-বৃষ্টি।
বিকট আর্তনাদ করে লুটিয়ে পড়ল কুমারস্বামী। গুলিটা তারই উদ্দেশে নিক্ষিপ্ত হয়েছিল। গুলিটা ঠিক তার বামদিকে হৃৎপিণ্ডে এসে বিদ্ধ হয়েছে।
মুহূর্তেই গর্জে উঠল রেহানার হাতের পিস্তল। আর একটা আর্তনাদ শোনা গেল বিপরীত দিকে।
ক্রলিং করে জিপ্পি আসাদ ও জাহেদ দু’পাশে সরে গেল। হাত পঁচিশেক দূরেই শোনা যাচ্ছে আর্তনাদের শব্দটা।
শব্দটা ক্রমে গোঙানীতে পরিণত হল। শক্তিশালী টর্চের আলো নিক্ষেপ করল জাহেদ শব্দটা লক্ষ্য করে। দেখল, একটা কাঁটার ঝোপের পাশে মাটিতে পড়ে গড়াগড়ি যাচ্ছে একটা মানুষ। তার ডানহাত থেকে খানিকটা দূরে পড়ে রয়েছে একটা রিভলভার।
দু’টি দেহ একত্রিত করা হল। একটি কুমারস্বামীর আর একটি তারই আততায়ীর।
লোকটার পরনে নিখুঁত ট্রপিক্যাল গারমেণ্ট। দক্ষিণপূর্ব এশিয়ার দুর্ভেদ্য জঙ্গলে চলাফেরার জন্যে বিশেষভাবে তৈরী করা হয় এই পোশাক। নিখুঁত শেভ করা সুশ্রী মুখ লোকটার। গাল পর্যন্ত ‘জুলফি’। একটু লম্বাটে মুখ। দীর্ঘ দেহ, শক্ত সমর্থ। গুলিটা গিয়ে লেগেছে তার হার্টের কাছাকাছি।
লোকটা গোঙাতে গোঙাতে দুর্বোধ্য ভাষায় কি যেন বলছিল। লোকটা সম্ভবতঃ আমেরিকান। কিন্তু যে ভাষায় সে কথা বলছিল তার বিন্দু-বিসর্গও বোঝা গেল না।
কুমারস্বামী গুলিবিদ্ধ হবার সঙ্গে সঙ্গেই মারা গিয়েছিল। তার আততায়ীরও মৃত্যু হল ঘণ্টা-খানেকের মধ্যেই। তার একটা কথা শুধু ওরা বুঝতে পারল : গ্রে হাউণ্ড।
ওরা লোকটাকে বাঁচাবার প্রাণপণ চেষ্টা করল। কিন্তু বাঁচানো গেল না। ওর মৃতদেহের দিকে তাকিয়ে ইমতিয়াজ শুধু বলল : সেন আম্পালা ওকে পাঠিয়েছিল।
: আমাদের হত্যা করার জন্যে?
ইমতিয়াজ বলল : কুমারস্বামীকে হত্যা করার জন্যে। কুমারস্বামী ছিল সেন আম্পালার খুবই বিশ্বাসী অনুচর। সেন আম্পালার অনেক গোপনীয় ব্যাপারই জানা ছিল ওর। কুমারস্বামী আমাদের হাতে বন্দী হওয়ায় খুবই চিন্তিত হয়ে পড়েছিল সেন আম্পালা। ওর ভয় হয়েছিল, আমাদের চাপে কুমারস্বামী হয়ত অনেক গোপন তথ্য ফাঁস করে দিতে বাধ্য হবে।
একটু হাসলো ইমতিয়াজ। বলল : কিন্তু সেন আম্পালা বোধ হয় জানে না, আমরা ক্রিমিন্যাল নই। আর নিজেদের উপর আমাদের যথেষ্ট আস্থা রয়েছে। জানলে সেন আম্পালা কখনো কুমারস্বামীকে হত্যা করার জন্যে হতভাগা এই লোকটাকে পাঠাতো না।
প্রত্যেকের পিঠে কীট্স ব্যাগ।
পরনে ট্রপিক্যাল গারমেণ্ট।
দুর্ভেদ্য জঙ্গলের ভিতর দিয়ে অগ্রসর হল ওরা ম্যাপবর্ণিত সরোবরের দিকে।
সামান্য পথ কোনরকমে অতিক্রম করা গেল সারাদিনে।
সন্ধ্যাবেলা বিশাল এক ‘জান্তি’ গাছের তলায় ক্যাম্প করল ওরা।
ইমতিয়াজ স্বভাবতঃ গম্ভীর। কুমারস্বামীর হত্যাকাণ্ডের পর সে আরো গম্ভীর হয়ে গেল।
রাতে শুয়ে শুয়ে গল্প হচ্ছিল। তাঁবুর ভেতর জ্বলছে মৃদু আলো। চারদিকে বৃষ্টি আর উদ্ভিদের গন্ধ। ভাল রকম কান পাতলে সমুদ্রের গর্জন শোনা যায়।
ইমতিয়াজ বলছিল : সেন আম্পালা এই দ্বীপের সেই ‘রহস্যময়’ লোকটি নয়, জাহেদ। সেন আম্পালা শুভ মুহম্মদের মতই একজন অভিযাত্রী। শুভ মুহম্মদের সাথে ওর পার্থক্য হল, শুভ মুহম্মদ একজন কৃতী অভিযাত্রী আর সেন আম্পালা একজন লোভী ক্রিমিন্যাল।
: তাহলে সেই লোকটি কে?—জিপ্পি আসাদ জিজ্ঞেস করে।
রেহানা বলে : আমাদের প্লেনে আগুন লাগিয়েছিল কি সেই রহস্যময় লোকটাই?
ইমতিয়াজ বলল : সঠিক কিছুই বলা সম্ভব নয়। তবে একটা কথা জোর দিয়ে বলতে পারি, রহস্যময় লোকটা মৃত-নগরীর বাসিন্দা, বোধহয় একমাত্র বাসিন্দা এবং আমরা মৃত-নগরীর দিকেই যাচ্ছি।
: মৃত-নগরী!
জাহেদ বিড়বিড় করল : কেমন যেন লাগে কথাটা শুনলে। মনে হয় রূপকথার গল্প।
: হয়তো রূপকথার গল্পের মতই সত্যিসত্যি বিস্ময়কর সেই নগরী! কে জানে?
ইমতিয়াজ শুধু একটু হাসল।
হঠাৎ আর্তনাদ করে উঠল জাহেদ। সকলেরই দৃষ্টি গেল তার দিকে। জাহেদ শুয়েছিল, লাফিয়ে উঠে বসল বিস্ময়ে আর আতঙ্কে।
তাঁবুর ছোট্ট জানালা দিয়ে মুখ বার করেছে একটা হায়েনা। লাল জিহ্বাটা লক্লক্ করছে। তীক্ষ্ণ সাদা দাঁতগুলো বেরিয়ে পড়েছে। মনে হল, হায়েনাটা যেন নিঃশব্দে হাসছে। দপ্দপ্ করছে পানির উপর ফসফরাসের মত, হায়েনার গভীর নীল চোখ দু’টি।
সকলেরই দৃষ্টি পড়ায় হায়েনাটা তেমন ভড়কাল না। তেমনি ক্ষুধার্ত চোখে তাকিয়ে রইল। লাল জিহ্বাটা লক্লক্ করছে দুই সারি তীক্ষ্ণ দাঁতের ফাঁকে।
বন্দুক তুলে নিয়েছিল ইমতিয়াজ বাদে সবাই। মানা করল ইমতিয়াজ। বলল : খবরদার, গুলি করো না। মারা পড়ব সবাই। হায়েনারা দল বেঁধে আসে। আমাদের তাঁবুর চারপাশে অন্ততঃ ডজন কয়েক হায়েনা ঘুরাফেরা করছে। একটাকে গুলি করলেই সব ক'টা হায়েনা আক্রমণ করতে আসবে একযোগে।
: কিন্তু আমরা গুলি না করলেও তো ওরা আক্রমণ করে বসতে পারে?
: পারে। বাট লেট আস ওয়েট এ্যাণ্ড সি।
ইমতিয়াজের কথাই সত্যি। তাঁবুর চারপাশে গাছের শুকনো পাতার উপর বহু লঘু-পায়ের শব্দ শোনা গেল। হায়েনা এক বিচিত্র প্রাণী। হিংস্র হায়েনার সাথে সচরাচর কোন বন্য জীব লাগতে আসে না। হায়েনার আক্রমণ যেমন অতর্কিত তেমনি তীব্র।
হায়েনা সাধারণতঃ নিঃশব্দে চলাফেরা করে। ওদের চোখের দৃষ্টি তীক্ষ্ণ। দিনের আলোর চেয়ে অন্ধকারেই ভালো দেখতে পায় হায়েনারা।
একটা বোটকা গন্ধে ভরে গেল বাতাস। মনে হল, মানুষের গন্ধে শত শত হায়েনা এসে জড়ো হয়েছে তাঁবুর বাইরে।
ইমতিয়াজ তার টর্চটা খুলে ফেলল। দু’টো ‘বিশেষভাবে’ নির্মিত ব্যাটারীর মাঝখানে রাখল একটা সীসার পাত। আসলে ওটা সীসার পাত নয়। বিদ্যুৎ-শক্তি দিয়ে চার্জ করা একরকমের ধাতব বস্তু। কারিগরি প্রক্রিয়ায় এই পাতটার উপর নির্দিষ্ট পরিমাণ চাপ সৃষ্টি করতে পারলে এই পাতটা ক্ষয়প্রাপ্ত হয়ে এক রকমের আলোক-রশ্মির সৃষ্টি করে।
ব্যাটারীর মাঝখানে ধাতব বস্তুটা রেখে আবার যথাযথ টর্চটা লাগিয়ে ফেলে ইমতিয়াজ।
হায়েনাটা তখনও তাঁবুর ছোট্ট জানালার ফাঁকে মুখ গলিয়ে একদৃষ্টে তাকিয়ে আছে। মুখ ব্যাদান করে হায়েনাটা যেন আকর্ণ-বিস্তৃত হেসেই চলেছে।
টর্চটা ধরল ইমতিয়াজ হায়েনাটার দু’টি জ্বলন্ত-নীল চোখের উপর। মুহূর্তকাল পরেই জানালা থেকে সরে গেল হায়েনাটা।
কিন্তু পরক্ষণেই সিনেমার পর্দার দৃশ্যের মত জানালায় ভেসে উঠল আর একটা হায়েনার বীভৎস মুখ। সেই রকম লক্লকে্ লাল জিভ, ধারালো দত্ত এবং ফসফরাসের মত নীল চোখ।
ইমতিয়াজ টর্চের বোতাম অন করেই রেখেছে। বিচিত্র কাণ্ড ঘটতে লাগল তারপর। টর্চের আলোর সামনে এক একটা হায়েনা এসে দাড়ায়, পরমুহূর্তে সরে দাঁড়ায় জানালা থেকে।
আশ্চর্য, কোন শব্দ নেই। আর্তনাদ নেই। যাদুমন্ত্রের মত তাঁবুর জানালায় একটার পর একটা হায়েনা আসছে আর অদৃশ্য হচ্ছে।
অনেকক্ষণ কাটল এভাবে।
এক সময় ফাঁকা দেখা গেল তাঁবুর জানালা।
: শো ইজ ওভার!
জাহেদ উল্লসিত কণ্ঠে জিজ্ঞেস করে : বড়শীতে ক’টা গাঁথলে, ইমতিয়াজ?
: একাত্তর।
: মাই গুডনেস! একাত্তরটা হায়েনা এসেছিল আমাগো তাঁবুর পাশে?
জাহেদ মাথায় হাত দেয় : ভাবলেও শালার ডুকরে কান্তে ইচ্ছে হয়।
: আরো হায়েনা আছে?—রেহানা জানতে চায়।
একটু চিন্তিত হয়ে ইমতিয়াজ বলে : থাকা অস্বাভাবিক নয়। একটা দু’টো থাকতেও পারে।
: একটা দু’টো? ফুঃ…
অবজ্ঞা দেখায় জাহেদ : দু’একটা হায়েনার থোড়াই পরোয়া করি। গোটা-দুই হায়েনা ‘এ্যাটাক’ করে বসলে তারজন্যে মোটামুটি তৈরীই হয়ে আছি খোদার ফজলে। একটা হায়েনা ইমতিয়াজের ভাগে, আর একটা জিপ্পি আর রেহানার ভাগে!
: আর তুমি?—রেহানা ভ্রূকুটি করে।
তোমরা যুদ্ধ করবে : আমি? আছি, আমিও আছি। আর আমি তাঁবু, জিনিস-পত্র এইসব পাহারা দেব। তারপর ধরো, তোমাদের উৎসাহ দেওয়া, হাত তালি দিয়ে চাঙ্গা করে তোলা এসব গুরুত্বপূর্ণ কাজও করব।
জিপ্পি এবং রেহানা হেসে ওঠে। ইমতিয়াজ ততক্ষণে আবার তার বিশাল শরীর নিয়ে সটান হয়ে শুয়ে পড়েছে পাতলা মসৃণ চামড়া দিয়ে তৈরী বিছানার উপর। ঘুমিয়ে পড়েছে সে।
ভোরবেলা উঠে আগে তাঁবুর বাইরে এল ওরা। হায়েনাগুলো অসাড় পড়ে আছে তাঁবুর বাইরে। ব্যাটারী চার্জড্ ধাতব বস্তুটি ক্ষয়প্রাপ্ত হয়ে যে আলোক-রশ্মি সৃষ্টি করেছিল তা সেকেণ্ডেরও কম সময়ের ভেতর যে কোন জীব-জন্তুর চোখের কোমল পর্দা ঝলসে দিতে সমর্থ।
তাছাড়া এক রকমের কেমিক্যাল রিয়্যাকশান ঘটে এই আলোক-রশ্মি দ্বারা। এই আলোক-রশ্মি যার চোখেই লাগুক, তারই স্নায়ু-তন্তু বিবশ হয়ে পড়বে তৎক্ষণাৎ। গভীর ঘুমের ভেতর ঢলে পড়বে সে। ঘুমের পরবর্তী পর্যায়, গভীর ক্লান্তি।
ভয়ঙ্কর এই ‘রে’র আবিষ্কর্তার নাম উইলিয়াম হান্টার, এক ইংরেজ। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় হান্টারের সাথে পরিচয় হয় ইমতিয়াজের।
পরিচয় ক্রমে মোড় নেয় গভীর বন্ধুত্বে। হান্টার প্রতিভাবান বৈজ্ঞানিক হলেও ভীষণ খেয়ালী স্বভাবের। যে কারণেই হোক কোন কাজই দু-এক মাসের বেশী সহ্য করতে পারত না সে।
তাই বৈজ্ঞানিক গবেষণায় একদিন ইতি দিয়ে হান্টার ছুটল এস্কিমোদের দেশে, উত্তর সুমেরু অঞ্চলে। বলল : তিমি শিকার করব, আর যদি চান্স পাই, একটা এস্কিমো মেয়েকে বিয়ে করে ফেলবো।
বিদায় বেলায় ইমতিয়াজকে উপহার-স্বরূপ ‘স্লিপিং রে’র ফরমূলা এবং দলিল-পত্র উপহার দেয় হান্টার। বলে : হয় নিজেই ব্যবহার করো, না হয় নষ্ট করে ফেলো। কিন্তু দুনিয়ার কোন মানুষকে ওটা দিয়ো না যেন। ওরা আমার এই ‘আবিষ্কার’কে মানুষ ধ্বংস করার প্রয়োজনে লাগাবে।
ইমতিয়াজের কাছেই রয়েছে বিচিত্র এই ‘স্লিপিং রে’। আজ পর্যন্ত কোন মানুষের বিরুদ্ধে এই ভয়ঙ্কর আলোকরশ্মি ব্যবহার করে নি সে হান্টারের সম্মানে।
হায়েনাগুলোর কোনটা চিত হয়ে, কোনটা মুখ থুবড়ে, কোনটা পাশ ফিরে পড়ে আছে। ঘুমোচ্ছে।
হাতের ঘড়ি দেখল ইমতিয়াজ। ঠিক আট ঘণ্টা কুড়িমিনিট পার হয়েছে ‘স্লিপিং রে’ এ্যাপ্লাই করার পর। আরও কয়েক ঘণ্টা ঘুমাবে ওরা।
তাঁবু তুলে পিঠের উপর ভারী কীট্স ব্যাগ চাপিয়ে আবার শুরু হল বাধা-সঙ্কুল যাত্রা। কিছুদূর এগিয়ে থামতে হল ওদের। সামনে মৌমাছির ঝাঁকের মত উড়ছে মাইলখানেক জায়গা জুড়ে বিষাক্ত ‘ল্যাং’ পোকা। ল্যাং পোকার স্বভাব অনেকটা পঙ্গপালের মত। ওরা এক জায়গায় গাছপালার সবুজ রস, জীব-জন্তুর রক্ত চুষে খেয়ে দল বেঁধে আর এক জায়গায় যায়।
ওদের হাত থেকে আজ পর্যন্ত কোন অভিযাত্রী বাঁচতে পেরেছে এমন শোনা যায় নি। শুধুমাত্র দক্ষিণ-পূর্ব এশিয়ার দুর্ভেদ্য জঙ্গলে এবং নিউগিনি ও অষ্ট্রেলিয়ার কতক কতক জঙ্গলে এই ল্যাং পোকা দেখতে পাওয়া যায়। যারা অভিজ্ঞ তারা এই বিষাক্ত রক্ত-চোষা পোকার হাত থেকে বাঁচবার উপযোগী ব্যবস্থা সঙ্গেই রাখে।
পিঠের কীট্স ব্যাগ নামিয়ে, স্প্রে-মেশিন বা’র করল ওরা। তারপর ল্যাং-নাশক ঔষধ স্প্রে, করতে করতে এগোল।
ক’দিন পরের কথা।
সারাদিন অবিরাম হেঁটে এই ক’দিনে বেশ কয়েক মাইল পথ অতিক্রম করেছে ওরা।
দ্বীপের মাঝখানে এসে পড়েছে বলে মনে হল ওদের। কুমারস্বামীর প্লেনে পাওয়া ম্যাপটির বর্ণনা অনুযায়ী প্যাগোডা ও সরোবরের মাঝখানকার দুই তৃতীয়াংশ পথ অতিক্রম করেছে ওরা।
এক জায়গায় পাওয়া গেল একটা মাইল-ষ্টোন। ইংরেজীতে লেখা, XX1850।
ওরা নিজেদের চোখকে বিশ্বাস করতে পারল না। বারবার মাইল-ষ্টোন আর ইংরেজী লেখাটা পড়ল। আশ্চর্য হল।
আশ্চর্য হবারই কথা।
জন-বসতিহীন এই দ্বীপে কে স্থাপন করেছে এই মাইল-ষ্টোন?
শুভ মুহম্মদ?
সেন আম্পালা?
অথবা রহস্যময় মৃত-নগরীর নায়ক বলে কথিত একশএক মাথাওয়ালা সেই লোকটি?
এই প্রশ্নের উত্তর তারা জানে না। কিন্তু একটা বিষয়ে তারা নিঃসংশয় হল।
কুমারস্বামীর প্লেনে পাওয়া ম্যাপের প্রতিটি তথ্য নিখুঁত।
ম্যাপের এক অংশেও রয়েছে ইংরেজীতে XX1850 লেখাটা।
সন্ধ্যা হয়ে এসেছিল।
এক ঝাঁক পাখী জঙ্গলের গাছপালা ভেদ করে কোথায় যেন পালাচ্ছে। তাদের ডানার শব্দ উড়ে এল বাতাসে।
সেখানেই তাঁবু ফেলা হল। রেহানা, জিপ্পি আসাদ এবং জাহেদ রাত্রির আহার তৈরীর কাজে লেগে গেল। আহার তৈরীটা উপলক্ষ্য।
আসলে পারস্পরিক সম্প্রীতি প্রকাশ করে তা’রা এভাবেই কোন একটা উপলক্ষ্য করে।
ওরা সদানন্দ। অতি ভয়ঙ্কর বিপদেও হাসির রেখা নিভে যায় না এই তিনজনের ঠোঁট থেকে। পরিহাসপ্রবণ রসিক মনটিও সর্বদা সজাগ থাকে।
এদের চারজনের ভেতর ইমতিয়াজ অবশ্য একটু পৃথক।
ইমতিয়াজ স্বভাব-গম্ভীর। কিন্তু তার গাম্ভীর্য অস্বস্তিকর নয়। চারজনের ভেতর সে যখন চুপ করে বসে থাকে তখন মোটেও কোন ব্যাপারে অমনোযোগী দেখায় না তাকে।
বরং মনে হয়, ওদের সকল কাজের ভেতরই ও রয়েছে।
রেহানা, জিপ্পি আসাদ আর জাহেদ রান্না করছিল।
পথে ডজনখানেক পাখী শিকার করা হয়েছে। প্রতিদিনই মাংস সংগ্রহের জন্যে এটা করতে হয়। রান্নার ভার পড়ল রেহানার উপর।
রান্না করতে লাগল রেহানা আর গল্প চললো!
রেহানা বলল : ধরা যাক, আজ আমার ঘরের মানুষ জিপ্পি সাহেব। জাহেদ, তুমি হলে জিপ্পির অফিসের বন্ধু। আর তোমাকে আমার ঘরের মানুষ বাসায় খেতে ডেকেছে তাই তুমি এসেছ।
রেহানার এই প্রস্তাবে সামান্য বিচলিত বোধ না করে পারে না জাহেদ। সেটা চাপা দিয়ে যথাসাধ্য সহজ হবার চেষ্টা করে বলে : বেশ তো, বেশ তো। তুমি জিপ্পুrর ঘরের বৌ, আমি জিপ্পর অফিসের কলিগ…খেতে এসেছি...বাঃ, ভালোই তো!
: খেলা তাহলে শুরু হোক?
জিপ্পি অনুমতি চায় রেহানার কাছে। খিলখিল করে হাসে রেহানা। বলে : হোক।
জিপ্পি মুহূর্তেই সংসারী-গৃহস্থের ভাণ করে। পরম বিনীত স্বরে বলে : জাহেদ সাহেব, আপনি ভাই দয়া করে আমাদের ড্রইং-রূমে গিয়ে বসুন... আমার স্ত্রী আবার একটু লাজুক প্রকৃতির, আপনি রান্না ঘরে বসে থাকলে ওর পক্ষে রান্না করা সম্ভব হবে না।
: নিশ্চয়ই, নিশ্চয়ই।
জাহেদ এক ইঞ্চি দূরে সরে বসে। মহা-আনন্দিত হবার ভাণ করে বলে : বাঃ, আপনার ড্রয়িং-রূমটা ভারী সুন্দর তো! ঐসব ওয়াল-পেন্টিংগুলো কা’র আঁকা? বাঃ, ওয়াণ্ডারফুল!
কারো সাড়া শব্দ নেই।
: কি হলো?
রেগেমেগে বলে জাহেদ : কেমনধারা ভদ্রতা দেখাচ্ছিস শুনি, জিপ্পু? আমি একটা মাননীয় অতিথি হয়ে তোর ওয়াল-পেন্টিং-এর প্রশংসা করছি, আর তোর কোন জবাবই নেই!
: কি করে থাকবে?
: মানে?
: মানে, আমি এখন ড্রয়িং-রূমে থাকলে তো? তোকে বসিয়ে রেখে আমি ছুটেছি দই আনতে, রথখোলা।
মহা-খুশী হয়ে জাহেদ বলে : তোমার স্ত্রী এখন তাহলে রান্নাঘরে একা?
: হ্যাঁ, তবে লাজুক তো...আমি দই আনতে বাইরে গিয়েছি দেখে ভদ্রমহিলা দরজা বন্ধ করে রান্না করছে।
: হোয়াই?
ক্ষেপে যায় জাহেদ : ভদ্রমহিলা আমার ভাবী, আমি তার দেবর। গল্প করব, ঠাট্টা-রসিকতা করব, সুখ-দুঃখের চাট্টে কথা বলব, তবে না খেতে বসব! তুই দরজা দিলি কেন রান্নাঘরে?
হেসে ভেঙে পড়ে রেহানা। বলে : বাঃ, চমৎকার হয়েছে কলিগের ভূমিকা। নাও, মনে করো—আমি আর লজ্জাশীল গৃহ-বধু নই, আধুনিকা স্ত্রী জিপ্পি সাহেবের। ড্রয়িং-রূমে বসে আছি তোমার মুখোমুখি, কথা বলো!
: জিপ্প, কোথায় আছে আগে বলো, তারপর কথা শুরু করি।
: জিপ্পু? মনে করা যাক, আমার স্বামী নেই। তিনি মিনিট-পাঁচেক আগে গত হয়েছেন। আমি সদ্য বিধবা...
জাহেদ গম্ভীর হয়ে তার ভূমিকা পালন করে যায়। সদ্য-বিধবা মহিলাকে সান্ত্বনা দেওয়ার ভঙ্গিতে বলে : দেখুন, কাতর হবেন না। দুনিয়া ক’দিনের? আপনার স্বামী গিয়েছেন, আমরাও একদিন যাব। সুতরাং দুঃখ কিসের? স্থির হোন, শান্ত হোন। একটা প্রস্তাব শুনুন—আমি আপনাকে বিয়ে করতে চাই।
তিনজনই হেসে ভেঙে পড়ে। রেহানা মাংসের হাঁড়িটা নামিয়ে কফির পানি বসিয়ে দেয়। ঠিক এসময় ওরা লক্ষ্য করল, ইমতিয়াজ আশে-পাশে কোথাও নেই।
ইমতিয়াজ কাছেই ছিল। কখন এক ফাঁকে কোথাও গিয়েছে, সেটা ওরা লক্ষ্য করে নি।
ইমতিয়াজ অন্ধকারাচ্ছন্ন দুর্ভেদ্য অরণ্য অতিক্রম করে এগিয়ে চলল। কাঁধে ঝুলছে প্রিয় রাইফেলটা। হাতে শক্তিশালী টর্চ।
কিছুদূর গিয়ে রাস্তাটা পেল। অনেকটা পায়ে চলাপথের মত। দু’পাশে জান্তি, নুরী আর কাইকী গাছের সারি। কোথাও কাঁটা-বন, ঝোপ-ঝাড়। পথের উপর গজিয়ে উঠেছে বড় বড় ঘাস। তবু পথটাকে চেনা যায়। বুঝা যায়, এই পথ দিয়ে কোন এককালে লোক চলাচল করত।
ম্যাপে এই পথটার বর্ণনা রয়েছে। কিছুদূর এগোবার পর থামতে হল ইমতিয়াজকে। বিস্ময়াবিষ্ট চোখে বহুক্ষণ তাকিয়ে থাকতে হল সুমুখের দিকে। দেখল, সামনে রয়েছে ছোট একটা ফাঁকা মাঠ। মাঠের এক পাশে দাঁড়িয়ে আছে আবছামত বিশালকায় একটা পাখী।
পাখী নয়, প্লেন।
ইমতিয়াজের অসাধারণ দৃষ্টিশক্তি সহজেই অন্ধকার ভেদ করে প্লেনটাকে চিনতে পারল। সেন আম্পালার প্লেন।
এগিয়ে চললো ইমতিয়াজ। কোথাও সাড়াশব্দ নেই। প্লেনের উইংটার নীচে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল ইমতিয়াজ অপেক্ষা করল। না, অন্ততঃ পঞ্চাশ গজের ভেতরে কোন জন-প্রাণীর অস্তিত্ব আছে বলে মনে হল না। প্লেনের সিঁড়িটা নামানো রয়েছে। এক মুহূর্ত দ্বিধা করল ইমতিয়াজ।
তারপর সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল।
শক্তিশালী টর্চের আলোয় আলোকিত হয়ে উঠল প্লেনের ভেতরটা। এক জায়গায় গিয়ে থমকে রইল দৃষ্টি।
হ্যাঁ, একটা মানুষ।
চিত হয়ে শুয়ে আছে। শীতল, শক্ত।
জিভটা বেরিয়ে আছে আধহাত। মুখ দিয়ে রক্ত বেরিয়ে এসেছিল, সেই রক্ত এখন কালো হয়ে জমে আছে থুতনি, গলা, জামার কলার এবং শরীরের এদিক-ওদিকে।
লোকটাকে চিনতে পারল ইমতিয়াজ। সেন আম্পালার অনুচর। চিটাগাং-এ সেন আম্পালার বাড়ীতে এই লোকটাকেই দেখেছিল সিঁড়ি বেয়ে নীচে নেমে যেতে।
লোকটার গায়ে হাত দেয় ইমতিয়াজ। মৃত। তবে খুব বেশীক্ষণ আগে মারা যায় নি। বড়জোর ঘণ্টা-দশেক।
টর্চের আলোয় দ্রুত চোখ বুলাল ইমতিয়াজ প্লেনের ভেতর। উইণ্ডস্ক্রীনে দুটো ফুটো ছাড়া অক্ষত অবস্থায়ই রয়েছে প্লেনটা। কোনরকম ক্ষতি হয় নি। প্লেনের কণ্ট্রোল-রূম, সুইচ-বোর্ড পরীক্ষা করল। ইগনেশান সুইচ দেখল। ব্রেক দেখল।
সবই ঠিক আছে। এমনকি ট্যাঙ্ক ভর্তি রয়েছে ফিউল এবং রিজার্ভ ট্যাঙ্কে গ্যাসোলিন।
দ্রুত চিন্তা করল ইমতিয়াজ মিনিটখানেক। তারপর পকেট থেকে পাতলা, মিহি পাউডার বের করল। প্লেনের প্রবেশ পথের মেঝেয় ছিটিয়ে দিল পাউডারের গুঁড়ো। কেবিন থেকে একখণ্ড নাইলনের কাপড় নিয়ে পকেটে রাখল। রুমাল।
তারপর নেমে এল প্লেন থেকে। প্রথম সিঁড়িতে পা দিয়েই চোখে পড়ল : বিপরীত দিকের ছোট্ট আকাশটা। অরণ্য লাল হয়ে উঠেছে। অরণ্যের গাছপালায় রক্তিমছটা ছড়িয়ে রাক্ষুসে দ্বীপের ভয়ঙ্কর সুন্দর চাঁদ উঠছে আকাশ ফুঁড়ে। কৃষ্ণপক্ষের দ্বাদশীর চাঁদ।
চাঁদের আলোয় বিচিত্র হয়ে উঠল অরণ্য। বৃষ্টির ফোঁটার মত বিন্দু বিন্দু আলো দুর্ভেদ্য অরণ্যের ফাঁক গলিয়ে যেন চুইয়ে চুইয়ে পড়ছে। কিচির-মিচির করছে নিশাচর পাখীরা। গোপন সংবাদের মত বাতাস বইছে জান্তি গাছের পত্রবহুল শাখা থেকে কাঁটার ঝোপে, নুরী গাছের উপরে, আবার ঘাসের ডগায়।
ইমতিয়াজ এগিয়ে চলল।
একটা অদ্ভুত উপায় বের করল সে সহজে পথ অতিক্রম করার জন্যে।
এটা অবশ্য তার মত অসাধারণ শক্তিশালী, ব্যায়ামসিদ্ধ স্বাস্থ্যের অধিকারীদের পক্ষেই সম্ভব।
তরতর করে একটা গাছে উঠে গেল সে। একটা গাছের লাগোয়া আর একটা গাছ, এইভাবে দুই সারি জান্তি, নুরী, কাইকী গাছ চলে গেছে সুদূরে। কোথায় কে বলবে?
এক ডাল ধরে আর এক ডালে লাফিয়ে পড়তে লাগল ইমতিয়াজ। একবারও হাত ফসকাল না তার। চিত্ত কম্পিত হল না ভয়ে অথবা আশঙ্কায়। বন-দেবতার মত অক্লেশে বৃক্ষ-শাখা অবলম্বন করে এগিয়ে চললো। টর্চটা সে আগেই কোমরের বেল্টের সাথে লাগিয়ে নিয়েছে।
তার ধারণাই সত্য বলে প্রমাণিত হল। ম্যাপ দেখে সে যা যা অনুমান করেছিল তাই সে দেখতে পেল বাস্তবে।
বেশ কিছুদূর গিয়ে সে থেমে গেল। আর অগ্রসর হবার উপায় নেই। সামনে পথ রুদ্ধ করে দাঁড়িয়ে আছে দুই মাথা-সমান উঁচু দেয়াল।
পুরু ইটের দেয়াল। চমৎকার সাদা চুনকাম করা। ইমতিয়াজ অনুমান করল, বিশ কি পঁচিশ দিনের মধ্যে দেয়ালের চুনকাম করা হয়েছে।
দেয়ালটির বৈশিষ্ট্যও লক্ষ্য করার মত। স্থানে স্থানে প্রকাণ্ড পায়ের ছবি। ছবিগুলোর কারুকার্য ভালভাবে লক্ষ্য করার উপায় ছিল না। তবে এটুকু নিঃসংশয় হওয়া গেল যে, প্যাগোডার হাতের সাথে দেয়ালটির পায়ের ছবির কোন না কোন একটা ঐক্য রয়েছে।
হঠাৎ একরকমের ঝিঁ ঝিঁ শব্দ উঠল। শব্দটা কোন জীব-জন্তু বা পোকা-মাকড়ের নয়, এটুকু বুঝল ইমতিয়াজ। ধাতব বস্তুর পরস্পর সংঘর্ষজনিত শব্দ। মনে হল, শব্দটা যেন দেয়াল থেকে ধ্বনিত হচ্ছে।
নিশ্চুপ দাড়িয়ে রইল ইমতিয়াজ। তারপর ক্ষীণ হাসির রেখা ফুটে উঠল তার ঠোঁটে। এগিয়ে গেল সে দেয়ালের দিকে। পকেট থেকে কর্ড বার করে সেটা সে ছুঁড়ে মারল উপরে। কিন্তু কোথাও সেটা আটকাল না। বার কয়েক এরকম চেষ্টা করে বুঝল ইমতিয়াজ, দেয়ালের উপরিভাগ, যেমন ঢালু তেমনি মসৃণ। দড়ি বেঁধে দেয়ালে ওঠার কোন উপায় নেই।
নিকটবর্তী একটা গাছে উঠল ইমতিয়াজ।
গাছের শাখা থেকে দেয়ালটির দূরত্ব পনর হাতের বেশী নয়। সেখান থেকেই ইমতিয়াজ লাফ দিল দেয়ালটি লক্ষ্য করে। এক হাত দিয়ে ধরে ফেলল সে দেয়ালের মাথা। আর এক হাত সে স্থাপন করল উপরিভাগে।
প্রচণ্ড শক্তি প্রয়োগ করে ইমতিয়াজ দেয়ালের উপর ওঠার চেষ্টা করল। ঠিক এসময় আর এক ধরনের বিচিত্র শব্দ উঠল তার কানের ঠিক চারপাশে। প্রথমে ধীরে ধীরে উঠল শব্দটা, পরে কোলাহলে পরিণত হল।
অট্টহাসির শব্দ। প্রচণ্ড তীক্ষ্ণ গগন-বিদারী অট্টহাসি।
হাত দু’টি শিথিল হয়ে গেল ইমতিয়াজের প্রাণপণে সে ধরে রাখার চেষ্টা করল দেয়ালের মাথা। কিন্তু আস্তে আস্তে নিস্তেজ হয়ে এল তার শক্তি। ইমতিয়াজ হুমড়ি খেয়ে পড়ে গেল পেছন দিকে।
রাত দশটা।
ওরা,—জাহেদ, রেহানা, জিপ্পি আসাদ যে যার বিছানায় মাত্র শুয়েছে।
ইমতিয়াজ তাঁবু ছেড়ে বাইরে গিয়েছে অনেকক্ষণ হল। ইমতিয়াজের জন্যে দুশ্চিন্তার অবশ্য কিছুই নেই। নিজের জন্যে ইমতিয়াজই যথেষ্ট। তবু ব্যাপারটা ওরা সবাই অন্য দৃষ্টিতে ভাবতে বসল।
জিপ্পি বলল : যাবার আগে ইমতিয়াজ আমার কাছে মৃত-নগরীর চাবি তিনটে দিয়ে গেছে।
রেহানা বলে : কি কারণে?
: জানি না। চাবি তিনটে এখন আমার কাছে। ইমতিয়াজ শুধু একটা কথা বলেছিল—ম্যাপটা আমার কাছে রইল, চাবি তিনটে তোমার কাছে থাক।
জাহেদ বলল : খানিকটা চক্কর দিয়ে এলে কেমন হয়? সুন্দর জ্যোৎস্না উঠেছে। চাঁদের আলোয় রাক্ষুসে দ্বীপটা কেমন দেখায়, পরখ করা যেত।
: বেশ তো,
লাফ দিয়ে ওঠে রেহানা : চলো। একটা এল. এম. জি. নিলাম আমি সাথে।
: দু’টো গ্যাস রাইফেল আমি,
জিপ্পি জানায়। সেও ততক্ষণে উঠে বসেছে বিছানা জাহেদ বলে : আমার হাতে রইল একটা পিস্তল।
তাঁবুর ভেতরকার আলো নিভিয়ে দেওয়া হল। প্রথমে এগো ওরা দক্ষিণদিক ধরে। কিছুদূর গিয়ে সেই পথটা পেল ওরা। চাঁদের আলোয় পথটাকে ঠিক পথ বলে চেনা যাচ্ছিল না। তবে বিশৃঙ্খল গাছ-পালার নিবিড় বেষ্টনীর ভেতর হঠাৎ দু’পাশে গাছের সারি মাঝখানে বড় বড় ঘাসে ছাওয়া সরু নদীর মত জায়গাটা স্বাভাবিক ভাবেই ওদের দৃষ্টি আকর্ষণ করল।
: এরপরে হয়তো লোকালয় পেয়ে যাবো।—রেহানা হাসতে হাসতে বলে : হয়তো কিছুদূর এগিয়ে গিয়ে দেখব, চমৎকার একটা শহর বসেছে। বিজুলী-বাতি, রাস্তা, দালান-কোঠা, ইস্কুল-কলেজ, কল-কারখানা সব আছে সেখানে।
: শুধু মানুষ নেই...
জাহেদ বলল : আচ্ছা কেমন হয়, যদি দেখি, শহরে সব ব্যবস্থা আছে, বিজলীবাতি, শুধু সেখানে মানুষ নেই?
: সেটা তাহলে রাক্ষস-খোক্কসের গল্প হয়ে দাঁড়ায়। সেই যে রূপকথার রাজকুমার তেপান্তরের মাঠ পেরিয়ে এক মায়াবী রাজ্যে গিয়ে উঠেছিল, দেখেছিল—বড় বড় রাজ-প্রাসাদ শূন্য পড়ে আছে, কেউ নেই, সেই রকম ব্যাপার হয়ে দাড়ায়।
রেহানা তেমনি হাসিমুখে বলে।
জিপ্পি মাথা নাড়ে। বলে : রূপকথার আর বাকিটা কি রইল, রেহানা? দ্বীপটার নামও তো রাক্ষুসে দ্বীপ আর মায়ার কথা বলছ? প্যাগোডার সিঁড়ি থেকে ইরাবতীর অন্তর্ধান কি মায়ার চেয়ে অধিক নয়? আমাদের প্লেনে অগ্নিকাণ্ড কি ভৌতিক ব্যাপারের চেয়েও বিস্ময়কর ব্যাপার নয়?
জঙ্গলে বাতাস গমগম করছে। ভেতরে অন্ধকার। ক্বচিৎ কখনো সামান্য ফাঁকা জায়গায় চাঁদের কিরণ দেখতে পাওয়া যায়। পায়ের নীচে রুক্ষ লতা-গুল্ম ও কাঁটা। ওদের অবশ্য এতে অসুবিধা কিছু হচ্ছিল না। ওদের পায়ে রয়েছে ট্রপিক্যাল বুট। পরনেও রয়েছে ট্রপিক্যাল গারমেন্টস।
দক্ষিণদিক থেকে ওরা ঘাসে ছাওয়া রাস্তাটা ধরে ডানদিকে এগোয়। অরণ্য-রাজ্যে সীমাহীন রহস্যের হাতছানি। হঠাৎ সুমুখ থেকে একটা ভালুক লাফ দিয়ে পালালো জঙ্গলের ভেতর। জাহেদ হেঁকে বলল : ডব্ল আপ, ডব্ল আপ! জল্দি পালা, ব্যাটা ভালুক কি বাচ্চা!
: চেঁচিয়ো না দোস্ত,
রেহানা উপদেশ দেয় : ভালুকটা আবার ফিরে আসতে পারে তো তোমার বৃষভ কণ্ঠ শুনে…
: আর আসবে না। শালার অন্তরে খুব ভয় ঢুকেছে। লেজ তুলে ছুটলো, যেন দাঁড়াবার সময় নেই, খুব ব্যস্ত।
জিপ্পি এসময় চেঁচাল। ও খানিকটা সামনে এগিয়ে রয়েছে। ওরা দু’জনেই ওর নিকটবর্তী হয়। দেখে, একটা লতার ঝোপের ভেতর পা দিয়েছে জিপ্পি ভুলে, আর লতার অসংখ্য বাহু জিপ্পিকে বেঁধে ফেলেছে আষ্টে-পৃষ্ঠে।
: রাক্ষুসে লতা।
অস্ফুট কণ্ঠে বলল রেহানা। দু’জনেই ওরা কোমরের বন্ধনী থেকে ছুরি বার করে লতার বাঁধন কাটতে থাকে। রাক্ষুসে লতার আক্রমণের ভেতর আগেও দু’একবার পড়েছে ওরা। বড় সাংঘাতিক আক্রমণ এই রাক্ষুসে লতার! একবার আয়ত্তের ভেতর পেলে সহজে নিস্তার নেই কারো। আস্তে আস্তে লতার অসংখ্য বাহুর বাঁধন দৃঢ় থেকে দৃঢ়তর হতে থাকে আর সেই বাঁধনের ভেতর অনেক সময় বাঘ, সিংহের মত শক্তিশালী জানোয়ারও নির্জীব হয়ে আসে।
দুই হাতে লতার বাঁধন কেটে চলল রেহানা আর জাহেদ। জিপ্পির হাত মুক্ত হলে সেও বাঁধন কাটতে থাকে ছুরি বা’র করে। জিপ্পিকে মুক্ত করতে করতেই বেশ অনেকটা সময় কেটে গেল।
রাস্তাটা ধরে ডানদিকে এগোল ওরা। চাঁদ দেখা গেল এসময়, কয়েকটা গাছের কিছু উপরে। জায়গাটা অপেক্ষাকৃত ফাঁকা।
ওরা আসলে ইমতিয়াজের বিপরীত দিক ধরে সরোবরের দিকে যাচ্ছিল। কিন্তু সে কথা ওদের কারোই জানা ছিল না। ওরা ঠিক করল, আর ঘণ্টাখানেক চক্কর দেবে পথটা ধরে যদ্দূর যাওয়া যায় তদ্দর। তারপর ফিরে যাবে তাঁবুতে।
ঠিক এসময় একটা ক্ষীণ শব্দ ভেসে এল গভীর বনের ভেতর থেকে। উৎকর্ণ হল সবাই। উত্তেজিত দেখা গেল সকলেরই চোখ-মুখ। শব্দটা এবার সামান্য স্পষ্ট হয়েছে।
: কোনো মেয়ে চেঁচাচ্ছে!
জিপ্পি বলল।
রেহানা বলল : হ্যাঁ। শব্দটা এক জায়গা থেকে আর এক জায়গায় ছুটে পালাচ্ছে। মেয়েটা যেই হোক, বিপদে পড়েছে হয়তো। চেঁচিয়ে সাহায্য চাইছে। সাহায্য! এই জন-মানবহীন দ্বীপে কে যাবে তা’কে সাহায্য করতে?—রেহানা মন্তব্য করে।
জিপ্পি বলে : তোমারটা হল যুক্তির কথা। কিন্তু ঐ মেয়েটা হয়ত বিপদে পড়েছে। বিপদের সময় যুক্তির ধার কে ধারে?
জাহেদ প্রথম কথা বলল : মেয়েটা আর কেউ নয়। ইরাবতী।
: ইরাবতী!
: হ্যাঁ, ইরাবতী। কান পাতো ভাল করে শোনো—ওরা শুনলো। তীক্ষ্ণ নারীকণ্ঠে কেউ সাহায্য চাইছে স্পষ্ট বাংলায় কথা বলছে সে। হয়তো বা মেয়েটি ইরাবতীই।
: দৈত্য…রাক্ষস…খেয়ে ফেললো,
নারীকণ্ঠের চীৎকার আর একটু স্পষ্ট হল : বাঁচাও…একশ-এক মাথাওয়ালা দৈত্য! উঃ…বাঁচাও…বাঁচাও…!...
ওরা ছুটল শব্দটা লক্ষ্য করে গভীর জঙ্গলের ভেতর।
ইমতিয়াজ চোখ মেলে তাকাল।
অবাক হল সে অন্ধকারে নিজেকে এভাবে পড়ে থাকতে দেখে।
একটু একটু করে সব কথা পরিষ্কার হল তার কাছে। দেয়ালের উপর দু’হাত রেখে দেয়াল পার হবার চেষ্টা করেছিল সে। ঠিক এসময় একটা বিচিত্র শব্দ ওঠে চারপাশ থেকে।
শুধু তাই নয়। কেউ তাকে মাথা এবং দু’হাতের উপর প্রচণ্ড আঘাত করেছিল। ফলে দেয়ালের উপর থেকে পড়ে যায়। জ্ঞান হারিয়ে ফেলে সে।
দুর্বল বোধ করছিল ইমতিয়াজ। কিছুক্ষণ চোখ বুজে নিঃসাড় হয়ে পড়ে রইল সে। তারপর এক অদ্ভুত প্রক্রিয়ায় ব্যায়াম করতে শুরু করল। একটা নির্দিষ্ট সময় ধরে মুখের উপর চাপড় দিতে শুরু করল সে। অর্ধবৃত্ত অবস্থায় শুয়ে কোমরের শিথিলতা দূর করল। তারপর একটা বিশেষ আসনে বসে নিঃশ্বাস নিয়ন্ত্রিত করে বসে রইল কিছুক্ষণ। ধীরে ধীরে শরীরে প্রবল শক্তির বেগ তরঙ্গিত হয়ে উঠল। মুখে দেখা দিতে লাগল এক প্রকারের উজ্জ্বল দীপ্তি।
ইমতিয়াজ তার লুপ্ত-শক্তি ও চেতনা ফিরে পেল দ্রুত।
উঠে দাঁড়িয়ে সে কিছুক্ষণ দ্রুতবেগে হাঁটল রহস্যময় দেয়ালটার বিপরীত দিকে। তারপর আবার ফিরে এল।
পিঠের উপরকার ব্যাগ থেকে বা’র করল সে ফ্লাশ-লাইট। প্রথমে তার ধারণা হল, পাথরের পা দিয়ে তৈরী দেয়ালটার যে অংশ থেকে সে পড়ে গিয়েছিল সে অংশে নিশ্চয়ই কোন একটা চোরা দরজা রয়েছে। দেয়াল থেকে উত্থিত শব্দটার কথাও ভাবল সে। এমনও হতে পারে, দেয়ালে বসানো কোন গুপ্ত ট্রিগারে ভুলক্রমে সে হাত দিয়ে বসেছিল।
ফ্লাশ-লাইটের আলোয় দেয়ালটা আলোকিত হয়ে উঠল। বিশেষ অংশের প্রতিটি পাথর ঠুকে ঠুকে যাচাই করল ইমতিয়াজ। না, কোন চোরা দরজা নেই। কোন গুপ্ত ট্রিগার আছে কিনা কোথাও, তা-ও ঠিক বুঝা গেল না।
ফ্লাশ-লাইট নিভিয়ে দিল ইমতিয়াজ। আবার দেয়ালের নিকটবর্তী কট্কী গাছে উঠল। দেয়ালের উপর পা রাখল সাবধানে। প্রশস্ত দেয়াল। দুই প্রান্তে টানা রেখা। বিপরীত প্রান্তে হাত না লাগিয়ে ভেতর দিকের একটা গাছের শাখা লাফিয়ে ধরল ইমতিয়াজ। তার মনে হল, দেয়ালের উপরি-ভাগের শেষ প্রান্তের ঢালুতে কোন গুপ্ত ট্রিগার রয়েছে।
দেয়ালের ভেতর প্রশস্ত অঙ্গন। চমৎকার ঘাসে ছাওয়া লন। পশ্চিম প্রান্তে দাঁড়িয়ে আছে একটি প্যাগোডা। চাঁদের আলোয় স্পষ্টই দেখা গেল প্যাগোডার বাইরের কারুকার্য। হস্ত-অঙ্কিত প্যাগোডাটিরই অনুরূপ প্যাগোডা এটি। অবিকল একই সাইজ, একই নির্মান-কৌশল, একই রকম দেখতে। পার্থক্য শুধু, এটি মানুষের পায়ের ভাস্কর্য দিয়ে তৈরী। অসংখ্য পাথরের পা বসানো রয়েছে প্যাগোডাটিতে।
সতর্কভাবে কিছুক্ষণ ঘুরল ইমতিয়াজ দেয়ালের চারপাশে। তারপর নিশ্চিন্ত হল, বাইরে অন্ততঃ কেউ নেই। সে এগোল বড় দরজার দিকে, সেরকমই ভারী কাঠের দরজা। দরজার চৌকাঠে পা দিতেই দরজাটা খুলে গেল। ইমতিয়াজ বুঝল, দরজার চৌকাঠে বসান হয়েছে একরকমের স্প্রিং, যার ফলে চৌকাঠে পা দিলেই দরজাটা আপনি খুলে যায়। ফ্লাশ-লাইট হাতে নিয়ে ঘরে ঢুকল সে। ফ্লাশ-লাইটের আলোয় শূন্য ঘরটা আলোকিত হয়ে উঠল। ভেতর দিকে চলে গিয়েছে সরু প্যাসেজ। দু’পাশে ছোট বড় কক্ষ।
প্রত্যেকটি কক্ষ ঘুরে ফিরে দেখল ইমতিয়াজ। একরকমের ভেপসা গরম বাতাস আটকে আছে ঘরের ভেতর। চারদিক বড় বেশী নির্জনতা বিরাজ করছে। ঘরের মেঝেয় ধূলো জমেছে। খাঁ খাঁ করছে সব ক’টা ঘর।
সরু প্যাসেজের দক্ষিণের শেষ ঘরটাতে ঢুকে হস্ত-অঙ্কিত প্যাগোডাটির মতই একটা বৈশিষ্ট্য লক্ষ্য করল ইমতিয়াজ। চারদিকে পায়ের ছবি খোদাই করা। পাথরগুলি এমনভাবে বসানো হয়েছে যাতে সকলেরই দৃষ্টি পড়ে ঘরের মেঝের কেন্দ্র স্থলে।
মেঝের কেন্দ্র স্থলে একটা নাতি-বৃহৎ বৃত্ত। দু’পাশে দু’টি শক্ত আংটা। আংটা ধরে টান দিতেই বেরিয়ে পড়ল খানিকটা ফাঁপা জায়গা। ফ্লাশ-লাইটের আলোয় ইমতিয়াজ যা দেখল তাতে শিউরে উঠল সে। পাঁচ বছরের একটি মেয়ের মুণ্ডহীন শরীর পড়ে আছে। সুন্দর জমকালো ফ্রক-পরা মেয়েটা। সবই ঠিক আছে, শুধু মাথাটা দেহ থেকে বিচ্ছিন্ন। মনে হল, ধারালো ব্লেড দিয়ে মাথাটা কেউ কেটে দিয়েছে। কর্তিত গলার চারদিকে কালো রক্ত জমে আছে। ফ্রকেও রক্তের শুকনো দাগ।
অন্ততঃ পাঁচদিন আগে ইমতিয়াজ অনুমান করল, মেয়েটাকে হত্যা করা হয়েছে। মেয়েটার পোশাক, রং ইত্যাদি পরীক্ষা করে বুঝল, মেয়েটা কোন সম্ভ্রান্ত আমেরিকান পরিবারের মেয়ে। ফাঁপা গর্তটিতে আরো কয়েকটা নর-কঙ্কাল পাওয়া গেল। কোনটারই মাথা নেই। নর-কঙ্কালের পাশে পাওয়া গেল অস্ত্র-শস্ত্র—বর্ণা, ধনুক, কুঠার, বন্দুক আর রিভলভার।
আরো একটা জিনিস পাওয়া গেল ফাঁপা গর্তটাতে। একটা দামী চামড়ার মানি-ব্যাগ। চামড়ার মসৃণতা নষ্ট হয়ে গেছে। জং ধরে গেছে তামা-বসানো দু’টি ক্ষুদ্রাকৃতি বোতামে। মানি-ব্যাগটা খুললো ইমতিয়াজ। ভেতরে পাওয়া গেল একটা কার্ড। ইংরেজীতে লেখা :
AVIATOR TOM GRAVNEY
TOWNSVILLE, QUEENSLAND, AUSTRALIA.
মানি-ব্যাগটার ভেতরে কার্ড ছাড়া রয়েছে অর্ধ-সমাপ্ত একটা বিচিত্র চিঠি। চিঠিটার কোন মানে বুঝল না ইমতিয়াজ। ইংরেজীতে লিখেছে কেউ, হয়তো টম গ্রেভ্নীই : GO HOME TOM. SHE BITES. KING, MY KING, THAT ONE,—DEAR AND LOVELY TURNS SNAKE. TOM... SHE BITES. TOM HOME. GO. KING, TOM. SHE ALL SNAKES. ALL ‘KILLS’.
মানি-ব্যাগটা নিজের কাছে রাখুল। মেয়েটার ফ্রকের এক প্রান্ত কেটে ব্যাগে পুরল। প্যাগোডাটি ঘুরে ফিরে দেখল আরো কিছুক্ষণ। তারপর ফিরে এল দেয়ালের কাছে।
একটা বৈশিষ্ট্য সহজেই চোখে পড়ল। এই প্যাগোডাটির কোনরকম গেট বা বহির্গমণের পথ নেই। অসাধারণ শক্তিমত্তার বলে ইমতিয়াজ দেয়াল অতিক্রম করতে পারল। কিন্তু সাধারণ কারো পক্ষে দেয়াল অতিক্রম করা সম্ভব নয় কোন মতেই।
দেয়াল অতিক্রম করে জঙ্গলের পথ ধরে তাঁবুর দিকে ফিরে চলল ইমতিয়াজ। চাঁদ হেলে পড়েছে। নিশাচর পাখীরা ডাকছে অন্ধকারে লুকিয়ে। তাঁবুর কাছাকাছি এসে কেমন যেন নির্জন মনে হল চারদিক। তাঁবুর ভেতরে ঢুকতেই আর্তনাদ করে উঠল একটা নারী-কণ্ঠ।
এক মুহূর্ত বিমূঢ় হয়ে দাঁড়িয়ে থাকে ইমতিয়াজ। তারপর শান্ত, স্থির কণ্ঠে বলে : ভয় পাবেন না, ইরাবতী। আমি ইমতিয়াজ।
আলো জ্বালাল ইমতিয়াজ। কণ্ঠস্বর শুনেই ইরাবতীকে চিনেছে সে। আলো জ্বালাবার পর দেখল, জড়োসড়ো হয়ে মেয়েটা বসে আছে এক-কোণে। তখনও তার চোখেমুখে আতঙ্কের চিহ্ন।
ইমতিয়াজ কাছে এগিয়ে গেল। বলল : ইরাবতী?
ইরাবতী চিনলো এবার। সে রাতে নিজের বাড়ী থেকে ছুটে পালাবার সময় এক মুহূর্ত দেখেছিল ইমতিয়াজের মুখ। তার আতঙ্কের ভাব অনেকটা কেটে গেল।
ইমতিয়াজ বলল : আমার বন্ধুরা কোথায়, ইরাবতী?
: জানি না, আমি পালিয়ে এসেছি দৈত্যটার কাছ থেকে। সুবিধামত জায়গা ভেবে তাঁবুর ভেতরে এসে লুকিয়েছি। আপনার বন্ধুদের আমি এসে পাই নি, মিঃ ইমতিয়াজ।
তাঁবুর ভেতরে দৃষ্টিপাত করে ইমতিয়াজ বুঝল, ওরা স্বেচ্ছায় কোথাও বেরিয়েছে। ওদের ব্যাগ আর অস্ত্র তাঁবুতে নেই।
দু’জনেই মুখোমুখি বসল। ইরাবতী অনেকটা আশ্বস্ত বোধ করতে লাগল ইমতিয়াজের মুখোমুখি বসে। ইমতিয়াজ দেখল, ইরাবতীর পরনের শাড়ী কোথাও কোথাও ছিঁড়ে গেছে। শাড়ী আর জামায় মাটির দাগ। ইরাবতী দৈত্যের কাছ থেকে পালিয়ে এসেছে, কথাটা লক্ষ্য করতে ভুললো না ইমতিয়াজ।
কিন্তু সে অন্য প্রসঙ্গ উত্থাপন করল। বলল : ইরাবতী, মিঃ মাবিয়া কোথায়?
: জানি না।
: আপনার কি হয়েছিল?
ইরাবতী বলল : তাও আমি ভাল করে বলতে পারব না, মিঃ ইমতিয়াজ। প্যাগোডার সামনে গিয়ে দাঁড়িয়েছিলাম আমি। মাবিয়া চাচা আর, আর…।
: কুমারস্বামী…
: হ্যাঁ, কুমারস্বামী। হঠাৎ অট্টহাসি বেজে উঠল চারদিক কাঁপিয়ে। এ অট্টহাসি আমার পূর্ব পরিচিত। বছর দুই আগে বাবা-মা আর ইন্দুমতীর সাথে রাক্ষুসে দ্বীপে এসেছিলাম তা বোধহয় আপনি জানেন, মিঃ ইমতিয়াজ। ইন্দুমতীকে তো চুরি করে নিয়ে গেল সেন আম্পালা। আমরা ক’জন মৃত নগরীতে যাওয়ার জন্যে অভিযান চালিয়ে যাচ্ছি...
: আচ্ছা, আপনাদের দলে কি মিঃ টম গ্রেভনী নামে কোন অষ্ট্রেলিয়ান ভদ্রলোক ছিলেন, ইরাবতী?
: মিঃ টম গ্রেভনী…নামটা যেন চেনা-চেনা লাগছে। কিন্তু এই মুহূর্তে আর কিছুই মনে করতে পারছি না, মিঃ ইমতিয়াজ…
: ঠিক আছে, তারপর কি হল বলুন।
: আমরা দলে ছিলাম সাতজন। আমি, বাবা-মা, মাবিয়া চাচা আর তিনজন গুর্খা সহচর। সে রাতের কথা স্পষ্টই মনে আছে আমার। তাঁবুর ভেতরে শুয়ে আছি আমরা। হঠাৎ অট্টহাসির শব্দ। শব্দটা কোত্থেকে আসছে কিছুই বুঝতে পারলাম না আমরা কেউ। কিন্তু অট্টহাসির মাত্রা ক্রমে বাড়তে লাগল। শেষে এমন হল, আমি আর সহ্য করতে না পেরে ভয়ে, আতঙ্কে তাঁবু থেকে বেরিয়ে দৌড়তে শুরু করে দিলাম। অট্টহাসির শব্দটাও যেতে লাগল আমার পিছু পিছু। তারপর এক সময় জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়লাম আমি মাটিতে। জ্ঞান হবার পর দেখলাম, মাবিয়া চাচা আমার কাছেই মুখ থুবড়ে পড়ে আছে আর, আর আমার বাবা, মা, তাঁবু, তিনজন গুর্খা সহচর সব ভোজবাজির মতো মিলিয়ে গেছে।
ইরাবতী থামল এক মুহূর্ত। বলল : এ ঘটনা বোধহয় আপনি জানেন, মিঃ ইমতিয়াজ। সে দিন ভোরবেলা প্যাগোডার সামনে দাঁড়িয়ে ঠিক একই ধরনের অট্টহাসি শুনলাম। হঠাৎ কেমন করে যেন প্যাগোডার দরজাটা খুলে গেল। দেখলাম, নিজের চোখকে বিশ্বেস হল না, মিঃ ইমতিয়াজ,—দেখলাম, একটা ভীষণ লম্বা নর-কঙ্কাল হেলে-দুলে আমাদের দিকে আসছে। নর-কঙ্কালটার হাতে রয়েছে…
: কি, বলুন?
: একটা মানুষের মাথা। আমি আর কিছুই জানি না তারপর। বোধহয় জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েছিলাম। জ্ঞান ফিরে পেয়েছি আমি ঘণ্টা-চারেক আগে।
মাথা নাড়ল ইমতিয়াজ। বলল : ক’দিন আপনি অজ্ঞান হয়ে ছিলেন, সেটা আপনার জানা আছে, ইরাবতী?
: না। অনুমান করছি, বেশ ক’দিন। অস্পষ্ট মনে পড়ছে, কা’রা যেন আমার পাশে এসে দাঁড়াত। মাথায় কি যেন বেঁধে দিত, আর আমি ঘুমের ভেতর তলিয়ে যেতাম…
ইমতিয়াজ বলল : আপনি এগারোদিন অজ্ঞান হয়ে ছিলেন, ইরাবতী। আপনাকে অজ্ঞান করে রাখা হয়েছিল। আচ্ছা, জ্ঞান ফিরে পাবার পর কি দেখলেন আপনি?
: একটা গুহার মত ঘর। মস্ত বড়ো একটা ছিদ্র রয়েছে সেই গুহায়। ছিদ্রের ফাঁক দিয়ে দেখা যায় সুনীল সমুদ্র। চমৎকার হাওয়া আসছিল সেই ঘরে। কিন্তু জ্ঞান ফিরে পাবার পর যখনই বুঝলাম, আমি বন্দী, তখনই পালালাম সেখান থেকে, আর টের পেলাম পেছনে পেছন ছুটে আসছে সেই দৈত্যটা…
: দৈত্য!
ইরাবতী পূর্ণ-চোখে তাকায় ইমতিয়াজের দিকে। বলে : মিঃ ইমতিয়াজ, কনভেন্টে পড়া মেয়ে আমি। ছোট বেলা থেকেই সারা দুনিয়া চষে বেড়াচ্ছি বাবা-মার সাথে। আমাকে কুসংস্কারাচ্ছন্ন ভাববেন না। বরাবরই আমি যুক্তিবাদী। যাদু-মন্ত্র, তাবিজ-কবজ, দেও-দৈত্যে কোন কালেই আমার বিশ্বাস ছিল না। কিন্তু নিজের চোখকে আমি অবিশ্বাস করি কি ভাবে? যার শরীরের সবখানে অসংখ্য মাথা···তাকে দৈত্য না বলে কি বলব আমি?
ইরাবতী যে প্রলাপ বকছে না এবিষয়ে নিঃসন্দেহ ছিল ইমতিয়াজ। সে বলল: দৈত্যটার চেহারার বর্ণনা দিতে পারেন?
ইরাবতী বলল : হ্যাঁ পারি, আমি ওকে স্পষ্টই দেখেছি। বিশাল লম্বা-চওড়া দেখতে। লম্বায় অন্ততঃ সাত ফুটের কম হবে না। অবিকল মানুষের মতই দেখতে। হয়ত লোকটা মানুষই। কিন্তু ওর হাতে, ঘাড়ে, পেটে, পিঠে, উরুতে, পায়ে অসংখ্য মাথা…
: জীবন্ত?
: অতোটা আমি জানি না, মিঃ ইমতিয়াজ। তবে দেখেছি, লোকটার শরীরে আমাদের মতই একটা মাথা, তাছাড়া সারা শরীরে বড়ো কমলালেবু সাইজের অসংখ্য মাথা। প্রত্যেকটি মাথায় রয়েছে নাক, মুখ, ভুরু, কপাল ঠোঁট, চোখ, এক কথায়, ছোট হলেও এক একটা নিখুঁত মাথা! আমি গুহা থেকে বেরিয়ে জঙ্গলে নামতেই সে আমার পেছন পেছন এল। আমি চীৎকার করতে লাগলাম আর দৌড়াতে লাগলাম। কিছুদূর এগিয়ে আমি যেন আরো বহু মানুষের গলার শব্দ পেলাম। কিন্তু তখন আমি হিতাহিত জ্ঞানশূন্য। দৌড়াতে দৌড়াতে কখন এ জায়গায় এসে পৌঁছেছি তা জানি না। তাঁবু দেখে মনে হল, হয়ত কোন মানুষ আছে। ভেতরে ঢুকে দেখলাম, কেউ নেই। একবার ভাবলাম, পালাই। হয়তো, এটাও সেই ভয়ঙ্কর-দর্শন লোকটারই ফাঁদ। মন বলল, পালাও কিন্তু শরীর বিদ্রোহ ঘোষণা করল। এমনিতেই দুর্বল ছিলাম তার উপর দিগ্বিদিক জ্ঞান-শূন্য হয়ে দৌড়ানো…আমি আর এ তাঁবু থেকে উঠতে পারলাম না, মিঃ ইমতিয়াজ। যা হয় হবে, ভেবে এখানেই শুয়ে পড়েছি। তারপর ঘণ্টা-আড়াই পরে আপনি এলেন।
ইরাবতী আর কথা বলতে পারছিল না। ইমতিয়াজ ষ্টোভ জ্বেলে কফি তৈরী করল, কিছু খাবার এবং কফি দিল ইরাবতীকে।
ইরাবতী কফিতে চুমুক দিয়ে অনেকটা সুস্থ বোধ করল। ইমতিয়াজ বলল : মিঃ মাবিয়ার কোন খবর জানেন না নিশ্চয়ই?
: না। আপনি জানেন?
সাগ্রহে জিজ্ঞেস করে ইরাবতী। ইমতিয়াজ মাথা নাড়ে। বলে : কিছুই জানি না। তবে মনে হচ্ছে, তিনি বেঁচে আছেন। দুশ্চিন্তার কোন কারণ নেই।
প্রয়োজনে কিভাবে আত্মরক্ষা করতে হবে, সেটা বর্ণনা করল ইমতিয়াজ ইরাবতীর কাছে। তারপর তাকে বিশ্রাম করতে বলে একটা শাবল হাতে বেরিয়ে এলো সে। বাইরে জ্যোৎস্না-প্লাবিত রাত্রি। কয়েকটা কালো মেঘে চাঁদ সম্পূর্ণ ঢাকা পড়েছে। মেঘ সরে যেতেই আবার হেসে উঠল চাঁদ।
ইমতিয়াজ বিপরীত দিকে যেতে লাগল। সময় সংক্ষিপ্ত করার জন্যে শাবলটা যথাবিহিত পিঠে বেঁধে গাছের ডাল ধরে ঝুলতে ঝুলতে এগোল সে। এক গাছের ডাল থেকে লাফিয়ে আর এক গাছের ডাল ধরা এবং এভাবে এগিয়ে যাওয়া...সাধারণ লোকের পক্ষে চিন্তা করাও কষ্টকর। কিন্তু ইমতিয়াজ অসাধারণ শক্তি-ধারী। ছোটবেলা থেকেই সে এমনভাবে নিয়মিত ব্যায়ামের সাহায্যে পেশী গঠন করেছে যে তার পক্ষে এভাবে পথ অতিক্রম করা মোটেও কষ্টসাধ্য হল না।
নির্বিঘ্নে সে পথ অতিক্রম করল। তারপর এসে পৌঁছুল সেন আম্পালার প্লেন যেখানে ল্যাণ্ড করা হয়েছিল সেখানে।
প্লেন থেকে কয়েকটা জরুরী পার্টস্ খুলে ফেলল ইমতিয়াজ। নিকটবর্তী একটা বিশাল কট্কী গাছের গুঁড়ির পাশে গর্ত করল খানিকটা জায়গা। পার্টগুলো গর্তের ভেতরে রেখে মাটি চাপা দিল। কিছু শুকনো ডালপালা জড়ো করল সেখানটায়। তারপর ফিরে চলল তাঁবুর দিকে।
তখন পাখ-পাখালীর ডাক শোনা যাচ্ছে অরণ্যে। ঠাণ্ডা বাতাস বইছে ধীরে ধীরে। ইমতিয়াজ তাঁবুতে ফিরে এসে দেখল, ইরাবতী বিভোরে ঘুমোচ্ছে। হাত ঘড়ি দেখল সে একবার। তারপর ঘণ্টাখানেক ঘুমোবার জন্যে নিজের শয্যায় এসে আশ্রয় নিল। চোখ বোজার পর মুহূর্তেই ভারী নিঃশ্বাস পড়তে শুরু করল তার।
তিন
ঠিক ঘণ্টাখানেক পর ঘুম ভাঙল ইমতিয়াজের। দেখল, ইরাবতী বসে আছে চুপচাপ। তার ঘুম ভেঙেছে আগেই।
কফি তৈরী করল ইমতিয়াজ। সংরক্ষিত খাবারের টিন থেকে কিছু খাবার বের করল। ব্রেকফাষ্ট শেষ করল ওরা অনেকটা নিশ্চিন্তে। ইরাবতী শুভ মুহম্মদের অভিযাত্রার কাহিনী শোনাল বিস্তারিত ভাবে। ইমতিয়াজ নিঃশব্দে শুনল শুধু, কোনরকম মন্তব্য করল না।
সামান্য বিশ্রামের পর যন্ত্রচালিতের ন্যায় কয়েকটা কাজ সমাধা করল ইমতিয়াজ। দু’টো ব্যাগ গুছাল। জাহেদ, জিপ্পি আসাদ এবং রেহানার পরিত্যক্ত অস্ত্রগুলো সে পার্শ্ববর্তী একটা বিশালকায় গাছের কোটরে লুকিয়ে রাখল। ছুরি দিয়ে গাছে ক্রস আঁকল। একটা সাঙ্কেতিক শব্দ লিখল ক্রসের নীচে।
ইরাবতী প্রগাঢ় বিস্ময় এবং শ্রদ্ধার সাথে ইমতিয়াজের কার্যকলাপ লক্ষ্য করল। এই লোকটার উপর মাবিয়ার অপরিসীম আস্থার কথা মনে পড়ল তার। বারবার খোদার উদ্দেশে শোকর জানাল সে দুঃসময়ে ইমতিয়াজের সাহায্য লাভের সৌভাগ্যে।
সংক্ষেপে ইরাবতীকে নিজের প্ল্যান-প্রোগ্রামের কথা খুলে জানাল ইমতিয়াজ। ম্যাপটা খুলে সে ক্রস-অঙ্কিত জায়গাটা দেখাল। ক্রসের ঠিক পাশেই রয়েছে সরোবর। সরোবর থেকে নদী বেরিয়েছে কয়েকটা…
ইরাবতী বলল : সরোবরের উপরে যে সাংঙ্কেতিক লেখা গুলো রয়েছে সেগুলোর অর্থ কি দাঁড়ায়?
: MIRACLE
ইমতিয়াজ সামান্য হাসল : প্রত্যেকটা শব্দ থেকে যথাক্রমে APP এবং PPA বাদ দিন। শেষের দু’টো শব্দ হল, GO GO.
একটু থামল সে। বলল : ম্যাপের যেখানটায় ক্রস চিহ্ন রয়েছে সেটাই DEAD CITY, মৃত-নগরী। আমরা সেখানেই যাচ্ছি।
: আপনার দলের বন্ধুরা?
ইমতিয়াজ এই প্রশ্নের উত্তর দিল না। হাতের ঘড়ি দেখল। সামান্য ইতস্ততঃ করল। তারপর বলল : আমি তাঁবুর বাইরে যেয়ে দাঁড়াচ্ছি। রেহানার পোশাক রয়েছে ঐ বিছানাটার পাশে। শাড়ী, স্কার্ট, প্যান্ট সবই আছে। আপনি পোশাক বদলিয়ে নিন।
বড়ো ব্যাগটা অবলীলাক্রমে পিঠে ফেলে বাইরে বেরিয়ে আসে ইমতিয়াজ। একটু পর ছিন্ন শাড়ী বদলে রেহানার ট্রপিক্যাল স্যুট পরে ইরাবতী যোগ দেয় তার সাথে। সেও তার পিঠে তুলে নিয়েছে একটা ব্যাগ।
গহন অরণ্য ভেদ করে ওরা এগোল। কিছুদূর এগিয়ে একটা উঁচু স্তুপের উপর দাঁড়ায় ইমতিয়াজ। দু’হাত মুখের কাছে গোল করে ধরে বিচিত্র স্বরে একটানা ডেকে চলল সে কতক্ষণ। তার উচ্চকণ্ঠের গম্ভীর স্বর প্রতিধ্বনিত হতে থাকে অরণ্যে। কিন্তু কোনরকম জবাব পাওয়া গেল না এই ডাকের।
সারাদিন অরণ্যে ঘুরল ওরা। ইমতিয়াজ তার হারানো বন্ধুদের খুঁজল অরণ্যের কন্দরে কন্দরে। মাঝে মাঝে তার গম্ভীর গলার স্বরে কেঁপে উঠল বন-ভূমি। কিন্তু সব প্রচেষ্টাই ব্যর্থ হল। গহন অরণ্যে জিপ্পি আসাদ, জাহেদ এবং রেহানার কোন খোঁজই পাওয়া গেল না।
রাত্রিযাপন করল ওরা গাছের উপরে। ইরাবতী নিজেকে বেঁধে নিল ডালপালার সাথে। ইমতিয়াজের ওসব কিছুর প্রয়োজন হল না। সে প্রকাণ্ড শাখার উপর অতি সহজে চিত হয়ে শুলো। নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ল।
ভোরবেলা প্রথম ঘুম ভেঙে উঠে আশ্চর্য এক দৃশ্য চোখে পড়ল ইরাবতীর। ঘুম ভেঙে উঠে শরীরের বাঁধন খুলে মাত্র সে উঠে বসেছে। নীচের দিকে তাকিয়ে তার বাক্য-স্ফূর্তি ঘটল না। দেখল, কুড়ি-পঁচিশজন দৈত্যের ন্যায় লোক নিশ্চুপ দাঁড়িয়ে আছে তারা যে গাছটার উপর আশ্রয় নিয়েছে ঠিক তার নীচে। মাথা তুলে অপলক চোখে তার দিকে তাকিয়ে আছে লোকগুলো।
আপনা-আপনি ইরাবতীর গলা থেকে বেরিয়ে এল অস্ফুট আর্তস্বর। ইমতিয়াজের ঘুম ভেঙে গেল। কিন্তু ততক্ষণে নীচের লোকগুলো ভোজবাজির মত অদৃশ্য হয়ে গেছে।
ইমতিয়াজকে ঘটনাটা খুলে বলল ইরাবতী। বলল : আমার ঠিক এখনো বিশ্বাস হচ্ছে না ঘটনাটা। মনে হচ্ছে হয়তো দুঃস্বপ্ন দেখেছি।
ওরা নীচে নেমে এল। নীচে গাছের তলায় পড়ে আছে দু’টো দামী নীল রঙের স্যাফায়ার পাথর!
ইমতিয়াজ পাথর দু’টো হাতে তুলে নিল। বলল : আপনি যে দুঃস্বপ্ন দেখেন নি তার প্রমাণ এই দু’টি পাথর।
ইরাবতী বলল : কিন্তু এক সেকেণ্ডের ভেতর কোথায় মিলিয়ে গেল দৈত্যের মত দেখতে এতগুলো মানুষ? আর আমাদের দু’জনকে দেখে অমন আচমকা অদৃশ্য হবারই বা কারণটা কি?
ইমতিয়াজ ইরাবতীর প্রশ্নের উত্তর দিল না। পাথরগুলো পরীক্ষা করল তীক্ষ্ণ চোখে। তারপরে বলল : আমরা এক অদ্ভুত জায়গায় এসে পৌঁছেছি, ইরাবতী। বোধহয়, জায়গাটা হল মৃত-নগরীর পার্শ্বস্থ অঞ্চল। ধরে নিতে পারেন, এখানকার সব কিছুই হবে উদ্ভট, বিচিত্র এবং রহস্যময়।
সায় জানিয়ে ইরাবতী বলল : হ্যাঁ, আমার বাবাও ঠিক একই কথা বলেছিলেন। তাঁর ধারণা ছিল, মৃতনগরীতে যে রহস্যময় যাদুকর বাস করে বলে জনশ্রুতি শোনা যায়, বাতাসের মতই অদৃশ্য থাকার ক্ষমতা রয়েছে সমস্ত রাক্ষুসে দ্বীপটাই নাকি তার হাতের মুঠোয়। তার।
: না,
ইমতিয়াজ বলল : আমার ধারণা একটু স্বতন্ত্র। মৃতনগরীর রহস্যময় লোকটা খুবই ক্ষমতাশালী এতে সন্দেহ নেই। বাতাসের মত অদৃশ্য থাকার ক্ষমতাও তার আছে। তবে রাক্ষুসে দ্বীপের সবটা তার হাতের মুঠোয় নয়। আমার বিশ্বাস, শুধুমাত্র মৃত-নগরী এবং পার্শ্বস্থ দশ থেকে পনরো মাইল জায়গা তার হাতের মুঠোয় রয়েছে।
অবাক হয়ে যায় ইরাবতী। বলে : এমন Specific কথা আপনি কি করে বললেন, মিঃ ইমতিয়াজ?
: খুব সহজেই। ম্যাপটা দেখুন। সেন আম্পালার সহচর কুমারস্বামীর প্লেনে পেয়েছিলাম। ম্যাপে স্কেল দেওয়া আছে। এই দেখুন।
ইরাবতী দেখল। বলল : আমরা তাহলে মৃত-নগরীর দশ মাইলের ভেতরে রয়েছি?
: হ্যাঁ।
: একশো-এক মাথা ওয়ালা রহস্যময় লোকটার হাতের মুঠোয়?
বিচিত্র হাসল ইমতিয়াজ। বলল : বলা কঠিন। তবে এখন হতে পদে-পদে মৃত্যুর সাথে লড়াই করে চলতে হবে এটা ঠিক।
আবার শুরু হল দুর্গম অরণ্য ভেদ করে চলা। অনুমান মাইল-পাঁচেক পথ অতিক্রম করার পর অরণ্য অনেকটা পাতলা হয়ে এলো। মাঝে মাঝে চোখে পড়তে লাগল রুক্ষ টিলা। কিছুদূর এগিয়ে পাওয়া গেল একটা নদী। বেশ প্রশস্ত, তীর ঘেঁষে দাঁড়িয়ে আছে পাহাড়ের সারি। দক্ষিণ-প্রান্ত থেকে শুরু হয়েছে কাঁটাবন। হাত-চারেক লম্বা এক একটা গাছ, শুকনো ডালপালা বিস্তার করে দাঁড়িয়ে আছে ঘন হয়ে। গাছগুলির প্রত্যেকটা ডালপালা ফুঁড়ে বেরিয়েছে দুই ইঞ্চি ছুরির ফলার মত নগ্ন ও তীক্ষ্ণ-ধার অসংখ্য কাঁটা। একটা পা রাখার উপায় নেই, এমন ঘন কাঁটাবন।
: দেখুন, দেখুন...
উত্তর-দিকে হস্ত-নির্দেশ করে চেঁচিয়ে ওঠে ইরাবতী। ইমতিয়াজ চোখ ফেরাল। দেখল, বিশাল এক অজগর এঁকেবেঁকে আসছে তাদের দিকে। অজগরের অর্ধেকটা শরীর এখনো গুহার ভেতরে রয়েছে।
ভয়ে নীল হয়ে উঠল ইরাবতী। অজগরের মুখ ব্যাদান থেকেই বোঝা যাচ্ছিল, সে ক্ষুধার্ত। ক্ষুধার্ত অজগর যে কি ভয়ঙ্কর হয় তা ইরাবতীর অজানা নেই।
অজগরটা আর মাত্র হাত পঁচিশেক দূরে রয়েছে। ইমতিয়াজ পকেট থেকে সিগারেটের কেসের মত একটা কেস বের করল। কেসটা খুলল সে। ইরাবতী দেখল, কেসের ভিতরে রয়েছে পাঁচটা এক-ইঞ্চি পরিমাণ গর্ত, প্রত্যেকটা গর্তের ভেতরে আটকান রয়েছে একটা করে ধাতব গোলাকার বস্তু...
ইরাবতী বুঝল, বিশেষ ধরনের ‘এক্সপ্লোসিভ’। ইমতিয়াজ একটা ধাতব বস্তু বের করে হাতে নিল। কেসটা আবার রেখে দিল যথাস্থানে। পিনের মাথা দিয়ে ভেঙে দিল সে ধাতব বস্তুটার বারুদ-ভর্তি নরম অংশ। তারপর সেটা ছুঁড়ে দিল অজগরটার দিকে।
বিস্ফোরণের শব্দ হল। তবে সেটা এমন কিছু প্রচণ্ড নয়। হাত-বিশেক জায়গা জ্বলে উঠল। লক্লক্ করতে লাগল আগুনের কালচে হয়ে ওঠা লাল শিখা।
ঠিক দশ মিনিট পর নির্দিষ্ট স্থানটিতে পাওয়া গেল, খানিকটা ভিজে কালো কালো ছাই।
অজগরের বিশাল শরীরটা পুড়ে ছাই হয়ে গেছে।
ইরাবতী স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করল। কিন্তু ইমতিয়াজ বলল : সতর্ক হোন, ইরাবতী। আমাদের পেছনে বহু বিষধর সাপ লেলিয়ে দেওয়া হয়েছে। কাঁটাবন পার হয়ে একদল বিষধর কোব্রা আসছে আমাদের দিকে।
: কোব্রা ! লেলিয়ে দিয়েছে? কি করে বুঝলেন?
: আমি শব্দ শুনতে পাচ্ছি। একটু পর শব্দটা আপনিও শুনবেন। হিংস্র সাপের গর্জন। পোষা আর ট্রেনিং দেওয়া।
: কে লেলিয়ে দিয়েছে, অনুমান করতে পারেন?
: হয়তো একশো-এক মাথা-ওয়ালা সেই যাদুকরটা। ইমতিয়াজ ছোট্ট নিঃশ্বাস ত্যাগ করল : যত ভাবছি ততই চিন্তিত হচ্ছি, ইরাবতী। একশো-এক মাথা ওয়ালা সেই যাদুকর সত্যি ভয়ঙ্কর লোক। তার হাত থেকে আজ পর্যন্ত কেউ নিস্তার পেয়েছে বলে মনে হয় না…
ইমতিয়াজকে হতাশ হতে দেখে ইরাবতীও দমে যায়। বলে : তাহলে আপনিও বিশ্বাস করেন, লোকটার একশো একটা মাথা আছে?
: না,
সামান্য হাসল ইমতিয়াজ : আমি করি না। করি না বলেই তো রণে ভঙ্গ দিচ্ছি না। এগোচ্ছি। কিন্তু আমাদের খুবই সতর্ক থাকতে হবে। আমার ব্যাগে রয়েছে একটা স্প্রে মেশিন আর বিষধর সাপ, কীট-পতঙ্গ হত্যার ঔষধ। কিন্তু ঔষধের পরিমাণ খুব বেশী নয়। এ দিয়ে ক’দিন চালানো যাবে, সেই হল কথা। যাকগে, আপাততঃ আপনি একটা কাজ করুন, ইরাবতী। স্প্রে মেশিনটা হাতে রাখুন। ব্যাগ থেকে অতি প্রয়োজনীয় জিনিস-পত্র ছাড়া সব ফেলে দিন। সামনে দারুণ সঙ্কট।
ওরা এগোল উত্তর-দিকে নদীর তীর ধরে। ইরাবতী মাঝে মাঝে অনুকুল বাতাসে স্প্রে করল ‘রেপ্টাইল ব্লু’ মেডিসিন। মেডিসিন স্প্রে করার জন্যেই হোক অথবা অন্যবিধ যে কারণেই হোক সাপের গর্জন আর কোথাও শুনতে পেল না ইমতিয়াজের অসাধারণ শ্রবণেন্দ্রিয়।
ইমতিয়াজ অবাক হল রীতিমত। কোন একটা রহস্য রয়েছে এর পেছনে, সে বুঝতে পারল। খাড়া পাহাড়ের নীচ দিয়ে চলে গেছে একটা পথ। সেই পথ ধরেই এগোল ওরা। তীরে গাছপালা বা লতা-গুল্মের চিহ্ন নেই।
নদীর পানি ঈষৎ নীল। অপর পারেও খাড়া পাহাড়। নদীর বুক বড় বেশী নিস্তরঙ্গ।
দক্ষিণ-পূর্ব এশিয়ার ভয়ঙ্কর সূর্য ঠিক মাথার উপর। প্রচণ্ড সূর্যোত্তাপ এসে পড়েছে ওদের চোখে-মুখে, সারা শরীরে। গায়ের কাপড়-চোপড় যেন জ্বলছে।
ইরাবতীর দিকে তাকায় ইমতিয়াজ। প্রচণ্ড সূর্যোত্তাপে চোখ-মুখ দগ্ধ। মুখের কোমল লাবণ্য পুড়ে যাচ্ছে যেন। কিন্তু যন্ত্রণা, দুঃখ, ভয় কিছু নেই ও মুখে।
ইরাবতী শুভ মুহম্মদের মেয়ে,—কথাটা মনে পড়ল ইমতিয়াজের। রেহানা হলে এ অবস্থায় এক কলি গান গেয়ে উঠত,—এমনি ওর জীবনী-শক্তি। ইরাবতী রেহানা নয়। কিন্তু দুঃখ-কষ্ট, বাধা-বিপত্তি জয় করার দৃঢ় প্রতিজ্ঞা ওরও চোখে-মুখে কঠিন হয়ে আছে।
নিঃশব্দে ওরা এগিয়ে চলল। মাঝে মাঝে পথ-কষ্ট লাঘবের জন্যে ইমতিয়াজ এটা-ওটা বলে শোনায় ইরাবতীকে। ইরাবতী অনুভব করে ইমতিয়াজের বিশাল শরীরে স্নেহার্দ্র মনটি। লোকটার প্রতি ওর শ্রদ্ধা ও আকর্ষণ আরো বেড়ে যায়।
পথ চলতে চলতে হঠাৎ চেঁচিয়ে ওঠে ইরাবতী। ইমতিয়াজও থমকে দাঁড়ায়। সামনে ছোটমত একটা ফাঁড়ি ঢুকেছে ভেতরের দিকে। ফাঁড়ির মুখে ছবির মত দাঁড়িয়ে আছে একটা বোট।
এগিয়ে যায় ওরা সামনে। বোট থেকে খানিকটা আরও দূরে তীরের শক্ত মাটিতে পড়ে আছে এক জোড়া দস্তানা। রৌদ্রের তাপে দস্তানা জোড়া কুঁকড়ে গেছে। খানিকটা দূরে পড়ে আছে একটা চামড়ার বেল্ট। একটা ইঙ্গিত স্পষ্ট হয়ে ধরা দেয় ওদের কাছে।
ফাঁড়ির তীর ধরে এগিয়ে যায় ওরা। বাঁ পাশে পাহাড়ের খাড়া মাথা। কিছুদূর এগিয়ে একটা গুহা-মুখ সামনে পড়ল। গুহার ভেতরে ঢুকেই থমকে দাঁড়ায় ইমতিয়াজ ও ইরাবতী।
দু’টো কঙ্কাল পড়ে আছে পাশাপাশি। একদিকে স্তুপ করে রাখা আছে পোশাক, বন্দুক, কার্তুজের বাক্স আর কাপড়ের লম্বা চৌকোণ ব্যাগ।
কঙ্কাল দু’টির ঠিক সামনেই রয়েছে একখানা খোলা ডায়রী। ইংরেজীতে এই কয়টি কথা লেখা :
KING INVITED US AND DESERTED ALL HOPES. THE DEAD CITY IS AHEAD. WE DIED.
কথা কয়টির নীচে দু’টি স্বাক্ষর :
ELIZABETH WILLIAM.
WILLIAM MOORE.
বোট ভেসে চলল রহস্যময় নদীর উপর দিয়ে। নিস্তরঙ্গ নীল নদী। চারপাশে পাহাড়। মাথার উপর দগ্ধ ও ধোয়াটে নীল আকাশ। এই নদী গিয়ে পড়েছে সরোবরে।
বলিষ্ঠ হাতে বৈঠা ধরেছে ইমতিয়াজ। বৈঠার আঘাতে ভেঙে যাচ্ছে আয়নার মত নদীর মসৃণ নীল। আবর্তের সৃষ্টি হচ্ছে। তরঙ্গ উঠছে কেঁপে কেঁপে বহু রেখায় বিভক্ত হয়ে।
ইরাবতী নির্নিমেষ নয়নে তাকিয়ে আছে ওপারের দিকে।
মাইলখানেক দূরে হবে জায়গাটা। উঁচু উপত্যকা। পানির ঠিক কিনার ধরে উপরে উঠেছে। সবুজ গাছপালার চিহ্ন দেখা যায় অস্পষ্ট।
মৃত-নগরী। বহু রহস্যের হাতছানি দিয়ে ঘেরা। শুভ মুহম্মদ কি ওখানে আছেন? আলেয়া মুহম্মদ? অথবা তাদেরও কি পরিণতি হয়েছে এলিজাবেথ উইলিয়াম এবং উইলিয়াম মুরের মত? কোন অজ্ঞাত গুহায় পড়ে আছে তাদের কঙ্কাল?
হঠাৎ যেন চমক ভাঙল ইরাবতীর। এ আমি কোথায় চলেছি! চারদিকে তাকাল সে। অতি নির্জন চারদিক। সভ্য জগতের বাইরে প্রশান্ত মহাসাগরের এই ছোট্ট দ্বীপটির বুকে কত যে রহস্যের খেলা চলেছে এতদিন ধরে, তা কে বলবে?
ইমতিয়াজ ভাবছিল তার তিন বন্ধুর কথা। জিপ্পি আসাদ, রেহানা আর জাহেদের কথা। মুহূর্তের জন্যে অন্যমনস্ক হয়ে পড়েছিল। তারপর সচেতন হল।
: ইরাবতী।
সে ডাকল।
ইরাবতী সাড়া দিল : আচ্ছা মিঃ ইমতিয়াজ, ‘কিং’ লোকটা কে?
: একশো-এক-মাথাওয়ালা সেই যাদুকর।
: আপনি নিশ্চিত?
: হুঁ।
আর কোন প্রশ্ন করল না ইরাবতী। ইমতিয়াজ আপনা থেকেই বলল : এই যে নদীটা দেখছেন, এটা গিয়ে পড়েছে সমুদ্রে। গভীর এর তলদেশ। স্বচ্ছন্দে আসতে পারে যে কোন জাহাজ সমুদ্র থেকে এই নদীতে। কিন্তু যারাই মৃত-নগরীর হাতছানিতে সাড়া দিয়ে এই দ্বীপে এসেছে, কেউ জাহাজে করে, কেউ বা প্লেনে—তাদেরই পরিণতি হয়েছে ভয়াবহ। জানেন ইরাবতী, এই দ্বীপে অন্ততঃ একজন নর-খাদক আছে।
শিউরে উঠল ইরাবতী। আমার বাবা? আম্মা? তার চোখের উপর নীল হয়ে ফুটে উঠল একটা ভয়ার্ত শিরা।
ইমতিয়াজ কোন জবাব দিল না। অনেকটা আপন মনে বলল : রেহানার কথাই ঠিক। কয়েক হাজার বছর আগে এই দ্বীপে বাস করত বিচিত্র এক জাতি। লোকে জানে, তারা নিশ্চিহ্ন হয়ে গেছে কাল-প্রবাহে। কিন্তু সেটা হয়ত সত্য নয়।
: কিন্তু কোথায় তারা?
ইরাবতী অধীর কণ্ঠে বলল : এই দ্বীপের অরণ্য, মাঠ, প্যাগোডা, নদীর তীর সব তো শূন্য। রূপকথার রাজ্যের মত নির্জন। কোথায় দ্বীপের অধিবাসীরা? হ্যাঁ, সেদিন সকাল বেলা ক’জন বিশাল দেহী মানব-রূপী দানব দেখেছিলাম সচক্ষে। এটা চোখের ভুল নয়। নিদারুণ রকম সত্যি ঘটনা। কিন্তু তাহলেও তো প্রশ্ন থেকে যাচ্ছে, মিঃ ইমতিয়াজ। কোথায় লুকিয়ে আছে দ্বীপের বাসিন্দারা?
বোট ভেসে চলল। ইমতিয়াজ নিশ্চুপ। তার দৃষ্টি ওপারের দিকে। সূর্য হেলে পড়েছে পশ্চিমে। লাল হয়ে উঠেছে কয়েকটা পাহাড়ের চূড়ো। কয়েকটা গাছের মাথা।
মৃত-নগরী স্পষ্ট হয়ে উঠেছে চোখের সামনে। কেউ যেন বিশাল-বক্ষ নীল রং সরোবরের ঠিক মাঝখানে উঁচু উপত্যকার পাথর খুদে বসিয়ে রেখেছে একটা বিচিত্র নগর।
সভ্য জগৎ থেকে হাজার হাজার মাইল দূরে প্রশান্ত মহাসাগরের অবিশ্রান্ত কল্লোল-ধ্বনির মাঝখানে লুকিয়ে আছে একটা ছোট্ট দ্বীপ, সেই দ্বীপে আদি সভ্যতার নিদর্শন বুকে নিয়ে দাঁড়িয়ে আছে মৃত-নগরী।
শুভ মুহম্মদ এসেছিলেন স্ত্রী, দুই কন্যা, সহচর মাবিয়া এবং গুটিকয় কর্মী নিয়ে এই মৃত-নগরী আবিষ্কারের আশায়। এসেছিল ব্যাঙ্ককের নাম করা ডাকাত সেন আম্পালা তার অনুচরদের নিয়ে। এভিয়েটর গ্রেভনী এসেছিল অজ্ঞাত কারণে। হয়তো তারই সঙ্গে এসেছিল ছোট চার-পাঁচ বছরের একটি ফুটফুটে মেয়ে। এলিজাবেথ উইলিয়াম আর উইলিয়াম মুর এসেছিল এই মৃত নগরীরই রহস্যময় আহ্বানে। মৃত নগরী ছিল তাদের এক মাইলের নাগালের ভেতর। কিন্তু এক অজ্ঞাত কারণে পাহাড়ের গুহায় ধুকে ধুকে মরেছে এলিজাবেথ এবং উইলিয়াম মুর। ‘কিং’ তাদের ডেকে এনেছিল এই দ্বীপে, আর তাদের বুকে ছিল অনেক আশা। কিন্তু তারপর, ‘We died’–আমরা মারা পড়লাম।
সন্ধ্যার ঠিক মুখে বোট, এসে পৌঁছুল মৃত-নগরীর দ্বার-প্রান্তে। সরোবরের কিনার থেকে অন্ততঃ দেড়শ কি দু’শো ফুট উঁচু ভূমির উপর দেখা যায় গাছপালার ফাঁকে ফাঁকে মৃত-নগরীর সৌধমালা আর রাস্তার আভাস।
মনের ভেতরে একরকমের উত্তেজনাবোধ না করে পারে না ইমতিয়াজ। নির্নিমেষ নয়নে তাকিয়ে রইল সে মৃতনগরীর দিকে কিছুক্ষণ। সন্ধ্যার অন্ধকারে ভালোভাবে কিছু লক্ষ্য করার উপায় নেই। তবু নগরীর যেটুকু চোখে পড়ল তাতে অবাক হল সে।
সৌধমালার নির্মাণ-কৌশল দেখে বুঝা যায় বৌদ্ধ আমলের বহু আগের কীর্তি এগুলো। কোন কোন সৌধমালার চূড়া ধ্বসে গেছে। কোনটি একেবারেই ধ্বংসপ্রাপ্ত। সব মিলিয়ে নগরীটি যেন আধিভৌতিক জগৎ আর রহস্যের মূর্তিমান প্রতীক।
হাত ধরে ইরাবতীকে তীরে নামতে সাহায্য করে ইমতিয়াজ।
ওরা খাড়া নেমে আসা পাথর-বসানো তীর-ভূমি বেয়ে উপরে উঠে যায়। একবার পা ফসকে ইরাবতী পড়ে গিয়েছিল পাথরে ঠোকর খেতে খেতে নীচে। বহু কষ্টে সে বড় একটা পাথর ধরে শেষ-পতন থেকে আত্মরক্ষা করে। ইমতিয়াজ খানিকটা নেমে এসে হাত বাড়িয়ে দেয় ইরাবতীর দিকে। ইরাবতী ইমতিয়াজের হাত ধরে সাবধানে পা ফেলে ফেলে উপরে উঠে আসে।
উপরে উঠে আরো অবাক হয় ওরা। একেবারে ঝক- ঝকে তকতকে প্রাঙ্গণ। এখানে ওখানে শান-বাঁধানো গাছপালা। প্রাসাদ। রাস্তা।
কিন্তু কোথাও আলো নেই। সাড়া-শব্দ নেই। এমনকি বাতাসও যেন থমকে আছে, বইছে না।
ওরা এগোল। নগরের পরিকল্পনা যে আমলেই হয়ে থাকুক, তাতে যথেষ্ট বৈজ্ঞানিক মেধার পরিচয় আছে, প্রায় আধুনিক রীতির কাছাকাছি। দু’পাশে সৌধমালা, মাঝখানে সরল, সোজা পাথর-বসানো রাস্তা। এমনকি মাঝে মাঝে পানির বড় বড় চৌবাচ্চা পাওয়া গেল পথের পাশে।
এমন নির্জনতার ভেতর ইরাবতীর যেন দম আটকে আসে। শ্বাস রুদ্ধকর আবহাওয়া। বাড়ীঘর, গাছপালা, রাস্তা-ঘাট—সবকিছু যেন কোন একটা চরম মুহূর্তের জন্যে অপেক্ষা করছে।
হঠাৎ ‘মিঃ ইমতিয়াজ, মিঃ ইমতিয়াজ’ ডাক শুনে ওরা দু’জনেই থমকে দাঁড়ায়। দু’বার ডাকটা বেজে উঠেই বন্ধ হয়ে গেল। নিজেদের কানকে অবিশ্বাস করতে পারল না ওরা। কিন্তু কোত্থেকে শব্দটা উঠেছিল তা নির্ধারণ করতে পারল না।
সোজা রাস্তা ধরে এগোয় ওরা। অন্ধকার ততক্ষণে ঘন হয়ে নেমেছে। একহাত দূরের কোন বস্তুও দেখা যায় না। কিছুদূর এগোবার পর রাস্তাটা ঢুকে গেল বিশাল এক অট্টালিকার ভেতরে।
অন্ধকার সম্পূর্ণ গ্রাস করল তাদের। ইরাবতী ইমতিয়াজের একটা হাত ধরল। দেয়াল ধরে ধরে এগোতে লাগল ইমতিয়াজ।
ঠিক এসময় অস্পষ্ট একটা শিস বেজে উঠল দেয়ালের ভেতর থেকে। দু’জনেই দাঁড়িয়ে পড়ল। শব্দটা বাড়তে লাগল ধীরে ধীরে। ভৌতিক ঘণ্টা-ধ্বনি। আর্তস্বরে চেঁচিয়ে উঠল ইরাবতী। দু’হাতে মুখ চেপে ধরল। ইমতিয়াজ পিঠে চাপানো ব্যাগ থেকে ফ্লাশ-লাইট বের করল। ফ্লাশলাইটের আলোয় মুহূর্তে আলোকিত হয়ে উঠল কক্ষটি সবিস্ময়ে দু’জনেই দেখল, একজন অতিকায় মানব দাঁড়িয়ে আছে দেয়ালের শেষ প্রান্তে।
প্রায় সাত ফিটের মত লম্বা। দীর্ঘ বাহু-জোড়া প্রায় হাঁটু গ্রন্থির কাছে এসে পড়েছে। ছোট্ট মুণ্ডিত মস্তক, প্রশস্ত কাঁধ।
লোকটা ফ্লাশ-লাইটের আলোর সামনে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল একমুহূর্ত। তারপর তড়িৎ-গতিতে ছুটে এসে ঝাঁপিয়ে পড়ল ইমতিয়াজের উপর।
ইমতিয়াজ সামান্য একটু সরে দাঁড়াল আর অতিকায় লোকটা তাল সামলাতে না পেরে হুমড়ি খেয়ে পড়ল মেঝেয়। সেকেণ্ডকাল সময়ের মধ্যে ইমতিয়াজের ষ্টিল বসানো জুতোর প্রচণ্ড একটা লাথি গিয়ে পড়ল লোকটার থুতনির নীচে, গলার নরম অংশ।
রক্ত বেরিয়ে এল লোকটার মুখ থেকে। ততক্ষণে সম্বিৎ ফিরে পেরেছে ইরাবতী। ইমতিয়াজের ইঙ্গিত পেয়ে সে ব্যাগ আর ফ্লাশ লাইট তুলে নিয়েছে নিজের হাতে।
অতিকায় লোকটা উঠে দাঁড়াল আবার। জিঘাংসা জ্বলছে তার দুই চোখে। বড় বড় দাঁত বেরিয়ে পড়েছে তার। গোঁ গোঁ শব্দ বেরোচ্ছে গলা থেকে। দু’হাত বাড়িয়ে সে এগিয়ে এল বিদ্যুৎবেগে।
ইমতিয়াজ প্রস্তুত হয়েই আছে। লোকটা কাছে আসতেই সে কারাতের কোপ বসিয়ে দিল বিদ্যুৎ-গতিতে লোকটার ঘাড়ের পাশের নার্ভ-সেণ্টার লক্ষ্য করে। লোকটা সামান্য হেলে পড়ল। কিন্তু ঢলে পড়ল না। সাধারণ মানুষের অক্কা পাওয়ার জন্য নার্ভ সেন্টারে একটা কারাতের কোপই যথেষ্ট। কিন্তু দুটো প্রচণ্ড কারাতের কোপ খেয়েও লোকটা এগিয়ে এল তীব্র গতিতে আর দু’বাহুর চাপে প্রবল শক্তিতে চেপে ধরল ইমতিয়াজকে।
প্রচণ্ড শক্তি লোকটার গায়ে। নিজেকে সেই তুলনায় শিশু মনে হল ইমতিয়াজের। মনে হল, তার শরীর মটমট করে ভেঙে গুঁড়িয়ে যাবে বুঝি।
অতি কষ্টে ডান হাতটা মুক্ত করল ইমতিয়াজ। ডান হাতটা পেছন থেকে ঘুরিয়ে পেঁচিয়ে ধরল লোকটার ঘাড়।
পরক্ষণেই ইরাবতী একটা মড়মড় আওয়াজ আর তার সঙ্গে সঙ্গে একটা মরণ-চীৎকার শুনতে পেল।
ইমতিয়াজ লোকটাকে ছেড়ে দিতেই দলা পাকিয়ে শরীরটা লুটিয়ে পড়ল মেঝেয়। একটা বিচিত্র ভাষায় গোঙাতে লাগল লোকটা। ইরাবতী এর বিন্দু-বিসর্গ কিছুই বুঝলো না। ইমতিয়াজ দু’একটা কথা বুঝতে পারল। ইন্দোচীনের প্রাচীনতম অপভ্রংশে কথা বলছিল লোকটা।
কিছুক্ষণের মধ্যে মৃত্যুবরণ করল লোকটা। একবার ‘রাজা’র কথা বলল। 'রাজা এই অবিচার, আমাকে এইভাবে হত্যা করা বরদাশত করবেন না’—সে বিড়বিড় করে বলল। এক সময় গোঙানী থেমে গেল। একটা হাত কাঁপতে কাঁপতে কিছুদূর উপরে উঠল, তারপর নিমিষে লুটিয়ে পড়ল মেঝেয় ও নিশ্চল হয়ে গেল। স্থির হয়ে গেল চোখের তারা দু’টি।
টর্চের আলো ফেলে সাবধানে এগোলো ওরা। দীর্ঘ দেয়াল। বিশাল কক্ষ। দেয়ালের যেন শেষ নেই। মাথার বহু উপরে ছাত।
ইরাবতী কান পেতে কি যেন শুনল। বলল : একটা শব্দ শুনতে পাচ্ছেন, মিঃ ইমতিয়াজ?
: হ্যাঁ। ধাতব ঘণ্টা-ধ্বনির শব্দ। এই রহস্য-পুরীতে কেউ ঘণ্টা বাজিয়ে চলেছে, আর হয়তো...
একটু থামল ইমতিয়াজ। বলল : হয়তো জানিয়ে দিচ্ছে, সাবধান থেকো…বাইরে থেকে দু;জন আগন্তক প্রবেশ করেছে! হত্যা করেছে তারা এই নগরীরই একজন বাসিন্দাকে।
: এই নগরীতে বহু মানুষ আছে বলে আপনি মনে করেন?
: খুব সম্ভব।
: কিন্তু কোথায় তারা?
হাসল ইমতিয়াজ : সেই পুরাতন প্রশ্ন, ইরাবতী! এর জবাব আমিও জানি না। একটা বড়ো রকমের রহস্য ঘিরে আছে এই নগরীকে কেন্দ্র করে, এইটুকু বলতে পারি।
ধাতব ঘণ্টা-ধ্বনির শব্দটা কিছুক্ষণ পর মিলিয়ে গেল। শেষ হয়ে গেল কক্ষের সীমানা। ওরা এসে পড়ল খোলা প্রাঙ্গণে। রাস্তা। দু’ধারে প্রাসাদের শ্রেণী। মাঝে মাঝে চৌবাচ্চা।
পূব-দিগন্ত থেকে এসময় উঁকি দিল কৃষ্ণপক্ষের চাঁদ। চাঁদের আলোয় নিষুপ্ত রহস্য-নগরী আরো রহস্য-মণ্ডিত হয়ে উঠল।
ইমতিয়াজের তীক্ষ্ণ দৃষ্টি-শক্তিতে ধরা পড়ল একটা বিচিত্র ছায়া-মূর্তি। সুমুখের প্রাসাদ-শীর্ষে দাঁড়িয়ে আছে নিশ্চুপ।
ইরাবতীও দেখল। ইমতিয়াজ অপেক্ষা করতে বলল তাকে চৌবাচ্চার ধারে। তারপর সে এগোলো প্রাসাদ লক্ষ্য করে।
প্রাঙ্গণ ছেড়ে ভেতরে ঢুকতেই পাওয়া গেল একটা প্রকাণ্ড সিঁড়ি। সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল ইমতিয়াজ। সিঁড়িটা চলে গেছে ছাতের উপর। ছাতের মাঝখানে দাঁড়িয়ে আছে সেই ছায়া-মূর্তিটা। ইমতিয়াজকে দেখেও সে নড়ল না। ঠায় দাঁড়িয়ে রইল।
ফ্লাশ-লাইটের আলো নিক্ষেপ করল ইমতিয়াজ ছায়ামূর্তির দিকে। তার ধারণাই সত্য। একটা প্রস্তর-মূর্তি। অবিকল মানুষের মতই দেখতে। পার্থক্য শুধু, মূর্তিটার শরীরে রয়েছে বহু মস্তক। একশো-এক মাথা-ওয়ালা যাদুকরের প্রতিমূর্তি।
ছায়া-মূর্তিটার বুকের কাছে আটকানো রয়েছে একটা শক্ত লোহার পাত। দুই কানে ঝুলছে দু’টি বলয়। প্রতিটি মস্তকের কপালে সূর্য-টিপ।
ছায়া-মূর্তিটির নীচের অংশ ছাতের সঙ্গে সংযুক্ত। প্রকাণ্ড দু’টি পাথরের স্তুপের উপর দাঁড়িয়ে আছে মূর্তিটি।
ইমতিয়াজ হাত দিয়ে লোহার পাত স্পর্শ করল। মূর্তিটি তৎক্ষণাৎ মুখ-ব্যাদান করল। উপরের পাটির দাঁতের সঙ্গে যুক্ত অবস্থায় ঝুলতে দেখা গেল একটা ছোট্ট চাবি। চাবিটা টেনে স্থান-চ্যুত করতে চেষ্টা করল ইমতিয়াজ। কিন্তু পারল না। মূর্তিটির বৃহৎ মস্তকের কপালের সূর্য-টিপ স্পর্শ করল ইমতিয়াজ। ছাতের বুক বিদীর্ণ করে সৃষ্টি হলো একটা গহ্বর।
ইমতিয়াজ ছায়া-মূর্তির প্রতিটি অঙ্গপ্রত্যঙ্গের কল-কব্জা, বোতাম পরীক্ষা করল। বুঝতে পারল, উন্নত কারিগরী নির্মাণ-কৌশলের সাহায্যে তৈরী করা হয়েছে এই প্রতিমূর্তিটি।
প্রতিমূর্তিটি যথাযথ অবস্থায় রেখে সিঁড়ি বেয়ে আবার নীচে নেমে এল ইমতিয়াজ। প্রাঙ্গণ ছেড়ে রাস্তায় এল।
ইরাবতীকে দেখা গেল না কোথাও চৌবাচ্চার ধারে। আশ্চর্য হল না ইমতিয়াজ। কিন্তু আশঙ্কা বোধ করল ইরাবতীর জন্যে।
পাশ ফিরল সে।
পেছনে দাঁড়িয়ে আছে সেন আম্পালা। হাতে উদ্যত পিস্তল। হাসতে লাগল সেন আম্পালা মধুর স্বরে বলল : ইরাবতীর জন্যে চিন্তিত হবেন না। সে যথাস্থানেই রয়েছে।
নিজের অবস্থাটা বুঝতে পারল ইমতিয়াজ। সেন আম্পালাই তাকে ‘মিঃ ইমতিয়াজ, মিঃ ইমতিয়াজ’ বলে ডেকেছিল কিছুক্ষণ আগে। সেন আম্পালার সাথে রয়েছে দু’জন সহচর। চট্টগ্রামে সেই-রাত্রির অভিযানেও সেন আম্পালার বাড়ীতে দেখা গিয়েছিল এদের।
: একাই আছেন দেখছি,
সেন আম্পালা তেমনি হাসতে হাসতেই বলল : সঙ্গীরা কোথায়? পেছনে? ভাল, তাদেরও যথোচিত ব্যবস্থা করা হবে। চলুন মিঃ ইমতিয়াজ, ইরাবতীর সাথে দেখা করবেন।
ইমতিয়াজ একটি কথাও বলল না। নিঃশব্দে সে অনুসরণ করল সেন আম্পালাকে। বহু রাস্তা অতিক্রম করে সেন আম্পালা এসে পৌঁছুল একটা ভগ্ন-স্তুপে।
: মহারাজার রাজ্য এটা, বুঝলেন?
সেন আম্পালা জানায় : শুয়োরকে আমি কঠিন সাজা দেব এবার। রাজত্বি করা কা’কে বলে বুঝিয়ে দেব। কিন্তু একা আমি যে পেরে উঠছি না, মিঃ ইমতিয়াজ…আপনি আমাকে সাহায্য করুন।
প্রার্থনার সুর বাজল সেন আম্পালার কণ্ঠস্বরে। উদগ্রীব চোখে তাকায় সে ইমতিয়াজের দিকে। ইমতিয়াজ তেমনি নিশ্চল, বিষণ্ন, শান্ত।
সেন আম্পালার সামান্য ধৈর্যচ্যুতি ঘটল। বলল : মিঃ ইমতিয়াজ, বিশ্বেস করুন, আমি আপনার শত্রু হতে চাই না। আপনি আমাকে সাহায্য করুন, বিনিময়ে…
সেন আম্পালা তাকাল ইমতিয়াজের দিকে। বলল : বিনিময়ে এই নিন। এই সব। সব। সব আপনার।
বাঁ’হাতে পকেট হাতড়ে এক-মুঠি নীল কান্ত মণি আর লাল ইয়াকুত বের করে সেগুলি রাখল ইমতিয়াজের সামনে।
ওরা বসেছিল ভগ্নস্তুপের নীচে একটা অপেক্ষাকৃত পরিচ্ছন্ন ঘরে। সেন আম্পালার ডান হাতে ধরা আছে পিস্তল। আজ সে পরেছে বৃদ্ধের ছদ্মবেশ। তার দু’জন সঙ্গী দু’দিকে মেশিনগান নিয়ে বসে আছে।
পালাবার উপায় নেই।
সে চেষ্টা করেও লাভ নেই, ইমতিয়াজ জানে। তাকাল সেন আম্পালার দিকে। এক-মুঠি নীল কান্ত মণি ও লাল ইয়াকুত ইমতিয়াজের সামনে রেখে সেন আম্পালা বলল : পাথরগুলো মহা-মূল্যবান, মিঃ ইমতিয়াজ। খাঁটি জিনিস। সমুদ্রের উষ্ণ স্রোতের নীচ থেকে ডুবুরী পাঠিয়ে বহু বছর ধরে এগুলো সংগ্রহ করেছি আমি। কোটি টাকা এগুলোর দাম!
সেন আম্পালার চোখ-মুখ বিকৃতরূপ ধারণ করে। বলে : সব আপনি নিন! শুধু…
ইমতিয়াজ বলল, সামান্য হেসে : সেই তিনটে চাবি দিতে হবে?
: আলবৎ। চাবি তিনটির জন্যই আপনার সাহায্য কামনা করছি। ঘটনাচক্রে চাটি তিনটির মালিক আজ আপনি। আপনার সাহায্য না পেলে মৃত-নগরীতে যাওয়ার প্রচেষ্টাই সম্পূর্ণ ব্যর্থ হয়ে যাবে, মিঃ ইমতিয়াজ।
: মৃত-নগরীতে তো আপনি রয়েছেনই মিঃ আম্পালা!
সেন আম্পালা হাসল। বলল : না, ডিয়ার মিঃ ইমতিয়াজ, আসল নগরীতে এখনো কেউ আমরা যাই নি। সেই নগরীতেই রয়েছে…
বলেই চকিতে থেমে গেল সেন আম্পালা। ইমতিয়াজ বলল : থেমে গেলেন কেন, বলুন?
: এটা টপ-সিক্রেট ব্যাপার, মিঃ ইমতিয়াজ। হয়ত আপনিও সেটা জানেন। কি জন্য শুভ মুহম্মদ বারবার এই নগরীতে প্রবেশের চেষ্টা করেছে সেটি অন্ততঃ আপনার জানা উচিত। আর যদি দুর্ভাগ্যক্রমে ব্যাপারটা আপনি না জানেন, তাহলে…
সেন আম্পালা পৈশাচিক হাসি হাসল। বলল : তাহলে সেটা বলে আর আপনার জ্ঞান-চক্ষু ফোটাতে চাই না।
: বেশ, সেটা আপনার ইচ্ছে…
ইমতিয়াজ বলল : কিন্তু চাবি তিনটি আমার কাছে নেই।
: নেই!
সেন আম্পালা আহত হয়ে বলল : চাবি তিনটি আপনার কাছেই রয়েছে, মিঃ ইমতিয়াজ। নিশ্চয়ই রয়েছে। আপনাকে আমি প্রতিভাবান লোক বলে জানি। কেন শুধু শুধু তৃতীয় শ্রেণীর দাগী আসামীর মত মিছে কথা বলে রেহাই পাওয়ার চেষ্টা করছেন? চাবি তিনটি দেবেন না ভালয় ভালয়? বেশ, আমাকে তাহলে সামান্য বলপ্রয়োগ করতে হবে…
দু’জন সহচর দু’পাশ থেকে উঠে এসে ইমতিয়াজের দিকে এগিয়ে যাচ্ছিল। হঠাৎ সেন আম্পালা বলল : দাঁড়াও। চার্লো, ইরাবতীকে নিয়ে এসো! আচ্ছা, একটু দাঁড়াও—
চার্লো আদেশের অপেক্ষায় দাঁড়িয়ে রইল। সেন আম্পালা বলল : মিঃ ইমতিয়াজ, আপনার সামনে আগে বেইজ্জতি করব ইরাবতীকে। আমি স্যার, লোকটা ওরকমই। ইরাবতীর দিদিকে বলতে গেলে ওভাবেই মেরেছিলাম। ইন দা সেম ওয়ে।
পৈশাচিক হাসি ফুটে উঠল সেন আম্পালার চোখেমুখে। মধুর গলায় বলল : মেয়েলোক, বুঝলেন, খুব একটা দরকার হয় না আমার। মাসে তিন মাসে একবার। কিন্তু যখন মেয়েলোক ব্যবহার করি তখন আমার মাথার ঠিক থাকে না স্যার। আর মাথার ঠিক থাকে না কেন, বলছি। ওটাই হল আমার উপভোগের নিয়ম। ইরাবতীর দিদি ইন্দুমতীকে ওভাবেই মেরেছিলাম আমি। আরো ক’জনকে মেরেছি বৈকি—মিছে কথা বলব না। যাকগে, আপনি তাহলে অপেক্ষা করুন, ইরাবতী আসুক। আগে ইরাবতী। তারপর আপনার পালা।
: সেন আম্পালা,
ইমতিয়াজ গম্ভীর নির্ঘোষে বলল : তুমিও জেনো, আমার প্রাণ থাকতে ইরাবতীর গায়ে হাত দেবার ক্ষমতা কারো নেই। তোমার মত ক্ষুদ্র-মনা পশুদের গায়ে আমি সহজে হাত দিই না, ঘেন্না পায়। কিন্তু প্রয়োজন হলে সেটাও করব, মনে রেখো!
: কথাগুলি খুবই গম্ভীর ভাবে বলা হয়েছে।
সেন আম্পালা বলল : কিন্তু ভুলে যাবেন না মিঃ ইমতিয়াজ, আমি আপনার বন্দী নই, বন্দী হয়েছেন আপনি। আমার পিস্তলের মুখ আপনার দিকে তোলাই আছে। এক মুহূর্তেই আপনার ভবলীলা সাঙ্গ করে দেবার ক্ষমতা আমার আছে। গোঁয়ার্তুমি ত্যাগ করুন, মিঃ ইমতিয়াজ। স্থির হোন। অগ্র-পশ্চাৎ বিবেচনা করে আমি যা বলছি রাজী হয়ে যান। মণি-মুক্তাগুলো দয়া করে গ্রহণ করুন। ইরাবতীকেও নিয়ে যান। বদলে চাবি তিনটি উপহার দিন আমাকে।
: চাবি আমার কাছে নেই, সেন আম্পালা!
ইমতিয়াজ আবার স্থির, শীতল কণ্ঠে বলল।
কেন যেন কথাগুলি বিশ্বাস করল সেন আম্পালা। তার সারা মুখে ফুটে উঠল নিদারুণ হতাশা : নেই!
সে বলল : তাহলে? ঠিক আছে চাৰ্লো, তুমি তোমার কাজ করো.. ইরাবতীকে নিয়ে এসো। প্রয়োজন হলে চাবির জন্যে অন্য ব্যবস্থা করব। কিন্তু জানের শত্রু পেছনে রেখে এগোব না। কুইক।
চার্লো দন্ত-বিকাশ করল একবার। যা ঘটতে যাচ্ছে তা ভেবে খুব আনন্দ হচ্ছিল ওর। মাথা নুইয়ে মনিবকে অভিবাদন করে সে চলে গেল। একটু পর ইরাবতীকে নিয়ে হাজির হল।
ইমতিয়াজকে দেখে অস্ফুট গলায় চেঁচিয়ে উঠল ইরাবতী।
: আপনাকেও শয়তান সেন আম্পালা বন্দী করেছে!
যাতনা দেখা গেল ওর দু’চোখে।
: নাটক শুরু হতে যাচ্ছে এবার।
উচ্চস্বরে বলল সেন আম্পালা। হা হা করে হাসল : চার্লো, ডেভিড, তোমরা আমার সবই জানো। সুতরাং খুবই সাবধান। এই লোকটা—ইমতিয়াজকে দেখাল সেন আম্পালা : বেশ পাজী লোক। আর গোঁয়ার। শক্তিও আছে শরীরে সিংহের মত। বাগে পেলে তোমাদের মত ডজনকয়েক একাই সে ফিনিশ করে দিতে পারে। সুতরাং সাবধান…মেশিন গানের ট্রিগারে হাত রেখে দাঁড়াও, সামান্য এদিক ওদিক হলেই খতম করে দেবে।
ছাই হয়ে গেল ইরাবতীর মুখ। সেন আম্পালার উদ্দেশ্য বুঝতে পেরেছে সেও। আতঙ্ক দেখা গেল ওর চোখে। এক-পা পিছিয়ে গেল।
সেন আম্পালা উঠে দাড়াল।
ঠিক এ সময় বেজে উঠল একটা ভৌতিক হাসি। অট্টহাসি। তীব্র, ভয়ঙ্কর। বাতাসে ভেসে এল রণ-দামামার শব্দ। ঘরের সব ক’টা মানুষ সম্মোহিতের মত তাকিয়ে রইল শূন্যে। মনে হল, একদল অশরীরী আত্মা নৃত্য করছে অদৃশ্যে থেকে। মেশিনগান পড়ে যায় চার্লো এবং ডেভিডের হাত থেকে। পিস্তল পড়ে যায় সেন আম্পালার হাত থেকে। ইমতিয়াজের ইন্দ্রিয়-শক্তিও অবশ হয়ে আসে। চেঁচিয়ে উঠল ইরাবতী : ঐ দৈত্যটা আসছে...একশো-এক মাথাওয়ালা দৈত্য!
: খুন করব আমি শালা কিংকে।—সেন আম্পালা চেঁচিয়ে বলল শূন্যে তাকিয়ে। হুমড়ি খেয়ে পড়ল। তার দু’জন সঙ্গী আগেই মেঝেয় পড়ে গোঁ গোঁ করছে। অট্টহাসির রোলে ভরে গেল কক্ষ। মনে হল, চারপাশের ভাঙা দেয়ালগুলি চেঁচাচ্ছে। বাতাস চেঁচাচ্ছে। ঘরে জ্বলছিল একটা টেবিল-ল্যাম্প। সেটা কাঁপতে লাগল মৃগী রোগীর মত। ইমতিয়াজ উঠে দাড়াবার চেষ্টা করল। তার চেতনায় ছড়িয়ে পড়ছে অগাধ শীতলতা। বহুদূরে চলে যাচ্ছে ল্যাম্পের আলো, দেয়াল, ইরাবতী এবং সেন আম্পালার মুখ। প্রাণপণে চেষ্টা করল সে আত্ম-সম্বিত ফিরে পাওয়ার জন্যে। একবার যেন মনে হল, বহু মুণ্ডিতমস্তক ভাঙা দেয়ালের ফাঁকে ফাঁকে সাজানো রয়েছে। ওদের জীবন্ত চোখ হাসছে। মুখের প্রকাণ্ড হাঁ-এর ভেতরে দেখা যাচ্ছে বড় বড় দাঁত আর লাল জিহ্বা।
কখন, জানে না, জ্ঞান হারিয়ে সেও লুটিয়ে পড়ল মেঝেয়!
বিশাল একটি কক্ষে জ্বলছিল উজ্জ্বল আলো। ঘরের দেয়াল ও মেঝেয় বহুমূল্য পাথর বসানো। এক পাশে কারুকার্য-খচিত একটি পালঙ্ক, উপরে উঁচু গদির উপর বিছানা পাতা। ঘরে নানা দামী আসবাবপত্র। একটি মাত্র দরজা। ভারী পর্দা ঝুলছে। দরজার দু’পাশে দু’টি সোনালী রঙের বানরের ভাস্কর-মূর্তি।
চেতনা চোখ মেলে তাকিয়ে সবই স্বপ্ন মনে হল তার। তখনও আচ্ছন্ন। কি হয়েছিল, কোথায় এসেছে, কিছুই ভালো মনে আসছিল না। বিজলী-বাতির উপর চোখ পড়তেই সমস্ত ইন্দ্রিয় প্রবল আঘাত খেল। কোথায় আছি? ইমতিয়াজ ভাবল।
তারপর উঠে বসল। চারপাশে দৃষ্টি বুলাল। আহত ইন্দ্রিয় সবল হয়ে উঠতে লাগল। ঠিক এসময় রাণীর মত দু’টি সুন্দরী মহিলা ঘরে ঢুকল, খাবার ট্রে হাতে। মহিলা নয়, পরিচারিকা। দীর্ঘকায়, তন্বী দর্শন। লাল গোলাপের মত গায়ের রং। পাপড়ির মত কোমল।
হাসছিল ওরা। চটুল হাসি নয়। একান্ত সমর্পণের হাসি। খাবার ট্রে রেখে মাথা নুইয়ে চলে গেল বিনীত পদক্ষেপে পরিচারিকাদ্বয়।
নানারকমের খাবার। ইংলিশ ডিশ। ইমতিয়াজ খাবার স্পর্শ করল না। সে জিহ্বা দিয়ে উপরের পাটির একটা মাড়ির দাঁত অনুভব করল এবং নিশ্চিন্ত হল।
বিছানা ছেড়ে উঠে দাঁড়াল। এগোল দরজার দিকে।
ঠিক এসময় দেয়ালের পাথর সরে গেল দু’পাশে। কাঁচ বসানো একটা ঘর দেখা গেল। বিশাল শরীরের এক প্রৌঢ় বসে আছে ভেতরে। অবয়ব, আকৃতি কিছুই স্পষ্ট বুঝা গেল না।
: আমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বৈজ্ঞানিক কার্ল কথা বলছি…
বিনা ভূমিকায় সুস্পষ্ট ইংরেজীতে কথা বলতে শুরু করল প্রৌঢ় বজ্র-নির্ঘোষে।
: দরজার কাছে যাবার চেষ্টা করো না। বরং আমার কাছে সরে এস...ঐ যে একটা চেয়ার…হ্যাঁ, ওখানেই বসো। তোমার নাম ইমতিয়াজ, কাল সন্ধ্যাবেলা ইরাবতী নামে এক সঙ্গিনীকে নিয়ে বোটে করে এই নগরীতে এসেছ তুমি। রাইট?
ইমতিয়াজ মুখোমুখি বসেছে। মাঝখানে শক্ত কাঁচের দেয়াল। প্রৌঢ়কে এখন অনেকটা স্পষ্ট দেখা যাচ্ছে। দৃঢ় চিবুকের উপর একটা নিষ্ঠুর মুখ। এক জোড়া বিষণ্ণ চোখে যাতনা কিংবা ক্রোধের দীপ্তি দপদপ জ্বলছে। গালে সামান্য চর্বি জমেছে। কিন্তু সব মিলিয়ে অসাধারণ স্বাস্থ্য প্রৌঢ়ের।
প্রৌঢ় একপাশে ফিরে বসেছে। ইমতিয়াজকে দেখার কোন ইচ্ছেই যেন নেই তার।
ইমতিয়াজ তার কথায় শুধু সম্মতি-সূচক ‘হ্যাঁ’ বলল।
প্রৌঢ় বলল : পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বৈজ্ঞানিক আমি—কার্ল। ইহুদি বলে হিটলার আমাকে তাড়িয়ে দিয়েছিল জার্মানী থেকে। দ্বিতীয় মহাযুদ্ধে আমেরিকার হয়ে আমিই সায়েন্টিফিক রিসার্চ টিম পরিচালনা করেছিলাম। আমার বাবাকে এক জার্মান পানিতে ডুবিয়ে মেরেছিল। মাকে গুলি করেছিল হিটলারের এক ভক্ত গোয়েবল। আমিই একমাত্র সন্তান ঐ হতভাগ্য দম্পতির। এই ছোট্ট দ্বীপটিতে আমি এক সাম্রাজ্য গড়ে তুলেছি, যুবক।
যেন নেশার ঘোরে কথা বলতে লাগল প্রৌঢ়। কার্লের নাম ইমতিয়াজ আগেই শুনেছে। ফিজিক্স আর ফিজিয়োলজি—এই দু’টো বিভাগে অসাধারণ কীর্তি রয়েছে কার্লের। বিশেষ করে প্রতিভার দিক দিয়ে ফিজিয়োলজিতে কার্লের সমকক্ষ আজ পর্যন্ত কাউকে পাওয়া যায় নি। প্রায় বছর বিশেক আগে থেকে নিরুদ্দেশ হয় এই কার্ল। আমেরিকান গভর্ণমেন্টের একটি কার্গো শিপ চুরি করে প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়েছিল কার্ল জনকয়েক সহকর্মী ও বৈজ্ঞানিক যন্ত্রপাতি নিয়ে। সেই থেকে কেউ তার সন্ধান জানে না। আমেরিকান গভর্ণমেন্ট জীবিত অথবা মৃত কার্লকে ধরিয়ে দেওয়ার জন্যে বহু টাকা পুরস্কার ঘোষণা করেছে।
: আমি এক সাম্রাজ্য গড়ে তুলেছি, যুবক। আমার সাম্রাজ্যে সবই আছে,
কার্ল বিষণ্ন, শীতল গলায় বলল : নেই শুধু একজন হৃদয়বান বন্ধু। আমার কীর্তি, আমার প্রতিভা, আমার ঐশ্বর্যের প্রশংসা করতে পারে এমন একজন অন্তরঙ্গ বন্ধু। তাছাড়া সবই আছে। একটা মানুষ যা চায়, সব। নারী, মদ, বিলাস, কর্তৃত্ব—এক কথায় সব আছে। আমি এই ছোট্ট দ্বীপটির ঈশ্বর, যুবক। এই দ্বীপটিতে শক্তি আর সমৃদ্ধির যে অভিনব রাজ্য গড়ে তুলেছি তা তোমরা ভাবতেই পারবে না!
ইমতিয়াজ বলল : বন্ধু আপনি ইচ্ছে করলেই পেতে পারেন, কার্ল। যাদের প্রতিভা আছে ও হৃদয় আছে তাদের শ্রদ্ধা ও ভালবাসবার লোকের অভাব হয় না।
অদ্ভুত এক রকমের রাগত গলায় কার্ল বলল : আমার প্রতিভা আছে কিন্তু হৃদয় নেই। সেটা তুমিও বুঝতে পারবে, যুবক। এই দ্বীপে যারাই এসেছে তারাই আমার হৃদয়হীনতার কথা বুঝেছে। গ্রেভনী বলো, এলিসি বলো, লিজা বলো...যাকগে এসব। শোনো যুবক, আমি পৃথিবীর শ্রেষ্ঠতম বৈজ্ঞানিক কার্ল। এই মৃত-নগরীর আমি ঈশ্বর। দু’দিনের জন্যে তুমি অতিথি আমার। এই দু’দিন দু’চোখ ভরে আমার কীর্তি দেখে নাও, ঐশ্বর্য দেখে নাও, কর্তৃত্ব দেখে নাও। শুধু দু’দিন। এই সুযোগ আমি একজন ছাড়া সবাইকে দিয়েছি। তোমাকেও দেব। তোমার সঙ্গিনী, সেন আম্পালা, তার সহচর দু’জন, সবাই এ সুযোগ পাবে। তার বদলে কি চাই জানো?
: জানি।
স্পষ্ট, তির্যক ও ভারী গলায় ইমতিয়াজ বলল : বিকৃত প্রতিভার যা খোরাক—প্রশংসা।
: প্রশংসা! হ্যাঁ, প্ৰশংসা। প্রশংসা চাই।
কার্ল সে-রকম বিষণ্ণ আর রাগত গলায় বলল : আমি একটা গোটা জাতির দেবতা, ঈশ্বর। কিন্তু রাক্ষুসে দ্বীপের অধিবাসীদের মনে প্রভুভক্তি আছে, আনুগত্য আছে, ভয় আছে, বিস্ময় আছে—যুবক বিশ্বাস করো, সবই আছে, এই জাতটার। শুধু দু’টো জিনিসের বড় অভাব ওদের মধ্যে।—বন্ধুত্বের, আর অকৃত্রিম প্রশংসার। প্রশংসা চাই, ঠিক বলেছ। প্রশংসা চাই। যুবক, তুমি বুদ্ধিমান। তোমার স্বাস্থ্য আমারও ঈর্ষার বস্তু। তোমার দু’চোখ থেকে যে ক্ষুরধার বুদ্ধি আর আত্মবিশ্বাসের দীপ্তি বেরুচ্ছে তাতে বিলক্ষণ বুঝতে পারছি, তুমি এক অসাধারণ লোক কিন্তু আমার প্রতিভার তুলনায় অতি ক্ষুদ্র তুমি। যা হোক, তুমি দু’দিন আমার অতিথি হয়ে থাক। তারপর...
একটু থামল প্রৌঢ়। হঠাৎ হা হা করে হাসল। বলল : বিশ্বাস কর যুবক, আমার হৃদয় নেই। হৃদয়হীন আমি!
প্রৌঢ়েরই ইঙ্গিত ছিল কিনা, জানে না ইমতিয়াজ। দেয়াল সরে গেল দরজার বাঁ দিকে। বেরিয়ে এল, একেবারে খোলা শরীরে ইমতিয়াজের চেয়ারের কাছাকাছি একটা দানব-রূপী মানব।
হ্যাঁ, নর-খাদক। পাঁচ ফুটের বেশী লম্বা হবে না। কিন্তু বিশাল শরীর। বড় বড় চুল, সামান্য নুয়ে আছে দেহ। বাঘ ও সিংহ রেগে থাকলে, শান্ত থাকলে, অন্যমনস্ক থাকলে, তাদের মুখের চেহারা যেমন হয় ঠিক সেরকমের চেহারা। পাশবিক। একবার হাই তুলল জন্তু-রূপী মানুষটা। তীক্ষ্ণ দাঁতের সারি দেখা গেল মুখের ভেতরে। হাত আর পায়ের নখ বড় আর ধারাল।
ইমতিয়াজকে তেমন লক্ষ্য করল না নর-খাদকটা। প্রৌঢ় বলল, ‘থাম।’—সে যন্ত্রচালিতের ন্যায় থামল। ‘চলে যাও।’—নর-খাদকটা এক লাফে গিয়ে ঢুকল দেয়ালের গহ্বরে।
দেয়ালটা আবার বুজে গেল আপনা-আপনি।
: হ্যাঁ, ওকে দিয়েই সাধারণতঃ শেষ কাজটা করাই আমি। যুবক, আমি কাউকে বিশ্বাস করিনি আজ পর্যন্ত। আমার ধারণা, এজন্যেই আমি কোথাও ঠকি নি। এজন্যেই সাধনায় সিদ্ধিলাভ করা সম্ভব হয়েছে আমার দ্বারা। নর-খাদকটার জন্যে আমার একটা গর্ব আছে রীতিমতো। কেন জান? ও আসলে গ্রেভনী নামে এক অষ্ট্রেলিয়ান ভদ্রলোকের ছেলে। ওর বাইশ বছর বয়সে, ওকে আমি নিয়ে আসি কেপ টাউন থেকে চুরি করে। ইলেকট্রিক শক দিয়ে নষ্ট করে দিলাম ওর শরীরের কতকগুলি মানবিক চেতনা। ট্রেনিং দিলাম দু’টো প্রবৃত্তি পালনের জন্যে। একটা আক্রমণ আর একটা আহার। এক্সপেরিমেন্ট করলাম ওর উপর দিয়ে। এক্সপেরিমেন্ট খুবই সফল হয়েছে। নর-মাংস ছাড়া আর কিছুই ভক্ষণ করে না এখন টমাস। হ্যাঁ, ওর নাম ছিল টমাস। ও তোমাদের সভ্য পৃথিবীর ভাষায় যাকে বলে হ্যাণ্ডসাম ইয়ং-ম্যান ছিল। বিয়ে করে চমৎকার দিন যাপন করছিল কেপ টাউনে। হঠাৎ একদিন ওকে কৌশলে অজ্ঞান করে নিয়ে আসি আমি এখানে। চমৎকার একটা নরখাদক হয়ে উঠেছে এখন টমাস। এমন কি, বছরখানেক আগে ওর বাবা গ্রেভনী এসেছিল টমাসেরই মেয়ে এলিসিকে নিয়ে এই দ্বীপে—হ্যাঁ, এককালে গ্রেভনী ছিল আমার বন্ধু, আর ওর প্রেমিকাকেও আমি চুরি করে নিয়ে এসেছিলাম। যাকগে, এই দ্বীপে এসে গ্রেভনী আর এলিসি ঠিকই চিনেছিল টমাসকে। কিন্তু টমাস কি করেছিল, জানো? নিজেরই মেয়ে ছোট্ট এলিসিকে দু’হাতে ধরে ওর মাথাটা খেয়েছিল চিবিয়ে চিবিয়ে। অবশ্য আর কিছু খায় নি, শুধু মাথাটা। নর-খাদকদের ভেতর টমাস হল সম্ভ্রান্ত নর-খাদক। শরীরের সব অংশ খাবে না, শুধু বিশেষ বিশেষ অংশ খাবে।
দীর্ঘ বক্তৃতা দিয়ে হেসে উঠল কার্ল। বলল : টমাসকে দিয়েই সকলের ব্যবস্থা করব, যুবক। কিন্তু আগামী দু’দিনের জন্যে ফ্রি তোমরা। যেখানে খুশী ঘুরে বেড়াও। নারী, মদ, খাদ্য যা চাও সব পাবে। চাওয়া মাত্র পাবে। যুবক, পৃথিবীর শ্রেষ্ঠ বৈজ্ঞানিক আমি কার্ল বলছি।
ইমতিয়াজ বলল : কার্ল। আপনার জন্যে দুঃখ হয় আমার। মানুষকে বিশ্বাস না করে আপনি ঠকেছেন। আপনার সাম্রাজ্য তাসের ঘরের মত উড়ে যাবে। আপনি যোগ্য শাস্তি পাবেন আপনার কৃতকর্মের।
ভয়ঙ্কর ভাবে হেসে উঠল কার্ল। : মনে রেখো, মৃত্যু, জরা আর সবরকম শাস্তির ঊর্ধ্বে থাকতে হয় দেবতাকে।—কার্ল বলতে লাগল : আমি এই দ্বীপের ঈশ্বর, যুবক। আমার শক্তি আর কীর্তি সম্পর্কে কিছুমাত্র ধারণা থাকলে এ কথা তুমি বলতে পারতে না। ও. কে.। মৃত-নগরীর একটিমাত্র গোপন কক্ষ ছাড়া আর সব জায়গায় যাবার স্বাধীনতা দেওয়া হল তোমাকে।
দেয়াল সরে এল আবার যথাস্থানে। অদৃশ্য হয়ে গেল কার্ল ও তার কাচের আবেষ্টনী।
মৃত-নগরী।
‘ব্লু-ব্ল্যাক’ সরোবরের তীরে হাজার হাজার বছর ধরে এই নগরী দাঁড়িয়ে আছে সভ্যতার প্রাচীনতম চিহ্ন বহন করে।
অধিবাসীরা ছিল কর্মঠ, স্বাস্থ্যবান, নিরীহ আর কুশলী। তারা প্রাসাদ তৈরী করেছে, নগর-পরিকল্পনা করেছে, অনাবাদী জমি চাষ করে ফলিয়েছে ফসল।
এককালে আত্মরক্ষার জন্যে প্রয়োজন ছিল শক্তিচর্চার, প্রয়োজন ছিল অস্ত্রের।
কিন্তু কাল-প্রবাহে শান্ত ও নিরীহ দ্বীপ-বাসীদের কাছে অস্ত্রের প্রয়োজন গেল ফুরিয়ে। চাষাবাদ করত তারা, সমুদ্র থেকে জালে টেনে তুলত বড় বড় মাছ।
দ্বীপের বন-জঙ্গল দিত তাদের ফল-মূল।
প্রশান্ত মহাসাগরের আবহাওয়া এই দ্বীপটিকে স্বর্গোদ্যান করে তুলেছিল।
বৃষ্টি হয় এই দ্বীপে বারোমাস।
সূর্যের উত্তাপও প্রখর।
হাজার হাজার বছর ধরে অধিবাসীরা গতানুগতিক জীবনধারায় সুখে-স্বাচ্ছন্দ্যে দিন কাটিয়ে আসছিল।
দেবতা ছিল তাদের দু’জন। একশো-এক মাথা-ওয়ালা যাদুকর। দ্বীপ-বাসীরা বলত রাজা।
দেবতা ছিল সমুদ্র। দ্বীপ-বাসীরা বলে হৃদয়। হৃদয়-দেবতা, রাজা-দেবতা আর সমুদ্র-দেবতার পূজো করে বংশপরম্পরায় সমাজজীবন যাপন করে আসছে দ্বীপ-বাসীরা।
হঠাৎ একদিন একশো-এক মাথা-ওয়ালা দেবতা, রাজা-দেবতা জীবন্ত হয়ে দেখা দিলেন দ্বীপে।
সে বেশীদিন আগের ঘটনা নয়। মাত্র দুই যুগ আগের ঘটনা।
তার আগে বিচিত্র একটা ঘটনা ঘটেছিল দ্বীপে। সমুদ্রের বুক থেকে ভেসে এসেছিল মস্ত বড় একটা নগর, নোঙর করেছিল নদীর মোহনা থেকে কয়েকমাইল ভেতরে, সরোবরের তীরে।
সেই জাহাজ থেকে রাতের অন্ধকারে কারা যেন চড়াও হল দ্বীপের ভেতর। লুকিয়ে রইল পাহাড়ের গুহার ভেতর। তাদের বিশাল ভাসমান নগরটা এক রাতে ছুটতে ছুটতে চলে গেল সমুদ্রে। সমুদ্র-দেবতা, হৃদয়-দেবতা গ্রাস করলেন সেটা—দ্বীপ-বাসীরা ভেবেছে।
তারপর দ্বীপের ইতিহাসে ঘটল সবচে’ বিচিত্র ঘটনা। রাজা-দেবতা একদিন সশরীরে দেখা দিলেন। একশো-একটা মাথা তার। ক্ষমতাও তার নিদারুণ। ছোট কালো-মত একটা যন্ত্র থেকে আগুন বের করে মানুষ, পশু হত্যা করতে পারেন।
বনের অজগর সাপকে দ্বিধা বিভক্ত করতে পারেন হাতের যাদু-দণ্ড দিয়ে।
দ্বীপ-বাসীরা প্রণত হল তার ক্ষমতার সামনে।
রাজা-দেবতা তার সহকর্মীদের নিয়ে পুরনো শহরের প্রধান প্রধান দেয়াল ভাঙলেন। নতুন করে তৈরী করলেন দেয়াল। দেয়ালের ভেতরে তৈরী হল সুড়ঙ্গ পথ। বনের ভেতরে তৈরী হল অসংখ্য সুড়ঙ্গ। পাহাড় কেটে তৈরী হল সুড়ঙ্গ।
রাজা-দেবতা পুরনো শহরের উপান্তে সরোবরের ঠিক কিনারে তৈরী করলেন নতুন নগরী। বসান হল বড় বড় স্তম্ভের উপর তামার তারের লাইন। সাদা ফুলের মত গোলাকার বস্তু ফুঁড়ে বেরোল অজস্র আলো। তৈরী হল নতুন উদ্যান, প্রাসাদ আর প্রমোদ গৃহ।
রাজা দেবতা তারপর দ্বীপ-বাসীদের ডাকলেন। বললেন, ‘তোমরা সুড়ঙ্গের ভেতরে ঢাকো।’ ‘আমাদের চাষ-বাস? আমাদের নীল-নদী?’—তারা মিনতির সাথে জানতে চাইল, ‘আমরা আকাশ দেখব না? সমুদ্রের গান শুনব না, রাতের বেলায় চাঁদ উঠলে?’—রাজা দেবতা বললেন, ‘না।’—দু’জন দ্বীপ-বাসী কেঁদে উঠল। কয়েকজন অভিমান করল। কয়েকজন হাত-পা ছুঁড়তে লাগল উত্তেজনায়। কেউ বা পালিয়ে গেল বনের ভেতরে।
রাজা-দেবতা বললেন, ‘যারা আমার কথা অমান্য করে তারা বিদ্রোহী। বিদ্রোহীদের শাস্তি মৃত্যু।’—বিদ্রোহীদের ধরে আনা হল। মৃত্যু-দণ্ড দেওয়া হল তাদের। রাজা বললেন, ‘যারা আমার কথা শুনবে, অমর করে দেব আমি তাদেরকে আমার যাদুদণ্ড স্পর্শ করে। মরবে না তারা কোনদিন।’
রাজা-দেবতা তা-ও করে দেখালেন। এই দ্বীপে ভক্ত প্রজার মৃত্যু নেই। রোগ-জরা দেখা দিলেই রাজা-দেবতার কাছে পাঠিয়ে দেওয়া হয় তাকে। রাজা-দেবতা কি একটা খেতে দেন যেন। আর অমনি সুস্থ হয়ে ওঠে তারা। আজ পর্যন্ত রাজা দেবতার হাত থেকে একজন প্রজাকেও মৃত্যু কেড়ে নিতে পারে নি।
অসীম ক্ষমতা রাজার। আইন করে দিয়েছেন তিনি, এই দ্বীপে, নতুন মানুষের জন্ম হবে না। নতুন কারো মৃত্যু হবে না। রাজার আদেশে এই দ্বীপের সব নারীরা বছরে একবার একরকমের খাবার পায় রাজার কাছ থেকে। সেই খাবার গ্রহণ করার পর নারী-গর্ভের সন্তান চলে যায় রাজা দেবতার ভয়ে।
দ্বীপের সব অধিবাসী এখন পুরনো নগরের দেয়ালের সুড়ঙ্গে সুড়ঙ্গে জীবন কাটায়। তাদের একমাত্র কাজ হল, রাজা যা বলেন তা পালন করা। দেবতার কৃপায় বছরে একবার ছোট একটা বটিকা খেলেই বৎসরের ক্ষুৎ-পিপাসার জন্যে নিশ্চিত্ত।
রাজা একবার তৈরী করলেন বিশাল এক ভাসমান নগর। সমুদ্রে ভাসালেন তিনি একদিন সেই ভাসমান নগর। সেই ভাসামান নগরে চড়ে কোথায় যে চলে গেলেন তিনি একদিন, কেউ তা জানে না।
যাবার আগে বন্ধ করে দিয়ে গেলেন দ্বীপের সবক’টা সুড়ঙ্গের চাবি!
দ্বীপ রইল অনেকদিন বাসিন্দা শূন্য, নির্জন ও নিষুপ্ত। রোদ-বৃষ্টির খেলা চলল। সমুদ্র ডাকল দিনে-রাতে। সবুজ সরোবরের উপর ঝাঁপ দিয়ে পড়ল বনের বাজ-পাখী।
কিন্তু দ্বীপ-বাসীরা এসব কিছুই দেখতে পেল না। তারা সংখ্যায় হাজার দুই, আটকে রইল সুড়ঙ্গের ভেতরে। অবশেষে একদিন বাঁশী বাজিয়ে ফিরে এল ভাসমান নগর।
ফিরে এল দ্বীপের দেবতা। রাজা-দেবতা যার সারা শরীরে একশো-একটা মাথা।
‘ভাসমান নগরে’ করে নিয়ে এলেন তিনি বহু সুন্দরী নারী, অস্ত্রশস্ত্র, বই-পত্র, খাদ্য-দ্রব্য আরো বহু সামগ্রী।
সেই থেকে রাজা দ্বীপেই আছেন। আর কোথাও যান না। অদ্ভুত তিনি। বিচিত্র তিনি। খেয়ালী। কখনো নিষ্ঠুরতার সব সীমা ছাড়িয়ে যান।
এই দ্বীপে এসেছে বাইরের কোন কোন মানুষ। কেউ এসেছে ‘ভাসমান নগরে’। কেউ ঈগল পাখীর খোপের ভেতরে চড়ে।
বিচিত্র খেলা খেলেছেন রাজা তাদের নিয়ে। দ্বীপবাসীরা অবাক হয়ে ভেবেছে, কেন এই নিষ্ঠুরতা? কিন্তু কোন কথা বলার সাহস নেই তাদের কারো। তারা সুড়ঙ্গে সুড়ঙ্গে থাকে। রাজার আদেশ পালন করে নির্বিবাদে।
এই ভাবেই চলে আসছে মৃত-নগরীর জীবন-যাত্রা। দ্বীপ-বাসীরা আকাশের নীচে আর যায় না। রাতের বেলায় চাঁদ উঠলে কুটীরের অঙ্গণে শুয়ে তারা পূর্ব-পুরুষের গল্প বলে না কিশোর-কিশোরীদের।
দেবতা-রূপী এক নিষ্ঠুর ক্ষমতাশালী মানুষের হাতে বন্দী তারা।
রাতে ঘুম হল না ইমতিয়াজের।
এক বিচিত্র অনুভূতি তার মনে। দেয়ালের দিকে তাকায় সে। ভাবে, প্রতিটি দেয়ালে আছে গোপন সুড়ঙ্গ।
মৃত-নগরীর প্রতিটি বন্দী মানুষের চলাফেরা আর আচার-আচরণের খবর রাখার ব্যবস্থা করেছে কার্ল এভাবে।
কি সীমাহীন নিষ্ঠুর এই মানুষটি, কার্ল! বিধাতার মত শক্তিশালী আর অপ্রতিহত ক্ষমতার অধিকারী হওয়ার জন্যে কি তার সাধনা!
যে মানুষ প্রতিভার গুণে অমর বৈজ্ঞানিক হিসাবে বেঁচে থাকতে পারত সভ্যতার ইতিহাসে, মানুষকে ঘৃণা করে সে-ই আজ পরিণত হয়েছে মনুষ্য-রূপী শয়তানে। তোমার পতন অবশ্যম্ভাবী কার্ল,—মনে মনে ইমতিয়াজ বলল।
ভোর বেলা কেউ এল না তার কাছে। পাশের একটি ছোট কক্ষে রাখা আছে ব্রেক-ফাষ্ট। প্রহরীরা সরে গেছে দরজার পাহারা ছেড়ে। বিশাল অট্টালিকার সব ক’টা কক্ষ শূন্য।
আপাততঃ মুক্ত সে। স্বাধীন। বাইরে বেরিয়ে এল সে। মৃত-নগরীর আকাশে উঁকি দিয়েছে সূর্য। অকৃপণ আলোয় ভরে উঠছে পৃথিবী…
নিস্তব্ধ নগরী। নির্জন। ঠিক যেন রূপ-কথার রাজ্য। প্রাসাদের পর প্রাসাদ পড়ে আছে লোক-শূন্য অবস্থায়।
রাস্তা ধরে হাঁটতে লাগল ইমতিয়াজ। উপরের পাটি দাঁতের গোড়ায় জিহ্বা দিয়ে অনুভব করল সে একটা লুক্কায়িত বস্তু। না, কার্ল বিধাতা নয়! সব রহস্য তার আয়ত্তে নেই। সব ক্ষমতার অধিকারী সে নয়।
মাইল-খানেক হাঁটার পরই পৌঁছল সেই চৌবাচ্চার ধারে যেখানে ইরাবতীকে অপেক্ষা করতে বলে সে এগিয়ে গিয়েছিল ছায়া-মূর্তির দিকে। তাকাল সে সম্মুখস্থ প্রাসাদশীর্ষে। ভাস্কর-মূর্তিটা দাঁড়িয়ে আছে ছাতের উপর তেমনি। সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল ইমতিয়াজ। ভাস্কর-মূর্তিটার গায়ে একশো-একটা মাথা বসানো। হুবহু কার্লের প্রতিমূর্তি। ইমতিয়াজ মূর্তিটার দু’টি কর্ণ-বলয় খুলে নিল। পায়ের কাছের একটা বোতাম টিপল পায়ের বুড়ো আঙুল দিয়ে। ঠিক তক্ষুনি একটা মিষ্টি হাসির শব্দ শুনল ইমতিয়াজ। কোত্থেকে শব্দটা আসছে বুঝতে পারল না সে, কিন্তু বুঝল, কার্লের কণ্ঠস্বর।
হাসতে হাসতে স্পষ্ট ইংরেজীতে কার্ল বলল : তোমার মনোবল আছে, যুবক। এরকম অবস্থায় কেউ সাধারণতঃ মৃত-নগরী থেকে পালাবার চেষ্টা করে না। হয় আমার কাছে প্রাণ-ভিক্ষা চায় নতুবা মৃত্যুর চিন্তায় অধীর হয়ে কাল গণে। স্বীকার করছি, সাধারণের চেয়ে একটু স্বতন্ত্র তুমি। কিন্তু ভাস্কর-মূর্তির বোতাম টিপে কোন লাভ নেই। এর দুই সেট চাবি বানিয়েছিল কারিগর ইণ্ডিগো আমার নির্দেশে। এক সেট চাবি রয়েছে আমার কাছে আর এক সেট…
একটু থামল কার্ল : ইণ্ডিগো হচ্ছে একমাত্র মানুষ যাকে আমি বিশ্বাস করেছিলাম, যাকে সামান্য ভালও বাসতাম। ইঞ্জিনিয়ারিং বিদ্যায় ওর কাছে আমিও শিশু। হ্যাঁ, আর এক সেট চাবি ছিল ইণ্ডিগোর কাছেই। ইণ্ডিগো হচ্ছে একমাত্র মানুষ যে আমার সব চালাকি, সব পরিকল্পনা বানচাল করে এই দ্বীপ থেকে পালিয়ে যেতে পেরেছিল। দ্বিতীয় সেট চাবির তিনটে স্টিক ভাগ ভাগ হয়ে ছড়িয়ে পড়েছিল তিনজনের কাছে। আর ইণ্ডিগোকে খুন করেছে ওরই এক বন্ধু।
বিদ্বেষ আর জ্বালায় পূর্ণ হয়ে উঠল কার্লের কন্ঠস্বর। বলল : মৃত-নগরীর প্রাণ-কক্ষে যেতে চেয়েছিল ইণ্ডিগো। হরণ করতে চেয়েছিল মানব-সভ্যতার সর্বশ্রেষ্ঠ সম্পদ।
: একটা ফর্মূলা।
ইমতিয়াজ কার্লের উদ্দেশে বলল : মিঃ কার্ল, আমি জানি ফর্মুলাটা কি। ওটা আপনারই আবিষ্কৃত। একটা অত্যাশ্চর্য ড্রাগ আবিষ্কার করেছেন আপনি, যা পান করলে মানুষ মৃত্যু ও জরার হাত থেকে বেঁচে যাবে। মিঃ কাৰ্ল, আমি সবই জানি। আপনার মৃত্যু-দণ্ডের কথাটাও আমার মনে আছে। কিন্তু একটা প্রশ্নের উত্তর দিতে পারেন আপনি, কার্ল? মানুষকে আপনার অত্যাশ্চর্য সাধনার সুফল থেকে বঞ্চিত করে সভ্যতা-বিবর্জিত এই দ্বীপে অমর হয়ে জীবনধারণ করে কি লাভ আপনার? কি সার্থকতা?
: আমি একদিন সভ্য পৃথিবীতে ফিরে যাব। দখল করব সমস্ত পৃথিবী। তারই প্রস্তুতি নিচ্ছি আমি ধীরে ধীরে। আমার ধারণা সঠিক হলে আর পাঁচশ বছরের মধ্যেই পৃথিবী আমার হাতের মুঠোয় চলে আসবে।
: কিন্তু আপনি শীঘ্রই মরতে যাচ্ছেন, কার্ল। দিন আপনার ঘনিয়ে এসেছে।
প্রচণ্ড অট্টহাসে ফেটে পড়ল কার্ল। বলল : ইণ্ডিগো ঠিক এরকম কথা বলত কোন কারণে আমার উপর রেগে গেলে। তোমার সাহস আর মনোবলের প্রশংসা না করে পারছি না, যুবক! একটা সংবাদ দিই তোমাকে। ইণ্ডিগোর চাবির সেটটাও হস্তগত হয়েছে আমার বর্তমানে। হ্যাঁ, তোমার তিন বন্ধুও আমার বন্দী—ওদেরই একজনের কাছ থেকে উদ্ধার করা হয়েছে চাবির স্টিক তিনটি। একটা মজার ব্যাপার হয়ত লক্ষ্য করোনি তুমি। তিনটে স্টিকের নম্বর দেওয়া আছে এক, দুই, তিন করে। কিন্তু যে স্টিক দিয়ে চাবিগুলো তৈরী করা হয়েছে সেই স্টিকের রাসায়নিক পরিবর্তন ঘটে মাঝে-মধ্যেই এক নম্বর কখনো দুই হয়ে যায়, দুই কখনো তিন, তিন কখনো এক। কেন হয়, সেটাই রহস্য এবং এই রহস্য যার জানা নেই তার সাধ্যই নেই চাবিগুলো ব্যবহার করে। সুতরাং বুঝতেই পারছ, আসল মৃত-নগরীতে ঢোকা অসম্ভব ব্যাপার। আর সেই মৃত-নগরীর প্রাণ-কক্ষে প্রবেশ করতে না পারলে আমাকে খতম করার প্রশ্নই ওঠে না। যাকগে, কাল থেকে বড় বেশী কথা বলছি তোমার সঙ্গে। অন্যকে হত্যা করার দুশ্চিন্তা রেখে আপাততঃ আত্মরক্ষার চেষ্টা করো যুবক। পেছনে তাকাও…
পেছনে তাকাল ইমতিয়াজ। ছাত ফুঁড়ে মাথা তুলেছে একটা ক্ষুব্ধ গোখরো সাপ। ছ’ থেকে সাত হাত লম্বা। এক জোড়া পদ্ম ফুলের সমান প্রশস্ত মাথার ফণা।
ফোঁস ফোঁস শব্দ করছে গোখরোটা। লেজের আগায় ভর করে উঠে দাঁড়িয়েছে। মাথা দোলাচ্ছে ধীরে ধীরে। সম্মোহিতের ন্যায় তাকিয়ে আছে ইমতিয়াজের দিকে।
সম্পূর্ণ নিরস্ত্র সে। উপরের পাটি দাঁতের ডানদিকে রয়েছে একটা মাত্র বিশেষভাবে নির্মিত বিশেষ ধরনের এক্সপ্লোসিভ। কিন্তু ক্ষুব্ধ গোখরো সাপের সামনে সেটা ব্যবহার করতে যাওয়ার অর্থ বিপদের ভেতরে নিজেকে ঠেলে দেওয়া।
ইমতিয়াজ অপেক্ষা করতে লাগল চরম মুহূর্তটির জন্যে।
মাথাটা দুলাতে লাগল গোখরোটা ফণার বিশাল চক্র বিস্তার করে। তারপর চকিতে ছোবল দিল ইমতিয়াজকে লক্ষ্য করে।
ইমতিয়াজ বিদ্যুৎ-গতিতে সরে দাঁড়াল এবং সাপটা নমিত ফণা উপরে তুলতেই হাতের কৌশলে ধরে ফেলল সেটাকে।
সাপটা ইমতিয়াজের হাতের প্রবল পেষণে ছটফট করতে লাগল। সারা শরীর দিয়ে সে পেঁচিয়ে ধরল ইমতিয়াজকে। ইমতিয়াজের হাতের মুঠির চাপ দৃঢ়তর হল। সমস্ত রক্ত চলে গেল তার মুখে। উদাস দু’টি চোখে টলমল করতে লাগল একরকমের সজল ছায়া।
আস্তে আস্তে নিস্তেজ হয়ে এল শক্তিশালী গোখরো সাপটা। ইমতিয়াজ শিথিল, থেঁতলানো শরীরের সাপটাকে ছুঁড়ে ফেলে দিল দূরে।
ছাতের কোন একটা স্থান থেকে শব্দ ভেসে এল : আমার সর্পরাজকে মেরে ফেলেছ? বটে! মৃত্যুর জন্যে প্রস্তুত হও, যুবক। তোমাকে নির্ধারিত দিনের আগেই মরতে হবে। তোমার মত শক্তিশালী, বুদ্ধিমান একটি যুবকের প্রয়োজন ছিল আমার খুবই। কিন্তু তা হোক। তোমাকে মৃত্যু-দণ্ড দিচ্ছি আমি। প্রস্তুত হও।
ইমতিয়াজ রুদ্ধ-নিঃশ্বাসে কথাগুলি শুনল। অপেক্ষা করল, নতুনতর বিপদের জন্যে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করল। কিন্তু চারদিক ঝাঁ ঝাঁ করতে লাগল অস্বাভাবিক নির্জনতায়। একশো-এক মাথা-ওয়ালা ভাস্কর মূর্তিটা দাড়িয়ে রইল পাথরের স্তুপের উপর। মাথার উপর নির্মেঘ আকাশে জ্বলতে লাগল নিষ্ঠুর সূর্য।
কিন্তু নতুন কোন ঘটনা ঘটল না আর। ডঃ কার্ল কি তাহলে ধোকা দিল ইমতিয়াজকে?
নিজের ভেতর থেকে সাড়া পেল না ইমতিয়াজ এই কথার। ডঃ কার্ল ধোকা দেওয়ার মত মানুষ নয়। কিছু একটা রহস্য নিশ্চয়ই অপেক্ষা করছে তার জন্যে। হয়ত এবারে সত্যি সত্যি মৃত্যু।
ভাস্কর মূর্তিটাকে আর একবার দেখল ইমতিয়াজ। মনে মনে বলল : যদি তিনটে চাবী কখনো পাই আর চাবির নম্বর পরিবর্তনের রাসায়নিক রহস্য উদ্ধার করতে পারি তাহলে তোমাকে জয় করব। আপাততঃ অপেক্ষা করো তুমি।
সে নেমে এল নীচে। হাঁটতে লাগল রাস্তা ধরে মৃত-নগরীর রাস্তা নির্জন। দু’পাশে প্রাসাদের পর প্রাসাদ। গেটের পর গেট। জানালার পর জানালা। কোথাও চৌবাচ্চা, কোথাও গাছপালা, কিন্তু কোথাও কেউ নেই। সব শূন্য। ফাঁকা।
: ইমতিয়াজ,···!
হঠাৎ তীক্ষ্ণ নারী-কণ্ঠের আওয়াজে মৃত-নগরীর জমাট নির্জনতা ভেঙে খান খান হয়ে যায়। ইমতিয়াজ, এদিকে... আমরা, এদিকে,... কেউ ডাকতে লাগল।
রেহানার ডাক।
ইমতিয়াজ এগোয় বাঁ পাশের সরু গলিটার দিকে। একটা ধ্বংস-প্রায় জীর্ণ অট্টালিকার আড়াল থেকে ছুটতে ছুটতে বেরিয়ে এল রেহানা, জিপ্পি আসাদ, জাহেদ আর ইরাবতী।
বন্ধুদের সাথে প্রগাঢ় সম্মেলনের পালা শেষ হতে না হতেই নতুনতর বিস্ময়ের মত একই অট্টালিকার ধ্বংসস্তূপ থেকে বেরিয়ে আসে সেন আম্পালা এবং তার দু’জন সহচর।
: মৃত-নগরীর বন্দী আমরা সবাই!
দুঃখের হাসি হাসল ইরাবতী : মরতে যাচ্ছি দু’দিন পরেই। শেষবারের মত সবাই এক। শত্রু-মিত্র সব ভেদাভেদ কি চমৎকার ভাবে লুপ্ত হয়ে গেছে, দেখেছেন?
ইমতিয়াজ বুঝল, ইরাবতীর হতাশা শেষ ধাপে গিয়ে পৌঁছেছে। তার চেহারা ভেঙে গেছে। চোখের কোণে নেমেছে চাপ চাপ কালিমা। জিপ্পি আসাদ, জাহেদ আর রেহানার মধ্যে তেমন কোনো পরিবর্তন হয়েছে বলে মনে হল না। ইমতিয়াজকে পেয়ে সামান্য উদ্বেলিত হয়েছে, এই যা।
সেন আম্পালা আস্তে আস্তে বলল : অনেক অপরাধ করেছি আপনার কাছে ডক্টর আলী। ইচ্ছে করলে শাস্তি দিতে পারেন। কার্লের সবুজ সরোবরের নীচে তিলে তিলে মরার চাইতে আপনার হাতে মরা অনেক বেশী পবিত্র। আমরা তিনজনই প্রস্তুত ডক্টর আলী। আমাদের শাস্তি দিন।
ইমতিয়াজ বলল : বাঁচার চিন্তা করুন সেন। আপাততঃ এই ভীষণ রোদ থেকে কেবল একটা শেডের নীচে চলুন।
: সব বাড়ী খালি।
জাহেদ জানায় : অদ্ভুত কাণ্ড, ইমতিয়াজ! প্রত্যেকটা বাড়ীর ভেতরের ঘরগুলি সাজানো-গুছানো। যেন এসব বাড়ীর লোকজন দল বেঁধে কোথাও বেড়াতে গেছে, কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবে। জানো, প্রত্যেকটা বাড়ীর ডাইনিং-হলে পর্যন্ত নিখুঁত খাবারের আয়োজন করা রয়েছে। চেয়ার টেনে বসে গেলেই হয়। চমৎকার আধুনিক ব্যবস্থা! আমি, শালার এক’দিন খেয়ে নিয়েছি খুব।
: কিন্তু একশ-এক মাথা-ওয়ালা দৈত্যটা—ছাড়বে না কাউকে।
ইরাবতী হি হি করে হাসতে লাগল : আমার বাবাকে ও মেরেছে, মাকে মেরেছে, বোনকে মেরেছে। সবাইকে ও মেরে ফেলে। আমাদেরও মারবে। এক সাথে সবাইকে পিষে মারবে।
ইরাবতীর অপ্রকৃতিস্থ কথার কেউ জবাব দিল না। নিঃশব্দে সামনের বিশাল অট্টালিকার ভেতরে প্রবেশ করল। ভেতরের সব ক’টা ঘরের দেয়াল নতুন। যেমন পুরু তেমনি শক্ত।
এইসব দেয়ালের ভেতরে সঙ্কীর্ণ সুড়ঙ্গে বন্দী-জীবন যাপন করছে এক কালের সুখী দ্বীপ-বাসীরা।
নিজের প্রয়োজনে কার্ল ওদের বন্দী করেছে। কার্ল হতে চায় ঈশ্বরের মত সর্বশক্তিমান। হতভাগা দ্বীপবাসীদের উপর চালাচ্ছে সে তার শক্তি আর কৌশলের পরীক্ষা। আগামী পাঁচশ বছরের মধ্যে সভ্য দুনিয়াকে সে চায় তার হাতের মুঠোয় আনতে। সভ্য মানুষের উপর প্রচণ্ড তার রাগ আর ঘৃণা।
প্রশস্ত একটা কক্ষে প্রবেশ করল ওরা সবাই—সেন আম্পালা, তার দু’জন অনুচর, ইরাবতী, জিপ্পি আসাদ, রেহানা, জাহেদ আর ইমতিয়াজ।
চকখড়ি জাতীয় এক টুকরো পাথর সংগ্রহ করে ইমতিয়াজ। মুখোমুখি বসল জিপি আসাদ আর রেহানা। ইমতিয়াজ একটা সাঙ্কেতিক আঁক কষল মেঝের উপর। অর্থ : তিনটে চাবি সম্পর্কে কি ধারণা তোমার?
জিপি প্রত্যুত্তর দিল তেমনি আঁক কষে। জবাব : চাবির ষ্টিলের ফাঁপা অংশে রয়েছে একরকমের চর্বি জাতীয় পদার্থ।
রেহানা আঁক কষল মেঝেয় : হ্যাঁ, ইরাবতীর চাবির নম্বরটা বদলে সেন আম্পালার চাবির নম্বর হয়ে যায়। নম্বর বদলের খেলা চলে চাবির ভেতরকার চর্বির ক্রিয়াগুণে।
ইমতিয়াজ : কেন?
আসাদ ও রেহানা : জানি না। আমরা ইরাবতীকে খুঁজতে যাই অরণ্যে। সেখানেই আমাদের বন্দী করে নিনাক্কা।
: নিনাক্কা!
: হ্যাঁ, ডঃ কার্ল যে মুহূর্তে দ্বীপ-বাসীদের দেবতা হয়ে যায় সেই মুহূর্তে তার নাম নিনাক্কা।
জাহেদ সাঙ্কেতিক ভাষায় বন্ধুদের নীরব কথোপকথন লক্ষ্য করছিল সাগ্রহে। চকখড়িটা নিয়ে সেও কয়েকটা আঁক কষল মেঝেয়। অর্থ : ষ্টিল পেলে আর যন্ত্রপাতি পেলে ঐ চাবি আমি বানাতে পারি। চাবির সাইজ আর নির্মাণ-কৌশল মুখস্থ আমার।
হাসি ফুটে উঠল ইমতিয়াজের ঠোঁটে একবার, চকিতে আবার সেটা মিলিয়ে গেল। ‘ইঞ্জিনিয়ারিং উইজার্ড’ জাহেদের দিকে তাকাল সে সপ্রশংস দৃষ্টিতে।
তারপর চারজনেরই দৃষ্টি বিনিময় হল নীরবে। ডঃ কার্লের দেওয়ালের সীমানার ভেতরে বসে বাঁচবার সিদ্ধান্ত নিল ওরা চারজনই।
ঠিক এসময়ই প্রবল অট্টহাসির শব্দ ভেসে এল। ওরা তাকিয়ে দেখল, নর-খাদকটা এগিয়ে আসছে তাদের দিকে। দেয়ালের ভেতর থেকে ডঃ কার্ল বলল : মৃত্যুর জন্যে প্রস্তুত হও, যুবক!
পাঠ প্রতিক্রিয়া
আলাপ
মন্তব্য
সদস্যতা যাচাই করা হচ্ছে…
এখনও কোনো মন্তব্য নেই। পাঠ শেষ করে আলোচনাটি শুরু করুন।