হ য ব র ল

গল্প · জুন ১৯৬৯

ভয়াল ২ — মায়া-কন্যা

সাগর চৌধুরী

বইয়ের পরিচিতি প্রস্তুত হচ্ছে।

ভয়াল · বই ২

সংস্করণ · প্রথম

সম্পূর্ণ পাঠ

ভয়াল ২ — মায়া-কন্যা

এক

সর্প-দেবতার আদেশ পেয়ে জন ত্রিশেক মায়ান সৈন্য খোলা তলোয়ার হাতে ছুটে এল ইমতিয়াজ, রেহানা, জিপি আসাদ ও জাহেদের দিকে।

একটা শ্বাস রুদ্ধকর মুহূর্ত।

ইমতিয়াজের চোখ মুখ রাগে ভয়ঙ্কর হয়ে উঠল। লৌহ শৃঙ্খল ছিঁড়ে ফেলার চেষ্টা করল সে প্রাণপণ শক্তিতে। দেহের মাংসপেশী যেন ফুলে উঠল প্রচণ্ড বিক্ষোভে।

অলৌকিক ঘটনা ঘটল তারপর চোখের নিমেষে। শরীরের প্রচণ্ড শক্তি দিয়ে হাতের লৌহ শৃঙ্খল অবলীলাক্রমে ছিঁড়ে ফেলল ইমতিয়াজ এবং কেউ কিছু বোঝার আগেই মন্দিরের বেদী থেকে একটা প্রকাণ্ড লৌহ-দণ্ড তুলে আঘাত হান্‌ল অগ্রবর্তী মায়ান যোদ্ধাকে লক্ষ্য করে।

লোকটা কাতর আর্তনাদ তুলে মুহূর্তেই লুটিয়ে পড়ল মাটিতে। স্তব্ধ হয়ে গেল বাকী মায়ান যোদ্ধারা। বাজপাখীও বিস্ময়ে হাঁ হয়ে গেল।

একমুহূর্ত মাত্র। বিস্ময়ের ঘোর কাটতেই বিকট গলায় চেঁচিয়ে উঠল সে। মন্দিরের বেদী মূলে দণ্ডায়মান দশজন মায়ান যোদ্ধাকে এক যোগে বিদেশীদের আক্রমণ করতে আদেশ দিল সে।

ঠিক এ সময় বিচিত্র একটা শব্দ ভেসে এল বাতাসে। নাকাড়ার গম্ভীর শব্দ। আবার স্তব্ধতা নামল মায়ানদের মধ্যে। বাজপাখী কেন যেন ভারি অস্থির হয়ে উঠল নাকাড়ার শব্দ শুনে। উদ্বেগ ও আশঙ্কায় মুহূর্তেই তার মুখের ভাব ফ্যাকাশে হয়ে গেল।

মায়ানদের মধ্যে শুরু হল গুঞ্জরণ।

এদিকে জাহেদ, জিপ্পি আসাদ, রেহানা ভিনজনেই মৃত্যুর অপেক্ষা করছিল লৌহ-নিগড়ে বন্দী অবস্থায়। নাকাড়ার শব্দ শুনে মায়ানদের ভাবান্তর ঘটায় কিছু বুঝতে না পেরে ওরা অবাক হয়ে গেল।

জিপ্পি আসাদকে রেহানা বলল : কিছু বুঝতে পারছো? 

: না।

: আমিও না,

জাহেদ ভয় চেপে রেখে জানাল : মনে হচ্ছে কাড়া-নাকাড়ার বাদ্য বাজিয়ে এদিকে কেউ আসছে। বিয়ে-টিয়ের শখের বাজনা না হলে বাঁচি বাবা!

ইমতিয়াজের চোখে মুখেও ভাবাস্তুর ফুটে উঠেছে। সে বুঝতে পারল সাঙ্ঘাতিক কোন একটা ব্যাপার ঘটেছে যার ফলে মায়ান যোদ্ধারা অস্ত্র সংবরণ করে স্তব্ধভাবে দাড়িয়ে পড়েছে।

বাজপাখীও সবিশেষ চিন্তিত।


ওদিকে কাড়া নাকাড়ার শব্দ তুমুল হয়ে উঠছে। এগিয়ে এল বাজপাখী সর্প-দেবতায় মূর্তির অনেকটা কাছে। ইমতিয়াজ তার পনর গজ দূরে বাঁ’পাশে দাড়িয়ে আছে, সেদিকে তার ভ্রূক্ষেপ নেই। দেবতার মূর্তির সামনে এসে হাত জোড় করল বাজপাখী। আকুল হয়ে বলল : দেবতা! দেবতা!!

সর্প-দেবতার মূর্তি তেমনি নিশ্চল দাঁড়িয়ে রইল। সৰ্পদেবতার নীল চোখ দুটি জ্বলতে লাগল দামী পাথরের মত।

বাজপাখী বলল : ঈগল রাজ আমাকে এবার খুন করবে দেবতা। শীলাংকিকে আমি পাব না। আমার সৈন্যরা কি আর আমাকে প্রভু বলে স্বীকার করবে?

মায়ান নারীরা এসময় কেন যেন আনন্দে কোলাহল করে উঠল। শুধু শোনা গেল একটা শব্দ : ঈগল রাজ ইনান্না। সেনাপতি ইনান্না।

: হে নীল দৈত্যের পিতা। ভগবান সৰ্প!

আকুল গলায় প্রার্থনা করল বাজপাখী : রাজা আমাকে দক্ষিণে বরাহ শিকার করতে পাঠিয়েছিল! পাঁচশ’ একজন লোক নিয়ে আমি যাচ্ছিলাম দক্ষিণে বরাহ শিকারে। রাজা যদি জানে আমি দক্ষিণে না গিয়ে তাঁর বিনা আদেশে কপিলাণ্ডোর আমোদ করছিলাম তাহলে আমার কি গতি হবে?

এবারও সর্প রাজের কোন আদেশ বাক্য পাওয়া গেল না। পাথরের দেবতা একবার মাত্র অলৌকিক আদেশ জারী করে যেন পাথরের মতই স্তব্ধ হয়ে গেছে। তার নীল চোখের আলোও হঠাৎ কেন যেন নিভে গেছে।

দেবতার উপর থেকে যেন আস্থা চলে গেল বাজপাখীর। রাগে সে বুক টান করে দাড়াল। চেঁচিয়ে বলল : মানি না দেবতা! বিনা কাজের দেবতা! ছোঃ.....

রাগে আর ঘৃণায় তার ফোঁস ফোঁস নিশ্বাস পড়তে লাগল। এদিকে তার সৈন্য দলে নানা রকম কথাবার্তা শুরু হয়ে গেছে। কেউ কেউ হাসাহাসিও করছিল। মায়ান নারীরা বলছিল, ইনান্না আসছে। রাজার সেনাপতি সুন্দর ইনান্না! শীলাংকির প্রেমিক। শীলাংকির স্বপ্ন।

চতুর্দিকে বাজছে নাকাড়ার শব্দ। শব্দটা মন্দিরের দিকেই এগিয়ে আস্‌ছে।

বাজপাখী তার দলের লোকদের প্রতিক্রিয়া লক্ষ্য করে প্রমাদ গুণল। নিজেকে সামলে নিতে দেরী হল না তার। চোখ-মুখে সেনাপতির যোগ্য আত্মবিশ্বাস ফুটিয়ে তুলে বীরদর্পে সে এগিয়ে গেল সৈন্যদের দিকে। একজন সৈন্য ঠাট্টাভরে হেসে উঠল। বলল, ছোঃ, বিনা কাজের দেবতা! বাজপাখী এগিয়ে গিয়ে মুখোমুখি হল সেই সৈন্যটির। বাজপাখীর চোখে-মুখে দাউ দাউ করে রাগের আগুন জ্বলছে। কোষ থেকে তরবারী বার করল সে। এটা দেখে সৈন্যটির মুখে ভয়ের চিহ্ন ফুটে উঠল। কিন্তু কোন ভ্রুক্ষেপ না করে বাজপাখী তরবারীটা সোজা বসিয়ে দিল হতভাগ্য সৈনিকটির ঘাড়ে। মুহূর্তে শরীর থেকে লুটিয়ে পড়ল মাথাটা মাটিতে। লাল হয়ে উঠল খানিকটা জায়গার কাল মাটি।

স্তব্ধ হয়ে গেল মায়ান যোদ্ধারা এই অভাবিত নিষ্ঠুর হত্যাকাণ্ড দেখে। বাজপাখী হিংস্র গলায় বলল : এই হল আমার সাথে শয়তানী করার শাস্তি! সবাই শোনো,...

বাজপাখী ঘোষণা করে : শয়তানি করলে কাউকে ছাড়া হবে না। ভুলে যেয়ো না ঈগল রাজ আমার বন্ধু। শীলাংকি আমার হাতে চুমু খেয়েছিল। সবাইকে সাজা দেবার শক্তি আমার আছে। আমার উপর কেউ কথা বলবে না, সাবধান, কেউ আমার দিকে থুথু ছুঁড়বে না। ঈগল রাজ আমার বন্ধু! আমি যা খুশী তা করতে পারি।

বাজপাখীর দৃপ্ত ঘোষণায় বেশ কাজ হল। সৈন্যদের মধ্যে নামল নীরবতা। নারীদের ভেতর শোনা গেল বিলাপের চাপা আওয়াজ।

বাজপাখী হুকুম দিল : সবাই তৈরী হয়ে থাকো। আমি বললে যুদ্ধ। আমি আদেশ দিলে উৎসব। তোমাদের পাঁচশ’ লোকের আমি সেনাপতি।

সৈন্যদল তিন ভাগে ভাগ হয়ে চক্র তৈরী করল। এক দল অস্ত্র হাতে দাড়াল মন্দিরের দিকে ইমতিয়াজ, জিপ্পি আসাদ, জাহেদ ও রেহানাকে কভার করে। দ্বিতীয় দল ও তৃতীয় দল ডানে বাঁয়ে ঘুরে দাড়াল।

কাড়-নাকাড়ার তুমুল শব্দ সেই সাথে ঘোড়ার খুরের আওয়াজ ভেসে এল পূর্ব দিক থেকে। বাজপাখী এগিয়ে গিয়ে দ্বিতীয় ও তৃতীয় দলের ঠিক মাঝামাঝি জায়গায় দাড়াল। ইমতিয়াজের চোখে-মুখে ফুটে উঠল সন্দেহের ছায়া। রেহানা বলল : কিছু বুঝতে পারছ ইমতিয়াজ?

: হ্যা। এই রাজ্যে বাজপাখীর চেয়েও যে শক্তিশালী সেই ঈগল রাজ তার দলবল নিয়ে ঘোড়া ছুটিয়ে যুদ্ধের বাজনা বাজিয়ে এদিকে আসছে।

: উদ্দেশ্য?

: সেটা আমারও প্রশ্ন। বুঝতেই পারছ মায়ান জাতির চাল-চলন, আচার ব্যবহার সবই দুর্বোধ্য। হয়তো যে আসছে সেই ঈগলরাজ বাজপাখীর চেয়েও নিষ্ঠুর, বাজপাখীর চেয়েও ভয়ঙ্কর।

: আমাদের ভবিষ্যৎ কি দাঁড়াবে বুঝতে পারছ?

ইমতিয়াজ একটু হাসল। বলল : না। অপেক্ষা করো দেখা যাক কি ঘটে।

কিছুক্ষণের মধ্যেই পূব-দিক ধূলোয় আচ্ছন্ন করে কাড়া-নাকাড়ার শব্দে কানে তালা লাগিয়ে একদল অশ্বারোহী এসে পৌঁছল মন্দির প্রাঙ্গণে। অশ্বারোহী দলের লোকসংখ্যা একশোজনের বেশী নয়। কিন্তু পেছনে আসতে দেখা গেল বিশাল এক পদাতিক বাহিনীকে। নতুন সৈন্যদলের সাজ-পোষাক আলাদা। অশ্বারোহী দলের লোকেরা পরেছে তামুরের চামড়ার তৈরী শক্ত পোষাক। পায়ে জুতো। কানে বলয়। পদাতিক বাহিনীর লোকদের পরণে নীল রঙের জামা, হাতের বাজুতে তাগা বাঁধা! মাথায় পালকের টুপি। এরা সবাই মায়ান জাতের লোক।

বাজপাখী ও তার দলবল চুপচাপ দাঁড়িয়ে রইল আত্মসমর্পণের ভঙ্গিতে।

অশ্বারোহী দলের ভেতর থেকে বীরদর্পে এগিয়ে এল দলপতি।

ইমতিয়াজ, আসাদ, জাহেদ, রেহানা সবাই চিন্‌ল। এরই নাম ঈগল রাজ। বাজপাখীর দলের মেয়েরা এর উদ্দেশ্যেই স্তোত্রবাক্য পাঠ করছিল কিছুক্ষণ আগে।

স্তোত্রবাক্য পাঠ করার মত চেহারাই বলতে হবে। আগুনের মত লাল গায়ের রং ঈগলরাজের। লম্বা মজবুত শরীর। ছিপছিপে গড়ন। টানা দুটি চোখে মায়াময় ভাষা। ঘোড়া থেকে নেমে দৃপ্ত পদক্ষেপে সে যখন বাজপাখীর দিকে এগিয়ে গেল মনে হল সমুদ্রের দেবতা যেন শক্তি ও লাবণ্যের ঢেউ তুলে অবলীলাক্রমে এগোচ্ছে।

ঈগলরাজের প্রশস্ত মসৃণ কপালে বিন্দু-বিন্দু ঘাম। ঠোঁটে চাপা ক্রোধ ও গাম্ভীর্য। এগিয়ে গিয়ে বাজপাখীর মুখোমুখি দাড়াতেই ধূর্ত বাজপাখী মাথা নুইয়ে অভিবাদন জানাল তার উদ্দেশ্যে।

ঈগলরাজ তাতে বিগলিত হল না। আদেশের সুরে বলল : বাজপাখী! এ রাজ্যে সর্প-দেবতার পূজো নিষিদ্ধ করা হয়েছে তুমি জান?

বিস্ময়ের ভাব দেখাল বাজপাখী। বলল : তাই নাকি? কই, আমি তো জানি না। জান্‌লে নিশ্চয়ই সর্প-দেবতার মন্দিরে পূজো দিতে আসতাম না। কখনো আসতাম না!

ঈগল রাজ কঠিন গলায় বলল : এখন থেকে জেনে রেখো। ভাল কথা, আমাদের রাজ্যে একদল বিদেশী প্রবেশ করেছে। কোথায় তারা?

বাজপাখী হাত তুলে ইমতিয়াজ, জাহেদ, আসাদ, রেহানাকে দেখায়। বলে : ওদের আমি বন্দী করেছি রাজার কাছে নিয়ে যাব বলে।

হাসল ঈগল রাজ। বলল : ইনান্নাকে আর একটু বুদ্ধিমান বলে ভেবো বাজপাখী! নেহাৎ আমার বাল্যবন্ধু তুমি তাই এ যাত্রা তোমাকে ছেড়ে দিলাম। কিন্তু মনে রেখো এ রাজ্যে যা যা ঘটছে তার সব খবরই আমি রাখি। তুমি যে বিদেশীদের বন্দী করে সর্প-দেবতার মন্দিরে তাদের বলি দিতে এনেছিলে তা আমার লোকেরা যথাসময়ই জেনেছিল বাজপাখী।

মাথা নুইয়ে ঈগল রাজকে অভিবাদন জানায় বাজপাখী। বলে : আমি জান্‌তাম না, প্রধান সেনাপতি কপিলাণ্ডোর পাহাড়ে অবস্থান করছেন। জানলে বিদেশীদের বলি দেবার আগে নিশ্চয়ই তার আদেশ গ্রহণ করতাম।

ঈগল রাজ বলল : ওসব তোমার ভণিতা বাজপাখী। রক্তের তৃষ্ণা আসলে প্রবল তোমার। তোমাকে দক্ষিণ উপত্যকার বুনো বরাহ শিকারে পাঠান হয়েছিল তোমার এই গরম রক্তের জন্যেই। আমার আদেশ, এই মুহূর্তে তুমি দক্ষিণ উপত্যকার দিকে যাত্রা করো। 

বাজপাখীর চোখে মুখে ফুটে উঠল হতাশা। কিন্তু সেটা সামলে নিয়ে বলল : তাই হবে? ইনান্না! তাই হবে! শিলাংকী তোমাকে আঙ্গুটি দিয়েছে। মায়ান নারীরা বলে তোমাকে ইনান্না। রাজা মনিকো লাহাত্তা তোমাকে কুহিম। ফুল উপহার দিয়েছেন নিজ হাতে। তোমার কি তুলনা আছে ঈগল রাজ! তোমাকে অভিবাদন জানাই মাথা নুইয়ে। 

বাজ পাখীর ইঙ্গিতে সৈন্যদল জয়ধ্বনি করে উঠল সেনাপতি ঈগল রাজের উদ্দেশ্যে। মায়ান নারীরা মুগ্ধ চোখে তাকিয়ে রইল কিছুক্ষণ অপরূপ দেহী ইনান্নার দিকে। তারাও জয়ধ্বনি করে উঠল কলকণ্ঠে। মৃদু হাসি ফুটে উঠল ইনান্নার ঠোঁটে। সে স্থিরভাবে দাঁড়িয়ে রইল যতক্ষণ বাজপাখী দলবল নিয়ে অদৃশ্য না হল। বাজপাখী চলে গেলে কতকটা যেন আশ্বস্ত হল ইনান্না। সে দৃপ্ত চরণে এবার এগোতে লাগল সর্প-দেবতার মন্দিরের দিকে। কয়েক পা এগিয়েই চেঁচিয়ে উঠল ইনান্না।

ঠিক তার পায়ের কাছে একটা প্রকাণ্ড সাপ ভয়ঙ্কর ফনা বিস্তার করে আছে।

পিছিয়ে এল ইনান্না। লকলক করতে লাগল সাপের ফনাটা। ছোবল দেবার আগের মুহূর্তে একবার পেছনে দোলাল মাথাটা। তারপর ছোবল দিল ইনান্নার পা লক্ষ্য করে।

ইনান্না এক লাফে সরে এল ডানদিকে। সাপটা বাধা পেয়ে আরো ক্রুদ্ধ হয়ে উঠলো। লেজের আগায় ভর করে প্রকাণ্ড শরীরটা নিয়ে ফনা তুলল সেটা। ইনান্না তড়িতে হাতের বর্শাটা ছুঁড়ে মারল সাপটাকে লক্ষ্য করে। লক্ষ্য ভ্রষ্ট হল না। বর্শাটা ছুটে এসে বিদ্ধ হল সাপের মাথায়।

সাপটা বর্শায় বিদ্ধ হয়ে রাগে আক্রোশে হিস হিস গর্জন করতে লাগলো। লেজ ও সারা শরীর দিয়ে জড়িয়ে ভেঙে ফেলার চেষ্টা করল বর্শাটা। ততক্ষণে ইনান্নার হাতের তলোয়ার এসে পড়ল সাপটার উপর।

দ্বি-খণ্ডিত হয়ে গেল প্রকাণ্ড গোখরো সাপটা। ইনান্না তলোয়ার হাতে রেখেই বিমূঢ় দৃষ্টিতে তাকিয়ে রইল সর্প-দেবতার মূর্তির দিকে। বিড় বিড় করে বললো : আমার কোন দোষ নিয়ো না দেবতা। আমি রাজার আদেশ পালন করছি মাত্র। যদি তুমি সত্যি জাগ্রত হয়ে থাক তাহলে রাজার মনে সুমতি দাও। রাজা তোমাকে স্বীকার করলে আমরাও তোমাকে প্রণাম করব।

বোঝা গেল সর্প-দেবতার মন্দির প্রাঙ্গণে গোখরো সাপের আক্রমণে একটু কেমন যেন হকচকিয়ে গেছে রাজা মনিকোর সেনাপতি ঈগল রাজ। সাপটার দিকে একবার দ্বিধাগ্রস্তভাবে তাকিয়ে সে এগিয়ে গেল ইমতিয়াজের দিকে।

ইমতিয়াজ স্থির অবিচল দাঁড়িয়ে রইল। স্পষ্ট স্বরে মায়ান ভাষায় বলল : আমরা রাজার কাছে যেতে চাই ইনান্না। রাজা মনিকো লাহাত্তার কাছে নিয়ে চল আমাদের।

ইনান্না গম্ভীর হয়ে বলল : আগে হাতের অস্ত্র ত্যাগ করো বিদেশী। নতুবা আমার সাথে যুদ্ধের জন্যে প্রস্তুত হও।

ইমতিয়াজ বলল : তোমার সাথে যুদ্ধ করতে আমি রাজী নই ইনান্না। হাতের অস্ত্র ত্যাগ করলাম। মায়ান রাজ্যের সেনাপতি ঈগল রাজ ইনান্নার উপর অসীম আমার বিশ্বাস।

ইনান্নার চোখ-মুখ আরো কঠিন, আরো গম্ভীর হয়ে উঠল।


দুই

ইনান্না কঠোর ভঙ্গিতে দাঁড়িয়ে রইল। কি যেন ভাবল। তারপর দুজন মায়ান সৈঙ্গকে ইঙ্গিত করল ইমতিয়াজ, রেহানা, জিপ্পি আসাদ এবং জাহেদের দিকে এগিয়ে যেতে।

সৈন্য দুজন এগিয়ে গিয়ে ওদের বাঁধন খুলে দিল। দু’পা পেছনে সরে গিয়ে অভিবাদন জানাল। এবার এক মুখ হাসল ইনান্না। চোখ-মুখের কাঠিন্য দূর হয়ে গেল। মায়ান ভাষায় ইমতিয়াজকে বলল : রাজার কাছে যেতে চাও তোমরা?

: হ্যাঁ।

: বাজপাখী তোমাদের বন্দী করেছিল কেন?

: সেটা বাজপাখীই জানে,

ইমতিয়াজ জবাব দিল : তুমি হঠাৎ এসে হাজির না হলে হয়তো সর্প-দেবতার সামনে এতক্ষণে বলি দেওয়া হয়ে যেত আমাদের ইনান্না।

মাথা নাড়ল ইনান্না। ইঙ্গিতে জানাল এটা সে জানে।

বাজপাখী এবং তার দলের লোকেরা রাজার শত্রু। সর্প-দেবতার পূজো করে। বড় হিংসুক আর নিষ্ঠুর এই সর্প-দেবতা। প্রতি বছর অনেক মানুষ বলি দেওয়া হয় এই নিষ্ঠুর দেবতাকে খুশী করার জন্যে। রাজা তাই এই দেবতাকে উচ্ছেদ করতে চান।

এতক্ষণে কোমল আর সুন্দর হয়ে উঠেছে ইনান্নার মুখাবয়ব। বুঝতে কষ্ট হয় না। ইনান্নাকে এই রহস্যময় মায়ান জাতির নর-নারীরা দেবতার মতই ভালবাসে, শ্রদ্ধা করে। ইনান্নার দৈহিক সৌন্দর্য, ইনান্নার বীরত্ব মায়ানদের গর্বের বিষয়।

উৎসুক চোখে ইনান্না ইমতিয়াজ, রেহানা, জিপ্পি আসাদ এবং জাহেদকে দেখল। এগিয়ে এসে মায়ানদের রীতি অনুযায়ী হাত ধরল ইমতিয়াজের। বলল : তোমরা বন্ধু।

ইমতিয়াজ বলল : আমরা বন্ধু।

: কিন্তু একটা সর্ত...

ইনান্না হাসল : যারা আকাশে উড়তে পারে তাদের আমরা বিশ্বাস করি না। তোমরা যে ঈগল পাখীর খোপের ভেত্তর চড়ে এ রাজ্যে এসেছ সেটা আপাততঃ আমাদের দখলে থাকল। এক হাজার সৈন্যের একটা বাহিনী তোমাদের পাখীটাকে বহন করে নিয়ে গেছে রাজার প্রাসাদে। তোমাদেরও এখন রাজার কাছে নিয়ে গিয়ে সব কথা খুলে বলা হবে। তিনি যা আদেশ করবেন তাই হবে।

ইমতিয়াজ বুঝল ঈগল রাজ ইনান্না ঈগল পাখী বলতে ওদের প্লেনটাকে বুঝিয়েছে। প্লেনটা নিশ্চয়ই নজরে পড়েছিল ওদের এবং এই মন্দিরে পৌঁছার আগেই সেটা রাজ-প্রাসাদে পাঠিয়ে দেবার ব্যবস্থা করে এসেছে ইনান্না।

সে বলল : আমরা রাজী। রাজা যা বলেন তাই হবে।

এই কথায় দারুন খুশী হয় ইনান্না। মাথা ঝাঁকিয়ে ঠা ঠা করে খুব হাসল, তারপর প্রত্যেকের কাছে গিয়ে মায়ান রীতিতে দু’হাত ধরে বন্ধুত্ব প্রকাশ করল এবং মায়ান ভাষায় কুশল সংবাদ জিজ্ঞেস করল।

কুশল সংবাদ জিজ্ঞাসার উত্তরে সবাই যন্ত্র চালিতের মত হাসল। শুধু জাহেদ খাঁটী বাংলায় বলল : ব্যাটার ভাবগতিক বেশী সুবিধার দেখছি না হে, আমার সন্দেহ হচ্ছে।

ইনান্না ভাবল জাহেদও বুঝি তাকে বন্ধুত্ব প্রকাশ করছে। চাপড়ে দিল জাহেদের। সে মহা খুশী হয়ে পিঠ পড়ে মুখে প্রকাণ্ড হাসি দায়ে বিস্তার করে রাখল জাহেদ যেন খুব মজা হল। চাপড়টা কোন রকমে সহ্য করে বলল : জিল্লু, তৈরী থেকো। রাতের বেলায় পিঠ মালিশ করে দিতে হবে ভাই। জংলী শালা আমার পিঠের তেরোটা বাজিয়ে দিয়েছে।

সবাইকে নিয়ে মন্দিরের বাইরে সরে এল ইনান্না। কয়েকজন সৈন্যকে আদেশ দিল মন্দিরে আগুন লাগিয়ে দিতে। সৈন্যরা তার আদেশ পালন করল। কিছুক্ষণের মধ্যেই আগুনের লকলকে শিখা সাপের জিহ্বার মত জ্বলে উঠল মন্দিরময়।

আগুনের লাল শিখার দিকে তাকিয়ে থেকে বিড়বিড় করে ইনান্না বলল : তুমি সর্বনেশে দেবতা। তুমি হিংসার দেবতা। তোমাকে কেউ চাই না। আমরা চাই না।

ইনান্নার অশ্বারোহী ও পদাতিক সৈন্যরা প্রজ্বলন্ত মন্দির থেকে একটু দূরে কাঠের পুতুলের মত দাঁড়িয়ে রইল। ইনান্না ফিরে এল তাদের সামনে। তার আদেশে ইমতিয়াজ, জাহেদ, রেহানা ও জিপ্পি আসাদকে বেছে বেছে চারটে ভাল ঘোড়া দেওয়া হল। সূর্য তখন মাথার উপর উঠে এসেছে। কাড়া-নাকাড়ার শব্দ বেজে উঠল তীব্র নাদে। রাজ়ার নামে জয় ধ্বনি করে সৈন্য বাহিনী এগিয়ে চলল মাঠ ধরে সমতল ভূমির দিকে।

ওরা সবিস্ময়ে চারপাশ দেখতে দেখতে চলল। বিচিত্র এই মায়ান জাতি। বিচিত্রতর তাদের দেশ। সবাই জানে পাঁচ হাজার বছর আগেই এই জাতি বিলুপ্ত হয়ে গেছে। কিন্তু লোক চক্ষুর অন্তরালে সভ্য জগতের সম্পূর্ণ বাইরে এরা তাদের অস্তিত্ব ভালভাবেই টিকিয়ে রেখেছে এখনো। সভ্যতায়ও এরা কম যায় না। যতদূর চোখ পড়ল ততদূর দেখা গেল সুসজ্জিত বাগান, প্রকাণ্ড জলাশয়, ছোট ছোট কাঠের ও মাটির ঘর। মাঝে মাঝে একটা আধটা মন্দিরও চোখে পড়ল। মন্দিরগুলো ইট কাঠ আর পাথরের তৈরী। উপরের দিক গম্বুজের মত গোল।

রাস্তায় ইনান্না একটাও কথা বলল না। চোখে-মুখে ফুটে উঠেছে আদেশের ভাব। উদ্ধত ভঙ্গি। মন্ত্র-মুগ্ধের মত সৈন্যরা তাকে অনুসরণ করে এগোতে লাগল দক্ষিণ দিকে। কখনো বিস্তৃত মাঠ পথে পড়ল। কখনো লোকালয়। মায়ার নর-নারীরা অসঙ্কোচে রাস্তার দু’পাশে দাঁড়িয়ে ইনান্না ও সৈন্য বাহিনীর উদ্দেশ্যে জয়-ধ্বনি করল। ইনান্নার ভাব ভঙ্গিতে কোন পরিবর্তন ঘটল না। সে তেমনি উদ্ধতভাব নিয়ে মায়ান নর-নারীদের জয়-ধ্বনি গ্রহণ করল।

: ইনান্না কোথায় আমাদের নিয়ে যাচ্ছে রেহানা,

জাহেদ জিজ্ঞেস করল।

রেহানা বলল : সে প্রশ্ন আমারও।

জিপ্পি আসাদ অভয় দিয়ে বলল : ডরো মাৎ বেটা! সুযোগ পেলেই তোমার পিঠ মালিশ করে দেব।

জবাবে সন্তুষ্ট হল জাহেদ। বলল: তা তুই দিবি না তো বিদেশ-বিভুঁইয়ে কে দেবে? পিঠের তো একটা ব্যবস্থা হল কিন্তু পেটের?

তৎক্ষণাৎ রেহানা বলল : দারুণ ক্ষিধে লেগেছে গো আমার! আর পিপাসা। উঃ……

ইমতিয়াজ একটু হাসল ওদের কথাবার্তা শুনে। বলল : ভেতো বাঙালীগণ আর মাত্র ঘণ্টা দশেক অপেক্ষা কর। তারপর কই মাছের ঝোল, বালাম চালের ভাত আর গরুর দুধের সাথে শবরিকলা...…

আর্তনাদ করল জাহেদ। বলল : খামোখা কেন মিছে কথা বলে আত্মাকে কষ্ট দিচ্ছ, ইমতিয়াজ! দোহাই তোমার…পবিত্ৰ কই মাছের নাম মুখে এনো না! উঃ, কী দেশেই যে এসে পড়েছি……

সৈন্য বাহিনী সারিবদ্ধ ভাবে এগিয়ে চলেছে। উপরে অবারিত নীল আকাশ। এখানে-সেখানে নাম-না-জানা গাছপালা। কোথাও পাথরের তৈরী নির্জন বাড়ীঘর। কোথাও প্রকাণ্ড জলাশয়ে উল্লসিত রাজ হাঁসের দল জলকেলি করছে।

একটা আশ্চর্য ব্যাপার সকলেরই চোখে পড়ল। পথে প্রান্তরে কেউ কাজ-কম্মো করছে না। আর চারদিক এমন পরিচ্ছন্ন আর ঝকঝকে যে মনে হয় কেউ যেন ঘষে মেজে সবকিছু গুছিয়ে রেখেছে। যেন রূপকথার দেশ। চারদিক সে রকম রহস্যময় ও নির্জন।

রাস্তায় বেশ কয়েকবার নদী পার হতে হল। নদীর উপর শক্ত খুঁটির উপর বসিয়ে দেওয়া হয়েছে মস্ত কাঠের ভারী তক্তা। অশ্বারোহী ও পদাতিক সৈন্যরা অবলীলাক্রমে সেই তক্তার উপর দিয়ে নদী পারাপার করল।

সন্ধ্যার সময় সৈন্য বাহিনী গিয়ে পৌঁছল একটা গ্রামে। মস্ত একটা মাঠে ছাউনি ফেলা হল। চারিদিকে বড় বড় মশাল জ্বালিয়ে দেয়া হল। ইনান্না তার দু’জন সহচর সহ ইমতিয়াজ, জিপ্পি আসাদ, রেহানা ও জাহেদকে নিয়ে গাঁয়ের দলপতির বাড়ী গিয়ে উঠল। অভ্যর্থনার ধূম পড়ে গেল বাড়ীতে।

মায়ানদের আতিথেয়তার রীতি-নীতি সহজ। ওরা সরাসরি বন্ধুকে বন্ধু বলে। শত্রুকে শত্রু। গাঁয়ের দলপতির বাড়ী গিয়ে পৌঁছতেই দলপতির বয়স্কা স্ত্রী ছুটে এসে ইনান্নার দু’হাত জড়িয়ে ধরল। গদ গদ স্বরে বলল : ইনান্না। আমাদের ভাল ইনান্না। বীর ইনান্না!

ইনান্না বলল: ইলোসি, মায়ের মত তুমি আমার কাছে। তোমার ছেলে হই আমি ইলোসি। এদিকে তাকাও, ওরাও তোমার অতিথি।

ইলোসি, দলপতির স্ত্রী, ইমতিয়াজের কাছে ছুটে গেল। মুখোমুখি দাঁড়িয়ে হঠাৎ থমকে গেল সে। অবাক হয়ে একবার ইনান্না আর একবার ইমতিয়াজের দিকে চাইতে লাগলো। দুজনই অদ্ভুত রূপবান। দুজনেরই যেন যাদু আছে চেহারায়।

কয়েক মুহূর্ত স্থানুর মত দাঁড়িয়ে রইল ইলোসি ইমতিয়াজের দিকে তাকিয়ে। তারপর এগিয়ে গিয়ে কাঁপা কাঁপা হাতে ইমতিয়াজের হাত জড়িয়ে ধরল সে। মায়ান ভাষায় বলল : আমার ছেলের মত তুমিও! ভাল হোক তোমার। মঙ্গল হোক।

রাত্রিবেলা আহার পর্ব মন্দ জম্‌ল না। অতিথিদের সম্মানে দশটা বন-ছাগল আগুনে পুড়িয়ে কাঠের পাত্রের উপর রেখে সেটা পরিবেশন করল ইলোসির মেয়েরা। খেতে খেতে ইনান্না বলল : কিন্তু অবাক হই ইলোসি মা। তোমার স্বামী কোথায়?

ইলোসি একটা হাড় চিবোতে চিবোতে বলল : সে আমাদের রাজার বিপক্ষে চলে গেছে।

অবাক হয়ে গেল ইনান্না। বলল : তাই আশে পাশে কোথাও দেখছি না। একবার দেখা দিয়েই সরে পড়েছে। কিন্তু ইলোসি, সে রাজার বিপক্ষে গেল কেন? কি কারণে?

ইলোসি খানিকটা বন ছাগলের কাঁচা চর্বি গালে পুরল, আরামে চিবোতে চিবোতে বলল : রাজা নাকি আমাদের পুরনো দেবতা সর্প-দেবতাকে মানে না। তাই ইলোসার রাগ হয়েছে। তাই সে রাজার বিপক্ষে।

হা হা করে হাসল ইনান্না। বলল : ইলোসাকে সুযোগ পেলে আমি খুন করব ইলোসি। ও খারাপ দেবতার পক্ষে থাকে কেন? হিংসার দেবতা, সর্বনাশের দেবতার পূজো দেয় কেন?

চর্বি চিবোনো বন্ধ হয়ে যায় ইলোসির। চোখ দুটির ভেতর খেলে যায় অস্বাভাবিক উত্তেজনা। বলে : এমন করে বলো না ইনান্না! ইলোসা আমার স্বামী। কিছু অপরাধ হয়ে থাকলে ক্ষমা কর ওকে। তোমার কাছে মিনতি করছি।

গম্ভীর হয়ে উঠল ইনান্না। একটু গাঢ় গলায় বলল : আহা, ইলোসাকে আমি কত ভালবাসতাম। ওকে ফুল দেবতার ভক্ত হতে বল না ইলোসী। রাজা খুশী হবেন। আমি খুশী হব। শীলাংকি খুশী হবে।

: বলব, ওকে আমি বলব। ইলোসি চিন্তিত গলায় বলে : বুড়ো খুব দেমাকি হয়েছে। কে একটা লোক আসে আজকাল ঈগল পাখীর খোপের ভেতর চড়ে আরগুণ্ডা পুকুরে। দুজন কি সব সলা পরামর্শ করে গোপনে গোপনে। আমি বলি কি চক্রান্ত করছো গো তোমরা? ইলোসা আমাকে কিছু বলে না। ওর মন দেবতা পাপী করে দিয়েছেন। ওর জিহ্বায় বিষ ঢুকেছে ইনান্না। বদরক্ত উঠেছে মাথায়।

ইমতিয়াজ মন দিয়ে ওদের কথাবার্তা শুনলো। অনেক রহস্য পরিষ্কার হয়ে গেল ওর কাছে। বুঝল ডন-রুবিয়ো গ্যোরো এই গ্রামেও তার চক্রান্ত বিস্তার করেছে। বাজপাখী ওর হাতের লোক। সর্প-দেবতাকে প্রতিষ্ঠা করায় নাম করে ডন-রুবিয়ো রাজার বিরুদ্ধে ষড়যন্ত্র পাকাচ্ছে মায়ান রাজ্যে। কিন্তু সর্প-দেবতাকে প্রতিষ্ঠা করে বা রাজাকে উৎখাত করে কি উদ্দেশ্য সাধন করতে চায় ডন-রুবিয়ো।

রাতে ওদের থাকতে দেওয়া হল বিশাল এক কাঠের ঘরে। ইলোসির মেয়েরা বিশাল উঠানে ইনান্নার চারপাশে গোল হয়ে অনেক রাত গল্প করল। গান গাইল। নাচল। ইলোসির একটিও ছেলে নেই। তার চার মেয়ে। চার মেয়ের তিনজন যুবতী ছোটটি কিশোরী! সকলেরই পরিপুষ্ট শরীর। সকলেই ইনান্নার ভক্ত। কোন কিছুতেই ঢাকাঢাকি নেই ওদের। যেমন নিরাবরণ দেহ তেমন খোলামেলা মন। ইলোসির মেয়ারা ইনান্নাকে রাজা ইনান্না বলল। সুন্দর ইনান্না বলল। শীলাংকির মত মেয়ের প্রেমলাভ করেছে বলে ইনান্নার জয়-কীর্তন করল। ইনান্না ওদের সাথে গল্পে, গানে, নাচে যোগ দিল সহজ ভাবে।

গভীর রাতে ইলোসি এবং তার মেয়েরা চলে গেল অন্য ঘরে। ইনান্নাও তার সহচরদের নিয়ে চলে গেল ইলোসির ঘরে। চারদিক নির্জন হয়ে উঠলো। গ্রামের যুবকেরা ঘুমিয়ে পড়ল। বুড়োরা ঘুমিয়ে পড়ল। মেয়ে এবং শিশুরা ঘুমিয়ে পড়ল। অবারিত নীল আকাশের নীচে অন্ধকার গাছপালায় খেলা করতে লাগল আরগুণ্ডা হ্রদ থেকে ছুটে আসা শীতল বসন্ত বাতাস।


ইমতিয়াজ ঘুমালো না। রেহানা একবার প্রস্তাব করেছিল সে পাহারায় থাকবে আর সকলে ঘুমাক। লাফিয়ে উঠে জাহেদ বলেছিল : অসম্ভব। পাহারা দিতে হলে জিপ্পু মিঞা আর আমি আছি। আমি কমাণ্ডার। জিল্লু এ্যাসিষ্টেণ্ট। তুমি আর ইমতিয়াজ ঘুমাও রেহানা।

ইমতিয়াজ বলল : না, তোমরা ঘুমাও। এখনকার ডিউটি আমার।

এই কথার উপর ওরা কিছু বলতে পারেনি। ওরা ঘুমাতে গিয়েছে তারপর। শুকনো ঘাসের উপর পশুর চামড়া বিছানো। তার উপর যে যার চাদর পেতে নিল।

: তৌফা বিছানা হয়েছে যাই বলো, জাহেদ সন্তুষ্ট হয়ে মন্তব্য করল : ব্যাটারা জংলী হলেও আরাম জ্ঞান আছে দিব্যি। শালাদের মারামারি করার স্বভাবটাই যা একটু ভয়ের। তা নইলে…

: বকবক করো না,

রেহানা শাসাল : অনেক রাত হয়েছে, ঘুমাও…

: ঘুম আসতে চাইছে না,

জাহেদ জানায় : দেখব নাকি বাইরে গিয়ে চাঁদ-টাদ কিছু উঠেছে কিনা। রেহানা, আজ ঘুমিয়ে কি হবে? চল না গল্প করে রাতটা কাটিয়ে দিই। জিল্লু, বরং আমাদের সকলের হয়ে ঘুমাক।

এইটুকু বলার পরই একটা ভারী কিট্‌স ব্যাগ এসে পড়ল জাহেদের গায়ের উপর। তারপর এক পাটি জুতা। বলা বাহুল্য সবই রেহানা কর্তৃক নিক্ষিপ্ত। বেগতিক দেখে জাহেদ তাড়াতাড়ি বলল: আচ্ছা চুপ করলাম। আর কথা বলব না। ব্যস!

বেশ অনেকক্ষণ চুপচাপ কাটল। ইমতিয়াজ আগেই বাইরে চলে গেছে। রেহানার সাড়া শব্দ নেই, বোধ হয় ঘুমিয়ে পড়েছে অথবা ঘুমোবার চেষ্টা করছে। জাহেদ উশখুশ করতে লাগল বিছানায় শুয়ে। শেষে আর থাকতে না পেরে বলল : জিপ্পু।

: কি?

: দেখলি, বন্ধু মানুষ হয়ে রেহানা কি রকম কিট্‌স ব্যাগ ছুড়ে মারল গায়ের উপর?

জিপ্পি বলল : শুধু কিটস ব্যাগ কেন। ওতো জুতাও ছুঁড়ে মেরেছে তোমার দিকে।

আর্তনাদ করে উঠল জাহেদ : মেরেছে তো মেরেছে! তাই বলে সেটা তুই বল্‌বি নাকি। ভাল চাস তো জুতা মারার কথা চেপে যা জিপ্পু। কাউকে বলবি না। খবরদার! আমার কান কাটা যায় তাহলে!

: আচ্ছা বল্‌ব না,

জিপ্‌পি আসাদ হাসি চাপল। বলল : কিন্তু যদি আর একটাও কথা বলবে তো আমিই তোমাকে কোলে করে রাস্তায় রেখে আস্‌ব।

জাহেদ বিড় বিড় করল। বলল : ঘুম আসে না তো কি করবো? আচ্ছা স্বীকার গেলাম, যা। মুখ বন্ধ করলাম। ঘুমা তুই গরিলা। প্রাণের সুখে ঘুমা।

শান্তি নামল বলতে হবে। কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ল জিপ্‌পি, জাহেদ এবং রেহানা। ইমতিয়াজ প্রকাগু ঘরটার বাইরে উঠোনে পায়চারি করছিল। অন্ধকারে প্রায় কিছুই দেখা যাচ্ছে না। কোথাও বনফুল ফুটেছে। বাতাসে ভেসে বেড়াচ্ছে তীব্র সুগন্ধ। মায়ান রাজ্যের সবাই পরিচ্ছন্ন, ফুল ভালবাসে। যন্ত্রতত্র ফুলের বাগান। গোটা দেশটাই প্রকাণ্ড একটা সখের বাগান বলে মনে হয়। সভ্য পৃথিবীর যে কোন লোক মায়ানদের পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম আর জঙ্গলগুলি দেখে অবাক হবে। 

ইমতিয়াজ কম অবাক হয় নি। সে তার বাবা মীর্জা মাহমুদের কথা ভাবল। মীর্জা মাহমুদ ইতিহাসের একটা বিলুপ্ত ধারার সন্ধান করতে এদেশে এসেছিলেন। সভ্য পৃথিবী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন এই বিচিত্র দেশে এসে তিনি কিনে বসলেন পাহাড় এলাকার একটা জায়গা। কেন কিনলেন তিনিই জানেন। হতে পারে তিনি এই দেশকে ভালবেসে ফেলেছিলেন। বিদেশী আক্রমণের বাইরে ছিল বলে পাঁচ হাজার বছর ধরে মায়ানরা যা কিছু গড়েছে যা কিছু তৈরী করেছে সবই এখন পর্যন্ত অটুট রয়েছে। সারা দেশ জুড়ে জলাশয়, বাগান, মন্দির আর অরণ্য। গোটা দেশটাই যেন একটা যাদুঘর।

আস্তে আস্তে চাঁদ উঠল পূব আকাশে। কৃষ্ণপক্ষের সপ্তমী চাঁদ। চাঁদের লাল আলো পড়ল ঘুমন্ত গ্রামের উপর। কয়েকটা কুকুর ঘেউ ঘেউ করে উঠল গ্রামের দিক থেকে। ইমতিয়াজ সজাগ হল। কান পেতে সে একটা ক্ষীণ আওয়াজ শুন্‌ল বাতাসে। ঘোড়ার খুরের আওয়াজ। আওয়াজটা এক সময় সম্পূর্ণ থেমে গেল। প্রগাঢ় নিস্তব্ধতা নাম্‌ল চারদিকে। একটু পরেই একটা আলো জ্বলে উঠতে দেখা গেল ইলোসির ঘরের দিকে। ইমতিয়াজ বুঝল টর্চের আলো। এই আশঙ্কাই সে করছিল এতক্ষণ। কাল বিলম্ব না করে সে সাবধানে এগোল ইলোসির ঘরের দিকে। ইতিমধ্যে ঘরের একটা চালা জ্বলে উঠেছে। আগুন। দাউ দাউ করে জ্বলছে ইলোসির ঘরের চালা। দেখতে দেখতে আগুনের শিখাটা প্রকাণ্ড হয়ে উঠল।

আর্ত চীৎকার শোনা গেল ঘরের ভেতর।

ইমতিয়াজ ছুটে গেল ঘরের দিকে। পিছন পিছন আসতে দেখা গেল আরো তিনটি ছায়ামূর্তিকে। জিপ্পি আসাদ, জাহেদ এবং রেহানা। বিপদের ঘ্রাণ যথা সময়ই পৌঁছে গিয়েছিল ওদের কাছে। ওরাও তাই কাল বিলম্ব না করে ছুটে এসেছে।

ইমতিয়াজ ছুটে গেল আগুনের লেলিহান শিখার দিকে। পেছন পেছন ওরা তিনজন। ইতিমধ্যে ঘরের ভেতর জেগে উঠেছে ইনান্না, তার সহচর দুজন এবং ইলোসির যুবতী মেয়েরা।



তিন

আগুন নেভানোর কোন সহজ উপায় ছিল না। ইলোসীর প্রকাণ্ড ঘরটা পুড়ে ছাই হয়ে গেল। ইনান্না, তার দুজন সহচর, ইলোসীর মেয়েরা রক্ষা পেল সত্যি কিন্তু ইলোসিকে কোথাও খুঁজে পাওয়া গেল না। কে আগুন লাগাল, ইলোসিই বা কোথায় গেল, এসবই রহস্য হয়ে রইল।

ইলোসির মেয়েরা মায়ের জন্ম কান্নাকাটি করতে লাগলো। তাদের ধারণা মাকে দেবতা হরণ করে নিয়েছেন। মায়ের অপরাধ, সর্প-দেবতার শত্রু ইনান্নাকে আশ্রয় দিয়েছিল। ইনান্না সব দেখেশুনে গম্ভীর হয়ে গেল। সে বোঝা গেল, অত্যন্ত চতুর লোক, সহজে সে কোন ব্যাপারে নিজের মতামত দেবে না।

ইলোসির মেয়ে জালাঙ্কা বলল : আমার মা কোথায় গেল?

ইনান্না বলল : দেবতা জানেন।

জালাঙ্কা বলল : দেবতার কাছে তুমি ক্ষমা ভিক্ষা কর ইনান্না। আমার মাকে ফিরিয়ে আনার ব্যবস্থা কর। দোহাই তোমার।

দাতে দাত চেপে ইনান্না বলল : হিংসুক দেবতাকে আমি মানি না জালাঙ্কা। প্রাণ যায় সেও ভাল। আমার সর্বনাশ হোক, সেও ভাল। কিন্তু সর্প-দেবতার পূজো আমি করব না। মায়ানদের ধর্ম নষ্ট করতে বসেছে এই দেবতা। মায়ানদের মধ্যে হিংসা ছিল না। যুদ্ধ ছিল না। কোথেকে পুরনো আমলের ধিকৃত সর্প-দেবতা এলো। মায়ান দেশে এল লাল মৃত্যু। মায়ান দেশের মানুষ হিংসুক হয়ে গেল। ভাইয়ের রক্ত ভাই পান করলো। ছিঃ, এমন সর্বনেশে দেবতার পুজো করার কথা মনেও আনতে পারি না জালাঙ্কা! 

জালাঙ্কার ছোট বোন মালোসি কাঁদতে কাঁদতে বলল : তাহলে এখন আমাদের কি হবে গো। বাপকে ধরে নিয়ে গেছে বিদেশীটা, মাকে ধরে নিয়ে গেল সর্প-দেবতা। গাঁয়ের কোন্ যুবক আর এখন বিয়ে করবে আমাদের? আমাদের কি উপায় হবে গো! কোথায় যাব আমরা।

রাত পুইয়ে আসছে। পূব আকাশের দিকে তাকিয়ে রক্তিম সূর্য দেখলো ইনান্না। চারিদিকে ধ্বংস স্তূপ। তখনও আগুন জ্বলছে একটু একটু। চারদিকে ভিড় করেছে জংলীরা। ইনান্নার দিকে হাঁ করে তাকিয়ে আছে সবাই। ভয়ে কারো মুখে রা’টি নেই।

ছাউনি থেকে ছ’জন অশ্বারোহী সৈন্য ছ’টি তাজা ঘোড়া নিয়ে এল। সৈন্যদল প্রস্তুত। এবার যাত্রা শুরু করতে হবে।

ইমতিয়াজ, রেহানা, জাহেদ, জিপ্পি আসাদ নিজেদের সাথের জিনিসপত্র গুছিয়ে নিল। ইলোসির কথা মনে পড়লো তাদের। মায়ের মন ছিল ইলোসির। ইমতিয়াজকে দেখে, ইনান্নাকে দেখে ছেলের কথা মনে পড়েছিল ইলোসির। ওর অন্তর্ধান সত্যি রহস্যজনক।

যাত্রা শুরুর আগে ইনান্না এগিয়ে গেল জালাঙ্কার দিকে। জালাঙ্কা, মাতোসি, তিলুপন্নি আর তাদের কিশোরী বোন ইকা গোল হয়ে বসে আছে চুপচাপ। ইনান্না ওদের কাছে গিয়ে বলল : জালাস্কা, আমার একটা প্রস্তাব আছে।

জালাঙ্কা তাকাল ইনান্নার দিকে। ইনান্না বলল : সবাই জানে আমার চোখে শকুনের রক্ত। কিন্তু ইলোসি আমাকে ছেলে বলে জান্‌ত। তার দয়ামায়ার কথা আমি ভুলতে পারব না। ইলোসির মেয়ে তোমরা। তোমরা আমার বোনের মত। যদি তোমাদের আপত্তি না থাকে, আমার হাত থেকে চারটে লাল পাতা নাও, নিয়ে আমাকে বিয়ে করো। তোমাদের চারজনের ভার আমিই নিই তাহলে।

ইলোসির মেয়েরা উজ্জ্বল চোখ মেলে চাইল। : সত্যি ইনান্না, সত্যি? আমাদের চার বোনকে বিয়ে করবে তুমি? লাল পাতা দেবে তুমি আমাদের হাতে, এমন সৌভাগ্য কি হবে আমাদের?

: ইনান্না মিছে কথা বলে না। যেমন বলেছি তেমন তোমাদের বিয়ে করে আমি নিয়ে যাব আমার প্রভুর কাছে। রাজার কাছে। শীলাংকি তোমাদের চার বোনকে দেখে খুশী হবে। কিন্তু একটা সর্তের কথা তোমাদের চার বোনকেই আজীবন মনে রাখতে হবে। সর্তটা হল, নাগরাজের জন্যে পূজোর কোন ফুলই ছিড়তে পারবে না তোমরা মায়ান রাজ্যের বাগান থেকে।

চার বোনই থমকে গেল এই কথা শুনে। পরস্পরের চোখ চাওয়া চাওয়ি করল। তারপর মাতোসি বলল: তা হয় না ইনান্না। নাগরাজই আমাদের প্রভু। আমাদের পিতা তার সেবক। নাগরাজকে আমরা পূজো না করে পারব না। তুমি ফিরে যাও ইনান্না। তোমার এক রাত্রির স্মৃতি আমরা আজীবন মনে রাখব। তোমার সুন্দর চেহারা আর বলিষ্ট স্বাস্থ্যের কথা আমরা ভুলব না।

ইলোসির মেয়েরা বিষণ্ন ভঙ্গিতে দাঁড়িয়ে রইল। স্বাস্থোজ্জল সুঠাম দেহ ওদের। যৌবনের লাবণ্যে ভরে উঠেছে ওদের দেহ কানায় কানায়। কিন্তু সবকিছু ছাপিয়ে ওদের চেহারায় ফুটে উঠেছে কি একটা গভীর বেদনা। এক রাত্রির হেরফেরে সব হারিয়ে ওরা যেন নিঃস্ব, কাঙালিনী হয়ে পড়েছে।

: তাহলে আমি অপারগ,

ইনান্না লাফিয়ে তার ঘোড়ায় উঠলো। চোখে থমথম করছে কাঠিন্য। ঘোড়ার লাগাম ধরে গম্ভীর গলায় বলল : আমার শক্তির কথা এ রাজ্যের সবাই জানে জালাঙ্কা। ইচ্ছে করলে তোমাদের গ্রাম আমি ধুলায় মিশিয়ে দিতে পারি। কিন্তু ইলোসির মেয়ে তোমরা। ইলোসি আমার মায়ের মত। তাই তোমাদের ক্ষমা করলাম। তাহলে বিদায় জালাঙ্কা, বিদায় মাতোসি, বিদায় তিলুপন্নি, বিদায় ছোট্ট ইকা। তোমাদের ক্ষতির জন্য আমি দুঃখিত।

ঘোড়ার হ্রেষারবে ভোরের নির্জনতা ভেঙে গেল। ছুটে বেরিয়ে গেল ইনান্নার বেগবান ঘোড়া ইলোসির বাড়ীর প্রকাণ্ড উঠোন থেকে রাস্তায়। পেছনে পেছনে ইনান্নার দুজন সহচর। তাদের পেছনে ইমতিয়াজ, জাহেদ, রেহানা, জিপ্পি আসাদ। সৈন্যদল আগেই প্রস্তুত হয়েছিল। অস্থায়ী ছাউনি পর্যন্ত যেতেই সৈন্যরা ইনান্নার জয়ধ্বনি করে উঠল। ইনান্না এসব কিছু ভ্রুক্ষেপই করল না। ঘোড়া ছুটিয়ে দিল সে প্রান্তরের পথে। ইমতিয়াজ, রেহানা, জাহেদ, এবং জিপ্পি আসাদকে মাঝখানে রেখে সৈন্যদল অনুসরণ করল তাকে।

পথে প্রান্তরে একই দৃশ্য। মায়ানদের পরিচ্ছন্ন গ্রাম। জলাশয়, বাগান। বহুদূরে ব্ল্যাকষ্টোন পর্বতের কাল রেখা আকাশের গায়ে মিশে আছে। বাতাস বইছে শোঁ শোঁ করে। গাছপালার মাথাগুলি আন্দোলিত হচ্ছে। অচিন দেশের বিচিত্র আকাশের নীচে দিয়ে অজানা ভবিষ্যতের দিকে এগিয়ে চলল চারজন বাঙালী অভিযাত্রী।

সৈন্যদলের মাঝখানে ওদের দেখে চিনতে ভুল হয় না যে ওরা চারজনই নির্ভীক, অকুতোভয়। ইমতিয়াজকে ঘোড়ার উপর দেখাচ্ছে পুরনো যুগের গ্রীক সেনাপতির মত। আশেপাশের মায়ান যোদ্ধাদেরকে তাঁর দেহ এবং স্বাস্থ্যের তুলনায় হীন দেখাচ্ছে। জিপ্পি আসাদের প্রকাণ্ড শরীরটাও দৃষ্টিকে ভীত করে তোলে। দৈত্যের মত দেখতে জিপ্‌পি আসাদ ইমতিয়াজের ঠিক পেছন পেছন যাচ্ছে। খানিকটা দূরে পাশাপাশি ঘোড়ায় আসীন রয়েছে জাহেদ এবং রেহানা। রেহানার পরণে হাল্‌কা খাকী রঙের আঁট-সাট প্যান্ট। গায়ে মেক্সিকোর নরম তুলার তৈরী লাল গলাবন্ধ জামা। রেশমের মত চুল সে জড়িয়ে নিয়েছে পাতলা নীল রুমালে।

রেহানা গল্প করতে করতে যাচ্ছিল জাহেদের সাথে। জাহেদ বলল : ইনান্নার মতলবটা কি কিছু বুঝতে পারছ?

: যদ্দুর মনে হচ্ছে মতলব খারাপ না। খুব সম্ভব আর্জিমত রাজার কাছে নিয়ে যাচ্ছে আমাদের ইনান্না।

: কিন্তু তারপর?

জাহেদ জানতে চায় : তারপর কি হতে যাচ্ছে?

: ভবিষ্যতের কথা ভবিষ্যতেই তোলা থাক জাহেদ। চিন্তা করো না। তারচেয়ে এসো, তোমাকে একটা মজার গল্প শোনাই। কোর্টশিপের গল্প। হ্যাঁ, আমারই। তখন প্যারিসে আছি বাপ-মায়ের সাথে, বুঝলে উনিশ বছর বয়স তখন, অর্থাৎ স্বাধীন জেনানা…

জাহেদ রেগে গেল হঠাৎ, বলল : ব্যস, ব্যস, চুপ! গল্প থামাও রেহানা। ভয় আমি সামান্য পেয়েছি ঠিকই। কিন্তু মনে রেখো আমিও চার বছর ইমতিয়াজ জিপ্পু আর তোমার সাথে বিপদের সাথে লড়াই করে ফিরেছি। মায়ান রাজ্যের খোলা আসমানের নীচে উনিশ বছর বয়সের স্বাধীন জেনানার কোর্টশিপের গল্প ফেঁদে আমাকে অপমান করো না। বলতে হয় আপদ বিপদের গল্প বলো, বাঘ-সিঙ্গীর লড়াইয়ের গল্প বলো।

: ওরে বাপ রে,

রেহানা সপ্রশংস দৃষ্টিতে তাকায় জাহেদের দিকে। বলে : তর্জন গর্জন আবার ঠিকই আছে। ব্র্যাভো জাহেদ! এঙ্কোর! এঙ্কোর!!

জিপ্‌পি আসাদ পেছনে হটে এল ওদের সাথে আলাপে যোগ দিতে। রেহানাকে উচ্ছ্বঃসিত হয়ে উঠতে দেখে বলল : নিশ্চয়ই সুযোগ পেয়ে জাহেদ মিঞা তোমাকে বিয়ের প্রস্তাব দিয়ে বসেছে! তাই না রেহানা?

জাহেদ রেগে বলল : আরে, তোর তো শালা ঐ এক ফিকিরই আছে! খালি বেফাঁস কথা বলবি। বেতমিজ কাঁহেকা!

রেহানা ওর রাগ দেখে হাসলো। জিপ্পিকে বলল : না, আসাদ, জাহেদ, এসব বিয়ে-টিয়ের তালেই নেই! প্রকৃত একজন বীরপুরুষ সে। সামান্য ভয় পেয়েছে ঠিকই, তবে সহজে প্রাণের মায়া ছাড়বে বলে মনে হচ্ছে না!

রেহানার ঠাট্টা গায়ে মাখল না জাহেদ। বলল : বলে যাও! বলে যাও! আমি এখন কিছুই বলব না। তবে বাংলা দেশে পীর-মুর্শিদের দোয়ায় একবার ফিরে যেতে পারলে তারপর দেখাব কত ধানে কত অন্ন!

এই বলে রাগ করে জাহেদ এগিয়ে গেল সামনে, ইমতিয়াজের পাশে। পশ্চিমদিকে অনেকদূর হেলে পড়েছে সূর্য! চারদিকে মায়ান সৈন্য। ওরা কেউ কথা বলছে না। নিস্তব্ধ। চোখ মুখ উত্তেজিত। খোলা প্রান্তরে ঘোড়ার খুরের আওয়াজ। হ্রেষারব। আর ধুলির ঝড়। দিন শেষে সমতল ভূমি পার হয়ে উপত্যকায় পৌঁছল ওরা। বড় বড় গাছপালা দাড়িয়ে আছে এখানে ওখানে। ক্রমে সন্ধ্যা নেমে এলো চারিদিকে কাল ছায়া বিস্তার করে। সৈন্যদল ছাউনি ফেলল জঙ্গলে। মশাল জ্বালিয়ে দেওয়া হল চতুর্দিকে। ঘোড়ার যত্ন নিতে ব্যস্ত হয়ে উঠল অশ্বারোহী সৈন্যরা। একদল রান্নার জোগাড়ে লাগল। ইনান্না বিশ্রাম নিল কিছুক্ষণ তার তাঁবুতে। তারপর ডেকে পাঠাল ইমতিয়াজকে।

যে কারণেই হোক ইনান্না বিদেশীদের সন্দেহের চোখে দেখছে। মুখে সে ওসব কিছু প্রকাশ করল না। যথাসম্ভব সুস্থির থেকেই ইমতিয়াজকে সে বসতে বলল একটা আসনে। ইমতিয়াজ লক্ষ্য করল তাঁবুর ভেতর কেউ নেই। তাঁবুর দরজার কাছে যে পাহারাদারটা ছিল তাকেও সরিয়ে দেওয়া হয়েছে।

: আমরা কালই রাজার কাছে পৌঁছে যাচ্ছি,

ইনান্না কোনদিকে না তাকিয়ে বলল : রাজা আমাদের অতিশয় দয়ালু। যদি উদ্দেশ্য তোমাদের সৎ হয় তাহলে যত্ন পাবে তাঁর কাছ থেকে।

ইমতিয়াজ বলল : রাজাকে আমরা দেখিনি। রাজার সেনাপতি ইনান্নাকে দেখেছি। ইনান্নাকে দেখেই রাজা কিরকম হবেন আঁচ করতে পারছি।

ইনান্না মূখ তুলে তাকাল। চোখ-মুখ গম্ভীর। বলল : ইনান্না সম্পর্কে তোমার ধারণা সামান্য বদলাতে হবে বিদেশী। ইনান্না সৎ ঠিক‍ই কিন্তু অসৎ ব্যক্তির সাথে নয়।

ইমতিয়াজ বলল : কথাটা একটু পরিষ্কার করলে হত না?

ইমতিয়াজের কথার জবাব না দিয়ে ইনান্না বলল : তুমি কি আমার বন্ধুত্ব চাও বিদেশী?

: সর্বান্তকরণে।

: তাহলে মায়ান রাজ্যে আসার কারণ তোমাকে খুলে বলতেই হবে আমার কাছে। যতক্ষণ তোমাদের ব্যাপারে আমি নিশ্চিন্ত না হব ততক্ষণ রাজার সাথে দেখা হবার কোন সম্ভাবনাই নেই তোমাদের।

ইমতিয়াজ একটু হাসল। বলল : সেনাপতির উপযুক্ত আচরণই বটে। কিন্তু রাজা যদি শোনেন চারজন বিদেশী অর্ধেক দুনিয়া ঘুরে তাঁর সাথে দেখা করতে এসেও ব্যর্থ হয়েছে তিনি কি খুশী হবেন?

: সে আমিই দেখবো। আপাতত: মায়ান রাজ্যে কেন এসেছ এটা আমাকে বলতেই হবে। ঠিক এক্ষুনি বলতে হবে তার মানে নেই। অঢেল সময় দেওয়া হল, বিশ্রাম নাও, ভাবো...। তারপর যখন খুশি আমাকে জানিয়ো।

ইমতিয়াজ তীক্ষ্ণ চোখে তাকাল ইনান্নার দিকে। বলল: রাজা তোমাকে পুত্রবৎ স্নেহ করেন বলে শুনেছি।

: বটে, মায়ান রাজ্য সম্পর্কে যথেষ্টই জানাশোনা আছে দেখছি তোমার।

: রাজা তোমাকে শুধু পুত্রবৎ স্নেহ করেন তাই নয়, তিনি রাজকুমারী শীলাংকিকে তোমার হাতে তুলে দিতে যাচ্ছেন শীঘ্রই।

হো হো করে হাসল ইনান্না। বলল : এটাও একদম খাঁটি কথা। তারপর?

ইমতিয়াজ বলল : শীলাংকিকে বিয়ে করার পর তুমিই হবে এ রাজ্যের পরবর্তী রাজা, এটা মায়ান রাজ্যের সবাই জানে...

: এখানে সামান্য একটু ভুল রয়ে গেছে বিদেশী,

ইনান্না তেমনি হাসিমুখে বলল : মায়ান রাজ্যে রাজা যা চায় এত কাল তাই হয়ে এসেছে বটে। কিন্তু সেই স্বৰ্গরাজ্য আর নেই। মায়ান রাজ্যের আকাশে ঢুকেছে নতুন এক রকমের ঈগল পাখী। ঈগল পাখীতে চড়ে তোমাদের মতই আর একদল বিদেশী এসে ঢুকেছে এই রাজ্যে। এরা এখানে ফুল-দেবতার বদলে সর্প-দেবতার পূজো চালু করতে চায়। ভালবাসার বদলে হিংসার রাজত্ব কায়েম করতে চায়। মায়ান রাজ্যের বহু মানুষের মন ইতিমধ্যেই নষ্ট করে দিয়েছে এই বিদেশীরা। এখন রাজ্যে সর্প-দেবতার পুজো চালু হতে চলেছে দিনকে দিন। মানুষও বিগড়ে যাচ্ছে বিদেশীদের সলা-পরামর্শে। এখন রাজা যা চান তা নাও হতে পারে। বর্তমান রাজার পরবর্তী রাজা যদি ইনান্না না হয়ে বাজপাখী হয় তো অবাক হবার কিছু নেই।

ইমতিয়াজ বলল : হ্যাঁ, মায়ান রাজ্যের অবস্থার খানিকটা পরিবর্তন ঘটেছে বটে। এখন বুঝতে পারছি কেন আমাদের সন্দেহ করছ তুমি!

: বুঝতে পারছ?

: হ্যাঁ, আসলে সিংহাসনটা কোন কারণেই হাতছাড়া করতে চাও না তুমি। তাই আমাদের নিয়েও তোমার ভয়।

ইমতিয়াজের ভয়-হীন, উত্তেজিত মুখের দিকে তাকিয়ে রইল ইনান্না কিছুক্ষণ নীরবে। তারপর বলল : বেশ, তাই যেন হল। সিংহাসনের উপরই আমার লোভ। আমি ইনাম্না, রাজা আমাকে ছেলের মত জানেন, শীলাংকি আমাকে তার স্বামী বলে গ্রহণ করবে আগামী বসন্তেই। সিংহাসনের উপর লোভ বা দাবী যাই বলো, থাকাটা স্বাভাবিক। কিন্তু আমার অধিকার বা অনধিকারের সাথে তোমাদের কি সম্পর্ক? তোমাদের না জেনে, না চিনে কেন শুধু শুধু ভবিষ্যতে বিপদের একটা ঝুঁকি নেব আমি?

ইমতিয়াজ হাসল। বলল : আত্ম-বঞ্চনা কোর না ঈগল রাজ। তুমি ভাল করে বুঝেছ আমরা তোমার এবং তোমার রাজার শত্রু নই…

: তবু।

ইনান্না মুখ ফিরিয়ে রইল অন্যদিকে : তোমরা সত্যি কে, কেন এদেশে এসেছ তা আমি জান্‌তে চাই।

ইমতিয়াজ বলল : পরিচয়-পত্রের কোন ত্রুটি আমাদের নেই ইনান্না। বেশ, তাহলে আমাদের পরিচয় পত্র ভাল করে দেখানো যাক তোমাকে।

ইমতিয়াজ প্যান্টের একটা গোপন স্থান থেকে বার করল মীর্জা মাহমুদের মূল দলিলটা, যেখানে হিদালগো রাজ্যের প্রেসিডেন্টের দস্তখত আছে, আর আছে মায়ান রাজ্যের রাজার নিজস্ব প্রতীক কুহিমা ফুলের ছবি।

দলিলটা দেখে হাঁ হয়ে রইল ইনান্না। বিচিত্র দৃষ্টিতে সে তাকাতে শুরু করল ইমতিয়াজের দিকে। ইমতিয়াজ তার এই ভাবান্তরে ভ্রুক্ষেপই করল না। বলল : আমার অনুমান যদি সত্যি হয় তাহলে কুহিমা ফুলের ছবির নীচে দুটো টিপ সইয়ের একটা রাজার আর একটা…

: আর একটা রাজার মৃত মন্ত্রী পশ্চিমাঞ্চলের সেনাপতি বাজপাখীর পিতার। রাজার কাছে এরকম একটা দলিলের গল্প বেশ ক’বার শুনেছি বটে! এ দলিল তুমি কোথায় পেলে বিদেশী?

: উত্তরাধিকার সূত্রে আমার বাবার কাছ থেকে। আশা করি এরপর থেকে রাজার কাছে যাওয়ার স্বাধীনতার উপর হস্তক্ষেপ করার অধিকার এ রাজ্যের কারো থাকা উচিত নয়?

কিছুক্ষণ চুপ করে রইল ইনান্না। তারপর একটু হাসল। বলল : কাগজের একটা দলিলের উপর এতোটা ভরসা না করাই সঙ্গত বিদেশী। যাহোক, তোমরা এখন বিশ্রাম নাও, এ ব্যাপারে যা করার কাল সকালেই করব।

কেমন একটা রহস্যময় হাসি খেলে গেল ইনান্নার চোখেমুখে। অতিকষ্টে নিজকে সংবরণ করল ইমতিয়াজ। ইনান্নার নিদের্শমত প্রহরীর পেছনে পেছনে তাদের জন্য নির্দিষ্ট করা তাঁবুতে ফিরে এল।

চারদিকে গভীর অন্ধকার। এখানে ওখানে মশাল জ্বলছে। সৈন্যদল বিশ্রাম নিচ্ছে গভীর নিষুপ্তির ভেতর। প্রহরীদের হাঁক ডাক শোনা যায় মাঝে মধ্যে। এ সময় একটা পরিচিত শব্দে ওরা চারজনই সজাগ হয়ে উঠল। প্লেনের শব্দ। চারজনই নিশ্চুপ পায়ে বাইরে আসে। আকাশের দিকে তাকিয়ে প্লেনটার গতিবিধি লক্ষ্য করার চেষ্টা করে। প্লেনটা বার কয় ঘুরপাক খেল জঙ্গলের উপর। গুরুগুরু গর্জনে রাত্রির নিস্তব্ধতা ভেঙে খান খান হয়ে গেল। মায়ান সৈন্যদের মধ্যেও চাপা কোলাহল শোনা গেল। অধিকাংশ সৈন্যই ঘুম ভেঙে উঠে বসেছে। সেনাপতির কোন আদেশ আসে কিনা তার অপেক্ষা করছে। কিন্তু তেমন কিছুই ঘটল না। প্লেনটা বার কয় ঘুরপাক খেল জঙ্গলের উপর। তারপর চলে গেল উত্তরদিকে। আর কোন সাড়াশব্দ পাওয়া গেল না।

মায়ান সৈন্যরা যেন হাঁপ ছেড়ে বাঁচল। কেউ কেউ সোল্লাশে চেঁচিয়ে বলল : নীল দৈত্যিটা ভয় পেয়েছে। সর্প-রাজের ছেলে নীল দৈত্যি ভয় পেয়েছে। কেউ কেউ আবার প্রতিবাদও করল। বলল নীল দৈত্য বড় ভয়ানক দেবতা। দেখনি সেবার কি রকম লাল মৃত্যু ছড়িয়ে দিয়েছিল উপত্যকায়? নীল দৈত্য সহজে ভয় পায় না! আমাদের ভাগ্যে কি আছে বলা কঠিন। এই বলে কেউ কেউ সর্প রাজের শক্তির প্রশংসা করতে লাগল চাপা গলায়। কেউ কেউ বলল রাজার উচিত সর্প-দেবতার সাথে একটা আপোষ করা। এই ভাবে আস্তে আস্তে আবার নিস্তব্ধতা নাম্‌ল অন্ধকার বন-ভূমিতে। বাতাসে গাছের ডালের সাথে বাঁধা মশালের রাঙা আলো লকলক করতে লাগল। কাঁচা ঘুম ভেঙে যারা উঠে বসেছিল তারা আবার ঘুমিয়ে পড়ল।

ঘুমালো না ওরা চারজন। ইমতিয়াজ, রেহানা, জিপ্‌পি আর জাহেদ। অস্ত্র বলতে ওদের চারজনের কাছে চারটে একফলা ছুরি। বাকী অস্ত্রশস্ত্র ওরা রেখে এসেছে প্লেনে। গ্যাস রাইফেলগুলি সাথে নেই বলে দুঃখ করল কেমিষ্ট আসাদ। অবশ্য আত্মরক্ষার জন্যে চরম বিপদে প্রয়োজন হতে পারে এমন অস্ত্র তাদের সকলের কাছে বরাবরই থাকে। এখনো আছে। তবে সেগুলি নেহায়েতই ইমার্জেন্সির ব্যাপার।


বহুক্ষণ নিস্তব্ধভাবে কাটল। মনে হল একটু আগের সেই বিপদের আশঙ্কা কেটে গেছে। নীল দৈত্যের প্লেন সরে পড়েছে জঙ্গলের আকাশ ছেড়ে অন্য কোথাও। সৈন্যদল নিশ্চিন্তভাবে ঘুমাতে লাগল। রাতের প্রহরগুলি কাটতে লাগল সহজ স্বাভাবিক ভাবে। রাত তখন প্রায় শেষ হয়ে এসেছে। তাঁবুর বাইরে একটা খসখস শব্দ শোনা গেল। ওরা কেউই ঘুমায়নি। ডন রুবিয়ো গ্যারোর প্লেন আজ রাত্রি বেলা এই জঙ্গলের ছাউনির আশেপাশে কোথাও নেমেছে এটা জানার পর ওদের চোখে ঘুম‍ই বা আসে কি করে?

শব্দটা শুনে ওরা সজাগ হয়ে উঠল। পর মুহূর্তেই ইলেক্‌ট্রিক টর্চের এক ঝলক তীব্র আলো ওদের চোখে-মুখে এসে পড়ল।

কর্কশ কণ্ঠে কেউ একজন স্পষ্ট ইংরেজীতে বলল : তোমাদের প্রত্যেকের জন্যেই এক একটা পিস্তলের মুখ উদ্যত হয়ে আছে। কোন রকম গোলমাল করার চেষ্টা করো না, তাহলে একদম যমের বাড়ী পাঠিয়ে দেয়া হবে।

ওরা নিশ্চল দাঁড়িয়ে রইল। পিস্তল-ধারী চারজন লোক পেছনে চলে এল। ওদের পিঠের সাথে যুক্ত হল পিস্তলের নল। আবার কর্কশ গলায় বলতে শোনা গেল সেই লোকটাকে : এবার ভালোয় ভালোয় এগোও। আমাদের কোন কথার এদিক ওদিক করেছ কি মারা পড়বে।

জঙ্গলের ভেতর ছাউনি। স্থানে স্থানে মশাল জ্বলছে। রাতের প্রহরীরা পাহারা দিচ্ছে জায়গায় জায়গায়। প্রহরী যথাযথ ভাবে ওদের চ্যালেঞ্জ করল। উত্তরে এরা একটা সাঙ্কেতিক শব্দ উচ্চারণ করল আর প্রহরীরা সেই সাঙ্কেতিক শব্দ শুনে সসম্ভ্রমে পথ ছেড়ে দিল।

রহস্যটা ওদের কাছে পরিষ্কার হয়ে এল কিছুক্ষণের মধ্যেই। ডন রুবিয়োর লোকের হাতে বন্দী হয়েছে ওরা। ছাউনির বাইরে কোথাও নিয়ে যাওয়া হচ্ছে ওদের। সম্ভবতঃ আগে থেকেই সব পরিকল্পনা ঠিক করা ছিল, সুযোগ বুঝে ডন রুবিয়ো তার লোকজনদের নিয়ে চড়াও হয়েছে ওদের উপর।

দু’একটা ব্যাপারে যেটুকু ধাঁধা ছিল, ছাউনির বাইরে একটা মশাল-আলোকিত গুহায় প্রবেশ করার পর সেটুকু ধাঁধাও পরিষ্কার হয়ে গেল। দেখা গেল গুহার ভেতর হাত-পা বাঁধা অবস্থায় পড়ে আছে ইনান্না! এবং তার দুজন প্রিয় সহচরের একজন, তুঙ্গা। একটু দূরে দাড়িয়ে আছে ইনান্নার দ্বিতীয় সহচর বিলাপ্পা। গতরাতে এই তুঙ্গা এবং বিলাপ্পাকে নিয়েই ইলোসির ঘরে রাত্রি যাপন করেছিল ইনাম্না।

বিলাপ্পার হাতে একটা চাবুক। বোঝা গেল সাঙ্কেতিক শব্দটা বিলাপ্পার মাধ্যমেই সংগ্রহ করেছে ডন-রুবিয়োর লোকেরা। বিলাপ্পা সম্ভবত: চাবুকের ভয় দেখিয়ে তার কিছুক্ষণ আগের মনিব ও বন্ধু ইনান্নার কাছ থেকে আরো কিছু আদায়ের মতলবে আছে।

ইমতিয়াজ, জিপ্‌পি আসাদ, জাহেদ, ও রেহানা মশালালোকিত গুহায় প্রহরী বেষ্টিত অবস্থায় ঢুকতেই কাতর আর্তনাদ করে উঠল তুঙ্গা। বলল : বিদেশী বন্ধুরা! তোমাদেরও ঐ শয়তানের দল বন্দী করেছে? হায় দেবতা! এও তোমার মনে ছিল! দেখো, বিদেশী বন্ধুরা, আমার প্রভু, বীর ইনান্নার কি কুৎসিত দশা করেছে হারামীর বাচ্চা বিলাপ্পা, দেখো!

বিলাপ্পা চুপচাপ তুঙ্গার গালি হজম করল। তারপর একটুও উত্তেজিত না হয়ে বলল : সর্প রাজের ইচ্ছা। আমার কোন দোষ নেই। তোমাদের বেইজ্জত করে আমার কি লাভ? কিন্তু সর্প রাজের কথায় যদি রাজী না হই তবে আমাকে মরতে হবে। আমি মরতে চাই না তুঙ্গা! আমার পঁচিশ জন যুবতী স্ত্রী, ছশো পশু, তিনটে গণ্ডার মারার কুঠার, বিশজন আত্মীয়—এসব রেখে অকালে আমি মরতে পারব না। তাই সর্প-রাজের কথায় রাজী হয়েছি। না সেনাপতি, ইলোসিকে আমি সরাইনি। আমি শুধু ওর মুখ, হাত-পা বেঁধে দরজার কাছে রেখে দিয়েছিলাম। যা করার তা ইলোসির স্বামীই করেছে।

ইনান্নার চোখ মুখ ক্রোধে, অপমানে ভয়ঙ্কর হয়ে উঠল। বলল : যদি ছাড়া পাই তোকে আমি চিবিয়ে খাব বিলাপ্পা! তুই ধর্মনষ্ট করেছিস্! মনিবের বিরুদ্ধে গিয়েছিস মায়ান রাজ্যের হুশমনদের কথায়। ভোর ইহকালে জায়গা নেই, পরকালেও ঠাঁই নেই।

বিলাপ্পা ধীরে ধীরে চোখ তুলে তাকাল। বলল : দেবতা যদি আমাকে মরবার সাহস দিতেন অন্তরে, তাহলে এসব কিছুই হত না। আমি কি করব মনিব! মরবার সাহস নেই আমার। পঁচিশ জন যুবতী স্ত্রী, দুশো পশু, তিনটে গণ্ডার মারার কুঠার আর বিশজন আত্মীয় ছেড়ে আমি মরতে পারব না এই বয়সে।

: তার প্রতিফল শীঘ্রই ভোগ করতে হবে তোকে।

ইনান্না রাগে গর্জন করতে লাগল। বলল,

: ভেবেছিস চোরের মত তাঁবুতে ঢুকে আমাকে বেঁধে ফেলেছিস বলে আমার আর কিছুই করার নেই? তবে শুনে রাখ বিলাপ্পা। আর একঘড়ি বাদেই আমার তিনজন সেনাপতি মন্ত্রণা-সভায় যোগদানের জন্য আসবে আমার তাঁবুতে। ওরা আসল ব্যাপার ঠিকই ধরতে পারবে। তাদের হাত থেকে তখন কে রক্ষা করবে তোদের?

বিলাপ্পা বলল : সেই তিনজন সেনাপতির কাটা মুণ্ডু শিরিশিরি নদীর পানিতে ভেসে চলেছে ইনান্না। ওদের ধড়গুলি পড়ে আছে তাঁবুতে।

অবিশ্বাস ভরা চোখে তাকায় ইনান্না। ছটফট করে ওঠে সারা শরীর। গায়ের জোরে ছিঁড়ে ফেলতে চেষ্টা করে শক্ত বাঁধন। কিন্তু চেষ্টাই সার হয়।

বিলাপ্পা বলল : আরও দু’জন সেনাপতিকে একই শাস্তি দিয়েছে সর্প-রাজের পুত্র নীল-দৈত্য। সাধারণ সৈন্যরা অবশ্য তোমার জয়গানে উন্মাদ। কিন্তু ওরা তখন পর্যন্ত কি হয়েছে, কি হতে যাচ্ছে তার কিছুই জানে না। নীল-দৈত্যের অসীম ক্ষমতা। তার পক্ষে সবই সম্ভব।

ইনান্না এবার যেন অবস্থাটা একটু বুঝতে পারে। অসহায় ক্রোধ আর হতাশা খেলে যায় তার চোখে মুখে। ইমতিয়াজ, জাহেদ, রেহানা আর জিপির দিকে তাকিয়ে কেন যেন আহত হয়ে ওঠে তার দৃষ্টি। বলে : বিদেশী বন্ধুরা, আমাকে ক্ষমা করো। তোমাদের এ দশার জন্যে আমিই দায়ী। কিন্তু বিশ্বেস কর রাত পোহাবার পরই রাজার কাছে পৌঁছে দেবার হুকুম দিতাম আমি। আমারই দুর্ভাগ্য যে আমার হুকুম দেবার ক্ষমতা রাত পোহাবার আগেই শেষ হয়ে গেছে।

ইমতিয়াজ বলল : কিন্তু এতবড় বিপর্যয়ের জন্য কে দায়ী ভাবতে পার ইনান্না?

: আমার কপাল, বিদেশী বন্ধু। এর বেশী কিছু বলা সম্ভব নয় আমার পক্ষে।

: না,

ইমতিয়াজ বলল : তোমার আগের অনুমানই সত্য ইনান্না। সর্প-রাজের ভেক ধরে যে বিদেশী মায়ান রাজ্যের রাজার বিরুদ্ধে হিংসা আর বিদ্বেষ ছড়াচ্ছে সে-ই এই সব ষড়যন্ত্র আর হত্যাকাণ্ডের জন্য দায়ী।

ইনান্নার চোখ-মুখ প্রতিহিংসায় ধ্বক ধ্বক করে জ্বলে উঠল। বলল : তুমি তার নাম জান বন্ধু? বলতে পার কে সে?

ঠিক এসময় দীর্ঘদেহী দুজন পুরুষ ঘরে ঢুকল। দুজনেরই মুখে কালো মুখোশ। একজনকে চিনলো ইমতিয়াজ, ডন রুবিয়ো। দ্বিতীয় জন একটু আড়ালে দাঁড়িয়ে রইল। তাকে চেনা গেল না।

সবারই দৃষ্টি নিবদ্ধ হল আগুন্তুকদের উপর। বিলাপ্পা সামান্য মাথা নুইয়ে অভিবাদন জানায়।

ডন রুবিয়ো ফ্যাঁস ফ্যাঁসে গলায় বলল : নাটক এখনো জমিয়ে রেখেছ কেন গণ্ডমুর্খ? রাত শেষ হবার আগেই এখান থেকে সরে পড়তে হবে সে খেয়াল আছে?

বিলাপ্পা ভাবলেশহীন চোখে নিস্তব্ধ দাঁড়িয়ে রইল। ডন রুবিয়ো একবার তাকাল ইনান্নার দিকে আর একবার ইমতিয়াজ এবং তার সঙ্গীদের দিকে। মুচকে মুচকে হাসল সে। বলল: রাজার সম্পত্তি আদায় করা সম্ভব হল না বলেই এই ষড়যন্ত্রের আশ্রয় নিতে হয়েছে মিঃ ইমতিয়াজ। আশা করি দলিলটা অক্ষতই আছে আপনার। কিন্তু দুঃখের বিষয় আপনাদের আয়ু শীঘ্রই শেষ হতে চলেছে। সর্প-রাজের মন্দিরে একবার ইনান্না আপনাকে বাঁচিয়ে দিয়েছিল বটে, এবার ইনান্নার দশাও আপনাদের চেয়ে খুব একটা ভালো নয়।

এই বলে সে বিলাপ্পার দিকে তাকাল। বলল : বিলাপ্পা, তোমার উপর যা হুকুম আছে তা আগে পালন কর।

বিলাপ্পা এগিয়ে গেল তুঙ্গার দিকে। কিছুক্ষণ যেন দুঃখিত হয়ে দেখল ভূতপূর্ব মনিবকে। ইনান্না রাগে থুথু ছিটাল বিলাপ্পার মুখে। বিলাপ্পা একটুও রাগ না করে কাপড়ের খুঁট দিয়ে থুথু মুছল। তারপর পরিপাটি করে তুঙ্গার মুখ বাঁধল শক্ত কাল কাপড় দিয়ে। কোমর থেকে বার করল একটা ড্যাগার। মশালের আলোয় চকচক করে উঠল ড্যাগারের ফলাটা। অস্ফুট আর্তনাদ বেরিয়ে এল রেহানার গলা চিরে।

বিলাপ্পা বিড়বিড় করে বলল : আদেশ প্রতিপালন করব। কারণ অক্ষরে অক্ষরে আমি জীবনের আশা এত তাড়াতাড়ি আমি ত্যাগ করতে পারব না। আরো অনেক কাল আমি বেঁচে থাকতে চাই।

দেখতে দেখতে বিলাপ্পার চোখ-মুখ পৈশাচিক আনন্দে ভয়ঙ্কর হয়ে উঠল। তার ইঙ্গিতে একজন মায়ান যোদ্ধা আষ্ঠে পৃষ্ঠে বাঁধা তুঙ্গাকে একটা খুঁটির সাথে বাঁধল। বিলাপ্পা সযত্নে তুঙ্গার বুকের কাপড় উন্মুক্ত করল। ড্যাগারটা বুকের সেই উন্মুক্ত অংশে স্থাপন করল। তারপর সেটা সে ঠেলে বসিয়ে দিতে লাগল তুঙ্গার বুকে। ইনান্না ক্রোধে আহত বাঘের ন্যায় গর্জন করতে লাগল। ডন রুবিয়ো শুধু হাসল। এদিকে তীব্র ভাবে আন্দোলিত হতে লাগল তুঙ্গার শরীর, কিন্তু বিলাপ্পা থামল না। হাতল পর্যন্ত ড্যাগারটা সে বসিয়ে দিল তুঙ্গার বুকে। ভ্যাগারের খানিকটা বার করল তারপর উপর-নীচে বার কয় টেনে দিতেই রক্তের স্রোতের সাথে তুঙ্গার পাকস্থলিটা বেরিয়ে এল। খুলে দেয়া হলো বাঁধন।

তখনো ওদের পিঠে লাগানো রয়েছে পিস্তলের শীতল নল। ডানে বাঁয়ে কভার করে দাড়িয়ে আছে ডন রুবিয়ো, তার সঙ্গী, বিলাপ্পা এবং পাঁচজন মায়ান সৈন্য। তাঁবুর মাটিতে পড়ে আছে হতভাগ্য তুঙ্গার মৃতদেহ।

ভেতরে ভেতরে রাগে দুঃখে ছটফট করতে লাগল ইমতিয়াজ, আসাদ, রেহানা এবং জাহেদ। কিন্তু আপাততঃ এই অবস্থায় কিছুই করবার নেই। দাত কামড়ে সব সহ্য করল ওরা।

ঊন রুবিয়ো অধীরভাবে ঘড়ি দেখল। বলল: বিলাপ্পা! চল। রাত শেষ হবার আগেই উপত্যকা ছেড়ে চলে যেতে হবে আমাদের। বাইরের সব ঠিক আছে কিনা খবর নাও।

বিলাপ্পা ইঙ্গিত করতেই ছজন মায়ান সৈন্য পিস্তল পকেটে গুঁজে গুহার বাইরে চলে গেল।

ডন রুবিয়ো বলল : তুঙ্গার মৃতদেহ এখানেই পড়ে থাক। কাল সেনাবাহিনীর লোকেরা রাজার কাছে তাদের প্রিয় ইনান্নার অপহরণের আর তার প্রিয় সহচর তুঙ্গার হত্যাকাণ্ডের দুঃসংবাদ নিয়ে যাক। রাজা টের পাক সর্পরাজের ক্ষমতা কতখানি। বিলাপ্পী, এবার তোমার কাজ চুকিয়ে ফেলো!

বিলাপ্পার মধ্যে কোন উত্তেজনা দেখা গেল না। সে তার রক্তমাখা ড্যাগারটা সযত্নে তুঙ্গার গায়ের উপর বার কয় ঘষে মুছল। ড্যাগারের ফলার ধার দেখল আলোর দিকে ধরে। তাকাল রেহানার দিকে। তাঁবুর বাঁ দিক ধরে রেহানা দাড়িয়ে আছে। তারপর জিপ্পি আসাদ, জাহেদ ও ইমতিয়াজ।

দ্বিতীয় মুখোশধারী ডন রুবিয়োর কানে কানে কি বলল। ডন রুবিয়ো মাথা নাড়ল। তাকাল ইমতিয়াজের দিকে। ইংরেজীতে বলল : মহিলা দিয়েই শুরু করা যাক। এটাই সব অনুষ্ঠানের নিয়ম। তাই না? হোঃ হোঃ, মিঃ ইমতিয়াজ, কোন আর্জি আছে আপনার?

জবাব দিল জিপ্পি আসাদ। বলল : আছে। যদি আমাদের বান্ধবীর গায়ে হাত উঠায় ঐ শুয়োরের বাচ্চা বিলাপ্পা তাহলে তোমাকে আস্ত রাখব না ডন রুবিয়ো। মনে রেখো পিস্তলের ছ’টা গুলি খেলেও অতো চট করে আমরা কেউই মরব না। তোমাদের মেরে তারপর মরব। খোদার কসম।

ডন রুবিয়োর সামান্য ভাবান্তর ঘটল এই কথায়। কিন্তু সে সেটা চাপা দেওয়ার চেষ্টা করল।

বিলাপ্পার ড্যাগারটা চকচকে করছে। তুঙ্গার রক্তে স্নান করে ড্যাগারটার দ্বীপ্তি যেন আরো চোখ ঝলসান হয়েছে।

: তাহলে আর কথা কি, ডন রুবিয়ো বলল : আমার ইচ্ছা ছিল আপনাদের সাথে আপোষ করার।

ডন রুবিয়ো দুঃখ প্রকাশ করল। বলল : শুনেছিলাম আপনাদের বাঙালীদের বুদ্ধি আছে খুব। ভেবেছিলাম একটা কাগজের জন্য কেন এভাবে বিদেশ বিভুঁইয়ে প্রাণটা দিতে যাবেন? কিন্তু আমারই ভুল হয়েছে। আপনারা হচ্ছেন সেইসব পাগল কুকুর, মুগুর দিয়ে যাদেরকে শায়েস্তা করতে হয়।

ইনান্না মাঝখান থেকে হুঙ্কার ছাড়ল। বলল: শায়েস্তা কে কাকে করে তা ঠিকই বুঝবে তুমি বিদেশী কুত্তা! মনে রেখো মায়ান রাজ তুঙ্গার হত্যার প্রতিশোধ না নিয়ে ছাড়বে না।

: হাসালে ইনান্না। কে কার প্রতিশোধ নিচ্ছে এখন। ডন রুবিয়ো হাসল। তাকাল বিলাপ্পার দিকে। বলল : তোমার ভূতপূর্ব মনিবকে তাহলে উড়োজাহাজের ভেতরেই রেখে এসো। সেনাপতি এখনো নিজের অবস্থাটা বুঝতে পারছেন না। যাও,

বিলাপ্পা কজন মায়ান সৈন্যদের সহায়তায় হাত-পা বাঁধা ইনান্নাকে বহন করে গুহার বাইরে নিয়ে গেল। তারপর নিঃশব্দে কিছুক্ষণ অপেক্ষা করল ডন রুবিয়ো। বলল : মিঃ ইমতিয়াজ, এবার আপনাদের পালা। না, না… আগের সিদ্ধান্ত সামান্য পরিবর্তন করেছি। তুঙ্গাকে যে ভাবে মারা হয়েছে সেভাবে মারা হবে না আপনাদের। আপনাদের জন্য অন্য ব্যবস্থা! ব্ল্যাকষ্টোন পর্বতের নীচে মানুষ-খেকো একদল আদিম মায়ান বাস করে জানেন নিশ্চয়ই? হ্যাঁ, হ্যাঁ, জ্যান্ত মানুষ পেলে বড় খুশী হয় ওরা। বিলাপ্পাকে আর তার দলবলকে দিয়ে ওদের রাজ্যেই পাঠাচ্ছি আপনাদের। খুব বেশীদূর যেতে হবে না, বুঝলেন? এই গুহার ভেতর দিয়ে মাইলখানেক গেলেই ওদের হাতের কাছে পৌঁছে যাবেন। সেই ভালো, কি বলেন? হাঃ, হাঃ হাঃ।

ডন রুবিয়ো হাসল না, যেন হুঙ্কার ছাড়ল।

ইমতিয়াজ বলল : আমরা মরতে প্রস্তুত মি: রুবিয়ো। মরার আগে একটা ইচ্ছা পূরণ করবেন? একটা খবর জানাবেন শেষবারের মতো?

: বেশ বলুন।

: মায়ান রাজ্যে কেন এসেছেন আপনারা?

ডন রুবিয়ো আবার আগের মতো হাসল। বলল : আপনারা যেজন্যে এসেছেন ঠিক সেই জন্যে। ইনান্না ছিল আমাদের সবচে বড় বাধা মিঃ ইমতিয়াজ, তাই তাকে অপহরণ করতে হল। ইমান্না এখন আমাদের হাতে, এখন রাজা আমাদের হাতের পুতুল। বুঝতেই পারছেন সর্বময় ক্ষমতার অধিকারী হতে চলেছে সর্পরাজ। সুতরাং দলিল আপনার কাছে থাকুক, আর জাতি সঙ্ঘের সেক্রেটারীর কাছেই থাকুক কিছুতেই কিছু যায় আসে না আমাদের।

ইমতিয়াজ বলল : কিন্তু মনে করুন যদি মীর্জা মাহমুদের দলিলটা পেয়ে যান আপনি?

: কোন প্রয়োজন নেই,

ডন রুবিয়ো অবজ্ঞার ভাব দেখায়। বলে : মীর্জা মাহমুদের দলিল একটা কাগজ মাত্র। এই জংলী দেশে কাগজের দলিলের কতটুকু মূল্য?

: মিথ্যে কথা,

ইমতিয়াজ হাসল : মীর্জা মাহমুদের দলিল ছাড়া আপনাদের সব প্ল্যানই বরবাদ হয়ে যাবে মিঃ রুবিয়ো। এটা আপনিও জানেন, আমিও জানি যে মীর্জা মাহমুদের দলিল যার কাছে থাকবে, শুধু তাকেই রাজা টিলাঙ্কা পাহাড়ের পঁচিশ বিঘা জমির স্বত্ব দিতে রাজী হবেন। আর টিলাঙ্কা পাহাড়ের সুড়ঙ্গের পথটা শুধু জানা আছে রাজা মনিহাত্তোর। সুতরাং রাজাকে বশে আনতে না পারলে সব পরিশ্রমই পণ্ড হতে বাধ্য। 

ডন রুবিয়ো বলল : হুঁ, সব কথাই বেশ ভালোভাবে জানা আছে আপনার। ঠিকই বলেছেন আপনি। রাজার সাহায্য ছাড়া সব পরিশ্রমই বৃথা যাবে। সেজন্যে ব্যবস্থাও করেছি। ইনান্নাকে রেখেছি হাতে। ইনান্নার প্রতি রাজার দুর্বলতার কথা সবাই জানে। সুতরাং ইনান্নার প্রাণের মূল্যে সুড়ঙ্গের পথটা রাজার কাছ থেকে জেনে নেওয়া খুব কি একটা শক্ত কাজ হবে বলে মনে করেন মিঃ ইমতিয়াজ?

: রাজাকে আপনি চেনেন না, তাই একথা ভাবতে পারছেন মি: রুবিয়ো।

ইমতিয়াজ বলল : প্রাণ যায় যাবে কিন্তু রাজা মনিহাত্তো ধর্মনাশ করবেন না। দলিল ছাড়া টিলাঙ্কা পাহাড়ের জমি পাওয়া বা সুড়ঙ্গ পথের গোপন দরজার রহস্য ভেদ করা অসম্ভব ব্যাপার।

ডন রুবিয়ো কথাগুলির সত্যতা যেন অনুধাবণ করতে পারল। বলল : বেশ, কি বলতে চাইছেন আপনি, অল্প কথায় বলুন।

ইমতিয়াজ বলল : মীর্জা মাহমুদের দলিলের স্বত্বাধিকারী আমি। আমার পথ থেকে সরে দাড়ান।

রাগে লাল হয়ে উঠল ডন রুবিয়ো। বলল : পথ থেকে সরে দাড়াব বলে এত কাণ্ড করিনি মিঃ ইমতিয়াজ। দলিলের স্বত্ব বরং আপনিই ত্যাগ করুন। দলিলটা আমাকে দিয়ে দিন। দিলে আপনাদের সবাইকে বাংলা দেশে পৌঁছে দেবার অঙ্গীকার করছি।

জিপ্পি আসাদ ফোঁড়ন কাটল : বাংলা দেশে আমরা ঠিকই পৌঁছব ডন রুবিয়ো। ভয় হচ্ছে শেষ পর্যন্ত আপনাকে হয়ত জাহান্নামে পৌঁছে দেবার দরকার হয়ে পড়বে।

থমথমে দেখাল ডন রুবিয়োর চোখ-মুখ। প্রায় গর্জন করে অসহিষ্ণু কণ্ঠে বলল : শেষবারের মত বলছি, দলিলটা দিয়ে দিন।

হাসল ইমতিয়াজ। বলল : তারচে’ মানুষ-খেকোদের রাজত্বেই পৌঁছে দিন আমাদের।

জাহেদ সানন্দে বলল : তবে মনে রাখবেন দরকার হলে আমরাও মানুষের কাঁচা মাংস চিবিয়ে খেতে পারি। বাংলা দেশের লোক হলেও বৈষ্ণব তো আর নই!

ডন রুবিয়ো রাগে ফেটে পড়ার মুহূর্তে নিজেকে সামলে নিল। চুপচাপ থাক্‌ল একমুহূর্ত। তারপর বলল : বেশ, তাই হোক। কিছুক্ষণ অপেক্ষা করুন। বিলাপ্পা আসছে। ৰিলাপ্পার হাতেই সঁপে দেয়া যাক আপনাদের।

কিন্তু ততক্ষণে ওদের কাজ হাসিল হয়ে এসেছে। কাজটা সময়-সাপেক্ষ বলেই এতক্ষণ ওরা বাদানুবাদ চালিয়ে যাচ্ছিল। উত্তেজিত ডন রুবিয়ো ওদের উদ্দেশ্য কিছুমাত্র ধরতে পারে নি।

বাদানুবাদের শুরু থেকেই জিপ্পি আসাদ সাবধানে তার কাজ চালিয়ে যাচ্ছিল। তার বাঁ’ পায়ের জুতার গোড়ালীর একটা ছোট কুঠুরীতে রয়েছে তীব্র একধরনের গ্যাস যা নিঃশ্বাসে লাগা মাত্র প্রতিক্রিয়া হয়। মনযোগ দিয়ে লক্ষ্য করলে ডন রুবিয়ো দেখতে পেত ইমতিয়াজ, জাহেদ, রেহানা আর জিপ্পি আসাদের চোখ-মুখ পাখরের মূর্তির মত নিশ্চল হয়ে উঠছে।

দম বন্ধ করে আছে ওরা প্রাণপণে। জিপ্পি আসাদ সকলের অলক্ষ্যে ডান পায়ের জুতার গোড়ালী দিয়ে বাঁ’ পায়ের জুতার গোড়ালী ঘষছে। ঘষতে ঘষতেই বাঁ’ পায়ের জুতার গোড়ালীটা আলগা হয়ে পড়ল। তীব্র বেগে ছুটে এল প্রায় অদৃশ্য একরকমের সূক্ষ্ম ধোঁয়া। ডন রুবিয়ো কথা বলতে বলতে চমকে উঠল। ওর সঙ্গী বাইরে পালাতে গিয়ে মুখ থুবড়ে পড়ল। ঘাড় ফেরাবার চেষ্টায় ছটফট করল ডন রুবিয়ো। তারপর সেও লুটিয়ে পড়ল মাটিতে। পিস্তলধারী সৈন্যরা আগেই একে একে ধরাশায়ী হয়েছে।

ইমতিয়াজ ইঙ্গিত করতেই জিপ্পি আসাদ তার বাঁ’পায়ের গোড়ালীর ছিদ্রটা দুপাশের চামড়া টেনে আগের মত আটকে দিল। জাহেদ ও রেহানা বেরিয়ে গেল তাঁবু থেকে বাইরে। ইমতিয়াজ তেমনি দম বন্ধ করে এগিয়ে গিয়ে ডন রুবিয়োর অজ্ঞাত-নামা সঙ্গীর মাথার এক গাছি চুল কেটে পকেটে রাখল। জিপ্পি আসাদ ধরাশায়ী সৈনিকের হাত থেকে একটা পিস্তল কুড়িয়ে হাতে নিল। তারপর দুজনই নিঃশ্বাস বন্ধ করা প্রাণান্তকর অবস্থায় কোন রকমে ছুটে বেরিয়ে এল গুহা থেকে।

গুহা থেকে বহুদূরে এসে ওরা প্রাণ ভরে শ্বাস নিল। ইমতিয়াজ অনুশোচনা আর আত্মগ্লানিতে কথা বলতে পারল না। তুঙ্গার মৃত্যুটা এমন আকস্মিকভাবে সংঘটিত হল যে ঠিক সে মুহূর্তে কিছুই করার ছিল না। অথচ হাতে সামান্য সময় থাকলেই তুঙ্গাকে বাঁচানো যেত বিলাপ্পার হাত থেকে।


চার

দিনের বেলায় একটা গুহার ভেতর লুকিয়ে রইল ওরা। রাতের বেলায় উপত্যকা ধরে হাঁটতে লাগল। একটা কথা ওরা বুঝতে পেরেছে ডন রুবিয়ো আর বাজপাখীর শক্তি মায়ান রাজ্যে এখন অসীম। ইনান্নাকে অপহরণ করায় রাজার শক্তির মেরুদণ্ড ভেঙে চুরমার হয়েছে। রাজা এখন সম্ভবতঃ ডন রুবিয়োর না হোক বাজপাখীর হাতের মুঠোয়। তা যদি হয়ে থাকে তাহলে মায়ান রাজ্যে ওদের প্রকাশ্য দিবালোকে চলাফেরা করাও হয়ত নিরাপদ নয়।

ওদের ধারণা ঠিক।

তৃতীয় দিনের শেষ রাতে ওরা যখন উত্তর দিক ধরে হাঁটছে তখন একটা তীক্ষ্ণ শিষ শোনা গেল বাঁ দিকের টিলার নিশ্চুপ আড়াল থেকে। তৎক্ষণাৎ ওরা থেমে গেল। অপেক্ষা করল প্রতিপক্ষের জন্য কিছুক্ষণ। তারপর রেহানা পশ্চিম দিকে, জাহেদ তার উল্টো দিকে এবং ইমতিয়াজ ও জিপ্পি যেদিক থেকে শিষ শোনা গিয়েছিল সেদিকে এগোল। জাহেদ রেহানা পাহারা দিতে লাগল তিন দিক কভার করে। জিপ্পি আসাদ আর ইমতিয়াজ এগোল।

টিলার আড়ালে দু’জন লোক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে টহল দিচ্ছে। ওদের শিষ দেওয়া থেকে বোঝা গেল কাছে আরও লোক রয়েছে। চিতাবাঘের মত দু’দিক থেকে দুজন এগিয়ে গেল লোকগুলির দিকে। আত্মরক্ষার চেষ্টা করার আগেই ওদের উপর ঝাঁপিয়ে পড়ল ইমতিয়াজ ও জিপ্পি। জিপি আসাদের ডান বাহুর বজ্র পেষণে প্রতিপক্ষের ঘাড় মটকে গেল মড়মড় করে। ইমতিয়াজের প্রচণ্ড ঘুষির আঘাতে দ্বিতীয় মায়ানটি সম্পূর্ণ জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল মাটিতে।

ওরা নিঃশব্দে পেছনে হটে এল। গোপন সঙ্কেত পেয়ে জাহেদ এবং রেহানা ফিরে এল পাহারা ছেড়ে।

এই সময় মায়ান ভাষায় তীক্ষ্ণম্বরে কে যেন চেঁচিয়ে বলল : পেয়ে থাকলে সাবধান, খুন করবি না। বিলাপ্পার বারণ!

ওরা, ইমতিয়াজ, জিপ্পি আসাদ, রেহানা ও জাহেদ বুঝল আর একদল গুপ্তচর এদিকে আসছে। সম্ভবতঃ শিষের সঙ্কেতেই ওরা ধরে নিয়েছে যে পাখী ফাঁদে পড়েছে। ইমতিয়াজ, জাহেদ, জিপ্পি আর রেহানা একটা গুহার ভেতরে গিয়ে ঢুকল। মায়ান চরগুলি বহুক্ষণ খোঁজাখুঁজি অসভ্য করল তাদের বন্ধুদের না পেয়ে মা-বাপ তুলে জঘন্য গালিগালাচ করল সঙ্কেতকারী দ্বয়ের উদ্দেশ্যে। মা-খেকো বলে গাল দিল। মায়ান জাতির একদল বুনো উপজাতি এখনো নরমাংসভুক। এই সমাজের সবচে গর্হিত অপরাধ মায়ের মাংস খাওয়া। ওয়া বুঝল মায়ানদের মধ্যে যারা হিংস্রতম যারা নরমাংসভুক তাদেরই ছেড়ে দেওয়া হয়েছে পলাতক বিদেশীদের ধরার জন্যে।

ওরা নিঃশব্দে বসে রইল গুহার ভেতর। কিছুক্ষণের মধ্যে পাখ-পাখালীর ডাকে বন ভরে গেল। ময়ানদের কোন সাড়া শব্দ পাওয়া গেল না। ইমতিয়াজ আর জিপি আসাদ বেরোল বন থেকে কিছু ফলমূল খেয়েই ক’টা দিন কাটিয়ে দিতে হবে।

রেহানা কোর্তার পকেট থেকে একটা ছোট আয়না বার করে নিজের মুখ দেখতে লাগল। জাহেদ ওদিকে মন-মরা হয়ে শুয়ে আছে। রেহানা ফলের ব্যাগটা দেখিয়ে বলল : খাবে?

জাহেদ এরকম একটা প্রস্তাবই আশা করছিল। প্রাণের কথা সহজে প্রকাশ না করে মুখে সামান্য অবজ্ঞা আর হতাশার ভাব দেখিয়ে বলল : নাহ্। কি হবে ফল মূল খেয়ে।

: তাহলে বরং থাক।

রেহানাকে বেশ খুশী মনে হল : জিপ্পু আপেলের মত দেখতে এই ফলটা চিবোতে খুব পছন্দ করে। রেখে দিই, বাইরে থেকে এসে বরং জিপ্পুই খাবে।

: হ্যাঁ রেখে দাও,

জাহেদ ইচ্ছার বিরুদ্ধে সমর্থন জোগায় : হাজার হোক জিপ্পু পেট-পাগল মানুষ! আমার, ইমতিয়াজের তো একটা বিবেক-বুদ্ধি আছে, ক্ষিধের সময় খেতে-টেতে না পেলেও সহ্য করে যাই। জিপ্পুর তো আবার এসব বালাই নেই। ওর কাছে চিবোনোটাই হল বড় কথা। আদব-কায়দার ওকি বোঝে?

: না, না,

রেহানা আপত্তি করল : জিপ্পু মোটেই পেটুক মানুষ না। ও-ই বরং খাঁটি পুরুষ মানুষ। দিলে খায়, না দিলে চুপচাপ থাকে। আর আদব-কায়দার কথা বলছো? আমাদের মধ্যে সে প্রশ্নটা কেন ওঠে শুনি চাঁদ?…

: তা নয়। তা নয়।

জাহেদ কথাটা বুঝাতে চেষ্টা করে : আদব-কায়দা বলতে আমি যা বুঝাতে চাইছি সেটা হল একটা সূক্ষ্ম, অতিসূক্ষ্ম ব্যাপার। আদব কায়দার প্রশ্ন সকলেরই আছে। যেমন ধরো আমার কথা।

: হ্যাঁ,

মাঝখানেই মন্তব্য করল রেহানা : এটা আমিও স্বীকার করি। তোমার আদব না থাক কায়দা আছে। জিপ্পির ওসব কিছু নেই। জিপ্পি হল সরল। অমায়িক। শক্তিশালী, বিনীত…

: আমি? আর আমি?

অসহিষ্ণু হয়ে প্রশ্ন করল জাহেদ : আমি কি?

: তুমি হলে বেশ ভাল মানুষ! নিপাট ভালো মানুষ যাকে বলে। তবে চক্ষুলজ্জা বোধ হয় তোমার একটু কম… আর ক্ষিধে পেলে...

নিন্দে শুনে প্রায় কাঁদো কাঁদো হয়ে নিজেই জাহেদ বলে : আর ক্ষিধে পেলে হিতাহিত জ্ঞান লোপ পায়, এই তো? এই তো বলবে?

: আহা, তা কেন,

রেহানা সামান্য প্রতিবাদ করে : আমি বলেছি নাকি ক্ষিধে পেলে হিতাহিত জ্ঞান লোপ পায় তোমার?

: তাহলে? কথাটা কি দাঁড়ায় তোমার শুনি?

: আমার কথাটা স্পষ্ট। আমি বলতে চাই হিতাহিত জ্ঞানই নেই তোমার, সুতরাং সেটা লোপ পাওয়ার প্রশ্নও আদপে ওঠে না।

জাহেদ উত্তেজনায় উঠে বসে। হাঁ করে তাকিয়ে রেহানাকে দেখে। রেহানা নির্বিকার। জাহেদ গোটা দুই দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে অনেকক্ষণ পর বলে : বেশ, মনে থাকল, আমি আর খাবই না। বেশ ক্ষিধে পেয়েছিল। কিন্তু তাতে কি! কপালে যখন এও ছিল তখন খেয়ে আর কি হবে...

রেহানা কৃত্রিম গাম্ভীর্যে বলে : বাঃ, খাওয়ার সাথে এসব তর্কাতর্কির কি সম্পর্ক আছে। ক্ষিধে পেয়েছে তুমি খাও না।

আর কোন রিস্ক না নিয়ে জাহেদ ঝট করে ফলের ঝুড়িটা কোলের কাছে টেনে নেয়। বলে : বেশ তোমার অনুরোধ রক্ষার খাতিরেই বাধ্য হয়ে দুচারটা ফল মুখে দিচ্ছি।

: অনুরোধ! বাঃ, অনুরোধ করলাম কখন আমি!

: ওই হলো…

জাহেদ ততক্ষণে একটা ফল কামড়ে অর্ধেক খেয়ে ফেলেছে। বাকীটা চোখ বুঁজে চিবুতে চিবুতে বলে : ওই হলো! সাধাসাধি করছো সেকি বুঝতে পারি না?


পরদিন রাতে ওরা সমতল ভূমিতে নেমে এল। কিছুদূর এগিয়েই পাওয়া গেল শিরিশিরি নদী। ইমতিয়াজ ম্যাপ খুলে মায়ান রাজ্যের রাজধানী কোথায় হবে সেটা দেখে নিল। শিরিশিরি নদী যেখানে পাহাড়ের কাছে বাঁক নিয়েছে, বাঁকে বাঁকে চোরা স্রোত, তার দশমাইল উত্তরে রাজা মণি হাত্তোর রাজধানী পিপি গ্রাম। রাতের বেলায় একটু অসুবিধে হলেও টিলাঙ্কা পাহাড়টা খুঁজে পেল ওরা। মীর্জা মাহমুদের ডায়রীতে এই পাহাড় সম্পর্কে বহু তথ্য দেওয়া আছে। টিলাঙ্কা পাহাড়ের পাথরগুলি খাড়া নয়, উঁচু নয়, থ্যাবড়া আর স্তুপাকৃতি। পাথরের উপর পাথর সাজিয়ে পাহাড়। পাথরের ফাঁক গলে শিরিশিরি নদী বয়ে যাচ্ছে। দু’পাশে লম্বা তাল গাছের মত দেখতে একরকমের গাছ। গায়ে লম্বা লম্বা কাঁটা। মাঝে মাঝে ব্যাঙের ছাতার মত এক ধরণের প্রকাণ্ড গাছও পাওয়া যাচ্ছিল শিরিশিরি নদীর ধারে। ওরা নদীর তীর ধরে সাবধানে হাঁটছিল আর ঘড়িতে সময় দেখছিল। হঠাৎ থমকে দাঁড়াল সম্মুখবর্তী ইমতিয়াজ।

একটা বুনো শুয়োর। ঘোঁৎ ঘোঁৎ করছে। অন্ধকারেও প্রকাণ্ড শরীরটা দেখা যাচ্ছে। সূচালো মুখটা নীচু করে আক্রমণের ভঙ্গি নিয়েছে। টিলাঙ্কা পাহাড়ের ধারে সাধারণতঃ বিশাল আকৃতির চিতা, অজগর আর বুনো শুয়োর পাওয়া যায়। তিনটে হিংস্র প্রাণীর মধ্যে বুনো শুয়োরই ভয়ঙ্করতম। যমের মত বুনো শুয়োরকে ভয় পায় সবাই। এমন কি নরমংসভুক উপজাতীয় লোকেরা পর্যন্ত।

দুই পাশে সরে দাড়াল ওরা। একধারে ইমতিয়াজ আর রেহানা। অন্যধারে জাহেদ আর জিপ্পি আসাদ।

বুনো শুয়োরটা তীব্র বেগে ছুটে এল মাথা নীচু করে ঘোঁৎ ঘোঁৎ শব্দ তুলে। ইমতিয়াজ আর জিপ্পি আসাদ আগেই হাতে তুলে নিয়েছিল দুটি প্রকাণ্ড পাথর, দুটি পাথরই এক যোগে গিয়ে পড়ে শুয়োরটার শুঁচালো মুখে এবং ঘাড়ে।

যন্ত্রণায় কাৎরে উঠল বুনো শুয়োরটা। পেছনে হটে গেল কয়েক গজ। দাঁড়িয়ে কিছুক্ষণ আর্তনাদ করল। তারপর আবার রুখে দাঁড়াল। মুখ দিয়ে মাটি ঘষল বার কয়। হুঙ্কার তুলল প্রচণ্ড। আরো তীব্র বেগে এবার ছুটে এল সে ইমতিয়াজের দিকে।

ইমতিয়াজ তৈরী হয়েই ছিল। ঝট করে একপাশে সরে গিয়ে দু’হাতের দুঠোয় সে চেপে ধরল বুনো শুয়োরের মাথাটা। কিন্তু তাল সামলাতে না পেরে নীচে পড়ে গেল সে। শুরু হল ভয়ঙ্কর যুদ্ধ। শুয়োরটা প্রাণপণে মুক্ত করতে চাইল ইমতিয়াজের বজ্র পেষণ থেকে তার মুখ। পায়ের বলিষ্ট থাবা দিয়ে হটিয়ে দিতে চাইল ইমতিয়াজকে, ইমতিয়াজ আরো তীব্র করল তার পেষণ। দু’হাতে ঘুরিয়ে দিতে লাগল বলশালী পশুটার মুণ্ডু। তীব্র চীৎকার শোনা যেতে লাগল শুয়োরটার। চাপা আক্রোশের পরিবর্তে কাতর গোঙানী ও আর্তনাদ। এক সময় মর্ট করে মোটা ঘাড়ের হাড় ভাঙার শব্দ হল।

: শালা শুয়োরের বাচ্চা!

জাহেদ বকে দিল ইমতিয়াজের প্রতিদ্বন্দ্বীকে। ততক্ষণে ইমতিয়াজ মাটি থেকে উঠে দাড়িয়েছে। নিস্তেজ, মুমুর্ষ অবস্থায় মাটিতে পা ছুঁড়ছে বুনো শুয়োরটা। ইমতিয়াজও কম পরিশ্রান্ত হয়নি। সে হাঁপাচ্ছে। প্রাণভরে শ্বাস নিচ্ছে ঘন ঘন। সারা শরীরে রক্তের দাগ।

যুদ্ধ শেষ। কিন্তু জাহেদ হঠাৎ ভয়ানক রেগে গেল। সে কোমর থেকে একমাত্র অবলম্বন এক ফলা ছুরিটা বার করল। জিপ্পি আসাদ বলল : কর কি, কর কি জাহেদ!

: কেন, খতম করে দিই। দেখছিস না কাতরাচ্ছে, এখনো মরে নি!

: মরবে।

আশ্বাস দেয় জিপ্পি : খামোকা শুয়োরের মোটা চামড়ার উপর ছুরিটা ভেঙে লাভ কি? তারচে’ মাফ করে দাও জন্তুটাকে।

জাহেদ বিড়বিড় করল কিছুক্ষণ। বলল : ইয়ার্কি মারিস না জিপ্পি, ইয়ার্কি মারিস না। গা জ্বলে যায় তোর রকম-সকম দেখে। মাঝে-মধ্যে একটু রাগ করব তাও দিবি না! উঃ গড্‌! অসভ্য দেশে এসে প্রাণটা যায়!

বিশ্রাম নিল কিছুক্ষণ ওরা শিরিশিরি নদীর ধারে। রহস্যময় হয়ে উঠেছে চারদিক। হাজার হাজার বছরের নির্জনতা দানা বেঁধে আছে যেন আকাশের নীচে। প্রাগৈতিহাসিক যুগের এক নিষিদ্ধ দেশে এসে পড়েছে ওরা। যেমন বিচিত্র দেশ, তেমনি বিচিত্র লোকজন, বিচিত্র রাত্রি। হাজার হাজার বছর আগে বাংলা দেশও কি এই রকম ছিল? অনার্য কোল, ভীল সাঁওতালদের দেশেও কি নদীর ধারে বন-জঙ্গলের ছায়ার নীচে এরকম রাত নামত নির্জন ও নিস্তব্ধ?

ইনান্নার কথা মনে পড়ল ওদের। এই নাতিবৃহৎ অসভ্য দেশটির পূজনীয় বীর ইনান্না। ইনান্নার মধ্যে রয়েছে আশ্চর্য আদিম মনুষ্যত্ববোধ! ইনান্নার হয়ত স্বপ্ন ছিল পুত্রহীন রাজার মৃত্যুর পর সেই হবে এদেশের রাজা। ডন রুবিয়োর ষড়যন্ত্রের শিকার হয়ে মৃত ইনান্না এখন কোথায় কে জানে?

রেহানা বলল : ডন রুবিয়ো কি রাজাকে কাবু করতে পারবে বলে মনে কর ইমতিয়াজ?

: ডন রুবিয়ো নয়, রাজার প্রধান প্রতিদ্বন্দ্বী এখন বাজপাখী। বাজপাখী এখন কি ষড়যন্ত্র আঁট্‌ছে বলা কঠিন। তবে সুযোগ পেলে সে রাজাকে হত্যা করবে, হত্যা করে নিজে রাজা হবে এতে কোনই সন্দেহ নেই।

: আর ডন রুবিয়ো? জাহেদ জিজ্ঞেস করল।

ডন রুবিয়ো মায়ান রাজ্যের ভাণ্ডার লুট করতে পারলেই খুশী। এদেশের রাজ্য জয় করে কি লাভ ওর?

: ডন রুবিয়োই আমাদের প্রতিদ্বন্দ্বী। সম্ভবত এতক্ষণে জ্ঞান ফিরে পেয়ে দলবল নিয়ে বেরিয়ে পড়েছে সে আবার। কি বলো?—জিপ্পি বলল।

ইমতিয়াজ বলল : তা হতে পারে। তবে না হওয়ারই সম্ভাবনা বেশী। মায়ান রাজ্যের গুপ্ত ভাণ্ডারের সন্ধান জানা আছে আমার ধারণায় শুধুমাত্র রাজার। আর আমাদের প্রতিদ্বন্দ্বী এখন রাজাই। ডন রুবিয়ো নয়।

: রাজা? মায়ান রাজ্যের রাজা, যার কাছ থেকে জমির ইজারা নিয়েছিলেন মীর্জা চাচা?

রেহানা জিজ্ঞেস করে : আমরা তাহলে কোথায় যাচ্ছি? রাজার কাছে?

: স্বেচ্ছায় নয়,

হাসল ইমতিয়াজ : নিজের ইচ্ছেয় কেউ মৃত্যুর মুখে ছুটে যায় না রেহানা। আমরা রাজার কাছেই যেতে চেয়েছিলাম কিন্তু বিলাপ্পাকে দেখে এ রাজ্যের সব মানুষের উপর থেকে বিশ্বাস আমার চলে গেছে। কাউকে বিশ্বাস নেই। কে জানে হয়তো ইনান্নাও আমাদের নিয়ে যাচ্ছিল কৌশলে হত্যা করার জন্যেই।

কিছুক্ষণ বিশ্রাম নিয়ে ওরা আবার এগিয়ে চলল শিরি শিরি নদীর ধার ধরে পশ্চিম দিকে। ক্রমে জঙ্গল ঘন হয়ে এল। কোথাও কাঁটাভর্তি ঝোপ। কোথাও মাংস খেকো লতার গাছ। কাছে গেলেই টেনে জড়িয়ে নেয়। তারপর পিষে মারে। জিপ্পি আসাদ এরকম একটা লতার বাঁধনে জড়িয়ে পড়েছিল, অতি কষ্টে দাঁত আর হাতের ছুরি দিয়ে বাঁধন কেটে মুক্ত হয়ে যখন বেরিয়ে এল তখন সারা গা দিয়ে ঘাম ছুটছে তার। আর শরীরময় রক্ত। লতার সূঁচালো মুখের কামড়।

সতর্কভাবে পথ চলতে হল ওদের। রাত শেষ হয়ে এল ক্রমে। পূব দিগন্ত ফর্সা করে সেণ্ট্রাল আমেরিকার বুনো সূর্য উঠল মাথা চাঁড়া দিয়ে। ওরা লুকিয়ে থাকার মত একটা অশ্রয় খুঁজল চার পাশে। ঠিক তখনই চারদিকে সমুদ্রের গর্জনের মত গুরু গম্ভীর বেজে উঠল ড্রামের শব্দ।

থমকে দাঁড়াতে হল চারজনকেই। ক্লান্ত শরীর। অবসন্ন মন। দেখল জঙ্গল ভেদ করে তীর-ধনুক নিয়ে দলে দলে মায়ানরা আসছে চারদিক থেকে। পরণে কৌপিন। খালি গা। বাহুতে শক্ত তাগা বাঁধা। বুকে, পিঠে, মুখে আঁকা উল্কির দাগ।

আত্ম-সমর্পণ ছাড়া গত্যন্তর নেই। ওরা চুপ করে দাঁড়িয়ে রইল। সম্ভবতঃ রাতেই ওদের অবস্থান টের পেয়েছিল জংলীরা। সুযোগ বুঝে দিনের আলোয় আক্রমণ করতে এগিয়ে এসেছে। প্রতিরক্ষার এতটুকু চেষ্টা করার অর্থ ওদের বিষাক্ত তীরের আঘাতে মৃত্যু বরণ করা।

ওরা নিশ্চল দাঁড়িয়ে রইল। ক্রমে ঘনিষ্ট হয়ে এল জংলীদের ব্যুহ। ড্রামের শব্দে কান ফেটে যাবার যোগাড়। জংলীদের হৈ-হল্লা আর চীৎকারে কোলাহল-ময় হয়ে উঠেছে শান্ত নিস্তব্ধ শিরি শিরি নদীর তীর।

একজন বলশালী জঙ্গলী এগিয়ে এল দলের ভেতর থেকে। মায়ান ভাষায় আগে ফুল-দেবতার স্তুতি গাইল, তারপর ওদের বন্দী করতে আদেশ দিল দলের লোকদের। চেঁচিয়ে বলল : প্রভুর কাছে নিয়ে চল! ফুল-দেবতার সন্তান রাজাধিরাজের কাছে। 

এত দুঃখেও হাসল ইমতিয়াজ। বলল :

: শেষ পর্যন্ত রাজার কাছেই আমরা যাচ্ছি রেহানা। ভাবছি নতুন বিস্ময় অপেক্ষা করছে কিনা এবার আমাদের জন্যে।

: আমরা তৈরী,

হাসতে হাসতে বলল রেহানা। বলল : মীর্জা চাচা ৰোধহয় খামোকাই জমিটার খাজনা দিয়ে এসেছেন গত দশ বছর ধরে।

বন্দী হওয়ার পর থেকেই বিড় বিড় করে আপনমনে কিসব বলছিল জাহেদ। রেহানা এটা লক্ষ্য করছিল এতক্ষণ। এবার হাল্‌কা গলায় তেমনি হাসিমুখ করে বলল : মরতে আমরা একটুও ভয় পাই না। জাহেদ কি বলো?

ধমকে উঠল জাহেদ। বিরক্তি প্রকাশ করল সবিশেষ। বলল : চুপ করো, চুপ করো। মরা অতো সহজ নয়। আমাদের মারতে চাইলেই যেন মারা যাবে, হুঁ।

: কেন, মারতে চাইলে কি করছ তুমি?

: কি করবো আবার? যা করার তাই করছি। আল্লার নিরানব্বই নাম জপ করছি আঙ্গুল গুণে গুণে। পাঁচ হাজার বার জপ করে ফেলেছি। আরো পাঁচ হাজার বার করবো। আমাকে কেউ যেন ডিসটার্ব না করে। দুনিয়াদারীর তালে এখন আমি নেই। খোদার রাস্তায় আছি।

ওদের চারজনকে ঘেরাও করে নিয়ে জংগীরা এগিয়ে চলল শিরিশিরি নদীর তীর ধরে। কিছুদূর গিয়ে জঙ্গল পাতলা হয়ে এল। গ্রাম দেখা গেল সন্মুখে। সারি সারি কাঠের বাড়ী, সামনে ফুলের বাগান। ফাঁকে ফাঁকে ফুল-দেবতার মন্দির। জংলীরা নাচতে নাচতে এগিয়ে চলল। ড্রাম বাজতে লাগল তালে তালে দুপাশে ভিড় করে দাড়াল মেয়ে আর শিশু।

নারী পুরুষ প্রায় সবারই দেহ মজবুত, গায়ের রং তামাটে। খাড়া নাক। অর্ধ উলঙ্গ। পুরুষদের বাহুতে কষে তাগা বাঁধা।

গ্রামের পরিকল্পনাটাও সুন্দর। মাঝখানে মাটির রাস্তা। দু’পাশে কাঠের বাড়ী। প্রত্যেক বাড়ীর চারপাশে ঝকঝকে উঠোন আর বাগান।

কোথাও গাছের তলায় দোকান বসেছে। দোকানে নানারকমের শুয়োরের চামড়া, ছুরির খাপ, লোহার আংটা এইসব সাজিয়ে বসে আছে দোকানী। জংলীদের দলটা ওদের নিয়ে এগিয়ে চলল গ্রাম-বাসীদের বিস্মিত চোখের সামনে দিয়ে। নিজের জাতের মানুষ ছাড়া আর কোন মানুষ চোখে দেখেনি এরা। পাঁচ হাজার বছরে পৃথিবী লৌহযুগ থেকে আনবিক যুগে এসে পৌঁছেছে। মায়ানরা তার খোঁজ রাখে না। ব্ল্যাকষ্টোন পর্বত দেশটাকে কঠিন দেয়ালের মত ঘিরে রেখেছে বাইরের দুনিয়া থেকে। মায়ানরা এখনো আদিম সমাজের মানুষ।

বেশ বড় গ্রাম পার হয়ে জংলীরা বিশাল এক মাঠে এসে পৌঁছল। যতদূর চোখ যায় ততদূর মাঠের সবুজ বুক আর আকাশ। মাঠে পড়ে জংলীদের নৃত্য আরো বেড়ে গেল। ড্রামের শব্দ আরো তুমুল হয়ে উঠলো। ইমতিয়াজ, জাহেদ, রেহানা আর জিপ্পি বুঝল ওদের বন্দী করে নিয়ে যাওয়াটাকে বড় রকমের গৌরব বলে ধরে নিয়েছে জংলীরা। তাই উৎসব করছে।

মাঠ পার হতে দুপুর কেটে গেল। জাহেদ ততক্ষণে বিরক্ত হয়ে উঠেছে।

: শালারা কোথায় নিয়ে যাচ্ছে আমাদের?

জিপ্পি বলল : জাহান্নামে।

রেহানা বলল : ক্ষিধে পেয়েছে বুঝি?

জাহেদ বলল : পেয়েছে। আমি আর ঘণ্টা খানেক অপেক্ষা করব। ইতিমধ্যে যদি খানার ব্যবস্থা না হয় তাহলে জুতা, কাপড়, টুপি যা পাব খাব। বিতিকিচ্ছিরি যা তা জিনিস খেয়ে একটা ওয়ার্ল্ড রেকর্ড করে ফেলব।

ওরা সবাই হাসল। ভীষণ বিপদেও ওদের চারজনের আনন্দ-বোধ কমে না। সবই যেন ওদের কাছে মজার। ভয়ঙ্করতম মৃত্যুকেও ওরা ঠাট্টা করে হেসে উড়িয়ে হালকা করে দেয়। মৃত্যুর মুখোমুখি অনেকবারই দাঁড়াতে হয়েছে ওদের। ওরা মৃত্যুকে বা কোন আপদ-বিপদকে কোনদিনই আমল দেয়নি, এটাই ওদের বৈশিষ্ট্য।

মাঠ পার হয়ে একটা বন-ভূমিতে এসে পৌঁছল ওরা। চোখ জুড়িয়ে গেল জায়গাটা দেখে। ইউক্যালিপটাসের মত দীর্ঘ-দেহ গাছগুলি দাঁড়িয়ে আছে। মাঝখান দিয়ে সরুপথ। বহুদূরে একটা লাল রঙের গম্ভীর পাথরের বাড়ী চোখে পড়ল। বাড়ীটা উঁচু জায়গায়। পেছনে পাহাড়। কিছুদূর এগিয়ে অপেক্ষাকৃত ফাঁকা জায়গায় এসে ওরা দেখল একটা ক্ষীণকায় ধবল স্রোত সেই উপত্যকা থেকে সশব্দে নীচে এসে পড়েছে।

এটাই শিরিশিরি নদী। মায়ানরা এই নদীকে দেবতার মত ভক্তি করে। শিরিশিরি নদীর ধারেই মায়ানদের অধিকাংশ বসতি গড়ে উঠেছে। শিরিশিরি নদীর জলপান করে মায়ানরা। নদীকে ওরা দেবতার কন্যা বলে জানে।

লাল রঙের পাথরের বাড়ীটার কাছে এসে দলটা থামল। জংলীরা মায়ান ভাষায় কিচিরমিচির করল কতক্ষণ। ওদের সর্দার ওদের দক্ষিণ দিকে একটা পথ দেখিয়ে বলল : তোরা সব ওই হোথায় চলে যা। রাজার বাড়ীর শুয়োর খেতে পাবি। শিরিশিরি নদীর মিহি পানি পাবি। মচ্ছবে থাকবি, দু’দিন কোন কষ্ট হবে না। যা, চলে যা।

জংলীরা এই কথা শুনে জয় ধ্বনি করে উঠল রাজার। সর্দার সহ জন পঁচিশেক মায়ান থাকল, বাকীরা চলে গেল ড্রামের শব্দে তাল মিলিয়ে নাচতে নাচতে দক্ষিণ দিকে।

সর্দার তার ক্ষুদ্র দলটা নিয়ে অপেক্ষা করতে লাগল বাড়ীটার দিকে তাকিয়ে। কিছুক্ষণের মধ্যেই কয়েকজন অশ্বারোহীকে বেগে ঘোড়া ছুটিয়ে আসতে দেখা গেল এদিকে। সর্দার তার দলের লোকদের নিয়ে গর্বিত মস্তক তুলে দাঁড়িয়ে রইল। অশ্বারোহী সৈনিকেরা অভিজাত সৈনিক। ওদের পরণে পাতলা চামড়ার টাইট পোষাক। মাথায় পালক। প্রত্যেকেরই হাতে পাথর ঘষে তৈরী একরকমের ভয়ঙ্কর হাতল-ওয়ালা কুঠার।

সর্দার আনুপূর্বিক সব কথা খুলে বলল দলের নেতার কাছে। জানাল তার দলের লোকদের সে পাঠিয়ে দিয়েছে রাজার অতিথিশালায়। সে নিজে রাজার সাথে দেখা করে যথোচিত পুরস্কারের ভাগী হতে চায়। সেনাপতি যদি মর্জি করেন তো আশা পূর্ণ হয়।

দশজন অশ্বারোহী দলের ক্ষুদে সেনাপতি চেঁচিয়ে উঠল। বলল : অতিথশালায় যাও বাপু, অতিথিশালায় যাও। বিশ্রাম করো গিয়ে। রাজা তো দরকার হলেই ডাকবেন।

সর্দার কথা বাড়াতে সাহস করল না। বুঝল হাতে হাতে মাল পৌঁছিয়ে পুরস্কারের বাসনা দমন করা ছাড়া উপায় নেই। সে অশ্বারোহীর হাতে ধরা ভয়ঙ্কর কুঠারটার দিকে একবার তাকাল। তারপর মাথা নুইয়ে অভিবাদন করে চলে গেল তার ছোট দলটা নিয়ে দক্ষিণ দিকে।

অশ্বারোহী সৈনিকেরা ইমতিয়াজ জাহেদ, রেহানা আর জিপ্পিকে মাঝখানে রেখে এগিয়ে চলল লাল বাড়ীটার দিকে। ওটাই রাজার প্রাসাদ। অশ্বারোহীর টুকরো টুকরো কথা কানে এল।

: ইনান্নার শোধ নেবেন এবার রাজা। এই বিদেশীরাই সাপ-দেবতার পূজো এনেছে এদেশে।

: রাজা নিজের হাতে মারবেন এদের। উঃ, ইনান্নার খবরটা শুনে অবধি রাজা আর রাজকন্যা পাগলের মত হয়ে গেছে। এবার ইনান্নার শোধ নিতে পারলে কিছু শান্তি পাবেন ওঁরা।

বোঝা গেল ইনান্নার নিখোঁজ হওয়ার সংবাদে রাজা অধীর হয়েছেন। এটাও বোঝা গেল ইনান্নাকে এখন অব্দি খুঁজে পাওয়া যায় নি। রাজা হয়তো হাত পা কামড়াচ্ছেন রাগে আর দুঃখে এই ভেবে যে শ’য়ে শ’য়ে সৈন্য থাকা অবস্থায়ও দলের ভেতর থেকে যে বা যারা ইনান্নাকে চুরি করে নিয়ে গেছে তাদের এখনো শাস্তি দেওয়া সম্ভব হয় নি যথোচিত। রাজ্যের চারিদিকে সৈন্য সামন্ত পাঠিয়ে গত দু’দিন হয়ত অপেক্ষা করেছেন তিনি ইনান্নার অপহরণকারী ধরা পড়বে এই আশায়। এইটুকু তিনি জেনেছেন যে বিদেশীরা ইনান্নাকে অপহরণ করেছে। সুতরাং বিদেশীদের ধরে ওদের কাঁচা মাংস যদি চিবিয়ে খেতে চান জংলী রাজা তাহলেও কি সেটা বিস্ময়ের কিছু হবে?

ওদের বন্দী করে রাখা হল একটা অন্ধকার কক্ষে। যেমন প্রশস্ত ঘর, তেমন উঁচু। একটা মাত্র দরজা। সেটা বাইরে থেকে বিশাল এক পাথর-দিয়ে চাপা দেওয়া। পর্যাপ্ত আলো বাতাসের অভাবে শ্বাস নিতে রীতিমত কষ্ট হতে লাগল ওদের।

ওরা নিঃশংসয়েই নিজেদের অবস্থাটা বুঝতে পারল। ওদের হত্যা করা হবে সম্ভবতঃ। মীর্জা মাহমুদের তুচ্ছ দলিলটার কি মূল্য এই জংলী দেশে, এই সভ্যতা-বিবর্জিত আদিম দেশের সীমানায়? বাঁচবার কথা কোনদিনই ওরা চিন্তা করে না। ওরা অবস্থার সম্মুখীন হয়ে, অবস্থার সাথে লড়াই করে, তারপর হার বা জিত যা হয় মাথা পেতে গ্রহণ করে।

সাথে ঘড়ি ছিল বলে সময়ের হিসেব তখনো ওরা জানে। অন্ধকার পাথরের ঘর থেকে ওদের যখন বের করা হল তখন রাত এগারোটা বেজে গেছে। এই নিশীথরাতে ওদের নিয়ে কি করা হবে তা ওরা বুঝতে পারল না। মস্ত বারান্দার স্থানে স্থানে স্নিগ্ধ তেলের বাতি জ্বলছে। চারদিকে কাজ করা দামী পাথরের দেয়াল। প্রকোষ্ঠ। মেঝেটাও মসৃণ চকচকে পাথরের তৈরী।

মস্ত একটা প্রকোষ্ঠে ঢুকল ওরা। বিশাল ঘরটির এক প্রান্তে ছোট একটি মঞ্চের উপর বসে আছে রাজা মনিহাত্তো। পাশে একটা রূপসী যুবতী মেয়ে। দু’পাশে দুজন ভৃত্য চামর দোলাচ্ছে। পায়ের কাছে বসে রাজার পায়ের আঙ্গুল টিপে দিচ্ছে একটা সুশ্রী চেহারার দাসী। রাজাকে দেখে ওরা অবাক হল। চমৎকার শেভ করা সুশ্ৰী গোল মুখ। বলিষ্ঠ স্বাস্থ্য। চুলগুলি পেছনে উল্টিয়ে আচড়ানো পরণে রেশমের কাপড় ও সিল্কের গেরুয়া চাদর। দেখে মনে হয় আমেরিকার হলিউডের একজন বয়স্ক অভিনেতা ‘ইণ্ডিয়ান কিং’ এর ভূমিকায় অভিনয় করছে।

মেয়েটিও এদেশের জংলীদের মত নয়। পরনে বিষের মত নীল পাতলা শাড়ী। গায়ে শোমিজ নেই। চুলগুলি সামান্য হলদেটে। শরীরের তটে তটে অফুরন্ত যৌবনের লাবণ্য ও শ্রী নিয়ে মেয়েটি গর্বিত মস্তক তুলে বসে আছে রাজার পার্শ্ববর্তী আর একটা দামী আসনে।

ঘরে ঢুকেই ওরা অবাক হল। কিন্তু আসল অবাক হওয়ার পালা তখনো বাকী ছিল। বিস্তৃত অঙ্গন পার হয়ে ছোট মঞ্চের দিকে এগিয়ে গেল ওরা। রাজার মুখোমুখি হবার পরই রাজা ওদের দিকে তাকালেন। ভ্রূ কুঞ্চিত করলেন। তারপর একটু ভাঙা, ভাঙা, কিন্তু স্পষ্ট বাংলা ভাষায় বললেন :

: এসো ইমতিয়াজ! আমি আর আমার মেয়ে শীলাংকি অপেক্ষা করছি তোমাদের জন্যেই।


পাঁচ

পরম আনন্দে সে রাত বিশ্রাম করতে গেল ওরা। রাজপ্রাসাদে রাজকীয় অতিথির সম্মানে ভূষিত করেছেন রাজা ওদের। বিশাল একটি কক্ষ নির্বাচন করা হয়েছে ওদের থাকার জন্যে। চমৎকার বিছানা, সুস্বাদু খাবার আর শান্ত পরিবেশ পেয়ে অনেকদিন পর জাহেদ গলা ছেড়ে গান গেতে শুরু করল। মায়ান দ্বাররক্ষী মনে করল অতিথিরা কোন কারণে ডাকছে। তাই সে ছুটে এল ঘরের ভেতর। জিজ্ঞেস করল কিছু আদেশ আছে কিনা। অন্য কেউ কিছু বলার আগেই গান থামিয়ে জাহেদ বলল : বসো, বসো, বাংলা গান শুনাই।

প্রহরী বাংলা বুঝল না। সে মায়ান ভাষায় কিচির মিচির করে উঠল।

জাহেদ ধমকে উঠে বলে : দামড়াচ্ছিস কেন ব্যাটা! আরে মর যন্ত্রণা।

ইমতিয়াজ এই অবস্থার নিরসন করল। মায়ান ভাষায় প্রহরীকে বলল : তুমি যাও, আমাদের বন্ধুটির কিছু লাগবে না…

তৎক্ষণাৎ সায় দিল জাহেদ পরম বিনীত ভাবে। বলল : হ্যাঁ ভাইয়া, কিছু লাগবে না। তুমি যাও। আবার ডাকলে এসো, হ্যাঁ?

মায়ান প্রহরী দুর্বোধ্য চোখ-মুখ নিয়ে চলে গেল বাইরে।

জাহেদের গান চলতে লাগল আগের মতই। জিপ্‌পি আসাদ বলল : জাহেদ, গান থামাও। কথা আছে।

জাহেদ মহা আনন্দে বলল : কিসের কথা আবার। যখন কথার শেষ তখনই তো গানের শুরু।

জিপ্‌পি আসাদ তখন জানাল গান বন্ধ না করলে জাহেদকে পাঁজাকোলা করে বাইরে রেখে আসা হবে। জাহেদ জিপ্‌পিকে কিছুক্ষণ সিলেটি, চিটাগাং, ময়মনসিংহ আর নোয়াখালি ভাষায় গালাগালি করল। সেগুলিও গানের মতই শোনাল অনেকটা। তারপর সে চুপ করল। বলল : ব্যস, আমি মুখ বন্ধ করলাম।

ইমতিয়াজ আর রেহানা মীর্জা মাহমুদের দলিলটা আর একবার সর্তকভাবে পরীক্ষা করল। মায়ান রাজ্যের যে পঁচিশ বিঘা জমি কিনেছিলেন মীর্জা মাহমুদ, সে জমিটা টিলাঙ্কী পাহাড়ের পেছনে শিরিশিরি নদীর দুই পারে বিস্তৃত। রাজা মনিহাত্তো শুধু যে জমিটা হস্তান্তরের অঙ্গীকার করেছেন তাই নয়, তিনি নিজে এই জমির সীমা বেঁধে দেবেন বলে কথা দিয়েছেন।


রাজা হচ্ছেন মায়ান রাজ্যের ফুল-দেবতার পূজারী। তিনি শান্তির সপক্ষে। পনর বছর আগে তিনি ছিলেন এক দুর্দান্ত বলশালী, নিষ্ঠুর, অত্যাচারী রাজা। কিন্তু তার পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনের মূলে রয়েছে তিনজন বাঙালীর অবদান : মীর্জা মাহমুদ, ইকরামুল্লাহ এবং ইব্রাহিম। মীর্জা মাহমুদ এ রাজ্যে এসেছিলেন মায়ান জাতির লুপ্ত ধারার সন্ধান করতে। টিলাঙ্কী পাহাড়ের কাছে তিনি তাঁবু পেতেছিলেন এবং পরীক্ষা কার্য চালিয়ে যাচ্ছিলেন। হঠাৎ একদিন রাজার সৈন্যদের হাতে বন্দী হলেন তিনি এবং তাঁর সহচরেরা। রাজা তাদের মৃত্যুদণ্ডের আদেশ দিলেন। ঘাতক তলোয়ার উদ্যত করেছে বিদেশীদের হত্যা করবে বলে ঠিক এসময় হঠাৎ রাজা ভীষণ যন্ত্রণায় মরণ চীৎকার করে উঠলেন। স্তব্ধ হয়ে গেল ঘাতক থেকে শুরু করে রাজ-দরবারের মন্ত্রী, সেনাপতি, প্রহরী এবং সৈন্য সামস্তবৃন্দ। কি হল রাজার?

রাজা পেটে হাত দিয়ে যন্ত্রণায় চীৎকার করতে লাগলেন। ছটফট করতে লাগলেন। মেঝেয় শুয়ে হাত পা ছুঁড়তে লাগলেন। সবাই ভয়ে বিস্ময়ে বিদেশীদের দিকে তাকাতে লাগল। সবারই ধারণা হল বিদেশীরা অলৌকিক শক্তির অধিকারী। যাদু-মন্ত্র জানে। সবার দৃঢ় বিশ্বাস হল বিদেশীদের অভিশাপেই রাজার এই হাল হয়েছে।

কিছুক্ষণ সবাই এ ওর মুখের দিকে তাকিয়ে ইতস্ততঃ করল, তারপর ছুটে গিয়ে প্রণত হল মীর্জা মাহমুদ, ইকরামুল্লাহ আর ইব্রাহিমের পায়ের কাছে। বলল : বাঁচাও। দেবতার ছেলে তোমরা। আমাদের রাজাকে বাঁচাও। আমাদের বাঁচাও।

মীর্জা মাহমুদ ব্যাপারটা বুঝলেন। তিনি তাদের হাত পায়ের বাঁধন খুলে দিতে বললেন। মন্ত্রীর আদেশে তাঁর পায়ের বাঁধন খুলে দেওয়া হলে মীর্জা মাহমুদ আদেশ দিলেন রাজার তোষা খানায় রক্ষিত তাদের ব্যাগগুলি নিয়ে আসতে। প্রহরী ছুটল সেই আদেশ পালন করতে।

এদিকে নিদারুণ যন্ত্রণায় রাজা নীল হয়ে যেতে লাগলেন। দুহাতে পেট চেপে ধরে ছটফট করতে লাগলেন তিনি কাটা মুরগীর মত। কিছুক্ষণের ভেতর প্রহরী ফিরে এল বিদেশীদের ব্যাগ নিয়ে। মীর্জা মাহমুদ ও ইব্রাহিম এগিয়ে গেলেন রাজার কাছে। রাজাকে পরীক্ষা করে একটা ঔষধ খাওয়ালেন মীর্জা মাহমুদ পানির সাথে গুলে। যাদুর মত কাজ হল। রাজা অল্পক্ষণের মধ্যেই সোজা হয়ে বসলেন। তার পেটের যন্ত্রণা চলে গেল। রাজা ভয়ে-বিস্ময়ে ক্ষমা চাইল মীর্জা মাহমুদের কাছে তার অসদাচরণের জন্য। তারও ধারণা হল মীর্জা মাহমুদ যাদু শক্তির অধিকারী, মীর্জা মাহমুদ তক্ষুণি একথার প্রতিবাদ জানালেন না। এই ঘটনার পর অবস্থা ভিন্ন খাতে প্রবাহিত হতে শুরু করল। মীর্জা মাহমুদ, ইকরামুল্লাহ এবং ইব্রাহিমকে দেওয়া হল রাজপুরোহিতের বিশেষ সম্মান। সারা দেশ পুজো করতে শুরু করে দিল তিনজন বিদেশীকে। মীর্জা মাহমুদ এরপর প্রায় পাঁচ বছর কাটালেন সহচরদের নিয়ে মায়ান রাজ্যে। এই পাঁচ বছরে মীর্জা মাহমুদ রাজাকে সভ্য পৃথিবীর মন্ত্রে দীক্ষিত করলেন। পেটের অসহ্য যন্ত্রণা নিরাময় করার রহস্য ভেদ করলেন তিনি অসঙ্কোচে। রাজাকে জানালেন কোন তন্ত্র মন্ত্রই তাঁর জানা নেই, এটা হয়েছে চিকিৎসা বিজ্ঞানের জোরে। রাজাকে তিনি পৃথিবীর সভ্য জাতিগুলির বিকাশের ইতিহাস জানালেন। ইতিহাস, দর্শন, বিজ্ঞান, সাহিত্য সবকিছুই একটু একটু করে শিক্ষা দিলেন রাজাকে। রাজা মীর্জা মাহমুদের শিষ্য হয়ে গেলেন। তার স্বভাব চরিত্রের আমূল পরিবর্তন ঘটল। প্রজাদের উপর অকথ্য অত্যাচার বন্ধ করলেন তিনি এবং তার সৈন্য সামন্তরা। একমাত্র শত্রু ছাড়া কারো বিরুদ্ধে অস্ত্রধারণ করা যাবে না বলে আইন পাশ করলেন রাজা। শান্তির সপক্ষে চলে গেলেন এক কালের নিষ্ঠুর, অত্যাচারী রাজা। মায়ান রাজ্যের চেহারা বদলে গেল।

মীর্জা মাহমুদের কাছে থেকেই বাংলা ভাষা শিখেছিলেন রাজা এবং তার মহিষী উলুকাম্পা। উলুকাম্পাও ভক্তি করতেন মীর্জা মাহমুদকে। তিনি দু’বছর আগে মারা গেছেন। মায়ান জাতির বিধান অনুযায়ী আরও একটি বিবাহ করেছেন বটে রাজা। তবে উলুকাম্পাকে তিনি ভুলতে পারেন নি। একমাত্র কন্যা শীলাংকিকে নিয়ে তিনি জীবনের শেষ দিনগুলি কাটিয়ে যাচ্ছেন। বড় ইচ্ছা ছিল শীলাংকিকে নিয়ে একবার বাংলা দেশে যাবেন রাজা। কিন্তু দশ বছর আগে মীর্জা মাহমুদ সেই যে গেলেন আর ফিরে এলেন না। মীর্জা মাহমুদ ছাড়া কে তাকে পথ দেখিয়ে নিয়ে যাবে বাংলা দেশে?

মীর্জা মাহমুদের মৃত্যু সংবাদ শুনে রাজা শোকাভিভূত হয়েছেন। ইকরামুল্লাহর মৃত্যু সংবাদেও কাতর হয়েছেন। ইমতিয়াজকে জানালেন জমিটা তিনিই জোর করে গছিয়ে দিয়েছিলেন মীর্জা মাহমুদকে। যাতে কেউ কোনদিন কোন কারণে এই জমির মালিকানা নিয়ে গোলমাল না করতে পারে। সেজন্যে তিনি হিদালগো রাজ্যের প্রেসিডেন্টের অনুমতিও গ্রহণ করেছিলেন। দলিলে মায়ানদের পক্ষ থেকে সাক্ষর করেছিলেন তিনি নিজে, তার প্রধান মন্ত্রী, আর একজন সেনাপতি। এই জমির মাটির নীচে কিছু চকচকে পাথর আছে বলে তিনি জানেন। কিন্তু মায়ানদের জন্যে এই পাথরের কোন প্রয়োজন নেই। বরং মীর্জা মাহমুদের প্রয়োজনে লাগতে পারে ভেবে পাথরগুলি তিনি তাকে নিয়ে যেতে অনুরোধ করেছিলেন। মীর্জা মাহমুদ তখন এ প্রস্তাবে রাজী হননি। শেষ পর্যন্ত জমি নিতে রাজী হয়েছিলেন এই সর্তে, যদি কোনদিন তিনি যা তাঁর উত্তরাধিকারী ফিরে আসেন মায়ান রাজ্যে তাহলে রাজা এই জমির মাটির নীচে ঢুকবার পথটা তাকে চিনিয়ে দেবেন।

হ্যাঁ, ঐ জমিটার মাটির নীচে রয়েছে মস্ত সুড়ঙ্গ। পাথরের খনি। আর সুড়ঙ্গের পথটা কেবল জানা আছে পৃথিবীর দুটি মানুষের। রাজা আর রাজকন্যা শীলাংকির।

রাজা দরকার হলে পঁচিশ বিঘা জমির সীমা বেঁধে দেবেন ইমতিয়াজকে। দরকার হলে সুড়ঙ্গের পথটা দেখিয়ে দেবেন।

ইমতিয়াজ এবং রেহানা সর্তকভাবে মীর্জা মাহমুদের দলিলটা পরীক্ষা করল। এতদিনে দলিলটার শক্তির প্রমাণ পাওয়া যাচ্ছে। এই দলিলটার জন্মেই বারবার তাদের বিপদে পড়তে হয়েছে। এই দলিলটার জোরেই টিলাঙ্কা পাহাড়ের সুড়ঙ্গের নীচে কি রহস্য লুকিয়ে আছে তা ভেদ করা সম্ভব হয়ে উঠবে হয়তো।


ছয়

রাজা পরদিন ডেকে পাঠালেন ওদের। রাজদরবারে বসে আছেন তিনি চুপচাপ। ইনান্না অপহৃত হবার পর থেকেই ম্রিয়মান হয়ে পড়েছেন তিনি। সেনাপতি বাজপাখী বিদেশীদের বিরুদ্ধে সৈন্যবাহিনী পাঠাতে চাইছে। রাজা শান্তি-প্রিয় লোক। অতীতে বহুবার যুদ্ধ-বিগ্রহে যোগ দিয়েছেন। বলতে গেলে যুদ্ধই ছিল তাঁর ক্ষেত্রভূমি। হত্যাই ছিল আনন্দ।

কিন্তু অবস্থার পরিবর্তন হয়েছে। এখন তিনি শান্তিপ্রিয়। মায়ান রাজ্যে বিনা কারণে রক্ত-পাত ঘটুক তা তিনি চান না। তবে ইনান্না অপহৃত হবার পর রাজা একদিকে যেমন বিষণ্ণ হয়েছেন অন্যদিকে তেমনি ক্রুদ্ধও হয়েছেন। বাজপাখীর প্রস্তাব বিবেচনা করা যায় কিনা তিনি ভাবছেন।

দরবারে পৌঁছেই জিপি আসাদের সাথে চোখা-চোখি হল বাজপাখীর। সামান্য হকচকিয়ে গেল বটে বাজপাখী তবে সেটা সামলে নেয়া তার মতো ধূর্ত লোকের পক্ষে কঠিন হল না।

রাজা অভ্যর্থনা জানালেন ওদের। রেহানা লক্ষ্য করল শীলাংকি আজ অপরূপ সাজে সজ্জিত হয়ে এসেছে। অপলক চোখে সে তাকিয়ে আছে ইমতিয়াজের দিকে।

রাজা প্রথা মাফিক রাজ-দরবারের সদস্যদের সাথে ইমতিয়াজ, জাহেদ, জিপ্পি আসাদ এবং রেহানার পরিচয় করিয়ে দিলেন। বার বার বললেন : আমার গুরু, তাঁর ছেলে এইটি। আর এঁরা সবাই তার বন্ধু।

বাজপাখীর সাথে পরিচয় করাতে গিয়ে সপ্রশংস দৃষ্টিতে তাকালেন রাজা ইমতিয়াজের দিকে। বললেন : ইনান্নার পর এই হল এই রাজ্যের সেনাপতি। এর বাবা ছিল আমার পরম বন্ধু ও মন্ত্রী। রক্তে সামান্য বিষ আছে বাজ পাখীর, রক্তপাতে ওর বড় বেশী আনন্দ। কিন্তু তাছাড়া খুবই যোগ্য লোক সে।

ইমতিয়াজু চোখা চোখি তাকাল বাজপাখীর। বাজপাখী ভড়কাল না। বলল : আগে যা-ই থাকুক, এখন আমরা বন্ধু বিদেশী।

জাহেদ কি যেন চেঁচিয়ে বলতে গেল, ইমতিয়াজ নিষেধ করল ইঙ্গিতে। ষড়যন্ত্রের জাল পাতা আছে সারা মায়ান রাজ্য জুড়ে। হয়তো রাজাও তা জানেন। হয়তো জেনেশুনেই বাজপাখীকে প্রধান সেনাপতি পদে বরণ করেছেন রাজা। ইনান্না অপহৃত হবার পর এ রাজ্যে বাজপাখী এখন সবচে’ শক্তিশালী। সুতরাং তাকে ঘাঁটাতে গেলে হয়তো রাজারই চরম অকল্যাণ ডেকে আনা হবে। আলাপ পরিচয়ের পর রাজা তাঁর সভাসদদের কাছে ইনান্নার অপহরণের কথা আর একবার খুলে বললেন। জানালেন ইনান্নাকে যে করে হোক ফিরিয়ে আনতে হবে। যে কোন মূল্যেই লোক। ইনান্না এ রাজ্যের ভবিষ্যৎ উত্তরাধিকারী। তাকে উদ্ধার করার জন্য সর্বস্ব ত্যাগ করতেও রাজ্জা প্রস্তুত রয়েছেন।

রাজা তাকালেন ইমতিয়াজ, জাহেদ রেহানা ও জিপ্পি আসাদের দিকে। বললেন: বাঙ্গালী দেবতা মীর্জা মাহমুদ একবার আমাকে প্রাণ-সংকট হতে উদ্ধার করেছিলেন। আমার কেন যেন মনে হচ্ছে ফুল-দেবতা এবার আমার চরম বিপদে পাঠিয়েছেন তোমাদের। তোমরা আমাকে সাহায্য কর ইমতিয়াজ।

ইমতিয়াজ ভাবলেশহীন মুখে দাঁড়িয়ে রইল চুপচাপ কিছুক্ষণ। সারা কক্ষে পিন পতন নিস্তব্ধতা। শীলাংকি অধীর ভাবে তাকিয়ে আছে বাঙ্গালী যুবকের দিকে, রাজার আবেদনের উত্তরে কি বলে শোনার জন্যে।

ইমতিয়াজ একটা হাত তুলল তারপর। বলল : যে সৎ সে আমাদের বন্ধু। যে আমাদের শত্রু সে যত ভয়ঙ্করই হোক নিস্তার পাবে না আমাদের হাত থেকে।

গভীর রাতে ঘুম ভেঙে গেল জাহেদের। তার মনে হল কে যেন হেঁটে বেড়াচ্ছে পাশের ঘরে। নিত্য সময়ের সঙ্গী ছড়িটা সে হাতে নিয়ে বেরিয়ে এল নিঃশব্দ পায়ে বাইরের প্রশস্ত অঙ্গনে।

চাঁদ ছিল আকাশে। চারদিকে আবছা আলো। সেই আলোয় ভালো করে তাকিয়ে দেখল কেউ নেই। যতদূর চোখ যায় ততদূর বিশাল বনভূমির অন্ধকার ছায়া দেখা গেল।

হঠাৎ থমকে গেল জাহেদ বাঁ’পাশে দৃষ্টি ফিরিয়ে। চাঁদের আলোয় দেখল হাত বিশেক দূরে একটা ঝোপের কিঞ্চিৎ আড়ালে নিস্তব্ধভাবে দাঁড়িয়ে আছে একটি ছায়া-মূর্তি।

কি করা সঙ্গত সে ভাবছে, এ সময় নড়ে উঠল ছায়ামূর্তি। ভাঙা ভাঙা বাঙলায় বলল : মিঃ জাহেদ, এদিকে আসুন।

আরো অবাক হয় জাহেদ। ছায়া-মূর্তিটি আর কেউ নয়, স্বয়ং রাজকন্যা শীলাংকি। সে এগিয়ে গেল দ্রুতপায়ে। জাহেদ নিকটস্থ হবার পর শীলাংকি একটু হাসল। বলল : কি করছেন এত রাত্রে বাইরে।

আসল কথা গোপন রাখল জাহেদ। বলল: হাওয়া খাচ্ছি। বেশ চমৎকার চাঁদ উঠেছে তাই না? আপনিও নিশ্চয় আমার মত হাওয়া খেতে বেরিয়েছেন?

ক্লিষ্ট হাসি হাসল শীলাংকি : না, মিঃ জাহেদ। আমার সে কপাল ভেঙে গেছে। আমি বাইরে এসেছি…

বলেই চেপে গেল শীলাংকি। কি যেন একটা বলতে গিয়ে ইতস্তত করতে লাগল। জাহেদ বলল : ব্যক্তিগত ব্যাপার হলে আগ্রহ দমন করছি মিস শীলাংকি। কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে আপনি যা চেপে যাচ্ছেন তা খুবই সিরিয়াস ব্যাপার।

ক্ষুব্ধ কণ্ঠে শীলাংকি বলল : হ্যাঁ। এ প্রাসাদের প্রায় সবাই কথাটা জেনে গেছে। কথাটা আপনাকে জানালেও কিছু ক্ষতি নেই মিঃ জাহেদ। কথাটা হল আমি বাজপাখীর সঙ্গে দেখা করার জন্যে এখানে দাঁড়িয়ে আছি। কিন্তু সময় উত্তীর্ণ হয়ে গেছে। বাজপাখী আর আসবে না।

কিছুক্ষণ চুপ করে রইল জাহেদ। ইনান্নার সাথে রাজকুমারী শীলাংকির বাকদানের কথা এ রাজ্যের কে না জানে! তিন বছর আগে থেকেই ইনান্নার সাথে শীলাংকির বিয়ে ঠিকঠাক হয়ে আছে। কথা ছিল তিন বছর তিন মাস পূর্তির পর তিন সপ্তাহ তিন দিন আগে এ বিয়ে পাকা হবে। কিন্তু ভাগ্যেরই পরিহাস বলতে হবে। তিন বছর পূর্তির বাকী আছে মোটে তিন সপ্তাহ সাত দিন। ইতিমধ্যে কত পরিবর্তনই ঘটে গেছে মায়ান রাজ্যে।

বীর ইনান্না বন্দী হয়েছে ডন রুবিয়োর হাতে। রাজকুমারী শীলাংকির মনের ধারাও বইছে অন্য খাতে! যে বাজপাখী মায়ান রাজ্যের সব ষড়যন্ত্র, হত্যাকাণ্ড আর অশান্তির অন্যতম নায়ক, রাজকুমারী শীলাংকি সেই বাজপাখীর জন্যেই দুপুর রাতে দাড়িয়ে অপেক্ষা করেন।

শীলাংকি বলল : বাজপাখীর মনের ভাব আমি জানি। ওকে আমি কথা দিয়েছি ও যদি জীবিত ইনান্নাকে যে কোন প্রকারে একবার মাত্র আমার চোখের সম্মুখে আনতে পারে তাহলে…

: তাহলে?

: ও যা চায় তাই পাবে।

জাহেদ বলল : ধরুন ও যদি মীর্জা মাহমুদের জমিটার সত্ত্ব চায়?

: না, তা চাইবে না।

শীলাংকি বলল : বাজপাখীর মনের ভাব আমি জানি। ও চায় আমাকে বিয়ে করতে আর তারপর আমার পিতার অবর্তমানে এ রাজ্যের রাজা হতে।

শীলাংকি একটু হাসল। বলল : ইনান্নার প্রাণের বিনিময়ে ওটুকু করতে আমি রাজী আছি। আমি চাই তবু ইনান্না বাঁচুক। কিন্তু বাজপাখী তার কথা রাখেনি মিঃ জাহেদ। বোধ হয় আমার অথবা আমার বাবার কোন পরোয়াই সে করে না এখন। আর করার প্রয়োজনই বা কি? ইনান্নার অবর্তমানে বাজপাখী এখন এ রাজ্যের সর্বেসর্বা।

জাহেদ বলল : রাজার ক্ষতি করতে চায় একথা জানার পরও রাজা বাজপাখীকে ইনান্নার স্থলাভিসিক্ত করলেন কেন মিস শীলাংকি?

: অপারগতায়। আসলে সবই জানেন রাজা। কিন্তু জেনেই বা কি করবেন? বাজপাখীকে সেনাপতি করা হয়েছে ওর সমর্থন লাভের উদ্দেশ্যে। ভালোয় ভালোয় অহিংসার পথে যদি বাজপাখীকে হাতে আনা যায় এই উদ্দেশ্যে। কিন্তু রাজপাখী আমাদের ধারণার চাইতেও জটিল। তার মনে এখন কি তা স্বয়ং রাজাও জানেন না।

শীলাংকি মৃদুকণ্ঠে যা বলল তাতে যেন মায়ান রাজ্যের একটি জোৎস্না-প্লাবিত রাত বেদনা-বিধুর হয়ে উঠল। শীলাংকি জানাল পাঁচ হাজার বছরের মধ্যে মায়ান রাজ্যে যা ঘটেনি, এবার তাই ঘটতে যাচ্ছে। রাজার সামান্যতম ক্ষতি সাধনের চেষ্টাও যেক্ষেত্রে মায়ান-বাসীদের পক্ষে মহা অপরাধ, যেখানে রাজাকে অপসারণ এমনকি তাকে হত্যা করার চেষ্টাও চলছে এখন।

এসবই একদল বিদেশীর ষড়যন্ত্রের ফল। সবই কারো অদৃশ্য হাতের কারসাজি। কিন্তু জানা গেল না রাজাকে সরিয়ে দিয়ে বাজপাখীকে সিংহাসনে বসিয়ে অথবা ইনান্নাকে ‘গুম্’ করে তার মুক্তির বদলে টিলাঙ্কা পাহাড়ের সুড়ঙ্গের চাবী চাওয়ার দাবী জানিয়ে বিদেশীরা কি স্বার্থ উদ্ধার করতে চায়।

রাজা শীলাংকির কথা ভাবেন না। শীলাংকি যদি ইনান্নাকে বাঁচাবার জন্য নিজেকে বাজপাখীর হাতে তুলে দেয় তো সেটা শীলাংকির ব্যাপার। কিন্তু রাজা কিছুতেই টিলাঙ্কা পাহাড়ের চাবী বিদেশীদের হাতে তুলে দেবেন না। ইনান্নার প্রাণের বিনিময়েও নয়।

শীলাংকি ক্লিষ্ট হাসি হাসল। বলল : বাজপাখীকে বশে রাখার শেষ ভরসাটুকুও আজ রাতে নষ্ট হয়ে গেল মিঃ জাহেদ। বুঝতে পারছি বাজপাখী অন্য কারো দ্বারা চালিত হচ্ছে।

জাহেদ বলল : ভয় পাবেন না মিস শীলাংকি। আমরা চার বন্ধু আছি আপনাদের পাশে। আমরা সব চক্রান্ত আর ষড়যন্ত্র থেকে আপনাদের রক্ষা করব। আর আগামী তিনদিনের মধ্যে ইনান্নাকে আমরা ফিরিয়ে আনব।

শীলাংকির চোখ-মুখ উজ্জ্বল হয়ে উঠল। বলল : কোন কিছুতেই আর ভরসা করতে মন চায় না এটা ঠিক। তবু আপনার কথাই যেন সভ্য হয় মিঃ জাহেদ। মীর্জা মাহমুদ আর তাঁর দু’জন সঙ্গী পনর বছর আগে যেমন আমার পিতাকে বাঁচিয়েছিলেন, দেবতা করুন, সেভাবেই যেন আবার আপনাদের দ্বারা আমরা বেঁচে যাই।

শীলাংকির ইঙ্গিতে তিনজন বিশালকায় প্রহরী জঙ্গল ফুঁড়ে আবির্ভূত হল। জাহেদকে অজস্র ধন্যবাদ জানিয়ে প্রহরী সমাবৃতা হয়ে শীলাংকি প্রাসাদের দিকে চলে গেল।

জাহেদও ফিরে এল নিজেদের ঘরে কিছুক্ষণের মধ্যেই।

এসে দেখল জিপ্পি আসাদ ও রেহানা নিজেদের বিছানায় শুয়ে বিভোর ঘুমোচ্ছে।

কিন্তু ইমতিয়াজের বিছানা শূন্য। ইমতিয়াজ নেই।

জাহেদের ডাকে ওদের ঘুম ভাঙল। ঘুম ভেঙে উঠে ওরা সবিস্ময়ে ইমতিয়াজের শূন্য বিছানাটা দেখল। চট করে কোন কথা বলতে পারল না কেউই।

অনেকক্ষণ পর আসাদ শুধু বলল : আশ্চর্য, কোথায় গেল ইমতিয়াজ?

রেহানা যোগ দিল তার সাথে : আর আমাদের না জানিয়ে?


সাত

প্রথম দেখায় মনে হবে লোকটা বুঝি মরে আছে।

গভীর জঙ্গলের পথ ধরে এগোলে কয়েকটা বড় বড় চিচেম গাছ। গাছগুলি যেমন প্রকাণ্ড তেমনি পাতা-বহুল। শিরিশিরি নদীর দিক থেকে ছুটে আসা এক ঝলক বাতাস কাঁপিয়ে দিয়ে যায় চিচেম গাছের কড়কড়ে হলুদ পাতাগুলি। গুনগুন আওয়াজে বনভূমি ভরে যায়।

চিচেম গাছের বহু নীচে একটা প্রকাণ্ড খাদ। দু’পাশে উঁচু উপত্যকা। খাদটা এমনভাবে ঝোপে ঝাড়ে ঢাকা যে সহজে সেটা চোখে পড়ার কথা নয়।

খাদের বাঁ’দিকের উপত্যকার নীচে একটা গুপ্ত সুড়ঙ্গ। সুড়ঙ্গ ধরে এগোলে একটা ঘর।

লোকটা অন্ধকারে মিশে তালগোল পাকিয়ে শুয়ে আছে গুপ্ত-কক্ষের উপরের একটা ছিদ্রে চোখ লাগিয়ে মরার মত চুপচাপ।

দৃশ্যতঃ মনে হতে পারে লোকটা অচেতন। বেঁচে নেই।

গুপ্ত-কক্ষের ভেতর তিনজন লোক বসে আছে।

ডন-রুবিয়ো, বাজপাখী আর বিলাপ্পা। মদ্য পান করছে বাজপাখী ও বিলাপ্পা।

ডন-রুবিয়ো কি যেন বুঝাবার চেষ্টা করছে বাজপাখীকে। বাজপাখী মাথা নাড়ল। বিলাপ্পা একবার হাসল বিগলিত গলায়। বলল : আদেশটা আমাকে দিয়ে দেখুন না ছোটকর্তা, আজ রাতের মধ্যেই কাজ খতম করে দেই। কিন্তু একটা সর্ত। শীলাংকি বড় খাসা মেয়ে। রাজার কবল থেকে টিলাঙ্কা পাহাড়ের সুড়ঙ্গের চাবীটা উদ্ধার করে এনে দিতে পারলে এর পুরস্কার স্বরূপ শীলাংকিকে কিন্তু চাই আমার। কথাটা ভেবে দেখুন।

: চুপ কর কুত্তা।

বাজপাখী ধমকে উঠল বিলাপ্পাকে। শীলাংকি সম্পর্কে যদি আর একটাও খারাপ কথা বল্‌বি তো…

: তো?

বিলাপ্পা পরিহাসের গলায় জিজ্ঞেস করে : তো কি করবেন আপনি? মারবেন? হাঃ, হাঃ…

বিলাপ্পা খসখসে গলায় ঠেলে ঠেলে হাসল। হাসল নয়, যেন হাসির রিহার্সেল দিল। বলল : মেয়ে বটে ঐ শীলাংকি। যিনিই কিনা একবার দেখেছে, তিনিই মজেছে। আমার আগের মনিব ইনান্না? সে তো শীলাংকির পীরিতে অষ্ট পহর মজেই থাকত। আহারে বিহারে শয়নে স্বপনে খালি ঐ শীলাংকির নাম, শীলাংকির কীর্তন, শীলাংকির ধ্যান। তবে হ্যাঁ, ইনান্নাকে শীলাংকির পীরিতের সাগর হিসাবে মানায় ভালো। বেশ সুন্দর ছিমছাম যুবকপুরুষ তো ইনান্না…হাঃ, হাঃ, হাঃ…কিন্তু…’

এক চুমুক মদ খেল বিলাপ্পা। বলল : কিন্তু আপনাকে ইনান্নার জায়গায় একেবারেই মানাচ্ছে না বাজপাখী প্রভু। ওসব ধানাই-পানাই ছাড়ুন। চোখ গরম করে কথা বলবেন না। আমি কথা বলছি ঐ ডন সায়েবের সাথে। আমার হল সোজা কথা। আমি রাজার কাছ থেকে টিলাঙ্কা পাহাড়ের সুড়ঙ্গের চাবী এনে দেব ডন সায়েবকে। আমি আর ডন সায়েবের বন্দুক আছে, কামান আছে, লাল-মৃত্যু আছে, ভোজ-বাজি আছে—তিনি এসব দিয়ে রাজার প্রাসাদের হুকুম-বরদারদের ঠেকিয়ে রাখবেন, আমি রাজার মেয়ে শীলাংকিকে লুকিয়ে নিয়ে যাব কোথাও। বিয়ে? না, বিয়ে করব না। বিয়ে তো করেছি ক’গণ্ডা। শীলাংকির সাথে আমি পীরিত করব।

মুহূর্তেই বাজপাখী ঝাঁপিয়ে পড়ল বিলাপ্পার উপর। সবলে বিলাপ্পার টুঁটি চেপে ধরল। বলল : তবে রে শূয়োর। আমার হকের জিনিস ভোগ করতে চাস তুই! দ্যাখ..

বিলাপ্পা যেন তৈরী হয়েই ছিল। অদ্ভুত কৌশলে পা দুটো সঙ্কোচিত করে এনে বাজপাখীর তলপেটে বেদম লাথি বসাল প্রাণপণ শক্তিতে। ছিটকে পড়ল বাজপাখী খানিকটা পেছনে। আঘাত সামলে নিয়ে পরক্ষণেই উঠে দাড়াল সে। তার হাতে চকচক করে উঠল একখানা তীক্ষ্ণধার ছুরি।

ৰিলাপ্পার চোখ-মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে যায়। চারদিকে তাকিয়ে কি করবে ভেবে পায় না। কাতর স্বরে বলে : ভাই বাজপাখী, ঠাট্টা করছিলাম এটুকু বুঝতে পারছ না? আরে, সত্যি, তুমি আমাকে মারবে নাকি? ডন সাহেব… ডন সাহেব...

ঠিক এসময় বাজপাখীর পেছনে এসে দাঁড়াল বিশাল সাপের ফনার মুখোশধারী এক ব্যক্তি। গম্ভীর গলায় বলল : বাজপাখী। নিরস্ত হও। সর্প-দেবতার হুকুম...

চমকে ফিরে তাকায় বাজপাখী। মাথা নুইয়ে অভিবাদন জানায়। তারপর ঘৃণাভরে বিলাপ্পার দিকে তাকিয়ে বলে, : বেশ নিরস্ত হলাম। কিন্তু বিলাপ্পার বিচার চাই দেবতা। কীটানুকীটের ধৃষ্টতার শাস্তি চাই।

বলেই থ’হয়ে যায় বাজপাখী। কেন না তখন দৃশ্যপটের পরিবর্তন হয়েছে। সর্প-দেবতা কি যেন এক ইঙ্গিত করেছে ডন রুবিয়োকে। ডন রুবিয়োর হাতে চকচক করে ওঠে পিস্তল। বাজ-পাখীর দিকেই সেটা উদ্যত।

মুখোশধারী বলে বিচারই করছি। ছুরিটা ফেলে দাও বাজপাখী। এখুনি।

বাজপাখী বিস্ময়ে ক্রোধে হাঁ হয়ে যায়, তারপর হতাশ হয়ে হাতের অস্ত্র ত্যাগ করে।

মুখোশধারী বলে, : কতগুলি কথা পরিষ্কার করে বলা যাক। বিলাপ্পা, বাজপাখী আজ থেকে তোমার বন্দী। আর বাজপাখী, এ হল তোমার শাস্তি। বিশ্বাসঘাতকতার শাস্তি। সর্প-দেবতার উপর তোমার যে বিশ্বাস ছিল না তা আমি আর রুবিয়ো দুজুনেই জানি। তবু তোমাকে দলে নেওয়ার পেছনে উদ্দেশ্য ছিল রাজাকে শক্তি-হীন করা। সব কাজ কর্ম ঠিকই চলেছিল। মাঝখানে তুমি ফাঁকা রাস্তা পেয়ে শীলাংকির প্রেমিক হওয়ায় দুঃস্বপ্ন দেখতে শুরু করেছ। শীলাংকিকে তুমি ইতিমধ্যেই কথা দিয়েছ, তার ভালবাসা পেলে তুমি দুনিয়ার যে কোন শত্রুর বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত। চমৎকার প্রেমিক-হৃদয় তোমার সন্দেহ নেই। কিন্তু চালে তুমি সামান্য ভুল করে বসেছ বলতেই হচ্ছে। আমাকে অন্ততঃ আরও একটু চালাক বলে ধরা উচিত ছিল তোমার। আমার চর রয়েছে প্রাসাদের সর্বত্রই। জানা উচিত ছিল আমাকে ফাঁকি দেওয়া যায় না। বিলাপ্পা একে নিয়ে গিয়ে পিন্‌হাপ্‌পল্টের নীচের ঘরে বন্দী করে রাখো। চাও তো সামান্য খাতির-যত্নও দেখাতে পারো।

বিলাপ্পা হেঃ হেঃ করে কিছুক্ষণ একটানা হাসল। বলল : খাতির যত্ন তেমন কিছু না দেবতা, যদি অনুমতি দেন তো আমি বাজপাখী শালার সামনের পাটির তিনটে কাঁচা দাত টেনে তুলব। আর সামান্য লাথিটা, চড়টা… সে তো আছেই।

আব্দারের ভঙ্গিতে হাসল। বলল : তবে দেবতা, কথা যা দেব একদম খাঁটি। যদি আদেশ করেন তো আজ রাতেই প্রাসাদে চলে যাই। গিয়ে সুড়ঙ্গের চাবিটা নিয়ে আসি। 

মুখোশধারী বলল : আজ নয়। তোমার উপর আমাদের বিশ্বাস বাড়ছে বিলাপ্পা। তোমাকেই আমরা এই কাজের ভার দিচ্ছি। তুমি কাল সন্ধ্যাবেলা রাজ প্রাসাদে প্রবেশ করবে। তোমাকে সবরকমে প্রস্তুত করিয়ে তবে পাঠাতে চাই।

: যথা আজ্ঞা দেবতা।

মাথা নুইয়ে অভিবাদন জানায় বিলাপ্পা। তারপর এগিয়ে যায় বাজপাখীর দিকে। সারা চোখে-মুখে পরম আনন্দের হাসি।


কোথাও একটা পেঁচক ডাকল। খাদের ঝোপঝাড়ের উপর দিয়ে বইতে লাগল এলোমেলো বাতাস। একটা সুড়ঙ্গের নীচে এই বিচিত্র দৃশ্যপট অভিনীত হয়ে গেল, তা কেউ জানল না।

শুধু অন্ধকারে গা আড়াল করে খাদের সুড়ঙ্গের ছিদ্রে যে ছায়া-মুর্তিটি চোখ রেখেছিল সে ইতিমধ্যে সেখান থেকে উঠে পড়েছে।

হাঁটতে লাগল লোকটা ভোর রাতের পাণ্ডুর আকাশ সামনে রেখে। চিচেম গাছগুলির নীচে এসে দাড়িয়ে একবার পেছনের দিকে তাকাল। না, কেউ অনুসরণ করছে না।

সে দ্রুত পায়ে হাঁটতে লাগল।

লোকটা আর কেউ নয়, ইমতিয়াজ।


রাজা মনিহাত্তোর প্রাসাদের উঁচু জমি থেকে যেখানটায় শিরিশিরি নদী তিনশ ফুট নীচে নেমেছে সরাসরি, সেখানে ওরা থামল।

ইমতিয়াজদের দলে একজন লোক বেড়েছে, স্বয়ং রাজা। রাজা পথ দেখিয়ে নিয়ে চলেছেন ইমতিয়াজ এবং তার বন্ধুদের টিলাঙ্কা পাহাড়ের সুড়ঙ্গের দিকে।

এটাই মায়ান অভিযানের শেষ পর্ব। ইমতিয়াজ এর আগে তার প্লেনটাকে যথাস্থানে রেখে এসেছে।

অস্ত্র শস্ত্রেরও কোন অভাব নেই এখন তাদের। জাহেদের বগলে ছড়ি, ডান হাতে একটা বেঁটে এল. এম. জি। জিপ্পি আসাদের দু’কাঁধে দুটি প্রকাণ্ড গ্যাস চেম্বার। রেহানা হাতে নিয়েছে একটা ষ্টীলের পাতের তৈরী খন্তা।

ইমতিয়াজের বাঁ কাঁধে শোভা পাচ্ছে রাইফেল। ছাড়া জিপ্পি আসাদ, জাহেদ ও রেহানার নিজস্ব ব্যাগে হাতুড়ি, গান পাউডার, চকমকি পাথর, তার, টর্চ, কেমিকেল্‌স, ছোট্ট ক্যামেরা, আরো টুকিটাকি বহু জিনিসই রয়েছে।

শিরিশিরি নদী প্রাসাদের উঁচু জমি থেকে যেখানটার তিনশ’ ফুট নীচুতে নেমেছে, সেখানে রাজা থামলেন।

সম্ভবতঃ রাজকন্যা শীলাংকির কথাটাই একবার ভাবতে চেষ্টা করলেন।

শীলাংকিও আসতে চেয়েছিল তাদের সাথে।

রাজা রাজী হন নি।

শীলাংকি আর তিনি,—দুনিয়ায় এই দুজন লোকই মায়ান উপত্যকার রহস্যের কথা জানেন।

দুজনের কাছে রয়েছে সুড়ঙ্গ পথের দুটি চাবী। আজকের এই অভিযানে রাজা যদি মারা যান তাহলে শীলাংকি হবে এই রাজ্য এবং পাঁচ হাজার বছর ধরে সঞ্চিত মায়ান উপত্যকার এই রহস্যের উত্তরাধিকারী।

শীলাংকির জীবনের উপর কোন ঝুঁকি নিতে চান না। রাজা। তাকে তিনি প্রাসাদের সবচেয়ে সুরক্ষিত ঘরটিতে রেখে এসেছেন।

জাহেদ তাকে দিয়ে এসেছে একটা ছোট্ট পিস্তল। কি ভাবে পিস্তল ব্যবহার করতে হয় তা শিখিয়েছে জিপ্পি আসাদ। রেহানা তাকে কানে কানে ফুশ মন্তর দিয়ে এসেছে। বলেছে : আত্মহত্যা করবি না ক’লাম সই। যতক্ষণ পারিস বেঁচে থাকবি।

: যদি ইজ্জত রাখতে না পারি?

: রাখতেই হবে। মেয়েলোকের ইজ্জত কোন পুরুষের সাধ্য নেই নষ্ট করে। বাঁচতে হবে, কথাটা মনে রাখলেই বাঁচার একটা না একটা কোন পথ বেরিয়ে পড়বে।

শীলাংকি রেহানার কানে কানে বলেছিল : তুমি কার জন্য বেঁচে আছ, ইমতিয়াজের জন্য...?

: পোড়া কপাল,

খিল খিল করে হেসেছিল রেহানা। বলেছিল; এই সব ক’টাই আমার দিল-রওশন দোস্ত। পীরিতের নাগর হতে পারত তোর মানুষটা—ইনান্না! পারবি আত্ম-ত্যাগ করতে?

: উহুঁ!

: সাবাশ সই।

রেহানা আবার হাসি মুখে শীলাংকির গাল টিপে দিয়েছিল। বলেছিল : আমরা ইনান্নাকেও উদ্ধার করতে যাচ্ছি। ভয় নেই ... ইনান্না শুধু তোর! আমরা বর-পক্ষে কন্যা-পক্ষে ভাগাভাগি হয়ে যাব।

শীলাংকি মিটি মিটি হেসেছিল।

সেই হাসি মাখা মুখখানি স্মরণ করেই যেন রাজা একবার থমকে দাঁড়ালেন। চোখ দুটি সজল হয়ে উঠল। যদি আর না ফিরে যেতে পারেন প্রাসাদে? অথবা রাজ প্রাসাদেই যদি শীলাংকির কিছু হয়?

রাজা কিছুক্ষণের জন্যে যেন আত্ম-বিস্মৃত হয়ে যান। তারপর সজাগ হন তিনি। লক্ষ্য করেন জিপ্পি আসাদ ও জাহেদ কেমন যেন বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে রয়েছে তার দিকে। তিনি বিরক্ত হলেন নিজেরই উপর। প্রৌঢ় রক্তে শেষবারের মত খুঁজলেন যৌবনের সেই হিংস্র, সাহসী পুরুষটিকে।

না, না … সব দুর্বলতা ঝেড়ে ফেলতেই হবে। রাজা দৃঢ় পদক্ষেপে এগিয়ে যান। শিরিশিরি প্রপাতের পাশ ধরে নীচে নামতে থাকেন। ওরা তাঁকে অনুসরণ করে। সে এক মোহ-ময় দৃশ্য। জল-প্রপাতের চারদিকে সাদা ফুলের মত আলো ঝলমল করছে। আবার যেখানটায় জলপ্রপাতের উপর পড়েছে সকাল এগারোটার আলো সেখানে হাজার হাজার রঙিন রামধনু ফুটে উঠছে সারি সারি। বিন্দু বিন্দু জল-বিন্দু ওদের গায়ে এসে পড়তে লাগল। সাত-রঙা এক আলোর নদীর ভেতর দিয়ে হেঁটে খুব সাবধানে ওরা যখন নীচে নেমে এল তখন ওরা রীতিমত ভিজে চুপসে গেছে। কিন্তু সেজন্যে ওদের কোন ক্ষোভ তো নেই-ই বরং উপচে পড়ছে খুশী।

রাজা মনিহাত্তো হাসলেন। বললেন : মায়ান দেশের সূর্য দেবতা বড় ভয়ানক। কিছুক্ষণের মধ্যেই আমাদের কাপড়-চোপড় শুকিয়ে যাবে।


আট

শিরশিরি নদীর বাঁক ধরে ওরা এগোলো উত্তরে। রাজা মনিহাত্তো ইমতিয়াজ ও রেহানার কাছে পুরনো দিনের গল্প বলতে লাগলেন। বহু বছর আগে মীর্জা মাহমুদ এবং তার দুই সঙ্গীকে নিয়ে তিনি এই পথ ধরেই গিয়েছিলেন টিলাঙ্কা পাহাড়ে। পাহাড়ের কাছে পৌঁছতে না পৌঁছতেই এক বাঘের পাল্লায় পড়েছিলেন তাঁরা।

ইমতিয়াজ হাসল : আজও বাঘের পাল্লায়ই পড়বেন  রাজা। মানুষ বাঘ। 

: বলো কি?

: এটা অবশ্য আমার অনুমান, —কিন্তু অনুমানই বলি কেন, ঐ দেখুন পূব দিকে তাকিয়ে…

ওরা সবিস্ময়ে তাকাল। পূব দিগন্তে হাজার হাজার লাল পতাকা উড়ছে। সাপের মুখোশ পরা হাজার হাজার বিদ্রোহী মায়ান সেনা কলরব করছে টিলাঙ্কা পাহাড়ের একটা বিশাল ত্রিভূজাকৃতি জায়গায়।

রাজার চোখ মুখ ফ্যাকাশে হয়ে গেল। অস্ফুট স্বরে বললেন : কে এই লোকটা ইমতিয়াজ? সেক্রেটারী ডন রুবিয়ো?

: ডন রুবিয়ো নয়। আর কেউ।

: কে?

ইমতিয়াজ হাসল : যে-ই হোক, কিন্তু লোকটা সবই জানে তাই না?

রাজা বললেন : সব জানে। ঠিক যেখানটায় সুড়ঙ্গপথ দেখতে পাচ্ছি ঠিক সেখানটায় সৈন্য-সমাবেশ করা হয়েছে। এখন যুদ্ধ ছাড়া আর গত্যন্তর নেই। এবং সেস্থলে আমাদের প্রাসাদে ফিরে যাওয়া সঙ্গত। প্রাসাদ থেকে আমরা উপযুক্ত সৈন্য বাহিনী নিয়ে ফিরে আসব।

ইমতিয়াজ বলল : প্রাসাদে ফিরে গিয়ে কিছু অনুরক্ত সৈন্য আপনি পাবেন ঠিকই ফুল-রাজ। কিন্তু আপনার বেশীর ভাগ সৈন্যই বাজপাখীর মন্ত্রণায় সর্প-দেবতার ভক্ত হয়ে লাল নিশান হাতে ঐখানে দাঁড়িয়ে এখন আমাদের জন্য অপেক্ষা করছে।

: বিশ্বাসঘাতকের দল!

রাজা নিঃশ্বাস ত্যাগ করেন : এখন তাহলে উপায়?

জবাব দিল জাহেদ হাসতে হাসতে। বলল : উপায়ের জন্য চিন্তা করবেন না। আমরা সব রকমে প্রস্তুত হয়েই এসেছি। জিপ্পু…

সেনাপতির হুকুম তামিল করার ভঙ্গিতে আসাদ বলে : ইঃয়েস স্যার,…

: ব্যাগ খুলে বেলুন বার করে কাজ শুরু করে দে, আর মাঝে মাঝে দু’একটা খারাপ কথা বলে ফেলব সেটা শিরোধার্য বলে গ্রহণ করবি। বেয়াদবি করবি না। আণ্ডারষ্ট্যাণ্ড?

: আণ্ডারষ্ট্যাণ্ড।—জিপ্পু কাজ করতে করতে মাথা নাড়ে। ইমতিয়াজ রাজার হাতে একটা গ্যাস পাইপার তুলে দেয়। আনুপূর্বিক ওদের আক্রমণের প্ল্যানটা বুঝিয়ে দেয়। প্রৌঢ় রাজার শরীরে যেন যুবকের সাহস ও উদ্দীপনা ফিরে আসে। রাজা বুঝতে পারেন ওরা যে প্ল্যান নিয়ে আক্রমণ করতে যাচ্ছে ভার সামাল দেওয়া শত্রুদের পক্ষে দুরূহ ব্যাপার না হয়ে যায় না।

ঘণ্টা দুয়েকের মধ্যেই ওদের কাজ শুরু হয়ে গেল। জিপ্পি আসাদ ও রেহানা দশটা বৃহদাকৃতি বেলুন উড়িয়ে দিল পূব দিকে। বেলুন গুলি আধ মাইল যাওয়ার পর ক্রমিক অনুযায়ী একশ গজ পর পর এক একটা ফেটে গেল। টিলাঙ্কা পাহাড়ের যে ত্রিভূজাকৃতি জায়গাটায় বিদ্রোহী সৈন্যরা লাল নিশান হাতে প্রতিপক্ষের জন্য অপেক্ষা করছিল সেই জায়গাটা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে উঠল কিছুক্ষণের মধ্যেই। সেই সাথে আর্তনাদ, চীৎকার ও পালাও পালাও রব।

জিপ্পি আসাদের আবিষ্কৃত একরকমের ‘গ্যাস' ভরে দেওয়া হয়েছিল বেলুনগুলিতে। ‘গ্যাসে’র প্রতিক্রিয়া ভয়াবহ। বিশ মিনিটের মধ্যে শরীরের নরম স্থলগুলি যেমন চোখ, কান, ঠোঁট, নাক গ্যাসের ধোঁয়ায় সম্পূর্ণ দগ্ধ হয়ে যেতে পারে। গ্যাসের ক্রিয়া অবশ্য ক্ষণ-স্থায়ী। আধ ঘণ্টার মধ্যেই বাতাসের মিশ্র উপাদানে গ্যাসের ক্রিয়া নষ্ট হয়ে যায়।

পথ ওদের অনেকটা নিষ্কণ্টক। তবু ওরা একটা ব্যুহ তৈরী করে এগোলো। রাজা মনিহাত্তো ও জাহেদ রইল বেষ্টনীর মাঝখানে রিজার্ভ হয়ে। ইমতিয়াজ নিল সবচে’ বিপজ্জনক সীমা রেখা কভারের ভার। সে উত্তর প্রান্ত ও পশ্চাৎ দিক কভার করল। জিপ্পি আসাদ সম্মুখ ভাগ। রেহানা দক্ষিণ প্রান্ত।

ত্রিভূজাকৃতি জায়গাটার একশত গজ দূরে গিয়ে দাঁড়ালো ওরা পনর মিনিটের মধ্যেই।

জিপ্পি আসাদ ও জাহেদ আরও দশটা বেলুন উড়িয়ে দিল আকাশের উত্তর-পূর্ব দিকে। সৈন্যরা কোথায় পালিয়েছে বলা কঠিন। তবে ওরা যেখানেই থাকুক বেলুনগুলি উড্ডীয়মান দেখে, প্রতিপক্ষের অস্তিত্বের কথা জানবে। এখনকার বেলুনগুলিতেও গ্যাস ভর্তি। কিন্তু এই গ্যাস ‘বিপজ্জনক’ নয় :

ঈশান নৈঋত কোণে টিলাঙ্কা পাহাড়ের একটা চূড়া খুঁজে বার করলেন রাজা। মুহূর্তেই তাঁর চেহারা বদলে গেল। লম্বাটে দুটি চোখের মণির ভেতর ছড়িয়ে পড়ল রক্তের ছিটে। দুটি চিবুক কঠিন দেখালো। মোটা ঠোঁট জোড়ায় ফুটে উঠলো তীব্র জিজ্ঞাসা।

এগিয়ে গিয়ে পাহাড়ের চূড়োর একটা বিশেষ কোণ ধরে বেশ ক’বার ওঠা-নামা করলেন। তারপর খোঁজাখুঁজির পর পাওয়া গেল মাছির চোখের মত মেজেন্টা রঙের বোতামটা। বোতামটা টিপতেই মাটির গায়ে একটা লম্বা রেখা জেগে উঠল। ক্রমে খানিকটা অংশের মাটি দ্বিধা-বিভক্ত হয়ে বিশাল গহ্বরের সৃষ্টি হল। একপাশে পরপর ছোটবড় পাথর সাজিয়ে তৈরী একটা সিঁড়ি দেখা গেল।

সিঁড়ি ধরে নেমে এল ওরা গহ্বরে।

রাজা ভেতর থেকে আর একটা বোতাম টিপে দিলেন। বন্ধ হয়ে গেল গহ্বরের মুখ।

ভেতরে প্রাণান্তকর অন্ধকার। হাজার হাজার বছরের চাপ খাওয়া বাতাস বিষের মত হয়ে আছে। শ্বাস টানা কঠিন ব্যাপার হয়ে দাড়ালো। রাজা অভয় দিলেন। বললেন : সুড়ঙ্গের পথটা অতিক্রম করতে পারলেই আর ভয় নেই।

প্রকাণ্ড দুটি টর্চ জ্বলে উঠল ইমতিয়াজ ও জিপ্পি আসাদের হাতে। টর্চের আলোয় সামান্যই অন্ধকার কাটল। তবু এই আলোর চিহ্ন ধরে রাজা মনিহাত্তোর পেছনে পেছনে এগিয়ে চললো ওরা।

কিছুদূর যাওয়ার পর পাওয়া গেল সুড়ঙ্গের দ্বিতীয় মুখ। উত্তরাধিকার সূত্রে পাওয়া চাবিটি ব্যবহার করলেন রাজা। খুলে গেল সুড়ঙ্গের মুখ আর উদ্‌ঘাটিত হল সম্পূর্ণ নতুন এক রহস্য-রাজ্য।

দ্বিতীয় সুড়ঙ্গের দরজাটাও রাজা বন্ধ করে দিলেন ভেতর থেকে। কঠোর ও ঋজু দেখাচ্ছে তাঁর সারা শরীর। চারদিকে বিশাল চত্বর ফাঁকে ফাঁকে সুবর্ণ মন্দির। চমৎকার বাতাস রয়েছে সর্বত্র।

: প্রহরীরা কোথায়?

রাজা বিড়বিড় করলেন : যারা এই মন্দিরে পাহারা দিয়ে থাকে কোথায় সেই লোকগুলি?

জাহেদ বলল : প্রহরীও আছে এই মন্দিরে?

অপ্রকৃতিস্থের ন্যায় রাজা বললেন : পাঁচ হাজার বছর ধরে এরা আছে। এরা অমর। এদের কাজ হল গুপ্তমন্দিরের ধন-সম্পদ পাহারা দেওয়া।

রাজা প্রহরীদের ডাকতে লাগলেন। সেই মন্দিরে তাঁর কণ্ঠস্বর বিশাল ধ্বনি প্রতিধ্বনি ছড়িয়ে বেড়াতে লাগল। ভয়াবহ হয়ে উঠল সময়।

ওরা এগোতে লাগল সামনে। অন্ধকার যদিও ফিকে এখানে তবুও টর্চের আলোয় ছোট ছোট সুবর্ণ মন্দিরের চত্বর, চূড়ো ইত্যাদি ছাড়া আর কিছুই প্রায় ওদের চোখে পড়ল না।

রাজা এগোতে লাগলেন আর তাঁর পিতা-পিতামহের কায়েম করা হাজার বছরের প্রহরীদের উদ্দেশ্যে হাঁক ডাক ছাড়তে লাগলেন।

ইমতিয়াজ বুঝলো একদিকে বর্তমানের দুঃসহ দীন অবস্থা, সেনাপতি বাজপাখীর বিশ্বাসঘাতকতা ইত্যাদি, অন্যদিকে পূর্ব পুরুষদের গৌরবময় অতীতের স্মৃতি—এই দুই বিরোধী ভাবনার ফলে রাজা বেসামাল হয়ে পড়েছেন। কি করছেন তা হয়তো নিজেই জানেন না।

ক্রমে দু’টি সুড়ঙ্গ-মুখ পার হয়ে সপ্তম মুখে এসে পড়ল ওরা। সপ্তম দরজা পার হয়ে ভেতরে পা দিতেই বিস্ময়ে চেঁচিয়ে উঠল সকলেই।

আলোয় আলোয় ভরা সে এক অপরূপ পুরী। অলিন্দে অলিন্দে শোভা পাচ্ছে বড় বড় ঝালর। অঙ্গনগুলি লাল রঙের ইয়াকুত মণি দিয়ে গড়া।

প্রাসাদটি তৈরী হয়েছে প্রবাল পাথর দিয়ে। চূড়াগুলি স্বর্ণ মণ্ডিত। দেয়ালের স্থানে স্থানে বসানো হরেক রকমের হীরা মুক্তা পান্না থেকে লাল নীল সবুজ আলো বিকীরিত হচ্ছে।

মন্দিরের মূল প্রকোষ্ঠে ঢুকল ওরা। পরপর এগারোটি কক্ষে বোঝাই করা আছে ছোটবড় অসংখ্য স্বর্ণ-পিণ্ড।

রেহানা বলে : সব স্বর্ণ।

: স-ব।

জাহেদ তথ্য জোগান দেয় : তোমার কানের দুল-জোড়া খুলে ফেল হেনা। কি সোনা ওটা, নিকেল? ছিঃ ছিঃ…নিকেল। খুলে ফেল, খুলে ফেল।

: ইশ।

রেহানা চোখ রাঙায় : অতো নাক সিঁটকাচ্ছো কেন? কখনো একদানা অলঙ্কার দিয়ে দেখেছ কোনো মেয়েকে?

: এবার দেব। সের হিসাবে অলঙ্কারের সোনা দেব। যেমন ধর, গলার হার বাবদ পাঁচসের সোনা, হাতের বালা বাবদ চারসের সোনা…মোটকথা কোন একটা অলঙ্কার দেওয়া-থোয়ার ব্যাপার হলেই সোজা সেরে চলে যাব। খোদার ফজলে সোনার তো কিছু অভাব দেখছি না... ইমতিয়াজ, তুমি তো ভাই সাধু সন্ন্যাসী গোছের মানুষ। ঢাকায় পৌঁছে আমাকে সামান্য পরিমাণ সোনা দিয়ো তো—এই ধরো মন পঞ্চাশেক, হ্যাঁ?

রাজা ও ইমতিয়াজ মীর্জা মাহমুদের ম্যাপটা খুলে গুপ্তমন্দিরের বিকল্প একটা পথের সন্ধান করতে লাগল।



নয়

বিকল্প পথটার শেষ-প্রান্ত অবধি সন্ধান নিয়ে এল ইমতিয়াজ। সঙ্গে গেলেন রাজা।

রাজা জানালেন এই গুপ্ত-মন্দিরের প্রতিটি ধূলি-কণা পর্যন্ত বিক্রীত হয়েছে মীর্জা মাহমুদের কাছে। সুতরাং এই মন্দিরে যা কিছু আছে, সবই ইমতিয়াজের।

এগারোটি কক্ষ বোঝাই স্বর্ণ।

তেতাল্লিশটি ছোট ছোট স্বর্ণ-মন্দির।

মন্দিরের প্রাঙ্গণে, মেঝেয়, ঝালরে দেয়ালে বসানো ইয়াকুত, চুনী হীরা, পান্না, মুক্তা।

ইমতিয়াজ তার ঐশ্বর্যের পরিমাপ করতে পারল না। রাজা বললেন : আমি লোকজন দিয়ে এসব ধন-রত্ন আমার রাজ্যের সীমানা পর্যন্ত রেখে আসার ব্যবস্থা করে দিতে পারব। মায়ানদের এসব পাথরে তেমন আকর্ষণ নেই। মায়ান সীমানা থেকে এসব ধনরত্ন দেশে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে তোমাদের।

ইমডিয়াজ সম্মতি জানায়। ঠিক হয় বিকল্প পথ দিয়ে সে বাইরে যাবে। প্রথমে যাবে রাজপ্রাসাদে। শীলাংকির সাহায্যে লোকজন সংগ্রহ করে সে ফিরে আসবে গুহার মুখে।

প্ল্যান মাফিক ইমতিয়াজ চলে যায় বিকল্প পথ দিয়ে। গুহামুখ পর্যন্ত সঙ্গে যান রাজা। চাবিটা ইমতিয়াজের হাতেই সমর্পণ করেন তিনি। বলেন : তোমার উপর আমাদের সবারই ভরসা। শীঘ্রই সব ব্যবস্থা করে ফেলো।

ইমতিয়াজ চলে যাবার পর মন্দিরের সবচে’ আলোময় ঘরটিতে ওরা আশ্রয় নেয়। শ্বেত-শুভ্র ঘরের দেয়াল। রাজা জানালেন একটিমাত্র বিশাল, সাদা ইয়াকুত পাথর কেটে ঘরের দেয়াল তৈরী হয়েছে।

মূল্যবান পাথর বসাবার দুটি উদ্দেশ্য রয়েছে। এক পাতাল-পুরীর প্রাসাদের অন্ধকার দূর করা। দুই, ঘরের সৌন্দর্য বর্ধন করা। মন্দিরগুলি হাজার হাজার বছর ধরে তৈরী হয়েছে দেবতার বিশ্রাম-নিবাস হিসাবে।

রাজা জানালেন পাঁচ হাজার বছরের মধ্যে একমাত্র তিনিই দেবতাদের জন্য কোন বিশ্রাম-নিবাস স্থাপন করেন নি। যে কারণেই হৌক, এদিকে তাঁর প্রবৃত্তি নেই।

জাহেদ প্রস্তাব দেয়: চল রেহানা, মন্দিরে কয়েকটা চক্কর লাগিয়ে আসি।

রেহানা খুশী হয়ে বলে : যাবে? চল।

জিপ্পি আসাদ বলল : দাঁড়াও হে। জুতার ফিতেটা বেঁধে আমিও আসছি।

মহা ধমক লাগিয়ে দিল জাহেদ : তুমি কোথায় যাবে ছোকরা? ভাই-ভাবীর আমোদ আহ্লাদের মধ্যে তোমার আবার নাক-গলানো কেন?

জিপ্পি বলে : শোনো রেহানা, শোনো...জাহেদ তোমাকে ‘ইস্তিরিই’ বানিয়ে বসেছে...

রেহানা ঠোঁট উল্টে বলে : বলুক গে। ওর কথার সাথে আর না বাবা।

জাহেদ ও রেহানা মন্দিরের প্রাঙ্গণ ঘুরে ঘুরে দেখতে লাগল। চারদিকে স্বপ্নের মত আলো। পাতাল-পুরীর সুদৃশ্য বিশ্রাম-নিবাসে সময় যেন অনন্তকালের জন্য স্তব্ধ হয়ে আছে।

অঙ্গনের একটা স্তম্ভের উপর বিচিত্ররঙের একটা পাথর দেখার জন্য দাঁড়াল জাহেদ। ডিম্বাকৃতি পাথরটা থেকে সবুজ-সাদা মেশানো আলো বেরোচ্ছে। পাথরের ভেতরে একটা রহস্যময় নীল চোখ।

: এই পাথরটা আমি নেবো, বুঝলে রেহানা,—বলে ঘাড় ফেরালো জাহেদ। কিন্তু কোথায় রেহানা। সে মন্দিরের এদিক ওদিক দেখলো। চারপাশ খুঁজলো। কোথাও রেহানা নেই। কেমন যেন একটা বিপদের ঘ্রাণ পেল সে।

চত্বরের বাঁ’ধারে এগোতেই লোকটাকে চোখে পড়ল। তার দিকে তাকিয়ে স্থির অচঞ্চল, হাসছে। হাতে একটা ছুরি। ঘোলাটে চোখ থেকে সবুজ আভা বেরোচ্ছে। বেটে লোমশ শরীর। দেখলেই বোঝা যায় প্রচণ্ড শক্তিশালী।

লোকটা নিঃশব্দে হাসতে হাসতে সতর্ক পদক্ষেপে ছুরি হাতে এগিয়ে আসছে। তারপর হঠাৎ লাফিয়ে পড়ল জাহেদের উপর। জাহেদ আগে থেকেই প্রস্তুত হয়ে আছে। সে হাতের ছড়িটা কাজে লাগাল। ছড়িটা গিয়ে লাগল লোকটার ছুরি-ধরা হাতের কব্জির উপর। ছড়ির বাড়ি খেয়ে ছুরিটা পড়ে যায় লোকটার হাত থেকে।

থমকে দাঁড়ায় লোকটা।

এবারে এগিয়ে যায় জাহেদ। হাতের ছড়ি দিয়ে দ্বিতীয়বার সে তীব্রভাবে মারল লোকটার ঊরু-সন্ধির উপর। লোকটা কাতর আর্তনাদ করে পিছিয়ে যায়। এদিক ওদিক তাকায় বার কয়েক। তারপর উর্ধশ্বাসে ছুটে পালিয়ে অদৃশ্য হয়ে যায়।

নিজেদের বিপদ বুঝতে দেরী হল না জাহেদের। সে দ্রুত ছুটে এল সেই যেখানে জিপ্পি আসাদ এবং রাজা বিশ্রাম নিচ্ছিলেন।

নিজের চোখকে বিশ্বাস করা শক্ত হয়ে উঠল। জাহেদ দেখল পায়ের উপর পা তুলে কক্ষের ছোট মঞ্চটির উপর বসে আছে ডন রুবিয়ো গ্যারো। তার কাছাকাছি বসে আছে বিলাপ্পা আর অপরিচিত দু’জন হিংস্র-দর্শন মায়ান।

রাজা বা জিপ্পি আসাদ কেউ-ই ঘরে নেই। রেহানাও যেন হাওয়ায় অদৃশ্য হয়ে গেছে।

জাহেদের করার প্রায় কিছুই ছিল না। কিছুক্ষণ ধ্বস্তাধস্তির পর সে ধরা পড়ল। তাকে নিয়ে যাওয়া হল পাতাল-পুরীর একটা ঘরে।

সেই ঘরে আর সবাই ছিল। রাজা, আসাদ, রেহানা, এবং আশ্চর্য, শীলাংকি।

শীলাংকি কি করে এই পাতাল-পুরীতে এলো? কে নিয়ে এলো তাকে?

শীলাংকির কাছ থেকে জানা গেল ব্যাপারটা। ডন রুবিয়ো গ্যারোর ফাঁদে পা দিয়েছে শীলাংকি। ডন রুবিয়োর অনুচর গিয়ে শীলাংকিকে জানিয়েছে রাজা এবং ইনান্না দুজনেই টিলাঙ্কা পাহাড়ের পাতাল পুরীর চার নম্বর সুড়ঙ্গপথে আটকা পড়েছে। রাজার কাছে যে চাবি ছিল দুর্ভাগ্যক্রমে সেটা হারিয়ে ফেলেছেন তিনি। অতি কষ্টে সুড়ঙ্গের ভেতর একটা লম্বা নল ঢুকিয়ে কয়েকটা সাঙ্কেতিক কথা তিনি বাইরে পাঠাতে পেয়েছেন আর সেটা জনৈক মায়ানের হাতে পড়ায় সে শীলাংকির কাছে ছুটে এসেছে।

শীলাংকি আর স্থির থাকতে পারেনি। সে ছুটে এসেছে মায়ান লোকটির সাথে। এই পাতাল-পুরীর দ্বিতীয় চাবিটা তারই কাছে আছে। সুতরাং রাজা, ইনান্না এবং চারজন বিদেশীকে রক্ষা করার ক্ষমতা এখন একমাত্র তারই আছে।

শীলাংকি ছুটে গিয়েছিল।

গিয়ে দেখেছিল সুড়ঙ্গ পথের একপাশে তার জন্য দাড়িয়ে অপেক্ষা করছে এক বিচিত্রদর্শন মুখোশধারী। সঙ্গে আরো কয়েকজন সৈন্য।

এভাবেই সে ধরা পড়ল। তার চাবীটা এখন হস্তগত হয়েছে বিচিত্রদর্শন মুখোশধারীর।

জাহেদ হাসল একটু। পাশার দান আবার উল্টে গেছে। এটা বোধহয় শেষ খেলা। সে এদের ভেতর গিয়ে জমাবার চেষ্টা করল। আসাদকে বলল : জিপ্পু বিসমিল্লাহ কিছু করেছিলি না আপসে আপ ধরা দিয়েছিস?

: দুটোকে জানে খতম করে, ছ’সাতটাকে প্রায় খতম করে তারপর ধরা পড়েছি।

আসাদ সগর্বে জানায়। বলে : আর তুমি...

জাহেদ বলে : আমি যাকে মেরেছি সে একাই একশো। দারুণ গাঁট্টাগোঁটা, বেটে, ক্ষতিকর-ক্ষতিকর চেহারার লোক ছিল। তা শালাকে ছড়ি দিয়ে উরু-সন্ধি আর হাতের কব্জির উপর এমনই বাড়ি দিয়েছি যে শালা কানতে কানতে বাঁচে না। শালা বর চতুর। দুটো বাড়ি খেয়েই বুঝে গেল ওকে ধরে আমি চোরের মার মারব। তাই ল্যাংড়াতে ল্যাংড়াতে কেটে পড়ল। কোথায় আছে খোদা জানে।

রেহানা বলল : আছে দরজার আশে-পাশেই। আমাদের বাগে পেয়েছে, এখন শোধ নিতে কতক্ষণ।

রাজা বললেন : ইমতিয়াজ আমাদের বাঁচাবে না?

আসাদ বলল : কিন্তু পাতাল পুরীতে ঢোকার পর তো তারও একই অবস্থা হবে।

রাজা বললেন : দেখা যাক।

শীলাংকি হাসল। ভাঙা ভাঙা বাংলায় রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করল : বিপদে মোর রক্ষা করো এ নহে মোর প্রার্থনা, বিপদে না যেন করি ভয়।

জাহেদ হেঁকে উঠল : ব্র্যাভো! ব্র্যাভো। কিসের ভয়। কিসের বিপদ। যিনি রক্ষা করার তিনি অবশ্যই রক্ষা করবেন আমাদের।

: হ্যাঁ, হ্যাঁ ... তা তো নিশ্চয়ই…

বলতে বলতে ঘরে ঢুকল বিচিত্র মুখোশধারী এক লোক, তার পেছনে পেছনে ডন রুবিয়ো গ্যারো, বিলাপ্পা, ইলোসা এবং ছ’সাতজন সৈন্যের মাঝখানে ইনান্না।

: ইনান্না

শীলাংকি এবং রাজা দুজনেই কাতর আর্তনাদ করে উঠলো। ইনান্না শুধু স্তব্ধ নেত্রে সকলকে দেখল। তারপর মুখ একপাশে ফিরিয়ে দাড়িয়ে রইল।

মুখোশধারী লোকটি আগের কথার জের টেলে ইংরেজীতে বলল : যার যা হওয়া দরকার তা অবশ্যই ঘটবে। ভদ্র মহিলাদ্বয় এবং ভদ্র-মহোদয়গণ—আপাততঃ এটা বধ্যভূমি। আমার হাতে কিছুমাত্র সময় নেই যে রসিয়ে রসিয়ে হত্যাকাণ্ড উপভোগ করব। আমার হুকুম বিলাপ্পা একজনের পর একজনকে এই ঘরেই হত্যা করবে। আগেই বলেছি আমাদের হাতে সময় কম।

বিলাপ্পা মায়ান ভাষায় শুধু বলল : রাজকন্যা শীলাংকির ব্যাপারে…

মায়ান ভাষাতেই মুখোশধারী বলল : রাজ কুমারীকে তুমি কিছুদিন উপভোগ করতে চাও? বেশ, রাজকুমারীর উপর থেকে দণ্ডাজ্ঞা তুলে নেওয়া হল। আমিও পাতালপুরীর চাবিটার জন্যে রাজকুমারীর কাছে বিশেষ কৃতজ্ঞ। সুতরাং তোমার ইচ্ছা পূরণ করতেও কিছু বাধা নেই।

জাহেদ ইংরেজীতে বলল: তোমার দণ্ড হল, দশটা পাগলা কুকুর ছেড়ে দেওয়া হবে তোমার উপর। শয়তান! তুমি পার পেয়ে যাবে বলে ভেবো না…

মুখোশধারী হাসল : ইংরেজীতে বলল কিন্তু তোমরা এ যাবত পার পেয়ে আসছ। সেই ঢাকা থেকে আমার লোকজন তোমাদের চার বন্ধুর পিছু নিয়েছে। কতবারই তোমাদের হত্যা করার চেষ্টা করলাম। পারলাম কোথায়? এক একটা অলৌকিক উপায়ে বেঁচে গিয়েছ। আজ আর কোন ভরসা নেই। মৃত্যুর জন্য প্রস্তুত হও।

ঠিক এই সময় ভয়াল মূর্তিতে আত্ম প্রকাশ করল ইমতিয়াজ। তিনজন দ্বার-রক্ষীকে উপরে তুলে দূরে নিক্ষেপ করল। ছ’সাতজন মায়ান সৈন্য ছুটে গেল তার দিকে। ইমতিয়াজের দুই কাধে জুলানো দুইটি গ্যাস পাইপার, ফলে দু’হাতই মুক্ত। অগ্রগামী মায়ান সৈন্যটির ডান হাতটা মুচড়ে ফেঙে তার তলোয়ারটা হস্তগত করল সে। তারপর সেই তলোয়ারে ধরাশায়ী হল একে একে সব ক’টা মায়ান সৈন্য।

কাতর আর্তনাদে ভরে গেল পাতালপুরী।

ডন রুবিয়োর হাতের পিস্তল গর্জন করে উঠল। কিন্তু ততক্ষণে ইমতিয়াজ একটা স্তম্ভের আড়ালে আত্ম-গোপন করেছে।

মুখোশধারীর হাতেও পিস্তল। সেই পিস্তল সে তাক করল রাজার দিকে। মুহূর্তেই এক ঝলক তীব্র গ্যাস ছুটে গেল মুখোশধারীর দিকে। পরের বার রুবিয়োর দিকে। দুজনেই লুটিয়ে পড়ল মাটিতে।

বেগতিক দেখে বিলাপ্পা ও ইলোসা পালাবার চেষ্টা করল। ঝাঁপিয়ে পড়ল জিপ্পি আর জাহেদ ওদের উপর। ওরা ধরা পড়ল। বিলাপ্পা কাঁদতে কাঁদতে বলল : আমার কি দোষ প্রভু? আমাকে ছেড়ে দিন। হায় রে! আমাকে কেন শাস্তি দিচ্ছেন। আমাকে ছেড়ে দিন প্রভু।

: বাঃ আমাদের কিছু আদর যত্ন গ্রহণ করবে না? যেমন ধরো ইনান্না তোমার জিভটা টেনে বার করে আনবে, জিপ্পি তোমার চোখ দুটি উপড়ে ফেলবে আর আমি তোমার সব ক’টা দাঁত উপড়ে আনব। বুঝেছ?

জাহেদ বিলাপ্পার চুলের মুঠি ধরে টানতে টানতে বলে।

ইমতিয়াজ ঘরে ঢোকে। রাজা তাকে ধন্যবাদ জানাল। ইমতিয়াজ স্মিত হাসে। এগিয়ে যায় মেঝেয় অচেতন হয়ে পড়ে থাকা ডন রুবিয়ো গ্যারো আর মুখোশধারীর দিকে। 

ইমতিয়াজ পকেট থেকে কয়েক গোছা কাটা চুল বার করে। রাজাকে বলে : মহারাজ, এই নাটকের সবচে রহস্যময় লোকটির মুখোশ উন্মোচনের ভার আপনিই নিন।

রাজা এগিয়ে যেতে যেতে বললেন : কে এই লোকটি?

: আপনি আমাদের বলুন, কে এই মুখোশধারী।

রাজা মুখোশধারীর মুখোশ উন্মোচন করলেন। চেঁচিয়ে উঠলেন লোকটির মুখ দেখে।

ইকরামুল্লাহ্। মীর্জা মাহমুদের বন্ধু ইকরামুল্লাহ্‌। ইমতিয়াজ ধীরে ধীরে অচেতন ইকরামুল্লাহকে দাঁড় করালো সকলের সামনে। কয়েক গোছা কাটা চুল দেখাল সবাইকে। সবাই দেখল ইকরামুল্লাহ্ র মাথার কয়েক গোছা চুল কাটা।

ইমতিয়াজ বলল : সেদিন সন্ধ্যাবেলা ইকরামুল্লা মারা গিয়েছেন বলে জানান হয়েছিল আমাদের। ঢাকা মেডিকেল কলেজে ওর পোষ্ট মর্টেমও হয়েছিল। যে লোকটা মারা গিয়েছিল সে ইকরামুল্লাহ নয়, ইব্রাহিম,— মীর্জা মাহমুদের তৃতীয় সঙ্গী। ইব্রাহিম ঘটনা-চক্রে বয়সে, স্বাস্থ্যে, লম্বায় ছিল ইকরামুল্লাহরই মত। সুতরাং ইব্রাহিমের মুখে গুলি করে তার সারা মুখ এমনভাবে থেঁতলে দেওয়া হল যাতে মুখটা ইব্রাহিমের কি ইকরামুল্লাহর তা বোঝা না যায়। মিসেস ইকরামুল্লাহ স্বামীর পরামর্শে পুলিশের কাছে ইব্রাহিমের লাশটাকে ইকরামুল্লাহর বলে সনাক্ত করার সব রহস্যই সকলের কাছে গোপন রাখা সম্ভবপর হয়েছিল।

ইমতিয়াজ হাসল। বলল : কিন্তু শেষ পর্যন্ত নিজের পাপ গোপন রাখতে পারলেন না ইকরামুল্লাহ চাচা। ধরা পড়লেন। পাপের পরাজয় অবশ্যম্ভাবী, তাতে আর কোন সন্দেহ নেই।

কিছুক্ষণের মধ্যেই দৃশ্যটি পরিবর্তিত হল। বন্দী করা হল ইকরামুল্লাহ, ডন রুবিয়ো, বিলাপ্পা, ইলোসা এবং অপর-অপর মায়ান সৈন্যদের। ওদের একটা রুদ্ধদ্বার কক্ষে বন্দী করে রাখা হল। তাদের পাহারায় স্বেচ্ছায় রইলেন স্বয়ং রাজা। ওরা মেতে উঠল বিকল্প পথটা দিয়ে বস্তা বস্তা ধনরত্ন সুড়ঙ্গের মুখে নিয়ে যাওয়ার কাজে।

শীলাংকিকে ঠাট্টা করতে ছাড়ল না রেহানা। বলল : রাজকন্যা… তোমাদের বিয়ে দেখে কিন্তু তারপর আমরা দেশে যাব।

জাহেদ বলল : হ্যাঁ, তারপর আমরা দেশে গিয়ে নিজেরাও বিয়েথা করব।

রেহানা ক্ষেপে উঠল। একটা বড় স্বর্ণ পিণ্ড ছুঁড়ে মারল জাহেদের দিকে। জাহেদ জোড় হাতে বলল : বেশ কথাটা বদলে বলছি। রাজকন্যা, আমরা ধন-রত্ন নিয়ে দেশে যাব। দেশে গিয়ে কি করব জানি না। খোদার কসম, কি করব, জানি না।