হ য ব র ল

গল্প

ভয়াল ৩ — মৃতনগরী

সাগর চৌধুরী

বইয়ের পরিচিতি প্রস্তুত হচ্ছে।

ভয়াল · বই ৩

সংস্করণ · প্রথম

সম্পূর্ণ পাঠ

ভয়াল ৩ — মৃতনগরী

এক

লোকটা আসছিল কর্ণফুলীর তীর ধরে ‘সি-বীচ’ থেকে এয়ারপোর্টের দিকে।

অল্প খুড়িঁয়ে হাঁটছিল লোকটা।

দেখতে যেমন ঢ্যাঙা তেমনি শুকনো।

গায়ে মাংস আছে বলে মনে হয় না।

খাড়া নাক। কোটরাগত চোখ দুটিকে অন্ধকার গর্ত বলে ভুল হয় প্রথম দৃষ্টিতে। গাল ভাঙা আর থুবড়ানো।

যথাসম্ভব দ্রুত হাঁটছিল লোকটা। সন্ধ্যে নেমেছে, বেশ কিছুক্ষণ আগে। চারদিক আবছা অন্ধকার। এখানে সেখানে বেঁটে নারকেল গাছ, ফণিমনসা আর কেয়া কাঁটার ঝোপ। বিস্তৃত স্বচ্ছ আকাশে অগণিত তারা জ্বলছে।

সমুদ্র এখন অনেকটা শান্ত। শুধু মাঝে মাঝে পূর্বদিক থেকে এক একটা হাওয়া বইছে ঝিরঝির করে।

সে একবার হাতঘড়ি দেখল। উত্তেজিত হয়ে উঠল তার চোখ-মুখ। বিড়বিড় করে কি বলল ঠিক বোঝা গেল না।

কয়েকটা ঘন সারি গাছের আড়াল অতিক্রম করতেই সামনে পড়ল ফাঁকা মাঠ। অদূরে এয়ারপোর্টের আলো চোখে পড়ে। চারদিকে নির্জনতা, নদীর তীরের রাস্তায় লোক প্রায় নেই বললে হয়।

জনবিরল পথটা অতিক্রম করে এয়ারপোর্টের উত্তর-পূর্ব প্রান্তরে গেটের কাছে এসে উপনীত হলো। আর তখনই চোখে পড়ল দৃশ্যটা।

বহু লোক দাঁড়িয়ে আছে এয়ারপোর্টের বাইরে। বোঝা যায় অপেক্ষা করছে ওরা কারো জন্যে। লোকটার কোটরাগত চোখ দুটি চকচক করতে লাগল অস্বাভাবিক উজ্জ্বলতায়।

সে একবার কোমরে হাত দিয়ে একটা লুকানো বস্তু অনুভব করল। তারপর হাঁটতে লাগল আগের চেয়েও দ্রুতবেগে।

ঠিক এ সময় রাস্তার অদূরে অপেক্ষমান একটা জিপ থেকে এক ঝলক অগ্নি-বৃষ্টি ছুটে এল লোকটার দিকে। লোকটা পড়ে গেল মাটিতে। গর্জন করে উঠল জিপের ইঞ্জিন। তারপর মুহূর্তমাত্র দেরী না করে তীব্রবেগে সেটা চলে গেল শহরের দিকে। কিছুক্ষণের মধ্যে অদৃশ্য হয়ে গেল জিপটা।

আশেপাশের লোকজন গুলির শব্দে প্রথমটা হতভম্ব হয়ে পড়েছিল। সম্বিত ফিরতেই তারা ছুটে এল ধরাশায়ী লোকটার দিকে।

এসে দেখল মাটিতে শুয়ে বেদম হাসছে লোকটা। পাগল নাকি ব্যাটা? লোকজন অবাক হয়ে ভাবল। না, গুলি লক্ষ্যভ্রষ্ট হয়েছে। লোকটার শারীরিক কোনো ক্ষতিই হয়নি। কিন্তু তাহলেও এরকম অবস্থায় কেউ কি হাসে?

নানা জনে নানা প্রশ্ন করতে লাগল লোকটাকে। লোকটা হাসি থামিয়ে গম্ভীর হয়ে গেল। উঠে দাঁড়াল মাটি থেকে। কে কি প্রশ্ন করছে সেদিকে ভ্রূক্ষেপই করল না। কারো প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করল না। সে শুধু এয়ারপোর্টের বাইরে অপেক্ষমান জনতার ভিড়টাকে একবার তাকিয়ে দেখল।

যারা সহানুভূতিশীল হয়ে উঠেছিল তার দিকে তারা ক্ষেপে গেল লোকটার এই আচরণে। গালাগালি করতে লাগল তাদের কেউ কেউ। গায়েই মাখল না সেগুলি লোকটা। তার গম্ভীর চোখ-মুখ এখন রাগে লাল হয়ে উঠেছে। বিড়বিড় করে আপন মনে সে কি বলল কেউ বুঝতে পারল না। জিপ থেকে কেন তার উদ্দেশে গুলি বর্ষণ করা হলো, কেনই বা মাটিতে পড়ে সে বেদম হাসল এ সবকিছু রহস্য হয়েই রইল জনতার কাছে।

জনতার ভেতর থেকে কেউ একজন বলল : শালা মদ খেয়েছে।

কেউ বলল : মাথা খারাপ লোকটার। দেখছো না কি রকম কটমট করে তাকাচ্ছে।

কেউ কেউ আবার লোকটাকে ‘স্পাই’ বলেও অভিহিত করল। লোকটা গায়ের ধুলি ঝাড়তে ঝাড়তে খুব কষে গালি দিল যেন কাকে। তারপর এগিয়ে গেল এয়ারপোর্টের দিকে।

এয়ারপোর্টের বাইরের প্রাঙ্গণে লোকজন গিজগিজ করছে। লোকটা এই ভিড়ের ভেতর মিশে গেল। কিছুক্ষণ পর তাকে দেখা গেল একজিট লাউঞ্জের ভেতর। সেখানে একদল রিপোর্টার আর ফটোগ্রাফার অপেক্ষা করছিল। সকলেই একটা বিশেষ ফ্লাইট ‘এ্যাটেন্ড’ করতে এসেছে।

লোকটা সিগারেট ধরাল ধীরেসুস্থে। তাকিয়ে তাকিয়ে রিপোর্টার আর ফটোগ্রাফারদের দেখল তীক্ষ্ণ চোখে। তারপর একজন রিপোর্টারের পাশে গিয়ে দাঁড়াল।

: স্যার, একটা কথা জিজ্ঞেস করি?

রিপোর্টারকে সে বিনীতভাবে বলল। রিপোর্টার নিস্পৃহ গলায় বলল : একটা কেন, একশো প্রশ্ন করুন। তবে ইমতিয়াজের প্লেন এসে গেলে আর হবে না।

: ও! আপনি তাহলে ইমতিয়াজের প্লেন আসারই অপেক্ষায় আছেন? ইয়ে স্যার… এই ভদ্রলোক, মানে ইমতিয়াজ বলছেন যাকে, তিনি কে বটে?

রিপোর্টার মহা অবাক হয়ে তাকাল ঢ্যাঙা আর শুকনো দেখতে লোকটার দিকে। বলল : ইমতিয়াজ কে? বলেন কি সায়েব? ডক্টর ই. আলী’র নাম শোনেন নি আপনি? ইমতিয়াজ, জিপ্পি আসাদ, জাহেদ আর রেহানা জেসমিনের নাম শোনেন নি? অবাক করলেন!

রিপোর্টার তখন সবিস্তারে ইমতিয়াজ এবং তার দলবলের কথা বলতে লাগল। জানাল ইমতিয়াজ হচ্ছে পৃথিবী-খ্যাত বাঙালি দুঃসাহসী যুবক। তার দলের জিপ্পি আসাদ, জাহেদ আর রেহানা, এরাও এক একজন রত্ন। ইমতিয়াজ একদিকে একজন উঁচু শ্রেণীর বৈজ্ঞানিক ও পুরাতত্ত্ববিদ, অন্যদিকে একজন লাইট হেভিওয়েট মুষ্টিযোদ্ধা। ইঞ্জিনিয়ার হিসেবেও তার যথেষ্ট সুনাম আছে। তাছাড়া চিকিৎসাবিদ্যায় তার সমকক্ষ এই দেশে আছে কি না সে বিষয়ে অনেকেই সন্দেহ করেন।

লোকটা যেন হাঁ করে শুনল রিপোর্টারের কথাগুলি। বলল : নাকি স্যার? সাঙ্ঘাতিক ব্যাপার তো! তা স্যার.... একটা কথা। ইমতিয়াজ আর তার দলবলের আসল কাজটা কি?

রিপোর্টার বলল : সেটা বলা শক্ত। ইমতিয়াজ আর তার দলবলের নির্দিষ্ট কোনো কাজ নেই। দুনিয়াময় ওরা ঘুরে বেড়ায় দুঃসাহসিক অভিযানে। এই তো দশদিন আগের কথা। আরবসাগরের একটা দ্বীপে বিদেশী আক্রমণ হয়েছিল। ডক্টর ই. আলী আর তার দলবল বিদেশীদের তাড়িয়ে সেই ক্ষুদ্র দ্বীপটির স্বাধীনতা রক্ষা করেছে।

লোকটা কেন যেন একটু হাসল। তার ভাব-ভঙ্গির আড়ালে খেলে যাচ্ছিল একটা সূক্ষ্ম চাতুরী। ডক্টর ই. আলী এবং তার দল সম্পর্কে তার জানার আগ্রহের যেন শেষ নেই—হাবে-ভাবে এরকম বোধ হচ্ছিল।

রিপোর্টার এবারে বলল : কিন্তু আপনি কে বটে স্যার? চিটাগাংয়েরই লোক?

লোকটা বলল : না, স্যার বাড়ি আমার দক্ষিণ বঙ্গে, সোনা-রঙ দ্বীপে। তবে বেশ কয়েক বছর ধরে এই শহরেই আছি।

বেশ বোঝা যাচ্ছিল লোকটা কথা দিয়ে কথা বার করার চেষ্টা করছে। কিন্তু রিপোর্টার নেহাতই দিলদরিয়া লোক। ওসব ঘোর-প্যাচ সে বুঝল না। সে ভাবল সত্যি সত্যি লোকটা ডক্টর ই. আলী এবং তার দলবল সম্পর্কে কিছু জানে না। অথচ এয়ারপোর্টে জনতার ভিড় দেখে জানতে আগ্রহী হয়েছে।

বেশ কিছুক্ষণ রিপোর্টার কথা বলল লোকটার সাথে ইমতিয়াজ এবং তার দলবল সম্পর্কে। জানাল নিজস্ব প্লেনে করে চিটাগাং আসছে ইমতিয়াজ দলবলসহ। এই খবরটা স্থানীয় পত্রিকা অফিসগুলিকে জানিয়েছে একটা বিদেশী নিউজ এজেন্সি দু’দিন আগে। স্থানীয় পত্রিকা মারফত জনসাধারণ ইমতিয়াজ আসছে শুনে তাকে এবং তার দলের লোকদের এক নজর দেখার জন্য ছুটে এসেছে এয়ারপোর্টে।

বেশ কিছুক্ষণ কথাবার্তার পর রিপোর্টার চলে গেল রিসেপশনের দিকে। লোকটা একজিট লাউঞ্জ পার হয়ে এয়ারপোর্টের ভেতরে পা দিল। বিড়বিড় করে বলল : আমার কাজ আর কেউ পারবে না। আমি ঠিক লোকই নির্বাচন করেছি! সেন আম্‌পালা! শয়তান! তোমার দিন শেষ হয়ে এসেছে।

লোকটা চারদিকে তাকাল। নাতিবৃহৎ এয়ারপোর্টের প্রান্তদেশে ল্যাণ্ডিং লাইটগুলি জ্বলছে। এখানে ওখানে লোকজন অধীরভাবে দাঁড়িয়ে অপেক্ষা করছে ইমতিয়াজের প্লেন কখন এসে পৌঁছবে এই অপেক্ষায়।

এই সময় লোকটার চোখ পড়ল হাত দশেক দূরে প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে নিস্তব্ধভাবে দাঁড়িয়ে থাকা চারজন বিচিত্র বেশধারী যুবকের দিকে। যুবক চারজনের পরনে আঁটোসাটো প্যান্ট আর টি-সার্ট। গায়ের রং হলদে। চ্যাপ্টা নাক। ক্ষুদে ক্ষুদে চোখ। প্রথম নজরে ওদের চীনা মনে হতে পারে। কিন্তু ওরা চীনা নয়।

দক্ষিণ-পূর্ব এশিয়ার লোক এরা। ফ্যাকাশে চুল আর শীতল দৃষ্টি দেখে বোঝা যায় এরা মারাত্মক স্বভাবের লোক।

যুবক চারজন ওর দিকেই তাকিয়ে আছে। লোকটা প্রথমে সচকিত হলো। তিক্ত হাসল একটু তারপর বলল : পাবে না আমাকে তোমরা শয়তানের দল। আগে সেন আম্‌পালাকে খতম করব আমি! তারপর মরব! গুলি তো ছুড়েছিল আম্‌পালার চরেরা। কই লাগল আমার গায়ে? লাগল? অপ্রকৃতিস্থের মতো নিজের মনে হাসল লোকটা। হাত দিয়ে একবার কোমরে লুকোনো বস্তুটা অনুভব করল। তার চোখ-মুখ গম্ভীর হয়ে উঠল। সে যুবক চারজনের দিকে চোখ রেখে বাঁ দিকে দাড়াল একদল ফটোগ্রাফারের ভিড়ের ভেতর।

বেশ কিছুক্ষণ কাটল এভাবে। যুবক চারজন পরস্পরের ভেতর কি যেন বলাবলি করল। মাথা নাড়ল এদের ভেতর সবচে’ বেঁটে আর বলশালী দেখতে লোকটা। দুজন চলে গেল দক্ষিণ দিক ধরে একজিট লাউঞ্জের দিকে। বেঁটে লোকটা দাঁড়িয়ে রইল পূর্ব ভঙ্গিতে যথাস্থানে। চতুর্থজন এগিয়ে এল ফটোগ্রাফারের দলটার দিকে।

লোকটার কোটরাগত চোখ জোড়া উত্তেজনায় চকচক করতে লাগল। সে সেন আম্‌পালা নামক লোকটাকে বিড়বিড় করে জঘন্য ভাষায় গালিগালাজ করল। অধীর ভাবে তাকাল একবার ঘড়ির দিকে। মৃত্যু? মারবে ওকে শয়তান সেন আম্‌পালার চরেরা? সে ভাবল। উত্তেজিত হয়ে উঠল সে ভেতরে ভেতরে। মৃত্যুর জন্যে তো কবে থেকেই প্রস্তুত হয়ে আছে। কিন্তু ইমতিয়াজের প্লেন আসার আর কত দেরী? ইমতিয়াজের সাথে দেখা না হলে সে যে মরতেও পারে না!

ঠিক এ সময় একটি সুন্দরী যুবতী মেয়ে এগিয়ে গেল পাশ দিয়ে সম্মুখের দিকে। লোকটা যেন বিস্ময়ে ভয়ে আঁতকে উঠল। মেয়েটিকে দেখেই সে চেঁচিয়ে উঠল—ইরাবতী! ইরাবতী!

ইরাবতী তার কথা শুনতে পেল না। তাকে দেখতেও পেল না ফটোগ্রাফারদের ভিড়ের ভেতর। লোকটা দৌড়ে এগিয়ে যেতে চাইল ইরাবতীর দিকে। কিন্তু কি ভেবে নিজেকে সে সংযত করল। জিঘাংসার দৃষ্টি নিয়ে তাকাল বিচিত্র বেশধারী বিদেশ যুবকটির দিকে। সে তেমনি প্যান্টে হাত রেখে ভয়ঙ্কর ঠাণ্ডা চোখে নিশ্চল ভঙ্গিতে দাঁড়িয়ে আছে।

বোধহয় অপেক্ষা করছে সঙ্গীদের জন্য। লোকটা ভিড়ের ভিতর চোখ ফের ইরাবতীকে দেখার চেষ্টা করল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ইরাবতীর কলাপাতা রক্তের শাড়ি পরা সুঠাম দেহ-বল্লরী অদৃশ্য হয়ে গেছে।

ইরাবতী কেন এসেছে? লোকটা নিজেকেই যেন প্রশ্ন করল। দাতে দাঁত চেপে বলল : সেন আম্‌পালা! সব সেন আম্‌পালার জন্যেই হচ্ছে! শয়তান! শুয়োর!

এই সময় এয়ারপোর্টের বাইরে ফ্লাড লাইটগুলি জ্বলে উঠতে শুরু করল। এয়ারপোর্টের জনতা উল্লাসে ফেটে পড়ল। ইমতিয়াজের প্লেন আসছে। ইমতিয়াজ আসছে।

সাংবাদিকদের ভেতরেই অধিক উত্তেজনা সঞ্চারিত হলো। ফটোগ্রাফাররা ক্যামেরা তৈরি করে নিয়ে উন্মুখ হয়ে অপেক্ষা করতে লাগল। ফিল্ড লাইটগুলি একে একে জ্বলে  উঠল আর এয়ারপোর্টের কর্তব্যরত কর্মীরা প্রস্তুত হয় বিমান অবতরণের মুহুর্তটির জন্য।

শরতের নির্মেঘ নীল আকাশে কিছুক্ষণের মধ্যেই একটি আলোকিত প্লেন ভাসতে দেখা গেল। ক্রমে প্লেনটা নিচে নেমে রানওয়ের উপর দৌড়তে লাগল প্রকাণ্ড ঈগল পাখির মতো। এক সময় ইঞ্জিনের শব্দ নিথর হয়ে গেল। ডানার কাঁপুনি থেমে গেল। প্লেনটাকে ফ্লাড লাইটের আলোয় এবার ভালোভাবে দেখা গেল। তিন মোটর বিশিষ্ট অল মেটাল এম্‌ফিবিয়ান।

প্লেনটা যেন হালকা পাখির ন্যায় রানওয়ের উপর দাঁড়িয়ে রইল।

ইমতিয়াজের প্লেন এসে পৌঁছেছে! অপেক্ষমান জনতা সোল্লাসে চেঁচিয়ে উঠল।

ফটোগ্রাফাররা ছবি তোলার জন্য উদগ্রীব হয়ে অপেক্ষা করতে লাগল ক্যামেরা হাতে নিয়ে। রিপোর্টার খবর সংগ্রহের জন্য অধীর হয়ে উঠল। অপেক্ষমান জনতারও একই দশা।

ইমতিয়াজ, জিপ্পি আসাদ , জাহেদ এবং রেহানাকে এক নজর দেখার জন্য উদগ্রীব হয়ে উঠেছে তারা। এদের মধ্যে অটোগ্রাফ শিকারীদের অবস্থাই সবচে’ খারাপ। তারা বলতে গেলে ইমতিয়াজ এবং তার দলের মানুষদের দেখার জন্যে, অটোগ্রাফ নেয়ার জন্যে উন্মত্ত হয়ে উঠেছে।

পূর্ব-বর্ণিত সেই ঢ্যাঙা, শীর্ণকায় লোকটা ভিড় ঠেলে এগিয়ে যেতে লাগল। তার চোখ দুটি অস্বাভাবিক রকম চকচক করছে।

চারদিকে উল্লাসের ধ্বনি। চিৎকার। জয়-ধ্বনি। কল-গুঞ্জন।

হঠাৎ সব নিস্তব্ধ হয়ে গেল। খুলে গেল এমফিবিয়ান প্লেনের দরজা। সিঁড়ি লাগিয়ে দেওয়া হলো সঙ্গে সঙ্গে। কিছুক্ষণ পর দরজার মুখে এসে দাঁড়াল দীর্ঘকায় বলিষ্ঠ শরীরের এক ব্যক্তি।

ইমতিয়াজ।


ছ’ফুটের উপর লম্বা। বিশাল বুক। শক্তি ও স্বাস্থ্যের দীপ্তিতে চোখ-মুখ আলোকিত।

গায়ের রং ফরসা। অসাধারণ এই লোকটার উপর চোখ পড়ামাত্র তীব্র আকর্ষণে জড়িয়ে যেতে হয়। পেশীবহুল শরীর যেন শক্তি ও সংযমের আধার।

প্লেনের বাইরে একজিট লাউঞ্জ এবং আশেপাশে লোকজনের ভিড় দেখে ইমতিয়াজের মসৃণ, প্রশান্ত ললাটের নিচে ঘন ভ্রুজোড়ায় সামান্য কুঞ্চন খেলে যায়।

মুহূর্তেই সিদ্ধান্ত গ্রহণ করে ফেলে। অপেক্ষমান জনতাকে পাশ কাটিয়ে যাবার কোনোই উপায় নেই। সুতরাং এই ভিড় সহ্য করতেই হবে।

ইমতিয়াজের পেছনে দেখা গেল দৈত্যের মতো দেখতে জিপ্পি আসাদকে। প্রকাণ্ড শরীরের তুলনায় মাথাটা ছোট, আর শরীরময় লোম। নাকটা চ্যাপ্টা। জিপ্পির মুখে একগাল হাসি।

জিপ্পির ঠিক পেছনেই জাহেদ। দীর্ঘ, একহারা শরীর। প্রথম দেখায় সামান্য রোগা বলে মনে হতে পারে। ডান হাতে ছড়ি। চোখে পুরু লেন্সের চশমা। পাতলা ঠোঁটজোড়ায় ফুটে উঠেছে বিরক্তি। ভাবখানা, দেশের মাটিতে পা দিতে না দিতেই একি কাণ্ড রে বাবা!

জাহেদের পেছনে পেছনে প্লেন থেকে নেমে এল রেহানা। লম্বা, ঋজু দেহ। স্বাস্থ্য ও শ্রী শরীর ফুটে বেরোচ্ছে। খাটো চুল ঘাড়ের উপর নেমেছে। পরনে হালকা নীল রঙের বিদেশী ব্লু-বার্ড শাড়ি। শাড়ির উপর, রেহানার চিরাচিরত অভ্যাস অনুযায়ী, পাতলা কটনের নীল কার্ডিগান।

জনতা স্তব্ধ বিস্ময়ে প্লেন থেকে অবতরণ করতে থাকা চারজন দুঃসাহসী বাঙালি অভিযাত্রীকে দেখল। তিন যুবক এক যুবতী। সারা দুনিয়ার মানুষ এদের নাম জানে।

মাত্র কিছুদিন আগে আরবসাগরের একটি ছোট দ্বীপের অধিবাসীদের হয়ে এই চারজন বাঙালি অভিযাত্রী বিদেশী আক্রমণকারীদের বিরুদ্ধে সংগ্রাম করেছে। সংগ্রাম শেষে দ্বীপের অধিবাসীদের ভাগ্যে জয়ের মালা পরিয়ে দিয়ে দ্বীপবাসীদের প্রীতি শুভেচ্ছা আর কৃতজ্ঞতা কুড়াতে কুড়াতে ওরা ফিরে এসেছে দেশে।

জনতা ওদের ঘিরে ধরল। বহুকষ্টে জনতার হাত এড়িয়ে ওরা যখন কোনোরকমে রিসেপশনে এল তখন ওরা রীতিমতো প্রশংসা আর ভক্তির ঠেলায় বিপর্যস্ত হয়ে উঠেছে। কিন্তু সহজে কি নিস্তার মেলে? রিসেপশনে আসতেই রিপোর্টাররা ঘিরে ধরল ওদের।

ততক্ষণে পুলিশের হাতে চলে গেছে শৃঙ্খলা ব্যবস্থা। পূর্ব-বর্ণিত ঢ্যাঙা আর শুকনো লোকটি প্রাণপণে চেষ্টা করল জনতা আর পুলিশের বেষ্টনী এড়িয়ে ইমতিয়াজের কাছে পৌঁছতে। কিন্তু দুর্ভাগ্য লোকটার। যতবারই চেষ্টা করল ততবারই হয় জনতার অত্যধিক ভিড়ের চাপে নতুবা পুলিশের হস্তক্ষেপের দরুন তার চেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হলো। হতাশ হয়ে লোকটা ভিড় বাঁচিয়ে বাইরে ট্যাক্সি স্ট্যাণ্ডের কাছে গিয়ে দাঁড়াল।

আত্মগোপনের প্রয়োজনীয়তার কথা তার ঠিকই মনে আছে। কিন্তু এই অবস্থায় আত্মরক্ষার কতটুকুই বা উপায় আছে?

একটা কাঁটা মেহেদির ঝোপের কাছে অন্ধকারে দাঁড়িয়ে রইল লোকটা। একটা হাত দিয়ে সে একবার কোমরে লুকোনো বস্তুটা অনুভব করল অভ্যাসবশে।

তার অনুমান মিথ্যে হলো না। ঘণ্টা দেড়েক বাদে একদল ভক্ত দ্বারা পরিবৃত হয়ে ইমতিয়াজ এবং তার তিন সঙ্গীকে ট্যাক্সি-স্ট্যাণ্ডের দিকে আসতে দেখা গেল। লোকটা নানা প্রকারে ইমতিয়াজ ও তার সঙ্গীদের দৃষ্টি আকর্ষণ করতে চেষ্টা করল। কিন্তু যে কারণেই হোক তার উদ্দেশ্য সিদ্ধ হলো না।

লোকটার সারা মুখে হতাশার কাল ছোপ ছড়িয়ে পড়ল। ইমতিয়াজ তখন তিন সঙ্গীকে নিয়ে ইতোমধ্যে বেশ খানিকটা দূর এগিয়ে গেছে। ইমতিয়াজের কাছে গিয়ে পৌঁছুবার উপায় নেই। চারদিকে ট্যাক্সি আর ফাঁকে ফাঁকে লোকজন। লোকটা মরিয়া হয়ে একটা মালিকহীন ভাঙা ট্যাক্সির উপর চড়ে বসল। চিৎকার করে বলল :  ইমতিয়াজ!

ভিড়ের গুঞ্জনের ভিতর চিৎকারটা শোনা গেল বটে। কিন্তু প্রথমটায় সবাই এই চিৎকার শুনে হতভম্ব হয়ে গেল।

তারপর সকলের চোখ গেল লোকটার দিকে। ইমতিয়াজ, আসাদ, জাহেদ এবং রেহানাও দেখল। ঢ্যাঙা, শুকনো একটা লোক ভাঙা ট্যাক্সির উপর দাঁড়িয়ে আছে। চিৎকার করছে।

লোকটা এই সুযোগের সদ্ব্যবহার করল। তুরিত গতিতে হাত চালিয়ে কোমরের সাথে বাঁধা ছোট বাকসোটা বার করল। চিৎকার করে বলল : ইমতিয়াজ! তোমাকে আমার সর্বস্ব দিচ্ছি! দয়া করে তোমার কাছে রাখো। পরে তোমার সাথে দেখা করব আমি।

এই বলেই বাকসোটা ছুঁড়ে ফেলে দিল ইমতিয়াজের দিকে। ইমতিয়াজ এক হাত বাড়িয়ে জিনিসটা লুফে নিল শূন্য থেকে। তারপর তাকাল লোকটার দিকে।

কিন্তু ততক্ষণে লোকটা অন্ধকারে অদৃশ্য হয়ে গেছে। ভাঙা ট্যাক্সির উপর সে নেই।

রাত তখন ন’টা বেজে কয়েক মিনিট।


দুই

রাত এগারোটা।

শহরের উত্তর-প্রান্তে দুটি সবুজ ঘাসে ছাওয়া টিলার মাঝখানে প্রকাণ্ড এক বাড়ি।

আশেপাশে বাড়ি-ঘর তেমন চোখে পড়ে না। বহু নিচে সাপের মতো আঁকাবাঁকা রাস্তা।

আলো জ্বলছে রাস্তার দু’পাশের লাইট পোস্ট গুলিতে। টিলার নিচে খাদ। ঝিঁ ঝিঁ পোকা একটানা ডেকে চলেছে অন্ধকারে।

চারদিক নির্জন। নিষুপ্ত। টিলার ওপর যে দোতলা বাড়িটা, সে বাড়ির বড় বড় কাঁচের জানালা ভেদ করে ফুটে উঠেছে হলুদ আলো।

একটা ট্যাক্সি আঁকাবাঁকা রাস্তাটা ঘুরে বাড়িটার পেছনে এসে দাঁড়াল। পূর্ব বর্ণিত সেই ঢ্যাঙা আর শুকনো লোকটা নেমে এল ট্যাক্সি থেকে। ভাড়া মিটিয়ে বিদেয় করে দিল ট্যাক্সিটা।

তারপর সাবধানে এগোলো বাড়িটার দিকে। বাড়ির পেছনের দিকে আলো নেই অন্ধকার। বড় বড় একসারি বাদাম গাছ দাঁড়িয়ে আছে প্রেতের মতো।

লোকটা বাঁ দিকে ঘুরে টিলার চারপাশে ঘোরানো পথটা ধরে বাড়িটার সামনে এল। দেখল গাড়ি বারান্দায় একটা হুড খোলা জিপ দাঁড়িয়ে আছে। দাঁতে দাঁত ঘষল সে। বিড় বিড় করে বলল, ‘শয়তান!’

তার সারা মুখে ফুটে উঠল ভয়ঙ্কর ভাব। অন্ধকার কোটরে চোখ দুটি জ্বলতে লাগল হিংস্র শ্বাপদের চোখের মতো। প্রাঙ্গণটুকু পার হয়ে গাড়ি বারান্দার পাশ দিয়ে সে উঠে এল একটা বিশাল দরজার সামনে।

দরজা বন্ধ। সে দরজায় করাঘাত করল। মুহূর্তে দরজা খুলে গেল। একটা লোককে দেখা গেল অবাক হয়ে তাকিয়ে থাকতে।

: সেন আম্‌পালার সাথে দেখা করব।

: সেন আম্‌পালা?—ভাঙা ভাঙা বাংলায় দ্বার-রক্ষী জানতে চায়। বলে : প্রয়োজন কি?

: প্রয়োজনটা তাকেই বলব। তুমি শুধু যেয়ে বল মাবিয়া এসেছে। 

দ্বার-রক্ষী এদেশীয় নয়। চেহারা-ছবি চাইনীজদের মতো। তবে দক্ষিণ-এশিয়ার লোক। ক্ষুদে-ক্ষুদে চোখে তীক্ষ্ণ দৃষ্টি।

দ্বার-রক্ষী তাকে কোনো অবস্থায়ই ভেতরে যেতে দেবে না। আচমকা লাফিয়ে পড়ল সে লোকটার ঘাড়ে বাঘের মতো। মাবিয়া ঢ্যাঙা আর শুকনো দেখতে হলে কি হবে, তার শরীরে অসুরের শক্তি। দ্বার-রক্ষী আচমকা আক্রমণের জন্য মোটেও প্রস্তুত ছিল না। বিশেষত তালপাতার সেপাইর মতো দেখতে একটা লোক তার উপর এভাবে ঝাঁপিয়ে পড়বে, গলার টুটি টিপে ধরবে, তা কল্পনা করাও তার পক্ষে ছিল অসম্ভব।

নিজেকে মাবিয়ার হাত থেকে মুক্ত করার জন্য প্রাণপণে চেষ্টা করল দ্বার-রক্ষী। কিন্তু মাবিয়ার হাতের লৌহ বন্ধনী থেকে নিজেকে মুক্ত করতে পারল না। কিছুক্ষণ ধস্তাধস্তি করল লোকটা। তারপর মাবিয়ার কঠিন দুই হাতের নিষ্পেষণে জ্ঞান হারিয়ে মেঝেয় লুটিয়ে পড়ল।

মাবিয়া সেই ছোট ঘরখানার দিকে ভাল করে তাকায় এবার। দ্বার-রক্ষীরই ঘর। একপাশে ছোট একটা তক্তাপোষ। তক্তাপোষের উপর বিছানা।

দ্বার-রক্ষী মরে গেছে কিনা বুঝতে পারল না মাবিয়া। বোধহয় জ্ঞান হারিয়েছে। সে দ্বার-রক্ষীর অচেতন দেহটা তক্তাপোষের নিচে রেখে দিল। বিছানার চাদরটা টেনে দিল মেঝে পর্যন্ত।

তক্তাপোষের নিচে একটা অচেতন দেহ লুকানো আছে। এটা বাইরে থেকে ঘরে ঢুকে কেউ বুঝতে পারবে না।

ঘরের এককোণে পড়ে আছে একটা ধারাল রামদা। দ্বার-রক্ষী ঘরের ঐ কোণ পর্যন্ত যাওয়ার চান্স পেলে কপালে কি ঘটত ভেবে একটু শীতল হাসি হাসল মাবিয়া। রামদাখানা হাতে নিল।

অগ্রসর হলো ভেতর বাড়ির দিকে।

বাড়িটা বিশাল। চারদিকে টানা ঘর। মাঝখানে একফালি উঠোন। ভেতরে প্রশস্ত বারান্দা। প্রত্যেকটা ঘরের দরজায় বড় বড় তালা ঝুলছে। অথচ ভেতর থেকে কাঁচের জানালা দিয়ে আলো আসছে।

উঠোনের মাঝখানে বড় একটা ফোয়ারা। নগ্ন ভেনাস মূর্তির দু’দিক দিয়ে উঠছে উচ্ছ্বসিত পানির নহর। ফোয়ারার টলটলে নীল জলে রক্ত-কমল ফুটে আছে।

টানা বারান্দা ধরে এগোল মারিয়া। কিছু দূর যেতেই পড়ল দোতলার সিঁড়ি। দ্রুতবেগে দুজন লোক নেমে গেল নিচে। ভ্রূক্ষেপ মাত্র করল না। মাবিয়া তার সেই বিচিত্র হাসি হাসল। মৃত্যুর জগতে এসে পৌঁছেছে সে জানে। মনে হচ্ছে মৃত্যু তাকে নিয়ে খেলা করছে।

দোতলায় উঠে বাঁ দিকে এগোল। বারান্দায় মৃদু আলো জ্বলছে। হঠাৎ খটখট শব্দ তুলে এক যুবতী মেয়েকে আসতে দেখা গেল এদিকে। হাই-হিল জুতোর আওয়াজ। আওয়াজটা আসছে সিঁড়ি থেকে। তাড়াতাড়ি মোটা একটা থামের আড়ালে গিয়ে লুকোয় মাবিয়া।

যুবতী সিঁড়ি বেয়ে উপরে উঠে এগিয়ে গেল বাঁ দিক ধরে সামনে আর তারপর মাবিযার ঠিক দু’হাত তফাতে একটা বন্ধ করা দরজা খুলে ফেলল চাবি দিয়ে।

রুদ্ধশ্বাসে অপেক্ষা করছিল মাবিয়া। যুবতীটির ভাবভঙ্গি কেমন যেন সন্দেহজনক ঠেকছে। সে দরজার দিকে এগিয়ে গেল পা টিপেটিপে। ঘরের ভেতরে দৃষ্টি নিক্ষেপ করল। পেছন ফিরে যুবতীটি তখন পোশাক ছাড়ছে। যুবতীটিকে দেখে মাবিয়ার চোখেমুখে বিচিত্র হাসি ফুটে উঠল। মনে মনে বলল আজ পেয়েছি তোমাকে সেন আম্‌পালা। আজ তোমাকে ছাড়ব না।

তার সন্দেহই সত্য। যুবতীটি আর কেউ নয়, সেন আম্‌পালা। যুবতীর ছদ্মবেশে রয়েছে। সেন আম্‌পালা আসলে পুরুষ কি রমণী তা সঠিক কেউ জানে না। সর্বদাই এক একটা ছদ্মবেশের আড়ালে আত্মগোপন করে থাকে সে। কোনো সময় যুবতীর ছদ্মবেশ। কখনো বৃদ্ধের ছদ্মবেশ। কোনো কোনো সময় কিশোরের ছদ্মবেশ। নিখুঁত ছদ্মবেশ ধরতে পারে সেন আম্‌পালা। তবে যত দূর জানা যায় কোনো যুবকের ছদ্মবেশ কখনো সে ধারণ করে না।

অথচ মাবিয়া জানে সেন আম্‌পালা পুরুষ। ইন্দুবতীকে সে-ই অপহরণ করেছিল নিজের ভোগ-লালসার জন্যে। বহু মেয়ের জীবন নষ্ট করেছে নাকি এভাবে সেন আম্‌পালা। কখনো কেউ তার কাজে বাধা দিতে পারেনি। তার ছদ্মবেশ ধরাও কঠিন ব্যাপার।

মাবিয়া দেখল যুবতীর ছদ্মবেশ ছেড়ে সেন আম্‌পালা এক কিশোরের ছদ্মবেশ ধারণ করছে। ছোট একখানা ঢলঢলে মুখ। উৎসাহব্যঞ্জক বড় বড় চোখ। বাঁকা সিঁখি। পরনে মালয়-দেশীয় পোশাক। প্রথম দেখায় মনে হয় পনের কি ষোল বছরের ছেলে যার দেহে যৌবনের ঢল মাত্র নামতে শুরু করেছে। চোখ দুটি তেমনি মায়াময় আর অনুসন্ধিৎসু।

নিশ্চয়ই যুবতীর ছদ্মবেশ পরে কোথাও গিয়েছিল সেন আম্‌পালা। লোকে বলে হাতে কাজ না থাকলে সেন আম্‌পালা নাকি যুবতীর ছদ্মবেশে শহরের জনাকীর্ণ এলাকায় ঘুরে বেড়ায়। না, কাউকে প্রলুব্ধ করে না এমনিতে। যুবতীর ছদ্মবেশে সেন আম্‌পালা নাকি দুনিয়াটা ভাল বুঝতে পারে। তাই ঘুরে বেড়ায়।

মাবিয়া দাঁতে দাঁত ঘষল সেন আম্‌পালার শয়তানির কথা ভেবে। সে আর দ্বিরুক্তি করল না। অতর্কিতে ঢুকে পড়ল ঘরের ভেতর এবং সেন আম্‌পালা কোনো প্রস্তুতি নেবার আগেই তার ঘাড়ের কাছে রামদাটা উদ্যত করে সুস্পষ্ট ইংরেজিতে বলল : সাবধান আম্‌পালা। নড়বে না। যেমন আছ দাঁড়িয়ে থাক।

সেন আম্‌পালা ভয়ানক অবাক হয়ে মাবিয়াকে দেখল। বলল : মিঃ মাবিয়া না? আমাদের দেখা হলো না বছর পাঁচেক আগে সিঙ্গাপুরের প্রিন্সেস হোটেলে? কি আশ্চর্য!

: হ্যাঁ। প্রিন্সেস হোটেলের পাঁচ নম্বর কেবিন থেকেই ইন্দুমতীর মৃতদেহটা উদ্ধার করেছিলাম। সেদিন আমার সামান্য ভুলে তুমি সরে পড়তে পেরেছিলে আম্‌পালা! আজ সে সুযোগ তুমি পাবে না। তোমার চালাকি সব আমি জানি। হাত দুটো উপরে তুলে ভাল ছেলের মতো দাঁড়িয়ে থাক।

তৎক্ষণাৎ আদেশ পালন করল আপালা। হাত দুটো উপরে তুলল। বলল : দোহাই আপনার মিঃ মাবিয়া। কোপ টোপ দেবেন না স্যার! আপনি কি চান, কেন এসেছেন সেইটে দয়া করে বলুন। দেখি কিছু সাহায্য করতে পারি কি না।

মাবিয়া তিক্ত হেসে বলল : কেন এসেছি তা তুমিও জান আম্‌পালা। ন্যাকা সাজার চেষ্টা করো না খামোকা। যুবতী রমণী সেজে তুমি সন্ধ্যায় কোথায় গিয়েছিলে তা আমি আজ ভালোভাবেই জানি। এখন বুঝতে পারছি জিপ গাড়িতে তুমিই ছিলে। আমার উপর গুলিটাও ছুঁড়েছিলে নিশ্চয় তুমি!

: ছিঃ ছিঃ…—সেন আম্‌পালা দুঃখিত হয় : কি সব বলছেন আপনি মিঃ মাবিয়া। আমি ওসব গুলিটুলি ছুঁড়তে যাব কেন? হ্যাঁ, নানারকম ছদ্মবেশ ধারণ করতে আমি পছন্দ করি বটে এবং আজ আমি মেয়ে সেজে বাইরেও গিয়েছিলাম। কিন্তু ওটা হলো নেহাতই একটা শখ। একটু বিতিকিচ্ছিরি রকমের শখ বলতে পারেন। কিন্তু বিতিকিচ্ছিরি রকমের শখ কি কারো থাকে না? আমারটা হলো ঐ ধরনের একটা শখ। আর জিপ থেকে গুলি ছোড়ার কথা বলছেন। ছিঃ ছিঃ,....আমি স্যার বন্দুক বলুন, পিস্তল বলুন, রিভলবার বলুন আজ তক্ স্পর্শ করিনি। বিশ্বাস করুন করিনি। ভগবান বুদ্ধের দোহাই!

মাবিয়া বলল : যথেষ্ট হয়েছে। চুপ করো। তোমার শয়তানির কথা আমি বেশ জানি। ইচ্ছে করছে এক কোপে তোমার কল্লাটা নামিয়ে দিই ঘাড় থেকে!

সেন আম্‌পালা এই কথা শুনে যেন ভয়ে আর বাঁচে না। তার দুচোখ বিস্ফারিত। মাবিয়া বলল : দুই নম্বরের চাবিটা দিয়ে দাও আম্‌পালা। নইলে খোদার কসম, তোমাকে আস্ত রাখব না আমি!

আম্‌পালা বলল : দু’নম্বরের চাবি। কিসের দু’নম্বরের চাবি মিঃ মাবিয়া? আপনার কি মাঝে মাঝে খুব মজার রসিকতা করতে ইচ্ছে হয়? নতুবা দু’নম্বরের চাবির কথা জিজ্ঞেস করবেন কেন আমার কাছে? দুই নম্বর, এক নম্বর— এসবের আমি কি জানি!

মাবিয়ার দুচোখ জ্বলে উঠল তীব্র ক্রোধের আগুনে। তা দেখে যেন ভয় পেয়ে যায় আম্‌পালা। বলে : কি, রেগে গেলেন নাকি স্যার? ঠিক আছে স্যার, ঠিক আছে। আসল কথা বলছি। দু’নম্বর চাবির কথা জিজ্ঞেস করছেন? ওটা আছে একশো এক মাথাওয়ালা সেই নীনাক্কার কাছে।

: নীনাক্কার কাছে? কে বলেছে এটা তোমাকে? ইন্ডিগো?

: হ্যাঁ, সেই বলেছে। আরো বলেছে এক নম্বর চাবিটা আছে তোমার কাছে আর তিন নম্বরের চাবিটা ইরাবতীর কাছে।

: ইন্ডিগোর সব ঘটনাই মনে আছে আম্‌পালা। আমার সাথে ওর দেখা হলে আমি ওকে আরো দু’একটা কথা জিজ্ঞেস করতাম। যাহোক, আম্‌পালা, শেষ কথা বলো। দু’নম্বর চাবিটা কোথায়?

: বাঃ! এতক্ষণ তাহলে কি বললাম আপনাকে মিঃ মাবিয়া!

সেন আম্‌পালা মহা বিস্ময়ের সাথে বলে। কিন্তু ফল হয় না তাতে কিছু। মাবিয়া তার হাতের রামদার আগাটা দিয়ে আমপালার গলনালীর উপরের হাড়ের উপর খোঁচা দেয়। চামড়া কেটে রক্ত বেরিয়ে আসে।

সেন আম্‌পালা যেন হতবাক হয়ে যায়। যন্ত্রণার কোনো ধ্বনিও বেরোয় না ওর গলা দিয়ে। অনেকক্ষণ চুপ করে থাকে। তারপর বলে : সব কথা বলছি। আমাকে আঘাত করবেন না মিঃ মাবিয়া।

: বেশ বল।

: দু’নম্বরের চাবিটা আমার কাছেই আছে।

: আছে! বাঃ! অতি চমৎকার। কোথায় সেটা?

আম্‌পালা বলল : দেয়ালের একটা গোপন কুঠুরীতে। আমার টেবিলের পা-দানীতে বোতাম আছে। টিপুন। গোপন কুঠুরীটা বেরিয়ে আসবে। দেখবেন ওখানেই দু’নম্বর চাবিটা আছে।

মাবিয়া তীক্ষ্ণ চোখে তাকায় সেন আম্‌পালার দিকে। সেন আম্‌পালা ফাঁকি দিতে চেষ্টা করছে কিনা অথবা কোনো রকম ফাঁদে ফেলার চেষ্টা করছে কিনা ভাবতে চেষ্টা করে। সেন আম্‌পালা তেমনি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। একহারা ছিপছিপে শরীর। চোখে-মুখে তারুণ্যের দীপ্তি।

শেষ পর্যন্ত লোভেরই জয় হয় মাবিয়ার মনে। তার শরীরের রক্ত টগবগ করে ফুটতে লাগল দেয়ালের গোপন কুঠুরীতে দুই নম্বর চাবিটা পাওয়া যাবে এটা ভেবে। তাকিয়ে দেখল সত্যি সত্যি টেবিলের নিচে পা-দানীতে ছোট একটা বোতাম রয়েছে। সাদা রঙের বোতাম।

একপাশে ফিরে দাঁড়াল মাবিয়া। হাতের অস্ত্রটা উদ্যত রাখল যথাসম্ভব। তারপর পা বাড়াল টেবিলের নিচে পা-দানীর দিকে।

ঠিক এই মুহূর্তটির সুযোগ নিল সেন আম্‌পালা। চকিতে পেছনে সরে গিয়ে দেয়ালের গায়ে ঠেস দিয়ে রাখা একটা বিশাল, অর্ধসমাপ্ত ওয়াল-পেন্টিং দু’হাতে তুলে ছুঁড়ে মারল মাবিয়ার দিকে।

মাবিয়া চট করে একটু সরে গেল। ওয়াল-পেন্টিংটা গিয়ে আছড়ে পড়ল পেছনের দেয়ালে। এবার মাবিয়ার পালা। তীক্ষ্ণ রামদা হাতে ছুটে এল মাবিয়া।

সেন আম্‌পালা তৈরি হয়েই আছে। সে জাপানি কায়দায় বিচিত্র উপায়ে স্থান পরিবর্তন করতে লাগল লাফিয়ে লাফিয়ে। ফলে মাবিয়ার রামদা’র প্রত্যেকটা কোপ ব্যর্থ হলো।

শেষ আঘাত। মাবিয়া বাঁ-দিকে সরে যাবার ভান করল সেন আম্‌পালা ডানদিকে সরে যাবে এই আশায়। কিন্তু সেন আম্‌পালা যেন যাদুমন্ত্রের গুণে মাবিয়ার মনের কথা বুঝতে পারল। সে যথাস্থানে দাঁড়িয়ে রইল এবং তড়িৎগতিতে জুতোসুদ্ধ ডান পা-টা ভীষণ জোরে মারল মাবিয়ার ডান হাতের কব্জিতে।

রামদা’টা পড়ে গেল মাবিয়ার হাত থেকে। সেন আম্‌পালা জুতো-সুদ্ধ বাম পা-টা এবার ব্যবহার করল যথানিয়মে। মাবিয়ার ডান হাতে ধরা রামদা’টা ছিটকে পড়ে যেতেই যেন আম্‌পালার বাঁ পায়ের স্টীল-যুক্ত জুতোর একটা প্রচণ্ড লাথি গিয়ে পড়ল মাবিয়ার থুতনির উপর।

মাবিয়া কাতরোক্তি করে উল্টে গিয়ে পড়ল বইয়ের একটা শেলফের উপর। সেন আম্‌পালার শরীরের গতি তখন বিদ্যুতের মতো হয়ে উঠেছে। সে গিয়ে ঝাঁপিয়ে পড়ল মাবিয়ার উপর। সেন আম্‌পালার হাতে রং করা বড় বড় তীক্ষ্ণ নখ। সে হাঁটু দিয়ে ঠেসে ধরল মাবিয়ার বুক আর খুঁজতে লাগল চোখ দুটি।

মাবিয়া সেন আম্‌পালার উদ্দেশ্য বুঝতে পারল। হাতের বড় বড় তীক্ষ্ণ নখগুলি আম্‌পালা ঢুকিয়ে দিতে চাচ্ছে তার চোখের কোটরে। মাবিয়া প্রাণপণে যুঝতে লাগল। ডান কনুইটা দিয়ে মারল সে আম্‌পালার গলায়। আম্‌পালা পড়ে গেল কাৎ হয়ে একপাশে। মাবিয়া ওর তলপেটে লাথি বসাল গায়ের সমস্ত শক্তি একত্রিত করে। তারপর চরমতম মুহূর্তের বিপদের কথা ভেবে দুজনেই ছিটকে গিয়ে উঠে দাঁড়াল।

এবারেও প্রথম সুযোগটা নিল মাবিয়া। হাত বাড়িয়ে একটা চেয়ার তুলল এবং সজোরে নিক্ষেপ করল সেটা আম্‌পালার মাথায়। আম্‌পালা সরে গেল একপাশে কিন্তু আঘাত থেকে নিজেকে সম্পূর্ণ বাঁচাতে পারল না। তার কপালের একপাশ কেটে রক্ত বেরোতে লাগল। মাবিয়া রামদা টা হাতে তুলে নেয়ার জন্য পা বাড়ায়।

ঠিক এ সময় ঘরে ঢুকল চারজন লোক। এয়ারপোর্টে দেখা সেই বিচিত্র বেশধারী চারজন যুবক। ঘরে ঢুকেই ওদের ভেতর বেঁটে আর শক্তিশালী দেখতে লোকটা বিদ্যুৎ গতিতে ছুটে গিয়ে রামদাটা তুলে নিল। বাকি তিনজন গিয়ে ঝাঁপিয়ে পড়ল মাবিয়ার উপর।

কপালের রক্ত মুছতে মুছতে সেন আম্‌পালা মালয়ী ভাষায় বলে : ব্যাটাকে বেশ মারধোর করো না। ওকে আমার ভীষণ দরকার।


অন্য একটা ছোট ঘরে নিয়ে যাওয়া হলো মাবিয়াকে হাত-পা বেঁধে। সেন আম্‌পালা একটা বড় সোফায় গা এলিয়ে বসেছে। ইতোমধ্যেই সে কাপড় বদলেছে, পরিচ্ছন্ন হয়েছে। হাতের বড় বড় নখে লাল রং। ভুরুতে কাজল। মুখে গায়ে প্রসাধনের ছাপ।

ঘরে সেই চারজন যুবক একটা নিভানো অগ্নিকুণ্ডের চারপাশে দাঁড়িয়ে আছে। মাবিয়াকে কাছেই একটা তক্তপোষে চিৎ করে শুইয়ে রাখা হয়েছে।

সেন আম্‌পালা হাতের নখ দেখছে। বিরক্তি আর ধরে না তার গলায়। বলল : মিঃ মাবিয়া, আপনি ভাই ঘুষি মেরে আমার বাঁ’ হাতের অনামিকার চমৎকার নখটা ভেঙে ফেলেছেন। এই দেখুন, এই দেখুন.....

মাবিয়া চুপ করে রইল। তার অনুতাপ হচ্ছে এভাবে বন্দি হওয়ার জন্যে। মনে হলো ভুল হয়ে গেছে। কি করে ভুল সংশোধন করা যায়, এই বীভৎস পরিবেশ থেকে কিভাবে পালানো যায় তাই ভাবতে লাগল সে।

সেন আম্‌পালা যুকে চারজনকে ইংরেজিতে বলল : তোমরা কোনো কাজের নও। দ্যাখো তো মিঃ মাবিয়া কেমন নিজেই এসে ধরা দিলেন। তোমাদের তো পাঠিয়েছিলাম ওকে ধরে আনতে, কই পারলে?

যুবক চারজন ভয়ে ভয়ে তাকায় সেন আম্‌পালার দিকে। সেন আম্‌পালা বলল : মিঃ মাবিয়া, এক নম্বরের চাবিটা কোথায়?

মাবিয়া বলল : বলব না।

সেন আম্‌পালা বলল : তা আপনি না বললেও আমরা জানি মিঃ মাবিয়া। চাবিটা আপনি ছুঁড়ে দিয়েছেন ডক্টর ই. আলীকে। আপনি বেশ বুদ্ধিমান মিঃ মাবিয়া। ইন্দুমতী আপনার কে ছিল? মনিবের মেয়ে, তাই না? বড়ো মেয়ে? আচ্ছা মিঃ মাবিয়া....

সেন আম্‌পালা উঠে দাঁড়ায় সোফা থেকে। মাবিয়ার তক্তাপোষে একটা পা রেখে দাঁড়ায়। বলে : ইরাবতী কোথায় আছে?

: জানি না।

: জানেন। ইরাবতী কোথায় আছে আপনি জানেন মিঃ মাবিয়া। বলুন, কোথায় আছে ইরাবতী।

মাবিয়া চুপ করে রইল। সেন আম্‌পালা তার নির্বাক ভাবভঙ্গি দেখল। মাথা নাড়ল। যুবক চারজনের একজনকে উদ্দেশ্য করে বলল : আত্তা, তাহলে কাজ শুরু করো।

একজন দেয়ালের কাছে গিয়ে একটা সুইচ অন করে দিয়ে এল। অগ্নিকুণ্ডটা লাল হয়ে উঠল। সেই কুণ্ডের ভিতর পুড়তে লাগল চার হাত লম্বা তীক্ষ্ণ-মুখ একটা ইস্পাতের শিক।

সেন আম্‌পালা দুঃখের সাথে বলল : তখন তো চোখ দুটি বাঁচাতে পেরেছিলেন মিঃ মাবিয়া। এখন কি আর পারবেন? আমি সহজ পন্থায় বিশ্বাসী। আপনাকে জানে মেরে কি লাভ? তারচে’ আপনার চোখ দুটি উপড়ে ফেলা অনেক ভালো। তাই না মিঃ মাবিয়া?

আত্তা তীক্ষ্ণ-মুখ ইস্পাতের শিকটা আগুনের কুণ্ড থেকে তুলে ধরল। লাল টকটক করছে শিকটা। শিকের আগুনটা কালো হয়ে আছে।

মাবিয়াকে আষ্ঠেপৃষ্ঠে বেঁধে রাখা হয়েছে। তা সত্ত্বেও দু’জন গিয়ে দু’দিক থেকে চেপে ধরল তাকে। আগুনে পোড়া শিকটা নিয়ে আত্তা এগোলো।

মাবিয়া ভীত চোখে তাকাল। গলা দিয়ে একটা আর্তস্বর বেরিয়ে এলো। এদিকে আত্তার হাতের শিকটা চোখের উপর নেমে আসছে। আগুনের তাপ লাগছে সারা চোখে- মুখে।

চেঁচিয়ে উঠল মাবিয়া। বলল : বলছি। ইরাবতী কোথায় আছে, বলছি।

সেন আম্‌পালা কোনো রকম উত্তেজনা বা আনন্দ বা ক্রোধ প্রকাশ না করে বলল : থামো হে। তিনি বলবেন।


তিন

হোটেল ডিসীকা।

জনৈক মধ্যবয়স্কা এ্যাংলো মহিলা এর মালিক।

উগ্র প্রসাধনে সর্বদাই সজ্জিতা।

পরনে আঁট-সাট গাউন।

যৌবনে খুবই আকর্ষণীয় ছিলো মিস রেবেকা ইয়াজদানী। যৌবনকাল গত হয়েছে বলতে গেলে। তবু নানাভাবে যৌবনকে ধরে রাখার প্রয়াস আছে এখনো।

মুখে সর্বদাই মিষ্টি হাসি। লিপস্টিক মাখা ঠোঁটের ফাঁকে ঝকঝকে দাঁতের সারি। একটু বেঁটে। সামান্য স্থূল-কায়া।

হেলেদুলে হাঁটে।

কিন্তু গলার স্বর অদ্ভুত মিষ্টি। ব্যবহারও খুব ভাল।

নতুন রিসেপশনে দাঁড়িয়ে নতুন রিসেপশনিস্টকে উপদেশ বিতরণ করছিল। আসল কথা, রিসেপশনিস্টকে হাত করা চাই। ছেলেটা দেখতে ভীষণ রকম ভালো। বাঙালি ছেলের এরকম ভালো ফিগার আর ম্যানলি চেহারা থাকতে পারে এটা মিস রেবেকার ধারণা আর অভিজ্ঞতার বাইরে ছিল।

ছেলেটার নাম শমিত। শমিতের সাথেই কথা বলছিল মিস রেবেকা।

এ সময় ক্রিং ক্রিং শব্দে টেলিফোন বেজে উঠল। পুরানো রিসেপশনিস্ট টেলিফোন ধরে বলল : মিস রেবেকা, ইটস ইয়োর কল।

মিস রেবেকা এগিয়ে এসে টেলিফোন ধরল। দেখতে দেখতে তার চোখ-মুখ রাগে লাল হয়ে উঠল। তাকে এ সময় বলতে শোনো গেল : সি জেন্টেলম্যান, আই কেয়ার লিটল ফর ইয়োর ড্যাম ওয়ার্নিং! গো টু হেল!

টেলিফোনে একটি কর্কশ কণ্ঠ জঘন্য একটা গালি দিয়ে বলল : তোর সাহস আছে স্বীকার করছি। কিন্তু জইল্যা মীরের সাথে এতোটা সাহস দেখানো কি উচিত? যদি কাল বাদে পরশু রাত দুপুরে হোটেলে এসে তোর একটা ঠ্যাং ভেঙে দিয়ে যাই ধুমসী মাগী, তাহলে?

মিস রেবেকা শুধু বলল :খুবই দুঃখিত মীর। আমার কোনো বোর্ডারের উপর কারো হামলা আমি সহ্য করব না। দে আর মাই গেস্টস্।

জইল্যা মীর আরো একটা অশ্লীল গালি দিল। মিস রেবেকার মুখ রাগে অপমানে লাল টকটকে হয়ে উঠল তবু যথাসাধ্য সংযত গলায় বলল : মীর, তোমার যা খুশি তা করার চেষ্টা করতে পার। বাট ইউ ওন্ট গেট মাই হ্যাণ্ডস ইন ইট। আমি তোমাকে সাহায্য করতে পারব না। নেভার! ওটা পাপ। ও. কে. মীর। ছাড়ি। আর হ্যাঁ, পুলিশকে এটা জানাতে হচ্ছে!

টেলিফোন ছেড়ে দিল মিস রেবেকা। রাগে চোখ-মুখ থমথম করছে। শমিতের সাথে কথা বলল না। সোজা দোতলায় নিজের ঘরে এল। আগে খবর নিল পাঁচতলার উত্তর দিকে তিনটা স্যুট রিজার্ভ করে যে তিনজন যুবক ও একজন যুবতী রয়েছে তারা ঘরে আছে কিনা। যখন শুনল ওরা ঘরেই আছে তখন টেলিফোনে কন্টাক্ট করল ইমতিয়াজের সাথে। মিনিটখানেক হাসি মুখে কথা বলল। স্বাস্থ্য আর মেজাজের খবরাখবর নিল। তারপর গুড ইভনিং জানিয়ে ফোন ছেড়ে দিল। মিস রেবেকা এরপর টেলিফোন করল পুলিশের কাছে। একটু আগে চিটাগাং-এর কুখ্যাত গুণ্ডা আর খুনী জইল্যা মীরের সঙ্গে আলাপের বিষয় বস্তুটা খুলে বলল।

থানার দারোগা বলল : ওই শালা বুঝি আপনার সাথেও লেগেছে। আচ্ছা, চিন্তা করবেন না, আমরা পুলিশ সব আপনার সঙ্গে আছি। জন দুই সিপাই পাঠিয়ে দিচ্ছি আপনার হোটেলে। রাত্রিবেলা পাহারা দেবে।

মিস রেবেকা খুব একটা ভরসা পেল তেমন মনে হলো না। তার চোখে-মুখে ঘনিয়ে উঠল দারুণ দুশ্চিন্তার ছাপ। জইল্যা মীর তার হোটেলের নতুন চারজন বোর্ডার, ইমতিয়াজ, জিপ্পি আসাদ, জাহেদ আর রেহানা,—এদের ঘরে এদের অনুপস্থিতিতে ঢুকতে চেয়েছিল। কি নাকি একটা দলিলপত্রের ব্যাপার। মিস রেবেকা যতই জইল্যা মীরের কুৎসিত আর নিষ্ঠুর চেহারাটার কথা ভাবল ততই আতঙ্কগ্রস্ত হয়ে উঠল। একটা বিষয়ে রেবেকা অবাক না হয়ে পারল না। জইল্যা মীরের উপদ্রব ছিল না গত দু’বছর। সবাই ধরে নিয়েছিল জইল্যা মীরকে তার একজন আরাকানী সহচর খুন করেছে। এই রকম একটা গুজব সারা শহরে ছড়িয়েও পড়েছিল। হঠাৎ দু’বছর পর জইল্যা মীর কোত্থেকে আবির্ভূত হলো?

রেবেকা তার ম্যানেজারকে ডেকে ব্যাপারটা বুঝিয়ে বলল। ম্যানেজার তেমন দুশ্চিন্তা প্রকাশ করল না। লোকটা চিটাগাং-এর স্থায়ী বাসিন্দা। হোটেল চালাতে গিয়ে যে আণ্ডারগ্রাউণ্ড ওয়ার্ল্ডের সাথে যোগাযোগ রাখতে হয় তা সে ভাল করেই জানে। রেবেকার কথা শুনে সে তিন চার জায়গায় টেলিফোন করল। তারও একটা গুণ্ডাদল রয়েছে—শহরের হোটেলের মালিকেরা টাকা-পয়সা দিয়ে রীতিমত পুষছে ওদের। দরকার হলেই ওদের সাহায্য পাওয়া যাবে। সুতরাং দুশ্চিন্তার কি আছে?

হোটেলের সকলেই সজাগ হয়ে গেল। খুনী গুণ্ডা জইল্যা মীরের নাম সবাই জানে। সবাই সময় গুনতে লাগল ভয়ে আর আশঙ্কায়।

শুধু নতুন রিসেপশনিস্ট শমিতের মধ্যে তেমন ভাবান্তর দেখা গেল না। এমনকি সকলের অসাক্ষাতে একটু মুচকে হাসল।


পরদিন সন্ধ্যা সাতটা!

জাহেদ ও রেহানা গিয়েছে বিকেল বেলা বিপনি বিতানে কেনাকাটা করতে।

হোটেলের স্যুটে আছে ইমতিয়াজ ও আসাদ। ইমতিয়াজ ঘরের এক কোণে একটা ছোট সেক্রেটারিয়েট টেবিল সামনে রেখে বসেছিল। টেবিলের উপর রয়েছে একটা ধাতব নিৰ্মিত বাক্স। বাক্সটা খোলা। কয়েকটা সুতোর মতো মিহি, প্রায়-অদৃশ্য তার বাক্স থেকে নেমে মেঝের কার্পেটের নিচ দিয়ে বাইরে চলে গেছে।

চারতলার সিঁড়ির দু’পাশেও রয়েছে ছোট্ট দুটি বাক্সো। যারা এই সিড়ি বেয়ে ইমতিয়াজের স্যুটে আসবে তারা বাক্স দুটির সঠিক অস্তিত্ব চিনতে পারবে না। তাদের মনে হবে দু’পাশে দুটি ফুলের টব সাজানো রয়েছে। সেক্রেটারিয়েট টেবিলের উপর রাখা ধাতব বাক্সটির সাথে লাগানো রয়েছে ছোট সাইজের বাল্‌ব। জিপ্পি আসাদ উত্তর-প্রান্তের জানালার কাছে বসে আছে একটা বায়নোকুলার চোখে লাগিয়ে।

ঠিক এসময় ধাতব বাক্স সংযুক্ত বাল্‌বটা লাল হয়ে উঠল।

: কে আসছে জিপ্পি?

ইমতিয়াজ কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে। জিপ্পি একটু থেমে থেমে বলল : তিনটে নেড়ীকুকুর আর... আর... একটা প্রকাণ্ড কাল বেড়াল...।

ইমিতিয়াজ অবাক হয়। টেবিলের একপাশে রক্ষিত একটা সুইচ অন করে দিতেই ছোট একটা মিরর ফুটে উঠল ধাতব বাক্সটির গায়ে। ইমতিয়াজের স-আবিষ্কৃত বিশেষ ধরনের টেলিভিশন এটা। হোটেলের দক্ষিণ প্রান্ত অর্থাৎ হোটেলের সদর গেট, লন, রিসেপশন এবং হোটেলে উঠবার প্রথম সিঁড়ির পর পর চিত্রগুলি ভেসে উঠল ক্ষুদ্রাকৃতি টেলিভিশন পর্দায়। প্রথমে দেখা গেল রিসেপশান। নতুন রিসেপশনিস্ট শমিত নিচু গলায় কথা বলছে মালয়দেশীয় এক যুবকের সাথে। সদর গেটে দাঁড়িয়ে আছে তিনজন মালয়ী যুবক। গেটের কাছে ডিউটিরত দুজন সিপাই গাড়ি বারান্দার এক পাশে তোয়ালে বিছিয়ে মহা ফুর্তিতে ‘ফিস’ খেলছে।

:জিপ্পি।

ইমতিয়াজ টেলিভিশন থেকে দৃষ্টি না সরিয়েই ডাকল। জিপ্পি তার নির্দেশের জন্য অপেক্ষা করছে সে জানে। বলল : তিনটে নেড়ী কুকুর আর একটা কালো বেড়াল পাঠানোর মানে কি বুঝতে পারছ?

:হ্যাঁ। প্রতিপক্ষ জানাচ্ছে তোমরা দলে চারজন লোক আমরা জানি। আর…—ইমতিয়াজ বলল : তোমাদের আমরা গ্রাহ্য করি তিনটে নেড়ী কুকুর আর একটা কালো বেড়ালের মতো।

জিপ্পি আসাদ বলল : এর সঙ্গে এয়ারপোর্টের পাওয়া সেই কালো বাক্সোটার কোনো সম্পর্ক আছে ইমতিয়াজ?

ইমতিয়াজ মাথা নাড়ল নিঃশব্দে। ইতোমধ্যে টেলিভিশনে নতুন চিত্র উদ্ভাসিত হয়ে উঠেছে। দ্বিতীয় পর্যায়ে শমিত টেলিফোন করছে। সদর গেটে ট্যাক্সির অপেক্ষায় দাঁড়িয়ে আছে চারজন মালয়ী যুবক। দুজন সিপাই পরস্পরকে ‘শালা’ ডাকছে রেগেমেগে। পয়সা নিয়ে গোলমাল হয়েছে ওদের মধ্যে।

ইমতিয়াজ ‘সুইচ’ অফ করে দিল। উঠে দাঁড়াল বিশাল শরীর নিয়ে। দু’একটা জিনিস ভরল পকেটে। জিপ্পিকে বলল : আমি রাত একটার মধ্যেই ফিরব।

বেশি কথা বলা ইমতিয়াজের স্বভাব নয়। সহকৰ্মী আসাদ, জাহেদ ও রেহানার সাথে তার এমন একটা সমঝোতার সম্পর্ক তৈরি হয়েছে যাতে তারা সহজেই পরস্পরের মনোভাব বুঝতে পারে।

ইমতিয়াজ দক্ষিণ দিকের জানালা দিয়ে মোটা পাইপ বেয়ে নিচে নামল অক্লেশে।

নিচে বড় একটা খোলা ড্রেন। একপাশে তারকাঁটা ঘেরা মাঠ। মাঠের ভেতরে একটা ইঞ্জিনিয়ারিং ফার্মের অফিস। চারদিকে বিজলী বাতি জ্বলছে এখানে-সেখানে। আকাশ পরিষ্কার।

সংকীর্ণ লেন পার হয়ে বড় রাস্তায় নামল ইমতিয়াজ। এক মুহূর্ত কি যেন ভাবল। সিদ্ধান্ত নিতে তার দেরী হলো না। তার গভীর দুটি চোখে উজ্জ্বলতা চকিতে একবার ফুটে উঠেই মিলিয়ে গেল।

ট্যাক্সি ডাকল একটা ইমতিয়াজ। বলল : বেলতলী রোড।

ট্যাক্সি বাতাস, অন্ধকার, আলো ভেদ করে ছুটতে লাগল।


: কি হে হ্যাঁদারাম, চুপচাপ কেন অমন?—রেহানাসহ ঘরে ঢুকতে ঢুকতে জিপ্পির উদ্দেশে কথাগুলি বলল জাহেদ। বড়ই ফুর্তিতে আছে সে। অনেক কেনাকাটা করেছে বিপণী বিতানে। রেহানা সারাক্ষণ অত্যন্ত অন্তরঙ্গ ব্যবহার করেছে বলে মনে আনন্দ তার ধরে না। তাছাড়া সবাই ওদের দুজনকে দেখে মনে করেছে স্বামী-স্ত্রী—আনন্দের এটাও একটা কারণ।

জিপ্পি আসাদ বলল : কি ব্যাপার? এত আনন্দ কিসের? ‘আমাশা’ ভাল হয়ে গেছে নাকি?

: আমাশা মানে?

জাহেদ আসমান থেকে পড়ে বলে : ফাজলামি করো না ভাই জিপ্পি। আমার ওসব ‘বিচ্ছিরি’ রোগ হয়নি! খোদার কসম...

: আহা লুকোচ্ছে কেন? জানি তো সবই! পকেটে ডাক্তার আলীর প্রেসক্রিপশনটা দেখেছি, বুঝলে? যাক গে... রেহানার সামনে এরকম 'আন-রোমান্টিক’ কথাটা বলা বোধহয় ঠিক হয়নি! ঠিক আছে ভাই, আমি মাপ চাচ্ছি...।

রেহানা হেসে বলল : না হে... ‘আন-রোমাণ্টিক' কথা বলে জাহেদের উপর আমার ‘গুড নোশান’টা নষ্ট করতে পারবে না।

জাহেদ শুধু উপরের দিকে তাকিয়ে চট করে মোনাজাতের ভঙ্গি করল। বলল : সব আল্লার ইচ্ছা! রহমানুর রহিম যদি হেল্প করেন তো তোর চক্রান্তকে থোড়াই কেয়ার করি শালা গাড়োল কাঁহেকা।

তিনজনই প্রসঙ্গ শেষ করল। এভাবেই সাধারণত হালকা রসিকতার ভেতর দিয়ে ওদের কথাবার্তা শুরু হয়।

জাহেদ তাকাল জিপ্পির দিকে। স্পষ্টই ওর চোখে-মুখে একটা অকথিত সংবাদ ফুটে বেরুচ্ছে। রেহানাও উৎকর্ণ হলো জিপ্পি কি বলে শোনার জন্যে।

জিপ্পি আসাদ বেশ রসিয়ে রসিয়ে কোনো অজ্ঞাতনামা প্রতিপক্ষের দ্বারা তিনটে নেড়ীকুত্তা আর একটা কালো বিড়াল পাঠানোর কাহিনী খুলে বলল। শুনে হেসে বাঁচে না রেহানা আর জাহেদ।

রেহানা বলে : নেড়ী কুত্তা আর বিড়াল পাঠিয়েছে? দাঁড়াও, ধরে নিই ব্যাটাকে। কি করব জানো?

: জানি।

জাহেদ বলল : ভিলেনটার নাকে তামাকের ডাঁটা ঢুকিয়ে হান্ড্রেড এণ্ড টেন টাইমস হাঁচাব। তারপর রাতের বেলা এক ঘরে থাকতে দেব তিনটে নেড়ীকুত্তা আর একটা কালো বিড়ালের সাথে। সকালবেলা খালি পেটে পাঁচ বালতি গরম পানি খাওয়াব জোর করে। মোটকথা, এমন অবস্থা করব শালা হারামীর যে মাপ চাইতে চাইতে আর কাঁদতে কাঁদতে বাঁচবে না!

কথাবার্তা বলার সাথে সাথে ওরা ওদের কাজ কর্ম শুরু করে দিল। জিপ্পি রাত্রিবেলার জন্যে বিশেষভাবে তৈরি বায়নোকুলারটা চোখে লাগিয়ে উত্তর-প্রান্তের জানালায় দক্ষিণমুখো হয়ে বসল। জাহেদ ‘ওয়ারলেস’ এটেন্ড করতে বসল। রেহানা ক্ষুদ্রকায় টেলিভিশন সেটটা চালু করে দিল।

ফাঁকে ফাঁকে চলল গল্প আর হাসি-ঠাট্টা।


ট্যাক্সি এসে থামল বেলতলী রোডের শেষপ্রান্তে। একটা বাঁকা ঝিলের পাশ দিয়ে রাস্তাটা কত দূর গিয়ে থেমে গেছে। এখানে সেখানে মেহগনি আর বাদাম গাছ।

অন্ধকারে গা ঢাকা দিয়ে এগোলো ইমতিয়াজ।

কিছুদূর যেতেই গাছপালায় ঢাকা একটা পুরান বাড়ি চোখে পড়ল। সামনের গেট দিয়ে ভেতরে ঢুকল ইমতিয়াজ।

বাগানে বড় বড় ঘাস জন্মেছে। বাতাসে উদ্ভিদের গন্ধ। ইমতিয়াজ হাতের চর্টটা ধরে গেটে লেখা নামফলকটা পড়ে নিল। নিশ্চিত হলো যেন।

সারাটা বাড়ি অন্ধকার। একপাশে আলাদা একটা কক্ষে আলো জ্বলছে। আলোটা লক্ষ্য করেই এগোলো ইমতিয়াজ।

ঠিক তখন কে একজন ছুটে এল অন্ধকার বাড়িটার একটা প্রকোষ্ঠ থেকে। ইমতিয়াজ হাতের চর্টটা তুলে ধরল। শক্তিশালী টর্চের আলোয় এঁকেবেঁকে উঠল একটি নারীদেহ। চিৎকার করে উঠল মেয়েটি ঘটনার আকস্মিকতায়। তারপরই তার হাতে ধরা পিস্তল থেকে বর্ষিত হলো দু’ঝলক অগ্নি-বৃষ্টি।

যথাসময়ই সরে দাঁড়িয়েছিল ইমতিয়াজ। কেন ইরাবতী এভাবে পালাচ্ছে, পালিয়ে কোথায়ই বা যাচ্ছে ভেবে অবাক না হয়ে পারল না।

মেয়েটি বাগানের সরু অন্ধকার পথ ধরে কোথায় চলে গেল বোঝা গেল না। ওকে অনুসরণ করার তেমন তাগিদ অনুভব করল না ইমতিয়াজ মনের ভেতর। সে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলো অন্ধকার বাগানের ভেতর। গুলির শব্দে আশেপাশে কোনো প্রতিক্রিয়া হয় কিনা সেটা পরখ করাই ছিল ওর অপেক্ষার কারণ।

ইরাবতীই এ বাড়ির বর্তমান মালিক। বাড়ির গেটে যার নাম লেখা আছে তিনি ইরাবতীর জন্মদাতা। শুভ মুহম্মদ, সংক্ষেপে এস. এম। বাড়ির নম্বর দশ, বেলতলী রোড। চট্টগ্রাম শহর থেকে মাইল চারেক উত্তরে। শহরেরই অংশ বলা চলে জায়গাটা। কিছুক্ষণ দাঁড়িয়ে অপেক্ষা করল। তারপর বাড়ির আলোকিত কক্ষটি লক্ষ্য করে এগোলো ইমতিয়াজ। দরজাটা হাট করে খোলা। ভেতরে এক পা দিয়েই পিছিয়ে এল ইমতিয়াজ।

ভেতরে লম্বালম্বি হয়ে শুয়ে আছে কে যেন। হ্যাঁ, মৃত। হার্ট-পয়েন্টে গুলি লেগেছিল বোধহয়। রক্তে বুকের কাপড় আর মেঝে ভেসে যাচ্ছে।

ঠিক বাঁ দিককার ঘরে কেউ একজন ঘাপটি মেরে বসে আছে। দেয়ালে জীবন্ত মানুষের ছায়া দেখল ইমতিয়াজ।

হাতে পিস্তল আছে অনুমান করল। লম্বা গোঁফ আছে। গাট্টা-গোট্টা চেহারা। খুব সম্ভব খুবই বেঁটে লোক।

মিনিটখানেক অপেক্ষা করেই এবং দেয়ালে পাশের ঘরের মানুষটির ছায়া দেখে হাসল ইমতিয়াজ মনে মনে। না, তারই ভুল। ঐ মানুষটাও মৃত। একটা টুল পিঠে দিয়ে বসে আছে বলে ঐ রকম চেহারা পড়েছে দেয়ালে।

বাতাসে ওর চুল কাঁপছিল। চুল উড়ছিল। তাইতে আচমকা জীবন্ত মনে হয়েছিল লোকটাকে।

দ্বিতীয় লোকটারও হার্ট পয়েন্টে গুলি লেগেছে। তার হাতে একটা ছেঁড়া কাপড়ের টুকরো। ব্যাপারটা এভাবে সাজানো যায়, হার্ট পয়েন্টে গুলি খাওয়ার আগে প্রতিপক্ষের সাথে ধস্তাধস্তি হয়েছিল। হাতে ছেঁড়া কাপড়ের টুকরোটা সম্ভবত প্রতিপক্ষেরই গায়ের জামার অংশ।

বাঁ দিকের ঘরটার অর্ধেকটা পাশের ঘরের আলোতে আলোকিত, বাকি অর্ধেকটা অন্ধকার। বাঁ দিকের ঘরটা পার হয়ে তৃতীয় ঘরটায় ঢুকল ইমতিয়াজ। ঢুকতেই আচমকা কে যেন ধাক্কা দিল ওকে আস্তে হাতে ঘাড়ের ঠিক পেছনে।

ভয়াবহ অনুভূতি।

চর্টটা জ্বালায় ইমতিয়াজ।

কড়ি-কাঠে দড়ি বেঁধে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে একটা লোক। এই লোকটারই ঝুলন্ত পা আচমকা এসে লেগেছিল ইমতিয়াজের ঘাড়ের ঠিক পেছনটায়।

টর্চটা আলো জ্বালিয়ে ঝুলন্ত মৃতদেহটা পরীক্ষা করে ইমতিয়াজ। চেহারায় খানিকটা বৈসাদৃশ্য আছে আর দুজনের সাথে। এ লোকটি বাঙালি। বাকি দুজন মালয়ী। ইমতিয়াজ ঘরের চারপাশে চোখ বুলায়। আসবাবপত্র তেমন নেই। একটা খাট, আলনা, বইয়ের গোটা দুই র‍্যাক আর একটা স্টীলের আলমারী! আলমারীটা খোলা। ভেতরটা ফাঁকা। কোনো জিনিসপত্র নেই।

লোক তিনটির মৃত্যুর জন্য কে দায়ী? ইরাবতী? ইরাবতী অমনভাবে পালিয়ে গেল কেন দৌড়াতে দৌড়াতে? তার হাতের পিস্তলের গুলিতেই কি মারা পড়েছে দুজন মালয়ী? তৃতীয় জন অর্থাৎ বাঙালি লোকটির মৃত্যু কি আত্মহত্যাজনিত?

ইমতিয়াজ এক পা এগোল। তার ইন্দ্রিয় সজাগ হয়ে উঠল একটা বিচিত্র গন্ধে। মুহূর্তকাল পরেই একটা দেশলাই’র কাঠি জ্বলে উঠল ওপাশের বারান্দায় আর ঝনাৎ করে কি একটা বস্তু মাটিতে পড়ে যাবার শব্দ হলো।

একটু পরে একটা অস্পষ্ট ছায়া দেখা গেল ভেতর দিকের দরজার মুখে। এক সেকেণ্ড সময়ের বিরতি। তারপরই লোকটা ইমতিয়াজের উপস্থিতি টের পেল। কালবিলম্ব না করে লোকটা দৌড় দিল ভেতরে দিকের বারান্দা ধরে।

ইমতিয়াজ চুপ করে দাঁড়িয়ে রইল। আততায়ী পালিয়ে যেতে সক্ষম হয়েছে সে বুঝল। তার মস্তিষ্কে ঝড় বইছিল চিন্তার। দক্ষিণ প্রান্তের ঘরটা ছেড়ে এগোলো ভেতর দিকে। অধিকাংশ ঘরই বন্ধ। একটা ঘরে ঢুকে সে বাতি জ্বালল। সম্ভবত ইরাবতীর ঘর। দেয়ালে ইরাবতীর ফটো ছাড়াও রয়েছে একটা গ্রুপ ফটো। ইরাবতী, ইন্দুমতী, শুভ মুহম্মদ আর মিসেস আলিয়া মুহম্মদের ছবি। ফটোর নিচে নাম লেখা রয়েছে।

ইরাবতীর খাটের উপর একগাদা খবরের কাগজের কাটিংস। বোঝা যায় ইরাবতী সন্ধ্যার পর যে কারণেই হোক পুরনো খবরের কাগজের কাটিংস পড়ছিল। দুটো কাটিংস পকেটে পুরল ইমতিয়াজ। একটা কাটিংস মালয়ী ভাষায় লেখা খবরের কাগজ ‘তিব্বু মাইহেলে’র। এক বছর আগের কাটিংস। গুরুত্বপূর্ণ একটি খবর রয়েছে সেখানে। খবরটা এই রকম, বাঙালি পুরাতত্ত্ববিদ শুভ মুহম্মদ তার স্ত্রী মিসেস আলিয়া মুহম্মদ এবং জ্যেষ্ঠা কন্যা ইন্দুমতী ‘মৃত নগরী’র একশ’ এক মাথাওয়ালা ঈশ্বরের হাতে পড়েছে। শুভ মুহম্মদের সহচর মাবিয়া ও কনিষ্ঠা কন্যা ইরাবতী কোনোরকমে মৃত নগরী থেকে পালিয়ে আসতে সক্ষম হয়েছে।

ইরাবতীর ঘরে টেলিফোন রয়েছে। টেলিফোনের রিসিভারটা হোল্ডার থেকে দূরে পাশের টিপয়ের উপর রাখা। ইরাবতী সম্ভবত কাউকে টেলিফোন করছিল।

রিসিভারটা কানে লাগায় ইমতিয়াজ। ডেড। ইমতিয়াজ বুঝল টেলিফোনের তার কেটে দেওয়া হয়েছে।

ইরাবতীর ঘর ছেড়ে বারান্দায় এলো ইমতিয়াজ। যে তিনটি ঘরে তিনজনের মৃতদেহ রয়েছে সেই ঘরগুলি আবার পরীক্ষা করল। লম্বালম্বিভাবে শুয়ে থাকা প্রথমোক্ত মালয়ী লোকটার পকেটে ইংরেজিতে লেখা একটা কার্ড পাওয়া গেল। কার্ডে একটা নাম রয়েছে : আনহোলি। একটা নম্বর রয়েছে 2 Garden 15050387 BZM.

কার্ডটা নিজের কাছে রাখল। তারপর এক ইঞ্চি আয়তন বিশিষ্ট ক্ষুদ্রাকায় একটা যন্ত্র বার করল পকেট থেকে। ইঞ্জিনিয়ার জাহেদের আবিষ্কৃত ক্ষুদ্রতম ও আধুনিকতম ওয়্যারলেস সেট। অপর প্রান্ত থেকে জাহেদ এ্যাটেন্ড করল। ইমতিয়াজ মালয়ী লোকটার পকেট থেকে পাওয়া নাম আর নম্বরটা দিল। সংক্ষেপে ‘কোড টার্মে’ দু’একটা নির্দেশ দিল বন্ধুকে।

তখনকার মতো কাজ শেষ করে ইমতিয়াজ মাত্র পা বাড়িয়েছে ঠিক তখন হুড়মুড় করে একটা জিপকে রাজপথ অতিক্রম করে এদিকে আসতে দেখা গেল। বাড়িটার কাছাকাছি এসে থেমে গেল জিপটা। জনা দশেক লোক ছড়িয়ে পড়ল বাড়িটার চারদিকে।

ইমতিয়াজ অন্ধকার বাগানে একটা মেহগনি গাছের গুঁড়ির সাথে মিশে দাঁড়িয়ে রইল।

কতক্ষণ পরই শোনা গেল আর্তনাদ, থ্রি মার্ডার! মাই গড। চাকরিটা আর বাঁচান গেল না! গুল বাহাদুর ইয়ার মুহাম্মদ... খোঁজো ব্যাটাকে ভাল করে! উঃ! কি সব্বোনাশের কথা! তিনটে খুন!

ইমতিয়াজ বুঝল ওরা পুলিশের লোক। আর্তনাদ করছে পুলিশ দলের দলপতি। হয়ত এসপি বা ডিএসপি। হঠাৎ নিজের নাম শুনে উৎকর্ণ হয় ইমতিয়াজ। শুনল দলপতি আর একজনকে বলছে ওই ব্যাটার নাম শুনো নাই? হ্যাঁ, ইমতিয়াজ ...আমাদের পুলিশের খাতায় আজই নাম উঠল।

সঙ্গীটি বলল : খবরটা কে দিয়েছিল স্যার?

সেইটেই বড় রহস্য। খবর দিয়েছে একটা মেয়ে মানুষ। নাম বলল ইরাবতী। খবর দিল বিখ্যাত বাঙালি অভিযাত্রী ইমতিয়াজ তার বাড়িতে ঢুকে তিনজনকে নাকি খুন করেছে। খবরটা তো মহিলা ঠিকই দিয়েছিল দেখতে পাচ্ছি। এখন ইমতিয়াজকে পেলে হয়।

সঙ্গীটি বলল : আমি বিশ্বাস করি না স্যার, ইমতিয়াজের মতো এমন একজন উঁচুদরের বৈজ্ঞানিক আর অভিযাত্রীর পক্ষে এরকম ছিঁচকে কাজ করা সম্ভব! এটা নিশ্চয়ই অন্য কারো কাজ।

পুলিশের কর্তা এই কথায় জবাব না দিয়ে আবার হাঁক ডাকে সরগরম করে তুলল জায়গাটা। দুজন পুলিশ ইতোমধ্যে বাড়ির ভেতরের আলোগুলি জ্বালিয়ে দিয়েছে। বন্ধ ঘরের তালা ভাঙছে কেউ কেউ। বাগানেও টহল দিচ্ছে দুজন।

মেহগনির গাছের আড়াল থেকে নিবিড় অন্ধকার ছায়া ধরে এগোলো ইমতিয়াজ। রজনীগন্ধার ঝোপ পাওয়া গেল কিছুদূর যেতেই। সেখানেই আত্মগোপন করল কতক্ষণ। টহলদার পুলিশ দুজন চলে গেল পশ্চিমের দিকে। রজনীগন্ধার ঝাড় থেকে বেরিয়ে দক্ষিণ-পূর্ব প্রান্তের দেয়ালের দিকে এগোল ইমতিয়াজ।

চেঁচাচ্ছে তখন পুলিশের বড় কর্তা তারস্বরে—পালিয়েছে বুঝি? কাউকে পাওয়া যায়নি? কিন্তু পালিয়ে কাঁহা যায়েগা? আমার নাম ইজ্জত চৌধুরী। ইমতিয়াজ হোক আর ইব্রাহিম হোক, অল ইকোয়েল টু মি। কারো নিস্তার নেই আমার হাত থেকে।

ইমতিয়াজ নিঃশব্দে দেয়াল টপকাল। পুলিশ অফিসারের চমৎকার নাটকীয় ডায়ালগগুলি শুনতে বেশ লাগছিল। কিন্তু তার হাতে একদম সময় নেই। সে ছুটল।

ইরাবতীর বাড়ি থেকে বেরিয়ে নির্জন ঝিলের কিনারায় দাঁড়ায় কিছুক্ষণ। চারদিকে অন্ধকার গাছপালা দাঁড়িয়ে আছে ছায়ার মতো। ঝিরঝির বাতাস বইছে। ইমতিয়াজ বিশেষভাবে নির্মিত ‘ওয়্যারলেসের’ সাহায্যে জাহেদের সাথে যোগাযোগ করল। জাহেদ ইতোমধ্যে কিছুক্ষণ আগে ইমতিয়াজের দেওয়া ‘আনহোলি’ এবং 2 Garden 15050387821....নম্বরের রহস্য উদ্ধার করেছে।

ওটা সেন আম্‌পালা নামে একজন মালয়ী ব্যবসায়ীর গোপন ওয়্যারলেস নাম্বার। আনহোলি হলো যে লোকটা মরেছে তার কোড নেম।

: খুব ভাল খবর। সেন আমপালার ঠিকানা বল আমাকে এবার।

জাহেদ সেন আম্পালার ঠিকানা বলল। ইমতিয়াজ নির্জন ঝিলের কিনারা ধরে হাঁটতে হাঁটতে বড় রাস্তায় গিয়ে পৌঁছল।

ট্যাক্সিতে করে যখন সেন আম্‌পালার বাড়ির সামনে গিয়ে পৌঁছল তখন রাত সাড়ে দশটা বেজে গেছে। ইমতিয়াজ পেছন থেকে বাড়িতে প্রবেশ করল। একটা মাত্র আলো জ্বলতে দেখা গেল সারা বাড়িটায়।

ইমতিয়াজ বাড়ির ভেতরে ঢুকে দক্ষিণ প্রান্তের পরিত্যক্ত কিচেনের একপাশে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগল।

বহুক্ষণ অপেক্ষার পর অবশেষে সে এলো। হাতে একটা পিস্তল। বেড়ালের মতো নিঃশব্দ পায়ে সে এগোচ্ছে। বেঁটে অথচ গাট্টাগোট্টা শরীর। আপাদমস্তক কালো কাপড়ে ঢাকা।

ইমতিয়াজ বিশ গজ দূরত্ব বজায় রেখে তাকে অনুসরণ করতে লাগল। অসাধারণ ঘ্রাণ-শক্তির ফলে ইমতিয়াজ দুটো ব্যাপার বুঝতে পারল। এক. কালো-কাপড়ে ঢাকা লোকটা ঘণ্টা দুই আগে মালয় দেশে তৈরি তরমুজের তৈরি এক রকমের সুস্বাদু মদ পান করেছে। দুই. লোকটার শরীরে চীন দেশীয় দুমুখো ‘র‍্যাটিন’ সাপের চামড়ার গন্ধ। এ থেকে বোঝা যায় লোকটা শুধু হিংস্র নয়, খুন করাই ওর পেশা।

সেন আম্‌পালার বাড়িতে ঢুকেছে লোকটা গোপনে লুকিয়ে। হাতে পিস্তল। উদ্দেশ্য এখনো ঠিক বোঝা যাচ্ছে না।

লোকটা সিঁড়ি বেয়ে উঠে কোনদিকে গেল, বাঁ দিকে না ডানদিকে, তা বুঝতে পারল না ইমতিয়াজ।

হঠাৎ দেখল ডানদিক থেকে জনা দুই লোক আসছে সিঁড়ির দিকে। ইমতিয়াজ একটা থামের আড়ালে আত্মগোপন করল এবং বুঝলো কালো-কাপড়ে ঢাকা পিস্তলধারী বাঁ দিকে গিয়েছে।

তার অনুমান সত্য। লোকটা ছায়া ধরে ধরে অতি সাবধানে এগোচ্ছে। দোতলার শেষ প্রান্তের বড় অন্ধকার ঘরের সামনে সে দাঁড়াল। জিহ্বা দিয়ে মৃদু অথচ বিচিত্র একটা শব্দ বার করল। ঠিক তখনই ছাতের কোনো একটা জায়গা থেকে অনুরূপ একটি শব্দ ভেসে এল।

শব্দটা শুনে মনে হতে পারে টিকটিকি ডাকছে।

ইমতিয়াজ অন্ধকারে সামান্য হাসল। ভাবল এরই নাম বোধহয় উচ্চাকাঙ্ক্ষা। লোকটা অন্ধকার দরজা ঠেলে ভেতরে ঢুকে গেল। ইমতিয়াজ বারান্দার একপাশে সজাগ দৃষ্টি নিয়ে দাঁড়িয়ে রইল ঠিক পঁচিশ মিনিট পর অন্ধকার ঘরটা আলোকিত হয়ে উঠল।

ইমতিয়াজ এগিয়ে গেল। উৎকর্ণ হলো ভেতরে কি ঘটছে তা জানার জন্যে।

একটা বিজাতীয় চিৎকার। মালয়ী ভাষায় কে যেন অনুনয় বিনয় করছে কাউকে। প্রতিপক্ষ গম্ভীর গলায় অভিশাপ বর্ষণ করছে আর বলছে দুনিয়া যদি ধ্বংসও হয়ে যায় তাহলেও এমন বিশ্বাসঘাতককে সে ছাড়বে না।

কিছুক্ষণের মধ্যেই ঘরটা অন্ধকার হয়ে গেল। ইমতিয়াজ বুঝলো ভেতরে যারা ছিল তারা পাশের ঘরে চলে গেছে। তার অসাধারণ ইন্দ্রিয়শক্তি দিয়ে সে বুঝতে পারল অন্ধকার ঘরে এখন একটা আধপোড়া সিগারেট জ্বলছে। এছাড়া ঘর শূন্য।

ঘরে ঢুকল সে। পাশের ঘরখানাও অন্ধকার। একপাশে ছোট বারান্দা, তারপর শুরু হয়েছে ডান ধারের ঘরগুলি। ডান ধারের চার নম্বর ঘরে আলো জ্বলছে। ভেতর দিকে একটা ঘর থেকে আর একটা ঘরে যাবার খোলা পথ রয়েছে। কিন্তু ঘরে ঢুকলো না ইমতিয়াজ। তিন নম্বর ঘরের একপাশে অন্ধকারে দাঁড়িয়ে পার্শ্ববর্তী কক্ষে কি ঘটে লক্ষ্য রাখতে লাগল।

ঘরে মোট চারজন লোক। সেন আম্‌পালা, তার দুজন ভৃত্য, আর কালো কাপড়ে ঢাকা সেই মূর্তিটি। লোকটার হাত পা শক্ত দড়ি দিয়ে বাঁধা রয়েছে।

পাইপ টানছে সেন আম্‌পালা। পরনে বৃদ্ধের ছদ্মবেশ। চোখে-মুখে প্রসন্ন ভাব। কিন্তু গলার স্বর যেমন রূঢ় তেমনি ভারী।

সেন আম্‌পালা বলল : তোমাকে ইরাবতীর বাড়ি থেকে দু’নম্বর চাবিটা আনতে পাঠিয়েছিলাম। লোভী তুমি। তুমি তোমারই দু’জন বন্ধুকে হত্যা করেছ পিস্তল হাতে। ভেবেছিলে নিজেই চাবিটা হস্তগত করবে, তাই না আত্তা?

: ক্ষমা করুন প্রভু। আর একবার ক্ষমা পেলে আমি আপনার কীটাণুকীট হয়ে থাকব। হুকুমের গোলাম হয়ে থাকব।

: সেটা অসম্ভব, আত্তা।—সেন আম্‌পালা রূঢ় গলায় বলতে থাকে : তোমার আর আমার একই রকম রক্ত। আমাদের দুজনেরই স্বভাবে আনুগত্য বলতে কিছু নেই আত্তা। আমরা আদেশ দেওয়ার জন্যেই জন্ম নিই, আদেশ প্রতিপালন করা আমাদের স্বভাববিরুদ্ধ। কীটাণুকীট গোলাম হওয়া তোমার পক্ষে অসম্ভব ব্যাপার। সুযোগ পেলে তুমি হয়ত সর্বেসর্বা একজন প্রভু হতে পারতে। কিন্তু আমারই ভাগ্যের মূল্যে সে সুযোগ তোমাকে আমি দিতে পারি না আত্তা।

আত্তা অনুনয় বিনয় করতে লাগল। সেন আম্‌পালা বলল : এখন এসেছিলে আমাকে হত্যা করতে, তাই না? ভেবেছিলে তোমার বন্ধু চগিয়া সঙ্কেতের উত্তর দেবে তোমার আর তুমি অতি আনন্দের সাথে আমার ঘরে ঢুকে আমাকে হত্যা করবে। আত্তা, চগিয়া বুলান্দাম তোমার মতো বিশ্বাসঘাতক নয়। সে আমারই ভৃত্য এবং বিশ্বাসী ভৃত্য। মনে রেখো আত্তা, চগিয়াই আজ তোমাকে ধরিয়ে দিয়েছে। আর একটা কথা, যে চাবিটার জন্যে তোমাকে পাঠিয়েছিলাম শুভ মুহম্মদের বাড়িতে সেই চাবি পাইনি, তবে চাবির মালিক ইরাবতীকে পেয়েছি।

: ইরাবতী?

আত্তা তার মোটা জিহ্বা দিয়ে উচ্চারণ করল।

সেন আম্‌পালা তিক্ত গলায় বললো : হ্যাঁ, আসলে দুনিয়ার কোনো কাজই বাকি থাকে না। আমি ইরবতীকে চেয়েছিলাম, ভগবান বুদ্ধ তাকে জুটিয়ে দিয়েছেন। আচ্ছা, যাক গে, চগিয়া, তুমি কাজ সেরে ফেল।

চগিয়া একটা ছুরি নিয়ে এগিয়ে এলো আত্তার দিকে। পেশাদার খুনী আত্তা দারুণ ভয়ে মুখটা হাঁ করল কিন্তু কোনো শব্দ বার হলো না। চগিয়া ভাবলেশহীন ভাবে ছুরিটা বসিয়ে দিল আত্তার পেটে। ফেড়ে দিল পেটটা দু’ভাগ করে। মরণ চিৎকার শোনা গেল আত্তার। শরীরের বৃহদন্ত্রটা বেরিয়ে এল রক্ত আর সাদা স্বেদের সাথে।

সেন আম্‌পালা পাইপটা কামড়ে ধরে এদিকে তাকিয়ে মুখটা একটু বিকৃত করল।

বলল : লাশটাকে আজ রাতের মধ্যেই সমুদ্রে ফেলে দিয়ে আসবে। সে উঠে পড়ল। এগিয়ে এল তৃতীয় ঘরটার দিকে। অন্ধকারে থমকে দাঁড়িয়ে একবার কি যেন অনুভব করতে চেষ্টা করল। খুবই বুদ্ধিমান লোক সেন আম্‌পালা বুঝতে পারলো ইমতিয়াজ। সে তখন একটা বড়ো জানালার আড়ালে মিশে আছে।

সেন আম্‌পালা দ্বিতীয় ঘরে ঢুকল। ইমতিয়াজ তাকে অনুসরণ করতে লাগল। সেন আম্‌পালা সিঁড়ি বেয়ে নীচে নামল। জনশূন্য বাড়ি। বিশাল বাড়িটা যেন খাঁ খাঁ করছে।

নিচে নেমে উঠোনের ওপাশে চলে গেল সেন আম্‌পালা। বারান্দার একটা থামের পাশে দাঁড়াল। থামের উপরে ক্ষুদ্রাকৃতি একটা বোতাম টিপল। ইমতিয়াজ বুঝল সেন আম্‌পালা তার গুপ্ত কক্ষে চলে যাচ্ছে।


সেন আম্‌পালা তার ভূ-গর্ভস্থ কক্ষে এসে মাত্র নতুন করে পাইপটা ধরিয়েছে। ঠিক এসময় বিশালকায় দেখতে ক’জন লোক পাকিস্তানি পুলিশের পোশাকে নিখুঁত সজ্জিত হয়ে তার সামনে এসে দাঁড়াল।

: তোমরা তাহলে তৈরি হয়ে আছ? বেশ, যাও, কিন্তু মনে রেখো ইমতিয়াজ, জিপ্পি আসাদ, জাহেদ আর রেহানা যেমন বুদ্ধির দিক দিয়ে তেমন শক্তির দিক দিয়ে অসাধারণ। সাবধানে কাজ সমাধা করার চেষ্টা করবে।

: দাঁড়াও, যাবার আগে, সামান্য মদ পান করে যাও।

লোকগুলি মালয় দেশের প্রক্রিয়ায় তৈরি তরমুজের সুস্বাদু অথচ উত্তেজক মদ পান করল। একজন বলল ইমতিয়াজকে আমরা বেঁধে নিয়ে আসব।

আর একজন বলল, আমাদের চোখকে ফাঁকি দিয়ে যাবে কোথায় ক্যাপ্টেন।

পাইপ টানতে টানতে ছদ্মবেশী বৃদ্ধ সেন আম্‌পালা বলল : দেখাই যাক কার দৌড় কদ্দুর। হ্যাঁ, তোমরা এবারে যাও।

লোকগুলি চলে গেল। সেন আম্‌পালা একটা ডেক চেয়ারে শুয়ে পাইপ টানতে লাগল। পাইপের ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে উঠল ঘর। পাইপ টানতে টানতে ভাবনায় মশগুল হয়ে পড়ল সেন আম্‌পালা। আপন মনেই সে একবার হাসল। তারপর এগিয়ে গেল পাশের ঘরের দিকে।

ঠিক এসময় বিশালকায় এক ব্যক্তি ঘরে ঢুকল। হাতে বিশেষভাবে নির্মিত সুপার মেশিন-পিস্তল। এই পিস্তলের কার্টিজ সাধারণ বন্দুকের কার্টিজের মতো নয়। এই পিস্তলে রয়েছে মার্ণি বুলেট যা সাধারণ গুলির মতোই বিস্ফোরিত হয় কিন্তু গায়ে বিদ্ধ হয় না। এক প্রকার ধুঁয়ার সৃষ্টি করে যা মুহূর্তে চেতনাকে অবশ করে দেয়।

সেন আম্‌পালা ভ্রুকুঞ্চিত করলো। সে যেন বিশালকায় লোকটার উপস্থিতির দৃশ্যটা বিশ্বাস করে উঠতে পারল না। সে এক পা এগোল।

তখন সেই বিশালকায় লোকটি বজ্র নির্ঘোষে বলল : সেন আম্‌পালা ডোন্ট মুভ। ইট’স ইমতিয়াজ।

সেন আমপালা চমকে উঠল ইমতিয়াজের নাম শুনে। মুহূর্তেই দপ করে নিভে গেল তার চোখ-মুখের দিপ্তি। নিদারুণ ভয়ে ফ্যাকাশে হয়ে উঠল সে।

ইমতিয়াজ বললো : ইরাবতী কোথায়?

: আমার বন্দী।

: মাবিয়া।

: মাবিয়াও তাই।

ইমতিয়াজ বললো : সেন আমপালা, তিনটে জিনিস চাই আমার। ইরাবতী আর মাবিয়াকে। আর মৃত নগরীর তিন নম্বর চাবিটা।

সেন আমপালা রুদ্ধশ্বাসে ইমতিয়াজের কথাগুলি শুনল।

বলল : তাই হবে ডক্টর আলী, আমাকে শুধু আপনি প্রাণে মারবেন না।


ওয়ারলেসে আর কোনো খবর পাওয়া যাচ্ছিল না ইমতিয়াজের। জাহেদ কিছুক্ষণ হতবাক হয়ে রইল। জিপ্পি শুধু বলল : ডোন্ট গেট আপসেট। ওয়েট এ্যাণ্ড সি।—জাহেদ বলল : দেখা যাক।

রাত তখন এগারোটার কম নয়। মিস রেবেকা ইয়াজদানীর কণ্ঠস্বর বেজে উঠল টেলিফোনে। টেলিফোন ধরল জিপ্পি। রেবেকা অনেকটা ভীত সন্ত্রস্ত গলায় বলল : মিঃ আসাদ, দিস টাইম আই এ্যাম আনডান স্যার। পুলিশ এসেছে।

জিপ্পি বলল : আমাদের কাছে?

রেবেকা : হ্যাঁ, এতক্ষণে আপনাদের ঘরে পৌঁছে গেছে বোধহয়।

জিপ্পি হাসল। বলল : আপনার ভাড়াটেরা সম্পূর্ণ নির্দোষ মিস রেবেকা। সুতরাং নিশ্চিত থাকতে পারেন।

ঠিক এসময় ধাতব নির্মিত বাক্সটা জ্বলে উঠল। রেহানা টেলিভিশন চালু করে দিল দেখা গেল দোতলার সিঁড়ি পার হয়ে একদল পুলিশ উপরে উঠে আসছে। সংখ্যায় এরা দশজন। ওরা তিনজনই প্রস্তুত হয়ে এন্টিগ্যাস মাক্স যার যার কাছে লুকিয়ে রাখল।

রেহানা গিয়ে দরজাটা খুলে দিল। পুলিশের দলটা ভেতরে ঢুকেই ওদের সপ্রতিভ আর নির্লিপ্ত ভাবভঙ্গি দেখে খানিকটা অবাক হয়ে গেল। পুলিশের দলপতি, দেখতে অনেকটা জিপ্পির মতো, তেমনি বলশালী আর শরীরের তুলনায় মাথাটা ছোট, গায়ের সর্বত্র বড় বড় কালো লোম, সে এগিয়ে এলো। বললো : আপনারা ইমতিয়াজ আলীর বন্ধু?

জাহেদ বলল : হ্যাঁ।

: আপনাদের থানায় যেতে হবে। ডক্টর আলীকেও থানায় নেওয়া হয়েছে।

: বটে?

জিপির গলা দিয়ে একটা অস্বাভাবিক চাপা স্বর বেরিয়ে আসে।

: জ্বি হ্যাঁ। কে একটি মেয়ে নাম বোধহয় ইরাবতী, সে থানায় টেলিফোন করে জানিয়েছিল ডক্টর আলী তার বাড়ির তিনজন লোককে খুন করেছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলেই যাই। ডক্টর আলীকে সেখানেই পাওয়া যায়।

দৃষ্টি বিনিময় হয় জাহেদের সাথে জিপ্পি আর রেহানার।

ওরা স্পষ্টই বুঝতে পারল পুলিশের ছদ্মবেশে সেন আম্‌পালার লোক এসেছে তাদের ধরতে।

জাহেদ বলল : আমাদের থানায় যেতে হবে, তাই না?

: থানায়। ডক্টর আলী এবং আপনাদের সকলকেই অন্তত আজকের রাতটা থানায় কাটাতে হচ্ছে। তারপর কপাল যদি ভালো হয় তাহলে...

লোকটা ফ্যাঃ ফ্যাঃ করে হাসল। যোগ দিল সঙ্গের তিনজন লোক।

: বেশ চলুন তাহলে। রেহানা তৈরি হয়ে নাও।

রেহানা এগিয়ে গিয়ে বড় স্যুটকেশটায় হাত দিল। জিপ্পি আর জাহেদ কায়দা করে চলে এল ওর দু’পাশে। পুলিশ বেশধারী হা হা করে উঠল। বলল : কিচ্ছু নিতে পারবেন না। যে অবস্থায় আছেন সে অবস্থায়ই যেতে হবে।

কিন্তু ততক্ষণে যা হবার তা হয়ে গেছে। জিপ্পি এবং জাহেদ প্যারালাল লাইনে এসে বিদ্যুৎগতিতে মেঝের কার্পেট ধরে টান দিল। রেহানা সুপার মেশিন পিস্তল থেকে বর্ষণ করল পর পর দশ রাউণ্ড গুলি। ঘরটা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেল। প্রতিপক্ষের একটা রিভলভার গর্জে উঠল। গুলি গিয়ে বিদ্ধ হলো দেয়ালের গায়ে। ততক্ষণে তীব্র গ্যাসের আক্রমণে লুটিয়ে পড়েছে প্রতিপক্ষের সব ক’জন।

ইতোমধ্যে এন্টি-গ্যাস মাস্ক পরে নিয়েছে ওরা। রেহানা টেলিফোন করল প্রথমে মিস রেবেকা ইয়াজদানীর কাছে, পরে থানায়। পুলিশের ওসি জানালেন তিনি এক্ষুণি আসছেন। সঙ্গে আসবেন স্বয়ং এসপি।


ইরাবতী ও মাবিয়ার মাঝখানে সেন আমপালা। একটু পেছনে সুপার মেশিন পিস্তল নিয়ে আসছে ইমতিয়াজ।

সেন আমাপালার চোখে-মুখে নিদারুণ আতঙ্ক।

মাবিয়া আর ইরাবতী কেউই বিশ্বাস করতে পারছে না যে অন্ধকার পাতালপুরী থেকে মুক্তি পেয়ে তারা আবার ফিরে যাচ্ছে আলো-হাওয়ায় ভরা পৃথিবীতে। তাদের চোখে মুখে বিস্ময় আর আনন্দের ভাব খেলে চলেছে।

সেন আমপালা পথ দেখিয়ে নিয়ে চলেছে। ইমতিয়াজ তাকে কোথাও কোনোরকম সুযোগ দেয়নি। ইমতিয়াজের নির্দেশে সেন আমপালাকে প্রথম যেতে হয়েছে বন্দিশালায়। মাবিয়া আর ইরাবতীকে মুক্ত করে সম্পূর্ণ নিরস্ত্র অবস্থায় সেন আমপালাকে পথ দেখিয়ে নিয়ে যেতে হচ্ছে ইমতিয়াজের নির্দেশে।

পাতালপুরী থেকে উঠে এল ওরা। ইমতিয়াজের নির্দেশে ইরাবতী আর মাবিয়া চলল হোটেল ডিসীকাতে। ইমতিয়াজ পকেট থেকে তারই স্বাক্ষরিত একটা কার্ড হাতে দিল মাবিয়াকে। এ কার্ডে রয়েছে তার স্বাক্ষর। কার্ড দেখে মিস রেবেকা বা তার বন্ধুদের কারো বুঝতে অসুবিধে হবে না যে সে-ই এদের দুজনকে তার ঘরে পাঠাচ্ছে।

ইরাবতী আর মাবিয়া যতক্ষণ গেট পার হয়ে রাস্তায় না নামল ততক্ষণ সেন আমপালা সামনে, পেছনে পিস্তল হাতে ইমতিয়াজ দাঁড়িয়ে রইল।

ওরা চলে যাবার পর সেন আমপালা বলল : আমাকে এবার ছেড়ে দিন মিঃ আলী। আমি আপনার আদেশ বর্ণে বর্ণে প্রতিপালন করেছি।

ইমতিয়াজ বলল : হ্যাঁ, আপনাকে আমি মুক্ত করে দিচ্ছি সেন আমপালা। জানি আবার আপনি সুযোগ পেলে আমার বিরুদ্ধাচরণ করবেন। তবে একটা কথা মনে রাখবেন আমি যা চাই তা করেই ছাড়ি। কারো সাধ্য নেই আমাকে বাধা দেয়। যত চালাক আর শক্তিশালী হোন, আপনিও পারবেন না।

: আমি তাহলে মুক্ত?

সেন আমপালা আনন্দ চাপতে না পেরে জিজ্ঞেস করে। একটা উৎকট ভাব তার চোখে-মুখে ফুটে বেরোচ্ছে।

ইমতিয়াজ বলল,—হ্যাঁ। আপনি মুক্ত মিঃ সেন আমপালা।

উচ্ছ্বসিত গলায় সেন আমপালা বলল : আপনার মতো এমন মহৎপ্রাণ আমি আর দুটি দেখিনি ডক্টর আলী। কথা দিচ্ছি জীবনে যতদিন বেঁচে থাকব, ততদিন আপনার কোনো ক্ষতি করব না।

সেন আমপালা মালয় দেশীয় রীতিতে মাথা হেলিয়ে অভিবাদন জানায় ইমতিয়াজকে। তারপর একটু দ্বিধা ভরে ভয় ও সন্দেহের ভেতর সামান্য দোদুল্যমান অবস্থায় বাড়ির দিকে পা বাড়ায়।

ইমতিয়াজ সেন আম্‌পালার বাড়ির ঢালু টিলা বেয়ে নিচে নেমে আসে। চারদিকে অন্ধকার। বহু দূরে দূরে আলোর ছটা দেখা যায়। একটা বড় নালা ডিঙিয়ে জঙ্গলের ভেতর দিয়ে পথ সর্টকাট করার চেষ্টা করে।

কিছুক্ষণের মধ্যেই বড় রাস্তায় এসে যায় ইমতিয়াজ। কিন্তু তাকে থামতে হলো। দেখল মাঝখানে একশ’ গজ ব্যবধান রেখে জন-মানবহীন রাস্তার দু’ধারে দু’দল লোক দাড়িয়ে আছে। বুঝতে কষ্ট হয় না সেন আম্‌পালার লোক। সেন আমপালা তার জীবন দানের বদলে উপযুক্ত প্রতিদান দেওয়ার ব্যবস্থাই করেছে বটে।

একটা কথা পরিষ্কার বুঝতে পারল ইমতিয়াজ। সেন আম্‌পালার একাধিক আড্ডা রয়েছে পাহাড়-নগরী চট্টগ্রামে। সেন আম্‌পালার অধিকাংশ লোকই রয়েছে নতুন শহরের কোনো একটা আড্ডায়। যে কারণেই হোক, সেন আমপালা যে বাড়িতে অবস্থান করছে সে বাড়ি জন-শূন্য।

ইমতিয়াজ আবার পেছনে সরে এল। বড় নালাটার দক্ষিণ দিকে গেলে একটা কবরস্থান। ভেতরে জনৈক খ্রীষ্টান পাদরীর ছোট সাদা দোতলা বাড়ি। পাশ দিয়ে চলে গেছে উঁচুনিচু সরু একটা পথ। দক্ষিণ দিকে এগোলো ইমতিয়াজ। কবরস্থানের কাছে এসে তার ভুল ভাঙলো। না, সেন আমপালা যথেষ্ট চালাক লোক। এ পথটার কথাও সে ভোলেনি। চারদিকে পথ অবরুদ্ধ।

ইমতিয়াজ একটা ঝোপের অন্ধকারে দাঁড়িয়ে কি করা কর্তব্য ভাবতে লাগল।


নকল পুলিশদের আসল পুলিশের হাতে তুলে দিয়ে ওরা ঘটনাটাকে Celebrate করল। হোটেল থেকে খাবার আনানো হলো স্পেশাল। জাহেদের উৎসাহই প্রবল। সে একই সাথে তিনজনের পরিমাণ খাবার খেয়ে মোটা একটা চুরুট ধরিয়ে বহু পুরনো একটা রবীন্দ্র সঙ্গীত গাইতে লাগলো বেসুরো গলায়।

রেহানা বললো : একটা হিন্দি গীত গাও জাহেদ।

জিপ্পি বললো : সবচে’ ভালো হয় যদি দয়া করে থেমে যাও জাহেদ। গান গাওয়ার সময় তোমাকে আমি একেবারেই সহ্য করতে পারি না। খোদার কসম।

: কি করতে ইচ্ছে করে।

: ইচ্ছে করে মেঝেয় ফেলে গায়ের উপর তক্তা তুলে আচ্ছা করে পিটাই।

জাহেদ গান থামায়। ছলছল চোখে তাকায় রেহানার দিকে। বলে : বলো, এই কথার পর রবীন্দ্র সঙ্গীতই হয়, না হিন্দি গীত হয়? গরিলার জ্বালায় এতদিনের যা-খুশি-গান গাওয়ার ‘কেরিয়ার’টাই গেল।

ঠিক এসময় টেলিফোনটা বেজে উঠল ক্রিং ক্রিং করে। জিপ্পি টেলিফোন ধরল। অবাক হয়ে বলল : ইমতিয়াজ? পাহাড়তলীর রেলওয়ে পার্শেল হাউস থেকে বলছ? আসব? তিনজনই?

রেহানা আর জাহেদ উৎকর্ণ হয়ে রইল। জিপ্পি আরো কিছুক্ষণ কথাবার্তা বললো টেলিফোনে। জাহেদ বললো : আমি একটু কথা বলব ইমতিয়াজের সাথে। কিন্তু জিপি কথা শেষ করতে না করতেই ‘কানেকশন’ কাট হয়ে গেল।

জিপ্পি বললো : ইমতিয়াজ ওকে সেন আম্‌পালার লোকেরা আটকেছিল। হ্যাঁ, শেষ পর্যন্ত আটকাতে পারেনি। পাহাড়তলী রেল স্টেশনের একটা কামরায় আছে। আমাদের তিনজনকেই বিশেষ কারণে ওখানে যেতে বলেছে।

জিপ্পি কেমন একটু অন্যমনস্ক। বলল : ইমতিয়াজের গলাটা কেমন ধরা ধরা। ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারছি না।

রেহানা বলল : কিন্তু টেলিফোন করল ইমতিয়াজ! ইমতিয়াজের সাথেই রয়েছে ওয়্যারলেস সেট।

জাহেদ বলল : বিশেষ কারণে সেটা হাতছাড়া হয়ে যাওয়া অস্বাভাবিক কিছু নয়। পাহাড়তলী রেল স্টেশনে আমাদের ডাকাটাই অবশ্য ইমতিয়াজের পক্ষে সবচে’ বড় অস্বাভাবিক ব্যাপার। তবু এ বিষয়ে আমার মত হলো আমরা পাহাড়তলী যাব।

: ইমতিয়াজকে না পাই নিদেন পক্ষে কয়েকটা নকল পুলিশ তো ধরতে পারব।

ওরা যাওয়াই ঠিক করলো। মিনিট দুয়েকের মধ্যেই প্রস্তুত হয়ে গেল ওরা। দরজায় তালা লাগাল। তারপর হোটেলের সামনে অপেক্ষমান একটা ভাড়াটে ট্যাক্সি নিয়ে পাহাড়তলীর দিকে রওনা দিল।

ওদের যাওয়ার মিনিট বিশেক পরেই আর একটা ভাড়াটে ট্যাক্সিতে ইরাবতী আর মাবিয়া এসে হাজির হয়। প্রথমেই ওরা যায় রিসেপশনে। কিন্তু পুরানো রিসেপশনিস্ট মোল্লা সাহেব কিছুতেই ইমতিয়াজের বা তার দলের অন্য কারো উপস্থিতি ছাড়া ইরাবতী ও মাবিয়াকে ইমতিয়াজের স্যুটে জায়গা দিতে রাজি হলো না। শমিত ইরাবতী এবং মাবিয়ার পক্ষ নিল। নিজে যেচে সে মিস রেবেকার কাছে নিয়ে গেল ওদের। মিস রেবেকা ইমতিয়াজের স্বাক্ষর দেওয়া কার্ড ভাল করে চিনলো। তার কাছেও এই স্বাক্ষর আগে থেকে জমা হয়েছে। সুতরাং ইরাবতী আর মাবিয়াকে অবিশ্বাস করতে পারল না। তদুপরি বুঝতে পারলো ইরাবতী এবং মাবিয়া নিজেদের নিরাপত্তা বিষয়ে ভীত-সন্ত্রস্ত।

রেবেকা অনুমতি দিল। শমিত নিজে উপস্থিত থেকে ইমতিয়াজের স্যুট খুলে দেয়ার ব্যবস্থা করে। শমিতের নায়কোচিত চেহারা, বলিষ্ঠ স্বাস্থ্য এবং চমৎকার ব্যবহারে ইরাবতী তো রীতিমত বিহ্বলই হয়ে পড়ে।

অজস্র ধন্যবাদ জানায় সে শমিতকে তার সাহায্যের জন্য। শমিত একটু হাসে। বলে : এটা আমার কর্তব্য মিস ইরাবতী। যা হোক, আপনারা অপেক্ষা করুন, আমি আপনাদের খাওয়ার ব্যবস্থা করছি।


খাওয়ার পর বিশ্রাম নিচ্ছিল ইরাবতী ও মাবিয়া। মাবিয়া ইমতিয়াজের গল্প করছিল বন্ধু-কন্যা ইরাবতীর কাছে। মৃত নগরীর রহস্য আর গোলক-ধাঁধা থেকে শুভ মুহম্মদ আর আলিয়া মুহম্মদকে কেউ যদি উদ্ধার করে আনতে পারে সে তবে ইমতিয়াজ, আর কেউ নয়। এটা জেনেশুনেই মাবিয়া ইমতিয়াজের হাতে তুলে দিয়েছিল দুই নম্বর চাবি বাক্সটা। সেই সাথে দিয়েছিল শুভ মুহম্মদের বাড়ির ঠিকানা। একটা কাগজে লিখে দিয়েছিল এক নম্বর চাবিটা রয়েছে ইরাবতীর কাছে। ইরাবতী এখন তার বিশ্বস্ত সহচর খলিলউদ্দিনকে নিয়ে তার পিতার বাড়িতে আছে। প্রশান্ত মহাসাগরের সেই রাক্ষুসী দ্বীপের রহস্যময় মৃত নগরে যাওয়ার চেষ্টা করছে সে। টাকা আর অন্যান্য বিষয়ের যোগাড়-যন্ত্র করে বেড়াচ্ছে সে।

ইরাবতী বলল : হ্যা এটা লিখে দিয়েছিলেন বলেই মিঃ ইমতিয়াজের পক্ষে আমাদের বাড়ি যাওয়া সম্ভবপর হয়েছিল। আমি অন্ধকারে তাকে ঠিক চিনতে পারিনি বলে ভয়ে গুলি ছুঁড়েছিলাম। আমি তখন পালাচ্ছিলাম বাড়ি থেকে। সেন আমপালা তার তিনজন অনুচরকে পাঠিয়েছিল আমাকে বন্দি করে নিয়ে যেতে। কিন্তু আপনাকে তো বলেছি চাচা, আমার বাড়িতে ঢুকে নিজেদের মধ্যেই ঝগড়াঝাটি শুরু করে দিল ওরা। একজন তার অপর দুজন সঙ্গীকে গুলি করে হত্যা করল। খলিলকে মেরে ঝুলিয়ে দিল কড়িকাঠে। আমাকে ধরতে যাচ্ছিল। আমি প্রাণভয়ে পালাচ্ছিলাম। এই সময়েই মিঃ ইমতিয়াজ আমাদের বাড়িতে ঢুকছিলেন।

ওরা দুজনেই ইমতিয়াজের প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠল। রাত তখন বারোটার কম নয়। ঘুম আসছিল না। হঠাৎ ক্রিং ক্রিং শব্দে টেলিফোন বেজে উঠল। টেলিফোন ধরলো ইরাবতী।

অপর প্রান্ত থেকে একটি ভারী গম্ভীর কণ্ঠ শোনা গেল : ইরাবতী, আমি ইমতিয়াজ কথা বলছি। আমরা আজই রওনা দিচ্ছি রাতের বেলায় মালয় দ্বীপপুঞ্জের দিকে। হ্যাঁ, আপনি আর মাবিয়াও যাচ্ছেন আমাদের সঙ্গে। আমাদের হাতে একদম সময় নেই আমি আমার বন্ধু জিপ্পি আসাদকে পাঠাচ্ছি মিনিট দশেকের ভেতর গাড়ি দিয়ে। ওর সাথে আপনারা দুজন কালবিলম্ব না করে এয়ারপোর্টে চলে আসুন। হ্যাঁ.... আপনাদের দুজনের যা কিছু আবশ্যকীয় জিনিসপত্র তা সবই সংগ্রহ করা হয়েছে।

ইরাবতী মালয় দ্বীপ-পুঞ্জ যাত্রার কথা শুনে অভিভূত হয়ে পড়ল। মা-বাবা তার প্রশান্ত মহাসাগরের একটা রাক্ষুসী দ্বীপে বন্দি হয়ে আছে। তারা বেঁচে কি মরে কেউ জানে না। মূল মালয় উপদ্বীপের লোকদের ধারণা ওটা অভিশপ্ত দ্বীপ। ওখানে রাজত্ব করে একটি মাত্র লোক এবং তার নাকি একশো একটা মাথা।

ইমতিয়াজের কথা শুনে ইরাবতী উচ্ছ্বসিত হয়ে উঠল। বলল : এ আমি বিশ্বাস করতে পারছি না মিঃ ইমতিয়াজ। আমরা আপনার পাঠানো লোকের সাথে সত্বরই আসছি। আপনি একটু মিঃ মাবিয়ার সাথে কথা বলুন।

মাবিয়ার সাথেও একই কথা হলো। ফোন ছেড়ে দিয়ে মাবিয়া বলল : ইমতিয়াজের গলা। বোধহয় সেন আমপালাকে পুলিশের হাতে তুলে দিয়ে যাত্রার প্রস্তুতি নিচ্ছে। কিন্তু ইরাবতী, ব্যাপারটা একটু অস্বাভাবিক লাগছে না কি?

তৎক্ষণাৎ ইরাবতী বলল : ঠিক বলেছো চাচা। আমারও মনে হচ্ছে কোথায় যেন একটা গলদ আছে।

একটু পর দরজায় করাঘাত। দরজা খুলে দিল মাবিয়া। ইরাবতী পেছনে দাঁড়িয়ে রইল আশঙ্কাগ্রস্ত মুখ নিয়ে। কিন্তু অপরিচিত একটি লোকের পেছনে হোটেল রিসেপশনিস্ট মিঃ শমিতকে দেখে তার আশঙ্কার ভাবটা কেটে গেল। অপরিচিত লোকটা নিজেকে ইমতিয়াজের দলের জিপ্পি আসাদ বলে পরিচয় দিল। ঘড়ি দেখে বলল : ওরা সবাই এয়ারপোর্টে এসে যাবে যথাসময়ে। আমরা আর দেরী করতে পারি না মিস ইরাবতী। ভাল কথা, আপনার সেই চাবিটি নিয়েছেন তো?

: হ্যাঁ।

: তাহলে আর দেরী নয়, চলুন। চলুন মিঃ মাবিয়া।

শমিতকে দেখে ওদের সন্দেহ দূরীভূত হয়েছিল। শমিত এখানকার রিসেপশনিস্ট। তদুপরি ইমতিয়াজ, জিপ্পি আসাদ, জাহেদ, রেহানা এখানকার হোটেলের পরিচিত। ব্যক্তি। সুতরাং আর অবিশ্বাসের কি থাকতে পারে?

এয়াপোর্টের টারমেকের উপর দাঁড় করানো রয়েছে সমস্তটা ধাতব নির্মিত, নিচু পাখা ও তিন মোটরযুক্ত একটি প্লেন। প্লেনটাকে সম্পূর্ণ নতুন বলে বোধ হচ্ছিল। প্লেনের অভ্যন্তর ভাগে কেবিনে রাইফেলসহ নানারকমের অস্ত্রশস্ত্র এবং মালয় উপদ্বীপে পরিধান উপযোগী কাপড়-চোপড়, বুট, ব্রিচেস, হেলমেট ইত্যাদি রক্ষিত হয়েছে।

ইরাবতী উৎফুল্ল হয়ে উঠল যখন দেখল কেবিনে রক্ষিত কাপড়-চোপড়, বুট, ব্রিচেস হেমলেট ইত্যাদি সম্পূর্ণ তারই মাপের এবং তারই জন্য সংগৃহীত হয়েছে।—ইমতিয়াজের চোখে কিছুই ফাঁকি দেবার উপায় নেই, বুঝলেন?

জিপ্পি আসাদ নামধারী লোকটা একগাল হেসে বলল। মাথা ঝাঁকাল বার দুই। তারপর বলল : তাহলে চলুন, যাওয়া যাক। ইমতিয়াজ, জাহেদ এবং রেহানা ঐ গাড়িটাতে করে আসছে।

জানালাপথে একটা ট্যাক্সিতে আসতে দেখা গেল। জিপ্পি আসাদ আরও একগাল হেসে বলল : চাবিটা নিয়েছেন তো মিস ইরাবতী, বেশ ভালো করে মনে করে দেখুন শেষভারের মতো।

ইরাবতী বলল : নিয়েছি।

প্লেনের মোটর চালুর শব্দ শোনা গেল।


চার

ইমতিয়াজ বুঝল সেন আম্‌পালা চারদিকে তার লোক মোতায়েন রেখেছে। নিঃশব্দ পায়ে সে সেমিটারীতে ঢুকলো। অসংখ্য কবরের গায়ে গায়ে নামফলক। স্থানীয় খ্রিস্টানদের কবরস্থান। কিছুদূর এগিয়ে সুসজ্জিত বাগান। তারপরই জনৈক পাদ্রী সাহেবের সাদা দোতলা বাড়ি।

চারদিকে নিষুপ্তি নেমেছে। ইমতিয়াজ গেটের একপাশে দারোয়ানকে দেখতে পেল। দারোয়ান রীতিমতো চ্যালেঞ্জ করে উঠে দাঁড়ায় তার টুল থেকে। লোকটা দেখতেও যেমন বিশাল, আচার-ব্যবহারেও ভয়ঙ্কর। কবরখানায় জীবন্ত আজরাইল যেন।

ইমতিয়াজ ইচ্ছে করে সামান্য অভিনয়ের আশ্রয় নেয়। দারোয়ানের চ্যালেঞ্জের জবাবে বলে : বাঃ, আমি কি চোর-ছ্যাঁচোড় নাকি? আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, ভুলে ঢুকে পড়েছি বাড়ির ভেতর.....

দারোয়ানজীর এই কথা শুনে সে কি হাসি। হাসি আর থামতেই চায় না। বলে : শালা ত্যাদোড়ের কথা শোনো! জলজ্যান্ত ষণ্ডা একখানা, তিনি ভুল করে ঢুকে পড়েছেন বাড়িতে। ফাজলামোর আর জায়গা পাও না?

দারোয়ান তার শক্ত লাঠি দু’হাতে উঠায়। বলে : আমার নাম রহমত আলী। রহমত আলী খান! আমার সাথে কুস্তি লড়তে এসেছিল বিদেশের এক লড়ইয়ে। মিস্টার ডিক না কি যেন নাম। কুস্তিতে কি করেছিল জানো?

ইমতিয়াজ আত্মসমর্পণের ভঙ্গিতে অসহায়ভাবে দাঁড়িয়ে থাকে। ভাবখানা করে দারোয়ানজীর শক্তি আর সাহসের কথা শুনে তার বাক্যস্ফূর্তি হচ্ছে না।

রহমত আলী বলে : কুস্তি মাত্র শুরু হয়েছে। বাংলাদেশী স্টাইলে মাত্র ডিক ব্যাটার কোমর চেপে ধরেছি, অমনি ব্যাটা ভয়ে সোজা কাপড়-চোপড় নষ্ট করে দিল। 

ইমতিয়াজ বুঝল লোকটার কথা বলার বাতিক একটু বেশি। কবরখানায় চাকরি করেও চমৎকার জীবনবোধ রয়েছে লোকটার মধ্যে।

দারোয়ান সপ্রশংস দৃষ্টিতে তাকায় ইমিতয়াজের দিকে। বলে : রহমত আলী কাউকে ছেড়ে কথা কয় না। তুমি কেন ঢুকেছ বাড়িতে সেটা বলে ফেলো, তা নইলে সাহেবকে ডাকব।

ইমতিয়াজ চুপচাপ দাঁড়িয়ে থাকে। ইতোমধ্যে কথাবার্তা আর হৈচৈ শুনে খোদ পাদ্রীসাহেব দোতলার রেলিং ধরে দাঁড়িয়েছেন। রহমত আলী সবিস্তারে কি হয়েছে তার একটা লম্বা ফিরিস্তি দিতে শুরু করে। শেষ পর্যন্ত ইমতিয়াজের আশাই পূর্ণ হয়। পাদ্রীসাহেব তাকে নিয়ে উপরে আসতে আদেশ দিলেন দারোয়ানজীকে।

পাদ্রীসাহেব মধ্যবয়স্ক লোক। বাংলাদেশে আছেন তিনি দুই যুগেরও উপর। এর মধ্যে কখনো ইমতিয়াজের মতন এমন দীপ্তিময় চেহারা আর বলিষ্ঠ স্বাস্থ্যের কাউকে দেখেছেন বলে তার মনে হলো না। ইমতিয়াজ সংক্ষেপে তার আইডেন্টিটি দিল। পাদ্রীসাহেব প্রগাঢ় বিস্ময়ে তাকিয়ে রইলেন দুনিয়া-খ্যাত লোকটার দিকে। বার বার দারোয়ানের হয়ে ক্ষমা চাইতে লাগলেন ইমতিয়াজের কাছে। ইমতিয়াজ হেসে বলল রহমত আলীর মতো প্রভুভক্ত আর বিশ্বাসী লোক পাওয়া ভাগ্যের ব্যাপার। রহমত আলী যা করেছে তা তার কাজেরই অন্তর্ভুক্ত। সুতরাং এক্ষেত্রে তার অপরাধের প্রশ্নই ওঠে না।

সেই মধ্যরাতেই পাদ্রীসাহেবের ড্রয়িংরুমে চমৎকার কফি এল। ইমতিয়াজ টেলিফোন করলো সিটি এসপি-কে। সিটি এসপি জানান দলবলসহ মিনিট দশেকের মধ্যে তিনি এসে যাবেন ঘটনাস্থলে। এরপর ইমতিয়াজ যোগাযোগ করার চেষ্টা করল টেলিফোনে তার হোটেলে জাহেদের সাথে। কাউকে পাওয়া গেল না। রিসেপশন থেকে একজন জানাল ঘণ্টাখানেক আগে জিপ্পি আসাদ, জাহেদ আর রেহানা গাড়িতে করে কোথায় যেন গিয়েছে। আর ইমতিয়াজের স্বাক্ষর দেওয়া কার্ড নিয়ে যে যুবতী মেয়েটি এবং তার সঙ্গী এসেছিল তারাও মিনিট দশেক আগে চলে গেছে হোটেল থেকে।

সিটি এস পি’র দল এসে যায় কিছুক্ষণের মধ্যেই। কিন্তু দুর্বত্তদল সরে পড়তে সমর্থ হয়। ইমতিয়াজকে তার হোটেলে নিজের গাড়িতে করে পৌঁছে দেন সিটি এসপি। ইমতিয়াজ রিসেপশনে শমিতের সাথে দু’একটা কথা বলে নিজের স্যুটে ফিরে আসে। কি ঘটেছে সে স্পষ্টই বুঝতে পারল।

ঠিক এ সময় বেজে উঠল টেলিফোন।

টেলিফোন ধরতেই নারী-কণ্ঠে কেউ একজন বলল : আমি ইরাবতী বলছি। ইমতিয়াজ বলল, চালাকি রাখ সেন আম্‌পালা। কণ্ঠস্বর নকলে তুমি ওস্তাদ ব্যক্তি কোনো সন্দেহ নেই। কিন্তু নকল আর আসলের কিছু তফাৎ থাকেই এবং সেটা বোঝার মতো লোকও দু’একজন থাকে।

সেন আমপালা হাসল। বলল : আপনার প্রতিভা স্বীকার করছি ইমতিয়াজ। আমাকে কণ্ঠস্বর নকল-বিশারদ বলতে পারেন। এদিক দিয়ে আমার তুল্য গুণী ব্যক্তি দুনিয়াতে আর কাউকে পাবেন কিনা সন্দেহ। যাকগে, আপনার কাছে আমার একটা প্রস্তাব রয়েছে।

: বল।

: আপনার তিন বন্ধু এখন আমার বন্দি। পাহাড়তলী স্টেশনে যাওয়ার জন্য তারা যে ভাড়াটে ট্যাক্সি নেয় সেটা স্টেশনে না গিয়ে সোজা আমার আড্ডায় চলে আসে, বুঝতে পেরেছেন? এখন আমার প্রস্তাব আপনি আমার পথ থেকে সরে দাঁড়ান.... আপনার তিন বন্ধুকে আমি মুক্ত করে দিই।

ইমতিয়াজ বলল : আমার তিন বন্ধুকে আটকে রাখার ক্ষমতা দুনিয়ার কারো নেই।

হা হা করে হাসল সেন আমপালা। বলল : আপনার ক্ষমতা সম্পর্কে আমার যথেষ্ট ভক্তি আছে মিঃ ইমতিয়াজ। কিন্তু এক্ষেত্রে বলতেই হচ্ছে আমার শক্তি সম্পর্কেও আপনার সঠিক ধারণা নেই। সে যাকগে, আমার প্রস্তাবে রাজি আছেন কিনা বলুন।

ইমতিয়াজ ঠিক এ সময় চকিতে তার হাতঘড়িতে সময় দেখল। এক মুহূর্ত ভাবল। বলল : সেন আমপালা, তোমার প্রস্তাবের কোনো উত্তর হয় না। ভাল কথা, ইরাবতী আর মাবিয়াকে তুমি কোথায় রেখেছ?

সেন আমপালা আবার হাসল। বলল : ওরা দুজনেই এখন জাহান্নামের পথে। বাংলা থেকে বহুদূরে। মিঃ ইমতিয়াজ, আপনাকে এক ঘণ্টা সময় দিচ্ছি। বেশ ভাল করে ভাবুন। আমি চাই না আমার পথে আপনি বাধা হয়ে দাঁড়ান। আমি আপনার তিন সঙ্গীকে মুক্ত করে দেব যদি আমার প্রস্তাব মেনে নেন। ভেবে চিন্তে দেখুন, ঘণ্টাখানেক পর আমি আবার টেলিফোন করব।

ইমতিয়াজ এই প্রথম হাসল। বলল : ঘণ্টাখানেকের ভেতরই আমার তিন সঙ্গীকে আমি উদ্ধার করব সেন আমপালা।

সেন আমপালা অকৃত্রিম আনন্দে হাসল। বলল : স্বয়ং ঈশ্বর বুদ্ধ ছাড়া কেউ একাজ পারবে না মিঃ ইমতিয়াজ। অধিক আত্মবিশ্বাস অনেক সময় বিপদ ডেকে আনে একথা মনে রাখবেন।

এই বলে সেন আম্‌পালা ফোন ছেড়ে দিল। ইমতিয়াজ টেলিফোন এক্সচেঞ্জে রিং করল কালবিলম্ব না করে। অপারেটর ধরতেই স্বভাব-সিদ্ধ শান্তকণ্ঠে বলল : ইন্টেলিজেন্স ব্যুরো, প্লিজ।

মিনিট দুয়েকের মধ্যেই কানেকশন পাওয়া গেল। ফোনের অপর প্রান্ত থেকে ঘুমজড়িত ভারিক্কি গলায় শোনা গেল  চীফ : ইন্টেলিজেন্স ব্যুরো, চিটাগাং।

ইমতিয়াজ বলল : পি এক্স ৭৭২২ কথা বলছি।

ইন্টেলিজেন্স চীফের কণ্ঠস্বরে বিস্ময়, শ্রদ্ধা, আনন্দ একসাথে ঝরে পড়ল। বলতে শোনা গেল : মিস্টার ইমতিয়াজ আলী। হোয়াইট’স সারপ্রাইজ স্যার! হ্যাঁ, ... বলুন কি করতে পারি।

: আমি একটা খবর জানতে চাই চিটাগাং শহরেরই কোনো এক জায়গায় রয়েছে একটা দেয়ালঘড়ি। ঘড়িটা বৃহৎ সাইজের হবে এবং সেটা রয়েছে কোনো পুরোনো সেকেলে বিল্ডিংয়ের বারান্দায়। আমি ঘড়িটা ঠিক কোথায় কোন বাড়িতে রয়েছে জানতে চাই।

: রাইট স্যার। বিশ মিনিটের মধ্যে সঠিক খবরটা পৌঁছে দেব। ঠিকানা?

: আমিই আবার রিং করব বিশ মিনিট পরে।

: রাইট স্যার।

টেলিফোন ছেড়ে দিয়ে বস্ত্র ত্যাগ করল ইমতিয়াজ। নতুন পোশাক পরে মিনিট দুই নিস্তব্ধভাবে ডুবে রইল নিজের মধ্যে। তারপর কর্মপন্থাগুলি একে একে চিহ্নিত করতে লাগল মনে মনে। তার চোখে-মুখে ফুটে উঠল সেই দীপ্তি, যা শুধুমাত্র অসাধারণ ব্যক্তিত্বশালী লোকের মধ্যেই দেখা যায়।

কর্মপন্থা স্থির হবার পর একটা ব্যাগ গুছাল ইমতিয়াজ। আবার এসে বসল টেলিফোনের কাছে। টেলিফোন করল প্রথমে এয়ারপোর্টে। তার নিজস্ব প্লেনের খবরাখবর নিল। তারপর বেসরকারি ক’টা প্লেন আজ রাতে এই পর্যন্ত এয়ারপোর্ট ছেড়েছে জানতে চাইল। এয়ারপোর্ট কর্তৃপক্ষ জানাল সন্ধ্যা থেকে রাতের বর্তমান মুহূর্ত অবধি একটি মাত্র বেসরকারি প্লেন এয়ারপোর্ট ছেড়েছে। প্লেনটির মালিক দি ইন্টারন্যাশনাল ইন্ডেটিং কোং’ এর চীপ মিঃ পি. পি. লাজাপাত্তান।

ধন্যবাদ জানিয়ে ফোন ছেড়ে দেয় ইমতিয়াজ। তারপর টেলিফোন করে হোটেলের রিসেপশনে। জানতে চায় মিস রেবেকাকে এখন টেলিফোনে পাওয়া সম্ভব কিনা। টেলিফোন ধরেছিল শমিত। সে জানাল মিস রেবেকা এখন হোটেলেরই কোনো এক ঘরে পার্টিতে ব্যস্ত আছেন। তবে তেমন কোনো জরুরি ব্যাপার হলে তাকে খবর দেয়া যায়।

ইমতিয়াজ এক মুহূর্ত দ্বিধা করল। তারপর বলল : মিস রেবেকাকে বলবেন ওর হোটেলে সেন আমপালা নামে এক কুখ্যাত আন্তর্জাতিক চোরাচালানকারীর একজন বিশ্বস্ত লোক ছদ্মবেশে রয়েছে।

শমিতের হাত থেকে টেলিফোনটা পড়ে যায়। ইমতিয়াজ সেটা বুঝতে পারে। তার ঠোঁটে সামান্য হাসি ফুটে উঠেই মিলিয়ে যায়।

কিছুক্ষণ পায়চারি করল ইমতিয়াজ। ঘড়ি দেখল। তারপর আবার বসল গিয়ে টেলিফোনের কাছে। সংযোগ স্থাপন করতেই ভেসে এল ইন্টেলিজেন্স ব্যুরোর চীফের গলা। উৎফুল্ল কণ্ঠে চীফ বললো : হ্যালো পি এক্স ৭৭২২, আপনার সংবাদ।

: বলুন।

চীফ একটা ঠিকানা জানায়। ইমতিয়াজ ধন্যবাদ দেয়। চীফ বলে : ধন্যবাদ স্যার আপনাকেই দিতে হয়। বলতে গেলে আশি ভাগ কাজ আপনিই করেছেন। যেমন ধরুন, আপনি বলেছেন ঘড়িটা বৃহৎ সাইজের, রয়েছে সেকেলে বাড়ির বারান্দায় ব্যস কাজ সহজ হয়ে গেল। আমরা রেকর্ড দেখলাম। থানা অফিসারদের সাথে যোগাযোগ করতেই ওদের স্থানীয় রেকর্ডের সাথে মিলাতেই বেরিয়ে পড়ল ঠিকানাটা। এতে আমাদের আর তেমন কৃতিত্ব কি?

ইমতিয়াজ ব্যাগটা হাতে নেয়। বেরিয়ে আসে হোটেল থেকে। কিছুক্ষণ ট্যাক্সি ষ্ট্যাণ্ডের এদিক ওদিক ঘুরে বেড়ায়। তারপর চলতি একটা খালি ট্যাক্সি পেয়ে সেটাতে চেপে বসে।

বাড়িটা শহরের অভিজাত পাড়ার শেষ প্রান্তে পড়েছে। কোনো এক হিন্দু মহারাজার বাড়ি। মহারাজা ইণ্ডিয়ায় চলে গেছেন। বাড়িটা বর্তমানে কিনে নিয়েছে এখানকারই কোনো এক ব্যবসায়ী। দেশ-বিদেশে লোকটার ব্যবসা রয়েছে।

বিশাল সিংহ-দরজা। দু’পাশে পাহারাদারের ঘর। সোজা একটা রাস্তা চলে গেছে কারুকার্যময় একতলা দালানের দিকে। রাস্তাটার দুপাশে বড় বড় গাছ। ইমতিয়াজ সহজেই দেয়াল টপকে রাস্তাটা অতিক্রম করল। নির্বিবাদে বারান্দায় এসে পৌছল। বড় বড় থামওয়ালা বিশাল ও প্রশস্ত বারান্দা আজকাল সচরাচর কোনো বাড়িতে দেখা যায় না। ইমতিয়াজ একটা থামের আড়ালে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। মধ্যরাতে সমগ্র বাড়িটাই যেন ঘুমিয়ে পড়েছে। হঠাৎ কি একটা শব্দ শুনল ইমতিয়াজ। উৎকর্ণ হয়ে অপেক্ষা করতে লাগল। অতি সূক্ষ্ম একটা শব্দ যা কারোর কানে পৌঁছার কথা নয়। ইমতিয়াজ শব্দটা কোত্থেকে আসছে নির্ধারণের চেষ্টা করল। বহুদূর হতে ফাঁপা দেয়ালের আওয়াজ যেমন শোনাতে পারে, শব্দটা সেই প্রকারের। আসছে দক্ষিণ দিক থেকে।

এগোয় ইমতিয়াজ। কিছুদূর যেতেই চোখে পড়ল জায়গাটা। চিহ্নিত জায়গা। একটা ঠাকুরঘর। এখন আর ঠাকুর নেই। সেই ঘরের সামনে দাঁড়িয়ে আছে সশস্ত্র একজন প্রহরী। হাতে রাইফেল। লোকটা যে খুবই চতুর ও সতর্ক তা তার দাঁড়াবার ভঙ্গি দেখেই বোঝা গেল।

আরো বোঝা গেল এই ঠাকুরঘরের ভেতরেই রয়েছে কোনো একটা গোপন পথ। ইমতিয়াজের অনুমান সত্য হলো। কিছুক্ষণ পরই একটা লোক বেরিয়ে এল ঠাকুরঘর থেকে। প্রহরীকে চুপি চুপি বলল : এয়ারপোর্ট।

প্রহরী বলল : কবে?

জবাব হলো : আজই।

প্রহরী হাসল : হ্যাঁ, বিপদ আছে। সরে যাওয়া ভাল।

লোকটা বলল : প্রভু এসব গ্রাহ্য করেন না। থুঃ.... বিপদ তার পায়ের ধূলোর মতো। ঝাড়া দিলেই নেই।

প্রহরী মাথা নাড়ল। সায় দিল। বলল : এজন্যেই তো আছি বিশ বছর ধরে।

লোকটা হাসল। বলল : যাই। দেরী হয়ে গেল স্যাঙাৎ।

কথা হচ্ছিল মালয়ী ভাষায়। এমন চুপিচুপি কথা বলছিল ওরা যাতে হাত পাঁচেক দূরেও কারো পক্ষে সেটা শোনা সম্ভব নয়। কিন্তু ইমতিয়াজের শ্রবণেন্দ্রিয় অসাধারণ। অতি ছোটবেলা থেকে যথোপযুক্ত ব্যায়ামের সাহায্যে ঘ্রাণ, শ্রবণ ইত্যাদি ইন্দ্রিয়কে সুপারম্যানের পর্যায়ে এনে তুলেছে। এসবই তার আজীবন শক্তি, স্বাস্থ্য ও মেধা চর্চার ফলমাত্র।

লোকটা চলে গেলে প্রহরী রাইফেল হাতে টহল দিতে থাকে। খুবই সতর্ক এবং চতুর লোক সে। কিন্তু ইমতিয়াজের ন্যায় অসাধারণ লোকের চাতুর্য এবং শক্তি ও সামর্থ্যের প্রতিযোগিতায় সে পেরে উঠবে কি করে। ইমতিয়াজ কিছুক্ষণ উৎকর্ণ হয়ে থেকে সারা বাড়িতে কি কি শব্দ উঠছে তা শোনার চেষ্টা করল। অতো বড় বাড়ির নৈঃশব্দ পেরো বুঝল এ বাড়িতে দুজন কি তিনজন লোক রয়েছে, তারাও সম্ভবত ঘুমে বিভোর। ইমতিয়াজ উত্তর দিক থেকে ঘুরে ঠাকুরঘরের উত্তর-প্রান্তে এসে দাঁড়াল। একটা থামের আড়ালে দাঁড়িয়ে প্রহরীর গতিবিধি লক্ষ্য করতে লাগল। প্রহরী দক্ষিণের দিকে মোড় নিতেই নিঃশব্দ পায়ে সোজাসুজি তার দিকে এগোল সে। প্রহরী উত্তরদিকে  মোড় নিতেই এমন ক্ষিপ্রগতিতে ইমতিয়াজ তার উপর ঝাঁপিয়ে পড়ে তার কণ্ঠনালী চেপে ধরল যে, প্রহরী প্রস্তুত হওয়া দূরে থাক, চিৎকার করার সুযোগটা পর্যন্ত পেল না। 

প্রহরীর কাছে একগুচ্ছ চাবি পাওয়া গেল। ইমতিয়াজ প্রহরীর অজ্ঞান দেহটা ঠাকুরঘরের পেছনে রেখে দিয়ে এল। তার অনুমানই সত্য। ঠাকুরঘরের মেঝের কড়া টেনে ধরতেই একটা গভীর অন্ধকার গর্ত বেরিয়ে পড়ল। নিচে যাবার সিঁড়িও রয়েছে। ইমতিয়াজ সন্তর্পণে সিঁড়ি বেয়ে নামল। আবার পাওয়া গেল হাতুড়ির শব্দটা। ইমতিয়াজ বুঝলো শব্দটা হচ্ছিল মেঝের নিচের এই ঘরের কোনো জায়গা থেকেই।

শব্দটা ধরে এগোয় ইমতিয়াজ। সরু পথের উপর হলদে রঙের একটা আলো জ্বলছে, যার ফলে ভূ-গর্ভস্থ ঘরের সবকিছু ভৌতিক লাগছে। কিছুদূর এগিয়ে পাওয়া গেল একটা ঘর। ভেতর থেকে বন্ধ।

ইমতিয়াজ আস্তে টোকা দিল ঘরের দরজায়। ভেতর থেকে গমগম একটা আওয়াজ শোনা গেল। দরজা খুলে দিল কেউ একজন। ইমতিয়াজকে সহসা সে চিনতে পারল না। মালয়ী ভাষায় বলল : সাঙাৎদের নিয়ে পারি না বাপু....

হঠাৎ ইমতিয়াজের বিশাল শরীর দেখে এবং সম্পূর্ণ অপিরিচত এই লোকটি ভূ-গর্ভস্থ কক্ষে কি করে এলো ভেবে চোখ কপালে উঠল তার। কণ্ঠস্বর দিয়ে বেরিয়ে আসছিল আর্ত-ধ্বনি। তার আগেই ইমতিয়াজ মুখ চেপে ধরল লোকটার। কিছুক্ষণ ধস্তাধস্তি হলো। তারপর লোকটা নিশ্চিন্তে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল।

পর মুহূর্তে জন চারেক ভীষণাকৃতি লোক মালয়দেশীয় স্টীলের তৈরি একরকমের ‘কেন-সোর্ড’ হাতে করে ছুটে এল। হাতের কাছে কিছু না পেয়ে ইমতিয়াজ বিশাল কাঠের দরজাটা ভেঙে দু’হাতে উপরে তুলে অবলীলাক্রমে ছুঁড়ে মারল ওদের উপর। তিনজন ঘটনাস্থলেই লুটিয়ে পড়ল হত-চেতন অবস্থায়। একজন সৌভাগ্যক্রমে দরজার পাল্লার বাইরে ছিটকে যেতে পেরেছিল। সে প্রথমত পালাতে যাচ্ছিল পরে কি ভেবে রুখে দাঁড়াল। ছুটে এল ইমতিয়াজের দিকে।

ইমতিয়াজ অনন্যোপায় হয়ে মেঝে থেকে ক্ষিপ্র হাতে কুড়িয়ে নিল ঠাকুরঘরে পাহারারত সেই প্রহরীর কাছ থেকে আনা চাবির গুচ্ছ। তারপর সেটা ছুঁড়ে মারল লোকটার দু’ভুরুর মাঝখানে কপাল লক্ষ্য করে। ‘কেন-সোর্ড’ হাতে ছুটে আসা লোকটা থমকে গেল, মাথাটা একপাশে কাৎ হয়ে পড়ল। একটা অস্বাভাবিক গোঙানি বেরিয়ে এলো তার গলা চিরে। তারপরই লুটিয়ে পড়ল সে মাটিতে।

ইমতিয়াজ ওর হাত থেকে কেন-সোর্ডটা উঠিয়ে নিল। এগোল সামনে। আবার মেঝের উপর হাতুড়ি দিয়ে পেটানোর শব্দটা উঠল। এবার সেটা কাছেই। ইমতিয়াজ সোজা এগিয়ে গেল দক্ষিণ-দ্বারী ঘরটার দিকে। বন্ধ ঘরের দরজায় একটা প্রচণ্ড লাথি বসাতেই দরজাটা প্রথমে শিথিল হয়ে একপাশে পড়ো পড়ো অবস্থায় বিরাজ করতে লাগল পরে দ্বিতীয় লাথি বসাতেই হুড়মুড় করে ভেঙে পড়ে গেল।

ঘরে ঢুকতেই অভ্যর্থনা করল জাহেদ। তিনজনকেই তিনটে আলাদা লোহার ব্লকের সাথে আগামোড়া বাঁধা হয়েছে শক্ত দড়ি দিয়ে। জুতোর স্টিল-সোল দিয়ে মেঝেয় আঘাত করছিল জিপ্পি আসাদ। বন্দি অবস্থায় মৃত্যুর প্রতীক্ষা করতে করতে বাঁচবার শেষ চেষ্টা হিসাবে মেঝের উপর জুতো ঠুকছিল। যদি কেউ উপর থেকে এই শব্দ শুনে কৌতূহলী হয় এবং শব্দটা অনুসন্ধান করতে প্রবৃত্ত হয় এই ভরসায়।

তিনজনেরই বাঁধন মুক্ত করে দিল ইমতিয়াজ। রেহানা বলল : আমরা আর দেরী করতে পারি না ইমতিয়াজ। সেন আমপালা তার মালয়-উপদ্বীপ যাত্রার সব আয়োজন করে রেখেছে, শুধু প্লেনে ওঠা বাকি। তার ইচ্ছা আমাদের তিনজনকে যমের বাড়ি পাঠিয়েই প্লেনে চাপবে। লোকটা আমাদের হত্যা করতে এত দেরী করছে কেন বুঝতে পারছি না...

একটু হাসল ইমতিয়াজ। বলল : আমার জন্য অপেক্ষা করছে সেন আমপালা। একঘণ্টা সময় দিয়েছিল সে আমাকে ভাবার জন্যে। সে চায় আমি তার পথ থেকে সরে দাঁড়াই।

জিপ্পি বলল : যাতে, মৃত নগরীতে অভিযান না করে?

ইমতিয়াজ বলে : হ্যাঁ। সে আরো চায় আমরা যেন ইরাবতী আর মাবিয়াকে কোনোরকম সাহায্য না করি।

: সেন আমপালা!

হো হো করে হাসল জিপ্পি আসাদ।—এই পাতালপুরীর শেষ ঘরটিতে সে বসে আছে তার বিজয়ের সংবাদ শোনার জন্যে। সে ভাবতেও পারছে না তার সর্বনাশ কত কাছে। 

চারজনই বেরিয়ে এলো বন্দিখানা থেকে জাহেদ বলে : বড়ই সাহসের দৃষ্টান্ত, দেখিয়েছিলাম হোটেল থেকে পাহাড়তলী স্টেশনে যাওয়ার ব্যাপারে। কিন্তু বন্দি হলাম কিভাবে জানো? যে ট্যাক্সিতে উঠেছিলাম সেটা সোজা পাহাড়তলীর পথে গিয়ে একটা খাদে নেমে গেল। ব্যস.....চারদিকে আগেই পেট্রোল ছড়িয়ে দেওয়া হয়েছিল। আগুন জ্বলে উঠল দাউদাউ করে। কে একজন পাষণ্ড চড়া গলায় মাইক্রোফোনে জানাল আত্মসমর্পণ করলেই শুধুমাত্র আগুন নেভানোর চেষ্টা করা হবে। তখন আমরা আমাদের অস্ত্র ফেলে দিই....

: এবং তারপর বন্দি মহারাজ....

অল্প হাসল ইমতিয়াজ।

পাতালপুরীর সর্বশেষ প্রান্তের ঘরটি ভেতর দিকে বন্ধ ছিল। দরজায় কান পাতল ইমতিয়াজ। পুরোনো আমলের কাঠের দরজা হলেও পাল্লা দুটি বেশ শক্ত আর ভারী। কান পেতে ইমতিয়াজ ঘরের ভেতরে কোনো শব্দ হচ্ছে কিনা বোঝার চেষ্টা করল। হঠাৎ দরজা খুলে গেল।

এমন আকস্মিক ঘটনার জন্য প্রস্তুত না থাকলেও ইমতিয়াজ, জিপ্পি আসাদ, জাহেদ এবং রেহানা ভুল করল না। যথাসময়ই দরজার দু'পাশে সরে দাঁড়াল বিদ্যুৎগতিতে আর মুহূর্তকাল বাদেই একঝাঁক গুলি ছুটে এল ঘর থেকে।

আর বিলম্বের উপায় ছিল না। ইমতিয়াজ তার কাঁধে ঝুলানো ব্যাগ থেকে একটা বিশেষভাবে নির্মিত বিস্ফোরক দ্রব্য হাতে নিল। ছুটতে ছুটতে ওরা নেমে এল বারান্দা ধরে শেষ প্রান্তে খানিকটা নিচু জায়গায়। আরও কয়েক ঝাঁক গুলি ছুটে এসে বিদ্ধ হলো সম্মুখের ঘরের দেয়ালে। ইমতিয়াজ বিস্ফোরক দ্রব্যটার মাথায় একটা পিন বিদ্ধ করল। তারপর সেটা ছুঁড়ে মারল সেন আম্‌পালার ঘরের দিকে।

তিলমাত্র সময় নষ্ট করল না ওরা। দৌড়তে দৌড়তে ছুটে এল সিঁড়ির কাছে। কিন্তু তার আগেই শুরু হয়েছে বিস্ফোরণ। ওরা সিঁড়ি বেয়ে উপরে উঠে এল। আশ্চর্য, বাড়িটা তখনও অস্বাভাবিক রকম নিস্তব্ধ।

কেমন একটা সন্দেহ হলো ইমতিয়াজের। কিন্তু তখন অপেক্ষা করার উপায় নেই। ওরা রাস্তায় নেমে এল।


হোটেলে ফিরে এল ওরা মিনিট দশেকের মধ্যেই। হোটেলে নিজেদের ঘরে এসে ওরা যে যার কাজে ব্যস্ত হয়ে পড়ল। ঘরেই মওজুত রয়েছে অভিযানের জন্যে প্রয়োজনীয় সামগ্রী। জিপ্পি আসাদ দুটো বড় বাক্স বোঝাই করল নানারকম কেমিকেলস, গান পাউডার ইত্যাদি দিয়ে। জাহেদ একটা ব্যাগে তার প্রয়োজনীয় ইলেকট্রিক্যাল সরঞ্জাম গুছিয়ে নিল। রেহানা নিল তার সংগৃহীত পুরোনো সভ্যতার কিছু স্পেসিস, দুনিয়ার লুপ্ত জাতিসমূহের ভাষার উপর প্রয়োজনীয় বইপত্র, কয়েকটা ম্যাপ আর অভিযানে প্রয়োজন হতে পারে এমন সব নিত্য ব্যবহার্য দ্রব্যাদি।

কাজ করতে করতে জাহেদ বলল : সেন আমপালাকে তুমি তাহলে কথা দিয়েছিলে যে ঘণ্টাখানেকের ভেতরই তার বন্দিখানা থেকে আমাদের উদ্ধার করে আনবে তুমি?

: দিয়েছিলাম।

ইমতিয়াজ বলল : প্রকৃতি সেন আম্‌পালার বিরুদ্ধে চলে গিয়েছিল।

: মানে?

: সেন আমপালা যখন আমাকে টেলিফোন করে তখন তারই দুর্ভাগ্যক্রমে একটা দেয়াল ঘড়ির শব্দ শোনা যায় রিসিভারে। ঘড়ির আওয়াজটা ছিল গম্ভীর আর সামান্য শিথিল। একঘণ্টা ‘স্লো’ যাচ্ছিল ঘড়িটা সময় থেকে। বুঝলাম সেন আমপালা যে ঘর থেকে টেলিফোন করছে সে ঘরের হাত দশেক দূরেই রয়েছে পুরোনো আমলের একটা ঘড়ি, যার কল-কব্জা বিগড়ে যাওয়ার দরুণ ঘড়িটা স্বাভাবিক সময় থেকে একঘন্টা পেছনে যাচ্ছে। এই ঘটনাই জিতিয়ে দিল আমাকে। অথবা বলতে পার হারিয়ে দিল সেন আমপালাকে। আমি এরপর আমার সেই অকেজো নম্বরটাকে কাজে লাগালাম।

: অকেজো নম্বর?

: হ্যাঁ, তোমাদের নিশ্চয় মনে আছে, বাংলাদেশ সরকার আমাকে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ বেসামরিক খেতাব দেয়। সেইসাথে আমাকে বাংলাদেশ সিক্রেট সার্ভিসের একজন আজীবন অনারারী মেম্বার করে নেওয়া হয়। আমার মেম্বারশীপের পিএক্স ৭৭২২ নম্বরটা ব্যবহার করলাম আর তার পরের ঘটনা তোমরা জানোই।

: জাহেদ মাথা নাড়ে। হঠাৎ তাকিয়ে দেখে জিপ্পির কাজ শেষ হয়ে গেছে। সে বসে আছে চুপচাপ।

: কফি লাগাও মিঞা, জলদি।

জাহেদ আদেশ দেয়—রেহানা, তোমার ওসব গোছগাছ শেষ হলে টেবিল সাজিয়ে ফেল। রাত প্রায় শেষ হয়ে এল। ব্রেকফার্স্ট না সেরে আমি নড়ব না সোনাভাই, তা তোমরা যে যাই বলো।

রেহানা বলল : ঠিক হ্যায়, আমি টেবিল সাজাচ্ছি। তুমি এক কাজ করো জাহেদ। কাপ-প্লেটগুলি ধুয়ে নিয়ে এসো বেসিন থেকে। হারি আপ ম্যান...

জাহেদ এজন্য প্রস্তুত ছিল না। জিপ্পি হাসছে দেখে সে ধমক লাগাল। বলল : আবার দাঁত কেলানো হচ্ছে কেন? কাজ করার ভেতর কোনো ভাল মন্দ আছে? তবে হ্যাঁ, তোমাদের কাজে লাগিয়ে আমি বিছানায় একটু গড়াতে চেয়েছিলাম বটে... সেটা আর হচ্ছে না!

এই বলে জাহেদ একগাদা বাসন নিয়ে বেসিনের কাছে এগিয়ে গেল।

জিপ্পি আসাদ ইলেকট্রিক হিটারে কেটলি বসিয়ে দিল। রেহানা মস্ত একটা বাক্স থেকে ব্রেকফার্স্ট উপযোগী খাবার নামায়। টেবিল গোছগাছ শুরু করে। ইমতিয়াজ তাকে সাহায্য করতে এগোয়।

তখন রাত শেষ হয়েছে। হঠাৎ ক্রিং ক্রিং করে উঠল টিপয়ের উপর রাখা টেলিফোনটা। ইমতিয়াজ টেলিফোন রিসিভ করে। সেন আম্‌পালার কণ্ঠস্বর। ইমতিয়াজের চোখে-মুখে খেলে যায় একটা দীপ্তির উদ্ভাস। তারপরই সেটা মিলিয়ে যায় এবং স্বাভাবিক হয়ে আসে চোখ-মুখ। সেন আমপালা বলে : আপনার বাহাদুরি স্বীকার করছি মিঃ ইমতিয়াজ। সত্যই আপনি ভাই আপনার বন্ধুদের উদ্ধার করলেন একঘন্টার মধ্যে আমার আস্তানা থেকে! ব্যাপারটা যেন এখনো বিশ্বাস করে উঠতে পারছি না!

ইমতিয়াজ বলল : উদ্বিগ্ন হবার কারণ নেই সেন আমপালা। আবার তোমার সাথে দেখা হবে। তোমার যোগ্য শাস্তি তুমি পাবে এটা মনে রেখো।

সেন আমপালা বলল : এটা আপনার বাড়াবাড়ি মিঃ ইমতিয়াজ। আমি একটা মাত্র মানুষকে ভয় পাই। কিন্তু সে আপনি নন। আর আবার যদি আপনার সাথে আমার দেখা হয় তাহলে বলে রাখছি আপনিও আপনার যোগ্য পুরস্কার পাবেন! আমার হাত থেকে আজ পর্যন্ত কেউ রেহাই পায়নি। ভগবান বুদ্ধের দোহাই, আপনিও পাবেন না। যাহোক, একটা কথা—এক মিনিটের মধ্যে আমার প্লেন উড়ছে আকাশে।

সেই রাক্ষুসে মৃত প্লেনের কেবিন তখন শব্দে গমগম করছে। চিৎকার করে কথা বলতে হচ্ছে পরস্পরকে। ইমতিয়াজ চেঁচাল—শুনে তো মনে হয় রূপকথার গল্প। কিন্তু শুভ মুহম্মদ, ইন্দুমতী আর আলিয়া মুহম্মদের রহস্যময় অন্তর্ধান বাস্তব ঘটনা। ইরাবতী নিজেই তো বলেছে প্রশাস্ত্র মহাসাগরের সেই দ্বীপে এক মৃত নগরী রয়েছে এবং জনমানবহীন সেই দ্বীপের বাসিন্দা হচ্ছে একশ’ এক মাথাওয়ালা এই লোকটা।

রেহানা বলল : কিন্তু একই মানুষের পক্ষে একশ’ একটি মাথা থাকা কি সম্ভব?

জিপ্পি বলল : সব বানোয়াট ব্যাপার। আসলে এসবই কোনো এক শয়তানের কাজ। মৃত নগরী হয়তো সত্যি আছে। হয়তো কোনো অতীত শতাব্দীর ধ্বংসস্তূপ রয়েছে সেই দ্বীপে। সেখানেই কোনো চতুর মানুষ রাজত্ব কায়েম করেছে।

: দেখাই যাক না?

হাসিমুখে চেঁচায় ইমতিয়াজ। জাহেদ রেগে গিয়ে চেঁচায়। ধমক লাগায় জিপ্পির দিকে। বলে : খামোকা যতসব উটকো কথা নিয়ে আলোচনা। আরে যাচ্ছিই তো আমরা সেই দ্বীপে। নিজের চোখেই সন্দেহ ভঞ্জন করব।

জিপ্পি বলল : দেখো বাইরে তাকিয়ে দেখো।

বাইরে তাকাল সবাই। প্রশান্ত মহাসাগরের নীল পানি। ডাইভ দিয়ে প্লেন অনেকটা নিচে নামিয়ে আনল ইমতিয়াজ। আশেপাশে তুলোর মতো মেঘ গান ধরতে গিয়ে জাহেদের গলা ভেঙে যায়। খিলখিল করে হাসে রেহানা। জিপ্পি বলে : খোদার নাম নাও ব্যাটা। আমরা ইন্দো-চীন এলাকা ছাড়িয়ে প্রশান্ত মহাসাগর এলাকায় এসে পৌঁছেছি। ফিলিপাইন দ্বীপপুঞ্জ ছাড়ালেই সেই রাক্ষুসে দ্বীপ। সেই দ্বীপে বাস করে…

: স্টপ্, স্টপ …

জাহেদ থামিয়ে দেয় রেগেমেগে—তোমার কমেন্টারী চালাবার কোনো দরকার নেই। নারকেল দেওয়া সন্দেশ খাবে কি না সেইটে বল।

: আছে?

: আছে মানে? দুই প্যাকেট ভর্তি সন্দেশ নিলাম না সেদিন রেহানার সাথে বিপণী বিতান গিয়ে?

জাহেদ মহা ধুমধামের সাথে সন্দেশ বেঁটে দিল সকলকে। চমৎকার দেখাচ্ছে প্রশান্ত মহাসাগরের নীল পানি। যতদূর চোখ যায় শুধু পানি। চারজন অভিযাত্রী প্লেনের ভেতর গল্পে কথায় মুখর হয়ে উঠল। আর নীল আকাশ পাড়ি দিয়ে প্রজাপতির মতন ভেসে চলল প্লেনটা। ক্রমে বিকেল হয়ে এল। মেঘে মেঘে ধরল সিঁদুরের রং নিচে সাগরের পানির উপর ভেসে বেড়াতে লাগল একরকম পীতাভা। হঠাৎ জিপ্পির নজরে পড়ল একটা ধাতব নির্মিত বৃহৎ উড়ন্ত পাখি।

প্লেন। শক্তিশালী বায়নোকুলার রয়েছে সবারই কাছে। বিকেলের ম্লান আলোতে একবার স্পষ্টই দেখা গেল প্লেনটাকে। ভেসে চলেছে তীরগতিতে প্রশান্ত মহাসাগরের দক্ষিণ-পূর্ব সীমানা ধরে। হঠাৎ ভারী একখণ্ড সিঁদুরে মেঘের ভেতর চলে গেল প্লেনটা। আর তারপর, আশ্চর্য, প্লেনটাকে কোথাও দেখা গেল না চারপাশে। যেন ভোজবাজির মতো মিলিয়ে গেল আকাশের রহস্যময় কোনো আঁধারে।

সেই প্লেনটা চালাচ্ছিল নকল জিপ্পি আসাদ। প্লেনের ভেতরে রয়েছে ইরাবতী ও মাবিয়া। মারিয়া এবং ইরাবতীর চোখেও পড়েছে একটা প্লেন, ইমতিয়াজদের প্লেনটা। নকল জিপ্পি আসাদ তীরবেগে প্লেন নিয়ে পালাচ্ছে দেখে ইরাবতী তাকাল মাবিয়ার দিকে। বিষণ্ন মাবিয়া শুধু মাথা নাড়ল।

নকল জিপ্পি আসাদের আসল নাম কুমারস্বামী। মাদ্রাজী। সেন আম্‌পালার অত্যন্ত বিশ্বাসী সহচর অত্যন্ত নিপুণ হাতে সে প্লেন চালাচ্ছিল। ইমতিয়াজের প্লেনটা দেখেই সে তার বিপদ বুঝতে পেরেছিল। মুহূর্তকাল দেরী করেনি সে। একখণ্ড ভারী মেঘের অন্তরালে গিয়ে সোজা খানিকটা বাঁয়ে নিচে ডাইভ দিয়েছে। আবার আত্মগোপন করেছে মেঘের গায়ে। এভাবে বার বার প্লেনের গতি এদিক ওদিক করে নিজের নিরাপত্তা সম্পর্কে নিশ্চিত হলো। গর্ব আর আনন্দের চিহ্ন ফুটে উঠল তার চোখে-মুখে।

মাবিয়া আর থাকতে না পেরে বলল : আমরা কি পালাচ্ছি মিঃ আসাদ?

নকল জিপ্পি আসাদ বলল : হ্যাঁ। যে প্লেনটা দেখেছেন ওটা কার জানেন? সেন আম্‌পালার।

ইরাবতী বলল : আর মিঃ ইমতিয়াজের প্লেন?

কুমারস্বামী একটু বিরক্তির ভাব দেখিয়ে বলল : রওনা তো হয়েছিল একই সাথে। ইমতিয়াজের আবার মতিগতির ঠিক নেই। রওনা হয়েছে প্রশান্ত মহাসাগরের দিকে। পথে হয়তো ব্যাঙ্ককে তার নামার ইচ্ছে হলো। ব্যস, নেমে যাবে। দুঃসাহসিক লোক তো! প্রাণে ডর বলতে কিছু নেই।

চমৎকার বাংলা জানে কুমারস্বামী। তার কথার টান থেকে বোঝার উপায় নেই যে সে বাঙালি নয়। ইরাবতী, মাবিয়া দুজনেই সকাল দশটা পর্যন্ত কুমারস্বামীকে ইমতিয়াজের অন্যতম বন্ধু জিপ্পি আসাদ বলেই বিশ্বাস করেছিল। কিন্তু আস্তে আস্তে তাদের মনে সন্দেহ ঘনীভূত হয়ে উঠল।

কুমারস্বামীও সেটা লক্ষ্য করল। কিন্তু তাতে সে কোনোরূপ চিন্তিত বলে মনে হলো না। নিশ্চিত মনেই সে প্লেন চালাচ্ছে। মাঝে মাঝে হিন্দী গানের কলি গুনগুন করে গায়। আরো একটা কাজ সে করে।

প্লেনে রয়েছে রেডিও-যোগাযোগ ব্যবস্থা।

এক ঘণ্টা-আধ ঘণ্টা অন্তর অন্তর রেডিও-যোগাযোগ করে যাচ্ছে সে সেন আমপালার সাথে।

কিন্তু কোনো পক্ষই কারো নাম উচ্চারণ করে না।

কথাবার্তাও হচ্ছে অনেকটা সাঙ্কেতিক ভাষায়।

সেন আম্‌পালা কুমারস্বামীর অনেক পশ্চাদবর্তী ছিল। কিন্তু গতির দিক দিয়ে তার প্লেন পৃথিবীর দ্রুততম সুপারসনিক প্লেন। তদুপরি সাধারণ ফুয়েলের পরিবর্তে এভিয়েশন গ্যাসোলিনের সাহায্যে প্লেন চালাচ্ছে সেন আমপালা।

এতক্ষণে রাক্ষুসে দ্বীপের কাছাকাছি গিয়ে পৌঁছেছে সেন আমপালা। সোজা রাস্তায় যেতে পারলে কুমারস্বামীও রাত শেষ হবার আগেই রাক্ষুসে দ্বীপে পৌঁছে যেতে পারত। কিন্তু পেছনে ধাওয়া করেছে ইমতিয়াজ।

ইমতিয়াজের নামে ভয়ে কুমারস্বামী জড়োজড়ো। শুনেছে সে ইমতিয়াজ সাধারণ মানুষ নয়। সুপারম্যান। অসাধারণ তার শক্তি, সাহস, বুদ্ধি এবং কৌশল।

ইমতিয়াজকে অবজ্ঞা করার মতো সাহস তার নেই। সোজাসুজি এয়ারওয়েজ ধরে এগোবার রিস্ক নিতে আর রাজি নয়। দিক পরিবর্তন করল সে। সেন আমপালাকে সাঙ্কেতিক ভাষায় জানিয়ে দিল দিনের বেলায় প্লেন নিয়ে সে রাক্ষুসে দ্বীপে পৌঁছে যাবে। দ্বীপে পৌঁছার পর সেন আমপালা যেন অবশ্যই তাকে উদ্ধার করে।

কেননা শুনেছে সে রাক্ষুসে দ্বীপ শুধু নামে নয়, কাজেও। যে এই দ্বীপে যায় সে নাকি সাধারণ সভ্য পৃথিবীতে আর ফিরে আসে না। যারা ফিরে আসে ঐ রাক্ষুসে দ্বীপ থেকে ক্বচিৎ, তারাও নাকি উন্মাদ হয়ে যায় বেশির ভাগ ক্ষেত্রেই।

সেন আমপালা জানিয়েছে এ বিষয়ে কুমারস্বামীর দুশ্চিন্তার কোনো কারণ নেই। রাক্ষুসে দ্বীপে পৌঁছে যথাসময় তাকে খবর দিলে সঠিক ব্যবস্থা গ্রহণ করা যাবে। এই আশ্বাস পেয়ে কুমারস্বামী নিশ্চিত হয়েছে। তারা-ভরা আকাশের ভেতর দিয়ে প্লেন চালাচ্ছে সে আর আড়চোখে মাঝে মাঝে দেখছে ইরাবতী এবং মাবিয়াকে।

ইরাবতী এবং মাবিয়ার সন্দেহ ঘনীভূত হয়। বুঝতে পারে ইমতিয়াজ নয়, সেন আম্পালারই চরের হাতে ধৃত হয়েছে ওরা দুজন। ইরাবতীর সারা চোখে-মুখে খেলে যায় কঠোর হাসি। সে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় জিপ্পি আসাদরূপী কুমারস্বামীর দিকে। সুযোগের অপেক্ষা করতে থাকে।

রাত শেষ হয়ে যায়। আকাশে রঙের পর রং উঠতে লাগে ঢেউয়ের মতো। সমুদ্র এখন সামান্য ক্ষুব্ধ। অদূরে দেখা যায় রাক্ষুসে দ্বীপের ঘন-সবুজ রং-রাশি।

জিপ্পি আসাদরূপী কুমারস্বামী গুনগুন করছে আর সামান্য পিছন ফিরে সুইচ বোর্ডের দিকে তাকিয়ে আছে। একমুহূর্ত। তারপরই সে ইরাবতী ও মাবিয়াকে কভার করে বসল। কিন্তু ততক্ষণে ইরাবতী বার করে এনেছে ক্ষুদ্রাকৃতি একটি পিস্তল। কুমারস্বামীর দিকে তাক করা!

কুমারস্বামী তেমন অবাক হয় না। বরং আরো টেনে টেনে হাসতে থাকে। বলে : এ কি দেখছি মিস ইরাবতী? আপনার হাতে পিস্তল...

কঠোর স্বরে ইরাবতী বলল : প্লেন নামাও দ্বীপে।

কুমারস্বামী বলল : ধীরে মিস ইরাবতী উত্তেজিত হবেন না। শুনুন, আপনার ঐ পিস্তলটা কাল-রাতে আপনি আর মিঃ মারিয়া যখন ঘুমোচ্ছিলেন তখন বার করে এনেছিলাম। বুঝলেন মিস ইরাবতী, ঐ পিস্তলে কার্টিজ নেই, সব আমি বার করে রেখেছি রাতে।

ইরাবতী বলল : তা আমি জানি।

কুমারস্বামী বিমূঢ় হয়ে বলে : জানেন মানে?

ইরাবতী বলল : হ্যাঁ, তুমি কার্টিজ বার করে এনেছ পিস্তল থেকে, আমি নতুন কার্টিজ ভরে নিয়েছি আবার।

ইরাবতী হঠাৎ ট্রিগার টিপল পিস্তলের। খানিকটা গরম পাউডারের চূর্ণ গিয়ে লাগল কুমারস্বামীর মুখে। বুলেটটা তার ঘাড়ের পাশ দিয়ে প্লেনের গায়ে গিয়ে বিদ্ধ হলো।

: এই!

ভীষণ আতঙ্কে চেঁচিয়ে উঠল কুমারস্বামী।

: নামাও প্লেন, তা নইলে পরের বুলেটটা ঠিক তোমার বুকে মারব।

কুমারস্বামী শেষ চেষ্টা করল। বলল : দেখুন ইরাবতী, আমি জিপ্পি আসাদ, ইমতিয়াজের....

: চুপ।

কুমারস্বামী তার বিপদের মাত্রা টের পেল। বুঝল আর কিছুমাত্র বিরূপ আচরণ করলে এই তরুণী মহিলা যা খুশি তা করতে পারে। সে আত্মসমর্পণ করে। বলে : ঠিক আছে ম্যাডাম, আপনি যা বলছেন তাই হবে।

মাবিয়া এগিয়ে গিয়ে কুমারস্বামীর অস্ত্র কেড়ে নেয়। কুমারস্বামী প্লেন একবার অনেকটা উপরে নিয়ে যায়। তারপর নিচে নেমে আসে। নিচের বনভূমি এবার স্পষ্ট। একটা নদী চোখে পড়ল।

কুমারস্বামী চেঁচায় : ল্যাণ্ড করার উপায় নেই ম্যাডাম! দ্বীপের কোথাও নামার উপযোগী জায়গা দেখছি না।

মাবিয়ার হাতে পিস্তলটা অর্পণ করে ইরাবতী। কুমারস্বামীকে ‘ওয়াচ’ করার ভার মাবিয়াকে দিয়ে ইরাবতী এগিয়ে যায় শক্তিশালী বায়নোকুলার নিয়ে জানালার কাছে। নিম্নের বনভূমি ভালোরকম পর্যবেক্ষণ করে একটা জায়গা নির্দেশিত করে ইরাবতী। বলে : ঐ জায়গাটাতে নামাও, নদীটার ধারে, ঐ ফাঁকা জায়গাটায়।

: অসম্ভব!

কুমারিস্বামী তর্ক করে—ঐ জায়গায় প্লেন ল্যান্ড করা অসম্ভব ব্যাপার! চারদিকে কি রকম বড় বড় গাছপালা দেখেছেন? একটা ডালের সাথে ধাক্কা খেলেই প্লেন ভেঙে চুরমার হয়ে যাবে। ঐটুকু ফাঁকা জায়গায় প্লেন নামানো অসম্ভব ব্যাপার মিস ইরাবতী!

: অসম্ভব ব্যাপার?

: জ্বি হ্যাঁ আমাদের আবার ফিরে যেতে হবে মনে হচ্ছে!

: একটা জায়গা খুঁজে বার কর।

ইরাবতী আদেশ দেয় : রাক্ষুসে দ্বীপে এসে ফিরে যেতে পারি না আমরা। নামতেই হবে এখানে!

: কোনো উপায় নেই। আমি অপারগ।

কুমারস্বামী কায়দা পেয়ে সাহসী হয়ে ওঠে। বলে : এটুকু জায়গার ভেতর প্লেন নামাবার অর্থ স্বেচ্ছায় মৃত্যুকে গ্রহণ করা।

ইরবাতী অসহিষ্ণু চোখে তাকায় কুমারস্বামীর দিকে। কন্ট্রোল রুম থেকে বহিষ্কৃত করে তাকে। নিজেই প্লেনের গতি নিয়ন্ত্রণ করে। কুমারস্বামী পর্যন্ত হাঁ হয়ে ইরাবতীকে দেখে। ইরাবতী একজন দক্ষ পাইলট এটা সে স্বপ্নেও ভাবতে পারেনি।

ইরাবতী প্লেনের স্পীড কমিয়ে আনে। উত্তর-দক্ষিণে উড়ে বেড়ায় কিছুক্ষণ। নদীতীরবর্তী ফাঁকা জায়গাটার উপর নেমে আসে ধীরে ধীরে। তারপর নিখুঁত ‘থ্রি-পয়েন্টেড’ পদ্ধতিতে প্লেন ল্যান্ড করায়।

প্লেন ল্যাণ্ড করার সাথে সাথে ইরাবতী পিছন ফিরে তাকায়। কুমারস্বামীকে সঠিক ‘ওয়াচ’ করা হচ্ছে কিনা পরখ করে। তারপর আশ্বস্ত হয়। মাবিয়ার হাতে ধরা পিস্তলটা যমের মতো আগলে রেখেছে, অসহায় করে রেখেছে বিশালদেহী কুমারস্বামীকে।

প্রথমেই ইরাবতী, পরে কুমারস্বামী, পেছনে পিস্তলধারী মাবিয়া নেমে এল প্লেন থেকে।

একবার উপর দিকে তাকায় ইরাবতী। আকাশ পরিষ্কার। ঝলমল করছে সকালের রোদে নীল-ধোয়া আকাশ। কোথাও কোনো প্লেনের চিহ্ন নেই।

হঠাৎ মাবিয়া চেঁচিয়ে উঠল : ইরাবতী।

ইরাবতী তাকাল। অবাক হয়ে গেল তার চোখ দুটি। দেখল নদী থেকে খানিকটা দূরে জঙ্গলের আড়ালে দাঁড়িয়ে আছে একটা প্যাগোডা। হালকা হলুদ রঙের পাথর দিয়ে তৈরি। প্যাগাডোর উপরে উঠার সিঁড়িগুলি পর্যন্ত পরিষ্কার দেখা গেল।

: মৃত নগরী?

মাবিয়া অস্ফুট গলায় বলে।

ইরাবতী বলে : না। এটা মৃত নগরী নয়। মৃত নগরী রয়েছে গভীর জঙ্গলের ভেতর। আজ পর্যন্ত সেখানে কেউ নাকি ঢুকতে পারেনি।

বিচিত্র পরিবেশে ওরা দাঁড়িয়ে রইল। নদীর জলে খেলা করছে ‘বুয়োনাস’ কুমির। ঝাঁকে ঝাঁকে পতঙ্গ উড়ছে জঙ্গলের স্থানে স্থানে। বড় বড় মান-কচুর পাতার নিচে সোনা রঙের কতকগুলি সরীসৃপ জাতীয় জীব খেলা করছিল। ওদের পায়ের শব্দে সেগুলি বড় বড় ঘাসের ভেতর লুকিয়ে গেল। এখানে সেখানে বাঁশ ঝাড়। দক্ষিণ-পূর্ব এশিয়ার নামনা-জানা বিশাল বৃক্ষরাজি।

তিনজনেরই দৃষ্টি নিবদ্ধ হলো অদূরবর্তী নির্জন নিস্তব্ধ প্যাগোডার দিকে। দেখতে মনে হচ্ছে এর বয়েস অনেক। কোথাও কোথাও পাথরের কোটরে বাসা বেঁধেছে বৃক্ষরাজি। বড় বড় ঘাস জমেছে প্রাঙ্গণে। কিন্তু আশ্চর্য, প্যাগোডার দরজা এবং সিঁড়ি একেবারে ঝকঝকে নতুন।

ওরা এগোলো। মাবিয়া সম্পূর্ণ ভার নিয়েছে কুমারস্বামীর। এক মুহূর্তের সুযোগ পেলে কুমারস্বামী তাদের দুজনকেই আক্রমণ করবে এ বিষয়ে মাবিয়া এবং ইরাবতী দুজনেই সচেতন।

প্যাগোডার সামনে এসে দাঁড়াল ওরা। অবাক হয়ে গেল প্যাগোডাটি দেখে। অসংখ্য হাত নানাভাবে সাজিয়ে তৈরি করা হয়েছে এটা। ছোট, বড় অসংখ্য হাত। প্যাগোডার চূড়া তৈরি হয়েছে দশটা বিশাল হাত দিয়ে। পাথরের তৈরি হাত। 

: হস্ত-প্যাগোডা!

মাবিয়া অস্ফুট গলায় বলল।

ইরাবতীর মনে হলো মাবিয়া যেন কি একটা বলতে চায়। কৌতুহলী হয়ে সে তাকায় মাবিয়ার দিকে। মাবিয়া বলে : তুমি জানো ইরাবতী, আমি আর তোমার বাবা দুজনে দীর্ঘকাল বার্মা, ইন্দোচীন, শ্যামের জঙ্গলে ঘুরেছি। আমরা এই প্যাগোডার কথা তখনই শুনেছিলাম বহু বৌদ্ধ সন্ন্যাসীর কাছে। প্যাগোডাটির সন্ধান তারাও জানত না। বহু শতাব্দী আগে নাকি এটি তৈরি হয়েছিল আর তারপরই এটি লুপ্ত হয়ে যায়।

কুমারস্বামী প্রথম কথা বলল প্লেন থেকে নামার পর। বলল : দেখেছেন ম্যাডাম দরজাটা একেবারে ঝকঝকে পালিশ করা, নতুন।

ইরাবতী তাকায় কুমারস্বামীর দিকে। বলে : কিছু জানো তুমি এই বৌদ্ধ মন্দিব সম্পর্কে?

: নাহ্।

: মিছে কথা বলছ তুমি।

তরুণী ইরাবতী বলল : সেন আমপালা নিশ্চয় মৃত নগরী কোথায় তা জানে। তা নইলে এখানে আসার জন্যে এমন পাগল হয়ে উঠবে কেন সে?

: সেন আমপালা জানতে পারে। কিন্তু আমি কি করে জানব? আমি সেন আমপালা নই।

: তুমি তাহলে কে?

কুমারস্বামী চুপ করে রইল। মাবিয়া বলল : যথাসময় তোমার পরিচয় আমরা পাব বৎস। কত চালে কত অন্ন তা তুমি ঠিকই টের পাবে।

ওরা সিঁড়ি বেয়ে উপরে উঠল মন্দিরের। হয়তো শতাব্দীর পর শতাব্দী এই মন্দিরে কেউ প্রবেশ করেনি। ইরাবতী ভাবল। অথবা কে জানে হয়তো লোকজন আছে এই রহস্য মন্দিরে।

: আমি মন্দিরের ভেতরে যাব।

ইরাবতী জানায়। মাবিয়া বাধা দেয় না। বাধা দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তবে এক রকমের ভীতি আর আশঙ্কার কালো ছায়া নেমে আসে মাবিয়ার চোখে-মুখে। মাবিয়া বিড়বিড় করে কি বলল বোঝা গেল না। ইরাবতী আকাশের দিকে তাকায়। আক্রমণকারী প্লেনটার কোনো পাত্তাই নেই। আশ্চর্য, সেই প্লেনটা ভোজবাজির মতো কোথায় পালিয়ে গেল?

: আমরা ইচ্ছে করলে এই মন্দিরেই আশ্রয় নিতে পারি।—ইরাবতী বলল।

মাবিয়ার দুচোখে শঙ্কা। বলে : মন্দিরে?

: অসম্ভব।

জিপ্পি আসাদ রূপী কুমারস্বামী মন্তব্য করে : এটা ভৌতিক মন্দির। এখানে আশ্রয় নেওয়ার অর্থ সাপের মুখে পা দেওয়া।

: এই মন্দিরটা ভৌতিক একথা তোমাকে কে বলেছে? মন্দিরটা সম্পর্কে তমি কিছু জানো?

: একেবারে কিছু না। আপনাদের মতো আমিও মন্দিরটা প্রথম দেখলাম। কারো কাছে মন্দির সম্পর্কে কিছু শোনার সৌভাগ্যও হয়নি। যা বলছি সব আমার মন আর বিবেকের কথা। আমার মন বলছে মন্দিরের ভেতরে পা দেবেন আর একটা অঘটন ঘটবে।

কুমারস্বামীর কথাগুলি গম্ভীর মুখে শুনলো ইরাবতী। মাবিয়ার সঙ্গে চোখাচোখি হলো। কি কথা হলো ওরাই জানে। মাবিয়া শুধু মাথা নোয়াল।

: সামনে যাও।

পিস্তলধারী মাবিয়া আদেশ দেয় কুমারস্বামীকে।—লাথি মেরে দরজা ভাঙার চেষ্টা করো।

হাউমাউ করে উঠল কুমারস্বামী।—আমি? আমাকে এই কাজ দিচ্ছেন! গড। আমি বাঁচব না। প্রেতাত্মার হাতে মারা পড়ব। মিঃ মাবিয়া, তারচে’ আমাকে আপনি গুলি করে দিন! প্রেতাত্মার হাতে মরার চেয়ে মানুষের হাতে মরা অনেক ভাল।

: বেশ, তাই হোক,

মাবিয়া ট্রিগারে আঙুল রাখল : আমার হাতেই তোমার মতো জানোয়ারের মৃত্যু হোক তাহলে!

: দাঁড়ান! দাঁড়ান..... ফর গড সেক, গুলি ছুঁড়বেন না।—আর্তনাদ করে উঠে কুমারস্বামী। তার চোখ দুটি রক্তবর্ণ ধারণ করেছে। ইরাবতী বুঝল পেশায় যা-ই হোক, অসম্ভব ভূতের ভয় এই লোকটার। কুমারস্বামী এগিয়ে গেল। সিঁড়ি বেয়ে প্যাগোডার অর্গল-বদ্ধ দরজার দিকে। তার সারা শরীর থরথর করে কাঁপছিল।

: হে যীশু, হে মাতা মেরী।

কুমারস্বামী বিড়বিড় করে প্রার্থনা করছিল।

নতুন দরজাটা বিচিত্র বলতে হবে। সমগ্র মন্দিরের মধ্যে এই দরজাটাই শুধু কাঠের। দরজার উপর কারুকাজ করা। স্পষ্টত বার্ণিশের গন্ধ পাওয়া যাচ্ছিল। হঠাৎ একটা গোঙানির আওয়াজ পাওয়া গেল। মাবিয়া বলল : ও কিছু না। খুব সম্ভব জঙ্গলের কোনো একটা পাখি এরকম শব্দ করে উঠেছে।

কিন্তু ইরাবতীর মনে সন্দেহের ছায়া নামল। মাবিয়া আদেশ দেয় কুমারস্বামীকে : দরজা ভাঙো।

কুমারস্বামী এক পা তোলে। পর মুহূর্তেই আবার গোঙানির শব্দ শোনা যায়। এবার গোঙানির শব্দটা আরও প্রকট। মনে হলো যেন মারিয়া, ইরাবতী আর কুমারস্বামী মন্দিরের দরজার সামনে যে জায়গাটায় দাঁড়িয়েছে ঠিক সেই জায়গা ফুঁড়ে শব্দটা ছিটকে পড়ছে। শব্দটার সঙ্গে সঙ্গে উঠোনের মাটি কেঁপে উঠল! গাছপালার উপর দিয়ে বাতাস বয়ে গেল।

কুমারস্বামীকে কিছুতেই আর দরজা ভাঙার কথা বলতে পারল না ওরা। কুমারস্বামী তখন ভয়ে নীল হয়ে গিয়েছে। হাত-পা থরথর করে কাঁপছে। কিন্তু এসব কিছুর মধ্যেও সে মাঝে মাঝে তাকাচ্ছে মাবিয়ার হাতে-ধরা পিস্তলটার দিকে। সুযোগ খুঁজছে।

: ঐ দেখো...ঐ...

মাবিয়া ছাদের কার্ণিসের দিকে তাকিয়ে চেঁচায় আর একটা বস্তুর প্রতি অঙুলি নির্দেশ করে।

একটা প্রকাণ্ড হাত, পাথরের তৈরি কি মানুষের বোঝা গেল না। তবে হাতটা জীবন্ত মানুষের হাতের মতো আঙুলগুলি একবার মুঠি করে ধরছে, আবার সেই মুঠি ছেড়ে দিচ্ছে। ইরাবতী চেঁচিয়ে ওঠে : গুলি ছুঁডুন চাচা... ওটা মানুষের হাত।

ঠিক এসময় চারদিক প্রকম্পিত করে একটা হা-হা-হা অট্টহাসি বেজে উঠল। প্রথমে বহু দূরে। আস্তে আস্তে শব্দটা চারদিক থেকে কাছে ঘনিয়ে আসতে লাগল। অট্টহাসির শব্দ তাতে আর কোনো ভুল নেই। ইরাবতী মুহূর্তেই ভয়ানক বিচলিত হয়ে পড়ল। কয়েক বছর আগে বাবা-মা’র সাথে এই রাক্ষুসে দ্বীপে সে এসেছিল। তার বাবার ক্যাম্প থেকেও একদিন গভীর রাতে শব্দটা শোনা গিয়েছিল। সহস্র মানুষের গলার তীক্ষ্ণ অট্টহাসি। ইরাবতী সম্পূর্ণ নিজের অজান্তেই সে রাতে ক্যাম্প থেকে লাফিয়ে পড়েছিল বাইরে। মাবিয়া তাকে অনুসরণ করেছিল। কিন্তু কিছুদূর গিয়ে দুজনেই অজ্ঞান হয়ে লুটিয়ে পড়েছিল জঙ্গলের ভেতর। জ্ঞান ফিরে আসার পর যে জায়গায় ক্যাম্প করা হয়েছিল সেখানে ফিরে এসেছিল তারা। কিন্তু আশ্চর্য, শুভ মুহম্মদ, আলিয়া আর চারজন ভৃত্যের কাউকেই পাওয়া যায়নি। এমনকি সেই জায়গায় তাঁবুর চিহ্নমাত্রও ছিল না। সেই রাতেও এরকম অট্টহাসি শোনা গিয়েছিল। ইরাবতী প্রথমে দু’কান চেপে ধরল হাত দিয়ে। তার চোখে-মুখে ভয় আর আতঙ্ক স্পষ্ট হয়ে উঠতে লাগল। চেঁচিয়ে উঠল ইরাবতী।

: একশ’ এক মাথাওয়ালা সেই লোক।

ইরাবতী চেঁচাতে লাগল : বাবা-মাকে গ্রাস করেছিল যে সেই লোক।

শব্দটা বাড়তে লাগল দ্রুত। মাবিয়া মাথা ঠাণ্ডা রাখতে চেষ্টা করল। কুমারস্বামী দু’হাত দিয়ে কান ঢেকে রেখেছে তবে এত দুর্যোগের ভেতরও মাবিয়ার পিস্তলটার দৃষ্টি যে তারই দিকে নিবদ্ধ সেটা তার নজর এড়াল না। ইরাবতী এদিকে অস্বাভাবিক রকম আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। হঠাৎ সে বলল : চাচা, ঐ দেখুন...

মাবিয়া প্রথমে কিছুই দেখতে পেল না। সে কুমারস্বামীকে যথাসম্ভব কভার করে চারদিকে সতর্ক দৃষ্টি নিক্ষেপ করল। সহসা তার চোখ দুটি স্থির হলো প্যাডোগার বা পাশের দেয়ালে। দেখল সেই প্রকাণ্ড হাতটার মুঠোর ভেতর রয়েছে একটা বিশালকায় বাদুড়। ধীরে ধীরে হাতটার মুঠো দৃঢ় হচ্ছে আর বাদুড়টা চেঁচাচ্ছে মৃত্যু যন্ত্রণায়।

কিন্তু চারদিকে বিশাল, তীক্ষ্ণ হা-হা-হা অট্টহাসির শব্দের ভেতর বাদুড়ের মরণচিৎকার ডুবে গেছে। ইরাবতী অপ্রকৃতিস্থ হয়ে উঠল। সে লাফিয়ে নামতে চাইল প্যাগোডার সিঁড়ি থেকে নিচের প্রাঙ্গণে। তাল সামলাতে না পেরে পড়ে গেল সিঁড়ি ফসকে নিচে। ইরাবতীর শরীরটা গড়িয়ে নেমে গেল মন্দিরের প্রাঙ্গণে।

মাবিয়া মুহূর্তকালের জন্য ইরাবতীর এই বিপর্যয়ে অন্যমনা হয়েছিল, তার সুযোগ গ্রহণ করল কুমারস্বামী। মাবিয়ার উপর ঝাঁপিয়ে পড়ল। মাবিয়া ট্রিগার টিপল।

কিন্তু গুলি গিয়ে বিদ্ধ হলো প্যাগোডার মন্দিরে। শুরু হলো ধ্বস্তাধ্বস্তি। কুমারস্বামী নিঃসন্দেহে মাবিয়ার চেয়ে বহুগুণে শক্তিশালী। কিন্তু মাবিয়ার শরীরে যেন নতুন বল এসেছে। কুমারস্বামী গলার নিচে হাত চালিয়ে মাবিয়ার ঘাড় ভেঙে দেবার চেষ্টা করল। মাবিয়া পেছনে দু’হাত চালিয়ে কুমারস্বামীর দুচোখ চেপে ধরল। আঙুল বসিয়ে দেবার চেষ্টা করল চোখের কোটরে। কুমারস্বামী তাকে ছেড়ে দিতে বাধ্য হলো। কিন্তু ধস্তাধস্তি তে মাবিয়ার হাতের পিস্তলটা ছিটকে পড়ে যায় দূরে। মাবিয়া সেই দিকে ছুটে গেলে কুমারস্বামী অন্ধের মতো তার উপর ঝাঁপিয়ে পড়ে। দুজনেই পড়ে যায় মন্দির-প্রাঙ্গণের মেঝেয়। ধস্তাধস্তি করতে করতে সিঁড়ির কোণায় এসে পড়ে। কুমারস্বামী দু’হাতে চেপে ধরে মাবিয়ার গলা। মাবিয়া প্রাণপণে কুমারস্বামীর দু’হাত শিথিল করার চেষ্টা করে। কিন্তু কুমারস্বামী ততক্ষণে সুবিধা মতো পেয়ে গেছে মাবিয়াকে। মাবিয়া এতক্ষণে ধস্তাধস্তির পর অনেকটা নিস্তেজ হয়ে পড়েছে। সে আর পেরে উঠছিল না। কুমারস্বামীর দু’হাতের পেষণ ক্রমেই তার গলায় চেপে বসছে।

কুমারস্বামী উন্মত্তের মতো হাসছে। মাবিয়া শ্বাস নিতে পারছে না। চোখ বিস্ফরিত হয়ে উঠছে। জিহ্বা বেরিয়ে এসেছে। ঠিক এ সময় কে যেন কুমারস্বামীর পেছনে এসে দাঁড়ায়। একটা তীব্র শীতল স্পর্শ ঘাড়ে লাগে কুমারস্বামীর। কুমারস্বামী চমকে উঠে ফিরে তাকায়। ফিরে তাকিয়েই যে দৃশ্য দেখল তাতে স্থান-কাল-পাত্র সব ভুলে মরণ চিৎকার করে উঠল সে। তৎক্ষণাৎ সেখানেই জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল কুমারস্বামী।

ঠিক তখন হা-হা-হা— অট্টহাসির শব্দটা থেমে গেল।


পাঁচ

কিন্তু আর একটা শব্দ জেগে উঠল রাক্ষুসে দ্বীপের আকাশে। ঘন জঙ্গল ভেদ করে মাঝে মাঝে সূর্য-রশ্মি এসে পড়েছে। নদীর জলে আনন্দের স্নান করছে হিংস্র ‘বুয়োনাস’ কুমির। মাইলের পর মাইল ব্যাপী জায়গা অন্ধকার করে রেখেছে ‘ল্যাং’ নামে একরকমের বিষাক্ত পতঙ্গ। গাছের ডালে ঝুলে আছে মাংসাশী বাদুর। মাঝে মাঝে ডানা ঝাপ্টা দিচ্ছে বাদুড়গুলি। মাঝে মাঝে ছুটে আসছে বাজপাখির দল। বাদুড়ের দল ভয় পেয়ে এক গাছের ডাল থেকে অন্য ডালে ছুটে যাচ্ছে। জঙ্গলের ফাঁকা জায়গায় বিশালকায় ‘রাজাওয়ালী’ পাখি রাজকীয় ভঙ্গিতে বসে আছে।

রাক্ষুসে দ্বীপে সময় গড়িয়ে যায় প্রকৃতির আপন খেয়ালে। হঠাৎ দ্বীপের আকাশ মুখর হয়ে উঠল গুম্‌ গুম্ শব্দে।

শব্দটা প্লেনের।

ইমতিয়াজের প্লেন। নদীর ধারে ফাঁকা জায়গাটা লক্ষ্য করেছে সে। তার প্লেনটাকে নিচে নামাতেই দ্বীপের হরেক রকমের পাখ-পাখালি তুমুল কণ্ঠে চেঁচিয়ে উঠল। তারপর ভয়ে পালাতে লাগল। নির্বিঘ্নে প্লেন ল্যাণ্ড করাল ইমতিয়াজ। দেখল আর একটা প্লেন দাঁড়িয়ে আছে জঙ্গলের গা ঘেঁষে।

‘সেন আম্‌পালার প্লেন।’

রেহানা মন্তব্য করল।

ইমতিয়াজ বলল : হ্যাঁ, সেন আম্পালারই প্লেন। তবে এইরকম মধ্যম শ্রেণীর প্লেনে সেন আমপালা নিজে রাক্ষুসে দ্বীপ পাড়ি দেয়নি। সেন আম্‌পালার প্লেন সর্বাধুনিক সুপারসনিক প্লেন।

: এটা তাহলে ইরাবতীর প্লেন।

জাহেদ মন্তব্য করে। জিপ্পি বলে : হ্যাঁ। এই প্লেনে করে এসেছে ইরাবতী, মাবিয়া আর সেন আম্‌পালার একজন সহচর।

চারজনই প্লেন থেকে নেমে আসে। প্রথমে ইমতিয়াজ, পেছনে জিপ্পি আসাদ, পরে জাহেদ সর্বশেষে রেহানা। চারজনেরই কাঁধে ব্যাগ। পরনে রাক্ষুসে দ্বীপে পরার উপযোগী পোশাক। পায়ে বুট। মাথায় হেলমেট। গায়ে পাতলা চামড়ার বিচিত্র-ধরনের কোট।

প্রথমে ওরা এগিয়ে যায় ইরাবতীর প্লেনটার দিকে। প্লেনে কেউ নেই দেখে বুঝতে পারল প্লেনের যাত্রীরা কোথাও বেরিয়েছে। হয়তো সেন আপালার সহচরের নির্দেশেই ইরাবতী এবং মাবিয়াকে যেতে হয়েছে কোথাও।

ফাঁকা জায়গাটার চারপাশে ঘন জঙ্গল। হঠাৎ চেঁচিয়ে উঠল রেহানা। প্যাগোডাটা নজরে পড়েছে তার। ওরা তিনজনই কোনোরূপ মন্তব্য প্রকাশ থেকে বিরত থাকল। শুধু জাহেদ বলল : ইরাবতী ঐ মন্দিরে গিয়েছে।

চারজন কিছুক্ষণের মধ্যেই এসে উপনীত হলো প্যাগোডার সামনে। বিস্মিত হয়ে ওরা পাথরের হাত দিয়ে তৈরি বিচিত্র মন্দিরটা দেখল। তারপর দেখল প্যাগোডার সিঁড়ির ধাপে ধাপে রক্তের দাগ। রক্তের একটা ধারা উপর থেকে নিচে নেমে এসেছে ক্ষীণ স্রোতে।

জিপ্পি আসাদ আবিষ্কার করল কয়েক গুচ্ছ লম্বা চুল। সিঁড়ির সবচে’ নিচের ধাপে রক্তের ধারার সাথে মিশে ছিল। ইমতিয়াজ বলল : ইরাবতীর। মিনিট দশেক আগে সম্ভবত ওরা এখানে ছিল। আমরা মন্দিরের ভেতরে যাব।

ওরা দরজার দিকে এগোল। একেবারে আনকোরা নতুন কাঠের দরজা দেখে ওরা বিস্ময়বোধ না করে পারল না। ইমতিয়াজ দরজার উপর একটা হাত রাখল। আশ্চর্য, হাত রাখতে না রাখতেই দরজা দু’ফাঁক হয়ে খুলে গেল। ওরা সবাই ভেতরে ঢুকল। ভেতরটা সঙ্কীর্ণ আর অন্ধকার দেয়ালের ইঞ্চিতে ইঞ্চিতে পাথরের হাত।

ওরা সঙ্কীর্ণ, অন্ধকার ঘরটা পার হয়ে ভেতরে এগোল। পার্শ্ববর্তী ঘরটা বেশ প্রশস্ত। সূর্যালোক প্রবেশের ব্যবস্থা রয়েছে ছাতের খণ্ড খণ্ড পথ দিয়ে। ঘরটার একটা বৈশিষ্ট্য চোখে পড়লো ওদের। এই ঘরের দেয়ালেও অসংখ্য হাত। প্রত্যেকটা হাতের তর্জনী ঘরের মাঝখানকার একটা বিন্দুর প্রতি নির্দেশিত। গা শিউরে ওঠে ঘরটার ভেতর ঢুকলে। চারপাশের দেয়ালের অসংখ্য হাত যেন প্রকাণ্ড এক সঙ্কেত ধরে রেখেছে তর্জনীর মুদ্রা দিয়ে।

জিপ্পি আসাদ এগিয়ে গিয়ে ঘরের মাঝখানকার মেঝের আংটা ধরে টান দিল। ফাঁক হয়ে গেল মেঝে। বিস্ময়ে চেঁচিয়ে উঠল জিপ্পি।

ওরা সবাই দেখল। মেঝের ফাঁকা জায়গায় স্তূপীকৃত রয়েছে অসংখ্য কঙ্কাল। একটিও ভঙ্গুর নয়। সব আস্ত নর-কঙ্কাল। বিস্তৃত মেঝের নিচে সারি সারি শুইয়ে দেওয়া হয়েছে কঙ্কালগুলি। হাড়ের রং এখন হলদেটে হয়ে গেছে। কঙ্কালগুলির মাথার কাছে কালো কালো ছাই।

একপাশে পাওয়া গেল বহু অস্ত্রশস্ত্র। বর্শা, কুড়াল, শাবল থেকে শুরু করে রাইফেল, পিস্তল এমনকি দুটি লাইট মেশিন গান।—ইমতিয়াজ, এসব কি?

রেহানা বিস্ময় রোধ করতে না পেরে বলে ওঠে।

সকলের চোখ গেল সেদিকে। নর-কঙ্কালের পাশে স্তূপীকৃত অস্ত্রশস্ত্র। এরই একপাশে পড়ে আছে একটি ক্ষুদ্রাকৃতি পিস্তল।

ইমতিয়াজ পিস্তলটা হাতে তুলে নেয়। বলে : মিনিট চল্লিশেক আগেও এই পিস্তল দিয়ে গুলি ছোঁড়া হয়েছে। এটা হলো ইরাবতীর পিস্তল।

: ইরাবতী?

: হ্যাঁ। পরশু রাতে শুভ মুহম্মদের বাড়িতে একই পিস্তল হাতে ছিল ইরাবতীর।

ওরা সমস্ত প্যাগোডা তন্ন তন্ন করে খুঁজল। ইরাবতী অথবা তার কোনো সঙ্গীর কোনোই হদিস পাওয়া গেল না। খুঁজতে খুঁজতে ওরা চলে এল প্যাগোডার পিছন দিকে।

ছোট স্রোতস্বিনী বইছে প্যাগোডার পশ্চাৎদেশে। নদী ছোট হলেও বুঝা যায় বেশ গভীর। নদীর জলে অসংখ্য বুয়োনাস কুমির বিচরণ করছে। সবচে’ ছোট বুয়োনাস, ওরা অনুমান করল, লম্বায় বিশ ফিটের কম হবে না।

বাচ্চা একটা বুয়োনাস শরীরের অর্ধেকটা ডাঙায় রেখে রোদ পোহাচ্ছিল। ওদের দেখে বুয়োনাসটা তার প্রকাণ্ড মুখটা হা করল।

: আহা, শিশুটা খেতে চায়।

জাহেদ স্নেহ-বিগলিত কণ্ঠে বলল : জিপ্পু, যাবে নাকি দাদা ঐ বাচ্চা কুমিরটার মুখের কাছে একটিবার? বেশি নয়, তোমার মোটা মোটা আঙুলের দুই দশটা পেলেই বেচারার নাস্তাটা হয়ে যায়।

জিপ্পি প্রত্যুত্তরে মস্ত একটা পাথর তুলে ছুঁড়ে মারল সেটা বুয়োনাসটার দিকে। বুয়োনাসটা সুড়ুৎ করে তার মাথাটা পানিতে টেনে নিল। একটু পরে আবার ভোঁস করে মাথা তুলে ওদের দেখতে লাগল।

প্যাগোডার পিছন দিকটার নদীর অবস্থান ইমতিয়াজের কাছে তাৎপর্যপূর্ণ মনে হলো। নদীর তীরে কতক্ষণ ওরা সাবধানে ঘুরে বেড়ালো। কোনো নৌকা বাঁধার চিহ্ন পাওয়া যায় কিনা সতর্ক চোখে পরখ করলো। আশেপাশের জঙ্গলের গাছপালায় তুমুল আন্দোলন শুরু হলো। ওদের সাড়া পেয়ে ভীতু রাজা-ওয়ালী পাখির দল ঝোপ-ঝাড় ভেঙে একরকম ডানা ঝাপটে দৌড়ে পালালো। গুটিকয় বাজপাখি তীক্ষ্ণস্বরে চেঁচাল তারপর উঠল গিয়ে একশ’ ফুট বিশাল এক গাছের মাথায়। সেখান থেকেই বাজপাখি কয়টা মাথা নিচু করে ঠোঁট বাড়িয়ে ওদের দেখতে লাগল।

এই ঘটনায় সামান্য বিব্রত মনে হলো জাহেদকে। জিপ্পি আসাদ বলল : আরে কামড়াবে না, কামড়াবে না। ওরাই প্রাণের ভয়ে কি করবে ভাবছে...

: কামড়াবে না?

বিজ্ঞের মতো জিজ্ঞেস করে জাহেদ।—কিন্তু যদি মাথার উপর বিষ্টা নিক্ষেপ করে?

জিপ্পি বলে : ও, তুমি এই ভয়ে আছ তাহলে? নিশ্চিন্ত থাকো জাহেদ, বাজপাখি এরকম যেখানে সেখানে বাথরুমের কাজ করে না...

: যা, যা...

হেসে অবজ্ঞায় উড়িয়ে দেয় জিপ্পির আশ্বাস জাহেদ। বলে : কত দেখলাম। কাউয়া, ঘুঘু, টিয়া, শালিক যত পাখি দেখেছি সব স্যাঙাতের প্রায় এক অভ্যেস। যেখানে সেখানে কাজ সেরে দেয়। গায়ে বা মাথায় ঝুপ করে পড়লে, বুঝলে, বড়ই খারাপ লাগে তখন।

রেহানা বলে : এই লাইনে নিশ্চয় অসংখ্য অভিজ্ঞতা হয়েছে তোমার?

জাহেদ এই অপমানকর কথার জবাব দেওয়া প্রয়োজনবোধ করে না। সে জিপ্পির দিকে তাকিয়ে বলে : কবি-গুরুর কবিতাটা মনে আছে তোমার জিপ্পি?

রেহানা বলে : কোনটা? এই করেছ ভালো নিঠুর, এই করেছ ভালো!

: না। সেই কবিতাটা। হে মোর দুর্ভাগা দেশ যাদের করেছ অপমান, অপমানে হতে হবে তাহাদের সবার সমান। হে, হে, বাজপাখি, খোদা না করুন যদি এরকম করেই বসে তাহলে দুর্গতি শুধু আমারই হবে না, অন্যেরও হতে পারে!

কবিগুরুর কবিতার এই অপূর্ব বিশ্লেষণে না হেসে পারে না রেহানা। জিপ্পিও হাসে। হঠাৎ সুমুখে তাকিয়ে দেখে ইমতিয়াজ একখণ্ড পাথর নিয়ে গভীর মনোযোগের সাথে কি যেন দেখছে।

ওরা এগিয়ে গেল।

রেহানার কাছে পাথরটা দিল ইমতিয়াজ। বিশিষ্ট জীববিজ্ঞানী আর প্রত্নতত্ত্ববিদ হিসাবে অল্প বয়সেই প্রচুর খ্যাতির অধিকারী হয়েছে রেহানা। ইমতিয়াজ বলল : পাথরটা দেখে কিছু অনুমান করতে পারো?

নিবিষ্টমনে পাথরটা উল্টেপাল্টে দেখল রেহানা। খানিকটা গম্ভীর হয়ে বলল : কয়েক হাজার বছর আগের পাথর।

: কি করে বুঝলে?

: ইনসক্রিপশান...

হাসিমুখে তাকায় রেহানা ইমতিয়াজের দিকে। বলে : পাথরের গায়ে আঁকা লেখাগুলি ক্ষয়ের দাগ মনে হতে পারে কিন্তু একজন প্রত্নতত্ত্ববিদের চোখে এই দাগের অর্থ অন্যরূপ! দাগগুলি দেখে তুমি যা ভাবছ আমিও ঠিক তাই ভাবছি।

: ব্যাখ্যা কর।

: প্রাক-ঐতিহাসিক যুগের পাথর এটা। প্রত্নতত্ত্ববিদেরা বলেন মানবজাতির সুপ্রাচীন একটা ধারা প্রশান্ত মহাসাগরের দ্বীপপুঞ্জে পরিপুষ্ট হয়েছিল। অনেকে অনুমান করেন মিশরীয় বা মায়ান সভ্যতারও বহু শত বছর আগে প্রশান্ত মহাসাগরের কতক কতক দ্বীপপুঞ্জে এক বিচিত্র সভ্যতা গড়ে উঠেছিল। বলা হয় উৎকর্ষের দিক দিয়ে এই সভ্যতা নীল নদের সভ্যতার চেয়েও বহুগুণে সমৃদ্ধ ছিল। কয়েক হাজার বছর আগে যারা প্রশান্ত মহাসাগরের এইসব দ্বীপে বাস করত তারা শিক্ষায় দীক্ষায় উন্নত ছিল। তাদের ভাষা ছিল, নগর নির্মাণের কৌশল জানত তারা, বিবাহ-পদ্ধতিও অজ্ঞাত ছিল না তাদের কাছে।

ইমতিয়াজ বলল : থেমো না, বলে যাও!

রেহানা বলল : কয়েক হাজার বছর আগে প্রশান্ত মহাসাগরের বিশাল এক প্লাবন হয়। হয়ত নুহের প্লাবন সেটা। সেই প্লাবনে দক্ষিণ-পূর্ব এশিয়ার তিন-চতুর্থাংশ চলে যায় সমুদ্রের নিচে। এইভাবে পৃথিবীর প্রাচীনতম সভ্যতা লুপ্ত হয়ে যায়।

: সম্পূর্ণ!

একটু দ্বিধাভরে রেহানা বলে, আমি তো তাই মনে করি।

ইমতিয়াজ বলে : না। দু’একটি দ্বীপ আশ্চর্যভাবে রক্ষা পেয়ে যায়। রাক্ষুসে দ্বীপ সেইসব দ্বীপের একটি।

: কিন্তু এই দ্বীপের বাসিন্দারা কোথায়?

ইমতিয়াজ বলে : এই রহস্য আমরা উদ্ধার করব। পাথরের লেখাগুলি ভালো করে লক্ষ্য করো রেহানা। দেখো, লেখাগুলির উপরে একটি হাত আঁকা রয়েছে।

: হ্যাঁ, আমি লক্ষ্য করেছি। তর্জনী তোলা হাত।

: কিছু অনুমান করতে পার?

: না।

: এ হলো মন্ত্রপূতঃ পাথর। প্রাক-ঐতিহাসিক যুগের কতক কতক লোক হস্ত-দেবতার পূজো করত। হস্ত-দেবতা বিচিত্র রহস্যময় দেবতা। দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রাচীনতম দ্বীপগুলিতে এ রকম মন্ত্রপূতঃ পাথর আরো দু’একটা পাওয়া গিয়েছে। এই পাথর নদীগর্ভে নিক্ষেপ করা হত। এই আচার ছিল পূজোরই অঙ্গ।

ইতোমধ্যে জাহেদ ব্রেকফাস্ট ব্যাগ খুলে বসেছে। হাঁক দিয়ে বলল : চলে এসো হে, পেট-দেবতার পূজো করো আগে... জিপ্পু.... এই যে ভাই, তোমার ভাগ...

ব্রেকফাস্ট শেষ করে ওরা নিজেদের প্লেনের কাছে এলো। ইরাবতীর প্লেন তেমনি দাঁড়িয়ে আছে মস্তবড় এক ধাতব ফড়িং-এর মতো। ইমতিয়াজ, জিপ্পি আসাদ, রেহানা আর জাহেদ কিছুক্ষণ কথা বলল ইরাবতী সম্পর্কে।

: ইরাবতীকে উদ্ধার করাই হবে আমাদের এখানকার কাজ।—জাহেদ মন্তব্য করে।

রেহানা বলে : ইরাবতীর সাথে রয়েছে সেন আম্‌পালার চর। হয়তো ইরাবতীকে খুঁজে বার করতে পারলেই এই রাক্ষসে দ্বীপের অনেক রহস্য উদ্ঘাটন করা যাবে।

প্লেনে যে যার ব্যাগ রেখে একটু হালকা হলো। তারপর ওরা চললো ইরাবতীর প্লেনের দিকে। প্লেনে মওজুদ রসদ ও অন্যান্য উপকরণ দেখে একটু বিস্মিত হয়  ইমতিয়াজ। অভিযানের এমন পরিপূর্ণ আয়োজন শুধু তারই পক্ষে করা সম্ভব এ ব্যাপারে গভীর ও ব্যাপক অভিজ্ঞতা রয়েছে যার।

ওরা সবাই প্লেনের ভেতরটা তন্ন তন্ন করে খুঁজল। ইরাবতীর রহস্যময় নিখোঁজের কোনো ক্লু যদি পাওয়া যায়। প্লেনের কেবিনে পাওয়া গেল কয়েকটা তাজা ডিনামাইট। কিন্তু জিপ্পি আসাদের চোখ ফাঁকি দিতে পারলো না একটা ব্যাপার। ডিনামাইটগুলি পরীক্ষা করে জিপ্পি মন্তব্য করল : দুটো ডিনামাইটের ভেতর কোনো নাইট্রো কম্পাউণ্ড নেই, ভেতরটা ফাঁপা বলে মনে হচ্ছে।

ডিনামাইট দুটো খুলে জিপ্পির কথার সত্যতা প্রমাণিত হলো। ভেতরে নাইট্রো কম্পাউন্ডের বদলে রয়েছে ফেস পাউডার এবং পানি।

আরো একটা অত্যাশ্চর্য বস্তু পাওয়া গেল।

তৈলাক্ত কাগজে মোড়া একটা স্টিক। মৃত নগরীর তিন নম্বর চাবিটি। চাবিটির সাথে পাওয়া গেল বহু মূল্য কাগজে অঙ্কিত একটা ম্যাপ। প্রশান্ত মহাসাগরের মধ্যবর্তী রাক্ষুসে দ্বীপটি আঁকা রয়েছে নিখুঁতভাবে। দ্বীপে রয়েছে তিনটি ছোট ছোট নদী। কোনোটারই দৈর্ঘ্য একশ মাইলের বেশি নয়। নদী তিনটির উৎপত্তি স্থলে রয়েছে এক সরোবর। সরোবরের চারদিকে তীক্ষ্ণ কণ্টকারণ্য। কণ্টকারণ্যের ভেতর দিয়ে দেখানো হয়েছে একটা পথ। সেই পথ পাঁচ ভাগে ছড়িয়ে পড়েছে রাক্ষুসে দ্বীপের চারদিকে। একটা পথ মোটা লাইন দিয়ে আঁকা। সেই পথটা রাক্ষুসে দ্বীপের গভীরতম জঙ্গলের ভেতর হারিয়ে গেছে। দুর্ভেদ্য জঙ্গলের জায়গাটা বৃত্তাকারে চিহ্নিত করা। মাঝখানে একটা ক্রস।

ক্রসের নিচে লেখা,

MAAPI PPAR AAPA PPAC APPL PPAE APPGO PPAGO

ইমতিয়াজের চোখ-মুখ উজ্জ্বল হয়ে উঠল। বলল : এতক্ষণে একটা কাজের মতো কাজ হলো। আমরা যা চাই তার সন্ধান পেয়ে গেছি জাহেদ।

জাহেদ গম্ভীরভাবে ম্যাপটা দেখল। মাথা নাড়ল শুধু। ভাবখানা দেখাল, তাইতো, জিনিস তো মিলেই গেছে। আসলে কিছুই সে বুঝতে পারেনি।