হ য ব র ল

গল্প · সেপ্টেম্বর ১৯৭০

ভয়াল ৬ — সুমেরুর হাতছানি

সাগর চৌধুরী

ইমতিয়াজ, জাহেদ, জিপ্পি আসাদ, রেহানা। তিন যুবক, এক যুবতী। ওরা চার বন্ধু। দুর্বার, দুর্দম, দুর্জয় ওরা। ভয় কাকে বলে জানা নেই। অজানা রহস্য ও রোমাঞ্চের আকর্ষণ পৃথিবীর এক প্রান্ত থেকে টেনে নিয়ে যাচ্ছে ওদের আর এক প্রান্তে। ভয়ঙ্কর সংঘাত আর বাধা বিঘ্ন তুচ্ছ করে ঝাঁপিয়ে পড়ছে ওরা বিপদের মধ্যে।

ভয়াল · বই ৬

সংস্করণ · প্রথম

সম্পূর্ণ পাঠ

ভয়াল ৬ — সুমেরুর হাতছানি

এক

ছোটো-খাটো বেঁটে লোকটা চুপচাপ পার্ক করা গাড়ীগুলির পেছনে দাঁড়িয়েছিল।

দেখে মনে হচ্ছিল যেন কোনো কিছুর জন্যে অপেক্ষা করছে সে।

সামনেই ইঞ্জিনিয়ারস্ ইনষ্টিটিউট। একপাশে রমনা রেস-কোর্সের ময়দান। কালীবাড়ীর ভাঙ্গা মন্দিরের একাংশ দেখা যাচ্ছিল রাতের আবছা অন্ধকারে ধ্বংস-স্তূপের ন্যায়।

এসময় বিশালদেহী এক পুলিশ এগিয়ে এল পার্ক করা গাড়ীগুলির পেছনে। তার মোচের বাহার দেখার মত জিনিস। যেন ঠোঁটের দু’পাশে দু’টো হৃষ্টপুষ্ট কালো ইঁদূর ঝুলিয়ে রাখা হয়েছে।

: এই শালা, কি করছ তুমি এখানে?

হাতের ছড়ি ঘুরিয়ে পুলিশটা ধমকে উঠল। বেঁটে লোকটা কাচুমাচু করে বলল : দাঁড়িয়ে আছি, স্যার। দ্যাখেন, আর কিছু করছি না। শুধু দাঁড়িয়ে আছি।

‘স্যার’ সম্বোধন করায় পুলিশটি বেশ খুশী হয়। কিন্তু সেভাব যথাসম্ভৰ গোপন রেখে গম্ভীরভাবে বলে : বটে?

: জ্বি স্যার।

পুলিশটি দু’হাতে মোচে তা দেয়। অনেকক্ষণ ধরে তাকে দেখে। তারপর বলে : কাজটা সেরে ফেলেছিস, না সারতে যাচ্ছিলি?

বেঁটে লোকটা কি যেন বলতে যাচ্ছিল, তার আগেই পুলিশের লোকটা রমনা রেস-কোর্সের ময়দান দেখিয়ে বলে : বেশী যদি চেপে গিয়ে থাকে তাহলে মাঠে চলে যা। এখানে কিছু করে বসবি তো পাঁচ-আইনীতে দেব। খবরদার!

বেঁটে লোকটা নিরুত্তরে নীচু কাঁটাতারের বেড়া টপ্‌কে মাঠের দিকে চলে যায়। কিন্তু ভেতরে ভেতরে রেগে টং হয়ে গেছে সে। বিড়বিড় করে গালি দিল পুলিশটাকে। বলল : শালা রাবিশ, খামোকা সময়টা নষ্ট করল।

কিছুক্ষণ পরই সে ফিরে এল ইঞ্জিনিয়ারস্ ইনষ্টিটিউটের গেটের কাছে। কৃষ্ণপক্ষের রাত। কিন্তু চারদিকে ফুলের মত সাদা নিয়ন আলো। বাতাস হু হু করে বইছে। গেটের এদিক-ওদিক ছড়িয়ে-ছিটিয়ে আছে বহু গাড়ী। ইঞ্জিনিয়ারস্ ইনষ্টিটিউটের বন্ধ দরজার ফাঁক দিয়ে অস্পষ্ট ভেসে আসছে মিষ্টি ভায়োলিনের সুর। রাত এগারোটার কম হবে না। চারদিক এরই মধ্যে নির্জন হয়ে এসেছে।

বেঁটে লোকটা চারপাশে তাকিয়ে পুলিশটা কোথায় আছে তা দেখার চেষ্টা করল। বুঝল, মোচো মিয়া মনের আনন্দে মোচে তা দিতে দিতে অন্য কোথাও সরে পড়েছে। গেটের বাঁ দিকে দেয়াল ধরে চুপচাপ দাঁড়িয়ে রইল সে। ঠিক এসময় প্রায় নিঃশব্দে একটা ছোট মরিস গাড়ী তার গা ঘেঁষে এসে দাঁড়ায়। বেঁটে লোকটা চমকে ওঠে।

গাড়ীর ড্রাইভিং-সিটে বসে আছে নিষ্ঠুর-দর্শন বলিষ্ঠকায় এক প্রৌঢ়। গালে একটা বিশ্রী কাটা দাগ। গোঁফ-দাড়ির কোন চিহ্ন নেই, মসৃণ চামড়া। হাত তুলে ইশারায় ডাকল সে বেঁটে লোকটাকে।

বেঁটে লোকটা তাকে দেখামাত্র দ্রুত এগিয়ে এল। বোঝা গেল, বেশ ভয় পেয়েছে।

: কি হল?

দাঁতে দাঁত ঘষে প্রৌঢ় জিজ্ঞেস করে।

: এখনো হয় নি।

: আসর ভাঙ্গে নি?

: না।

: মনে হচ্ছে, কপাল খারাপ।

প্রৌঢ় রেগে-মেগে গাড়ীর ইঞ্জিন অন্‌ করল। তেমনি নিষ্ঠুর গলায় বলল : সব মনে আছে তো?

: আছে।

: ভয় পাচ্ছ?

: জ্বি না। তবে…।

বাকীটা না শুনেই প্রৌঢ় নিঃশব্দে গাড়ী চালিয়ে চলে যায়। 

বেঁটে লোকটা ক্লান্ত ভঙ্গিতে গাড়ীটার দিকে তাকিয়ে রইল। তেমনি বিরক্তি ভরা গলায় বিড়বিড় করে বলল : শালা রাবিশ।

পকেট থেকে সিগারেট বের করল সে। এগিয়ে গেল পূর্বোক্ত স্থানে। চুপচাপ ধূমপান করতে লাগল। স্পষ্টই বুঝা যাচ্ছিল, দারুণ উত্তেজনায় ভেতরে ভেতরে অস্থির হয়ে উঠেছে।

কিছুক্ষণ পর ইলেক্‌ট্রিক বেলের তীক্ষ্ণ একটা শব্দ বেজে উঠল। দূর থেকে বেঁটে লোকটার কানে সেই শব্দটা শুনাল চিনচিন করা কোনো গোপন ধাতব শব্দের মত। হাতের সিগারেটটা ছুঁড়ে ফেলে দিল সে। জুতো দিয়ে পিষল। তারপর যথাসম্ভব নিজেকে সামলে নিয়ে এগিয়ে গেল ইনষ্টিটিউটের দরজার দিকে।

কিন্তু দরজার দিকে গেল না। বারান্দা দিয়ে ঘুরে গ্রীন-রূমের দিকে এগোল। সব ক’টা দরজা খোলা। বুঝা গেল, অনুষ্ঠান প্রায় শেষ হতে চলেছে। গেট-ম্যানরা এসময়টায় গেটের কাছে থাকে না। থাকা মানেই ঝামেলা, লোকজনের ধাক্কা খাওয়া। প্রতিবন্ধক না থাকায় বেঁটে লোকটা নির্বিঘ্নে গ্রীন রূমে ঢুকে গেল। কেউ আটকাল না তাকে।

 আসরে ভায়োলিন বাজাচ্ছিলেন বিখ্যাত মাদ্রাজী ভায়োলিন-বাদক নসুভাই আসফ। অন্ধ-বাদক হিসাবেই দুনিয়া জোড়া তার পরিচিতি। গত বছর ইংল্যাণ্ডের সম্রাজ্ঞী তাঁর প্রাসাদের নিজস্ব অনুষ্ঠানে নসুভাই আসফকে আমন্ত্রণ জানিয়েছিলেন। আমেরিকায় আসফের জনপ্রিয়তা তো সেখানকার অনেক বড় বড় শিল্পীরও ঈর্ষার বস্তু। আমেরিকার বেশ ক’টি বড় বড় শহরে নসুভাই আসফের নামে ফাউণ্ডেশন রয়েছে। নসুভাই আসফ মাদ্রাজী হলেও পাকিস্তান প্রতিষ্ঠার পর লাহোরে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করেছেন। এখন তিনি পাকিস্তানী নাগরিক। দীর্ঘ দু’বছর দুনিয়ার বিভিন্ন স্থানে প্রদর্শনী অনুষ্ঠানে ভায়োলিন বাজিয়ে মাস তিনেক আগে পাকিস্তানে ফিরেছেন। ঢাকার সুধী সমাজের আহ্বানে তিনি আজ ইঞ্জিনিয়ারস্ ইনষ্টিটিউটে ভায়োলিন বাজিয়েছেন একক অনুষ্ঠানে।

অনুষ্ঠান তখন শেষ হয়ে গেছে। নানা দরজা দিয়ে বেরিয়ে যাচ্ছে নসুভাই আসফের গুণ-মুগ্ধ ভক্তের দল। টুক্‌রো টুক্‌রো কথার গুঞ্জন ভেসে বেড়াচ্ছে :

: আহা, লোকটা যা কিনা বাজায়! বুকের ভেতরটা খালি করে দিল, মাইরি!

: চেহারাটাও কি মিষ্টি! যেন গ্রীক দেবতা এ্যাপোলো!

: আমাগো ঢাকার বেহালা-বাদক শুক্কুর মিঞা এই তুলনায় কিছু না।

: ছিঃ ছিঃ ছিঃ, শুক্কুর মিঞার সাথে নসুভাই আসফের তুলনা! কোথায় চৌকির তলা আর কোথায় আগড়তলা! কথাবার্তা সাবধানে বলিস, দোস্ত। এভাবে নসুভাই আসফকে যারতার সাথে তুলনা করলে কিন্তু তোর সাথে গোলমাল হয়ে যাবে।

কোণের দিকের এক মধ্যবয়স্কা মহিলা তার সঙ্গিনীকে কানে কানে বলল : টেলিফোন নম্বরটা যোগাড় করতে পারো?

: কার?

: কার আবার, নসুভাই আসফের।

সঙ্গিনী খিলখিল করে হাসল। তারপর চাপা গলায় বলল : কি হয়েছে ভাই, সবাইকে হারিয়ে শেষে কি অন্ধ শিল্পীর জন্যে দিওয়ানা হয়ে গেলে?

মধ্যবয়স্কা মহিলার পরনে উগ্র সাজ-সজ্জা। কোটিপতি বিধবা। তার চোখে-মুখে স্পষ্ট কামনার অস্থির ছায়া খেলে যাচ্ছিল। সঙ্গিনীর কথা কথা শুনে শুনে বলল : ঠিক বলেছ। দিওয়ানা হয়ে যাওয়ার মতোই অবস্থা। উঃ, কি বডি! আর বেহালায় কি হাত!

মিনিট কয়েকের মধ্যেই জনাকীর্ণ হল শূন্য হয়ে গেল। এদিক-ওদিক দু’-একজনকে শুধু দাঁড়িয়ে থাকতে দেখা গেল।

নসুভাই আসফ ভক্ত-পরিবৃত অবস্থায় গ্রীন রূমে তাঁর জন্যে সংরক্ষিত কক্ষটিতে হাস্যালাপ করছিলেন। সেখানেও চলছিল প্রশংসার ঝড়।

নসুভাই জবাবে মৃদু হাস্য করছিলেন, কাউকে শুকরিয়া জানাচ্ছিলেন। তাঁর সুশ্রী মুখাবয়ব এবং বলিষ্ঠ গড়নের দেহ সত্যই দেখার মত। গায়ের রং উজ্জ্বল গৌরবর্ণ। চোখের পলক পড়ছে না, চোখের দু’টি তারা স্থির। এটুকুই শুধু তাঁর দেহ-শ্রী’র ত্রুটি। কিন্তু বেহালার যাদুকর নসুভাই আসফের এই ত্রুটি আবার অনেকের কাছে ‘ত্রুটি’ বলে মনে হয় না। মনে হয়, এ তাঁর রহস্যময় ব্যক্তিত্বেরই অংশ।

নসুভাই বলছিলেন : ঢাকার দর্শক-শ্রোতার কাছে বেহালা বাজিয়ে সবসময়ই আমি আনন্দ পাই।

ঠিক এ সময় গ্রীন-রূমের দারোয়ানকে নিয়ে বিশেষ কক্ষটিতে ঢুকল পূর্ব-বর্ণিত বেঁটে লোকটা।

গ্রীন-রূমের দারোয়ান নসুভাই আসফের সেক্রেটারীকে কানে কানে কি যেন বলল। সেক্রেটারী গম্ভীরভাবে মাথা নাড়ল। তারপর সেও নসুভাই আসফের কানে কানে কি যেন বলল।

: মহীউদ্দিন!

বিস্ময়াবিষ্ট হয়ে উঠলেন নসুভাই আসফ। বললেন : কোথায় তিনি? আমার রক্ষাকর্তা মহীউদ্দিন কোথায়?

বেঁটে লোকটা এবার কথা বলল : তিনিই আমাকে পাঠিয়েছেন আপনার কাছে।

: মহীউদ্দিন!

নসুভাইয়ের গলায় আবার সেই আশ্চর্য উদাস আনন্দ-জড়িত স্বর। বললেন : মহীউদ্দিন পাঠিয়েছেন? বলুন, তিনি কি বলে পাঠিয়েছেন?

: বেয়াদবী মাফ করবেন, স্যার।

বেঁটে লোকটা বলল : কথাটা প্রাইভেট, গোপনে বলতে হবে।

নসুভাই আসফের মুখে স্নিগ্ধ হাসি ফুটে উঠল। উঠে দাঁড়ালেন তিনি। দৃষ্টিশক্তি না থাকলেও অনুভব করলেন, তাঁর ভক্তবৃন্দ সামান্য চঞ্চল হয়ে উঠেছে। তিনি হাতটা একটু তুলে তাদের শান্তভাবে অপেক্ষা করার জন্যে আবেদন জানালেন। তারপর হাতটা একটু বাড়িয়ে অনুভব শক্তির জোরে দরজার দিকে এগিয়ে গেলেন। বেঁটে লোকটা এখন তাঁর হাত ধরল।


গেটের কাছে এসে নসুভাই আসিফ যেন সামান্য ভাবলেন। একটু বিষণ্ণ গলায় বললেন : কোথায় মহীউদ্দিন?

: তিনি স্যার, ঐ মোড়ে গাড়ীতে বসে আছেন।

: ঐ মোড়ে, গাড়ীতে? কেন? ওখানে ওভাবে বসে কেন? কি আশ্চর্য!

: আমি স্যার, কিচ্ছু জানি না। আমি ওঁর খাস-পিয়ন। আমাকে যা বলেছেন তাই পালন করছি। তিনি স্যার, আপনার সাথে একটু দেখা করতে চান। বাববার করে বলে দিয়েছেন কারো সামনে যেন কথাটা না বলি।

: ঠিক আছে, ঠিক আছে।

অন্ধ-শিল্পী একটু চিন্তিত। তাঁর নিঃশ্বাসে দুলে উঠল রাত বারোটার ঘুম-জড়িত বাতাস। ফুলের গন্ধ পেলেন। কাছেই পার্ক। ময়দান। নিয়ন বাতি জ্বলছে। তিনি যেন সর্বইন্দ্রিয় দিয়ে অনুভব করছেন হাওয়ায় হাওয়ায় ওড়া গ্রীষ্মের এই অবাক মধ্য-রাত্রিকে। কিন্তু ভেতরে ভেতরে দুশ্চিন্তাও বোধ করছিলেন। মাঝে-মধ্যে বিড়বিড় করে বলছিলেন : মহীউদ্দিন! ওভাবে মোড়ে গাড়ীতে বসে কেন? কি আশ্চার্য! এতো বছর পর মহীউদ্দিন এল, আর দেখো দিকি কিরকম কাণ্ড!

হঠাৎ তপ্ত নিঃশ্বাসের হল্‌কা অনুভব করলেন অন্ধ শিল্পী। বুঝলেন, খোলা রাস্তার সুমুখ ধরে বেশ ক’জনা দাঁড়িয়ে আছে। ষষ্ঠেন্দ্রিয় তাঁর প্রখর। বুঝলেন, সামনেই বিপদ। না জেনে একটা ভয়ঙ্কর ফাঁদে পা দিয়ে বসে আছেন তিনি।

থমকে দাঁড়ালেন নসুভাই আসফ। ইতিমধ্যে চারজন বিশালাকৃতি ষণ্ডা-মার্কা লোক তাঁর দিকে এগিয়ে এসেছে। প্রথম লোকটা ডান হাত দিয়ে নসুভাইয়ের গর্দান চেপে ধরল। যেন ঠাট্টা করছে। জড়িয়ে জড়িয়ে বলল : কানা মিঞা, একটু লড়াচড়া করবি তো ধরে খুব মার লাগাব, হ্যাঁ।

বুঝা গেল লোকটা একটা আকণ্ঠ মাতল।

কিন্তু নসুভাই আসফের সম্যক পরিচয় ওদের জানা ছিল না। অন্ধ হলেও নসুভাই তাঁর প্রখর ষষ্ঠেন্দ্রিয়ের জোরে শত্রুর অবস্থান মোটামুটি বুঝতে পেরেছিলেন। মাতালটি তাঁর ঘাড়ে হাত রাখতেই বিদ্যুদ্‌বেগে তিনি ডান পা’টা তুলে লোকটার তলপেটে প্রচণ্ড লাথি বসালেন। ক্ষান্ত হলেন না। বিদ্যুদ্‌বেগে বাঁ’পাশে ঘুরে গিয়েই পেলেন তৃতীয় জনের ডান হাতটা। হাতটা ধরে মুচড়ে দিতেই ভয়ঙ্কর যন্ত্রণায় চেঁচিয়ে উঠল তৃতীয় ব্যক্তি। হাতটা ছেড়ে দিতেই মাটিতে পড়ে গেল সে হুমড়ি খেয়ে। প্রথম ব্যক্তি আগেই পড়ে গিয়েছিল। কিন্তু চিত হয়ে শুয়ে শুয়ে সে চুরুট খেতে লাগল আগের মতই নির্লিপ্তভাবে। একবার শুধু বলল : স্লা, আগেই বললুম, আজ ফাইট হবে না। দেখ দিকি কানা মিঞা মেরে শুইয়ে দিইছে, স্লা লড়তে পারছি না।

চারজনের বাকী দু’জন এই অভাবিত ঘটনায় থ হয়ে যায়। দ্বিতীয় ব্যক্তি নসুভাই আসফের চোয়াল লক্ষ্য করে প্রচণ্ড ঘুষি চালায়। নসুভাই সামান্য সরে দাড়ালে ঘুষিটা লক্ষ্যভ্রষ্ট হয়। কিন্তু চতুর্থ জনের বাঁ হাতের একটা কারাতের কোপ এসে পড়ে নসুভাই আসফের মাথার বাঁ’দিকে। নসুভাই আসফ টলে উঠলেন। অসহায়ভাবে শূন্য হাতে ধরতে চাইলেন কিছু একটা। দাঁড়িয়ে থাকার চেষ্টা করলেন। ইতিমধ্যে দু’জন আততায়ী দু’দিক থেকে ছেঁকে ধরেছে তাঁকে। সমানে মেরে চলেছে। নসুভাই আসফের নিস্তেজ শরীরটা ঢলে পড়ল মাটিতে।

: শালা আমার হাতটা ভেঙ্গে দিয়েছে।

ভূপাতিত তৃতীয় ব্যক্তির কণ্ঠে তীব্র ক্রোধ এবং আক্ষেপ।

মাতালটি চিত হয়ে শুয়ে শুয়েই আমুদে গলায় বলল : আমাকে একদম মেরে ফেলেছে। উঠতে পারছি না। আমাকে স্লা এখন শুয়ে শুয়ে চুরুট খেতে হচ্ছে।

দু’জন আততায়ী নসুভাই আসফকে ধরল। ধরাধরি করে নিয়ে গেল কাছেই পার্ক করা গাড়ীর দিকে।

বেঁটে লোকটা ওখানে চুপচাপ দাঁড়িয়েছিল। গাড়ীর ভেতর বসে ছিল সেই নিষ্ঠুর দর্শন প্রৌঢ় লোকটি। দাঁতে দাঁত চেপে সে বলল : তোমরা শালা কেউ কাজের নও। সব ফক্কা!

সে নিঃশব্দে গাড়ীর দরজা খুলে দিল। কিন্তু নসুভাই আসফকে গাড়ীতে তোলার আগেই বিচিত্র এক ঘটনা ঘটল।

দুই

পাথরের মত নিশ্চল বিশাল-দেহী এক যুবা পুরুষকে দাঁড়িয়ে থাকতে দেখা গেল পেছনে।

কখন কোন্ ফাঁকে এই যুবক এসে দাঁড়িয়েছে কেউ টের পায় নি। কিন্তু যুবকটির মধ্যে এমন কিছু ছিল যার দরুন কেউ ওকে উপেক্ষা করতে পারল না।

সবাই থমকে গেল।

তারপর দ্বিতীয় এবং চতুর্থ ব্যক্তি এগিয়ে গেল ওর দিকে। দু’জনের হাতেই তীক্ষ্ণ একফলা ছুরি।

: যেই হও দোস্ত, হুঁশিয়ার!

দ্বিতীয় গুণ্ডাটার গলায় ঠাট্টা মেশানো বিদ্রূপ। ওরা সতর্কভাবে দু’পাশ ধরে এগোয়। তারপর ঝাঁপিয়ে পড়ে যুবা পুরুষটির উপর।

একটি মুহূর্ত। যুবা পুরুষটা ডান পায়ের লাথি দিয়ে খড়-কুটোর মতো উড়িয়ে দিল চতুর্থ ব্যক্তিকে। দ্বিতীয় ব্যক্তির ডান হাতটা ভেঙে গিয়ে ঝুলতে লাগল মরা সাপের মত। প্রাণঘাতী আর্তনাদে ভরে উঠল জায়গাটা।

যুবা পুরুষ বিদ্যুদ্‌বেগে সরে এল খানিকটা সামনে। খানিকটা এগোতেই পার্ক করা গাড়ীটা পড়ল বাঁ দিকে। ঠিক এ সময় ড্রাইভিং-সিটে বসা প্রৌঢ় পিস্তল তাক করল তার দিকে। যুরা পুরুষটির পজিশন নিতে দেরী হল না এক মুহূর্তও। বসে পড়ল সে মাটিতে এবং পিস্তলধারী দ্বিতীয়বার আক্রমণের পাঁয়তারা কষার আগেই অসাধারণ ক্ষিপ্রতায় সে ঝাঁপিয়ে পড়ল খোলা দরজা দিয়ে গাড়ীর ভেতর। ছিটকে পড়ে গেল পিস্তলটা প্রৌঢ়ের হাত থেকে।

ঠিক এসময় হুইসেল শোনা গেল। প্রৌঢ় তার বিপদ টের পেয়েছিল আগেই। এক হাতে ইঞ্জিনে স্টার্ট দিয়ে এক্সিলারেটর চেপে ধরল পা দিয়ে। কিন্তু হাত ষ্টিয়ারিংএর উপর পড়ার্‌ আগেই প্রৌঢ়ের উদ্দেশ্য বুঝতে পেরে যুবা পুরুষটি সরে দাঁড়াল হুইলের পাশ থেকে। সঙ্গে সঙ্গে একটা ঝাঁকুনী খেয়ে তীব্র বেগে ছুটে চলল গাড়ী সামনের দিকে। 

হুইসেলের শব্দটা শোনা গেল এবার আরো কাছে।

যুবা পুরুষটি এবার এগিয়ে গেল ভূ-লুণ্ঠিত নসুভাই আসফের কাছে। ঝুঁকে পড়ে অন্ধ-শিল্পীর চেতনা আছে কিনা পরীক্ষা করল।

নসুভাই আসফ ইতিমধ্যে মুর্চ্ছার ভাবটা কাটিয়ে উঠেছেন। হাতে অপরিচিত স্পর্শ পেয়ে কেন যেন শিউরে উঠলেন। প্রখর ষষ্ঠেন্দ্রিয়ের সাহায্যে বুঝলেন অদ্ভুত ব্যক্তিত্বশালী কারো হাত স্পর্শ করছে তাঁকে। স্পর্শের একটা নিজস্ব ভাষা আছে। শিল্পী টের পেলেন, যে তাঁকে স্পর্শ করেছে তার স্পর্শে রয়েছে শীতল স্নিগ্ধতা, স্থির ভালবাসা আর অবিচল প্রতিজ্ঞার দৃঢ়তা। অন্ধ-শিল্পীই প্রথম কথা বলে উঠলেন সবিস্ময়ে। বললেন : কে আপনি!

: আপনারই একজন ভক্ত।

যুবা পুরুষটি বলল। নসুভাই আসফ কণ্ঠস্বরের অপরূপ ঐশ্বর্য অনুভব করে আরও মুগ্ধ হলেন, বিস্মিত হলেন। উঠে দাঁড়ালেন তিনি।

যুবা পুরুষটি বলল : এখন কেমন বোধ করছেন?

: অনেকটা ভাল।

: হাতটা ধরুন, আমার গাড়ী রয়েছে খানিকটা দূরে। আপাততঃ আমার সঙ্গে চলুন, অবশ্য যদি আমার উপর আস্থা রাখতে পারেন।

: আপনার কথা শুনেই বুঝতে পারছি আপনি মহানুভব ব্যক্তি। এ ধরনের হিসাবে আমার কখনো ভুল হয় না। কিন্তু ইনষ্টিটিউটের গ্রীন-রূমে আমার সঙ্গী-সাথী রয়েছেন। তাঁরা হয়ত দুশ্চিন্তায় থাকবেন।

যুবা পুরুষটি বলল : তাঁরা যথাসময়েই সংবাদ পাবেন।

এক মুহূর্ত চুপ রইল সে। তারপর বলল : আজ রাতে আপনার উপর আবারও আক্রমণ হওয়া বিচিত্র নয়। আশ্বাস দিতে পারি, আমার কাছে আপনি নিশ্চিন্তে থাকবেন।

ক’জন ইউনিফর্মধারী পুলিশকে আসতে দেখা গেল রাস্তা তোলপাড় করে। পুলিশের ধারণা ছিল অপরাধী হয়ত ওরাই। তাই সন্তর্পণে আসছিল। শুধু তাই নয়, তাদের নেতা সার্জেন্টটা বার বার হুঁশিয়ারী দিচ্ছিল, গোলমাল করলে মাথার খুলি উড়িয়ে দেবে। আসলে ভয় পেয়েছিল ওরাই।

কাছে আসতে আসতে যখন বুঝল লোক দু’টি নিষ্ক্রিয়, তখন পুলিশের লোকেরা উৎসাহে ভয়ঙ্কর কাজের লোক হয়ে গেল। চারপাশ থেকে এসে ঘিরে ধরল। কিন্তু কাছে আসতেই সার্জেন্টটার চোখ দু’টো ছানাবড়া হয়ে যায় যুবা পুরুষটিকে দেখে। সে যেন বিশ্বাস করে উঠতে পারছিল না চোখ দু’টিকে। সম্বিত ফিরে পেয়েই দু’পায়ের বুট একত্র করে মহা এক সেল্যুট লাগায় পরম ভক্তিভরে।

যুবা-পুরুষটি যেন কৃতজ্ঞ বোধ করল সার্জেন্টের ব্যবহারে। দু’-একটি কথা বলল সে সার্জেন্টকে নম্রভাবে। তারপর নসুভাই আসফকে নিয়ে এগোল সামনের দিকে।

পুলিশের দলটা স্থাণুবৎ দাঁড়িয়ে রইল।

সার্জেন্ট তখনো তাকিয়ে ছিল অপসৃয়মান যুবা-পুরুষ ও নসুভাই আসফের দিকে। দ্বিতীয় জমাদার না জিজ্ঞেস্ করে পারল না। বলল : কি হে, কাকে এমন কুর্নিশ করলে?

: চেনো না ওঁকে?

সার্জেন্টের কণ্ঠস্বরে বিস্ময়। বলে : আমাদের পুলিশ সাহেব স্বয়ং এঁকে পীরের মত মান্য করেন।

: তাই নাকি?

: হ্যাঁ, তাইতো থানায় যাওয়ার হাঙ্গামা পোয়াতে হল না।

জমাদার অধৈর্য গলায় বলে : তাতো বুঝলাম, কিন্তু ঐ স্যারের নামটা কি?

: ইমতিয়াজ,

সার্জেন্ট বলল : ডক্টর ইমতিয়াজ আলী।


ফার্স্ট-এইড দেয়ার পর নসুভাই আসফ সুস্থ হয়ে ওঠেন। রেহানার দেয়া এক পেয়ালা কফি পান করতে করতে তিনি ইমতিয়াজের প্রতি আর একদফা কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ইমতিয়াজ বলল : ইঞ্জিনিয়ারস্ ইনষ্টিটিউটে গিয়েছিলাম শুধু আপনার বেহালা শুনতে। কিন্তু আপনি যা বললেন তাতে মনে হচ্ছে, বড় একটা ব্যাপারের সাথে জড়িয়ে পড়তে চলেছি আমরা।

ঘরের ভেতর বসেছে ইমতিয়াজ, তার তিন বন্ধু জিপি আসাদ, জাহেদ, রেহানা এবং অন্ধ-শিল্পী নসুভাই আসফ। রাত দেড়টা বেজে গেছে। ঘরে জ্বলছে সাদা ফ্লোরেসেণ্ট আলো।

ইমতিয়াজ বলল : মহীউদ্দিনের কথা যদি দয়া করে একটু খুলে বলেন তাহলে ঘটনার রহস্য হয়ত বুঝতে পারব, মিঃ আসফ।

নসুভাই বললেনঃ মহীউদ্দিন বছর পনেরো আগে আমার প্রাণরক্ষা করেছিল। সে এক হৃদয়-বিদারক ঘটনা, মিঃ ইমতিয়াজ। ঠিক আছে, খুলে বলি, শুনুন।

দীর্ঘশ্বাস ফেললেন নসুভাই আসফ। তাঁর সুশ্রী চোখে-মুখে খেলে গেল যন্ত্রণার ছায়া। কণ্ঠস্বর সংযত করে তিনি বলতে শুরু করলেন : সময়টা হল দ্বিতীয় মহাযুদ্ধের মাঝামাঝি। আমি সে সময়ে দৃষ্টিশক্তিহীন ছিলাম না। আমি ছিলাম সুখী এক বাদক, প্রিয়তমা পত্নী সুসানকে নিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম পৃথিবীর যত্রতত্র। যে ঘটনার কথা বলছি সেটা ঘটে আটলাণ্টিক মহাসাগরের উত্তর প্রান্তে। আমি আর সুসান আফ্রিকা থেকে আটলাণ্টিক মহাসাগরের লাইন ধরে যাচ্ছিলাম ইংল্যাণ্ডের দিকে। আমাদের জাহাজের নাম ছিল ‘ওসানিক’।

: মাঝপথে শত্রুর এক ডুবো জাহাজ আমাদের তাড়া করল। জাহাজটা ছিল জার্মানির, ওদের উদ্দেশ্য ছিল গুরুতর। সে কথা পরে বলছি। তাড়া খেয়ে আমাদের জাহাজ উত্তর মুখো ছুটল। কিছুদূর যেতে না যেতেই জাহাজ আটকা পড়ল বরফের পাহাড়ে।

: জায়গাটা ছিল দুর্গম। তিনপাশে আকাশ-চুম্বী বরফের পাহাড়। পেছন দিকে খানিকটা নীল পানি দেখা গিয়েছিল, সেই পথ ধরেই, আমরা এসেছিলাম। কিন্তু দিন দুই যেতে না যেতেই নীল পানি ঢাকা পড়ল বড় বড় বরফের স্তুপে। বুঝলাম, সভ্যজগত থেকে বিচ্ছিন্ন হয়ে চিরদিনের জন্যেই আটকা পড়েছি। শত্রু-জাহাজের কবলে পড়লাম না, কিন্তু আটকা পড়লাম তারচেয়েও ভয়ঙ্কর ফাঁদে।

নসুভাই আসফের চোখ-মুখ উদাস, করুণ হয়ে উঠল : প্রায় চৌত্রিশ বছর আগের কাহিনী। কিন্তু বিশ্বেস করুন, মনে হচ্ছে যেন সেদিনের কথা। ক’দিন যেতে না যেতেই জাহাজে খাদ্য-সঙ্কট দেখা দিল। আমার স্ত্রী সুসান ছিল সে সময়ে অন্তঃসত্ত্বা। একদিন আধখানা রুটির ভাগাভাগি নিয়ে সুসানের সঙ্গে ঝগড়া হয়ে গেল ক্যাপ্টেনের রক্ষিতা ক্যাথির। কি যে বিচ্ছিরি সেই ঝগড়া। আধখানা রুটির বাড়তি ভাগের জন্যে সুসানের মত বিদগ্ধা মহিলাকেও পশুর পর্যায়ে নেমে যেতে দেখলাম। কিন্তু আমার বক্তব্য সুসানের সম্পর্কে নয়, মহীউদ্দিনের।

একটু হাসলেন নসুভাই আসফ। বললেন : খাদ্য-সঙ্কট যখন চরমে পৌঁছেছে তখনই ঘটল ঘটনাটা। একটা বিশাল বরফের চলন্ত পাহাড়কে ক্ষ্যাপার মত ছুটে আসতে দেখা গেল আমাদের জাহাজের দিকে। প্রচণ্ড ধাক্কার শব্দটা উঠতে না উঠতে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েছিলাম জাহাজের ডেকে। জ্ঞান ফেরার পর দেখলাম জাহাজের স্বল্প পরিচিত বন্ধু মহীউদ্দিন আমার পাশে। দেখলাম, আমি শুয়ে আছি একটা শ্লেজ গাড়ীতে। চারদিকে সাদা বরফ। আমাদের দলে রয়েছে আরও জনা কয়েক নর-নারী। কিন্তু কোথাও সুসানকে দেখলাম না। মহীউদ্দিন জানালো, সুসান জাহাজেই মারা গেছে। তার লাশের কি হয়েছে কেউ জানে না।

: দুঃখ পেলাম প্রিয়তমা পত্নীর এই পরিণতিতে। কিন্তু মৃত্যু-ভয় তখন আমাদের প্রত্যেকের মনে এসে বাসা বেঁধেছে। সুতরাং হাহুতাশ প্রকাশের অবকাশ নাই। অর্ধমৃত অবস্থায় বেঁচে রইলাম আমরা ক’জন। কিভাবে যেন ভালুক-টানা শ্লেজ গাড়ীটা ম্যানেজ করেছিল মহীউদ্দিন আর শিকদার আমিন।

: শিকদার আমিন?

প্রশ্ন তুলল রেহানা। যেন জানতে চাইল মহীউদ্দিনের গল্পে তার ভূমিকা।

নসুভাই আসফ বললেন :  হ্যাঁ, শিকদার আমিন ছিল এক বিচিত্র ধরনের লোক। জাহাজে করে আফ্রিকা থেকে আয়ারল্যাণ্ডে যাচ্ছিল সে। মহীউদ্দিনের সে ছিল বন্ধু-মানুষ। তার শারীরিক শক্তি ছিল অসাধারণ। একশ’ পাউণ্ড ওজনের জিনিস স্বচ্ছন্দে সে হাতে তুলে ছুঁড়ে দিতে পারত দূরে। তার নিষ্ঠুরতা ছিল সীমাহীন। মানুষ খুন করে শরীর থেকে একটা একটা অঙ্গ-প্রত্যঙ্গ হাত-পা নাক, উরু, কব্জি, মাথা, পাঁজর, চোখ ইত্যাদি উপড়ানো ছিল ওর এক রকমের সহজ স্বাভাবিক নেশা। সবাই তাকে ভয় করত যমের মত। এই শিকদার আমিনের সাথেই একদিন ঝগড়া হয়ে গেল মহীউদ্দিনের। আর দু’জনের ঝগড়ার কারণ ছিলাম আমি।

: আপনি?

জাহেদ অবাক হয়ে প্রশ্ন করে।

: হ্যা, আমি।

রহস্যময় কণ্ঠে নসুভাই আসফ বললেন : সে কথা আর একদিন বলব বিস্তারিতভাবে। মহীউদ্দিন আমার পক্ষ সমর্থন করেছিল। ফলে শিকদার আমিনের সাথে বাধল মনোমালিন্য। শিকদার চেয়েছিল আমাকে হত্যা করে সব ঝগড়ার অবসান ঘটাতে। কিন্তু তার হাত থেকে মহীউদ্দিন আমাকে বাঁচায়।

তিন

রাত ভোর হয়ে এসেছে।

ঘুমোচ্ছে প্রকাণ্ড এক কক্ষে জাহেদ, রেহানা আর জিপি আসাদ।

নসুভাই আসফও আর একটা কক্ষে বিশ্রাম নিচ্ছেন। গভীর নিদ্রায় তিনিও নিষুপ্ত।

নসুভাই আসফের কক্ষ-সংলগ্ন একটা বিশাল কক্ষে বসে আছে ইমতিয়াজ। কক্ষটার যেদিকে তাকান যায় সেদিকেই দৃষ্টিগোচর হয় নানাভাবে বিন্যস্ত বই। বই আর বই। নানা আকৃতির আলমারি আর শেলফে থরে থরে সাজানো বই। বিজ্ঞান, সাহিত্য, চিকিৎসা-শাস্ত্র, আর্ট এবং অন্যান্য বিষয়ের উপর লিখিত দুনিয়ার বিখ্যাত লেখকদের বইগুলি সযত্নে সংগ্রহ করা হয়েছে। এই মূল্যবান সংগ্রহের অর্ধেক হয়েছে ইমতিয়াজের প্রত্নতত্ত্ববিদ পিতা মির্জা মোহাম্মদের বদৌলতে, আর বাকী অর্ধেক সংগ্রহ ইমতিয়াজের। পৃথিবীর যে প্রান্তে যখনই সে যায় তখনই কাজের ভেতরেও সময় করে নিয়ে দুষ্প্রাপ্য বই সংগ্রহ করে।

এভাবেই গড়ে উঠেছে মূল্যবান বইয়ের লাইব্রেরীটি। এই লাইব্রেরীতে বসেই গভীর মনোযোগ সহকারে চিকিৎসাশাস্ত্রের উপর লিখিত অতি মূল্যবান একটি বই পড়ছিল ইমতিয়াজ। ইমতিয়াজ অনেক বিদ্যায় পারদর্শী। বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে যে যে বিষয়ে সে ডিগ্রি নিয়েছে তার ভেতর রয়েছে জার্মানির মিউনিক বিশ্ববিদ্যালয় থেকে নেয়া সার্জারীর ডিগ্রী।

গভীর মনোযোগ দিয়ে অধ্যয়ন করছিল ইমতিয়াজ। রাত প্রায় শেষ হয়ে এসেছে। একটি মূল্যবান গবেষণা-মূলক প্রবন্ধের উপর চোখ বুলোতে বুলোতে আনন্দে তার চোখ-মুখ উজ্জ্বল হয়ে উঠছিল।

ঠিক এসময় বিচিত্র একটি প্রাণী ঘরে ঢুকল পেছনের দরজা দিয়ে। প্রকাণ্ড-দর্শন গরিলার চাইতেও বিশালাকৃতি এবং গরিলার মতই দেখতে। সারা গায়ে বড় বড় লোম। হাত দু’খানি নির্ঝঞ্ঝাটে পা স্পর্শ করতে পারে। কিন্তু জন্তুটা গরিলা কি মানুষ তা বাইরে থেকে বুঝা কঠিন। কারণ তার মুখে পরা রয়েছে, মুখোশ এবং সেটা গরিলার নয়, হলিউডের বিখ্যাত অভিনেত্রী সোফিয়া লরেনের মুখচ্ছবি। উচ্ছল এক যুবতীর মুখচ্ছবি এবং তৎসহ বিকটদর্শন গরিলার দেহ নিয়ে প্রাণীটা যেভাবে লাইব্রেরী কক্ষের পেছনের দরজা দিয়ে প্রবেশ করল তাতে যে কোনো সাহসী লোকেরও বুকের রক্ত ভয়ে বিস্ময়ে হিম হয়ে যেতে পারে।

মুখোশধারীর এক হাতে লাইট মেশিনগান। আর এক হাতে টর্চ, যার সঙ্গে লাগানো রয়েছে শক্তিশালী দূরবীন।

ইমতিয়াজ নিবিষ্ট-মনে বসে আছে। ডুবে আছে বইয়ের ভেতর। মুখোশধারী পা টিপে টিপে ইমতিয়াজের পেছনে গিয়ে দাঁড়াল এবং মেশিনগানটা তুলে ধরল ইমতিয়াজের প্রকাণ্ড পৃষ্ঠদেশ লক্ষ্য করে।

ঠিক এ সময় ইমতিয়াজ এক পাশে ফিরে তাকাল। প্রতিটি ইন্দ্রিয় নিয়মিত ব্যায়ামে যেমন শক্তিশালী এবং অসাধারণ করেছে, তেমনি অচেতন এবং অবচেতন মনের স্তর দু’টিও ইমভিয়াজের ব্যায়াম-কৌশলের গুণে সাধারণ মানুষের চেয়ে বহুগুণে উন্নত। বিপদ বুঝে ইমতিয়াজের অচেতন মন সক্রিয় হয়ে আপনা-আপনি তাকে আকর্ষণ করেছে এবং ইমতিয়াজ অনেকটা অন্যমনস্কভাবে পাশ ফিরেছে।

সামান্য চমকাল সে। বিচিত্র মুখোশধারী এল. এম. জি.-এর বোতাম টিপতে যাচ্ছিল। ইমতিয়াজকে ফিরতে দেখে অনাবিল হাসিতে তার চোখ-মুখ ভরে উঠল। মেশিনগানের লক্ষ্য তেমনি স্থির রেখে হাসি মুখে দাঁড়িয়ে রইল। যেন মৃত্যু-ভয়ে ইমতিয়াজ কতখানি কাতরতা প্রকাশ করে তা দেখার জন্যে কৌতূহলী হয়ে উঠেছে সে।

ইমতিয়াজ সামান্য চমকে উঠেছিল। মুহূর্তে নিজেকে সামলে নিল। প্রশান্ত ধীর কণ্ঠে বলল : কে আপনি?

: কেন, সোফিয়া লরেন?

সেই বিচিত্র মুখোশধারী আশ্চর্য সুন্দর সুরেলা কণ্ঠে বলল : চেনো না তুমি অভিনেত্রী সোফিয়া লরেনকে?

ইমতিয়াজ বলল : চিনি। কি চান আপনি?

: তোমাকে হত্যা করতে।

: কিন্তু সেটা কি পারবেন?

: অবিশ্বাস আছে?

: আছে।

ইমতিয়াজ বলল : আমাকে হত্যার চেষ্টা করতে পারেন, কিন্তু আপনিও এ ঘর থেকে প্রাণ নিয়ে বেরোতে পারবেন না। আমার অয়্যার-বোর্ডের একটা সুইচ টিপে দিয়েছি আমি দু’মুহূর্ত আগে পা দিয়ে। এর অর্থ...।

: এর অর্থ, বাইরে একপা’ বাড়াবামাত্র ইলেক্‌টি ক শকে মৃত্যু হবে আমার!

মুখোশধারী কথাটা কেড়ে নিল। বলল : তুমি পড়ার ঘোরে আছ ইমতিয়াজ। পরীক্ষা করে দেখলেই বুঝবে, তোমার গোপন অয়্যার-বোর্ডের সমস্ত কানেক্‌শন আমি নষ্ট করে দিয়েছি। নষ্ট করে দিয়ে তবেই মুখোমুখি হয়েছি তোমার।

ইমতিয়াজ চকিতে পা দিয়ে সুইচ টিপল এবং সুইচের শিথিল অবস্থান থেকেই বুঝল, অদ্ভুত এক প্রক্রিয়ায় সমগ্র সিষ্টেম বানচাল করে রাখা হয়েছে। সমস্ত ইন্দ্রিয় সজাগ ও তীক্ষ্ণ হয়ে উঠল তার।

: মৃত্যুর জন্যে প্রস্তুত হও, ইমতিয়াজ।

মুখোশধারী বলল : আমি তোমার মৃত্যুদূত।

হঠাৎ এক রকমের চাপা অদ্ভুত শব্দে ভরে যায় ঘর। মৌমাছির গুঞ্জনের মত। চাপা কিন্তু তীব্র। হঠাৎ এই শব্দে চমকে যায় মুখোশধারী, হাতের আঙুল ট্রিগারে গিয়ে প্রস্তুত হয়ে থাকে। পর মুহূর্তেই সে হেসে ওঠে মিষ্টি গলায় : ভয় পাইয়ে দিয়েছিলে মাইরি। আওয়াজ হচ্ছে তোমার গলা থেকে কিন্তু আমি ভেবেছিলাম অন্য কেউ।

ইমতিয়াজকে অদ্ভুত দেখাচ্ছিল। রক্ত-ময় মুখ। দীপ্ত চোখ। ভয়াবহ বিদ্যুৎ বিচ্ছুরিত হচ্ছে দৃষ্টি থেকে। গলা দিয়ে বেরোচ্ছে চাপা তীক্ষ্ণ শব্দ। সাধারণতঃ প্রতিদ্বন্দ্বীর সাথে যুদ্ধে লিপ্ত হওয়ার পূর্ব-মুহূর্তে এই বিচিত্র শব্দ ফুটে বেরোয় ইমতিয়াজের গলা থেকে। এ স্বর স্বতঃস্ফূর্ত।

খেলাচ্ছিল তাকে নিয়ে প্রতিদ্বন্দ্বী। এল. এম. জি. হাতে এগিয়ে এল একপা, সরে গেল বাঁ দিকে। বুক লক্ষ্য করে হাতের আঙুল রাখল ট্রিগারের উপর

তারপরই প্রচণ্ড গুলির শব্দ।

কিন্তু ইমতিয়াজ নয়, গুলির আঘাতে লুটিয়ে পড়ল বিচিত্র মুখোশ-পরা ব্যক্তিটি। মেশিনগানটা ছিটকে পড়ল দূরে।

ঘরে প্রবেশ করল রেহানা, জিপ্পি আসাদ আর জাহেদ। ফায়ার করেছে জাহেদ, তারই হাতে নিজেদের আবিষ্কৃত গ্যাস-রাইফেল।

রেহানা ছুটে গিয়ে মেশিনগানটা তুলে নিল।

জিপ্পি গিয়ে দাঁড়ায় ভূপতিত লোকটার পাশে।

ইমতিয়াজ এক মুহূর্ত নিশ্চল, অবিচল।

শুধু জাহেদ বলল : আমার প্ল্যান ছিল কুকুর-মারা রাইফেল দিয়ে ব্যাটাকে খতম করি। কিন্তু হেনার জন্যে পারা গেল না। গ্যাস-রাইফেলই অগত্যা ব্যবহার করতে হল।

জিপি অজ্ঞের ভান করে বলে : হেনা আবার কে হে?

জাহেদ বলে : কেন, জান না? ঐ যে দাঁড়িয়ে?

রেহানাকে দেখায়। বলে : আগামী আগষ্ট মাসে বোধ হয় ম্যারেজই করে ফেলব।

রেহানা হাসতে হাসতে বলে : না, তোমাকে বিয়ে করলে নিন্দের কিছু নেই। চমৎকার রাইফেলে হাত তোমার। লেগেছে ঠিক জায়গায়। ব্যাটা অন্ততঃ আধ-ঘণ্টা মৃত্যুবৎ মূৰ্চ্ছিত মূর্ছিত হয়ে থাকতে বাধ্য। ওমা, দেখ দিকি, দেখতে আবার সোফিয়া লরেনের মত!

রেহানা বিস্ময়ে চেঁচিয়ে ওঠে। ওরা সবাই দ্যাখে। কিন্তু নিজেদের পারস্পরিক সমঝোতা ও শিক্ষার দরুন কেউ লোকটাকে স্পর্শ করল না।

হঠাৎ জাহেদ বলল : আরে! ইমতিয়াজ?

সবাই তাকিয়ে দেখল। ইমতিয়াজ এক ফাঁকে নিঃশব্দে অদৃশ্য হয়েছে। চারদিক থেকে একটা রহস্যময় বিপদের আবর্ত এগিয়ে আসছে তাদের দিকে, এটা তারা বুঝল বস্তুতঃ এ-জীবনই তাদের সহজ স্বাভাবিক জীবন। তাই কেউ ইমতিয়াজের অন্তর্ধানে বা লাইব্রেরী কক্ষে ভূ-পতিত লোকটাকে দেখে দুশ্চিন্তাগ্রস্ত হল না। বরং অনেকদিন পর এ্যাডভেঞ্চারের গন্ধ পেয়ে সতেজ, সজীব ও জীবন-ময় হয়ে উঠল ওরা।


ইমতিয়াজ লিফ্‌টে করে নেমে এল নীচে। তার অনুমান ভুল হয় নি।

একটা লাল রঙের স্পোর্টস্ কার দাঁড়িয়ে আছে ষ্টার্ট দেওয়া অবস্থায়। স্পষ্টই চোখে পড়ল সেই নিষ্ঠুর-দর্শন প্রৌঢ় লোকটা বসে আছে গাড়ীর ভেতর।

একটু হাসল ইমতিয়াজ। একই রাতে দু’-দুবার দেখা হয়েছে প্রৌঢ়ের সাথে। ভাগ্যের ফেরে দু’জনই এখন পর্যন্ত অক্ষত। কিন্তু ঘটনার গতি তীব্রতর হলে কি হবে বলা কঠিন। একজনকে সরে পড়তে হবে হয়ত।

সাবধানে এগোল। ঠিক এসময় রহস্যময় একটা বস্তু নজরে পড়ল ইমতিয়াজের। তৎক্ষণাৎ কয়েক পা পেছনে হটে এসে দেয়ালের এক পাশে আত্মগোপন করল সে।

একটা বৃহদাকৃতি বেলুন উড়ছে। বুঝতে কষ্ট হল না ইমতিয়াজের, যারা রাত্রির এই অভিযানে অংশ নিয়েছে নিখুঁত তাদের আয়োজন। সঙ্কেত দেওয়া হচ্ছে—হয়ত রহস্যময় বেলুন থেকে নির্ভুল গাড়ীতে বসা প্রৌঢ়, সোফিয়া লরেনের ছদ্ম মুখাকৃতির লোক, উভয়কেই।

কয়েক মহূর্ত দম বন্ধ করে অপেক্ষা করল ইমতিয়াজ। রাত্রি শীতল হয়ে আছে। হাওয়া বইছে উদ্দাম। দেয়ালের পাশ থেকে সামান্য সরে এল। দেখ্‌ল, বেলুনটা দু’টি মস্ত অট্টালিকার মাঝখানে স্থির ঝুলছে।

স্পোর্টস্ কারটা ষ্টার্ট দেওয়া অবস্থায় তেমনি অপেক্ষা করছে রাস্তার পাশে। ইমতিয়াজ দেয়ালের সাথে মিশে মিশে এগিয়ে যেতে লাগল গাড়ীটার দিকে। মাত্র ক’হাত এগিয়ে আসার পরই শোনা গেল হাতের রিষ্টওয়াচে লাগানো ক্ষুদ্রাকৃতি অয়্যারলেসের সঙ্কেত। দাঁড়িয়ে পড়ল ইমতিয়াজ। মনোযোগ দিয়ে শুন্‌ল।

রেহানার কণ্ঠস্বর।

: সোফিয়া লরেনের জ্ঞান ফিরেছে।

ইমতিয়াজ অতি মৃদু কণ্ঠে বলল: এনিথিং আনইউজুয়্যাল, রেহানা?

: ইয়েস।

রেহানা সংক্ষেপে মুখোশধারীর গতি-প্রকৃতি বুঝিয়ে বলল।

: কিপ্‌ ইট নাইস্‌লি প্রিজার্‌ভড্‌।

ইমতিয়াজ নির্দেশ দিল। রেহানার কণ্ঠস্বর থেমে গেল। কিন্তু ইমতিয়াজের প্রখর ইন্দ্রিয়-শক্তি দৈব এক আশঙ্কায় সামান্য বিচলিত বোধ করল। নিজেকে সামলে নিয়ে এগোল সে আগের মত সাবধানে দেয়ালের সাথে মিশে মিশে।

দু’হাত পিছনে থাক্‌তেই মিষ্টি গলার হাসি শোনা গেল। আর পরমুহুর্তেই স্পোর্টস্ কারটা সামান্য ঝাকুনী খেয়ে তীব্র বেগে ছুটে চলে গেল সামনের দিকে। ইমতিয়াজ শুধু দু’টি কথা শুন্‌ল : মিশন সাক্‌সেস্‌ফুল।

ইমতিয়াজের সমস্ত অস্থিত্ব পরাজয়ের তীব্র অপমানে সজাগ এবং ক্ষুব্ধ হয়ে উঠল। ক্ষিপ্রবেগে সে ছুটে গেল গাড়ী-বারান্দার দিকে। মিনিট খানেকের মধ্যেই তার গাড়ী রাস্তায় এসে পড়ল। বহুদূরে, ডাইভারর্‌শানের কাছে দেখল অপসৃয়মান স্পোর্টস্ কারটা।

মতিঝিলের বানিজ্য-এলাকা নিষুপ্ত। বায়তুল মোকাররমের ফুটপাতে ক’জন শুয়ে আছে। হাউজ-বিল্ডিংএর দালানটা বিশাল ছায়ার মত একপাশে দাঁড়িয়ে আছে।

নানা রাস্তা ঘুরে স্পোর্টস্ কারটা এগোতে লাগল সাভারের রাস্তার দিকে। আরোহী বোধ হয় তার বিপদ টের পেল। প্রাণপণে গাড়ী চালাচ্ছে সে টপ স্পীডে। হাওয়া আরও উদ্দাম হয়ে উঠেছে। নিজের গাড়ীতে বসে ইমতিয়াজ স্থির, সুশান্ত। ঢাকা ছাড়িয়ে এসে পড়েছে গ্রামের পথে। হঠাৎ সামনের গাড়ীটা ঝাঁকুনী খেয়ে থেমে গেল। নেমে এল প্রৌঢ়। চকিতে দৌড়ে গিয়ে একটা গাছের আড়ালে পজিশন নিল।

ইমতিয়াজ বুঝল, সহজে রণে ভঙ্গ দিতে ইচ্ছুক নয় প্রতিদ্বন্দ্বী। সেও গাড়ী থামাল সামনের গাড়ী থেকে হাত পঁচিশেক দূরে। একটা মাস্ক পড়ে নিল দ্রুত হাতে। ছুটে এল তার দিকে কয়েক ঝলক আগুনের হলকা।

ইমতিয়াজ ক্ষিপ্র পায়ে সরে গেল লক্ষ্যস্থল থেকে। মুহূর্তে দাঁত দিয়ে ছিঁড়ল তাজা বোমার মুখ। ছুঁড়ে মারল গাছটা লক্ষ্য করে।

বিশেষভাবে নিজস্ব ফর্মূলায় উদ্ভাবিত গ্যাস-বোমা। মুহূর্তেই কুয়াশার মত ধোঁয়ায় ভরে গেল চারদিক। ব্যাপ্ত হয়ে পড়ল বোমার গ্যাস কয়েকশ’ গজ অবধি ইমতিয়াজ সেই বিস্ফোরিত গ্যাসের ভেতর নির্বিবাদে এগিয়ে গেল। এই গ্যাস-বোমার কার্যকারণ শক্তি সম্পর্কে তার বিশ্বাস ছিল পুরোপুরি এবং তার অনুমান ভুল হল না। দেখল, তার প্রতিদ্বন্দ্বী সেই প্রৌঢ় নিশ্চল পড়ে আছে মুখ থুবড়ে গাছের গোড়ার। গ্যাসের ক্রিয়ায় জ্ঞানশক্তি লোপ পেয়েছে তার। হয়ত এই অভাবিত বিপদ সম্পর্কে বিন্দুমাত্র ধারণা ছিল না তার।

শুকতারা জ্বলছিল আকাশে। ভোরের কোমল ছায়া আর উদ্দাম শীতল বাতাসের ভেতর দিয়ে গাড়ী চালিয়ে ইমতিয়াজ ফিরে এল নিজের বাসভবনে। অবলীলাক্রমে অচেতন প্রৌঢ়ের দেহটা বহন করে লিফটে চড়ে উঠে গেল আট তালার উপরে।

চারদিক থমথম করছে। প্রৌঢ়কে ল্যাবরেটরীর একটা বিশেষভাবে নির্মিত সেলে শুইয়ে দিল ইমতিয়াজ। তারপর ঢুকল লাইব্রেরীতে।

চারদিকে ধস্তাধস্তির চিহ্ন। একটা আলমারি-ভর্তি বই উল্টে পড়ে আছে। প্রবলতর আশঙ্কা নিয়ে লিভিংরূমে ঢুকল। শূন্য ঘর। ছুটে গেল নসুভাই আসফের ঘরে। নসুভাই আসফ নেই। কয়েক ফোঁটা রক্ত পড়ে আছে ঘরের মেঝেয়। বিস্ময়ের চকিত আলোয় উদ্ভাসিত হয়ে উঠল ইমতিয়াজের চোখ-মুখ। প্রতিটি ঘর তন্ন তন্ন করে খুঁজল। রেহানা, জিপ্পি আসাদ, জাহেদ, নসুভাই আসফ, সোফিয়া লরেন-রূপী বন্দী আততায়ী, কেউ নেই। শূন্য বাড়ী খা খা করছে।

হঠাৎ এক এক সময় চোখ পড়ল জানালার দিকে। জানালার মোটা শিকগুলি কাটা। কোন একটা ভারী বস্তু প্রবেশ করেছিল জানালা দিয়ে ঘরের ভেতর। সেই আশ্চর্য, রহস্যময় বেলুনের চিত্র ভেসে উঠল তার মানসচাখে। আটতলার জানালার ভারী মোটা শিক কেটে শুধু ঢুকতে পারে হাইলী স্কিল্ড সেই বেলুন এবং ইমতিয়াজের বুঝতে দেরী হল না, জিপ্পি, জাহেদ, রেহানা, নসুভাই আসফ এবং আততায়ীর রহস্যময় অন্তর্ধানের পিছনে রয়েছে সেই বেলুনেরই ভূমিকা।

প্রশান্ত হাসিতে আলোকিত হয়ে উঠল সুপারম্যান ইমতিয়াজের চোখ-মুখ। বিচলিত ভাবটা কেটে গেল মুহূর্তেই। কালক্ষেপ না করে হাতের রিষ্টওয়াচের ক্ষুদ্রাকার অয়্যারলেসটা অন্‌ করল। বন্ধুরা যে অবস্থায়, যেখানেই থাকুক, তার ম্যাসেজ তাদের  কাছে পৌঁছবেই।

ইমতিয়াজ ধীর কণ্ঠে অয়্যারলেসে বলল : উইদিন্ টুয়েণ্টি-ফোর আওয়ারস্ উই আর গোয়িং টু হংকং। স্পেশাল ট্রিপ। ডোণ্ট ওরী। বি কোয়াইট।

চার

সম্পূর্ণ নগ্ন এক মহিলা পেছন ফিরে দাঁড়িয়ে ছিল।

জরাজীর্ণ শরীর। কিন্তু বুঝা যায়, এককালে সুশ্রী মুখাবয়ব আর সুঠাম তনুলতার অধিকারী ছিল মহিলা।

ক্ষুদ্রাকার সেই ঘরে ছিল মুখোশধারী এক ব্যক্তি। হাত দিয়ে চতুষ্কোন একটা মেশিনের হ্যাণ্ডেল ধরে ছিল সে। একরকমের বাদামী রে মেশিন থেকে বেরিয়ে বিদ্ধ হচ্ছিল মহিলার পৃষ্ঠদেশে।

সন্ধানী চোখ মেলে মুখোশধারী পরীক্ষা করছিল বাদামী-আভা মণ্ডিত মহিলার নগ্ন পিঠ।

কিছুক্ষণের মধ্যেই মহিলার মসৃণ পিঠে ফুটে উঠল গোলাকৃতি একটা ছাপ। উত্তেজনায় কেঁপে উঠল মুখোশধারীর হাত। আনন্দের আতিশয্যে চেঁচিয়ে উঠল সে : মহীউদ্দিন, আই হ্যাভ ডিফিটেড্‌ ইউ। নাউ দ্য কার্ডস্ আর ইন মাই হ্যাণ্ডস্।

মহিলা বিড়বিড় করে বলল : নাউ লিভ মী, ইউ বাস্টার্ড। ফর গড্‌স্ সেক, লিভ মী।

: হ্যাঁ, শীঘ্রই তোমার ছুটি হয়ে যাবে, সুসান।

মুখোশধারী বলল। হ্যাণ্ডেল ছেড়ে দিয়ে মেশিন অফ করে দিল। ধীরে-সুস্থে প্রশান্ত ভঙ্গিতে এগিয়ে এল সুসান নামধারী মহিলার মুখোমুখি। বলল : তোমার স্বামী নসুভাই আসফকে একটিবার দেখবে, সুসান?

: নো নিড্‌।

সুসান চেঁচিয়ে উঠল : পনেরো বছর পশুর মত জীবন যাপন করার পর কি লাভ আসফকে একটিবার দেখে? আমি কি আর মানুষ আছি, শিকদার! আমাকে তোমরা একটা উলঙ্গ পশুতে পরিণত করেছ!

: এরই নাম স্বার্থ, ম্যাডাম। পনেরো বছর আগেই তোমার মুক্তির ব্যবস্থা করতে পারতাম। কিন্তু গোল বাধালো দ্যাট ইডিয়েট মহীউদ্দিন। সারা দুনিয়া ঘুরে বেড়াতে হয়েছে ব্যাটার ভয়ে। নসুভাই আসফকেও ম্যানেজ করা সম্ভব হয় নি ঐ শালার জ্বালায়। কিন্তু এখন নিশ্চিন্ত থাকতে পারো। তোমরা দু’জনই এখন আমার হাতের মুঠোয়। সুসান, আর চিন্তা নেই। শীঘ্রই তোমাদের মুক্তির ব্যবস্থা করে ফেলব। আমারও আর দেরী সইছে না। পনেরো বছর!...দ্যাটস্ টু মাচ অব ওয়েটিং।

সুসান কিছু বলল না। লজ্জা, ভয়, আনন্দ...এক কথায় সহানুভূতির অতীত তার মন। তাকিয়ে রইল শূন্যে। জরাজীর্ণ নগ্ন নিস্তেজ চোখ মেলে দেহটা যেন তার নির্যাতন আর যন্ত্রণার সমস্ত অপমান বহন করে নির্জীব হয়ে উঠেছে।

মুখোশধারী আর কথা বাড়াল না।  ইঙ্গিতমাত্র একব্যক্তি এসে ঢুকল ঘরে। বলল : এই মহিলাকে আজ ভাল মদ খেতে দেবে। 

: দেব, স্যার।

: সব রকমের অপারেশন বন্ধ রাখবে।

: রাইট, স্যার।

: যাও, এবার এই মাদী কুত্তীটাকে আমার সুমুখ থেকে সরিয়ে নিয়ে যাও।

সেন্ট্রি, সুসানের হাত ধরে টানতে টানতে নিয়ে চলল।

শিকদার উত্তেজনায় অধীর আর অস্থির হয়ে ঘরময় পায়চারি করতে লাগল।


: বিশ্বাস করি না।

জাহেদ তারস্বরে চেঁচাল। বলল : চব্বিশ ঘণ্টার ভেতর আমরা যমের ঘরে যাচ্ছি কিন্তু হংকং নয়।

: আহ্, চুপ করো ননা দোস্ত।

জিপ্পি ধমকায় : এত অধীর হওয়ার কি আছে?

রেহানা টিপ্পনী কাটল : বিপদে পড়ে জনাব জাহেদুল ইসলামের মাথার নাট-বল্টু সব আল্‌গা হয়ে গেছে।

ওদের তিনজনকে কঠিন লৌহ নিগড়ে বেঁধে রাখা হয়েছিল আলাদা আলাদা হুইল-চেয়ারে। ঘরের সর্বদক্ষিণে জ্বলছে মস্ত এক অগ্নিকুণ্ড। স্বয়ংক্রিয় হুইল-চেয়ারগুলি আপনা থেকে ছুটে যায় ফায়ার প্লেসের দিকে। আগুনের আঁচ খাইয়ে আবার ফিরে আসে যথাস্থানে।

কোমর পর্যন্ত শরীরের নানান জায়গায় পড়েছে আগুনের অসহ্য তাপ-চিহ্ন। যন্ত্রণায় এক একবার চেঁচাচ্ছে জাহেদ।

: অয়্যারলেসটা অন্‌ করার উপায় থাকলেও না হয় জায়গাটার অবস্থান সম্পর্কে ইমতিয়াজকে কিছু বলা যেত।

জাহেদ ক্ষোভের সাথে বলে : কিন্তু এই নিদারুণ অবস্থায় চব্বিশ ঘন্টার মধ্যে এক আল্লা ছাড়া আর কে আমাদেরকে হংকং নিয়ে যেতে পারে। দূর! সব ভাঁওতাবাজী! বিশ্বাস করি না। 

হুইল-চেয়ারগুলি হঠাৎ নিশ্চল হয়ে গেল। জিপি বলল : মেশিনটা খারাপ হয়ে গেল নাকি? থেমে গেল যে!

: এবার বোধ হয় আসল কাজ সমাধা করার জন্যে লোকজন আসছে।

রেহানা বলে। জাহেদ চেঁচায় : হ্যাঁ? আসল কাজটা কি? আসল কাজটা কি? মেরে ফেলবে নাকি শালারা সত্যি সত্যি? উঃ, কি ভয়ানক ব্যাপার! এমন কঠিন বিপদেও মানুষ পড়ে? শালার এক বেতমিজের পাল্লায় পড়ে কি দুর্গতিই না হল। হঠাৎ সোফিয়া লরেনের মুখাকৃতির শয়তানটা জ্ঞান ফিয়ে পেয়ে অমনভাবে এ্যাটাক করবে, উঃ যদি ঘুণাক্ষরেও জানতাম!

: আসল কাজটা করা হয়েছিল বেলুন থেকে। আমাদের উচিত ছিল জানালার দিকে চোখ রাখা।

জিপ্পি ধীর কণ্ঠে বলে : মানুষকে বিশ্বাস করা যায় কিন্তু যন্ত্রকে নয়। ঐখানেই আমাদের ভুল হয়েছিল!

: তাতো হয়েছিল, এখন বাঁচার কি উপায়?

: আপাততঃ কিছু দেখছি না।

পাঁচ

বাইরে থেকে বুঝার উপায় নেই যে, আবাসিক এলাকার দ্বিতল বাড়ীটা আসলে একদল হীন দুর্বৃত্তের আড্ডা।

বাইরে থেকে বাড়ীটাকে ভদ্রোচিত উপায়ে সুন্দর করে সাজানো-গুছানো হয়েছে। পরিচ্ছন্ন লন। বাগান। সুশোভিত ড্রইং-রূম। এমন কি বাড়ীতে স্বামী-স্ত্রী হিসেবে যে দু’জন মানুষ থাকে তাদেরকে দেখেও কোনোরকম সন্দেহ করার কারণ নেই।

ভদ্রলোকের নাম জামাল দীন। পরিচয় এক্সপোর্ট এজেন্ট। স্ত্রীর নাম নাসরিন, কিণ্ডারগার্টেন স্কুলের শিক্ষয়িত্রী। অবাঙ্গালী হলেও দু’জন অনেকদিন ধরে ঢাকার এই বাড়ীতে আছে, কাজ চালাবার মত বাংলাও মোটামুটি জানে।

কলিং-বেল বেজে উঠায় নাসরিনই দরজা খুলে বাইরে এল। সকাল আটটা বেজে কয়েক মিনিট। চারদিকে আবাসিক এলাকার নির্জনতা। বাইরে এসে অবাক হল ছ’ফুট উঁচু বলিষ্ঠ স্বাস্থ্যের এক যুবা পুরুষকে দেখে।

: কাকে চাই?

নাসরিন নম্র কণ্ঠে জিজ্ঞেস করল।

: জামাল দীন আছেন?

: না, তিনি তো নেই। চাটগাঁ গেছেন। আপনি কোত্থেকে আসছেন?

: করাচী থেকে।

: বলুন, আপনার জন্যে কি করতে পারি?

নাসরিন পরিচ্ছন্ন ভদ্র ভঙ্গিতে জিজ্ঞেস করল।

বর্ণিত যুবা-পুরুষ আর কেউ নয়, ইমতিয়াজ। নাসরিনের জিজ্ঞাসার জবাবে পকেট থেকে সে বের করল একটা আইডেনটিটি কার্ড। পশতু ভাষায় একটা নাম লেখা, হাজী আলী বকর। সেই সাথে ইমতিয়াজের নিজের ছবি উৎকীর্ণ।

নাসরিন মুহূর্তেই সতর্ক হয়ে যায়। কাৰ্ডটা হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখে। পশতু ভাষায় বলে : বলুন হাজী আলী বকর, খবরা-খবর বলুন?

ইমতিয়াজ এর জবাবে পকেট থেকে আর একটা বস্তু বার করল। বুদ্ধের মূর্তি খোদাই করা সম্রাট অশোকের আমলের একটি স্বর্ণ-মুদ্ৰা।

নাসরিন নিশ্চিন্ত হয়। হাসি ফুটে ওঠে তার ঠোঁটে। বলে : ফজল আপ্তাব পাঠিয়েছে আপনাকে, তাই বলুন। আসুন, ঘরে আসুন।

নাসরিনের পেছনে পেছনে ঘরে আসে ইমতিয়াজ। তাকে বসিয়ে ‘একটু অপেক্ষা করুন’ বলে নাসরিন চলে যায়। একটু পর ঘরে ঢোকে এক সুশ্রী চেহারার মাঝবয়েসী লোক। পশতু ভাষায় বলে : আমারই নাম জামাল দীন।

জামাল দীনের সাথে করমর্দন করে ইমতিয়াজ। কিন্তু উল্লাস বা উৎসাহ প্রকাশ না করে খাঁটি উচ্চারণে পশতুতে বলে : শিকদার আমিনের সাথে এক্ষুণি দেখা না হলেই নয়। তার ব্যবস্থা করুন, জামাল দীন।

: কিন্তু কর্তা যে এখন ঘুমোচ্ছেন?

: আমার কথাটা ভীষণ জরুরী। ঠিক আছে, কর্তা যেখানে আছেন সে জায়গায় নিয়ে চলুন, তাকে ঘুম থেকে ডেকে তোলার রিস্ক আমার।

জামাল দীন হাসতে লাগল। বলল : মিঃ আলী বকর, সেটা কিন্তু হবে সাঙ্ঘাতিক রিস্ক। ঠিক আছে চলুন, অন্ততঃ কণ্ট্রোল-রূম পর্যন্ত আপনাকে পৌঁছিয়ে দিচ্ছি।

জামাল দীনের পিছন পিছন ইমতিয়াজ কয়েকটা কক্ষ ও ভেতরের বারান্দা পার হয়ে সিঁড়ির কাছে পৌঁছল। একটা ভীষণকায় এ্যালসেশিয়ান কুকুর শুয়েছিল মেঝেয়। পদশব্দে সজাগ হয়ে উঠে দাঁড়াল এবং জামাল দীনকে দেখে লেজ নাড়তে লাগল। ‘ভেতরে যাও লাকি’ জামাল দীন কুকুরটাকে বলল। লাকি কিছু একটা শুঁকল অদৃশ্য বাতাসে, না শোনার ভান করল জামাল দীনের কথা, তারপর হঠাৎ লাফিয়ে লাফিয়ে সরে গেল ভেতরের দিকে।

: আসুন। 

জামাল দীন আহ্বান জানায়। দু’জন গিয়ে দাঁড়ায় শেষপ্রান্তের দেয়ালের দিকে। জামাল দীন ধীরে ধীরে পকেট থেকে বার করে আনে একটা ক্ষুদ্রাকার সাইলেন্সারযুক্ত পিস্তল। সেটা তুলে ধরে ইমতিয়াজের দিকে। বলে : হাজী আলী বকর, এবারে বাকী শর্ত পূরণ করুন। তা নইলে একপা এগোতে আপনাকে প্রাণহীন লুটিয়ে পারবেন না এবং এখানেই পড়তে হবে।

ইমতিয়াজ বলল : আহা, অধীর হচ্ছেন কেন, জামাল দীন! আমি ফাঁকি দিতে আসি নি। আমি একেবারে যাকে বলে ফজল আপ্তারের নিজের লোক, দোস্ত মানুষ।

: বেশ, তা প্রমাণ করুন?

: প্রমাণ করার উপায় তো আপনার কাছে।

: যেমন?

: আপনাকে দেয়ালের ঠিক ২৫.৬ মিলিমিটারে গিয়ে বুড়ো আঙুলের ‘ফুল প্রেশার’ রাখতে হবে।

: তারপর?

: এটা কিছুই না, একটা সঙ্কেত মাত্র। আসল কাজ হল, ৯.২৯০৩ স্কোয়্যার ডিসিমিটারে একটা ক্রশচিহ্ন বার করতে হবে।

: কিভাবে?

: খানিকটা কেমিকেলস্ ছিটিয়ে দিন, অমনি ক্ৰশ চিহ্নটা ভেসে উঠবে।

জামাল দীন ক্রমশঃ আশ্বস্ত হয়ে উঠল। বলল : সেই কেমিকেলস্?

: আমিই নিয়ে এসেছি।

অস্ফুট স্বরে জামাল দীনের মুখ দিয়ে বেরিয়ে এল : তাই তো নিয়ম। ইমতিয়াজ পকেট থেকে কেমিকেলস্་ ভর্তি ক্ষুদ্রাকার কাগজের প্যাকেটটা জামাল দীনের হাতে দিলে সে বলল : আমার অপরাধ মার্জনা করবেন, হাজী বকর। এতক্ষণ যা করতে হয়েছে সবই উপরের নির্দেশে। আপনি সসম্মানে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। চলুন, কণ্ট্রোল-রূমে পৌঁছিয়ে দিচ্ছি।

জামাল দীন দেয়ালের বিশেষ একটা অংশে কেমিকেল্‌স্‌টা ঘষে দিতেই একটা ক্রশচিহ্ন ফুটে উঠল। দেখা গেল ছোট কালো তিলের মত একটা বোতাম। সেই বোতাম টিপে দিতেই দেয়াল দ্বি-খণ্ডিত হয়ে প্রকাশ পেল দামী কাশ্মিরী গালিচা মোড়া নিম্নগামী একটা সিঁড়ি।

: নীচে চলে যান। লিফ্‌ট আপনাকে যেখানে নামিয়ে দেবে সেটাই কণ্ট্রোল-রূম।

জামাল দীন গম্ভীরভাবে বলল। ইমতিয়াজ নিঃশব্দে লিফ্‌টে গিয়ে চড়ল। জামাল দীনের কথাই সত্যি। লিফ্‌ট থামতেই দরজা খুলে গেল এবং সঙ্গে সঙ্গে দু’জন রাইফেলধারী দু’পাশ থেকে এগিয়ে এল। ইমতিয়াজ বুঝল, এটাই জামাল দীন বর্ণিত কণ্ট্রোল-রূম এবং বিশ্বাসের পরীক্ষায় পাশ না করা পর্যন্ত আপাততঃ সে বন্দী।

লিফট থেকে নেমে এল সে নিঃশব্দে। চারপাশে চোখ বুলাল ধীরে-সুস্থে। সবশেষে একটা প্রকাণ্ড আয়রণ সেফ। কিছুদূরে গেলে ষ্টীলের টেবিল ঘিরে তিনটে চেয়ার। একটা চেয়ার অধিকার করে বসে আছে বলিষ্ঠকায় এক যুবক। লাল চামড়া, বুঝা যায় এ্যাংলো।

রাইফেলধারী দ্বয়ের ইঙ্গিতে ইমতিয়াজ এগিয়ে গেল এ্যাংলো যুবকটির দিকে। কোনোরকম ভূমিকা না করে এ্যাংলো যুবকটি বলল : ফজল আপ্তাব কোথায়?

: সদরঘাটের তিন নম্বর তিন নম্বর লঞ্চে। তিনিই আমাকে পাঠিয়েছেন।

: কি করে বুঝব? তুমি যে তাকে হত্যা কর নি, তার কি প্রমাণ?

কথাবার্তা চলছিল ইংরেজীতে। ইমতিয়াজ বলল : কি প্রমাণ চান?

এ্যাংলো যুবকটি তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলল : যে প্রমাণ দিয়ে তুমি রেহাই পেতে পার সে প্রমাণই চাই।

ইমতিয়াজ ধীরে ধীরে বলল : আমার জামার পকেটে ফজল আপ্তাবের চিঠি, এবং তিনটে ময়ুরের পাখা আছে। খুঁজলেই পাবেন। 

এ্যাংলো যুবকটি সান্ত্রীদের প্রতি ইঙ্গিত করতেই সান্ত্রী দু’জন এগিয়ে এসে ইমতিয়াজের পকেট সার্চ করল। কোন অস্ত্রশস্ত্র পাওয়া গেল না। পাওয়া গেল হাজী আলী বকরের সেই আইডেনটিটি, বৌদ্ধ আমলের স্বর্ণ-মুদ্রা, ময়ুরের পাখা এবং ফজল আপ্তাব লিখিত একখানা পত্ৰ।

এ্যাংলো যুবকটির ভাব-ভঙ্গিতে বুঝা গেল সে আশ্বস্ত হয়েছে। সান্ত্রী দু’জন কলের পুতুলের মত লিফ্‌টের দু’পাশে গিয়ে দাঁড়াল। এ্যাংলো যুকবটি বলল : বেশ ভালো কথা। কর্তার সাথে কিসের আলাপ?

: সেটা তাকেই বলব।

: হুঁ। আপনাকে তাহলে অপেক্ষা করতে হবে। কর্তা ঘুমোচ্ছেন। কোনো কারণেই এখন তাঁকে জাগানো চলবে না। কড়া হুকুম। চলুন, আপনাকে গেষ্ট-রূমে নিয়ে যাচ্ছি।

ইমতিয়াজ বুঝল, আপত্তি করে লাভ নেই। যুবকটির পেছনে পেছনে সে এগোল। চকিত রিষ্টওয়াচে সময় দেখল। সকাল পৌনে ন’টা। ফজল আপ্তাব তার ল্যাবরেটরীতে এখনো নিশ্চল, অচেতন অবস্থায় পড়ে আছে। সে বুঝল, আণ্ডার-গ্রাউণ্ডের এই বাড়ীটাতে যাদের গোপন আড্ডা তারা সহজ পাত্র নয়। সামান্য একটু এদিকওদিক হলেই ধরা পড়তে হবে শিকদার আমিনের লোকজনের হাতে। এরা প্রত্যেকেই কুশলী, ধূর্ত এবং নিষ্ঠুর।

গেষ্ট-রূম দেখিয়ে এ্যাংলো যুবকটি বলল : শুধুমাত্র কণ্ট্রোল-রূম এবং রিজার্ভ সেক্‌শান ছাড়া যে কোনো কক্ষে যেতে পারেন। কোন অসুবিধে নেই। প্রয়োজনে ঘণ্টা বাজালেই সব পাবেন।

ঘাড় নাড়ল ইমতিয়াজ। ধন্যবাদ দিল এ্যাংলো যুবকটিকে। যুবকটি সে সবে কোন ভ্রূক্ষেপ না করে নিস্পৃহ ভঙ্গিতে চলে যায়।

বেশ কিছুক্ষণ একটা সোফায় শরীর এলিয়ে দিয়ে বসে রইল ইমতিয়াজ। গভীর চিন্তায় ডুবে গেল। শিকদার আমিনের আণ্ডার গ্রাউণ্ড বাড়ীটার ম্যাপ মোটা-মুটি তার মুখস্থ। সব তথ্য ফজল আপ্তাবের কাছ থেকে সংগ্ৰহ করা। ফজল আপ্তাব স্বাভাবিক অবস্থায় কিছুই বলতে চায় নি। সাভারের কাছে গ্যাস-বোমায় অচৈতন্য করে তাকে ইমতিয়াজ নিয়ে গিয়েছিল নিজের বাড়ীতে। জ্ঞান হবার পর একেবারে চুপ মেরে গেল ফজল আপ্তাব। শত চেষ্টা করেও একটা মুখের কথা বার করা গেল না। ইমতিয়াজ একটু হেসেছিল তার এই সাবধানতা দেখে।

ফজল আপ্তাব অপমান বোধ করেছিল ইমতিয়াজের হাসি দেখে। রাগে গরগর করতে করতে পশতু ভাষায় বলেছিল : শয়তানের বাচ্চা, যত চেষ্টাই কর, একটা কথাও বার করতে পারবে না।

আবার হেসেছিল ইমতিয়াজ। ফজল আপ্তাবের মাতৃভাষা পশতুতেই বলেছিল : বিজ্ঞান কতটা এগিয়ে গেছে সে সম্বন্ধে তোমার কোন ধারণাই নেই, দোস্ত। থাকলে অমন গোয়ার্তুমি করতে না। ঠিক আছে, মিনিট দুই অপেক্ষা কর। দেখো, কি ভাবে তোমার মনের সব কথা, চিন্তা আর স্মৃতি আমি বার করে আনি।

ফজল আপ্তাবকে এরপর যে যন্ত্রটার সামনে নিয়ে রসিয়েছিল ইমতিয়াজ সেটা তার স্বউদ্ভাবিত একটা যন্ত্ৰ। যন্ত্র-মুখের একটা প্লাগ দেহের সাথে সংযুক্ত হওয়ামাত্র এক রকমের ক্ষীণ শব্দ-তরঙ্গ দেহে অনুপ্রবিষ্ট হয়। সেই শব্দ-তরঙ্গ দেহের ভিতর সৃষ্টি করে রিফ্লেক্স-এ্যাকশান। বেরিয়ে আসে একে একে। মনের সব চিন্তা, কথা এবং স্মৃতি...সংযুক্ত একটা প্লেটে রেকর্ড হয়ে যায় সবকিছু। এভাবেই ফজল আপ্তাবের কাছ থেকে শিকদার আমিনের গোপন আড্ডার খবর, আড্ডায় প্রবেশের কলা-কৌশল, সঙ্কেত এবং শিকদার আমিনের পরবর্তী প্ল্যানের কথা অবগত হয়েছে ইমতিয়াজ। অভিভূত ফজলকে দিয়ে লিখিয়েছে একখানা চিঠি।

ফজল আপ্তাব শিকদার আমিনের অতি বিশ্বস্ত সহচর। তার কাছ থেকে মোটামুটি যেসব বৃত্তান্ত জানা গেছে তা রীতিমত চমকপ্রদ। জানা গেছে, চৌত্রিশ বছর আগে ওসানিক নামীয় যে জাহাজটা আটলান্টিকের বুকে জার্মানীর ডুবো-জাহাজ কর্তৃক আক্রান্ত হয় সেই জাহাজে ছিল মিত্রপক্ষের প্রায় দু’শো কোটি পাউণ্ড মূল্যের স্বর্ণ। যুদ্ধের দরুন ইংল্যাণ্ডে দেখা দিয়েছিল দারুণ মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতি দূর করার উদ্দেশ্যে মিত্রপক্ষের সহযোগিতায় গিনি সরকার এই রিজার্ভ গোল্ড পাঠাচ্ছিল ইংল্যাণ্ডে। পথে শত্রুর ডুবো-জাহাজের তাড়া খেয়ে ওসানিক চিরকালের মত সভ্য দুনিয়ার বাইরে এক দুর্ভেদ্য বরফের পাহাড়ের ভেতর আটকা পড়ে যায়। কিন্তু জাহাজটা এখনো সম্পূর্ণ অক্ষত অবস্থায় আছে। এ সংবাদ জানা ছিল তিন ব্যক্তির—শিকদার আমিন, মহীউদ্দিন এবং জোসেফ নামে এক ইংরেজের। এরা তিনজনই জাহাজের গতিপথের একটা ম্যাপ তৈরী করেছিল এবং জাহাজের রিজার্ভ গোল্ড যে দুর্ভেদ্য সেফে আটকা ছিল সেই সেফ খোলার সঙ্কেতটা উদ্ধার করেছিল। তিনজনই ম্যাপ এবং সঙ্কেতের নক্‌সাটা আন্‌পেরিশেব্‌লরে দিয়ে দু’জনের পিঠে অঙ্কন করে রাখে। উদ্দেশ্য ছিল, সভ্যজগতে ফিরে গিয়ে লোকজন ও জাহাজ সংগ্রহ করে তারা স্বর্ণ উদ্ধারের কাজে ফের আটলান্টিকে যাবে। ঘটনাচক্রে যে দু’জন নিরীহ লোকের পিঠে তাদের অজান্তে ম্যাপ এবং নক্‌সা অঙ্কন করে তাঁরা হল নসুভাই আসফ এবং তাঁর স্ত্রী সুসান। ওঁদের পিঠে এমনভাবে ম্যাপ ও নক্‌সা এঁকে দেওয়া হয়েছিল যাতে দু’জনকে একত্র না করলে সেগুলির মর্মোদ্ধার করা সম্ভব হবে না। জোসেফ, মহীউদ্দিন এবং শিকদারের ভেতর চুক্তি হয়েছিল, সুসান এবং নসুভাই আসফকে তারা সভ্যজগত পর্যন্ত নিয়ে যাবে এবং তারপর তাঁদেরকে হত্যা করে স্থায়ী কোন জায়গায় ম্যাপ ও নক্‌সার অনুকৃতি তুলে নেবে। কিন্তু গোল বাধাল মহীউদ্দিন এবং শিকদার আমিনের পারস্পরিক বিদ্বেষ ও প্রতিদ্বন্দ্বিতা। শিকদার সভ্যজগতে ফিরে যাওয়ার আগেই নসুভাই আসফ এবং সুসানকে হত্যা করার পক্ষপাতী ছিল। পক্ষান্তরে মহীউদ্দিনের যুক্তি ছিল, সভ্যজগতে না পৌঁছা পর্যন্ত কোনরকমের কোন ঝুঁকি নেয়া ঠিক হবে না। নসুভাই আসফ এবং সুসানকে হত্যা করাও হবে সেক্ষেত্রে নিছক বোকামী। এই নিয়ে ওদের মধ্যে ঝগড়া বেধে গেল। শেষ পর্যন্ত এদের ভেতর অপেক্ষাকৃত চালাক জোসেফ সুসানকে নিয়ে পালিয়ে গেল, মহীউদ্দিন পালাল নসুভাই আসিফকে নিয়ে এবং সুদীর্ঘকাল ধরে পৃথিবীর সব প্রান্তে সুসান এবং নসুভাই আসফকে নিয়ে চলেছে এদের দাবার গুটি চালাচালি। এই দীর্ঘ সময়ে জোসেফ কোথায় ছিটকে পড়েছে ফজল আপ্তাব তা জানে না। কিন্তু ইতিমধ্যে সুসান এসে গেছে শিকদার আমিনের হাতে এবং সে জানতে পেরেছে, নসুভাই আসফ মহীউদ্দিনের কবল থেকে মুক্ত হয়ে স্বাধীন জগতে বিচরণ করছে দীর্ঘকাল ধরে। শিকদার আমিন আটলান্টিকে যাওয়ার সব বিধি-ব্যবস্থা ঠিক করে সংগ্রহ করতে এসেছিল নসুভাই আসফের পিঠ-স্থিত ম্যাপ এবং নক্‌সা। আর একারণেই রহস্যময় আক্রমণ ঘটে গতরাতে তাঁর উপর। ফজল আপ্তাবের কাছ থেকে জানা গেছে আরও একটি মূল্যবান সংবাদ। সেটা হল, শিকদার আমিনকে সেই হারানো ‘ওসানিক’ উদ্ধারের কাজে সাহায্য করছে এক বিদেশী শক্তি। এই বিদেশী শক্তির নাম শিকদার আমিন ছাড়া কেউ জানে না। এমনকি ফজল আপ্তাবও না। জানা গেছে, দীর্ঘকাল ধরে জোসেফ, মহীউদ্দিন এবং শিকদার আমিন বিদেশী শক্তির সাহায্য প্রার্থনা করেছে। কিন্তু আন্তর্জাতিক রাজনীতির বিরূপ পরিস্থিতির দরুন কারো পক্ষেই কোনো বিদেশী শক্তির পরিপূর্ণ সম্মতি, সাহায্য এবং সহযোগিতা লাভের ভরসা লাভ করা এযাবত সম্ভব হয় নি। জোসেফ কোথায় যেন ছিটকে পড়েছে, কিন্তু এতদিনে শিকদার আমিন এবং মহীউদ্দিন আলাদা আলাদা ভাবে দু’টি প্রতিদ্বন্দ্বী বৃহৎ শক্তির ব্যাকিং লাভ করেছে। ফলে নাটক জমে উঠেছে বেশ।

দু’শো কোটি পাউণ্ড মূল্যের নিখাদ স্বর্ণ লুকিয়ে আছে আটলান্টিকের অজানা স্থানে আটকা পড়া জাহাজের লৌহ-গর্ভে। সেই স্বর্ণপিণ্ড উদ্ধার এবং আত্মসাতের জন্যে তৎপরতা শুরু হয়েছে স্বর্ণ-লোভী বিদেশী শক্তির ভেতর। শিকদার আমিন এতদিনে নসুভাই আসফ এবং সুসান এই দু’জনকেই হাতের মুঠোয় এনেছে। বলতে গেলে তারই ভাগ্য আজ সুপ্রসন্ন। কিন্তু মহীউদ্দিনও থেমে নেই। সেও প্রাণপণ প্রতিদ্বন্দ্বীতা চালিয়ে যাচ্ছে নসুভাই আসফ এবং সুসানকে নিজের হাতের মুঠোয় পাওয়ার জন্যে। ভবিতব্যই জানে, ঘটনার পরিণতি কোথায় গিয়ে দাড়াবে। 

ইমতিয়াজ গভীর চিন্তায় ডুব দিয়ে সমগ্র ব্যাপারটা গোড়া থেকে ভাবল। ভবিষ্যতের দু’-একটা কৰ্ম-পন্থা সম্পর্কেও চিন্তা করল সে। হাতের দামী রিষ্টওয়াচ দেখল। তারপর উঠে দাঁড়াল।

তার কর্ম-পন্থা মোটামুটি ঠিক হয়ে গেছে। কুশলী দাবারুর মত আত্মরক্ষা-মূলক চালগুলি চালার পর অতি সাবধানে আক্রমণাত্মক চালগুলি কিভাবে চালতে হবে সে সমুদয় ভেবে রেখেছে। কিছুক্ষণ গেষ্ট-রূমে পায়চারি করল। তারপর ঘণ্টাধ্বনি করল।

ঘরে ঢুকল ধীর পদক্ষেপে বিশালদেহী জোয়ান এক সেণ্ট্রি। নিঃশব্দে চোখ তুলে তাকিয়ে যেন জিজ্ঞেস করল, কি চাই?

ইমতিয়াজ বলল : আমার বন্ধুদের কোথায় বন্দী করে রাখা হয়েছে তুমি জান?

মুহূর্তেই সেণ্ট্রি তার রাইফেলে হাত দিল। কিন্তু আশ্চর্য, হাত স্খলিত হয়ে পড়ে গেল রাইফেলের বাট থেকে। ইতিমধ্যে তার ভেতর শুরু হয়ে গেছে মেমোরিজমের ক্রিয়া

: বল?

ইমতিয়াজ আদেশ জানায়।

সেণ্ট্রিটি অসহায়ভাবে মাথা নাড়তে থাকে। প্রকাণ্ড খেলনার মত পিঠে তার ঝুলছে রাইফেলটা।

কাছে এগিয়ে এল ইমতিয়াজ। কঠোর কণ্ঠে বলল : বল, উত্তর দাও?

সেণ্ট্রির মুখ দিয়ে বেরিয়ে এল : রিজার্ভ-লাইনে

: লাইনের চাবি কোথায়?

: যে আমাদের ইন-চার্জ, তার কাছে চাবি।

ইমতিয়াজ কাছে সরে এসে স্পর্শ করল সেণ্ট্রিকে। কাটা কলাগাছের মত ভূ-লুন্ঠিত হল সেণ্ট্রি।

ইমতিয়াজ দ্রুত পরিধান করল জোয়ান সেণ্ট্রির পোশাক। রাইফেলটা কাঁধে ঝুলাল। লোকটা লম্বায় খানিকটা খাটো হলেও পোশাকটা ঢিলা ছিল বলে শরীরে ঠিক ঠিক লেগে গেল। লোকটার মাথায় ছিল শক্ত প্লাষ্টিকের একরকম সৌখিন সেডওয়ালা টুপি। টুপিটা আত্মরক্ষার পক্ষে অনেকটা সহায়ক হবে ভেবে একটু আশ্বস্তবোধ করে ইমতিয়াজ।

গেষ্ট-রূমে একটা ডবল-বেড, একটা চেয়ার, টেবিল ও আলনা ছাড়া আর কিচ্ছু নেই। একমুহূর্ত ভেবে দ্রুত অবশ, অসাড় সেণ্ট্রির দেহটা বিছানার দিকে টেনে নিয়ে গেল ইমতিয়াজ। তার নিজের কাপড় আগেই পরিয়ে দিয়েছিল ওকে। এবারে বিছানায় শুইয়ে দিয়ে সেণ্ট্রির চিবুক পর্যন্ত চাদরটা টেনে দিল এবং তারপর বেরিয়ে এল।

টানা লম্বা করিডোর। অন্ধকার। রক্ত-চক্ষুর মত এখানে সেখানে দু’-একটা আলো জ্বলছে। বাইরের পৃথিবীতে এখন মোটে সকাল ন’টা। কেউ হয়ত এখনো বিছানা ছেড়েই ওঠে নি। বায়তুল মোকার্‌রমে সেই ফলওয়ালা হয়ত দোকান সাজিয়ে নিয়ে পথচারীদের উদ্দেশ্যে হাঁকছে : আসেন বাবু, সস্তায় ছাড়ছি, কমলালেবু, আপেল, মনাক্কাস, বেদানা, আঙ্গর···ভাল জিনিস···।

বাইরের পৃথিবীতে যাই ঘটুক সুড়ঙ্গের জগতে সীমাহীন অন্ধকার। পদে পদে রহস্যের ছায়া। করিডোর দিয়ে হাঁটতে হাঁটতে ইমতিয়াজের মনে হল, তার তীব্রভেদী চোখও যেন অন্ধকারে বিশেষ কিছু দেখতে পারছে না।

নির্বিঘ্নে সুড়ঙ্গের আউট-পোষ্ট পর্যন্ত এল। মাঝপথে একজন সেণ্ট্রির সাথে দেখা হয়েছিল। কিন্তু তাকে ভ্রূক্ষেপই করল না। চলে গেল  গটগট করে হেঁটে নিজের কাজে। ইমতিয়াজ জানে, আউট পোষ্ট পর্যন্ত কোন ভয় নেই। কিন্তু তারপরই বিপদ।

হলও তাই। আউট-পোষ্টের ওপারে রিজার্ভ-লাইন। সুড়ঙ্গ জগতের সবচে’ সুরক্ষিত এলাকা। ইমতিয়াজ একটা সরু চোরা-গলি দিয়ে গেট পর্যন্ত এগোলো। দেখল, তিনজন সেণ্ট্রি টহল দিচ্ছে পোষ্টে।

ওখান থেকে সরে এল ইমতিয়াজ। কয়েক পা পেছনে এসেই অসাধারণ শ্রবণেন্দ্রিয়ের গুণে বুঝল, কেউ একজন আসছে এই পথ দিয়ে। দেয়ালের সাথে মিশে অপেক্ষা করতে লাগল। একটু পর সেই পথ ধরে এগিয়ে এল রাজকীয় চেহারার এক প্রিয়দর্শন প্রৌঢ়। আবছা অন্ধকারে ও টের পেল, ঝলমল করছে ওর সাড়া গায়ে রূপ ও স্বাস্থ্য। চলার ভঙ্গিতে ফুটে উঠেছে মর্যাদা ও আত্মবিশ্বাসের ভাব।

ইমতিয়াজ বুঝল, এ আর কেউ নয়, শিকদার আমিন নিজে।

তার অনুমান সত্যে পরিণত হল। লোকটা আউটপোষ্ট পর্যন্ত পৌঁছুতেই সেণ্ট্রি তিনজন পায়ের সাথে পা ঠুকে প্রেজেণ্ট-আর্ম দিল। অভিজ্ঞতা থেকে ইমতিয়াজ জানে, এ সম্মান কর্তা ব্যক্তির প্রাপ্য।

শিকদার আমিন চরম অবজ্ঞায় ঘাড় হেলিয়ে অভিবাদন গ্রহণ করল এবং ভেতরে চলে গেল। ঠিক পেছন পেছন গেল তিনজন গার্ডের দু’জন।

এই সুযোগ বৃথা যেতে দিল না ইমতিয়াজ। গার্ড দু’জন চলে যেতেই চোখের পলকে সে গিয়ে উপস্থিত হল তৃতীয় গার্ডের সামনে এবং বিস্ময়াবিষ্ট লোকটার কোন কথা উচ্চারণের আগেই হাতে ধরা রাইফেলের বাট দিয়ে আঘাত করল গলার নীচে, ঠিক কণ্ঠনালীতে। টু শব্দটি পর্যন্ত না করে গার্ডটা ঢলে পড়ল মাটিতে অচেতন হয়ে।

অচেতন দেহটা দ্রুত ডাইনের দেয়ালের একটা নির্জন কোণে রেখে দিয়ে ছুটল সে রিজার্ভ-লাইনের ভেতর। ভেতরে উল্টো দিকে আসতে দেখা গেল দু’টি আবছায়া। কিন্তু ওরা কেউ কোন কথা বলল না। ইমতিয়াজ বুঝল, রিজার্ভ-লাইনের ভেতর তাকে সন্দেহ করার চিন্তাও কারো মনে উদয় হচ্ছে না।


শিকদার আমিন পিস্তল হাতে ঢুকল কয়েদ খানায়। শত্রুর শেষ রাখতে নেই। কালই সে পাড়ি দিতে চলেছে দুর্গম অভিযানে। যাওয়ার আগে বন্দীদের খতম করে পথ নিষ্কণ্টক করা দরকার।

পিস্তল হাতে স্বচ্ছন্দ ভঙ্গিতে কয়েদখানায় ঢুকল, যেন খোশগল্প করতে এসেছে। আলাদা আলাদা হুইলচেয়ারে শৃঙ্খলিত অবস্থায় বসে রয়েছে জিপ্পি আসাদ, রেহানা এবং জাহেদ। শিকদার আমিন বেছে বেছে গেল জাহেদের কাছে। পিস্তলটা জাহেদের থুতনীতে ঠেকিয়ে বলল : লম্বু মিয়া, তারপর কি খবর?

জাহেদ চোখ পাকিয়ে বলল : আমার সর্দি হয়েছে, ঘাঁটাবেন না কিন্তু, খবরদার!

শিকদার আমিন ওর কথা শুনে এক মুহূর্ত হাঁ হয়ে যায়। বলে : আরে ব্রাদার-ইন্‌-ল, সর্দির সাথে খবরাখবরের কি সম্পর্ক? তুমি দেখছি আসল লম্বু, বোকার ধাড়ী।

জবাবে জাহেদ যত্নের সাথে গলা-কাশি দিল এবং একদলা চমৎকার পাকানো কফ থুথুর সাথে নিক্ষেপ করল শিকদার আমিনের মুখমণ্ডলে।

অভাবিত এই কাণ্ডে একেবারে থ’ মেরে যায় শিকদার আমিন।

: প্রথমেই বললাম ঘাঁটাবেন না, ঘাঁটাবেন না, সর্দি আছে...কি, এখন মজাটা টের পেলে তো?

: মজা তুমিও টের পাবে, শয়তানের বাচ্চা!

কফটা রুমাল দিয়ে মুছতে মুছতে শিকদার বলে।

: বেশ তো, দাও না গোটাকয় গুড়ুম্ গুড়ুম্ আওয়াজ করে। তার জন্যে তো তৈরীই হয়ে আছি।

রেহানা হেসে উঠল। জিপ্পি আসাদ বলল : এবার যদি বেঁচে যাই তবে তোর পায়ে একশ’ একটা সেলাম ঠুক্‌ব, দোস্ত। যা কিনা ফাস্ কেলাস্ জিনিস একটা দেখালি! লা-জওয়াব, মাইরি!

: এবার যদি বেঁচে যাই তবে শালা তোগো খপ্পরে আর না। ঘরের ছেলে ঘরে ফিরে গিয়ে বেশ ভাল দেখে একটা বিয়ে করে সংসারীতে মন দেব। ভেবেছিস আর তোদের সাথে আছি?

জাহেদ বিড়বিড় করতে লাগল। শিকদার আমিন মৃত্যুর ঠিক আগের মুহূর্তে তিন বন্ধুর এই বেয়াড়া রসিকতায় অবাক হয়ে যায়। হঠাৎ রেহানার দিকে ফিরে তাকিয়ে বলে : বাঁচতে ইচ্ছে করে?

: খুব! খুব!

: বেশ, বলো আমার কাছে, প্রার্থনা করো। বলো, দয়া করে প্রাণে মারবেন না, ছেড়ে দিন।

রেহানা বলল : সেই প্রার্থনা তুমিই আমাদের কাছে করো, শিকদার আমিন। তোমার দিন ফুরিয়েছে।

রেহানা যথার্থ দেখতে পেয়েছিল ইমতিয়াজ নিঃশব্দ পায়ে শিকদার আমিনের পেছনে এসে দাঁড়িয়ে আছে। শিকদার আমিন চমকে উঠল তার কথায়, একটু পাশ ফিরে দাঁড়াল। কিন্তু তার আগেই রাইফেলের নলটা স্পর্শ করল তার পিঠ। হিম-জড়ানো কঠোর স্বরে ইমতিয়াজ বলল : সামান্য নড়াচড়ার অর্থ হবে মৃত্যু। পিস্তলটা ফেলে দাও, শিকদার!

মুহূর্তেই পিস্তলটা ফেলে দেয় শিকদার। দু’হাত উপরে তুলে দাড়ায়। ছাইয়ের মত ফ্যাকাশে হয়ে গেল তার চোখ-মুখ। 

ইমতিয়াজ বলল : এগিয়ে গিয়ে ওদের হাত-পায়ের বাঁধন খুলে দাও। কুইক।

শিকদার বুঝল, যে ব্যক্তি আদেশ করছে সে একটা উঁচু দরের ব্যক্তিত্ব, সে কাজ বোঝে। তার কাছে চালাকি করার অর্থ মৃত্যুবরণ করা। তাই সে ওর কথামত এগিয়ে গেল। প্রথম এগোল জাহেদের দিকে। জাহেদের পায়ের বাঁধন খুলে দেয়ার জন্যে পায়ের দিকে হাত বাড়াতেই জাহেদ বলল : আহা, কদমবুসির আবার কি দরকার ছিল? ওয়ালাইকুম সালাম। বাড়ীর সব ভাল তো?

ছয়

সুনীল আকাশে শ্বেত-শুভ্র পাখীর মত উড়ছিল ইমতিয়াজের নিজস্ব প্লেনটি।

প্লেন চালাচ্ছিল শ্রীমান জিপ্পি। রিজার্ভ পাইলটের আসনে বসেছিল গোমড়া মুখো জাহেদ।

পেছনে পাশাপাশি বসেছে রেহানা ও ইমতিয়াজ। ডানদিকের সারিতে নসুভাই আসফ এবং সুসান।

নসুভাই আসফের একটা হাত সুসানের হাতে। গভীর কৃতজ্ঞতায় সুসানকে দেখাচ্ছিল পবিত্র ও উজ্জ্বল। যেন বিগত ক্লেদ-তিক্ত জীবনের সমস্ত লাঞ্ছলা, সমস্ত দুঃখ-কষ্টের স্মৃতি দুঃস্বপ্নের মেঘের মত কেটে গেছে। ফিরে এসেছে আনন্দ ও আত্মবিশ্বাস।

রেহানা মৃদু কণ্ঠে কথা বলছিল ইমতিয়াজের সাথে। ইমতিয়াজ অনেকটা প্রশান্ত এবং ধীরস্থির।

: একটা কথা বুঝতে পারছি না, ইমতিয়াজ। সোফিয়া লরেনের মুখাবয়বের ছদ্মবেশে যে লোকটা হানা দিয়েছিল, কে সে?

: স্বয়ং শিকদার আমিন।

: বলো কি।

: লোকটার অপরিসীম জীবনী শক্তি। নিখুঁত তার প্ল্যান-প্রোগ্রাম। আণ্ডার-গ্রাউণ্ড যে বাড়ীটাতে তাকে আমরা বেঁধে রেখে এসেছি, সে বাড়ী শেষ পর্যন্ত তাঁকে আটকে রাখতে পারবে কিনা সন্দেহ আছে।

: বলো কি। এমনই যদি সন্দেহ ছিল তাহলে তাকে পুলিশের জিম্মায় তুলে না দিয়ে নিজের বাড়ীতে আটকে রেখে এলে কেন?

: দুই কারণে। প্রথমতঃ শিকদার আমিনকে পুলিশের হাতে তুলে দেয়ার মত যথেষ্ট আইনানুগ কারণের অভাব ছিল। দ্বিতীয়তঃ পুলিশ তাকে আটকে রাখতে পারবে না। শিকদারের পেছনে আছে আন্তর্জাতিক এক দুৰ্বৃত্ত দল। ছলে-বলে-কৌশলে যে করে হোক শিকদার আমিনকে তারা উদ্ধার করত। তারচে’ শিকদারকে তার নিজের বাড়ীর অন্ধকার প্রকোষ্ঠে বন্দী করে রাখাই শ্রেয়ঃ। অন্ততঃ দু’দিন আগে সেই অন্ধকার প্রকোষ্ঠ থেকে কেউ তাকে উদ্ধার করতে আসবে না।

: একথার মানে?

: মানেটা অতি সহজ। দাবা-খেলায় বড়ের চালই অনেক সময় সবচে’ কঠিন চাল হয়ে দাঁড়ায়। শিকদারের লোকজন যত্রতত্র তাকে খুঁজে বেড়াবে, কিন্তু চট্‌ করে কারোই একথা মনে হবে না যে, শিকদার হাত-পা-মুখ বাঁধা অবস্থায় পড়ে আছে আণ্ডার-গ্রাউণ্ডের রিজার্ভ-লাইনের শেষ ঘরটিতে। এটা সাইকোলজিক্যাল ব্যাপার। চালটা কাজে নাও লাগতে পারে, তেমন আশঙ্কাও আছে, তবে লাগাটাই স্বাভাবিক।

বাংলাদেশের আকাশ শেষ হয়ে দেখা দিল সমুদ্রের নীল জলরাশি। নীচে নীল, উপরে নীল, শূন্যে অবারিত হাওয়ার খেলা। এই দৃশ্য দেখে শ্রীমান জাহেদ তারস্বরে চেঁচিয়ে উঠল : হৃদয় আমার নাচেরে, আজিকে ময়ুরের মত নাচেরে।

রেহানা এই চীৎকারে বিরক্ত হয়ে বলল : জাদে, গান থামাও বলছি। নইলে আচ্ছা এক বকুনি শুনবে। এমন সুন্দর অবকাশ গর্দভ-কণ্ঠের উচ্ছ্বাসের জন্যে আল্লাহ সৃষ্টি করেন নি।

জবাবে জাহেদ দু’হাত জোড় করে উপরের দিকে তাকিয়ে বলল : হে রহমানুর রহীম, আমি এই বাঙ্গালী-রমণীকে শরা-শরিয়ত মোতাবেক বিবাহ করে আজীবন রবীন্দ্র-সঙ্গীত শোনাতে চাই। প্রভু, তুমি এই গরীবের মক্‌সুদ হাসিল কর।

নসুভাই আসফ এবং সুসান জাহেদ ও রেহানার এই কপট রাগারাগির দৃশ্য দেখে হাসতে লাগলেন মুক্ত কণ্ঠে। অনেকদিন পর তাঁদের কাছে জীবন বড় নির্মল, সুন্দর হয়ে দেখা দিয়েছে।

কিছুক্ষণ পর ইমতিয়াজ এবং রেহানার টার্ন এল। ওরা চলে গেল পাইলটিং চেম্বারে। জাহেদ আর জিপ্পি পেছনের সিটে চলে এল বিশ্রাম নিতে।

: হংকং পৌঁছে আমি সোজা চলে যাবো রয়েল কর্ণারে। দু’হাত তাস না পিট্‌লে চল্‌ছে না। জীবন বড় একঘেঁয়ে হয়ে উঠেছে।

জিপ্পি দার্শনিকের মত বলল। জাহেদ বলল : কিন্তু দোস্ত, আমরা হংকং যাচ্ছি কেন?

: ওখানেই তো আসল খেলা।

: প্রতিপক্ষ?

জিপ্পি হেসে উঠে বলল : সে চিন্তা করো না, জাহেদ। প্রতিপক্ষ ঠিকই জুটে যাবে। ওটা সময়ের প্রশ্ন মাত্র।

: তা বটে।

জাহেদ স্বীকার করল। বলল : এবারের খেলাটা একটু বেশী জমবে বলে বোধ হচ্ছে।

: হু।

নিস্তরঙ্গ আকাশ ক্রমে আরো গভীর, আরো উজ্জ্বল হয়ে উঠল। সূর্য উঠে এসেছে পূব দিগন্ত ঘুরে অনেকটা উপরে। রংধনুর মত আশ্চর্য বর্ণালী ছড়িয়ে পড়েছে। বহু নীচে উড়তে দেখা গেল কয়েক ঝাঁক সামুদ্রিক পাখী।

ঘড়ি ধরে জাহেদ অপেক্ষা করছিল। যথা সময় গলার স্বর দিয়ে কৃত্রিম ঘণ্টাধ্বনি করে জানিয়ে দিল, পৃথিবীতে সু-সময় আগত, এখন খাবার সময়। খাবারের ঠোঙাগুলি সকলের কাছে সে-ই পৌঁছিয়ে দিল। যন্ত্রবৎ সে কাজ করছিল, শুধু রেহানার কাছে গিয়ে কয়েক মুহূর্তের জন্যে অচল বোধ করল। বলার চেষ্টা করল : রেহানা, বলতে পার, জীবনে কি পেলাম?

জবাবে রেহানা তার পেটের নরম চামড়া ধরে টান দিতেই আর্তকণ্ঠে জাহেদ বলল : আর করব না। দোহাই আল্লার! ছাড়ো! ছাড়ো! উঃ! একশো দিন বলেছি, আর যাই করো পেটের চাম ধরে টানাটানি করবে না, উঃ!

ইমতিয়াজের ঠোঁটের কোণে হাসির ক্ষীণ আভাস ফুটে উঠেই মিলিয়ে গেল।

ঠিক এসময় অতি ক্ষীণ একটা শব্দ ভেসে এল ইথারে। বহুদূরে, আকাশে মুহূর্তের জন্যে একবার দেখা দিল সাদা ধাতব বস্তুর একটা চকিত ঝলকানি। পর মুহূর্তেই শব্দটা মিলিয়ে গেল, ধাতব বস্তুটাও মিশে গেল আকাশের নীল সমুদ্রে।

: প্লেন?

মৃদু ধীর-স্থির কণ্ঠে রেহানা জিজ্ঞেস করল।

: হ্যাঁ। আমাদেরকে ঠিকই অনুসরণ করা হচ্ছে।

রেহানা টেলিস্কোপ লাগানো শক্তিশালী দূর পাল্লার রাইফেলটা সামনের ষ্ট্যাণ্ড থেকে হাতে তুলে নিল।

: সমস্তটা প্লটে জড়িয়ে আছে দু’টি প্রতিদ্বন্দ্বী বিদেশী শক্তি। আমরা তৃতীয় পক্ষ।

ইমতিয়াজ হাসল।


হংকং নগরের একটি সকাল।

একটি অভিজাত শ্রেণীর হোটেলের সাজানো-গোছানো কক্ষে চার বন্ধু বসে আছে।

ইমতিয়াজের হাতে হংকং-এর একটি ইংরেজী দৈনিক। দৈনিকটার বিশেষ পৃষ্ঠায় চোখ বুলোতেই উজ্জ্বল হয়ে উঠল ইমতিয়াজের চোখ-মুখ। দেখল দৈনিক হংকং হেরাল্ডের বিজ্ঞাপনের পৃষ্ঠায় লেখা আছে : WANT TO BUY A POLAR SUBMARINE FOR EXPEDITION? ঐ টাইটেলে সাবমেরিনটার মোটামুটি বর্ণনা, মূল্য এবং প্রাপ্তি-স্থানের উল্লেখ করা হয়েছে। 

ইমতিয়াজ একটু হেসে কাগজখানা বন্ধুদের দিকে ঠেলে দিল।

: চাইতে না চাইতেই একেবারে তৃষ্ণার জল।

জিপ্পি মন্তব্য করল।

রেহানা বলল : মনে হচ্ছে, এর মধ্যে একটা ‘কিন্তু’ আছে।

: তাতে আর সন্দেহ কি?

জাহেদ বিজ্ঞের ভঙ্গিতে বলে : এটা হল যাকে বলে টোপ। ব্যাটা নিশ্চয়ই জানে, আমরা গতকাল হংকং এসে পৌঁছেছি এবং পোলার এক্সপিডিশানের জন্যে তৈরী হচ্ছি। ব্যাটার মতলবখানা সুবিধের নয়।

: এটা এক্‌সিডেণ্টও হতে পারে। ধরো, হয়তো আমাদের এখানে পৌঁছার দিনকয়েক আগে থেকেই কাগজে বিজ্ঞাপনটা বেরুচ্ছে। আমাদের হয়ত চোখে পড়ল আজই।

রেহানা প্রতিবাদ করে জানায়। জাহেদ বলে : হ্যাঁ, তাও হতে পারে। তবে আমাদের খারাপ দিকটাই চিন্তা করা দরকার।

ইমতিয়াজ ঠিক এসময় বলল : তৈরী হয়ে নাও, জিপ্পি। এক্ষুণি বেরুব।

ওরা কোনো প্রশ্ন করল না। ইমতিয়াজের কথার বিপক্ষে বাদ-প্রতিবাদ করা ওদেব স্বভাবের বাইরে। ওরা জানে, ঠিক সময়েই ইমতিয়াজের কাছ থেকে প্রস্তুতির আহ্বান আসে। যখন যা করা দরকার, ইমতিয়াজ তা তখনই করার জন্যে ডাক দেয়। ওরা দ্বিরুক্তি না করে তৈরী হওয়ার জন্যে চলে গেল পাশের ঘরে।

নসুভাই আসফ এবং সুসান ঠিক এসময় ঢুকলেন ঘরে। সুসানের মুখশ্রী দু’দিনেই রক্তাভ আনন্দে পূর্ণ হয়ে উঠেছে। একটা হাত তার নসুভাই আসফের হাতে। গভীর শান্তি আর স্নিগ্ধতায় তার চোখ দু’টো ভরে আছে। 

ঘুম থেকে উঠার পর এই তাদের প্রথম সাক্ষাৎ। আন্তরিকতার সাথে অভিবাদন-বিনিময় হল দু’পক্ষের তারপর অনেকটা তাচ্ছিল্যের সাথে, কিছুটা যেন রহস্যময় পরিহাসের ভঙ্গিতে সুসান ঘটনাটা খুলে বললেন ইমতিয়াজকে।

ইমতিয়াজ একটু গম্ভীর হয়ে গেল বৃত্তান্ত শুনে।

তাদের প্লেন হংকং-এর মাটি স্পর্শ করেছে গতকাল মধ্য অপরাহ্নে। হোটেলে এসে উঠেছে তারা সবাই। বিকেল, এবং সারারাত বিশ্রাম নিয়েছে হোটেলের নিষুপ্ত দেওয়ালের স্ব-স্ব কক্ষে।দু’টি সংঘাত-মুখর ও উত্তেজনাপূর্ণ দিন ও রাতের পর এই-ই তাদের পূর্ণ বিশ্রাম।

ভোরবেলা নসুভাই আসফের কক্ষের টেলিফোন বেজে উঠল। টেলিফোন ধরলেন সুসান। ভেবেছিলেন, হোটেল সার্ভিসের কল। কিন্তু টেলিফোন ধরে অবাক হলেন। কণ্ঠস্বর চিনতে তাঁর ভুল হল না। অপরপ্রান্ত থেকে কথা বলছিল জোসেফ।

জোসেফের কণ্ঠস্বর শুনে আতঙ্কগ্রস্ত হয়ে উঠলেন সুসান। জোসেফ একেবারে চাঁছা-ছোলা গলায় বলল : সুসান, শিকদার আমিন আর মহীউদ্দিনের জগতে আমিও বেঁচে আছি এবং ওসানিকের ভাণ্ডার উদ্ধারের কাজে আমারও সমান প্রতিযোগিতা চলবে।

সুসান বললেন : বেশ, তুমি বেঁচে আছো জানা গেল। এখন বল, কি চাও আমাদের কাছে?

: সেটা এ্যাতো সহজে বলা যাবে না, সুসান। কি চাই, তা যথাসময়েই জানতে পারবে। আপাততঃ একটা কথা জানিয়ে রাখি, ইমতিয়াজকে বলো, আমার হক যে-ই মারতে আসুক তাকে ক্ষমা করা হবে না।

সুসান বললেন : ডঃ আলী তা জানেন, এবং জেনে-শুনেই এ কাজে নেমেছেন।

: তা তো বটেই। ডঃ ইমতিয়াজ আলী কি আর কাঁচা ছেলে যে হিসাবে ভুল করবেন? কিন্তু জোসেফও কম মর্দ ছাওয়াল না, সুসান। তার ফনায়ও ছোবল আছে আর সেই ছোবলে আছে বিষ।

: বিলক্ষণ। এই কথাই ডঃ আলীকে আমি জানাব।

: হ্যাঁ, জানিয়ো। এই সাথে জোসেফের একটা ছোট্ট অনুরোধ।

: বলো?

: ডঃ আলীর সাথে একটা সমঝোতায় আসতে চায় ওসানিকের রত্ন-ভাণ্ডারের অন্যতম অংশীদার জোসেফ। শর্ত হল, ডঃ আলী এবং জোসেফ যৌথভাবে ওসানিক উদ্ধারের কাজে নামবে, কাজ উদ্ধার হলে লভ্যাংশের ভাগ ফিফ্‌টি-ফিফ্‌টি। জানাবে কথাটা ডঃ আলীকে?

: নিশ্চয়ই জানাব।

: এবং নিজে তুমি আমার পক্ষ হয়ে, ঐ যাকে আইনের ভাষায় বলে ওকালতি, সেটা করবে। এই কারণেই সকালবেলা ডিসটার্ব করলাম আর কি।

সুসান বললেন : ডঃ আলীর কাছে আমার এ ধরনের কোন ওকালতির প্রশ্ন ওঠে না, জোসেফ। ঐখানে আমাকে ক্ষমা করতে হবে। তবে কথা দিচ্ছি, সবটা ব্যাপার তাকে জানাব।

জোসেফ হাঃ হাঃ করে হাসল। বলল : কৃতজ্ঞতা পাশে আবদ্ধ, এ্যাঁ? বেশ, বেশ… ইংরেজের মেয়ে হয়ে একটা তৃতীয় শ্রেণীর কালা আদমীর প্রেমে যেমন হাবুডুবু খাচ্ছ, তাতে আমার আর কিছু বলার নেই। আশা করি, তোমাদের প্রতিটি পদক্ষেপ যে আমার নখ-দর্পণে, তোমার রক্ষাকর্তা ডঃ ইমতিয়াজ আলী তা বুদ্ধিমানের মতই বুঝার চেষ্টা করবেন এবং সেই অনুযায়ী আমার শক্তি ও ক্ষমতা যাচাইয়ের চেষ্টা করবেন। ভদ্রলোকের মত ফিফ্‌টি-ফিফ্‌টি ভাগ দেওয়ার প্রস্তাব করলাম। তেমন বাড়াবাড়ি করলে হয়ত ভাগের হিসাবটা অন্যরকম করতে বাধ্য হব। সে অবস্থায় হয়ত ওসানিক জাহাজের মালমাত্তা যাবে জোসেফের ভাগে আর তোমার ও তোমার নাগরের রক্ষাকর্তা ইমতিয়াজের ভাগে পড়বে কয়েক ঝলক অগ্নি-বৃষ্টির নিয়তি। যাকগে, আমার কথা আমি বললাম। বাকী তোমাদের মর্জি। ইংরেজ মহিলা বলেই জোসেফের কাছ থেকে এ সম্মানটুকু পেলে। অন্যথায় তোমাদের হোটেল-স্যুটের চার-দেয়ালের ব্যূহভেদ করার ক্ষমতা আমার ঠিকই আছে, এটা মনে রেখো।

সকালবেলাকার বৃত্তান্ত শেষ করে সুসান সুসান একটু হাসলেন। বললেন : ডঃ আলী, আমার আর কিছুতে ভয় নেই, বিস্ময় নেই। আমার একটা হাত আসিফকে ধরে আছে, অন্য হাতটা মৃত্যুর ছোবল খাওয়ার জন্যে তৈরী হয়ে আছে। কিন্তু আমি ভাবছি আপনাদের কথা। আমি তো জানি জোসেফ কি ধরনের ভয়ঙ্কর লোক। ওর চালাকির কাছে শিকদার আমিন আর মহীউদ্দিন দুগ্ধপোষ্য বালক মাত্র। হয়ত এই দীর্ঘ কয় বছরে যা কিছু ঘটেছে সবই জোসেফের ইঙ্গিতে ঘটেছে। পাকা খেলোয়াড় এই জোসেফ, তার চাল বুঝা কঠিন।

গম্ভীর কণ্ঠে ইমতিয়াজ বলল : জোসেফের ক্ষমতার উৎস আমি জানি, মিসেস্ আসফ। কিভাবে আমাদের অবস্থানের কথা ও জেনেছে, কোথায় বসে আপনাকে সে শাসিয়েছে এসবও আমার অজ্ঞাত নয়। আমার একান্ত অনুরোধ, আমাদের চার বন্ধুর ভবিষ্যতের কথা ভেবে শুধু শুধু দুশ্চিন্তার বোঝা বহন করবেন না।

সুসান নিঃশব্দে মাথা নুইয়ে ইমতিয়াজের প্রতি শ্রদ্ধা ও সমর্থন জানালেন।

ঠিক এসময় প্রস্তুতি-পর্ব সেরে ঘরে ঢুকল রেহানা, আসাদ ও জাহেদ।

ইমতিয়াজ বলল : মিসেস্ আসফ, আপনারা দু’জন দয়া করে হোটেলেই অবস্থান করুন। অন্ততঃ সুমেরু বৃত্তের সীমানা পর্যন্ত আমরা যাবই। তারপর ওমানিকের রত্নভাণ্ডার নিয়ে সভ্য জগতে ফিরে আসতে পারি কিনা তা নির্ধারণের ভার রইল সময়ের হাতে।


হংকং উজ্জ্বল শহর।

পরিপাটি রাজপথ, দু’পাশে কর্মাশিয়াল বিল্ডিং, মাঝেমধ্যে বিশাল স্কাই-স্ক্রেপার।

হংকং এর আছে একটা আন্তর্জাতিক চেহারা। সর জাতের লোকের দেখা মেলে রাস্তায় বেরুলে। বেশীর ভাগ নর-নারীর গঠনাকৃতি মঙ্গোলিয়ান, রং হলুদ, নাক চ্যাপ্টা ও চোখ কুৎকুতে।

প্রায় সবারই পরনে পাশ্চাত্য পোশাক।

বিচিত্র নর-নারীর স্রোত চলেছে রাস্তায়। অগণিত গাড়ী ছুটে চলেছে, যেন দাড়াবার ফুরসৎ নেই।

রাস্তায় নামতেই দেখা গেল ট্যাক্সি। গাড়ীতে চেপে বসল ওরা চারজন। ইমতিয়াজ সামনের সিটে, বাকী তিনজন—জাহেদ, রেহানা ও জিপ্পি পেছনে।

ইমতিয়াজ ছোট্ট করে ঠিকানাটা বলল ড্রাইভারকে। নেভী কোয়ার্টার, ফোর্থ এজেন্সি, ম্যাকলিয়ড ষ্ট্রীট।

ড্রাইভার, হংকং-এর আদি বাসিন্দা, কেন যেন দাঁত বার করে হাসল।

পেছনের সিটে বসে জাহেদ উসখুস করছিল। এক সময় রেহানার উদ্দেশ্যে বলল : একটা কথা বলব, রিয়া?

: ওমা, ওটা আবার কি, রিয়া?

রেহানা অবাক হয়ে ব্যাখ্যা চাইল। জিপ্পি রাগ করে বলল : শালার মাথায় পোকা ঢুকেছে।

জিপ্পির মন্তব্যে কর্ণপাত করল না জাহেদ। কতকটা বিমর্ষ হয়ে বলল : রিয়া মানে হল প্রীতিভাজনেষু।

: বটে,

জিপ্পি চোখ লাল করে তাকায় : কোন্ ভাষায় শব্দ বটে এটা?

: কোনো ভাষারই না। এটা হল আমার নিজের ভাষার শব্দ।

জাহেদ দমে না গিয়ে বলল : ভাষা হল ভাব প্রকাশের মিডিয়াম। দরকার হলেই লোকে ভাষা সৃষ্টি করে। সুতরাং...।

: বেশ, বেশ।

রেহানা সপ্রশংস দৃষ্টিতে তাকাল জাহেদের দিকে। বলল : এবারে বল, কি বলছিলে যেন?

জাহেদ ড্রাইভারের দিকে চোখ টিপে বলল : ঐ হারামজাদাকে আমি হোটেলের আশেপাশে যেন দেখেছি বলে মনে হয়। ব্যাপারটা সুবিধের লাগছে না।

ঠিক এসময় সামনের সিট থেকে মৃদু হাল্‌কা গলায় ইমতিয়াজকে বলতে শোনা গেল : ড্রাইভার, ডানদিকে।

ড্রাইভার খানিকটা থতমত খেয়ে গাড়ীটা ডানদিকে ঘুরিয়ে নেয়। হাবভাবে মনে হচ্ছিল, সে ঘাবড়ে গেছে।

: চিন্তা কি?

রেহানা বলল : সাগরে শয়ন যার, শিশিরে কি ভয় তার?

: তা বটে।

জাহেদ একেবারে একাত্মতা বোধ করে রেহানার সাথে। বলে : কত রুই-কাতলা তুড়ি মেরে উড়িয়ে দিলাম আর এ তো হল যাকে বলে নিতান্তই ক্ষুদ্রস্য ক্ষুদ্র এক ড্রাইভার।

ইমতিয়াজ সতর্কভাবে লক্ষ্য রাখছিল। ড্রাইভার আরো বার দুই গাড়ী ঘুরাবার চেষ্টা করল অন্য ডিরেকশানে, প্রতিবারই নম্র অথচ জোরালো ভাষায় ড্রাইভারকে শুধরে দিল ইমতিয়াজ।

গাড়ী প্রবেশ করল হংকং-এর নেভী কোয়ার্টার, ফোর্থ এজেন্সিতে। মিটার দেখে ভাড়া চুকিয়ে দিয়ে গাড়ী থেকে নামার সময় হঠাৎ ড্রাইভার পরিষ্কার ইংরেজীতে বলল : তুমি খুবই চালাক লোক বটে!

: এবং ভদ্র।

ইমতিয়াজ আস্তে চাপা গলায় বলল : তা না হলে তোমাকে হংকং-এর কোন একটা হাজতে থাকতে হত এতক্ষণে।

ড্রাইভার ভয় পেয়ে যায় এই কথায়। দ্রুত সে গাড়ী নিয়ে যেন পালিয়ে বাঁচল।

: একেবারে নির্ভেজাল ট্যাক্সি ড্রাইভার।

ইমতিয়াজ লোকটার আচরণ ব্যাখ্যা করল : তবে ইদানীং একটু বেশী রোজগারের আশায় আণ্ডার-গ্রাউণ্ড ষ্টারদের সাথে মেলামেশা করছে। কিন্তু এরকম চুনোপুটির সাহস নিয়ে এ লাইনে সুবিধে হবে না।

রিসেপশানে পৌঁছল ওরা নিঃশব্দে। ইমতিয়াজ আইডেন্‌টিটি দেখালে রিসেপশানের সেক্রেটারী, মধ্যবয়স্ক এক ফরাসী মহিলা সম্ভ্রমে অভিজাত কায়দায় বাউ করল।

মিনিট পাঁচেকের ভেতর ক্লিয়ারেন্স দেওয়া হল ওদের। লিফটে চড়ে ওরা যেয়ে পৌঁছল দশতলায়।

একটি জমকালো ঘরে প্রবেশ করতেই নেভী সেক্রেটারীয়েটের স্পেশাল অফিসার কুয়াং হো লী চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে উদ্দীপ্ত গলায় অভ্যর্থনা জানাল। করমর্দনের জন্যে সাগ্রহ হাত বাড়িয়ে দিয়ে বলল : আসুন ডঃ আলী, আপনার আসার সংবাদ পেয়ে আমরা আগেই ক্যাপ্টেন ডিকের ফাইল-পত্র এনে রেখেছি। দয়া করে আসন গ্রহণ করুন।

বিকেল পাঁচটায় ওরা যেয়ে পৌঁছল ক্যাপ্টেন ডিকের আস্তানায়।

হংকং ম্যাজেষ্টির শেষপ্রান্ত ছাড়িয়ে কিছুদূর গেলেই প্লে-গ্রাউণ্ড। তারপর বাড়ী-ঘরের সংখ্যা বিরল হয়ে এসেছে। প্লে-গ্রাউণ্ডের সীমানায় পৌঁছেই শোনা যায় সাগরের গর্জনধ্বনি। কোয়ার্টার মাইল এগোলেই চার্চ এবং একসার পীচের শ্যামল শোভা পেরোলেই চোখে পড়ে লম্বা জিহ্বার মত সমুদ্রের রেখা।

ক্যাপ্টেন ডিকের আস্তানা সী-বীচের খানিকটা দূরে। একটা লাল টালির ছাত দেওয়া দোতলা বাড়ী। গেটের দেয়ালে ইংরেজীতে নেম-প্লেট: ক্যাপ্টেন জন ওহারা। জন ওহারাই ডিক নামে পরিচিত। আসল নামটা আছে শুধু নেম-প্লেটে। সবাই ডিক বলেই তাকে চেনে।

বিশাল দৈত্যের মত দেখতে লোকটা। খাঁটি ইংরেজের মত ক্লিন শেভড্‌, পরনে বাদামী স্যুট, চোখে-মুখে নাবিকসুলভ আলস্য ও কৌতূহল।

পরিচয়ের পালা চুকে-বুকে যাওয়ার পর ক্যাপ্টেন ডিক আসল কথায় এল। তার টেবিলের উপর থিন্ প্লাষ্টিকে তৈরী একটা ডুবো জাহাজের মডেল। মডেলের উপরে লাল রোমান অক্ষরে খোদাই করা : হেল্ ডাইভার।

: ডঃ আলী, এই হল আমার হেল্ ডাইভার। প্রত্যেকটা এক্সপিডিশানের জন্যে রিটার্ণ টার্মে জাহাজটাকে আমি বিক্রি করি মাত্র আড়াই হাজার ডলারে। কিন্তু আপনার জন্যে আমি দু’য়ে নেমে যেতে রাজী আছি। জাহাজে আমি ছাড়া আছে দু’জন হেল্পার, পাঁচজন ক্রু ম্যান এবং একজন লাইন অপারেটর। আমিই মেইন নেভিগেটর, প্রয়োজন বোধে আমার সাহায্যের জন্যে হেল্পার দু’জনের সাহায্য নিয়ে থাকি।

: আমি রাজী,

ইমতিয়াজ বলল : রিটার্ন টার্মে দু’হাজার ডলার এবং এক্সপিডিশানের যাবতীয় খরচা আমরা বহন করি…।

: এক্সিলেন্ট,

ক্যাপ্টেন ডিক অলস চোখে তাকাল : সাধারণতঃ এমন ক্লিয়ার কাট জবান পাওয়া যায় না। দরাদরি জিনিসটা অনেকের অভ্যাসে দাঁড়িয়ে গেছে। আপনি একেবারেই যাকে বলে বিজিনেস টার্মে কথা বলার লোক। এখন বলুন, কখন ডকুমেন্ট করব?

: যখন খুশী।

: আগামী কাল?

: আপত্তি নেই।

: বেশ।

ক্যাপ্টেন ডিক উঠে গিয়ে ঘরের এককোণে রাখা ওয়াড্রোব থেকে মদের বোতল ও পাঁচটা গ্লাস বার করল। প্রত্যেকের সামনে গ্লাস রাখল, কিন্তু পানীর ঢালল শুধু নিজের গ্লাসে। ঢকঢক করে খানিকটা পানীয় গলায় ঢেলে ভারী গলায় বলল : ডঃ আলী, পাকিস্তানীদের নাকি এই জিনিসটা চলে না। As you wish.

ইমতিয়াজ বলল : আমার গোটা-দুই শর্ত আছে, ক্যাপ্টেন ওহারা।

: বলুন?

: আপনার এষ্টাব্লিশমেণ্ট লিষ্ট চেক্‌ করার ক্ষমতা থাকবে আমার। রাজী?

: আপত্তি নেই। তবে এষ্টাব্লিশমেণ্ট লিষ্ট চেক্‌ করার নামে কিছুমাত্র বাড়াবাড়ি করলে তার ফল পাবেন হাতে হাতে। আপনার দ্বিতীয় শর্ত?

: এক্সপিডিশান গাইড করব আমি নিজে।

: দ্যাটস্ ইম্পসিব্‌ল্‌, ডঃ আলী। হংকং নেভী সেক্রেটারীয়েটের স্পেশাল অফিসার কুয়াং হো লী অবশ্য জানিয়েছেন, আপনি সী এক্সপিডিশানে দক্ষ ব্যক্তি। কিন্তু নর্থ পোলার এক্সপিডিশান কি ভয়াবহ ব্যাপার, অভিজ্ঞতা না থাকলে তা আপনি কল্পনাও করতে পারবেন না। আপনার ভালোর জন্যে বলছি ডঃ আলী, নেভিগেশান কম্যাণ্ডের ভার নিশ্চিন্তে আমার উপর রাখুন। অবশ্য যদি আমাকে বিশ্বস্ত বলে মনে করেন।

ইমতিয়াজ বলল : আপনার ষ্টাফের ফুল রেকর্ড আমার ভালোরকম জানা আছে, মিঃ ওহারা। আপনি আমার একান্ত বিশ্বস্ত লোক। মিঃ কুয়াং হো লী ছাড়াও সী গাইডারস্ লিষ্ট থেকে আপনার কথা আমি বিশেষভাবে জেনেছি। কিন্তু বিশ্বাস-অবিশ্বাসের কথা এটা নয়, মিঃ ওহারা। এটা শর্ত মানার পরই শুধু আমার শর্ত ডিলিংস-এ আসতে পারি।

ক্যাপ্টেন ডিক গ্লাসটা খালি করল ধীরে সুস্থে। একটু হাসল। দৈত্যাকৃতি মানুষটার এই হাসি ভয়াবহ দেখাল। যেন গূঢ় কোন এক রহস্ত হাসির অস্তরালে ধামাচাপা দিল জন ওহারা। বলল : বেশ, যেমন আপনার অভিরুচি। দু’টে। শর্তেই রাজী। তবে আমারও শর্ত আছে একটা।

: বলুন?

: বে-আইনী বা আইন বিরোধী কোন কাজ চালানো যাবে না আমার শিপে। কোনো কারণে এই শর্ত ভঙ্গ হলে নেভিগেশান আমার চার্জে চলে আসবে। রাজী?

: অবশ্যই।

ক্যাপ্টেন ডিক হাতের ঘড়ি দেখল। বলল : চলুন, শিপটা দেখবেন।

ওরা চারজন নিঃশব্দে উঠে দাঁড়াল এবং বিশালাকৃতি ক্যাপ্টেন ডিকের অনুসরণ করল।

গেট পেরিয়ে বাইরে আসতেই দৃশ্যটা চোখে পড়ল। তিনজন নিষ্ঠুর-দর্শন বলিষ্ঠকায় চীনাম্যান প্রত্যেকে একটা করে ব্ল্যাক হাউণ্ড শেকলে বেঁধে নিয়ে তাদের দিকে অগ্রসর হচ্ছে। হাউণ্ডগুলো ক্ষুধার্ত জিহ্বা বার করছে ক্ষণে ক্ষণে। ক্ষণে ক্ষণে বিক্ষুব্ধ চাপা গর্জন করে উঠছে।

ক্যাপ্টেন ডিকসহ ওদের চারজনকে দেখেই চীনাম্যান তিনজন অসহ্য আনন্দে একটা চাপা শব্দ করে কুকুর তিনটে ছেড়ে দিল।

ওরা থমকে দাঁড়াল। কিন্তু চোখের পলক পড়তে না পড়তেই ক্ষুধার্ত হাউণ্ডগুলো হিংস্র গর্জন করতে করতে ওদের উপর এসে ঝাঁপিয়ে পড়ল।


একটা ভয়ানক মুহূর্ত।

বিকট চীৎকারে আকাশ-বাতাস প্রকম্পিত করে তুলল ক্যাপ্টেন ডিক।

ওরা মুহূর্তেই তৈরী।

ইমতিয়াজের ডান হাতটা সুকৌশলে পেঁচিয়ে ধরল একটা হাউণ্ডের গলা।

জাহেদ কাজে লাগাল তার হাতের ষ্টিক। ষ্টিকের ভেতর থেকে ততক্ষণে বেরিয়ে এসেছে ইস্পাতের তরবারী।

কিন্তু সবচে’ দেখার মত জিপ্পির রণ-কৌশল। হাউণ্ডটাকে পেছন থেকে জড়িয়ে ধরেছে, ডান বাহুর আলিঙ্গনে পিষ্ট হতে লাগল অমিততেজ জন্তুটা।

চীনেম্যানগুলি তাদের ট্রেনিং দেওয়া হাউণ্ডের এই দশা দেখে হতভম্ব। তারা রাস্তা লক্ষ্য করে দৌড় লাগাল।

ক্যাপ্টেন ডিক হাঁক-ডাকের মানুষ। সে তাদের উদ্দেশ্যে বাজখাঁই গলায় গালি-গালাজ ছুঁড়তে লাগল। বঙ্গানুবাদ করলে এরকম দাঁড়ায় : আরে কমিন কমজাতের বাচ্চা, যাচ্ছিস কোথায়? দাঁড়া, তোদের মাংস আজ রোস্ট করে খাব। তোদের চামড়া দিয়ে জুতো বানাব।

চীনেম্যানগুলি প্রথমতঃ হাউণ্ডগুলির দুর্দশা দেখে, দ্বিতীয়তঃ ক্যাপ্টেন ডিকের এই খারাপ গালি-গালাজের চোটে তুমুল দৌড়তে লাগল। রেহানা তার লুকোনো পিস্তল বার করেছিল। কিন্তু ইমতিয়াজ শুধু তার দিকে তাকিয়ে একটু হাসল। রেহানা এর অর্থ জানে। এই হাসির অর্থ, কি দরকার খামোকা আর প্রাণী-হত্যায়?

তিনটে রক্তাক্ত হাউণ্ড, তিনটে মৃত্যু। বিছিয়ে আছে পায়ের নীচে বালুকাময় সী বীচ, অদূরে শান্ত নীল সমুদ্র যেন এসব ভয়ঙ্কর দৃশ্য ভুলে গিয়ে শিশুর মত সরল হাস্যোজ্জ্বল চোখে তাকিয়ে আছে।

ক্যাপ্টেন ডিক অনেকক্ষণ ধরে শাপশাপান্ত করল অচেনা শত্রুদের। বুঝা গেল গালি-গালাজেও তার যথেষ্ট দক্ষতা। ওরা কেউ কথা বলল না। ওরা প্রত্যেকেই অল্প-বিস্তর জখম হয়েছে। জিপ্পির বাঁ’হাতে হাউণ্ডের কামড়টা একটু গুরুতর। জামা ছিঁড়ে সেটা ব্যাণ্ডেজ করল রেহানা। জিপ্পি মাথা নেড়ে হাসল। ভাবখানা : আরে দূর, কিচ্ছু হয় নি!

প্রচণ্ড বিপদের ঝাপ্টা কেটে যাওয়ার পর বহুক্ষণ কেউ ওরা কথা বলতে পারল না। নিঃশব্দে সী-বীচে হাঁটতে লাগল। ক্যাপ্টেন ডিক গালি-গালাজের পালা শেষ করে ওদের প্রশংসায় মুখরিত হয়ে উঠল। এরকম সাহসী নওজোয়’ন এযাবত তার চোখে পড়ে নি, এমন ক্ষমতাশালী লোক চাক্ষুষ এই-ই প্রথম দেখল, এসব কথা। ওরা নিঃশব্দ থাকায় শেষ পর্যন্ত ক্যাপ্টেন ডিকও চুপ হয়ে গেল।

বাতাস একটু একটু বইতে শুরু করেছিল। গোধূলি তার সমস্ত সৌন্দর্যটুকু সমুদ্রের তীরে চিকন-রাঙা লজ্জার মত ছড়িয়ে রেখেছে। ওরা নিঃশব্দে হাঁটছিল। এক সময় বহুদূরে সমুদ্রে দেখা গেল একখানা ষ্টিম-লঞ্চ। ক্যাপ্টেন ডিক গম্ভীর কণ্ঠে বলল : ডঃ আলী, ঐ লঞ্চে করেই হেল্‌ ডাইভারে পৌঁছব আমরা, ঐ দেখুন।

ওরা তাকাল সমুদ্রের দিকে।


রাত ন’টায় হোটেলে ফিরল ওরা।

নিজেদের স্যুটে পৌঁছে দেখ্‌ল হংকং সেক্রেটারীয়েটের স্পেশাল ক্যব্‌ল অপেক্ষা করছে তাদের জন্যে।

‘ডঃ আলী, আমাদের সরকার সর্বরকমে আপনাকে সাহায্য করতে প্রস্তুত। আপনার যা যা প্রয়োজন দয়া করে রিকুইজিশন দিয়ে জানাবেন।’

আর একটা স্পেশাল নোট রয়েছে, লিখেছেন কুয়াং হো লী : ARRANGEMENT ASSURED.

কিন্তু এর চাইতেও বড় খবর অপেক্ষা করছিল তাদের জন্য।

নসুভাই আসফ এবং তাঁর স্ত্রী সুসানকে পাওয়া গেল না হোটেলের স্যুটে। ছোটেলের বেয়ারা জানাল, সন্ধ্যা সাতটার দিকে তিনজন লোক এসেছিল। নসুভাই আসফ এবং সুসান তাদেরকে ডেকে নিয়ে ঘরে বসিয়েছিলেন এবং কিছুক্ষণ পর সবাই বেরিয়ে গিয়েছেন একযোগে।

: লোক তিনটে কি চীনা?

রেহানা জিজ্ঞেস না করে পারল না। বেয়ারা, সে নিজেও চীন দেশীয়, ভাঙ্গা ভাঙ্গা ইংরেজীতে যথেষ্ট বিনয় প্রকাশ করে বলল : ঠিক তাই।


সমুদ্রের গভীর তলদেশ আলোড়িত করে ছুটে যাচ্ছিল হেল্ ডাইভার। ডেকের ঠিক নীচে কণ্ট্রোল-রূমে বসে আছে ইমতিয়াজ ও জিপ্পি। ক্যাপ্টেন ডিক চোখে দূরবীন লাগিয়ে অবস্থান লক্ষ্য করছে।

: আমরা আর বাহান্ন ঘণ্টা পর নর্থ পোলার রিজিয়নে পৌঁছব।

ক্যাপ্টেন ডিক গম্ভীরভাবে জানাল।

জিপ্পি জিজ্ঞেস করল : তার পরের বাহান্ন ঘণ্টায়?

ক্যাপ্টেন ডিক বলল : মনে হচ্ছে, যথেষ্ট দুরদৃষ্টি এবং বিবেচনাশক্তির অধিকারী আপনি। হ্যাঁ, তার পরের বাহান্ন ঘণ্টার মধ্যে আমরা গ্রীনল্যাণ্ডে পৌঁছে যাব। কিন্তু…।

ইমতিয়াজ বলল : বরফের পাহাড় সামনে!

: তারজন্যে ভাবনা নেই, ডঃ আলী। আমার হেল্ ডাইভারের দাঁতে আছে বরফ গলাবার বিষ…।

হাসল ডিক, বলল : রিটার্ন এক্সপিডিশানে মাত্র দু’হাজার ডলারে এর চাইতে ভাল জাহাজ সারা দুনিয়ায় আর কোথাও পাবেন না।

ঠিক এসময় একজন ক্রুম্যান ঢুকল কণ্ট্রোল রূমে। বিজাতীয় দৃষ্টিতে তাকাল ইমতিয়াজ আর জিপ্পির দিকে। ডিক বলল : হান্টিং চলবে?

: না, ওস্তাদ। চারদিকে রাজা-হাঙ্গরের রাজত্ব। কেউ পানিতে নামতে চায় না।

হাঃ হাঃ করে হাসল ডিক : সব শালা পরানের ভয়ে অস্থির। দাঁড়াও, জাহাজটা নর্থ পোলার রিজিয়নে ঢুকুক, আমি যাব হান্টিং-এ।

ক্রুম্যান মাথা দুলিয়ে হাসল। চকিতে কি একটাইঙ্গিত বিনিময় হয়ে গেল ডিকের সাথে। ডিক বলল : ঠিক আছে। অল ক্লিয়ার...মৌজ করতে বল সবাইকে।

ক্রুম্যান চলে গেল। ক্যাপ্টেন ডিক বিকট হেঁড়ে গলায় গান ধরল। ইংল্যাণ্ডের সমুদ্র-মাঝিদের গান। ফাঁকে ফাঁকে আড়চোখে তাকাতে লাগল ইমতিয়াজ আর জিপ্পির দিকে। ঠোঁটের কোণে একরকমের শয়তানী হাসির আভা।

হেল্ ডাইভারের জুরুরী সিগ্‌ন্যালটা এসময় মুখর হয়ে উঠল। সচকিত হয়ে উঠল ইমতিয়াজ। যেন একটু ঘাবড়ে গেল ক্যাপ্টেন ডিক। কঠোর মনে হতে লাগল। গান থামিয়ে তারপর তাকে

সিগ্‌ন্যালে জরুরী বার্তা। দু’জন ক্রুম্যান মাস্ক পরে ছুটে গেল ডেকের দিকে। ক্যাপ্টেন ডিক স্পীড কমাবার নির্দেশ দিল। গম্ভীরভাবে বলল : দুঃসংবাদ ডঃ আলী, নর্থ পোলার রিজিয়নে ঢোকার পথ বন্ধ হয়ে আছে। দু’হাজার গজ দূরে অবস্থান করছে বিশাল এক বরফ পর্বতের স্তুপ। আমাদের কারো জানা মতে এই পর্বত এখানে থাকার কথা নয়।

ইমতিয়াজকে সহজ-সুস্থ দেখাল। খবরটা শুনে খুব একটা প্রতিক্রিয়া হয়েছে বলে মনে হল না।

ক্যাপ্টেন ডিক আবার বলল : এই স্নো-মাউণ্টেন অতিক্রম করে যাওয়ার কোন ক্ষমতা আমার হেল্ ভাইভারের নেই।

জিপ্পি বলল : কেন, আপনার হেল্‌ ডাইভারের দাঁতে তো বরফ কাটার বিষ ছিল।

অপমানে লাল হয়ে উঠল ক্যাপ্টেন ডিকের চোখমুখ। দ্রুতকণ্ঠে বলল : ঠিকই বলেছিলাম, মিঃ আসাদ। কিন্তু আমার হেল্ ডাইভারের ক্ষমতারও একটা সীমা আছে। যা হোক, এক্সপিডিশানের দায়িত্ব যখন আমার উপর তখন এর শেষ আমাকেই দেখতে হবে।

ইমতিয়াজ শান্ত গলায় বলল : ক্যাপ্টেন ডিক, অস্থির হবেন না। স্নো-মাউন্টেন পাড়ি দেওয়ার ভার আমার উপর ছেড়ে দিন। দায়িত্ব আমাদের প্রত্যেকেরই আছে।

ক্যাপ্টেন ডিক বলল : কিন্তু আপনি জানেন না ডঃ আলী, আমরা যে বিপদের সম্মুখীন হতে যাচ্ছি তা ভয়াবহ। চড়ায় আটকে গেলে নর্থ পোলে পৌঁছার কোন উপায়ই থাকবে না। বাধ্য হয়ে আমাদের জাহাজ ফেরাতে হবে উল্টোদিকে।

ইমতিয়াজ জবাবে শুধু ‘হু' শব্দ করল। অস্বীকার করা যায় না এমন এক প্রবল আত্মবিশ্বাস তার চোখেমুখে ফুটে উঠেছে। ক্যাপ্টেন ডিক অবাক হয়ে তাকাল তার দিকে। আর কোন কথা বলতে পারল না।

ইমতিয়াজ ফিরে এল নিজস্ব কক্ষে। এতক্ষণে রেহানা আর জাহেদ ফিরে এসেছে। চাপা গলায় চারজনের ভেতর আলোচনা চলল। কিছুক্ষণের ভেতর পোশাক পাল্টে নিল রেহানা আর ইমতিয়াজ। বিশেষ ধরনে প্রস্তুত ডুবুরীর পোশাক। ইমতিয়াজ তার পোশাকের নীচে প্রায় সব সময়ই ক্ষুদ্রাকৃতি মানি ব্যাগ সাইজ একটা কেস বহন করে। এবারও তার ব্যতিক্রম হল না।

হেল্ ডাইভার ততক্ষণে থামিয়ে দেয়া হয়েছে। ক্রুম্যানদের ভেতর শুরু হয়েছে চাপা গুঞ্জন। ক্যাপ্টেন ডিক পায়চারি করছে। জাহাজে যেন প্রাণ-স্পন্দনের অভাব।

ইমতিয়াজ এবং রেহানা নেমে এল ডেকে। পোশাক ভেদ করে আটলাণ্টিকের শীতলতা ঢুকে গেল তাদের শরীরে। ডেক থেকে সমুদ্রে নেমে গেল ওরা। সাঁতার কেটে এগোল। সামনেই বিশাল পর্বত-প্রমাণ উঁচু বরফের স্তুপ। জায়গায় জায়গায় বিস্তৃত গহ্বর। অনেকদূর পর্যন্ত পানির স্তর ভেজানো আটার মত হয়ে আছে। চোরা-বালির মত সেই পানির স্তরে বেশীক্ষণ পা’ রাখলে শরীর সম্পূর্ণ তলিয়ে যাওয়ার আশঙ্কা।

ইমতিয়াজ রেহানাকে নির্দিষ্ট স্থানে অপেক্ষা করতে নির্দেশ দিয়ে এগোল পাহাড়ের চুড়ো লক্ষ্য করে। অসীম দক্ষতায় সে বরফের খাঁজ ধরে ধরে উঠে যেতে লাগল উপরে। মাঝে মাঝে বরফের স্তূপে জমেছে সামুদ্রিক শিলা। এখানে সেখানে দেখা হয় সবুজ শেওলার চিকন রেখা। তিমি মাছের কঙ্কাল। ইমতিয়াজ একটা খাড়া বরফের স্তূপে উঠে চারদিকে চোখ উঠে চারদিকে চোখ বুলাল। তারপর পোশাকের আড়াল থেকে বের করল ক্ষুদ্রাকৃতি কেসটি। কেসের ভেতর রয়েছে শক্তিশালী বিস্ফোরক। আমেরিকার হিম-বিজ্ঞানী রবার্ট টেলারের আবিষ্কৃত তিনটি ক্ষুদ্রাকৃতি তুষার-বোমা রয়েছে তার কেসে। এক একটি বোমা বার কোটি মিলিয়ন টন বরফ গলিয়ে দিতে সক্ষম। এছাড়া এগারশ’ গজ পরিমিত এলাকায় ছড়িয়ে দিতে পারে তীব্র উষ্ণ তেজস্ক্রিয়া যার দরুন আশ-পাশের বরফ স্তুপও গলে যায় আপনা-আপনি।

তুষার-বোমাটা স্থাপন করল বরফের একটা গর্তে। বোমার অণু-মুখটি রাখল খোলা। তারপর সব ব্যবস্থা দ্রুত শেষ করে ফিরে এল রেহানার কাছে।

রেহানা তেজস্ক্রিয়া-প্রতিরোধক নিয়ে অপেক্ষা করছিল। ইমতিয়াজ নিকটবর্তী হয়ে হাসিমুখে বলল : মিশন সাক্‌সেসফুল। কোয়ার্টার আওয়ারের মধ্যে আমরা জাহাজে ফিরে যেতে পারছি। সুতরাং প্রতিরোধকের কোন প্রয়োজনই পড়বে না।

রেহানা বলল : ক্যাপ্টেন ডিক ঘটনাটা বিশ্বাস করতে পারলে হয়।

ইমতিয়াজ হাসল।


আধঘণ্টা পরই শোনা গেল তুমুল জলরাশির শব্দ। বন্দী মানুষ যেন মুক্তি পেয়ে ফিরে যাচ্ছে ঘরে, এমন উচ্ছ্বসিত কলরোল। ক্যাপ্টেন ডিক সকৃতজ্ঞ নয়নে তাকাল ইমতিয়াজের দিকে। ইমতিয়াজ তখন পোশাক পাল্টে লম্বা চেয়ারে হেলান দিয়ে বিশ্রাম নিচ্ছে। ডিকের সপ্রশংস আর সকৃতজ্ঞ দৃষ্টি দেখে সে আবার হাসল। বলল : মিঃ ডিক, ঘণ্টাখানেকের ভেতর আমাদের জাহাজ নর্থ পোলের দিকে যাওয়ার প্রশস্ত রাস্তা পেয়ে যাবে।

: ইটস্ এ মিরাকল্!

ক্যাপ্টেন ডিক ধরা গলায় বলল।

ইমতিয়াজ বলল : প্লেস দিস কমপ্লিমেণ্ট টু রবার্ট টেলার, দি গ্রেট সাইনটিষ্ট।


দশদিন পরের কথা।

বিশালাকৃতি হেল্ ডাইভার সমুদ্রের গোপন তলদেশ থেকে ভেসে উঠে ভাসমান অবস্থায় শোভা পাচ্ছে গ্রীনল্যাণ্ডের মূল ভূ-খণ্ডের ধারে। অনেকদূর পর্যন্ত সমুদ্র অগভীর। সুতরাং তীর পর্যন্ত জাহাজ নেয়ার উপায় নেই। ইমতিয়াজের নির্দেশে ক্ষুদ্রাকৃতি প্লেনটি আনা হল ডেকে ইমতিয়াজ ও জাহেদ লেগে গেল প্লেনের যন্ত্রপাতি পরীক্ষা করতে। গ্রীনল্যাণ্ডের তুষার-দিগন্তে একরকমের উদাস নিঝুম আলোময়তা। শীতল শান্তি। ক্যাপ্টেন ডিক এবং তার সঙ্গীরা এই আলোর উদ্ভাস দেখে সানন্দিত চিত্তে বিকট গলায় গান জুড়ে দিল। ঢালাও মদ্যপান ও নৃত্যোৎসবের আয়োজন চলল ক্যাপ্টেনের ঘরে।

বহুকাল এরা কেউ দিনের মুখ দেখে নি। পৃথিবীর আলো-বাতাসের মুখোমুখি হয় নি। তাই তাদের উদ্দামতা সীমার বাইরে চলে গেল। কে একজন ক্রুম্যান মদ্যপান করে মাতাল অবস্থায় রেহানার দিকে ধাবিত হয়েছিল। রেহানা হেসে তার মোটা কোমরে পদাঘাত করলে লোকটা ‘হে যীশু, মেয়েলোকটা বাবা রসিকতাও বোঝে না’ বলে মেঝেতে গড়িয়ে পড়ে হাপুস-হুপুস কাঁদতে লাগল। জিপ্পি পাশে দাঁড়িয়ে দৃশ্যটা উপভোগ করছিল। ঠিক এসময় নির্দেশ এল ইমতিয়াজের কাছ থেকে। মুহূর্তেই ওরা দু’জন উদ্দাম উৎসব-রত নাবিকদের ছেড়ে এগিয়ে গেল ইমতিয়াজের ঘরের দিকে।


ছোট্ট সী-প্লেনটা সামুদ্রিক পাখীর মত উড়ে বেড়াতে লাগল গ্রীনল্যাণ্ডের তুষার-ধবল উপত্যকায়। যতদূর চোখ যায় বরফের স্তুপ। শুভ্রতা ঘুমিয়ে আছে যেন অনন্তকাল ধরে। প্লেন চালাচ্ছিল জাহেদ। রিজার্ভে রয়েছে রেহানা। পেছনে বসে ম্যাপ নিয়ে গভীর আলোচনারত জিপ্পি এবং ইমতিয়াজ।

: ওসানিক বরফের পাহাড়ে আটকা পড়ার পর একদল অভিযাত্রী এই সী-রুটে এসেছিল, এবং তাদের নেতৃত্ব করে মহীউদ্দিন। দুর্ভাগ্যবশতঃ সেবছর তুষার-ঝড়ের কবলে পড়তে হয় ওদের এবং কোনরকমে প্রাণ নিয়ে পালিয়ে যেতে সমর্থ হয় মহীউদ্দিন এবং তার দলের লোকেরা। সম্ভবতঃ গ্রীনল্যাণ্ড ওয়েষ্ট টার্মিনালের কাছাকাছি যেতে পেরেছিল ওরা।

ইমতিয়াজের কথা শুনে জিপ্পি বলল : এ সংবাদ তুমি কিভাবে সংগ্রহ করেছ?

: মিঃ কুয়াং যে ফাইল সরবরাহ করেছেন সেই ফাইলে এই তথ্য রয়েছে। আরও একটা রহস্যময় তথ্য রয়েছে এই ফাইলে। সেটা হল : ওসানিক অভিযানে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অন্ততঃ দশটি অভিযাত্রী দল এ বছর বেরুবে এবং ইতিমধ্যে বেশ ক’টি দল বেরিয়ে পড়েছে। 

: আমরা তাহলে শিকদার আমিন, মহীউদ্দিন আর জোসেফের দেখা পাব?

রহস্যময় হাসি হাসল ইমতিয়াজ। বলল : আরো অনেকেরই দেখা পাব বলে আশা করছি। আমাদের প্লেন যে রুট ধরে এগোচ্ছে সেটা সোজা টার্মিন্যাল ছাড়িয়ে গ্রীনল্যাণ্ডের নো-ম্যানস্ ল্যাণ্ডের দিকে- চলে যাবে। নো-ম্যানস্ ল্যাণ্ডের নাম যা-ই থাক্, এটা হল তিমি আর সিলমাছ শিকারের অন্যতম কেন্দ্ৰ। ওখান থেকে ঠিক দু’শো মাইল দূরে যে সমুদ্র, যেখানে পৌঁছার সম্ভাবনা খুবই কম, সেখানেই বিশাল এক বরফ-রাজ্যের কুজ্বটিকায় বহু বছর ধরে বিরাজ করছে দি ওসানিক। কোটি কোটি টাকার স্বর্ণ নিয়ে সৌভাগ্যবান অভিযাত্রী দলের অপেক্ষা করছে ওসানিক।

জিপ্পি বলল : এমনও তো হতে পারে, আমাদের পৌঁছুবার আগেই সেখানে অন্য কেউ পৌঁছে গেছে?

: হতে পারে। কিছুই অসম্ভব নয়।

জাহেদ ওদিকে চেঁচাচ্ছে : ব্যাটা জিপ্পু কোন কাজের না, কোথায় মাঝে-মধ্যে নাস্তার যোগাড়-যন্ত্র করবে তা না, খালি গুলতামি।

রেহানা বলল : চেঁচিয়ো না, ভয় পাচ্ছি। যা কিনা রাইফেলের গুলির মত তোমার গলা!

জাহেদ রেগে উঠল : ক্ষিধে পেলে সবারই গলা ওরকম হয়ে যায়। এমনকি ওস্তাদ আসফ খানের গলাও- ক্ষিধের সময় কামানের গর্জনের মত গর্জন করে, বুঝলে?


দু’দিন পরের কথা।

চারদিকে ঘন কুজ্বটিকা। অতি সাবধানে প্লেন চলছে। একটু এদিক-ওদিক হলেই চরম বিপদের আশঙ্কা।

প্লেন চালাচ্ছে ইমতিয়াজ। হঠাৎ একসময় প্রচণ্ড একটা আওয়াজ উঠল দক্ষিণ আকাশের দিকে। তুষারের রাজত্বে এই আওয়াজটা কোত্থেকে উঠল বুঝা গেল না। কিন্তু ইমতিয়াজের চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল।

জিপি জাহেদকে বলল : ওসানিক।

জাহেদ রেহানাকে বলল : ওসানিক।

রেহানা হাসল: ওসানিক। যে প্রথম পা দেবে ওসানিকের উপর, আমি তাকে পুরস্কৃত করব।

: কিবং প্রকারে?

জাহেদ আগ্রহের সাথে ব্যাখ্যা চায়। রেহানা বলে : তুষার রাজত্বে সে পাবে এক বাঙ্গালী মহিলার স্যাল্যুট।

জাহেদ উদাসভাবে বলে, ‘ও।’—জিপ্পিকে বলে : জিপ্পু, তুই ওসানিকের উপর প্রথম পা রাখার চেষ্টা কর। স্যাল্যুট পাবি। 

ঠিক এসময় এ্যামপ্লিফায়ারে ইমতিয়াজের নরম, ভরাট কণ্ঠস্বর ভেসে এল : বি রেডি, ফ্রেণ্ডস্। মিনিট দশেকের ভেতর আমরা ওসানিকের উপর নামছি। জিপ্পি, তোমার কিডস্ ব্যাগগুলো কাজে লাগাও।

জিপ্পি তৈরী হয়ে এগিয়ে গেল জানালার দিকে। কিডস্ ব্যাগ খুলে বার করল পেন্সিলাকৃতির কতকগুলি বেলুন। জানালার বাহিরে এক একটা ছুঁড়ে দিতে দিতে বলল : আয় রোদ আয়, আয় রোদ আয়।

বেলুনগুলি উড়ে গেল, ছড়িয়ে পড়ল, আস্তে আস্তে বড় হতে লাগল। কিছুক্ষণ পর দেখা গেল প্রকাণ্ড প্রকাণ্ড ছাতার মত অসংখ্য বেলুন উড়ছে, প্রত্যেকটি বেলুনে জ্বল্‌ছে তীব্র সার্চ লাইট। বেলুন নিঃসৃত গাাসের বৈগুণ্যে ধীরে ধীরে অপসারিত হয়ে যাচ্ছে কুজ্ঝটিকা। আলোকিত ও পরিষ্কার হয়ে উঠল মাঝখানের খানিকটা আকাশ।

হঠাৎ জাহেদ চেঁচিয়ে উঠ্‌ল আনন্দে। বলল : দি ওসানিক।

প্লেনটা সতর্কতার সাথে ধীরে ধীরে নেমে এল নীচে।

অতি সাবধানে ডেকের উপর প্লেনটাকে ল্যাণ্ড করাল ইমতিয়াজ।


ওরা জাহাজটার চারদিক ঘুরে ঘুরে দেখতে লাগল।

বিশাল জাহাজ। ছোটখাট একটা নগরের মত। শীতার্ত আবহাওয়ায় বছরের পর বছর দাঁড়িয়ে আছে বলে একরকমের সূক্ষ্ম বরফের স্তর ছেয়ে আছে জাহাজটির উপর।

হঠাৎ তাকালে মনে হয়, থরে থরে সাজানো ঐশ্বর্য অপেক্ষা করছে কারো জন্যে। সব ফাঁকা, সব শূন্য... চারদিকে শুভ্র বেড়াজাল।

ওসানিক। দ্বিতীয় মহাযুদ্ধের সময় স্বর্ণ ভাণ্ডার নিয়ে জাহাজটি আসছিল আফ্রিকা থেকে আটলান্টিক ঘুরে গ্রেট-ব্রিটেনে। শত্রুপক্ষের তাড়া খেয়ে জাহাজটি পথভ্রষ্ট হল এবং চিরকালের মত আটকা পড়ে গেল বরফের পাহাড়ে।

কোটি কোটি টাকার স্বর্ণপিণ্ড নিয়ে নির্জন তুষার-সমুদ্রে বছরের পর বছর পর বছর অভিশপ্ত সময় কাটিয়েছে ওসানিক। অপেক্ষা করে এসেছে দুঃসাহসিক অভিযাত্রী দলের।

ওরা ঘুরছিল কেবিন থেকে কেবিনে। ডেক থেকে উপরে। হঠাৎ চাপা গলায় পরিষ্কার ইংরেজীতে কে যেন বলল : ওয়েল-কাম, ফ্রেণ্ডস্। দি স্পিরিট অব ওসানিক স্পিকিং।

ওরা থমকে দাঁড়াল। শুনতে ভুল হল না তো? জাহেদ মাথা ঝাঁকাল। না, শ্রবণেন্দ্রিয় ঠিকই আছে বলে মনে হয়। তাহলে যা শোনা গেল সেটা কি?

আবার ভেসে এল সেই আশ্চর্য কণ্ঠস্বর। সেইরকমই চাপা কিন্তু স্পষ্ট গলায় বলল : ওসানিক কারো কোন ক্ষতি করবে না। কিন্তু কেউ যদি ওসানিকের গায়ে হাত দেয়, ওসানিকের আত্মা তাকে ক্ষমা করবে না।

নেমে গেল কণ্ঠস্বর। ঠিক কিছুক্ষণ পর আবার বলল : এই জাহাজের উপর লেগে আছে বহু রক্তের দাগ। প্রতিটি রক্ত-কণিকা থেকে জন্ম নিয়েছে ইভিল স্পিরিট এবং আমি ওসানিকের আত্মা বলছি, ঈশ্বরের দোহাই, কেউ যদি ওসানিকের গায়ে হাত তোলে তবে রক্ষা নেই। যেই হও, ওসানিকের ইভিল স্পিরিট আর ওসানিকের জাগ্রত আত্মার হাত থেকে রক্ষা নেই। তোমাদের চিবিয়ে খাব।

হোঃ হোঃ করে হেসে উঠল জিপি আসাদ। সাথে যোগ দিল রেহানা ও জাহেদ। ইমতিয়াজও সামান্য হাসল। থমকে দাড়িয়েছিল ওরা, ব্যাপারটা বুঝতে পেরে আবার চলতে শুরু করল।

যার কাজই হোক, একটা ব্যাটারী-সেট টেপ-রেকর্ডার বেজে চলেছে ওসানিকের কোন গোপন স্থানে। সেই টেপরেকর্ডার থেকে বর্ষণ করা হচ্ছে সতর্কবাণী। সাধারণ, স্বাভাবিক অবস্থায় এই টেপের সতর্কবাণী তুমুল কাণ্ড করবে এই ভরসাতেই হয়ত ওসানিকের কোন স্বার্থ-সংশ্লিষ্ট দূরদর্শী ব্যক্তি এই ব্যবস্থা করে গেছে।

ওমানিকের চারপাশ ঘুরে ফিরে ওরা এল রিজার্ভ কেবিনগুলোর সামনে। মস্ত তালা ঝুলছে কেবিনের বাইরে। দেখেই বুঝা যায়, মার্শাল প্রহরার ব্যবস্থা ছিল কেবিনগুলির সামনে।

এখন প্রহরী নেই। খা খা করছে কেবিনের ফাঁকা অঙ্গনটুকু। তালার উপর পড়েছে সময় ও বরফের দাগ।

ইমতিয়াজ এগিয়ে গেল। পকেট থেকে বার করল বিশেষ ধরনে প্রস্তুত টর্চ। টর্চের সুইচ টিপতেই বেরিয়ে এল শক্তিশালী ‘রে’। এক মুহূর্তেই তালাগুলি গালার মত গলে নিশ্চিহ্ন হয়ে গেল।

ভেতরে ঢুকল ওর। চারবন্ধু। ইমতিয়াজ, জাহেদ, রেহানা, জিম্মি। আবার বেজে উঠল সেই লুকোনো কণ্ঠস্বর : ওয়েলকাম, ফ্রেণ্ডস্। দি স্পিরিট অব ওসানিক স্পিকিং।

হাসল না ওরা কেউ। এই কণ্ঠস্বরের ভেতরই ধরা পড়ল কারো ভীতু মনটি। মহীউদ্দিন, কিংবা শিকদার আমিন কিংবা জোসেফ অথবা হয়ত অন্য কেউ চেয়েছিল ওসানিকের এই ঐশ্বর্য। হয়ত জাহাজ ত্যাগের আগে যত্নের সাথে উদ্ভাবন করতে হয়েছিল এই প্ল্যান। ওসানিকের ঐশ্বর্যের লোভ আর শিশুকে জুজুর ভয় দেখাবার মত এই প্ল্যান্, দু’টোই তাদের কাছে করুণ বলে মনে হল।

এগিয়ে গিয়ে রিজার্ভ ট্যাঙ্কের ডালা উন্মুক্ত করল ইমতিয়াজ। মুহূর্তেই ঝলসে উঠল দৃষ্টি।

সোনার স্তূপ। রাশি রাশি সোনা। উজ্জ্বল হাসির অজস্র অবয়ব যেন শুয়ে আছে।


: ‘হ্যাণ্ডস্ আপ্‌!’

পেছন থেকে বিকট এক বাজখাই গলা ধমকে উঠল।

টেপের ধোঁকাবাজি? না, পাশ ফিরে দেখা গেল নিষ্ঠুরদর্শন তিন প্রৌঢ় ব্যক্তিকে। তিনজনের হাতেই উদ্যত পিস্তল। তিনজনকেই চিন্‌ল ওরা। হংকং নেভী থেকে যে ডক্যুমেন্ট দেয়া হয়েছিল সেখানে এই তিনজনেরই ফটো ছিল।

মহীউদ্দিন, শিকদার আমিন এবং জোসেফ।

আশ্চর্য, তিনজনই এখন একদলে। ওদের মিলিত উদ্যোগ এখন ইমতিয়াজ এবং তার দলের বিরুদ্ধে।

তিনজনই পিস্তল উঁচিয়ে আছে একসাথে কমন শত্রুর বিরুদ্ধে।

ইমতিয়াজ খানিকটা রসিকতা না করে ছাড়ল না। বলল : টাগ অব ওয়ার কি শেষ হয়ে গেল শিকদার?

: না, শেষ হয় নি। আপাততঃ দড়ি এখন আমাদের অনুকুলে, আর হেরে যাচ্ছ তুমি।

জাহেদ বলল : কিন্তু শিকদার, যে পিস্তল এখন তাক করেছ আমাদের দিকে, কিছুক্ষণ পর সেটাই আবার ফেরাতে হবে তোমার বন্ধু জোসেফ আর মহীউদ্দিনের দিকে।

ওরা তিনজনই হাঃ হাঃ হাঃ হাসল। জোসেফ পরিষ্কার বাংলায় সামান্য টানা- গলায় বলল : তোমাদের চালাকির প্রশংসা করছি কিন্তু খুব বুদ্ধিমান তোমরা মোটেও নও। বুদ্ধিমান হলে ক্যাপ্টেন ডিকের সাবমেরিনের ‘লোয়েষ্ট ক্যাব’ নিশ্চয়ই, অনুসন্ধান করতে। এবং অনুসন্ধান করলেই ধরা পড়ত যে, সেই ক্যাবে লুকিয়ে আছে ওসানিকের আদি যাত্রীদলের শিকদার আমিন, মহীউদ্দিন আর জোসেফ।

মহীউদ্দিন হাসতে হাসতে হাসতে বলল : অসংখ্য ধন্যবাদ তোমাদের। ধরতে গেলে খরচ-পত্তর করে তোমরাই আমাদের ওসানিকে পৌঁছে দিয়েছ।

: হ্যাঁ, পৌঁছে দিয়েছি।

ইমতিয়াজ বলল : কিন্তু হেল্‌ ডাইভারে তোমরা আর ফিরে যেতে পারছ না।

: খুব পারছি! জানের ভয় তোমাদের নিশ্চয়ই আছে। আমরা যে প্লেনে তোমাদের পিছু নিয়েছিলাম সেই প্লেনেই হেল্‌ ডাইভারে ফিরে যাব। কিন্তু এবারে প্লেন চালাবে তোমরা। বাঁচার জন্যে আগ্রহ নিশ্চয়ই তোমাদেরও আছে, সুতরাং কুজ্ঝটিকা ভেদ করে যেভাবে এখানে এসে পৌঁছেছ সেভাবেই কুজ্ঝটিকা কাটিয়ে হেল্‌ ডাইভারে নিয়ে যাবে আমাদের।

মহীউদ্দিনের গলা-ফাটানো হাসিটা ছড়িয়ে পড়ল চারদিকে। জোসেফ এগিয়ে এসে ওদের বডি সার্চ করে সাথের জিনিস-পত্র ছিনিয়ে নিল। রেহানার গায়ে হাত দেওয়ার সময় জোসেফের চোখ জ্বলে উঠল কামনায়। মহীউদ্দিন হঠাৎ চাপা গলায় চেঁচিয়ে উঠল : ইউ বাষ্টার্ড!  ডোণ্ট লুক হার দ্যাট ওয়ে। মনে রেখো, বাঙ্গালী মহিলার অপমান আমারও গায়ে বিধঁবে। 

জোসেফ ‘আরে ইয়ার, রঙ-তামাসাও বোঝো না’ বলে হেসে উঠল। 


গভীর রাত।

বন্দীদশায় ছটফট করছে ইমতিয়াজ, জাহেদ, জিপ্পি আসাদ এবং রেহানা। রাগে ধকধক করে জ্বলছে সুপারম্যান ইমতিয়াজের চোখ-মুখ। 

কিন্তু কোন উপায় নেই। হাতে-পায়ে লোহার বেড়ি পরিয়ে ওদের প্রত্যেককেই পাটাতনের উপর উপুড় করে শুইয়ে বেঁধে রাখা হয়েছে।

পাশের ঘর থেকে ভেসে আসছে উন্মত্ত হৈ-হল্লার শব্দ।

স্বর্ণ-ভাণ্ডার পেয়ে গেছে জোসেফ, মহীউদ্দিন এবং শিকদার আমিন। স্ফুর্তি করছে ওরা অনেকদিন পর। মদ পান করছে অঢেল। হাল্‌কা মেজাজে অতীতের সব ঘটনা খুলে দিচ্ছে একে অপরের কাছে। হাসির তুফান উঠছে ক্ষণে ক্ষণে।

সবচেয়ে মাতাল হয়েছে জোসেফ। সে পা টেনে টেনে এগিয়ে যাচ্ছিল রেলিং-এর দিকে আর বলছিল : মহীউদ্দিন, শালা তোকে আমি মাস দুই আগে খুন করতে গিয়েছিলাম।

মহীউদ্দিন বলল : আর আমি শালার গাব্‌ করে দিইছিলাম শিকদারের মাল সুসানকে।

হোঃ হোঃ করে হেসে উঠল তিনজনই। শিকদার পাঁড় মাতাল হয়ে আছে। সে চিন্তিত গলায় জিজ্ঞেস করল : হ্যাঁগো দাদারা...সোনা-দানা নিয়ে আবার আমাদের মধ্যে খামচা-খামচি বাধবে না তো?

: বাধতেও পারে। তবে গ্রীনল্যাণ্ডের আকাশের নীচে নয়...এই বিপদ পার হয়ে...।

: যা বলেছ, দোস্ত। এখন সবাই আমরা জনে জনে দোস্ত।

মহীউদ্দিন বলল : ক্যাপ্টেন ডিক সাহায্য না করলে কিন্তু সব ভেস্তে যেত!

: হারামজাদা সাদা চামড়া হলেও বেশ উপকারে লেগেছে!

শিকদারের মন্তব্য। 

: খবরদার, শুয়োরের বাচ্চা। ইংরেজের সামনে ইংরেজকে বকবি না!

দু’জনই টলতে টলতে উঠে দাঁড়াল। কিন্তু সামনাসামনি হয়ে দু’জনই আলিঙ্গন করল পরস্পরকে। কাঁদতে কাঁদতে বলল : আহা, কি শুভদিন এসেছে গো আমাদের! সোনা-দানা নিয়ে কালই চলে যাচ্ছি গ্রীনল্যাণ্ড পার হয়ে সভ্য জগতে।

ওদের মত্ততা আরও চড়ল রাত বাড়ার সঙ্গে সঙ্গে। কিন্তু কি ভাগ্য ওদের জন্যে অপেক্ষা করছিল তা ওরা জানে না। রাত তখন প্রায় শেষ। ওরা এক সময় আবিষ্কার করল ইমতিয়াজ, জাহেদ, জিপ্পি আসাদ আর রেহানা বসে আছে গোল হয়ে। ওরা সম্পূর্ণ মুক্ত। প্রত্যেকের হাতেই চকচক করছে পিস্তল।

আর ওরা শক্ত নিগড়ে আবদ্ধ। বন্দী।

নিজেদের এই দশা ওরা যেন বিশ্বাস করে উঠতে পারল না। মাতাল অবস্থা কতকটা আগেই কেটে গিয়েছিল। গর্জে উঠল জোসেফ : ইউ ডটার অব বিচেস্, সুসান!

সুসান দেখা দিল দরজার সামনে। বলল : হ্যাঁ, আমিই ওদেরকে মুক্ত করেছি। কারণ ওরা আমার স্বামীর মুক্তিদাতা। এই ক’দিন বাধ্য হয়েই তোমার সাথে অভিনয় করতে হল, জোসেফ। আর কোন ভয় নেই আমার। এখন আমার কাছ থেকে তোমরা তিনজনই চরম শত্রুর ব্যবহার পাবে।