
গল্প
ভয়াল ৫ — রক্তের ডাক
জার্মান বৈজ্ঞানিক ডঃ কার্ল অমরতার আবিষ্কার করেছেন এবং ফর্মূলা আবিষ্কার তারই জোরে সমস্ত পৃথিবী কুপোকাৎ করার ষড়যন্ত্র আঁটছেন। ইমতিয়াজ, রেহানা, জিপি আসাদ, জাহেদের সাথে তার বাধল সংঘর্ষ। সমুদ্রের রহস্যময় মানুষ সেমনদের রাজা দেখা দিলেন রঙ্গমঞ্চে। ডঃ কার্লের লাইফসেন্সে জমে উঠল নারকীয় দৃশ্য। ইমতিয়াজ কি পারবে ডঃ কার্লের ধ্বংস-যজ্ঞ থেকে পৃথিবীকে রক্ষা করতে?
ভয়াল · বই ৫সংস্করণ · প্রথম
সম্পূর্ণ পাঠ
ভয়াল ৫ — রক্তের ডাক
এক
চেঁচিয়ে উঠ্ল ইরাবতী।
ভয়ে নীল হয়ে যায় সেন আমপালার মুখ। এগিয়ে আসছে টমাস, নর-খাদক টমাস। ভাঁটার মতো জ্বলছে চোখ জোড়া। মুখের প্রকাণ্ড হা’র ভেতর দেখা যাচ্ছে হাঙ্গরের মত তীক্ষ্ম দুই পাটি দাঁত। বিশাল, বলিষ্ঠ দেহ। বড় বড় লোম গজিয়েছে হাতে, পায়ে, বুকে। হেলে দুলে আসছে টমাস, এখন ইরাবতীর শরীরের উপর দৃষ্টি ওর। ভাঁটার মত জ্বলন্ত চোখ-জোড়ায় রক্ত-পানের লিপ্সা।
থমকে দাঁড়ায় চার বন্ধু। ইমতিয়াজ, জিপ্পি আসাদ, জাহেদ আর রেহানা। সেন আম্পালার সঙ্গীটিও ভয়ে-আশঙ্কায় কুঁকড়ে দাঁড়িয়ে আছে, ঠকঠক করে কাঁপছে।
হঠাৎ এক রকমের হুসহুস শব্দে ভরে যায় চার দিক। মৌমাছির অদৃশ্য গুঞ্জনের মতো শব্দটা। রহস্যের মত ধীর গতিতে উঠছে, ক্রমশঃ দ্রুততর হচ্ছে।
ইমতিয়াজের যুদ্ধ-ঘোষণার সঙ্কেত। ইমতিয়াজ যখন একাগ্র মনোযোগে তার শত্রুর অপেক্ষা করে তখন তার নিশ্বাস-প্রশ্বাসে ভরে ওঠে এই চাপা শব্দের তরঙ্গ। সবাই জানে এটা ভাল করেই।
জিপ্পি তাকায় জাহেদের দিকে, রেহানার দিকে। শুধু ইরাবতী প্রায় অপ্রকৃতিস্থ, ইরাবতী এসব কিছু বোঝে না। ভয়ঙ্কর-দর্শন, টমাস যতই এগিয়ে আসছে তার দিকে ততই তীক্ষ্ণ হচ্ছে তার চীৎকার, তত বাড়ছে ভয়ের যাতনা।
: মেরে ফেলো আমাকে,
অপ্রকৃতিস্থ ইরাবতী চেঁচিয়ে ওঠে তীব্র কণ্ঠে, যেন নিজের প্রতি দারুণ ক্ষোভে। দু’পা পিছিয়ে যায়, বলে : এই মৃত নগরীতে বাঁচতে চাই না আমি। এসো, চিবিয়ে খাও আমাকে। এই অভিশপ্ত নগরীর হাতছানি গিলে খেয়েছে ইন্দুমতীকে, আমার বাবাকে, আমার মাকে! আমিও যাব! আমিও এই মৃত-নগরীর বলি হব! এসো, আমাকে চিবিয়ে খাও!
টমাস হঠাৎ কেমন যেন টলে উঠল। মুহূর্তের জন্যে থমকে দাঁড়াল। তার মাথার লাল চুলের একটা গোছা কপালে এসে আছড়ে পড়ল। ডান হাতে অবিন্যস্ত চুলের গোছা কপাল থেকে সরিয়ে দিল টমাস। কেমন যেন নিঃশব্দে হাসল। হাঁপাতে থাকা কুকুরের মুখের মতো হাসি। আর কাউকে দেখছে না, ইরাবতীকে ছাড়া।
কার্ল বলেছিল, নধর শরীরের প্রতি নিদারুণ ওর লোভ। ইলেকট্রিক শক্ দিয়ে অন্তর্হিত করা হয়েছে ওর স্নায়ু-কেন্দ্র থেকে অনেক ক’টি মানবিক অনুভূতি। টমাস এখন কার্লের হুকুমের গোলাম। পরিপূর্ণ নর-খাদক। বৈজ্ঞানিক কার্লের পরীক্ষা সফল হয়েছে টমাসের উপরে। টমাস তার মানব-জীবনের সব পরিচয়, সব উপলব্ধি হারিয়ে ফেলেছে। তার তৃষ্ণা এখন মানুষের রক্তে। এখন টমাস ‘সম্ভ্রান্ত’ নর-খাদক। এমন কি সে তার নিজের পাঁচ বছরের ফুটফুটে মেয়েটির কচি মাথা চিবিয়ে খেতেও দ্বিধা করে নি। টমাস কতদিন নর-রক্তের স্বাদ পায় না, কে জানে। এক মুহূর্ত থমকে দাঁড়িয়ে সে দারুণ লিপ্সায় এগুতে লাগল ইরাবতীর দিকে।
ইতিমধ্যে সেই আশ্চর্য মৌমাছির গুঞ্জনের মতো শব্দের তরঙ্গে ভরে গেছে অট্টালিকার প্রাঙ্গণ। যেন কাছে-পিঠে কোথাও এক গোপন ঝর্নাধারা স্বচ্ছ পাথরে তরঙ্গ বাজাচ্ছে। টমাস, মনুষ্য উপলব্ধি-বর্জিত টমাস পর্যন্ত সেই শব্দের প্রতিঘাত উপেক্ষা করতে পারল না। এগিয়ে আসতে আসতে সেও বারবার আনমনা হয়ে যেতে লাগল। থমকে দাঁড়িয়ে যেতে লাগল এক-আধবার।
ঠিক এসময় দু’পাশের দেয়াল খুলে গেল যাদু-মন্ত্রের মত। দেয়ালের ভেতরে দেখা গেল সারি সারি বিস্ময়াবিষ্ট মুখ। মৃতনগরীর আদি বাসিন্দাদের মুখ। কার্ল এদেরকে বন্দী করে রেখেছে। আবদ্ধ করেছে উন্মুক্ত স্বাধীন জীবন থেকে এই দেয়ালের ভেতরে। হয়ত তারই আদেশে, তারই ইচ্ছায় খুলে গেছে দেয়াল। রাক্ষুসে দ্বীপের বন্দী বাসিন্দারা দেখার সুযোগ পেয়েছে এই দৃশ্য।
কার্ল এই দ্বীপের দেবতা। একশো-এক-মুখ দেবতা জীবিতকে মৃত করে, মৃতকে জীবন দেয়। অমর সেই দেবতার আদেশেই টমাস এগিয়ে আসছে ইরাবতীর দিকে। দেবতা রূপী বৈজ্ঞানিক কার্ল যেন অহঙ্কারী মানব ইমতিয়াজকে জানাচ্ছে : দেখো ইমতিয়াজ, দু-চোখ ভরে দেখো আমার কত শক্তি! আমার কত লীলা! ইচ্ছে করলে কত নিষ্ঠুর হতে পারি, কত ভয়ঙ্কর হতে পারি!
কার্ল যেন তার বন্দী প্রজাদের বলছে : তোমরা আমার শক্তির বহর দেখো। এই কয়টি মানব-সন্তান মৃত-নগরীর যাদু-কাঠি জয় করার জন্যে এসেছে, সবুজ-সরোবরে ডুব দিয়ে অমরত্বের ফর্মুলা চুরি করে নিতে এসেছে! এই ধৃষ্টতার, এই গোস্তাকির কি শাস্তি হয় দেখো!
: খুনি,—দুনিয়ার সবাই খুনী,
ইরাবতী এবার উন্মাদিনীর মত হাসতে লাগল উচ্চকণ্ঠে : আমার বাবাকে ওরা মেরে ফেলেছে! আমাকেও মারবে! ইমতিয়াজ সাবধান, আমার অবস্থা দেখে সাবধান হও। পালিয়ে যাও শয়তানদের আখড়া থেকে। এরা সব খুনী, শয়তান। ঐ, ঐ আসছে……
ইরাবতী ছুটতে লাগল পেছনের দিকে। পেছনের উন্মুক্ত বিশাল দরজাটা হঠাৎ বন্ধ হয়ে গেল। ইরাবতী গিয়ে আছড়ে পড়ল দরজাটার উপর : খোলো, খোলো, দরজা খোলা! আমাকে রাক্ষসটা খেতে আসছে, বাঁচাও আমাকে! দোহাই তোমাদের, রাক্ষসটার হাত থেকে বাঁচাও! বাঁচাও, বাঁচাও!···
টমাস তখন প্রায় ধরে ফেলেছে ইরাবতীকে। একপা’ বাড়াল জিপ্পি। কিন্তু তার আগেই বিদ্যুতের মত নড়ে উঠল ইমতিয়াজের ছায়াটা। নিমিষে নর-খাদক টমাসের উপর গিয়ে ঝাঁপিয়ে পড়ল ইমতিয়াজ।
কিন্তু টমাস শুধু দারুণ ক্রোধে একবার ঝাড়া দিল তার রুক্ষ, কঠিন শরীরটা। ইমতিয়াজ যেন মসৃণ একটুক্রো কাচের মতো শরীর থেকে অবলীলাক্রমে খসে পড়ল নীচের মেঝেয়।
ইরাবতীর হাত ধরল টমাস। চোখে-মুখে যন্ত্রণা ফুটে উঠেছে টমাসের। রক্তের তৃষ্ণায় উন্মত্ত হয়ে উঠেছে সে, সেই যন্ত্রণা।
ঠিক সেই মুহূর্তে ইমতিয়াজ ছুটে গেল নর-খাদকটার দিকে, পেছন থেকে কোমরের একটা কোমল নার্ভ-সেন্টার লক্ষ্য করে জুতো-সুদ্ধ পায়ের একটা লাথি ছুঁড়ল।
সমান শক্তিশালী যে কোন মানুষের জন্যে এই লাথি তৎক্ষণাৎ মৃত্যু ডেকে আনতে পারত। কিন্তু টমাসের প্রায় কিছুই হল না। শুধু ইরাবতীর হাতটা ছেড়ে দিল। আর নার্ভ-সেন্টারে লাথি লাগায় যে অতি-সামান্য বিক্ষোভ জেগেছিল তার অতীন্দ্রিয় মানব-শরীরে, সে বিক্ষোভের দরুণ প্রায় নিজের অজান্তেই সে ফিরে দাঁড়াল।
ইমতিয়াজ ও নর-খাদক টমাস মুখোমুখি। একটা পাথরের মূর্তির সামনে যেন একটা ভঙ্গুর-শরীরের মানুষ দাঁড়িয়ে।
টমাস অবাক হয়ে দেখতে লাগল ইমতিয়াজকে। হয়ত কার্ল তার শরীরের সব ক’টা স্নায়ু-কেন্দ্র ধ্বংস করতে পারে নি। হয়ত এখনও টমাসের শরীরের গোপন কেন্দ্রে মানুষের কিছু অনুভূতি স্বপ্নের অরাজকতায় ঘুমোচ্ছে। তাই এখনও বিস্ময়, বেদনা আর ক্রোধের বোধগুলি ঢেউয়ের মত টমাসের মনে ওঠা-নামা করে।
এই টমাস তারই নিজের ফুটফুটে পাঁচ বছরের মেয়ের কচি মাথাটা চিবিয়ে খেয়েছে। এই টমাস কার্লের হুকুমে মৃত-নগরীর অবাধ্য প্রজার রক্ত পান করে। কিন্তু যে টমাস ইমতিয়াজের মুখোমুখি হয়ে দাঁড়াল সে যেন এই নিষ্ঠুরতার কিছুই জানে না। তার ভাঁটার মত জ্বলন্ত চোখে দুর্বোধ্য এক ভাষা যেন অতি যন্ত্রণায় ফুটতে চাইছে।
ইমতিয়াজ তার চোখের দিকে তাকাল। এই নর-খাদককে মেসমোরাইজড্ করা অসম্ভব। এর পাথরের মত শরীরে আঘাত করা অর্থহীন। শরীর কেটে দু’ভাগ করলেও এর যান্ত্রিক কার্য-কলাপের ইতি হবে না। টমাস তো আর মানুষ নেই, বৈজ্ঞানিক কার্লের খেয়ালে সে পরিণত হয়েছে মানব-বোধের অতীত এক নর-খাদকে।
এসময় চারদিক থেকে আসাদ, জাহেদ আর রেহানা ঘিরে ধরল টমাসকে। জিপ্পি আসাদ তার বিশাল হাতের থাবা দিয়ে টেনে ধরল টমাসের চুলের মুঠি, কিন্তু এতটুকু নড়াতে পারল না টমাসের মাথা। জাহেদ কয়েকটা ঘুষি বসিয়ে দিল টমাসের থুতনির নীচে, দিয়েই সকাতরে বললঃ জিপ্পি, এ নিশ্চয়ই মানুষের শরীর নয়, নিশ্চয়ই একে পাথর দিয়ে তৈরী করা হয়েছে।
কোন্ যাদুবলে টমাস নিথর হয়েছিল, আবার নড়ে উঠল। সবাইকে ছেড়ে এবার এগিয়ে গেল ইমিতয়াজের দিকে। বিশাল দুই বাহু উপরে উঠল, শরীরে খেলে গেল একটা আলোময় পেশীর তরঙ্গ।
ইমতিয়াজ পিছনে সরে যেতে লাগল। সেও এতক্ষণে টমাসের শক্তির দুর্বলতা টের পেয়ে গেছে।
টমাস গতিবেগ দ্রুত করল। দু’বাহু’ আলিঙ্গনে ধরতে চেষ্টা করল তার শিকার—ইমতিয়াজকে। ইমতিয়াজ ক্ষিপ্রগতিতে সরে গেল আবার, টমাস নিজেরই গতিবেগের সামাল দিতে না পেরে হুমড়ি খেয়ে পড়ল। তারপর সরোষে উন্মত্ত চীৎকারে চারদিক কাঁপিয়ে উঠে দাঁড়াল।
এবার তাকে দেখাচ্ছে গুলি-খাওয়া ক্রোধোন্মত্ত সিংহের মত। অবচেতন মনে সে বুঝতে পেরেছে তার শত্রু তাকে কৌশলের দিক দিয়ে হারিয়ে দিয়েছে। প্রথমে সে থমকে দাঁড়াল। তারপর ঝাঁপিয়ে পড়ল ইমতিয়াজের দিকে।
ইমতিয়াজ ক্ষিপ্রগতিতে সরে দাঁড়াল আগের কৌশলে খানিকটা। তারপর প্রথম মোক্ষম আঘাত হানল সে টমাসের উপর।
ডান হাতের লৌহ-কঠিন মুঠো দিয়ে আঘাত করল টমাসের বাঁ’ চোখে।
মুহূর্তে প্রলয় কাণ্ড ঘটে গেল। ভোজবাজির মত ধরাশায়ী হল টমাস। দু’হাতে রুধিরাক্ত চোখ চেপে ধরে প্রবল যন্ত্রণায় গোঁ গোঁ করতে লাগল। ইমতিয়াজ দ্বিতীয় ঘুষিটা বসাল তার ডান চোখের উপর। কিছুমাত্র কালবিলম্ব না করে ডান পায়ের জুতোর গোড়ালীর তীক্ষ্ম অংশটা চেপে ধরল আহত বাঁ’ চোখের কোমল মাংসে।
টমাস প্রাণ-ঘাতী চীৎকার করে উঠল। টলতে টলতে উঠে দাঁড়াল। অন্ধের মত হাতড়াতে লাগল চারদিক। টমাস এককালে ছিল সভ্য মানুষ। তার ছিল ভাষা, ছিল সুখ ও যন্ত্রণা বুঝবার উপায়। কিন্তু বৈজ্ঞানিক কার্লের নিষ্ঠুর খেয়ালে সব হারিয়েছে সে। ভাষা-হীন টমাস মরণ-কাতর চীৎকারে দু’হাত হাতড়ে খুঁজতে লাগল আশ্রয়। দু’চোখ বেয়ে ঝরতে লাগল রক্ত……রক্তে ভিজে গেল সারা শরীর।
দেয়ালের সব ক’টা মানুষের চোখ যেন বিস্ময়ে মূক হয়ে গেছে। ইরাবতী অবশ-আচ্ছন্ন দাঁড়িয়ে আছে দরজার পিঠে হেলান দিয়ে। স্তব্ধ নেত্রে টমাসের তীব্র যাতনা দেখছে জিপ্পি আসাদ, জাহেদ, রেহানা, সেন আম্পালা আর তার সঙ্গীটি।
স্থির হয়ে দাঁড়িয়ে আছে ইমতিয়াজ। যেন কার্লকে বলছে : কার্ল, তুমি অনেক বড় বৈজ্ঞানিক। মৃত্যুকে জয় করার উপায় তুমি আবিষ্কার করেছ। কিন্তু মানুষের চোখের কোমলতা, চোখের স্নেহ-দৌর্বল্য দূর করতে পারো নি। টমাসকে তুমি সফল নর-খাদক তৈরী করেছ, কিন্তু তার মানুষের চোখ দু’টিকে পাথরের চোখে পরিণত করার ক্ষমতা তোমারও নেই।
দুই
টলতে টলতে উঠে দাঁড়াল টমাস। কণ্ঠ চিরে বেরোচ্ছে এক রকমের অসহায় আর্তনাদ। কোন পাপ-বোধ নেই, গ্লানি-বোধ নেই। ঠিক যেন অসহায় এক শিশু।
ইমতিয়াজ অপলক তাকিয়ে থাকে টমাসের দিকে। আত্মরক্ষার জন্যে তাকে যা করতে হয়েছে তার জন্যে অনুতপ্ত হওয়ার প্রশ্ন ওঠে না। কিন্তু যখনই ভাবল, টমাস, নর-খাদক টমাস সভ্য জগতের এক পলাতক খুনী, বৈজ্ঞানিক কার্লের নিষ্ঠুর ইচ্ছার জীবন্ত শিকার, তখনই একটা তীব্র ক্রোধে তার চোখ-মুখ কঠোর হয়ে উঠল।
দাঁতে দাঁত চাপল সে।
টমাসের অবস্থা দেখছিল ওরা সবাই। সেন আম্পালা, তার সঙ্গী, আসাদ, রেহানা, জাহেদ। কারু মুখে রা’ নেই। টমাসের এই পরিণতি তাদের হৃদয়েও এক নিদারুণ অনুভূতির সঞ্চার করেছে।
টমাস টলতে টলতে চলে যায় খোলা চত্বরের দিকে। পাশের একটা দেয়ালে ধাক্কা খায়। হুমড়ি খেয়ে পড়ে যায় মাটিতে। আবার উঠে দাঁড়ায়। হাতড়াতে থাকে পথের দিশা পাওয়ার জন্যে। এক সময় একটা সঙ্কীর্ণ গলির মুখে অদৃশ্য হয়ে যায় তার দেহ।
ঠিক এসময় একটা উচ্চকিত হাসির শব্দ ভেসে আসে। পশ্চিমের দেয়ালের একটা ফোকরে ভেসে ওঠে একটা আয়না-শোভিত খাঁচা। খাঁচায় স্বাস্থ্যে ঝলমল, বিকট আনন্দে ভরপুর একটা মুখ। সবারই দৃষ্টি যায় সেদিকে।
কার্ল!
হাসছে উন্মত্তের মত। বুঝা গেল, গোপন সুরঙ্গের কোন একটা অদৃশ্য স্থান থেকে সেও দেখেছে টমাস এবং ইমতিয়াজের যুদ্ধ। শুধু তাই নয়, ইমতিয়াজের হাতে টমাসের এই দশা দেখে সে বিকৃত আনন্দও উপভোগ করেছে।
: চমৎকার তোমার শক্তি আর কৌশল, যুবক।
কার্লের গম্ভীর, শ্লেষ-ভরা কণ্ঠস্বর বেজে ওঠে। এবারে হাসছে না। বলল : তুমি ঠিকই বুঝতে পেরেছিলে, টমাসের হাত থেকে বাঁচতে হলে ওর মানবিক চোখ দু’টোর উপর আক্রমণ চালাতে হবে। তোমার সুতীক্ষ্ম বুদ্ধির প্রশংসা না করে পারছি না, যুবক! টমাসের এই অবস্থা দেখে আমি দুঃখ পেয়েছি সত্যি। টমাস আমারই সৃষ্টি এবং টমাসের পরাজয় মানে আমারই পরাজয়। কিন্তু বিশ্বাস করো যুবক, যত না দুঃখ পেয়েছি তার চেয়েও বেশী পেয়েছি আনন্দ। আমার অভিনন্দন গ্রহণ করো ইমতিয়াজ। আমার শত্রু হলেও তুমি সাহসী, শক্তিমান এবং বুদ্ধিমান শত্রু। এমন শত্রুর কাছে হেরেও আনন্দ!
ইমতিয়াজ বললঃ ডক্টর কার্ল, আবার বলছি আপনাকে! এই ভয়ানক খেলা বন্ধ করুন। মানুষের জীবন নিয়ে এই হৃদয়হীন, নিষ্ঠুর খেলা বন্ধ করুন!
কার্ল বলল : ইমতিয়াজ, সীমাকে ছাড়িয়ে যেয়ো না। উপদেশ দিতে এসো না কাৰ্লকে! আমার শক্তির সীমার কিছুমাত্র তোমার জানা নেই। আমার নিষ্ঠুরতার মধ্যেও আছে সৃষ্টি। আমার হৃদয়হীন খেলার মধ্যেও আছে দেবতার লীলা। পারো তো প্রশংসা করো আমার শক্তির। কিন্তু না জেনে কার্লের শক্তি আর ক্ষমতার অপমান করো না!
: কার্ল!
ইমতিয়াজ বলল : আপনি নিজের শক্তি আর ক্ষমতা নিয়ে যত আত্মতৃপ্তিই লাভ করুন আমি বলছি, আপনার সীমা আপনি নিজেই। মনে রাখবেন, আপনার নিষ্ঠুরতার, মানুষের জীবন নিয়ে এই সাঙ্ঘাতিক খেলার প্রায়শ্চিত্ত আপনাকে করতেই হবে। আর সেদিনের খুব বেশি দেরি নেই।
: বটে!
কার্ল তেমনি শ্লেষাত্মক গলায় বলল : প্রায়শ্চিত্ত করতে হবে আমাকে? কে দেবে আমাকে আমার পাপের দণ্ড? আমার অপরাধের শাস্তি? তুমি? যুবক, তোমাকে কেন জানি না বড় বেশী আত্ম-বিশ্বাসী মনে হচ্ছে। এই আত্ম-বিশ্বাসের অর্থ কি জানো?
এক মুহূর্ত স্থির হল কার্লের গলা। তারপর বলল : শোনো ইমতিয়াজ, টমাসকে অন্ধ করার কি শাস্তি তোমাকে দিচ্ছি, শুনে রাখো! টমাসকে হারিয়ে আমি খানিকটা অসুবিধেয় পড়েছি এটা সত্যি। কারণ এই রাক্ষুসে দ্বীপে দেবতা কার্লের একজন চমৎকার ট্রেনিং দেওয়া নর-খাদকের খুবই দরকার। সুতরাং টমাসকে হারিয়ে আমি ঠিক করেছি টমাসের অবর্তমানে তুমিই পূরণ করবে সেই স্থান! তোমাকে আমি টমাসের মতই একজন চমৎকার নর-খাদক হিসাবে তৈরী করব।
অট্টহাস্য করে উঠল কার্ল। বলতে লাগল : আর নর-খাদক হিসেবে কতখানি আদর্শ তুমি তা পরীক্ষা করব তোমারই সঙ্গীদের দিয়ে। টমাস যেমন তারই নিজের পাঁচ বছরের কচি মেয়েটার মাথা চিবিয়ে চিবিয়ে খেয়েছিল, আমি চাই তুমিও সেরকম অবলীলাক্রমে তোমার সঙ্গীদের মাথাগুলি চিবিয়ে খাবে!
অট্টহাস্যে ফেটে পড়ল কার্ল। স্তব্ধ হয়ে গেল জাহেদ, রেহানা আর আসাদ। সেন আম্পালা আর তার সঙ্গী কাঁপতে লাগল ভয়ে। শুধু ইরাবতীর মুখেই কোন রকম ভাবান্তর দেখা গেল না। সে দেয়ালে পিঠ দিয়ে দাঁড়িয়ে অবাক চোখে কার্লকে দেখছিল। সমস্ত বোধশক্তি হারিয়ে ফেলেছিল সে।
ইমতিয়াজ তেমনি নিশ্চল দাঁড়িয়ে আছে। সে তাকিয়ে দেখছিল, কার্লের নিষ্ঠুর অথচ আশ্চর্য প্রতিভা-দীপ্ত মুখটি। সে লক্ষ্য করছিল যে কাচের খাঁচাটার ভেতর দেখা যাচ্ছে কার্লের মুখ সে খাঁচাটা সামান্য দুলছে। মাঝে-মধ্যে কাচ ঝাপসা হয়ে যাচ্ছে। আবার পরিষ্কার হয়ে যাচ্ছে কাঁচ, দুলুনিটাও থেমে যাচ্ছে।
অট্টহাসি থামিয়ে কার্ল বলল : আমার আগের শাস্তি আমি ফিরিয়ে নিলাম যুবক। সাধারণতঃ এরকম কখনো হয় না। আমার দেওয়া শাস্তি আমি ফিরিয়ে নিই না। কিন্তু তোমার বেলায় অভাবিতপূর্ব এক ঘটনা ঘটেছে। নর-খাদক টমাসকে তুমি পরাজিত করেছ! এটা কোন মানুষকে দিয়ে এভাবে কখনো সম্ভব তা ভাবি নি। এবারে যখন নর-খাদক তৈরী করব, তখন তার চোখ দু’টি আর মানুষের রাখব না। সে চোখ হবে দৃষ্টিশক্তি সম্পন্ন স্ফটিকের। হ্যাঁ, যুবক, আমার শক্তিতে সেও সম্ভব। তুমি আমাকে আমার পরিকল্পনার ভুল দেখিয়ে দিয়েছ। অভাবিত এক ঘটনা ঘটিয়েছ তুমি!
সুতরাং আমার আগের দেওয়া শাস্তি আমাকে বাধ্য হয়েই ফিরিয়ে নিতে হচ্ছে। কথা দিচ্ছি, এরকম মানবিক ভুল দ্বিতীয়বার আর হবে না।
গম্ভীর, থমথমে হয়ে উঠল কার্লের মুখ। বজ্র-নির্ঘোষে বলল : তোমরা আপাততঃ মুক্ত। আমার এই সু-রঙ্গের দেশে অবাধে ঘুরতে পারো কিছুদিন। কিছুরই অভাব নেই আমার এই সু-রঙ্গের দেশে। যা চাও তা-ই পাবে। ভাল খাওয়া, বিশ্রামের আয়োজন, ভোগ বিলাস ইঙ্গিতমাত্র পাবে। শুধু মনে রেখ, এই সু-রঙ্গের দেশে অসংখ্য চোখ দেয়ালের গোপন থেকে পাহারা দিচ্ছে তোমাদের। আমার ইচ্ছার কাছে তোমরা খেলার পুতুল। এটুকু বুদ্ধিমানের মত মনে রাখতে পারলেই বলব, তোমরা কাণ্ডজ্ঞান হারাও নি।
স্পষ্ট উত্তর ভেসে এল ইমতিয়াজের কণ্ঠস্বর থেকে : ডঃ কার্ল! আপনার দিন ফুরিয়ে এসেছে। তৈরী হোন!
কার্ল সেকথা শুনে হাসতে লাগল উন্মাদের মত। ধীরে ধীরে ঝাপসা হয়ে এল কাঁচ। মুছে গেল দেয়াল থেকে গর্তের চিহ্ন। হারিয়ে গেল বৈজ্ঞানিক কার্লের মুর্খ।
জীবন-ভয় মানুষের মধ্যে আমূল পরিবর্তন বয়ে আনতে পারে, অন্ততঃ সেন আম্পালাকে দেখে তাই মনে হচ্ছিল। ইমতিয়াজের পদ-প্রান্তে পড়ে সে কৃত-কর্মের জন্যে অধীরভাবে ক্ষমা প্রার্থনা করল। বলল : যদি কোনরকমে বেঁচে যাই তাহলে আজীবন আপনার গোলাম হয়ে থাকব, ডঃ আলী। আর যদি মরতে হয় ঐ শয়তান কার্লের হাতে, তাহলে একসাথেই মরব। শুধু এটুকু আশ্বাস দিন, আমাকে দয়া করে ক্ষমা করেছেন।
ইমতিয়াজের কোন ভাবান্তর দেখা গেল না। ইরাবতী এখনও অপ্রকৃতিস্থ! সেন আম্পালাকে ইমতিয়াজের পদ প্রান্তে পড়ে থাকতে দেখে সে কি ভাবল সেই জানে, খিলখিল করে হাসতে লাগল।
সেন আম্পালা অধীর হয়ে বলতে লাগল : ডঃ আলী, ডঃ আলী, দয়া করে ক্ষমা করুন।
জিপ্পি বলল : সেন আম্পালা, সাপের বিষ দাঁত তুলে না দিলে সে সুযোগ পেলে আবার কামড়ায়।
জাহেদ বলল : আর যে সাপ বিপদে পড়ে মাথা নোয়ায় তাকে দেখে তেমন দয়াও হয় না। হাজার হোক সাপ তো? বিশ্বেস করুন, আপনাকে দেখে আমার কুমার স্বামীর কথা মনে পড়ছে।
রেহানা বলল : ইন্দুমতীর কথা মনে পড়ছে।
ইরাবতী আবার খিলখিল করে হেসে উঠল। বলল : ঐ লোকটা ওরকম করছে কেন গো? কি হয়েছে ওর? ওর হাতে কি পিস্তলটা নেই, দু’ফলা ছোরাটা নেই? সেই যে আমাকে ইন্দুমতীর মত মারতে এসেছিল। মেয়েদের নাকি ওভাবেই মারতে ভাল লাগে ওর। ইন্দুমতীকে ওভাবেই মেরেছিল।
ইমতিয়াজ তাকায় জাহেদ, আসাদ, রেহানার দিকে। মুহুর্তেই ইমতিয়াজের কথা বুঝতে পারে ওরা। ইমতিয়াজ তার বিশাল দুই চোখের ভাষা দিয়ে ওদের বলল—মানুষকে বিশ্বেস করে কোন পাপ নেই! মানুষকে ঘৃণা করে কোন পুণ্য নেই! ইমতিয়াজ যেন বলছিল, আমরা এই যে সহজ-সুখের বিশ্রাম ছেড়ে বিপদের মুখে বেরিয়ে পড়েছি সে তো মানুষের মহত্ত্বকে আবিষ্কার করার জন্যেই, নিজেদের আকাশের মতো বিশাল সীমানায় উপলব্ধি করার জন্যেই। ওরা বুঝল, ইমতিয়াজের চোখ বলছে, আমরা স্বচ্ছন্দে আমাদের হিংস্রতম শত্রুকে বিশ্বেস করব। ক্রিমিন্যালদের সাথে এখানেই স্বাভাবিক মানুষের পার্থক্য?
জিপ্পি আসাদ বলল : উঠে দাঁড়ান, সেন আম্পালা। আপনি আমাদের বন্ধু! এই মুহূর্ত থেকে আমরা সুখে-দুঃখে এক, অভিন্ন। আমাদেরও আপনি বন্ধু হিসেবে গ্রহণ করুন।
সেন আম্পালা উঠে দাঁড়াল। তার দু’চোখ সজল হয়ে উঠল। ধরা গলায় বলল : আমি আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ। আমার অতীত কার্যকলাপের জন্যে আমি নিদারুণভাবে অনুতপ্ত। আমাকে মানুষের মতো বাঁচার সুযোগ দিলেন, তার জন্যে কৃতজ্ঞতা জানাবার ভাষা আমার নেই।
বিচিত্র এক পরিবেশে একটা দিন, একটা রাত কাটল ওদের।
মৃত নগরীর কোন বাড়ীতেই মানুষের চিহ্নমাত্র নেই। কিন্তু প্রতিটি বাড়িতেই মানুষের জীবন ধারণের প্রতিটি আয়োজন নিখুঁত ভাবে সাজানো আছে।
প্রতিটি বাড়ীতেই সাজানো কক্ষ।
শোবার ঘর।
ডাইনিং টেবিল।
স্নান-ঘর।
ডাইনিং টেবিলে সাজানো রয়েছে নানা রকমের খাবার। তাজা ফলমূল। ছুরি-কাঁটা-চামচ সব রয়েছে হাতের কাছে। সবটাই ভৌতিক ব্যাপার।
রূপ-কথার রাজ্যেও এতখানি অসম্ভব ব্যাপার ঘটতে পারে না। ওরা মৃত-নগরীর রাস্তায় রাস্তায় ঘুরল। দেখল, সূর্য নির্মেঘ আকাশে জ্বলছে। নীচে জন-মানবহীন মৃত-নগরী দাঁড়িয়ে আছে বিশাল নির্জনতার ভেতর।
এই নগরের আকাশে কোন পাখী নেই। নগরের গাছ পালায় হাওয়ার দাপাদাপি নেই।
শুধু রাস্তার দু’পাশে পাথর দিয়ে তৈরী প্রাসাদের মতো বাড়ী। বাড়ীগুলোর সামনে বিস্তৃত অঙ্গন। রাস্তার মোড়ে মোড়ে চৌবাচ্চা। কোথাও অচেনা অজানা সবুজ-শ্যামল গাছ-পালা বা ঝোপ-ঝাড় দাঁড়িয়ে আছে।
চারদিকে একটা সুক্ষ্ম বাষ্প উড়ছে আকাশের দিকে। সুক্ষ্ম, নীল ধোঁয়া। এই ভৌতিক নির্জনতা, নিথর প্রাসাদ, মৃত পথ-ঘাট, স্তব্ধ গাছ-পালা দেখে হঠাৎ উন্মাদের মত চেঁচিয়ে উঠতে ইচ্ছে হয়।
যেন সবটাই চরম দুঃস্বপ্ন। সবটাই চোখের ভুল।
কিন্তু একটা দিন, একটা রাত কাটিয়ে ওরা এই ভয়াবহতাকেই চরম বাস্তব বলে মেনে নিল। আপাততঃ কার্লের সাক্ষাৎ বন্দীত্বের ফাঁদের ভেতর আটকে নেই ওরা। যে কারণেই হোক কার্ল ওদের ছেড়ে দিয়েছে মৃত-নগরীর মুক্ত পরিবেশে। ভবিষ্যতে কি ওর ইচ্ছা তা ও-ই জানে। ওরা বুঝল, বাস্তব যত নিৰ্মমই হোক, যত ভয়াবহ হোক, এরই ভেতরে বাঁচার চেষ্টা চালিয়ে যেতে হবে।
রাতে ওরা কেউ ঘুমোতে পারে নি। এমনকি ইরাবতীও নয়। ইরাবতী ভয়ানক মানসিক আঘাতে মুষড়ে পড়েছে। প্রলাপ বকছে মাঝে মাঝে। কখনো খিলখিল করে হাসছে। রেহানার উপরে ইরাবতীর শুশ্রূষার ভার পড়েছে। রেহানা সারারাত ওকে সেবা করেছে। ঘুমোবার চেষ্টা করেছে বাকী সবাই। কিন্তু ঘুম হয় নি কারু। ইমতিয়াজ স্থির, শান্ত, নিশ্চল। গভীর চিন্তায় মগ্ন। সেন আম্পালা ঠিক তার বিপরীত। সে অস্থির, ভীত! মৃত-নগরীর চার দেয়ালের ভেতর শুয়ে সে বিশ্বেস করতে পারছে না কিছু। তার মনে হচ্ছে, যদি চার দেয়াল ফুঁড়ে বেরিয়ে আসে কার্লের বন্দী প্রজারা? যদি ঘুমে আচ্ছন্নতার ভেতর আক্রমণ করে রহস্যময় সেই লোকগুলি?
ঘুমোতে পারে নি জাহেদ এবং জিপ্পি আসাদ। জাহেদ গভীর মনোযোগের সাথে প্রাসাদের প্রতিটি পাথর পরীক্ষা করেছে। মেঝেয় রঙিন পাথর দিয়ে আঁক কষেছে সর্বক্ষণ। জিপ্পি আসাদ সহযোগিতা করেছে তাকে।
ঘুম নয়, বাঁচার চেষ্টা পেয়ে বসেছে সবাইকে। মৃত্যুর আশঙ্কা নিয়ে ঘুমানো সহজ ব্যাপার নয়! ওরা কেউ, এমনকি ইরাবতী পর্যন্ত সারারাত ঘুমোতে পারে নি।
এভাবেই রাতটা কাটল। ভোরের আলো ফোটার সাথে সাথেই ইমতিয়াজ তার নিশ্চল, নিশ্চুপ ধ্যান থেকে জেগে উঠল। চিরাচরিত নিয়মে দু’ঘণ্টা ব্যায়াম করল। ব্যায়ামের নিজস্ব একটা রীতি আছে তার। প্রতিটি স্নায়ু-কেন্দ্রের উপর সে দখল রাখত পারে। প্রথমে সমস্ত চেতনাকে সে পাঠিয়ে দেয় অবচেতনে, শারীরিক শক্তি একত্রিত করে নিঃশ্বাস আটকে রাখে একটা বিশেষ সময় পর্যন্ত, তারপর ধীরে ধীরে চোখ মেলে তাকায়, হাতের, পায়ের এবং শরীরের মূল রক্ত-প্রবাহে সঞ্চারিত করে উত্তেজনা। উত্তেজনা বিশেষ পর্যায়ে উঠলেই নিয়ন্ত্রিত করে নিঃশ্বাস। আবার ফিরে আসে সহজ নিঃশ্বাস-প্রশ্বাসের পর্যায়ে। এই ভাবে দু’ঘণ্টা যোগব্যায়ামে সে শরীরের গ্লানি, ক্লান্তি চিন্তার ছায়া দূর করে। সতেজ জীবনী-শক্তি সঞ্চার করে রক্তের প্রতিটি কোষে কোষে! মীর্জা মুহম্মদ, তার বাবা, তাকে এই যোগাভ্যাসটি শিখিয়েছিলেন ছোট বেলা থেকে। এই যোগ-ব্যায়ামে প্রতিটি ইন্দ্রিয় সহস্ৰ গুণে তীব্র ও তীক্ষ্ম হয়ে ওঠে। যে কোন সাধারণ মানুষকে এই যোগ ব্যায়াম সুপার-ম্যান করে তুলতে পারে। কথাটা অবিশ্বাস্য হলেও সত্যি যে, নিয়মমত এই যোগ-ব্যায়ামের দরুণ ইমতিয়াজ অন্ধকারে দেখতে পায়, সাধারণ মানুষের কাছে যা অস্পষ্ট বা দুর্বোধ্য তা স্পষ্ট শুনতে পায়, সাধারণ মানুষের শক্তিতে যা অসম্ভব দৈহিক শক্তিতে ইমতিয়াজ তাই করতে পারে।
দু’ঘণ্টা ব্যায়ামের পর সতেজ জীবনী-শক্তি নিয়ে ভোরের মুখোমুখি হল। দেখল, একটু দূরে সেন আম্পালা এবং তার সঙ্গীটি সপ্রশংস দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে আর জাহেদ এবং জিপ্পি আসাদ নিবিষ্ট মনে মেঝেয় কি যেন আঁকছে।
রেহানা এবং ইরাবতী পাশের ঘরে।
ভোরের মুখোমুখি প্রসন্ন হয়ে উঠল ইমতিয়াজের চোখ-মুখ। খোলা অঙ্গনে সে পায়চারি করল কিছুক্ষণ। সাড়া দিয়ে তার সাথে যোগ দিল জিপ্পি আসাদ এবং জাহেদ।
জাহেদের চোখে কি যেন এক আবিষ্কারের আনন্দ। মৃদু হাসি ফুটে উঠল ইমতিয়াজের চোখে। সে জাহেদের দিকে তাকালে জাহেদ মাথা ঝাঁকাল বার কয়েক।
ইমতিয়াজ তর্জনীটা সামান্য কামড়াল। উত্তরে জাহেদ দু’হাত উল্টো করে হাতের উল্টো পিঠ দেখাল।
এক বিচিত্র সাঙ্কেতিক ভাষা এটা। তর্জনী সামান্য দংশন করার অর্থঃ ব্যাপারটা খুলে বল। হাত উল্টো করে দেখানোর অর্থ : দেখাচ্ছি, কিন্তু ব্যাপারটা পানির মতো পরিষ্কার।
তিন বন্ধুর ভেতরে সাঙ্কেতিক ভাষায় কথাবার্তা হল। জাহেদ জানাল, এই নগরের দেয়ালগুলির সব ক’টাই ফাঁপা নয়। কিছু কিছু দেয়াল আছে, যার ভেতরে সুরঙ্গ নেই। সুরঙ্গ রয়েছে দেয়ালের পশ্চিম দিকে। বাকী তিনটি দেয়াল রহস্যহীন অর্থাৎ শুধুই দেয়াল।
ইমতিয়াজ বললঃ কি করে বুঝলে?
: অতি সহজে,
জাহেদ জানায় : সারা রাতে আমি সব ক’টা দেয়ালের সাউন্ডওয়েভ নিয়েছি। টেপ থাকলে আমার পরীক্ষা নিখুঁত হত, তা সত্ত্বেও কান দিয়ে যতটুকু বুঝেছি তাতে আমার ধারণা যে শতকরা নব্বই ভাগ সত্যি এ বিষয়ে আমার নিজের কোন সন্দেহ নেই। এ বাড়ীর প্রায় সব ক’টা দেয়াল ঠুকে ঠুকে পরীক্ষা করে আমার ধারণা হয়েছে—মৃত শহরে মোটামুটি দু’রকমের দেয়াল আছে, সুরঙ্গময় দেয়াল, আর সুরঙ্গহীন দেয়াল। সাউন্ড-ওয়েভে আরও ধরা পড়েছে, সুড়ঙ্গময় দেয়াল সব ক’টাই পশ্চিমের দিকে অর্থাৎ একটা মাত্ৰ বেইজ এ বা অবস্থানে। এর অর্থ হলো, কার্ল কোন্ রহস্য-নিকেতনে বাস করে তা পশ্চিম-সারি দেয়াল ধরে এগোতে থাকলে এবং সময়ে কুলোলে তা হয়ত জানা অসম্ভব হবে না। আর একটা কথা হলো, আমাদের বাঁচবার পথ পূর্বদিকে, উত্তর দিকে; দক্ষিণ দিকে। হয়ত কার্ল নিজেকে যতটা ক্ষমতাশালী রূপে জাহির করছে ততটা ক্ষমতাশালী সে নয়। চেষ্টা করলে টমাসের চোখের মত কার্লের দুর্বলতার ক্ষেত্রও আবিষ্কার করা সম্ভব হবে।
ইমতিয়াজ নিঃশব্দে হাসল। জিজ্ঞেস করল : আমরা যদি পরীক্ষা করতে করতে এগোই এবং যদি সময়ে কুলোয় তাহলে সুরঙ্গ-হীন কোনো দেয়ালের ঘর পাবো?
: আমার পরীক্ষা তাই বলছে। আমার ধারণা হচ্ছে, চেষ্টা করলে এই মৃত-নগরীতে আমরা এমন প্রাসাদ বা কক্ষ পেতে পারি যেখানে কার্লের রাজত্ব নেই। সুরঙ্গ নির্মিত হয় নি সেসব প্রাসাদের দেয়ালে। সে ধরনের প্রাসাদে আমরা কার্লের হাত থেকে নিশ্চিতই বেঁচে যেতে পারি।
খুশী হয়ে উঠল ইমতিয়াজের চোখ দু’টি। সাঙ্কেতিক ভাষায় হাতের তালু প্রসারিত করল সেরকম নিঃশব্দ সে, যার অর্থ : প্রিয় জাহেদ, তোমার ধারণা সত্যি হলে সেটা হবে অত্যন্ত দামী আবিষ্কার। বলো, এই তথ্য দেয়ার জন্যে কি পুরস্কার চাও?
জাহেদ একটা সহজ মুদ্রা দেখায়। পেট আগে নাস্তাটা সেরে নেওয়ার আদেশ দাও, সে বলল : আর পারছি না! এতক্ষণ উত্তেজনার উপর ছিলাম, এখন পেট বাবাজী কুলহু আল্লাহ পড়ছে।
তিন
টেবিলে সাজানো রয়েছে খাবার।
সবাই যে যার খুশীমতো খাবার তুলে নিল টেবিল থেকে।
জিপ্পি রসিকতা করতে ছাড়ল না : জাহেদ, একটু কম-সম খাও। হয়ত খাবার পরেই কার্ল ব্যাটা ভেসে উঠবে দেয়ালের কাঁচে। বলবে—যুবকেরা, এখন তোমরা এক টানা দু’ঘণ্টা দৌড়বে, আমার হুকুম!
সামুদ্রিক একটা মাছের চপ খেতে খেতে জাহেদ উদাসভাবে বলে : সত্যি যা বলেছ, ব্যাটার অসাধ্য কিছু নেই। এই তোকে বলে রাখলাম জিপ্পি, বাগে পেলে ব্যাটাকে আমি আচ্ছা শিক্ষা দেব। বাঙালী স্টাইলে ব্যাটার পেটের চামড়া ধরে এমন রাম-টান লাগাব যে কাঁদতে কুল পাবে না। কিন্তু অবস্থা যা দেখছি তাতে মনে হচ্ছে, কান্নাকাটির পালা আমাদেরই আসছে।
: আমাদের না, তোমার?
রেহানা ফোঁড়ন কাটে : আমরা কাঁদতে জানি না। ওটা তোমার একচেটে...।
জাহেদ তেমন রাগ করল না রেহানার ঠাট্টায়। বলল : আমিও কাঁদব না। মান-সম্মানের একটা প্রশ্ন আছে তো? ভাবছি, কান্না পেলে চোখ-কান বুজে বক্তৃতা দিতে শুরু করব। তখন দেখো, আমার বক্তৃতার চোটে কার্ল ব্যাটাই হিমসিম খেয়ে যাবে।
ওরা সবাই কথা বলছিল অনেকদিন পর আগের সহজ বন্ধুত্বের সুরে। এক সময় নজরে পড়ল, ইমতিয়াজ নেই। ইমতিয়াজ কখন বেরিয়ে পড়েছে খাবার টেবিল থেকে সকলের অজান্তে। ওরা তেমন ভাবিত হল না। কারণ ওরা জানে, এটাই ইমতিয়াজের স্বভাব। কথার চেয়ে ইমতিয়াজ বরাবরই কাজ ভালবাসে এবং সব কাজই সে করে নিঃশব্দে।
দক্ষিণ-পূর্ব এশিয়ার ভয়ানক সূর্য জ্বলছিল মাথার উপর। চারদিক খাঁ খাঁ করছে। জ্বলন্ত সূর্যের প্রখর তাপে তপ্ত হয়ে উঠেছে পাষাণ-পুরীর হৃদয়। হল্কা ছড়াচ্ছে নিঃশব্দে নিস্তরঙ্গ বাতাস। ইমতিয়াজ ছোট একটা গলি ধরে এগিয়ে চলেছে উত্তর দিকে। তার বিশাল শরীরে স্বাস্থ্য আর শ্রী দুই-ই ঝলমল করছে।
ঘণ্টা-দুয়েক সে নিঃশব্দে এগোল। মাঝে মাঝে সে থমকে দাঁড়াল। এদিক-ওদিক দেখল। বুঝা গেল, সে কোনো একটা চিহ্ন খুঁজছে পাষাণপুরীর কোথাও। এটাও বুঝা গেল, সে তার ভাবনা সম্পর্কে নিশ্চিত হতে পারছে না।
ঘণ্টা দুয়েক পথ অতিক্রম করে সে একটা প্রাসাদের বাইরের সিঁড়ি ধরে উপরে ছাতে উঠে গেল। ছাতে দাঁড়িয়ে তীক্ষ্ম চোখে সে নিরীক্ষণ করতে লাগল চারদিক। হঠাৎ তার দৃষ্টি প্রসন্ন হয়ে উঠল। সে দেখল, আশি-নব্বই গজ দূরে টলমল করছে নীল জলরাশি। জলরাশি বিস্তৃত হয়ে চলে গেছে দিগন্তের দিকে। শূন্য দিগন্ত কাঁপছে ঝিলিমিলি রেখায়।
সে নেমে এলো ছাত থেকে। নীল জলরাশির উদ্দেশ্যে এগিয়ে চলল। এটাই সবুজ সরোবর। ওখানেই কার্ল তার সমস্ত রহস্য লুকিয়ে রেখেছে। সবুজ সরোবরের নীচেই রয়েছে কার্লের সৃষ্টির জগৎ। বৈজ্ঞানিক কার্ল কি করে একশ’-এক-দেবতায় রূপান্তরিত হল, কি করে মৃত-নগরী আর রাক্ষুসে দ্বীপের আদি-বাসীদের বশ করল, কি ভাবে মৃত-নগরীকে সুরঙ্গ-নিকেতনে পরিণত করল, সব কিছুরই রহস্য লুকিয়ে আছে সবুজ সরোবরের অতলে।
অবশ্য এসবই ইমতিয়াজের অনুমান। কার্ল নিজেও দু’-একবার তার শক্তি-নিকেতনের উল্লেখ করতে গিয়ে সবুজ সরোবরের কথা উল্লেখ করেছে। হয়ত ইমতিয়াজ যা ভাবছে সবই সত্যি। সব অনুমানই অটুট বাস্তব। কিন্তু যতক্ষণ সবুজ সরোবরের অতলে প্রবেশ করতে না পারছে ততক্ষণ এসবই অনুমান, সবই মস্তিষ্ক-প্রসূত কল্পনা।
সবুজ সরোবরের কিনারায় এসে দাঁড়ায় ইমতিয়াজ। এ ঠিক যেন একখণ্ড নীলা কাঁচ ঝিলমিল করছে সূর্যের আলোয়। কোন তরঙ্গ নেই, কোন বিক্ষোভ নেই সবুজ সরোবরের জলে।
ইমতিয়াজের সবুজ সরোবরের তীরেই তৈরী হয়েছিল মৃত-নগরী। মনে পড়ল, জীব-তত্ত্বের বিখ্যাত পণ্ডিত উইলিয়াম হান্টারের গবেষণার কথা। অক্সফোর্ডে হান্টার ছিলেন জীব-তত্ত্বের অধ্যাপক, ইমতিয়াজ ছিল তাঁর প্রিয় ছাত্র। হান্টার গবেষণা কাজে সারা পৃথিবী ঘুরেছেন। তিনি বলতেন, সভ্যতা বার বার উৎকর্ষের চরমে গিয়ে পৌঁছেছে, তারপর এমন একটা ধ্বংস নেমে এসেছে যাতে সেই সভ্যতা নিশ্চিহ্ন হয়ে গেছে। এইভাবে পৃথিবী বার বার ভেঙেছে, গড়েছে, এক সভ্যতার ধ্বংসের উপর গড়ে উঠেছে নবতর সভ্যতা। কিন্তু সভ্যতার কোন ধ্বংসই সম্পূর্ণ মুছে যায় নি। কোন না কোন ভাবে সেই সভ্যতার অবশেষ মৃত্তিকার নীচে, অথবা সমুদ্রের তলদেশে ফসিলের মতো বেঁচে আছে। হান্টার বলতেন, এমন সভ্যতাও আছে যা লোকচক্ষুর অন্তরালে চরম উৎকর্ষ নিয়ে অটুট। এমনি এক সভ্যতা রয়েছে মৃত-নগরীর সবুজ সরোবরে। হান্টার দীর্ঘদিন দক্ষিণ-পূর্ব এশিয়ার নানা দেশে গবেষণা করেছেন। মৃত-নগরীর সন্ধান তিনি ও পান নি। কিন্তু তাঁর বিশ্বাস ছিল, খ্রীষ্টের জন্মের হাজার হাজার বছর আগে দক্ষিণ-পূর্ব এশিয়ায় যে মানব-গোষ্ঠী বিজ্ঞানে আর কারিগরি বিদ্যায় চরম উৎকর্ষ লাভ করেছিল, যাদের বৈজ্ঞানিক আর কারিগরী সমৃদ্ধির তুলনায় বিশ শতকের পাশ্চাত্য সভ্যতা তুচ্ছ বৈ কিছু নয়। সেই মানব-গোষ্ঠীর কেউ কেউ এখনও বেঁচে আছে মৃত নগরীর সবুজ সরোবরের নীচে। সেই মানব-গোষ্ঠী নাকি অমিত তেজ, ঈশ্বরের মত ক্ষমতাশীল আর অমর।
উইলিয়াম হান্টার তাঁর এই থিয়োরী প্রমাণ করার সুযোগ পান নি। তার আগেই মৃত্যু তাঁকে গ্রাস করেছিল। যদি তিনি তার থিয়োরী প্রমাণ করে রেখে যেতে পারতেন তাহলে হয়ত বিশ্বে একটা বড় বৈজ্ঞানিক বিপব ঘটে যেত।
ইমতিয়াজ রহস্যময় সবুজ সরোবরের তীরে দাঁড়িয়ে তার শ্রদ্ধেয় অধ্যাপকের কথা স্মরণ করল। হয়ত কার্ল সেই অমিত তেজ, ঈশ্বরের মত ক্ষমতাশালী আর অমর মানব-গোষ্ঠীর সাহচর্যে এসেছে। হয়ত তাদেরই সাহায্যে মৃত-নগরীকে সে পরিণত করেছে ভৌতিক জগতে।
সবুজ সরোবরের রহস্যের কিনারা করতে পারলেই সব কিছুর উদ্ধার সম্ভব হবে। সবুজ সরোবরের তীরে দাঁড়িয়ে ইমতিয়াজ দিগন্তের সুদূরে তাকিয়ে রইল।
হঠাৎ একরকমের চাপা গোঙানির আওয়াজে চকিতে পিছন ফিরল ইমতিয়াজ আর অবাক হয়ে গেল। দু’-চোখকে সে বিশ্বাস করতে পারল না। দেখল, হাত বিশেক দূরে দাঁড়িয়ে আছে ভয়ে জড়সড় এক রমণী-মূর্তি। বয়সের ভারে নুয়ে পড়েছে সেই রমণী, বার্ধক্যের চিহ্ন তার শরীরে। পরনে স্কার্ট, কিন্তু গায়ের রং বাদামি, ঝলসানো। প্রাচ্য দেশীয় মহিলা, কোন সন্দেহ রইলো না ইমতিয়াজের। এ বিষয়েও সন্দেহ রইল না, ইমতিয়াজকে দেখে সেই বৃদ্ধা রমণী ভয়ে, আতঙ্কে কাঠ হয়ে গেছে। চাপা গোঙানি বোরোচ্ছে তার কণ্ঠ চিরে।
ইমতিয়াজ বিস্ময়ের ধকল সামলে নিয়ে দৌড়ে এগিয়ে যায় রমণীর দিকে। রমণী ইমতিয়াজকে দৌড়ে আসতে দেখে প্রাণ-ভয়ে আরো চেঁচিয়ে ওঠে। সম্বিত ফিরে পেয়ে সেও প্রাণপণে দৌড় লাগায়। মৃত-নগরী আর সবুজ সরোবরের তীরের মাঝখানে বেশ খানিকটা জায়গা ফাঁকা।
রমণী সেই ফাঁকা জায়গা ধরেই দৌড়ুতে থাকে। ইমতিয়াজ তাকে অনায়াসে অতিক্রম করে ধরে ফেলে। ইমতিয়াজের বলিষ্ঠ বাহুর ভেতরে আটকা পড়ে বৃদ্ধা রমণী ঠকঠক কাঁপতে থাকে। ঠিক এসময় আবির্ভূত হয় মাটি ফুঁড়ে দৈত্য-সদৃশ এক ব্যক্তি! যেমন দীর্ঘকায় তেমনি বলিষ্ঠ। মৃত-নগরীর আদি-বাসীদের চেয়েও দীর্ঘকায় আর বলিষ্ঠ গড়ন।
ইমতিয়াজ বৃদ্ধা রমণীকে ছেড়ে দেয়। সেই দৈত্যাকার ব্যক্তিটি ধীর পদক্ষেপে এগিয়ে আসে ইমতিয়াজের দিকে। ইমতিয়াজকে তার তুলনায় দুর্বল শিশুর মত লাগছিল। মুখোমুখি হবার পর ইমতিয়াজ অপেক্ষা করতে লাগল তীব্র এক আঘাতের। কিন্তু দীর্ঘকায়, বলিষ্ঠ ব্যক্তিটি তাকে দেখে যেন কৌতূহলী হয়ে উঠল। দুর্বোধ্য এক ভাষায় কিছু একটা বলল সে ইমতিয়াজের উদ্দেশ্যে। ইমতিয়াজ কিছুই বুঝল না।
দীর্ঘকায় ব্যক্তিটি আবার কিছু বলল। স্পষ্ট উত্তেজনায় তার চোখ-মুখ অস্থির দেখাচ্ছে। ইমতিয়াজ কিছু বুঝতে পারল না দেখে সে অবলীলাক্রমে ইমতিয়াজকে পাঁজাকোলা করে তুলে নিল। ইমতিয়াজ বাধা দিল না, কারণ বাধা দেওয়ার উপায় বা সঙ্গতি ছিল না তার। অসহায়ভাবে সে অপেক্ষা করতে লাগল পতন বা মৃত্যুর জন্যে।
দীর্ঘকায় ব্যক্তিটি ইমতিয়াজকে পাঁজাকোলা করে তুলে বৃদ্ধা রমনীকে সেই রকম দুর্বোধ্য ভাষায় কি একটা বলল। রমণী চলতে লাগল আগে আগে। দীর্ঘকায় ব্যক্তিটি অনুসরণ করতে লাগল রমণীকে।
সবুজ সরোবরের তীর ধরে এগিয়ে চলল ওরা। নিশ্চল, অসহায় ইমতিয়াজ অনুভব করল, দীর্ঘকায় দৈত্য-সদৃশ ব্যক্তিটির শরীরে রয়েছে সূক্ষ্ম শেওলার গন্ধ। শরীরের চামড়া মসৃণ, চকচকে। সাপের শরীরের মত বিষ-শীতল তার শরীর।
কিছুদূর এগোতেই কয়েক সারি গুল্মলতার ঝোপ-ঝাড় দেখা গেল। গুল্মলতার ঝোপঝাড়গুলো ঠিক জলের কিনারায় দাঁড়িয়ে আছে। বৃদ্ধা রমণী অবলীলাক্রমে প্রবেশ করল সেই গুল্মলতার ঝোপ-ঝাড়ে। দৈত্যাকার ব্যক্তিটি তাকে অনুসরণ করল।
কৌতূহলে উন্মুখ হয়ে উঠল ইমতিয়াজের চোখ দু’টি। যতটুকু ঘুরিয়ে দেখা সম্ভব সেভাবে সে দেখল জলের কিনারায় লুকোনো রয়েছে গোলাকৃতি একটা বোট। ওরা সেই বোটে উঠল। অতি সাবধানে তাকে নামিয়ে দেওয়া হল বোটের উপর। তাকে বোটে নামিয়ে দিয়ে সেই দৈত্যাকার ব্যক্তিটি কি যেন বলল সেই বৃদ্ধা রমণীকে। রমণীর চোখ-মুখ থেকে ভয়-আতঙ্কের চিহ্ন সম্পূর্ণ দূর হয় নি। সে দৈত্যাকার ব্যক্তিটির কথার জবাবে সেই রকম দুর্বোধ্য ভাষায় কি একটা বলল। মাথা নেড়ে চলে গেল দৈত্যাকার ব্যক্তিটি।
সেই রমণী তখন স্থির হয়ে বসল। ইমতিয়াজ ততক্ষণে বোটের উপর উঠে বসেছে। সে দেখল, বোটের দুই প্রান্ত ধীরে ধীরে প্রসারিত হয়ে উপরে উঠে উপরে উঠে গেল। মিলে গেল দুই প্রান্ত এক সাথে। সেই রমণী বোটের একটা বাটনে হাত দিল। সম্পূর্ণ গোলাকৃতি হয়ে গেল বোটটা। তারপর সামান্য দুলে উঠল।
ইমতিয়াজ বুঝল, বোটটা নামতে শুরু করেছে সবুজ সরোবরের নীচে।
কিন্তু সবচে’ বড় রহস্য অপেক্ষা করছিল তার জন্যে। সেই রমণী বোটে বসে বিড়বিড় করে এক সময় স্পষ্ট বাংলায় বলে উঠল : কার্ল, আর কতদিন তুমি এভাবে যাতনা দিবে আমাদের!
চার
ওরা বেরিয়ে পড়ল দু’দলে বিভক্ত হয়ে।
সেন আম্পালা বলল : আমরা সেই পুরনো জায়গাটা খুঁজব, যেখানে আমি আর আমার সঙ্গীরা কিছু অস্ত্র শস্ত্র রেখেছিলাম।
জিপ্পি আসাদ বলল: আমরা খুঁজব আমাদের বোট। ইরাবতী আর ইমতিয়াজ যে বোটে করে এসেছিল এই মৃত-নগরীতে, সেই বোটে রয়েছে আমাদের জিনিস-পত্র। বোট খুঁজে পাই ভালো, নতুবা মৃত-নগরীর জীবন্ত নাগরিক হয়ে ঘুরে বেড়াব যত্রতত্র!
: কিন্তু ডঃ আলী,
সেন আম্পালা জিজ্ঞেস করে : তিনি কোথায় গেলেন?
আকাশ দেখায় জাহেদ, বলে : অন্তর্যামী জানেন।
চিন্তিত দেখায় সেন আম্পালাকে। বলে : ডঃ আলীই আমাদের ভরসা। এই মৃত-নগরীর নাগপাশ থেকে একমাত্র তিনিই আমাদেরকে মুক্ত করতে পারেন। সে ক্ষমতা আর শক্তি তার আছে। তার কোন আপদ বিপদ না হলেই হয়। ভগবান তাকে রক্ষা করুন!
সেন আম্পালা এবং তার সঙ্গী চলে গেল ওদের পুরাতন আশ্রয়ের খোঁজে। ইরাবতী, জিপ্পি আসাদ, রেহানা আর জাহেদ চলল উপকূলের উদ্দেশ্যে। ভরসা ইরাবতী, সেই তাদের পথ দেখিয়ে নিয়ে চলল।
ইরাবতী এখনও সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে নি। ওঠে নি। কিন্তু অনেকটা আত্মস্থ হয়েছে। ইমতিয়াজের চলে যাওয়ার কথা সে শুনেছে এবং এটুকু বুঝেছে, ইমতিয়াজ বিহনে এই রহস্যময় নগরীর পাষাণনির্মিত প্রাসাদে এভাবে সময় ক্ষেপণ করার কোন অর্থ নেই! বাঁচার চেষ্টা শেষমুহূর্ত পর্যন্ত চালিয়ে যেতে হবে।
খানিকটা আত্মবিশ্বাসও সে ফিরে পেয়েছে। নরখাদক টমাসের হাতে অবধারিত মৃত্যু বলেই সে ধরে নিয়েছিল। সেই ভয়ঙ্কর বিপদ থেকে বেঁচে গিয়ে তার ধারণা হয়েছে, ঈশ্বর তাকে রক্ষা করবেন। মরিয়া হয়ে উঠেছে সে বাঁচার জন্যে। শুভ মুহম্মদের অ্যাডভেঞ্চারের রক্ত বইছে তার ধমনীতে, শুভ মুহম্মদের শক্তি এবং সাহসের প্রবাহ বইছে তার ঋজু-কঠিন শরীরের কোষে কোষে। ইরাবতী তার চিন্তাকে স্বচ্ছ করতে চাইল। মন থেকে সরিয়ে দিতে চেষ্টা করল সব গ্লানি, আতঙ্ক আর বিষাদের বাষ্প। মৃত-নগরীর পথ দেখিয়ে বোটে নিয়ে যাবার ভার গ্রহণ করল সে, এগিয়ে চলল সবার আগে আগে।
ইমতিয়াজের তিন বন্ধুর সান্নিধ্যে সে একটা জীবনময় চেতনা অনুভব করতে শুরু করেছে। কিছুক্ষণের মধ্যে সেও জিপ্পি আসাদ, রেহানা, আর জাহেদের সহজ-মধুর বন্ধুত্বের সাথে জড়িয়ে পড়ল।
পথ চলতে চলতে জাহেদ বলল : যদি বাংলা দেশে ফিরে যেতে পারি তাহলে কার্লের নামে একটা নেড়ী কুত্তা পুষব। উঃ, বেটা কি কষ্টটাই না দিল আমাদের! রাক্ষুসে দ্বীপে নেমে অবধি সেন আম্পালা জ্বালিয়েছে, এখন সেন আম্পালার বদলে জ্বালাচ্ছেন তিনি। আর পারি না রে ভাই। জীবন-যৌবন সব একটা গোঁয়ার ইহুদীর পাল্লায় পড়ে শেষ হবার যোগাড় হয়েছে!
রেহানা বলল : কার্ল কে এতই ভয় তোমার! ছিঃ জাহেদ, তুমি না পুরুষ মানুষ।
রাগ করে জাহেদ বলে : কার্ল ও তো তাই।
খিলখিল করে হাসে রেহানা। বলে : হ্যাঁ, কার্ল তাই বটে। কিন্তু কার্ল তো আর আমার বিবেচনায় সেই মানুষ নয়। আচ্ছা জাহেদ, তুমি কি আমার খাতিরেও কার্লের সাথে একহাত লড়ার জন্যে তৈরি হতে পারো না?
: খুব পারি।
জাহেদ বলল : কিন্তু তোমার জন্যে লড়ে কি লাভ? তুমি কি কোনদিনই আমার হবে?
: যদি হই?
: তাহলে কথা দিচ্ছি, এই মৃত-নগরী ধ্বংস করে দিয়ে, কার্ল কে ধ্বংস করে দিয়ে, বেবাক দুনিয়া উলটপালট করে দিয়ে……।
জাহেদকে থামিয়ে দেয় জিপ্পি। বলে : এ্যাই, আর বাড়িস নে। দম আটকে মারা যাবি। আর কার্ল যদি শোনে, তারই রাজত্বে পা রেখে এসব সাবভারসিভ কথাবার্তা বলছিস তাহলে ও তোর জান খেয়ে নেবে।
: আমিও ওর জান খেয়ে নেব……।
হঠাৎ জাহেদ বলে : সত্যি ব্যাটা এসব শুনছে না তো?
: নিশ্চয়ই শুনছে। ওর হল নিখুঁত ব্যবস্থা। এই মৃত নগরীতে যা কিছু ঘটছে, যা কিছু হচ্ছে, সবই কার্লের নখদর্পণে।
রেহানা বলল।
জাহেদ খানিকটা ঘাবড়ে যাবার মতো হয়ে বলে : রমণীর মোহে পড়ে কি কাণ্ডই না করে বসলাম, জিপ্পু! আমি তো ভাবছি, কার্লের কাছে সব ঘটনা খুলে বলব। বলব, হে কার্ল, যা কিছু কটুক্তি করেছি তোমার সবই আমার মতিভ্রম। বলব, কার্ল সাহেব, ভুল কি মানুষ করে না? নাকি, একবার -আধবার ভুল করতে নেই?
জিপ্পি বলেঃ কার্ল সাহেব যদি এ কৈফিয়তে খুশী না হয়ে সোজা একজন নরখাদক পাঠিয়ে দেয় তোমাকে চিবিয়ে খাওয়ার জন্যে?
জাহেদ বলেঃ ওরে বাব্বা! কার্ল সাহেবকে তখন ডেকে বলব, স্যার অলরেডি আমি ডেড। আপনার আদেশ শুনেই হার্টফেল করেছি, আর নরখাদক পাঠাবেন না! শাস্ত্রে আবার মরা মানুষ খাওয়া হারাম।
জাহেদের ফতোয়া শুনে সবাই হাসল। ছোট গলি-পথ পার হয়ে ওরা নামল প্রশস্ত রাজপথে। ইরাবতী থমকে দাঁড়ায়। চেনা চেনা লাগছে জায়গাটা। অদূরে দেখা গেল একটা চৌ-বাচ্চা। চৌ-বাচ্চার নীচে বিষের মত নীল, নিথর জল। হাত তুলে জায়গাটা দেখিয়ে ইরাবতী বলল : ঐ তো সেই চৌবাচ্চা। আর ঐ যে ছাদের উপর একশো-এক-মাথাওয়ালা দেবতার মূর্তি।
পাশ ফিরে তাকিয়ে ছাদের উপর থেকে দৃশ্যমান একশো-এক-মাথাওয়ালা মূর্তিটা দেখল। কার্লের মূর্তি। এই ছাদের উপরই কার্লের আদেশে সর্পরাজ আক্রমণ করেছিল ইমতিয়াজকে। ইমতিয়াজ তার বলিষ্ঠ দু’হাতের পেষণে হত্যা করেছে কার্লের প্রিয় সর্পরাজকে! কার্ল এ নিয়ে দু’বার পরাজিত হয়েছে ইমতিয়াজের হাতে। কিন্তু কার্ল এবার প্রতিশোধ না নিয়ে ছাড়বে না। ভয়ানক সেই মুহূর্তটি যে কোন সময়ে ঘনিয়ে আসতে পারে। শুধুমাত্র কার্লের একটি হুকুমের অপেক্ষা। কিন্তু ওরা কেউ সেই অবশ্যম্ভাবী বিপদের কথা নিয়ে মাথা ঘামাল না। ছাদের উপর দৃশ্যমান কার্লের মূর্তিটা দেখে জিপ্পি বলল : কার্ল কি আমাদের গতিবিধির উপর লক্ষ্য রেখেছে?
রেহানা বললঃ কার্ল সব জানে। এই নগরীর প্রতিটি স্থানে রয়েছে তার গুপ্তচর। সুরঙ্গ পথে ওরা সদা-সর্বদা অনুসরণ করছে আমাদের।
ইরাবতী বলল : কিন্তু এই নগরীতে এমন একটা জায়গা আছে যেখানে কার্লের শাসন অচল।
বলো কি!
জিপ্পি বিস্মিত হয়।
হ্যাঁ, সেই জায়গাটা ঠিক কোথায় আমার জানা নেই। কিন্তু আমার বাবা জানতেন। অনেকবার তিনি আমাদের বলেছেন, মৃত-নগরী আর সবুজ সরোবরের কাছাকাছি কোথাও বাস করে কার্লের চেয়েও বহুগুণে শ্রেষ্ঠ একদল লোক। সেখানে বৈজ্ঞানিক কার্লের শাসন অচল।
হাঁটতে হাঁটতে এগোয় ওরা। কিছুদূর যেতেই চোখে পড়ল সবুজ সরোবর। মৃত-নগরীর বহু নীচে টলটল করছে সবুজ সরোবরের নীল জলরাশি। উঁচু পাড় এঁকে-বেঁকে নেমে গেছে নীচে। থরে থরে নানা আকৃতির পাথর বসানো। কিছু বিজাতীয় কাঁটা-লতার গাছও গজিয়েছে পাথরের ফাঁকে ফাঁকে।
সবুজ সরোবরের ঘাটে বাঁধা রয়েছে একটা বোট। সেই বোট, যে বোটে করে রাক্ষুসে দ্বীপ থেকে ইমতিয়াজ আর ইরাবতী এসে পৌঁছেছিল মৃত-নগরীতে।
উঁচু থেকে ছোট্ট দেখাচ্ছে বোটটা। উল্লসিত দেখায় ইরাবতীর চোখ-মুখ। এই বোটে রয়েছে তার নিজস্ব ব্যাগ ছাড়াও ইমতিয়াজের জিনিস-পত্র। অস্ত্র-শস্ত্র, গোলা-বারুদ আর আবশ্যকীয় কাপড়-চোপড়, খাবার-দাবার, পানীয় জল।
মুহূর্তেই কর্ম-পন্থা স্থির করে ফেলে ওরা। জিপ্পি আর জাহেদ যাবে নীচে বোটের কাছে। রেহানা মাল-পত্র উঠাবার ব্যাপারে মধ্যবর্তিনীর কাজ করবে। উপর থেকে মাল-পত্র উঠাবে ইরাবতী।
জিপ্পি আর আসাদ নীচে নামতে গিয়ে পিছিয়ে এল। নীচে বসান পাথর আর গুল্ম-লতায় কিলবিল করছে অসংখ্য টাইগার স্নেক।
হাতখানেক লম্বা, লিকলিকে। মাথাটা বড় আর ফণার কাছে সোনালী চক্কর।
সাধারণ বিষধর সাপের চেয়ে বহুগুণে হিংস্র এই সাপ। শুধুমাত্র অস্ট্রেলিয়া মহাদেশেই এই সাপ পাওয়া যায়। গোক্ষুর সাপের চেয়ে দশগুণ এবং টেক্সাস রেলারের চেয়ে চল্লিশগুণ বেশী বিষ থাকে এই সাপের দাঁতে।
পিছিয়ে এল ওরা। বুঝল, মৃত-নগরীর অসীম নির্জনতায় প্রকৃতির সহজ সন্তানের ন্যায় জন্মেছে এই বিষধর সাপেরা, প্রকৃতির মুক্ত জঙ্গলে খেলা করছে আপন মনে…কিন্তু শত্রুর সামান্য আভাসমাত্র পেলে এই হিংস্র জীবগুলি ছুটে আসবে বিষাক্ত মৃত্যুর ছোবল নিয়ে। পিছিয়ে এল ওরা। সাবধানে পাড়ের পাথর আর গুল্ম-লতা লক্ষ্য করতে করতে এগোল ওরা নিরাপদ তীরের সন্ধানে।
আর একবার থামতে হল ওদের। নিজেদের চোখকে বিশ্বেস করতে পারল না ওরা। দেখল, সবুজ সরোবরের তীরে দাঁড়িয়ে আছে স্বয়ং ডঃ কার্ল। সশরীরে এমন অবস্থায় ডঃ কার্ল কে দেখবে তা কল্পনাতেও কখনো ভাবে নি ওরা।
ওদেরকে আসতে দেখে ডঃ কার্ল একটু বিস্মিত হয়, কেন যেন সামান্য ফ্যাকাশে হয়ে যায় তার চোখ-মুখ।
নিস্তব্ধভাবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে ওরা কার্লের মুখোমুখি।
নীরবতা ভঙ্গ করে জাহেদ। একটু শ্লেষাত্মক সুরে বলে : সুপ্রভাত, ডঃ কার্ল। নির্জনে একা দাঁড়িয়ে কি ভাবছেন, অতীতের কথা?
ডঃ কার্ল মুহূর্তে নিজেকে সামলে নেয়। লোকটা দেখতে লম্বা নয়, রীতিমতো বেঁটে। পাঁচ ফুট এক কি দুই ইঞ্চি লম্বা হবে। কিন্তু শরীরের গড়ন বলিষ্ঠ। চোখে-মুখে সতেজ সাবলীলতার ছাপ। সব মিলিয়ে অভিজাত ব্যক্তিত্বসম্পন্ন চেহারা।
জাহেদের শ্লেষাত্মক কথায় রাগ করে না ডঃ কার্ল। আশ্চর্য, শান্ত গলায় বলে : আপনি ঠিকই ধরেছেন, সৈকতে দাঁড়িয়ে অতীতের কথাই ভাবছিলাম, ঠিক যেমন রবিনসন ক্রুশো ভাবতেন! হাজার হই, মানুষ তো, সবকিছু ভুলে যেতে পারি না। কিন্তু আপনারা এখানে কেন? মৃত-নগরী থেকে বেরোনো যায় কিনা, চেষ্টা করে দেখছেন?
কার্ল হাসল। কোন অপরাধীর হাসি নয়। অসীম ক্ষমতাশালী এক সম্রাটের হাসি। সে হাসিতে ক্ষমা আছে, সামান্য করুণা আছে, স্নেহ আছে। বলল : মৃত-নগরী থেকে বেরোবার কোনো উপায় নেই। সব রাস্তা বন্ধ করে দিয়েছি। আপনাদের ভাগ্য খারাপ, তাই আমার হাতে পড়েছেন। কি আর করবেন, বলুন! অদৃষ্টের ফল ভোগ করতেই হবে।
রেহানা বললঃ আপনাকে দেখে আমরা বিশ্বাস করতে পারছি না, আপনি সেই বৈজ্ঞানিক কার্ল, মানুষের জীবন নিয়ে যিনি অনায়াসে ছিনিমিনি খেলা খেলতে পারেন!
কার্ল বলল : কিন্তু বিশ্বেস করতেই হবে। আমি পৃথিবীর শ্রেষ্ঠ বৈজ্ঞানিক কার্ল, মৃত-নগরীর আমি দেবতা আর অমর হবার উপায় আবিষ্কার করেছি আমি পৃথিবীতে প্রথম। জীবন নিয়ে ছিনিমিনি খেলা আমিই খেলতে পারি ম্যাডাম…কারণ আমি যেমন জীবন নিতে পারি, তেমন জীবন দিতেও পারি।
হাসল কার্ল রেহানার উদ্দেশ্যে। বলল : তিনদিন পরই আপনারা জানতে পারবেন, কেন জীবন নিয়ে ছিনিমিনি খেলা আমি খেলছি। জিপ্পি বলল : কিন্তু ডঃ কার্ল, এই মুহূর্তে আপনি নিরস্ত্র আর আমরা এতগুলি লোক আপনার প্রতিপক্ষ। এই মুহুর্তে আপনার সব স্বপ্ন যদি ভেঙে গুঁড়িয়ে দিই?
: তাহলে সেটা হবে দুনিয়ার সবচে নিষ্ঠুর ঘটনা,
কার্ল তেতো গলায় বললঃ আপনি ঠিকই ধরেছেন জনাব, আমি আপাততঃ নিরস্ত্র। আমার পকেটে আছে তামাক খাবার একটা পাইপ, কিছু গুঁড়ো তামাক, আর একটা ম্যাচবাক্সো। ইচ্ছে করলে, চারজন আপনারা আমার উপর এসে ঝাঁপিয়ে পড়তে পারেন। আমি ধস্তাধস্তি করব কিছুক্ষণ আপনাদের সাথে, আপনাদের কাউকে হয়ত গুরুতর রকম আহত করব। কিন্তু হয়ত শেষ পর্যন্ত আপনাদের হাতে আমি ধরা পড়ে যাব। ইচ্ছে করলে আপনারা সৈকতের নীচে আমাকে ফেলে দিতে পারেন—টাইগার স্নেক কিংবা পাহাড়ে বিচ্ছু আমাকে ছোবল মারবে। অথবা যদি সবুজ সরোবরেই ফেলে দেন, তাহলে আমি ঠিক ডুবে যাব। কিন্তু তাতে আপনাদের কি লাভ, বলুন?
: শত্রু নিপাত…।
ইরাবতী চেঁচিয়ে উঠল। তার চোখে-মুখে কাঁপছে অন্ধ আক্রোশের ছায়া। বলল : আপনি অনেক অসহায় মানুষকে খুন করেছেন, অনেক নিরপরাধ লোককে আপনার হুকুমের গোলাম বানিয়ে রেখেছেন…টমাসকে আপনি করেছেন নর-খাদক। আপনার পাপের অন্ত নেই, ডঃ কার্ল। আপনি আমার বাবা শুভ মুহম্মদের হত্যাকারী। আপনাকে আমরা রেহাই দেব না…।
: শুভ মুহম্মদের কন্যা আপনি?
কার্ল যেন সপ্রশংস দৃষ্টিতে তাকায় ইরাবতীর দিকে : শুভ মুহম্মদ আপনার বাবা? বটে, এদ্দুর এসে পৌঁছেছেন আপনি! বাপ কা বেটি!
হেসে উঠল কার্ল। প্রসন্ন, সরল হাসি। বলল : ভদ্রমহিলা এবং ভদ্র-মহোদয়গণ, আমি মাঝে-মধ্যে মৃত-নগরীর ঈশ্বরের ভূমিকায় অবতীর্ণ হই বটে। বলিও যে, সবকিছু আমার নখ-দর্পণে। কিন্তু আমারও যে সীমা আছে, দুর্বলতা আছে, সবুজ সরোবরের তীরে একাকী দাঁড়াতে দেখেই আশা করি বুঝেছেন। হ্যাঁ, শুভ মুহম্মদের কন্যা যে এদ্দুর এসে পৌঁছেছে, তা আমার জানা ছিল না। ঠিকই বলেছিলেন আপনাদের বন্ধু ইমতিয়াজ যে, আমারও সীমা আছে। কিন্তু একটা কথা। এতখানি নিরস্ত্র আমি নই যে, আপনাদের হাতে ধরা পড়ে যাবার আশঙ্কা আছে। ইচ্ছে করলে আমাকে ধরার বা নিপাতের চেষ্টা আপনারা সকলে মিলে করতে পারেন এবং আমি সবিনয়ে বলছি, তাতে কিছু লাভ হবে না আপনাদের। বেশ তো, আসুন, আমি অপেক্ষা করছি।
আশ্চর্য, এক পা-ও ওরা এগোতে পারল না। কেমন যেন একটা স্থবিরতায় ওরা অচল হয়ে পড়েছে। আচ্ছন্ন হয়ে পড়েছে। জিপ্পি ভাবল, তবে কি মেসমেরাইজড্ হয়ে পড়েছি আমরা?
ঠিক সেই মুহূর্তে কার্লের জবাব শোনা গেল : ঠিকই ধরেছেন আপনি, আমার সম্মোহন বিদ্যার কবলে পড়েছেন আপনারা।
কার্লের কণ্ঠস্বর চাপা আর ফিসফিসে হয়ে উঠল : আপনাদের এত সম্মান দিচ্ছি আমি কিন্তু আমাকে আপনারা সামান্য একজন অপরাধী ভাবছেন কেন? কেন ভাবছেন, কোনো শক্তি ছাড়াই আগামীতে সমস্ত পৃথিবী জয়ের স্বপ্ন দেখছি আমি? আপনারা জানেন না, আমার প্রতিটি স্নায়-কেন্দ্র বিদ্যুতের মত সতেজ, চিন্তার প্রতিটি অণু-পরমাণু বজ্রের মত ক্ষিপ্র। আমার ইচ্ছা-শক্তি যে কোন ক্ষেপণাস্ত্রের চেয়েও তীব্র আর গতিবেগসম্পন্ন।
কার্লে'র কণ্ঠস্বর আবার সহজ হয়ে এল। বলল : আপনাদের নিয়ে আর তৃতীয় শ্রেণীর কোনো খেলা খেলতে চাই না। এক কাজ করুন, আমাকে অনুসরণ করুন। আপনাদেরকে আজ আমি কিছু জ্ঞান দান করব। একটা কথা…আপাততঃ আমরা বন্ধু। কিছু সময়ের জন্য আমি ভুলে যেতে চাই যে, আপনারা আমার শত্রু পক্ষ। আসুন, আমাকে অনুসরণ করুন।
ওরা দাঁড়িয়ে ছিল মৃত-নগরীর প্রাসাদের সারি পেছনে রেখে সবুজ সরোবরের নির্জন সৈকতে। মাথার উপর জ্বলছে প্রচণ্ড সূর্য। চার দিক ভরে আছে আগুনের মত বাষ্প-হীন কঠোর উত্তাপে। ঘেমে গিয়েছিল ওরা সবাই এক অজানা বিস্ময় আর আতঙ্কে। কার্লের শেষ কথার পরপরই ওদের দেহ-মনে যেন এক নতুন স্পর্শ বয়ে গেল। শ্বাস নিতে লাগল ওরা টেনে টেনে। যেন এক শ্বাস-রুদ্ধকর ভয়ানক অস্বস্তি থেকে মুক্ত হয়েছে।
কার্ল এগোতে লাগল মৃত-নগরীর দিকে। তাকে অনুসরণ করল ওরা চারজন নিঃশব্দে। চাপা গলায় শুধু রেহানাকে বলতে শোনা গেল : আশ্চর্য মানুষ!
পাঁচ
অতল জলের আহ্বান।
বৃদ্ধা মহিলা বসেছিলেন ঠিক পাশেই। বিড়বিড় করে স্পষ্ট বাংলায় নিজের দুঃখ প্রকাশ করছিলেন। তিনি হয়তো জানতেন না, পাশের যে বলিষ্ঠ-গড়ন যুবকটি ছুটে এসেছে এখানে এই মৃত-নগরীতে বাংলা দেশেরই ছেলে সে। মনে-প্রাণে বাঙালী।
বিচিত্রাকার বোটটির ভেতর এক রকমের আবছা আলো। চারদিক ঢাকা। ইমতিয়াজ বুঝতে পারছিল, বিশাল ফুটবলের আকার হয়েছে বোটটির—অতল জলের আহ্বানে, নেমে যাচ্ছে সবুজ সরোবরের নীচে।
: ডক্টর কার্ল, তুমি ভুলে যাচ্ছ, মানুষ মানুষই। তার শক্তির সীমা আছে।
মহিলা বিড়বিড় করে আপন মনে বলছিলেন : এদিকে দিনের পর দিন কেটে যাচ্ছে! আমরা কি এই সবুজ সরোবরের নীচে সেমন জাতির সঙ্গে বসবাস করেই জীবন কাটিয়ে দেব? আমাদের কি তুমি মুক্তি দেবে না?
: ডক্টর কার্ল, তোমার মনে দয়া নেই। কত অনুনয়-বিনয় করলাম। বললাম, আমাদের তুমি ফিরে যেতে দাও নিজের দেশে…আমরা কাউকে তোমার অবস্থানের কথা বলব না”।
মহিলা আপন মনে বলতে লাগলেন : না হয় আমাদের অন্য কোনো দেশে পাঠাও যেখানে অন্ততঃ মানুষ আছে, দয়া-মায়া আছে…।
ঠিক এমুহূর্তে কথা বলল ইমতিয়াজ। ধীর কণ্ঠে বলল : মিসেস মুহম্মদ, নিজের দেশে আপনারা ঠিকই ফিরে যাবেন, আমি আপনাদেরকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি।
যেন প্রচণ্ড ভূ-কম্পনের সমস্ত ঝাপ্টা বৃদ্ধা মহিলার শরীরে কেঁপে উঠল। ইমতিয়াজের কথা শুনে, তাকে বাংলায় কথা বলতে দেখে হিস্টিরিয়া রোগীর মত কাঁপতে লাগলেন মহিলা। দু’হাত বাড়িয়ে কিছু একটা ধরার চেষ্টা করলেন। দু’চোখ বিস্ফারিত।
বললেন : কে তুমি? কে তুমি...বাঙালী? তুমি চেন আমাকে...আমাকে জানো? কে তুমি?
পাশে গিয়ে বসল ইমতিয়াজ, বৃদ্ধা মহিলাকে পতন থেকে রক্ষা করল। বলল : স্থির হোন, মিসেস মুহম্মদ। আমি এসেছি বাংলা দেশ থেকে। আমার সাথে আছে আপনার মেয়ে ইরাবতী। মৃত-নগরীতে আমার তিন বন্ধু ছাড়াও এসেছে আপনাদের বিশ্বস্ত বন্ধু মাবিয়া ...।
মহিলা অবিশ্বাসের চোখে তাকিয়ে রইলেন ইমতিয়াজের দিকে। কিছুক্ষণ কথা বলতে পারলেন না। ইমতিয়াজ সব কথা খুলে জানাল। কিভাবে মাবিয়ার সাথে প্রথম দেখা হল। কিভাবে সেন আম্পালার সাথে লড়াই করে চাবি উদ্ধার করতে হয়েছে, কিভাবে ইরাবতীর সন্ধানে রাক্ষুসে দ্বীপে আসতে হয়েছে, কিভাবে ইরাবতীর সাথে এই মৃত-নগরীতে এসেছে, কিভাবে কার্লের হাতে হাতে তাদের বন্দী হতে হয়েছিল। সব ঘটনা সংক্ষেপে খুলে বলল। ইরাবতী বেঁচে আছে এবং এই মৃত-নগরীতেই আছে জেনে আলিয়া মুহম্মদের দু’চোখ বেয়ে বড় বড় অশ্রুর ফোঁটা ঝরে পড়তে লাগল। বহুক্ষণ তিনি কথা বলতে পারলেন না।
পানির স্তর অতিক্রম করে বিচিত্রাকার বোটটি এদিকে নীচে নেমে যাচ্ছে। বোটের ভেতরে জ্বলছে একরকমের আবছা আলো। ইমতিয়াজ অনুভব করল, মহিলার দীর্ঘ দিনের সঞ্চিত ব্যথা-বেদনার ঢল অশ্রু হয়ে নামছে। কিছুক্ষণ পর আত্মসংবরণ করে মহিলা ইরাবতীর কথা জিজ্ঞেস করলেন সবিস্তারে। মিসেস আলিয়া মুহম্মদ ইরাবতী বেঁচে আছে, ঘটনাচক্রে এই মৃত-নগরীতেই এসে পৌঁছেছে, এটা যেন বিশ্বাস করতে পারছেন না। বার বার ঘুরে ফিরে জিজ্ঞেস করলেন তিনি সে কথা। ইমতিয়াজের উপর বর্ষণ করতে লাগলেন আশীর্বাদ।
ইমতিয়াজ মহিলাকে সুস্থির হওয়ার জন্যে সময় দিল। তারপর সেই বিচিত্র বোটে করে কোন পাতাল পুরীতে তারা চলেছে মহিলাকে তা জিজ্ঞেস করল। মহিলা জানালেন, তারা দু’জনই যাচ্ছেন সেমনরাজ্যে। তিনি আসলে সেমন রাজার দূত বিশেষ।
ইমতিয়াজ বলল : আপনারা কি সেমনদের হাতেই বন্দী হয়েছেন?
: তা নয়,
আলিয়া মুহম্মদ জানালেন : সেমনরা আমাদের বন্দী করে নি।
সেমনরা এক প্রাচীন সভ্যতার অধিকারী একজাতি। এই সভ্যতা নানাকারণে প্রায় ধ্বংসের মুখে। এদের মত সভ্য জাতি সভ্যতার কোন পর্যায়েই দেখা যায় নি। কিন্তু এই জাতি, কেন জানি না স্থলভাগ ছেড়ে এখন আশ্রয় নিয়েছে সমুদ্র-গর্ভে। সেখানেই আমরা যাচ্ছি। সমুদ্র-গর্ভে সেমন জাতির নতুন রাজত্ব গড়ে উঠেছে। সেমন রাজা আর কারো সাথে দ্বন্ধ বা প্রতিযোগিতা করতে চায় না। কার্লের শক্তিকে তারা একটু যে ভয়ও না করে এমন নয়। সেমনরা মনে করে, কার্ল স্থল-ভাগের দেবতা হয়ে আছে, থাকুক…সমুদ্র-গর্ভে আক্রমণ না চালালেই হল। সেমনরা চায়, নিরুপদ্রব জীবন। শান্ত-সমাহিত পরিবেশ। ওরা এককালে ছিল যোদ্ধার জাতি। কিন্তু এখন সভ্যতার চরম পর্যায়ে পৌঁছে যুদ্ধকে তারা ঘৃণা করে, অস্ত্র নির্মাণ বা ব্যবহারকে মনে করে অপরাধ। ওরা বিজ্ঞানের চর্চা করে, জ্ঞানের চর্চা করে, কিন্তু সবই শান্তি ও সুন্দরের জন্যে। সেমনরা মনে করে, যতক্ষণ মনে হিংসা, বিদ্বেষ, ঘৃণা, পাপবোধ থাকবে ততক্ষণ তারা মানুষ হিসেবে সম্পূর্ণ হবে না। সেমনরা কার্লের মত উচ্চাভিলাষী নয়, ওরা চায় পরিপূর্ণ মানুষ হতে!
: সেমনরা মানুষ?
: হ্যাঁ। তুমি সবুজ সরোবরের সৈকতে যাকে দেখেছিলে, যে তোমাকে কোলে করে এনে এই বোটে তুলে দিয়েছিল সেও একজন সেমন। তার কাজ হল মৃত-নগরী এবং সবুজ সরোবরের মাঝখানে যাতে অনাহুত কারো পা না পড়ে তা লক্ষ্য রাখা। সেমন রাজার সে প্রহরী। কিন্তু তার উপর কঠোর নির্দেশ আছে, আক্রান্ত না হলে সে আক্রমণ করতে পারবে না। তোমাকে দেখে তার মনে দয়ার উদ্রেক হয়েছিল। সে বুঝতে পেরেছিল, তুমি অসহায়। অসহায় মানুষের সবচে’ বড় বন্ধু সেমন-রাজা। সেখানেই তোমাকে পাঠান হচ্ছে।
ইমতিয়াজ বলল : একটা কথা আমাকে পরিষ্কার করে বলুন, মিসেস মুহম্মদ। অমরতার ফর্মুলা কার্লকে কে দিয়েছে, সেমন-রাজ?
মিসেস মুহম্মদ চুপ করে রইলেন। অনেকক্ষণ পর আস্তে আস্তে বললেন : একথা আমি তোমাকে বলতে পারব না, বাবা। তুমি বরং আমার স্বামীকে জিজ্ঞেস করো। তিনি এই বয়সেও বেশ সাহসী।
ইমতিয়াজ একটু হাসল : কিন্তু তাঁকে আমি কোথায় পাব? তারচে’ আপনিই আমাকে সাহায্য করুন। এই বিচিত্র জগত ছেড়ে সভ্য-জগতে যেতে হলে সবকিছু আমাদের জানা দরকার।
মিসেস মুহম্মদ বললেন : সব কথা বলা আমার পক্ষে অসম্ভব। শুধু একটা কথা তোমাকে বলি, কার্ল সেমনদের সাহায্য পেয়ে থাকে। সেমনরা জানে, সুযোগ পেলে কার্ল তাদের সম্পূর্ণ ধ্বংস করে দেবে। কিন্তু সেমনরা এও জানে, সে সুযোগ কার্ল কোনোদিনই পাবে না। হ্যাঁ বাবা, কার্লের সেই অমরতার ফর্মুলা রয়েছে সবুজ সরোবরেই নীচে। এর বেশী কিছু আমাকে আর জিজ্ঞেস করো না।
বিচিত্রাকার বোটটি নীচে নামতে লাগল। বোটের ভেতরে আবছা আলো। কবোষ্ণ আবহাওয়া। জল-রাশি অতিক্রম করার ক্ষীণ শব্দ বাজছে।
মিসেস মুহম্মদ চুপ করে গেলেন। ইমতিয়াজ তাঁকে আর প্রশ্ন করল না। কিন্তু অনুভব করল, ঐ মহিলা ইচ্ছে করেই কার্ল সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ তথ্য চেপে যাচ্ছেন। নিজেদের এবং কন্যা ইরাবতীর জীবন বিপন্ন জেনেও কি কারণে মহিলা কার্ল সম্বন্ধে নিশ্চুপ থাকলেন, ইমতিয়াজ যেন কিছু কিছু বুঝতে পারল।
অনেকক্ষণ কেটে গেল এভাবেই। তারপর এক সময় সামান্য ঝাঁকানি খেয়ে বোটটা থেমে গেল। মৃদু কোলাহলের শব্দ ভেসে এল যেন বহুদূর থেকে। ধীরে ধীরে ফুলের পাঁপড়ি মেলার মত খুলে গেল বোটের দুই প্রান্ত। এক আশ্চর্য জগৎ উন্মোচিত হল ইমতিয়াজের সম্মুখে।
যত দূর চোখ যায় নীল শূন্যতা। একরকমের শুভ্র দ্যুতি বিচ্ছুরিত হচ্ছে, তাতে করে আলোময় হয়ে উঠেছে চারদিক। নীলাভ আলো। সবকিছু স্পষ্টই দেখা যায়, কিন্তু চারদিকে যা কিছু পরিদৃশ্যমান সবই নীল।
ডাঙার মত খানিকটা জায়গা সামনে। বিশাল এক জাহাজ ছায়ার মত স্থির হয়ে আছে এক ধারে। কতকগুলি সাদা নক্ষত্র এদিক-ওদিক স্পট-লাইটের মত জ্বলছে। বহুদূরে দেখা গেল কয়েক সারি ভাসমান প্রাসাদ। যেন শূন্যতার উপর উড়ছে। পাতাল ফুঁড়ে ধ্বনিত হচ্ছে কোরাসের মত অস্পষ্ট ধ্বনি।
: ছায়ার রাজত্ব।
মিসেস্ মুহম্মদ অস্ফুট গলায় বললেন : এখানকার যা কিছু দেখবে সবই ছায়া। সেমনদের পূর্ব-পুরুষ স্বপ্ন দেখতেন, এ হল সেই স্বপ্নের বাস্তব জগত। শতাব্দীর পর শতাব্দী ধরে সেমনরা এই স্বপ্নের জগত তৈরী করেছে এবং ওদের গড়ার কাজ এখনো চলছে।
নেমে এল ওরা বোট থেকে। পায়ের নীচে প্রবালের স্তর। মিসেস্ মুহম্মদ হাত ধরে নামালেন ইমতিয়াজকে। ওরা এগিয়ে চলল ডাঙা ধরে ভাসমান প্রাসাদগুলোর দিকে। পর্দা যেমন বাতাসের দোলায় কাঁপে, প্রাসাদগুলো তেমনি কাঁপছে এক একবার, আবার স্থির হচ্ছে।
কিছুদূর যেতেই সামনে পড়ল স্পট-লাইট স্টেশন। দু’জন বিপুলাকৃতি সেমন বেরিয়ে এলো স্পট লাইট স্টেশন থেকে। দু’জনই তরুণ, সজীব আর আনন্দময়। মিসেস মুহম্মদ তাদের সাথে এক দুর্বোধ্য ভাষায় কথা বললেন। একজন সেমন বিস্ফারিত চোখে তাকাল ইমতিয়াজের দিকে। তারপর একটা হাত রাখল বুকের উপর।
ইমতিয়াজ তৎক্ষণাৎ বুঝতে পারল। প্রত্যুত্তর দিল সে নিজের বুকের উপর সেই ভঙ্গিতে হাত রেখে। খুশীতে ভরে উঠল সেমন তরুণটি। সে নিজের ভাষায় সঙ্গীটিকে কি যেন বলল। সঙ্গী এবং মিসেস মুহম্মদ চলে গেলেন স্পট-লাইট স্টেশনের ভেতরে। তরুণ সেমনটি ইমতিয়াজকে ইঙ্গিত দিল তাকে অনুসরণ করতে।
ইমতিয়াজ নিঃশব্দে অনুসরণ করল। কিছুদূর যেতেই চোখে পড়ল বিশালাকৃতির এক সিংহ। নতুন রুপোর টাকার মত ঝকঝক করছে দু’টি চোখ। ঘাড়ে বিন্যস্ত কেশর। ইমতিয়াজের পদক্ষেপে সামান্য দ্বিধা ফুটে উঠেছিল, সেমনটি তেমনি হেসে আভাসে ইঙ্গিতে আশ্বাস দিল। যেন বলল, ভয় নেই। সিংহ আক্রমণ করবে না।
সেমনকে অনুসরণ করতে লাগল ইমতিয়াজ। আশ্চর্য জগতই বটে। কুয়াশার মত আবছা-আলো। নীল। চারদিকে নির্জন বাড়ী, গাছ-পালা, স্পট-লাইট স্টেশন, টাওয়ার। সবকিছু নীলাভ। যেন আশ্চর্য এক নীল সন্ধ্যায় ডুবে আছে এখানকার সব কিছু। রাজপথে সেমন নর-নারীদের দেখা গেল। যার যেমন খুশী সাজ-সজ্জা পরেছে। কেউ সম্পূর্ণ বিবস্ত্র। কিন্তু সবকিছুর ভেতরে রয়েছে সংযম, শালীনতা আর সৌন্দর্য। এদিক-সেদিক উড়তে দেখা গেল অসংখ্য বৃহদাকৃতি বেলুন। ইমতিয়াজ বুঝল, এটাই ফ্লাইং সসারের দেশ।
এক জায়গায় এসে থমকে দাঁড়ায় ইমতিয়াজ। বিশাল এক ফুলের বাগান। যতদূর চোখ যায় নানা রঙের ফুল। সঙ্গী সেমনটা তেমনি ইঙ্গিতে জানায়, কাছেই গন্তব্যস্থান।
ফুলের বাগান পার হয়ে পড়ল ছোট্ট নদী। যেন খেলনা নদী। উপরে সাঁকো। নীচে দু’টো স্থির নৌকো। চারপাশে বিস্তীর্ণ নীল প্রান্তর। কারা যেন তাঁবু পেতেছে প্রান্তরে। ছুটো-ছুটি করছে।
সাঁকো পার হলো ওরা। ইমতিয়াজ অনুভব করল, সেমনদের রাজ্যে পা দিয়ে তার দেহ-মন আশ্চর্য রকম হালকা, সজীব আর প্রফুল্য হয়ে উঠেছে। সতেজ হয়ে উঠেছে প্রতিটি স্নায়ু-কেন্দ্র।
সাঁকো পার হয়ে ক্ষুদ্র প্রান্তর। ওপারে ভাসমান এক প্রাসাদ। দু’জন সেই প্রাসাদে ঢুকল। প্রাসাদের নির্মাণ-কৌশল বিচিত্র বলতে হবে। প্রকাণ্ড এক স্পঞ্জের পাহাড় খুদে এই প্রাসাদ তৈরি। দেয়ালগুলি কাপড়ের পর্দার মত হালকা অথচ শক্ত। প্রতিটি কক্ষ বিশাল। দেয়ালে নানা রঙের প্রলেপ। প্রতিটি দরজা ভেতর থেকে বন্ধ।
একটি কক্ষে প্রবেশ করল ওরা। কয়েকটা বিশাল আকৃতির টেপ-রেকর্ডার রাখা আছে পর পর সাজানো অবস্থায়। দু’টো কম্পিউটারে কাজ চলছে অবিরত। ভেতরে ঢুকতেই দেয়ালে ফুটে উঠল বিশাল আয়না। ইমতিয়াজ দেখল, সেই আয়নায় ফুটে উঠেছে এক সিংহ-মুখ। চোখের ভেতরে যেন জ্বলছে প্রদীপের সোজ্জ্বল আলো। পিঙ্গল-নীল কেশর লুটিয়ে পড়েছে ঘাড়ে। ইমতিয়াজের দিকে অপলক চোখে তাকিয়ে আছে সিংহের দু’টি প্রদীপের আলোর মত সোজ্জ্বল চোখ।
সঙ্গী সেমনটা নত হয়ে অভিবাদন জানাল। ইমতিয়াজ কি করবে ভাবছিল, ঠিক এসময় সিংহের চোখ দু’টি এক বার কেঁপে উঠল স্নেহার্দ্রতায়। খুলে গেল মুখ-গহ্বর। স্পষ্ট ফরাসিতে বলতে শোনা গেল সিংহ-মুখকে : শুভদিন, প্রিয় অতিথি। আমি সেমনদের রাজা কথা বলছি। ফরাসী ভাষা জানা থাকলে আমাদের রাজ্য কেমন লাগছে দয়া করে বলুন।
ইমতিয়াজ ফরাসীতে উত্তর দিল : আপনার সহৃদয়তার জন্যে ধন্যবাদ, সেমন-রাজ। এখানে এসে সভ্যতার চরম বিকাশ দেখতে পাচ্ছি। মানুষের পৃথিবীর একজন নগণ্য প্রতিনিধির অভিবাদন গ্রহণ করুন।
সেমন-রাজ হাসলেন। স্নেহ আর পবিত্রতার হাসি : ধন্যবাদ প্রিয় অতিথি। আপনার ফরাসী উচ্চারণ কার্লের চেয়েও ভাল। আমাদের এই রাজ্য আপনার ভাল লাগছে জেনে কৃতার্থ বোধ করছি। এখন দয়া করে যন্ত্রগুলির সামনে গিয়ে দাঁড়ান। আপনি যে ভাষায় আমাদের সাথে কথা বলতে ইচ্ছুক সেই ভাষায় আনুমানিক তিনশ’ শব্দের একটি ভাষণ দিন।
ইমতিয়াজ বুঝল, সেমন-রাজের এ আদেশের পেছনে রয়েছে বিশেষ উদ্দেশ্য। দু’পাশে কম্পিউটার, সামনে বিশালাকৃতির টেপ-রেকর্ডার…ইমতিয়াজ সেখানে গিয়ে দাঁড়াল। বাংলায় আন্দাজ তিনশত শব্দের একটি ভাষণ দিল।
তার ভাষণটি সংক্ষিপ্ত করলে এরকম দাঁড়ায় : আমি মানুষ। মহান সেমন জাতিও তাই। আমি মানুষের কল্যাণ চাই, সেমনরাও তাই চান। যারা মানুষের শত্রু, সভ্যতার শত্রু, কল্যাণের শত্রু আমি তাদের ক্ষমা করি না। আশা করি, মহান সেমন জাতিও করবে না। সেমন-রাজের কাছে আমার প্রার্থনা, যে বা যারা মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলে, অন্যকে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করে সেমনরা যেন তাকে বা তাদের ক্ষমা না করেন।
কম্পিউটার এবং টেপ-রেকর্ডার কাজ করে যাচ্ছিল। দেয়ালের বিশাল আয়নায় ভাসছিল সেমন-রাজের সিংহ-মুখ। অদূরে স্থির ছবির মত দাঁড়িয়েছিল তরুণ সেমনটি।
ইমতিয়াজের ভাষণ শেষ হবার পর সেমন-রাজ সেই রকম সজল করুণার্দ্র হাসলেন। বললেন : আপনার মনোভাব পরিষ্কার। প্রিয় অতিথি, বিদ্বেষ পরিত্যাগ করুন। শত্রুকে ক্ষমা করতে শিখুন। এই মুহূর্তে আপনি ক্লান্ত। এখন বিশ্রাম নিন। সেমনদের স্বপ্নের জগতে যা চাইবেন তা-ই পাবেন হাতের কাছে। আপাততঃ বিদায়।
দেয়ালের আয়না থেকে অপসারিত হল সেমন-রাজার সিংহ-মুখ। আয়নাটাও মুছে গেল দেয়াল থেকে। ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে টেপ-রেকর্ডার এবং কম্পিউটারের কাজ। অদৃশ্য আকর্ষণে সেগুলি সরে যেতে লাগল স্থান ছেড়ে। কিছুক্ষণের ভেতরে শুন্য হয়ে গেল কক্ষ।
তরুণ সেমনটি আকার-ইঙ্গিতে তাকে অনুসরণ করতে বলল। এরপর তারা প্রবেশ করল অন্য একটি কক্ষে। বিলাসবহুল আসবাবে সেই কক্ষ পূর্ণ। তরুণ সেমনটি কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। পরিবর্তে দেখা গেল ক’জন সুন্দরী সেমন যুবতী।
একজন যুবতী পরিষ্কার ফরাসীতে বলল : এ ঘরের দেয়ালে আপনার প্রতিটি ইচ্ছার ছবি আঁকা হচ্ছে। বিশ্রাম-সুখের জন্যে যা ইচ্ছে করবেন এখানে।
ছয়
ডঃ কার্লের ল্যাবরেটরী।
পুরু কাঁচের দেয়ালের ওপাশে বসে আছে ডঃ কার্ল। ঘরের ভেতর সারি সারি যন্ত্রপাতি।
এ পাশে বসে আছে জিপ্পি আসাদ, রেহানা, জাহেদ আর ইরাবতী।
ডঃ কার্লের চোখে-মুখে প্রশান্তির চিহ্ন।
: আপনারা হয়ত জানেন, আমি অমরতার সাধনা করেছি দীর্ঘকাল। হ্যাঁ, সাধনা আমার সিদ্ধ হয়েছে। মৃত্যুকে জয় করার ফর্মুলা আবিষ্কার করেছি আমি। আরো একটি কথা, জীবন সৃষ্টি করার ফর্মুলাও পেয়েছি আমি। দ্বিতীয় মহাযুদ্ধের পরপরই আমেরিকায় থাকা-কালীন আমি একটা গবেষণায় হাত দেই। খুব সহজ ব্যাপার। খানিকটা জল, ভ্যাপোর, হাইড্রোজেন, এ্যামোনিয়া এবং মেথিল নিয়ে তাতে ইলেকট্রিসিটি চার্জ করি। এভাবে বিদ্যুৎ-প্রবাহ বিকীর্ণ হয়। এবং কেমিক্যাল প্রসেসে এ্যামিনো এসিডের উৎপত্তি হয়। আশা করি আপনারা জানেন, এ্যামিনো এসিডই জীবনের উৎস—উপাদান। অবশ্য এটা একেবারে যাকে বলে, প্রাথমিক পরীক্ষা।
: তারপর নানা কারণে গবেষণা করার সুযোগ পাই নি। ইতিমধ্যে আমি সম্পূর্ণ রিক্ত-হস্ত হয়ে পড়ি এবং অবাক হবেন না, আমার স্ত্রী আমার অসহায় দারিদ্র-দশা দেখে আমাকে পরিত্যাগ করে চলে যায়। নিউ ইয়র্কের রাস্তায় রাস্তায় এরপর ঘুরেছি আমি। একটা শিলিং পাওয়ার জন্যে ভগবানের প্রশংসা করে ভিক্ষা চেয়েছি লোকের কাছ থেকে!
: সেটা আমার দুঃস্বপ্নের দিন। আমি এরকম আর্থিক দুরবস্থার ভেতরে প্রায় উন্মাদের মত হয়ে যাই। ঠিক তখন দেখা হয় আমেরিকার বিখ্যাত বৈজ্ঞানিক টমসনের সাথে। রাস্তায় আমাকে ভিক্ষা করতে দেখে টমসনের চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে। বৈজ্ঞানিক হলেও টমসন ছিল যীশুর ভক্ত, অন্তরে ছিল দয়া-মায়া। সেদিন সে আমাকে তার বাড়ী নিয়ে যায় এবং তার ল্যাবরেটরী ব্যবহারের অনুমতি দেয়।
একটু থামে কার্ল। বলে : আপনারা নিশ্চয়ই এসব সেন্টিমেন্টাল ঘটনা আওড়াতে শুনে অবাক হচ্ছেন। কিন্তু মনে রাখবেন বিনা কারণে কার্ল একটি কথাও বলে না। এর সাথে আপনাদের ভাগ্যও জড়িয়ে আছে। হ্যাঁ, তারপর শুনুন। টমসন আমাকে তার পরিবারের একজন করে নেয় এবং তার ল্যাবরেটরী ব্যবহার করতে দেয়। এই আশ্বাসও দিল, অদূর ভবিষ্যতে আমেরিকার প্রেসিডেন্টের সাথে আমার সাক্ষাতের ব্যবস্থা করে দেবে এবং আমি যাতে প্রাণী-তত্ত্বের গবেষণায় সব রকমের সাহায্য পাই তার ব্যবস্থা করবে। বেচারা টমসন! তার জন্যে আমি দুঃখিত। মানুষের এতোটা দরাজ-দিল্ হওয়া কুৎসিত ব্যাপার! টমসনের পরিবারের একজন হয়ে প্রথমেই আমি যা করলাম তা হল, ওর মিসেসের সাথে গোপন সম্পর্ক গড়ে তুললাম। মাগীটা ছিল নেহায়েৎ ধুমসী। ওর যৌন-ক্ষুধা ছিল প্রচণ্ড। মাদী বিড়ালের মত, শুধু পুরুষ খুঁজে বেড়াত ও। আমার সাথে সম্পর্ক হওয়ার পরই ফাঁস করে দিল—টমসন কোটিপতি লোক……আর টমসনের যে ক’টা ছেলে-পুলে আছে কোনটারই বাপ টমসন নয়!
হাঃ হাঃ করে শুকনো হাসি হাসল কার্ল। বলল : ঠিক এক বছর পর টমসনকে তার ল্যাবরেটরীতে একটা কাঁচের আলমারিতে বন্দী করলাম। বললাম, কোটি টাকার বদলে শুধু মুক্তি দিতে পারি। টমসন রেগে টং। মা-বাপ তুলে গালি-গালাজ করল, মেরে ফেললেও এক পয়সা আমাকে দেবে না। তার হয়ত ধারণা ছিল, ল্যাবরেটরীতে কেউ না কেউ এসে যাবে আর তাকে এ অবস্থা থেকে মুক্ত করবে। বেচারা টমসন জানত না, ল্যাবরেটরীর দরজা পাহারা দিচ্ছিল তারই স্ত্রী আর বাড়ীর সব ক’টা ছেলে-মেয়েকে দু’মাসের জন্যে আউটিং-এর নাম করে পাঠিয়ে দেওয়া হয়েছিল অন্যত্র। টমসন কিছুতেই টাকার চেক লিখে দেবে না, আমিও নাছোড়বান্দা, রাতে ল্যাবরেটরীর দরজা ভেতর থেকে বন্ধ করে টমসনের চোখের সামনেই ওর স্ত্রীর সাথে মহানন্দে একত্রিত হলাম। ধুমসী মাগীটা আমার চেয়েও এক ধাপ উপরে। টমসনকে শুনিয়ে শুনিয়েই বলল—কার্ল, তোমার তুলনা হয় না! উঃ! এমন সুখ আমি জীবনে পাই নি, টমসনের মুখ এক রাতে শুকিয়ে চুপ্সে গেল। চোখ দু’টো যেন মরে গেল মাছের চোখের মত। শেষ রাতে বললঃ কার্ল, নিয়ে এসো চেক বই। আর আমাকে সত্বর মেরে ফেলো। বাঁচার ইচ্ছে আমার নেই। আমি দু’টো চেকে কোটি টাকার সই নিতে যাচ্ছিলাম, বাধা দিল টমসনের স্ত্রী। বলল খবরদার, এমন কাজ করো না। অন্ততঃ বিশটা চেকে সই নাও। টাকার অঙ্ক লিখো না। তা-ই হল। টমসন পরপর চেকে সই করে গেল। তারপর মাস-খানেক লাগল চেকগুলি এনক্যাশ করতে। মিসেস্ টমসনকে সবাই চিনত। সুতরাং ব্যাঙ্কে কোন অসুবিধা হল না। কিন্তু তারপরই মিসেস টমসন বদলে গেল। টমসনের নাম করে বিড়বিড় করতে লাগল। আমাকে বলল, টমকে ছেড়ে দাও। অবস্থা বুঝে আগে মিসেস টমসনকে পরে মিঃ টমসনকে খুন করে বেরিয়ে পড়লাম। রাস্তায় নেমেই বুঝলাম, পেছনে লোক লেগেছে।
: দীর্ঘ ইতিহাসের পুনরাবৃত্তি করব না। শুধু এটুকু জেনে রাখুন, দ্বিতীয় মহাযুদ্ধের সময় আমেরিকার সায়েন্টিফিক টিম পরিচালনা করেছিলাম বলে আমেরিকার উঁচু মহলে আমার কিছু চেনা-জানা লোক ছিল। তাদেরই সহায়তায় আমি আমেরিকান গভর্ণমেন্টের একটা কার্গো শিপ চুরি করে প্রশান্ত মহাসাগর পাড়ি দিই এবং রাক্ষুসে দ্বীপে এসে হাজির হই! রাক্ষুসে দ্বীপে তখন ছিল সেমনদের রাজত্ব…কিন্তু সেমনরা তাদের সমুদ্র-গর্ভের স্বপ্ন-পুরী নিয়েই সন্তুষ্ট, সুতরাং রাক্ষুসে দ্বীপের আদিবাসীরা ছিল স্বাধীন। ফলে গবেষণার কাজ ফেলে আমাকে বেশ ক’বছর এদের হাতের মুঠোয় আনার জন্যে খাটতে হয়েছে। প্রথম দিকে আমার আগ্নেয়াস্ত্রই ছিল ওদের জয় করার পক্ষে যথেষ্ট। কিন্তু পরে কেউ কেউ আমার বিপক্ষে যেতে শুরু করল। আমি ওদেরকে শায়েস্তা করার জন্যে ভুমিকা নিলাম রুদ্রদেবতার। ওদের দিয়েই তৈরী করলাম দেয়ালে দেয়ালে সুরঙ্গ, বন্দী করলাম ওদের সেই দেয়ালের জগতে। তারপর আস্তে আস্তে গড়ে উঠল আমার বিশাল জগৎ। আমার ল্যাবরেটরী। আমার চাওয়া-পাওয়ার পৃথিবী। সে অনেক কথা। শুধু এটুকু জেনে রাখুন, আমি নিষ্ঠুরতম কাজগুলি করেছি চরম হেলা ভরে! আর ধীরে ধীরে শক্তি সঞ্চয় করেছি। বোকার হদ্দ সেমন-রাজকে হাত করে জেনে নিলাম, দুনিয়ার সবচে’ বড় রহস্যের চাবি-কাঠির কথা। হ্যাঁ, অমরতার ফর্মুলা। আন্তরিকভাবে স্বীকার করছি, এ ফর্মুলা আমার আবিষ্কার নয়। এ ফর্মুলা সেমনদের। কিন্তু ভুলে যান এই সামান্য কথাটা। ধরে নিন, ডঃ কার্ল ই আবিষ্কার করেছে এই ফর্মুলা। সেমনরা এই পৃথিবীর কেউ নয়। সমুদ্র-গর্ভের জগতে তারা স্বপ্ন-চারী। অমরতার ফর্মুলা কাজে লাগবে কার্লেরই, সুতরাং তার নামেই আগামীতে চালু হবে এই ফর্মুলা। জীবন-সৃষ্টি করার ফর্মুলারও বাস্তবায়নের ভার আমার উপর! একটামাত্র উদাহরণ আপনাদের আমি দেখাব। প্রথমে মৃত্যু, তারপর জীবন এবং আমার পরীক্ষা চলবে আপনাদেরই কারো উপর। আশা করি বুঝতে পারছেন, কেন টমসনের কথা এতক্ষণ বলেছি! আমার নিষ্ঠুরতা আর রসিকতা যে প্রায় একই বস্তু তা বোঝাবার জন্যেই প্রয়োজন ছিল টমসনের গল্পটা বলার। আপনারাই ঠিক করুন, কে আমার পরীক্ষার কাজে ব্যবহৃত হবেন?
জিপ্পি বলল : আমরা যে কেউ। কিন্তু কার্ল, আমরা আপনার নিষ্ঠুর পরীক্ষার শিকার হতে ঘৃণা বোধ করি। খুনীর হাতে বৈজ্ঞানিকের পবিত্র গবেষণা মানায় না! আমরা প্রত্যেকে আপনার হীন ইচ্ছার বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়ব। আমাদের দেহে প্ৰাণ থাকা পর্যন্ত আপনি আপনার হীন ইচ্ছা সফল করতে পারবেন না!
: বেশ, তাহলে আপনার উপরেই আমার পরীক্ষা চলবে। একটা কথা, ভদ্রমহিলা এবং ভদ্র মহোদয়গণ। মৃত্যুঞ্জয়ের সাধনায় আমি ঠিকই সিদ্ধি লাভ করেছি। কিন্তু অপারেশন সার্জারিতে কাজ করে আমার এই দু’টি মানবিক হাত। সুতরাং মৃতকে জীবন দানের ব্যাপারে আমি কোনদিনই সেন্ট পারসেন্ট সাক্সেস আশা করি না। অযাচিত কিছু ঘটেও যেতে পারে হয়ত। হয়ত অপারেশন টেবিল থেকে আপনার দেহটা মৃত অবস্থায়ই ঠেলে ফেলে দিতে হবে। কিন্তু সেক্ষেত্রে, কথা দিচ্ছি, সম্মানের সাথে সৎকার করব আপনার দেহের।
কার্লে'র অট্টহাস্যে ভরে গেল কক্ষটি। জাহেদ বলল : কার্ল, ওসব ভণিতা রেখে সামনাসামনি একটা চ্যালেঞ্জ-বাউটে নাম্তে পারেন না? খোদার কসম, আপনাকে পিটিয়ে শেষ করব দু’টি খালি হাত দিয়েই।
কার্ল বলল: যথাসময়ে সে চ্যালেঞ্জ-বাউট ঠিকই হবে, জনাব তবে আমার সাথে নয়, আমার ট্রেনিং দেওয়া নর-খাদক, আপনাদের প্রাণের বন্ধু ইমতিয়াজের সাথে।
: ইমতিয়াজ?
রেহানা হাস্ল দৃঢ় আত্ম-বিশ্বাসের হাসি : ইমতিয়াজের নাগাল কোনদিনই আপনি পাবেন না, ডঃ কার্ল। চোখের সামনেই দেখতে পাচ্ছেন ইমতিয়াজ আপনার হাতের নাগালের ভেতর নেই!
: হ্যাঁ, নেই।
কার্ল প্রশান্ত প্রশান্ত গলায় বলল : কিন্তু এই মৃত-নগরীর ব্যূহ ভেদ করে কোথায় যাবে ইমতিয়াজ? চারদিকে রয়েছে সবুজ সরোবরের নীল আতঙ্ক। রয়েছে হিংস্র টাইগার স্নেক আর আমার সুড়ঙ্গের অদৃশ্য প্রহরীরা। সবুজ সরোবর সাঁতরে প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে পালিয়ে যাওয়ার ব্যাপারটা যদি অসম্ভব মনে করেন তাহলে চিন্তা করুন, আমার নাগালের বাইরে যাওয়ার উপায়টা কোথায়?
রেহানা বললঃ যে অপরাধী তার চোখে তার দুর্বলতা কখনো ধরা পড়ে না। কিন্তু ডঃ কার্ল, আপনার মৃত-নগরীর ব্যূহ ভেদ করা যে অসম্ভব নয়, তা আপনারও জানা আছে। সুতরাং এতো আত্ম-বিশ্বাসী হবেন না। মনে রাখবেন, মৃত্যুর কৃপাণ ঝুলে আছে ঠিক আপনার মাথার উপর! যথাসময়ে সে কৃপাণ আপনাকে বিদ্ধ করবে।
: বাগাড়ম্বরে কি প্রয়োজন ভদ্রমহিলা, ভদ্রমহোদয়গণ? আমি আজ আপনাদের ধরে নিয়ে এসেছি আমার শক্তির পরিমাণ দেখাতে। পরীক্ষা শুরু হয়ে যাক। আপনারা কেউই সভ্য দুনিয়ায় ফিরে যেতে পারবেন না। তবু যতক্ষণ বেঁচে আছেন ততক্ষণ পৃথিবীর শ্রেষ্ঠ প্রতিভার সামর্থ্যের সীমার পরিধি দেখে যান। নয়ন সাৰ্থক করুন!
কার্লের চেহারায় রূপান্তর ঘটল। ক্রোধের শিখা দপদপ করতে লাগল চোখে। একরকমের জ্বলন্ত হতাশায় ছেয়ে গেল তার মুখ। মনে হল, লোকটা যেন প্রতি মুহূর্তে যুদ্ধ করছে নিজেরই সাথে। একটা সুইচ টিপল কার্ল। সরে গেল পুরু কাঁচের দেয়াল। আর ঠিক তক্ষুণি দেয়াল ফুঁড়ে বেরিয়ে এল দু’জন বলশালী আদিবাসী এবং একজন প্রৌঢ় ব্যক্তি।
ইরাবতী চেঁচিয়ে উঠল প্রৌঢ়কে দেখে। ছুটে গেল সামনের দিকে : বাবা, বাবা, বেঁচে আছ তুমি…!
কেঁপে উঠল ইরাবতীর পায়ের তলার মেঝে আর তক্ষুণি সে হুমড়ি খেয়ে লুটিয়ে পড়ল। শুভ মুহম্মদের চোখ দু’টি সজল হয়ে উঠল। বলল : ভুলে যেও না মা, ডক্টর কার্লের হাতে তুমি আমি সবাই বন্দী। এটাও ভুলে যেও না, বৈজ্ঞানিক কার্লের শক্তি অসীম! তার অনুমতি ছাড়া এক পা এগোবার ক্ষমতা কারো নেই।
: আমাকে তুমি চিনতে পারছ না বাবা, আমি ইরাবতী! ইরাবতী।
ইরাবতী আকুল কণ্ঠে কাঁদতে লাগল। প্রৌঢ় তার বেদনার্ত মুখখানা তুলে ধরে বলল : চিনেছি। তুমি আমার স্নেহের ধন, এটা কি বাপ হয়ে আমি ভুলে যেতে পারি? কিন্তু উপায় নেই ইরাবতী, ডক্টর কার্ল যা চাইছে তাই হবে।
: এটাই হল জ্ঞানীর মত কথা।
কার্ল সন্তুষ্টির গলায় বলে : শুভ মুহম্মদ আর আলিয়া মুহম্মদকে এজন্যেই আমি বাঁচিয়ে রেখেছি, ওরা আর যাই হোক বুদ্ধিমান মানুষ! ঠিক আছে মুহম্মদ, তুমি দাঁড়িয়ে থাক, ওরা দু’জন এগিয়ে যাক, একেবারে ডান পাশের ভদ্র লোকটিকে অপারেশন টেবিলে শুইয়ে দিয়ে আসতে হবে। আমার সহকারীর কাজ করবে তুমি আর মেরী গোল্ডওয়াটার।
মেরী গোল্ডওয়াটার দেখা দিল সেই মুহূর্তে। রূপসী, সুন্দরী যুবতী, কার্লের উপভোগের পাত্রী। যৌবন দেহের কুলে কুলে উপচে পড়ছে, কিন্তু চোখে-মুখে এক বিশাল কালিমার ছায়া।
এগিয়ে এল দু’জন আদিবাসী। সরে যেতে লাগল জিপ্পি আসাদের ঘনিষ্ঠতা থেকে কক্ষের মেঝে।…জাহেদ, ইরাবতী আর রেহানার কাছ থেকে যেন যাদুমন্ত্র বলে পৃথক হয়ে গেল জিপ্পি আসাদ।
বিশালকায় দু’জন আদিবাসী মুখোমুখি গিয়ে দাঁড়াল আসাদের। আসাদ বিদ্যুৎ গতিতে ঝাঁপিয়ে পড়ল একজনের উপর। এতটা স্বয়ং কার্লও ভাবতে পারে নি। চোখের পলকে একজন আদিবাসী বিকট শব্দ করে লুটিয়ে পড়ল মেঝেয়। কিন্তু পর মুহূর্তেই একটা রজ্জু এসে পড়ল আসাদের গলায়, আসাদ তাল সামলাতে পারল না। হুমড়ি খেয়ে লুটিয়ে পড়ল।
: যথেষ্ট বেয়াদবি দেখেছি,...
তিক্ত গলায় কার্ল বলল : শুভ মুহম্মদ, মেরী...অপারেশন কক্ষে চলে যাও...আর খানিকটা সময় দাও আমাকে। বিধাতার মত আমি শক্তিশালী কিনা তার পরীক্ষা হোক।
অপারেশন কক্ষ।
তেমনি কাঁচের পুরু দেয়ালের এপাশে রেহানা, ইরাবতী, জাহেদ। ওপাশে এনেসথেসিয়ায় অজ্ঞান জিপ্পির দেহ উঁচু টেবিলে শায়িত। টেবিলের দু’দিকে নিশ্চুপ দাঁড়িয়ে আছেন বৃদ্ধ শুভ মুহম্মদ আর সুন্দরী যুবতী মেরী গোল্ডওয়াটার।
সব দেখে শুনে ইরাবতীও চুপ হয়ে গেছে। ফ্যালফ্যাল করে তাকাচ্ছে সে শুভ মুহম্মদের দিকে। কিন্তু কথা বলতে পারছে না। রেহানা আর জাহেদ দৃষ্টি বিনিময় করল পরস্পরের মধ্যে। জিপ্পির দশা দেখে বিমুঢ় হয়ে পড়েছে তারাও। একটা খুনী অপরাধীর ছুরির আঘাতে কিছুক্ষণের মধ্যেই আসাদের দেহটা ছিন্নভিন্ন হবে, এটা ভাবতে পারছিল না ওরা। অথচ ঠিক তা-ই হতে চলেছে। ইমতিয়াজের অনুপস্থিতি উপলব্ধি করল ওরা দু’জনই।
ডঃ কার্লের তখনও দেখা নেই। চারদিকের দেয়ালে চোরা আলো। অপারেশন-রুমে রাখা হয়েছে সারি সারি কাঁচের জার, স্ট্যান্ড আর নানা রকমের যন্ত্রপাতি। প্রতিটি মুহূর্ত যেন রুদ্ধশ্বাসে অপেক্ষা করছে চরমতম ঘটনাটির জন্যে।
ডঃ কার্ল অদৃশ্য হয়েছে কিছুক্ষণ আগে। এ্যাসিস্ট্যান্টের পোশাকে সজ্জিত হয়ে অপেক্ষা করছে শুভ মুহম্মদ আর মেরী গোল্ডওয়াটার। পিন-পতন নিস্তব্ধতা। টেবিলে শায়িত জিপ্পির অজ্ঞান দেহটাকে ঘিরে একটা নিষ্ঠুর নাটকীয় ঘটনার অপেক্ষা চলছে।
ঠিক এসময় কক্ষে প্রবেশ করল ডঃ কার্ল। পরনে সার্জেনের পোশাক। একবার তাকাল কাঁচের দেয়ালের এপাশে উপবিষ্ট ইরাবতী, জাহেদ এবং রেহানার দিকে। কিন্তু কোন কথা বলল না। গম্ভীর, থমথমে ভঙ্গি নিয়ে এগিয়ে গেল অপারেশন টেবিলের দিকে।
সাত
ঘুম থেকে উঠল ইমতিয়াজ।
এক নতুন জীবন অনুভব করল শরীরের ভেতর। সমস্ত অবসাদ, ক্লান্তি আর জড়তা যেন মন্ত্রবলে দূর হয়ে গেছে। হালকা, ঝরঝরে লাগছে শরীর।
ঘুম ভেঙে উঠেই দেখল, এক সেমন-তরুণী দাঁড়িয়ে আছে খাটের পাশে। ইমতিয়াজ কিছু একটা বলতে যাচ্ছিল, তার আগেই সেই তরুণী স্মিত হেসে ভাঙা ভাঙা বাংলায় বললঃ আপনার খাবার তৈরী মিঃ ইমতিয়াজ, দয়া করে খেতে চলুন।
তরুণীটিকে বাংলায় কথা বলতে দেখে স্বভাবতই ইমতিয়াজ অবাক হয়। সেটা বুঝতে পেরে তরুণী তেমনি হাসি-মুখে বলল : ঠিক আট ঘণ্টা আগে আপনি তিনশত শব্দে যে ভাষায় ভাষণ দিয়েছিলেন, সেই ভাষণ থেকে সেমন ভাষা-বিজ্ঞানীরা আপনার ভাষার একটা মোটামুটি কাঠামো দাঁড় করিয়েছেন। আর স্বয়ং সেমন-রাজা থেকে শুরু করে যাদের উপর আপনার পরিচর্যার ভার, তাদের সবাই এ ভাষা মোটামুটি আয়ত্ত করে নিয়েছেন।
সেমনরা সভ্যতার চরম পর্যায়ে বাস করছে। বিজ্ঞানের সাহায্যে অসম্ভবকে সম্ভব করেছে তারা ইমতিয়াজ অবাক হল না। যে জাতি কয়েক শতাব্দী ধরে সমুদ্র-গর্ভের নিভৃত জগতে শান্তি, সৌন্দর্য ও শক্তির সাধনা করছে তাদের কাছে এটা হয়ত অতি সাধারণ ব্যাপার।
পাশের ঘরেই খাবারের আয়োজন। তেমনি নীল আলো ঝরছে। স্বপ্নের পরিবেশ। মৃদু সঙ্গীতধ্বনি বেজে চলেছে নেপথ্যে।
পরিতৃপ্তির সাথে খেল ইমতিয়াজ। সেমন-তরুণীর নির্দেশে ফিরে এল আগের কক্ষে। বিশ্রাম নিল কিছুক্ষণ পরম নিষুপ্তির ভেতর। বিশ্রাম-সুখ শেষ করে ইমতিয়াজ মাত্র উঠেছে, তখন আবার দেখা গেল তরুণী পরিচারিকাকে। সেমন-রাজ অপেক্ষা করছেন তার কক্ষে।
ইমতিয়াজ নিঃশব্দে অনুসরণ করল সেমন-তরুণীকে।
দু’দিকে স্পঞ্জের দেয়াল। মাথার উপর স্পঞ্জের নীচু ছাত। নরম উষ্ণতা ছড়িয়ে আছে আবহাওয়ায়। টানা বারান্দা পার হয়ে ওরা পৌঁছুল প্রাসাদের মূল প্রকোষ্ঠে। দরজা খুলে গেল আপনাআপনি। ভেতরে ঢুকেই দেখল, বিশাল এক সিংহ দু’পায়ের উপর ভর দিয়ে সটান বসে আছে। চোখে-মুখে সদালসভাব। ঘাড়ের কেশর বিন্যস্ত হয়ে ঝুলছে।
এখানেই দাঁড়াতে হল ইমতিয়াজকে। সামনে বসা সিংহটিই সেমন-রাজা কিনা যখন ভাবছে, তখন ভেতর থেকে আবির্ভূত হল সুদেহী, সুঠাম এক পক্ককেশ বৃদ্ধ। জীবনের সোনালী সম্পদে বৃদ্ধ যেন ঝলমল করছিল। ঘরে ঢুকেই স্মিত হেসে বৃদ্ধ ভাঙা ভাঙা বাংলায় বলল : শুভদিন, মিঃ ইমতিয়াজ। আমি সেমনদের রাজা ইন্গ্রিল বাদোসা। সামনের ঐ সিংহটি দেখছেন, ও হল আমার প্রতীক।
ইমতিয়াজ সবিস্ময়ে তার দিকে তাকালে রাজা ইন্গ্রিল বাদাসো বলল : সেমনরা দেবতা নয় মিঃ ইমতিয়াজ, কিন্তু মস্তিষ্কের চর্চায় তারা দেবতার চেয়েও বড়। আমার উক্তিকে যেন দয়া করে অহংকার মনে করবেন না। অহঙ্কার পাপ। যা সত্য তাই জানালাম আপনাকে। আপনি যতক্ষণ ঘুমোচ্ছিলেন ততক্ষণ একরকমের আল্ট্রা-রে দিয়ে আপনার চেতন-অবচেতন মনের গ্রাফ তুলে নেওয়া হয়েছে। বিশ্বাস করুন, আপনার পরিচয় জেনে আমরা বিস্মিত হয়েছি! আপনি প্রতিভা এবং মানবিক গুণাবলীর বিচারে কোন সেমনের চেয়েই খাটো নন! এও জেনেছি, অত্যন্ত সজ্জন ব্যক্তি আপনি, নিরহঙ্কার, নিঃশঙ্ক এবং সাহসী। সেমনদের বাইরে সাধারণ কোন মানুষের এমন প্রতিভা হতে পারে তা আপনার পরিচয় জানার আগে আমরা বিশ্বাস করতাম না!
: ডঃ কার্ল?
ইমতিয়াজ জিজ্ঞেস করেঃ তাকে আপনারা নিশ্চয়ই জানেন?
ইন্গ্রিল বাদোসা তেমনি স্নিগ্ধ গলায় বললো : তিনিও এক অসাধারণ প্রতিভা! আমাদের তিনি বিশিষ্ট বন্ধু। তাঁর উদ্দেশ্যে আমার সহস্র সালাম। কিন্তু তাঁর কথা থাক মিঃ ইমতিয়াজ, কি উদ্দেশ্যে আপনি সুদুর মৃত-নগরীতে এসেছেন তা বলুন।
ইমতিয়াজ তাকাল রাজা ইন্গ্রিল বাদাসোর দিকে। বৃদ্ধের চোখে-মুখে জীবনের সজীবতা ঝিলমিল করছে। মনে হল, এই লোকটার উপর যে কোন ব্যাপারেই ভরসা করা যায়, আস্থা রাখা যায়। আনুপূর্বিক সব কথা সে খুলে জানাল। সেন আম্পালার সাথে সংঘর্ষ থেকে শুরু করে সবুজ সরোবরের তীরে ঘটনাচক্রে মিসেস আলিয়া মুহম্মদের সাথে সাক্ষাৎকার পর্যন্ত সব ঘটনা খুলে বলল।
ইন্গ্রিল বাদোসার চোখে-মুখে খেলে যায় সহানুভূতির চিহ্ন। ধীরে ধীরে বলল : বন্ধুর জন্যে সেমনরা সব করতে পারে, মিঃ ইমতিয়াজ। আপনি সেমনদের বন্ধু। সবাই সেমনদের বন্ধুত্ব অর্জন করতে পারে। বলুন, আপনার দুঃসময়ে কি ভাবে আপনাকে সাহায্য করতে পারি। শুধু একট কথা, ডঃ কার্লের বিরুদ্ধে সরাসরি আমাদের কাউকে আপনি পাবেন না। আগেই বলেছি, তিনি আমাদের একান্ত বন্ধ আর সেমনরা বন্ধুর বিরুদ্ধে যায় না কোনো কারণেই।
ইমতিয়াজ বলল : আপনার কথা আমার মনে থাকল, রাজা ইন্গ্রিল। ডঃ কার্লের বিরুদ্ধে আমার ব্যক্তিগত অভিযোগ নেই। কিন্তু তার সীমাহীন উচ্চাকাঙ্ক্ষা তাকে অসুস্থ করে তুলেছে। আমি চাই অসুস্থতা থেকে ডঃ কার্লের মুক্তি। তাকে এটা বুঝিয়ে দেয়া দরকার, কোন কারণেই মানুষের জীবন আর স্বাধীনতা নিয়ে খেলা করা যায় না। পৃথিবীর শ্রেষ্ঠতম প্রতিভা হলেও নয়। আমি চাই, ডঃ কার্লের নিরাময়ের ব্যাপারে আমাকে আপনি সাহায্য করুন।
: ডঃ কার্ল নিরাময়ের বাইরে মিঃ ইমতিয়াজ, সুতরাং এক্ষেত্রে আপনাকে কিভাবে সাহায্য করতে পারি তা আমি বুঝতে পারছি না। যাহোক, আমি আপনাকে সবুজ-সরোবরের সবচেয়ে গুরুত্বপূর্ণ কুঠুরীতে নিয়ে যাব। তারপর আপনার ব্যাপার আপনি নিজেই মেটাবার চেষ্টা করবেন।
ঘড়ি দেখল রেহানা।
এগারোটা বেজে দশ।
দিন-রাতের হিসাব নেবার উপায় নেই। তবু বুঝতে পারল এখন রাত্রি। প্রায় চব্বিশ ঘণ্টা আগে ডঃ কার্লের নির্দেশে এই সুরঙ্গ-প্রাসাদে এসেছিল ওরা চারজন —জিপ্পি আসাদ, সে নিজে, জাহেদ এবং ইরাবতী। ডঃ কার্ল তাদের বন্দী করেছে চার দেয়ালের ভেতরে। জিপ্পি আসাদের উপর সার্জারী-অপারেশন চালিয়েছে তাদেরই সকলের চোখের সামনে। সার্জারী শেষে রহস্যময় হাসি হেসে ডঃ কার্ল বলেছে : অপারেশন নট সাক্সেসফুল। ইয়াংম্যান ইজ ডেড্। আই অ্যাম সরি।
ঘণ্টা পাঁচেক আগের কথা সেটা। জাহেদ জিপ্পি আসাদকে মৃত জেনে অসহায় ক্ষোভে ছটফট করেছে, ছুটে গিয়েছে কাঁচের দেয়ালে। কার্লের উদ্দেশ্যে বলেছে: আমাদের একবার অপারেশন টেবিলের কাছে যেতে দাও, কার্ল! একবার আসাদকে দেখতে দাও।
: সরি,
কার্ল বলেছে : উপায় নেই। অপারেশনে আমি ব্যর্থ হয়েছি, হয়ত ইচ্ছে করলে সাকসেসফুলও হতে পারতাম। কিন্তু অপারেশন ব্যর্থ হোক বা না হোক, বন্দী বাঘকে খাঁচার বাইরে আসতে দেবার মত রিস্ক আমি নিতে পারি না। তাছাড়া আপনাদের দিয়ে আমার প্রয়োজনও আছে ভবিষ্যতে। হয়ত আপনাদের আর একজনের উপর আগামীতে পরীক্ষা চালাতে হতে পারে। সুতরাং সরি।
: শয়তান।
জাহেদ নিষ্ফল আক্রোশে চেঁচিয়েছে। কার্ল বলেছে : ওটা আমি সহ্য করে নিতে পারি, জনাব। পারেন তো আমার শক্তি, সাহস, ক্ষমতা, মেধা, প্রতিভার প্রশংসা করুন। এই সুরঙ্গের জগতে নির্ভেজাল প্রশংসা, উচ্চকিত প্রশংসা আমি চাই না। অথচ প্রশংসার ভারী প্রয়োজন আমার। পারেন তো আমার কাঙ্গালপনার দিকে তাকিয়ে প্রশংসা বাক্য আওড়ান।
ইরাবতী বলেছে : ডঃ কার্ল, এককালে আপনি সভ্য জগতের বাসিন্দা ছিলেন। আপনার সেই অতীত পরিচয়ের দোহাই দিয়ে বলছি, এ নিষ্ঠুর খেলা আপনি বন্ধ করুন।
: সরি ম্যাডাম।
কার্ল বলেছে : আমার পূর্ব পরিচয়ের চাইতেও অনেক বেশী মূল্যবান আমার ভবিষ্যৎ ব্যক্তিত্ব। সুইট ম্যাডাম, আগামী পাঁচশ’ বছরের ভেতর আমি গোটা দুনিয়ার বাদশা হতে চাই। এ মনার্ক উইথ অল ক্যাপ্রিসিয়াস পাওয়ার। সুতরাং অতীত পরিচয়ের দিকে তাকিয়ে আমার পক্ষে মানবিক দুর্বলতা প্রকাশ করা সাজে না। যাহোক, কথাবার্তা বহু হয়েছে। আপাততঃ বিশ্রামের জন্যে আপনাদের কক্ষান্তরে পাঠাচ্ছি। বিশ্রাম নিন। আবার কার্ল যখন ইচ্ছা করবে আপনারা এ ঘরে আসবেন।
শুভ মুহম্মদ ও মেরী গোল্ডওয়াটার স্থানুর মত দাঁড়িয়েছিল অপারেশন টেবিলের দু’পাশে। হঠাৎ টলে উঠল শুভ মুহম্মদ, হাত বাড়িয়ে শূন্যে কি একটা ধরতে চাইল, তারপর পড়ে গেল মেঝেয়।
ইরাবতী আর্তকণ্ঠে চেঁচিয়ে উঠল: বাবা!
ডঃ কার্ল বলল : মেরী, তুমি এই মুমূর্ষু বৃদ্ধের পরিচর্যা কর। একে মরতে দেওয়া যায় না। কারণ আমার কিছু সংখ্যক বিশ্বস্ত ভৃত্যের প্রয়োজন, আর এ লোকটা শত মানবিক দুর্বলতা সত্তেও আমার শক্তির প্রতি আন্তরিকভাবে বিশ্বাসী।
মেরী গোল্ডওয়াটার নিঃশব্দে এগিয়ে গেল মূর্ছিত শুভ মুহম্মদের দিকে। কার্ল একটা সুইচ টিপল। নেমে যেতে লাগল কাঁচের দেয়ালগুলি নীচে, কিছুক্ষণের মধ্যেই দৃশ্যান্তর ঘটল।
স্থানান্তরে সুরঙ্গ-প্রাসাদে ইরাবতী, রেহানা এবং জাহেদ দুঃসহ সময় যাপন করছে। বার বার তাদের চোখের সামনে ভাসছে অপারেশন টেবিলে জিপ্পি আসাদের নিথর দেহটি, যে দেহে ডঃ কার্ল নিষ্ঠুর হাতে অপারেশনের ছুরি চালিয়েছে। নিষ্ফল আক্রোশে ছটফট করাই সার হল ওদের! চোখের সামনে একটা খুনী আসাদের দেহের উপর ছুরি চালাল, অথচ তারা কিছুই করতে পারল না। এই মুহূর্তে বার বার মনে পড়তে লাগল ইমতিয়াজের কথা।
ইমতিয়াজ কোথায় গেল?
রেহানা আকাশ-পাতাল ভাবছিল। পাশেই নিথর হয়ে পড়ে আছে ইরাবতী। জাহেদ বসে আছে চুপচাপ।
ঠিক এসময় ঘরে ঢুকল কেউ একজন। সামান্য পদশব্দে ফিরে তাকাল রেহানা এবং জাহেদ। অবাক হয়ে দেখল, তাদের সামনে দাঁড়িয়ে আছে মেরী গোল্ডওয়াটার। অপূর্ব সুন্দরী যুবতী। দেহের বাঁকে বাঁকে যৌবনের উচ্ছ্বসিত তরঙ্গ। কিন্তু চোখে-মুখে গাঢ় কালিমার ছোপ। চোখাচোখি হতেই ঠোঁটে তর্জনী চেপে সতর্ক করে দিল মেরী গোল্ডওয়াটার।
আরও কাছে সরে এল সে। মেঝেয় নুয়ে পড়ে চক দিয়ে লিখলঃ তোমাদের আমি বাঁচাতে এসেছি। পারব কিনা যীশুই জানেন। কিন্তু জীবনের ভয় আমার নেই, সুতরাং আমার সাহায্য লাভের ব্যাপারে তোমরা নিশ্চিন্ত হতে পারো।
অবাক হয়ে ওরা তাকায় সুন্দরী মেরীর দিকে। মেঝেয় আবার মেরী লিখে চলে : আমি তোমাদের নিয়ে যাব সুরঙ্গের বাইরে। কার্ল এখন ঘুমোচ্ছে। তার এ্যাকশন-রুমের চার্জে আছি আমি। অন্যদিন আমার সাথে শুভ মুহম্মদ থাকেন, কিন্তু আজ তিনি অসুস্থ। তোমরা আমাকে বিনা বাক্যব্যয়ে অনুসরণ করো।
ইরাবতী এসময় জেগে ওঠে। মেরীকে দেখে কি একটা বলতে যাচ্ছিল, রেহানার ইঙ্গিতে সে থেমে যায়। মেরী এরপর মেঝেয় লেখে : তোমাদের কোন চিন্তার কারণ নেই। কার্ল অসীম ক্ষমতাশালী হলেও মানুষ। তার ক্ষমতার সীমাবদ্ধতার কথা আমার ভালই জানা আছে। আমি তার নিষ্ঠুর উপভোগের পাত্রী। সুতরাং আমার পক্ষে তোমাদের সাহায্য করা অসম্ভব নয়। তোমরা এসো, আমাকে অনুসরণ করো।
জামার প্রান্ত দিয়ে মেঝের লেখাগুলো মুছে ফেলল মেরী গোল্ডওয়াটার। এক টুকরো প্রশান্ত হাসি খেলে গেল তার রঙ্গিন অধরে। জাহেদ, ইরাবতী, রেহানা নিঃশব্দে তাকে অনুসরণ করল। মেরী গোল্ডওয়াটার ওদের নিয়ে চলল কক্ষের পর কক্ষ পার হয়ে—কোথায় কোনদিকে কেউ বুঝতে পারল না। আশ্চর্য লাগছিল মেরীর পেছনে পেছনে নিজেদের এভাবে যাওয়াটা। করুণ বেদনার ভারে টনটন করছিল ওদের বুক। এই প্রথম জিপ্পিকে পেছনে রেখে ওরা এগিয়ে চলেছে।
সুরঙ্গ-প্রাসাদ শেষ হয়ে এল। স্টিলের ফ্রেম দেওয়া একটা কেবিনে এসে পৌঁছুল ওরা। হলদেটে আলো জ্বলছে। চারিদিকে কিসের একটা চাপা ফিসফিসানি। মেরী গোল্ডওয়াটারের চোখেমুখে নেমে এল শঙ্কার চিহ্ন। ছোট্ট কেবিনে দাঁড়াতেই কেবিনটা দুলে উঠল। ওরা বুঝলো, এটা বিশেষভাবে নির্মিত একটা লিফ্ট, যা হয়ত সুরঙ্গ-প্রাসাদে ডঃ কার্ল কে ব্যবহার করতে হয়। লিট উঠে গেল উপরে, কিছুক্ষণ পর স্থির হল। আপনা আপনি খুলে গেল দরজা। বেরিয়ে এল ওরা সবাই।
মুক্ত অঙ্গন চারদিকে মৃত নগরীর প্রাসাদ। বাতাসের সামান্য সাড়া পাওয়া যায়। পৃথিবী ঘুমোচ্ছে গভীর ঘুমে! ওরা প্রাণ ভরে মুক্ত অঙ্গনের বাতাস টানল।
মেরী বললঃ তোমাদের মুক্তি দিতে পেরেছি তা বলব না। এটাও শয়তান কার্লের রাজত্ব। কিন্তু কার্ল এই রাজ্যের একচ্ছত্র অধিপতি নয়। মুখে সে যাই বলুক, তারও ক্ষমতার সীমা আছে। তোমরা এই রাজপথ ধরে সোজা সবুজ সরোবরের তীরে যেয়ে পৌঁছুবে। মাঝে মাঝে পেছন ফিরে দেখবে মৃত নগরীর প্রাসাদের ছাতে একশো-এক-দেবতার বিশাল মূর্তিটা দেখা যায় কিনা। যদি দেখা না যায় বুঝবে, কার্লের রাজত্বের সীমা ছাড়িয়ে সেমনদের এলাকায় গিয়ে পৌঁছেছ। সেমনদের কারো সাথে দেখা হলে তাদের সাহায্য প্রার্থনা করতে পারো। কার্লের বিরুদ্ধে সেমনরা হয়ত তোমাদের কোনরকম সাহায্য দেবে না। কিন্তু সেমনরা তোমাদের জীবনের নিরাপত্তা দেবে যে কোনো অবস্থায়। অন্ততঃ কার্লের শয়তানীর বাইরে থাকো, এই আমার ইচ্ছে। আচ্ছা, শুভরাত্রি, চলি।
জাহেদ বলল : দাঁড়াও মেরী, আমিও তোমার সাথে যাব বন্ধুর মত যখন সাহায্যের হাতই বাড়িয়েছ তখন বন্ধুত্বের মর্যাদা রাখার সুযোগ আমাকে দাও।
রেহানা এবং ইরাবতীর দিকে ফিরে তাকাল জাহেদ। বলল : জিপ্পির বদলা নিতে পারব কিনা জানি না। কিন্তু চেষ্টা করে দেখতে দোষ কি? ইরাবতীকে নিয়ে তুমি কার্লের রাজত্বের সীমার বাইরে চলে যাও, আল্লা চাহেন তো দেখা হবে।
রেহানা বলল : তাই হোক। আমরা ঠিক বারো ঘণ্টা অপেক্ষা করব তোমার জন্যে। মেরী, তোমাকে ধন্যবাদ দিয়ে খাটো করব না। আমাদের শুধু সুরঙ্গ-প্রাসাদে ঢোকার উপায়টা বালে দাও।
মেরী তাদের নিয়ে এল পার্শ্ববর্তী দেয়ালের কাছে। একটা বিন্দুবৎ বোতাম দেখাল। বলল : এটা টিপে দিলেই উন্মুক্ত হবে লিফটের দরজা, নির্বিবাদে প্রবেশ করতে পারবে সুরঙ্গ-প্রাসাদে। কিন্তু আমি বলি কি, সুরঙ্গ-প্রাসাদে আর প্রবেশের চেষ্টা করো না।
রেহানা তার শাড়ীর এক প্রান্ত ছিঁড়ে দেয়ালের একদিকে ছড়িয়ে রাখল। মেরীকে বলল : তোমার উপদেশ মনে রাখব। কিন্তু ধরো তোমার মত বাঁচার অর্থই যদি ফুরিয়ে যায় তাহলে এই সুরঙ্গ প্রাসাদে ফিরে আসতে দোষ কি?
জাহেদের দিকে ফিরে তাকাল সে। একটু হাসল। বলল : দেখো, বিয়ে হবার আগেই যেন বিধবা করো না। দোহাই তোমার!
জাহেদও হাসল। বলল : সে তোমার কপাল। কতবারই তো চান্স দিলাম···সুযোগ গ্রহণ না করলে আমার দোষ কি? যাহোক, চললাম। দেখো, তুমি আবার আমাকে পরে কম-জোর বলে দোষারোপ করো না। আহা, জিপ্পিটা আর নেই! শালার সাথে বড় জম্ত।
একথার পর রেহানা আর ইরাবতী দ্রুত হেঁটে চলল ওদেরকে পেছনে রেখে। জিপ্পির কথায় কেউ যেন চাবুক বসাল রেহানা আর ইরাবতীর পিঠে। ওরা অদৃশ্য হতেই মেরী তাকাল জাহেদের দিকে। বলল : ভালবাস মেয়েটিকে?
: হ্যাঁ।
দীর্ঘশ্বাস চাপল মেরী। বলল : আমিও একজনকে ভালবাসতাম। তারই সন্ধানে এসেছিলাম শ্বশুরের সাথে এই মৃত-নগরীতে। হ্যাঁ, টমাসের জন্যে। টমাস আমাদের চিনতে পারে নি। উপরন্তু তারই প্রাণের ধন কচি পাঁচ বছরের মেয়েটাকে আমাদের চোখের সামনে চিবিয়ে খেয়েছে।
: টমাসের স্ত্রী।
জাহেদ বিস্মিত হয়, সেই সাথে অনুভব করে বিশাল বেদনা : কার্ল, তুমি মানুষ নও, সাক্ষাৎ শয়তান!—সে দাঁত কিড়মিড় করে বলল।
জায়গাটা অন্ধকার।
একপা সামনে দিয়ে থমকে দাঁড়াল জাহেদ। অন্ধকারে হারিয়ে গেছে মেরী গোল্ডওয়াটার। সুরঙ্গের জগতে অনেক অচেনা বাঁক, অনেক রহস্যময় গোলক ধাঁধাঁ। জাহেদ মুহুর্তেই হতবাক হয়ে যায়।
পর মুহূর্তেই একটা হাত এসে পড়ে জাহেদের হাতে। কোমল, উষ্ণ।
আশ্বস্ত হয় জাহেদ।
মেরীর হাত। সামনে এগিয়ে গিয়েছিল সে। জাহেদকে পেছনে পড়ে যেতে দেখে সন্তর্পণে ফিরে এসেছে।
সুরঙ্গের জগতে কথাবার্তা বলা বিপজ্জনক। দু’পাশের দেয়ালে রয়েছে শক্তিশালী মাইক্রোফোন। এই বিচিত্র পরিবেশে মুখ ফুটে কথা বলার অর্থ প্রতিপক্ষকে নিজের অস্তিত্বের কথা জানিয়ে দেওয়া।
মেরীর হাতের স্পর্শে আশ্বস্ত হয় জাহেদ। সে বুঝল, মেরীর স্পর্শ জানাচ্ছে, অন্ধকার দেখে ভড়কে যাবার কিছু নেই। অন্ধকারের পরেই রয়েছে আলোর জগৎ।
এগিয়ে চলল ওরা অন্ধকারের ভেতর দিয়ে সন্তর্পণে। মেরী এতদিনে খানিকটা বিশ্বাস অর্জন করেছে কার্লের। কার্ল এখনো তার মানবিক সত্ত্বাকে সম্পূর্ণ বিসর্জন দেওয়ার শক্তি অর্জন করে নি। এখনো তার প্রয়োজন হয় জৈবিক ক্ষুধা মেটাবার। সেই ক্ষুধা নিবৃত্তি করে সে মেরীকে দিয়ে। লাঞ্চিতা মেরী, নিগৃহীতা মেরী, অপমানিতা মেরী দিনের পর দিন সহ্য করে চলেছে কার্লের নিষ্ঠুর অত্যাচার। মাঝে-মধ্যে অন্ততঃ কিছুক্ষণের জন্যে হলেও মেরীর বাহুমূলে কার্লকে অসহায়ভাবে আত্মসমর্পণ করতে হয়! কার্লের ওপর তাই নারী-সুলভ খানিকটা প্রভাব খাটাবার শক্তি মেরী অর্জন করেছে।
কিন্তু মেরী তার সন্তানের মৃত্যুর কথা ভোলে নি। টমাসকে নরখাদকে পরিণত করার নৃশংসতা ভোলে নি। সে সুযোগ খুঁজেছে প্রতিশোধ নেওয়ার। বিজন সুরঙ্গ-পুরীতে সেই সুযোগ এর আগে আসে নি। সভ্য জগতের কোনো মানুষের দেখা পাবে এই সুরঙ্গপুরীতে একথা কল্পনাও করে নি মেরী। কিন্তু অবশেষে ভগবান যীশু মিলিয়ে দিয়েছেন সেই সুযোগ। তাই মেরী আজ বেপরোয়া হয়ে উঠেছে প্রতিশোধ স্পৃহা চরিতার্থ করার জন্যে। অপারেশনের অমানুসিক পরিশ্রমের পর কার্লের স্নায়ু এখন দুর্বল। সে আশ্রয় নিয়েছে সুরঙ্গ পুরীর সবচেয়ে গুরুত্বপূর্ণ কুঠুরী, লাইফ-সেলে।
সেদিকেই জাহেদকে পথ দেখিয়ে নিয়ে চলেছে মেরী।
নিশ্ছিদ্র অন্ধকার। হঠাৎ হোঁচট খেল জাহেদ দেয়ালে। মেরী তাকে উঠাল। আবছা মুদু হাসি ধ্বনিত হলো এক সেকেন্ডের জন্যে। জাহেদের মনে হল, মেরী জীবন-পিপাসায় সজীব হয়ে উঠেছে। হয়ত ভাবছে, সুরঙ্গ-পুরীতে আর থাকতে হবে না। আবার ফিরে যেতে পারবে সভ্য পৃথিবীতে।
পথ যেন আর ফুরোয় না। অন্ধকারের একটাই চেহারা। সব কিছুকে ডুবিয়ে একাকার করার রূপ। মেরীর হাত ধরে এগিয়ে চলল। বহুক্ষণ এভাবে চলার পর আবছা করতালির শব্দ শুনল কাছে কোথাও। আর থেকে থেকে শোনা গেল তীব্র হিসহিস শব্দ। কয়েক পা এগোবার পর অন্ধকারের রাজত্ব শেষ হয়ে গেল। ফুটে উঠল আলোকিত এক কক্ষ। সবিস্ময়ে জাহেদ দেখল, বিশাল এক কক্ষে সারি সারি এক্যুরিয়াম। বৃহদাকার এক্যুরিয়ামে রাখা আছে নানা ধরনের হিংস্র সাপ।
কক্ষের মাঝখান দিয়ে পথ। কক্ষটি যেখানে শেষ হয়েছে সেখানে দরজার মুখে জ্বলছে বিশাল এক ফার্নেস। নীল ধোঁয়া উঠছে চক্রাকারে।
মেরী বা’দিকের দেয়ালে হাত রাখল। ছোট্ট একটা সুইচ। সুইচ টিপে দিতেই বেরিয়ে এল লিফট। দু’জনে নিঃশব্দে গিয়ে দাঁড়াল লিফ্টের ভেতর। করতালি বাজছে তখন বেশ ঘন ঘন। জাহেদ মেরীর দিকে তাকালে সে পরিপূর্ণ হাসল। নির্ভয় দেওয়ার হাসি। মেরী যেন বলল : আমি যতক্ষণ আছি কোনো ভয় নেই। নিশ্চিন্ত থাক। আমরা যাচ্ছি কার্লের লাইফ-সেলে।
লিফ্ট একসময় নিশ্চল হল। খুলে গেল দরজা। বেরিয়ে এল ওরা। সামনে একজন কোন রকমে যেতে পারে এমন পথ। দু’পাশে মসৃণ মোজেক করা উঁচু দেয়াল। মেরী দু’হাতে একটা সুরঙ্গ দেখাল। জাহেদ বুঝল, দেয়ালে তেরো সেন্টিগ্রেড হিট লাগলেই বিপদ। আর এই বিপদ থেকে রক্ষা পাওয়ার উপায় হলা এমনভাবে চেপেচুপে সঙ্কীর্ণ পথে যাওয়া যাতে দেয়ালে জোরে গা ঠুকে না যায়।
এসবই কার্লের আত্মরক্ষার কৌশল। কেউ যাতে কোনো রকমেই দুর্ভেদ্য লাইফ-সেলে ঢুকতে না পারে তার নিখুঁত ব্যবস্থা।
ব্যায়াম করা শরীর জাহেদের। বডি কন্ট্রোল করা তার পক্ষে তেমন কঠিন নয়। সে সাবধানে সংকীর্ণ পথ দিয়ে চলতে লাগল। কিন্তু মেরী নিশ্চিন্তে, সচ্ছন্দে সেই পথ দিয়ে যাচ্ছে......দু’পাশের দেয়ালে এতটুকু গা ঠেকছে না।
মাঝপথে গিয়ে থমকে দাঁড়াতে হলা জাহেদকে। সারা গা ভয়ানকভাবে দুলে উঠল। হাঁচি চেপেছে একটা। প্রাণপণে হাঁচিটা চাপতে চেষ্টা করল সে। মেরী ভয়ে দাঁড়িয়ে পড়ল। তার সজল চোখ দু'টি বলল—মিস্টার জাহেদ, সর্বনাশ করবেন না। আপনার এক হাঁচিতেই সারা দেয়ালের দেশ জেগে উঠবে। তরঙ্গ উঠবে চারপাশে। বাড়তি উত্তাপে অদ্ভুত প্রক্রিয়ায় দেয়াল দু’টি আরো চেপে আসবে। ছোট হতে হতে দেয়াল দু’টি মিশে যাবে এক হয়ে। আর দেয়ালের ভেতরে চাপা পড়ে আমাদের দু’টি দেহ মিশে যাবে অস্থি-মাংস একাকার হয়ে। কেউ জানবে না আমাদের অসহায় মৃত্যুর কথা।
শেষ পর্যন্ত অনেক কষ্টে আত্মসংবরণ করতে পারল জাহেদ। হাসি ফুটে উঠল মেরীর সুন্দর গোলাপী ঠোঁটে। কৃতজ্ঞ দেখাল তাকে।
আবার শুরু হল দুই দেয়ালের মাঝখানে সংকীর্ণ পথে পথ-চলা। হাঁপিয়ে উঠল দু’জনেই। কপালে দেখা গেল স্বেদ-বিন্দু। শরীরের উত্তাপ অসম্ভব বেড়ে গেল। হাত-পা অসাড় হয়ে আসতে লাগল।
বিকট দেখাচ্ছে সামনের অতি-সংকীর্ণ পথের রেখা। দু’পাশে বিশাল উঁচু দেয়াল। মসৃণ, মোজেক করা। দেয়াল ফুঁড়ে আলো আসছে আর রহস্যময় অদৃশ্য থেকে কানে আসছে করতালির শব্দ।
অবশেষে পথ অতিক্রম করল দু’জনে। এসে পৌঁছল প্রশস্ত অঙ্গনে। মাঝখানে স্টিলের নল দিয়ে ঘেরাও করা খানিকটা জায়গা, নীল পানি টলমল করছে। কি কারণে এই নিভৃত অঙ্গনে সৃষ্টি হয়েছে এই ক্ষুদ্র জলাধারটি, জাহেদ বুঝে উঠতে পারল না। কিন্তু তার মনে পড়ল, মৃত-নগরীতে এরকম চৌবাচ্চার মত ক্ষুদ্র জলাধার বহু দেখেছে। তার মনে হল, ক্ষুদ্র জলাধারটির সৃষ্টির পেছনে রয়েছে কোনো গূঢ় কারণ। মেরীর দিকে জিজ্ঞাসু নেত্রে তাকাল। মাথা নাড়ল মেরী। জানাল, জাহেদের অনুমান সত্য।
দু’জনই কিছুক্ষণ বিশ্রাম নেয় মুক্ত অঙ্গনে। তারপর মেরীর নির্দেশে সামনের দিকে এগিয়ে চলে জাহেদ। অঙ্গন যেখানে শেষ সেখান থেকে শুরু হয়েছে এক গোলাকৃতি প্রাসাদ। গাঢ় সবুজ। একটি মাত্র দরজা, তার রং তীব্র লাল।
লাইফ-সেল।
এখানেই বিশ্রাম নিচ্ছে ডঃ কার্ল। এতকালের বিজ্ঞান-সাধনায় যা কিছু অর্জন করেছে তার সবকিছু ঢেলে রচনা করেছে কার্ল এই সবুজ প্রাসাদ। মৃত্যুকে জয় করার মন্ত্র রয়েছে এই প্রাসাদেই।
গাঢ় লাল রং দরজার সামনে এসে দাঁড়ায় দু’জন। মুহূর্তে হিংস্র হয়ে ওঠে মেরীর চোখ-মুখ। এগিয়ে যায় সে দরজার দিকে। অতি সাবধানে চৌকাঠের উপর পা রাখে। মৃদু চাপ দেয়। ভোজবাজির মত খুলে যায় দরজাটা। রাক্ষুসে-দ্বীপের প্যাগোডার দরজাগুলোর রহস্যের কথা মনে পড়ে যায় জাহেদের।
খোলা দরজা দিয়ে দু’জনই ভেতরে ঢোকে। বিশাল কক্ষের শেষ সীমানায় দু’টি শবাধার। ওরা ভেতরে ঢুকতেই দরজাটা বন্ধ হয়ে যায় আপনা-আপনি। ভেতরে ঢুকে জাহেদের মনে হল, তার প্রতিটি স্নায়ু গানের মত মুখর ও জীবন্ত হয়ে উঠেছে। শরীরের সব ক্লান্তি, অবসাদ দূর হয়ে গেল। মনে হল, এমন সজীবতা, এমন স্নিগ্ধ জীবন-স্পর্শ কখনো অনুভব করে নি সে।
মেরী এগিয়ে যায় শবাধার দু’টির দিকে। কাঁচের শবাধার। স্পষ্টই দেখা গেল, একটিতে শুয়ে আছে ডঃ কার্লের নিথর দেহ।
নাগিনীর মত নিঃশ্বাস পড়ে মেরীর। শবাধারের সাথে সংযুক্ত সার্কিটের দিকে হাত বাড়ায়। অফ্ করে দেয় সে একটা সুইচ। ধীরে ধীরে কালোবর্ণ ধারণ করে শবাধারটি।
ফিসফিস করে মেরী বলল : ডঃ কার্ল, প্রতিশোধ নিলাম। তোমারই গড়া লাইফ-সেলে আমি এনে দিলাম বরফ-শীতল মৃত্যু। লাইফ-সেলের জীবন-স্পর্শ আর কোনদিনই তোমাকে চাঙ্গা করে তুলবে না।
: সামান্য একটু ভুল হয়ে গেছে ম্যাডাম……।
পেছন থেকে শোনা যায় একটি গম্ভীর কন্ঠস্বর। চমকে পেছনে তাকায় দু’জনই। দ্যাখে, যমদূতের মত দাঁড়িয়ে আছে ডঃ কার্ল! হাতে একটা লম্বা টিউব। ক্রোধে রক্তবর্ণ দেখাচ্ছে মুখমণ্ডল।
: সামান্য একটু ভুল হয়ে গেছে। সেটা হল হিসেবের ভুল। ডঃ কার্ল যে তোমার মত রূপসী, সুন্দরী যুবতীকে সম্পূর্ণ বিশ্বাস করে নি কোনদিনই, এ কথাটা তোমার জানা উচিত ছিল। ভাবা উচিত ছিল, তোমার দেহ যত লোভনীয়ই হোক, ছলাকলায় যত পাকাই তুমি হও, তোমার হাতে মৃত্যু-বাণ তুলে দেওয়ার মত বোকা ডঃ কার্ল নয়। ডঃ কার্ল লাইফ সেলের কোন সেলে শুয়ে জরা ও স্নায়ুর দুর্বলতা দূর করে সেটা দুনিয়াতে শুধুমাত্র জানে ডঃ কার্লই।
: কার্ল ……!
অস্ফুটে বলে মেরী : আবার ভুল করলাম! হায় ঈশ্বর!
: হ্যাঁ ম্যাডাম, ঈশ্বরকেই ডাক। কারণ যে মুহূর্তে লাইফ-সেলের ভেতরে ঢুকেছ তোমরা কার্লকে হত্যা করবার জন্যে, সে মুহূর্তেই তোমাদের দু’জনের উপর জারী হয়েছে মৃত্যু-দণ্ডাজ্ঞা! সেই দণ্ড এখনই কার্যকরী হবে।
ডঃ কার্ল লম্বা টিউবটা তুলে ধরে। বলে : আরো একটি কথা। মৃত্যু-দণ্ড দেওয়া হয়েছে শুধু তোমাদের দু’জনকেই নয়। এর ভিতরে আছে ইমতিয়াজের সঙ্গী রেহানা, শুভ মুহম্মদ নিজে, শুভ মুহম্মদের কন্যা ইরাবতী, শুভ মুহম্মদের সহচর মাবিয়া, শুভ মুহম্মদের এককালের বন্ধু ও শত্রু সেন আম্পালা, তার বন্ধু, জাহেদ, তুমি এবং অবাক হয়ো না, জিপ্পি আসাদও রয়েছে এর ভেতর। হ্যাঁ, তোমাদের ভুল তথ্য পরিবেশন করেছিলাম আমি ইচ্ছে করেই। অপারেশন ওয়াজ সাকসেসফুল। জিপ্পি আসাদ ওয়াজ ডেড এ্যান্ড আফটারওয়ার্ডস হি ওয়াজ টেকেন ব্যাক টু লাইফ। সবারই মৃত্যুদণ্ড পাওনা রয়েছে আমার হাতে। অপেক্ষা করো, কিছুক্ষণের ভেতরেই দেখতে পাবে সবাইকে।
ডঃ কার্লকে উত্তেজিত দেখাল। কণ্ঠস্বরে তীব্র ঘৃণা মিশিয়ে বলল : আমার হাত থেকে বেঁচে গেছে শুধু ইমতিয়াজ, আর আলিয়া মুহম্মদ। বোকার দেশের রাজা ইন্গ্রিল বাদোসা তাদের আশ্রয় দিয়েছে। তোমাদের হত্যা করার পরই আমার কাজ হবে সেমনরাজ্য আক্রমণ করা। ওদের স্বপ্ন-রাজ্য আমি ভেঙে দেব। এতদিন ব্যাটাকে সহ্য করেছি আমি নানা কারণে। কিন্তু আর নয়। শত্রুর শেষ রাখতে নেই! সেমনদের অস্ত্র দিয়েই নিপাত করব আমি সেমনদের।
জাহেদ বললঃ যোগে সামান্য ভুল হয়েছে, ডঃ কার্ল। ইরাবতী আর রেহানা এখন আপনার শক্তির সীমানার বাইরে!
হাসল ডঃ কার্ল। বলল : কিছুক্ষণ আগে ছিল। কিন্তু এখন আর নেই। গতকাল রাক্ষুসে দ্বীপের অরণ্য থেকে ধরা হয়েছে উন্মাদ মাবিয়াকে। কিছুক্ষণ আগে ধরা হয়েছে সেন আম্পালা এবং তার বন্ধুকে! আর আমার আদেশে দুই ডজন আদিবাসী যোদ্ধা বন্দী করে নিয়ে আসছে ইরাবতী এবং রেহানাকে। বেশ, বিশ্বেস না হয়, ওদের দুর্দশার চিত্রটি আমার লাইফ-সেলের টেলিভিশনেই দেখো!
ডঃ কার্ল এগিয়ে গিয়ে দেয়ালের একটা সুইচ অন করে দিল। দেয়াল ফুঁড়ে ফুটে উঠল আলোর সাদা ঝলক। একটি চিত্র। সুরঙ্গের পথে আদিবাসীরা ধরে নিয়ে আসছে ইরাবতী আর রেহানাকে। জাহেদ বুঝল, মেরীর ষড়যন্ত্র ডঃ কার্ল আগেই টের পেয়েছিল। এতক্ষণ হয়ত নাটকীয় মুহূর্তের জন্যে অপেক্ষা করছিল সে।
মেরী হঠাৎ উন্মাদিনীর মত ছুটে গেল ডঃ কার্লের দিকে : আই ওন্ট স্পেয়ার ইউ, ডেভিল। আই শ্যাল কিল ইউ।
ডঃ কার্ল বিচলিত হল না। মেরী তার উপর ঝাঁপিয়ে পড়ার উপক্রম করতেই একদিকে সরে দাঁড়াল। নিমেষে মেরী ও ডঃ কার্লের মাঝখানে উঠে গেল পুরু কাঁচের দেয়াল। মেরী নিষ্ফল আক্রোশে সেই দেয়ালে আঘাত হানতে লাগল।
ডঃ কার্ল বলল : আমার টিউবের ভেতরে আছে তোমাদের মৃত্যু। অসহ্য যন্ত্রণা দিয়ে তিলে তিলে মারা হবে তোমাদের। হ্যাঁ, টিউবের ভেতর আছে ইলেকট্রিক রে। শরীরে লাগা মাত্ৰ শরীর বেলুনের মত ফুলে উঠবে, আবার চুপসে গিয়ে চামড়ার সাথে মিশে যাবে। কিন্তু এতেও জীবন যাবে না তোমাদের। তোমরা তখন উন্মাদের মত বলবে, ডঃ কার্ল, আর সহ্য হয় না, মেরে ফেলো আমাদের। বলবে, মৃত্যু দাও, ডঃ কার্ল। ঠিক সেই মুহূতে আমি তোমাদের সেলে পাঠাব আমার তৈরি নর-খাদক টমাসকে। অন্ধ টমাস আগের মত হিংস্র আর শক্তিশালী হয়ত নেই। কিন্তু তোমাদের সবাইকে চিবিয়ে খাওয়ার মত ক্ষুধা, প্রবণতা ও শক্তি তার এখনো আছে। আর টমাসের চোখে আঘাত করে তাকে পরাজিত করার কোন উপায় এখন নে। তাকে আমি নতুন ধাঁচে তৈরী করেছি গত চব্বিশ ঘণ্টার ভেতরে। তৈরী হও, আমি আসছি।
ডঃ কার্ল অদৃশ্য হয়ে গেল। বেজে উঠল সহস্র করতালির শব্দ। দেয়াল ফুঁড়ে বেরিয়ে এল মাবিয়া, সেন আম্পালা, তার বন্ধু আর শুভ মুহম্মদ। কিছুক্ষণ পরে দেখা গেল ইরাবতী আর রেহানাকে। কিন্তু কেউ কোন কথা বলতে পারল না। রহস্যময় সেই লাইফসেলের কক্ষটি এখন ভরে উঠেছে বিপুল করতালির শব্দে।
: বাঁচার কি কোনো চেষ্টাই করতে পারি না?
হঠাৎ নিঃশব্দ থেকে চেঁচিয়ে ওঠে রেহানা। শুভ মুহম্মদ বলে : না। এই দেয়ালের সুইচ রয়েছে পাশের ঘরে। আমাদের এখন মৃত্যুর জন্যে অপেক্ষা করাই শ্রেয়ঃ।
: কার্ল! ডঃ কার্ল...।
করুণ আর্তনাদ করে উঠল সেন আম্পালা : চাই না মুক্তোর খনি আর অমরতার ফর্মুলা। আমাদের শুধু বাঁচিয়ে দিন। কার্ল আপনার কাছে প্রাণভিক্ষা চাই।
সেন আম্পালার কাতর আর্তনাদ শুনে ইরাবতী কি ভাবল সেই জানে। সে বিকৃত হাসিতে কেঁপে উঠল। হাসতে লাগল সে উন্মাদিনীর মত।
মাবিয়া বলল : সেন আম্পালা, আরও মনোযোগ দিয়ে প্রাণভিক্ষা চান। চাই কি আমরা বেঁচেও যেতে পারি!
মাবিয়ার কণ্ঠস্বরে কাঁপুনি নেই। রাক্ষুসে দ্বীপে একা একা উন্মাদের মত সে যে ঘুরে বেড়াচ্ছিল তারও কোন চিহ্ন নেই তার হাবভাবে। কেমন যেন নির্লিপ্ত, নিষ্ঠুর হাবভাব। মৃত্যুকে যেন সে ভালবাসতে চলেছে!
: ডঃ কার্ল…!
সেন আম্পালা আবার গগনভেদী চীৎকার করে ওঠে : বাঁচান, ডঃ কার্ল! আর কিছু নয়, শুধু প্রাণে বাঁচান। না হয় আপনার গোলাম হয়ে থাকব চিরদিন। তবু আমাদের রক্ষা করুন।
সেন আম্পালার মর্মভেদী আর্তনাদ দেয়ালে দেয়ালে প্রতিধ্বনিত হয়ে ফিরতে লাগল। ঘৃণায় মুখ ফেরাল জাহেদ।
: কাপুরুষ এভাবেই মরে। দ্যাখো, দ্যাখো।
ইরাবতী হাসতে লাগল। জাহেদ এগিয়ে গেল জিপ্পির দিকে। জিপ্পি গভীর আবেগে চেপে ধরল প্রিয়তম বন্ধুর হাত। রেহানা মৃদু হেসে বলল : এক মৃত্যু থেকে আর এক মৃত্যুর দিকে চলেছি আমরা। কি বল?
: না দোস্ত, লোকটা ভাল কারিগর।
জাহেদ কার্লের প্রশংসা করতে লাগল : মরি ভাল, কিন্তু লোকটার প্রতিভার প্রশংসা না করে পারছি না।
: কিন্তু একটা ভুল করছ, জাহেদ।
জিপ্পি বলল : ডঃ কার্লের প্রতিভার মৃত্যু হয়েছে বহুদিন আগেই। যে দিন এই রাক্ষুসে দ্বীপে সে পা দিয়েছে, সেই দিনই। ডঃ কার্লের ভেতর এখন যা অবশিষ্ট আছে তা হল শয়তানের লোভ আর লালসা। শয়তানের উপর আমার কোন শ্রদ্ধা নেই।
ঠিক এসময় মুখোমুখি কাঁচের দেয়ালে ফুটে উঠল ডঃ কার্ল এবং নর-রাক্ষস টমাসের ছবি। কার্ল কে দেখাচ্ছে ভয়ঙ্কর। টমাসকে মনে হচ্ছে ভয়ানক অস্থির আর উত্তেজিত। ক্ষুধার্ত।
: আমি আমার খেলা শুরু করতে যাচ্ছি।
কার্ল ঘোষণা করল : বাঙালী ইমতিয়াজ আর তার সঙ্গীদের বাঁচিয়ে রেখে এক মুহূর্ত স্বস্তি পাচ্ছি না। ইমতিয়াজের প্রাণদণ্ড আপাততঃ মুলতবী রইল। এখন আমি তার সঙ্গীদের হত্যা করতে যাচ্ছি। লেডীজ ফার্স্ট।
কার্লের ইঙ্গিতে সুরঙ্গ পথে আবির্ভূত হল দীর্ঘদেহী একদল আদিবাসী। দেয়ালের বাইরে এসে ওরা দলবদ্ধ হয়ে এগিয়ে গেল কার্লের নির্দেশে রেহানার দিকে।
রেহানা শেষ চেষ্টা করল। ত্বরিৎবেগে ঘুরে দাঁড়িয়ে যে আদিবাসীটাকে সামনে পেল তার ঘাড়ের উপর চালিয়ে দিল নির্মম কারাতের কোপ। জিপ্পি আসাদ, জাহেদ এবং মেরীও যোগ দিল তার সাথে। দেখতে না দেখতে খণ্ড-যুদ্ধ বেধে গেল আদিবাসীদের সাথে ওদের। চারজন আদিবাসী কাটা গাছের মত লুটিয়ে পড়ল নিঃসাড় হয়ে মেঝেতে। কিন্তু কার্লের ইঙ্গিতে আরও একদল আদিবাসী দেয়াল ফুঁড়ে বেরিয়ে এল, যোগ দিল বিচিত্র খণ্ড-যুদ্ধে!
ওরা হাঁপিয়ে উঠল। মেরী লুটিয়ে পড়ল সংজ্ঞাহীন হয়ে মেঝেয়। দশজন আদিবাসী রেহানাকে ধরে নিয়ে গেল ডঃ কার্লের কাছে। জিপ্পি আসাদ, জাহেদ বা মাবিয়া কেউই রুখতে পারল না ওদের।
ডঃ কার্লের হাতে সেই ভয়ঙ্কর টিউব। রেহানার বাম বাহুর উপরকার জামার অংশটা টেনে ছিড়ে ফেলল কার্ল। পিশাচের মত রেহানার স্বাস্থ্যোজ্জ্বল শরীরের দিকে লোভাতুর দৃষ্টি ফেলে বললঃ এই রাক্ষুসে দ্বীপে প্রশংসা করার মত সমঝদার লোক আর সত্যিকার উপভোগ করার মত নারী-দেহের বড়ই অভাব, ম্যাডাম। লোভ হচ্ছে, আপনাকে বাঁচিয়ে রাখি এবং মেরী গোল্ড-ওয়াটারের স্থলে কাজ করাই। কিন্তু ম্যাডাম, সাপের চেয়ে সাপিনীর বিষ আরও ভয়ঙ্কর। মেয়েদের বিশ্বাস নেই। সুতরাং মৃত্যুদণ্ড দেয়া ছাড়া গত্যন্তর কি?
টিউবের সিরিঞ্জটা উদ্যত করল কার্ল। তাকালো চারদিকে। এক বিচিত্র দৃশ্য। সবুজ প্রাসাদের লাইফ-সেলের চার দেয়ালে নানা চিত্র। বাঁ দিকে দাঁড়িয়ে আছে একদল বন্দী, তাদের ভেতরে রয়েছে সংজ্ঞাহীনা মেরী গোল্ডওয়াটার। ডানদিকে দেখা যাচ্ছে সারিবদ্ধ আদিবাসীদের। কার্লের আজ্ঞা পালনের অপেক্ষায় নতমুখে দাঁড়িয়ে আছে তারা। একদিকের দেয়াল শূন্য, নির্জন। মুখোমুখি দেয়ালে নিজে ডঃ কার্ল, নর-রাক্ষস টমাস এবং রেহানা।
ডঃ কার্ল আত্মপ্রসাদের হাসি হাসল। পরমুহূর্তে তার ডান হাতে ধরে রাখা সিরিঞ্জটা রেহানার বাহুর চামড়ার ঠিক কাছাকাছি নেমে এল। ঠিক এসময় ক্ষ্যাপা কুকুরের মত যন্ত্রণায় লাফিয়ে উঠল কার্ল, চেঁচিয়ে উঠল পশুর মত তারস্বরে।
একটা শক্ত স্বর্ণ-পিণ্ড ছুঁড়ে মেরেছে কেউ। সেটা এসে লেগেছে তার কপালে। অভাবিত কাণ্ড। অকল্পনীয় ঘটনা। এমন অপমান কখনো বোধ করে নি কার্ল। রাগে তার লাল হয়ে উঠল চেহারা।
চারদিকে তাকাল। সবাই চিত্রবৎ দাঁড়িয়ে আছে। বন্দীদের কেউ স্বণ-পিণ্ড ছুঁড়ে মেরেছে এমন মনে করার কোনই কারণ নেই। হঠাৎ আদিবাসীদের দিকে তাকিয়ে সন্দিগ্ধ হয়ে উঠল কার্ল। একটু অস্বাভাবিক দৈর্ঘ্যের একজন আদিবাসীকে চোখে পড়ল তার। আদিবাসীদের সাধারণ দৈহিক উচ্চতা প্রায় সকলেরই সাড়ে ছ’ফুটের উপর। কিন্তু এদের ভেতর একজন মাত্র ছ’ফুটের কিছু উপরে। সাজ-সজ্জা যদিও আদিবাসীদের মতই, তবু যেন প্রথম দেখায়ই খটকা লাগে।
চকিতে সেমনরাজ ইনগ্রিল বাদোসার কথা মনে পড়ে যায় ডঃ কার্লের। মনে পড়ে যায় ইমতিয়াজের কথা। সবুজ সরোবরে নীত হওয়ার পর ইনগ্রিল বাদোসার প্রীতিরসে ইমতিয়াজকে সিক্ত করা হয়েছে, এই সংবাদ কার্লের কাছে যথাসময়ই এসে পৌঁছেছিল। কিন্তু ইনগ্রিল বাদোসা ইমতিয়াজের জন্যে এতদূর পৌঁছুতে পারেন, এটা অকল্পনীয় ব্যাপার!
ডঃ কার্লের তীক্ষ্ম চোখে সেমনরাজ ইনগ্রিল বাদোসা এবং ইমতিয়াজের ছদ্মবেশী অবস্থান ধরা পড়তে বিলম্ব হল না। একটু অস্বাভাবিক দৈর্ঘ্যের লোকটাই ইমতিয়াজ, আর আদিবাসী দলের সবচে’ সুগঠিত লোকটি স্বয়ং সেমনরাজ ইনগ্রিল বাদোসা। আশ্চর্য, এদের ছদ্মবেশ এমন কিছু নিখুঁত নয়, অথচ কার্লের চোখে এদের ছদ্মবেশ আগে ধরা পড়ে নি।
: কার্ল।
গম্ভীর গলায় ডাকল মাবিয়া : কার্ল, রাক্ষুসে দ্বীপের যাদুকরের দিন শেষ হয়ে আসছে।
মাবিয়াও চিনতে পেরেছিল আদিবাসী-রূপী ইমতিয়াজকে। তার সমগ্র অস্তিত্বে ফুটে উঠল আত্ম-প্রত্যয়ের দৃঢ় ছাপ।
কার্ল ভ্রূক্ষেপ করল না মাবিয়ার আহ্বান। সিরিঞ্জটা নিয়ে আবার এগোল রেহানার দিকে। নিষ্ঠুরতায় চকচক করছে তার মুখমণ্ডল।
সিরিঞ্জটা রেহানার বাহুমূল বিদ্ধ করার আগেই দ্বিতীয়বারের মত একটা ভারী স্বর্ণ-খণ্ড এসে লাগল কর্লের কপালে।
কার্ল ঘুরে দাঁড়িয়ে সরাসরি ইনগ্রিল বাদোসাকে লক্ষ্য করে বলল :জানতে পারি কি সেমনরাজ বাদোসা, কি কারণে আদিবাসীর ছদ্মবেশে একটা তৃতীয় শ্রেণীর এ্যাডভেঞ্চারিস্টকে সাহায্য করছেন?
ইনগ্রিল বাদোসা যথাযথ সাড়া দিলেন। বললেন : কার্ল, সবুজ সরোবরের সমস্ত লক্ষ্যস্থল এখন তোমার লাইফ-সেলের বিরুদ্ধে। তোমার লাইফ-সেলের কোনো সুইচই কাজ করবে না।
: তা অনুমান করতে পারি, বাদোসা। কিন্তু জিজ্ঞেস করতে পারি কি, কোথায় আমার অপরাধ?
অনাবিল হাসিতে উজ্জ্বল দেখায় বাদোসার মুখ। বলেন : আমরা অর্থাৎ সেমনরা হিংসা, ঘৃণা, বিদ্বেষ, অপরাধ ইত্যাদি যা কিছু মন্দ, যা কিছু নেতিবাচক তা জয় করার সাধনায় নেমেছি। কিন্তু কেউ আমাদের অস্ত্র নিয়ে মানুষের বিরুদ্ধে লাগুক, তা আমরা কখনো চাই নি। সেমনদের সাধনা স্বপ্ন-রাজ্য তৈরীর হলেও যে বা যারা সেই স্বপ্ন-রাজ্য ভেঙ্গে দিতে পারে তাদের দমন করার মনোবল আর শক্তিও সেমনদের রাখতে হয়।
: অসহ্য এই যুক্তি, বাদোসা।
ডঃ কার্ল রাগে দুঃখে চেঁচিয়ে উঠল। বলল : ডঃ কার্লের সব শক্তির উৎসই সবুজ সরোবর নয়, এটা আপনার জানা দরকার।
বাদোসা বলল : কিন্তু বৃথা দ্বন্ধ বা শক্তি পরীক্ষা আমি চাই না, ডঃ কার্ল। আপনি বরং একটা ভদ্রলোকের চুক্তিতে আসুন। ডঃ ইমতিয়াজ আলী এবং আপনার ভেতর হবে শক্তি পরীক্ষা, হার-জিতের উপর বাজী রইল সবুজ সরোবরের শক্তি।
: যদি জিতি?
অমরতার ফর্মুলা চিরকালের জন্য আপনার। সেমনরা আর কোনদিনই এ ফর্মুলা ব্যবহার করবে না।
সিরিঞ্জটা দূরে ছুড়ে মারল ডঃ কার্ল। হিংস্র বাঘের মত গর্জন করে উঠল : তাহলে ঐ এ্যাডভেঞ্চারিস্টকে এগিয়ে আসতে বলুন।
কার্ল চেঁচাতে লাগল।
ইমতিয়াজ গা থেকে ফেলে দিল সাপের চামড়ার তৈরী আদিবাসীদের ঊর্ধ্বাবাস। ফেলে দিল আদিবাসীদের পালকের মুক্তাখচিত টুপি। এগিয়ে এল সে নিঃশব্দ চরণে। ইনগ্রিল বাদোসার ইঙ্গিতে খুলে গেল সব ক’টা দেয়ালের দরজা। শুধু অন্ধ নর-রাক্ষস টমাসকে হটিয়ে নিয়ে যাওয়া হল অজ্ঞাত স্থানে।
মুখোমুখি হল ডঃ কার্ল এবং ইমতিয়াজ। ডঃ কার্ল কে দেখাচ্ছিল জটিল এক দৈত্যের মত যার সারা দেহ-মন তীব্র আক্রোশে জ্বলছে।
প্রথম আঘাতটা এলো কার্লের তরফ থেকে। ইমতিয়াজ খানিকটা সরে গিয়ে সেই প্রচণ্ড আঘাত থেকে আত্মরক্ষা করল।
কিন্তু নিমেষমাত্র সুযোগ না দিয়ে কার্ল ঝাঁপিয়ে পড়ল ইমতিয়াজের উপর। ইমতিয়াজ, কার্ল দু’জনেই টাল সামলাতে না পেরে মেঝেতে পড়ে গেল। প্রবল বাহুর বজ্র-পেষণে কার্ল চূর্ণবিচূর্ণ করে দিতে চাইল ইমতিয়াজের শরীর। ইমতিয়াজ অনুভব করল, বেপথু বৈজ্ঞানিকের শরীরে অসুরের ন্যায় শক্তি, ক্রমেই তার বজ্র-পেষণ দৃঢ়তর হচ্ছে।
ডান পা’টা মুক্ত করে সেই পায়ে কার্লের তলপেটে প্রচণ্ড লাথি বসাল ইমতিয়াজ। আর্তনাদ করে লুটিয়ে পড়ল কার্ল খানিকটা দূরে। কিন্তু পরক্ষণেই ক্ষ্যাপার মত হাসতে হাসতে উঠে দাঁড়াল। ইমতিয়াজ পজিশন নিয়ে দাঁড়াতে না দাঁড়াতেই তার বাঁ’ চোখ লক্ষ্য করে প্রচণ্ড ঘুষি চালাল কাৰ্ল।
ইমতিয়াজের বাঁ’ চোখের উপরিভাগে ছুটল রক্তের ধারা! ডান হাত দিয়ে কার্লে’র দ্বিতীয় আঘাতটা সামলাতেই কার্লের বুটসুদ্ধ পায়ের লাথি এসে পড়ল ইমতিয়াজের বুকে। ইমতিয়াজ পড়ে গেল মেঝেয়। আবার বিদ্যুদ্বেগে তার উপর এসে ঝাঁপিয়ে পড়ল কার্ল! নিষ্ঠুরভাবে কামড়ে ধরল ইমতিয়াজের চুঁটি। ক্ষ্যাপার মত হাসতে হাসতে বললঃ তোমাকে চিবিয়ে খাব হারামির বাচ্চা!
ইমতিয়াজ গায়ের সমস্ত শক্তি দিয়ে দু’হাতে ঠেলতে লাগল কার্লের হিংস্র মুখ। যন্ত্রণায় নীল হয়ে উঠল তার সারা অভিব্যক্তি। ইমতিয়াজের প্রচণ্ড প্রতিরোধে এক সময় শিথিল হয়ে এল কার্লের দংশন। ইমতিয়াজ ততক্ষণে কার্লের গলায় বসিয়ে দিয়েছে দু’হাতের পেষণ। মরণ-যাতনায় কার্লের চোখ ঠিকরে বেরিয়ে আসতে চাইছে। কিন্তু কার্লের আক্রমণের ধারা ভিন্ন পথে মোড় নিল। হঠাৎ একসময় আর্তনাদ করে উঠল ইমতিয়াজ। ঝট্ করে কার্লকে ছেড়ে উঠে দাঁড়াতেই তার পিঠে বিদ্ধ অবস্থায় দেখা গেল একখানা একফলা ছুরিকার এক চতুর্থাংশ। অসহ্য যন্ত্রণা বোধ করলেও বাঁ’ হাত চালিয়ে অবলীলাক্রমে ছুরিটা খুলে ফেলল ইমতিয়াজ। কার্ল ততক্ষণে পকেট থেকে বের করে এনেছে একটা শক্ত চেইন : আমি জিতবই, ইমতিয়াজ! অমর হওয়ার জন্যে এতকাল আমার সাধনা…কোনো রকমেই আমার হারা চলে না।
কার্ল চেইনটা ঘোরাতে লাগল। বলল : আমার পকেটে অবশিষ্ট আছে এক্সপ্লোসিভ টিউব। যদি এই চেইন দিয়ে চাবকে তোমাকে শেষ করা সম্ভব না হয় তাহলে টিউবটাই ছুঁড়ে মারতে হবে তোমার শরীরে। ইনগ্রিল বাদোসা জানেন, এরপর তোমার স্থানে পাওয়া যাবে কিছু দগ্ধ অস্থি আর কালো পিচুটির মত রং।
কিন্তু ইমতিয়াজ সে সুযোগ কার্লকে দিল না। জবাবে সে রক্ত-মাখা ছুরিটা তার দিকে ছুঁড়ে মারল। ছুরিটা গিয়ে বিদ্ধ হল কার্লের থুতনির খানিকটা নীচে, কণ্ঠনালীর গভীরে।
কার্ল পড়ে গেল মাটিতে। সেন আম্পালা এবং সদ্য সংজ্ঞাপ্রাপ্ত মেরী গোল্ডওয়াটার সোল্লাসে চেঁচিয়ে উঠল। কিন্তু ইমতিয়াজ, রেহানা, জিপ্পি আসাদ, জাহেদ, ইরাবতী, মাবিয়া বা ইনগ্রিল বাদোসা কেউ কোনো কথা বলল না।
মরণ-যাতনায় গোঙাতে লাগল কার্ল।
ইমতিয়াজ কাছে গিয়ে মরণোন্মুখ প্রতিদ্বন্ধীকে শুধু ধীরে ধীরে বলল : দুনিয়ার শ্রেষ্ঠ প্রতিভার মৃত্যু ঘটল আমারই হাতে! কার্ল, আমি দুঃখিত।
হঠাৎ চারদিক প্রকম্পিত করে শুভ মুহম্মদ চেঁচিয়ে উঠলেন : খোদা! এও কি সম্ভব! আমরা মুক্ত!
জাহেদ বলল : দাঁড়ান চাচা, দাঁড়ান। না মরা পর্যন্ত বিশ্বেস নেই। ততক্ষণ অপেক্ষা করতে হবে আমাদেরকে।
পাঠ প্রতিক্রিয়া
আলাপ
মন্তব্য
সদস্যতা যাচাই করা হচ্ছে…
এখনও কোনো মন্তব্য নেই। পাঠ শেষ করে আলোচনাটি শুরু করুন।