
গল্প · নভেম্বর ১৯৭০
ভয়াল ৮ — প্রভাত রহস্য
ইমতিয়াজ, জাহেদ, জিপ্পি আসাদ, রেহানা। তিন যুবক, এক যুবতী। ওরা চার বন্ধু। দুর্বার, দুর্দম, দুর্জয় ওরা। ভয় কাকে বলে জানা নেই। অজানা রহস্য ও রোমাঞ্চের আকর্ষণ পৃথিবীর এক প্রান্ত থেকে টেনে নিয়ে যাচ্ছে ওদের আর এক প্রান্তে। ভয়ঙ্কর সংঘাত আর বাধা বিঘ্ন তুচ্ছ করে ঝাঁপিয়ে পড়ছে ওরা বিপদের মধ্যে।
ভয়াল · বই ৮সংস্করণ · প্রথম
সম্পূর্ণ পাঠ
ভয়াল ৮ — প্রভাত রহস্য
এক
ভূতুড়ে শহর থেকে কয়েক মাইল উত্তরে ছিল জিপ্পি আসাদ এবং সেই অপূর্ব সুন্দরী যুবতী মিস্ শাবানা। দূরবর্তী টাউন হল ডিনামাইটের বিস্ফোরণে ধ্বসে পড়ল, সেই বিস্ফোরণের ভীষণ শব্দ ওদের কানে গিয়ে পৌঁছুল। জিপ্পি আসাদ দূরের দিগন্তরেখার দিকে তাকাল। দেখল, আকাশে লাল আগুনের আভা। ব্যাপারটা যে কি তা ও অনুমান করতে পারল না। দলনেতা লৌহ-মানব ইমতিয়াজ যে বন্দী হয়েছিল ডাইনী বুড়ী হাবিলা বিবির ষড়যন্ত্রে তা ওর জানা ছিল না। ও ঘুনাক্ষরেও বুঝতে পারল না লৌহ-মানব যে টাউন হলে বন্দী হয়েছিল সেই টাউন হলই ডিনামাইট ফাটল। জিপ্পি আসাদের মাথার ভিতরটা তখনো ঝিম্ঝিম্ করছে। মিস্ শাবানার সেই লাল টকটকে উদ্ভিদের ঘ্রাণ নেবার পর থেকেই ওর এই অবস্থা। এদিকে মিস্ শাবানা এখনও ওকে আহসান হাবীব মনে করে ভুল করছে। জিপ্পি পরিষ্কার বুঝতে পারছে মিস্ শাবানাকে ডাইনী ভর করে রয়েছে। মাথা ঠিক নেই তার। লোক চিনতে পারছে না।
নির্জন, ধূলোময় রাস্তা ধরে হাঁটছে ওরা দু’জন। প্রেমালু দৃষ্টিতে মিস্ শাবানা মাঝে-মধ্যে তাকাচ্ছে জিপ্পি আসাদের দিকে। হঠাৎ ওর কাঁধে হাত দিয়ে আবদারের স্বরে সে বলে উঠল : আমরা কোথায় যাচ্ছি তা তো বললে না, আহসান?
জিপ্পি আসাদ মৃদু স্বরে বলল : আপনার বন্ধু আহসান হাবীবকে খুঁজছি আমরা।
মিস্ শাবানা অভিমান ভরে বলে উঠল : ঠাট্টা রাখো, আসাদ। তুমিই তো আমার প্রিয় বন্ধু। আমাকে ভুল বোঝাচ্ছো কেন, আসাদ? মনে করেছো তোমাকে আমি চিনতে পারছি না?
জিপ্পি আসাদ মিস্ শাবানার এই পাগলামির কোনো উত্তর দিল না। মোমিন ওস্তাদজীর কূড়ে ঘরের কাছে আসতে ওদের সাথে দেখা হয়ে গেল রেহানার। রাস্তা ধরে চিন্তিতভাবে হেঁটে আসছিল ও। জিপ্পি আসাদকে দেখেই উত্তেজিত কণ্ঠে চীৎকার করে উঠল ও ঃ এই, এই! কোথায় গায়েব হয়ে গিয়েছিলে তুমি শুনি?
জিপ্পি আসাদ হাসল। বলল : এই যুবতীকে দেখতে পেলাম একটা সেলের মধ্যে।
: কে? মিস্ শাবানা না?
জিপ্পি আসাদ বলল : হ্যাঁ, কিন্তু এখন ওর মাথায় ডাইনী ভর করে আছে।
জিপ্পি আসাদের টর্চের আলোয় রেহানাকে দেখতে দেখতে মিস্ শাবানা বলে উঠল : এবার চিনতে পেরেছি আপনাকে, ঠিক চিনতে পেরেছি। ঢাকার হোটেল কন্টিনেন্টালে ডঃ ইমতিয়াজের রূমে আপনাকে দেখেছি আমি।
রেহানাকে নির্ভুলভাবে চিনতে পেরেছে মিস্ শাবানা। জিপ্পি আসাদ বিস্মিত হলো। তাকে চিনতে পারছে না অথচ রেহানাকে ঠিক চিনতে পারল—এর মানে কি! আশ্চর্য মেয়ে তো!
রেহানাকে জিপ্পি আসাদ বলল : আমরা ইঞ্জিনিয়ার আহসান হাবীবকে খুঁজছি। তুমি বরং ইমতিয়াজের সন্ধান চালাও।
রেহানা কোনো উত্তর দেবার আগেই ওদের কাছে এসে দাঁড়াল ট্যাক্টর চালক মোমিন ওস্তাদজী। সে জানতে চাইল : বলুন তো, ডঃ ইমতিয়াজের গাড়ীটা কি রকম?
গাড়ীর বর্ণনা দিল রেহানা। মোমিন ওস্তাদজী বলে উঠল : তাহলে একটা খবর দিতে পারি আমি। গাড়ীটা ছিল ডাইনীদের মন্দিরের বাইরে। আজ সন্ধ্যার আগে সেখানে দেখেছি আমি, কিন্তু এখন সেটা নেই কোথাও। অথচ ডঃ ইমতিয়াজকে দরকার, একটা খবর দিতে চাই তাকে।
: কি খবর?
মোমিন ওস্তাদজী বলে উঠল : আমার ট্র্যাক্টরের হেল্পার মোজাম্মেল ব্যাটা ডাইনীদের গর্তের কাছে দেখতে পেয়েছে ইঞ্জিনিয়ার আহসান হাবীবকে।
মিস্ শাবানা আনন্দে উত্তেজনায় বলে উঠল : আহসানকে পাওয়া গেছে! কোথায়?
: ডাইনীদের গর্তের কাছে। মোজাম্মেল ছোট একটা ছেলের হাতে খবর পাঠিয়েছে...।
মিস্ শাবানা প্রশ্ন করল একটু আশ্চর্য হয়ে : কিন্তু আহসান ওখানে কি করছে?
মোমিন ওস্তাদজী ইতস্ততঃ করল একমুহূর্ত। তারপর ফিস্ ফিস করে বলে উঠল : ডাইনীদের মিটিংয়ে যোগ দিয়েছেন তিনি!
ওরা সবাই এগিয়ে গিয়ে মোমিন ওস্তাদজীর ট্র্যাক্টরে চেপে বসল।
মিস্ শাবানা এতোক্ষণে সম্পূর্ণ সুস্থ মস্তিষ্কে কথাবার্তা বলছে। রেহানা ওকে জিজ্ঞেস করল সেদিনের রহস্যময় আচরণের কথা। সে এবং তার প্লেন কোথায় অদৃশ্য হয়ে গিয়েছিল?*
* ভয়াল ৭ দেখুন।
মিস্ শাবানা ব্যাখ্যা করে বলল : এখন আমরা যেখান দিয়ে যাচ্ছি ঠিক এর বাঁ দিকে ছোটো একটা মাঠে প্লেন নামিয়েছিলাম আমি। প্লেন থেকে মাটিতে নামতেই আমাকে একদল শয়তান লোক ঘিরে ধরে।
: কারা?
মিস্ শাবান ভয়ে কেঁপে উঠে বলল : খুনী লোক ছিল ওরা। ডাকাতের মতো চেহারা সবাইয়ের। আমার প্লেনটা দখল করে নেয় ওরা। ভাগ্য ভাল, কোনোরকমে ওদের হাত থেকে পালিয়ে জঙ্গলে ঢুকে পড়েছিলাম আমি।
জিপি আসাদ স্থির গম্ভীর গলায় বলে উঠল : আশ্চর্য ব্যাপার বটে। প্রথম থেকেই ব্যাপারটা কেমন রহস্যময়। হাই-ওয়ের রুট সার্ভে করতে এলো আহসান, ডাইনী ভর করল তাকে, তারপর আর তার কোনো হদিশ নেই। জাহেদ এলো সাহায্যার্থে, তাকেও ভর করল ডাইনী, তারপর সেও হলো অদৃশ্য। এরপর আমরা এলাম ভূতুড়ে শহরে, একটার পর একটা ব্যাখ্যাহীন রহস্যময় ঘটনা ঘটেই চলেছে। আসল ব্যাপারের মাথামুণ্ডু কিছুই বুঝতে পারছি না ছাই!
মিল এলাকার নির্জন রাস্তা ধরে ছুটে চলেছে ট্র্যাক্টরটা। খুব জোরে চালাচ্ছে মোমিন ওস্তাদজী ট্র্যাক্টর, যেন ভূতুড়ে শহরের সব ভূত তাকে তাড়া করেছে। খানিকক্ষণ পরই ট্র্যাক্টরটা রাস্তার ধারে দাঁড় করিয়ে ফেলল মোমিন ওস্তাদজী। গভীর জঙ্গলের দিকে আঙুল বাড়িয়ে সে বলে উঠল : আমি যাচ্ছি না ওদিকে। ওই দিক দিয়ে এগিয়ে গেলে একটা পায়ে চলা পথ পেয়ে যাবেন আপনারা। জঙ্গলের ভিতর জলাভূমি আছে বেশ খানিকটা জায়গা জুড়ে, সেখানেই ডাইনীরা জমায়েত হয়ে সভা করে, সবাই বলে তাই। আমি বাবা ওদিকে যাব না।
অকস্মাৎ ট্যাক্টরের যান্ত্রিক শব্দকে ম্লান করে দিয়ে জঙ্গলের দিক থেকে অদ্ভুত ধরণের একটা মোটা আওয়াজ ভেসে এলো।
মোমিন ওস্তাদজীর চোখ-মুখ শুকিয়ে গেল। তাড়াতাড়ি সে তার ট্যাক্টরের মুখ ঘুরিয়ে নিতে লাগল। ট্যাক্টরের মুখ ঘুরিয়ে নিয়ে ফিরতি পথে চালাতে চালাতে সে বলে উঠল : সাবধান, কিন্তু!
মিস্ শাবানা রেহানার একটা হাত ধরল ভীত মুখে। রেহানা হেসে উঠে বলল : যত্তো সব! আহসান সাহেব যদি ওখানে থাকেনই, তাকে উদ্ধার করবই আমরা।
জঙ্গলে প্রবেশ করে দ্রুত এগিয়ে চলল ওরা টর্চের আলোয়ে পথ চিনে চিনে।
খানিকদূর যাবার পরই হঠাৎ গাঢ় অন্ধকার জঙ্গলের মধ্যে গগনে আগুন দেখে থমকে দাঁড়িয়ে পড়ল ওরা। গাছের আড়ালে দাঁড়িয়ে পড়ে ওরা যা দেখল তা কেবল আফ্রিকার আদিম অঞ্চলগুলোতেই আজকাল কখনো কখনো দেখা যায়। মিস্ শাবানার গলা চিরে একটা তীক্ষ্ণ আর্তনাদ বেরিয়ে আসতে চাইল। রেহানা সময় মতো তার মুখে হাত চেপে ধরে চীৎকারটাকে ব্যর্থ করে দিল।
ওরা তিনজন হাত পঁচিশেক দূর থেকে দেখল বিরাট বড় একটা পাথরের উপর হাত-পা বাঁধা অবস্থায় চিৎ করে শুইয়ে রাখা হয়েছে একজন মানুষকে। মানুষটাকে চেনা যাচ্ছে না। তার হাত ছয়-সাত দূরেই বিরাট জায়গা জুড়ে দাউ দাউ করে আগুন জ্বলছে। আগুনের চারদিকে ভয়ঙ্কর চেহারার কয়েকজন পেশীবহুল স্বাস্থ্যবান এবং কুৎসিত দর্শন লোক বসে রয়েছে। নিজেদের মধ্যে কি যেন আলাপ-আলোচনা করছে তারা। হাত-পা বাঁধা মানুষটার মাথার কাছে বসে বসে দাঁত বের করে হাসছে আপন মনে একটা বুড়ী। ওরা বুড়ীকে চিনতে পারল। বুড়ীটা ডাইনী হাবিলা বিবি ছাড়া আর কেউ নয়। হাবিলা বিবির কোলে সেই কালো কুচকুচে বিড়ালটা দেখা যাচ্ছে।
রেহানা ফিস্ফিস্ করে বলে উঠল : জিপ্পি, ওদেরকে বাধা দিতে হবে। তুমি বাঁ দিকে যাও ঘুরে, আমি ডান দিক দিয়ে আক্রমণ করব। ওরা নিশ্চয়ই পুড়িয়ে মারতে চায় হাত-পা বাঁধা লোকটাকে।
মিস্ শাবানা অপ্রকৃতিস্থ গলায় নীচু স্বরে বলে উঠল : ও নিশ্চয় ও আহসান…!
রেহানা মিস্ শাবানার কাঁধে একটা হাত রেখে আশ্বাস দিয়ে বলল : আপনি এখানে দাঁড়িয়ে থাকুন। হাতে সময় এখনো অনেক আছে। দেখুন না কি ভাবে ব্যর্থ করে দিই, ওদেরকে।
জিপ্পি আসাদ ইতিমধ্যেই বাঁ দিক দিয়ে ঘুরে এগিয়ে চলেছে গাছের আড়াল দিয়ে। বিপরীত দিক ধরে এগিয়ে চলল রেহানা। ওদের দু’জনার হাতেই দু’টো মেশিনপিস্তল। লৌহ-মানব ইমতিয়াজের প্রতিটি সহকর্মীর কাছে একটা করে বিশেষ এই পিস্তল থাকে। ইমতিয়াজের আবিষ্কার পিস্তলগুলো।
চওড়া যে-পাথরটার উপর লোকটাকে বেঁধে ফেলে রাখা হয়েছে, তার পিছন দিকে গিয়ে দাঁড়াল রেহানা নিঃশব্দে। বিপরীত দিকে জিপ্পি আসাদের ছায়া দেখতে পাচ্ছে ও। ধীরে ধীরে, অতি সাবধানে এগিয়ে আসছে ও পাথরটার দিকে।
হঠাৎ চমকে উঠল রেহানা। জিপ্পি আসাদ এগিয়ে আসছে, কিন্তু তার পিছনে চারজন লোক আচমকা গাছের আড়াল থেকে আবিভূর্ত হলো। চারজনই পিছন থেকে ঝাঁপিয়ে পড়ল গরিলাসদৃশ্য জিপ্পি আসাদের উপর।
এই মুহূর্তে কি করা উচিত বুঝতে পারল না রেহানা। ঠিক এমন সময় খস্ খস্ করে শব্দ হলো। শব্দটা হলো ওর পিছন দিক থেকে। বিদ্যুতবেগে ঘাড় ফিরিয়ে তাকাল রেহানা। কিন্তু ইতিমধ্যেই দেরী করে ফেলেছে ও। পলকের জন্যে কয়েকজন লোককে দেখতে পেল ও। লোকগুলো একমুহূর্ত সময় না দিয়ে ঝাঁপিয়ে পড়ল রেহানার উপর।
অদূরে শোনা গেল মিস্ শাবানার তীক্ষ্ণ যন্ত্রণাক্ত চীৎকার!
একই সময়ে জিপি আসাদ এবং রেহানা আক্রমণকারীদের হাত থেকে মুক্তি পাবার জন্যে প্রাণপণ সংগ্রামে লিপ্ত হলো।
জিপ্পি আসাদ তার ডান হাত ছাড়িয়ে নিয়েই ট্রিগার টিপল রিভলভারের। ভয়ঙ্কর গর্জনে কেঁপে উঠল যেন বনভূমি। রেগে গেলে মেঘের ডাকের চেয়েও ভীষণ হয়ে ওঠে জিপ্পি আসাদের কণ্ঠ স্বর। মুহূর্তের জন্যে বিমূঢ় হয়ে পড়ল প্রতিটি আক্রমণকারী। তাদের এই বিমূঢ়তার সুযোগ নিয়েই এলোপাথাড়ি হাত-পা চালাতে শুরু করল জিপ্পি আসাদ।
জিপ্পি আসাদের হাতের সামান্য একটু ধাক্কা খেলেও লোকে ব্যথায় ককিয়ে ওঠে। ওর হাত এবং পা যার গায়ে লাগল সবেগে সে-ই যন্ত্রণায় মুর্ছা যাবার মতো দশাপ্রাপ্ত হলো। কারো ভাঙল নাক, কারো চোয়াল, কারো মাথা। কেউ কেউ শূন্য পথে উড়ে গিয়ে পড়ল গাছের গোড়ায়।
রেহানাও কম যাচ্ছিল না।। ওর হাতের পিস্তলটা ব্যবহার করার উপায় ছিল না বটে, সেটা পড়ে গিয়েছিল ঘাসের উপর, কিন্তু জুজুৎসুর প্যাঁচে ইতিমধ্যেই দু’জনকে ভূপাতিত করে তৃতীয়জনের সাথে ফ্রি-স্টাইল শুরু করেছে ও। ওদিকে মিস্ শাবানার তীক্ষ্ণ আর্তচীৎকার ক্রমশঃ দূর থেকে দূরের দিকে সরে যাচ্ছে।
ডাইনী বুড়ী হাবিলা দাঁড়িয়েছিল চওড়া পাথরটার উপর। নোংরা দাঁত বের করে হে হে হি হি করে হাসছিল সে। জিপ্পি আসাদ পাঁচজন আক্রমণকারীকে একসাথে ধরাশায়ী করার চেষ্টা করছে দেখে পাথরের উপর থেকে লাফিয়ে পড়ে ডাইনী বুড়ী ছুটে গেল সেদিকে। পিছন থেকে জিপ্পি আসাদের মাথার চুল শক্ত করে ধরে ঝুলে পড়ল হাবিলা বিবি।
জিপ্পি আসাদের একটা হাত পিছন দিকে এনে শক্তভাবে চেপে বসল ডাইনী বুড়ীর গর্দানে। প্রচণ্ড রেগে হাবিলা বিবিকে সামনে টেনে এনে ধাক্কা দিল জিপ্পি আসাদ। গাসের উপর গিয়ে আছড়ে পড়ল ডাইনী বুড়ী।
মিস্ শাবানার আর্ত চীৎকার মিলিয়ে গেছে দূরে। আর শোনা যাচ্ছে না।
হঠাৎ জিপ্পি আসাদ বুঝতে পারল তার প্রচণ্ড ঘুষি খেয়ে আর কেউ যন্ত্রণায় ককিয়ে উঠছে না। তাছাড়া তার ঘুষিগুলো লাগছেও না কারো গায়ে। থমকে গিয়ে স্থির হয়ে গেল ও। এদিক ওদিক তাকাল। কেউ নেই। বাতাসের গায়ে ঘুষি চালাচ্ছিল ও এতোক্ষণ। সবাই পালিয়েছে এমন কি রেহানা এবং মিস্ শাবানাকেও কোথাও দেখা গেল না।
জিপ্পি আসাদ ডাকল : রেহানা!
কিন্তু কোনো উত্তর পাওয়া গেল না। রেহানাও শেষ পর্যন্ত অদৃশ্য হয়ে গেছে। নাকি আহত হয়ে কোথাও পড়ে আছে?
জঙ্গলের এদিক ওদিক খুঁজতে লাগল জিপ্পি আসাদ রেহানাকে। লড়াইয়ের জায়গাটার আশপাশটা ভাল করে দেখল। কোথাও নেই। রেহানাও না, মিস্ শাবানাও না।
হঠাৎ একটা ঝোপের দিকে টর্চের আলো ফেলল জিপ্পি আসাদ। ঝোপটার আড়াল থেকে কেমন যেন খস্ খস্ শব্দ হচ্ছে। টর্চের আলোয় ও দেখল ঝোপটা মৃদু মৃদু নড়ে উঠছে। ডেকে উঠল জিপ্পি আসাদ : কে ওখানে?
পিস্তলটা তাক করে ধরে পা বাড়াল জিপ্পি। এমন সময় রোগা পাতলা একজন লোক বেরিয়ে এলো ঝোপটার আড়াল থেকে। চিনতে পারল জিপ্পি আসাদ লোকটাকে। লোকটা মোমিন ওস্তাদজীর হেল্পার মোজাম্মেল।
রোগা এবং বেঁটে মোজাম্মেলের চোখ জোড়া অস্বাভাবিক উজ্জ্বল দেখাচ্ছে আগুনের আভা লেগে। জিপ্পি আসাদ তার দিকে চেয়ে বলে উঠল : ব্যাপার কি হে? ডাইনীদের মিটিং সম্পর্কে তুমি নাকি খবর পাঠিয়েছিলে মোমিন ওস্তাদজীর কাছে?
: একশ’-বার! ডাইনীরা আহসান সাহেবকে চিনে ফেলেছিল যে! আহসান সাহেব চুপিসাড়ে ওদের মিটিং শুনছিল—ধরা পড়ে যেতে তাকে পুড়িয়ে মারবার ব্যবস্থা করছিল ডাইনী আর তার সঙ্গী ভূতরা! ওদের সাথে আমি পারব কেন, তাই লোকজন ডাকতে গিয়েছিলাম। তা কেউ এলো না সাহস করে। তা আহসান সাহেব কোথায়—ডাইনী আর ভূতরা তো দেখছি পালিয়েছে!
: আহসান?
জিপি প্রশ্ন করল। মোজাম্মেল বিস্ময়ভরে বলে উঠল : আহসান সাহেবকে দেখেন নি আপনি? এই পাথরের উপর হাত-পা বেঁধে ফেলে রেখেছিল ওরা তাকে।
হঠাৎ পায়ে-চলা পথ ধরে এগিয়ে যেতে যেতে মোজাম্মেল বলে উঠল : আমার সাথে আসুন তাড়াতাড়ি, এখনো ওদেরকে ধরতে পারলে আহসান সাহেবকে প্রাণে বাঁচানো যাবে হয়ত। খুব বেশীদূর পালাতে পারে নি বোধ হয় এখনো ওরা...।
লোমশ হাতে টর্চটা ধরে পিস্তলটা পকেটে ভরল জিপ্পি আসাদ। তারপর অনুসরণ করতে শুরু করল মোজাম্মেলকে।
পায়ে-চলা পথ ধরে দ্রুত এগিয়ে চলল ওরা। বহু লোক ছুটে এই পথ দিয়ে গেছে তা বুঝতে পারা যাচ্ছিল পরিষ্কার পায়ের ছাপ দেখে। অবশেষে পথটার শেষ প্রান্তে এসে থমকে দাড়াল ওরা। মোজাম্মেল বলে উঠল : দেখতে পাচ্ছেন, হুজুর। এরপর দেখছি পথ নেই আর! তারমানে...!
দ্বিতীয়বার দেখবার দরকার ছিল না। জিপ্পি আসাদ প্রথমেই দেখে নিয়েছে পথটা শেষ হয়েছে মরণ-ফাঁদে—চোরাবালিতে। পথটা হঠাৎ নীচের দিকে ঢালু হয়ে গেছে। নীচেই চোরাবালী। কিনারায় দেখা যাচ্ছে অনেকগুলো পায়ের দাগ। তারমানে অন্ধকারে বুঝতে না পেরে লোকগুলো পা পিছলে পড়ে গেছে...!
ঘাবড়ে গেল জিপ্পি আসাদ। রেহানা এবং মিস্ শাবানার কথা স্মরণ করে নিঃশ্বাস আটকে গেল ওর আশঙ্কায়। নিজের কপালটা টিপে ধরল ও।
মোজাম্মেল একটু সরে এসে বলে উঠল হঠাৎ করে : ওহ্ হো! একটা খবর আপনাকে বলতে ভুলে গেছি, হুজুর!
কথাটা বলে পকেট থেকে কি যেন বের করে মুঠোর মধ্যে ধরে রাখল মোজাম্মেল। কপাল থেকে হাত সরিয়ে জিপি আসাদ গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করল : কি খরব?
: আপনাদের আসতে দেরী হচ্ছে দেখে যখন সাহায্যের জন্যে লোকজন ডাকতে গিয়েছিলাম তখন আমার সাথে পথে দেখা হলো মোমিন ওস্তদাজীর সাথে। মোমিন ওস্তাদজী কিভাবে যেন জানতে পেরেছে আপনাদের সর্দার লৌহ-মানব ইমতিয়াজ টাউন হলে ছিল। ডিনামাইট ফেটে গিয়ে সম্পুর্ণ টাউন হলটা ধ্বসে পড়েছে।
: হোয়াট!
গোটা বনভূমি কাঁপিয়ে গর্জন করে উঠল জিপ্পি আসাদ। ওর মনে পড়ে গেল বিস্ফোরণের শব্দ এবং আগুনের আভার কথা। থরথর করে কেঁপে উঠল ওর সর্বশরীর। সরে গেল মোজাম্মেল ভয় পেয়ে এক-পা। জিপ্পি আসাদ আবার সগর্জনে প্রশ্ন করে উঠল : ইমতিয়াজ ওই টাউন হলে ছিল বলছ তুমি?… আর...?
: হ্যাঁ।
মোজাম্মেল হাতের মুঠো খুলে ছোট একটুকরো লাল ইট দেখিয়ে বলে উঠল আবার : সম্পূর্ণ বিল্ডিংটা গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে একদম। এই রকম ইটের টুকরো ছাড়া আর কিছুই পাওয়া যায় নি।
দুই
পরদিন বিকেল বেলাকার ঘটনা। বনভূমি মধ্যাস্থ পাহাড়ী খরস্রোতা নদীর তীরে ধবধবে সাদা রঙয়ের একটি ইয়ট দেখা যাচ্ছে। ইয়টটার আশপাশে কয়েকটা বোটও ভাসছে।
ইয়টের ডেকের নীচে কর্মব্যস্ততা। প্যাসেজ ধরে লোকজন ব্যস্তসমস্তভাবে যাওয়া আসা করছে। বেশ কয়েকজন লোকের মুখে ক্ষতচিহ্ন দেখা যাচ্ছে। দেখে বোঝা যায় নতুন দাগ ওগুলো। লোকগুলো যে নাবিক শ্রেণীর নয় তাও অনুমান করা যায়। তিনজন লোক সাথে নিয়ে ডেক থেকে নেমে আসতে দেখা গেল খসরুকে। খসরু আসলে দারোগা রব্বানী হিসেবে পরিচিত। যদিও সে প্রকৃত দারোগা রব্বানীও নয়।* এই মুহূর্তে সে যে ছদ্মবেশে আছে তাতে করে তার পরিচয় জানে সবাই খসরু নামে।
*ভয়াল ৬ দেখুন।
ইয়টের কোনো লোককে দেখেই মনে হয় না যে তারা নাবিক। সী-ম্যানদের পোশাক নেই কারো পরনে। ছদ্মবেশধারী খসরু তার এক সঙ্গীর উদ্দেশে বলল : লৌহমানবের দোসর ব্যাটা জাহেদকে বেঁধে পাটাতনের ওপর পেড়ে ফেলতে চারজন লোক ঘেমে অস্থিত হয়ে গেছে। যাক, সুন্দরী যুবতীটিকে কোথায় রাখা হয়েছে?
: ওই যে, ওই দিকে হুজুর।
একজন গার্ড আঙ্গল দিয়ে একটা বন্ধ দরজার দিকে ইঙ্গিত করল। দরজা খুলে কেবিনের ভিতর ঢুকল খসরু দলবল নিয়ে। কেবিনটা দামী দামী আসবাব-পত্রে সজ্জিত। চারদিকে সুরুচির পরিচয়। প্রতিটি প্রতিটি আসবাব-পত্র যেমন দামী তেমনি অতি সুন্দর। হাত-পা বাঁধা অবস্থায় যে মেয়েটি বসে আছে সে-ও অদ্ভুত সুন্দরী।
সুন্দরী যুবতীটি মিস্ শাবানা—কোটিপতি আলাউদ্দীন আল-আজাদের কন্যা। খসরু তার উদ্দেশ্যে বলে উঠল: কেমন লাগছে, সুন্দরী? এবার বলো দেখি সব কথা...।
মিস্ শাবানা খসরুর কুৎসিত চেহারা দেখেই চীৎকার করে উঠল ভীত গলায়। খসরু কঠিন কণ্ঠে বলে উঠল : চেঁচিয়ে গলা ফাটিয়ে ফেললেও শুনতে পাবে না কেউ।
মিস্ শাবানা ভীত, আতঙ্কিত চোখে খসরুর দিকে তাকিয়ে চীৎকার করে জিজ্ঞেস করল : আমার বাবা কোথায় শয়তান?
খসরুর এক সঙ্গী হাসতে হাসতে বলল : অনুমান করে নাও।
সকলে হেসে উঠল। খসরু এবার গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল : দেখো সুন্দরী, আমি এখানকার বস নই। আমি চাই না তোমাকে বসের কাছে পাঠানো হোক। বসের কাছে পাঠালে তোমার সর্বনাশ করে ছাড়বেন তিনি। তারচেয়ে আমার প্রশ্নের উত্তর দাও ভালোয় ভালোয়। বলো, কোথায় আছে ‘প্রভাত’?
: প্রভাত!
হতভম্ব হয়ে শব্দটা উচ্চারণ করল মিস্ শাবানা।
খসরু আরো গম্ভীর হলো : অমন অবাক হবার ভান করলে লাভ হবে না। আমি কি বলছি তা তুমি জানো—প্রভাত! বলো কোথায় আছে সেটা?
ধীরে ধীরে ব্যাপারটা যেন বুঝতে পারল মিস্ শাবানা চোখের দৃষ্টি বদলে যাচ্ছে ওর। জমা হচ্ছে সেখানে জমাটভীতি। মুখে আতঙ্কের চিহ্ন ফুটে উঠছে। বিস্ময়ে বিস্ফারিত হয়ে উঠছে তার চোখ দুটো। তীক্ষ্ণ গলায় সে বলে উঠল : জাহান্নামে যা তুই, শয়তান! আমাকে মেরে ফেললেও প্রভাতের সন্ধান দেব না আমি। লৌহ-মানব ডঃ ইমতিয়াজ আমার আব্বাকে সাহায্য করছেন, কথাটা মনে রাখিস। আমার বিশ্বাস তিনি নিশ্চয়ই জানেন তোরা কি কুকাণ্ডে মেতেছিস। কিভাবে তোরা আমার আব্বার ইয়ট দখল করছিস, কি করেছিস তোরা জনমানবহীন ডাইনীদের শহরে—সব রহস্যই খুঁজে বের করবে লৌহ-মানব।
চিবিয়ে চিবিয়ে উচ্চারণ করল খসরু : এখনও বলছি, ভালোয় ভালোয় প্রভাতের খবর দাও। আর, বড় একটা খবর শোনো তার আগে—তোমাদের লৌহ-মানব ইমতিয়াজ নিহত হয়েছে।
এরপর খসরু টাউন হলে ডিনামাইট ফাটার ঘটনা রসিয়ে রসিয়ে বর্ণনা করল। মিস্ শাবানা থরথর করে কেঁপে উঠল, তার আর্তচীৎকারে কানে তালা লাগার দশা হলো সকলের। সে চীৎকার করে বলে উঠল : কি লৌহ-মানব নিহত হয়েছেন!ই
সকলের পিছন দিকের দরজার উপর থেকে প্রতিধ্বনিময় একটি কণ্ঠস্বর ভেসে এলো : তোমাদের উচিত ছিল ইয়টের ডেকে পাহারা বসানো।
ইমতিয়াজকে দেখে কোন রকমেই মনে হয় না যে, সে কোনো দুর্ঘটনায় পড়েছিল। সম্পূর্ণ সুস্থ এবং অক্ষত দেখাচ্ছে তাকে।
কেবিনের লোকগুলো মুহূর্তের জন্যে হাঁ করে তাকিয়ে রইল লৌহ-মানবের দিকে ঘুরে। তারপরই লাফালাফি শুরু করল, চেঁচাতে লাগল, আগ্নেয়াস্ত্র বের করার জন্যে পকেট হাতড়াতে শুরু করল। কেউ একজন অবিশ্বাস ভরে চেঁচিয়ে উঠল : লৌহ-মানব বেঁচে আছে—একি রে বাবা!
সকলেই লাফাচ্ছে। কিন্তু কেউ লৌহ-মানব ইমতিয়াজের চেয়ে দ্রুত কাজে ঝাঁপিয়ে পড়তে পারল না। চট করে লোকগুলোর পায়ের কাছে মেঝেতে সে একটা কাঁচের বল আছড়ে মারল। প্রচণ্ড শব্দে ফাটল সেটা। পরমুহূর্তে দেখা গেল খসরুর খুনে সাঙ্গ-পাঙ্গরা হাঁপাচ্ছে বেদম। টলছে ওদের পা। দাঁড়িয়ে থাকার মতো শক্তি হারিয়ে ফেলছে সবাই। দু’জন ঢলে পড়ল মেঝেতে। লৌহ-মানব দ্রুত ছুটে গেল মিস্ শাবানার কাছে। ওর কানের কাছে মুখ নামিয়ে ইমতিয়াজ নীচু স্বরে বলল : শ্বাস নেবেন না।
কথাটা বলে নিজের শ্বাস আটকে রাখল ইমতিয়াজ। ঠিক সেই সময় একজন লোক দরজার চৌকাঠ থেকে ডাইভ দিল তাকে লক্ষ্য করে। কিন্তু কোনো ক্রমেই লোকটা পৌঁছুতে পারল না ইমতিয়াজের কাছে। কেবিনের মাঝখানে এসেই হুমড়ি খেয়ে পড়ে গেল শূন্য থেকে মেঝেতে।
কাঁচের ছোটো বলটা ফেটে যে গ্যাস বেরিয়ে ছড়িয়ে পড়েছে কেবিনের ভিতর তা প্রাণের কোনো ক্ষতি সাধন করে না। কিন্তু যাদের ফুসফুসে এই অদৃশ্য গ্যাস প্রবেশ করবে তারা সবাই বেশ কিছুক্ষণের জন্যে অজ্ঞান হয়ে পড়ে থাকবে।
ইমতিয়াজ অভিজ্ঞ হাতে মিস শাবানার হাত পায়ের বাঁধন খুলে ফেলল। ওকে ধরে ধরে দাঁড় করিয়ে দিয়ে ইমতিয়াজ বলল : গ্যাসের ক্ষমতা নষ্ট হয়ে গেছে। এবার দম নিতে পারেন।
হাঁপাতে হাঁপাতে মিস্ শাবানা বলে উঠল : শুনেছি বটে, আপনি একজন অসাধারণ মানুষ। কিন্তু একি যাদু! ওরা বলছিল আপনি নাকি নিহত হয়েছেন?
ইমতিয়াজ ব্যাখ্যা করল না সময় নেই বলে। অজ্ঞান লোকগুলোর দিকে ইঙ্গিত করে সে বলল : কিছুক্ষণ অজ্ঞান হয়ে থাকবে ওরা। এই পিস্তলটা রাখুন আপনি, এদেরকে পাহারা দিন। আমি ফিরে আসছি এখুনি।
কথাগুলো বলে মিস্ শাবানার হাতে একটা পিস্তল ধরিয়ে দিয়ে লৌহ-মানব ইমতিয়াজ বের হয়ে গেল কেবিন থেকে দ্রুত। প্যাসেজ ধরে হাঁটতে হাঁটতে ইমতিয়াজ দু’জন লোকের পদশব্দ শুনতে পেল, লোক দু’জন সামনের মোড়ের দিকে হেঁটে আসছে। একটা কেবিনের খোলা দরজা দেখে ভিতরে ঢুকে পড়ল লৌহ মানব। কেবিনটা খালি। লোক দু’জন কথা বলতে বলতে চলে গেল প্যাসেজ দিয়ে। লৌহ-মানব কেবিন থেকে বেরিয়ে আবার হাঁটতে লাগল। দু’দিকের কেবিনের হাতল আর তালার দিকে সন্ধানী চোখে তাকাতে তাকাতে এগিয়ে চলেছে সে। খানিক দূর গিয়েই দাড়াল সে। একটা কেবিনের হাতলে আঁচড়ের দাগ দেখা যাচ্ছে। হাতলটা দোমড়ানো হয়েছে প্রচণ্ড শক্তি প্রয়োগ করে, ইমতিয়াজ বুঝতে পারলো। জাহেদকে হয়ত এই কেবিনের ভিতর বন্দী করে রাখা হয়েছে। কেবিনে ঢোকার সময় নিশ্চয় হাত-পা ছোড়াছুঁড়ি করেছিল, তাই হাতলটার এই দশা—ভাবল ইমতিয়াজ। মাষ্টার-কী বের করে তালা খুলল সে। কেবিনের ভিতর ঢুকে দেখল জাহেদ পাটাতনের উপর পড়ে আছে বাঁধা অবস্থায়। চোখ পিট্ পিট্ করে জাহেদ তাকাল। পরক্ষণেই উচ্ছল কণ্ঠে জানতে চাইল ও : বড় মজার কথা! ওরা বলছিল তুমি নাকি মৃত্যুবরণ করেছ!
ইমতিয়াজ ব্যাখ্যা করে সংক্ষেপে বলল জিপ্পি আসাদের টাউন হলে বন্দী হবার কথা। এবং জিপ্পি আসাদ সেলের লোহার শিক কিভাবে বাঁকিয়ে প্রায় ভেঙে ফেলেছিল, তাও বলল সে।
আসল কথা হলো ইঞ্জিনিয়ার আহসান হাবীব, জাহেদ এবং জিপ্পি, আসাদকে ডাইনী ভর করেছিল বটে, কিন্তু লৌহ-মানব ইমতিয়াজকে ডাইনী ভর করে নি। খসরু এবং তার সাঙ্গ-পাঙ্গের সামনে ইমতিয়াজ অভিনয় করেছিল। তারা ইমতিয়াজকে ফেলে রেখে গিয়েছিল সেলের ভিতর, টাউন-হলে ডিনামাইট ফিট করে। শয়তানরা নিজেদের প্রাণ বাঁচনোর জন্যে জঙ্গলের দিকে পালিয়ে যাবার জন্যে বেরিয়ে পড়তেই লৌহ-মানব জিপ্পি আসাদের হাতে প্রায় ভাঙা লোহার শিকগুলো সম্পূর্ণ ভেঙে বেরিয়ে আসে সেল থেকে। একটা জানালা গলে টাউন হলের বাইরে বের হয়ে আসে সে। ইমতিয়াজ চেয়েছিল কিছু সময় সবাই জানুক যে, সে নিহত হয়েছে।
ইমতিয়াজ জিজ্ঞেস করল জাহেদকে : কিছু স্মরণ করতে পার তুমি?
: ডাইনী ভর করার ব্যাপারে?
ইমতিয়াজ হ্যাঁ-সূচক মাথা নাড়ল। জাহেদ ঘনঘন মাথা নেড়ে বলল : কিছুই স্মরণ নেই। গাড়ীতে বসেছিলাম আমি। পনের জন লোক আমাকে আক্রমণ করে বন্দী করে এখানে নিয়ে আসে। ইমতিয়াজ, এসবের আসল রহস্যটা কি বলো তো?
ইমতিয়াজকে চিন্তিত দেখা গেল। বলল : খুব সম্ভব পেয়ারা, আনারস, আপেল ইত্যাদি গাছ এই রহস্যের সাথে জড়িত এবং এই রহস্যের পিছনে কাজ করছে ভয়ঙ্কর একদল সশস্ত্র অপরাধী।
জাহেদ চমকে উঠে তাকাল। বলল : কেন যেন আমারও আবছা আবছাভাবে মনে পড়ছে কিছু গাছের চারার কথা—মাথাটা দেখছি খারাপ হবার পর্যায়ে পৌঁছেছে।
ইমতিয়াজ বলল : তুমি যেমন ছেলেমানুষি ভাবছ আদৌ তেমন নয় ব্যাপারটা। তোমাকে অনুসরণ করে এখানে আসার আগে আমি ডাইনীদের শহরে গিয়েছিলাম। সম্ভবতঃ এখন আমরা জানি কেন সুপার হাই-ওয়ে প্রজেক্ট বন্ধ করার জন্যে এমন মারাত্মকভাবে বাধা দেবার চেষ্টা করা হচ্ছে।
জাহেদ ব্যগ্র কণ্ঠে জানতে চাইল : তাহলে আসল ব্যাপারটা কি বলো?
কিন্তু জাহেদের কথা শেষ হবার আগেই একটা চীৎকার শোনা গেল। মেয়েলি কণ্ঠের আর্ত-চীৎকার। মিস্ শাবানা চীৎকার করছে বুঝতে পারল ইমতিয়াজ।
কেবিন থেকে প্রথমে বের হলো ইমতিয়াজ, পিছনে বিদ্যুৎগতিতে জাহেদ। প্যাসেজে বেরিয়েই আক্রান্ত হলো ওরা। তিনজন খুনে লোক ছুটে আসছে ওদের দিকে। একজন এসে পড়েছে সামনে। দু’জন পিছনে। ইমতিয়াজ একপাশে সরে দাঁড়িয়ে বলে উঠল : জাহেদ, সামলাও।
জাহেদ হাসল। এমন সময় অগ্রবর্তী আক্রমণকারী লাফ দিল জাহেদকে লক্ষ্য করে। জাহেদ বসে পড়ল। তারপর কৌশলে শূন্য থেকে ধরে ফেলল লোকটাকে। শূন্য অবস্থা থেকেই লোকটাকে ছুঁড়ে দিল সামনের দিকে, উড়ন্ত অবস্থায় লোকটা গিয়ে প্রচণ্ড বেগে ধাক্কা মারল বাকী দু’জন খুনেকে। তারপর তিনজনই গড়াতে গড়াতে প্যাসেজের দেয়ালে গিয়ে ঘা খেল ভীষণভাবে। কয়েক ঘণ্টার মধ্যে নড়াচড়া করার শক্তি নেই ওদের আর।
ইমতিয়াজ আগেই ঢুকে পড়েছে মিস্ শাবানার কেবিনে। গ্যাসের প্রভাব মুক্ত হয়ে সকলেই জ্ঞান ফিয়ে পেয়েছে, ইমতিয়াজ দেখল। কিন্তু কেবিনের ভিতর খসরু এবং তার দুই সঙ্গী ছাড়া আর কাউকে দেখা যাচ্ছে না। খসরু দরজার দিকে পিছন ফিরে দাঁড়িয়ে আছে। বাকী দু’জন ধস্তাধস্তি করছে মিস্ শাবানার সাথে। মিস্ শাবানা চরম সাহসের পরিচয় দিচ্ছে, বন্দী যাতে না হতে হয় সে চেষ্টায় হাত-পা ছুঁড়ছে ও।
ইমতিয়াজ পলকের মধ্যে লোক দু’জনার পিছনে গিয়ে দাড়াল। দু’জনার মাথা ধরে জোরে ঠুকে দিল সে। লোক দু’জন মাথায় নরক যন্ত্রণা ভোগ করতে করতে বিনা বাক্যব্যয়ে টলে পড়ে গেল মেঝেতে। পড়ার আগেই অজ্ঞান।
ইমতিয়াজ ঘুরে দাড়াল খসরুর উদ্দেশ্যে। কিন্তু ইতিমধ্যে জাহেদ প্রবেশ করেছে কেবিনে। সে খসরুর মাথাটা একটা পোর্টহোলের ভিতর ঢোকাবার জন্যে হিচড়ে নিয়ে যাচ্ছে। এমন সময় কেবিনের দেয়াল আলমারীর দরজাটা এক ঝটকায় খুলে গেল। মেশিনগান হাতে আলমারী থেকে নামল একজন খুনে লোক কেবিনের মেঝেতে। সে দাঁত বের করে হিংস্র কণ্ঠে বলে উঠল : খবরদার! আমরা জানতাম এই ফাঁদ সফল না হয়ে পারে না!
এদিকে কেবিনের দরজায় একদল খুনে লোক এসে দাঁড়াল। তাদের হাতে আগ্নেয়ন্ত্র।
বাধ্য হয়ে জাহেদ ছেড়ে দিল খসরুকে। শয়তান লোকটা হুকুম করল ওদেরকে বেঁধে ফেলতে। বাধ্য হয়ে বন্দী হতে হলো আবার ওদেরকে। খসরুর খুনে সঙ্গীরা ইমতিয়াজ এবং জাহেদকে শক্ত করে বেঁধে ফেলল।
খসরু এগিয়ে গিয়ে মিস্ শাবানার গালে প্রচণ্ড ভাবে এক চড় মারল। তারপর বলে উঠল : এবার ভালোয় ভালোয় ‘প্রভাত’ সম্পর্কে মুখ খোলো, সুন্দরী!
মিস্ শাবানা জ্বলন্ত চোখে তাকিয়ে থেকে চীৎকার করে বলে উঠল : মরে গেলেও প্রভাত সম্পর্কে একটাও কথা বলব না আমি।
কেবিনের মেঝেতে অসহায়ভাবে পড়ে আছে ইমতিয়াজ এবং জাহেদ। এমন সময় দরজার গোড়ায় একজন লোক দ্রুত পায়ে এসে দাঁড়াল। সেখান থেকে চেঁচিয়ে উঠল সে : আমাদের বিগ বস খবর পাঠিয়েছে, খসরু।
: কি খবর?
ব্যগ্র কণ্ঠে জানতে চাইল খসরু। লোকটা বলল : মিস্ শাবানার বুড়ো বাপকে দিনাজপুরে পাওয়া গেছে—ডাইনী ভর করেছে বুড়ো বেচারাকে। সে ‘প্রভাত’ সম্পর্কে মখ খুলেছে, সুতরাং যত তাড়াতাড়ি পারি সেখানে পৌঁছুতে হবে আমাদেরকে।
খসরুর মুখ মণ্ডল উজ্জ্বল হয়ে উঠল। সংক্ষেপে নির্দেশ দিল সে : সন্ধ্যার পর ইয়ট ছেড়ে দেব আমরা। ইয়টের বন্দী ক্যাপ্টেনকে বলে রেখো আমাদের কথা মতো ইয়ট না চালালে কপালে আজই তার মৃত্যু লেখা আছে।
একজন প্রশ্ন করল : হুজুর, লৌহ-মানব আর তার সঙ্গীর কি হবে...?
খসরু হিংস্রভাবে হাসতে হাসতে জানাল : ওদেরকে নদীতে ফেলে দেয়া হবে হাত-পা ভাল করে বেঁধে। আমি বাজী রেখে বলতে পারি ডাইনীদের শহরের উপর দিয়ে সুপার হাই-ওয়ে তৈরী করার চেষ্টা আর কখনও কেউ করতে সাহস পাবে ন।
তিন
সেই দিবাগত রাত্রে ইমতিয়াজ এবং জাহেদকে হাত-পা বাঁধা অবস্থায় ইয়টের ডেকে নিয়ে আসা হলো। আশপাশে তাকিয়ে ওরা বুঝতে পারল ইয়ট ছেড়ে দেবার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। খসরু তার খুনে সঙ্গীদের সাথে ইমতিয়াজ এবং জাহেদের সামনেই নিজের প্ল্যান সম্পর্কে আলাপ আলোচনা চালাতে লাগল। সে জানে ওদের দ্বারা আর কোনো ক্ষতি হবার আশঙ্কা নেই, কেন না নদীতে হাত-পা বেঁধে ফেলে দেয়া মানে ওদের নির্ঘাৎ মৃত্যু।
মিস্ শাবানাকে একটা কেবিনে বন্দী করে রাখা হয়েছে দরকারী তথ্য আদায়ের প্রয়োজন পড়লে প্রশ্ন করার জন্যে।
ইয়ট ছেড়ে দেয়া হলো। মাত্র কয়েক মুহূর্ত পরই লৌহ-মানব এবং জাহেদকে যথাক্রমে চারজন এবং তিনজন করে লোক ধরে রেলিংয়ের কাছে নিয়ে গেল। তারপর খসরুর কঠিন কণ্ঠের নির্দেশে অন্ধকার পানির দিকে ছুঁড়ে দেয়া হলো ওদেরকে।
কর্কশ হাসির শব্দ কানে ঢুকল ইমতিয়াজের। তারপরই পানিতে পড়ল সে সশব্দে। একই সময় পানিতে পড়ল জাহেদও। ইমতিয়াজ শরীর হাল্কা করে দিয়ে নেমে যেতে লাগল নীচে—অবশেষে কাদাময় নদীর তলায় পা দু’টো পড়ল। কাদার ভিতর ঢুকে যাচ্ছে পা দু’টো, লৌহমানব হাঁটু দু’টো কাদার মধ্যে ঢুকিয়ে দিয়ে হাঁটু গেড়ে বসল। পিঠ বাঁকিয়ে বাঁধা হাত দু’টো কাদার ভিতর ঢুকিয়ে দিল সে, তারপর হাতের বাঁধন ঢিলে করার জন্যে মোচড়াতে লাগল কৌশলে। যাদুকর পি. সি. সরকারের কাছে বাঁধন মুক্ত হবার অদ্ভুত কার্যকরী পদ্ধতি শিক্ষা করেছে ইমতিয়াজ। হাতের বাঁধন ঢিলে করে ফেলল সে কয়েক সেকেণ্ডেই। ঢিলে বাঁধন খুলে ফেলতে সময় লাগল আরো কয়েক সেকেণ্ড। এবার পায়ের বাঁধন। হাত দু’টো মুক্ত হওয়ায় পায়ের বাঁধন খুলতেও বিশেষ বেগ পেতে হলো না ইমতিয়াজকে। হাত-পায়ের বাঁধন মুক্ত হয়েই জাহেদের কাছে এসে দাঁড়াল সে। জাহেদ নিজেকে মুক্ত করার চেষ্টা করছে বটে, কিন্তু পারছে না সে। লৌহ মানব জাহেদের নাকে আর মুখে হাত চাপা দিয়ে ধরল। যাতে করে পানি না ঢোকে পেটে। জাহেদ অবশ্য বেশ ভারী, তা সত্ত্বেও ইমতিয়াজ ওকে সেই অবস্থায় ধরে তীরের দিকে মুখ করে সাঁতার কাটতে শুরু করল। কয়েক মুহূর্তের মধ্যেই প্রায় আঠারো ফিট নীচে থেকে অদূরবর্তী তীরে এসে পৌঁছল ইমতিয়াজ জাহেদকে সাথে করে। তীরে উঠেই চিৎ হয়ে শুয়ে পড়ে হাপরের মতো হাপাতে লাগল ওরা দু’জন।
জাহেদ আগে আগে হাঁটছে। ওদের গাড়ীটা খুঁজছে ওরা। লৌহ-মানব পিছনে। রাত্রির উত্তপ্ত বাতাসে কাপড়চোপড় শুকিয়ে গেছে ওদের। গাড়ীটা দরকার, ইমতিয়াজের প্ল্যান অনুযায়ী, দিনাজপুরে দ্রুত পৌঁছুবার জন্যে। নিজেদের গাড়ীটা অবশ্য পাওয়া গেল না। পাওয়া গেল নদীর তীরে যাবার যে পথটা রয়েছে তার একধারে, গাছের নীচে প্রভাবশালী ধনী মাহবুব তালুকদারের দামী গাড়ীটা। ইমতিয়াজ মাথা নেড়ে জানাল এতেই আপাততঃ কাজ চলবে। দেখা গেল ইগনিশন থেকে চাবী সরিয়ে নেয়া হয়েছে। কিন্তু তাতে কোনো অসুবিধে হলো না। লৌহ-মানবের প্রত্যেক সঙ্গীর কাছে একটা করে চাবী সর্বদা থাকে। জাহেদ চাবী বের করল পকেট থেকে।
প্রধান রাস্তা ধরে কিছুদূর এগিয়ে দেখা গেল ওদেরকে বিদ্যুৎবেগে গাড়ী চালিয়ে দিনাজপুরের উদ্দেশে ছুটতে। জাহেদ অনেক কথা জানার জন্যে কৌতূহলী। তাছাড়া ‘প্রভাত’ সম্পর্কে কিছু কিছু কথা তার কানে ঢুকেছে। কোনোমতেই বুঝতে পারছে না ডাইনীদের শহর সম্পর্কিত রহস্যের সাথে এ জিনিসটার সম্পর্ক কি হতে পারে!
ইমতিয়াজ বলল : ডাইনী ভর করা সম্পর্কিত ব্যাপারই দিনাজপুরে ঘটতে চলেছে। সেখানে নিয়ে যাওয়া হচ্ছে মিস্ শাবানাকেও।
জাহেদ জানতে চাইল : জিপ্পি আসাদ আর রেহানা কোথায়?
ইমতিয়াজ বলল : আহসান হাবীবের সন্ধানে আছে ওরা দু’জন। ইঞ্জিনিয়ার আহসানকে মিস্ শাবানার আব্বা সুপার হাই-ওয়ের কাজে নিযুক্ত করেছিলেন। ওদের সাথে যোগাযোগ করব আমরা রেডিও-র মাধ্যমে। প্লেন কিংবা আমাদের গাড়ীর সাথে যোগাযোগ করলে হয়ত ওদেরকে পাওয়া যাবে। গাড়ীটা এখন কোথায় কে জানে। ডাইনীদের মন্দিরের কাছে ছিল ওটা, কে যেন সরিয়ে নিয়ে গেছে।
ইমতিয়াজ জানে না যে জিপ্পি আসাদ এবং রেহানা নতুন করে বিপদে পড়েছে পেত্নীদের মিটিংয়ে।
ঘণ্টায় নব্বই মাইল বেগে গাড়ী ছুটে চলেছে নির্জন রাস্তার উপর দিয়ে। প্রতিটি শহরের রাস্তা-ঘাট সম্পর্কে নিখুঁত ধারণা আছে তার। কোনো অসুবিধেই হচ্ছিল না যাবার পথে।
ঘণ্টা তিনেকের মধ্যেই ওরা দিনাজপুরের টার্মিনালে পৌঁছল।
টার্মিনালের অফিস-ক্লার্করা দেখেই চিনতে পারল লৌহমানব ইমতিয়াজকে। ইমতিয়াজ আলাউদ্দিন-আল-আজাদের সাদা ইয়টের বর্ণনা দিল এবং বলল কিভাবে ইয়টটাকে দখল করা হয়েছে ময়মনসিংহের গারো পাহাড়ের সন্নিকটস্থ পাহাড়ী নদী থেকে।
টার্মিনালের কর্মচারীরা ওয়ায়েরলেশে জল-পুলিশকে সকল কথা জানিয়ে সন্ধান দেবার অনুরোধ করল। খানিক পরই খবর এলো। হ্যাঁ, ইয়টটা দিনাজপুরের দিকে এগিয়ে আসছে। এখন বেশ খানিক দূরে সেটা। জল-পুলিশ জানতে চেয়েছে ইয়টটাকে চেজ করা হবে কি না। ইমতিয়াজ ভাবল মিস্ শাবানার কথা। খসরু আর তার খুনে দলবল যদি ধরা পড়ে যাবে মনে ক’রে মিস্ শাবানাকে হত্যা করে তাহলে ভয়ানক দুঃখজনক হবে ব্যাপারটা। সে বলল : না। ওরা ভাবুক কোথাও কোনো গোলমাল হয় নি। টার্মিনালে পৌঁছুতে দিন ওদেরকে। আমরা একটু পর আসছি ঘুরে।
ইমতিয়াজ গাড়ীতে ফিরে এসে বলল : আলাউদ্দিন-আল-আজাদের সাথে দেখা করার চেষ্টা করা দরকার আমাদের। ইয়টের খুনেগুলো বলছিল যে, তাকেও নাকি ডাইনী ভর করেছে দিনাজপুরে।
গাড়ী ছাড়ার আগে জাহেদ একটা ডাক্তারখানায় গিয়ে ফোন করল আলাউদ্দিন-আল-আজাদের বাড়ীতে। ফিরে এসে ইমতিয়াজকে ও বলল : তোমার বন্ধু হাসপাতালে।
এমন সময় একজন ছেলে খবরের কাগজ বিক্রি করতে করতে আসছে দেখা গেল রাস্তার মাঝখান দিয়ে। চেঁচাচ্ছে ছেলেটা : ময়মনসিংহের ডাইনী দিনাজপুরে! ময়মনসিংহের ডাইনী দিনাজপুরে!
ইমতিয়াজ হাত নেড়ে ছেলেটাকে ডেকে একটা দৈনিক-পত্রিকা কিনল। প্রথম পাতাতেই বড় বড় অক্ষরে একটা খবর। ইমতিয়াজ পড়ল, ঝুকে পড়ল জাহেদও দৈনিক-পত্রিকাটার উপর। খবরটা এই রকম :—
কোটিপতি ডাইনীর খপ্পরে
দিনাজপুরে ডাইনী-আতঙ্ক
মিঃ আলাউদ্দিনের অবস্থা রহস্যময়
খবরটার বক্তব্য হলো এই যে পুলিশ খবর পেয়ে মিঃ আলাউদ্দিন-আল-আজাদের বাসভবনে গিয়ে দেখে যে, ভদ্রলোক আবোল-তাবোল বকছেন। কালো পেত্নী, ডাইনী, কালো বিড়াল এবং ভূতরা নাকি গাছে গাছে আশ্রয় নিয়েছে, তাই সকলকে সাবধান করে দিতে চান তিনি, কেন না এদের উদ্দেশ্য খারাপ এবং এদের মৃত্যু নেই।
জাহেদ বলে উঠল : একি কাণ্ড! ইমতিয়াজ, আমিও অবশ্য অমন বকবক করেছিলাম তথাকথিত ডাইনীদের পাল্লায় পড়ে, কিন্তু সেটা ছিল হাই-ওয়ে সম্পর্কিত কোনো রহস্যময় কারণে। কিন্তু এই দিনাজপুরে এসব কিভাবে ঘটতে পারে, কিছুই যে মাথায় খেলছে না!
: নিশ্চয় একটার সাথে অন্যটার যোগাযোগ আছে।
: কিন্তু…।
ইমতিয়াজ বলল : ওই রকম আজেবাজে বক্বক্ করার রোগ হঠাৎ দেখা দেয়াটাকে যতটা হাল্কা করে তুমি দেখছ আদৌ ততটা হাল্কা নয় ব্যাপারটা।
ইমতিয়াজ তার কথার ব্যাখ্যা না করে গাড়ী ছেড়ে দিল। টার্মিনালের দিকে ছুটে চলল গাড়ী।
টার্মিনালের কর্মচারীরা রেডিও কণ্ট্রোল সুইচ-বোর্ড থেকে চোখ ফিরিয়ে ইমতিয়াজের দিকে শঙ্কিত চোখে তাকাল। একজন কপালের ঘাম মুছে বলে উঠল : রহস্যময় ব্যাপার ঘটেছে, লৌহ মানব।
ইমতিয়াজ প্রশ্ন করল : রহস্যময়?
: শেষ খবর পেয়েছিলাম আমরা—ইয়টটা দিনাজপুরের টার্মিনালের দিকেই এগিয়ে আসছে। কিন্তু পৌঁছে নি সেটা। কোনো সন্ধানও পাওয়া যাচ্ছে না ইয়টটার। আশ্চর্য, নদী থেকে অত বড় একটা ইয়ট যেন গায়েব হয়ে গেছে হঠাৎ!
চার
জাহেদ অপেক্ষা করছিল গাড়ীতে। ইমতিয়াজ যখন ইয়টটার অদৃশ্য হবার খবরটা জানাল ও তখন দৈনিক পত্রিকাটার ভিতরের পাতার একটা খবর মনোযোগ দিয়ে পড়ছে। ইমতিয়াজের কথা শুনে কোনো মন্তব্য না করে আবার দৈনিকটা পড়তে শুরু করল ও। তারপর বলল : মজার ব্যাপার দেখছি।
: কি মজার ব্যাপার?
জানতে চাইল ইমতিয়াজ। জাহেদ বলল : খুলনার এক ব্যক্তির ব্যাপারটা।
ইমতিয়াজ দৈনিক পত্রিকাটা জাহেদের হাত থেকে নিয়ে চোখ ফেলল। জাহেদ নির্দিষ্ট একটা খবরের দিকে ইঙ্গিত করল। খবরটার ক্যাপশনে লেখা :
খুলনায় ব্যাঙ্কারের ভোগান্তি
এক অদ্ভুত মানসিক যন্ত্রণা
খবরটার মর্ম হলো এই যে মিঃ সামশুল হক নামক একজন ব্যাঙ্ক এক্সজেকিউটিভকে ডাইনী ভর করেছে। ভদ্রলোককে পাওয়া গেছে মানসিক ভারসাম্যহীন অবস্থায়।
আশ্চর্য এই যে দিনাজপুরের আলাউদ্দীন-আল-আজাদের অবস্থা যেরকম খুলনার ব্যাঙ্কার মিঃ সামশুল হকের অবস্থাও হুবহু সেই রকম। যদিও একটা ব্যতিক্রম মিঃ সামশুল হকের ব্যাপারে দেখা যাচ্ছে। মিঃ সামশুল হক কয়েক ঘণ্টা পর মানসিক ভারসাম্য ফিরে পেয়ে আজেবাজে বকা বন্ধ করেছেন, এবং তার অসুস্থতা সম্পর্কে কোনো কথাই স্মরণ করতে পারেন নি তিনি।
খবরটুকু পড়ে ইমতিয়াজ মন্তব্য করল : ব্যাপারটা আমরা যত বিরাট ভেবেছিলাম এখন দেখছি আসলে তারচেয়েও বিরাট বড়।
জাহেদ বলল : কিন্তু…।
ইমতিয়াজ বাধা দিয়ে জানতে চাইল : ‘প্রভাতের’ নাম শুনেছ কি কখনও?
জাহেদ বলল : কেন, শুনেছি বটে ইয়টের সেই খুনেদের মুখে। কোনো মহিলার নাম বুঝি ‘প্রভাত’?
: মহিলা না হলেও ‘প্রভাত’ অপূর্ব সুন্দরী।
: তারমানে?
ইমতিয়াজ কোনো ব্যাখ্যা না দিয়ে ছেড়ে দিল গাড়ী। খানিকপর ও বলল : দ্রুত কাজ করতে হবে আমাদেরকে। প্রথমে আমরা এয়ার-পোর্ট থেকে যোগাযোগ করব ঢাকার পি. আই. এ. অফিসের সাথে। একটা দ্রুত গতি সম্পন্ন প্লেন দরকার আমার। তাছাড়া দরকার কিছু ট্যুথ সীয়াম। পি. আই. এ.-তে আমার পরিচিত এবং বিশ্বস্ত পাইলট আছে, প্লেনের ব্যবস্থা সম্ভব হলে সে দু’টোই সাথে করে নিয়ে আসবে এখানে। ইতিমধ্যে তুমি অদৃশ্য ইয়টটাকে এবং মিস্ শাবানাকে খুঁজে বের করার চেষ্টা করবে। তারপর তুমি জিপ্পি ও রেহানার খবর সংগ্রহের চেষ্টা করতে পার। আমি তোমার সাথে মিলিত হব পরে।
জাহেদ বলতে চেষ্টা করল : কিন্তু আমি বুঝতে পারছি না।
ইমতিয়াজ বলে উঠল বাধা দিয়ে : সব কিছু খাপছাড়া মনে হয় বটে, কিন্তু পরস্পরের সাথে অবশ্যই প্রতিটি ঘটনার যোগাযোগ আছে। তাড়াতাড়ি কাজ শুরু করতে হবে আমাদেরকে, জাহেদ।
গাড়ী থামাল ইমতিয়াজ এয়ারপোর্টে। জাহেদকে অপেক্ষা করতে বলে অফিস-রূমে প্রবেশ করল ও। অফিসারদের সাথে আলাপ করে পি. আই. এ-র ঢাকার অফিসের সাথে ওয়ারলেসের মাধ্যমে যোগাযোগ স্থাপন করল সে। পি. আই. এ. সানন্দে লৌহ-মানবের অনুরোধ রক্ষা করবে বলে জানানো হলো ঢাকার অফিস থেকে। দু’ঘণ্টার মধ্যে নির্দ্দিষ্ট পাইলট প্লেন নিয়ে পৌঁছে যাবে দিনাজপুরে।
ইমতিয়াজ ফিরে এলো গাড়ীর কাছে।
জাহেদকে দেখা গেল ওয়ারলেস যন্ত্রটা বের করে নুয়ে পড়ে কি যেন শোনার চেষ্টা করছে ও। ইমতিয়াজকে দেখে ও বলে উঠল : ইমতিয়াজ, আমি জিপ্পি আসাদের সাথে যোগাযোগ করতে পেরেছি!
লাউড-স্পীকার থেকে জিপ্পি আসাদের কণ্ঠস্বর ভেসে আসছে। নিঃশব্দে শুনতে লাগল লৌহ-মানব। জিপি আসাদ অপর প্রান্ত থেকে বলছিল উত্তেজিত কণ্ঠে : কথা শোনো, ইমতিয়াজ, জবর খবর! আমি তোমার গাড়ীটা পেয়েছি। কোথায় বলো তো? অসম্ভব, ধারণা করতে পারবে না তুমি। এবং অনেক তথ্য সংগ্রহ করে ফেলেছি আমি। জানো এই সব রহস্যের পিছনে যে আছে তার পরিচয় কি? শোনো, পাজী শয়তানটার নাম…।
অকস্মাৎ ওয়ারলেসের মাধ্যমে একটা গোঙানীর শব্দ ভেসে এলো। জিপ্পি আসাদকে কেউ আক্রমণ করেছে নিশ্চয়, ইমতিয়াজ অনুমান করল। জাহেদ মাইক্রোফোনের সামনে মুখ নামিয়ে চীৎকার করে ডাকল : আসাদ! জিপি আসাদ!
হঠাৎ সব রকম শব্দ বন্ধ হয়ে গেল।
জিপ্পি আসাদের রেডিও ওয়ারলেস বন্ধ করে দেয়া হয়েছে।
লৌহ-মানব ইমতিয়াজ একটা বেবী ট্যাক্সি ডেকে দাঁড় করালো। জাহেদকে মোটর গাড়ীটা দিল ব্যবহার করার জন্যে। মোটর গাড়ী থেকে নেমে ইমতিয়াজ বলল : জিপ্পি আসাদ নিজের নিরাপত্তা অক্ষুন্ন রাখতে পারবে নিশ্চয়। এই মুহূর্তে তোমার জন্যে সবচেয়ে জরুরী কাজ হলো মিস্ শাবানাকে খুঁজে বের করার চেষ্টা। নদীর ধার দিয়ে গাড়ী চালাতে চালাতে প্রতিটি বন্দর এবং সম্ভাব্য স্থান তন্নতন্ন করে দেখবে।
লৌহ-মানব কথা বলে হাসল। তারপর আবার বলল : আর, হ্যাঁ, এবার যেন ডাইনী ভর করে না বসে মাথায়।
জাহেদ বিদায় নিয়ে ছেড়ে দিল গাড়ী। অদৃশ্য হয়ে গেল ও গাড়ী নিয়ে। ইমতিয়াজ অপেক্ষারত বেবী ট্যাক্সিতে চড়ে হাসপাতালের ঠিকানা বলল।
হাসপাতালে বেবী ট্যাক্সি পৌঁছুতে ভাড়া মিটিয়ে দিয়ে ইমতিয়াজ ডেস্ক-ক্লার্ককে জানালো আলাউদ্দীন-আল-আজাদের সাথে দেখা করার ব্যবস্থা করতে প্রস্তাব দিল। ডেস্ক-ক্লার্ক বলল : দুঃখিত, মিঃ আজাদের সাথে দেখা করার ব্যাপারটা ডাক্তার এবং পুলিশ কর্মকর্তাদের অনুমতি ছাড়া সম্ভব নয়।
ইমতিয়াজ ধীরে উচ্চারণ করল শুধু নিজের নামটা। যাদুর মতো কাজ হলো তাতে। মুহূর্তের মধ্যে ডেস্ক-ক্লার্ক লাফিয়ে উঠে ক্ষমা প্রার্থনা করল। সাথে সাথে লিফটে করে ইমতিয়াজকে আলাউদ্দীন-আল-আজাদের কেবিনে পৌঁছে দিল। ক্লার্ক লৌহ-মানবকে না চিনলেও সে জানে এই হাসপাতালটা তৈরী হয়েছে লৌহ-মানব ইমতিয়াজের টাকায়।
কেবিনের ভিতর কয়েকটা গম্ভীর থমথমে মুখ দেখা গেল। আলাউদ্দীন-আল-আজাদের মাথার কাছে দাঁড়িয়ে আছে সকলে। দিনাজপুরের সবচেয়ে গুণী ডাক্তার ওরা সবাই। ইমতিয়াজকে চিনতে পেরে সকলেই শ্রদ্ধার সাথে মাথা কাত করল, একপাশে সরে দাড়াল এগিয়ে যাবার পথ করে দিয়ে।
আলাউদ্দীন-আল-আজাদকে অসুস্থ দেখাচ্ছে না মোটেও। চোখের দৃষ্টি উজ্জ্বল এবং তীক্ষ্ণ। শক্তিশালী সদা সতর্ক, ছোটোখাটো মানুষ তিনি। সারা জীবনে পুরো একদিনের জন্যে কখনও তিনি অসুস্থতার মধ্যে কাটান নি। কিন্তু মনোযোগ দিয়ে দেখলে দেখা যাবে তার চোখ জোড়ায় অস্পষ্ট বিমূঢ় ভাব। তিনি বিশ্বাসহীনভাবে বিড় বিড় করে কি সব বলে চলেছেন। হাত-পাগুলোও অবিরাম নাড়াচাড়া করছেন। অনর্গল শুধু বকেই চলেছেন যে তা নয়, মাঝে মাঝে তোতলাচ্ছেনও।
লৌহ-মানব কথা বলতে শুরু করল। তার কণ্ঠস্বর খুব নীচু এবং শান্ত হওয়া সত্ত্বেও আশ্চর্য একটা চুম্বক শক্তি আছে। কেবিনের প্রতিটি কোণে সুচারু রূপে সেই কণ্ঠস্বর ছড়িয়ে পড়ল, এবং যেন ভাসতে লাগল প্রতিধ্বনি সৃষ্টি করে। সে বলল : আমি লৌহ মানব ইমতিয়াজ। আপনার পক্ষে এখন মনোযোগ নির্দিষ্ট বিষয়ে কেন্দ্রীভূত করা অবশ্য জরুরী। তা না হলে ‘প্রভাত’ চুরি হয়ে যাবে। ‘প্রভাত’ কোথায়? আমরা আপনাকে সাহায্য করার চেষ্টা করছি। চিন্তা করার চেষ্টা করুন। কোথায় ‘প্রভাত’?
চঞ্চল চোখ জোড়া ইমতিয়াজের মুখে এসে স্থির হলো। তারপর মুখ বিকৃত করে বলতে লাগলেন : অশরীরি মূর্তি অবগুন্ঠিত করে রেখেছে তাকে। তিনবার চক্কর মেরে ঘুরুন, দেয়ালের পিছনে লাফিয়ে পড়ুন। খোদার কাছে আমি কৃতজ্ঞ, সময় মতো আপনি আমার মেসেজ পেয়ে ছিলেন বলে। চার কোণা মাটির পাত্রে ওরা চারা গাছ লাগিয়েছে,—কিন্তু ‘প্রভাত’ ভল্টের মধ্যে আছে। এবং আপনি অবশ্যই গোলাবাড়ীর চারকোণে নাক গলাবেন…।
অপেক্ষারত ডাক্তাররা নিরাশ হয়ে মাথা দোলাতে লাগলেন তাদের রুগীর প্রলাপ বকা বন্ধ হয় নি দেখে। কিন্তু ইমতিয়াজ মাথা নামিয়ে গভীর মনোযোগের সাথে আলাউদ্দীন-আল-আজাদের প্রতিটি কথা শুনছে। তাকে বলতে শোনা গেল : হ্যাঁ, হ্যাঁ, বলে যান—হ্যাঁ···।
আরো কিছুক্ষণ রুগী আলাউদ্দিন-আল-আজাদের কথা শুনলো ইমতিয়াজ। তারপর সিধে হয়ে দাঁড়িয়ে মিঃ আজাদকে ধীরে ধীরে বিছানার উপর বসাল। ইমতিয়াজের হাত দু’টো মিঃ আজাদের গলার কাছে উঠে গেল। শুরু করল সে মিঃ আজাদের কানের নীচে নির্দিষ্ট নার্ভ সেন্টার ম্যাসেজ করতে। খানিকক্ষণ চলল ম্যাসেজ। তারপর দেখা গেল মিঃ আজাদ আর হাত-পা নাড়ছেন না, আজে বাজে কথাও বন্ধ হয়েছে। চুপ করে গেছেন তিনি। ইমতিয়াজ ডাক্তারদের দিকে তাকাল। ডাক্তাররা সকলে বিস্ময় ভরা চোখে তাকিয়েই ছিল তার দিকে। ইমতিয়াজ বলল : চিন্তার কিছু নেই। সকালে ঠিক হয়ে যাবেন উনি। কিন্তু ঘুমের ওষুধ দিতে ভুলবেন না। প্রচণ্ড মানসিক আঘাত পেয়েছেন উনি।
: মানসিক আঘাত পেয়েছেন?
ইমতিয়াজ মাথা নাড়ল। দরজার দিকে পা বাড়িয়ে বলল : হ্যাঁ। দশ লাখ টাকা ক্ষতি হলে যে-কেউ অমন আঘাত পাবে।
কেবিন থেকে বেরিয়ে গেল ইমতিয়াজ।
মধ্যরাত্রির পর শহরের দক্ষিণ প্রান্তের অভিজাত এলাকায় বেবী ট্যাক্সি থেকে নামল ইমতিয়াজ। গাড়ী থেকে নেমে কয়েকটা টাকা দিল সে ড্রাইভারকে। নোটগুলো গুণে চোখ ছানাবড়া হয়ে গেল ড্রাইভারের। সে বলে উঠল নোট থেকে চোখ তুলতে তুলতে : হুজুর, এতো টাকা…।
কিন্তু ড্রাইভার দেখল তার রহস্যময় প্যাসেঞ্জার ইতিমধ্যেই কোথায় যেন অদৃশ্য হয়ে গেছে।
ইমতিয়াজ রাস্তার বড় গাছগুলোর আড়াল দিয়ে হাঁটছে নিঃশব্দ পায়ে। ইমতিয়াজ চায় তার পরবর্তী কাজ যেন কেউ লক্ষ্য না করে। দিনাজপুরের সবচেয়ে পয়সাওয়ালা লোকের বাড়ীতে ঢুকতে দেখলে, বিশেষ করে গোপন উপায়ে ঢুকতে দেখলে, অনেকে অনেক কাণ্ড করে বসে। গাছগুলোর আড়াল দিয়ে মিনিট তিনেক হাঁটার পর ইমতিয়াজ দেখল কাটা তারের বেড়া দেখা যাচ্ছে রাস্তার পাশে। আরো খানিকটা হাঁটার পর সে দেখল এক জায়গার কাটাতারের বেড়ার দু’পাশে জংলী ফুলের লতাপাতা। কাটাতারের বেড়া দিয়ে ঘেরা বাড়ীটা যে মিঃ আজাদের তা জানা ছিল তার। পকেট থেকে তার কাটার ছোট যন্ত্রটা বের করে কাটতে শুরু করল সে লতাপাতার আড়ালে দাঁড়িয়ে। তারপর সন্তর্পণে লতাপাতার ভিতর দিয়ে বাড়ীর লনে গিয়ে হাজির হলো সে।
গভীর রাত্রির নিস্তব্ধতা গভীর ভাবে বিরাজ করছে সর্বত্র। ম্যানসনটা সম্পূর্ণ অন্ধকারে ঢাকা। পাথরের দেয়ালের উপর একটা জানালা দেখে এগিয়ে গেল সে। জানালার নীচে এসে দাঁড়িয়ে সে দেখল জানালাটা বেশ উঁচুতে। তাতে অসুবিধে হলো না কোনো। লাফ দিয়ে বন্ধ জানালার ফ্রেমের উপর উঠে বসল সে। পকেট থেকে স্ক্রু-ড্রাইভার বের করে স্ক্রুগুলো খুলল সে অভিজ্ঞ কাঠ-মিস্ত্রির মতো মাত্র কয়েক সেকেণ্ডে। জানালাটা তখুনি না খুলে লুকানো তার আছে কিনা কোথাও দেখতে লাগল সে। পাওয়া গেল অ্যালার্ম বেলের লুক্কায়িত তার। জানালার পাল্লা খোলার বা সরাবার চেষ্টা করলেই বেজে উঠবে সতর্ক সঙ্কেত। তার কেটে দিল ইমতিয়াজ। তারপর জানালার পাল্লা দু’টো একে একে সরিয়ে রূমের ভিতর নেমে পড়ল।
দামী আসবাবে সজ্জিত বিরাট একটা রূম। ইমতিয়াজ অন্য একটা পকেট থেকে অদ্ভুতদর্শন একটা গগলস্ বের করে চোখে পরল। তারপর জ্বালল বিশেষ একটা টর্চ। রূমটা পরীক্ষা করতে শুরু করল সে।
আশ্চর্য হলেও সত্য যে এই ধরনের টর্চের আলোয় ইমতিয়াজকে কেউ দেখতে পাবে না। টর্চটা থেকে যে আলো বের হচ্ছে তার রঙ একদম নিকষ কালো। শুধু মাত্র ইমতিয়াজের আকিষ্কৃত বিশেষ ধরনের গগল্স্ যে পরবে সে-ই দেখতে পাবে এই কালো আলো। ইমতিয়াজ নিজেকে অন্ধকারে ঢেকে রেখে সবকিছু দেখতে সমর্থন।
বিরাটাকৃতি একটা ওয়াল প্রিন্টিংয়ের পিছনের ভল্টের দরজাটা। ভল্টের লক-কমবিনেশন। ইমতিয়াজ দ্রুত হাতে সেটার উপর কাজ শুরু করল। সাধারণতঃ একজন অভিজ্ঞ সেফ এক্সপার্টের লাগার কথা কমপক্ষে আধঘণ্টা সেক্ষেত্রে ইমতিয়াজ এসব কাজে উচ্চশিক্ষিত বিধায় কমবিনেশনের তালা খুলতে তার সময় লাগল মাত্র পাঁচ মিনিট।
কালো আলোয় জায়গাটা আলোকিত করে ভল্টের দরজা দিয়ে ভিতরে প্রবেশ করল ইমতিয়াজ। তারপর অকস্মাৎ, যান্ত্রিক শব্দ হলো মৃদুভাবে। চমকে উঠে ঘাড় ফিরিয়ে পিছন দিকে তাকাল ইমতিয়াজ। ভল্টের দরজা স্বয়ংক্রিয়ভাবে আবার বন্ধ হয়ে গেছে। ভল্টের বাইরে গভীর অটুট নিস্তব্ধতা।
খানিক পর বাড়ীর কলিং-বেল বাজার শব্দ কানে ঢুকল ইমতিয়াজের। বাইরের কোনো রূম থেকে কে যেন ঘুম জড়ানো গলায় মৃদুস্বরে বলল, শুনতে পেল সে : এতো রাতে আবার কে জ্বালাতে এলো ছাই!
এলোমেলো পদশব্দ শুনতে পেল ইমতিয়াজ। দরজা খোলার জন্যে প্যাসেজ ধরে কেউ যাচ্ছে।
দরজা খোলার শব্দ শোনা গেল।
তারপরই কর্কশ একটা কণ্ঠস্বর কানে ঢুকল : পিস্তল দেখতে পাচ্ছ তো, মিয়া? সাবধান! চেঁচিয়ে দেখো একবার, তারপর এর কেরামতি টের পাবে হাড়ে হাড়ে।
পাঁচ
কলিং-বেলের শব্দ শুনে দরজা খুলেছিল মিঃ আজাদের বাটলার। পিস্তল হাতে সম্মুখীনস্থ খুনে লোকটাকে দেখে চোখে-মুখে আতঙ্ক ফুটে উঠল তার। কাঁদ কাঁদ গলায় সে শুধু প্রার্থনা জানাল : আমাকে মেরো না, দোহাই…!
ইতিমধ্যেই পিস্তলধারী দরজা পেরিয়ে ভিতরে ঢুকে পরেছে। তার বাকী সঙ্গী পকেট থেকে শক্ত দড়ি বের করে দ্রুত বেঁধে ফেলল বাটলারের হাত দু’টো পিছমোড়া করে। বাটলারকে ধাক্কা মারতে মারতে হল-ওয়ের প্রান্তে নিয়ে আসা হলো। চারজন খুনের চোখে-মুখের চেহারাই কুৎসিত এবং ভীতিকর রকমের শান্ত। এরা ছিচকে চোর বা উত্তেজিত ডাকাত নয়। নিজেদের অপরাধমূলক কাজ করতে এরা বহুকাল যাবত অভ্যস্ত। হল-ওয়ের কাছে দু’জন রইল বাটলারকে নিয়ে। বাকী দু’জন লাইব্রেরীর কাছে দাঁড়াল। ব্যাপারটা যেন পূর্ব পরিকল্পিত।
হলের সিঁড়ির দিকে বাটলারকে ঠেলে দিয়ে দু’জনার একজন বলে উঠল : এই বাড়ীতে আরো তিন জন চাকরবাকর আছে। তিন তালার পিছন দিকের রূমে তারা ঘুম পারছে। তুমি তাদেরকে একসঙ্গে ডাকবে। নাকি তোমার হয়ে কাজটা আমরাই করব!
: আমি···আমিই ডাকছি…।
বাটলারকে নিয়ে তিন তালায় উঠে এলো খুনে লোকগুলো।
খানিকক্ষণের মধ্যেই বাকী তিনজন চাকর-বাকরকে পিছমোড়া করে হাত বাঁধা অবস্থায় নীচের লাইব্রেরীতে নিয়ে এলো খুনে লোকগুলো। ইতিমধ্যেই বৈদ্যুতিক বাতি জ্বেলে নিয়ে ওরা।
ভল্টের দরজা বন্ধ হয়ে যাবার সাথে সাথে বিরাটাকৃতি ওয়াল পিন্টিংটা স্বস্থানে ফিরে এসে ভল্টের দরজাটা আড়াল করে ফেলেছে। সেই প্রিন্টিংটা একপাশে সরিয়ে দিল খুনে একজন লোক। তারপর বাটলারকে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দিয়ে জিজ্ঞেস করল : এবার বল দেখি যাদু ভল্টের কমবিনেশনটা কি?
ভয়ে চারজন চাকর-বাকর কাঁপছিল। বাটলার তোতলাতে শুরু করে বলল : আম-ম-রা কেউজা-জানি না!
খুনে একজন লোক বাটলারের মাথায় লাথি মারল কষে। তারপর সে অন্য একজন খুনে লোকের দিকে ফিরে বলল : ব্যাটা জানবেই বা কেমন করে। দেখো ওস্তাদ, তুমি কিছু করতে পার কি না।
যাকে কথাটা বলা হলো সে ভল্টের দরজার সামনে দাঁড়াল গিয়ে। কিছুক্ষণ তালাটা নাড়াচাড়া করে সে বিস্মিতভাবে বলে উঠল : একি, ভল্টের তালা তো দেখছি খোলাই রয়েছে!
খুনে তিনজন তাঁর পাশে গিয়ে দাঁড়াল একসাথে লাফ মেরে। একজন দরজার পাল্লা ধরে টানল। খুলে গেল ভল্টের দরজা।
ভল্টের মধ্যস্থ অন্ধকারে গা-ঢাকা দেয়া অবস্থায় লৌহ-মানব বলে উঠল : আমি জানতাম তোরা আসবি প্রভাতের সন্ধানে।
প্রায় দশ মিনিটের জন্যে চারজন খুনেই বোবা বিস্ময়ে পাথরের মূর্তিতে রূপান্তরিত হলো। খুনে লোকগুলো সহজে হতভম্ব বা বিমূঢ় হয়ে পড়ার পাত্র নয়। কিন্তু লৌহ-মানব ইমতিয়াজের সাথে আবার মুখোমুখি হবার ঘটনা তাদের কাছে অসম্ভব ব্যাপার বলে মনে হলো।
দশমিনিট মাত্র, তারপরই খুনে চারজন পিস্তল বের করার জন্যে তড়াক তেড়াক করে লাফিয়ে উঠল। কিন্তু ওই দশ মিনিটের বিরতিই ওদের ও সর্বনাশের জন্যে যথেষ্ট। অকস্মাৎ যেন দশটা ক্লাশ লাইটের অত্যুজ্জ্বল আলো ওদের চোখের সামনে ধরল কেউ। উজ্জ্বল সাদা এবং খানিকটা নীলচে আলো।
ইমতিয়াজ নিজের চোখ বন্ধ করে ছোটো একটা বস্তু মেঝেতে ফেলে দিতেই সেটা ফেটে গিয়ে অমন অত্যুজ্জ্বল আলোর সৃষ্টি করেছিল। কয়েক সেকেণ্ড পরেই শেষ হয়ে গেল সেই অদ্ভুত আলো।
রূমের কোথাও কোনো ধস্তাধস্তির শব্দ শোনা গেল না। চারজন খুনে লোকেই কার্পেটের উপর হুমড়ি খেয়ে পড়ে গেল। তারা চিন্তা করতে পারবে, কিন্তু সাময়িক ভাবে পঙ্গূ হয়ে থাকবে সর্বশরীর।
ইমতিয়াজ চাকর-বাকরদের হাতের বাঁধন খুলে মুক্ত করল সকলকে। বাটলার বিস্ফারিত চোখে স-শ্রদ্ধার সাথে বলে উঠল : হুজুর, আপনিই লৌহ-মানব? আমাদের হুজুর আপনার কথা একবার বলেছিলেন আমাদেরকে... আমরা আপনার নাম শুনেছি...!
ইমতিয়াজ মৃদু হাসল। পরমুহূর্তে হাসি অদৃশ্য হয়ে গেল তার মুখ থেকে। সে বলল : আমার বেশ দেরী হয়ে গিয়েছিল। এই খুনেগুলো ভয়ানক চালাক এবং শক্তিশালী দলের লোক। কোটিপতিদের সম্পদ মেরে টাকার গুদাম বানাতে চায় ওরা। ওরা এসেছে ‘প্রভাত’ চুরি করতে।
বাটলার বিস্মিত হয়ে বলে উঠল : সেকি, হুজুর! ‘প্রভাত’ ঠিক জায়গায় আছে তো...?
: দেখে নাও।
ইমতিয়াজের কথায় বাটলার অন্যান্য চাকরদের সাথে ভল্টের ভিতর থেকে অতি সাবধানে ধরে ধরে বাইরে বের করে আনল বিরাট একটা পেন্টিং। পেন্টিংটা পর্দা দিয়ে ঢাকা। অদ্ভুত নিস্তব্ধতায় ভরে উঠল লাইব্রেরী রূম। সকলে মোহিত দৃষ্টিতে তাকিয়ে রইল পেন্টিংটার শিল্পকক্ষের দিকে।
‘প্রভাত’ হচ্ছে পৃথিবীর সর্বাপেক্ষা মহান এবং মূল্যবান শিল্পকর্ম। এর ক্যানভাসে আঁকা রয়েছে প্রভাতকালীন সূর্য ওঠার দৃশ্য, একটি শিশু সেই দৃশ্যমান সূর্যের দিকে তাকিয়ে রয়েছে। শিল্পকার্যটিতে রঙ প্রয়োগ এমনই অত্যাশ্চর্য কৌশলে এবং সেটা খাটিয়ে সমাপ্ত করা হয়েছে যে এর ডুপ্লিকেট করা কখনোই সম্ভব নয়, সম্ভব হয়েও নি। শিশুটির মুখের ভাবটুকু ছাড়াও সম্পূর্ণ পেন্টিংটায় এমন সব আঁচড় এবং বিষয় রয়েছে যা জীবন্ত করে তুলেছে শিল্পকর্মটিকে।
সপ্তদশক শতাব্দীতে শেষবার চুরি হয়েছিল ‘প্রভাত’। তারপর থেকে আজ পর্যন্ত ধনী সংগ্রহকারীরা প্রভাতের খোঁজ পাবার জন্যে লাখ লাখ টাকা খরচ করে ব্যর্থ হয়েছে সারা পৃথিবী ব্যাপী। ইমতিয়াজ জানত মাত্র কিছুদিন আগে মিঃ আজাদ প্রভাতের সন্ধান পান। এবং দশ লাখ টাকায় তিনি সেটা সংগ্রহ করেন।
কয়েকজন মানুষ কেবল জানে যে প্রভাতের সন্ধান পাওয়া গেছে এবং সেটা সংগ্রহ করেছেন মিঃ আজাদ। কিন্তু কেউই জানত না, অন্তত কারো জানার কথা নয়, প্রভাতকে কোথায় রাখা হয়েছে। তা সত্ত্বেও প্রভাতকে চুরি করার চেষ্টা করা হয়েছে আজ রাতে।
ইমতিয়াজ বাটলারকে বলল : আগামী কাল পর্যন্ত রাখো এটাকে ভল্টের ভিতর। তোমাদের মালিক হাসপাতাল থেকে ফিরে এসে ঠিক করবেন কোথায় রাখবেন তিনি এটা। আমি পুলিশ পাহারার ব্যবস্থা করছি ভোল্টের বাইরে।
ইমতিয়াজ পুলিশ হেড-কোয়ার্টারে ফোন করে নিজের পরিচয় দিল আর তার অবস্থানের ঠিকানাটা উল্লেখ করল মাত্র। দশমিনিটের মধ্যে চারজন পুলিশ অফিসার দু’জন কনেস্টবল নিয়ে হাজির হলো মিঃ আজাদের বাড়ীতে। ইমতিয়াজ পেন্টিংটা সম্পর্কে আশঙ্কার কথা ব্যাখ্যা করল ওদের কাছে। খুনে লোকগুলোর কথাও বলল সে। অফিসাররা জানাল কোনো চিন্তাই করতে হবে না। পেন্টিং এবং তিনজন খুনে লোক সম্পর্কে তারা সব ব্যবস্থা করবে। খুনে লোকগুলোর সর্দারকে ইমতিয়াজ সাথে নিয়ে যাবে ঠিক হলো।
অফিসারদের গাড়ীতেই চেপে বসল ইমতিয়াজ অনুরোধ এড়াতে না পেরে। অচেতন খুনে বন্দীটা পিছনের সিটে, তার পাশে একজন কনেস্টবল পাহরায় বসল। ইমতিয়াজ ড্রাইভারকে বলল : পাঁচ মিনিটের মধ্যে পৌঁছতে হবে এয়ার-পোর্টে।
ইমতিয়াজ ভাবছিল এয়ার-পোর্টে হয়ত প্লেন নিয়ে তার পরিচিত পাইলট এখনও ঢাকা থেকে পৌঁছয় নি। কিন্তু এয়ার-পোর্টে পৌঁছে সে দেখল প্লেন হাজির। পাইলট আশরাফ আহমেদ অপেক্ষা করছে তার জন্যে।
রাত প্রায় দু’টো হয়েছে। পুলিশ কনেস্টবলটি অচেতন খুনে লোকটাকে গাড়ী থেকে প্লেনে তুলে দিল। তারপর জিজ্ঞেস করল সে : আর কিছু হুকুম আছে, স্যার?
ইমতিয়াজ প্লেনটা পরীক্ষা করে দেখছিল। মুখ তুলে সে বলল : অফিসারদেরকে বলবে যে, যদি মিঃ আজাদের মতো আর কাউকে ডাইনী ভর করে তাহলে যেন সাধারণ সর্ট-ওয়েভ রেডিওতে ব্রড-কাষ্ট করা হয় ব্যাপারটা, এই প্লেনের রিসিভার তা ধরবে। ব্যাপারটা গুরুত্বপূর্ণ।
‘ইয়েস, স্যার’ বলে কনেস্টবল বিদায় নিল। ইমতিয়াজ কেবিনের মেঝেতে উপুর হয়ে পড়ে থাকা অচেতন খুনে সর্দারের দিকে তাকাল একবার। তারপর পাইলট আশরাফ আহমেদকে ইঙ্গিতে সামনে এগোতে বলল। কন্ট্রোল-রূমটা কেবিনের পিছনে। দু’জন মেকানিক সেখানে অপেক্ষা করছিল। তারা ইমতিয়াজকে সাহায্য করল প্লেন স্টার্ট করার কাজে।
কয়েক মিনিট পর আকাশে উড়ল প্লেন। অতি অল্প শব্দ হচ্ছিল ইঞ্জিন থেকে। তিনটে ইঞ্জিনেই সাইলেন্সার লাগানো। ঘণ্টায় দু’শো মাইলের চেয়েও বেশী বেগে উড়ে চলেছে আকাশ যান।
দেখতে দেখতে শহর ছাড়িয়ে প্লেন নদীর উপর দিয়ে উড়ে চলল। হঠাৎ অনেক নীচে নামিয়ে আনল ইমতিয়াজ প্লেনটাকে। তীক্ষ্ণ নজর ওর নদীর বন্দর এবং ঘাটগুলোয়।
পাইলট আশরাফ আহমেদ ইমতিয়াজকে চেনে প্রায় বছর তিনেক থেকে। চেনে সে বহুকাল থেকেই, লৌহ-মানবকে চেনে না এমন লোক খুব কমই আছে দেশে-বিদেশ, আসলে ব্যক্তিগতভাবে চেনে সে বছর তিনেক থেকে। ইমতিয়াজ ওকে পি. আই. এ-তে কাজ করার সুযোগ করে দিয়েছিল। আশরাফ ফ্লাইং ক্লাবের মেম্বার ছিল, বাপের ছিল প্রচুর টাকা। কিন্তু হঠাৎ একটা মামলায় সর্বশান্ত হন তিনি এবং হার্টফেল করে মারা যান। আশরাফ বিপদে পড়েছিল অভাবের তাড়নায়। লৌহ-মানব তাকে ডেকে কাজের ব্যবস্থা করে দেয়। সেই থেকে বছরে একবার কি দু’বার আশরাফ দেখা করে আশির্বাদ নিয়ে যায়। বছরে দু'ব’রের বেশী লৌহ-মানবকে সচরাচর পাওয়াই যায় না। দেশে-বিদেশে রহস্য এবং বিপদের সন্ধানে ঘুরে বেড়াতে হয় তাকে। তবে দরকার পড়লে ইমতিয়াজ ডাকে আশরাফকে। আশরাফ সেই ডাকের জন্যে উন্মুখ হয়ে দিন কাটায়।
নদীর উপর দিয়ে উড়তে উড়তে ইমতিয়াজ দু’দিকের তীরের দিকে তাকিয়ে আছে। হারিয়ে যাওয়া সাদা ইয়টটাকে খুঁজছে সে, ইয়টে মিস্ শাবানা বন্দীনি হয়ে আছে। রেডিও-র সুইচ অন করল ইমতিয়াজ জাহেদের সাথে যোগাযোগ করার জন্যে।
কোনো উত্তর পাওয়া গেল না।
ইমতিয়াজ অকস্মাৎ ঝুঁকে পড়ল নীচের দিকটা দেখার জন্যে। প্লেনের মটরগুলো মন্থর হয়ে পড়ল সামান্য। এবং নদীর বালুকাময় তীরের দিকে নেমে এলো আরো খানিক উজ্জ্বল হয়ে উঠল ইমতিয়াজের চোখের দৃষ্টি। সাদা ইয়টটাকে নদীর তীরে দেখা যাচ্ছে। আলো জ্বলছে না ইয়টে।
অল্পসময়ের মধ্যেই ইমতিয়াজ প্লেন নামালো ছোট একটা মাঠের উপর। আশরাফ আহমেদকে সে বলল : তুমি এখানেই অপেক্ষা কর। যদি কিছু ঘটে তাহলে যত তাড়াতাড়ি সম্ভব সরে যেও এখান থেকে। বন্দী লোকটাকে দিনাজপুর পুলিশ হেড-কোয়ার্টারে পৌঁছে দিও।
: ‘ইয়েস, স্যার’।
সানন্দে সশ্রদ্ধার সাথে মাথা নেড়ে বলল আশরাফ।
নদীর তীরে পৌঁছে লৌহ-মানব গায়ের কোট খুলে ফেলল। যন্ত্রপাতির ছোটো বাক্স ক’টা সাথেই রাখল ও। সেগুলো ওয়াটার প্রুফ। নদীর তীর থেকে বেশ দূরে ইয়টটা। নিঃশব্দে এবং সাবলীল গতিতে সাঁতার কেটে ইয়টের উপর গিয়ে উঠল লৌহ-মানব।
ইয়টের ভিতর কোনো সাড়া শব্দ না পেয়েই উঠেছে লৌহ-মানব। তা সত্ত্বেও ও জানে যে-কোনো মুহূর্তে একটা পিস্তল বা রিভলভার তার উদ্দেশ্যে গর্জে উঠতে পারে আড়াল থেকে। ধীরে এবং সতর্ক পায়ে একটা কেবিনের ভিতর ঢুকল সে। সেটা খালি। অন্য একটা কেবিনে ঢুকল সে। সেটাও খালি। একের পর এক কেবিন পরীক্ষা করল সে। সবগুলোই শূন্য। নেই, কোনো মেয়ে নেই, কোনো খুনে কিচ্ছু নেই। কোনো নাবিক লোকও নেই।
ছয়
ডেক-কেবিনে ফিরে এলো ইমতিয়াজ। এখানের একটা ব্যাপার তার দৃষ্টি আকর্ষণ করল। ডেক কেবিনের বার-রূমটা বিধ্বস্ত হয়ে গেছে সম্পূর্ণ। বারের ভিতর যেন মেশিন-গান চালানো হয়েছে অন্ধের মতো। একটা বোতল অটুট নেই। কক্টেল গ্লাসগুলো, সেল্ভস্, ফলের রস-পাত্র এইরকম সব কিছুই দোমড়ানো, ভাঙা। মেহগনি বারের পিছনে বিরাট একটা মিরর গ্লাস অসংখ্য টুকরোয় পরিণত হয়েছে। পৃথিবীতে একজন মাত্র লোকই আছে যে উত্তেজিত অবস্থায় মাত্র কয়েক সেকেণ্ডের মধ্যে এমন ধ্বংস কাণ্ড ঘটাতে পারে। ইমতিয়াজের মনে পড়ল গরিলাসদৃশ্য জিপ্পি আসাদের কথা। ধ্বংস কাণ্ডটা তীক্ষ্ণ চোখে পরখ করে দেখল সে। ডেকের উপর ভাঙা গ্লাসের টুকরো ছড়ানো, এবং কোনো কোনো টুকরোয় রক্তের দাগ। কিন্তু তাছাড়াও বিশেষ কিছু রয়েছে। অন্য কেউ হলে দেখতে পেত না। কিন্তু লৌহ-মানবের অস্বাভাবিক বোধশক্তি এবং তার সর্বদর্শী চোখের দৃষ্টি সতর্ক করে দিল তাকে। সে ঝুঁকে পড়ল ভাঙা কাঁচের টুকরোর উপর। কোমর থেকে স্ব-আবিষ্কৃত আলট্রাভায়োলেটরে নিক্ষেপক ক্ষুদ্র টর্চটা বের করে কাঁচের টুকরোটার উপর আলো ফেলল সে। এই টর্চের আলোয় শুধুমাত্র বিশেষ চকের অদৃশ্য লেখা দৃষ্টিগোচর হয়। সেই বিশেষ চকের লেখা দেখতে পেল সে। তারমানে লৌহ-মানবের কোনো সঙ্গীই লিখেছে। কেন না সেই বিশেষ চক একমাত্র ওদের কাছেই থাকে। লেখাগুলো পরিষ্কার, কিন্তু অসম্পূর্ণ :—
ইমতিয়াজ—মেয়েটিকে নিয়ে যাওয়া হয়েছে, ২২ নম্বরে। সাদা গাড়ীওয়ালা লোকটাকে খুঁজে বের করো...।
জিপ্পি আসাদের হাতের লেখা চিনতে পারল ইমতিয়াজ। চিন্তিত দেখাল তাকে। দ্রুত চিন্তা করে সে সিদ্ধান্ত নিল, প্রথমে জিপ্পি আসাদ এবং মেয়েটির সন্ধান করতে হবে। এটা জরুরী। তারপর এমনি কিছু আছে যা...।
ফিরে এলো ইমতিয়াজ প্লেনে। আশরাফ আহমেদ কথা বলছিল প্লেনের ভিতরে। বন্দী লোকটার জ্ঞান ফিরে এসেছে। লৌহ মানবকে ফিরে আসতেই আশরাফ লৌহ-মানবকে বলল : লোকটাকে প্রশ্ন করছিলাম, স্যার। বোবা নাকি? কথাই বলে না।
ইমতিয়াজ খুনে লোকটার দিকে শান্ত চোখে তাকিয়ে বলে উঠল : অনেক কঠিন কঠিন অসুবিধে থেকে বাঁচতে পার যদি পরিষ্কার করে বলো যে এইসব কাণ্ডকারখানার পিছনে কে আছে। সহকারী, সঙ্গী না, হোতো কে?
: বলব না।।
খুনে বন্দী রেগেমেগে বলে উঠল। নিঃশব্দে লোকটাকে একমুহূর্ত দেখল লৌহ-মানব। তারপর বলল : তাহলে বাইশ নম্বর থেকে সন্ধান পাবার কাজ শুরু করব আমরা। কেমন হবে সেটা?
খুনে লোকটা লৌহ-মানবের কণ্ঠে ‘বাইশ নম্বর’ শুনে চমকে উঠল। ইমতিয়াজ আর কোনো কথা না বলে কন্ট্রোল-রূমে ঢুকল। খানিকক্ষণের মধ্যে প্লেন উড়ল আকাশে।
প্রায় দেড় ঘণ্টা প্লেন চালাবার পর ওরা ডাইনীদের প্রাচীন পোড়ো নির্জন শহরের উপর উপস্থিত হলো। উপর থেকে চাঁদের আলোয় জন-মানবহীন শহরটাকে রহস্যময় দেখাচ্ছে। শহরটার উপর দিয়ে চক্কর দিল একবার ইমতিয়াজ। সে এই ভৌতিক শহরের বাইশ নম্বর বাড়ীতে ঢুকেছিল একবার জেল থেকে পালিয়ে বেঁচে। এবং জাহেদ যেমন প্রথমবার এই শহরে ঢুকেই বাড়ীটার জানালা দরজা স্টীলের শাটার দিয়ে বন্ধ দেখেছিল, ইমতিয়াজও লক্ষ্য করেছিল রহস্যময় ব্যাপারটা। তার তখনি মনে হয়েছিল যে বাড়ীটাকে কারা যেন দুর্গম দুর্গে পরিণত করেছে।
প্রধান সড়কের পার্শ্বস্থ মাঠে প্লেন নামাল ইমতিয়াজ। বন্দী খুনেটাকে ভাল করে বাঁধল সে, তারপর নেমে এলো প্লেন থেকে। তাকে অনুসরণ করে মাঠে নামল আশরাফও। লৌহ-মানব ইমতিয়াজ মৃদু হেসে বলল : বিপদ ঘটতে পারে কিন্তু।
আশরাফ সমীহ ভরা গলায় বলল : আপনার সাথে থাকলে পৃথিবীতে খোদার গজব নেমে আসলেও কোনো বিপদ হবে না বলে বিশ্বাস আমার।
আশরাফ অনুসরণ করে চলল লৌহ-মানবকে। লৌহ-মানব ইমতিয়াজ বাইশ নম্বর বাড়ীর সামনে এসে দাঁড়াল। পাথরের সিঁড়ি বেয়ে উঠে সে একটা স্টীলের শাটার ধরে টান দিল। শাটারটা দেখতে তত বড় নয়। ইমতিয়াজ অবাক হলো সেটাকে আগে থেকেই ভাঙা দেখে। ভাঙা শাটারটা শুধু মাত্র আলগাভাবে লাগানো ছিল দরজার সাথে। সেটা সরিয়ে ভিতরে প্রবেশ করল লৌহ-মানব। রুমটা দেখা গেল খালি। শুধু রুমটাই নয়, সম্পূর্ণ বাড়ীটাই দেখা গেল জন-মানবহীন।
কিন্তু আসলে আসল বাইশ নম্বর বাড়ীটায় লোকজন অবশ্যই রয়েছে। সেটা খালি নয়। যেমন অপূর্ব সুন্দরী মিস্ শাবানা, যেখানে বন্দী হয়ে আছে সে জায়গাটা লম্বা একটা সেল, মাটির নীচের অংশে। এই বেসমেন্টেও সেই আগের মতো, যেখানে আর একবার ডাইনী ভর করা অবস্থায় ছিল সে, ফল গাছ এবং দুষ্প্রাপ্য ফুল গাছ শোভা পাচ্ছে।
রূমের এক প্রান্তে একটা ভারী স্টীলের দরজা, সম্ভবত এই দরজাটা দিয়ে যাওয়া যায় অফিস-রূমে বা ওই ধরনের কোনো রূমে। দরজাটা বন্ধ। কিন্তু দরজা খুলে ঘন ঘন লোকজন যাওয়া-আসা করছে ভিতরে।
লোকগুলো কুৎসিত দর্শন খসরুর দোসর। রূমের দেয়ালের কাছ ঘেঁষে অসহায়, হাত-পা বাঁধা অবস্থায় পড়ে আছে মিস শাবানা। ছদ্মবেশী নকল দারোগা খসরু তার সামনে দাঁড়িয়ে। বলে উঠল সে স্বভাবসিদ্ধ কর্কশ কণ্ঠে : জানো কেন আমরা তোমাকে বন্দী করে রেখেছি?
মিস্ শাবানা কথা বলল না। খসরুর চোখ-মুখ কঠিনতর হয়ে উঠল : তোমাকে দিয়ে এই পার্সেলটা পোস্ট করাব তোমার ধনী বান্ধবীর নামে—এর ভিতর তোমার হাতের লেখা একটা ব্যক্তিগত চিঠি থাকবে। সেই সুন্দরীর নাম মিসেস্ বুলবুল চৌধুরী—কোটিপতির বউ। তোমার পার্সেল খুললে যা সে পাবে তাতেই ডাইনী ভর করবে।
মিস্ শাবানা চেঁচিয়ে উঠল : ওই আশা করা পর্যন্তই। আমাকে দিয়ে অমন কাজ করিয়ে নেবার কথা যে ভাবে সে একটা গর্দভ।
কষে একটা চড় মারল খসরু নুয়ে পড়ে মিস্ শাবানার গালে।
একমুহূর্তের নিস্তব্ধতা। তারপর শোনা গেল রুমের অন্য একপ্রান্তে একজন খুনে লোকের কাতরানি।
দ্বিতীয় বন্দী হচ্ছে জিপ্পি আসাদ। মিস্ শাবানার গালে চড় মারার শব্দ শুনে গায়ের জোর দেখিয়ে বাঁধন মুক্ত হতে চাইছে সে। পাঁচজন খুনে লোক তার দিকে ছুটে যেতেই জিপ্পি আসাদ একজনকে কুপোকাৎ করেছে হাঁটুর ধাক্কায়। বাকী চারজন ঢিলে হয়ে যাওয়া দড়ির বাঁধনের উপর নতুন করে বাঁধন দিতে চেষ্টা করছে। জিপ্পি আসাদ অবিরাম নিজের দেহটাকে মোচড়াচ্ছে, হাত-পা ছোড়ার চেষ্টা করছে। হঠাৎ কিভাবে যেন, হয়ত ঢিলে হয়ে গিয়েছিল বলেই, পুরনো বাঁধন খুলে একটা হাত মুক্ত হয়ে গেল জিপ্পি আসাদের। ব্যস, প্রলয় কাণ্ড বাধিয়ে দিল সে মুহূর্তের মধ্যে। এতে কোনো সন্দেহ নেই যে জিপ্পি আসাদ একবার ক্ষেপে গেলে পৃথিবীর সর্বাপেক্ষা শক্তিশালী দানব বিশেষ হয়ে ওঠে ও। বাঁ হাতের এক ঝটকায় চারজন লোককেই সে দূরের দেয়ালের কাছে পাঠিয়ে দিল। তারপরই পা দু’টো উপর পানে তুলে, মেঝেতে পিঠ রেখেই, হাতটা দিয়ে পায়ের বাঁধন ধরে সজোরে টান মারল। ছিড়ে গেল মোটা দড়ি। হাসল জিপি আসাদ। ওর হাসি দেখার পর কারো সন্দেহ হবার কথা নয় যে মানুষ বানরেরই বংশধর। এবার দু’পায়ের উপর ভর দিয়ে দাঁড়াল সে। ইতিমধ্যে দু’জন এগিয়ে এসেছে আক্রমণ করার জন্যে। ডাইভ দিল জিপ্পি আসাদ। দু’জন তো ভূ-পাতিত হলোই জিপ্পির উড়ন্ত মাথার ঘা খেয়ে, তৃতীয়জনকে ফেলে দিল সেই দু’জনই, তারা তৃতীয় জনের উপর উপুড় হয়ে পড়ল। খসরু এবং তার আর এক দোসর বিমূঢ় হয়ে পড়েছিল কাণ্ড দেখে, ইতিমধ্যে জিপ্পি আসাদ এসে পড়েছিল কাছে। তখন আর আগ্নেয়াস্ত্র বের করার সুযোগও নেই। জিপ্পি আসাদ দু’হাত দিয়ে দু’জনকে ঘুষি মেরে বসল। ভূ-পাতিত হলো দু’জনাই। হঠাৎ তীক্ষ্ণ চীৎকার উঠল রূমের ভিতর।
চীৎকারটা মিস্ শাবানার। ভয় পেয়েছে সে। সে দেখতে পাচ্ছে ভারী স্টীলের দরজার নীম্নস্থ ফাঁক দিয়ে উজ্জ্বল আলো ঢুকছে রূমের মেঝেতে। দরজার বাইরে কিছু পুড়ছে নাকি? আগুন? তারপরই সে দেখতে পেল প্রায় আবছা রঙের ধোঁয়ার প্রবেশ। গ্যাস। গ্যাস ঢুকছে রূমের ভিতর। চেঁচিয়ে উঠল সে। জিপ্পি আসাদের উদ্দেশ্যে বলে উঠল : দরজার দিকে দেখুন মিঃ আসাদ! গ্যাস!
জিপ্পিও দেখল গ্যাস। লাফ মেরে পিছিয়ে এলো সে। দ্রুত এবং অনায়াসে পাঁজা কোলা করে তুলে নিল মিস্ শাবানাকে। ছুটলো ও রূমের দ্বিতীয় দরজাটার দিকে।
দরজাটার কাছে দাঁড়িয়ে পাল্লায় ধাক্কা মারল সে। বন্ধ দরজা। এবং এই দরজার বাইরে থেকেও ঢুকছে মেঝেতে উজ্জ্বল উজ্জ্বল আলো। তারপরই দেখা গেল গ্যাস। গ্যাস ঢুকছে দ্বিতীয় দরজার নীম্নস্থ ফাঁক দিয়েও মেঝেতে। এমন সময় জিপ্পি বলে উঠল বিস্মিত কণ্ঠে : আলোর কারণটা বুঝতে পারছি! থারমাইট! থারমাইট স্টীলও গলিয়ে দিতে পারে।
পিছিয়ে এলো জিপ্পি আসাদ মিস্ শাবানাকে নিয়ে। তারপরই ভারী দরজাটা খসে পড়ল মেঝেতে সবেগে এবং সশব্দে। রূমের ভিতর আশরাফ আহমেদের পিছন পিছন এসে ঢুকল লৌহ-মানব ইমতিয়াজ।
ইমতিয়াজ বলে উঠল : এই বাড়ীর নম্বর বদলে ধোকা দেবার চেষ্টাটা কার্যকরী হয় নি। আসল বাইস নম্বর ঠিকই পেয়ে গেছি।
জিপ্পি চেঁচিয়ে উঠল : ইমতিয়াজ!
গাঢ় নীল রঙরের ট্যাবলেট লৌহ-মানবের হাতে। জিপ্পির এবং আশরাফের দিকে হাত মেলে ধরে সে বলল : গ্যাসের প্রতিক্রিয়া নষ্ট করে দেবে এই ট্যাবলেটে, একটা করে নাও।
তারপর লৌহ-মানব ইমতিয়াজ জিপ্পির আক্রমণে আহত এবং পরে গ্যাসের এভাবে ঘুমন্ত খুনে লোকগুলোর দিকে এগিয়ে গেল ইমতিয়াজ যে গ্যাস ব্যবহার করেছে তা ক্ষতিকর নয়, এর ক্ষমতা মিনিট পনের অজ্ঞান করে রাখা মানুষকে। জিপ্পি ও মিস্ শাবানা শ্বাস গ্রহণ করে নি বলে প্রভাবিত হয় নি ওরা।
ভাঙা দরজা টপকে অফিস-রূমের মতো দেখতে একটা রূমে ঢুকল ওরা। অফিস-রূমই বটে। রূমের প্রতিটি দেয়ালে সারি সারি থাক। থাকের উপর শত শত কাচের জার। সেই জারে বীজ রাখা হয়েছে। শত শত ধরেনের বীজ। বোতলও দেখা যাচ্ছে অসংখ্য। বোতলের গায়ে লেবেল আঁটা। ইমতিয়াজ গভীর মনোযোগের সাথে লেবেলের লেখাগুলো পড়ল। ডেক্সের উপর একটা চার্ট দেখে সেটা তুলে নিল সে হাতে। ডেক্সের উপর একটা রিপোর্টও রয়েছে। ইমতিয়াজ দ্রুত পড়ল সেগুলো। দেখতে দেখতে গম্ভীর ও চিন্তিত হয়ে উঠল সে। জিপ্পি আসাদ বিমূঢ় দৃষ্টিতে রুমটা দেখছিল ঘুরে ঘুরে। ইমতিয়াজকে ও বলল : ইমতিয়াজ, এই রূমে কোনো একজন মানুষ ছিল খানিক আগে, ওই খুনে লোকগুলো ঘন ঘন যাওয়া-আসা করছিল এখান থেকে। কথাবার্তার শব্দও শুনেছিলাম।
ইমতিয়াজ বলল : হ্যাঁ। এবং লোকটা যে-ই হোক, সে নিশ্চয়ই ওই সিলিং ট্র্যাপ ডোর দিয়ে পালিয়েছে।
জিপ্পি আসাদ তাকাল সিলিংয়ের দিকে। এমার্জেন্সি এক্সিট-টা তার চোখে পড়ে নি এতোক্ষণ। দরজার কাছ থেকে মিস্ শাবানা কথা বলে উঠল : আমার আব্বা···?
ইমতিয়াজ বলল : তোমার আব্বা ভাল আছেন, বলা যায়। তিনি আজ কোনো একসময় বাড়ীতে ফিরে যাবেন। প্রভাতও নিরাপদে আছে।
ওরা ফিরে এলো বড় সেল-রূমটায়।
খসরু আর তার সঙ্গীরা সিলিংয়ের দিকে তাকিয়ে আছে বোকার মতো। একজন উঠে বসেছে। মাথা ঝেড়ে নেশা নেশা ভাবটা দূর করতে চাইছে সে। বলে উঠল : কি... কি হয়েছে...?
জিপ্পি তার স্বভাবসিদ্ধ গর্জনতুল্য কণ্ঠে বলল : যা হয়েছে তা তেমন কিছু নয়, যা হবে এবার তা সত্যিবড্ড গুরুত্বপূর্ণ।
লোকটাকে বেঁধে ফেলল ও। ইমতিয়াজ প্রত্যেককে একটা করে ট্যাবলেট দিল। জিপ্পি আসাদ খসরুকে দাড় করিয়ে দিল তার সামনে। ইমতিয়াজ বলল : তোমাদেরকে বিশেষ একটা জায়গায় পাঠানো হবে। সেখানে তোমাদের ব্রেন অপারেশন করার পর অতীতের সকল অপরাধের কথা তোমরা ভুলে যাবে। তারপর তোমরা গুণ্ডামি আর খুন খারাবি করে বেড়াবে না। তোমাদের জন্যে তখন উপযুক্ত কাজের ব্যবস্থাও করে দেয়া হবে।
খসরু ঘোঁৎ করে একটা শব্দ করল তাচ্ছিল্য ভরে।
: দিনাজপুরে তোমাদের আর একটি দল ধরা পড়েছে। পুলিশদের দেয়া সাজা থেকে ছাড়া পেলে তাদের জন্যেও ওই একই ব্যবস্থা করা হবে।
খসরুকে একটুও ভীত বলে মনে হলো না। স্পষ্টত সে লৌহ মানব ইমতিয়াজের ঢাকার ‘কলেজ’ সম্পর্কে কিছু শোনে নি কখনও। সেই কলেজে ক্রিমিনালদের স্পেশাল ব্রেন অপারেশন করে তাদের অতীত জীবনের দুঃখজনক সকল কিছু ভুলিয়ে দেয়া হয়। শত শত অপরাধী এই কলেজ থেকে সম্পূর্ণ সুস্থ এবং ভাল মানুষ হয়ে বেরিয়ে সৎ পথে থেকে জীবন কাটাচ্ছে।
কিন্তু খসরু তেমন গুরুত্ব দিল না কথাটায়। সে বলে উঠল : তাতে বিশেষ কোনো লাভ হবে না, লৌহ মানব! আমাকে বন্দী করলে কি হবে, আমি তো দলের অতি ক্ষুদ্র একটা অংশ, বিগ বসের পাত্তা পাবে কোথায় তুমি? বিগ বসের সকল ক্ষমতা আছে। তার পানির জাহাজ আছে, প্লেন আছে, দামী গাড়ী আছে অসংখ্য—কি নেই? অপেক্ষা করো, তোমাকে সে ঘোল খাইয়ে তবে ছাড়বে!
জিপ্পি আসাদ হঠাৎ ইমতিয়াজের বাহু চেপে ধরে বলে উঠল : ইমতিয়াজ, আমাকে যখন ডাইনী ভর করেছিল তখন একটা ব্যাপার ঘটেছিল। আমি সেটা স্মরণে আনার চেষ্টা করছি। ব্যাপারটা সম্ভবতঃ একজন লোক সম্পর্কে, যার গাড়ীটা...
: যার হাতে গোলাপ ফুল ছিল...?
জানতে চাইল ইমতিয়াজ। জিপ্পির মুখ উজ্জ্বল হয়ে উঠল। দ্রুত কণ্ঠে বলল ও : ঠিক, ঠিক তাই! কিন্তু লোকটাকে ঠিক চিনতে পারতাম যদি...
জিপ্পি আসাদ তাকাল খসরুর দিকে। খসরু আতঙ্কিত হয়ে উঠেছে বোঝা গেল। ইমতিয়াজ, আশ্চর্যভাবে বলে উঠল :- এই লোকটা মুখ না খুললেও চলবে, আমার ‘বিগ বসকে’ ঠিকই হাতে পাব।
ভাঙা দরজার সামনে থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো : ঠিকই বলেছ, কিন্তু কে কাকে পায় দেখো এবার!
গুলি ছোড়ার শব্দ হলো রূমের ভিতর।
সাত
মাত্র ইঞ্চিখানেকের জন্যে গুলিটা ইমতিয়াজের মাথায় না লেগে দেয়ালে গিয়ে বিধল। মাথায় না লাগার সম্ভাব্য কারণ হচ্ছে পিস্তল গর্জে ওঠার এক সেকেণ্ড আগে ইমতিয়াজ মাথা সরিয়ে নিয়েছিল। উন্নত বোধ-শক্তি বিপদ ঘটার পূর্ব মুহূর্তে সাবধান করে দেয় তাকে। গুলিটা দেয়ালে বিধল। ইমতিয়াজ দেখল দরজার সামনে থেকে লাফিয়ে সরে গেল একজন লোক। লোকটাকে চিনতে পারল সে। পরমুহূর্তে রূমের ভিতর থেকে সবেগে লাফ দিল খসরু। একলাফে দরজার বাইরে গিয়ে পড়ল সে। জিপ্পি আসাদ ছুটল তার পিছু পিছু। কিন্তু ইমতিয়াজ বলে উঠল : থাক, ওকে ধরবার দরকার নেই।
জিপ্পি আসাদ বলতে চাইল : কিন্তু...।
: পাশের রুমের সিলিং ডোর দিয়ে যে ব্যক্তি পালিয়ে গেছে তার কথা আগে ভাবতে হবে আমাদেরকে। সেই লোকটাই আমাদের প্লেনের বন্দী খুনেটাকে মুক্ত করেছে তাতে কোনো সন্দেহ নেই। যে গুলি চালিয়ে পালিয়ে গেল সে আমাদের প্লেনে বন্দী হয়েছিল।
জিপ্পি আসাদ বলল : কিন্তু ওই খুনে আর খসরু আমাদেরকে বলতে পারত ‘বিগ বসের’ আসল পরিচয়। তাছাড়া সে···।
শান্তভাবে মাথা নাড়ল লৌহ মানব ইমতিয়াজ : খসরু সম্ভবতঃ সেই ‘বিগ বসের’ কাছেই যাচ্ছে। তাকে আমরা ধরতে পারবো সেখানে—পরে।
: কিন্তু কোথায়?
ইমতিয়াজ ব্যাখ্যা করে বলল : তোমাদের সকল কর্মতৎপরতা শুধুমাত্র একজন লোকই জানত প্ৰথম থেকে। সে-ই সম্ভবতঃ ইঞ্জিনিয়ার আহসান হাবীবের অদৃশ্য হওয়ার জন্যে দায়ী।* প্রকৃতপক্ষে জাহেদ, রেহানা এবং তোমার সাথে তার দেখাও হয়েছে। সে পরিষ্কার জানত তোমাদের প্লান। সুতরাং এটা খুব স্বাভাবিক ব্যাপার যে সে তোমাদেরকে তার ফাঁদে ফেলতে পেরেছে।
*ভয়াল ৬ দেখুন।
অকস্মাৎ জিপ্পি আসাদের চোখ দু’টো বড় বড় হয়ে উঠল : মনে পড়ছে এবার! সেই লোকটার হাতে গোলাপ ফুল ছিল..!
ইমতিয়াজ সমর্থন জানিয়ে মাথা নাড়ল : হ্যাঁ। লোকটা হচ্ছে মাহবুব তালুকদার।
বেসমেণ্ট থেকে মিস্ শাবানা ইমতিয়াজের সামনে এসে দাঁড়াল। বিস্মিতভাবে বলে উঠল সে : মাহবুব তালুকদার নয়! সে তো কোটিপতি। এদেশের সমাজে তার নাম ডাক প্রচুর। মিল মালিক সে…।
ইমতিয়াজ শান্তভাবে বলল : তা সত্বেও সে একজন অসাধারণ খুনে নেতা। সমাজে তার প্রভাব প্রতিপত্তি আছে, আর এই ক্ষমতার আড়ালে থেকে ধ্বংস্বাত্মক গুণ্ডামি করে অপরাধ জগতের শিরোমণি হয়ে উঠেছে সে। তার দলকে অবশ্যই ধ্বংস করতে হবে।
মিস্ শাবানাকে বিমূঢ় দেখাল। সে বলল : অবিশ্বাস্য ব্যাপার! কিন্তু মাহবুব তালুকদার কি কারণে নির্জন একটা অঞ্চলের উপর দিয়ে সুপার হাই-ওয়ে তৈরী প্রজেক্টে বাধা সৃষ্টি করছে?
ইমতিয়াজ ব্যাখ্যা না করে শুধু বলল : এই প্রশ্নটাই কিছু সময়ের জন্যে আমাদেরকে বিমূঢ় করে ফেলেছিল।
ইমতিয়াজ নির্দেশ দিল জিপ্পিকে বন্দী লোকগুলোকে প্লেনে রেখে আসার জন্যে। কাজটা শেষ হতে ইমতিয়াজের প্রশ্নের উত্তরে জিপ্পি আসাদ বলল : রেহানা আর মিস্ শাবানা অদৃশ্য হয়ে যাবার পর ওদেরকে ডাইনীদের গর্তের কাছে খোঁজাখুঁজি করি আমি। ওদের দেখা পাই নি। আমার সাথে দেখা হয় মোমিন ওস্তাদজীর সহকারী মোজাম্মেলের সাথে। ও আমাকে বলে যে তুমি নাকি নিহত হয়েছ। তারপর তোমার মোটর গাড়ীটা দেখতে পাই আমরা। পরে জাহেদের সাথে সর্ট-ওয়েভ সেটের মাধ্যমে যোগাযোগ করি আমি।
: হ্যাঁ?
: সেই সময়ই প্রায় কুড়িজন খুনে লোক হঠাৎ কোথা থেকে আমার উপর ঝাঁপিয়ে পড়ে। কয়েকজনকে কুপোকাৎ ঠিকই করে ছিলাম, কিন্তু এক ব্যাটা পিছন থেকে লোহার রড মেরে কাবু করে ফেললো আমাকে। তারপর জ্ঞান ফিরে পেয়ে দেখি ইয়টে রয়েছি আমি মিস্ শাবানার সাথে। একটা কথা, ইমতিয়াজ। মোজাম্মেল ব্যাটাকে আমি ছাড়বো না, একবার হাতের কাছে পেয়ে নিই—বলে কিনা লৌহ-মানব ইমতিয়াজ নিহত হয়েছে!
প্রশ্ন করল ইমতিয়াজ : তাহলে রেহানাকে তুমি পাও নি?
: না। ডাইনীদের গর্তের কাছাকাছি একটা চোরাবালি দেখেছি, ইমতিয়াজ। রেহানা কি তবে...?
কণ্ঠে ভয় জিপ্পি আসাদের। ইমতিয়াজ বলল : চোরাবালিতে পড়লেও নিজেকে রক্ষা করার মতো জ্ঞান রেহানার আছে। সম্ভবতঃ মাহবুব তালুকদারের নদী তীরস্থ আস্তানায় বন্দী হয়ে আছে সে। আমরা ওখান থেকেই পরবর্তী কর্মসূচীর সূচনা করতে পারি।
বাইশ নম্বর থেকে বেরিয়ে এলো ওরা। ইমতিয়াজ ধূলোময় প্রাচীন রাস্তার সামনের দিকে ইঙ্গিত করে বলল : জিপ্পি, তুমি বরং দ্রুত সিবিগঞ্জে ফিরে যাও মিস্ শাবানাকে আর আশরাফকে সাথে নিয়ে। ওরা সেখানে থেকে যেতে পারে। মাহবুব তালুকদারের ম্যানসনে চড়াও হওয়াটা খুব কঠিন কাজ হবে।
ঠিক এমন সময়, পরিচিত কর্কশ কণ্ঠের গা শিউরানো হাসির শব্দ ভেসে এলো কাছ থেকে। ওরা ঘুরে দাঁড়িয়ে তাকাল। একটা ঝোপের অপর দিক থেকে আপন মনে কথা বলতে বলতে এগিয়ে আসতে দেখা গেল ডাইনী বুড়ী হাবিলা বিবিকে। মাথা নীচু করে কোলের কাছে ধরা কালো কুচকুচে বিড়ালটার গায়ে আদরের হাত বুলাচ্ছিল সে। ওদেরকে দেখতে পেয়েই আবার হাসল ডাইনী বুড়ী : হে হে, হে হে—কি, হচ্ছে কি? কিসের পাঁয়তারা কষা হচ্ছে শুনি? হে হে, হে হে হে।
জিপ্পির মাথায় যেন খুন চেপে গেল। ডাইনী বুড়ীর ওই হাসিটা একদম সহ্য হয় না তার। চেঁচিয়ে উঠল ও ঃ এই! খবরদার বলছি, হাসবে না অমন করে।
ডাইনী বুড়ী আবার হেসে উঠল : হে হে, হে হে হে…।
জিপ্পি আসাদ অকস্মাৎ তিন লাফে এগিয়ে গিয়ে ধরে ফেললো বুড়ীর কালো বোরখা। বুড়ী নিজেকে ছাড়াবার চেষ্টা করতেই জিপ্পি আসাদ বোরখা ধরে জোরে টান মারল। কালো জর্জেটের বোরখা ফড় ফড় করে ছিড়ে গেল। আশ্চর্য দৃশ্য দেখা গেল সাথে সাথে। ছেঁড়া বোরখার ভিতর দেখা গেল একটা কোট। ডাইনী বুড়ী কোট পরে আছে? চোখের দৃষ্টি জিপ্পি যেন বিশ্বাস করতে পারল না। বুড়ী হাবিলা বিবি ছাড়াবার চেষ্টা করছে নিজেকে। জিপ্পি বুড়ীর মাথার চুল মুঠো করে ধরে ফেলল। এবারও ঘটল আর এক আশ্চর্য ব্যাপার। ডাইনী বুড়ী হাবিলা বিবির মাথার চুল খুলে চলে এলো জিপ্পির হাতে। চুলগুলো পরচুলা।
বুড়ী হাবিলা বিবির ছদ্মবেশ উন্মোচিত হতেই তাকে চেনা গেল। সে মেয়ে নয়। সে হচ্ছে মোমিন ওস্তাদজীর সহকারী মোজাম্মেল হক।
মোজাম্মেল ঠাণ্ডা চোখে তাকিয়ে রইল জিপ্পি আসাদের দিকে। তারপর মোটা কণ্ঠে সে বলে উঠল : ঠিক বেশ, ধরে ফেলেছো তোমরা আমাকে। কিন্তু কেমন ঘোল খাইয়েছি বলো দেখি? বুঝতে পেরেছিলে কি যে...।
জিপ্পি আসাদ হাত তুলল মারবার জন্যে।
বাধা দিল লৌহ-মানব ইমতিয়াজ। ইমতিয়াজ জানে জিপ্পির মার খেলে মোজাম্মেলকে আর খুঁজে পাওয়া যাবে না। ইমতিয়াজ বাধা না দিলে পা ধরে ফেড়ে ফেলত ও শয়তান মোজাম্মেলকে। মোজাম্মেল তার স্বভাব সিদ্ধ হাসি হেসে বলল : ক্ষেপে যাও কেন, খামাখা? তোমরা তো আইন কানুন অনুযায়ী সব করো। আমাকে ধরেছ, ভাল কথা, যা করবার আইন অনুযায়ী কর।
ইমতিয়াজ জিপ্পিকে বলল : মারধর করলে সুযোগ পেয়ে যাবে মাহবুব তালুকদার।
মোজাম্মেল বলল : আমাদের নেতা এক আশ্চর্য সৃষ্টি। কি নেই তার? আমি দু’দিক দিয়েই অভিনয় করেছি। বোকা মোমিন ওস্তাদজীকে বোকা বানিয়েছে। সে এখনও বিশ্বাস করে ডাইনীরা গাছের পাতার ভিতর বাস করে, আর মানুষের চোখের ভিতর দিয়ে মাথায় ঢুকে পড়ে।
ইমতিয়াজ মোজাম্মেলের কথায় কান না দিয়ে জিপ্পি আসাদকে বলল : বাঁধো ওকে। তারপর তোমাকে প্রস্তুতী নিতে হবে মাহবুব তালুকদারের দুর্গম দুর্গের মতো বাড়ীতে হামলা চালাবার জন্যে। পরে তোমার সাথে দেখা হবে আমার।
বাঁধা হলো মোজাম্মেলকে। প্লেনে তোলা হলো তাকে। ইমতিয়াজও প্লেনে চড়ে বসল। জিপ্পি আসাদ চেঁচিয়ে জিজ্ঞেস করে উড়ল : ইমতিয়াজ, বললে না যে কোথায় তুমি যাচ্ছ...?
কিন্তু প্লেন মাঠের উপর দিয়ে ছুটতে শুরু করেছে তখন। আকাশে উঠল সেটা খানিক পরই।
আট
রেহানা বিপদে পড়ে আছে।
বন্দী সে। যে ব্যক্তি তাদেরকে সাহায্য করছে বলে মনে করেছিল ও সে-ই ব্যক্তিই বন্দী করে রেখেছে তাকে।
সে ব্যক্তি প্রভাবশালী এবং ধনী মাহবুব তালুকদার ভিন্ন আর কেউ নয়।
ছোটোখাটো, সৌখিন প্রকৃতির মাহবুব তালুকদার এই মুহূর্তে এক মিটিংয়ে বসেছে। অদ্ভুত লোকদের সাথে অদ্ভুত অদ্ভুত কত কথা বলছে সে। বসার রুমটাও এক কথায় অদ্ভুত ছাড়া কিছু নয়।
গ্রাউণ্ড লেভেল থেকে একতালা সমান উচ্চতাকে তিনগুণ করলে যতটা নীচে পৌঁছোনো যায় এই রুমটা ততটা নীচে অবস্থিত। নদী তীরস্থ বাসভবন এটা মাহবুব তালুকদারের। জায়গাটা বিরাট একটা রেডিও ষ্টুডিওর মতো। দেয়াল এবং সিলিংগুলো সাউণ্ড প্রুফ। অদ্ভুত মনে হতে পারে, কিন্তু কোনো দরজা নেই যেন কোথাও। তা সত্বেও পাতালস্থ রূমটায় বাতাস স্নিগ্ধ এবং ঠাণ্ডা। বাতাস ঢুকছে, মৃদু মৃদু শোঁ শোঁ শব্দে খোলা এবং আড়াল করে রাখা বড়সড় একটা সার্কুলার প্যানেল থেকে। ওটা সিলিং থেকে খানিক নীচে অবস্থিত।
রূমটা দেখতে অনেকটা আধুনিক বিজনেস অফিসের মতো। বড় বড় ডেস্ক, আধুনিক স্টীল-চেয়ারে। রূমের এককোণে একজন লোক বসে আছে একটা সুইচ বোর্ডের সামনে।
রূমের প্রায় মাঝামাঝি জায়গায়, সকল কিছু হতে আলাদাভাবে, হত্যাকাণ্ড এবং ধ্বংসকাণ্ডের শিরোনণি বসে আছে বিরাট বড় একটা ডেস্কের সামনে।
উজ্জ্বল চোখে, চমৎকার পোশাক পরে, সে শান্ত মুখে তাকিয়ে আছে রেহানার দিকে। রেহানা চেয়ারে বসতে পারে নি। খুব অসুবিধাজনক অবস্থায় রয়েছে সে।
হত্যাকাণ্ডের রাজার মুখোমুখি দেয়ালে গাঁথা লোহার মোটা রডের সাথে রেহানার হাত-পা বাঁধা।
মাহবুব তালুকদার, হত্যাকাণ্ডের রাজা, শান্তভাবে তাকিয়ে আছে। মিটি মিটি হাসছে সে। হাসতে হাসতে বলে উঠল : বুঝলে সুন্দরী, তোমাদের লৌহ-মানব ইমতিয়াজ স্রেফ একটা বোকা।
রেহানা খুব ক্লান্ত বোধ করছিল। এখানে ওকে ধরে আনার সময় প্রচগুভাবে ধস্তাধস্তি করেছে ও। রাত কেটেছে না ঘুমিয়ে। কণ্ঠস্বর কর্কশ এবং তিক্ত ওর। ও বলে উঠল : লৌহ-মানবকে বোকা বানানো কারো পক্ষেই সম্ভব নয়।
মাহবুব তালুকদারের বাটন হোলে একটা গোলাপ ফুল। হাতেও একটা। হাতেরটা নাকের কাছে তুলে ঘ্রাণ নিল সে পুরোনো অভ্যাস মতো। তারপর বলল : কিন্তু আমার সাথে বিশেষ সুবিধে করতে পারে নি সে। আসলে আমার বিরুদ্ধে কিছু করার মতো ক্ষমতাই নেই তার।
রেহানা এতো কষ্টেও না হেসে পারল না। ও বলল : অন্য অনেক অপরাধীরাও তোমার মতো ভেবেছিল, সাহেব। কিন্তু তারা শেষ পর্যন্ত হাড়ে হাড়ে টের পেয়েছে যে অপরাধের শাস্তি পাওনা কড়া-গণ্ডায় মিটিয়ে দেয় মিটিয়ে দেয় লৌহ-মানব। লৌহ-মানব অপরাধকে ঘৃণা করে, বিজয় তারই হয় শেষ পর্যন্ত।
নরম স্বরে হাসল মাহবুর তালুকদার। বলল : কিন্তু আমার সাথে পাঁয়তারা কষে বিজয়ের আশা করা মস্ত বড় ভুল হবে। দেখো!
ধুরন্ধর মাহবুব তালুকদার রেহানার সাথে কথা বলার সময় রূমের ভিতর গভীর নিঃস্তব্ধতা বিরাজ করছিল। মাহবুব তালুকদার লম্বা ডেস্কের পিছনে বসা লোকটাকে একটা ইঙ্গিত করল। রূমের ভিতর বিভিন্ন ডেক্সে প্রায় বারো জন কঠিন চেহারার লোক। মাহবুব তালুকদার যাকে ইঙ্গিত করল সে হাত বাড়িয়ে রাসের মতো দেখতে ডেস্কের সুইচ-বোর্ডের একটা সুইচ অন করল।
রেহানা দেখল রূমের উঁচু দেয়ালে লাল বাতি জ্বলে উঠল একটা সেখানে বিভিন্ন রঙয়ের বাল্বের লম্বা সারি।
মাহবুব তালুকদারের অ্যাসিস্টান্ট বলে উঠল : ইয়েস?
ঘড়ঘড়ে একটা কণ্ঠস্বর শোনা গেল স্পীকারের মধ্যে : রাজশাহী রিপোর্টিং। সব ঠিকঠাক করা হয়েছে। কোটিপতি গোলাম কিবরিয়াকে ভর করেছে ডাইনী, তাকে পাওয়া গেছে মিউনিসিপ্যালিটির সামনের রাস্তা দিয়ে আজেবাজে বকতে বকতে হাঁটতে, রাত্রিবেলা। আমরা তার কাছ থেকে যা জানতে চেয়েছিলাম তা জেনেছি। আজ রাতে হামলা করব।
মাহবুব তালুকদার হাসল। সুইচ অন করে দিল তার অ্যাসিস্ট্যান্ট। মাহবুব তালুকদার তার উদ্দেশ্যে বলে উঠল : ফাইন। পরে রিপোর্ট নিও।
লাল আলো নীভে গেছে।
আর একজন সহকারী ডেস্কের পিছনের চেয়ার ছেড়ে দাঁড়াল। সে হেঁটে গিয়ে দাঁড়াল দেয়ালের সাথে লাইটের নীচে ঝোলানো বিরাট একটা চার্টের সামনে। কিছুক্ষণ চার্টের অঙ্কগুলোর উপর চোখ বুলিয়ে ঘুরে দাঁড়াল সে। মাহবুব তালুকদারের উদ্দেশ্যে বলল : খুলনা থেকে রিপোর্ট পাবার সময় প্রায় হয়ে এসেছে।
মাহবুব তালুকদার ঠাণ্ডা ব্যঙ্গাত্মক কণ্ঠে রেহানার উদ্দেশ্যে বলে উঠল : দেখলে তো? খানিকটা ধারণা করতে পারছ নাকি? আজ রাতে, চিটাগাঙয়ে, আমরা হস্তগত করর পাঁচ কোটি টাকার সোনা। আমার এই লাভজনক কারবার মোটেই ছোটখাটো নয়। পৃথিবীর সবচেয়ে বৃহত্তম কারবারের কারবারী আমি।
: এবং তুমি যেমন ভারী বলে মনে কর নিজেকে তেমনি সবেগে ধ্বসে পড়বে হঠাৎ।
রেহানা দাঁতে দাঁত চেপে বলে উঠল।
দাঁত বের করে হাসলো মাহবুব তালুকদার। এমন সময় তার ডেস্কের উপর এক সারি ক্ষুদ্র বাল্বের একটি জ্বলে উঠল। সে ইন্টার কমুনিকেশন সিস্টেম স্পীকারের সুইচ অন করে বলল : ইয়েস?
স্পীকার থেকে ভেসে এলো উত্তর : স্যার, ঢাকার গুণ্ডা সর্দার গুখা খাঁকে আমাদের আস্তানায় আমদানী করে হেফাজতের সাথে রেখেছি। দাওয়াই যা দেবার দেয়া হয়েছে, কিন্তু এখনও সে আমাদের সাথে যোগ দিতে রাজী হচ্ছে না।
খুনে নেতা মাহবুব তালুকদার গোলাপ ফুলের ঘ্রাণ নিয়ে এতটুকু গম্ভীর না হয়ে হাসতে হাসতে বলল : তাহলে খুন করে ফেলো ওকে।
: জো হুকুম, স্যার।
স্পীকারের সুইচ অফ্ করে দিল খুনে নেতা। এবার সে ফোনের রিসিভার তুলে কারো উদ্দেশ্যে বলল : লৌহমানবের বাকী লোককে হাজির করো এই মুহূর্তে।
প্রায় পনের সেকেও পর, নিশব্দে দেয়ালের একটা প্যানেল ধীরে ধীরে সরে গেল এক পাশে। উন্মুক্ত জায়গাটা দিয়ে কয়েকটা মূর্তি ঢুকল রূমের ভিতর। লোকগুলোর পোশাকের হাল দেখে বোঝা যায় ভয়ঙ্করভাবে মারামারি করতে হয়েছে ওদেরকে। লোকগুলো একজন বন্দীকে নিয়ে এসে রাখল। তার হাত পা বাঁধা, এবং শরীরের বিভিন্ন স্থানে রক্তের দাগ। বন্দীটি প্রকৃত পক্ষে জাহেদ।
আরো একজনকে নিয়ে আসা হলো। রেহানা চিনতে পারল তাকেও। তারও হাত-পা বাঁধা, তবে রক্তের চিহ্ন নেই কাপড়-চোপড়ে। দ্বিতীয় বন্দীটি প্রখ্যাত হাইওয়ে ইঞ্জিনিয়ার আহসান হাবীব, মিস্ শাবানার প্রেমিক।
মাহবুব তালুকদার হাসল নিঃশব্দে। ইঙ্গিত করল তার সহকারীদের উদ্দেশ্যে। দেয়ালে গাঁথা লোহার মোটা রডের সাথে বাঁধার ইঙ্গিত করল দুই বন্দীকে রেহানার মতো করে।
বাঁধা হলো জাহেদ এবং আহসানকে।
জাহেদ রেহানাকে দেখতে পেয়ে চেঁচিয়ে উঠল : আহ্হা, তোমাকেও দেখছি যে!
মাহবুব তালুকদার তীক্ষ্ণ কণ্ঠে জানতে চাইল তার লোকদের কাছে : বাকীগুলো কোথায়? সেই গরিলা সদৃশ্য জিপ্পি আসাদ আর সুন্দরী মিস্ শাবানা—আলাউদ্দীন-আল-আজাদের কন্যা? আর, লৌহ-মানবের প্রিয় পাত্র পাইলট আশরাফ আহমেদ?
একজন গার্ড উত্তর দিল : লৌহ-মানব খসরুকে কাবু করে ফেলেছিল বাইশ নম্বরে, স্যার। এইমাত্র খবর পেলাম আমরা। খসরু পালাতে সমর্থ হয়েছে, কিন্তু…।
মাহবুব তালুকদারের মুখ কুৎসিত আকার ধারণ করল : গাধা! যাও, যত লোক পাওয়া যায় যোগাড় কর। লৌহ-মানব এবং তার দলকে অবশ্যই সম্পূর্ণরূপে ধ্বংস করতে হবে পৃথিবীর বুক থেকে আজ রাতেই!
কথাগুলো বলে ডেস্ক ছেড়ে উঠে দাঁড়াল মাহবুব তালুকদার। একটা সিক্রেট প্যানেল প্রবেশ পথের দিকে এগিয়ে যেতে যেতে ঘুরে দাঁড়াল সে হঠাৎ। তারপর রূমের ভিতর তার সকল লোকের উদ্দেশ্যে বলল : তোমরা সবাই এসো বরং আমার সাথে। তোমাদেরকেও দরকার লাগবে আমাদের।
গার্ডগুলো প্রতিটি বন্দীর হাত-পায়ের বাঁধন সযত্নে পরীক্ষা করে দেখে নিল। না, বাঁধন মুক্ত হবার কোনো আশঙ্কা নেই। এবার সবাই রূম থেকে বের হয়ে গেল গোপন পথ দিয়ে। কোথাও থেকে অদৃশ্যমান বাল্বের সুইচ অফ করে দেয়া হলো। অন্ধকারে, অন্ধকার গ্রাস করল বন্দীদেরকে।
এবং ভেন্টিলেটর দিয়ে বাতাস ঢোকার শব্দ ব্যতীত কোথাও কোনোরকম শব্দও নেই।
একটা কণ্ঠস্বর শোনা গেল, জাহেদের : কি আশ্চর্য ব্যাপার বলো দেখি। রেহানা, তোমার কি ধারণা, কোনো চান্স আছে আমাদের?
রেহানার কণ্ঠস্বর শোনা গেল অন্ধকার রূমের ভিতর : বাদ দেও, কিছু জানি না আমি। পা দু’টো ব্যথায় টনটন করছে আমার। চান্স আছে কি নেই এ প্রশ্নে তোমার সাথে বাজী ধরার মত মনের অবস্থাও নেই আমার।
অন্ধকারেই কথা বলে উঠল এবার ইঞ্জিনিয়ার আহসান : আচ্ছা, এসব ভূতড়ে ব্যাপারগুলো আসলে কি বলুন তো? ডাইনী ভর করে, কেউ বা কারা যেন চায় না নির্জন একটা বাতিল শহরের উপর দিয়ে হাই-ওয়ে তৈরী হোক—এদের পিছনে রহস্যটা কি হতে পারে? কিছুই বুঝছি না আমি।
জাহেদ বলতে চেষ্টা করল যুক্তি দিয়ে ব্যাখ্যা করে : কয়েকটা ধারণা আছে আমার নিজস্ব। প্রথমত, মিঃ আহসান, আপনি ডাইনীদের শহরে উপস্থিত হবার কিছু সময় পরই ডাইনী ভর করে আপনাকে। ব্যাপারটা যে-ভাবেই ঘটুক না কেন, এর পিছনে উদ্দেশ্য ছিল একটা। এবং আপনাকে ডাইনীদের শহরে থাকতে না দেয়াটাই উদ্দেশ্য। এবং আপনি যাতে মুখ খুলতে না পারেন, এটাও ওই একই উদ্দেশ্যের অঙ্গ।
: যাতে মুখ খুলতে না পারি?
আহসান জিজ্ঞেস করল। জাহেদ বলল : হ্যাঁ। ডাইনী ভর করিয়ে দিয়ে মুখ বন্ধনী এঁটে দেয়া হয়েছিল আপনার মুখে। আমার এবং জিপ্পি আসাদের বেলায়ও তাই ঘটেছিল। বুঝতে পারছেন না, কেউ না কেউ চেয়েছিল আপনাকে এবং আমাদেরকে ডাইনীদের শহর থেকে দূরে সরিয়ে রাখতে?
: আপনি মাহবুব তালুকদারের কথা বলতে চাইছেন?
জিজ্ঞেস করল আহসান। জাহেদ বলল : আংশিক ভাবে—হ্যাঁ।
রেহানা বলল : কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো এই যে আমি ওদেরকে বলা কওয়া করতে শুনেছি—অন্যান্য জেলার ধনী লোকদেরকে ডাইনী ভর করেছে। সম্পর্কটা বলতে পার..?
জাহেদ মন্তব্য করল : এসবের সাথে কোনো না কোনো সম্পর্ক আছে কিছু অত্যাশ্চর্য গাছ-গাছড়া বা ফল-পাকড়ের সাথে। কিন্তু কোনো ব্যাখ্যা বা কারণ জিজ্ঞেস করো না আমাকে। আমি পরিষ্কার জানি ইমতিয়াজ সব রহস্য উন্মোচিত করবে।
রেহানা বলল : কিন্তু ইমতিয়াজও বন্দী হবে হয়ত।
: অবাক কাণ্ড, কিছুই বলা যায় না। পর্যন্ত যে কি হবে তা আমাদের জানা আছে।
সকলে চুপ করে রইল এবার। সময় বয়ে চলেছে। ক’ঘণ্টা কে জানে। প্ৰত্যেকেই ওরা শারীরকভাবে দুর্বল। সময় যেন সীমাহীনভাবে বয়েই চলেছে ধীর, মন্থর গতিতে।
ডাইনীদের শহর থেকে মাইল পাঁচেক দূরের ঘন জনবসতিপূর্ণ শহরে জিপ্পি আসাদের সময় কিন্তু বয়ে যাচ্ছিল দ্রুত গতিতে।
উজ্জ্বল এবং স্নিগ্ধ সকাল।
শহরের জিপ্পি আসাদ একটা বক্তৃতা শেষ করেছে। শিক্ষিত সকল লোককে ডেকে হেকে একজন আইন ব্যবসায়ীর বাড়ীতে হাজির করেছে সে। প্রথমে কেউ বিশ্বাসই করতে চাইল না প্রভাবশালী ধনী মাহবুব তালুকদারের অপরাধ সত্য তা। কিন্তু জিপ্পি আসাদ সকল ঘটনা, সকল ঘটিত রহস্যময় কাণ্ড ব্যাখ্যা করল। এবং সুন্দরী মিস্ শাবানা এবং আশরাফ আহমেদ ওকে সাহায্য করল শহরের মানুষগুলোকে ওর কথা বিশ্বাস করবার জন্যে। মিস শাবানাও ছোটো একটা বক্তৃতা দিল। সুন্দরী যুবতীর কথা বিশ্বাস না করাটা শহরের মানুষের পক্ষে কঠিন। তারা অবশেষে বিশ্বাস করল। বেলা আটটার মধ্যে সশস্ত্র শ’খানেক লোক তৈরী হয়ে গেল জিপ্পিকে সাহায্য করার জন্যে। প্রাক্তন সামরিক বাহিনীর কর্মচারীও পাওয়া গেল বেশ কয়েকজন। রাইফেল, বন্দুক, রিভলভার এমনকি এক ভদ্রলোকের সংগ্রহশালা থেকে একটা ছোটোখাটো কামানও যোগাড় হলো। যোগাড় হলো কয়েকটা ট্রাক।
এদিকে খুলনায়, অনেক মাইল দূরে, রূপসা নদীর উপর এসে নামল একটি সি-প্লেন। নদীর ধারে ধারে চমৎকার আকার আকৃতির বাড়ীর সারি। দেখলেই বোঝা যায় ধনী লোকদের বাসস্থান ওগুলো।
সি-প্লেনটা ডেকে এসে ভিরল। কিছু লোক দৌড়ে এলো প্লেনটার দিকে। প্লেন থেকে বের হলো যে লোকটা সে হচ্ছে ট্যাক্টর ড্রাইভার লম্বা মোমিন ওস্তাদজী।
অপেক্ষাতর লোকদের মধ্যে একজন ব্যগ্র কণ্ঠে জিজ্ঞেস করে উঠল : কিভাবে আসা হলো?
ট্যাক্টর চালক তথা কৃষক মোমিন: ওস্তাদজী বলল : বিপদে পড়ে।
: বিপদ?
: হ্যাঁ। মাহবুব সাহেবের বিপদ। তার বাড়ীতে হামলা চালাবার জন্যে পাঁচ মাইল দূরের শহরের লোকেরা, অস্ত্রশস্ত্র নিয়ে তৈরী হয়েছে। মাহবুব সাহেবের সব লোককে দরকার।
যারা মোমিন ওস্তাদজীর কথা শুনছিল তাদের মধ্যে নতুন দলভুক্ত একজন লোক ছিল। সে তার পাশ্ববর্তী একজন সঙ্গীকে প্রশ্ন করল : এ আবার কোন্ বোকা?
: বোকা? ওকথা বলো না হে, লোকটার ‘ব্রেন’ আছে, মাইরি! ও যা আবিষ্কার করেছে তা সত্যিই এক যাদু বটে। ওর আবিষ্কৃত দাওয়াই-ই তো মানুষকে বকবকায়—লোকে বলে ডাইনী ভর করছে। তাছাড়া ওর নির্দেশে কাজ করলে আমাদের কোনো বিপদের মুখে পড়তে হয় না। যেমন গত রাতে ব্যাঙ্কের সব হীরে আর সোনা মেরে আনলাম কাউকে কিছু বুঝতে না দিয়ে।
নতুন লোকটা জিজ্ঞেস করল : কিন্তু ব্যাঙ্কের সেফ্ খুললে কি করে বলো তো? ব্যাপারটা আমি বুঝতে পারি নি। কমবিনেশন জানলে কেমন করে?
: ম্যানেজারকে ডাইনী ভর করেছিল। ডাইনী ভর করলে বকবক করে মানুষ। আর কেউ যদি বকবক করে তা হলে তার কাছ থেকে পেটের কথা আদায় করা খুবই সহজ কাজ।
এমন সময় হুকুম জারী হলো। কেউ একজন বলে উঠল সকলের উদ্দেশ্যে : প্লেনে গিয়ে ওঠ সবাই। সবাই যে-যার কাজের জন্যে প্রস্তুত হয়ে আছ তো?
সকলেই হ্যাঁ-সূচক উত্তর দিল। লোকটা বলে উঠল : তা হলে আমরা রওনা হতে পারি এখন মোমিন ওস্তাদজীর সাথে মাহবুব সাহেবের সাহায্যে। সেখানে আজ রাতে কুরুক্ষেত্রের মতো যুদ্ধ হবে।
প্লেনের ভিতরে রোগা হাড় সর্বস্ব মোমিন ওস্তাদজীর সহকারী মোজাম্মেল বসে ছিল। একজন লোক সকলের সাথে প্লেনে চড়ে তাকে জিজ্ঞেস করল: তোমার খবর কি গো ডাইনী বুড়ী?
মোজাম্মেল খিল্ খিল্ করে হেসে দিয়ে বলল : কখনও দেখা হয়েছে তোমাদের সাথে লৌহ-মানব ইমতিয়াজের?
একজন খুনে ভীত কণ্ঠে বলে উঠল : ওরে বাবা তার সাথে লাগা চাট্টি খানি কথা না!
মোজাম্মেল তাচ্ছিল্য ভরে বলে উঠল : আরে রাখ! তবে শোন, বলি। কয়েকজনের সাথে ওই লৌহ-মানব আজ সকালে আমাকে ধরেছিল। ধরে আমাদেরকে তার ‘কলেজে’ নিয়ে যাচ্ছিল। যাবার পথে আমি তাকে বোকা বানাবার জন্যে বললাম যে মাহবুব তালুকদার লোকটা মোটেই ভাল নয়, আমি তাকে ধরিয়ে দেবার জন্যে সব ব্যবস্থা করতে রাজী আছি। সে আমার কথা বিশ্বাস করল বোকার মতো।
: তারপর?
: আমি তাকে বললাম, কিন্তু আমি একা কি আর ধরিয়ে দিতে পারি মাহবুব তালুকদারকে, মোমিন ওস্তাদজী অনেক গোপন খবর জানে, তাকে পটিয়ে-পাটিয়ে বা ভয়-ডর দেখিয়ে হাত করতে পারলে কাজটা খুব ভাল করে করা যায়। লৌহ-মানব রাজী হলো। প্লেন ঘুরিয়ে নামালো সে মোমিন ওস্তাদজীর বাড়ীর কাছের মাঠটায়। আমি প্লেনেই রয়ে গেলাম, সে গেল মোমিন ওস্তাদজীকে ডেকে আনতে।
: বাহ্, তারপর?
: আসলে লৌহ-মানবকে ফাঁদে ফেলার জন্যে পাঠিয়ে ছিলাম আমি। সে বাড়ীর ভিতর ঢোকার সাথে সাথে পিছন থেকে লোহার রডের ঘা মাথায় খেয়ে সিধে জ্ঞান হারিয়ে ফেলল। এবার তোমরা বুঝতে পারছ নিশ্চয় যে...।
: বুঝেছি, বুঝেছি!
আর একজন বলে উঠল : তবেই দেখো, সামান্য ডাইনী বুড়ীর কাছে বোকা বনে ধরা পড়ে গেল অত নাম করা লৌহ-মানব।
ইতিমধ্যে প্লেন আকাশে উড়েছে! সর্বোত্তম গতিতে ছুটে চলেছে সেটা মাহবুব তালুকদারের সাহায্যার্থে।
নয়
সেই দিবাগত রাত্রিবেলা একশ’র চেয়েও বেশী সৎসাহসী লোক, জিপ্পি আসাদের নেতৃত্বে, রাইফেল, বন্দুক, রিভলভার, পিস্তল, হাত বোমা এবং জ্বলন্ত মশাল নিয়ে ট্রাক যোগে মাহবুব তালুকদারের নদী তীরস্থ বিরাট প্রাসাদসম বাসভবনে হানা দিল।
দুর্গম দুর্গ-সদৃশ্য বিরাটাকার বাড়ীর গেট ভেঙে কয়েকটি ট্রাক উঠোনে গিয়ে দাঁড়িয়ে পড়েছে।
উঠোন থেকে গাঢ় অন্ধকারে ঢাকা প্রাসাদটাকে মনে হচ্ছে নির্জন। সাময়িকভাবে এই প্রাসাদ ত্যাগ করে সকলে যেন অন্য কোথাও চলে গেছে। চারদিকে ঘুটঘুটে অন্ধকার। কোথাও আলোর সামান্যতম রেখাও দেখা যাচ্ছে না প্রাসাদে। শুধুমাত্র অসংখ্য মশালের লালচে আলো বাইরের দিকটা আলোকিত করে তুলেছে।
কিন্তু জিপ্পি আসাদ সন্দেহ করল সামনে ভয়ানক এবং তুমুল সংঘর্ষ ওত্ পেতে রয়েছে। মিস্ শাবানা এবং আশরাফকে ও অনেক বুঝিয়ে শুনিয়ে শেষ পর্যন্ত বাড়ীর বাইরে একটা মোটর গাড়ীতে বসিয়ে রেখে আসতে পেরেছে। ওরা দু’জনই সম্ভাব্য যুদ্ধে অংশগ্রহণের জন্যে উত্তেজিতভাবে জেদ ধরেছিল।
অকস্মাৎ, ডান দিক হতে, একটা রাইফেল গর্জে উঠল। সশস্ত্র সৎ-সাহসীদের যে দলটি মাঝ উঠোনে গিয়ে ডানে বাঁয়ে ছড়িয়ে পড়েছে তাদের কেউ রাইফেল চালায় নি।
অন্ধকারাচ্ছন্ন প্রাসাদের কোথাও থেকে গর্জে উঠেছে রাইফেল।
জিপি আসাদ তার সকল সাহায্যকারীর উদ্দেশ্যে বলে উঠল : এবার কি করতে হবে তা আপনারা জানেন। চলুন এগিয়ে যাই আমরা।
এবার ঘন ঘন এবং একাধিক রাইফেল গর্জে উঠল প্রাসাদের কোথাও থেকে।
উঠোনটা তেপান্তরের মতোই বিশাল।
জিপ্পি আসাদের নেতৃত্বে ছড়িয়ে ছিটিয়ে বিশাল উঠোনের উপর দিয়ে এগিয়ে চলল সশস্ত্র বাহিনী। কয়েকজন গ্রাম্য চৌকিদার এবং শহরে পাহারাদার রাইফেল ও বন্দুক উঁচিয়ে কিছুটা তালে তালে পা ফেলে এগোচ্ছে। কেউই গুলি চালাচ্ছে না। জিপ্পি আসাদ হুকুম না দিলে চালাবার কথাও নয়। তাছাড়া বিপক্ষদল প্রাসাদের ঠিক কোন্ জায়গা থেকে গুলি চালাচ্ছে তা বোঝা যাচ্ছে না। তিন চারজন লোক ইতিমধ্যে গুলিবিদ্ধ হয়েছে। তাদেরকে দেখছে শহরের ডাক্তার, তিনিও এসেছেন কর্তব্যের খাতিরে।
উঠোন শেষ হয়ে এলো। সামনেই আকাশের বহু উঁচুতে মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে প্রাসাদসম বাড়ীটা। জিপ্পি আসাদ হতভম্ব হয়ে গেল সামনের দৃশ্য দেখে।
প্রাসাদের প্রতিটি দরজা, প্রতিটি জানালা স্টীলের ভারী শাটার দিয়ে বন্ধ করা। গুলি করা হচ্ছে প্রাসাদের ছাদের উপর থেকে। ছাদের পাঁচিলের গায়ে গোলাগুলি ছোড়ার জন্যে গর্ত আছে।
জিপ্পি আসাদের পাশ থেকে কে একজন বিমূঢ় কণ্ঠে ঘোষণা করল : বাড়ী নয়! এ যে দেখছি একটা দুর্গ!
কথাটা মিথ্যে নয়। প্রতিটি জানালা-দরজায় বুলেট প্রুফ শাটার লাগানো। জিপ্পি আসাদ বিমূঢ় হয়ে পড়ল। ও জানে জাহেদ এবং রেহানা এই প্রাসাদের ভিতর বন্দী হয়ে আছে। ভীষণ একটা আতঙ্ক জাগল ওর মনে। এমন সময় একটা যান্ত্রিক ধ্বনি শোনা গেল। প্রাসাদের উপরের কোনো দেয়ালের সাথে ফিট্ করা একটা লাউড স্পীকারের শব্দ। এরপর শোনা গেল শান্ত, ঠাণ্ডা একটা কণ্ঠস্বর। কণ্ঠস্বরটা মাহবুব তালুকদারের। সে বলছে ভিতরে প্রবেশ করার কোনও পথ কোথায়ও নেই। জিপ্পি আসাদ যার নাম অর্থাৎ গরিলার মতো যার চেহারা সে যদি এই বাড়ীর উঠোন থেকে সকল লোকজনকে সাথে নিয়ে ফিরে না যায় তাহলে আমাদের হাতে যে-কটা বন্দী এবং বন্দীনি আছে তারা নিহত হবে!
জিপ্পি আসাদ দাঁতে দাঁত চাপল অপরিসীম ক্রোধে। মেঘের মতো গর্জন করে উঠল সে। মনে মনে লাউডস্পীকারের পিছনের বক্তার মাথায় আঙুলের টোকা দিয়ে মাথা ফাটিয়ে দেয়ার প্রতিজ্ঞা ছাড়া আর কিছু করার বিষয় দেখতে পেল না ও।
লাউড-স্পীকার আবার কেশে উঠল। মাহবুব তালুকদারের কণ্ঠস্বর শোনা গেল আবার : যদি আমার কথ। বিশ্বাস না করো তাহলে নিজেদের লোকের মুখেই শোনা। শোনো তাহলে!
দ্বিতীয় একটা কণ্ঠস্বর বেরিয়ে এলো স্পীকারের মাধ্যমে। কণ্ঠস্বরটা যে জাহেদের তা বুঝতে পারল পরিষ্কার জিপ্পি আসাদ। জাহেদ শুধু বলল : আমার ধারণা হচ্ছে এই চিড়িয়া মিথ্যে কথা বলছে না, জিপ্পি!
জাহেদের কণ্ঠে আর কিছু শোনা গেল না। চারদিকে নিস্তব্ধতা কয়েক সেকেণ্ডের। তারপর, হঠাৎ, সেই গভীর নিস্তব্ধতাকে ভেঙে দিয়ে শব্দ শোনা গেল শক্তিশালী প্লেন মটরের। ক্রমশঃ নিকটবর্তী হচ্ছে প্লেনের গর্জন। অসম্ভব দ্রুত গতিতে উড়ে আসছে আধুনিক আকাশ যানটি।
তারপর আকাশে দৃশ্যমান হলো প্লেনটা। মাহবুব তালুকদারের প্রাসাদের উপর দিয়ে চক্কর মারল দু’বার আরো নীচে নেমে এলো খানিক, পার্শ্ববর্তী মাঠে লাইট ফেলে দেখে নিল, তারপর নেমে পড়ল সেখানে। গড়াতে গড়াতে মাঠের মাঝখানে থামল সেটা।
ইতিমধ্যে মাহবুব তালুকদার প্লেনের কারো সাথে রেডিও কন্টাক্ট করেছে। আবার শোনা গেল তার কণ্ঠস্বর লাউড-স্পীকারে। সে এবার বলল : রাস্তা ছেড়ে দিয়ে দাড়াও, আমার হুকুম এটা। এক ব্যক্তি প্লেন থেকে নেমে এই বাড়ীর ভিতর প্রবেশ করবে। তাকে আক্রমণ করা দূরের কথা, তার গায়ে ফুলের টোকা মারলেও সর্বনাশ করে ছাড়ব আমি। এবং সেই মুহূর্তে সব ক’টা বন্দীকে স্বয়ং স্বহস্তে খুন করব।
প্লেন থেকে নামতে দেখা গেল লম্বা মোমিন ওস্তাদজীকে।
খুলনায় যে নোংরা পোশাকে দেখা গিয়েছিল মোমিন ওস্তাদজীকে এখন সেই একই পোশাক-পরিচ্ছদ পরে আছে সে। মাথায় বেতের টোপরটায় শুক্নো কাদা লেগে রয়েছে। মাঠে কাজ করার সময় তার পায়ে যে রবারের জুতো জোড়া থাকে তাও বদলায় নি সে। সে দু’পাশের আতঙ্কিত এবং বিচলিত লোকগুলোর মাঝখান দিয়ে লম্বালম্বা পা ফেলে হেঁটে চলেছে উঠোনের উপর দিয়ে। অন্যান্য চাষীরা নিজেদের মধ্যে ফিস্ ফিস্ করে বিস্ময় প্রকাশ করছে মোমিন ওস্তাদজীর রহস্যময় ভূমিকা বুঝতে না পেরে। ডাইনীদের শহরের নিকটস্থ ক্ষেতে ফসল ফলাতো বলে সবাই খুব সাহসী বলে মনে করত ওকে। কিন্তু মোমিন ওস্তাদজীর মধ্যে একটা প্রকাণ্ড ষড়যন্ত্রকারী এবং শয়তানী মন আছে তা তারা বুঝতে পারে নি আগে ঘুণাক্ষরেও।
কেউ সাহস করে বাধা দিল না মোমিন ওস্তাদজীকে। বাধা দিলে লৌহ-মানব ইমতিয়াজের সঙ্গীরা যারা বন্দী হয়ে আছে প্রাসাদের ভিতর, নির্গাৎ নিহত হবে খুনে শয়তানদের হাতে।
সিড়ি-বারান্দায় উঠে গেল মোমিন ওস্তাদজী। সামনের স্টীলের দরজার কাছে গিয়ে দাঁড়াল সে। আচমকা একটা শব্দ হলো—ক্লিক! জিপ্পি আসাদ দাঁড়িয়ে রয়েছে কাছেই। কিন্তু নড়ল না ও এতটুকু। স্টীলের বুলেট প্রুফ কাটার নীচে থেকে খানিকটা উপরে উঠল দ্রুত নুয়ে পড়ে মোমিন ওস্তাদজী ভিতরে ঢুকে অদৃশ্য হয়ে গেল। পরবর্তী সেকেণ্ডেই শাটার পূর্বস্থানে নেমে গেল। বাইরের মানুষগুলো গুঞ্জন ধ্বনি করে উঠল মৃদুভাবে। কেউ জানে না এখন কি করা কর্তব্য।
কয়েকটি ইতস্ততঃ মুহূর্ত।
তারপরই স্রেফ আজব এবং অদ্ভুত ব্যাপার ঘটল। একটা তীক্ষ্ণ আর্তচীৎকার প্রচারিত হলো প্রথমে উঁচু দেয়ালে ফিটকরা লাউড-স্পীকারের ভিতর থেকে। পরমুহূর্তে আশ্চর্য ধরনের শব্দ ভেসে এলো।
চীৎকার, সংঘর্ষের শব্দ, হাঁপানোর শব্দ, গোঙানির শব্দ, কাতরানির শব্দ—হরেক রকম বিশৃংখল শব্দ একসাথে প্রচারিত হতে লাগল লাউড-স্পীকারের মাধ্যমে।
কয়েক সেকেণ্ড পরই সামনের দরজার স্টীল শাটার উপরে উঠে গেল। একজন লোক বগলে রিভলভার চেপে দু’হাতে নাক-মুখ ঢেকে লাফাতে লাফাতে গাড়ী-বারান্দায় বেরিয়ে এলো। চোখ বেয়ে জলের ধারা নেমেছে তার। অসম্ভব হাঁপাচ্ছে। কোনো রকমে সে উচ্চারণ করল বিমূঢ় গলায় : গ্যা—গ্যা—গ্যাস!
হৈ-চৈ, হট্টগোলের শব্দ বেড়ে চলল লাউড-স্পীকারের মাধ্যমে। বাড়ীর ভিতর থেকে লোকজন চোখের জল ফেলতে ফেলতে, হাঁপাতে হাঁপাতে, নাক-মুখ ঢেকে, হাতের আগ্নেয়াস্ত্র যত্রতত্র ফেলে দিয়ে লাফাতে লাফাতে বেরিয়ে আসতে লাগল। সেই সঙ্গে লাউড-স্পীকার থেকে বিশৃংখল শব্দও ঢিমে হয়ে এলো।
একটি প্রতিধ্বনিময় ভারী কণ্ঠস্বর হঠাৎ শোনা গেল লাউড-স্পীকারে : প্লেনের লোকগুলোকে পাহারা দেবার ব্যবস্থা করো। ওরা সশস্ত্র। জিপ্পি আসাদ, এবার তুমি ঢুকতে পার বাড়ীর ভিতরে! মাস্ক ব্যবহার করবে একটা।
কণ্ঠস্বরটি নিঃসন্দেহে লৌহ-মানব ইমতিয়াজের।
মোমিন ওস্তাদজীর পরিচয়ে যে ব্যক্তি প্লেন থেকে নেমে বাড়ীটার ভিতর ঢুকেছিল সে প্রকৃতপক্ষে মোমিন ওস্তাদজী নয়—সে ছিল লৌহ-মানব ইমতিয়াজ। ইমতিয়াজ মোমিন ওস্তাদজীর নিখুঁত ছদ্মবেশ ধারণ করেছিল।
ইমতিয়াজ মোমিন ওস্তাদজীর বাড়ীর নিকটস্থ মাঠে প্লেন নামিয়ে, প্লেনে মোজাম্মেলকে বসিয়ে রেখে প্রবেশ করেছিল মোমিন ওস্তাদজীর বাড়ীর ভিতর। সেখানে সে মোমিন ওস্তাদজীকে পাকড়াও করে এবং তাকে বেঁধে ফেলে চৌকির নীচে ঢুকিয়ে দেয় তারপর মোমিন ওস্তাদজীর পোশাক পরে ছদ্মবেশ গ্রহণ করে প্লেনে ফিরে আসে সে। মোজাম্মেল তার নিখুঁত ছদ্মবেশ ধরতে পারে নি।
জিপ্পি আসাদ বাড়ীর ভিতরে ঢোকার আগে উপস্থিত সাহায্যকারী বাহিনীকে নির্দেশ দিল সকল অপরাধীকে ধরে বেঁধে ফেলতে। দরজা দিয়ে যারা বেরিয়ে এসেছে ইতিমধ্যেই তাদেরকে ধরে ফেলা হয়েছে। একজন খুনে অপরাধীও পালাতে পারে নি। গ্যাসের প্রভাবে পালাবার কথা চিন্তা করার ক্ষমতাও হারিয়ে ফেলেছিল খুনেগুলো।
ইমতিয়াজ বাড়ীর ভিতর ঢুকেই একাধিক কাঁচের হল বিস্ফোরিত করে। তার ফলেই ওদৃশ্য গ্যাস ছড়িয়ে পড়ে সৰ্বত্ৰ। পোশাকের নীচে রাখা কয়েকটা গ্যাস-মাস্ক ছিল তার কাছে। সে-গুলো জাহেদ, রেহানা, আহসানকে পরিয়ে দেয় ইমতিয়াজ হৈ-হট্টগোলের এক ফাঁকে। ওদেরকে বাঁধন মুক্তও করে সে দ্রুত। বাঁধন মুক্ত হয়েই রেহানা এবং জাহেদ পাকড়াও করে পিছন থেকে ছুটে গিয়ে চোরের মতো গ্যাসের তাড়া খেয়ে পলায়ন রত মাহবুব তালুকদারকে।
মাহবুব তালুকদার এবং তার সকল খুনে অনুচরকে গ্রেফতার করা হয়।
কয়েক ঘণ্টা পর, দূরবর্তী শহরের এক হোটেলে, লৌহ-মানব ইমতিয়াজ ব্যাখ্যা করল ব্যাপারটা। মাহবুব তালুকদার সম্পর্কে প্রশ্ন করল মিস্ শাবানা। প্রশ্নের উত্তরেই ব্যাখ্যা করে বলল ইমতিয়াজ : হ্যা। এই অপরাধী দলটার পরিচালনা ভার ছিল মাহবুব তালুকদারের ওপরই। সারা দেশের ধনী ব্যক্তির সম্পদ ডাকাতী করে সংগ্রহ করাই ছিল তার উদ্দেশ্য।
: কিন্তু লোকদের আবল-তাবল বকবক করার ব্যাপারটা তাহলে কি? ‘ডাইনী ভর করা’—এই গাঁজাখুরি…!
বিমূঢ় কণ্ঠে প্রশ্ন করল জিপ্পি আসাদ। ইমতিয়াজ বলল : ব্যাপারটা বুঝতে পারলে খুবই সাধারণ মনে হবে। মোমিন ওস্তাদজী চাষীর ছদ্মবেশে থাকলেও সে একজন শিক্ষিত লোক। এবং শুধু শিক্ষিতই না, সে একজন প্রতিভাবান বোটানিষ্ট। বেশ কিছু দিন আগে বড় একটা ইলেকট্রিক কোম্পানি এক বিশেষ ধরনের জংলী গোলাপের বীজ উৎপাদন করার পদ্ধতি পেটেন্ট করে নিয়েছিল। নির্দিষ্ট এক্স-রে প্রয়োগে সম্পূর্ণ নতুন এক জাতের ফুল ফোটানো সম্ভব হয়।
ইমতিয়াজ বলে চলল : যাই হোক, এই বিশেষ পদ্ধতিতে, পরীক্ষক জানত না যে সে সত্যিসিত্য কি লাভ করতে যাচ্ছে। হতে পারে জিনিসটার রূপ লাভ করবে ট্রপিকাল চারা গাছে এবং তা কখনোই ডুপ্লিকেট করা যাবে না যদি না সতর্কভাবে এর যত্ন নেয়া হয় এবং যদি না নতুন বীজ সংগ্রহ করা সম্ভব হয়। এবং সত্যিসত্যি, এই বিশেষ বীজ উৎপান পদ্ধতির মাধ্যমে বীজ উৎপাদন করে যে-কেউ নিজের নিজের বাড়ীর পিছনের ছোট্ট জায়গাতেও আপেল বা কমলালেবুর চাষ করতে পারে।
জিপ্পি বলে উঠল : তা হলে ডাইনীদের শহরের কয়েকটা বাড়ীর সেলে যে-গাছগুলো দেখেছি সেগুলো কি ওই পদ্ধতির ফলাফল নাকি?
ইমতিয়াজ ধৈর্য সহকারে সায় দিয়ে মাথা নাড়ল। আবার শুরু করল ও ঃ কিন্তু উদ্ভিদ চারার আকার আকৃতির ব্যাপারটা মোমিন ওস্তাদজীর কাছে চরম গুরুত্বপূর্ণ ছিল। চারাগাছের বীজ নিয়ে দিনের পর দিন, মাসের পর মাস পরীক্ষা করতে করতে এক অদ্ভুত ওষুধ আবিষ্কার করে সে। এমন ওষুধ যা মানুষের বা যেকোনো প্রাণীর অনুভূতি এবং বোধশক্তিকে ভীষণভাবে প্রভাবিত করে। কানের নার্ভ সেন্টারে ক্রিয়াশীল হয় এই ওষুধ। এবং সেই সাথে আক্রান্ত ব্যক্তি বোধশক্তি হারিয়ে ফেলে আবোল-তাবোল বকতে শুরু করে।
ইঞ্জিনিয়ার আহসান বলে উঠল : আমি বুঝতে পারছি ব্যাপারটা। আপনি যেমন বলছেন তেমনি হয়েছিল আমার।
ইমতিয়াজ বলল : হ্যাঁ, আপনি আক্রান্ত হয়েছিলেন মোমিন ওস্তাদজীর দেয়া ডাশা পেয়ারা খেয়ে। জাহেদ, তুমি মোমিন ওস্তাদজীর বাড়ীতে ব্রেকফাস্টের সময় কমলালেবু। আর জিপ্পি আসাদ...।
জিপ্পি আসাদ নিজেই বলে উঠল : আমার মনে আছে, ইমতিয়াজ, আমি মোমিন ওস্তাদজীর ক্ষেতের গাজর খেয়েছিলাম।
ইমতিয়াজ বলল : হ্যাঁ। তোমরা কে কোথায় কি খেয়েছ কবে অনুসন্ধান করে জেনেছি আমি। বুঝতে পারছ নিশ্চয় যে মোমিন ওস্তাদজী জানত তার অবস্থিত চারার শক্তি কতটুকু। তার হাতে এমন এক আশ্চর্য ওষুধ ছিল যা মানুষকে কথা বলায়, তাদের নিজস্ব ইচ্ছার বিরুদ্ধে, এবং কাউকে যদি এই ওষুধের প্রভাবে বেশীক্ষণ ভুগতে হয় তা হলে সে যে তার নিজের ইচ্ছার বিরুদ্ধে অনর্গল কথা বলতে বলতে গোপনীয় তথ্য এবং সত্য প্ৰকাশ করে ফেলবে তাতে আর আশ্চর্য হবার কি আছে।
ইমতিয়াজ একটা দৈনিক খবরের কাগজ তুলে নিল, যাতে আলাউদ্দীন-আল-আজাদকে ডাইনী ভর করার খবর ছাপা হয়েছিল। ইমতিয়াজ বলল : মিঃ আজাদ ওইভাবে বকবক করে কথা বলতে বলতে আমাকে বলে দিয়েছিল মূল্যবান পেন্টিং প্রভাত সম্পর্কে। খুলনায় এক ব্যাঙ্কার তার ব্যাঙ্কের কমবিনেশন বলে দিয়েছিলো ওই একই রোগের শীকার হয়ে। ইত্যাদি ইত্যাদি। মোমিন ওস্তাদজী মাহবুব তালুকদারের সাথে একত্রিত হয়ে একটা অসম্ভব শক্তিশালী অপরাধী দল গড়ে তুলেছিল।
জিপ্পি আসাদ জানতে চাইল : কিন্তু হাড়ে-বজ্জাত মোজাম্মেল কেন ডাইনী বুড়ী সেজে প্রাচীন শহরে ঘুরে বেড়াতো? কেনই বা সে ভয় দেখাত লোককে?
ইমতিয়াজ শান্ত স্বরে উত্তর দিল : প্রাচীন বাতিল শহরের কয়েকটা বাড়ীর নীচের তালার সেলে চারা গাছ এবং গাছের চাষবাস এই প্রশ্নের উত্তর দেয়। তার আবিষ্কৃত পদ্ধতিতে নম্বরের মাধ্যমে সে বীজ উৎপাদন করে বপন করত এবং ফল ফলাতো ওই প্রাচীন শহরের বা ডাইনীদের শহরের কয়েকটা বাড়ীতে। ওইসব গাছের ফল খেলে লোকের বোধশক্তি দুর্বল হয়ে পড়ত, তা তো আগেই বুঝতে পেরেছ। এমনি মিলের নিম্নস্থ বেসমেন্টেও চাষ হতো। সুপার হাই-ওয়ে প্রজেক্টে যদি বাধা দেয়া না হয় তাহলে শত শত লোকজন কাজ করবার জন্যে প্রাচীন শহরে ঢুকবে, কুলিমজুররা হয়ত ওই শহরের বাড়ীতেই আশ্রয় নেবে, সেক্ষেত্রে চারা গাছ এবং ফল গাছের চাষ দেখে ফেলার আশঙ্কা কম না। দ্বিতীয়তঃ প্রচণ্ড পরিশ্রম এবং যত্ন করে বীজ উৎপাদনের পর বপন করা এতোই ব্যয়বহুল যে সব ত্যাগ করে অন্য কোথাও সরে যাওয়াও সম্ভব ছিল না। তাই বাধা দেয়া অবশ্য প্রয়োজনীয় হয়ে দেখা দিয়েছিল ওদের পক্ষে। মোজাম্মেল ডাইনী বুড়ীর ছদ্মবেশে লোককে ভয় দেখাতে শুরু করে, যাতে করে কোনো লোক ওই শহরে ঢুকতে ভয় পায়—ডাইনীদের আস্তানা মনে করে।
আহসান বলল : সত্যিই তাই। যদি আমার কিছু নাও হতো তাহলেও হাই-ওয়ের কাজ শুরু করা যেতো না। ডাইনী বুড়ীর ভয়ে কেউ কাজ করতে রাজী হতো না ওদিকে।
লৌহ-মানব বলল : ঠিক তাই। আচ্ছা, এবার আমাদের রওনা হবার ব্যবস্থা হোক। আমাদের গাড়ী আর প্লেন আছে মাইল খানেক দূরের একটা মাঠে। পুলিশের হাতে তুলে দেবার ব্যবস্থা করছি আমি মাহবুব তালুকদারকে। জিপ্পি আর রেহানা, তোমরা থেকে যাও আজ এই হোটেলেই। কাল বাকী বন্দীদেরকে নিয়ে আমাদের ঢাকার কলেজে হাজির হবে। জাহেদ, মিস্ শাবানা, আশরাফ এবং মি: আহসান—আমার সাথে আসুন।
ওরা সবাই বিদায় নিয়ে চলে যাবার পর জিপ্পি আসাদ রেহানার পাশের চেয়ারে এসে বসল জায়গা বদল করে। মোটা কর্কশ কণ্ঠ মোলায়েম করার চেষ্টা করে ও বলল : এমন মন-মরা দেখাচ্ছে কেন তোমাকে? শয়তান মাহবুব তালুকদার খুব মেরেছে বুঝি?
রেহানা ভুরু কুঁচকে তাকাল জিপ্পির দিকে। বলল : দূরে সরে বসো, বলছি। অমন হেলে-দুলে কথা বলে ঘনিষ্ঠতা করার চেষ্টা করে কোনো লাভ হবে না।
: ওরে বাপ্রে! এযে দেখছি কথা বললেই দাঁতমুখ খিচিয়ে কামড়াতে আসে—এক নম্বর ডাইনী!
রেহানা হেসে ফেলে বলল : হ্যাঁ, আমি ডাইনী। সাবধানে থাকবে আমার কাছ থেকে তো না হলে ভর করে বসব মাথায়।
জিপ্পি আসাদ রেহানাকে হাসতে দেখে নিজেও হেসে উঠল। বলল : তাই তো চাই, ভর করো না গো আমার মাথায়—প্লিজ!
রেহানা কট্মট্ করে তাকাতেই জিপ্পি আসাদ সুইচ অফ করে দিয়ে মুখের হাসি নিভিয়ে দিল। বলল : মার্সি! কৃপা করো দেবী।
রেহানা গম্ভীর কণ্ঠে বলল : কৃপা মিলতে পারে, কিন্তু শর্ত আছে। কলিং বেল টিপে বেয়ারাকে ডেকে পেট পূজোর ব্যবস্থা করতে পারলে কৃপা মিলবে।
তড়াক করে লাফিয়ে উঠল জিপ্পি আসাদ। চেঁচিয়ে বলল : তোমার ঋণ কখনও শোধ করতে পারব না, রেহানা! কি কথাই না মনে করিয়ে দিয়েছ—পেটে যেন শত শত বছর ধরে কিছু পড়ে নি।
জিপ্পি আসাদ ছুটল রূমের ভিতর। রেহানা বলে উঠল : দেখো কাণ্ড। খোদা রক্ষা করো আজ! ও রাক্ষস এমনিতেই দুনিয়া শুদ্ধ গিলে খেতে চায়—আজ বোধহয় আমাকে ও না খেয়ে ছাড়বে না।
পাঠ প্রতিক্রিয়া
আলাপ
মন্তব্য
সদস্যতা যাচাই করা হচ্ছে…
এখনও কোনো মন্তব্য নেই। পাঠ শেষ করে আলোচনাটি শুরু করুন।