
সম্পূর্ণ পাঠ
ভয়াল ৭ — ডাইনীর কবলে
এক
ময়মনসিংহ জেলার গাড়ো পাহাড় এলাকার প্রাচীন এবং নির্জন একটা রাস্তা ধরে হাঁটছিল ইঞ্জিনিয়ার আহসান হাবীব। রাস্তার পাশে বন্য-গোলাপ দেখে নুয়ে পড়ে একটা ফুল ছিঁড়ে নিল সে।
অভিধানে গোলাপকে ফুল বলা হয়েছে, এবং এই ফুলের সকল গুণের কথা উল্লেখ করা হয়েছে। কিন্তু কোনো অভিধানেই লেখা হয় নি যে, বন্য-গোলাপ ছিঁড়লে ডাইনীদের ক্রোধ জাগানো হয়। লেখা হয় নি এই কারণে যে, পাঠকেরা কেউই হয়ত তা বিশ্বাস করতে চাইবেন না।
আহসান হাবীব একজন প্রখ্যাত হাই-ওয়ে ইঞ্জিনিয়ার। একটি সুপার-হাইওয়ে প্রোজেক্টে কোটি কোটি টাকা ব্যয় করা হবে। সেই প্রোজেক্টের ভারপ্রাপ্ত ইঞ্জিনিয়ার আহসান। সেই কারণেই সে মোটা বেতন নিয়ে সার্ভে করার জন্যে এখানে উপস্থিত হয়েছে। সে হয়ত বিশ্বাস করত না, বন্য-গোলাপ ছিঁড়লে ডাইনীদের ক্রোধ সৃষ্টি করা হয়। তাছাড়া ডাইনী, ভূত, পেত্নী ইত্যাদি সে বিশ্বাসও করে না। কিন্তু দুর্ভাগ্যক্রমে বন্য-গোলাপ ছিড়ে আহসান হাবীব নিজের অজান্তে মারাত্মক একটা ভুল করে বসেছিল।
আজ সকালের দিকে নিজের গাড়ীতে করে ঘুরে ঘুরে পাহাড়ী এলাকাটা সার্ভে করেছে আহসান। এই মুহূর্তে পোড়ো শহরটা ছাড়িয়ে হাঁটছে সে মাটির প্রকৃতি পরীক্ষা করতে করতে। পিছনে ছেড়ে আসা শহরটা একটা অদ্ভুত বস্তু। সারি সারি প্রাচীন বাড়ী দেখা যায় শহরটায়। একটা ফ্যাক্টরীও আছে। বাড়ীগুলো প্রায় ধ্বংসপ্রাপ্ত। এবং ওই বাড়ীগুলোতে অর্থাৎ ওই ছোটো শহরটায় কোনো লোকজন বসবাস করে না। আজ সকাল বেলা একজন লোকের সাথে পাহাড়ের কাছে দেখা হয়েছিল আহসানের। সাইকেলে চড়ে লোকটা যাচ্ছিল। আহসানের গাড়ী দেখে দাঁড়িয়েছিল সে। তারপর বিস্মিত কণ্ঠে প্রশ্ন করেছিল : আপনি এখানে কি জন্যে এসেছেন, সাহেব?
আহসান বুঝতে পেরেছিল লোকটা কেন যেন ভয় পেয়েছে। ও বলেছিল : দেখতে এসেছি। সার্ভে করার জন্যে। আপনি এখানেই থাকেন বুঝি?
: পাগল না মাথা খারাপ সাহেব আপনি! এখানে থাকব কেন? এই এলাকায় কেউ বাস করার কথা ভাবতেও পারে নাকি! এখান থেকে মাইল দেড়েক পূবে যে শহরটা ভেঙে পড়েছে সেটা এখন যে ডাইনী আর পেত্নীদের আড্ডা তা বুঝি জানেন না?
লোকটা ভীত এবং আতঙ্কিত চোখে তাকিয়ে রইল। সাইকেলের হাতল শক্ত করে ধরে লোকটা সন্দিহান চোখে তাকিয়ে আছে আহসানের দিকে। হঠাৎ জানতে চাইল সে : সার্ভে করার জন্যে এসেছেন বললেন না? কিসের সার্ভে?
আহসান এবড়ো-থেবড়ো ধুলোময় রাস্তার শেষমাথার দিকে নির্দেশ করে বলল : হাই-ওয়ে। রাস্তাটা সোজা নাক বরাবর যাবে। এই রাস্তার শেষমাথায় যে ছোটো-খাটো খাদটা আছে, তার উপর দিয়ে সোজা চলে যাবে বহুদূর। যতটা সম্ভব সোজা রাস্তা তৈরী করতে চাই আমরা।
আতঙ্কে বিস্ফারিত হয়ে উঠল সাইকেল-চালক লোকটার চোখ দু’টো। উত্তেজিত কণ্ঠে জানতে চাইল সে: তার মানে, আপনি ডাইনীদের গর্তের কথা বলছেন?
: খাদটাকে আপনারা ডাইনীদের গর্ত বলেন বুঝি?
হেসে ফেলে জিজ্ঞেস করল আহসান। কিন্তু পরমুহূর্তে হতবাক হয়ে গেল সে। লোকটা তার সাইকেলে চড়তে চড়তে কাঁপা গলায় বলতে লাগল : সাহেব, আপনারা দেখছি মরবার প্ল্যান আঁটছেন! না বাবা, পালাই।
আহসান ব্যস্তভাবে বলে উঠল : কি হলো আপনার? ভয় পেয়েছেন যেন?
লোকটা সাইকেল চালাতে চালাতে পিছন ফিরে বলে উঠল : এ ব্যাপারে বেশী কিছু বলতে চাই না সাহেব আমি। সব কথা জানতে হলে মোমিন ওস্তাদজীকে গিয়ে জিজ্ঞেস করুন। সে ভাল করে বুঝিয়ে দেবে ওই গর্তে ডাইনী আর পেত্নীরা রাত দুপুরে নাচে কিনা।
সাইকেল আরোহী আহসানকে অবাক করে দিয়ে দ্রুত অদৃশ্য হয়ে গিয়েছিল।
আহসান আপন মনে একটু হাসল কথাটা মনে পড়াতে। হাঁটতে লাগল আবার। প্রায় ঘণ্টাখানেক হাঁটার পর খানিক দূরে সে একটা ট্র্যাক্টর দেখতে পেল মাঠে। ট্র্যাক্টরের উপর একজন লোক বসে রয়েছে। এতোক্ষণ ট্র্যাক্টরটা মাটি কাটছিল। ড্রাইভার আহসানকে দূর থেকে দেখতে পেয়ে কাজ বন্ধ করে একদৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। আহসান হাঁটতে হাঁটতে ট্র্যাক্টরটার কাছে গিয়ে দাঁড়াল। ড্রাইভার ভুরু কুঁচকে আহসানের দামী পোশাক-পরিচ্ছদ দেখল। তারপর বলে উঠল : বুঝেছি, হুজুর। আপনিই তাহলে সেই ইঞ্জিনিয়ার, কেমন? কে যেন বলছিল বটে আপনার কথা। তা কাজটা আপনারা মোটেই ভাল করছেন না, হুজুর।
: কেন?
ড্রাইভার ট্র্যাক্টর থেকে নেমে পড়ল। তারপর রুমাল দিয়ে মুখ মুছতে মুছতে বলল : হুজুর, আমার নাম মোমিন ওস্তাদজী। আমার দাদাজী পেত্নীদের বশ করতে পারতেন। তাঁর কাছ থেকে শুনেছি যে, ওই পোড়ো শহরে পেত্নীদের আড্ডা আছে। আর আপনি যে গর্তটার পাশ দিয়ে এলেন সেখানে রাতদুপুরে ডাইনী আর পেত্নীরা ধেই ধেই করে নাচে। হুজুর, আপনারা শহুরে, লেখাপড়া জানা মানুষ। আমাদের কথা বিশ্বাস করবেন না হয়তো। কিন্তু এসব কথা এতটুকুও মিথ্যে নয়। আমার সাবধান করে দেয়া উচিত, তাই বলছি, ফিরে যান হুজুর আপনি। ঘরের ছেলে ঘরে ফিরে যান, খামাখা প্রাণটা অপঘাতে হারাবেন কেন?
তার মুখে আহসান প্রথমে কোনো কথা বলল না। একটু হাসি ফুটে উঠল শুধু। তারপর বলল : ফিরে যাওয়া চলবে না। কাজ করতে হবে। দেখাই যাক আপনাদের ডাইনীরা কি করতে পারে শেষপর্যন্ত। যাকগে, এখানে পানির কোনো ব্যবস্থা আছে কি? কয়েকদিনের মধ্যেই লেবাররা পৌঁছে যাবে, খাবে কি ওরা?
মোমিন ওস্তাদজী বলল : আপনি আসার পথে পুরনো একটা মন্দির দেখেন নি?
: হ্যাঁ, দেখেছি।
: ওই মন্দিরের উঠোনে একটা কুয়া আছে। কিন্তু ওখান থেকে পানি আনতে গেলে প্রাণ যাবে নির্ঘাৎ।
: কেন?
: কেন? কারণ মন্দিরটাও দখল করে নিয়েছে ডাইনীরা। সর্বশেষ যে লোকটা ওই মন্দিরে ঢুকেছিল সে আর কোনোদিন বের হয়ে আসতে পারে নি। তার মাথার খুলিটা এখনো মন্দিরের ঘণ্টা-ঘরে ঝুলছে, লোকে বলে।
আহসান দেখল একজন লোক একটা কেরোসিনের টিন মাথায় করে দ্রুত এগিয়ে আসছে ওদের দিকে। মোমিন ওস্তাদজী বলল : ওই লোকটাকে দূর থেকে পানি আনতে পাঠিয়েছিলাম আমি ঘণ্টাখানেক আগে। এখন ফিরছে। ওর নাম মোজাম্মেল। আমার হেল্পার।
আহসান মোজাম্মেলকে দেখতে লাগল। পাঁচফুট দু’-এক ইঞ্চি লম্বা হবে। রোগা। ছেঁড়া-ফোড়া লুঙ্গি আর শার্ট গায়ে। গায়ে মাংস বলতে একেবারে কিছুই নেই। আহসান চোখ ফিরিয়ে মোমিন ওস্তাদজীকে জিজ্ঞেস করল : এই জমিতে কি ফলাবে?
: আলু।
: কিন্তু কিনবে কে?
মোমিন ওস্তাদজী বলল : পাহাড়ীরা কেনে, দূরের বাজারেও পাঠাই। আমি থাকি তো এখানেই, মাইল দেড়েক দূরে একটা বেড়ার ঘর বানিয়েছি। মাসে একবার করে লোক আসে আমার দেশ থেকে, তারা আলু নিয়ে যায়। সমবায় সমিতির লোক তারা। ট্র্যাক্টরটা তাদেরই।
মোজাম্মেল ওদের কাছে এসে দাঁড়াল। মোমিন ওস্তাদজী পানিভর্তি কেরোসিনের টিনটা ট্র্যাক্টরে উঠিয়ে রাখল। তারপর আহসানের দিকে ফিরে বলল : যাবার পথে খানিকদূর এগিয়ে দিয়ে আসতে পারি আপনাকে, হুজুর।
হেল্পার মোজাম্মেল বলে উঠল কর্কশ কণ্ঠে : কেন?
মোমিন ওস্তাদজী ধমক দিয়ে বলল : মোজাম্মেল, ভদ্রতা শিখে কথা বলতে আসবি বলে দিচ্ছি। হুজুর এখানে ইঞ্জিনিয়ার হয়ে এসেছেন, বুঝলি? ওঁকে আমি সাবধান করে দিয়েছি ডাইনীদের ব্যাপারে। কিন্তু হুজুর বিশ্বেস করছেন না আমার কথা।
মোজাম্মেল খিকখিক করে হেসে উঠে বলল : মাফ করবেন, হুজুর।
পরক্ষণেই গম্ভীর হয়ে গেল ছোটোখাটো লোকটার মুখাবয়ব। বলে উঠল : কিন্তু ডাইনীদের কথা বিশ্বাস না করাটা খুব খারাপ কথা, হুজুর।
ফিরতি পথে ট্যাক্টরে চেপে বসল আহসান। একটা কাপড়ের পুটলি থেকে মোমিন ওস্তাদজী ডাশা কয়েকটা পেয়ারা বের করে দিল আহসানের হাতে। বলল : খেয়ে দেখেন, হুজুর। আমার গাছের পেয়ারা। বড় মিষ্টি।
ট্র্যাক্টরটা দাঁড় করাল এবার সে। বলল : হুজুর, এবার এখানে আপনাকে নামতে হবে। ডাইনীদের ওই পোড়ো শহরে আমি ঢুকতে চাই না।
আহসান ট্র্যাক্টর থেকে নেমে পড়ল। মোমিন ওস্তাদজী বলতে লাগল সাবধানী গলায় : হুজুর, আমার কথা যদি শোনেন তাহলে বলি যে, হাই-ওয়ের কথা ভুলে যান। ঘরের ছেলে ঘরে ফিরে যান। কাজ আল্লার দোয়ায় এখানে না হয় অন্য জায়গায় পাবেন। কিন্তু প্রাণ একবার গেলে আর ফিরে পাবার আশা নেই।
আহসান হাসল। তারপর বলল : আপনার কথা রাখতে পারলে রাখতাম। কিন্তু তা হয় না। আচ্ছা, চলি।
কথাগুলো বলে হাঁটতে শুরু করল আহসান।
খানিকদূর এসে পিছন ফিরে দেখল, মোমিন ওস্তাদজী ট্র্যাক্টরের মুখ ঘুরিয়ে দ্রুত ফিরে যাচ্ছে। হেল্পার মোজাম্মেল ঘুমিয়ে পড়েছে ট্র্যাক্টরের উপরে, দেখে এসেছিল আহসান। হাঁটতে হাঁটতে পকেট থেকে একটা পেয়ারা বের করে কামড় দিল সে। সত্যি, খুব মিষ্টি পেয়ারা।
প্রাচীন, ধ্বংসপ্রাপ্ত শহরটার মাঝখান ধরে হাঁটতে হাঁটতে এগিয়ে চলল আহসান। ডাইনী, পেত্নী, ভূত, প্রেত এদের আড্ডা এই প্রাচীন শহরটা? মনে মনে প্রশ্ন করে হাসল আহসান। চারদিকে জন-প্রাণীর কোনো চিহ্ন নেই। একটা কাক বা পাখিও নেই। সন্ধ্যা ঘনিয়ে আসছে। চারদিকে জমাট নিস্তব্ধতা। ভাল লাগল আহসানের এই জনমানবহীন পোড়ো শহরের নৈঃশব্দ। শহরের বাঁ দিকে ধ্বসে পড়া ফ্যাক্টরীটা। ওটাকে মিলও বলা চলে। লাল ইটগুলো দাঁত বের করে ভেংচি কাটছে যেন। জানালাগুলো ক্ষয়ে গেছে, ভেঙে গেছে। ডান দিকে ছোটো ছোটো বাড়ী। জানালার পাল্লা নেই কোনোটাতেই। আরো আগে একটা বড় বাড়ী। বাড়ীটার মুখ পিছন দিকে।
রাস্তা ধরে সেই ডাইনীদের গর্তের কাছে চলে এলো আহসান। কাছেই তার ক্যাম্প। তাবুটা দেখা যাচ্ছে। পোর্টেবল্ শেডের ভিতর দামী যন্ত্রপাতি রয়েছে তার।
তাঁবুর ভিতর ঢুকে শার্টটা খুলে ফেলল আহসান। তখুনি কাগজ-কলম নিয়ে স্কেচ করতে শুরু করে দিল : হাই-ওয়ের স্কেচটা প্রায় শেষ হয়ে গেছে, দু’একটা ফিনিশিং টাচ দিয়ে দিলেই সম্পূর্ণ হবে। আজ রাতেই সিবিগঞ্জ ডাক বাংলোয় যেতে হবে তাকে প্ল্যান সাথে নিয়ে। বোর্ডের মেম্বারদের সামনে হাই-ওয়ের প্ল্যান সম্পর্কে তার মতামত জানাতে হবে।
ঘণ্টাখানেকের মধ্যেই কাজ শেষ হলো আহসানের। শার্ট গায়ে দিয়ে তাঁবুর বাইরে এসে নিজের গাড়ীটার পাশে দাঁড়াল সে। ঠিক এমনি সময় সে শুনতে পেল তাঁবুর পিছনস্থ শেডে যন্ত্রপাতি নাড়াচাড়ার মৃদু শব্দ। কান খাড়া হয়ে উঠল তার। মাথাটা কেন যেন ভয়ানক ব্যথা করছে সন্ধ্যার পর থেকে। সম্ভবতঃ রোদ্দুরে রোদ্দুরে কাজ করেছে বলে, সে ভাবল। মাথাব্যথার কথা ভুলে আবার কান পাতল ও। আবার যন্ত্রপাতি নাড়াচাড়ার শব্দ ঢুকল কানে। তাঁবুর দিকে ফিরে তাকাল ও। এমন সময় দেখল, একটা দশ-বারো বছরের ছেলে পোর্টেবল শেডের ভিতর থেকে চুপিসারে বেরিয়ে জঙ্গলের দিকে ছুটছে। আহসান দ্রুতপায়ে তার দিকে এগোতে এগোতে চীৎকার করে উঠল : এই খোকা, কি করছিলে তুমি ওখানে? এই, দাঁড়াও।
কিন্তু ছেলেটি আহসানের সাড়া পেয়ে দৌড়তে শুরু করে দিয়েছে ততক্ষণে। আহসানও ছুটল। ছেলেটা যন্ত্রপাতি চুরি করতে এসেছিল, বুঝতে পেরেছে ও।
অবশেষে ধরা পড়ল ছেলেটা আহসানের হাতে। ছোটো ছেলে, দৌড়ে পারবে কেন সে? আহসান দূর থেকেই ছেলেটার হাতে একটা একহাতি লোহার রড দেখেছিল। ক্যাম্প থেকে জিনিসটা চুরি করে পালাচ্ছিল ছেলেটা। রডটা দেখতে অনেকটা শিক কাবাব তৈরী করার জন্যে যে ধরনের ছুঁচালো শিক দরকার হয় সেরকম। তবে এটা আরো বেশী তীক্ষ্ণ। আরো বেশী ধারালো। কোনো মানুষের বুকে ধরে সামান্য একটু চাপ দিলেই ঢুকে যাবে হৃৎপিণ্ড বরাবর। আহসান ছেলেটার হাত ধরে ফেলল। ছেলেটাকে ভীত এবং আতঙ্কিত দেখাচ্ছে। হাঁপাচ্ছে। চোখ দু’টো বিস্ফারিত। চেঁচিয়ে উঠল সে কাঁদ কাঁদ গলায় : ছেড়ে দিন, হুজুর। এই শিকটা নিতে এসেছিলাম আমি, আমার বাবা এটা নিয়ে যেতে বলে দিয়েছে।
: কি বললে?
আহসান ধমক মেরে জিজ্ঞেস করে। ছেলেটা হাঁপাতে হাঁপাতে বলে : আমার বাবা একটা কুকুর ধরেছে, শিকারী কুকুর। কুকুরটা আমাদের হাঁস-মুরগী মেরে ফেলত। আমরা কুকুরটাকে আগেও অনেকবার ধরেছিলাম এবং মেরেও ফেলেছিলাম। কিন্তু তবু কুকুরটা আবার হাঁস মেরে ফেলে। কুকুরটা ডাইনী হয়ে গেছে, আমার বাবা বলে...!
আহসানের মাথার ব্যথাটা ক্রমশঃ বাড়ছে ভীষণভাবে। সে বলে উঠল : কি সব আবোল-তাবোল বকছ হে, ছোকরা! তোমার বাবার ভুল, কুকুরটাকে নিশ্চয়ই মেরে ফেলতে পারে নি। মরা কুকুর আবার হাঁস-মুরগী মারে কিভাবে?
ছেলেটা প্রবলবেগে মাথা নেড়ে ঘোষণা করল : না না। আপনি জানেন না। ওটা কি আর অন্যসব কুকুরের মতো? ওটা যে হাবিলা বিবির কুকুর। হাবিলা বিবির মতো তার কুকুরটাও ডাইনী হয়ে গেছে। বাবা আজ আবার ফাঁদ পেতে ওটাকে ধরেছে। তাই আমাকে এই শিকটা নিয়ে যেতে বলে দিল। এটা কুকুরটার বুকে বিঁধিয়ে দিয়ে মেরে ফেললে আর জ্বালাতন করতে পারবে না কোনোদিন—একদম মরে যাবে।
আহসানের মাথার ব্যথাটা অসহ্য কষ্টদায়ক হয়ে উঠেছে। একটু অন্যমনস্ক হলো সে। এই ফাঁকে ছেলেটি নিজের হাত ছাড়িয়ে নিয়ে প্রাণপণে ছুট মারল।
আহসান দাড়িয়ে রইল। ছেলেটার পিছন পিছন দৌড়বার কোনো ইচ্ছা আর দেখা গেল না তার মধ্যে। ব্যথাটা বড় কষ্ট দিচ্ছে ওকে এই মুহূর্তে। ও দেখল, ছুটতেঁ ছুটতে জঙ্গলের মধ্যে অদৃশ্য হয়ে গেল ছেলেটা।
মাথার অসহ্য ব্যথা নিয়ে গাড়ীতে চেপে বসল আহসান। ডাইনীদের গর্ত, ডাইনীদের মন্দির, ডাইনীদের শহরের পাশ দিয়ে গাড়ী চালিয়ে আধ-ঘণ্টা পর সিবিগঞ্জ ডাক বাংলোয় পৌঁছল সে।
ইঞ্জিনিয়ার আহসান হাবীব সম্পর্কে বোর্ড-মেম্বাররা সকলেই উচ্চ ধারণা পোষণ করেন। আহসানের সাফল্যমণ্ডিত কাজ সম্পর্কে সকলেরই ভাল তথ্য জানা আছে। তাই বোর্ড-মেম্বাররা মনে মনে একপ্রকার নিশ্চিন্ত হয়ে রয়েছেন যে, হাই-ওয়েটা এতটুকু এদিক-ওদিক না হয়ে একেবারে সোজা তৈরী করা যাবে।
আহসান রূমে ঢুকতেই সকলে উঠে দাঁড়াল। সক্রিয় এবং কাজের মানুষ আহসান। রূমে ঢুকেই সকলের উদ্দেশ্যে অভিবাদন জানাল সে। তারপর টেবিলটার কাছে গিয়ে দাড়াল। ব্যাগ থেকে স্কেচটা বের করে লম্বা টেবিলের উপর রাখল সে। তারপর একে একে বোর্ড-মেম্বারদের দিকে তাকিয়ে নিয়ে বলতে শুরু করল : ভদ্রমহোদয়গণ, আমাদের এই নতুন সুপার-হাইওয়েটা হবে বিরাটতম একটা উন্নতির পদক্ষেপ এই জনবসতিহীন-প্ৰায় এলাকায়। রাস্তাটা প্রাচীন এবং প্রায় ধ্বংসপ্রাপ্ত শহরের কাছ দিয়ে, শহরস্থ ফ্যাক্টরীর পাশ দিয়ে মোড় ঘুরিয়ে নিয়ে গেলে সহজ এবং সুন্দর হতে পারে বলে আমার বিশ্বাস।
একজন বোর্ড-মেম্বার অবাক হয়ে বলে উঠল : সেকি, স্যার! সিধে রাস্তা চাই আমরা, সে-ব্যাপারে সবরকম আলোচনাও তো শেষ হয়ে গেছে।
আহসান কপালটা টিপে ধরে একমুহূর্ত ইতস্ততঃ করল। তারপর মেম্বারটির কথা যেন শুনতে পায় নি এমনিভাবে বলতে শুরু করল আবার : হ্যাঁ, ওই শহরের কাছে পৌঁছে হাই-ওয়েটা কোণাকোণি একটা মোড় নেবে। শহরটা পেরিয়ে আবার সোজা হয়ে যাবে হাই-ওয়ে। এবার আসছে ডাইনীদের মন্দির। ওটাকে পাশ কাটাতে হলে হাই-ওয়েকে একটু বাঁকা করতেই হবে। এবং আরো সামনে আসছে ডাইনীদের সেই...।
একজন মেম্বার বিমূঢ় কণ্ঠে বলে উঠল : কি বলছেন আপনি এসব, স্যার!
: এরপর আসছে সেই ডাইনীদের গর্তটা। ওটাকেও পাশ কাটিয়ে না গেলে চলছে না। ওই খাদটাকে আমরা বরং বড়সড় একটা লেক হিসেবে তৈরী করব। নৌকোয় চড়া যাবে সেই লেকে।
: মিঃ আহসান, আপনি কি বুঝতে পারছেন না যে, যা যা আপনি বলছেন সেগুলো স্রেফ পাগলামী এবং অর্থহীন? মাইল দেড়েক জায়গার মধ্যে আপনি তিনচারবার মোড় নেয়াচ্ছেন একটা হাই-ওয়েকে!
: এবং পেয়ারা।
আহসান বলে চলেছে আবোল-তাবোল কথা। নিজেকে বাধা দেবার কোনো ক্ষমতা পাচ্ছে না সে : মেইন স্ট্রীটের পরই পেয়ারা, কমলালেবুগুলো বাইশ নম্বরে, সেই জলাভূমিটা কাদায় পরিপূর্ণ, এবং আপনাদেরকে হাই-ওয়ে নিয়ে যেতে হবে তার উপর দিয়ে। সবচেয়ে ভাল হয় ইঞ্জিনিয়ার মি: জাহেদের সাথে যোগাযোগ করলে, গ্রেটেস্ট ইঞ্জিনিয়ার, লিডিং…।
হাত নেড়ে, ঢুলুঢুলু চোখে বলে চলেছে আহসান : মিঃ জাহেদ। জিজ্ঞেস করুন ডঃ ইমতিয়াজকে জাহেদ সম্পর্কে। জাহেদ জানে জলাভূমি সম্পর্কে, লোহার শিক সম্পর্কে, পেয়ারা এবং ট্রপিক্যাল অর্কিড সম্পর্কে তাকে জিজ্ঞেস করবেন...।
: সর্বোনাশ।
একজন মেম্বার চেয়ার ছেড়ে চীৎকার করে উঠল। দ্বিতীয়জন বলে উঠল : একি! ভদ্রলোক দেখছি বদ্ধ পাগল হয়ে গেছেন!
তৃতীয় একজনের কণ্ঠস্বর শোনা গেল : আমার তো পরিষ্কার সন্দেহ হচ্ছে, ভদ্রলোক ডাইনীদের খপ্পরে পড়েছেন। ডাইনী ভর করেছে ওর মাথায়।
দুই
ছোটো একটা হাসপাতাল। জনমানবহীন মিল এলাকার শহর ছাড়িয়ে মাইল তিনেক দক্ষিণে এই হাসপাতাল। আহসান বোর্ড-মেম্বারদের সামনে বক্তৃতা দেবার পর কয়েক ঘণ্টা কেটে গেছে। আহসানকে দেখা যাচ্ছে হাসপাতালের একটি নরম বেডে শুয়ে থাকতে। একজন ডাক্তার তার মাথার কাছে দাঁড়িয়ে আছেন। তাঁর পাশে একজন বোর্ড-মেম্বার। সে বলছে : জীবনে এমন অদ্ভুত ব্যাপার আর কখনো শুনি নি। মদ-টদ খান নি ভদ্রলোক। পাগলও হতে পারেন না। ইঞ্জিনিয়ার হিসেবে প্রচুর সুনাম কিনেছেন। কিন্তু কি যে হলো, ভদ্রলোক এমন সব আবোল-তাবোল কথা বলে চলেছেন যে...!
ডাক্তার নিরাশ হয়ে মাথা নাড়লেন। তিনি পরীক্ষা করে দেখেছেন তাঁর রোগীকে। জ্বর-জ্বালা কিছু নেই। পাল্স্ও নিয়মিত চলছে। শ্বাস-প্রশ্বাসও স্বাভাবিক। কিন্তু অবিচলিতভাবে আহসান কথা বলে চলেছে মৃদু গলায়। যা সে বলছে তা স্রেফ অর্থহীন, আজেবাজে, দুর্বোধ্য কথা। মাঝে মাঝে সে শুধু বলছে : ডঃ ইমতিয়াজকে জিজ্ঞেস করুন, মিঃ জাহেদ ইঞ্জিনিয়ারকে কোথায় পাওয়া যাবে...সে সব জানে…
খবর পাঠানো হয়েছে কয়েক ঘণ্টা আগে ইমতিয়াজের ঢাকাস্থ হোটেলে। হাই-ওয়ে এবং আহসান সম্পর্কে তথ্যও পাঠানো হয়েছে।
ঠিক ওই একই সময়ে জাহেদ সাধারণ একটা সমস্যার সমাধান খুঁজে বের করার চেষ্টা করছিল।
বড় একটা শক্তিশালী মোটর গাড়ী অন্ধকার রোডের উপর দাঁড়িয়ে রয়েছে। জাহেদ দাঁড়িয়ে গাড়ীটার পাশেই। স্বগতোক্তি করল ও : এমন গাঢ় অন্ধকার কেন?
ওর কথাগুলো প্রতিধ্বনিত হলো প্রাচীন, নির্জন তথাকথিত ডাইনীদের শহরে। গাড়ীর হেড-লাইটের আলো অতিক্রম করে এগোতে শুরু করল জাহেদ। অন্ধকারে ঢাকা পড়ে গেল ও। নিস্তব্ধতা জমাট হয়ে উঠল প্রাচীন ডাইনীদের শহরে।
ধূলোময় রাস্তা দিয়ে এগোতে এগোতে ফ্যাক্টরীর কাঠামোটা আবছাভাবে দেখতে পেল জাহেদ। রাত্রির অন্ধকার যতই গাঢ় হোক, আকাশে একটি দু’টি তারা থাকলেও দৃষ্টি চলে। এভাবে অন্ধকারের মধ্যে গাড়ী ছেড়ে হাঁটার কারণ আছে একটা। গাড়ী থামাবার সাথে সাথে কেউ যেন নড়ে উঠেছিল এদিক পানে। জাহেদের কেমন যেন সন্দেহ হয়েছিল। ইমতিয়াজের দুঃসাহসিক অভিযাত্রী দলের কোনো সদস্য কখনই সন্দেহ নিরসন না করে অন্য কাজে হাত লাগায় না। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়ল জাহেদ। ধুলোময় রাস্তার ডান দিকে সারি সারি বাড়ী। পিছন ফিরে দাঁড়িয়েছে জাহেদ। একটা বাড়ীর বারান্দার দিককার দরজা অকস্মাৎ ক্যাচ ক্যাচ শব্দ করে ককিয়ে উঠল।
বিদ্যুৎবেগে ঘুরে দাঁড়াল জাহেদ। পকেট থেকে লম্বাপানা একটা টর্চ বের করে আলো নিক্ষেপ করল ও।
দরজাটা বন্ধ হয়ে যাচ্ছে ধীরে ধীরে। দেখতে পেল জাহেদ।
বাড়ীটার কোথাও কোনো আলোর রেখা দেখা যাচ্ছে না। জানালাগুলো তক্তা দিয়ে ঢাকা। বারান্দায় ওঠার সিঁড়িগুলো ভেঙে গেছে বয়সের ভারে। জাহেদ এগিয়ে গেল। সন্তর্পণে সিঁড়ির ধাপগুলো টপকে দরজার গায়ে প্রবলভাবে ধাক্কা মারল ও।
জাহেদের হাতের ধাক্কায় ছোটো-খাটো গাছও মড় মড় করে ভেঙে পড়ে। কিন্তু দরজাটার কিছুই হলো না। এবং সর্বশক্তি প্রয়োগ করে প্রচণ্ড একটা ঘুষি বসিয়ে দিল ও দরজার পাল্লায়। অবাক হলো জাহেদ। হাতটায় ব্যথা পেল ও। দরজাটা ভাঙল না। পরিষ্কার অনুমান করল ও দরজাটার পাল্লা কাঠের নয়, ষ্টীলের।
চোখ দু’টো কুঁচকে উঠল জাহেদের। রাস্তার দিকে তাকিয়ে আছে ও। ঘাড় ফিরিয়ে ছায়া-মূর্তির মতো একজন মানুষ রাস্তার অপর পাশে দাঁড়িয়ে ছিল, হঠাৎ চলতে আরম্ভ করল সে। তারপরই চোখের আড়ালে অদৃশ্য হয়ে গেল।
খানিক আগে গাড়ীর ভিতর থেকে এই দরজাটাকে খুলতে দেখেছিল ও। তারপর দেখল বন্ধ হতে। পরমুহূর্তে রাস্তার পাশে একটা ছায়া-মূৰ্তি…!
একটা জেদ চেপে বসল জাহেদের মাথায়। এই বাড়ীর ভিতরে নিশ্চয় কেউ না কেউ আছে। দেখবে সে কে আছে। দরজার কাছ থেকে সরে গিয়ে একটা জানালার সামনে এসে দাঁড়াল ও। জানালাটায় কাঠের পাল্লা। পকেট থেকে স্ক্রু-ড্রাইভার বের করে পাল্লার ফাঁকে গলিয়ে চাপ দিতে লাগল ও। মিনিটখানেকের চেষ্টার পর একটা পাল্লা খসিয়ে ফেলল ও। কিন্তু টর্চের আলো ফেলে যা দেখল তাতে নিরাশ না হয়ে পারল না ও। কাঠের পাল্লার পর ষ্টীলের দেয়াল দেখা যাছে। জানালা বা দরজা ভেঙে বাড়ীর ভিতরে প্রবেশ করা অসম্ভব, বুঝতে পারল জাহেদ। ফিরে এলো ও নিজের গাড়ীতে।
গাড়ী ছেড়ে দিয়ে জাহেদ রাস্তার একপাশে টর্চের আলো ফেলল। রাস্তায় একটা ছায়া-মূর্তিকে দেখেছে ও। কোনো ভুলই হয় নি তার। খানিকদূর এগোতেই একটা ছোটো সাইনবোর্ড দেখা গেল। তাতে লেখা : সিবিগঞ্জ—থ্রি মাইলস।
সিবিগঞ্জ হাসপাতালে জাহেদ পাঁচমিনিট পরই পৌঁছল। করিডোরেই দেখা হলো একজন নার্সের সাথে। ইঞ্জিনিয়ার আহসান হাবীবের সাথে দেখা করতে চাইল জাহেদ। নার্স জানাল, আহসান হাবীবকে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়ানো হয়েছে। এখন তাকে জাগানো যাবে না, ডাক্তারের মানা! জাহেদ এবার পরিচয় দিল নিজের। পরমুহূর্তে আশ্চর্য ফল ফলল। নার্স শশব্যস্ত হয়ে বলে উঠল : মাফ করবেন, মি: জাহেদ। আপনাকে আমি চিনতে পারি নি বলে লজ্জিত। আসুন, আসুন, আপনাকে পৌঁছে দিচ্ছি আহসান হাবীবের কেবিনে।
কেবিনের দরজাটা ভেজানো ছিল। নার্স দরজা খুলে কেবিনের ভিতরে একটা পা ঢুকিয়েই চীৎকার করে উঠল : একি! আহসান সাহেব গেলেন কোথায়!
হৈ হৈ কাণ্ড পড়ে গেল সারা হাসপাতালে। আহসান হাবীবকে হাসপাতালের কোথাও পাওয়া গেল না। ঘুমন্ত মানুষটা যেন বাতাসে মিলিয়ে গেছে সকলের অজান্তে।
সারারাত খোজ করা হলো আহসান হাবীবের। কিন্তু কোথাও তার সন্ধান পাওয়া গেল না। সন্ধানরত স্থানীয় লোকেরা বারবার উল্লেখ করতে লাগল-- ডাইনী, পেত্নী, ভূত, পরী ইত্যাদিরা আহসান হাবীবকে গায়েব করে নিয়ে গেছে। সকালের দিকে কারো কারো মুখে মোমিন ওস্তাদজীর নাম শুনতে পেল জাহেদ। মোমিন ওস্তাদজী নাকি মন্তব্য করেছে, পরীরা আহসানকে নিজেদের আড্ডায় নিয়ে গেছে।
সকালবেলাই মোমিন ওস্তাদজীর সাথে দেখা করল জাহেদ। মোমিন ওস্তাদজী নাস্তা করছিল তার কুঁড়ে ঘরে। তার হেল্পার মোজাম্মেলকেও দেখা গেল সেখানে। জাহেদ ভিতরে ঢুকতে মোমিন ওস্তাদজী ব্যস্তসমস্ত হয়ে বলে উঠল : কে? কোথা থেকে আসা হলো? আচ্ছা, আগে বসে পড়ুন এখানে। নাস্তা করুন।
জাহেদ মাদুরের এককোণে বসল ধীরে ধীরে। খাবারের দিকে হাত বাড়াল না সে। কিছু জিজ্ঞেস করার আগেই এখানে আসবার কারণ ব্যাখ্যা করল ও। মোমিন ওস্তাদজী রুটি ছিড়ে একটু আলু ভাজিসহ মুখে পুরে দিয়ে চিবুতে চিবুতে বলল : কি আর বলব বলুন, হুজুর। ভদ্দরলোককে আমি একশোবার নিষেধ করেছিলাম। তা আমার কথা শুনলো না।
: নিষেধ করেছিলেন?
বিস্মিতভাবে জানতে চাইল জাহেদ। মোমিন ওস্তাদজী ধমক দিল হেল্পার মোজাম্মেলকে। বলল : এই মরা! দেখছিস না সাহেব এসেছেন? কমলালেবু দে না ক’খানা।
মোজাম্মেল তিনটে রাঙা কমলালেবু নিয়ে এসে রাখল সামনে। মোমিন ওস্তাদজী দাঁত বের করে জাহেদের বলল : খান, হুজুর। খুব ভাল লেবু।
মোমিন ওস্তাদজী তারপর আবার বলতে শুরু করল : যখন আমি শুনলাম যে, হাই-ওয়েটা মন্দিরের উঠোন হয়ে মেইন স্ট্রীট ধরে ডাইনীদের গর্তের উপর দিয়ে যাবে তখন, বুঝতে পেরেছিলাম, একটা অঘটন না ঘটে এ যাত্রা উপায় নেই। এমন করে ডাইনী আর পরীদেরকে বিরক্ত করলে তার ফল কি আর ভাল হয় কখনো?
জাহেদ কমলালেবুর খোসা ছাড়াতে ছাড়াতে বলল : ওই প্রাচীন শহরে কেউ তাহলে বাস করে না?
: না। মানুষজন কেউ বাস করে না। করে না নয়, করতে পারে না।
জাহেদ কমলালেবুর রস চুষতে চুষতে বলল : দক্ষিণদিক থেকে আসার সময় যে বাড়ীটা প্রথমে পড়ে সেটাতেও কি কোনো মানুষ থাকে না? গতরাতে কেউ না কেউ ওখানে ছিল।
মোমিন ওস্তাদজী মুখ তুলে তাকাল। তার চোখে-মুখে পরিষ্কার ফুটে উঠেছে আতঙ্কের রেখা। জিজ্ঞেস করে উঠল ব্যগ্র কণ্ঠে : কারো গলা শুনেছেন? নাকি, দেখেছেন কাউকে?
: দরজা খুলতে এবং বদ্ধ হতে দেখেছি। ছায়ামূর্তিও দেখেছি একটা।
মোমিন ওস্তাদজী মাথা দোলাতে দোলাতে বিজ্ঞের মতো বলল : ও তাহলে হাবিলা বিবির কাজ।
: হাবিলা বিবি?
: হ্যা।
: কে সে?
ভুরু কুঁচকে জানতে চাইল জাহেদ। মোমিন ওস্তাদজী বলে উঠল গম্ভীর গলায় : প্রায় একশ’ বছর আগে সে মরে গেছে। কিন্তু মরে যাবার পর থেকে সবসময় আশ-পাশে ঘুরে বেড়াচ্ছে সে।
জরুরী খবর পাঠানো হয়েছিল ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে জাহেদকে সিবিগঞ্জ হাসপাতালে পৌঁছুবার জন্যে। কন্টিনেন্টালে ইমতিয়াজ তার দলবল নিয়ে বাস করে। জাহেদ কন্টিনেন্টালে উপস্থিত ছিল না। কন্টিনেন্টাল থেকে সর্ট-ওয়েভে নিজস্ব রেডিওতে খবর পেয়ে চলে আসে ও ময়মনসিং জেলার সিবিগঞ্জ থানায়। উদ্দেশ্য, ইঞ্জিনিয়ার আহসানের অবস্থা সম্পর্কে একটা ধারণা করা এবং সুপারহাইওয়ের ব্যাপারটা এক নজর দেখে মতামত জ্ঞাপন করা।
আহসানকে না পেয়ে দ্বিতীয় কাজে হাত দিল জাহেদ। সারাটা দিন ব্যয় করল ও হাইওয়েটা সার্ভে করে। সকালবেলাই একটা টেলিগ্রাম পেয়েছে আজ ও। ওর নামেই টেলিগ্রামটা এসেছে। যে ভদ্রলোক এই হাই-ওয়ের ব্যাপারে টাকা-পয়সা খরচ করছেন স্বতঃপ্রবৃত্ত হয়ে তিনিই পাঠিয়েছেন টেলিগ্রামটা। বক্তব্য বিশেষ কিছু না, জাহেদকে এই হাই-ওয়ের ব্যাপারে সাহায্য করার অনুরোধ।
সার্ভে করার পর জাহেদ দেখল প্রাচীন শহর, মন্দির এবং ডাইনীদের গর্তের পাশ দিয়ে যে জলাভূমি রয়েছে সেখান দিয়ে হাইওয়েটা নিয়ে যাওয়া ব্যয়সাধ্য এবং অবৈজ্ঞানিক। শহর, মন্দির এবং গর্তের উপর দিয়ে রাস্তাটাকে সোজাসুজি নিয়ে যাওয়া সম্ভব এবং সেটাই বাস্তব। আহসান একজন দক্ষ ইঞ্জিনিয়ার। সে ব্যাপারে কোনো সন্দেহ রইল না জাহেদের। জাহেদের স্কেচের সাথে প্রায় হুবহু মিলে গেছে তারটা। সামান্য একটু রদবদল করে আহসানের প্ল্যানটাই গ্রহণ করার পরামর্শ দেবে বলে সিদ্ধান্ত নিল ও।
রাত সাতটায় বোর্ড-মেম্বারদের রূমে গিয়ে ঢুকল জাহেদ। সারাটা বিকেল ওর মাথায় একটা চিনচিনে ব্যথা ছিল। সেটা আরো বেড়েছে হঠাৎ। বোর্ড-মেম্বাররা ওকে দেখে সসম্মানে চেয়ার থেকে উঠে দাঁড়াল। পরস্পরের সাথে পরিচিত হলো ওরা। তারপর, মাথার সেই অসহ্য ব্যথা নিয়েই বক্তৃতা দিতে উঠল জাহেদ। ও বলতে লাগল : ভদ্রমহোদয়গণ, এই সুপার-হাইওয়ে এই অঞ্চলের উন্নতির সর্বশ্রেষ্ঠ···।
আচমকা থেমে গেল জাহেদ। তারপর হঠাৎ অস্বাভাবিক দ্রুত কণ্ঠে আবোল-তাবোল বকতে শুরু করল ও : হাবিলা বিবিকে খুঁজে বের করুন আপনারা। হাবিলা বিবি ডাইনী হয়ে গেছে। সে আমাকে কমলালেবু আর পেয়ারা দিয়েছে। ওগুলোর চাষ হয়েছে...তারচেয়ে এক কাজ করুন, জিপ্পি আসাদের জন্যে অপেক্ষা করুন আপনারা...আহসান...নার্সের উচিত সাবধান হওয়া...আমি...।
হঠাৎ নিজের মাথাটা দু’হাতে চেপে ধরে রূম থেকে ছুটে বেরিয়ে পড়ল জাহেদ। সিঁড়ি বেয়ে রাস্তায় নেমে এলো ও। রাস্তার পাশেই ওর গাড়ীটা অপেক্ষা করছিল। দ্রুত উঠে পড়ল ও গাড়ীর ভিতরে। ধপ করে ড্রাইভিং-সিটে বসে গাড়ীর ভিতরকার ফিট করা রেডিওর সুইচটা টিপে দিল। মাথাটা ভীষণ ব্যথা করছে। ছিঁড়ে ফেলতে ইচ্ছে করছে ওর মাথার চুল। রেডিও সেটটা বেজে উঠল। এটা একটা স্পেশাল সর্ট-ওয়েভ সেট। ইমতিয়াজের প্রত্যেক সহকারীর কাছে এর মাধ্যমে খবর পৌঁছে দেয়া যায়। রেডিও সেটটা থেকে শব্দ হচ্ছে—অপরপ্রান্ত থেকে কর্কশ কণ্ঠস্বর শোনা যাচ্ছে একটা : হ্যালো, হ্যালো? জাহেদ, জাহেদ বলছ নাকি হে?
কয়েক মুহূর্ত চুপচাপ বসে রইল জাহেদ নিজের জায়গায়। তারপর হঠাৎ ঝুঁকে পড়ে বলতে লাগল ও : জিপ্পি, হাইওয়ের বারোটা বেজে যাচ্ছে…রঙহীন ফলের ঝোপ...হাবিলা বিবি এবং নার্স এবং আহসান…খুঁজে বের করো। একটা হাই তুলে জাহেদ থেমে গেল।
অপরপ্রান্তের কণ্ঠস্বর ভেসে এলো রেডিওর মাধ্যমে : রেহানা, শোনো, আমি বাজী রেখে বলতে পারি, জাহেদ স্রেফ বদ্ধ পাগল হয়ে গেছে…!
তিন
ঢাকা। হোটেল ইন্টারকন্টিনেন্টাল। পাঁচতালার একটি সুসজ্জিত কক্ষ। কক্ষের ভিতরে একটা আধুনিক রেডিও সেটের উপর দু’জন মানুষ হুমড়ি খেয়ে রয়েছে। দু’জনার মধ্যে একজন বীরপুরুষ। বীরপুরুষ না বলে বীর হনুমান বলাই শ্রেয়ঃ। প্রকাণ্ড-প্রকাণ্ড হাত-পা, প্ৰকাণ্ড মাথা, প্রকাণ্ড ধড়—লোকটা একটা গরিলার চেয়েও ভীষণ আকৃতির। হ্যাঁ, ওই দানবসদৃশ ব্যক্তিটিই হচ্ছে জিপ্পি আসাদ। ইমতিয়াজের তিনজন সহকারীর অন্যতম।
দ্বিতীয়জন একটি মেয়ে। অপূর্ব সুন্দরী। কিন্তু ওর সৌন্দর্য বাঙালী গৃহস্থ ঘরের কন্যা বা বধুর মতো শান্ত, নরম, নুয়ে পড়া নয়। ইমতিয়াজের তিনজন সহকারীর মধ্যে একজন, দলের একমাত্র মহিলা সদস্যা—রেহানা।
জিপ্পি মাথা তুলে রাশ রাশ চুলগুলো এক ঝটকায় কপাল থেকে সরিয়ে দিয়ে বলে উঠল : রেহানা, শোনো, আমি বাজী রেখে বলতে পারি জাহেদ স্রেফ বদ্ধ পাগল হয়ে গেছে!
রেহানা কি যেন চিন্তা করল। তারপর বলল : জাহেদকে আগে কখনও এমন আজে-বাজে কথা বলতে শুনেছ, জিপ্পি?
: না।
রেহানা বলল : তাহলে তো চিন্তার কথা!
জিপ্পি মৃদু অথচ কর্কশ কণ্ঠে একটু হেসে উঠে বলল : তাহলে আমার সাথে তুমি একমত হলে? যাক, জাহেদ পাগল হয়ে তোমার-আমার মতের মিলটা করে দিয়ে গেল।
রেহানা ভুরু কুঁচকে বলে উঠল : মনে মনে আকাশকুসুম কল্পনা করছ, কেমন? ভেবেছ, জাহেদ পাগল হয়ে গেলে আমার সাথে ফষ্টিনষ্টি করে বেড়াবার অপার সুযোগ পেয়ে গেলে?
জিপ্পি ওর বৃহৎ মুখটা আরো বৃহৎ করে তুলল। গম্ভীর হয়ে গেলে ওর মুখটা আরো কদাকার এবং বড় দেখায়। বলল : আমাকে তুমি অপমান করছ, রেহানা?
রেহানা বলল : বাঁদর হয়ে চাঁদ ধরতে গেলে অপমান সেইবে না তো কি?
জিপ্পি আবার হেসে উঠল। বলল : বাঁদরকেও তুমি কম ভেবো না এই যুগে, রেহানা বিবি। মানুষ তো বাঁদরেরই জাত। সেই বাঁদরের জাতই চাঁদ ধরে ফেলেছে, ভুলে যেও না সে কথা।
রেহানাকে একটু ইতস্ততঃ করতে দেখা গেল। কথার মারপ্যাচে কোণঠাশা হয়ে গেছে। জাহেদ থাকলে জুতসই একটা জবাব দিয়ে কাবু করে ফেলত এতোক্ষণে জিপ্লিকে। ওদের দু’জনকে কৃত্রিম লড়াইয়ে মাতিয়ে দিয়ে মজা পায় ও। কথা খুঁজে না পেয়ে রেহানা তড়াক করে লাফিয়ে বলে উঠল : জিপ্পি, মুখ সামলে কথা বলবে বলে দিচ্ছি— তুমি আমাকে ‘বিবি’ বললে কোন্ সাহসে শুনি?
জিপ্পি একটু ঘাবড়ে গেল রেহানাকে উত্তেজিত হতে দেখে। বলল : ক্ষমাপ্রার্থী। একটা ওয়ার্ড মিস করে ফেলেছি। বিবি শব্দের আগে ‘হবু’ শব্দটা উচ্চারণ করা উচিত ছিল আমার।
: হবু-বিবি মানে? কার হবু-বিবি?
জিপ্পি বলল : রেহানা, মেয়েছেলেরা অবলা। অবলাদের শান্তভাব গুণ হিসেবে বিবেচিত। তুমি অমন কাল নাগিনীর মতো ফণা তুলে ফোঁস ফোঁস করে উঠছ কেন? বিবি তো তোমাকে একদিন হতেই হবে। হয় আমার, না হয় জাহেদের। আমরা দু’জন ছাড়া তোমাকে তো আর কেউ বিয়ে করতে চাইবে না। ঢ্যাঙ ঢ্যাঙ করে যে মেয়ে শহরে-বন্দরে, ঘাটে-অঘাটে, সমুদ্রে ডাঙায়, আকাশে-জঙ্গলে ঘুরে বেড়ায় তাকে বউ করে কে সুখী হতে পারবে বলো তো!
রেহানা মুখ বাঁকিয়ে বলে উঠল : দরকার নেই বাঁদরকূলকে আমার সুখী করে। আর তোমাদেরকে আমি চিরকাল কেনা গোলাম ভেবে এসেছি, তোমাদের কোনো চান্স নেই।
জিপ্পি বলে উঠল : আচ্ছা, তা-ই না হয় হলো। এদিকে তোমার এক কেনা গোলাম যে বিপদে পড়েছে তাকে উদ্ধার করার কি হবে?
: চলো, বেরিয়ে পড়ি।
সঙ্গে সঙ্গে তৈরী হয়ে গেল রেহানা।
এমন সময় বেজে উঠল কলিং-বেলটা। দু’জনাই পরস্পরের দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকাল। তারপর রিশেপশন-রূমে এসে ঢুকল। দরজা খুলল রেহানা। দরজার সামনে দেখা গেল অপূর্ব সুন্দরী, কিন্তু ভীত-ত্রস্ত, একটি যুবতীকে দাঁড়িয়ে থাকতে। যুবতীকে দেখে মুখে মধুর হাসি ফুটে উঠল জাহেদের। যুবতী তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল : মাফ করবেন, আপনিই কি ডঃ ইমতিয়াজ?
রেহানা উত্তর দিল। সেই ফাঁকে জিপ্পি তার সার্টটার ভাঁজ ঠিক ঠাক করে নিতে লাগল। সুন্দরী যুবতীর সামনে ফিটফাট হয়ে থাকাটা ভদ্রতা বলে মনে করে ও। রেহানা মৃদু হেসে উত্তর দিল : না, ইমতিয়াজের বেকার বন্ধু ও। ওর মোট চারটে বিয়ে এবং চার ছয় যে চব্বিশটা ছেলেপুলে। ইমতিয়াজের সহকারী ও। আমিও।
জাহেদ এবং জিপ্পিকে কোনো মেয়ের সাথে পরিচয় করিয়ে দিতে হলে রেহানা সব সময় এই ধরনের কথা বলে থাকে। যুবতী মেয়েটি বলল : আমি খুব বিপদে পড়ে এসেছি!
জিপ্পি একটা চেয়ার টেনে নিয়ে এসে বলে উঠল : বিপদ? বিপদে পড়েছেন? তা, আগে শান্ত হয়ে বসুন। তারপর বলুন কে আপনাকে বিপদে ফেলেছে…।
যুবতী বলল : কিন্তু ডঃ ইমতিয়াজ কোথায়? আমি তার সাথেই দেখা করতে এসেছি।
রেহানা বলল : ঠিক—এই মুহূর্তে ইমতিয়াজ একটা সিরিয়াস ব্রেন অপারেশন করছে মেডিকেল কলেজে। আমরাই সাহায্য করতে পারি আপনাকে, যদি আপনার বিপদের কথা খুলে বলেন।
যুবতী হঠাৎ ঘুরে দাড়াল। বলল : আমি চলি। অপেক্ষা করতে পারি না তাহলে…। আশা করেছিলাম ডঃ ইমতিয়াজকে পাব…।
রেহানা দেখল যুবতীর মুখাবয়বে অস্বাভাবিক একটা আতঙ্কের ভাব ফুটে রয়েছে। পিছন থেকে ও বলে উঠল : শুনুন, শুনুন। আপনি যদি বিপদে পড়ে থাকেন তাহলে ইমতিয়াজ আপনাকে নিশ্চয়ই সাহায্য করবে। আমরা ওর কাছে আপনার মেসেজ পাঠিয়ে দেব না হয়।
যুবতী দাঁড়িয়ে পড়েছিল ওদের দিকে মুখ করে। একমুহূর্ত কি যেন ভাবল সে। তারপর বলে উঠল : না। তার দরকার নেই। চলি আমি।
জিপ্পি পিছন পিছন কয়েক পা গিয়ে জানতে চাইল : কিন্তু আপনার বিপদ সম্পর্কে খানিকটা আভাষ দিয়ে গেলে ভাল হতো...।
যুবতী আবার দাঁড়িয়ে পড়ে ভীত কণ্ঠে বলে উঠল : ব্যাপারটা ডাইনী সম্পর্কে!
: ডাইনী?
যুবতী জিপ্পির দিকে তাকিয়ে প্রশ্ন করল : আপনি ভূত বিশ্বাস করেন?
: না। দু’একটা পেলে খতম করব পিটিয়ে, তারপর শি দেখে বিশ্বাস করতে পারি।
যুবতী চঞ্চল কণ্ঠে বলে উঠল : কিন্তু ভূত, প্রেত, ডাইনী, পেত্নী সবই আছে দুনিয়ায়। ইঞ্জিনিয়ার আহসান হাবীবকে ডাইনী ভয় করেছে…। হায় আল্লা! অনেক বেশী কথা বলে ফেললাম আর না, যাচ্ছি এবার।
যুবতী আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে দ্রুত পায়ে অদৃশ্য হয়ে গেল করিডোর ধরে।
কয়েক মুহূর্ত হতবাক হয়ে পরস্পরের দিকে তাকিয়ে রইল জিপ্পি ও রেহানা। তারপর ছুটল জিপ্পি আচমকা, রেহানাকে কিছু বুঝতে না দিয়েই। একটু পরই ফিরে এলো ও। বলল : নেই!
রেহানা জিজ্ঞেস করল : অমন করে ছুটেছিলে কোন্ আশায়?
জিপ্পি বলে উঠল : ঠাট্টা নয়, রেহানা। আমি ভাবছি মেয়েটি কি বলে গেল! ওর কথাগুলো আমি বোধ হয় ধরতে পেরেছি।
: যেমন?
: ডাইনী! আহসান হাবীব! এই ইঞ্জিনিয়ার আহসানকেই তো জাহেদ দেখতে গেছে। মেয়েটি তাহলে নিশ্চয় জানে জাহেদের কথা।
রেহানাও অনুধাবন করল জিপ্পির বক্তব্য। ওয়ালফোনের রিসিভার হাতে তুলে নিল ও চকিতে। কন্টিনেন্টালের ডোরম্যান লবিতে বসে আছে যে-কোনো ধরনের ইনফর্মেশন দেবার জন্যে। রেহানা তাকে মেয়েটির বর্ণনা দিল। বলল, যুবতীটি কোথায় যায় লক্ষ্য করুন।
রিসিভার রেখে দিয়ে জিপ্পির উদ্দেশ্যে ও বলল : এসো, জলদি!
দ্রুত টুকিটাকি কয়েকটা কাজ সেরে আধ মিনিটের মধ্যে কক্ষ ত্যাগ করল ওরা। লবিতে নেমে ডোরম্যানের সামনে দাড়াতেই সে বলল : যে মহিলার বর্ণনা দিয়েছেন তিনি একটা ট্যাক্সি নিয়ে চলে গেলেন।
রেহানা জিপ্পির একটা হাত ধরে টানতে টানতে ট্যাক্সি স্টাণ্ডের কাছে এসে দাঁড়াল। জিপি একজন ট্যাক্সি ড্রাইভারকে জিজ্ঞেস করল : অদ্ভুত সুন্দরী একটি—কয়েক মুহূর্ত আগে এখান থেকে ট্যাক্সি নিয়ে গেছে। কোথায় যাবে বলেছে সে ড্রাইভারকে, শুনেছো?
: জ্বী, স্যার। এয়ারপোর্টে যাবার কথা বললেন ড্রাইভারকে, আমি শুনেছি…।
রেহানা ধাক্কা মারতে মারতে জিপ্পি আসাদকে ট্যাক্সির উপর উঠিয়ে দিল। নিজেও উঠে বসল দ্রুত। জিপি আসাদ ড্রাইভারকে গুলশানের ঠিকানা বলল। গুলশানের দক্ষিণ-পশ্চিমের একটা নির্জন মাঠওয়ালা বাড়ীতে ওদের একটা নিজস্ব প্লেন আছে।
দশমিনিট পর দেখা গেল সেই প্লেনে চড়ে বসেছে ওরা। প্লেনটা ছোটো। ইমতিয়াজ দরকার লাগবে বলে প্লেনটা সবসময় প্রস্তুত করে রাখার ব্যবস্থা করে রেখেছে। মিনিট তিনেকের মধ্যে চেক করে নিল জিপ্পি সকল যন্ত্ৰপাতি। ধমক দিল রেহানা : তাড়াতাড়ি করো।
প্লেন স্টাট নিয়ে ছিল আগেই। সমতল মাঠের উপর দিয়ে ছুটতে ছুটতে আকাশে উঠে পড়ল এবার সেটা। জিপ্পি বলল : যুবতীটি নিশ্চয় এয়ারপোর্ট থেকে চার্টাড প্লেন নেবে।
রেহানা বলল : কিংবা তার নিজস্ব প্লেনও থাকতে পারে। এ দেশে নিজস্ব প্লেন আছে এমন পরিবার মাত্র কয়েকটা। কিন্তু যুবতীটির পোশাক পরিচ্ছদ এবং চেহারা দেখে আমার তো মনে হয় ওই কয়েকটা পরিবারেরই কেউ হবে একজন।
টঙ্গী, ভাওয়ালের গড়, গফুর গাঁ ছাড়িয়ে উড়ে চলল প্লেন। ঢাকা টু ময়মনসিংহ রেলপথের উপর দিয়ে উড়ে চলেছে প্লেন বেশীর ভাগ সময়। জিপ্পি আসাদ ভাবছে, জাহেদ খাপছাড়া খবর পাঠিয়েছে রেডিও-র মাধ্যমে রাত ন’টার সময়। এখন বাজে দশটা। আকাশে মেঘ। ঝড়বৃষ্টির হুমকি দেখা যাচ্ছে। রেহানা হঠাৎ বলে উঠল : এই ঝড়ের পূর্বভাব দেখে যুবতীটি ঠিক কোন্ দিকে গেছে কে জানে। উত্তর আসামের দিক থেকেই তো আসছে ঝড়। সেক্ষেত্রে ময়মনসিংহ-এর দিকে যাবে বলে তো মনে হয় না।
: ঠিক বলেছ তুমি।
প্লেন ঘুরিয়ে নিল জিপ্পি। মধুপুর গড়, কাজীপুর হয়ে বগুড়ার দিকে চলল ওরা। বগুড়া এয়ার-পোর্টের আলো দেখা গেল। প্লেন অপেক্ষাকৃত নীচে নামিয়ে একবার চক্কর মারল জিপ্পি। এয়ারপোর্টের কন্টোলরূমের সাথে নিজের পরিচয় দিয়ে জিজ্ঞেস করল : যোগাযোগ করল ও। কোনো প্লেন কিছুক্ষণ আগে ল্যাণ্ড করেছে কি না। উত্তর হলো : একজন যুবতী কিছুক্ষণ আগে তার নিজের প্লেন নিয়ে ল্যাণ্ড করেছে। ঝড়ের ভয় কেটে গেছে বলে আবার উড়বার প্রতীক্ষা করছে।
জাহেদ প্রশ্ন করল : নিজের প্লেন? যুবতীটি কে?
: কে? যুবতী হচ্ছেন মিস্ শাবানা খানম। ডক্টর আলাউদ্দিন-আল-আজাদের কন্যা।
কানেকশন বন্ধ করে দিয়ে জিপ্পি আসাদ রেহানার দিকে তাকাল। রেহানার কানে হেড-ফোন লাগানো। সব কথাই রিসিভ করেছে ও। জিপ্পির উদ্দেশ্যে ও বলে উঠল : বলেছিলাম না? দেশের কয়েকজন কোটিপতির একজনের মেয়ে ওই যুবতী। ডঃ আলাউদ্দিন-আল-আজাদের নাম সর্বজনবিদিত। একটা নয়, কয়েকটা ব্যক্তিগত প্লেন আছে ওদের।
আর একবার চক্কর কাটল জিপ্পি। তারপরই মিস্ শাবানার প্লেনটাকে মাটি ছেড়ে আকাশে উড়তে দেখল ওরা। ওদের প্লেনটা আগে আগে এগিয়ে চলল। জিপ্পি আনন মনে গুণ গুণ করছিল। এমন সময় হঠাৎ দ্রুত বেগে ওদের প্লেনের পাশ দিয়ে কি যেন ছুটে গেল। চোখে-মুখে আলো লাগল ওদের। তারপরই মিলিয়ে গেল সে আলো। জিপ্পি চমকে উঠে চীৎকার করে উঠল : কি, কি হলো?
রেহানা খিলখিল করে হেসে উঠে বলল : দুয়ো, এতোবড়ো পুরুষ মানুষ হয়ে একটা মেয়ের কাছে হেরে গেল। চমকালে কেন? মিস্ শাবানা তার প্লেন নিয়ে তোমার পাশ দিয়ে চলে গেল। হ্যাঁ, চালাতে জানে বটে!
জিপ্পি, গম্ভীর হয়ে প্লেনের গতি বাড়াতে বাড়াতে বলল : হ্যাঁ, হয়ত ও চালাতে জানে। কিংবা শয়তান ভর করেছে ওর মাথায়।
পাঁচ মিনিটের মধ্যে সাউণ্ড ডিটেক্টর ডিভাইসের মাধ্যমে মিস্ শাবানার প্লেনের অবস্থান টের পেল ওরা। জিপ্পি ম্যাপ টেনে নিয়ে চোখ রাখল। তারপর বলে উঠল : আমরা এখন সিংজানির উপর দিয়ে চলেছি। জামালপুর উত্তরে। খানিকক্ষণের মধ্যেই ফুলপুর, তারপর পূর্বধলা পড়বে। সিবিগঞ্জের দিকে যাচ্ছে মিস্ শাবানা। সিবিগঞ্জের কয়েক মাইল দূরেই সেই প্রাচীন ডাইনিদের শহর।
পূর্বধলা পেরিয়ে যেতেই জিপ্পি আসাদ চীৎকার করে উঠল : একি, কিছু শোনা যাচ্ছে না, রেহানা!
ডিটেক্টর ডিভাইস থেকে কোনো রকম শব্দ হচ্ছে না। রেহানা বলে উঠল : তারমানে প্লেনের ইঞ্জিন বন্ধ করে দিয়েছে মিস্ শাবানা। ল্যাণ্ড করবে মনে হচ্ছে।
জিপি প্লেন নামাতে শুরু করল। মেঘের নীচে চলে এলো প্লেন। ডানার আলো জ্বেলে দিল ও। লিভার ঠেলে ল্যান্ডিং গিয়্যার নীচু করে দিল। প্রশ্ন করল আপন মনে : কোথায় সে?
জিপ্পি তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে নীচের দিকে। দেখতে দেখতে বলে উঠল ও : নীচে দেখা যাচ্ছে চষা জমি।
মিস্ শাবানা ইঞ্জিন যখন বন্ধ করে দিয়েছিল তখন ঠিক এই জায়গার উপরই ছিল। আমরাও নামব এখানে।
শক্তিশালী প্লেনের মটর ঘড়ঘড় যান্ত্রিক শব্দ করে মস্থর হয়ে এলো। শক্ত হয়ে বসল রেহানা। তীব্র একটা ঝাকানি লাগল। মাটি স্পর্শ করল প্লেন। গড়িয়ে চলল খানিকদূর। তারপর দাঁড়িয়ে পড়ল।
নেমে পড়ল ওরা প্যাঁচ-পেচে কাদায়। বিমূঢ় কণ্ঠে রেহনা বলে উঠল চারদিক দৃষ্টি বুলিয়ে : কোথায় গেল সে?
জমিটা বিরাট বড়। উঁচু নীচু মাটিতে বৃষ্টি পড়ে অসম্ভব কাদা হয়ে গেছে সারা মাঠটা। হাঁটতে পারা কষ্টসাধ্য। হঠাৎ জিপ্পি রেহানার একটা হাত ধরে ফেলে দূর পানে ইঙ্গিত করে বলল : ওই দেখো! মাঠের ওই ধারে! আমার মনে হয় মিস্ শাবানা আসছে।
কেউ একজন একটা টর্চ জ্বেলে ওদের দিকে এগিয়ে আসছে।
কিন্তু খানিকক্ষণ পরই ওরা বুঝতে পারল যে লোকটা এগিয়ে আসছে সে মিস্ শাবানা নয়। এবং তার হাতে ওটা টর্চ নয়, লণ্ঠন। রোগা, বেঁটে একজন লোক লণ্ঠনটা হাতে করে এগিয়ে আসছে। তার মাথায় একটা ছাতা। লোকটা কাছে এসে দাঁড়াল। তারপর ওদের দিকে তাকিয়ে কর্কশ কণ্ঠে বলে উঠল : কি সাহেবরা, কি হয়েছে এখানে? আপনাদের প্লেন পড়ে গেছে নাকি?
জিপ্পি বলল : না। আমরা এখানে প্লেন নামিয়েছি।
লোকটা সেই কর্কশ কণ্ঠ আরো কর্কশ করে বলে উঠল : এটা আলুর জমি। এখানে প্লেন নামালেন কোন্ বুদ্ধিতে?
জিপ্পি এবং রেহানা দু’জনাই অবাক হলো একজন গেঁয়ো লোকের এমন ভয়-ডরহীন সমীহ বোধহীন কথাবার্তা শুনে। জিপ্পি ছোটোখাটো লোকটাকে তীক্ষ্ণ চোখে পর্যবেক্ষণ করল খানিকক্ষণ। তারপর জিজ্ঞেস করল : মেয়েটা কোথায়?
: মেয়ে? কার মেয়ে? কোথাকার মেয়ে? কি বলছেন সাহেব?
জিপ্পি একপা সামনে বেড়ে বলে উঠল : যে মেয়েটা অন্য একটা প্লেন নামিয়েছে আশপাশে কোথাও—সেই মেয়েটির কথা জিজ্ঞেস করছি। ভদ্রভাবে কথার জবাব না দিলে এক ঘুষিতে যমের বাড়ী পাঠিয়ে দেব।
লোকটা জিপ্পির হুমকি যেন শুনতে পায় নি। বলে উঠল : আর কোনো প্লেন এখানে নামে নি, সাহেব। মেয়ে-টেয়েও নামে নি। কলেমা বিবি পাগলী হয়ে মরে ডাইনী হয়ে যাবার পর এই জমিতে কোনো মেয়ে পা ফেলে নি।
: কলেমা বিবি? সে কে?
রেহানা জিজ্ঞেস করল। লোকটা অবাক হয়ে বলে উঠল : সেকি! কলেমা বিবির নাম শোনেন নি বুঝি? পাঁচশ’ বছর ধরে যে ডাইনী হয়ে ঘুরে বেড়াচ্ছে এই মাঠে। এখানে সে ছাড়া আর কোনো মেয়ে আসবে কোথা থেকে?
জিপ্পি মুখ ফিরিয়ে নিয়ে রেহানার উদ্দেশ্যে বলল : এসো, আমরা টর্চ জ্বেলে খুঁজে দেখি। নিশ্চয় পাওয়া যাবে মিস্ শাবানার প্লেন।
গোটা মাঠটা খোঁজা হলো। ছোটোখাটো বেঁটে লোকটা সর্বক্ষণ রইলো ওদের সাথে। কিন্তু কোথাও কোনো হদিশ পাওয়া গেল না মিস্ শাবানার প্লেনের। মাঠের চারদিকে জঙ্গল। জঙ্গলে প্লেনটা নিশ্চয়ই ল্যাণ্ড করতে পারে না।
না পাওয়া গেল প্লেন, না পাওয়া গেল মিস্ শাবানার কোনো হদিশ। রেহানা অবশেষে বলল : ব্যাপারটা বড় রহস্যময়, জিপ্পি। ইমতিয়াজের সাথে যোগাযোগ করা উচিত সম্ভবতঃ আমাদের।
বেঁটে লোকটা ছাতাটা একপাশে সরিয়ে রেহানার দিকে তাকিয়ে জানতে চাইল : বিবি সাহেব কি ডাক্তার ইমতিয়াজের কথা বললেন?
জিপ্পি বলল : হ্যাঁ। কেন? আমরা তারই দলের লোক।
লোকটা অকস্মাৎ কৌতূহলী দেখাল। সে বলল : তাহলে জাহেদ নামের একজন লোক সম্পর্কে আপনারা নিশ্চয়ই কিছু জানতে চান?
: হ্যাঁ। কি হয়েছে তার?
: তার দারুণ বিপদ?
রেহানা তীক্ষ্ণ স্বরে জানতে চাইল : বিপদ?
: হ্যাঁ। তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
চার
পরদিন সকালবেলার ঘটনা।
সিবিগঞ্জের উত্তর দিকের কোনো এক নির্জন এলাকার একটি ধূলিধূসরিত রাস্তা দিয়ে একটি বড় মটর গাড়ী ধীর গতিতে এগিয়ে যাচ্ছিল। একঘণ্টা পূর্বে সকাল হয়েছে। থেমে গেছে বৃষ্টি। সকালবেলাকার স্নিগ্ধ পরিবেশ চতুর্দিকে।
গাড়ীটার আকৃতি বৈশিষ্ট্যপূর্ণ। টপলেস, গ্রে রঙয়ের অস্বাভাবিক লম্বা একটা বোড়স্টার। হুড়ের নীচে ষোলোটা সিলিণ্ডার। সোজা রাস্তা দিয়ে দেড়শ’ মাইল বেগে ছুটতে পারে এই গাড়ী।
সবচেয়ে আকর্ষণীয় এবং উল্লেখযোগ্য হলো গাড়ীর হুইলের পিছনে যে ব্যক্তি আসীন তার চেহারা এবং আকৃতি।
ব্যক্তিটি হচ্ছে লৌহ মানব—ডঃ ইমতিয়াজ।
পৃথিবীতে এমন লোক নেই বললেই চলে যে, এই বাঙালী প্রতিভাবানের নাম শোনে নি। স্বাস্থ্যগতভাবে ইমতিয়াজ মানব জাতির তুলনাহীন আদর্শ। এবং জ্ঞানে, বিজ্ঞানে, সাহসে তার জুড়ি গোটা পৃথিবীতে আর একটিও পাওয়া যায় কিনা সন্দেহ।
ইমতিয়াজ গাড়ীটা দাঁড় করাবে কিনা ভাবছিল। জিপ্পি আসাদ গতরাতে যে জায়গার বর্ণনা দিয়েছে রেডিওর মাধ্যমে এ জায়গাটা সেই বর্ণনার সাথে কিছু কিছু মিলে যাচ্ছে। কিন্তু গাড়ী থামাবার সিদ্ধান্ত নেবার আগেই লৌহ-মানব ইমতিয়াজ ঘাড় ফিরিয়ে পিছনে তাকাল। পাথরের মূর্তির মতো নিঃসাড় দেখাচ্ছে ওকে। কিছু দেখার বা শোনার সময় সমগ্র মনোযোগ একত্রীভূত করে বলে প্রাণহীন স্টাচুর মতো দেখায় ওকে।
এক ধরনের শব্দ পিছন দিক দিয়ে ক্রমশঃ এগিয়ে আসছে। ধূলোময় রাস্তায় ফুট-ফাট শব্দ হচ্ছে। ধূলোও উড়ছে সামান্য সামান্য। বৃষ্টি না কি? ভাবল ইমতিয়াজ। সঙ্গে সঙ্গে আকাশ পানে তাকাল ও।
চমকে উঠল ইমতিয়াজ।
ছোটো একটা বস্তু-খণ্ড ক্রমশঃ বৃহৎ আকৃতি লাভ করতে করতে নীচের দিকে নেমে আসছে, এবং এগিয়ে আসছে সেই সাথে সাথে নিকটে। সূর্য দেখা যাচ্ছে। মেঘ আকাশে রয়েছে বটে, তবে ইমতিয়াজ বুঝতে পারল ওসব মেঘে বৃষ্টিপাত হয়ে না।
এরোপ্লেন!
ক্রমশঃ আকৃতি লাভ রত বস্তুটিকে চিনতে পারল ইমতিয়াজ। একটা প্লেনের মতো নাক নীচু করে নেমে আসছে গাড়ী লক্ষ্য করে। প্লেন থেকেই গুলি ছোড়া হচ্ছে। মেশিন-গানের লক্ষ্যস্থল ইমতিয়াজের গাড়ীটাই, বুঝতে বাকী রইল না আর।
গাড়ী না থামিয়ে গতি বাড়িয়ে দিল ইমতিয়াজ। পঞ্চাশ মাইল বেগে ছুটে চলল গাড়ী।
প্লেনটা নেমে এলো আরো নীচে। এতোক্ষণে চেনা যাচ্ছে ওটাকে একটা প্লেন হিসেবে। কিন্তু ইমতিয়াজ যে কোনো সাধারণ মানুষের চেয়ে বেশী শুনতে পায়। ছোটোবেলা থেকেই বিশেষভাবে ট্রেনিং পেয়ে তুলনাহীন বোধ-শক্তি, শ্রবণ-শক্তি ইত্যাদি অর্জন করেছে ও। প্লেনটাকে চিনতে পারার আগেই ইঞ্জিনের শব্দ শুনতে পেয়ে বুঝতে পেরেছিল ও রহস্যটা।
প্লেনটা আরো নীচে নামছে। ঘণ্টায় তিনশ’ মাইলের চেয়ে কিছু বেশী বেগে আসছে ওটা। সিকি মাইল উপরে এখন ওটা মাটি থেকে। অকস্মাৎ ইমতিয়াজের গাড়ী লক্ষ্য করে মেশিন-গানের গুলি ছোড়া শুরু হলো প্লেনটা থেকে আবার।
কয়েক ইঞ্চির ব্যবধানে এক ঝাঁক গুলি মাটিতে বিধল গাড়ীর উপর না বিধে। হত্যা করার মতলব। বুঝতে পারল ইমতিয়াজ।
রাস্তার পাশের দিকে দৃষ্টি নিবদ্ধ ইমতিয়াজের। রাস্তার দু’পাশে জঙ্গল দেখা যাচ্ছে। ডান দিকে স্থির হলো ওর দৃষ্টি। ডান দিকের জঙ্গলের ভিতর পানে গরুর গাড়ী যাতায়াতের দাগ দেখা যাচ্ছে। বেশ চওড়া, কিন্তু অসমতল মেটো পথ।
ষাট মাইল বেগে ছুটছিল গাড়ী। গতি কমাবার সময় নেই হাতে। আচমকা মোড় নিল ইমতিয়াজ। জঙ্গলের সারি সারি গাছের দিকে মোড় নিল গাড়ী। গাছের সাথে ধাক্কা লাগবে লাগবে কয়েক ইঞ্চির ব্যবধানে বেঁচে গেল। জঙ্গলে প্রবেশ করল গাড়ী। আধ মিনিট পরই ব্রেক কষে গাড়ী দাঁড় করাল ইমতিয়াজ। ইগনিশন কি বন্ধ করে নেমে পড়ল ও। কোটের পকেট থেকে ছোটো একটা ড্রাম ফিট করা লম্বা পিস্তলটা বের করবে কিনা ভাবল একবার। স্পেশাল মেশিন পিস্তল ওটা। বের করে লাভ নেই, মেশিন-গানের সাথে যুদ্ধ করা চলে না পিস্তল নিয়ে, তাতে বরং অবস্থান জেনে আক্রমণ করার সুবিধে হবে আক্রমণকারীর—ভাবল ইমতিয়াজ। প্লেন থেকে ওকে দেখতে পাবার কোনো উপায় নেই। ঘন জঙ্গল চারদিকে। কয়েক পা এগিয়ে গিয়ে মাথাটা বের করে উপর পানে তাকাল ও। পাওয়ার ডাইভ দিয়ে আরো নীচে নেমে আসছে প্লেনটা দেখতে পেল ও। উঁচু উঁচু গাছের মাথার প্রায় কাছে নেমে এলো। প্লেনটার সারা গায়ে কালো রঙয়ের উপর লাল লাল সরলরেখা আঁকা।
এদিকে আরো দু’জন লক্ষ্য করছিল প্লেনটাকে।
জিপ্পি আসাদ এবং রেহানা তাদের নিজস্ব প্লেনটার চারিদিকে ঘুরে ফিরে দেখছিল দিনের আলোয়। গতরাতে অসমতল জমিতে প্লেনের কোনো রকম ক্ষতিসাধন হয়েছে কিনা পরীক্ষা করছিল ওরা। এমন সময় প্লেনের শব্দ শুনে আকাশ পানে তাকাল ওরা। প্লেনটা তখন ডাইভ দিয়ে নেমে আসছিল মাটির কাছাকাছি। জিপ্পি ও রেহানা দেখল প্লেনটার সারা গায়ে কালো রঙয়ের উপর নীল লাল সরলরেখা আঁকা।
চীৎকার করে উঠল জিপ্পি আসাদ : এই তো! এটাই মিস্ শাবানার মনোপ্লেন!
কাঁচা গাজরে একটা কামড় দিয়ে চোখ নামাল ও। প্লেনটা অদৃশ্য হয়ে গেছে।
জিপ্পি ও রেহানা অবশ্য বুঝতে পারল না এই মনোপ্লেন থেকে ইমতিয়াজের গাড়ী লক্ষ্য করে ফায়ার করা হয়েছে। আসলে রেহানার বেশ চিন্তা হচ্ছিল। বলে উঠল ও : ইমতিয়াজ কি আমাদের মেসেজ পায় নি, আসাদ? পেলে এখনো তার দেখা নেই কেন?
জিপ্পি আসাদ বলল : মেডিকেল কলেজ থেকে ওরা বলল ইমতিয়াজ সেখানে নেই। তবে খবর পৌঁছে দেবে জানিয়েছে।
চষা জমির উপর দিয়ে একজন লোক এগিয়ে আসছে। জিপ্পি তাকাল সেদিকে।
লোকটা মোমিন ওস্তাদজী ছাড়া আর কেউ নয়। হেল্পার মোজাম্মেল গতরাতে জিপ্পি ও রেহানাকে নিয়ে গিয়েছিল মোমিন ওস্তাদজীর সাথে দেখা করাতে। মোমিন ওস্তাদজী জানিয়েছে আহসান হাবীব এবং জাহেদের সাথে তার দেখা হয়েছিল। মোমিন ওস্তাদজী রাত্রে না ঘুমিয়ে জিপ্পি ও রহানাকে সাহায্য করেছে মিস্ শাবানা এবং তার প্লেনটা খোঁজার কাজে। প্রত্যেকে আলাদা আলাদা ভাবে বিভিন্ন জায়গায় সন্ধান চালিয়েছে। কিন্তু কোনো হদিশ পাওয়া যায় নি। সকাল হতে মাত্র একঘণ্টা বাকী ছিল, জিপ্পি ও রেহানা মোমিন ওস্তাদজীর কুড়ে ঘরে ঘণ্টাখানেক ঘুমিয়ে নিয়েছে। সেখান থেকেই নিজেদের প্লেন দেখতে এসেছে ওরা খানিক আগে।
মোমিন ওস্তাদজী কাছে এসে দাঁড়াল। রেহানা জিজ্ঞেস করল : নিরুদ্দেশ মানুষগুলো সম্পর্কে খবর কিছু পেলেন?
না-সূচক মাথা নাড়ল মোমিন ওস্তাদজী। বিড়িতে একটা টান দিয়ে সে বলল : আপনাদেরকে নিয়ে যাবার জন্যে পুলিশ এসেছে।
: পুলিশ!
জিপ্পি ভুরু কুঁচকে জানতে চাইল। মোমিন ওস্তাদজী বলল : হ্যাঁ। গ্রেফতারি পরোয়ানাও এনেছে সাথে করে।
মোমিন ওস্তাদজীর কথা শেষ হতেই দেখা গেল একটা জিপ গাড়ী এসে মাঠের পার্শ্বস্থ রাস্তায় দাঁড়িয়ে পড়ল। একজন লোক নামল জিপ থেকে। গম্ভীর মুখে ওদের পানে এগিয়ে আসতে শুরু করল সে।
লোকটার মাথায় হ্যাট, পায়ে গাম বুট, খাকী সার্ট এবং প্যান্ট। কোমরে একটা রিভলভার। কাছে এসে দাঁড়াল সে। মোমিন ওস্তাদজী তার উদ্দেশ্যে বলে উঠল : কেমন আছেন, রব্বানী সাহেব?
মাথা নেড়ে উত্তর দিল রব্বানী। তাকাল জিপ্পি ও রেহানার দিকে। এবং তীব্র দৃষ্টিতে তারপর পকেট থেকে একখণ্ড কাগজ বের করে জিপ্পির দিকে বাড়িয়ে ধরে বলল : আপনাদেরকে গ্রেফতার করা হলো। অস্থানে প্লেন ল্যাণ্ড করানোর ফলে কি ক্ষতি হয় তা নিশ্চয় অজানা থাকার কথা নয় আপনাদের। ওয়ারেন্টটা পড়ুন।
জিপ্পি বলতে চাইল : কিন্তু আমি বুঝতে পারছি না যে…।
জিপ্পি আসাদকে থামিয়ে দিয়ে পুলিশটা বলল : এতো অস্বাভাবিক নীচু দিয়ে প্লেন চালিয়েছেন আপনারা গতরাতে যে, অশেপাশের লোকদের প্রায় প্রত্যেকের হার্ট-অ্যাটাক হবার আশঙ্কা দেখা দিয়েছিল। আপনারা ডাইনীদের মন্দিরের সাথে একটা সংঘর্ষ ঘটিয়ে ফেলেছিলেন আর একটু হলে। তাছাড়া আবার সেই বিপদ-আপদের সূচনা করেছেন এখানে।
: কিসের বিপদ-আপদ?
প্রশ্ন করল রেহানা। পুলিশের লোকটা বলল : জলাভূমির পেত্নীকে ক্ষেপিয়ে দিয়েছেন সাহেব আপনারা। সারারাত চেল্লাচিল্লি করে বেড়িয়েছে সে জলাতে।
জিপ্পি ও রেহানা তাকাল মোমিন ওস্তাদজীর দিকে, পুলিশের লোকটার এই শেষ মন্তব্যের ব্যাখ্যা শোনার জন্যে। মোমিন ওস্তাদজী বলে উঠল : পেত্নী হয়ে যাবার আগে মেয়েটা একজন মাঝিকে নৌকো থেকে পানিতে ফেলে মেরে ফেলেছিল, তারপর খুন হয়েছিল কার হাতে যেন। সে প্রায় দুশ’ আড়াইশ’ বছরের ঘটনা। কেউ তাকে বিরক্ত করলে এখনও জলাতে তার চীৎকার শোনা যায়।
অকস্মাৎ মাথার রাশ রাশ চুল নেড়ে এগিয়ে গেল মোমিন ওস্তাদজীর দিকে। অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রইল সে কয়েক-মুহূর্ত। তারপর মাথা নাড়তে নাড়তে, চোখ বড় বড় করে বলতে শুরু করল : ঠিক বলেছেন। একশ’ বার ঠিক বলেছেন, সাহেব। ওই পেত্নীর সাথে আমার দেখা হয়েছিল গতরাতে। আহা, বলিহারী কি রূপ তার! আর আমি একসাথে গিয়েছিলাম বাইশ নম্বরে আজ সকাল সে পাঁচটায়্রর…!
: জিপ্পি!
রেহানা বিমূঢ় কণ্ঠে চীৎকার করে উঠল। আবোল-তাবোল কথা শুনে ঘাবড়ে গেছে ও। কিন্তু জিপ্পি আসাদ নিজেকে বাধা দেয়ার কোনো ক্ষমতা পাচ্ছে না, বলে চলেছে : —এবং আমরা দেখলাম রাবার গাছের নতুন চাষ—।
পুলিশের লোকটা রেহানা এবং মোমিন ওস্তাদজীর দিকে অর্থপূর্ণ চোখে তাকাল। বলল : এই রে! পেত্নী ভর করেছে ওকে!
তারপর জিপ্পি আসাদের উদ্দেশ্যে সে বলল : আপনার সাথে তাহলে দেখা হয়েছিল তার? বেশ, বেশ চলুন তার কাছে নিয়ে যাই আপনাকে।
খুশী হয়ে উঠল জিপ্পি বাচ্চা ছেলের মতো। হেসে উঠলো খিলখিল করে। তারপর পুলিশের লোকের সাথে যাবার জন্যে পা বাড়াল। রেহানা বলে উঠল : কিন্তু এই অবস্থায়...!
রেহানাকে বাধা দিয়ে মোমিন ওস্তাদজী বলে উঠল : এই অবস্থায় আপনার সঙ্গী বরং পুলিশের হেফাজতে থাকলেই ভাল। এখানে সেখানে ঘুরলে কোথায় বেঘোরে প্রাণটা যাবে। তাছাড়া পুলিশের কাজ পুলিশ না করে যাবেও না। তা পেত্নীই ভর করুক আর যমেই ভর করুক।
হাঁটিতে শুরু করল ওরা চারজন। মোমিন ওস্তাদজী যেতে যেতে বলল : এই জমিতে যখন আপনারা প্লেন নামালেন তখনই সন্দেহ করেছিলাম আমি কিছু একটা বিপদ না ঘটে আর উপায় নেই।
রেহানা শুধু বলল : তাই নাকি?
জিপ্পির বিপদের কথা ইমতিয়াজ শুনল পরে। আক্রমণকারী প্লেনটা অদৃশ্য হয়ে যেতে গাড়ীতে উঠে বসেছিল ও। প্রাচীন এবং ডাইনীদের শহর ছাড়িয়ে বেশ খানিকটা আসার পর, ওর সাথে দেখা হলো দু’জন কৃষকের। তারাই জিপি আসাদের কাহিনী শোনাল ওকে। ইমতিয়াজের প্রশ্নের উত্তরে একজন বলল : জ্বি, হুজুর। আমি শুনেছি হাতির মতো মোটা-সোটা লোকটা, যার কথা আপনি বলছেন, পেত্নীর সাথে তার দেখা হয়েছিল।
: পেত্নী?
: হ্যাঁ, হুজুর। পেত্নী হয়ে গেছে যে, সেই মেয়েটা। ওকে বহুত দিন আগে কে যেন খুন করে। সেই খুনীকে খুঁজে বেড়াচ্ছে ও রাত-দিন পেত্নী হয়ে। হাতির মতো লোকটার সাথে তার দেখা হয়েছে গত রাতে। আর রব্বানী সাহেব, পুলিশ, লোকটাকে গ্রেফতার করে নিয়ে গেছে হাজতে।
: জেলখানা কোন্ দিকে?
ইমতিয়াজ জানতে চাইলো। একজন জবাব দিল : ডান দিক বরাবর চলে যান, হুজুর। দেখতে পাবেন।
গাড়ী ছেড়ে দিল ইমতিয়াজ।
পাঁচ
পোড়ো শহর থেকে তিন-চার মাইল দূরে শহর এলাকায় জেলখানা অবস্থিত। জেলখানা বলে জায়গাটাকে চেনাই যায় না। চারকোণা একটা হলুদ রংয়ের বিল্ডিং ওটা। মাথায় লেখা রয়েছে টাউন হল।
টাউন হলের একটা অংশ জেলখানা। ছোটো এবং সরু একটা প্যাসেজ অতিক্রম করে গেলে দেখা যায় মোটা মোটা লোহার শিক দিয়ে গাঁথা দু’টো সেল। দু’টো সেলের একটিতে বন্ধ করে রাখা হয়েছে জিপ্পি আসাদকে। ইমতিয়াজ এখানে পৌঁছবার আগেই সেলে ভরা হয়ে গেছে তাকে। ইমতিয়াজ কিছুক্ষণ হলো পৌঁছেছে। টাউন হলের বাইরে গ্রামীণ লোকের ভীড় দেখে এসেছে ও। পেত্নী ভর করেছে শুনে আশপাশের লোকেরা দেখতে এসেছে জিপ্পি আসাদকে। দারোগা রব্বানী ভিতরে ঢুকতে দেয় নি কাউকে।
সেলের ভিতর জিপ্পি আসাদ ঘন ঘন মাথা নাড়ছে আর বিড় বিড় করে কি যেন সব বলছে। মাথার রাশ রাশ চুল ঝুলে পড়ে প্রায় সারা মুখ ঢেকে ফেলতে চাইছে। হঠাৎ দারোগার উদ্দেশ্যে চেঁচিয়ে উঠল ও : কোথায় সেই সুন্দরী পেত্নী? তার কাছে নিয়ে যাবে বলেছিলে না আমাকে?
ইমতিয়াজ দারোগা রব্বানীর দিকে তাকাল। দারোগাকে ইমতিয়াজ জানতে দেয়নি এখনও যে, সে যাকে গ্রেফতার করেছে সে তারই দলের লোক। ইমতিয়াজ জিজ্ঞেস করল : কি হয়েছিল ওর?
জিপ্পি আসাদ চিৎকার করে উঠল : সেই পেত্নীকে জিজ্ঞেস করো মাঝি সম্পর্কে। যে আমার সাথে দেখা করতে চায় এবং মাঝিটা সম্পর্কে সব কথা বলতে চায়। জানো, আমরা রাবার গাছের চারা দেখতে গিয়েছিলাম, কিন্তু তোমার উচিত কোটটা উল্টো করে পরা...!
জিপ্পির দিক থেকে মুখ ফিরিয়ে দারোগা রব্বানী বলে উঠল : কি হয়েছিল সে কথা আর বলবেন না। যখন থেকে দেখছি তখন থেকেই এইরকম পাগলামী করছে।
ইমতিয়াজ জিপ্পির দিকে তাকাল। বলল : জিপ্পি, আমাকে তুমি চিনতে পার?
অর্থহীন লৌহ-মানব ইমতিয়াজের অদ্ভুত আকর্ষনীয় গলার স্বর শুনে জিপ্পি আসাদ হঠাৎ চুপ করে গেল। কথা আর বের হলো না তার মুখ দিয়ে। কিন্তু পরক্ষণেই সেলের শিকগুলো ধরে নাড়া দিল।। সম্পূর্ণ বিল্ডিংটা কাঁপিয়ে তুলল ও শিকগুলো নাড়ার ফলে। তারপর হঠাৎ কয়েক পা পিছিয়ে গিয়ে চিৎকার করে উঠে বলল : আমাকে সেই মেয়ের সাথে দেখা করতে হবে। আমার সাথে তার মিলনের তারিখ ঠিক করা আছে। সে বদ্ধ দরজার চাবী লাগাবার গর্ত দিয়ে ঢুকেছিল, সব কথা সে বলে গেছে আমাকে। সে কুকুরের গলায় ডাকতে পারে, আবার মিউ মিউ করতে পারে বিড়ালের মত...।
পিছন থেকে শোনা গেল রেহানার উচ্চ কণ্ঠ : ইমতিয়াজ তুমি পৌঁছেছ!
লৌহ-মানব ইমতিয়াজ ঘুরে তাকাল রেহানার দিকে। রেহানা কাছে এসে দাঁড়িয়ে বলল : জিপ্পি সত্যিসত্যি জটিলতায় জড়িয়ে ফেলেছে আমাদেরকে, ইমতিয়াজ।
ইমতিয়াজ কোনো মন্তব্য করল না। রেহানা একে একে সকল ঘটনা ব্যাখ্যা করে শোনাল ওকে। রেহানার সাথে মোমিন ওস্তাদজীও এসেছে। দারোগা রব্বানী এতোক্ষণ চোখ বড় বড় করে শুনছিল ওদের কথা। রেহানা থামতে সে বলে উঠল : মাফ করবেন, ডঃ ইমতিয়াজ। আমি বুঝতে পারি নি যাকে গ্রেফতার করেছি সে আপনার দলের লোক। মাহবুব তালুকদার টাউন বোর্ডের একজন মেম্বার। সম্ভবতঃ তিনি এ ব্যাপারে করণীয় যা কিছু করার ক্ষমতা রাখেন। ক্ষমতাবান কোনো পুলিশ অফিসারকে এ অঞ্চলে এই মুহূর্তে পাওয়া যাবে না। এই এলাকায় মাহবুব তালুকদার ভীষণ প্রতিশক্তিশালী এবং ধনী লোক। আমি ক্ষুদ্র কর্মচারী, তা বোঝেনই তো, আমার কোনো ক্ষমতা নেই আপনার লোককে ছেড়ে দেবার। একমাত্র মিঃ তালুকদার পারেন জামিনের ভার নিতে।
: তাকে ডেকে পাঠান।
ইমতিয়াজ বলল। দারোগা চলে গেল ফোন করার জন্যে। ইমতিয়াজ, জিপ্পির সেলের আরো কাছে গিয়ে দাঁড়াল। জিপ্পি আসাদ তখনও অবিরামভাবে অর্থহীন কথা বলে চলেছে :...এবং পরীরা আমার সেই মেয়েকে ধরে ফেলে যখন সে মাঠে পৌঁছয়। পরীগুলো কালো ছোটো ডাইনী, ওদের চোখগুলো কটা রংয়ের। আমি তোমাকে চিনি নিঃসন্দেহে, ইমতিয়াজ। তাছাড়া, তুমি যদি কোটের ভিতরের দিকটা বাইরে ঘুরিয়ে না পরো…।
লৌহ-মানব ইমতিয়াজ আচমকা সেলের শিকগুলোর উপর ঝুঁকে পড়ল। তারপর বলে উঠল : জিপ্পি প্রশ্নের উত্তর দিয়েছে।
: কি প্রশ্ন?
রেহানা জানতে চাইল। কিন্তু লৌহ-মানব ইমতিয়াজ কোনো ব্যাখ্যা দিল না তার মন্তব্যের।
ঘণ্টাখানেক পর টাউন বোর্ডের নেতা মাহবুব তালুকদার এসে পৌঁছুলেন। ভদ্রলোক নিজস্ব গাড়ীতে চড়ে এলেন। বোঝা যায় তার টাকা পয়সা প্রচুর। এবং তা তিনি দেখাতেও পিছপা নন। লম্বা চওড়া তেমন না হলেও, ভদ্রলোকের বিরাট ভূড়ি। তবে ভদ্রলোক সক্রিয়। হাতে একটা ফুলের মালা। মিনিটে কয়েকবার করে মালাটা নাকের কাছে ধরে ঘ্রাণ নিচ্ছেন। আর কথায় কথায় ‘আই সি’ বলা তার একটা অভ্যাস। ইমতিয়াজকে তিনি বললেন : আমি আপনার সম্পর্কে শুনেছি, ডঃ ইমতিয়াজ। আপনার নানা সু-কীর্তির কথাও কিছু কিছু জানি। আপনি এক কোটি টাকা অফার পেলেও কোনো কেস গ্রহণ করেন না যদি না সে কেস কোনো গরীব মানুষকে বিপদ থেকে রক্ষা করার ব্যাপার হয়। কিংবা সাংঘাতিক ধরনের কোনো অপরাধ না ঘটলে আপনি কোনো কেস গ্রহণ করেন না। থাকগে, বলুন কি কি ঘটেছে। শুনেছি একটা সুপার হাই-ওয়ের ব্যাপারে…।
ইমতিয়াজ মাথা নাড়ল মৃদু। বলল : প্রখ্যাত ইঞ্জিনিয়ার আহসান হাবীব সার্ভে করার জন্যে এসেছিল হাই-ওয়ে সম্পর্কে, সে নিখোঁজ হয়েছে।
: আই সি!
: নিখোঁজ হবার খানিক আগে ডাইনী তার ওপর ভর করে।
: আই সি!
বলে চলল লৌহ-মানব ইমতিয়াজ : এবং আমার একজন সহকারী, জাহেদ, একই ঘটনার শিকার হয়েছে।
রেহানা বলে উঠল : এবং আসাদও।
ইমতিয়াজ আবার বলল : এসবের সাথে একটি যুবতী মেয়ে কোনো না কোনো ভাবে জড়িত হয়ে পড়েছে। এবং সে-ও নিখোঁজ হয়েছে। এই যুবতী আমার ব্যক্তিগত বন্ধু ডঃ আলাউদ্দিন-আল-আজাদের কন্যা।
মাহবুব তালুকদার এসময় ফুলের ঘ্রাণ নিতে এবং ‘আই সি' বলতে ভুলে গেল। বিস্মিত দেখাল তাকে। কয়েক মুহূর্ত কথা বলতে পারল না সে। তারপর একসময় বলে উঠল : বলেন কি! ডঃ আল আজাদ!...তার মেয়ে। এযে দেখছি ভয়ানক কাণ্ড। দেশের অন্যতম কোটি-পতির মেয়ে জড়িয়ে পড়েছে এই রহস্যে!
ইমতিয়াজ পকেট থেকে একটা টেলিগ্রাম বের করে বলল : ডঃ আজাদ এই সুপার হাই-ওয়েতে টাকা খাটাচ্ছেন। সে আমাকে এই টেলিগ্রামও করেছেন।
টেলিগ্রামটা দিল ও মাহবুব তালুকদারকে। রেহানা বিস্মিত হয়ে ভাবল, সর্বশেষ সব খবরই দেখছি ইমতিয়াজ রেখেছে।
টেলিগ্রামটা দেখল সকলে। তাতে লেখা : বন্ধু হিসেবে অনুরোধ করছি তোমাকে তথাকথিত ডাইনীতে ভর করা মানুষরা কেন অর্থহীন প্রলাপ বকে তা খুঁজে বের করতে। আমি আমার মেয়ের জীবনের জন্যেও আশঙ্কিত। এই রহস্যের পিছনে লোকে যা বলে বেড়ায়, তার চেয়ে ভয়ঙ্কর কোনো ব্যাপার আছে বলে আমার ধারণা। দ্রুত হাত লাগাল!
ডঃ আলাউদ্দিন-আল-আজাদ।
টেলিগ্রামটা পড়া শেষ করে মাহবুব তালুকদার বলে উঠলেন : আই সি। আই সি।
তারপর জিপ্পি আসাদের সেলের কাছে গিয়ে দাঁড়ালেন তিনি। বললেন : বেচারা সম্পর্কে দুঃশ্চিন্তা হচ্ছে আমার। ডাইনীতে যখন ভর করেছে...।
হঠাৎ জিপ্পি আসাদ খুব শান্তশিষ্ট গলায় কথা বলে উঠল : এসব কি? এসবের মানে কি? এর ভিতর কে ভরেছে আমাকে শুনি? ঠাট্টা নাকি?
রেহানা চোখ বড় বড় করে বলে উঠল : আরে! জিপ্পি দেখছি আমাদের মতোই ভাল কথা বলছে!
জিপ্পি আসাদ হতভম্ব হয়ে তাকিয়ে রইল রেহানার দিকে। তারপর বিমূঢ় কণ্ঠে বলে উঠল : কি সব কথা বলছ তোমরা? তোমাদের কথা শুনে কিছুই যেন বুঝতে পারছি না আমি!
মাহবুব তালুকদার বলে উঠলেন দারোগা রব্বানীর দিকে ফিরে : এই ভদ্রলোককে গ্রেফতার করে ভুল করেছেন। এখুনি ছেড়ে দিন ওকে।
সেল থেকে বেরিয়ে এলো জিপ্পি আসাদ খানিক পরই। ইমতিয়াজ জানতে চাইল : কি ঘটেছিল, আসাদ?
জিপ্পি আসাদ বলে উঠল : কই? কখন?
: আজ সকালে? কি সব বলছিলে তুমি, অদ্ভুত সুন্দরী মেয়ের কথা—মানে পেত্নীর কথা? মাঝির কথা, কোট উল্টে পরার কথা?
হতচকিত দৃষ্টিতে জিপ্পি আসাদ তাকালো লৌহ-মানব ইমতিয়াজের দিকে। কয়েক মুহূর্ত কথা বলল ও। তারপর বলে উঠল : এসব কি জিজ্ঞেস করছ, ইমতিয়াজ? তোমার শরীর খারাপ নয় তো, ইমতিয়াজ?
ইমতিয়াজ বলে উঠল চিন্তিতভাবে : তার মানে কোনো কথা স্মরণ নেই তোমার।
: কি কথা স্মরণ নেই?
জিপ্পি আসাদের প্রশ্নের উত্তর দিল না ইমতিয়াজ। কি যে ভাবছে ও তা বোঝা গেল না। খানিক পর ও বলে উঠল : প্রথম কাজ আহসান হাবীবকে, জাহেদকে এবং শাবানাকে খুঁজে বের করা। রেহানা, তুমি আর আসাদ সন্ধান শুরু করো। এটা পরিষ্কার যে, ওদের নিখোঁজ হবার পিছনে নির্দিষ্ট কোনো কারণ অবশ্যই আছে। কোনো না কোনো ভাবে এর সাথে জড়িত আছে সুপার হাই-ওয়ের ব্যাপারটা।
: কি ব্যাপারটা, আসলে কি ইমতিয়াজ?
রেহানা জানতে চাইল। লৌহ-মানব বলল : ব্যাপারটা যে কি তা-ই জানতে হবে আমাদেরকে। তোমরা যেখানে প্লেন রেখে এসেছ সেখানে ফিরে যাও। একটা কথা, তোমরা একটা প্লেন সম্পর্কে খোঁজ নেবার চেষ্টা করবে। কালো রঙয়ের উপর লাল সরলরেখা আঁকা একটা প্লেন সেটা। এই প্লেনটাও কোনো না কোনো ভাবে রহস্যের সাথে জড়িত।
জিপ্পি আসাদ বলে উঠল : আরে! ওই প্লেনটাই তো চালাচ্ছিল মিস্ শাবানা যখন শেষবার তাকে আমরা দেখি।
ইমতিয়াজ ব্যাখ্যা করল প্লেনটা থেকে কিভাবে তার গাড়ী লক্ষ্য করে মেশিন-গানের গুলি ছোড়া হয়েছিল। তারপর বলল : ইতিমধ্যে আমি যাচ্ছি হাই-ওয়ের ব্যাপারে সার্ভেটা সম্পূর্ণ করার জন্যে। কাজে হাত দিতে দেরী হওয়া মানে ডঃ আজাদের প্রতিদিন লাখ লাখ টাকা ক্ষতি হচ্ছে।
মাহবুব তালুকদার বলে উঠল : যদি বলেন তাহলে যাবার পথে আপনার দুই কর্মীকে মোমিন ওস্তাদজীর বাড়ীর কাছে নামিয়ে দিয়ে যেতে পারি। সেখান থেকে চলে যাবেন ওরা প্লেনে।
ইমতিয়াজ মাথা নেড়ে সম্মতি জানাল। সকলে চলে গেল একসঙ্গে। লৌহ-মানব ইমতিয়াজ একা রয়ে গেল শুধু দারোগা রব্বানীকে কয়েকটা প্রশ্ন করার জন্যে। প্রশ্নগুলোর উত্তর দরকার ওর। হাতের কিছু কাজ সেরে আলাপ করল দারোগা রব্বানী ইমতিয়াজের সাথে। হঠাৎ বেজে উঠল ফোন। রিসিভার তুলে কানে ঠেকাল রব্বানী। তারপর রিসিভারটা ইমতিয়াজের দিকে বাড়িয়ে ধরে বলল : ফোন। কে যেন কথা বলতে চায় আপনার সাথে।
লৌহ-মানব ইমতিয়াজ রিসিভার নিয়ে বলল : হ্যালো।
অপর প্রান্ত থেকে কথা ভেসে এলো : ডঃ ইমতিয়াজ বলছেন?
: বলছি।
কণ্ঠস্বর ভেসে এলো : আপনি কি মিস্ শাবানা সম্পর্কে কিছু জানতে চান?
ইমতিয়াজ একমুহূর্ত চুপ করে রইল, ভেসে আসা কণ্ঠস্বরটা মনোযোগ দিয়ে চিনে রাখার চেষ্টা করল ও। তারপর বলল : আমরা খুঁজছি মিস্ শাবানাকে।
কণ্ঠস্বর ভেসে এলো অপর প্রান্ত থেকে : তাহলে পুরানো মন্দিরের ঘণ্টাঘর কঙ্কালের হাড়ের যে খট্ খট্ খট্ শব্দ হয় তা শুনতে যান আজ রাতের বেলা।
ফোনের অপর প্রান্তের রহস্যময় বক্তা কথাগুলো বলেই ছেড়ে দিল ফোন। দারোগা রব্বানী প্রশ্ন করে উঠল জরুরী কোনো খবর?
লৌহ-মানব ইমতিয়াজ রিসিভার নামিয়ে রেখে স্বাভাবিক স্বরে বলল : সম্ভবত।
গুরুতর কণ্ঠে রব্বানী জানতে চাইল : ডঃ ইমতিয়াজ, আপনি ভূত বিশ্বাস করেন?
লৌহ-মানব মাথা নেড়ে না সূচক উত্তর দিল। রব্বানী ক্যালেণ্ডারের দিকে এগিয়ে সেদিনের তারিখের উপর আঙ্গুল ঠেকিয়ে বলল : দেখেছেন?
: কি?
: আজ শুক্রবার। শুক্রবারে বিপদজনক কোনো কাজে হাত দেয়া উচিত নয়। শুক্রবারটা অলুক্ষণে। আজ বরং কোনো কাজে হাত দেবেন না, ডঃ ইমতিয়াজ।
লৌহ-মানব বলল : দুঃখিত। কিছু একটা ঘটেছে। কাজ অবশ্যই শুরু করতে হবে আমাকে আজ।
: ঘটেছে?
: হ্যাঁ। কঙ্কালের হাড়ের সাথে সম্পর্ক আছে ব্যাপারটার।
কথাটা বলে বাইরে বের হয়ে এলো লৌহ-মানব। নিজের গাড়ীতে চড়ে বসল ও। একটা প্রশ্ন বারবার জাগছে ওর মনে—সে যে জেলখানায় উপস্থিত ছিল তা কেউ জানত। কিন্তু কিভাবে? কে?
লৌহ-মানব ততক্ষণাৎ কঙ্কালের খট্ খট্ খট্ শব্দ শুনতে পেল না বা দেখতে পেল না। তখনো বিকেল গড়ায় নি। বিল এলাকার প্রচীন এবং ডাইনী অধ্যুষিত শহরে পৌঁছুল ও হাই-ওয়ের রুটটা পর্যবেক্ষণ করার জন্যে।
নিস্তব্ধ, অনড়, প্রায় ধ্বংসপ্রাপ্ত ভৌতিক শহরে একটা গাড়ী নিয়ে এসে থামল ও। জানালা দরজা বন্ধ করা সারি সারি বাড়ীগুলোর দিকে তাকাল কোনো প্রাণের সাড়া নেই। কোনো মহামারীর কবলে পড়ে কবে কে জানে এই শহর ছেড়ে সব লোক পালিয়ে যায়। তারপর থেকে কোনো লোক সাহস করে ফিরে আসে নি এখানে। শহরের এক পাশে মিলটা। লাল ইট দিয়ে তৈরী করা চমৎকার একটা বিল্ডিংয়ের মতো দেখতে ছিল একসময় মিলটা। এখন ঝড়ো কাকের মতো চেহারা হয়েছে। ইটগুলো দাঁত বের করে ভেংচাচ্ছে যেন। এক পাশে অসংখ্য ভাঙ্গা কাঁচের টুকরো। সূর্যের শেষ আলো পড়েছে। শত শত চক্ষু যেন তীব্র দৃষ্টিতে তাকিয়ে আছে। প্রবেশ পথের কাছ একটা ভাঙ্গা টেপা-কল। পিছনে একটা খাঁড়ি।
ইমতিয়াজ, এবার ঢুকল আহসান হাবীবের যন্ত্রপাতী রাখা তাবুতে। আহসানের তৈরী করা স্কেচের খশড়াটা দেখল ও খুটিয়ে খুটিয়ে। প্রায় নিখুঁত স্কেচ। ইমতিয়াজ বুঝতে পারল আহসান বুদ্ধিমান এবং জ্ঞানী ইঞ্জিনিয়ার।
এটা অবিশ্বাস্য? হঠাৎ সে আবোল-তাবল কথা শুরু করে দিয়ে ছিল।
দক্ষিণ দিকে জলাভূমি—ডাইনীদের গর্ত—অবশ্যই একটা সমস্যা হাই-ওয়ের ব্যাপারে। ইমতিয়াজ গাড়ী নিয়ে সে জায়গাটায় পৌঁছুল। আশপাশে তাকাল ও। ও বুঝতে পারল জলাভূমিটা কাদায় পরিপূর্ণ।
সারাটা বিকেল কারো সাথে দেখা হলো না ইমতিয়াজের। এমনকি সারা শহরে একটা কাক বা একটা কুকুরও চোখে পড়ল না। শব্দহীন, নিঃসাড়, ঘুমন্ত শহর।
সন্ধ্যার পর জনহীন শহরের উত্তর দিকের পুরনো মন্দিরে পৌঁছল লৌহমানব। মন্দিরটা চারকোণা হয়ে উপর পানে উঠতে উঠতে ক্রমশঃ সরু হয়ে গেছে।
মন্দিরের সম্মুখদিকের সিঁড়ির ধাপে পা রাখল লৌহ-মানব! ধীরে ধীরে উপর পানে উঠে চলল ও। বত্রিশটা ধাপ পেরিয়ে একটা তালাহীন দরজার সামনে এসে দাড়াল ও। দরজাটা ঠেলা দিতেই খুলে গেল। লৌহ-মানব ইমতিয়াজ ভিতরে ঢুকল সন্তর্পণে।
দরজা অতিক্রম করে লৌহ-মানব ইমতিয়াজ দেখল জায়গাটা অনেকটা বারান্দার মতো—প্রবেশ কক্ষ। এটার পরে একটা বড়সড় কক্ষ, কক্ষের চতুর্থারে পঞ্চাশ-ষাটটা ইট-গাঁথা আসন এবং অদূরেই একটা মঞ্চ। কক্ষের সর্বত্র মাকড়সাকুল জাল বুনে রেখেছে।
প্রবেশ কক্ষেই দাঁড়িয়ে দাড়িয়ে উপর পানে তাকিয়ে ঘণ্টা-ঘর দেখতে পেল লৌহ-মানব ইমতিয়াজ। ছোটোছোটো সিঁড়ির ধাপ উঠে গেছে ঘণ্টা-ঘরের দরজার দিকে। ইমতিয়াজ সিঁড়ি বেয়ে উঠে ক্ষুদ্র কক্ষের ভিতর প্রবেশ করল। তামার গোল এবং মোটা একটা ঘণ্টা বাজাবার চাকা দেখতে পেল শুধু লৌহ-মানব ইমতিয়াজ। আর কিছু নেই। শুধু মাত্র ইঁদুর চলাফেরার শব্দ শোনা গেল যে ক্ষুদ্র কক্ষটিতে কাঠে পার্টিশন দু’ভাগ করেছে তার অপর দিক থেকে।
বাইরে আবার ফিরে এলো লৌহমানব। গাঢ় অন্ধকার নেমেছে ঘুমন্ত শহরে! নিশ্চুপ রাত্রি।
নিজের গাড়ীতে উঠে নিঃশব্দে বসে রইল লৌহ-মানব। খানিকপর গাড়ীর সাথে ফিট করা সর্ট-ওয়েভ রিসিভারের সুইচ অন করল। লৌহ-মানবের সাহায্যকারী সঙ্গীরা যখন পরস্পরের কাছ থেকে বিচ্ছিন্ন থাকে তখন খবরাখবর আদান-প্রদানের জন্যে এই সর্ট-ওয়েভ সেট ব্যবহার করে ওরা। ইমতিয়াজ রেহানা এবং জিপ্পি আসাদের সাথে যোগাযোগ করার চেষ্টা চালাল।
কিন্তু এমন সময় বেজে উঠল মন্দিরের ঘণ্টা!
রেডিও-র সুইচ অফ করে দিয়ে গাড়ী থেকে নেমে দ্রুত এগিয়ে গেল লৌহ-মানব ইমতিয়াজ আবার ছেড়ে আসা মন্দিরের দিকে। মন্দিরের সিঁড়িগুলো অতিক্রম করে উপরে উঠে গেল ও কয়েকটা লাফ দিয়ে। দরজা পেরিয়ে ঢুকল ও প্রবেশ কক্ষে। ইতিমধ্যে থেমে গেছে ঘণ্টা-ধ্বণি।
শক্তিশালী টর্চটা আগেই পকেট থেকে বের করে হাতে নিয়েছিল ইমতিয়াজ। সেটা জ্বেলে প্রবেশ-কক্ষের সর্বত্র চোখ বুলিয়ে আশ্চর্য হলো ও। কেউ নেই। ঘণ্টা-ঘরে উঠল ও। ঘণ্টাটা নড়ছে। কিন্তু কারো কোনো সাড়া নেই কোথাও। প্রবেশ কক্ষে নেমে এসে দাড়াল ও। ভিতরে ঢোকার খোলা দরজার ওপারে কি যেন নড়ে উঠল মৃদুভাবে। পা বাড়াল লৌহ-মানব সেদিকে।
দরজা পেরিয়ে বড়-সড় কক্ষটার ভিতর পা ফেলতেই টর্চের অত্যুজ্বল আলোয় লৌহ-মানব দেখতে পেল ইটগাঁথা আসনগুলোর একটিতে বসে আছে রহস্যময় এক বৃদ্ধা স্ত্রীলোক। টর্চের আলো তার মুখে পড়তে সে কেঁপে কেঁপে উঠে দাড়াল। হঠাৎ মুখ তুলে হেসে উঠল বৃদ্ধা লৌহ-মানবের চোখে চোখ রেখে।
বৃদ্ধার চোখে ক্ষুর দৃষ্টি। দাঁতগুলো ভাঙা এবং অপরিষ্কার। বৃদ্ধার একটা হাত বুকের কাছে। সেই হাতে একটা কালো কুচকুচে বিড়াল।
জরাগ্রস্ত বৃদ্ধা কর্কশ কণ্ঠে বলে উঠল : আমি জানতাম তুই এখানে আসবি।
লৌহ-মানব ধীরে ধীরে বলল : তাহলে তুমিই ফোন করেছিলে? কঙ্কালের হাড় সম্পর্কে—তাই না?
রোগা, সরু গালটা ফাক করে বৃদ্ধা হি হি করে হেসে উঠল আচমকা। কুৎসিত মুখটাকে আরো কদাকার করে বৃদ্ধা বলে উঠল হে, হে! ওরা চুরি করেছে কঙ্কাল।
: কিসের কঙ্কল?
বৃদ্ধা খেকিয়ে উঠল : কিসের আবার! যেটা ঘণ্টা-ঘরে ঝুলে থাকত।
লৌহ-মানবের চেহারায় কোন ভাবাবেগের ছাপ দেখা গেল না। নির্বিকার কণ্ঠে জানতে চাইল ও : ভাল কথা, পরিষ্কার করে বলো আসলে তোমার পরিচয়টা কি?
: আমিই সেই ডাইনী।
বৃদ্ধা হি হি শব্দে আবার হেসে উঠল। তারপর কর্কশ কণ্ঠে বলল : আশপাশের সবাই আমাকে হাবিলা বিবি বলে জানে। ওরা সবাই আমাকে ভয় করে আর ঘৃণা করে, কেননা মৃতা অবস্থায় দিন কাটাতে চাই না আমি।
: মৃতা?
লৌহ-মানব নির্বিকার কণ্ঠে প্রশ্ন করল।
: হে, হে, হি হি হি হি! আজ থেকে একশ’ বছর আগে পুড়িয়ে হত্যা করা হয়েছে আমাকে!
ছয়
লৌহ-মানব ইমতিয়াজ ছোটো বেলা থেকেই ভাবতে শিখেছে যে, প্রতিটি বস্তুর একেকটা কারণ এবং ব্যাখ্যা আছে। এবং এই মুহূর্তে কয়েকটা জিনিসের ব্যাখ্যা করার দরকার। কিন্তু এমন সব ব্যাপারের সম্মুখীন সে যার ব্যাখ্যা দেয়া অসম্ভব বলে ভ্রম হয়। আহসান হাবীব নিখোঁজ হয়েছে, সে একজন বুদ্ধিমান প্রতিভাবান ইঞ্জিনিয়ার। আহসানকে, সকলের কথা মতো, ডাইনী ভর করেছে। তারপর জাহেদ। তুখোড়, তীক্ষ্ণ, প্রতিভাবান এবং উপস্থিত বুদ্ধি সম্পন্ন দুঃসাহসী সহকর্মী তার, সেও অদৃশ্য হয়েছে। দুনিয়ার সবাই একবাক্যে ভূত বিশ্বাস করলেও সে বিশ্বাস করবার পাত্র নয়। তাকেও দেখা গেছে আবোল-তাবোল ভাবে বকবক করতে। তারপর অদৃশ্য হয়েছে মিস শাবানা। জিপ্পি আসাদ প্রচণ্ড প্রতিরোধ ক্ষমতার অধিকারী বলেই হয়ত রহস্যময় পাগলামি কাটিয়ে উঠতে পেরেছে দ্রুত।
এদিকে ওর সামনে প্রাচীন এক বৃদ্ধা স্ত্রীলোক, যে সম্ভবতঃ রহস্য সম্পর্কে সবার চেয়ে বেশী জানে। স্ত্রীলোকটি একটা ডাইনী—যদি পৃথিবীতে সত্যিই ডাইনী বলে কিছু থাকে—এবং দাবী করছে একশ’ বছর আগে নিহত হয়েছে সে।
চিন্তিত দেখাল ইমতিয়াজকে। জিজ্ঞেস করল : কঙ্কালের হাড় সম্পর্কে কি বলতে চাও তুমি?
ডাইনী হাবিলা বিবি, চোখ পাকিয়ে কর্কশ কণ্ঠে বলে উঠল : ঘণ্টা-ঘরে ঝুলত কঙ্কাল। সেটা ওরা চুরি করে নিয়েছে। তার জন্যে ওদেরকে মরতেই হবে!
: কারা?
ডাইনী বুড়ী উত্তর দিল চোখ পাকিয়ে : তাতে তোর দরকার কি?
লৌহ-মানব বলল : কি হলো তাতে? যে হাই-ওয়েটার কথা চলছে সেটার কাজ শুরু হলো বলে। আর মন্দিরের অংশ বিশেষের উপর দিয়েই যাবে রাস্তাটি। সেক্ষেত্রে মন্দিরের সব জিনিসই নষ্ট হবে। না হয় দু’দিন আগে একটা জিনিস চুরি হয়েছে।
ডাইনী হাবিলা বিবি তার কুচকুচে কালো বিড়ালের গায়ে হাত বুলিয়ে আদর করছিল। চেঁচিয়ে উঠল সে দাঁত-মুখ খিচিয়ে : না! মিল এলাকায় যারা বাস করে তারা এতে রাজী হবে না!
ইমতিয়াজ বলল : কিন্তু মিল এলাকায় তো জনবসতিহীন। বহুকাল ধরে কেউ বাস করে না…।
: হে হে হে, হি হি হি হি—তাই মনে করিস বুঝি তোরা? হে হে, ভুল মনে করিস! সবাই বেঁচে আছে এখনও! অশরীরি প্রতিহিংসাপরায়ণ আত্মার মৃত্যু নেই। তারা সবাই অদৃশ্যভাবে ঘুরে বেড়াতে বেড়াতে খুঁজে ফিরছে জীবিতদের শরীর। আহসান হাবীব ক্ষেপিয়ে দিয়েছে তাদেরকে, এবং তারপর জাহেদ…।
শক্ত-কঠিন হয়ে উঠল লৌহ-মানবের মুখাবয়ব। এক পা সামনে বাড়ল ও। হাবিলা ডাইনী পিছিয়ে গেল ইটগাঁথা আসনগুলোর দিকে। চেপে ধরল সে কালো বিড়ালটা নিজের বুকের সাথে।
: কি জানো তুমি জাহেদ সম্পর্কে?
ডাইনী বুড়ী ক্রোধপূর্ণ কণ্ঠে বলে উঠল : তার কাছেই আছে কঙ্কালের হাড়গুলো! আমি তোকে নিয়ে গিয়ে দেখাতে পারি।
সম্মুখস্থ দরজাটা ইঙ্গিত করে দেখিয়ে ডাইনী বুড়ী যোগ করল : পেছন পেছন আয় আমার। কিন্তু সাবধান! আলো জ্বালবি না! যেতে হবে আধারের ভেতর দিয়ে।
অন্ধকারে পা বাড়াল ইমতিয়াজ ডাইনী বুড়ী হাবিলা বিবির পিছন পিছন। বাইরে বের হয়ে এলো ওরা। কিন্তু রাস্তার দিকে না গিয়ে মন্দিরের উঠোনটা ঘুরে পিছন দিকে এলো ওরা। ডাইনী বুড়ী এগিয়ে চলল গভীর জঙ্গলের দিকে। দ্রুত পায়ে সাপের মতো হেলে দুলে হাটছে বুড়ী। কোথাও কোনো আলোর রেখা নেই, আকাশে চাঁদ নেই। কিন্তু দৃঢ় পদক্ষেপে সাবলীল গতিতে এগিয়ে চলেছে হাবিলা বিবি।
মিনিটের পর মিনিট কেটে গেল। প্রায় ঘণ্টাখানেক ধরে অনুসরণ করে চলল ইমতিয়াজ ডাইনী হাবিলা বিবিকে। এই নিকষ কালো আধারে অন্য কারো পক্ষে পথ চলা এক প্রকার অসম্ভব হতো। শুধু মাত্র চোখের দৃষ্টিক্ষমতা অস্বাভাবিক রকমের বেশী বলে ইমতিয়াজ অনায়াসে অনুসরণ করে চলল হাবিলা বিবিকে।
গভীর নিস্তব্ধতা চারিদিকে। মাঝে মাঝে গাছের পাতা নড়ার শব্দ কানে ভেসে আসছে। ক্রমশঃ নীচের দিকে নেমে গেছে বনভূমি, তারপর আবার উঠেছে উপর পানে। পরক্ষণে দেখা গেল রাত্রির নিকষ কালো অন্ধকারে সামান্য একটু আলোর নিশানা।
আরো এগিয়ে যাবার পর ইমতিয়াজ তিনকোণা একটা কেবিনঘরের মতো দেখতে পেল। বনভূমি কেটে ফাকা জায়গা তৈরী করা হয়েছে বোঝা যায়।
: ওই ঘরের ভেতরে তাকে তুই দেখতে পাবি!
ডাইনী বুড়ী একপাশে দাঁড়িয়ে ইঙ্গিত করে বলল।
কুড়ে ঘরের নীচু দরজা খুলল ইমতিয়াজ এগিয়ে গিয়ে। ঘরের ভিতর এককোণে কাঠ-কয়লার আগুন জ্বলছে। আগুনের উপর একটা পাত্রে কি যেন ফুটছে। ফোটার শব্দ হচ্ছে। ঘরটা দেখে দ্রুত ঘাড় ফিরিয়ে ডাইনী বুড়ীর দিকে তাকিয়ে বলে উঠল : কই, ঘরের ভিতর কাউকে তো দেখা যাচ্ছে না…
এমনসময় খুট্ করে শব্দ হলো ঘরের উপরস্থ মাচা থেকে। ঝট করে ঘাড় ফিরিয়ে তাকাল ইমতিয়াজ উপর পানে।
মাচার উপর থেকে কঠিন একটা কণ্ঠস্বর এলো : সাবধান! কোনো রকম চালাকি খাটবে না!
মাচা থেকে নেমে এলো একজন লোক। তার হাতে উদ্যত রিভলভার দেখা যাচ্ছে একটা, সিধে লৌহ-মানবের বিশাল বুক লক্ষ্য করে ধরা। আগুনের আভায় ইমতিয়াজ দেখল লোকটা কুৎসিত ধরণের। দাড়ি-গোঁফ কামানো। প্রায় ছয় ফিট লম্বা। ঝাক্ড়া ঝাক্ড়া চুল মাথায়। লোকটা বলে উঠল ব্যঙ্গাত্মক কণ্ঠে : আমি হাবিলাকে বলেছিলাম তুমি তোমার মূল্যবান সহকর্মীর জন্যে এখানে না এসে পারবে না।
ইমতিয়াজ লক্ষ্য করল লোকটা গ্রাম্যলোকের মতো সুরে কথা বলছে না, লোকটা শহরের এবং অশিক্ষিতও মনে হয় না। কিন্তু অদ্ভুতভাবে ইমতিয়াজের মনে হচ্ছে কি যেন একটা অতি পরিচিত ব্যাপার লোকটা সম্পর্কে তার স্মরণে আসছে না।
অনড় দাঁড়িয়ে আছে লৌহ-মানব ইমতিয়াজ। রোগা, লম্বা, কুৎসিত চেহারার লোকটা সামনে বাড়ল একটু। আপন মনেই সে যেন বলে উঠল : লৌহ-মানবকে হত্যা না করে কাজ করা যাবে না। বস বলেছেন লৌহ-মানব এই এলাকায় গোলমাল না ঘটিয়ে ছাড়বে না।
ইমতিয়াজ কোনো কথা না বলে লোকটাকে চেনার চেষ্টা করছিল। প্রতিক্ষণ মনে হচ্ছে ওর লোকটাকে এবার সে চিনে ফেলতে পারবে। লোকটার কি যেন ওর কাছে পরিচিত পরিচিত ঠেকছে…।
রিভলভারধারী লোকটা ইমতিয়াজের উদ্দেশ্য বুঝতে পারল। অকস্মাৎ লাফিয়ে উঠল সে। বলে উঠল : বুঝেছি, অনেক কথাই তুমি জান! ভাল কথা, তোমার পেট থেকে সব কথা বের করেই হত্যা করব আমরা।
আচমকা রিভলভারের বাঁট দিয়ে ইমতিয়াজের মাথায় আঘাত করল লোকটা। চোখের পলকে কয়েকটা অত্যাশ্চর্য কাণ্ড ঘটে গেল। বিদ্যুৎবেগে মাথাটা সরিয়ে নেবার ফলে লোকটা ইমতিয়াজের মাথায় আঘাত না মেরে শূন্যে মারল। বজ্রকঠিন বন্ধনী এঁটে বসল আক্রমণকারীর রিভলভার ধরা হাতের কব্জিতে। পড়ে গেল তার হাত থেকে আগ্নেয়াস্ত্রটা। ইমতিয়াজের হাতটাই লোকটার কব্জিতে বন্ধনীর কাজ করছে। ব্যথায় আর্তনাদ করতে করতে চিৎকার করে উঠল সে: কে কোথায় তোরা গেলি—বাঁচা! বাঁচা! বাঁচা আমাকে!
বাইরে থেকে একদল লোক হুড়মুড় করে ঢুকে পড়ল ঘরের ভিতর। সকলের পিছন থেকে শোনা গেল সেই ডাইনী হাবিলা বিবির কণ্ঠস্বর : এহে, এহে! খসরু সামলাতে পারছে না একা!
মোট সাতজন লোক সারি বদ্ধ হয়ে দাড়াল লৌহ-মানবের পিছনে। প্রত্যেকেরই স্বাস্থ্য পেশীবহুল এবং শয়তানের মতো দেখতে সবাই। চেঁচিয়ে উঠে ঝাঁপিয়ে পড়ল সবাই লৌহ-মানবের উপর। একজন বলে উঠল : তাকিয়ে দেখো, ওর মগজ বের করছি আমি মাথা ফাটিয়ে।
লৌহ-মানব ওই লোকটাকেই সর্বপ্রথম বেছে নিল। পা দিয়ে একবার শুধু ধাক্কা দিল ও। লোকটা ছিট্কে গিয়ে পড়ল দেয়ালের গায়ে। দ্বিতীয়জনকে পরমুহূর্তে দেখা গেল টেবিলের উপর হুমড়ি খেয়ে পড়তে।
এদিকে অন্য একজন আক্রমণকারী আগুনের পাশ থেকে একটা থান ইট তুলে এগিয়ে এলো। পিছন থেকে মারল সে ইটটা লৌহ-মানবের মাথার উপর। সর্বশরীর কেঁপে উঠল ইমতিয়াজের। হাঁটু মুড়ে বসে পড়ল ও মেঝেতে। একসাথে ঝাঁপিয়ে পড়ল পাঁচজন আক্রমণকারী ওর গায়ের উপর। এলোপাথাড়ি ঘুষি চালাতে শুরু করল তারা লৌহমানবের শরীরের সর্বত্র। কয়েক মুহূর্ত কেটে গেল। তারপর অসম্ভব বেগে গা ঝাড়া দিল ইমতিয়াজ। পাঁচজন লোক ছিটকে পড়ল ঘরের পাঁচ দিকে। লৌহ মানব উঠে দাঁড়াল ধীরে ধীরে। কিন্তু খসরু ইতিমধ্যে তার রিভলভারটা কুড়িয়ে নিয়ে সিধে হয়ে দাঁড়িয়েছে। রিভলভারটা তাক করে ধরেছে সে ইমতিয়াজের দিকে। ইমতিয়াজ তাকিয়ে রইল তার দিকে।
এমনসময় অকস্মাৎ একটা মোটা লাইলণের সুতোর জাল এসে পড়ল লৌহ মানব ইমতিয়াজের মাথার উপর। সারা শরীর জড়িয়ে গেল ওর জালে। আবার ঝাঁপিয়ে পড়ল সকলে ভূপাতিত ইমতিয়াজের উপর। একজন একটা থান ইট তুলে বেদম ঘা মারতে শুরু করল।
নিঃসাড় হয়ে গেল ইমতিয়াজ মাথায় ঘা খেয়ে। খসরু নামের শয়তানটা জিজ্ঞেস করল : কোথায় গেল হাবিলা!
বাইরে।
উত্তর দিল একজন। খসরু বলল : ডেকে দে ওকে, এক গ্লাস পানি আনতে বলে দে। বেচারা লৌহ-মানবকে পানি খাওয়ানো দরকার।
খসরুর সাঙ্গ-পাঙ্গরা একযোগে হেসে উঠল অর্থপূর্ণভাবে।
মাহবুব তালুকদারের গাড়ীতে চড়ে রেহানা এবং জিপ্পি আসাদ নেমেছিল মোমিন ওস্তাদজীর বাড়ীতে। সেখান থেকে ওরা নিজেদের প্লেনে ফিরে এসেছিল। প্লেন নিয়ে বহু সাধনার পর আকাশে উঠল ওরা। সিবিগঞ্জ এবং প্রাচীন পোড়ো শহরটা বার কয়েক চক্কর মারল প্লেন নিয়ে। কিন্তু আহসান হাবীব, জাহেদ বা মিস শাবানার সন্ধান দিতে পারে এমন কোনো সন্দেহজনক ঘটনা বা বস্তু চোখে পড়ল না ওদের! ডাইনীদের শহরটার কাছাকাছি প্লেনটা ল্যাণ্ড করল জিপ্পি আসাদ। সময় এদিকে মধ্যরাত্রি অতিক্রম করে যাচ্ছে। ডাইনীদের শহরে প্রবেশ করল ওরা দু’জন। প্লেন ছেড়ে বেরিয়ে আসার পর ইমতিয়াজ তার গাড়ীর রেডিও-র মাধ্যমে ওদের সাথে যোগাযোগের স্থাপন করার ব্যর্থ প্রয়াস পেয়েছিল।
এদিকে প্লেন ত্যাগ করার পর থেকেই জিপ্পি আসাদ আবার অদ্ভুত ধরণের ব্যবহার শুরু করেছিল। ওরা দু’জন জনশূন্য শহরের একটা পুরানো বাড়ীতে ঢুকেছে ইতিমধ্যে। বাড়ীটা ঘুরে ফিরে দেখবার ইচ্ছা রেহানার। জিপ্পি আসাদ হঠাৎ ঘুরে দাঁড়িয়ে রেহানার পথরোধ করে দাঁড়াল। রেহানার টর্চের আলোটা ফেলল জিপ্পি আসাদের মুখের উপর। এমন সময় বলে উঠল : কি শুরু করেছ, এই হাতি?
হঠাৎ বেজায় খুশী হয়ে উঠতে দেখা গেল জিপ্পি আসাদকে। বলে উঠল ও : বাহ্! এই তো ভালো!
: কি ভাল?
জিপ্পি আসাদ বলে উঠল : যা ইচ্ছা নাম ধরে ডাক তুমি আমাকে, কিছু এসে যায় না। কিন্তু খবরদার! আমার আসল নাম ধরে ডেকো না—অমঙ্গল হয় তাতে।
: আবার বুঝি প্রলাপ বকতে শুরু করলে?
: প্রলাপ! অসম্ভব, প্রলাপ কেন হবে? শোনো, রেহানা, মোমিন ওস্তাদজী এব্যাপারে সব কথা জানিয়েছে আমাকে।
: কোন্ ব্যাপারে? কি সব বাজে বকছ, জিপ্পি?
রেহানা একটু শঙ্কিত হয়ে জানতে চাইল। জিপি আসাদ হঠাৎ গলার স্বর একদম খাদে নামিয়ে ফিফিস্ করে বলে উঠল : ব্যাপারটা হচ্ছে ডাইনী, পেত্নী আর পরীদের সম্পর্কে। ওরা ভর করে মানুষের উপর। কেউ তোমার নাম ধরে সন্ধ্যার পর ডাকলে, খবরদার জবাব দিও না! মোমিন ওস্তাদজী সব বলেছে আমাকে।
এমন সময় ওদের ডান দিকস্থ ভেজানো দরজাটা খুলে গেল। কে যেন মেয়েলী, কর্কশ কণ্ঠ মধুর করে তোলার চেষ্টা করে প্রশ্ন করে উঠল: তোমার নাম জিপ্পি আসাদ, ঠিক না?
সাত
বিদুৎবেগে গরিলা সদৃশ্য জিপ্পি আসাদ ঘাড় ফিরিয়ে তাকাল খোলা দরজাটার দিকে।
দরজার সামনে হাজির হয়েছে ডাইনী হাবিলা বিবি, জিপ্পি তাকে দেখে হতচকিত দৃষ্টিতে তাকাল রেহানার দিকে। বলল : দেখলে তো, এবার? সন্ধ্যার পর নাম নিলে এ হবেই!
ডাইনী বুড়ী বুকের কাছে জড়িয়ে ধরে আছে সেই কালো কুচকুচে বিড়ালটাকে। সে হঠাৎ জরুরী ভঙ্গিতে জানতে চাইল : তোমরা দু’জন লৌহ-মানব ইমতিয়াজের সঙ্গী, ঠিক বলি নি?
: ঠিক।
রেহানা উত্তর দিল। হাবিলা বিবি বলে উঠল : ইমতিয়াজকে সাহায্য করা দরকার তোমাদের।
: কেন, কি হয়েছে...?
: তোমাদের দলপতিকে ডাইনী ভর করেছে। ভীষণ বিপদ তার।
হাবিলা বিবির কথা শুনে মাথার ঝাঁকড়া চুল নেড়ে জিপ্পি আসাদ বলে উঠল : আমি জানতাম! আজ যে শুক্রবার, শুক্রবারে কোনো কাজে হাত দিতে নেই, দিলে বিপদ একটা না একটা ঘটবেই।
শান্ত কণ্ঠে জানতে চাইল রেহানা : ইমতিয়াজ কোথায় আছে?
হাবিলা বিবি বারান্দায় এসে বাঁ দিকের অন্ধকার বারান্দার সিঁড়ি দিয়ে নীচে নামতে নামতে বলল : আমার পেছন পেছন এসো।
ওরা ডাইনী বুড়ীকে অনুসরণ করল। জিপ্পি আসাদ এক নাগাড়ে অভিযোগ করতে শুরু করল রেহানাকে দায়ী করে ইমতিয়াজকে সময় মতো সাবধান করে দেয়া হয় নি বলে।
পুরনো বাড়ীটা থেকে বেরিয়ে এসে রাস্তাটা পার হলো ওরা। দু’জনের হাতের দু’টো টর্চই জ্বলছে। রাস্তা পেরিয়ে অন্য একটা বাড়ীর উঠোনে ঢুকল ওরা। হাবিলা বিবি হঠাৎ বলে সাবধানী গলায় : এই বোকারা! আলো জ্বেলো না, অশরীরি আত্মারা রেগে যাবে—এই দিক দিয়ে এসো!
বাড়ীটার উঠোনময় একবার ঘুরে আবার বাইরের রাস্তায় এসে হাজির হলো ডাইনী হাবিলা বিবি। এবার সে এগিয়ে চলল মিল বিল্ডিংটার দিকে। গাঢ় অন্ধকারে উঁচু বিল্ডিংটা ভৌতিক একটা পরিবেশ সৃষ্টি করেছে।
মিলের ভিতর প্রবেশ করে হাবিলা বিবি বড় বড় ঘাসের মাঝখানের সরু পায়ে হাঁটা পথ ধরে এগিয়ে চলল। জিপ্পি ও রেহানা অনুসরণ করে চলেছে। মাঝে মাঝেই আপন মনে বকে চলেছিল জিপ্পি আসাদ। কিন্তু দু’এক মিনিট থেকে কথা সে প্রায় বলছে না। এদিক ওদিক তাকাতে তাকাতে পিছন ফিরে তাকাল ও একবার। হাতের টর্চটাও জ্বালল একবার। তারপর সশব্দে হেসে উঠে বলল : রেহানা, এ তো বড় মজার ব্যাপার-স্যাপার দেখা যাচ্ছে!
: কি মজার ব্যাপার দেখলে তুমি আবার?
রেহানা বিরক্ত কণ্ঠে জানতে চাইল। জিপি আসাদ হাসতে হাসতে বলল : আশ্চর্য! ভূতরা আবার দাড়ি কামায় নাকি? জীবনে প্রথম দেখছি দাড়ি কামানো ভূত!
আবার টর্চ জ্বালল জিপ্পি আসাদ। এবার ডান দিকে আলো ফেলল ও। রেহানা দেখল তিনজন লোক অন্ধকারে ওত পেতে রয়েছে। পরমুহূর্তে পিছন থেকে আক্রান্ত হলো ও।
ছয়জন আক্রমণকারী চোখের পলকে ঝাঁপিয়ে পড়ল ওদের উপর।
কিন্তু মিল এলাকার ভূতগুলোর কপালে ভোগান্তি ছিল। জিপ্পি আসাদ অকস্মাৎ নিজের গোটা শরীরটা প্রচণ্ডভাবে একবার ঝাড়া দিয়ে নিল। দারুণ ফল ফলল তাতে। যে দু’জন লোক ওর গায়ের উপর ঝাঁপিয়ে পড়ে জড়িয়ে ধরেছিল ওকে তারা ছিটকে গিয়ে হুমড়ি খেয়ে পড়ল ঘাসের উপর। এরপর গর্জন করে উঠল জিপ্পি আসাদ। এমনিতে গরিলাসদৃশ্য জিপ্পি আসাদ ছেলে মানুষের গলায় কথা বলে, কিন্তু ক্রোধ উন্মত্ত অবস্থায় তার গলার স্বর মেঘের গর্জনের মতো শোনায়। সগর্জনে ছুটে গিয়ে ধরে ফেলল দু’জন আক্রমণকারীকে। মারধর করার দরকার পড়ল না। জিপ্পির হাতের প্রকৃত আঘাত খেলে পেশীবহুল স্বাস্থ্যবান লোকও বিছানা নেবে পনের দিনের জন্যে। জিপ্পি আসাদ লোক দু’জনকে ধরে শুধু ঝাঁকানি দিতে লাগল। তারপর দু’জনের মাথা ঠুকে দিয়ে ছেড়ে দিল। দু’জনেই টলতে টলতে পড়ে গেল মাটিতে।
রেহানা ওদিকে বাকী দু’জনকে ঘোল খাওয়াচ্ছে। একজনের মুখের উপর প্রচণ্ড ঘুষি মেরে দ্বিতীয়জনের দিকে ছুটে গেল ও। দ্বিতীয়জন তড়াক করে লাফ দিয়ে সরে গেল একপাশে। এমন সময় জিপ্পি আসাদ রেহানাকে সাহায্য করার জন্যে ওর পাশে এসে দাড়াল। ঠিক তখুনি শোনা গেল একটা গাড়ীর শব্দ। সশব্দে ব্রেক কষে মিলের গেটের সামনে দাঁড়িয়ে পড়ল একটা গাড়ী। গাড়ীর ভিতর থেকে গলা বের করে কে যেন একজন চীৎকার করে উঠল : তোমরা সবাই সরে যাও, মেশিনগানের গুলি না খেয়ে লৌহ-মানবের চেলারা দমবে না!
কথাটা শুনেই রেহানা ব্লাউজের ভিতর হাত ঢুকিয়ে দিয়ে ছোটো একটা বলের মতো জিনিস বের করল। সেটাকে সজোরে মাটিতে আছাড় মারতেই কালো ধোঁয়ায় ভরে উঠল চারপাশ। পরমুহূর্তেই শোনা গেল মেশিনগানের শব্দ।
কিন্তু বহুদূর অবদি কালো ধোঁয়া ছড়িয়ে পড়াতে রেহানা আর জিপ্পি আসাদকে দেখতে পাছে না আক্ৰমণকারীরা। যারা আহত হয়ে পড়েছিল তাদের দ্রুত পদশব্দ শোনা গেল। পালাচ্ছে বোধহয় ওরা। মেশিনগান থেকে গুলি ছোঁড়া হঠাৎ বন্ধ হয়ে গেল! খানিক পরই গোনা গেল গাড়ীর শব্দ। স্টার্ট নিয়ে চলে যাচ্ছে।
গাড়ীর শব্দ দূরে মিলিয়ে যেতে রেহানা টর্চ জ্বেলে মিলের বাইরে এসে দাঁড়াল। পিছনে জিপ্পি আসাদ। রাস্তার মাঝখানে টর্চের আলো পড়তেই ছুটে গেল রেহানা। ওদের হাতে আহত একজন লোক রাস্তার মাঝখানে এসে পড়ে গেছে। পালাতে পারে নি।
লোকটার কাছে এসে দাঁড়াল রেহানা। চিৎ হয়ে পড়ে আছে লোকটা। জ্ঞান হারায় নি বোঝা গেল মৃদু ঠোঁট জোড়া নড়ছে দেখে। রেহানা ঝুঁকে লোকটার গাল ধরে নাড়া দিল। বলল : এই, কথার জবাব দাও আমার। গাড়ী করে কোথায় গেল তোমাদের লোকেরা?
লোকটা অনুচ্চস্বরে বলে উঠল : আমাকে প্ৰাণে মারবেন না, দয়া করুন! মাহবুব তালুকদার লৌহ-মানব ইমতিয়াজকে সাহায্য করতে চান। তিনি লৌহ-মানবের সহকর্মী জাহেদকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন। তাই আমাদের দলের লোকেরা মাহবুব তালুকদারের সাথে বোঝাপড়া করতে গেল।
রেহানা ভাবল মাহবুব তালুকদারকে রক্ষা করবার চেষ্টা করা দরকার তাদের। দ্রুত কণ্ঠে জানতে চাইল ও : মাহবুব তালুকদারের ঠিকানা জানো তুমি?
: জানি। কোতোয়াল নদীর ধারে তার তিন তালা বাড়ী, পাহাড়ের উপর। গেলেই চেনা যাবে, লাল রঙের বাড়ী ওই এলাকায় মাত্র একটিই আছে।
লোকটার কাছ থেকে সরে এসে রেহানা জিপি আসাদের উদ্দেশ্যে এদিক-ওদিক তাকাল। কিন্তু কোথায় জিপ্পি আসাদ। চারপাশে কোথাও দেখা গেল না তাকে। রেহানা বিস্মিতভাবে ডাকল : জিপ্পি! আসাদ!
কিন্তু কোনো সাড়া পাওয়া গেল না জিপ্পি আসাদের।
রেহানা সাড়া না পেলেও জিপ্পি আসাদ ওর কাছ থেকে খুব বেশী দূরে ছিল না।
জিপ্পি আসাদ এই মুহূর্তে অনুসরণ করে চলেছে ডাইনী হাবিলা বিবিকে। শত্রুপক্ষের গাড়ীটা চলে যাবার পর জিপ্পি আসাদ অকস্মাৎ বড় বড় ঘাসের আড়ালে কি যেন নড়ে উঠতে দেখেছিল। মুহূর্তের মধ্যে দেখতে পেয়েছিল ও হাবিলা বিবিকে। হাবিলা বিবি দ্রুতপদে চলে যাচ্ছিল। জিপ্পি আসাদ সাধরণত জীবনে ভয় পায় না কিছুতেই। কিন্তু এই ভূত-টুত-এর ব্যাপারগুলো তার কাছে ভীতিকর না হলেও বড্ড অস্বস্তিকর ঠেকে। তাছাড়া আজ সকালের তার নিজের অদ্ভুত আচরণের কথা একটু একটু আবছাভাবে মনে রয়েছে তার। রেহানা তাকে বলেছে ডাইনী নাকি ভর করেছিল তার মাথায়। ও নিজেও বুঝতে পারছিল কোনো একটা অদ্ভুত অভিজ্ঞতার মধ্যে পড়েছিল সে, কিন্তু সেটা যে কি তা ঠিক বুঝতে পারা যাচ্ছে না। হাবিলা বিবিকে অনুসরণ করে যাবার আরো একটা কারণ ছিল ওর। সেটা হলো ডাইনী বুড়ীকে ও যদি অনুসরণ করতে থাকে তাহলে ডাইনী বুড়ী তাকে অনুসরণ করবে এমন ভয় থাকছে না।
রাস্তা ধরে নিরাপদ দূর বজায় রেখে হাবিলা বিবিকে অনুসরণ করতে করতে জিপি আসাদ শুনতে পেল রেহানার কণ্ঠস্বর। রেহানা তার নাম ধরে ডাকছে। দ্বিধায় পড়ে দাঁড়াতে হলো জিপ্পিকে। হাবিলা বিবি এগিয়ে চলেছে রাস্তার পাশ দিয়ে। সামনেই সারি সারি পুরনো বাড়ী।
জিপ্পি আসাদ ভাবছিল, রেহানার ডাকে সাড়া দেবে কিনা। পিছন ফিরে তাকাল ও। মিল বিল্ডিংটা দেখা যাচ্ছে না, আড়ালে পড়ে গেছে। রেহানার ডাক শোনা যাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে না তাকে। টর্চের আলো ফেলে পিছন দিকটা দেখে নিল জিপ্পি আসাদ। না, দেখা যাচ্ছে না রেহানাকে।
হাবিলা বিবিকে অনুসরণ করারই সিদ্ধান্ত নিয়ে ঘুরে দাঁড়াল আবার ও। কিন্তু নিরাশ হতে হলো ওকে। ডাইনী বুড়ী কখন গেছে কে জানে! কোন্ বাড়ীর ভিতর ঢুকে অদৃশ্য হয়ে কোথাও দেখা যাচ্ছে না তাকে।
টর্চের আলো অবশেষে একটা পুরনো বাড়ীর দরজায় ফেলল জিপ্পি আসাদ। কেন যেন হঠাৎ ওর মনে হলো ডাইনী বুড়ী এই বাড়ীর ভিতরেই ঢুকেছে। সদর দরজাটা খোলা দেখেই ধারণাটা হলো ওর।
বাড়ীটার ভিতর ঢুকে উঠোন পেরিয়ে বারান্দায় উঠল জিপ্পি আসাদ। টর্চ জ্বেলে সম্মুখের ঘরের দরজাটা দেখে ভুরু দু’টো কুঁচকে উঠল ওর। দু’টো কড়া ঝুলছে। কড়া দু’টো শত বছরের পুরনো বলে মনে হয়। কিন্তু একটা কড়ায় ঝুলছে নতুন একটা বড়-সড় তালা। হতবাক হয়ে গেল জিপ্পি আসাদ। নতুন তালা এলো কোথা থেকে।
পা-পা করে এগিয়ে গেল জিপ্পি আসাদ। তালাটা ভাল করে দেখল ও। তালাটা যে নতুন তাতে সন্দেহের বিন্দুমাত্র অবকাশ নেই। ধীরে ধীরে ঠেলা দিতে লাগল ও দরজার গায়ে। খুলে যাচ্ছে দরজার পাল্লা দু’টো ক্যাচ ক্যাচ শব্দ করে।
দরজাটা খুলে যাবার সাথে সাথে ঝাপসা দুৰ্গন্ধ এসে দম বন্ধ হয়ে যাবার দশা হলো জিপি আসাদের। টর্চের আলো ফেলল ও। ছোটো একটা প্রবেশ কক্ষ দরজার ওপারে। নাকে রুমাল চাপা দিয়ে টর্চ জ্বেলে ভিতরে পা রাখল। দেয়ালে মোটা হয়ে শ্যাওলা জমেছে! কত যুগ ধরে কেউ যেন হাত দেয় নি এই ঘরে। প্রবেশ কক্ষের মাঝখানে একটা সিঁড়ি। সিঁড়ির ধাপগুলো নেমে গেছে নীচের দিকে। নীচে নেমে গেল ও।
নীচে নেমে আর একটা দরজা পেল ও সামনে। সেটার কড়াটাতেও একটা তালা ঝুলছে। দরজা ঠেলে ভিতরে ঢুকল জিপ্পি আসাদ। টর্চের আলো ফেলল ও একদিকে।
ঘরটা অস্বাভাবিক বড়। প্রায় তিন-চারটে বাড়ীর জায়গা নিয়েই একটা প্রকাণ্ড ঘর। ছাদের কাছে ঝুলছে প্রাচীন আমলের অদ্ভুত আকৃতির ঝাড়-লণ্ঠন। ঘরটা দেখে জিপির মনে পড়ে গেল ম্যাশরূম সেলের কথা। কিন্তু ম্যাশরূম সেলে শত শত লোককে বন্দী বা হত্যা করা হয়, সেখান থেকে এমন ধরনের অদ্ভুত মিষ্টি গন্ধ পাওয়া যায় না। অথচ দরজা খোলার সাথে সাথে মিষ্টি একধরনের গন্ধ পেয়েছে ও।
একটা পোর্টবল জেনারেটর দেখতে পেল জিপ্পি আসাদ। এককোণে যন্ত্রটা পড়ে রয়েছে। কিন্তু সত্যিসত্যি অবাক হলো জিপ্পি আসাদ মেঝের মধ্যবর্তী অংশে মাটি দেখে এবং সেই মাটিতে চাষ করা হয়েছে ফলের। পরিপক্ক আনারস দেখা গেল অনেকগুলো। আপেল গাছ দেখে চোখ রগড়ে নিল ও। স্বপ্ন দেখছে না তো ও? না, স্বপ্ন নয়। আপেল গাছে পাকা পাকা আপেলও দেখা যাচ্ছে। আরো কাছে এগিয়ে গেল ও। আনারস এবং আপেলই শুধু নয়, আরো বিভিন্ন ধরনের ফলের গাছ রয়েছে। ঘরের অন্য এক প্রান্তে টর্চের আলো ফেলল জিপ্পি আসাদ। এবং এবারই চমকে উচল ও সত্যিসত্যি।
বহুদূরস্থ এককোণে একটা চেয়ার। সেই চেয়ারে একজন লোক বসে আছে। মেয়ে না পুরুষ বোঝা গেল না। কোনো নড়াচড়া দৃষ্টিতে ঠেকল না। ঘুমিয়ে আছে না জেগে জেগেই তার দিকে তাকিয়ে আছে তাও বোঝা যাচ্ছে না দূর থেকে।
পা-পা করে এগিয়ে চলল জিপ্পি আসাদ।
কাছে এগিয়ে গিয়ে জিপ্পি আসাদ যা দেখল তাতে বিমূঢ় না হয়ে উপায় রইল না ওর। সুন্দরী এক যুবতী চেয়ারে বসে পা দু’টো ছড়িয়ে দিয়ে মেঝেতে ঘুমুচ্ছে। এই যুবতীকেই খুঁচ্ছিল ওরা। আপন মনেই স্বগতোক্তি করল জিপ্পি আসাদ বিমূঢ়তা কাটিয়ে : তবে কি এখনও ডাইনী ভর করে আছে আমার মাথায়? সুন্দরী নিশ্চয়ই তার প্লেন এই ঘরের ভিতর ল্যাণ্ড করায় নি?
ঘুমন্ত যুবতীটি কোটিপতি আলাউদ্দিন-আল-আজাদের কন্যা—মিস্ শাবানা।
আট
আবার চোখে হাত দিয়ে ঘষল জিপ্পি আসাদ। নিজেকে চিম্টি কেটেও দেখল। না, স্বপ্ন নয়—সত্যিকার বাস্তব দৃশ্য। যুবতীটি মিস্ শাবানা তাতে কোনোই সন্দেহ নেই। এক পা আরো সামনে বাড়ল ও। ঘুমন্ত যুবতীর হাতে টোকা মারল আঙুল দিয়ে। কিন্তু কোনো সাড়া পাওয়া গেল না যুবতীর কাছ থেকে। গভীর ঘুমে ডুবে আছে সে।
আবার একবার মিস্ শাবানার হাতে টোকা দিল জিপ্পি আসাদ। মিস্ শাবানা পটলচেরা আখিযুগোল ধীরে ধীরে মেলে ধরল। মুহূর্ত মাত্র ঘুম জড়ানো চোখে চেয়ে রইল সে জিপ্পি আসাদের দিকে। তারপর ধড়মড় করে উঠে দাড়াল। উজ্জ্বল হাসিতে সারা মুখ উদ্ভাসিত হয়ে উঠল তার। জিপ্পির একটা হাত ধরে ফেলে আবেগ ভরে সে বলে উঠল : প্রিয়তম, তোমার খোঁজে পাগল পারা হয়ে গেছি আমি।
তড়াক করে লাফিয়ে উঠল জিপ্পি আসাদ। বলল : মানে, আমি...আপনি…কি আমাকে...!
কি বলবে ভেবে না পেয়ে থেমে গিয়ে হেসে ফেলল জিপ্পি আসাদ। ও ভুলে গেল মাত্র চব্বিশ ঘণ্টা আগে এই যুবতীকে কাছে পেলে ঘুষি মেরে বসত সে রাগে। সেই সঙ্গে ভুলে গেল যে, এই যুবতীরই কারণে মোমিন ওস্তাদজীর আলুর ক্ষেতে তাকে প্লেন নামাতে হয়েছিল। অকস্মাৎ সবকিছুই ভুলে গেল জিপ্পি আসাদ। কেন না সুন্দরী যুবতী দেখলে ও সবকিছু বেমালুম ভুলেই যায়।
ঢোক গিলতে লাগল ও। হাসল। আনন্দে দিশেহারা মনে প্রায়, বারো বছরের ছেলের মতো দেখাচ্ছে ওকে। মনে নিজেই বলে উঠল—রেহানার গুমোর এবার কোথায় থাকে দেখে নেব! জাহেদটাও হিংসায় জ্বলে পুড়ে মরবে! বুদ্ধটাকে চিরকাল বলে এসেছি আমি যে, মনের মতো আদর্শবর্তী মেয়ে একদিন না একদিন পাবই!
জিপ্পি আসাদের হাত নাড়া দিয়ে মিস্ শাবানা বলে উঠল : চলো, যাই আমরা। আমরা কালো ধনুকগুলো জড়ো করব মধুচক্রে। তাহলে শয়তানরা দূরে দূরে থাকবে। তারপর একবার হাসপাতালে অবশ্যই যাব আমরা, খুঁজে বের করব সেই বেচারা নার্স কেন তোমাকে পালাবার পথ করে দিয়েছিল। কিন্তু একি, তোমার মুখে ওই দাগগুলো কিভাবে হলো, আহসান?
দুনিয়াটা যেন উল্টে গেল জিপ্পি আসাদের। রোমান্টিক কল্পনাগুলো মাথার ভিতর বিস্ফারিত হলো। চেঁচিয়ে উঠল জিপ্পি আসাদ : কি বললে? আহসান? আহসান মনে করছেন আপনি আমাকে...?
কিন্তু মিস্ শাবানা জিপ্পির কথায় কান না দিয়ে প্রেমালু চোখে তাকিয়ে আছে ওর দিকে। ব্লাউজের ভিতর থেকে লাল টক্টকে দু’টো লিলি ফুল বের করে সে বলে উঠল : তোমার জন্যে ফুল যোগাড় করে রেখেছি আমি, আহসান। নাও, ঘ্রাণ নিয়ে দেখো।
মিস্ শাবানা জিপ্পি আসাদের নাকের সামনে ধরল লাল লিলি ফুল দু’টো!
: ডাইনী ভর করেছে।
জিপ্পি আসাদ চেঁচিয়ে উঠল। ফুল ধরা হাত দু’টো সরিয়ে দিয়ে আবার বলে উঠল ও মিস্ শাবানার উদ্দেশ্যে : কি বলতে চান আপনি, লিলি ফুল এগুলো? এগুলো তো এক ধরনের উদ্ভিদ গাছ। দেখি নি কখনও এরকম টক্টকে লাল…!
চুপ করে গেল জিপ্পি আসাদ। কপালটা টিপে ধরল ও নিজের। উদ্ভিদের ঘ্রাণ নেয়াতেই সম্ভবতঃ মাথাটা ঝিম্ ঝিম্ করতে শুরু করেছে…!
মিস্ শাবানার দিকে চোখ তুলে তাকিয়ে ও এবার বলে উঠল : এখানে আর এক দণ্ডও থাকা চলে না। এই মুহূর্তে ইমতিয়াজকে খুঁজে বের করার চেষ্টা করা দরকার আমাদের। এ অঞ্চলে রহস্যময় সব ব্যাপার-স্যাপার ঘটে চলেছে, বুঝতে পারছি…খুব ভোগা দেখালে আমাকে তুমি, যাই হোক…!
লৌহ-মানব ইমতিয়াজকে সিবিগঞ্জ জেলখানায় বন্দী করে রাখা হয়েছে।
কারণ এই জেলখানায় কেউ খুঁজতে আসবে না লৌহ-মানবকে। কারো কোনো সন্দেহের সৃষ্টি হবে না। জেলখানাটা মাঝেমাঝে ব্যবহার হয়। কখনো কখনো হয়ত এক-আধজন মাতালকে ধরে এনে সেলে ঢুকিয়ে রাখে, তা নয়ত খালিই পড়ে থাকে বন্দীখানা।
ইমতিয়াজ স্টিলের বিছানা থেকে উঠে বসল। সরু সরু লোহার শিকগুলোর দিকে ভাবলেশহীন চোখে তাকিয়ে রইল ও কয়েক মুহূর্ত। বিড় বিড় করে উচ্চারণ করল ও : পরী! পরীরা! পরীরা পেছনে লেগেছে কোনো বিড়ালের। আমাদের উচিৎ…।
চুপ করল হঠাৎ ইমতিয়াজ। ঠোঁট দু’টো নিঃশব্দে নাড়তে লাগল।
সেলের বাইরে দণ্ডায়মান লম্বা এবং রোগা লোকটা দাঁত বের করে হেসে উঠল। এই লোকটাই রিভলভার ধরে প্রথম বাধা দিয়েছিল লৌহ-মানব ইমতিয়াজকে জঙ্গলস্থ কুড়ে ঘরের ভিতর। অফিস-রূম থেকে কয়েক মিনিট আগে লোকটা সেলের কাছে এসে দাঁড়িয়েছে। তীব্র চোখে নজর রাখছিল সে এতোক্ষণ ধরে লৌহমানবের দিকে। খোলা দরজা দিয়ে গম্ভীর গলার আওয়াজ ভেসে আসছে। অফিস-রূমের পাশের রূমে কথা বলছে কারা যেন।
সেলের কাছে দাঁড়িয়ে সশব্দে হেসে উঠল রোগা ও লম্বা লোকটা। হাসির শব্দ শুনে পাশের রূম থেকে একজন লোক দ্রুত পায়ে সেলের কাছে এসে হাজির হলো। এ লোকটার মাথায় ব্যাণ্ডেজ বাঁধা। সে জিজ্ঞেস করল প্রথম লোকটাকে : কি ব্যাপার, বেচারা লৌহ-মানব পেটের কথা বের করছে নাকি, খসরু?
ইমতিয়াজ বিড়বিড় করে চলেছে তখনও।
খসরু কপাল চুলকাতে চুলকাতে লৌহ-মানবকে জিজ্ঞেস করল : এখানকার কেস সম্পর্কে কতটুকু জানো তুমি, ইমতিয়াজ?
ইমতিয়াজ গলার স্বর একটু উঁচু করে বলে চলল : যে বাড়ীর উপর দিয়ে কাক ডাকতে ডাকতে উড়ে যায় সে বাড়ীর বাসিন্দাদের কপালে দুঃখ আছে। আর, হ্যাঁ, খুঁজে বের করো সেই কালো বিড়ালটাকে। বিড়ালটার লেজটুকু আবার একটু বেশী কালো।
খসরু নামক রোগা এবং লম্বা লোকটা চেঁচিয়ে উঠল : দুত্তোরি-ছাই! ওষুধ দেখছি বেশী পড়ে গেছে প্রতিক্রিয়া অত্যাধিক তার ফলে যাকগে, মনে হয় না ও বেশী কিছু জানে। আর জানলেই বা কি, আগামী দশ মিনিটের মধ্যেই তো চুন-কালি-ইটের সাথে টুকরো টুকরো হয়ে যাবে ও।
দ্বিতীয় লোকটা বলে উঠল : তারমানে! তুমি বলতে চাও...!
খসরু বাধা দিয়ে বলে উঠল : জ্বি হ্যাঁ, ডিনামাইট এই টাউন হলটা উড়িয়ে দেবে। ফিট করা হয়ে গেছে সবকিছুই, শুধু সলতেতে আগুন ধরিয়ে দিয়ে ভেগে পড়তে যা বাকী।
কথাটা বলে ঘুরে পাশের রূমে ঢুকল খসরু। রূমের ভিতর আরো বেশ কয়েকজন লোক অপেক্ষা করছিল। একজন জিজ্ঞেস করল : ইমতিয়াজ কি কি জানে?
: আগাগোড়া সবাই জানুক না। তাতে কি ক্ষতি? তোমরা সব জিনিস-পত্র সরাবার ব্যবস্থা করো এবার।
চারজন বাদে বেরিয়ে গেল সকলে রূম থেকে। খানিক পরই আশপাশের রূম থেকে ভারী বাক্স সরাবার শব্দ শোনা যেতে লাগল।
খসরু এবার আশর্য একটা কাণ্ড করল। কাপড় রাখার আলমারীর কাছে গিয়ে দাড়াল সে। ইউনিফর্ম বের করে পরে নিল সে। তারপর সকলের উদ্দেশ্যে হাসতে হাসতে বলে উঠল : আমার ছদ্মবেশ কেউই ধরতে পারে নি আজ পর্যন্ত, কি বল?
খসরুকে দেখে আগের মুহূর্তটাতেও মনে হয় নি যে, সে হচ্ছে দারোগ রব্বানী। ইউনিফর্ম পরতেই চেনা যাচ্ছে তাকে। মুখের নকল দাড়ি গোফও খুলে ফেলেছে সে, পরচুলাটাও। সে যে আসলে দারোগা রব্বানী তাতে সন্দেহের কোনো অবকাশ নেই আর। একজন সঙ্গী বলে উঠল : কিন্তু কতদিন কত উপায়ে ধোকা দেবে তুমি, দুররানী? সরকার একবার সন্দেহ করলে তোমার নির্ঘাৎ ফাঁসি দেবে।
দারোগা রব্বানী আসলে মারা গেছে তিন বছর আগে। রব্বানী মারা গেছে তা কিন্তু সরকার বা এ অঞ্চলের জনসাধারণ জানে না। জানে মাত্র কয়েকজন। দারোগা রব্বানীর যমজ ভাই এই দুররানী। দেখতে দু’ভাই প্রায় হুবহু একই রকম ছিল। রব্বানী মারা যেতে খবরটা চাপা দিয়ে নিজেই দারোগা রব্বানী সেজে সরকার এবং জনসাধারণকে ফাঁকি দিচ্ছে সে। রব্বানী হিসেবেই নিজেকে প্রমাণিত করে চলেছে সে।
রাব্বানী বলল : এরপর সেই জাহেদ মিয়ার একটা কিন্তু ব্যবস্থা করতে হবে। বাকীগুলোকেও আটকাবো। জাহেদ কোথায় আছে তা অন্ততঃ জানা আছে আমাদের।
যে লোকগুলো জিনিস-পত্র সরাতে গিয়েছিল তাদের মধ্যে থেকে একজন দ্রুত পায়ে ফিরে এলো। রব্বানী জিজ্ঞেস করল : সব ঠিক?
মাথা নেড়ে লোকটা বলল : হ্যাঁ।
রব্বানী তার বাকী সঙ্গীদেরকে বলল : বেরিয়ে পড়ো তোমরা। সলতেতে আগুণ জ্বালিয়ে দেয়া হয়েছে। তোমরা সবাই ট্রাকে গিয়ে ওঠো। আমি যাচ্ছি জিপে।
সকলে রূম থেকে বেরিয়ে পিছনের দরজার দিকে চলল দ্রুত পায়ে। যেতে যেতে রব্বানী বলে উঠল : আজ হোবিগঞ্জ হাটে যাবার কথা আমার, সেখানেই যাব এখন, সুতরাং কৈফিয়ৎ দেবার কোনো অসুবিধে হবে না আমার।
টাউন হল থেকে বেরিয়ে ওরা যে-যার গাড়ীতে চেপে বসল। দেখতে দেখতে ট্রাক এবং জিপটা অদৃশ্য হয়ে গেল দূরের রাস্তায়।
মাত্র চার মিনিট পর প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা গেল। টাউন হল, অর্থাৎ বিরাট বিল্ডিংটা সগর্জনে উপর দিকে উঠতে শুরু করলো বিস্ফোরণের প্রকোপে।
রাত্রির গাঢ় অন্ধকারকে বিতাড়িত এবং অটুট নিস্তব্ধতাকে চূর্ণবিচূর্ণ করে ডিনামাইটগুলো ফাটতে লাগল অনেকক্ষণ ধরে। সম্পূর্ণ বিল্ডিংটা ধ্বসে পড়তে সময় লাগল মাত্র মিনিট দেড়েক কিন্তু বিস্ফোরণের শব্দ হতে লাগল আরো বেশী সময় ধরে।
( এই গল্পের শেষাংশ জানতে হলে ভয়াল-৮ দেখুন )
পাঠ প্রতিক্রিয়া
আলাপ
মন্তব্য
সদস্যতা যাচাই করা হচ্ছে…
এখনও কোনো মন্তব্য নেই। পাঠ শেষ করে আলোচনাটি শুরু করুন।