হ য ব র ল

গল্প · মার্চ ১৯৬৮

ভয়াল ১ — মায়া ডাক

সাগর চৌধুরী

ইমতিয়াজ*জাহেদ*জিপ্পি আসাদ*রেহানা। তিন যুবক, এক যুবতী। ওরা চার বন্ধু। দুর্বার, দুর্দম, দুর্জয় ওরা। ভয় কাকে বলে জানা নেই। অজানা রহস্য ও রোমাঞ্চের আকর্ষণ পৃথিবীর এক প্রান্ত থেকে টেনে নিয়ে যাচ্ছে ওদের আর এক প্রান্তে। ভয়ঙ্কর সংঘাত আর বাধা বিঘ্ন তুচ্ছ করে ঝাঁপিয়ে পড়ছে ওরা বিপদের মধ্যে। পড়ন, উপভোগ করুন।

ভয়াল · বই ১

সংস্করণ · প্রথম

সম্পূর্ণ পাঠ

ভয়াল ১ — মায়া ডাক

এক

সাক্ষাৎ মৃত্যুর মত দাড়িয়ে আছে লোকটা।

শীতের রাত্রি। থেকে থেকে তীক্ষ্ণ বাতাস বইছে। তার উপর বৃষ্টি।

ঢাকার মতিঝিল এলাকায় একটা অর্ধ সমাপ্ত বাড়ীর পাঁচতলার কার্ণিসে দাড়িয়ে আছে লোকটা। সঙ্কীর্ণ কার্ণিস। বৃষ্টির পানিতে ভিজে পিচ্ছিল। একবার পা ফসকে পড়লেই রক্ষে নেই। অনিবার্য মৃত্যু।

কিন্তু লোকটা এসব কিছুই গ্রাহ্য করল না। সে পাশের এগারো তলা বিল্ডিংটার দিকে তাকিয়ে রইল স্তব্ধভাবে। বিড়বিড় করে আপন মনে কি যেন বলল। 

রাত এগারোটা বেজে কয়েক মিনিট। অফিস বাড়ীগুলি নির্জন। প্রশস্ত রাস্তায় নিয়ন বাতি জ্বলছে। কেউ কোথাও নেই। ক্বচিৎ দু’একটা গাড়ী দেখা যায় রাস্তায়। লোকটা অর্ধ সমাপ্ত যে বাড়ীটার কার্ণিসে দাঁড়িয়ে আছে সেটা অন্ধকার। সামনের এগারো-তলা বিল্ডিংটাও অন্ধকারে ঢাকা! শুধু চার-তলার একটা ঘরে আলো জ্বলছে।

দক্ষিণ দিক থেকে খুব জোর একটা হাওয়া ছুটে এল। ক্যাঁচ ক্যাঁচ করে উঠল জানালার একটা কপাট। লোকটা চমকে উঠল। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল। তারপর সাবধানে পা ফেলে এগোল কার্ণিস ধরে পশ্চিম দিকে।

শিকারী চিতার মত জ্বলে উঠল তার চোখ। আপন মনে বিড়বিড় করে যে ভাষায় সে কথা বলল সে ভাষা সভ্য জগতের কোন ভাষা নয়। কোন ভাষা-তত্ত্ববিদ এ ভাষা শুনলে বুঝতে পারতেন এ ভাষা বিলুপ্ত কোন জাতির ভাষা। বহুদিন আগে পৃথিবীর বুক থেকে যে জাতি নিশ্চিহ্ন হয়ে গেছে সে জাতির ভাষা।

: তোমাকে মরতেই হবে।

লোকটা বিড়বিড় করে বলল : স্বয়ং রাজাধিরাজ সৰ্প-রাজের ইচ্ছে! মরতেই হবে! আজ রাত্রেই।

প্রতিটি কথা সে উচ্চারণ করল প্রচণ্ড ঘৃণা আর আক্রোশের সাথে। দেখা গেল লোকটার বুকের পাশে চামড়ার বেল্ট দিয়ে ঝুলানো রয়েছে একটি কালো রঙের লম্বা চারকোণা বাক্‌সো।

বাক্‌সোটা প্রস্থে চার-ইঞ্চি। বুকের সাথে শক্তভাবে আটকানো।

‘অপেক্ষা কর।’

লোকটা বিষণ্ণ ভাবে মন্ত্র পড়ার ভঙ্গিতে বিড়বিড় করে বলল : মৃত্যু তোমাকে ছোবল দিতে আসছে! তোমার নিস্তার নেই!


বৃষ্টির ঝাপ্‌টা এসে তার শরীরে, চোখে-মুখে লাগল। সে গ্রহ্যই করল না। কার্ণিস ধরে পশ্চিম দিকে এগোতে লাগল। বহু নীচে রাস্তা। আলো, ছায়ায় ঘেরা ভেতরের লন। আশে পাশে বড় বড় নির্জন বাড়ীগুলি প্রেতের মত দাড়িয়ে আছে। বৃষ্টি পড়ার শব্দ বাজছে বাতাসে। কার্ণিস ধরে কিছুদূর এগোবার পর রাস্তার আলো এসে লাগল তার চোখে-মুখে। থমকে দাড়াল সে। একটা অদ্ভুত বৈশিষ্ট্য লক্ষ্য করা গেল লোকটার হাতে। দেখা গেল তার হাতের আঙ্গুলের ডগাগুলি রঙের মত লাল।

রক্ত-মুখ আঙ্গুলের মানুষটা নিঃশব্দে একটা বড়ো অন্ধকার জানালার নীচে এসে দাঁড়াল। সামনের এগার-তল বিল্ডিংএর দূরত্ব এখান থেকে খুব বেশী নয়। বড়জোর চল্লিশ গজ।

লোকটা সাবধানে তাকাল এগারো-তলা বিল্ডং এর চারতলার আলোময় জানালাটার দিকে। একেবারে মুখোমুখি। লোকটার চোখ দুটি উত্তেজনায় ধ্বক ধ্বক করে জ্বলতে লাগল। দেখল জানালাটা সামান্য খোলা। এক ফালি আলো বেরিয়ে এসেছে বাইরে।

নিঃশব্দে কোর্তার পকেট থেকে বিশেষ ভাবে তৈরী ক্ষুদ্র অথচ শক্তিশালী বায়নোকুলার বার করল লোকটা।

চোখে লাগল।

চল্লিশ গজ দূরে দাঁড়ানো এগার-তলা বিল্ডিং এর চারতলার যে ঘরে আলো জ্বলছিল সে ঘরে গোল হয়ে বসে কথা বলছিল চারজন লোক।

যে লোকটা দক্ষিণ মুখো হয়ে বসেছিল সে হঠাৎ কি যেন শুনল কান পেতে। কোন ভাবান্তর ঘটল না তার মুখে। শুধু দক্ষিণের অল্পখোলা জানালাটার দিকে একবার তাকাল। তারপর সামান্য পশ্চিম-ঘেঁষে বসল।

উপবিষ্ট চারজনের একজন মেয়ে। দীর্ঘ, সুঠাম শরীর। পুরুষের মত বলিষ্ঠ-স্বাস্থ্যের অধিকারী। সে বলল : কি হল? সরে বসলে কেন ইমতিয়াজ? খারাপ কিছু?

ইমতিয়াজ মাথা নাড়ল।

ইমতিয়াজের পুরো নাম ইমতিয়াজ আলী, সংক্ষেপে তাকে ডাকা হয় ই. আলী। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মীর্জা মাহমুদ তার বাবা। মীর্জা মাহমুদ তাঁর কর্মজীবন শুরু করেছিলেন রেঙ্গুন বিশ্ববিদ্যালয়ের জুলোজির অধ্যাপক হিসাবে। জুলোজি থেকে তাঁর কৌতুহল বিস্তৃত হয় ইতিহাস এবং পুরাতত্ত্বের দিকে। এসিয়াটিক সোসাইটির হয়ে তিনি দশ বছর গবেষণা করেন মঙ্গোলিয়ান সভ্যতার উপর। পরবর্তী কালে নানা রকম কাজে লিপ্ত ছিলেন তিনি। কি কাজে লিপ্ত ছিলেন তা এক কথায় বলা কঠিন। দিন পাঁচেক আগে তাঁর রহস্যময় মৃত্যু ঘটেছে। মৃত্যুর পর দুনিয়ার নানান জায়গা থেকে যে সব শোক-বার্তা এসেছে তা থেকে জানা যায় তিনি ইউ, এন, ও’র আইন বিভাগে জড়িত ছিলেন, লণ্ডন বিশ্ববিদ্যালয়ের রোমিং প্রফেসর হিসাবে নিউক্লিয়ার ফিজিক্স-এর উপর কিছুদিন দুনিয়াময় বক্তৃতা দিয়ে বেড়িয়েছেন। জার্মেনীর আন্তর্জাতিক বণিক সমিতির অন্যতম ভাইস প্রেসিডেন্টও ছিলেন তিনি মৃত্যুর আগে পর্যন্ত।

ইমিতিয়াজ তাঁর একমাত্র সন্তান। বয়স সাতাশ বছর। অবিবাহিত। বছর দুই আগে বিশ্ববিদ্যালয়ের পাট চুকিয়েছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ব্লু। অপরাধ-তত্ত্বে ডক্টরেট ডিগ্রি পেয়েছে একই বিশ্ববিদ্যালয় থেকে। পড়াশোনা, খেলাধূলায় চৌকস। উত্তরাধিকার সূত্রে জ্ঞান ও রোমাঞ্চের নেশা ইমতিয়াজের মধ্যেও সঞ্চারিত।

থমকে দাঁড়াতে হয় ইমতিয়াজকে প্রথমবার দেখার পর। ছ’ফুট এক ইঞ্চি লম্বা। অস্বাভাবিক উঁচু কপাল, পেশী বহুল বলিষ্ঠ শরীর। শরীরের ভাঁজে ভাঁজে যেন শক্তি সংযম, নিষ্ঠুরতা ও কোমলতা এক সঙ্গে ছড়িয়ে আছে। খাড়া বাঁকানো নাকের নীচে পাতলা অথচ দৃঢ় পিনদ্ধ ককেসিয়ান ঠোঁট। চিবুক সামান্য ঢালু। দুপাশের গাল সামান্য চাপা। পাতলা ভুরুর নীচে দুটি শান্ত শীতল চোখ গায়ের রং লাল-সাদায় মেশানো, সুন্দর।

প্রথম দেখায়ই তীব্র আকর্ষণ করে এই চেহারা, এই শরীর। এই স্বাস্থ্য সম্ভ্রম-বোধ জাগায়। নত করে দেয় যে কোন মানুষকে।

চেহারা শুধু ব্যক্তিত্ব সম্পন্ন বললে যেন সব বলা হয় না। বলা উচিত চেহারায় যেন সব-জয় করা যাদু আছে, শক্তি আছে।


রক্ত-মুখ-আঙ্গুল-ধারী লোকটা যেন নিঃশ্বাস রুদ্ধ করে ইমতিয়াজকে দেখল! শক্তিশালী বায়নোকুলারে স্পষ্ট ফুটে উঠেছে ইমতিয়াজ ও তার তিন বন্ধুর চেহারা।

‘মৃত্যু’।

লোকটা দাঁতে দাঁত চাপলো : মহা-প্রভু সর্প-রাজের ইচ্ছে। সর্প-রাজের পুত্র নীল-দৈত্যের ইচ্ছে। তোমাকে মরতেই হবে ইমতিয়াজ!

ইমতিয়াজ ঠিক এসময় মৃত্যুর কথাই বলছিল। মীর্জা মাহমুদ, তার বাবার রহস্যময় মৃত্যুর কথা। তার তিনজন সঙ্গী নিঃশব্দে শুনছিল তার কথাগুলি।

ইমতিয়াজের বাঁ’ দিকে বসেছে জিপি আসাদ। প্রকাণ্ড গরিলার মত দেখতে। ছ’ ফুট চার ইঞ্চি লম্বা। বাহান্ন ইঞ্চি প্রশস্ত বুক। চিতালে বুকের নীচে সরু কোমর। সারা শরীরে, হাতে, পায়ে, বুকে-পিঠে ঘাড়ে বড় বড় লোম। শরীরের তুলনায় শরীরের তুলনায় মুখটা যদি বেমানান রকমের ছোট আর কুৎসিত না হত তাহলে আসাদকে গ্রীক ভাস্কর্যের সাথে তুলনা করা চলত। পুরো দু’ শো ষাট পাউণ্ড ওজন তার। হাতগুলি অস্বাভাবিক রকম লম্বা, প্রায় হাঁটুর কাছে পড়ে। বিন্ধাচল এলাকার হনুমানের মত চোখ পিট পিট-করা মুখ তার। জিপ্পি নামটা এই বৈশিষ্ট্যের জন্যেই উপরি পাওনা হিসাবে অর্জিত হয়েছে।

আসাদকে দেখে হেভি ওয়েট মুষ্টি যোদ্ধা বলে মনে হয়। মুষ্টি-যুদ্ধ আমাদের প্রিয় খেলা বটে। কিন্তু তার আসল খ্যাতি স্বাস্থ্য বা মুষ্টি-যুদ্ধের জন্যে নয়। আসাদ একজন কেমিষ্ট। প্রতিভাবান কেমিষ্ট বলাই বোধ হয় উচিত। কারণ, এম এণ্ড এম বিশ্ববিদ্যালয়ের কনভোকেশান মিটিং এ ডক্টরেট উপাধি দেওয়ার পর এ সময় নির্জনে ডেকে নিয়ে চ্যান্সেলার তাকে বলেছিলেন : আসাদ, তুমি যদি আমেরিকায় থাকতে রাজী হও তবে প্রেসিডেন্ট তোমাকে তাঁর উপদেষ্টা করে নেবেন।

কিন্তু আসাদ আমেরিকায় থাকে নি। বছর খানেক ছিল মিউনিকে। তার পরই দেশে ফিরে এসেছে।

ইমতিয়াজের বন্ধুই শুধু নয় আসাদ। ইমতিয়াজের একজন ভক্তও সে।

ইমতিয়াজের ডান দিকে যে বসেছে, সেও ছ’ ফুটের কাছাকাছি লম্বা। একহারা শরীর। একটু রোগা, বিদগ্ধ মুখ। চুলগুলি উল্টিয়ে আঁচড়ানো। লম্বা ধাঁচের মুখ। নাম জাহেদ। ইঞ্জিনিয়ার। আইনের ডিগ্রিও আছে। বাঁ, চোখে পুরু লেন্সের চশমা। ডান হাতে সর্বদাই ধরা থাকে কালোরঙের একটা সরু বেত, উপর দিকটা বাঁকানো। বেত ছাড়া জাহেদ কখনো এক পা’ চলে না। বেতটা আসলে দামী ষ্টিলের তরবারী বিশেষ। উপরের একটা লুকানো বোতাম টিপলেই ষ্টিলের ধারাল পাতটা বেরিয়ে আসে।


ইমতিয়াজের মুখোমুখি যে মেয়েটি বসেছে বসেছে তার নাম রেহানা দিলশাদ। ইমতিয়াজ, জিপ্পি আসাদ ও জাহেদের সাথে তার বন্ধুত্বের সেতু তার রূপ বা সৌন্দর্য নয়, মেধা ও প্রতিভা। খুব উঁচু দরের একজন জীব-বিজ্ঞানী ও আরকিওলজিষ্ট সে। বয়স পঁচিশের কাছাকাছি। ব্যায়ামসিদ্ধ বলিষ্ঠ দেহ। রূপ ও সৌন্দর্য উল্লেখযোগ্য রকমের কিছু নেই। তবে এক রকমের স্নিগ্ধ শ্রী আছে যা মুহূর্তেই মন ভরিয়ে তোলে। খাটো চুল। লম্বা ঘাড়। আচার-আচরণে মেয়েলী-পনা নেই বললেই হয়। আঁটো-সাঁটো শাড়ীর উপর সর্বদাই হালকা নীল বা সবুজ রঙের জ্যাকেট পরে।

ইমতিয়াজ এই তিন জনেরই অকৃত্রিম বন্ধু ও পরিচালক। ইমতিয়াজ সম্পর্কে এদের কোন সংশয় নেই। ইমতিয়াজের মধ্যে রয়েছে জিপ্পি আসাদের শক্তি ও প্রতিভা, জাহেদের অনুসন্ধান ও ক্ষিপ্রতা, রেহানার শ্রী ও সংযম। ইমতিয়াজের মানসিক শিক্ষা শুরু হয়েছিল চিকিৎসা ও অস্ত্র বিদ্যা দিয়ে। সেটা ক্রমে ক্রমে বিস্তৃত হয়েছে কলা ও বিজ্ঞানের প্রায় প্রতিটি বিষয়ে। ‘সুপারম্যান’ই বোধ হয় ইমতিয়াজের যোগ্য প্রশংসা। এবং তার ক্ষেত্রে এটা একটুও বাড়াবাড়ি নয়। জীবনের শুরু থেকে অত্যন্ত নিষ্ঠা ও সংযমের সাথে সে জ্ঞান ও শক্তি চর্চা করে এসেছে। মীর্জা মাহমুদ তাঁর ছেলেকে এভাবেই তৈরী করেছিলেন ছোটবেলা থেকে।

মীর্জা মাহমুদ ছিলেন সকলের গুরুস্থানীয়। ইমতিয়াজ ছাড়াও জিপ্পি আসাদ, জাহেদ, রেহানার হৃদয়ের কাছাকাছি মানুষ ছিলেন তিনি। মীর্জা মাহমুদ যে সময় মতিঝিলের এগারো-তলা বাড়ীর এই ফ্ল্যাটে রহস্যজনক ভাবে মারা যান সে সময় এরা চারজনই ছিল পূর্ব-পাকিস্তান থেকে বহুদূরে—নিউজিল্যাণ্ডের অক-ল্যাণ্ড বন্দরের সী-বীচে। ওশানোগ্রাফী নিয়ে ওরা গবেষণা করছিল সেখানে।

মাত্র গতকাল এরা ফিরেছে ঢাকায়। ইচ্ছে করেই এরা একটা হোটেলে এসে ঠাঁই নিয়ে জরুরী কয়েকটা কাজ সেরে নিয়েছে আগে। আজিমপুর গোরস্থানে কবর দেওয়া হয়েছে মীর্জা মাহমুদকে। বন্ধুদের নিয়ে আগে বাবার কবর জিয়ারত করেছে ইমতিয়াজ। পরে ডাক্তারের রির্পোট, থানার ডায়েরী ইত্যাদি চেক্‌-আপ করেছে। মীর্জা মাহমুদের মৃত্যু যে অস্বাভাবিক সে বিষয়ে চিকিৎসকও নিঃসন্দেহ। তাঁর মতে রহস্যময় এক রোগে মৃত্যু হয়েছে মীর্জা মাহমুদের। মৃত্যুর পর তাঁর গলায় লাল চাকা চাকা দাগ উঠেছিল। থানা থেকেও যথাযথ তদন্ত হয়েছে ঘটনার। অবশ্য এখন পর্যন্ত রহস্যের কিছুমাত্র কিনারা হয় নি।

হোটেল থেকে আজ সন্ধ্যায় মীর্জা মাহমুদের নিজস্ব ফ্ল্যাটে এসে উঠেছে এরা চারজন। দু’টো অস্বাভাবিক ব্যাপার এদের চোখে পড়েছে। এক, মীর্জা মাহমুদের শোবার ঘরে ষ্টিলের আলমারীর অর্ধাংশ কোন এক উপায়ে গলিয়ে দেওয়া হয়েছে। আলমারীর বেশীর ভাগ কাগজপত্র দগ্ধ অবস্থায় পড়ে আছে। দুই, মীর্জা মাহমুদের বিশ্বাসী অনুচর ইব্রাহিমের একপাটি জুতা পড়ে আছে খাটের নীচে। ইব্রাহিমের কোন পাত্তা নেই। পুলিশের রিপোর্টেও উল্লেখ নেই এসব কিছুর।

মীর্জা মাহমুদের মৃত্যু সম্পর্কে আলাপ আলোচনায় একটা বিষয়ে ওরা চারজনই নিঃসন্দেহ হল যে তাঁকে হত্যা করা হয়েছে। অবশ্য কেন হত্যা করা হয়েছে সে বিষয়ে ওরা কোন সিদ্ধান্তে পৌঁছতে পারে নি এখনো।

ইমতিয়াজ পকেট থেকে একটুকরো কাগজ বার করল। তিনজনই কৌতুহলী হয়ে তাকাল কাগজটার দিকে। ইমতিয়াজ জানাল এই কাগজটা ছিল আল্‌মারীর একটা গোপন ড্রয়ারে। মীর্জা মাহমুদ প্রয়োজন বিধায় এই চিঠিটা লিখেছিলেন তাঁর একমাত্র সন্তান ইমতিয়াজকে। কিন্তু কাগজটার অর্ধেক অংশ পোড়া। ষ্টীলের আলমারীটা গলাবার সময়ই হয়তো পুড়ে গিয়ে থাকবে।

চিঠিটা এ রকম :

প্রিয় ইমতিয়াজ, অনেক কিছুই তোমাকে বলার দরকার। বর্তমান সময়ে তীব্রভাবে অনুভব করছি তোমার প্রয়োজন। এমন একটা ব্যাপার আছে যা তোমাকে না বললে আমার কর্তব্য অসমাপ্ত থেকে যায়। বুঝতে পারছি আমার শেষদিন ঘনিয়ে এসেছে। তোমার সাথে আমার দেখা হয় কি না খোদাই জানেন। যদি দেখা না হয় এই আশঙ্কায় চিঠিখানা লিখছি।

ইমতিয়াজ, তোমার ধারণা…শুধু তোমার কেন আমার চেনা জানা প্রত্যেকেরই ধারণা যে আমি বড়লোক। আমি যে অর্থবান এ বিষয়ে কোন সন্দেহ নেই। কিন্তু কতটা অর্থবান সে বিষয়ে কারো জানা নেই কিছু। আমি বরাবরই এটা চেপে এসেছি। তুমি আমার একমাত্র উত্তরাধিকারী। আমার বিত্ত সম্পর্কে অন্ততঃ তোমার একটা সঠিক ধারণা থাকা প্রয়োজন। তোমাকে ছোটবেলা থেকে যে ভাবে গড়তে চেয়েছিলাম সৌভাগ্যের বিষয় সেভাবেই তুমি গড়ে উঠেছ। ভাবতে আনন্দ লাগছে যে তোমার উত্তরাধিকার রক্ষা করার পক্ষে তুমি সম্পূর্ণ উপযুক্ত। আশা করি আমি যা চেয়েছিলাম অথচ পাই নি, যা পেয়েছিলাম অথচ ভোগ করি নি তা তুমি পাবে। এটাই আমার শেষ সান্ত্বনা হোক।

এবার আসল কথা বলি। আমি পরিমাণ-হীন বিত্তের অধিকারী। ‘পরিমাণ-হীন’ কথাটা কি অস্পষ্ট ঠেকছে তোমার কাছে? কিংবা বাজে বক্‌ছি বলে মনে হচ্ছে? না ইমতিয়াজ, আমি ঠিক কথাই বলছি। দুনিয়ার যে কোন ধন-ভাণ্ডারের চাইতেও আমার ধনের ভাণ্ডার পরিপূর্ণ। মিসরের ফেরাউন কত বড় ধনী তা কি ফেরাউন নিজে জানতেন? কুবের কত বড় ঐশ্বর্যশালী সে সম্পর্কে তার নিজের কি কিছু ধারণা ছিল? আমার অবস্থাও ঠিক তাই। আমি ফেরাউনের চাইতেও অর্থবান, কুবের বোধহয় আমার মতই ঐশ্বর্যশালী ছিলেন, আমার চেয়ে বেশী নয়।

ইমতিয়াজ, আগেই বলেছি, আমি ঠিক ঠিক কথাগুলি বলছি। আমি সীমাহীন বিত্তের অধিকারী এবং আমার অবর্তমানে তা তোমার।

কিছু পুরনো প্রসঙ্গে ফিরে যাই। তাহলে আমার কথাগুলি বুঝতে পারবে।

দশ বছর আগে আমরা তিনজন… আমি, আমার বন্ধু,—তোমার ইকরামুল্লাহ কাকা এবং ইব্রাহিম, এই তিনজন মিলে মধ্য আমেরিকার হিদালগো রাজ্যে গিয়েছিলাম। উদ্দেশ্য ছিল প্রাগৈতিহাসিক যুগের বিলুপ্ত নিদর্শন আবিষ্কার করা। হঠাৎ একদিন...

চিঠির পরের অংশ নেই। পুড়ে গেছে।

: রহস্যের একটা ‘ক্ল’ বোধহয় পেয়ে গেছি।

জাহেদ বলল। ইমতিয়াজ স্থিরভাবে তাকাল। ‘ক্ল’টা কি তা সে নিজেও জানে। কিন্তু অন্যের জ্ঞান ও বিশ্বাসের উপর নিজের ধারণা চাপিয়ে দেওয়া কোনদিনই তার স্বভাব নয়। এসব ক্ষেত্রে সাধারণত চুপচাপ অপেক্ষা করে সে।

: আমার মনে হয়,

জাহেদ বলল : ইকরামুল্লাহ কাকা সব কথা জানেন। ঢাকায়ই আছেন তিনি, সুতরাং তাঁর কাছে গেলেই সব রহস্য অবগত হওয়া যাবে।

: ঠিক কথা।

রেহানা বলল : কখন আমরা তাঁর কাছে যাব? আজ রাত্রেই?

: না, কাল কোনো এক সময়।

ইমতিয়াজ বলল : আজ রাত্রিবেলা আর একটা চ্যানেল পরীক্ষা করব আমরা।

তিনজনেই তাকাল তার দিকে উদগ্রীব চোখে।

ইমতিয়াজ ততক্ষণে উঠে দাড়িয়েছে। তিনজনেই প্রায় সঙ্গে সঙ্গে উঠে দাঁড়াল। শোবার ঘর থেকে দক্ষিণের দরজা দিয়ে পাশের ঘরে ঢুকল ইমতিয়াজ। তিন বন্ধু তাকে অনুসরণ করল। এটা মীর্জা মাহমুদের নিজস্ব পাঠাগার। পাঠাগার হয়ে ওরা ঢুকল পরবর্তী কক্ষে। এটা লেব্‌রেটরী।

সারা ঘরে সারি সারি কাঁচের আলমারী। কোথাও নানারকম কেমিক্যালের কেস, কোথাও ইলেকট্রিক কয়েল, ভেকুয়াম টিউব, রে-এ্যাপারেটাস, কোথাও মাইক্রোস্‌কোপ, ইলেকট্রিক ফার্ণেস, ইত্যাদি।

একটা কেবিনেট থেকে ইমতিয়াজ সেকেলে ম্যাজিক-লণ্ঠনের মত দেখতে একটা ধাতু নির্মিত বাক্‌সো টেনে বার করল। বাক্‌সোটার উপরকার লেন্স সাধারণ কাঁচের চাইতে বহুগুণ পুরু। দেখতে প্রায়-কালো বাক্‌সোটার একদিকে রয়েছে ইলেক্‌ট্রিক-লাইট সকেটে লাগাবার উপযোগী একটা কর্ড।

: আল্ট্রা ভায়োলেট রে!

জিপ্পি আসাদ বলল! হাসল ইমতিয়াজ। বলল : আল্ট্রা ভায়োলেট রে তৈরী করার যন্ত্র। আসাদ নিশ্চয়ই জানো এই রে দেখতে হয় কালো। এই রে’কে বলে ব্ল্যাক লাইট। এই আলোক রশ্মি সূক্ষ্ম। এত সূক্ষ্ম যে খালি চোখে এটা ধরা পড়ে না বা দেখা যায় না।

আসাদ বলল : হ্যাঁ। কিন্তু এই আলোকরশ্মির সামনে যদি ঝাপ্পা বা অস্পষ্ট বা অদৃশ্য কোন লেখনী ধরা হয় তাহলে সেটা স্পষ্ট ফুটে ওঠে।

: ঠিক বলেছ;

ইমতিয়াজ সমর্থন জানায়। চারজনই ফিরে আসে শোবার ঘরে। ইমতিয়াজ আগের প্রসঙ্গের জের ধরে বলে : দক্ষিণের বড় জানালাটার দিকে তাকাও। হ্যাঁ, কাঁচের জান্‌লাটা দ্যাখো তো, জানলার কাঁচে বিশেষ কিছু চোখে পড়ছে কি না...

: ব্যস, ব্যস...বুঝতে পেরেছি,

জাহেদ প্রায় লাফিয়ে জান্‌লাটার দিকে যায়। বাঁ, চোখ থেকে শক্তিশালী কাঁচটা নামিয়ে হাতে নেয়। আসলে জাহেদের বাঁ’চোখ দৃষ্টি গ্রাহ্যহীন। নষ্ট। বাঁ’চোখে কাঁচের চশমা ব্যবহার করার কারণ দুটো। এক, বাঁ’চোখের অন্ধত্ব গোপন করা, দুই, কৌশলে একখণ্ড শক্তিশালী কাঁচ,—যা নানা প্রয়োজনে প্রায়ই লাগে,—সঙ্গে রাখা।

জানালার কাঁচে চশমাটা বসায় জাহেদ। চশমার শক্তিশালী ম্যাগনিফায়িং লেন্স ঘুরিয়ে ফিরিয়ে জানলার কাঁচে কিছু লেখা আছে কিনা দেখার চেষ্টা করে। শেষ পর্যন্ত হতাশ হয়ে বলে : না হে…কিছুই পেলাম না। কিছুই নেই বোধ হয়...

: তৈমুর লঙ্গের এক পা’ খোঁড়া ছিল,

মন্তব্য করে রেহানা, : জাহেদ বলতে গেলে প্রায় তৈমুর লঙ্গ। পার্থক্য জাহেদের একচোখ কানা।

জাহেদ এই আক্রমণের উত্তরে গম্ভীরভাবে বলল : কিন্তু নষ্ট হলেও ভুলে যেয়ো না, বাঁ চোখটা আমারই সম্পত্তি। এর উপর আক্রমণ করার অর্থ আমার উপর ব্যক্তিগত আক্রমণ...বিশেষতঃ কোন ভদ্র মহিলা যদি...

বাজে কথায় সময় নষ্ট হচ্ছে। তাই জিপ্পি আসাদ তাড়া লাগাল : এই কানা মিঞা, চুপ…চুপ।

রেহানা মুখে আঁচল চাপা দিল। জাহেদ দাঁড়িয়ে রইল অসহায় ভাবে। এই ক’টি হাল্‌কা মুহূর্ত পার হতেই ইমতিয়াজ ফিরে গেল আগের প্রসঙ্গে। বলল : বাবার সাথে ক্বচিৎ আমার দেখা হত তোমরা জান। খুব গুরুত্বপূর্ণ কিছু জানাবার থাকলে আমরা জানলার কাঁচে সেটা লিখে রাখতাম। দেখা যাক, আমার জন্যে বাবা কিছু লিখে রেখে গেছেন কিনা।

এটাই তাহলে ইমতিয়াজের সেই চ্যানেল।

ইঙ্গিত মাত্র আসাদ হাত বাড়িয়ে ঘরের আলো নিভিয়ে দিল। ইলেক্‌ট্রিক লাইটের সকেটে আল্ট্রা-ভায়োলেট রে’ বাক্সের কর্ডটা লাগিয়ে দিল ইমতিয়াজ। মুহূর্তেই কিছু লকলকে রঙ্গিন আলো গিয়ে ঝাঁপিয়ে পড়ল জালার কাঁচে। ফুটে উঠল ইংরেজীতে লেখা একটা ছোট লাইন।

তারপর এক মুহূর্তেরও কম সময়ের মধ্যে শোনা গেল তীব্র, প্রচণ্ড একটা আওয়াজ। জানালার উপর ছুটে এসে বিদ্ধ হল একটা বুলেটে। জানালার কাঁচ ভেদ করে বুলেটটা গিয়ে পাশের ঘরের দেয়ালে বিদ্ধ হল।

নিস্তব্ধতা। এক, দুই, তিন সেকেণ্ড। কেউ নড়ল না। তারপর শোনা গেল আর একটা অদ্ভুত শব্দ। শব্দটা মৃদু। বহুদূরে মৌমাছির গুঞ্জনের মত। মাথার উপর দিয়ে পাখী উড়ে যাবার শব্দের মত। মৃদু হলেও শব্দটা মধুর। কোমল শব্দটা উঠছিল ঘর থেকেই।

তিনজন—জিপ্পি আসাদ, রেহানা, জাহেদ, শব্দটা চিনল। ওদের নিঃশ্বাস রুদ্ধ হয়ে এল। পিন-পতন নিস্তব্ধতা বিরাজ করতে লাগল ঘরে।

শব্দটা আসছে ইমতিয়াজের গলা থেকে। অতি পরিচিত শব্দ। অতিমাত্রায় হিংস্র হয়ে উঠ্‌লে বা রেগে গেলে বা কোনো চ্যালেঞ্জের মোকাবেলা করতে হলে ইমতিয়াজের অজান্তেই শব্দটা বেরোয় তার কণ্ঠনালি থেকে। অর্থাৎ যুদ্ধের জন্য সে প্রস্তুত।

: কে গুলি ছুঁড়ল?

ফিস ফিস করে উঠল জাহেদ। স্বভাব-ভীতু সে। কিন্তু সেটা সহজে কাউকে কখনো জানতে দেয় না। তার প্রশ্ন শুনে ইমতিয়াজ বলল : যে গুলি ছুড়েছে সে খুব কাছেই আছে আমাদের। পজিশান নাও। মাটিতে শুয়ে পড় সবাই। গড়িয়ে চলে এস পাশের ঘরে। ডেঞ্জার।


দুই

চারজনই দশ সেকেণ্ডের ভেতর শোবার ঘর ডিঙিয়ে লাইব্রেরীতে ঢুকল।

নিঃশব্দে এগিয়ে গেল কোণের একটা ক্যাবিনেটের দিকে।

ইমতিয়াজ ক্যাবিনেট থেকে তুলে নিল শাক্তিশালী হান্টিং রাইফেল আর একটা বায়নোকুলার, বাকী তিনজন দুই ফুট লম্বা দশ ইঞ্চি মোটা হাল্‌কা ওজনের এক একটা গ্যাস পাইপ তুলে নিল হাতে।

এই গ্যাস পাইপটির নির্মাতা জিপ্পি আসাদ।

শট গানের মতই পাইপ থেকে ছুঁড়ে মারার ব্যবস্থা করা হয়েছে সলিড গ্যাস। এই গ্যাসে আক্রান্ত হওয়ামাত্র এক সেকেণ্ডেরও কম সময়ে আক্রান্ত ব্যক্তির সমস্ত শরীর অসাড় হয়ে পড়ে।

অবশ্য এই অসাড়তা চিরস্থায়ী নয়। ঘণ্টা খানেকের ভেতরই এই অসাড়তা চলে যায়। অল্পক্ষণের জন্যে অসাড় করে দেওয়া ছাড়া এই গ্যাস মানুষের শরীরের আর কোন ক্ষতি করে না।

কোনরকম কথাবার্তার প্রয়োজন হল না।

চারজনেই অন্ধকারে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ল।

রেহানা এগোল সঙ্কীর্ণ রেলিং ধরে দক্ষিণে। একটা বাঁকে এসে দাঁড়াল।

এখান থেকে দক্ষিণের অর্ধ সমাপ্ত বাড়ীটা চোখে পড়ে।

ভেজা হাওয়া বইছে। বৃষ্টি পড়ছে পা টিপে টিপে চলার মত শব্দ করে। চারদিকে অসমান নিয়ন আলোর ফুল্‌কি। এখানে সেখানে বিশাল অন্ধকার।

তীক্ষ্ণ চোখে তাকিয়ে অপেক্ষা করতে লাগল রেহানা।

কোথাও কোন রকম অসঙ্গত শব্দ নেই।

অর্ধ সমাপ্ত বাড়ীটার দু’পাশে বাঁশের মই। অজস্র বাঁশ দিয়ে ছাতের উপর মঞ্চের মতো তৈরী করা হয়েছে।

বাড়ীটা অন্ধকার।

রেহানা বাতাসে ভেজা হাস্‌নে হেনার গন্ধ পেল।

হঠাৎ বেজে উঠল একটা শিষ।

ইমতিয়াজের সঙ্কেত। অর্থাৎ চলে এসো এবার আমার কাছে।

ওরা যে যার জায়গা থেকে ফিরে এল শোবার ঘরে।

সন্দেহজনক কিছুই দেখা যায় নি। ওরা ফিরে এসে দেখল শোবার ঘরের বাতি জ্বালিয়ে ইমতিয়াজ দাড়িয়ে আছে ষ্টীল-সেফটার আড়ালে।

পাশেই নামিয়ে রাখা হয়েছে গুলি-বিদ্ধ জান্‌লার একটা অংশ। স্ক্রুপ খুলে জান্‌লাটা ইমতিয়াজই নামিয়ে রেখেছে। ঘরের আলোও জ্বালিয়েছে সেই। তার কাঁধে ঝুলছে রাইফেল ও বায়নোকুলার।

: বেটা পালিয়েছে।

জিপ্পি আসাদ বলল : তবু শেষ বারের মত আর একবার দেখা দরকার। কি বলো?

: তার মানে ঐ বাড়ীটায়?

জাহেদ চোখ দিয়ে ইশারা করল দক্ষিণ দিকে : আমরা যাচ্ছি? 

এই প্রশ্নের উত্তর দেওয়ার মালিক, সবাই জানে, ইমতিয়াজ। ইমতিয়াজ বলল : যাচ্ছি। 

উদ্দীপনার চিহ্ন লক্ষ্য করা গেল তিনজনের মধ্যে। রেহানা, আসাদ, জাহেদ তাকাল ইমতিয়াজের দিকে। ইমতিয়াজ শান্ত শীতল হয়ে দাঁড়িয়ে রইল।

: এক মিনিট।

আমুদে গলায় জাহেদ বলল। তারপর একরকম লাফিয়ে চলে গেল লাইব্রেরী ঘরে। ডেস্কের একটা ড্রয়ার থেকে একটা স্লাইড রুল, একজোড়া ডিভাইডার, কিছু কাগজ ও হাতখানেক লম্বা স্ট্রিং নিয়ে এল।

ইতিমধ্যে বায়নোকুলার-রাইফেল নিয়ে একদিকে ইমতিয়াজ অন্যদিকে গ্যাস পাইপ নিয়ে জিপ্পি আসাদ দক্ষিণ পশ্চিম দিক কভার করে দাড়িয়ে গেছে।

সতর্কতামূলক ব্যবস্থা।

রেহানা গিয়ে বসেছে জানালার ভাঙা কাঁচগুলির কাছে। ইতিমধ্যে বিশেষভাবে নির্মিত পাতলা রবারের গ্লাভস পরে নিয়েছে রেহানা। কাঁচের টুক্‌রোগুলি জড়ো করতে লাগল সে!

: ‘ঘু ঘু দেখেছো চাঁদ ফাঁদ দেখোনি।’

কথাটা রবীন্দ্র সঙ্গীতের সুরে গুন গুন গাইতে লাগল জাহেদ। বুলেট-বিদ্ধ দেয়াল থেকে জান্‌লাটার দূরত্ব মেপে সে ‘এ্যাঙ্গেল’ বার করে ফেলল। তারপর সেরকম আমুদে গলায়ই আপন মনে গুন গুন গাইতে গাইতে ঢুকল গিয়ে ল্যাব্‌রেটারীতে। ল্যাব্‌রেটারী থেকে সে নিল টুকিটাকি ইলেক্‌ট্রিক যন্ত্রপাতি, একটা বালব, কিছু করোগেটেড টিনের অংশ ও এগুলোর সাথে যুক্ত হল তার বাঁ চোখের শক্তিশালী চশমাটা।

বাল্‌বটা সে এ্যাঙ্গেল মেপে বসাল। প্রায় সঙ্গে সঙ্গেই বাল্‌ব থেকে বিচ্ছুরিত হল একরকমের হালকা আলো।। জাহেদ পরীক্ষা-নিরীক্ষা শেষ করে মাথা নাড়ল।

যেখান থেকে বুলেটটা ছোঁড়া হয়েছে সে জায়গাটা নির্দেশিত করল এবার জাহেদ। দক্ষিণের অর্ধ-সমাপ্ত বাড়ী, দূরত্ব ত্রিশ গজ…থারটি ফাইব এ্যাঙ্গেল...

: এবার আমার পালা, বলল রেহানা না : আমার কাজও প্রায় শেষ হয়ে এসেছে। জাষ্ট এ মিনিট।

কার্যরত রেহানার উপরে নজর বাকী তিনজনের। অবিশ্বাস্যরকম দক্ষতার সাথে সে তখন ভাঙা কাঁচের টুকরোগুলি যথাযথ জুড়ছিল। পুরাতত্ত্বের ছাত্রী হিসাবে তাকে অবশ্য বহু প্রাচীন ফসিল পরীক্ষা করতে হয়, প্রাগৈতিহাসিক জীবজন্তুর হাড় জোড়া লাগাতে হয়,—সুতরাং তার একাজে অবাক হওয়ার কিছু নেই। তবে যে রকম দক্ষ-হাতে সে কাজ করছিল তা লক্ষ্য করবারই বিষয়। আধ মিনিটের ভেতর রেহানা জানালার কাঁচের সব কয়টা টুক্‌রো ঠিক ঠিক জোড়া লাগিয়ে দিল।

: চমৎকার। বাকী কাজটা আমাকে করতে দাও।

বলল জিপ্পি আসাদ। আল্ট্রাভায়োলেট রে বাক্সোটার সুইচ অন করে দিল সে। পর মুহূর্তেই জানালার কাঁচের উপর উদ্‌ভাসিত হয়ে উঠল এই শব্দগুলি : Important papers back of the red brick.

: Red brick—লাল ইট? বুঝতে না পেরে জিজ্ঞেস করল জাহেদ।

: একটা সাঙ্কেতিক শব্দ। ইমতিয়াজ বলল : এই শব্দটার অর্থ বাবা আর আমি জানি। আর কেউ না। এমন কি বাবার সহকর্মীরাও নয়। কিছুক্ষণের মধ্যে অবশ্য আমার বন্ধুরা সেটা জানতে পারবে।

ইমতিয়াজ কথা বলে একটু হাসলো। আর সময় নষ্ট না করে ওরা চলে এল পাশের ঘরে। বুলেটটা বিদ্ধ হয়েছে দেয়ালের মাঝখানে। জিপি আসাদ, জাহেদ এমনকি রেহানাও চেষ্টা করল দেয়াল থেকে বুলেটটা বের করে আনতে। পারল না। জাহেদ কষে গাল দিল যে বুলেট ছুঁড়েছে তাকে উদ্দেশ্য করে।

সবশেষে ইমতিয়াজ এগিয়ে গেল দেয়ালের দিকে। বিশাল থাবা দিয়ে বুলেটের অর্ধাংশ চেপে ধরল সে। শরীরের পেশীগুলি ফুলে উঠল তার। কপালে ফুটে উঠল স্বেদ-বিন্দু। কিন্তু চোখ-মুখের ভাব আগের মতই স্থির ও শান্ত।

শেষ পর্যন্ত বুলেটটা তুলে আনল সে। হাতের তালুতে রেখে সেটা ওজন করল জাহেদ। বলল : ওজন হবে নিদেন পক্ষে সাত শ’ পঞ্চাশ গ্রেন।

: তার মানে,

ইমতিয়াজ বলল : ৫৭৭ ক্যালিবার নাইট্রো এক্সপ্রেস রাইফেল থেকে ছোঁড়া হয়েছে বুলেটটা। খুব সম্ভব রাইফেলটা হচ্ছে দুন’লা।

: কি করে বুঝলে?

: খুব সহজে। বুলেটের সাইজ দেখে যে কোন সাধারণ-জ্ঞান-সম্পন্ন লোকই বুঝবে যে এটা হাতী-মারা রাইফেল থেকে ছোঁড়া হয়েছে। আর বিগ্‌-গেম্‌স রাইফেল সাধারণত: দু-নলা হয়।

ইমতিয়াজ বুলেটটা একটা কেবিনেটের ড্রয়ারে রেখে দিল। বলল : এবারে লাষ্ট চেক-আপ। আমরা চারজনই নেমে পাশের বিল্ডিংটায় যাচ্ছি। রেহানা অবশ্য ইচ্ছে করলে ঘরেই থেকে যেতে পারে।  

: যেহেতু রেহানা মেয়ে,

উষ্ণ কণ্ঠে রেহানা বলল : কিন্তু মেয়েরা ভীরু না। দুর্বল না। জাহেদকে বরং...

জাহেদ লাফিয়ে উঠল রেহানার কথার ধরনে : সাবধান কিন্তু। সাবধান…। আর একটা কথাও বলেছ কি...

হঠাৎ গলা খাদে নামিয়ে ফেলল জাহেদ। বলল : মনে খুব দুঃখ পাব।

সব কয়টা ঘরের আলো নিভিয়ে দিল ইমতিয়াজ। নিভিয়ে দিতে গিয়ে কেন যেন একটু বেশী সময় লাগলো তার। অন্ধকারে প্রায় নিঃশব্দে নেমে এল এরা। বাইরে বৃষ্টি পড়েছে গুঁড়ি গুঁড়ি। একে ভয়ঙ্কর শীত, তারপর বৃষ্টি, সেই সাথে কন কনে হাওয়া। রাস্তার পাশে জমে উঠেছে পানি। ফুটপাথ কাদায় পিচ্ছিল।

অর্ধ-সমাপ্ত বাড়ীটার সিঁড়ি দিয়ে উঠবার সময়ই লোকটাকে দেখতে পেল ওরা। তিনজন দাড়িয়ে রইল সিঁড়ির প্রথম ধাপে। এগিয়ে গেল ইমতিয়াজ।

সিঁড়ির নীচে স্তুপীকৃত রডের সাথে আগাগোড়া বেঁধে রাখা হয়েছে লোকটাকে। বোঝা দুঃসাধ্য নয় যে রাতের বেলায় পাহারা দেবার নাম করে ঘুম লাগিয়েছিল কষে, সুযোগ বুঝে কেউ চড়াও হয়েছে তার উপর। বেঁধে ফেলেছে ঝটপট এবং কার্য-সিদ্ধির জন্যে উপরে উঠে গেছে নিশ্চিন্তে।

বাঁধন থেকে দারোয়ানকে মুক্ত করল ইমতিয়াজ।

: স্যার বাঁচালেন আমাকে।

দারোয়ান উর্দুতে কৃতজ্ঞতা জানায় : হারামজাদা এমন এক বাড়ি বসিয়েছিল মাথায় যে তারপর কি হল বুঝতে পারি নি। আর কিছুক্ষণ বাঁধা থাকলে আবার জ্ঞান হারাতাম স্যার।

: একটা মাত্র লোক?

একটা মাত্র লোককেই একপলকের জন্মে দেখেছিলাম স্যার।

: হুঁ। লোকটার চেহারা কি রকম বলতে পারবে?

: না স্যার। মুখে গাল-পাট্টা বাঁধা ছিল! তবে…

দারোয়ানের চোখ-মুখে উত্তেজনা ফুটে বেরোয় : লোকটার হাতের আঙ্গুলের ডগায় লাল রং স্যার। একেবারে আলতার মত লাল।

দারোয়ানজীকে সিঁড়ির নীচে অপেক্ষা করতে বলে উপরে উঠে গেল ওরা। চার-তলায় উঠে ওরা উত্তরের রেলিংএর ধারে এসে দাঁড়াল। জাহেদ তার পরীক্ষিত জায়গাটা খুঁজল। ঠিক তখনই রেহানার চোখে পড়ল রেলিং এর নীচে কার্ণিসে পড়ে থাকা কার্তুজটা। রাস্তার আলো এসে পড়েছে এদিকে। কার্তুজের পিতলের খোলটা চকচক করছে আলোয়।

: এদেখি শালার কামান ছুঁড়েছিল আমাদের দিকে। জাহেদ বিড়বিড় করে ওঠে।

জিপি আসাদ হাসে। বলে : লোকটা কি জানত যে ঘুরে তুমি আছ?

: কেন, জানলে?

: জানলে মশা মারার জন্যে কামান দাগত না।

কার্তু জটা পরীক্ষা করে ইমতিয়াজ। পরীক্ষা করে ফিরিয়ে দেয় জিপ্পি আসাদের হাতে। জিপ্পি আসাদ সেটা রেখে দিল তার কোর্তার পকেটে।

রেহানা কি একটা বলতে যাচ্ছিল। ইঙ্গিতে মানা করল ইমতিয়াজ। তাকাল ফ্ল্যাটের দিকে। সবাই দেখল ক্ষীণ একটা আলো জ্বলছে ইমতিয়াজের শোবার ঘরে।

: কেউ ম্যাচ জ্বালিয়েছে।—রেহানা বলল।

ইমতিয়াজ বলল : খুঁজছে।

: কি?

: যা অত্যন্ত মূল্যবান

: যা লাল ইটের নীচে লুকানো।

: হ্যাঁ। মূল্যবান এই বস্তুটির জন্যেই আক্রমণ হয়েছিল আমাদের উপর। এবং ভবিষ্যতেও হবে।

এক মুহূর্ত সবাই চুপচাপ।

পর মুহূর্তেই নিঃশব্দে এরা নেমে এল নীচে। দারোয়ানকে অপেক্ষা করতে বলল ওরা ফিরে না আসা পর্যন্ত।

দারোয়ান বিশাল এই লোকগুলির দিকে সবিস্ময়ে তাকিয়ে রইল বেশ কিছুক্ষণ। যখন সম্বিত ফিরল তখন সে তাড়াতাড়ি একটা ঘরে ঢুকে দরজায় খিল দিয়ে বসল। স্পষ্ট তার বিশ্বাস জন্মাল এসব ভুতুড়ে কাণ্ড। চাকরী যায় যাক, সে ভাবল,—জান দিতে পারব না। বন্ধ ঘরে বসে মনে মনে আল্লার নাম জপ করতে লাগল দারোয়ান আর ভাবল কালই চাকরীতে ইস্তাফা দেবে।


ফিরে এল ওরা মীর্জা মাহমুদের ফ্ল্যাটে।

অবিশ্বাস্যরকম নির্জনতা বিরাজ করছে চারদিকে।

এই এগার তলা বিরাট বিল্ডিং-এর দু’ একটা ফ্ল্যাট ছাড়া সব ক’টা ঘরই ব্যবহৃত হয় অফিস হিসাবে।

বিকেল পাঁচটার পরই খালি হয়ে যায় এই বিরাট বাড়ীটা।

অন্ধকারে বিল্ডিং-এর ভেতরটা মনে হচ্ছে প্রাগৈতিহাসিক গুহার মতো। বাতাসে ছড়িয়ে আছে বার্ণিশ আর পরিত্যাক্ত নিঃশ্বাসের গন্ধ।

লিফট্‌ম্যান এতো তাড়াতাড়ি ওদের ফিরে আসতে দেখে অবাক হয়।

: গেলেন না স্যার বাইরে?—সে জিজ্ঞেস করল।

: যাব।—ইমতিয়াজ বলল : আচ্ছা, এই দশ মিনিটের মধ্যে কয়জন লোক তোমার লিফটে চড়ে উপরে গিয়েছে?

: একজনও না।

লিফট্‌ম্যান কসম খেয়ে বলল : ভাববেন না স্যার ঘুমিয়ে পড়েছিলাম। রাতের চাকরী আমার সেই এতটুকু বয়স থেকে। ডিউটির সময় ঘুম আমার আসে না স্যার।

লিফ্‌টে চড়ল না ওরা। যে যার মত ছড়িয়ে পড়ল বিল্ডিং-এর নানাদিকে। তন্ন তন্ন করে খুঁজল ওরা চারদিক। কিছুই পাওয়া গেল না। আধ-ঘণ্টা পর সবাই ফিরে এল চার-তলার ফ্ল্যাটে।

ওদের জন্য একটা বিস্ময় অপেক্ষা করছিল।

টেবিলের উপর দেখা গেল, চাপা দেওয়া রয়েছে ক্রিমসন কালারের একটা খাম। জিপ্পি আসাদ এগিয়ে গেল। গ্লাভস পরা হাত দিয়ে খামটা তুলে নিয়ে গেল ল্যাবরেটারীতে। খামটার উপর ছড়িয়ে দিল একরকমের নীল পাউডার। অনেক সময় আততায়ী খামের উপর বিষ বা জটিল রোগের জীবাণু ছড়িয়ে রাখে। মৃত্যু যেখানে ওৎ পেতে আছে সেখানে এধরণের কোন রিস্ক না নেওয়াই উচিত।

আসাদই খুলল খামটা। ইংরেজীতে লেখা আছে : DR. E. ALY, TURN BACK FROM YOUR QUEST, LEST THE RED DEATH WILL STRIKE ONCE AGAIN.

চিঠিটার নীচে কোন নাম সই নেই। ইমতিয়াজ চিঠিটা পড়ে একটু হাসল। বলল : যারা আমার বাবাকে হত্যা করেছে তাদেরই কাজ।

: RED DEATH, লাল মৃত্যু!

জাহেদ কথাটা আস্তে আস্তে আওড়ায়।

দুই মুহূর্ত দাড়িয়ে রইল সবাই চুপ করে। সবারই মানস চোখে ভেসে উঠল মীর্জা মাহমুদের স্নেহ-ময় মুখ। জীবনে ভয় কাকে বলে জানতেন না। বাধা-বিপদ গ্রাহ্য করতেন না। যৌবনের শুরু থেকে মৃত্যুকাল পর্যন্ত পৃথিবীময় ঘুরে বেড়িয়েছেন জ্ঞানের সন্ধানে। জ্ঞান আর শক্তি—এই দুইয়েরই তিনি ছিলেন একনিষ্ট সাধক। অন্যায় অবিচার আর পীড়নের তিনি ছিলেন জীবন্ত বিদ্রোহ।

দুই মুহূর্ত অতীতের মোহ-ময় স্মৃতি আচ্ছন্ন করেছিল ওদের। সেটা কাটিয়ে উঠল ওরা সহজেই। যারা বীর, নির্ভয়, তাদের কাছে জীবন-মৃত্যু দুই-ই সমান। হয় তীব্র আনন্দময় জীবন, নয় মৃত্যু। এর ভেতর দ্বিতীয় কথা নেই। দ্বিতীয় ফিলোসফি নেই।

লাইব্রেরী থেকে এরা ফিরে এল শোবার ঘরে। ঘরে ঢুকতেই একটা অস্বাভাবিক ব্যাপার চোখে পড়ল।

আল্ট্রা ভায়োলেট রে’র বাক্সোটি যেখানে রাখা হয়েছিল সেটা সেখানে নেই। একটু দূরে রয়েছে। স্পষ্ট বুঝা গেল বাক্সটা কেউ স্থানচ্যুত করেছে।

: বাক্সোটা কেউ সরিয়েছিল,—জিপ্পি আসাদ বললো।

মাথা নাড়ল, ইমতিয়াজ। ঘরে ঢুকেই সেটা সে লক্ষ্য করেছে। কিন্তু এতক্ষণ কিছুই বলেনি। আসলে যথা সময়ে যথোপযুক্ত কথা বলারই অভ্যেস তার। কোন কথা আগে বা পরে বলার পাত্র নয় সে।

জাহেদ বলল : যে লোকটা টেবিলের উপর খামটা রেখে গিয়েছে এটা তারই কাজ। লোকটা ব্ল্যাক-লাইট যন্ত্র চালাবার জ্ঞানও রাখে।

জিপি আসাদ বলল : রাখে। এবং এটাও পরিষ্কার যে ঘরে ঢুকে জালার কাঁচে যা লেখা ছিল তা পড়েছে সেই লোক।

: পড়েছে। তানইলে আল্ট্রা ভায়োলেট যন্ত্রটা ব্যবহার করার দরকারই পড়ত না।

রেহানা বলল।

: এ বিষয়েও কোন সন্দেহ নেই। ইমতিয়াজ মাথা নাড়ল, এগিয়ে গেল সে ব্ল্যাক লাইট বাক্সটার দিকে। ইলেক্‌ট্রিক সকেটে যুক্ত করল প্লাগ।

আল্ট্রা ভায়োলেট রে’ জ্বলে উঠল কাঁচের উপর। ইমতিয়াজ বলল : ভাল করে লেখাটা পড়ো। দ্যাখো তো…

সবাই তাকাল। তাকিয়ে অবাক হয়ে গেল। দেখা গেল কাঁচের উপর ফুটে উঠেছে : Important papers back of the red brick. House at the corner of Gulshan 16/B-4y.

: আরে।

প্রায় চেঁচিয়ে উঠল রেহানা : এ দেখছি কিছু নতুন কথা জোড়া হয়েছে আগের লাইনটার সঙ্গে। আমরা কি তবে পরের কথাগুলি 'মিস' করেছিলাম?

: না,

ইমতিয়াজ বলল : পরের কথাগুলি কিছুক্ষণ আগে মাত্র লেখা হয়েছে। আমিই লিখেছি। তোমরা বেরিয়ে গেলে আর আমি পেছনে থাকলাম, মনে আছে?—তখন।

এক মুহূর্ত থামল ইমতিয়াজ। তারপর বলল : আমরা যখন আল্ট্রা ভায়োলেট রে’ দিয়ে জানালার কাঁচ দেখছিলাম তখন বুঝতে পারছিলাম আততায়ীও সেটা লক্ষ্য করছে। সে যে জানালার কাঁচে কি লেখা আছে সেটা দেখতে আসবেই এ বিষয়ে আমার কোন সন্দেহ ছিল না। সুতরাং পুরনো লাইনটার সাথে কিছু নতুন কথা জুড়ে দিয়ে একটা ট্র্যাপ তৈরী করে রেখেছিলাম। এক রকম ধরে নিতে পারি যে ট্র্যাপে ঠিক ঠিক পড়েছে লোকটা।

জিপ্পি আসাদ মন্তব্য করল : এবার তাহলে আমাদের গন্তব্যস্থল কোথায়, গুলশান ১৬/বি, ৪ ওয়াই নিশ্চয়ই?

: হ্যাঁ।

ইমতিয়াজ মাথা নাড়লো। আস্তে আস্তে বলল : গুলশান ১৬/বি, ৪ ওয়াই বাড়ীটা এখন পোড়ো। তালা মারা। বাবা, তাঁর সবচে’ বিশ্বাসী চাকর ইব্রাহীমকে নিয়ে ঐ বাড়ীতেই থাকতেন। ঐ বাড়ীর একগুচ্ছ চাবি আমার কাছে আছে।

বৃষ্টির বেগ অনেকটা কমে এসেছে।

অন্ধকার গাছপালার ফাঁকে ফাঁকে এক একটা উজ্জল বাড়ী।

রাস্তা শূন্য।

বাই-লেন গুলি গোলক ধাঁধাঁর রহস্য নিয়ে যেন নিশ্চুপ হয়ে আছে।

একটা আধটা কুকুর ঘেউ ঘেউ করে ওঠে কখনো।

পাহারা-ওয়ালার হুইসেল শোনা যায় মাঝে মধ্যে।

বৃষ্টি ধরে আসার পর আকাশ যেন কান্না-ভেজা চোখের মত স্নিগ্ধ। অশ্রু বিন্দুর মতো টলটল করছে বিক্ষিপ্ত তারাগুলি। আকাশের নীচে ঘুমিয়ে আছে রাত্রি।

যে রাজ্যে অথৈ অন্ধকার, ফাঁকে ফাঁকে উজ্জ্বল দ্বীপের মত বাড়ী-ঘর......সব ফাঁকা, শূন্য, নিথর—মাঠ পড়ে আছে, রাস্তা চুপচাপ,—পাখী ওড়ে না,......আকাশ ও নক্ষত্র ফুলের মতো আপন মনে ফোটে—সে রকম কোন রূপকথার রাজ্যের মতো রহস্যময় মায়াবী মনে হচ্ছিল রাত্রি বেলাকার গুলশান এলাকাটা।

চারজন অস্বাভাবিক দীর্ঘ ও বলিষ্ঠদেহী লোক নিঃশব্দ পায়ে বড় রাস্তার পাশে দাঁড় করানো একটা গাড়ী থেকে নেমে এই এলাকার একটা দো-তলা বাড়ীর সামনে এসে দাঁড়াল। গেটের কাছে মৃদু গলায় নিজেদের মধ্যে কিছুক্ষণ কথা বলল ওরা। তারপর বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ল।

বাড়ীটা লাল ইট দিয়ে তৈরী। সামনে পেছনে বাগান। প্রশস্ত সিঁড়ির উপর আলো জ্বলছে।

দোতলার হল ঘরে একটা লোক আপন মনে মেঝে খুঁড়ছিল একটা একটা ইট সরিয়ে। কোন একটা শব্দ উঠলেই সে চমকে ফিরে তাকায়। কাঁধে ঝুলানো শক্তিশালী দু’নলা রাইফেলটায় হাত দেয়। অনেকক্ষণ মেঝে খুঁড়ল সে। অবশেষে হতাশ হয়ে বিজাতীয় ভাষায় বিড়বিড় করে ক্ষোভ প্রকাশ করল। 

ঠক্‌……ঠক্‌……!

একটা শব্দ উঠল বাইরের বারান্দায় থেমে থেমে। লোকটা সজাগ হয়ে শুনল। আবার উঠল শব্দটা, এবার আরো কাছে। তড়াক করে লাফিয়ে উঠল লোকটা। কাঁধ থেকে বন্দুকটা নামিয়ে দরজার একপাশে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো।

এবার শোনা গেল আরো গম্ভীর একটা শব্দ। দরজার ঠিক বাইরেই। লোকটা নিঃশ্বাস রুদ্ধ করে ট্রিগারে হাত রেখে অপেক্ষা করতে লাগলো। লোকটার মনযোগ এখন সম্পূর্ণভাবে পশ্চিমের ভেজানো দরজার উপর। ঠিক এ সময় উপরের ভেণ্টিলেটার থেকে বেরিয়ে এল একটা লম্বা পাইপ। দরজাটা হঠাৎ দড়াম করে খুলে যেতেই যখন গুলি চালাল লোকটা খোলা দরজা লক্ষ্য করে ঠিক তখনই এক ঝলক তীব্র ধোঁয়া বেরিয়ে এল পাইপ থেকে। ছুটে এসে লাগল লোকটার সারা গায়ে।

লোকটা আচমকা ঘুরে দাঁড়াল। বন্দুকটা ধরার চেষ্টা করল শেষ বারের মতো। টলে উঠল সারা শরীর। বন্দুকটা পড়ে গেল হাত থেকে। মাতালের মত টলতে টলতে লোকটা লুটিয়ে পড়ল মাটিতে।

খোলা দরজা দিয়ে ঘরে ঢুকল রেহানা ও জিপ্পি আসাদ। একটু পর এলো জাহেদ। ততক্ষণে লোকটার কাঁধ থেকে কালো বায়নোকুলার, আর মেঝে থেকে রাইফেল তুলে নেওয়া হয়েছে।

লোকটা দেখতে খুব লম্বা নয়। কিন্তু শক্তিশালী পেশীবহুল শরীর। হাঁটু পর্যন্ত জোব্বা। কোমরে কাপড়ের মোটা পেট্টি। কাঁধ অনাবৃত। চোয়াল উঁচু, নাক খাড়া...আর হাতের আঙ্গুলের ডগাগুলি রক্তের মত লাল। 

পৃথিবীর কোন পরিচিত জাতের নয় লোকটি। অন্ততঃ রঙে, চেহারায় ও শারীরিক অন্যান্য বৈশিষ্টেও চেনার জো নেই। লোকটা অজ্ঞান হয়ে পড়ে রইল মেঝেয়।

ওরা অপেক্ষা করতে লাগলো ইমতিয়াজের জন্য।

বেশ কিছুক্ষণ পর ইমতিয়াজ এলো। চোখে-মুখে হতাশা। লোকটাকে দেখে সে বিস্মিত বা আনন্দিত হলো না।


রাত প্রায় শেষ হয়ে এসেছে। ওরা ফিরে এলো মতিঝিলের ফ্ল্যাটে। লোকটাকে মাঝখানে রেখে ওরা কফি পান করল। কথাবার্তা বলল। লোকটার তখন মাত্র জ্ঞান ফিরে এসেছে। রক্ত-লাল চোখ তুলে বার বার সে তাকাচ্ছে চারদিকে। অসহায় ক্রোধে এক একবার অধীর হয়ে উঠেছে সে। ছটফট করছে।

ইমতিয়াজ বলল : আমাকে হত্যা করতে এসেছিলে কেন?

লোকটা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। একই কথা ইংরেজী, স্পেনিশ ও ফরাসী ভাষায় আওড়ালো ইমতিয়াজ। কোনো ফল হল না। লোকটা উত্তেজিত হয়ে উঠল। কতগুলি জটিল অর্থহীন ধ্বনি বেরোল মুখ দিয়ে। ইমতিয়াজ বুঝল বাংলা, ইংরেজী, স্পেনিশ, ফরাসী কোন ভাষাই বোধগম্য নয় ওর কাছে।

ইমতিয়াজ তাকাল পূরাতত্ত্ববিদ রেহানার দিকে। বলল : তুমি কিছু বুঝতে পারছ?

: অদ্ভূত ব্যাপার।

তবে রেহানা গভীর বিস্ময়ের ভেতর থেকে বলল : আমি কিছুই বুঝতে পারছি না। মনে হচ্ছে যে ভাষায় কথা বলছে লোকটা সেটা প্রাচীন মায়ান ভাষা। এই লোকটা হচ্ছে সেই জাতের একজন যারা দক্ষিণ আমেরিকার চিকেন ইট্‌জায় প্রায় পাঁচ হাজার বছর আগে পিরামিড তৈরী করেছিল। কিন্তু এই জাতের কোন অস্তিত্ব আজ পৃথিবীতে নেই। মায়া সভ্যতা এখন ইতিহাসের গল্প। এই লোকটা…

অধীর ভাবে ঠোঁট কামড়াল রেহানা। বলল : ঠিক আছে, আমাকে কিছুক্ষণ সময় দাও। দেখি এই ভাষার দু’একটা শব্দ স্মরণ করতে পারি কি না...

কিন্তু ইমতিয়াজ অপেক্ষা করল না। মাঝখানে বসা অদ্ভুত দর্শন লোকটার সাথে সে মায়ান ভাষায় কথা বলতে শুরু করল। উচ্চারণ করতে কষ্ট হচ্ছিল তার, একটা শব্দ বলার পর চিন্তা করে করে তাকে আর একটা শব্দ যোগাতে হচ্ছিল। কিন্তু মোটামোটি বোধগম্য মায়ান ভাষায় কথা বলছিল সে।

মায়ান-ভাষী লোকটা অবাক হয়ে গোল গোল চোখ মেলে তাকিয়ে রইল। তার মাতৃভাষায় এভাবে এ সময় কেউ কথা বলতে পারে এটা সে বিশ্বাস করতে পারছিল না।

ইমতিয়াজ বলল : প্রশ্নের উত্তর দাও। আমাকে গুলি করেছিল কেন?

লোকটা উত্তেজিত হয়ে উঠল। এক রকম ‘হিস হিস’ স্বরে চেঁচিয়ে উঠল সে। শুধু বলল :

: রাজাধিরাজ সর্প-রাজের ইচ্ছে! সর্প-রাজের পুত্র নীল দৈত্যের আদেশ।

: বটে! তোমাকে এই রাইফেল এই বায়নোকুলার কে দিয়েছে?

লোকটা চেঁচিয়ে উঠল : বলব না।

ইমতিয়াজ কঠোর গলায় বলল : আর এই বাড়ীতে গুরুত্বপূর্ণ দলিলগুলি উদ্ধারের জন্যে কে পাঠিয়েছে তোমাকে?

: তুমি শয়তান! তুমি পাপী!

লোকটা চেঁচাতে লাগল : তোমার উপর সর্প-রাজের অভিশাপ পড়েছে। নীল-দৈত্যের আদেশে লাল মৃত্যুর অভিশাপ নামবে তোমার উপর। তোমার কোন কথারই উত্তর দেব না আমি!

: কিন্তু উত্তর তোমাকে দিতেই হবে।

ইমতিয়াজ সেইরকম কঠোর গলায় বলল : তোমাকে বলতেই হবে কে তোমাকে এখানে পাঠিয়েছিল। রাইফেল, বায়নোকুলার কে দিয়েছে তোমাকে? বল…জবাব দাও আমার প্রশ্নের…।

লোকটা চুপ করে রইল।

ইমতিয়াজ তখন বন্ধুদের ব্যাপারটা বুঝিয়ে বলল বাংলায়!

জিথ্রি আসাদ বলল : আমি তাহলে চেষ্টা করি ইমতিয়াজ। গায়ে-গতরে দু’একটা প্রেমময় গোত্তা পড়লেই বাপ্‌ বাপ্‌ বলে জবাব দেবে...

ইমতিয়াজ মাথা নাড়ল! বলল : না, দেবে না। মায়ানরা হচ্ছে এক অদ্ভুত জাত। মৃত্যু এদের কাছে তুচ্ছ ব্যাপার। এরা প্রাণ দেয় কিন্তু আদর্শ বিসর্জন দেয় না।

: আদর্শ?

অবাক হয় জিপ্পি আসাদ : তোমাকে গুলি করে মারতে আসার পেছনে কি আদর্শ রয়েছে ওর?

: সেটা আমারও জিজ্ঞাসা...

ইমতিয়াজ বলল : সবটা ব্যাপারেই একটা রহস্য রয়েছে। আপাতত সেই রহস্য ভেদ করা সম্ভব হচ্ছে না আমাদের পক্ষে। তবে একটা ব্যাপার পরিষ্কার হয়ে গেছে। এই লোকটার সাথে রয়েছে এমন একজন বা একাধিক লোক যারা ইংরেজী জানে, আমাদের মতিঝিলের ফ্ল্যাট এবং গুলশানের বাড়ী চেনে আর লাল ইটের নীচে রয়েছে যে গুরুত্বপূর্ণ দলিল সেই দলিল তার বা তাদের একান্ত দরকার।

: লোকটা কি ইক্‌রাম উল্লাহ চাচা?

: অথবা মীর্জা চাচার বিশ্বাসী চাকর ইব্রাহীম?

ইমতিয়াজ কথা বলল না। অর্থাৎ এ ব্যাপারে নিশ্চিত কিছু জানা নেই তার। রেহানা উঠে গিয়ে আর এক কেট্‌লী গরম পানি চড়িয়ে দিয়ে এল কফির জন্যে। জানালায় হাল্‌কা আলো ফুটে উঠেছে ইতিমধ্যে। বহু দূরের আবাসিক এলাকা থেকে ভেসে আসছে পাখী-পাখালীর শব্দ। ট্রেনের হুইশিল। মোরগের ডাক।

নিঃশব্দে কফি পান করল ওরা। ইমতিয়াজ বলল : আমি আর এক ভাবে লোকটাকে বশে আনার চেষ্টা করতে যাচ্ছি। হিপ্‌নোটিজম।

এতক্ষণে কথা বলল পুরাতত্ত্ববিদ রেহানা। বলল : হ্যাঁ, তন্ত্র-মন্ত্র, হিপ্‌নোটিজম মেসমেরিজম এগুলোর খুব ফল হয় এদের উপর। বিশেষ করে মায়ান জাতি তন্ত্র-মন্ত্রের ভীষণ ভক্ত...

: মায়ান জাতি! মায়ান সভ্যতা...

জাহেদ গরম পানির মত উথলে উঠল : Impossible অসম্ভব! হতেই পারে না! তোমাদের মাথা খারাপ হয়েছে...

জাহেদ ঘোষণা করল : মাথা খারাপ হয়েছে তোমাদের। তা নইলে পাঁচ হাজার বছর আগে যে মায়া জাতি সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন হয়ে গেছে পৃথিবী থেকে, তোমরা কিনা বলছ এ লোকটা সেই জাতিরই লোক। উঃ গত...সবকিছুর একটা সীমা থাকে। পাঁচ হাজার বছর আগের ব্যাপার…

রেহানা বলল : হ্যাঁ, মায়া জাতি নিশ্চিহ্ন হয়ে গেছে বলেই আমরা জানি। কিন্তু এই লোকটা যে মায়া জাতির সে বিষয়ে আমার কোন সন্দেহ নেই।

ইমতিয়াজ বলল : আমারও নেই।

: তোমারো নেই,

জাহেদ বিষন্ন বোধ করলো এবারে। বলল : তাহলে আমারই মাথাটা খারাপ হয়ে গেছে বোধ হয়! My head is lost now. এখন আমার মাথার ঠিক নেই...

রেহানা টিপ্পণী কাটল : শুধু এখন কেন চাঁদ? কোন সময়ই ছিল না।

জাহেদ কোন জবাব না দিয়ে কফিতে চুমুক দিল এবং মাঝে মাঝে মাঝখানে বসা বিচিত্র দর্শন লোকটাকে দেখতে লাগলো।

লোকটার চোখে-মুখে যেন আগুন জ্বলছে! ঠোঁট নড়ছে উত্তেজনায়। কিন্তু কোন শব্দ হচ্ছে না। ইমতিয়াজ উঠে দাঁড়িয়ে মায়ান ভাষায় বলল : তোমাকে শেষবারের মতো বলছি...উত্তর দাও. আমার প্রশ্নের। বল কে তোমাকে পাঠিয়েছে?

লোকটা ঠোঁট চেপে বসে রইল। কথা বলল না। চোখে-মুখে ফুটে উঠেছে সুদৃঢ় প্রতিজ্ঞার ছাপ।

: উত্তর দাও। 

লোকটা নিরুত্তর।

ইমতিয়াজ উঠে গিয়ে লোকটার সামনে দাঁড়াল। ইমতিয়াজের স্থির কালো চোখে জ্বলে উঠল ফসফরাসের মত সামুদ্রিক আলো। সেই আলো প্রথমে প্রদীপের মত পরে ভাষাময় অগ্নি-গোলকের মত অস্থির হয়ে উঠতে লাগল। আদেশ ফুটে বেরোতে লাগল সেই অগ্নি-গোলক থেকে। নিষ্ঠুর থেকে নিষ্ঠুরতর হয়ে উঠল চোখের সামুদ্রিক আলো।

লোকটা হেলান দিয়ে বসেছিল। এবারে সোজা হয়ে বসল। প্রাণপণে অন্যদিকে মুখ ফিরিয়ে রইল কিন্তু শেষ পর্যন্ত মুখ না ঘুরিয়ে পারল না। তাকাতেই হল ইমতিয়াজের দিকে। আশ্চর্য পরিবর্তন ঘটল তার মুখের। উঁচু চোয়ালের নীচে ঝুলে পড়ল কর্কশ লাল চামড়া। পাতলা ঠোঁট জোড়ার ফাঁকে বেরিয়ে পড়ল হিংস্র দাঁতগুলি। গোঁ গোঁ করতে লাগল লোকটা। মাথা যেন কিছুতেই অন্য দিকে ফেরাতে পারছে না। অসম্ভব চেষ্টায় সে কোন মতে উঠে দাঁড়াল। দু’পা এগিয়ে গেল অপ্রকৃতিস্থের মত। যেন বুঝতে পারল আর একটু দেরী হলেই সে চলে যাবে ইমতিয়াজের হিপনোটিজমের সম্পূর্ণ আয়ত্তের ভিতরে। ‘হিস্ হিস্’ শব্দ করে মায়ান ভাষায় বলল : দেবতা, আমাকে স্বর্গসুখ দিয়ো।… আমার আত্মাকে মুক্তি দিয়ো নীল-দৈত্য। এই বলে যুদ্ধোদ্যত ষাঁড়ের মতো মাথা নীচু করে প্রবল বেগে ছুটে গেল জাহেদ ও রেহানার বেষ্টনীর ফাঁক দিয়ে সে জানালার কাছে। ছুটে গিয়ে পড়ল জানালার উপর। কাঁচ ভেদ করে সে লাফিয়ে পড়ল চার তলা থেকে নীচে।

ব্যাপারটা ঘটে গেল সম্পূর্ণ অপ্রত্যাশিত ভাবে। ওরা চারজনেই হতবাক হয়ে বসে রইল কিছুক্ষণ। তারপর নীচে নেমে এল। টেলিফোন করা হল থানায়। পুলিশের হাঙ্গামা মিটতে মিটতে দশটা বেজে গেল।


সন্ধ্যা পর্যন্ত বিশ্রাম নিল ওরা।

সন্ধ্যার পর একত্রিত হল লাইব্রেরী ঘরে। আগের রাতের ঘটনার কোন ছায়া নেই এদের চোখে-মুখে। বিপদ বাধাকে সহজ ভাবে মেনে নিতেই অভ্যস্ত হয়েছে ওরা ছোট বেলা থেকে।

ওরা চারজন ভিন্ন ভিন্ন পরিবেশে মানুষ হয়েছে। জিপ্পি আসাদ চট্টগ্রামের এক বিখ্যাত ব্যবসায়ী পরিবারের ছেলে। ষোল বছর বয়সে সে পাড়ি দিয়েছিল আমেরিকা। তেইশ বছর বয়স পর্যন্ত আমেরিকায় কাটিয়েছে সে দেশ ও পরিবারের সাথে সম্পর্ক সম্পূর্ণ ছিন্ন করে। চব্বিশ বছর বয়সে লণ্ডনে এক ঘোড় দৌড়ের মাঠে পরিচিত হয় ইমতিয়াজের সাথে। রেস জেতার নেশা ছিল না ইমতিয়াজের। তার নেশা ছিল লণ্ডন রেসের সবচে’ বিপজ্জনক ঘোড়াগুলি বাগে এনে দৌড়ানোর।

প্রথম দেখার পর সম্পর্ক একদিনের জন্যেও ছিন্ন হয় নি ইমতিয়াজের সাথে। ইমতিয়াজের শক্তি ও মেধার ভক্ত হয়ে দাড়াল সে। ইমতিয়াজের জীবনে যে বিপদ বাধার খেলা সে খেলার সাথেও যুক্ত হল আসাদ অনিবার্য ভাবেই।

জাহেদের শিক্ষা জীবনও কেটেছে বাংলা দেশের বাইরে, উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশের পেশোয়ারে। সে ছিল ইমতিয়াজের স্কুল জীবনের বন্ধু। মীর্জা মাহমুদ কিছুকাল খাইবার গিরিপথ নিয়ে গবেষণা করেছিলেন দি ওয়ার্ল্ড এটলাস কোম্পানীর হয়ে। তার হেড অফিস ছিল পেশোয়ার। তখনই জাহেদের সাথে বন্ধুত্ব গড়ে উঠেছিল ইমতিয়াজের। দু’জনের স্বভাবে মোটেই মিল ছিল না। ইমতিয়াজ ছিল ডাকাবুকো, এডভেঞ্চারের পাগল, বইয়ের তন্ময় পাঠক, জীবন ও জগতের প্রতি অস্বাভাবিক রকম কৌতুহলী। জাহেদ ছিল বলতে গেলে প্রায় উল্টো। সে ছিল ভীতু, বই-পোকা, আলসের একশেষ। ইঞ্জিনিয়ারীং পরীক্ষায় তার ফল ছিল অদ্ভুতরকম ব্রিলিয়ান্ট। আইনের পরীক্ষাও সে পাশ করেছিল কৃতিত্বের সাথে। তার পরবর্তী প্ল্যান ছিল বিদেশ থেকে মাইনিং ইঞ্জিনিয়ারীং-এর উপর একটা ডক্টরেট নিয়ে দেশে ফিরে গাঁট হয়ে বসা এবং বিয়ে-থা করে সংসার ধর্ম প্রতিপালন করা। কিন্তু ইঞ্জিনিয়ার জাহেদ ভাবল এক, হয়ে গেল অন্যরকম। লণ্ডনে তার সাথে দেখা হল ইমতিয়াজের। ডক্টরেট নেওয়া শিকেয় উঠল তার। সে যোগ দিল একটা ফ্লায়িং ক্লাবে। যাদুর মত আকর্ষণ করল তাকে ইমতিয়াজ। ইমতিয়াজের সাথেই অতঃপর সে যুক্ত হয়ে পড়ল নিয়তির বিধানের মত অলক্ষ্যভাবে।

রেহানার বাবা পাকিস্তানী, মা ফরাসী মহিলা। মা-বাবা দু’জনই প্যারিসে আছেন। তারও থাকার কথা প্যারিসেই। কিন্তু রেহানার রক্তে ফরাসীদের নগর-বিলাস নেই। আছে যাযাবর-সুলভ বৈরাগ্য। বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী নিয়ে সে বেরিয়ে পড়েছিল পৃথিবী ভ্রমণে। কিছুদিন কতগুলি নতুন ধরনের স্পেসিস নিয়ে কাজ করেছিল ইন্দোনেশিয়ার বালি দ্বীপে। রেহানাকে কলম্বো থেকে সংগ্রহ করেন মীর্জা মাহমুদ। পুরাতত্ত্ববিদ হিসাবে মেয়েটির মেধা তাঁকে মুগ্ধ করেছিল। রেহানা কিছুদিন বৃদ্ধ মীর্জা মাহমুদকে ‘মি: মাহমুদ’ বলে ডাকল। সম্পর্কটা রাখতে চাইল ভদ্রলোক ও ভদ্রমহিলার, কিন্তু মীর্জা মাহমুদের অসাধারণ ব্যক্তিত্বের আকর্ষণে সেই সম্পর্ক নেমে এল পিতা-পুত্রীর সম্পর্কে। সিংহলের কাজ শেষ হবার পর মীর্জা মাহমুদ যখন ঢাকায় ফিরে এলেন তখন রেহানাও ফিরে এল তাঁর সাথে পূর্ব-পাকিস্তানে। ইংল্যাণ্ড থেকে কিছুদিন পর ইমতিয়াজ ফিরে এল ঢাকায়। সাথে জাহেদ ও জিপ্পি আসাদ। অনিবার্যভাবেই রেহানা সংযুক্ত হয়ে পড়ল ওদের সাথে। ওদের ত্রিভুজ ভেঙে গেল। সৃষ্টি হল সম্পর্কের চতুর্ভূজ।

দু’বছর আগে থেকে ওরা চারজন মিলে একটা বিচিত্র সঙ্ঘ গড়ে তুলেছে। শক্তি ও মেধায় চারজনই অসাধারণ। এরা সংসারের সহজ ছকে ঢুকল না। সহজ কোন জীবন গ্রহণ করল না। যা কিছু রোমাঞ্চকর, যা কিছু ভয়ানক, তার সন্ধানে দুনিয়াময় ঘুরে বেড়াতে লাগলো এরা বল্গাহীন অশ্বের মতো।

ঢাকায় অবশ্য এরা এসেছিল মীর্জা মাহমুদের মৃত্যু-সংবাদ পেয়ে। প্রশান্ত মহাসাগরের ছ’শো ফুট নীচে এরা তখন ব্যস্ত ছিল সমুদ্রের রহস্যময় জগত আবিষ্কারের কাজে। মীর্জা মাহমুদের মৃত্যু-সংবাদ পেয়ে এরা দেরী করে নি, ছুটে এসেছে ঢাকায়।

ভেবেছিল শেষ-কৃত্য শেষ করেই আবার ফিরে যাবে নিউজিল্যাণ্ডে। সেখান থেকে প্রশান্ত মহাসাগরের বুকে। ডুবে যাবে সমুদ্রের রহস্যময় জগত আবিষ্কারের কাজে।

কিন্তু ঘটনা-চক্র দাঁড়াল সম্পুর্ণ অন্যরকম! বিপদ বাধা কাল হয়ে দাঁড়িয়েছে এখানেও। এরা জড়িয়ে পড়েছে রহস্যময় এক চক্রে।

কিন্তু বিপদ, বাধা ও ভয়ের রাজত্বে এরা সম্পুর্ণ ভাবে অভ্যস্ত। এনিয়ে কিছুমাত্র দুর্ভাবনা নেই এদের। বরং নতুন এক চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে এরা দুর্দমনীয় হয়ে উঠেছে আগের চাইতেও।

প্রথমতঃ মীর্জা মাহমুদের হত্যাকারী কে সেটা বার করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ এরা। দ্বিতীয় মীর্জা মাহমুদ যে কাজের ভার দিয়ে গেছেন ইমতিয়াজের উপর সে কাজ সম্পন্ন করার প্রতিজ্ঞায়ও অচল, অনড় ওরা।

নতুন রহস্য দেখা দিয়েছে এবার ঘটনা চক্রে। খুব সহজভাবেই ঘটনা-চক্র স্বীকার করে নিয়েছে এরা। গত রাতের নিদ্রা-হীন অভিযানের পর বিশ্রাম নিল এরা দিনের বেলায়। ভাবনা-হীন বিশ্রাম। পরে কি হবে এ নিয়ে কিছু মাত্র দুশ্চিন্তা নেই এদের।

সন্ধ্যার পর ওরা একত্রিত হল লাইব্রেরী ঘরে।

সজীব ও সুশান্ত এদের চোখ-মুখ।

ক্লান্তি-হীন ঝরঝরে শরীর।

জিপ্পি আসাদ কফি তৈরী করল। কফি খেতে খেতে ওরা কিছুক্ষণ মেরু প্রদেশের ‘নীল তিমি’ নিয়ে গল্প করল। ৮৯ফিট লম্বা ১০৭টন ওজনের একটা তিমি সেবার শিকার করেছিল আমেরিকার একদল শিকারী। ১৫০ জন মিলে একযোগে ছুরি চালিয়েছিল তিমিটার শরীরে..... আট টন রক্ত ঝরে যাবার পর মরেছিল তিমিটা, তার আগে লেজ আছড়ে জাহাজ কাপিয়ে এক লণ্ড-ভণ্ড কাণ্ড শুরু করে দিয়েছিল।

'নীল তিমি’র পর এল আফ্রিকার তিন-মাথা সাপের প্রসঙ্গ। তার পর গোবি মরুভূমির চিতাবাঘ। প্রসঙ্গ অনিবার্য-ভাবেই ফিরে এল গত-রাতের ঘটনা ধরে।

রেহানা বলল : মায়ানটা বুঝতে পেরেছিল যে সবকথা খুলে বলতেই হবে, তাই সে আত্ম-হত্যা করেছে জানালা থেকে লাফিয়ে পড়ে।

: বিচিত্র কোন একটা ব্যাপার আছে এর মধ্যে।

জাহেদ মন্তব্য করল : আমরা যা ধারণা করছি হয়তো তার চেয়েও আশ্চর্য-জনক কিছু।

: হতে পারে,

ইমতিয়াজ স্বীকার করল।

বলল : লাল ইটের নীচে জরুরী কি সব দলিল পত্র রয়েছে, এবার সেটা দেখা যাক।

জাহেদ, জিপ্পি আসাদ, রেহানা অনুসরণ করল ইমতিয়াজকে ল্যাবরেটারী ঘরে। কোথায় দলিলগুলি রয়েছে জানার জন্য উৎসুক হয়ে উঠল ওরা। সব কিছুর উপর দলিলগুলি কি অর্থে গুরুত্বপূর্ণ সেটা জানার ইচ্ছেই প্রবল হয়ে উঠল এদের মনে।

সবাই লক্ষ্য করল ল্যাবরেটারী ঘরের মেঝের উপরে বিছানো রয়েছে রবারের পুরু সতরঞ্চি।

ইমতিয়াজ রবারের সতরঞ্চিটা কেটে দিল দু’ভাগ করে! মেঝে থেকে সরিয়ে দিল রবারের আচ্ছাদন।

মেঝের প্রত্যেকটা ইট লাল রঙের।

ঘরের আলো নিভিয়ে দিল ইমতিয়াজ। আল্টাভায়োলেট রে’ নিক্ষেপ করল মেঝের উপর। অন্ধকারে লাল টুকটুকে দেখাল মেঝের প্রত্যেকটা ইট। এর ভেতর সবারই চোখ পড়ল দক্ষিণ-পশ্চিম কোণের একটা বড় চৌকো-ইটের উপর। ইটটা অস্বাভাবিক লাল। সব কটা ইটের চাইতে রক্তিম।

ইটটা সাবধানে মেঝে থেকে আলগা করল ইমতিয়াজ বার হয়ে পড়ল মসৃণ কেমিকেল্‌স দিয়ে লেপা একটা চোরা কুঠুরী। সেই চোরা কুঠুরীতে একটা মোমের তৈরী বাকস পাওয়া গেল।

দলিলগুলি রয়েছে এই বাক্সেই। ইমতিয়াজ দলিলগুলি খুলল। চমৎকার লেজার পেপারের তৈরী। স্প্যানিশ ভাষায় লেখা। দলিলের উপরে হিদাল্‌গো রাজ্যের সিল। এ ছাড়াও রয়েছে ভয়ঙ্কর-দর্শন বিড়াল জাতীয় একটা জীবের ছবির নীচে মায়ান ভাষায় লিখিত একটা দস্তখৎ।

মূল দলিলে রয়েছে হিদাল্‌গো রাজ্যের প্রেসিডেণ্টের আদেশ। প্রতি বছর এক হাজার ডলার খাজনা দেওয়ার সর্তে মীর্জা মাহমুদ তার কাছ থেকে মোট নিরানব্বই বছরের জন্য পঁচিশ স্কোয়ার মাইল জমি কিনে নিয়েছেন। মীর্জা মাহমুদের অবর্তমানে তাঁর সন্তান ইমতিয়াজ হবে এই সম্পত্তির অধিকারী।

দশ বছর আগে এই দলিল সম্পাদিত হয়েছিল। মূল দলিলের সাথে রয়েছে দশ বছরের খাজনা দেয়ার দশটা রসিদ। সেই সাথে রয়েছে দুই পক্ষের অধিকার ও আইন সম্পর্কিত আরো কিছু দলিল।

: এক হাজার ইণ্টু দশ…চোখ কপালে তুলল রেহানা ঃ দশ বছরে এতোগুলি টাকা শুধু শুধু খাজনাই দেওয়া হয়েছে! কী সাঙ্ঘাতিক রকম লোক ছিলেন মীর্জা মাহমুদ। বাপ্‌ ডাকলাম পাঁচ পাঁচটা বছর... অথচ একটা কথাও জানতে দেয় নি বুড়ো!

ওরা আবার ফিরে এল লাইব্রেরী ঘরে। গোল হয়ে বসল। চারজনের ভেতর ধূমপানের অভ্যাস আছে জাহেদের। সে সিগারেট ধরাল। দলিলগুলি আর একবার খুঁটিয়ে খুঁটিয়ে পড়ল ইমতিয়াজ। সামান্য গম্ভীর দেখাল তার চোখ দুটি।

: বুঝতে পারছ কিছু? সে জিজ্ঞেস করল জাহেদকে।

: হ্যাঁ। চাচাজান যে জমি কিনেছিলেন দশ বছর আগে সে জমি রত্ন-গর্ভা।

: রত্ন-গর্ভা। পরিষ্কার করে বলো কথাটা।

: অমূল্য কোন সম্পদ রয়েছে সেই জমিতে প্রচুর পরিমাণে।

: বটে। হিদাল্‌গো রাজ্যের প্রেসিডেন্ট তাহলে বার্ষিক একটা খাজনা ধরে বেচে দিলেন কেন সে জমি?

: হয়তো সম্পদের কথা তিনি জানতেন না।

: এখন জানেন?

: নিশ্চিত ভাবে কিছু বলা কঠিন। হয়তো জানেন। কিন্তু জেনেই বা কি করবেন? এই জমি ফিরে পেতে হলে আইন মোতাবেক তাকে অপেক্ষা করতে হয় আরো ঊনআশি বছর।

: তিনি এবং সুখের বিষয় আমরাও এ্যাদ্দিন বাঁচব না। কি বলো?

জাহেদ হাসল একটু : মায়ান লোকটা কি তারই চর?

: হতে পারে। অথবা নিহত মায়ানটির সাথে যুক্ত রয়েছে এমন একজন বা একাধিক ব্যক্তি যাকে আমরা চিনি না। 

: অথবা খুবই চিনি।

জিপ্পি আসাদ হেসে বলল : হতে পারে সেই লোকটাই ইকরামুল্লাহ চাচা বা ইব্রাহিম।

: অনুমানেই জ্ঞান এগোয়,

ইমতিয়াজ হাসিতে যোগ দিল : যথেষ্ট জ্ঞান-চর্চা হয়েছে। এবার বাস্তব কিছু জ্ঞান অর্জন করা যাক। ইকরামুল্লাহ চাচার ওখানে চলো। ধানমণ্ডী আর, এ—দুই নম্বর রোড।

মীর্জা মাহমুদের গ্যারেজে তিনটে গাড়ীর ভেতর ছোট মরিস মাইনরটাই ঢাকা ফিরে আসা অবধি চালাচ্ছে ইমতিয়াজ। গাড়ীর বডিটা মরিস মাইনরের। কিন্তু ইঞ্জিন অত্যন্ত শক্তিশালী। বিদেশ থেকে মূল্যবান পার্টস আনিয়ে নিজের হাতে এই ইঞ্জিন বানিয়েছিলেন মীর্জা মাহমুদ। শত্রুর চোখে ধূলো দেওয়ার জন্য এরচেয়ে ভাল গাড়ী আর হয় না। ছোট মরিসটা যখন লেজ গুটিয়ে দেড় শো মাইল স্পীডে দৌড়ায় তখন সেটা বিশ্বাস করা কঠিন হয়।

ড্রাইভিং সিটে বসল রেহানা। ইমতিয়াজ বাদে ঢাকার রাস্তা-ঘাট তারই সবচে’ চেনা। গাড়ী ছুটে চলল ধানমণ্ডীর আবাসিক এলাকা ধরে। একটা ছোট মাঠের পাশে থামল গাড়ী।

মাঠের ধারে দাড়িয়ে আছে এক-তলা একটা ছিমছাম সাদা বাড়ী। সামনে ছোট বাগান। ভেতরে আলো জ্বলছে।

বেশ কিছু লোকজন দেখা গেল বাগানে ও বাড়ীর এদিক ওদিক।

ভেতর থেকে কান্নার শব্দ আসছিল। ঠিক কান্না বলা উচিত হবে না। থেমে থেমে বিলাপের ক্লান্ত রাগিনী।

ঘরে ঢুকে তারপর খবরটা শুনল ওরা।

ইকরামুল্লাহ মারা গেছেন গতকাল রাত ন’টায়। নিজের ঘরে বসে পড়াশুনা করছিলেন তিনি। হঠাৎ গুলির শব্দ শুনে পাশের ঘর থেকে ছুটে আসেন তাঁর স্ত্রী। এসে দেখলেন ইক্‌রামুল্লাহ রক্তাক্ত দেহে মেঝেয় পড়ে আছেন। পর পর দুটো গুলি করা হয়েছে এবং দুটোই মস্তকে। এমন চূর্ণ-বিচূর্ণ হয়ে গিয়েছিল তাঁর মুখ-মণ্ডল ও মস্তক যে তাঁকে সনাক্ত করাই অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল পরিচিতদের পক্ষে। অবশ্য মিসেস ইক্রামুল্লাই পুলিশের কাছে স্বামীকে সনাক্ত করেছেন।

লাশ মর্গে পাঠানো হয়েছিল রাত্রেই। আজ বিকেলের দিকে লাশ ফেরত এসেছে পোষ্ট মর্টেম হয়ে যাবার পর মিসেস ইক্‌রামুল্লার কাছে। একটু আগে আজিমপুরে স্বামীকে কবর দিয়ে ফিরেছেন মিসেস ইক্‌রামুল্লাহ। তাঁকে ঘিরে জমে উঠেছে হৃদয়-বিদারক এক শোক-দৃশ্য। ইক্‌রামুল্লাহর ছেলেমেয়ে আত্মীয়-স্বজন সবাই গভীর শোকে মূহ্যমান।

মিসেস ইক্‌রামুল্লার কাছে আর জ্ঞাতব্য কিছুই ছিল না। মেডিকেল কলেজ হাসপাতালের রিসেপশানে এল এরা দেরী না করে। পোষ্ট-মর্টেম রিপোর্ট জোগাড় করল নিজেদের আইডেন্‌টিটি দেখিয়ে। পোষ্ট-মর্টেম রিপোর্টের সবচে’ বড় তথ্য ছিল ইক্রামুল্লাহর মাথায় বিদ্ধ বুলেট দুটি।

আকারে মস্ত বড়। একই রাইফেল থেকে না হলেও অন্ততঃ একই ধরণের রাইফেল থেকে ছোঁড়া হয়েছে বুলেট দুটি। ০.৫৭৭ ক্যালিবার নাইট্রো-এক্সপ্রেস রাইফেল। মেড ইন্‌ ইংল্যাণ্ড। যে কোম্পানী এই রাইফেল তৈরী করেছে সেই কোম্পানীর নাম ওয়েবলি এ্যাণ্ড স্কট; বার্মিংহাম, ইংল্যাণ্ড।


পাঁচ

নিউইয়র্ক।

একটি প্রথম শ্রেণীর হোটেলের চার কামরা যুক্ত সুইটে বেলা দুটোয় সোফায় আসীন জাহেদ অস্থির ভাবে উঠে বসল। হাতের ঘড়ি দেখল। উত্তেজিত দেখাল তার চোখ-মুখ।

বাইরের দরজা দিয়ে আসতে দেখা গেল রেহানাকে। পরণে স্কার্ট। গলায় রেশমী রুমালের টাই। বেশ হাসি-খুশী চেহারা।

: খুব ল্যাং মেরে এলে তো? জাহেদ রেগে-মেগে বলল।

: এলাম। অনেকদিন পর নিউইয়র্কে আসা তো, পরিচিতদের সঙ্গে দেখা সাক্ষাতের পালাটা মিটিয়ে নিলাম। জানো, এবার কার সাথে দেখা হয়েছে?

: কি করে জানবো? আমি কি ফেরেশতা-টেরেশতা নাকি?

: আহা রাগ করো কেন! তোমারও তো ছুটি ছিল বিকেল পাঁচটা পর্যন্ত। বেরোলেই পারতে আমার সঙ্গে!

: থাক। এখন কার সঙ্গে ড্যাং ড্যাং করে এলে সেটাই বলো! কে সেই ব্যক্তি, পুরুষ না রমণী?

: পুরুষ।

: পুরুষ!

: হ্যাঁ! কিন্তু আমার চোখে পুরুষ-রমণীর কোন ভেদাভেদ নাই।

: তোমার নাই। কিন্তু আমার আছে। বিশেষতঃ আমি...

কৃত্রিম রাগে কতক্ষণ চেঁচাল রেহানা। বলল : ফাউল হয়ে যাচ্ছে কিন্তু। আমরা লাভার নই, বন্ধু। 

ডাঁট দেখিয়ে জাহেদ বলল : ওই হল। যারে বলে ভাত তারে বলে অন্ন। লাভার নই, হতে কতক্ষণ। তা যাক ...লোকটা আইমিন যার সাথে ড্যাং ড্যাং করে এলে, সে মহাত্মা কে?

: আমার পিতাজী!

: অ্যাঁ···।

হাসল রেহানা : হ্যাঁ, ভদ্রলোক মাসদুই ধরে সস্ত্রীক এখানেই আছেন।

: I beg to be excused Rehana, আমি সত্যি লজ্জিত, দুঃখিত।

জাহেদ একটু বিপন্নভাবে ক্ষমা প্রার্থনা করল।

: I excuse you my dear nonsense!

হাসল রেহানা। পাশের কোচে বসল। ঘড়ি দেখল। বলল: ঠিক পাঁচটায় ফিরে আসার কথা না ওদের?

ওরা মানে জিপি আসাদ ও ইমতিয়াজ। ওরা গিয়েছে হিদালগো রাজ্যের ফরেন ফরেন অফিসে। হিদালগো রাজ্যে যাওয়ার ভিসা জোগাড় করতে। জাহেদ বলল : ফেরার কথা ছিল পাঁচটার আগেই। এখন পাঁচটা বেজে দশ মিনিট।

কৌতুক বোধ করে রেহানা বলল : তোমাকে খুব চিন্তাযুক্ত মনে হচ্ছে!

জাহেদ : হ্যাঁ। ভাবছি কোন বিপদ-আপদে যদি পড়ে গিয়ে থাকে ওরা।

হাসল রেহানা। বলল : তুমি বাপু মেয়েলোকের অধম হয়ে যাচ্ছ আজকাল। স্বভাবটা বদলাও একটু, বুঝলে?

জাহেদ বলল: বদলাব। তুমি যা বল তাই করব রেহানা।

: বটে?

: বিশ্বেস হচ্ছে না? তোমার সুন্দর দুটি চোখের কসম খেয়ে বলছি রেহানা…বিশ্বেস করো…।

চান্স পেয়ে জাহেদ আরো কিসব বলতে যাচ্ছিল এইসময় ঘরে ঢুকল জিপ্পি আসাদ ও ইমতিয়াজ। ঘরে ঢুকেই আসাদ বলল : এই কানামিঞা, কফির পানিটা চড়িয়ে দিয়ে এসো তো,—জলদি।

এমন একটা রোমান্টিক মুহূর্তে এই সম্বোধনে বিচলিত বোধ করল জাহেদ। রেগেমেগে ভদ্রতার উপর ছোটখাট একটা বক্তৃতা দিল সে আসাদের উদ্দেশ্যে। তারপর কফির পানি বসাতে কিচেনে চলে গেল।


হিদালগো রাজ্যে যাওয়ার প্রস্তুতি প্রায় শেষ হয়ে এসেছে এই ক’দিনে।

হিদালগো মধ্য আমেরিকার একটা পর্বতসঙ্কুল এলাকা। নামে মাত্র রিপাবলিক। প্রকৃতপক্ষে আমেরিকার করদ রাজ্য। এই রাজ্যের বেশীরভাগ জায়গায় লোক-বসতি নেই। পতিত। মীর্জা মাহমুদ এই রাজ্যের যে এলাকাটা কিনেছেন সেটা সভ্য জগতের একেবারে সম্পূর্ণ বাইরে। সাধারণতঃ হিদালগো রাজ্যে বিদেশী বা টুরিষ্টদের সাদর অভ্যর্থনা জানান হয়। সাধারণ ভাবে হিদালগো রাজ্যে যাওয়ার ভিসা পেতে ঘণ্টাদুই সময় লাগে। নিউ ইয়র্কে এই রাজ্যের একটা ফরেন অফিস রয়েছে। কিন্তু সেই অফিস ইমতিয়াজ এবং তার দলকে ভিসা দিতে সম্পূর্ণ অস্বীকৃতি জানাল। হিদালগো রাজ্যের প্রেসিডেন্টের সই করা দলিল দেখাল ইমতিয়াজ। তার প্রয়োজনের কথা জানাল সবিস্তারে। কিন্তু কোন ফল হল না। ফরেন অফিস এই অবেদন নাকচ করে দিল কোন যুক্তি না দেখিয়েই। শেষপর্যন্ত ইণ্টারন্যাশন্যাল কোর্ট এবং আমেরিকার জৈনিক প্রভাবশালী সিনেটরের সাহায্য নিল ইমতিয়াজ। ফরেন অফিস একরকম বাধ্যই হল ভিসা দিতে। হিদালগো অভিযান যে বিপদ সঙ্কুল তা ঢাকায় অবস্থান কালীন সময়েই টের পেয়েছিল ইমতিয়াজ। ভিসা সংক্রান্ত ব্যাপারে বুঝল বিপদ আরো জটিল হচ্ছে। বুঝল ওদের বিপক্ষে রয়েছে একটা শক্তিশালী দল। তারা ঢাকা থেকে সুদূর নিউ ইয়র্কে পিছু নিয়েছে ইমতিয়াজ ও তার দলবলের। যে কোন সময় ঘনিয়ে আসতে পারে চরম আঘাত।

প্রস্তুতির ব্যাপারে কোন খুঁৎ রাখতে চাইল না ওরা। ম্যাকেঞ্জি হরসন ইন্টারন্যাশন্যাল থেকে ওরা তিন-মটরের অল-মেটাল, একটা প্লেন কিন্‌ল বেশ চড়া দামে। জিপ্পি আসাদ প্রয়োজনীয় কেমিকেল্‌স্‌ সংগ্রহ সংগ্রহ করল, জাহেদ জোগাড় করল দরকার হতে পারে এমন-সব ইঞ্জিনিয়ারিং যন্ত্রপাতি। তাছাড়া নেওয়া হল ফার্স্ট এইডের বাক্স, শক্তিশালী ক্যামেরা, ব্যাটারীসেট, ছোট জেনারেটর, খাবারের বাক্স, দুটো বড় টর্চ, বারুদ ও গুলি, গোটাকয় বাড়তি রাইফেল ইত্যাদি।


যাবার আগের সন্ধ্যায় ঘটল ঘটনাটা। হোটেলের সুইট সংলগ্ন ছোট ড্রয়িং রুমের সোফায় বসে হিদালগো রাজ্যের ম্যাপ নিয়ে আলোচনা হচ্ছিল।

রেহানা বসেছে ইমতিয়াজের পাশে। মুখোমুখি বসেছে জিপ্পি আসাদ ও জাহেদ। রেহানার ঠিক সামনের টেবিলেই খোলা রয়েছে হিদালগো রাজ্যের ম্যাপ।

ড্রয়িংরূমের দেয়ালগুলি চমৎকার মোটা রঙিন কাগজে মোড়া।

দরজা ও জানালায় পুরু পর্দা।

মেঝেয় বিছানো রয়েছে দামী লাল গালিচা।

ঘরের এককোণে লর্ড যিশুর ভাস্কর মূর্তি, দু’হাত উপরে তুলে সৃষ্টিকর্তার কাছে মানুষের মুক্তি প্রার্থনা করছেন যিশু। ঘরের আর এককোণে রাখা তিনটে টব। টবের উপর নকল অর্কিড।

এয়ার-কণ্ডিশন করা ঘরে উজ্জ্বল ফ্লোরেসেন্ট আলো। পশ্চিম দিকের দরজাটা বন্ধ। তাছাড়া ভেতর ও বাহির দিকে দুটো দরজা আছে—দুটোই ভেজানো।

ঘণ্টাখানেক আগে এরা ফিরেছে ঘরে।

প্রস্তুতি পর্ব শেষ। আগামীকাল ভোরবেলা নিউইয়র্কের নর্থ বীচ এয়ারপোর্ট থেকে রওনা হবে ওরা হিদালগো রাজ্যে। হিদালগো রাজ্যের ম্যাপ সামনে নিয়ে আলোচনা করছিল ওরা।

ম্যাপের দক্ষিণ-পূর্ব প্রান্তের পর্বত-বেষ্টিত এলাকার উপর একটা আঙ্গুল রাখল রেহানা। বলল : পর্বত দিয়ে ঘেরা এই জায়গাটা দুনিয়ার সবচে দুর্গম অঞ্চল। এটা আমার নয়—বিশেষজ্ঞদের মত। স্থলপথে যারা এই অঞ্চলে প্রবেশ করার চেষ্টা করেছে তারাই হয় বন্য পশুর হাতে নতুবা সেখানকার আদিম অধিবাসীদের হাতে মারা পড়েছে। এই বিশেষ এলাকা কাগজ পত্রেই হিদালগো রাজ্য। আসলে এটা হিংস্র বন্য পশু এবং মানুষ খেকো আদি-বাসীদের অধিকারে।

: কিন্তু এই এলাকাতেই পড়েছে আমার জমিদারী।

ইমতিয়াজ, রসিকতা করে হাসল। বলল : এবং আমরা যাচ্ছি এই এলাকারই দখল নিতে।

জাহেদ বলল : আমাদের ভাবনা কি? আমারা যাচ্ছি আকাশপথে। আকাশে নিশ্চয়ই বন্যপশু বা মানুষ থেকে আদি-বাসী নেই।

: তা নেই।

স্বীকার করল রেহানা। বলল : কিন্তু এই এলাকার আকাশে কোন পাখী ওড়ে না। আজ পর্যন্ত কোন প্লেন এই এলাকার আকাশ ভেদ করে এগোতে পারে নি।

: কারণ?

: কারণ অজ্ঞাত।

জিপ্পি আসাদ বলল : কিন্তু মীর্জা চাচা কি করে গিয়েছিলেন ওখানে? পথ একটা নিশ্চয়ই আছে।

: হয়তো আছে। কিন্তু তা আমাদের জানা নেই। জিপ্পি আসাদ আরো কি একটা বলতে যাচ্ছিল ঠিক এসময় গম্ভীর গলায় কেউ ‘গুড্‌ ইভ্‌নিং’ বলে উঠল।

সবাই তাকাল চারদিকে। দেখল কেউ কোথাও নেই। দরজা আগের মতই ভেজানো। ঘরে তারা ছাড়া আর কোন ব্যক্তি নেই।

অদৃশ্য কণ্ঠস্বর ভেসে এল আবার আগের মতো। কেউ একজন ভারী গলায় ইংরেজীতে বলল : অবাক হচ্ছো নিশ্চয়ই? অবাক হওয়ার কিছু নেই। তোমাদের কাছাকাছিই রয়েছি বলতে গেলে। একটা কথা জানাবার জন্যেই কষ্ট করে তোমাদের কাছাকাছি আসতে হয়েছে আমাকে।

বিচলিত বোধ করল চার বন্ধু। অদৃশ্য কণ্ঠস্বর হেসে উঠল এবার। বলল : জানতে চাও কোত্থেকে বলছি?

জিপ্পি আসাদ বলল : না। কাছাকাছি যদি থেকে থাকে। কোথাও তাহলে আমাদের হাত থেকে রক্ষা নেই তোমার।

জিপ্পি আসাদের কথার কোন জবাব দিল না অদৃশ্য কণ্ঠস্বর। আসাদের কথা শেষ হবার আগেই বলল : আমিই সেই ব্যক্তি যে ইমতিয়াজকে হিদালগো অভিযানে আসতে নিষেধ করেছিল। ইমতিয়াজ, তুমি আমার কথা শোন নি। এর ফল কি জানো? মৃত্যু। হিসেব করে রাখো আগামী চব্বিশ ঘণ্টার মধ্যে মৃত্যু ঘটবে তোমার। হ্যাঁ, আমার হাতেই। তোমার বন্ধুদের দশাও হবে তোমার মতই। কেউ বাঁচাতে পারবে না তোমাদের।

একটু থামল সেই কণ্ঠস্বর। তারপর বলতে শুরু করল : কিন্তু আমি বলছি, এখনো সময় আছে। হিদালগো অভিযান থেকে বিরত হও। ফিরে যাও বাংলা দেশে। যদি আমার কথামত রাজী হও তাহলে মৃত্যুদণ্ডাদেশ তুলে নেওয়া হবে তোমাদের উপর থেকে।

সেই অদৃশ্য কণ্ঠস্বর এবার গম্ভীর আর কঠোর শোনাল : ইমতিয়াজ আলী, আপততঃ আমি তোমার বন্ধু। দশ ঘণ্টা তোমাকে সময় দিলাম। হয় এর মধ্যে সিদ্ধান্ত পরিত্যাগ কর, নতুবা মৃত্যুর জন্যে প্রস্তুত হও। ঠিক দশ ঘণ্টা পর অর্থাৎ ভোর সাতটায় একটা ‘কল’ আসবে তোমার টেলিফোনে…তোমার সিদ্ধান্তের কথা অবশ্যই আমাকে জানাবে তখন। পুলিশ বা গোয়েন্দা লাগিয়ে ফল হবে না। গুড-বাই।

কয়েক মুহূর্তে কথা বলল না কেউ। ইমতিয়াজের চোখে-মুখে সামান্য বিরক্তি ও ক্রোধের চিহ্ন দেখা গেল। সে বলল : আমরা যখন বাইরে ছিলাম তখন কেউ ঘরে ঢুকেছিল। হোটেলের ম্যানেজমেণ্ট খুবই খারাপ দেখছি। সুইটে অন্য একজন লোক ঢুকলো অথচ ম্যানেজমেন্টের কারো চোখেই পড়লো না। লোকটা আমাদের সুইটে ঢুকে টেপরেকর্ডারটা যথাস্থানে রেখে যথা সময় কেটে পড়েছে।

ইমতিয়াজ সরাসরি এগিয়ে গেল পশ্চিমের পর্দা ঘেরা বন্ধ দরজাটার দিকে। টানা পর্দার আড়াল থেকে বার করে আল দেশালাই’র বাক্সের মত ছোট একখানা লুকোনো টেপ-রেকর্ডার।

: এতক্ষণ এটাই বাজছিল। আমাদের কথার জবাব দেওয়ার কোন ক্ষমতাই ছিল না এই যন্ত্রটার। ‘কাছাকাছি আছি’ এটা একটা পুরানো চাল।

জাহেদ রেগে গিয়ে বলল : মিস্‌ ম্যানেজমেন্ট! আমরা হোটেলের ম্যানেজারকে চার্জ করব।

: তাতে কোন ফল হবে না।

রেহানা বলল : ম্যানেজার বলবে দুঃখিত। হয়তো কেয়ার-টেয়ারকে জরিমানা করা হবে এজন্যে, অথবা চাকরীটা যাবে ওর। এসব হাঙ্গামা করে কোন লাভ নেই। শুধু শুধু সময় আর পরিশ্রম নষ্ট।


ভোর সাতটায় টেলিফোন বেজে উঠল ক্রিং ক্রিং শব্দে।

ওরা কাপড় পরে তৈরী হয়েই বসেছিল। ফোন ধরল ইমতিয়াজ। বলল : হ্যালো, ইমতিয়াজ বলছি।

অপর প্রান্ত থেকে সংগ্রহ কণ্ঠস্বর ভেসে এল : গুড্‌ মর্নিং, মিঃ মীর্জা। কিছু বলার আছে?

মীর্জা বলল : হ্যাঁ।

: বলুন!

: বাষ্টার্ড।

নিথর হয়ে গেল অপর কণ্ঠ। ইমতিয়াজ বলল : বাংলা দেশে সবচে’ কুৎসিত যে গালি আছে সেটাই ইংরেজী করে বলা হল। আপাততঃ এখানেই রাখি। গুড-বাই।


ছয়

সকাল ন’টা।

রোদ আটকা পড়েছে আকাশের উপর বহু বিজন দূরত্বে,—মেঘের আড়ালে।

নিউইয়র্কের উঁচু স্ক্র্যাই-স্ত্রোপারগুলি আশে পাশে দাঁড়িয়ে আছে স্তব্ধ হয়ে। কুয়াশায় চারদিক আছন্ন।

লং আইল্যাণ্ডের তীর-ভূমি থেকে আসা কনকনে শীতের বাতাস ছুটে বেড়াচ্ছিল নর্থ-বীচ এয়ার পোর্টে।

এয়ার পোর্টের টারমেকের উপর দাড়িয়ে ছিল একটা ছোটখাট প্লেন। ইঞ্জিনের ঠিক নীচে ফিউযিলেজের উপর লেখা ছিল এই কথাগুলি : ডক্টর ই, আলী।

দু’জন ওভারকোট পরিহিত পোর্টার একটা মাইক্রোবাস থেকে বাক্স ও মাল পত্র উঠাচ্ছিল প্লেনে।

বাকসগুলি ছিল হালকা অথচ মজবুত। প্রত্যেকটা বাক্সের উপর লেখা ছিল : ইমতিয়াজ আলী মীর্জা, হিদালগো অভিযান।

: হিদালগো। সেটা আবার কোথায় হে? একজন পোর্টার তার পার্শ্ববর্তী সঙ্গীকে জিজ্ঞেস করল।

সঙ্গী তার অজ্ঞতা ধামাচাপা দিতে চেষ্টা করল। বলল : খুব শীত পড়েছে, তাই না?

: হুঁ, তা পড়েছে। এবছর কারেন্সীর দাম কমে গেল আর সেই সাথে বেড়ে গেল শীত!

পোর্টার হো হো করে হাসতে চেষ্টা করল। তারপর বগল : কিন্তু সাঙাৎ, হিদালগোটা কোথায় বললে না?

: বোধ হয় নরকে।

: নরকে! কি বলছ...

দ্বিতীয় পোর্টার রসিকতা করে বলল : ঠিকই বলছি। দুনিয়ায় কোথাও এমন বিদঘুটে জায়গা আছে বলে তো শুনি নি। সুতরাং জায়গাটা নিশ্চয়ই নরকে হবে...

এদের কথাবার্তা নেহাতই মামুলী। শুধু এটুকু বুঝা যায় আমেরিকার সাধারণ মানুষের কাছে হিদালগো রাজ্য কতখানি অপরিচিত জায়গা। অথচ সেট্রাল আমেরিকাতেই বিরাজ করছে হিদালগো রিপাবলিক। আয়তনও কম নয় এর…ইংল্যাণ্ডের সমান এর আয়তন। 

শেষ বাক্‌সটা উঠিয়ে দেওয়া হল প্লেনে। তারপর বন্ধ করে দেওয়া হল দরজা। ইতিমধ্যে দুধের মতো কুয়াশা ভিজে উঠেছে লালচে রোদের সোনায়। বাতাসের বেগ কমে এসেছে। লক্ষ লক্ষ সূর্য হীরে-মানিকের মতো জ্বলছে টারমেকের শিশিরে।

কিছুক্ষণ পর আমেরিকায় বিমান সংস্থার একদল লোক শেষ বারের মত প্লেন চেক-আপ করে গেল। একজন মেকানিক প্লেনের দরজা খুলে ভিতরে ঢুকল। চাবি খুলে দিতেই গর্জন করে উঠল প্রথম মটরটি। তারপর দ্বিতীয়, তারপর তৃতীয়টি। এক হাজারের বেশী অশ্ব-শক্তি বিশিষ্ট ইঞ্জিন লাগানো রয়েছে প্লেনটিতে।

কাঁটায় কাঁটায় দশটা বাজল।

ওরা চারজন,—ইমতিয়াজ, জিপ্পি আসাদ, রেহানা ও জাহেদ এসে উঠল প্লেনে। প্লেনের ভিতরে ঢুকেই ইমতিয়াজের অসাধারণ ইন্দ্রিয় শক্তি কাজে লেগে গেল। মাত্রায় অতি ক্ষীণ হলেও তার নাকে এসে লাগল সাধারণ বাতাসের চেয়ে ভারী ও গরম একটা গন্ধ। কিছুক্ষণ প্রায় চোখ বন্ধ করে গন্ধটা চেনার চেষ্টা করল সে। বারুদ জাতীয় গন্ধটা। কোত্থেকে আসছে সেটাও বুঝতে পারল সে। সোজা এগিয়ে গিয়ে কো-পাইলটের সিটের তলা থেকে বার করে আনস একটা তিন ইঞ্চি কলমাক্বতি ধাতব বস্তু।

জিপ্পি আসাদ হাতে নিয়ে সেটা পরীক্ষা করল। বলল : অলটিমিটার-বোমা। এর ভেতর অলটিমিটার পুরে দেওয়া হয়েছে। প্লেন আকাশের উপরে উঠে বিশেষ একটা উচ্চতা অর্জন করলেই ইলেক্‌ট্রিক কন্ট্যাক্ট ঘটত। তার পরেই ব্যস –বুম!

ইমতিয়াজ বলল : সেই হতাশ বন্ধুর কাজ। বোমাটা রেখে দাও...সুযোগ পেলে সেই বন্ধুর উপরই পরীক্ষা করা যাবে। আপাততঃ অকেজো করে দিয়েছি ওটাকে।

চালকের সিটে গিয়ে বসল ইমতিয়াজ। সাহায্যকারী পাইলট হিসাবে থাকল জাহেদ। জিপ্পি আসাদ একটা খোলা জানালায় শক্তিশালী বায়নোকুলার নিয়ে বসল। তার কোলের উপর রইল তারই আবিষ্কৃত গ্যাস পাইপ রাইফেল।

: আমিই তাহলে একমাত্র স্বাধীন প্যাসেঞ্জার। রেহানা কৃত্রিম গর্বে মাথা উঁচু করে সকলের দিকে চাইল।

জাহেদ বলল : তুমিই একমাত্র এয়ার হোষ্টেস। বাংলা অনুবাদ করলে দাড়ায় আকাশ-গৃহিণী। আর একটু সাহসী অনুবাদ করলে দাড়ায়...

: জাহেদের গৃহিণী…

টিপ্‌পনী কাটল জিপ্পি আসাদ। বলল : ইংরেজীর এমন চমৎকার বাংলা অনুবাদ আর হয় না।

একে একে তিনটি মটর চালু হয়ে গেল। ঝড়ের মত শব্দ উঠল ইঞ্জিনে। সগর্জনে বার কয় চক্কর খেল প্লেনটা এয়ারপোর্টের রানওয়ের উপর। তারপর উঠে গেল আরও উপরে।

আকাশ ছিল তখনো কুয়াশায় ঢাকা। নানাদিকে ছড়িয়ে আছে পাহাড় সমান এক একটা রোদের স্রোত। কতগুলি হালকা মেঘের নীচ দিয়ে ভেসে চলল প্লেনটা। একটু পরেই নীচে দেখা গেল ষ্ট্যাচু অব লিবার্টির গর্বিত মস্তক। দক্ষিণদিকে মোড় নিল প্লেনটা। এবারে বহুগুণে স্পীড বাড়ল প্লেনের। চল্লিশ মিনিটের মধ্যে সিটি অব ফিলাডেলফিয়া পার হল। আরো বিশ মিনিটের মধ্যে ওয়াশিংটন।

ওয়াশিংটনে ঘণ্টাখানেকের জন্যে বিরতি। ইতিমধ্যে আকাশ সম্পূর্ণ পরিষ্কার হয়ে এসেছে। প্লেন ছুটে চলল ওয়াশিংটন থেকে উজ্জ্বল নীল আকাশ ভেদ করে ফ্লোরিডার মিয়ামীর দিকে। মিয়ামীর পর শুরু হল ক্যারিবিয়ান উপ-সাগরের উন্মুক্ত জলরাশি। দিনের শেষে প্লেন এসে পৌঁছল হাভানায়। রাতটুকু সেখানে কাটিয়ে সকাল বেলা যাত্রা শুরু হল বেলিজ বন্দরের দিকে। বেলিজ একটি সমুদ্র তীরবর্তী বন্দর। এখান থেকে সেন্টাল আমেরিকার মূল ভূখণ্ডের শুরু। হিদালগো রিপাবলিক।

ওরা যখন বেলিজ এসে পৌঁছল তখন সূর্য অস্তগামী। বেলা পাঁচটা। তট-ভুমি নির্জন। তীর-ঘেঁষে দাঁড়িয়ে আছে যে অরণ্য সেই অরণ্যের মাথায় পড়েছে করুণ আলো।

সমুদ্র শান্ত। মৃদু মন্দ আলোর ছোট ছোট ঢেউগুলি খেলা করছে আপন মনে।

ওরা বন্দর থেকে মাইল খানেক দূরে সী-বীচে ল্যাণ্ড করল। প্লেন থেকে নেমে এল তীরে।

জায়গাটা যেমন নির্জন তেমনি গাছপালা আর ছোট ছোট পাহাড়ে ভর্তি। ছোট-বড় অসংখ্য খাল এসে পড়ছে সমুদ্রে। খালের তীরে আনারস, তীরে আনারস, নারকেল, পাম ও জলপাইয়ের জঙ্গল।

জঙ্গলে নানা রকম বুনো ফুল ফুটে আছে। কেউ কোথাও নেই। গম্ভীর স্বরে এক একবার ডেকে উঠছে টিট্রিভ পাখী। বাতাসে বুনো ফুলের গন্ধ।

জায়গাটা ওদের বেশ ভালো লাগল। জিপ্পি আসাদ বলল : আগের দিনে জায়গাটা নিশ্চয়ই জলদস্যুদের আড্ডা ছিল। আহা, ডাকাতদের জন্যে এমন আদর্শ জায়গা আর হয় না।

ইমতিয়াজ হাসল। বলল : ডিয়ার স্যার, জায়গাটা এখনো দস্যুদেরই আড্ডা। কিছুক্ষণের মধ্যেই সেটা টের পাবেন।

ইমতিয়াজের কথার বিশেষ তাৎপর্য অনুধাবন করতে দেরী হল না ওদের। ওরা চারপাশে তাকাল। আর তখনই একটা তীব্র শব্দ ছুটে এসে ফেটে পড়ল কাছে কোথাও। মেশিন গানের আওয়াজ।

: টাশ্‌!

ওরা চোখের পলকে গা ঢাকা দিল মাথা উঁচু একটা ঝোপের আড়ালে।

আবার শোনা গেল শব্দটা : টাশ্!!

: ও বাবা,

জাহেদ স্বগতোক্তি করে : যেখানে বাঘের ভয় সেখানেই ঘুম পায়।

জিপ্পি আসাদ এই বিপদ সংকুল মুহূর্তেও মন্তব্য করতে ছাড়ে না : আগে গিয়েছে বাংলা অনুবাদ। এখন যাচ্ছে বাংলা ভাষা। হে পরওয়ারদিগার বাংলা ভাষাকে রক্ষা কর বাবা!

: ফক্কর-গিরি ছাড়ো, বুঝলে?

জাহেদ রেগে গিয়ে হুমকি ছাড়ে : এখন ঠাট্টা করার টাইম না। বলে মারা যাচ্ছি মেশিনগানের বুলেট খেয়ে আর তিনি অলঙ্কার শাস্ত্রের ভুল ধরছেন। শালা গরিলা, কাঁহেকা!

ঝোঁপের উপর সামান্য মাথা তুলে বায়নোকুলারে চারদিক দেখল ইমতিয়াজ। আততায়ী দাঁড়িয়ে আছে খালের ধারে, মেশিনগান নিয়ে। তাকাচ্ছে এদিক ওদিক। সে বায়নোকুলারটা তুলে দিল জিপ্পি আসাদের হাতে।

নিঃসন্দেহ হল ইমতিয়াজ যে লোকটি একা। জিপ্পি আসাদ রাইফেল তুলে তাক করতে যাচ্ছিল বাধা দিল সে। বলল : না, মেরো না। লোকটাকে ফ্রি হ্যাণ্ডে ধরব। তোমরা অপেক্ষা কর, আমি আসছি......

ক্রলিং করে সে এগোল। লোকটা তখনো এদিক ওদিক তাকাচ্ছে। অনুসন্ধান করছে। ইমতিয়াজ ত্রিশ গজ দূরে গিয়ে একটা জলপাইয়ের গুঁড়ি পেল। সেখানেই উঠে দাঁড়িয়ে সে প্রথম আত্ম প্রকাশ করল।

লোকটা গুলি চাপাল দ্বিরুক্তি না করে। ইমতিয়াজ আগে থেকেই প্রস্তুত। গেরিলা ফাইটিং-এর এই খেলায় সে বিশেষভাবে দক্ষ। বলতে গোল ইচ্ছে করেই লোকটাকে গুলি করার সুযোগ দিল সে। গুলি ছুটে এসে বিদ্ধ হল জলপাইয়ের গুঁড়ির বাঁ দিকে।

তার আগেই ইমতিয়াজ গড়িয়ে চলে গেল একটা কাঁটা ঝোঁপের নীচে। এক মিনিট নিস্তব্ধ হয়ে পড়ে রইল ঝোঁপের নীচে। তারপর আস্তে মাথা তুলল। দেখল লোকটা আরো দশ গজ এগিয়ে এসেছে। মাঝখানে বালির ঢিবিটা। পাগলের মত তাকাচ্ছে এদিক ওদিক লোকটা।

গড়িয়ে খালের ধারে চলে এল ইমতিয়াজ। এবারে পাওয়া গেল একটা বড় বালুর ঢিবি। আবার সে লোকটাকে দেখিয়ে আত্ম প্রকাশ করল মাথা তুলে দাঁড়িয়ে। প্রচণ্ড শব্দে এক ঝলক আগুন ছুটে এল তার দিকে।

ইমতিয়াজ সরে এল ঢিবির বাঁধারে। ভয়ঙ্কর খেলা চলতে লাগল। সামান্য এদিক ওদিক হলেই জীবন নাশের আশঙ্কা। কিন্তু ভয়ের লেশ মাত্র ছিল না ইমতিয়াজের চোখে-মুখে। চুপচাপ শুয়ে সে অপেক্ষা করতে লাগল। লোকটা এগিয়ে এল বালুর ঢিবির দিকে পথ পরিষ্কার করার জন্য আরো দু’রাউণ্ড গুলি ছুড়ল।

কয়েক মুহূর্ত নীরবতা। একটা ক্ষীণ পায়ের শব্দ পাওয়া গেল ডানদিক থেকে। ইমতিয়াজ গড়িয়ে চলে গেল পেছনে। উবু হয়ে বসে দেখল লোকটা দেখল লোকটা হতভম্বের মত দাড়িয়ে আছে পেছন ফিরে হাত দশেক দূরে। মাঝখানে মাথা উঁচু বালুকা-স্তুপ। আর সময় নষ্ট করল না ইমতিয়াজ। নিঃশব্দে স্তুপের উপর উঠল এবং লোকটা মেশিনগান নিয়ে এদিকে ঘুরে দাঁড়াবার আগেই ঝাঁপিয়ে পড়ল তার উপর।

একটা তীব্র বিজাতীয় আর্তনাদ। মেশিগানটা পড়ে গেল আততায়ীর হাত থেকে। প্রাণপণ শক্তিতে নিজেকে ছাড়িয়ে নেবার চেষ্টা করল সে ইমতিয়াজের মরণ-আঙ্গিন থেকে। ডান-পায়ের বুট তুলে সে প্রচণ্ড আঘাত করল ইমতিয়াজের হাঁটুতে। একটা হাত কোন রকমে মুক্ত করল সে। মুহূর্তেই একফলা তীক্ষ্ণ ছুরি ঝকঝক করে উঠল তার হাতে।

ইমতিয়াজ তড়িৎ গতিতে আততায়ীকে মুক্ত করে দিয়ে সরে দাঁড়াল। কিন্তু লোকটা আক্রমণ করতে এগোল না। সোজা সে দৌড় দিল খালের দিকে। প্রাণ বাঁচাবার জন্যে ঝাঁপিয়ে পড়ল খালের পানিতে।

মুহূর্তেই একটা প্রচণ্ড ঘূর্ণি উঠল খালের পানিতে। লোকটা তলিয়ে গেল, আবার ভেসে উঠল। ভাঙা ভাঙা ইংরেজীতে ‘হেল্‌প’ ‘হেল্‌প’ বলে চেঁচাতে লাগল।

ব্যাপারটা বুঝতে দেরী হল না ইমতিয়াজের। লোকটা হাঙ্গরের কবলে পড়েছে।

প্রশান্ত মহাসাগরের মানুষ খেকো হাঙ্গর সাধারণত এদিকে আসে না। কিন্তু মাঝে মাঝে যখন আসে দল বেঁধে আসে। দশ থেকে সাড়ে তের ফিট লম্বা এই হাঙ্গরগুলির প্রকাণ্ড মুখে কয়েক সারি সুগঠিত তীক্ষ্ণ দাঁত থাকে।

হাঙ্গরের আক্রমণ থেকে সচরাচর কেউ বাঁচে না। সমুদ্রের এই ভয়াল দানব একদিকে যেমন বলশালী অন্যদিকে তেমনি হিংস্র।

খালের খানিকটা পানি লাল হয়ে উঠেছে। হতভাগ্য লোকটা একবার ডুবছে আর একবার ভাসছে পানিতে। 'বাঁচাও', 'বাঁচাও' বলে অসহায় চীৎকার করছে।

জিপ্পি আসাদ, জাহেদ ও রেহানা ইতিমধ্যে ঘটনার পরিণতি বুঝতে বুঝতে পেরেছে। তাদের ছুটে আসতে দেখা গেল এদিকে। কিন্তু ওদের জন্যে অপেক্ষা করার সময় ছিল না ইমতিয়াজের হাতে। সে ঝাঁপিয়ে পড়লো খালের পানিতে।

লোকটা কিছুক্ষণ যুদ্ধ করে নিস্তেজ হয়ে পড়েছে। ইমতিয়াজ সাঁতরে লোকটার পাশে এসে দাঁড়াল। আক্রমণ চালাল হাঙ্গরের শরীরের সবচে’ দুর্বল স্থান চোখের উপর। দুটো চোখই উপড়ে ফেলল সে হাতের আঙ্গুল বসিয়ে। ভীষণ আবর্তে আলোড়িত হয়ে উঠল জল-রাশি। হাঙ্গরটা ছটফট করতে লাগল, কিন্তু যুদ্ধ ত্যাগ করল না। তার লেজের প্রচণ্ড ঝাপটা এসে পড়ল ইমতিয়াজের উরুতে। ইমতিয়াজ দুইবাহু দিয়ে চেপে ধরল হাঙ্গরের শরীরের মাঝখানটা। এই চাপে তিন-ইঞ্চি মোটা লোহার রড বেঁকে যাওয়ার কথা। কিন্তু হাঙ্গরের মেরুদণ্ড লোহার রডের চেয়ে কোন অংশে কম শক্ত নয়। হাঙ্গরটার তীব্র, ক্ষিপ্ৰ দেহ-সঞ্চালনে খালের পানি ভীষণ আন্দোলিত হতে লাগল। গা থেকে ঝাড়া দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করল হাঙ্গরটা ইমতিয়াজকে। ইমতিয়াজের চাপ আরো শক্ত হল। সমুদ্রের এই ভয়াল জীবটি সম্পর্কে তার অভিজ্ঞতা যথেষ্ট। বহুকাল সমুদ্রের নীচে থেকে এটা সে বুঝেছে হাঙ্গরকে কখনো তার মস্তক ও মুখ ব্যবহার করতে দিতে নেই। মিনিট দশেকে পরাজিত কুস্তীগীরের মত নিস্তেজ হয়ে এল হাঙ্গরটি। ইমতিয়াজের ভীম-বাহুর তীব্র নিষ্পেশনে শক্তি-হীন মৃত-প্রায় মৃত প্রায় হয়ে উঠল। এক তাল মাংস-পিণ্ডের মত হাঙ্গরটা ভেসে উঠল পানির উপর।

আক্রান্ত লোকটাকে নিয়ে ইমতিয়াজ তীরে উঠে এল। মৃত-প্রায় হাঙ্গরটার শেষ ব্যবস্থা করল জিপ্পি আসাদ। রাইফেল দিয়ে সে তিন রাউণ্ড গুলি চালাল হাঙ্গরটার উপর।

জাহেদ বলল : মরা মাছটাকে আর মারিস না দোস্ত। খুব দেখিয়েছিস, এবার ক্ষান্ত দে।

রাইফেলটা রেখে দিল আসাদ।

তার ভাব দেখে মনে হল জাহেদের কথার সে থোড়াই পরোয়া করে। ইতিমধ্যে আহত লোকটাকে সেবা প্রাথমিক চিকিৎসায় অনেকটা চাঙ্গা করে তুলেছে রেহানা। দুটো বাহুই জখম হয়েছে লোকটার। ব্যন্ডেজ করে দেওয়ার কিছুক্ষণ পর রক্ত পড়া বন্ধ হয়ে গেল।

লোকটা প্রথম দিকে ভয়ে ও দুশ্চিন্তায় কাবু হয়ে রইল। তার বোধ হয় মনে হল এরা,—ইমতিয়াজ এবং তার বন্ধুরা, তাকে খুন করে ফেলবে। জলের হাঙ্গরের হাত থেকে বেঁচে স্থলের সিংহের হাতে পড়েছি, এরকম একটা ভাব বেশ কিছুক্ষণ অসহায় করে রাখল তাকে।

আস্তে আস্তে লোকটা এদের চিনতে পারল। বুঝতে পারল শত্রুপক্ষ হলেও এদের প্রকৃতি একটু আলাদা। কৃতজ্ঞতায় ভরে উঠল তার মন।

ইমতিয়াজ বুঝল লোকটা হিদালগো রাজ্যের আদিঅধিবাসী। কিন্তু মায়ান নয়। সে স্পেনিশ ভাষায় লোকটাকে জিজ্ঞেস করল : তুমি আমাদের গুলি করেছিলে কেন?

: ব্লাঙ্কো-গ্র্যাণ্ডির এক মহাজন আমাকে ভাড়া করে এনেছিল। কথা ছিল আপনাদের চারজনকে শেষ করে দিতে পারলে এক হাজার ডলার পাব। কিছু আগামও দিয়েছিল লোকটা আমাকে

: লোকটার নাম কি?

: নাম জানি না।

ধমকে উঠল ইমতিয়াজ। বলল : মিছে কথা বলো না। লাভ হবে না কিছু।

লোকটা এক মিনিট কাল চুপ করে রইল। তারপর আস্তে আস্তে ব্যথিত কণ্ঠে বলল : মিছে কথা বলাই ভাড়াটে গুণ্ডাদের স্বভাব মহাজন। কিন্তু কসম খেয়ে বলছি বিশ্বাস করুন, মিছে কথা আমি বলছি না। সবকিছুর পরও আমার জন্যে যা করেছেন আপনি তাতে মিছে কথা বললে জিভ খসে যাবে আমার।

লোকটার গলার স্বর ভারী। চোখ দুটি ছলছল করছে। দেখলেই চেনা যায় গুণ্ডা শ্রেণীর লোক। গাট্টা গোট্টা চেহারা। চুলগুলি খাটো। পরণে কাউবয়দের পোষাক।

কিছুক্ষণ চুপ করে থেকে লোকটা আধার বলল : সত্যি বলছি মহাজন, ওর নাম আমি বলতে পারব না। কিন্তু যদি চান তবে ওর বাড়ীটা চিনিয়ে দিতে পারি।

: বেশ তাই কর। কদ্দুর এখান থেকে লোকটার বাড়ী?

: আধ মাইল খানেক। আর বাড়ী বলেছি তো… বাড়ীই বলতে পারেন—একটা নীল রঙের উড়ো জাহাজ...

: উড়োজাহাজ?

: হ্যাঁ মহাজন উড়োজাহাজ। আমার এক সাঙাৎ বলেছিল লোকটা নাকি মন্ত্র জানে। আর…

: আর?

: আর সব সময় ছদ্মবেশে লুকিয়ে থাকে। কেউ এর আসল নাম, আসল কাজ, আসল চেহারা চেনে না।

লোকটা আগে আগে পথ দেখিয়ে নিয়ে চলল। সন্ধ্যা হয়ে এসেছে। জঙ্গলের ভেতর দিয়ে এগিয়ে চলল ওরা। কিছুদূর যেতেই জঙ্গল পাতলা হয়ে এল। দেখা দিল উঁচু নীচু মাঠ। মাঠ পার হতেই শুরু হল গ্রামাঞ্চল। গ্রামাঞ্চল বলতে যা বুঝায় এটা ঠিক তা নয়। আসলে সমুদ্রের তীর থেকে একটা রাস্তা চলে গেছে বেলিজের দিকে। রাস্তার দু’পাশে মাঠ, জলপাইয়ের জঙ্গল, কাঁকর মাটির টিলা, ছোট ছোট হ্রদ ও বাজার। চার পাশে অন্ধকার। এখানে সেখানে ক্ষীণ আলো জ্বলতে দেখা যায়।

আধ মাইল খানেক হাঁটার পর রাস্তা থেকে নেমে যেতে হল ওদের। সামনে আঙ্গুর লতা ঢাকা অনেকগুলি ছোট ছোট টিলার মাঝখানে একটি হ্রদ। চারদিকে অনন্ত ঘুমের ভেতর যেন স্বপ্নের মত হ্রদের মাঝখানে দাঁড়িয়ে আছে একটা প্লেন।

প্লেন স্টার্টের আওয়াজ পাওয়া গেল। প্লেনের ইঞ্জিন গর্জন করে উঠল ক্ষুধার্ত বাঘের মত। রাইফেলটা হাতে রাখাই সার হল ইমতিয়াজের। প্লেনটা চকিতে মোড় নিল পানির উপর তীব্র একটা তরঙ্গ ছড়িয়ে দক্ষিণ প্রান্তে। চারদিকের নির্জনতা ভেঙে নির্জনতা ভেঙে আকাশে উড়ে গেল নীল উড়ো-জাহাজটি।


সাত

বেলিজ বন্দরের সী-বীচের রাতটুকু কাটিয়ে পরদিন ওরা ব্ল্যাঙ্কো-গ্র্যাণ্ডি শহরের উপকণ্ঠে এসে পৌঁছল। ব্ল্যাঙ্কো-গ্র্যাণ্ডির ছোট এয়ার-পোর্টে সরকারী তিনটে জেট বিমান ছাড়া আছে গোটা দুই বিদেশী কোম্পানীর বিমান। রিপাবলিকের কর্মচারীরা যথা নিয়মে ওদের ভিসা পরীক্ষা করল। ওদের থাকা খাওয়ার সুবিধের কথা ভেবে গোটা দুই হোটেলের ঠিকানা দিল যথেষ্ট সহৃদয়তার সঙ্গে। হিদালগো রিপাবলিকের ফরেন এজেন্সির কর্মচারীদের জিম্মায় প্লেনটা রেখে ওরা উঠল এসে একটা হোটেলে।

একটা পুরো দিন আর পুরো রাত বিশ্রাম নিল ওরা। হিদালগো রিপাবলিকে বসন্তকাল যাচ্ছে। বাতাসে সাগরের উষ্ণ নিঃশ্বাস। চারদিকে পাহাড়ের গৈরিক নির্লিপ্তি ও গাছপালার সবুজ বর্ণালী। আদিবাসীরা মনের দিক দিয়ে আধা বুনো। ব্ল্যাঙ্কো-গ্র্যাণ্ডি শহরটাও খুব বড় নয়। সবশুদ্ধ ছ’সাতটা রাস্ত।। বিশ ত্রিশখানা মোটর-গাড়ী। বেশীর ভাগ বাড়ীই টালির ছাদ দেওয়া এক তলা। এই বাড়ীটা শহরের সবচেয়ে উঁচু বাড়ী। চার-তলা। এই বাড়ীটা শহরের জনৈক মুক্তা ব্যবসায়ীর। কিছুদিন হল এই রাজ্যের প্রেসিডেন্ট আমেরিকা গভর্নমেন্টের সহায়তায় বিদ্যুৎ তৈরীর একটা স্কীম বাস্তবায়িত করেছে। এই বিদ্যুৎ দিয়ে গোটা তিন কারখানা চালানো হয়। রাস্তায়ও বিজলী বাতি রয়েছে। এ নিয়ে হিদালগো রাজ্যের বাসিন্দাদের গর্বের অন্ত নেই। বছর চারেকের মধ্যেই নাকি টেলিফোন ও টেলিগ্রাম ব্যবস্থা চালু করা হবে।

একটা দিন একটা রাত বিশ্রাম নেবার পর শুরু হল কাজ। ব্লাঙ্কো-গ্রাণ্ডি থেকে চারশো মাইল দক্ষিণে পড়েছে সতেরো শ’ ফিট উঁচু ব্ল্যাক-ষ্টোন পর্বত-শ্রেণী। প্রায় বারোশ স্কোয়ার মাইল পরিমাণ জায়গা চক্রাকারে ঘিরে রয়েছে এই পর্বত। বলতে গেলে এই উঁচু পর্বতই জায়গাটাকে হিদালগো রাজ্যের মূল ভূখণ্ড থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে রেখেছে। জায়গাটা মায়ান উপজাতিদের এলাকা।

মায়ানরা নামে মাত্র হিদালগো রাজ্যের অন্তর্ভূক্ত। আসলে হিদালগো রিপাবলিকের সাথে তেমন কোন সম্পর্ক নেই এই রাজ্যের উপজাতীয় অধিবাসীদের। শতাব্দী-প্রাচীন এক দলিলের সর্ত মাফিক মায়ানরা বছরে একবার ব্ল্যাঙ্কো গ্রাণ্ডির শাসনকর্তার দরবারে যায়। গিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু সুন্দরী মেয়ে, কয়েক ডজন পাহাড়ী ঘোড়া ও খাজনা বাবদ নির্দিষ্ট পরিমাণ সোনা দিয়ে আসে। বছরের খাজনা পেলেই রিপাবলিকের শাসনকর্তা খুশী। মায়ানদের কোন ব্যাপারেই তিনি মাথা গলান না।

অবশ্য গলাবারও কোন উপায় নেই। প্রথমতঃ ব্ল্যাকষ্টোন পর্বতের গুহায় এখন পর্যন্ত মানুষ-খেকো আদিবাসী বাস করে, পর্বতের গুহায় জঙ্গলে হিংস্র পশুর রাজত্ব। বিশাল দল বল নিয়ে অভিযান না করলে মায়ান রাজ্যে প্রবেশ করাই দুষ্কর। দ্বিতীয়, মায়ানরা এক বিচিত্র জাতি। দুনিয়ার কোন রীতি-নীতির সাথেই এরা তাল মিলিয়ে চলতে রাজী নয়। হাজার হাজার বছরের পুরনো নিয়মকানুন অনুযায়ী এখনো জীবন যাত্রা নির্বাহ করে এরা। সভ্য দুনিয়া থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন এই বিচিত্র জাতের লোকদের বশ করা বা সভ্য করার চেষ্টা অনেকবারই ব্যর্থতায় পর্যবশিত হয়েছে।

সুতরাং হিদালগো রাজ্যের শাসন কর্তা মায়ানদের ব্যাপারে আর মাথা গলান না।

ব্ল্যাঙ্কো-গ্রাণ্ডি পৌঁছবার একদিন একরাত পর ওদের কাজ শুরু হল। ইমতিয়াজ বলল : জাহেদ, তুমি হিদালগো ষ্টেটের সেক্রেটারীর সাথে দেখা করে আইনের ঝামেলা মিটিয়ে ফেলো। রেহানা, তুমি চলে যাও আমেরিকান এমব্যাসীতে। ইন্টার-ন্যাশন্যাল কোর্টের বিচারপতি মিঃ আল রাব্বি একখানা চিঠি দিয়েছেন এমব্যাসীর সেক্রেটারীকে, চিঠিখানা নিয়ে গিয়ে তাকে দেবে।

জাহেদ বলল : জিপ্পি সাহেবও আসুক না কেন আমার সাথে?

আসাদ বলল : সানন্দে।

হেসে ইমতিয়াজ বলল: হারাধনের চারটি ছেলের ভেতর রইল তাহলে একটি। বেশ, ঘুরে আসো তোমরা। আমি বিশ্রাম নিই।

ওরা তিনজন—জিপ্পি আসাদ, জাহেদ, রেহানা পথে বেরোল। রেহানা পরেছে দুধ-সাদা শাড়ী। গায়ে চাপিয়েছে সবুজ জ্যাকেট। একটা তে-মাথার মোড়ে সে চলে গেল দক্ষিণ দিক ধরে আমেরিকান এমব্যাসীর দিকে আর জিপ্পি আসাদ ও জাহেদ এগোল পশ্চিমে সেক্রেটারীয়েট বিল্ডিং-এর দিকে।

সেক্রেটারী অব ষ্টেট ডন রুবিয়ো গ্যারো ওদের দেখে তেমন খুশী হল না। লোকটা দেখতে অসামান্য রূপবান। মেয়েদের মত মসৃণ লাল চামড়া, ঠোঁট দুটি পাতলা, নাক খাড়া, সামান্য বাঁকানো। চোখ দুটি কালো, মেয়েদের মত গম্ভীর ভাষাময়। কাজ চালাবার মত ইংরেজী বিদ্যে আছে লোকটার।

জাহেদ ও জিপি আসাদের কাগজ-পত্ৰ দেখল সে। আর্জি শুনল, তারপর সেক্রেটারী সুলভ গাম্ভীর্য নিয়ে বলল : আপনাদের সব কথাই শুন্‌লাম, কিন্তু দুঃখের সঙ্গে বলতে হচ্ছে আমাদের অফিসে এমন কোন রেকর্ড নেই যাতে মায়ান এলাকার পঁচিশ বর্গ মাইল জায়গাটার স্বত্ব দাবী করতে পারেন আপনারা। হিদালগো ষ্টেট আপনাদের চারজনকেই সম্মানিত মেহমান হিসেবে অভ্যর্থনা করতে সানন্দে প্রস্তুত। কিন্তু এই রাজ্যে একান্তভাবেই বিদেশী আপনারা। দয়া করে মনে রাখবেন যে রাজ্যের এক তিল পরিমাণ জমিও দাবী করার অধিকার আপনাদের নেই।

জাহেদ বলন : কিন্তু আমাদের কাছে তো কাগজ-পত্ৰ রয়েছে। আমাদের কাগজ-পত্র দেখুন না।

: আর দেখে কি হবে...

ডন রুবিয়ো কাষ্ঠ হাসি হাসল : ঐসব জমি-জমার আশা ত্যাগ করুন। এসেছেন আমাদের ষ্টেটে…কিছুদিন থাকুন…মেহমানদারীর ত্রুটি হবে না। চাই কি যাওয়ার সময় কিছু খাঁটী মুক্তো নিয়ে যেতে পারবেন সাথে করে… ব্যবস্থা করে দেব।

জিপ্পি আসাদ ও জাহেদ উঠে দাড়াল। জাহেদের চোখে মুখে খেলে গেল একটা কঠোর হাসি। হাতের ষ্টিকটা উচিয়ে ধরল সে ডন রুবিয়োর সুন্দর দুটি কালো চোখের দিকে। ডন রুবিয়ো থমকে গেল। বেপরোয়া ভঙ্গিতে জাহেদ বলল : মিঃ রুবিয়ো… জাতিসঙ্ঘের একটা ঘাঁটি আছে আপনার ষ্টেটে আশা করি এটা ভুলেন নি। ইন্টার-ন্যাশনাল কোর্টের রায় আমাদের পক্ষে গেলে আপনার গভর্নমেন্টের কি দশা দাঁড়াবে সেটাও ভুলে যাবেন না দয়া করে।

: ইন্টারন্যাশন্যাল কোর্টের রায়!

রুবিয়ো এবার সত্যি ঘাবড়ে গেল। গলা কেশে ভাবটা সামলে নেবার জন্যে বলল : এর সঙ্গে ইন্টার-ন্যাশন্যাল কোর্টের কি সম্পর্ক। ইয়ে… ভাল কথা... দাঁড়িয়ে পড়লেন কেন। বসুন। হ্যাঁ, জাতিসঙ্ঘের একটা ঘাঁটি অবশ্যি আছে ব্ল্যাঙ্কো-গ্র্যাণ্ডিতে। কিন্তু তাতে হয়েছে কি? আপনারা ভয় দেখাচ্ছেন কেন এভাবে? ভেবেছেন কি?

: বৃথা তর্ক করে লাভ নেই মিঃ রুবিয়ো। দশ বছর আগে হিদালগো রিপাবলিকের সাথে বাংলা দেশের মীর্জা মাহমুদ নামক এক ভদ্র লোকের সাথে এক চুক্তি হয়েছিল। চুক্তি অনুযায়ী ঠিক হয়েছিল নিরানব্বই বছরের মেয়াদে মায়ান এলাকার পঁচিশ বর্গ মাইল ‘লিজ’ পাবেন মীর্জা মাহমুদ, চুক্তি মোতাবেক বছরে এক হাজার ডলার খাজনা দেবেন তিনি। আমরা সেই চুক্তি অনুযায়ী জমির দখল চাই।

: অসম্ভব।

ডন রুবিয়ো ঠোঁট চেপে বলল : আবার বলছি মিষ্টার… এটা অসম্ভব ব্যাপার। আমাদের সেক্রেটারীয়েটে এরকমের কোন দলিলই নেই। আপনারা বিদেশী। এই রাজ্যের আইন-শৃঙ্খলা মেনে থাকতে পারেন ভালো নতুবা উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে আপনাদের বিরুদ্ধে।

: বেশ দেখা যাক।

জাহেদ বলল: আমরা তাহাল আইনের আশ্রয় নিয়েই দেখি কি দাঁড়ায়। ট্রান্স-মিটারে এক ঘণ্টার বেশী সময় লাগবে না ইন্টারন্যাশনাল কোর্টের সাথে যোগাযোগ করতে। চলি তাহলে… আমরা সব রকমে প্রস্তুত হয়েই এসেছি মিঃ রুবিয়ো। আবার দেখা হবে...


সেক্রেটারী অব ষ্টেটের ঘর থেকে বেরিয়ে পথে নামল ভরা। বুঝতে পারল সেক্রেটারী ডন রুবিয়ো সহজ পাত্র নয়। সামান্য এক-তাড়া দলিলের জোরে এখানে কিছুই করা যাবে না। ওরা আমেরিকান এমব্যাসিতে যাবে বলে স্থির করল। এমব্যাসিতে ট্রান্স-মিটার রয়েছে আর আছেন এ্যামবেসেডর মিঃ উইলিয়াম টমাস। তার সাহায্যই এখন সবচে’ জরুরী হয়ে দাঁড়িয়েছে।

ওরা রাস্তায় বেরিয়ে এমন কাউকে খুঁজল যে এমব্যাসির রাস্তাটা দেখিয়ে দিতে পারবে। একজন স্থানীয় লোক পাওয়া গেল অপ্রত্যাশিতভাবে। লোকটা দাঁড়িয়েছিল খানিকটা দূরে। তাদের দেখে নিজে যেচে এগিয়ে এল। ভাঙা ভাঙা ইংরেজীতে সে কোন সাহায্য করতে পারে কিনা জিজ্ঞেস করল।

লোকটা খর্বকায় দেখতে। গোল মাথা। পরণে দেশীয় ভাঙ্গারিস। গায়ে লাল রঙের ক্যালিকো সার্ট। পায়ে জুতো নেই লোকটার। হিদালগো রাজ্যের আদি অধিবাসীরা প্রায় কেউই জুতো পরে না। যারা সভ্য পৃথিবীর সংস্পর্শে এসেছে তারা আমেরিকানদের অনুকরনে জুতা পরে বটে... কিন্তু এদের সংখ্যা কম।

লোকটার হাত পকেটে।

জাহেদ বলল : আমরা আমেরিকান এমব্যাসীতে যাব। রাস্তাটা চেন তুমি?

: এক ডলার দিলে চিনি,

লোকটা সোজাসুজি প্রস্তব দিল : না দিলে চিনি না। দেড় ডলার দিলে এমব্যাসী পর্যস্ত গাইড করে নিয়ে যাব।

: বেশ তাই চল।

লোকটা পথ দেখিয়ে নিয়ে চলল। ব্ল্যাঙ্কো-গ্র‍্যাণ্ডি শহরের রাস্তাগুলি যেমন সরু তেমনি জন-বহুল । হুড়-মুড় করে পথ চলে সবাই। এ ওর ঘাড়ে পড়ে, পা মচকে দেয়, চেঁচায়, গালগাল করে, হাসে। সরে যাও নইলে মারা পড়বে। হুশিয়ার, হুশিয়ার, সামনের পথ বিলকুল পরিষ্কার হয়ে যায়। মোটর গাড়ীর ড্রাইভারদের ভাব-ভঙ্গি দেখার বস্তু। ওরা গাড়ী চালায় যেন সম্রাট নেপোলিয়ন জার্মেণী জয় করে ফিরছেন।

নানা অলি-গলি ঘুরিয়ে নিয়ে চলল লোকটা। হাত তেমনি ভাঙ্গারিসের পকেটে। জিপ্পি আসাদের কেমন একটু সন্দেহ হল। সে বাংলায় বলল : জাহেদ, লোকটার ভাব-গতিক সুবিধের মনে হচ্ছে না।

জাহেদ হেসেই উড়িয়ে দিল। বলল : অসুবিধের কি দেখলে হে? ওটা তোমার মিথ্যে সন্দেহ। মানুষকে বিশ্বেস করতে শেখো, বুঝলে?

আসাদ আর কথা বাড়াল না। কানা গলি পার হয়ে ছোট মতো একটা মাঠে এসে পৌঁছল ওরা। মাঠের ধারে দুটো বিশাল কাঠের গুদাম। লোকজন নেই। চারদিকে দেশীয় চিচেম গাছ। 

লোকটা এক গাল হাসল। বলল : এসে পড়েছি আমরা। আর খানিকটা এগোলেই এমব্যাসী।

ইতিমধ্যে ওরা ব্যাপারটা বুঝে ফেলেছে। ফাঁদে আটকা পড়েছে ওরা। বিপদ বুঝে ওরা রুখে দাড়াল। কিন্তু তার আগেই চারপাশ থেকে ছুটে এল বর্শা হাতে একদল দেশী লোক। পরনে ভাঙ্গারিস। গায়ে ক্যালিকো সার্ট। ওদের হাতের উঁচানো বর্শাগুলি চকচক করে উঠল।

জাহেদ হাতের সোর্ডষ্টিকটা উঁচিয়ে ধরেছিল। জিপ্পি আসাদ বলল : খবরদার জাহেদ, লড়াই করার ইচ্ছে ত্যাগ কর। বোকার মত মারা পড়বে।

: তাহলে?

জাহেদ ষ্টিকটা নামিয়ে হতাশ হয়ে বলল : আমরা যে ফাঁদে ধরা দিয়েছি?

: তাতে কি?

অম্লান বদনে ঠাট্টা করল আসাদ : মানুষকে বিশ্বেস করতে শেখো।

ওদের নিয়ে যাওয়া হল গুদাম ঘরের ভেতর। কুড়ি পঁচিশ জন লোক মিলে হাত পা ভাল করে বাঁধল ওদের। সেই লোকটা এতক্ষণে সামনে এসে দাড়াল ওদের।

খর্বকায় দেখতে। গায়ের রং হলদে। পরণে ভাঙ্গারিস। গায়ে ক্যালিকো সার্ট।

এখন হাত পকেটে নেই। বাইরে। জিপ্পি আসদ ও জাহেদ, দুজনেই দেখল লোকটার হাতের আঙ্গুলের ডগা রক্তের মত লাল।

ডাঙ্গারিসের পকেটে হাত ঢুকিয়ে রাখার কারণ এতক্ষণে বুঝল ওরা।


আট

সারাদিন যাওয়ার পরও যখন জাহেদ, আসাদ, রেহানা কেউ ফিরল না তখন ইমতিয়াজ নিজেই বেরোল।

সন্ধ্যা নেমেছে তখন। ধূলি-ধূসরিত ব্লাঙ্কো-গ্র্যান্ডির রাজপথে লোক চলাচল কমে এসেছে। এখানে ওখানে বিজলী বাতি।

বড় বড় চিচেম গাছের লম্বা চিরল চিরল পাতা বাতাসে কাঁপছে!

আদি-বাসীরা কোথায়ও দল বেঁধে হল্লা করছে।

কোথাও অন্ধকার, নির্জনতা।

ব্ল্যাঙ্কো-গ্র্যাণ্ডি শহরের চারপাশে পাহাড়। জঙ্গল। হ্রদ। মুখরতা ও নির্জনতা দুই-ই আছে এখানে।

ইমতিয়াজ যখন প্রেসিডেন্টের বাস ভবনে এসে পৌঁছলু তখন ঘড়ির কাটা ছ’টার ঘর পার হয়ে গেছে।

প্রেসিডেন্টের সেক্রেটারীকে সে তার ইচ্ছের কথা জানাল। প্রেসিডেন্ট চার্লোস এ্যাভিপ্সার সাথে সাক্ষাৎ-প্রার্থী সে।

ঘণ্টা খানেক পর প্রেসিডেন্টের খাস কামরায় ডাক পড়ল তার। প্রেসিডেন্ট চার্লোস ইমতিয়াজকে ভদ্রভাবে গ্রহণ করলেন। এতক্ষণ বসিয়ে রাখতে হয়েছে বলে দুঃখ প্রকাশ করলেন। তারপর বললেন : আপনাদের আসার খবর আমি আগেই পেয়েছি। বলুন কি করতে পারি আপনাদের জন্য।

ইমতিয়াজ তার কাগজ-পত্র দেখাল প্রেসিডেন্টকে। প্রেসিডেন্ট গম্ভীর হয়ে উঠলেন। কোন কথা না বলে কাগজ-পত্র পরীক্ষা করলেন। বললেন : হ্যাঁ, এ দলিল- খাঁটী। দশ বছর আগে আমি যখন সেক্রেটারী অব ষ্টেট ছিলাম তখন আপনার বাবা মীর্জা মাহমুদের সাথে হিদালগো রাজ্যের প্রেসিডেন্ট এই দলিলটা করেছিলেন।

: আবার বাবার অবর্তমানে আমি এ জমির উত্তরাধিকারী। ইমতিয়াজ আমেরিকান সিনেটর উইলিয়াম টমাসের প্রশংসা-পত্র সহ তার আইডেনটিটি দেখাল প্রেসিডেন্টকে। বলল : জমির দখল নিতেই এসেছি আমরা।

: বেশ তো, নেবেন। আপনার জমি আপনি নেবেন এতে আর কথা কি?

: কিন্তু আপনার সেক্রেটারী অব ষ্টেট বলছেন এ দলিলের কোন ডুপ্লিকেট কপি আপনাদের সেক্রেটারীয়েটে নেই।

: তাতে কি হয়েছে। দশ বছর আগে যে এই রাজ্যের সেক্রেটারী অব ষ্টেট ছিল খোদ সেই লোকেরই স্পষ্ট মনে আছে দলিলটার কথা। ওতেই চলবে।

: কিন্তু…

প্রেসিডেন্ট ইমতিয়াজকে থামিয়ে দিলেন। বললেন : বুঝেছি মিঃ ইমতিয়াজ… আপনি এই বুড়োর উপর আস্থা রাখতে পারছেন না। কিন্তু নিশ্চিন্ত থাকুন আপনি। আইন মাফিক কাজ করাই আমার ধর্ম। সেক্রটারী অব ষ্টেট থেকে প্রেসিডেন্ট হতে পেরেছি আমি ধর্মের জোরেই। আপনার জমি আপনি পাবেনই। আর কোন কথা আছে?

ইমতিয়াজ বলল : হ্যাঁ। আমার তিনবন্ধু আজ সকাল বেলা বেরিয়েছিলেন। ভারা নিখোঁজ।

: জটিল সমস্যা…

প্রেসিডেন্ট হঠাৎ গম্ভীর হয়ে গিয়ে বললেন : হিদালগো রাজ্যে নানারকম ভোজবাজির খেলা লেগেই আছে মিঃ ইমডিয়াজ। এসব ব্যাপারে প্রেসিডেন্টের প্রায় কিছুই করার থাকে না। তবে যদি ইচ্ছে করেন তাহলে আমার আর্মড ফোর্সের সাহায্য নিতে পারেন। আপনাকে সব রকমে সাহায্য করতে আমি বাধ্য।

: অনেক ধন্যবাদ।

ইমতিয়াজ উঠে দাড়াল। বলল : প্রয়োজন হলেই আপনার সাহায্য নেব। মনে হচ্ছে প্রায়োজন পড়বে।

: হ্যাঁ, পড়লেই নেবেন। কিন্তু একটা কথা…

: বলুন।

: মায়ানরা এক বিচিত্র জাতি। ওদের দেশে আমার শাসন নামে মাত্র। ওখানে গিয়ে যা কিছু ঘটবে তার সম্পূর্ণ দায়িত্ব আপনাদের।

: বুঝেছি। আপনাকে অজস্র ধন্যবাদ। ইমতিয়াজ প্রেসিডেন্টের কাছ থেকে বিদায় নিল। প্রেসিডেন্ট হাউস থেকে বেরিয়েই দেখল তিনজন লোক গেটের পাশে দাঁড়িয়ে আছে। তাকে দেখেই লোকগুলি সরে পড়ল। তার ইন্দ্রিয় সজাগ হয়ে উঠল। রাস্তায় এসে সে লোক তিনটিকে খুঁজল। কোথাও পেল না।

হোটেলের রাস্তা ধরে সে হাঁটতে লাগল। ইতিমধ্যে রাস্তা আরো নির্জন হয়ে এসেছে। দোকান পাট বন্ধ করে দোকানীরা চলে গেছে বাসায়। ব্ল্যাঙ্কো-গ্র্যাণ্ডি অরণ্যে সঙ্কুল শহর। সর্বত্রই বড় বড় গাছপালা ও ঝোপ-ঝাড়! বসন্তের বাতাস বইছে ঝিরঝির করে। কারা যেন ট্রাম্পেট বাজাচ্ছে একটা ঘরের ভেতর। মেয়েলী গলায় হাসির শব্দ। উঁচু-নীচু রাস্তায় বড় বড় গাছের গুঁড়ি, তক্তা, মাটির ঢেলা পড়ে আছে।

ইমতিয়াজ একটা ঝোপের কাছে গা ঢাকা দিয়ে বসে রইল।


কিছুক্ষণ পর সেখানে এসে হাজির হল সেই তিনটে লোক। ভয়ঙ্কর চেহারা। দেখলেই চেনা যায় পেশাদার খুনী। লোক তিনটে অন্ধকার রাস্তায় দাঁড়িয়ে তর্ক করতে লাগল। ওরা কথা বলছিল স্পেনিশ ভাষায়।

একজন বলল : আমি স্পষ্ট দেখেছি শালা এখানে। লুকিয়েছে।

দ্বিতীয় জন, যার কপাল ছোট, শরীর প্রকাণ্ড,—বলল : বেশ তাহলে খুঁজে যার করা যাক।

তৃতীয়জন হো হো করে হাসল। বলল : পাগল না মাথা খারাপ। এখানে কেন লুকোতে যাবে শুনি? এটা কোন লুকোবার জায়গা হল? পাগলামী রাখ। ওর হোটেলে চল। সেখানেই ব্যাটাকে পাব।

লোকটার কথায় বাকী দুজন তেমন উচ্চ বাচ্য করল না। প্রথমজন শুধু বলল : কাজ সেরেই কেটে পড়তে হবে। আমার বাড়ীতে অনেক ঝামেলা।

দ্বিতীয়জন রসিকতা করে বলল : বাইরের ঝামেলা আগে সামাল দাও স্যাঙাৎ, তারপর বাড়ীর কথা ভেবো।

তিনজনই হাসল। ঠিক এসময় ঝোপের আড়াল থেকে বেরিয়ে এল ইমতিয়াজ সাক্ষাৎ যম-দূতের মত।

তিনজনই হতভম্ব হয়ে যায় ওকে দেখে। তারপর ইমতিয়াজের দিকে এগিয়ে আসে তৃতীয় ব্যক্তি। হাতে একটা দুইফলা লম্বা ড্যাগার। ঝাপিয়ে পড়ল সে ইমতিয়াজের উপর হিংস্র বাঘের মত। ইমতিয়াজ তৈরী হয়েই ছিল। সে লোকটার ছুরি-শুদ্ধ হাত চেপে ধরে শোলার মত মটকে ভেঙে দিল অবলীলা ক্রমে। মরণ-চীৎকার শোনা গেল লোকটার। ইমতিয়াজ ভ্রুক্ষেপও করল না। ক্ষিপ্র গতিতে ফিরে দাঁড়াল সে বাকী দুজনের দিকে। চোখের পলক পড়ার আগেই ইমতিয়াজের বাঁ হাতের একটা সুনিপুন কারাতের কোপ গিয়ে পড়ল দ্বিতীয় ব্যক্তির ঘাড়ে। সে একটিবার মাত্র যীশুখ্রীষ্ট্রের নাম বলল, তারপর তালগোল পাকিয়ে লুটিয়ে পড়ল মাটিতে। প্রথম ব্যক্তি প্রাণ-ভয়ে দৌড় দিল। কিছুক্ষণের মধ্যেই হাতে-নাতে তাকে ধরে ফেলল ইমতিয়াজ। লোকটা কাতর গলায় প্রাণভিক্ষা চাইল। ইমতিয়াজ বলল : তোমাকে মারব না যদি আমার কথার ঠিক ঠিক জবাব দাও।

: বলুন।

: তোমাকে কে এখানে পাঠিয়েছে।

লোকটা বলল : কেউ পাঠায় নি। আমরা আপনাকে ডাকাত ভেবে ধাওয়া করেছিলাম। 

: তাই নাকি?

: যীশুর কিরে, সত্যি কথা বলছি। ইমতিয়াজ লোকটার গলার নীচের হাড়-গ্রন্থিতে একটা আঙুল চেপে ধরল। যন্ত্রণায় নীল হয়ে উঠল লোকটা। এটা হল ডাকাতের মার। চেঁচাতে লাগল। ইমতিয়াজ বলল : কেমন লাগছে?

: মরে যাচ্ছি। দোহাই আপনার, বাঁচান আমাকে। মারবেন না!

: তাহলে সত্যি কথা বল।

: বলছি। আমাদের তিনজনকেই পাঠিয়েছে ডর্ন রুবিয়ো গ্যারো।

: ডন রুবিয়ো গ্যারো, সেক্রেটারী অব ষ্টেট?

ইমতিয়াজ একটু হাসল। আঙুল সরিয়ে নিল হাড়-গ্রন্থি থেকে। বলল : এবার আরো দু’একটা প্রশ্নের উত্তর দাও…

লোকটা বলল : জিজ্ঞেস করুন স্যার...


পাথরের তৈরী একটা ঘরে রাখা হয়েছিল জিপ্পি আসাদ এবং জাহেদকে। কিছুক্ষণ পর রেহানাকেও হাত-পা বাঁধা অবস্থায় নিয়ে আসা হল সেখানে।

ঘরের একটা মাত্র দরজায় কোলাপসিবল গেট। বাইরে থেকে তালা মারা। দরজায় মেশিনগান হাতে পাহারা দিচ্ছে দু’জন হিদালগো বাসী লোক।

মুক্তির কোন পথ নেই। ওরা হাত-পা বাঁধা অবস্থায় পড়ে রইল। এই অবস্থায়ও দুশ্চিন্তার তেমন চিহ্ন দেখা গেল না ওদের চোখে-মুখে। মরতে হলে হাসিমুখে মরাই ভাল।

জিপ্পি আসাদ রেহানাকে বলল : তুমি এদের ফাঁদে ধরা দিলে কি করে?

রেহানা সব কথা খুলে বলল। আমেরিকান এমব্যাসীতে সে ঠিকই পৌঁছেছিল। রাষ্ট্রদূত মিঃ উইলিয়ম টমাস চিঠি পড়ে আশ্বাস দিয়েছেন প্রয়োজন হলেই ইমতিয়াজ এবং তার দলকে সাহায্য করবেন তিনি। এমব্যাসী থেকে বেরিয়ে রাস্তায় নেমেছিল সে এগারোটার দিকে। হিদালগো ষ্টেটের পাবলিক হাউসের সামনে এসে এক বিচিত্র দৃশ্য দেখল সে। দেখল ক’জন অর্ধ-উলঙ্গ আদিবাসী রমণী দাঁড়িয়ে আছে পাবলিক হাউসের সামনে। দাড়িয়ে বক্তৃতা দিচ্ছে। কৌতুহল সামলাতে না পেরে সে ভিড়ের দিকে এগিয়ে গেল। আদি-বাসী রমণীরা আধা জর্মন আধা ফরাসী ভাষায় ধর্ম প্রচার করছিল।

: ধর্ম প্রচার?

জাহেদ আশ্চর্য না হয়ে পারে না।

: হ্যাঁ ধর্ম-প্রচার। আদি-বাসীদের ধর্ম হল নাগ দেবতার পূজো। আমেরিকান মিশনারীরা যাদের খ্রীষ্টান করে ফেলেছে আদি-বাসীরা তাদের আবার আদি-ধর্মে ফিরিয়ে নেবার চেষ্টা করছে। আদি-বাসী রমণীরা নাগ-দেবতার মাহাত্ম্য ব্যাখ্যা করছিল এবং বলছিল যারাই খ্রীষ্টান ধর্ম ত্যাগ করে আদি-ধর্মে ফিরে আসবে তাদেরই দেওয়া হবে নাগ-দেবতার আশীৰ্বাদ। নাগ-দেবতার আশীর্বাদ কি জানো? প্রকাণ্ড তিনটে তেজী ঘোড়া, একডজন চিচেমের বীজ আর এক পিপে আঙ্গুরের মদ।

: বটে, তারপর?

: তারপর হঠাৎ একজনের চোখ পড়ল আমার উপর। সে এগিয়ে এসে আমার হাত ধরল এবং চেঁচামেচি করতে লাগল।

: কারণ?

: আমি নাকি নাগ-দেবীর সাক্ষাৎ কন্যা-স্বরূপা। সবাই আমার পায়ের উপর উপুড় হয়ে পড়ল। পূজো করতে লাগল। দু’একজন আনন্দের চোটে কেঁদে ভাসিয়ে দিল।

: তারপর?

: তারপর ওরা কাকুতি-মিনতি করতে লাগল ওদের সাথে যাওয়ার জন্যে। অনেক কষ্টে ওদের হাত থেকে ছাড়া পেয়ে নেমে এলাম রাস্তায়। কিন্তু কিছুদূর গিয়ে আবার দেখা হল একদল অর্ধ-উলঙ্গ আদি-বাসী রমণীদের সঙ্গে। ওরা নাগ-দেবতার ফুল বিলোচ্ছিল পুরুষ ক্রেতাদের কাছে। আমি ঝামেলা হবে ভেবে ঐদিকই মাড়ালাম না। ভিড়টা বাঁ দিকে রেখে সোজা এগিয়ে গেলাম। কিন্তু আমাদের প্রতিপক্ষ খুবই সাবধানী আর চতুর। কিছুদূর এগোতে না এগোতেই পড়লাম এক মুসলমান ফকিরের খপ্পড়ে।

: মুসলমান ফকির?

: হ্যাঁ। পরণে ঢোলা জোব্বা। মাথায় পাগড়ী। সাদা দাড়ি। লোকটা নিজে থেকেই এগিয়ে এল আমার দিকে। পরিষ্কার ইংরেজীতে বলল : বেটী, তোমার বিপদ আছে সামনে। আমি সন্দেহের চোখে তাকাতেই বলল, আমি একজন তুর্কী মুসলমান। অনেকদিন থেকে এখানে আছি। আমাকে তুমি সন্দেহ করতে পার কিন্তু তোমার ভূত, বর্তমান, ভবিষ্যৎ সব আমি জানি। এই বলে লোকটা গড়গড় করে আমার সম্পর্কে অনেক কথা বলে ফেলল।

: যেমন

: যেমন আমার বাবা পাকিস্তানী, মা ফরাসী, ছোট বেলায় একবার প্যারিস থেকে পালিয়ে লণ্ডনে চলে গিয়েছিলাম, আমার বাবা সামান্য তুতলিয়ে কথা বলেন, হিদালগো এসেছি আমরা মীর্জা মাহমুদের দলিল নিয়ে, ইত্যাদি অনেক কথা।

জিপ্পি আসাদ বলল : নিশ্চয়ই বিশ্বাস করেছিলে যে লোকটা খাঁটী এবং সামনে তোমার বিপদ আছে?

: হ্যাঁ, সাথে করে হোটেলে পৌঁছে দেবার নাম করে ফকির সাহেব একটা ঘোড়ার গাড়ীতে নিয়ে তুললেন আমাকে এবং তারপর দেখতেই পাচ্ছ কোথায় এসে পৌঁছেছি।

: আমাদের তিনজনের জন্যই চারদিকে নানারকম ফাঁদ পাতা হয়েছিল। ওরা জানত যে আমরা একটা না একটা ফাঁদে পা দেবই।

জাহেদ বলল।

: তা জানত,

জিপ্পি আসাদ স্বীকার করল। বলল : কিন্তু আমি ভাবছি যে লোকটা এসব কিছুর পেছনে আছে সে কে? লোকটা বড় সামান্য নয়। প্রথমেই ধরো মীর্জা মাহমুদের মতো একজন বৈজ্ঞানিককে সে হত্যা করেছে। ইমতিয়াজ এবং আমাদের উপরও হামলা চালিয়েছিল। ভাগ্যক্রমে বেঁচে গেছি আমরা। এত করেও থামে নি লোকটা। নিউ ইয়র্কে এসেছে পিছু পিছু, সেখান থেকে হিদালগো ষ্টেট পর্যন্ত। আমাদের প্লেনে সে টাইম-বোমা রেখেছিল, বেলিজে মোতায়েন করেছিল আততায়ী। দেখা যাচ্ছে আমাদের গতিবিধির উপর কড়া নজর রেখেছে সে। শুধু তাই নয়, কখন আমরা কি করব সেটাও ওর জানা।

রেহানা বলল : ইমতিয়াজকেও ওরা বন্দী করেছে কিনা কে জানে?

: চেষ্টা যে করবে তাতে কোন সন্দেহ নেই।—জিপি আসাদ জবাব দিল।

ওরা বন্দী অবস্থায় পড়ে রইল সন্ধ্যা পর্যন্ত। সন্ধ্যার পর একজন আদিবাসী পুরোহিত দর্শন দিল দরজার বাইরে। ন্যাড়া মাথা। ৰাজ-পাখীর মত চোখ। লোকটা বিড় বিড় করে আপন মনে কি সব বলল।

জাহেদ বলল : শালা আমাদের বকাবকি করছে।

জিপ্পি আসাদ বলল : আর বকাবকি! সাগরে শয়ন যার শিশিরে কি ভয় তার?

: তা বটে,

ভোঁস করে নিঃশ্বাস ছাড়ল জাহেদ। বলল : মরতে চলেছি, এখন বকাবকি গায়ে মাখলে চলবে কেন! বকুক শালা নেড়ুয়া বেল। বকে যাক। আমার আফসোস শুধু রেহানার জন্যে।

: রেহানার জন্যে?—রেহানা বিস্ময় প্রকাশ করল। বলল : কেন চাঁদ, আমার তরে আফসোস কেন?

: না, তোমাকে আকারে-প্রকারে বিয়ের আশা দিয়েছিলাম তো, সেটা আর হল না। তবে যদি কোনরকমে এখান থেকে ছাড়া পেয়ে বঙ্গ-দেশে পৌঁছতে পারি, তাহলে, কথা দিচ্ছি রেহানা, তাহলে ঠিক তোমাকে বিয়ে করব!

রেহানা বলল : ইস! বাংলা দেশে ফিরে যেতে পারলে যেন ওনাকে কেউ বিয়ে করবে। আমি একজন নিরীহ গোছের সাহিত্যিক খুঁজছি। যদি পাই তাকেই বিয়ে করব।

: সাহিত্যিক,

হেসে ভেঙে পড়ল জাহেদ : বিলাত-ফেরত ইঞ্জিনিয়ারের সঙ্গে সাহিত্যিকের তুলনা! আর হাসিয়ো না বলছি! অর হাসিয়ো না!

কিছুক্ষণ চুপ করে থেকে বলল : তাছাড়া আমিও তো সাহিত্যিক! কবিতা লিখি। না, না... কবিতা না ছড়া। ছড়া লিখি। ঐ নেড়ুয়াকে নিয়ে একটা ছড়া বাঁধব, শুনবে? জিপ্পি আসাদ ও রেহানা ওকে আমলই দিল না! অন্য প্রসঙ্গে কথা বলতে লাগল।

ঘণ্টা খানেক সময় কাটল এভাবেই। ইতিমধ্যে পাহারাদার আরো একজন বেড়েছে। কোলাপসিবল গেটের দু’দিকে জ্বালিয়ে দেওয়া হয়েছে দুটি মশাল। মশালের লাল আলো বাতাসে কাঁপছে। অস্থির থেকে অস্থির-তর হয়ে উঠছে সময়।

হাত-পা বাঁধা অবস্থায় পড়ে আছে ওরা তিনজনই। জিপ্পি আসাদ ও রেহানা কথা বলছে ইমতিয়াজ সম্পর্কে। জাহেদ চিৎ হয়ে শোয়া অবস্থায় খাঁটী বাংলায় পাহারাওয়ালাদের গাল দিচ্ছে এবং মাঝে মাঝে গান গাওয়ার চেষ্টা করছে।

হঠাৎ ‘ঘ্যা–এ–এ–ং’ করে একটা শব্দ উঠতেই ওরা ফিরে তাকাল। থমকে গেল। তাকিয়ে দেখল দরজার বিপরীত দিকে পাথরের তৈরী দেয়ালের পাথর-গুলি দু’দিকে সরে যাচ্ছে। আস্তে আস্তে স্পষ্ট হয়ে উঠছে লোহার শিক ঘেরা একটা মস্ত খাঁচা। খাঁচার ভেতরে রয়েছে বিশাল দেখতে কতগুলি হাউণ্ড। দেখলেই বোঝা যায় ক্ষুধার্ত। লাল চোখে তাকাচ্ছে জন্তুগুলি। লকলকে লম্বা, পাতলা জিহ্বা বার করছে এক একবার।

জিপ্পি আসাদ ও জাহেদ নিজেদের অসহায় অবস্থার কথা হৃদয়ঙ্গম করল। নিষ্ফল ক্রোধে হাত-পা ও শরীরের বাঁধন ছিন্ন করার চেষ্টা করল গায়ের জোরে শেষ বারের মতো। ইতিমধ্যে সরে গেছে দেয়ালের পাথরগুলি। লোহার শিকের খাঁচায় হাউণ্ড গুলি লোলুপ চোখে দেখছে নিজেদের লোভনীয় শিকার।

কোলাপসিব্‌ল গেট খোলার শব্দ হল। সেই ন্যাড়ামাথা আদিবাসী পুরোহিতটি ঘরে ঢুকল। নিষ্ঠুর চোখ-মুখ। একটা খালি পা রাখল সে রেহানার পিঠের উপর। কুৎসিত একটা গালি দিয়ে নীচু হয়ে ভাঙা ভাঙা ইংরেজীতে বলল : নাগ-দেবীর কন্যা! হাউণ্ডগুলি দেখে কিরকম লাগছে?

জাহেদ নিষ্ফল ক্রোধে একদলা থুথু ফেলল পুরোহিতের মুখে। পুরোহিত হাঁ হয়ে গেল। থুথু মুছল সে জামার হাতা দিয়ে। লাল চোখ দুটি ধ্বক ধ্বক করে জ্বলে উঠল তার। এগিয়ে এসে সে জাহেদের বুকের উপর হাঁটু ভাঁজ করে বসল। চাপ দিতে লাগল। অসহ্য যন্ত্রণায় ককিয়ে উঠল জাহেদ। প্রতিশোধ নেবার শেষ চেষ্টা করল সে। গায়ের সব শক্তি একত্রিত করে সে পাশ ফিরতে চেষ্টা করল। পাশ ফিরতেই লোকটা উল্টে পড়ে গেল নীচে, ঠিক জিপ্পি আসাদের গায়ের উপর।

লোহার কাঁটার তৈরী শিকলি দিয়ে হাত-পা বাঁধা অবস্থায় একটা বেপরোয়া মানুষ যা করতে পারত জিপ্পি আসাদ তা-ই করল। সে কাছে পেয়ে কামড়ে ধরল পুরোহিতের কাঁধ।

রাম চীৎকার দিয়ে উঠল পুরোহিতটা।

ঠিক এসময় কে যেন গেটের মশাল দুটি নিভিয়ে ফেলল। চারদিকে অথৈ অন্ধকার। গুলির আওয়াজ ভেসে এল বিপরীত দিক থেকে। প্রত্যুত্তরে গেটের প্রহরীদের হাতের মেশিন গান গর্জে উঠল।

মরণ-চীৎকারে কেউ লুটিয়ে পড়ল মেশিন গানের গুলিতে।

পাল্টা গুলির আওয়াজ শোনা গেল। প্রহরীদের একজন পড়ে গেল মাটিতে। দু’জন সরে গেল বাঁ’দিকে।

কিছুক্ষণ অন্ধকারে অদৃশ্য একদল লোকের সাথে যুদ্ধ চলল কারাকক্ষের প্রহরীদের। প্রহরীরা প্রথমে বাধা দিল, যুদ্ধ করল, পরে কেউ ধরা পড়ল, কেউ পালিয়ে গেল প্রাণ বাঁচিয়ে।

বেশ অনেকক্ষণ পর প্রথমে টর্চের আলোয় ও পরে মশালের আলোয় আলোকিত হয়ে উঠল কারা-কক্ষ। একদল যুদ্ধ পোষাক পরিহিত সম্ভ্রান্ত চেহারার হিদালগো-বাসী লোক এগিয়ে এল বন্দী জাহেদ, আসাদ ও রেহানার কাছে। ওদের বাঁধন খুলে দিল। বলল : আমরা প্রেসিডেণ্ট চার্লোসের আদেশে আপনাদের উদ্ধার করতে এসেছি। ঈশ্বরকে ধন্যবাদ যে আপনারা বেঁচে আছেন। চলুন স্যার, প্রেসিডেণ্ট আর আপনাদের দলের মিঃ ইমতিয়াজ আপনাদের জন্য অপেক্ষা করছেন।


নয়

প্রেসিডেণ্ট চার্লোসের অতিথি হয়ে দু’দিন কাটাল ওরা। জাতি-সঙ্ঘের সেনা-বাহিনী দিয়ে অনেক সময় গৃহ-যুদ্ধের মোকাবেলা করতে হয় প্রেসিডেণ্টকে। সুতরাং ইমতিয়াজ এবং তার সঙ্গীদের তিনি অবহেলা দেখাতে সাহস করলেন না। ডন রুবিয়ো এই ঘটনার পর ফেরারী হয়ে গেল। প্রেসিডেণ্ট তাকে বিদ্রোহী বলে ঘোষণা করলেন। জীবিত অথবা মৃত রুবিয়োর জন্য পাঁচ হাজার ডলার পুরস্কার ঘোষণা করা হল।

: শালা জবর হারামী,

জাহেদ মন্তব্য করল ডন রুবিয়োর সম্পর্কে, বলল : ঠিক সময়ে প্রেসিডেন্টের আর্মি গিয়ে না পৌঁছলে হয়েছিল আর কি! ব্যাটাকে যদি কোনদিন বাগে পাই তো শোধ তুলব।

: শোধ তোলার আর বাকিটা কি রেখেছ,

রেহানা বলল : হাত-পা বাঁধা অবস্থায় যা কিনা গালিগালাজ করেছ, ছিঃ ছিঃ…

জাহেদ সামান্য লজ্জা পেল। নিজের দোষ চাপা দেওয়ার জন্য বলল : আমি তো গালি-গালাজ করেছি, জিপ্পি মিঞা যে পুরোহিতটাকে কামড়ে ধরেছিল! মানুষ কি কামড়ায়?

জিপ্পি আসাদ বলল : আমি তো লড়াই করেছিলাম। তুমি যে সোনা ভাই বিলাপ করে কান্‌ছিলে!

: বিলাপ নয়, গান,

জাহেদ শুধরে দিল। বলল : ওটার নাম বিপদ-সঙ্গীত।

দুদিন বেশ ভালো ভাবে কাটল। ব্ল্যাঙ্কো-গ্র্যাণ্ডি শহরে ঘুরে ফিরে বেড়াল ওরা পুরো একদিন। আদিবাসীদের ধর্ম-প্রচারক দলটা ইতিমধ্যে হাওয়া হয়ে গেছে। কিন্তু খোঁজ নিয়ে জানা গেল শহরেরই কোন অজ্ঞাত স্থানে দলটা লুকিয়ে আছে। সুযোগ খুঁজছে প্রতিশোধ নেবার। আদি-বাসীদের সংখ্যা শহরে কম নয়। তাদের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে, ওরা ডন-রুবিয়োর লোক। বর্তমান প্রেসিডেন্টকে সরিয়ে রুবিয়ো দেশের প্রেসিডেন্ট হতে চায়। আদি-বাসীরা রুবিয়োর পক্ষে। দু’পক্ষেই প্রস্তুতি চলছে? যে কোন সময়ই সংঘর্ষ বেধে যেতে পারে।

দুদিন প্রেসিডেন্টের মেহমান হিসাবে কাটিয়ে ওরা মায়ান এলাকার দিকে রওনা দিল। হিদালগো রাজ্যের বিশাল নীল আকাশে সাদা পাখীর মত সবেগে উড়ে চলল ওদের শ্ৰেন।


নীচের দৃশ্য সত্যি নয়নাভিরাম। কোথাও পর্বত। জঙ্গল। হ্রদ। কোথাও আদি-বাসীদের গ্রাম। বড় বড় নদীগুলি আয়নার মত ভাসছে। প্লেন চালাচ্ছিল জাহেদ। তিনশো মাইল পাড়ি দেবার পর ইমতিয়াজের নির্দেশে প্লেন নামাল সে নীচে। মাইল খানেক দূরে ব্ল্যাক-ষ্টোন পর্বত। এই পর্বতমালা মায়ান রাজ্যকে বৃত্তের মত ঘিরে রেখেছে। স্থল-পথে মায়ান রাজ্যে ঢোকার দু’একটা পথ আছে। কিন্তু মানুষ খেকো আদি-বাসী ও হিংস্র জন্তু জানোয়ারের ভয়ে কেউ সহজে সে পথ মাড়ায় না।

: আপাততঃ এখানেই বিশ্রাম নিতে হবে আমাদের।

ইমতিয়াজ বলল : জায়গাটা খুবই সুন্দর। জন্তু জানোয়ারের হাত থেকে আত্মরক্ষা করতে পারলে বেশ মজাসে সময় কাটানো যাবে।

: কিন্তু মায়ান এলাকায় আমরা কবে রওনা দিচ্ছি?

জিপ্পি আসাদ জানতে চাইল।

ইমতিয়াজ বলল : বলা কঠিন। মায়ান রাজ্যের আকাশে একরকমের ঘূর্ণি-ঝড় বয় সারা বছর। একটা পাখীও দেখা যায় না এ রাজ্যের আকাশে। সুতরাং আকাশ-পথে প্লেন নিয়ে মায়ান রাজ্যে ঢোকা এক অসম্ভব ব্যাপার। একটা মাত্র আকাশ-পথ আছে যা ঘুর্ণিঝড়ের আওতার বাইরে। সেই পথটা যদ্দিন খুঁজে না পাই তদ্দিন চেষ্টা চালিয়ে যাব আমরা। এখন কাজ আর বিশ্রাম দুই-ই চলবে।

ব্ল্যাক-ষ্টোন পর্বতের গুহায় ওরা বাসা বাঁধলো। রাতটা বিশ্রাম নিলো ওরা পরিপূর্ণভাবে। সকাল বেলা প্লেন নিয়ে পর্বতের উপরে উঠে গেল ইমতিয়াজ। মায়ান রাজ্যের আকাশ পথটা যে অল্টিচিউডে থাকার কথা সেখানে বেশ কয়েকবার চক্কর দিল। কোন ফল হলো না। সতেরোশ ফুট উঁচু আকাশ জুড়ে প্রবল বাতাস ও ঘূর্ণিঝড় বইছে। বাতাসের বেগ ঘণ্টায় একশো মাইলেরও বেশী। এই বাতাসের ভেতর প্লেন পড়লে রক্ষে নেই, প্লেন নিমেষে ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে।

হতাশ হল না ইমতিয়াজ। মীর্জা মাহমুদ তাঁর ডায়েরীতে এই আকাশ পথের উল্লেখ করে গেছেন। অল্টিচিউডও নির্দেশ করে গেছেন তিনি। সুতরাং এই তথ্য, এই সংবাদ মিথ্যে হতে পারে না। ব্ল্যাক-ষ্টোন পর্বতের উত্তর পূব দিকের হাজার খানেক মাইল চক্কর দিয়ে সে ফিরে এলো ডেরায়। আবার আগামী কাল পর্বতের দক্ষিণ পূর্ব দিকে খোঁজা যাবে।

ডেরায় এসে দেখল জাহেদ মন খারাপ করে বসে আছে গুহার বাইরে। মন খারাপ করবার কারণ রেহানা তাকে অপমান করেছে। তিনজনের থাকার জন্যে যে, বড়ো গুহাটা ঠিক করা হয়েছে তার পাশের ছোট গুহাটা সে রেহানার থাকার জন্যে ঠিক করেছিল এবং কাগজে ‘ফিমেল’ কথাটা লিখে সেটা টাঙিয়ে দিয়েছিল গুহার উপরে। তাইতে রেহানা রাগ করেছে। বলেছে ‘ফিমেল’ কোয়ার্টারে জাহেদেরই থাকা উচিত, কারণ স্বভাব বিচার করলে জাহেদকে ঠিক মেয়েমানুষ ছাড়া আর কিছু মনে হয় না। জাহেদের এই অপমানে জিপি মিঞা দারুণ খুশী হয়েছে। সে ঘনঘন হাসাহাসি করছে এবং গান গাচ্ছে।

রেহানা বলল : হাসবেই তো। উনি ফোঁপড় দালালী করে আমাকে ‘ফিমেল কোয়ার্টারে’ রাখার চেষ্টা করলেন কেন? সবাই যেখানে থাকে আমি সেখানে থাকতে পারি না? আমি কি দুর্বল? এটা কি বন্ধুত্বের অপমান নয়? তুমিই বলো না ইমতিয়াজ!

জাহেদ বলল : বেশ তো অপরাধ করেছি তুমি নিজে এর শাস্তি দাও না। জিল্লুকে দিয়ে অপমান করছ কেন? তুমি তো সরল মনে জিপ্পুর সাথে খোশ গল্প করছ,—এতে ও লাই পাচ্ছে তা জানো?

ইমতিয়াজের মধ্যস্থতায় ঝগড়া মিটে গেল ওদের। তখন সন্ধ্যা হয়ে এসেছে। ব্ল্যাকষ্টোন পর্বতের ফাঁকে ফাঁকে পশ্চিমের রক্ত-লাল আকাশটা দেখা যাচ্ছে। কাছে কোথাও হিংস্র ‘তাইপুর’ ডাকছে। গুহার ভেতর রান্না চড়িয়ে দিল রেহানা ও জাহেদ। জিপ্পি আসাদ সাহায্য করতে লাগল রান্নার কাজে এটা ওটা জুগিয়ে। সুযোগ পেয়ে খুব খাটিয়ে নিল জাহেদ আসাদকে দিয়ে। বাটনা বাটাল। হাড়ি-খুড়ি ধোওয়াল। জিপ্পি আসাদ অবশ্য হাসিমুখেই প্রকাণ্ড শরীরটা নিয়ে ওসব করল। রেহানা ও ইমতিয়াজ জাহেদের কর্তাগিরি দেখে খুব হাসাহাসি করল। জাহেদ ভ্রুক্ষেপও করল না। ভাবখানা দেখাল ফ্যামেলি চালাতে গেলে এরকম ঠাট্টা-বিদ্রূপ গায়ে মাখলে চলবে না।

রাত একটার দিকে শব্দটা শোনা গেল।

মেঘের গুরু গুরু গর্জনের মত।

প্রথম ঘুম ভেঙে উঠল ইমতিয়াজ।

তারপর রেহানা, আসাদ, জাহেদ।

এতটুকু সময় নষ্ট করল না ওরা। ক্ষিপ্রহাতে প্রয়োজনীয় জিনিস-পত্রগুলি গুছিয়ে নিয়ে ছুটল প্লেনের দিকে। প্লেনে উঠে বসল।

পরিষ্কার আকাশ। অসংখ্য নক্ষত্র জ্বলছে। ঠিক মাথার উপর দেখা যাচ্ছে একটা প্লেনের নীল বাতি। প্লেনটা ছুটে চলেছে মায়ান রাজ্যের দিকে।

সময়ের গুরুত্ব ওরা জানে। এতটুকু সময় নষ্ট না করে প্লেন স্টার্ট দিল ইমতিয়াজ। সোজা আঠারোশ ফিট উঁচুতে উঠে গেল। অনুসরণ করল অগ্রগামী প্লেটাকে। এতক্ষণে আকাশ-পথের রহস্যটা টের পেল ওরা। ঠিক আঠারোশ’ ফিট উঁচুতে আকাশের আধমাইল বিস্তৃত জায়গায় ঘুর্ণি ঝড় নেই। চমৎকার নদীর মত পথটা দক্ষিণে বেঁকে ঢালু হয়ে নেমে গেছে প্রথমে এগারো শ’ ফিট উঁচুতে, পরে কিছুদূর এগিয়ে ষোল শ’ ফিট উপরে, ...মাইল পঞ্চাশেক যাওয়ার পর সোজা মাটি বরাবর। অগ্রগামী প্লেনটা একসময় চারশ’ গজ দূরে এসে পড়ল। ইচ্ছে করলে গুলি করে ফেলে দেওয়া যেত প্লেনটাকে। কিন্তু তাহলে মায়ানরাজ্যে পৌঁছবার পথটা অজ্ঞাতই থেকে যায়। জিপি আসাদ ও জাহেদ গ্যাস রাইফেল নিয়ে প্রতিরক্ষার জন্যে তৈরী হয়ে থাকল। অগ্রগামী প্লেন থেকে ওরা আক্রমণের আশঙ্কা করল। কিন্তু প্লেনটা আত্ম-রক্ষার জন্যেই ব্যস্ত, বোঝা গেল।

রাত চারটার দিকে অগ্রগামী প্লেনটা পাঁচশো ফিট নীচে নেমে এল। পেছনে পেছনে ইমতিয়াজের তিন এঞ্জিনওয়ালা বিশাল প্লেনটা। নীচে দেখা যাচ্ছে অন্ধকারে নিমজ্জিত জঙ্গল ও ফাঁকা উপত্যকা। অগ্রগামী প্লেনটা পাঁচ শো ফিট নেমেই হঠাৎ উঠে গেল উপরে এবং চোখের নিমেষে উধাও হয়ে গেল দক্ষিণ আকাশের দিগন্তে।

প্লেনটা অনুসরণ করার চেষ্টা থেকে বিরত হল ইমতিয়াজ। কাল-ক্ষেপণ না করে সে উপত্যকার একটা বড়সড় জলাশয়ে প্লেন ‘ল্যাণ্ড’ করল। নামার সুবিধের জন্যে প্লেনের চাকায় ‘পণ্টুন’ লাগানো রয়েছে। সুতরাং কিছুই অসুবিধে হলো না।

তখনও সকাল হতে অনেক দেরী। চারদিকে অপরিচিত অন্ধকার। ভেজা লোহার বিকট গন্ধ। ঝিঁ ঝিঁ ডাকছে। হঠাৎ এক এক সময় জঙ্গলের দিক থেকে ধূপধাপ শব্দ ভেসে আসে। বন্য জন্তুর চীৎকার শোনা যায়।

রাতটা প্লেনের ভেতর কাটানোই স্থির করল ওরা।

ঘুম এলো না কারো চোখেই।

অধীর আগ্রহে ভোরের জন্য অপেক্ষা করতে লাগল ওরা।

মায়ান রাজ্যে এসে পৌঁছেছে ওরা অবশেষে। কে জানে কি রহস্য অপেক্ষা করছে ওদের জন্যে।

ধীরে ধীরে অন্ধকার কেটে গেল। চোখের সামনে ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠতে লাগল ‘লুপ্ত উপত্যকা’। পাঁচ হাজার বছর আগে যে জাতি সভ্যতার চরম শিখরে আরোহণ করেছিল সে জাতি বংশ-পরম্পরায় এখনো টিকে আছে পর্বত-বেষ্টিত এই দুর্গম অঞ্চলে। সভ্য জগত থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন এই মায়ান জাতি, এই মায়ান উপত্যকা। দশ বছর আগে এই রাজ্যেই প্রবেশ করেছিলেন তিনজন দুঃসাহসী বাঙালী অভিযাত্রী। ডঃ মির্জা মাহমুদ, তাঁর অনুগত সহচর ইব্রাহিম, সহকর্মী ও বন্ধু ইকরামুল্লাহ। আজ ডঃ মাহমুদ বা ইকরামুল্লা বেঁচে নেই। ইব্রাহিমও বেঁচে আছে কিনা কেউ জানে না। দুর্জেয় এক রহস্যের আকর্ষণে এই লুপ্ত উপত্যকায়ই আসতে হয়েছে ইমতিয়াজ ও তার বন্ধুদের।

অন্ধকার যত কেটে যেতে লাগল তত স্পষ্ট হয়ে উঠতে লাগল মায়ান উপত্যকা এবং ওরা বিস্ময়ে অভিভূত হয়ে উঠল উপত্যকার অসীম প্রাকৃতিক সৌন্দর্য দেখে।

চারদিকে সুবিন্যস্ত নিবিড় বনানী। ফাঁকে ফাঁকে সুন্দর মসৃণ পাথরের পথ। কোথাও রয়েছে মস্ত জলাশয়। কোথাও সৌখিন ঝর্ণা। দু’একটা ত্রিকোণাকৃতি পাথরের টিলাও চোখে পড়ল ওদের।

কিন্তু কোথাও লোকজন দেখা গেল না।

এ যেন রূপ-কথার রাজত্ব। আকাশের নীচে বিশাল বনানী যেন হাজার হাজার বছর ধরে ঘুমিয়ে আছে।

ভারী সুন্দর, পরিছন্ন পরিবেশ।

ওরা প্লেন থেকে নেমে একটা মসৃণ পাথরের পথ ধরে এগোল। বাগানের মত বিন্যস্ত করা, অরণ্যে ঘুরে বেড়াল। এক জায়গায় গিয়ে অবাক হয়ে দাঁড়িয়ে পড়ল ওরা। বেশী-ফুল! বাংলা দেশের চির পরিচিত বেলী-ফুল কোত্থেকে এল এখানে?

প্রত্নতত্ত্ববিদ রেহানা বলল : যত দেখছি তত অবাক হচ্ছি ইমতিয়াজ। কে বলে মায়ান জাতির সাথে আধুনিক পৃথিবীর সম্পর্ক নেই?

: কিন্তু সম্পর্ক সত্যি নেই রেহানা। এখানকার যা কিছু দেখছ সবই মায়ানদের সৃষ্টি।

: আশ্চর্য! আরব্য-উপন্যাসের জগত বোধহয় একেই বলে।

জিপ্পি আসাদ বলল : কিন্তু এই সুন্দর অরণ্য-নগরের শিল্পীরা কোথায়? ওদের বাড়ী-ঘরই বা কোথায়?

: ওরা কি মাটির তলায় বাস করে?

সন্দেহ প্রকাশ করল ভীতু জাহেদ। বলল : হঠাৎ যদি মাটি ফুঁড়ে হা-রে-রে-রে করে বেরিয়ে আসে সব, তাহলেই হয়েছে। আমার আবার পেটটা ভালো যাচ্ছে না। কি করে বসি খোদা জানেন।

হাঁটতে হাঁটতে একটা কৃত্রিম হ্রদের ধারে এসে পড়ল ওরা। চারপাশে ওক গাছের মত এক রকমের গাছ। হৃদের নীল জল টলমল করছে। হৃদের ধারে বসার উপযোগী কতগুলি মঞ্চ। এক জায়গায় পাওয়া গেল কতগুলি টকটকে লাল ফুল। অনেকটা জবাফুলের মত দেখতে। ফুলগুলি ছিন্ন অবস্থায় পড়ে আছে শিশির-ভেজা সবুজ ঘাসের উপর।

ফুলগুলি হাতে নিয়ে শুঁক্‌ল রেহানা। মৃদু হাসি ফুটে উঠল তার ঠোঁটে। বলল : কাল রাতের বেলায় এই হৃদের ধারে খুব-সম্ভব এসেছিল এক জোড়া প্রেমিক-প্রেমিকা!

উচ্ছল হয়ে উঠল জাহেদ। রেহানার কথা কেড়ে নিয়ে বলল : যথার্থ বলেছ হেনা! কি চমৎকার সময়টা কেটেছে ওদের তাই না? প্রেম, বুঝলে হেনু, প্রেমের তুল্য বস্তু পৃথিবীতে কিছু নেই!

ইমতিয়াজের মনোযোগ তখন কেড়ে নিয়েছে একটা অস্বাভাকি শব্দ। শব্দটা ওরা কেউ টের পেল না, কিন্তু ইমতিয়াজের শক্তিশালী ইন্দ্রিয়কে শব্দটা ফাঁকি দিতে পারল না। উৎকর্ণ হয়ে রইল সে। তার হাসি-ময় মুখের চেহারায় ফুটে উঠল চিন্তার ছাপ।

গম্ভীর হয়ে উঠল ইমতিয়াজ।

কিছুক্ষণ উৎকর্ণ হয়ে থেকে বলল: ওরা আসছে। আমাদের অবস্থান টের পেয়ে গেছে ওরা। আর আধ-ঘন্টার মধ্যে মায়ান যোদ্ধাদের হাতে আমরা বন্দী হতে যাচ্ছি।

কিছুক্ষণের মধ্যেই নির্জন বন-ভূমি চাপা গুমগুম শব্দে ভরে গেল। চারদিকের অরণ্য ভেদ করে এগিয়ে আসতে লাগল শব্দটা।

করতালির শব্দ।

মায়ানরা যুদ্ধের পোষাকে এগোচ্ছে। মাঝে মাঝে তাল রেখে করতালি দিচ্ছে একদল উলঙ্গ-প্রায় নারী।

ওদের হাতে অস্ত্র নেই।

কিন্তু মায়ান যোদ্ধাদের প্রত্যেকের কাছেই একাধিক অস্ত্র।

কারো হাতে লম্বা বর্শা। কাঁধে তীর-ধনুক।

কারো হাতে ঢাল ও তলোয়ার।

মায়ানদের পরণে কোমর থেকে হাঁটু পর্যন্ত চাপা প্যাণ্টুলুন।গায়ে কাঁধ-হীন লাল চামড়ার জামা।

দুটো বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় প্রত্যেকটি মায়ান যোদ্ধার মধ্যে। এক, ওদের হাতের কনুইর ঠিক ওপরে শক্ত করে তাগা বাঁধা। দুই, প্রত্যেকেরই হাতের আঙুলের ডগা টকটকে লাল।

ওরা এক একটা দলে ব্যূহ রচনা করে চারপাশ থেকে এগোচ্ছে।

অদ্ভুত ওদের ব্যুহ-রীতি।

প্রতিটি দলে পনর জন করে যোদ্ধা। দলের সামনে দলপতি, তার পেছনে দুজন সৈন্য, তার পেছনে তিনজন, পরে চারজন ও সবশেষে পাঁচজন দৈন্য। তিনকোণ বিশিষ্ট এই বুহের তিন বাহুতেই পাঁচজন করে সৈন্য।

দলে মেয়েদের সংখ্যা কম।

তিনটি ব্যুহের ঠিক পরে পরে দুটি মেয়ে।

মেয়েদের কটি দেশে সামান্য কাপড় বাঁধা। উর্ধাঙ্গ সম্পূর্ণ উন্মুক্ত। বাহু, বুক, পেট ও মুখে নানা-রকম রং মাখানো।

ওরা মৃদু করতালি দিচ্ছিল তালে তালে।

দলটা এগিয়ে আসছিল চারপাশ থেকে।

কিছুক্ষণের মধ্যেই শ’পাঁচেক মায়ান যোদ্ধা চারপাশ থেকে এসে ঘিরে ধরল ইমতিয়াজ ও তার বন্ধুদের।

ওদের ভেতর থেকে এক প্রকাণ্ড-দেহী মায়ান বেরিয়ে এল।

একমাত্র তারই ছেচল্লিশ ইঞ্চি চওড়া বুকের উপর কোন আচ্ছাদন নেই। খোলা বুক। সেই বুকে উল্কি দিয়ে আঁকা আছে বাজ-পাখীর ছবি।

গম্ভীর রাজকীয় চালে সে গিয়ে দাড়াল ইমতিয়াজ ও তার বন্ধুদের মুখোমুখি। ওরা সবাই সন্ধি-সূচক ইঙ্গিত জানিয়ে হাতের অস্ত্র ত্যাগ করল। সেই মুহূর্তে বিকট চেঁচিয়ে উঠল বাজ-পাখী।

ইমতিয়াজ এই চীৎকারের অর্থ বুঝতে পারল। বাজপাখী বলছে তোমরা এখন বন্দী। তোমরা এখন নতজানু হও আমার সামনে।

একটুকরো হাসি ফুটে উঠল ইমতিয়াজের ঠোঁটে। সেও বিকট গলায় মায়ান ভাষায় চেঁচিয়ে উঠল। সে বলল পরাজিত হয় যে শত্রু, নতজানু হয়ে সে প্রাণ-ভিক্ষা চায়। আমরা তোমাদের বন্ধু শত্রু নই। রাজার কাছে নিয়ে চল আমাদের, আমরা রাজার সাথে দেখা করতে চাই।

বাজ-পাখী স্তম্ভিত হয়ে গেল ইমতিয়াজের উত্তরে। সে একবার ইমতিয়াজের দিকে আর একবার তার দলবলের দিকে তাকাতে লাগল। মৃদু গুঞ্জন উঠল তার দলের ভেতর।

বাজ-পাখী আবার চেঁচিয়ে উঠল। বলল: আমি তোমাদের বন্দী করেছি। আমিই তোমাদের প্রভু এখন।

: তা ঠিক কিন্তু তুমি তো রাজার একজন যোদ্ধা, রাজা কোথায় তোমাদের? রাজার কাছে নিয়ে চল আমাদের। তিনিই আমাদের প্রভু।

বাজ-পাখী আবার স্তব্ধভাব ধারণ করল। তারপর বলল : রাজা আছেন রিয়োমণ্ডীতে। রানীর অসুখ। রাজা আছেন কপিল ব্লাঙ্কায়, দেবতা ডেকেছেন। রাজার সাথে তোমাদের দেখা হবে না।

সে চুপ করে রইল।

তারপর অট্টহাসিতে ভেঙে পড়ল। তার সঙ্গে হাসিতে যোগ দিল তার দল-বল। কানে তালা লাগার উপক্রম হল ইমতিয়াজদের।

শেষ আদেশ দিল রাজ-পাখী দলের দিকে তাকিয়ে। বলল : এরা তামা-রাজ্যের দুষমণ। বাঁধো এদের নিয়ে চল মন্দিরে। সৰ্প দেবতা যা বলেন তাই হবে।

তিরিশ জন মায়ান যোদ্ধা বাজ-পাখীর কথা শেষ হতে না হতেই ঘিরে ধরল ইমতিয়াজ, জাহেদ, আসাদ এবং রেহানাকে। শক্ত লোহার শিকল দিয়ে হাত বাঁধা হল ওদের। ওরা বাধা দিল না। বাধা দিয়ে কোন ফল হবে না দেখেই চুপচাপ রইল। ধরা দিল মায়ানদের হাতে।

মায়ানরা ওদের নিয়ে হৈ চৈ করতে করতে এগিয়ে চলল। চারিদিকে সুন্দর সুসজ্জিত উদ্যান-বিশেষ। গাছপালার বেষ্টনীর ফাঁকে ফাঁকে কৃত্রিম জলাশয়। ফুলের বাগান। বাঁধানো পথ। কিন্তু কোথাও কোন বাড়ী-ঘর চোখে পড়ল না।

উপত্যকা শেষ হয়ে গেল। শুরু হল নিম্ন-ভূমি। প্রকাণ্ড একটা মাঠের উল্টোদিকে তাকিয়েই বিস্ময় হাঁ হয়ে গেল ওরা। দেখল মাঠের শেষে দাঁড়িয়ে আছে সাদা পাথরের তৈরী বিশাল এক মন্দির। মন্দিরের চূড়ায় উড়ছে একটা লাল নিশান।

মন্দিরের এপাশে ওপাশে কতগুলি গুহার মত উদ্ভট বাড়ী। মন্দিরের কাছাকাছি পৌঁছতেই ঘণ্টা বেজে উঠল গম্ভীর নির্নাদে।

মৃদু গুঞ্জন উঠল মায়ানদের মধ্যে। একজন বলল : দেবতার মহিমা দেখো। তিনি আমাদের আহ্বান করছেন।

মন্দিরের বেদীতে রাখা আছে এক ভয়াবহ সৰ্প মূর্তি। সামনে বেশ বড় অঙ্গন। যোদ্ধারা সেই অঙ্গনে পাথরের মত দাড়িয়ে রইল সর্প দেবতার আদেশ শোনার জন্যে।

বাজ-পাখী অগ্রসর হল বেদীর দিকে। সর্প দেবতার দিকে তাকিয়ে সে স্বভাবজাত বিকট গলায় চেঁচিয়ে উঠল। সে বলল : তামারাজ্যের দুষমণদের ধরে এনেছি প্রভু। এরা রাজার কাছে যেতে চায়। কি করব তুমি বলে দাও।

সর্প-দেবতা বিশাল ফনা ধরে আগের মতই নিস্তব্ধ।

: আমরা তোমার করুণা চাই দেবতা। তুমি যা আদেশ করবে তা-ই পালন করব আমরা। আমাদের উপর কষ্ট হয়ো না তুমি দেবতা! করুণা করো। কি করব আদেশ দাও।

হঠাৎ ঘণ্টা-ধ্বনি থেমে গেল। অস্বাভাবিক রকম থমথমে হয়ে উঠল জায়গাটা। শোনা গেল একটা তীব্র হিসহিস শব্দ। দেবতা জেগেছেন! মায়ানরা জয়-ধ্বনি করে উঠল। 

সবিস্ময়ে ইমতিয়াজ দেখল সর্প-রাজ্যের চোখ ছুটি জ্বল জ্বল করছে। লকলক করছে জিহ্বা।

সর্প-রাজের কাছ থেকে আদেশ ভেসে এল মায়ান ভাষায় : আমি রাজাধিরাজ সর্প-দেবতা বলছি। শোনো। বিদেশীরা তোমাদের শত্রু। রাজাও এদের শত্রু। এদের অবিলম্বে হত্যা কর। আমি আদেশ দিচ্ছি হত্যা কর।

মায়ান যোদ্ধাদের হাতের তরবারী ও বর্শা উপরে উঠল। দেবতার আদেশ পেয়ে উদ্যত অস্ত্রে ওরা এগিয়ে আসতে লাগল ইমতিয়াজ, রেহানা, জিপ্পি আসাদ ও জাহেদের দিকে।

ভেউ ভেউ করে কেঁদে ফেললো জাহেদ।


পরবর্তী ঘটনা জানতে হলে ভয়াল সিরিজের

২ নম্বর এই ‘মায়া-কান্না’ দেখুন।

অল্পদিনেই বেরুচ্ছে ভয়াল-২।